অধ্যায় ৩৭
ঘুটঘুটে অন্ধকার। ইউনাইটেড স্টেট্সের মেরিন ইউনিফর্ম পরা লোকটি ভিক্টোরিয়া পিক-এর সেই হেডকোয়ার্টারের পেছনের পাঁচিল টপকে নামলো। ছায়ার মধ্যে দিয়ে দৌড়ে বাড়িটার এক কোণায় গিয়ে পৌঁছালো সে। বাড়িটার বেশ কয়েকটা জানালা ভেঙে গেছে। দুটো ভাঙা জানালার সামনে একজন মেরিন গার্ড দাঁড়িয়ে আছে, তার রাইফেলটা মাটিতে রাখা, বেল্টে একটা পয়েন্ট ৪৫ অটোমেটিক। রাইফেল থাকা সত্ত্বেও একটা পয়েন্ট ৪৫ রাখার মানে পরিস্থিতি স্বাভাবিক নয়। সে হাসলো কারণ এ পরিস্থিতিতেও গার্ড তার রাইফেলটা হাতে ধরে রাখার প্রয়োজন মনে করে নি। এই অনুপ্রবেশকারী একটা মোক্ষম সুযোগের অপেক্ষা করতে লাগলো; গার্ডটা লম্বা একটা হাই তুলে চোখ বন্ধ করার সাথে সাথে সুযোগটা এসে গেলো তার। ছুটে গিয়ে তার হাতের ধারালো তার দিয়ে গার্ডটির গলা পেঁচিয়ে ধরলো সে। মাত্র দু’সেকেন্ডে মধ্যে কাজটা শেষ হলো। কোনো শব্দ হলো না। খুনি মৃতদেহেটিকে সরানোরও প্রয়োজন মনে করলো না, কারণ জায়গাটি এমনিতেই যথেষ্ট অন্ধকার। পেছনের দিকের বেশ কয়েকটা ফ্লাডলাইট বিস্ফোরণে নষ্ট হয়ে গেছে। সে হেটে দালানটির পাশের কোণায় গিয়ে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে তাতে আগুন ধরালো। সিগারেটটা হাত দিয়ে মুখে চেপে ধরে অত্যন্ত স্বাভাবিকভাবে ফ্লাডলাইটের আলোয় হেটে গেলো সে। বাড়িটার দরজার সামনে আরেকজন গার্ড দাঁড়িয়ে আছে। অনুপ্রবেশকারী বাম হাতে সিগারেটটা তার মুখের সামনে এমনভাবে ধরলো যাতে তার চেহারা কিছুটা আড়াল হয়ে যায়। গার্ডের আরো কাছে এগোতে লাগলো সে।
“বিড়ি ফুঁকতে বের হয়েছো?” প্রশ্ন করলো গার্ডটি।
“হ্যাঁ, ঘুম আসছিলো না,” আমেরিকান উচ্চারণ ভঙ্গিতে বললো লোকটি।
“ওই বালের বিছানাগুলোতে মোটেও ঘুম আসবে না, তার চেয়ে এখানে বসো, তাহলেই হবে…এই, দাঁড়াও! তুমি কে?”
মেরিন গার্ডটি তার রাইফেল উঠানোর সময় পেলো না। অনুপ্রবেশকারী তার চাকু ছুড়ে দিলো। তার নিখুঁত নিশানায় গার্ডের গলা ফুঁটো করে ঢুকে গেলো চাকুটা। খুনি দ্রুত দেহটা টেনে বাড়ির এক কোণায় অন্ধকারের মধ্যে রেখে দরজা দিয়ে বাড়িটার ভেতরে ঢুকে পড়লো।
লম্বা, আবছা আলোকিত করিডোর দিয়ে হেটে তৃতীয় মেরিন গার্ডের সামনে এসে দাঁড়ালো সে। একটা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে গার্ডটি। তাকে দেখেই ঘড়িতে সময় দেখে নিলো গার্ডটি।
“তুমি আগেই এসে পড়েছো দেখছি,” বললো গার্ডটি। “তোমার তো আরো প্রায় দেড় ঘণ্টা ডিউটিতে থাকার কথা।”
“আমি এই ইউনিটের সদস্য না, বন্ধু!”
“ও, তুমি সেই ওয়াহু গ্রুপের সদস্য?”
“হ্যাঁ।”
“আমি শুনেছিলাম তোমাদেরকে হাওয়াইতে পাঠানো হয়েছে।”
“কয়েজনকে এখানেই থাকতে বলা হয়েছে। আমরা এখন কনসুলেটের কাজ দেখছি। ওই লোকটা, কী যেনো নাম তার, ম্যাকঅ্যালিস্টার। সে-ই আমাদের সব নির্দেশনা দিচ্ছে।”
“এখানে সব আজব আজব জিনিস ঘটছে!”
“হ্যাঁ, আসলেই আজব। আচ্ছা, ওই বানচোতটার অফিস কোন্টা বলতে পারো? ও আমাকে ওর পাইপের স্পেশাল তামাক নিয়ে যেতে বলেছে।”
“তামাকের সঙ্গে কিছুটা ঘাস মিলিয়ে দিও, জব্বর হবে। *
“অফিসটা কোন্টা?”
“তাকে প্রথমবার একজন ডাক্তারের সাথে ডান দিকের প্রথম দরজা দিয়ে ঢুকতে দেখেছি। আর শেষবার যাওয়ার আগে এ ঘরটায় ঢুকেছিলো,” গার্ড ইশারায় তার পেছনের দরজাটিকে নির্দেশ করলো।
“এটা কার রুম?”
“লোকটার নাম জানি না, কিন্তু সে-ই সবার মাথা। ওরা ওকে অ্যাম্বাসেডর বলে ডাকে।”
খুনির ভুরু কুচকে এলো। “অ্যাম্বাসেডর?”
“হ্যাঁ। রুমটার অনেক ক্ষতি হয়েছে। অর্ধেক রুমই বোধহয় উড়ে গেছে। কিন্তু দেয়ালের সাথে একটা সিন্দুক আঁটকানো আছে, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। হয়তো ভেতরে মিলিয়ন মিলিয়ন ডলার থাকবে।”
“বা অন্যকিছু,” যোগ করলো খুনিটি। “ডান দিকের প্রথম দরজা, তাই তো?” সে ঘুরে পকেটে হাত ঢুকালো।
“দাঁড়াও,” বললো মেরিনটি। “গেট থেকে কেউ তোমার আসার খবর পাঠালো না কেন?” সে তার বেল্ট থেকে ওয়্যারলেসটা বের ক’রে নিলো। “দাঁড়াও বন্ধু, আমাকে একটু চেক্ ক’রে নিতে হবে। এটাই নিয়ম—”
খুনি আবার তার চাকুটা ছুড়ে মেরেই সাথে সাথে গার্ডের গলাটা চেপে ধরলো যাতে কোনো চিৎকার না বের হয়। চাকুটা এবার গার্ডের বুকে আঁটকে গেছে। প্রায় তিরিশ সেকেন্ড পরে লোকটা হাভিলান্ডের অফিসের দরজা খুলে লাশটা টেনে ভেতরে ঢুকিয়ে রাখলো।
.
গাঢ় অন্ধকারে বর্ডার পার হলো তারা। জীর্ণ পোশাকের পরিবর্তে এবার তারা কালো বিজনেস সুট আর ম্যাচিং করা টাই পরেছে। ম্যাকাও’র সেই চাইনীজ বাহক, যে তার নাম ওঙ্গ বলেছিলো, সে ম্যাকঅ্যালিস্টার আর বর্নকে নিয়ে ৮টা ৫৫তে বর্ডারের শেষ গেটটা পার হলো। এবার তারা বর্ডার পার হচ্ছে ওঙ্গের দেয়া জাল পাসপোর্টের বদৌলতে। তাদের পাসপোর্টগুলো পরীক্ষার জন্য ভেতরে একটা অফিসে চলে গেলে কিছুক্ষণ পর ঝুয়াই শি-গুয়াঙ্গডঙ্গ কন্ট্রোল রুম থেকে একজন চীনা মহিলা পার্সপার্টগুলো নিয়ে বের হয়ে এলো। মহিলার কাঁধ চওড়া, খাটো আর শক্তসমর্থ গড়ন। তার ইংরেজি ভাষা অস্পষ্ট হলেও বোঝা যায়।
“আপনারা গভর্নমেন্ট বিজনেসের উদ্দেশ্যে ঝুয়াই শি’তে এসেছেন?” হাল্কা হেসে জানতে চাইলো সে।
“আপনারা মনে হয় গুয়াঙ্গডঙ্গ গ্যারিসনে যাবেন? আমি আপনাদের যাওয়ার ব্যবস্থা ক’রে দিতে পারি, করবো?”
“বু জি জি,” ভদ্রতায় সাথে মাথা নাড়িয়ে বললো আন্ডারসেক্রেটারি। “এটা সামান্য একটা কনফারেন্স, মাত্র কয়েক ঘণ্টার ব্যাপার, আমরা রাতেই ম্যাকাও’তে ফিরে যাবো। তাছাড়া আমাদের খুঁজতে এখানে লোক আসবে। তাই আমরা ভাবছি কফি খাবো আর অপেক্ষা করবো।”
“আমার অফিসেই বসুন না!”
“না, ধন্যবাদ। কারণ ওরা মনে হয় আমাদের ক্যাফেই ডিয়ান-এ খুঁজবে।”
“তাহলে, বাম দিকে গিয়ে ডানে যান, স্যার। রাস্তার সামনেই সেটা দেখতে পাবেন। পিপল্স রিপাবলিকে আপনাদের স্বাগতম।”
“ধন্যবাদ, ম্যাডাম,” কুর্নিশ ক’রে বললো ম্যাকঅ্যালিস্টার।
“ভালোই চালিয়েছেন,” বললো বর্ন। “কিন্তু আমি নিশ্চিত সে শেঙ্গের হয়ে কাজ করছে।”
“অবশ্যই,” বললো আন্ডারসেক্রেটারি। “মহিলাকে নিশ্চয়ই নির্দেশ দেয়া আছে আমাদের দেখামাত্র কাউকে ফোন করতে, আর জানাতে যে, আমরা এসে গেছি তারপর সেই লোকটা নিশ্চয় শেঙ্গকে আমাদের বর্ডার পার করার কথা জানাবে। এভাবে শেঙ্গ নিশ্চিত হবে সত্যি সত্যিই আমি এসেছি, সাথে লম্বা একজন গুপ্তঘাতকও আছে, আর কেউ না।”
“আর এজন্যই আমরা অফিসিয়ালি বর্ডার পার হলাম, যাতে শেঙ্গের নজরে পড়া যায়, সন্দেহের উর্ধ্বে থাকা যায়।”
তারা দু’জন কফি শপটার দিকে এগোতে লাগলো। “শেঙ্গ এতোক্ষণে রওনা দিয়ে দিয়েছে। তার লোকেরা আমাদেরকে ফলো করবে। আপনিও সেটা জানেন, তাই না?”
“আমার মনে হয় না শেঙ্গ ওরকম কোনো বোকামি করবে,” বললো ম্যাক অ্যালিস্টার। “তাকে আমি এমন সব কথা বলেছি যে, সে খুবই সতর্ক থাকবে। তাকে আমি বলেছি ফাইলটার মোট দুটো কপি আছে। শুধু একটা ফাইল হলে সে সেটা আমার কাছ থেকে নিয়ে আজই আমাকে মেরে ফেলতো। কিন্তু আরেকটা কপি ওয়াশিংটনে আছে বলায় সে আমার কোনো ক্ষতি করবে না। সে চাইবে আমি ওয়াশিংটনে গিয়ে সেই ফাইলটা নষ্ট করি। তাই সে এমন কিছু করবে না যাতে আমি ভয় পাই বা পালিয়ে যাই।”
বর্ন আবার ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। “আপনি ফন্দিটা খুব ভালোভাবেই ভেবেছেন দেখছি!” বললো সে।
“প্রায় চার সপ্তাহ ধরে। প্রথমে অবশ্য আপনি আমার পরিকল্পনার ভেতরে ছিলেন না। আমি ধরে নিয়েছিলাম আপনি মারা যাবেন, কাজটা আমাকে একাই করতে হবে। কিন্তু আসল সমস্যাটা ছিলো কিভাবে শেঙ্গের সাথে যোগাযোগ করা যায় তা নিয়ে। কারণ আমি যদি সরাসরি যোগাযোগ ক’রে তাকে মারার চেষ্টা করতাম, ধরা খেতাম, তাহলে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট এর সাথে জড়িয়ে পড়তো। ব্যাপারটাকে অনেকটা অফিসিয়াল মার্ডারের মতো দেখা হতো। কিন্তু আপনি গুপ্তঘাতক সেজে, গোপন কোড বের ক’রে তার সাথে যোগাযোগ করায় কাজটা এখন অনেক সোজা হয়ে গেছে।”
তারা কফিশপের ভেতরে ঢুকলো। “আপনার বন্ধু ওঙ্গ বলছিলো এখানে কয়েক মিনিট কাটিয়ে তারপর রাস্তায় বের হতে। সে ঠিক পঁচিশ মিনিট পরে আমাদের সাথে দেখা করবে, ইতিমধ্যে বারো মিনিট পার হয়ে গেছে,” বললো ম্যাক অ্যালিস্টার।
“বারো? দশ না, পনেরো না, একদম বারো?”
“একদম বারো!”
“তা সে দু’মিনিট দেরি করলে আপনি কি করবেন? তাকে গুলি করবেন?”
“খুব মজা লাগছে মনে হয়,” বললো ম্যাকঅ্যালিস্টার একটা চেয়ারে ব’সে।
.
তারা দু’জন কফিশপ থেকে বের হয়ে একটি অন্ধকার রাস্তার ফুটপাতে এসে দাঁড়ালো। রাস্তায় মাত্র একটা ল্যাম্পপোস্টই কাজ করছে, তাও আলো কম হওয়ায় কিছুই পরিষ্কার দেখা হচ্ছে না। ২৫ মিনিটের জায়গায় ৩০ মিনিট হয়ে গেলো। তারপর ৩৮ মিনিটও পার হলো কিন্তু ওঙ্গের দেখা নেই।
বর্নই প্রথম মুখ খুললো। “নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। ওর এতোক্ষণে যোগাযোগ করা উচিত ছিলো!”
“আর দু’মিনিটের মধ্যে সে না এলে তাকে সত্যি সত্যিই গুলি করবো আমি,” বললো ম্যাকঅ্যালিস্টার।
“এমনও তো হতে পারে, সে আমাদের কাছে আসতে পারছে না, বরং চাইছে আমরাই তার কাছে যাই!”
“বুঝলাম না, কি বললেন?”
“কিছু বোঝার দরকার নেই। খালি আমার পাশে পাশে হাটতে থাকুন, আর এমন ভাব দেখান যে, আমরা হাওয়া খাচ্ছি, ব্যস্!”
তারা প্রায় পঞ্চাশ ফিটের মতো দূরত্ব পার করার পর ঘটনাটা ঘটলো। “কাম পেক!” ফিফিস্ ক’রে ম্যাকাও’র সেই ক্যাসিনোটার নাম বললো কেউ। শব্দটা পাশের ফাঁকা অন্ধকার খবরের কাগজের একটা দোকান থেকে এলো।
“ওঙ্গ?”
“আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, আর এমন একটা ভাব করুন যেনো নিজেরা কথা বলছেন, কিন্তু আমার কথা ভালো ক’রে শুনুন!”
“কি হয়েছে?”
“আপনাদেরকে ফলো করা হচ্ছে!”
“আমাদের অতুলনীয় আমলা সাহেবের বুদ্ধির জন্য তালি দাও!” বললো জেসন। “কোনো মন্তব্য করবেন কি, মি: আন্ডারসেক্রেটারি?”
“ব্যাপারটা অপ্রত্যাশিত কিন্তু অসম্ভব নয়,” বললো ম্যাকঅ্যালিস্টার। “এমনও তো হতে পারে, আমাদের নকল পাসপোর্টের জন্য বর্ডারের কন্ট্রোল রুমের সন্দেহ হয়েছে, তারাই আমাদের ওপর নজর রাখছে।”
“সেই দজ্জাল মহিলা আপনাকে মিষ্টি হাসি দিয়ে ছেড়ে দিলো আর আপনি বলছেন পাসপোর্টের সমস্যা!”
“তাহলে হয়তো শেঙ্গ নিশ্চিত করতে চাইছে আমাদের সাথে আর কেউ আছে কিনা। বিশেষ ক’রে ভাড়াটে খুনি জাতীয় কেউ!”
“সেটা হতে পারে,” বললো বর্ন। “আমাদেরকে কে ফলো করছে?”
“ওই শূয়োরটা!”
“সু?”
“ঠিক ধরেছেন, স্যার। তাই আপনাদের থেকে আমার দূরে থাকাই ভালো।”
“তার সাথে আর কেউ আছে?”
“আর কাউকে তো আমি দেখি নি, তাছাড়া বাকি পথ অন্য কেউ ফলো করতে আসবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই।”
“আমি ওকে দেখছি,” বললো ডেল্টা।
“না, আরেকটা উপায় আছে,” অন্ধকার থেকে বললো ওঙ্গ। “কাজটা সম্মানের আর আমিই সেটা করতে চাই। এর জন্য কোনো বাড়তি চার্জ নেবো না।”
“উপায়টা কি?”
“আমি শূয়োরটাকে মারবো। এমনভাবে মারা হবে যে, কোনো ঝুঁকিই থাকবে না।”
“কি?” বর্ন চমকে ওঙ্গের দিকে তাকাতে যাচ্ছিলো।
“প্লিজ স্যার! এদিকে না, সামনে তাকিয়ে থাকুন।”
“কিন্তু কেন?”
“লোকটা অনেক সংসার ধ্বংস করেছে। মহিলাদেরকে হুমকি দেয় তাকে খুশি না করলে তাদের স্বামী বা ভাইদের চাকরি খেয়ে ফেলবে, অত্যাচার করবে। সে আমারও এক আত্মীয়ের পরিবারও ধ্বংস করেছে।”
“তাহলে তাকে আগে মারা হয় নি কেন?”
“তার সাথে সবসময় অস্ত্রবাহী বডিগার্ড থাকে। এর আগেও অনেকে বেশ ক’বার তাকে মারার চেষ্টা করেছিলো কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা।”
“হায় জিশু!” বর্ন বিড়বিড় ক’রে উঠলো। “আমি তোমাকে আর প্রশ্ন করবো না। তাকে মারার উপযুক্ত কারণ তোমার আছে। কিন্তু আজ রাতটাকেই বেছে নিলে কেন?”
“তার সাথে কোনো গার্ড নেই। সম্ভবত পহাড়ে যাবার পথে তারা তার জন্য অপেক্ষা করছে। আপনারা যেতে থাকুন, আমি আসছি।”
“আসছো?”
“ওই শূয়োরটাকে মেরে আমি আপনাদের সাথে যোগ দিচ্ছি। আমি আপনাদের সাথে লম্বা ঘাসগুলোর পরে প্রথম যে পাহাড়টা শুরু হয়েছে তার নীচে দেখা করবো। আপনার কি জায়গাটা মনে আছে?”
“ওই জায়গাটা সহজে ভুলতে পারবো না, আরেকটু হলে ওটাই আমার সমাধি ক্ষেত্র হয়ে যেতো,” বললো বর্ন। “তোমার শিকার ভালো হোক, ওঙ্গ।”
“আশা করি তাই হবে, স্যার। তাই তো হওয়া উচিত।”
আমেরিকান দু’জন হাটতে হাটতে রাস্তার আবছা অলো থেকে সরে গিয়ে পুরো অন্ধকারে হারিয়ে গেলো।
সিভিলিয়ান পোশাক পরা একজন মোটা লোক দূর থেকে অন্ধকারে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। সে একবার ঘড়িতে সময় দেখে নিজে নিজেই হাসলো। তারপর কর্নেল সু জিয়াঙ্গ একটা অন্ধকার গোপন টানেলের ভেতর ঢুকে অপর প্রান্তের ইমিগ্রেশন কমপ্লেক্সে বের হয়ে এলো। সেখানে আগে থেকেই ঝুয়াই শি গুয়াঙ্গডঙ্গ কন্ট্রোলের সেই জাঁদরেল মহিলাটি তার জন্য অপেক্ষা করছে।
“তারা নিশ্চই খুব গুরুত্বপূর্ণ লোক, তাই না কর্নেল,” বললো মহিলাটি।
“হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো অবশ্যই,” বললো সু। “কিন্তু ব্যাপারটা অত্যন্ত গোপনীয় তাই এ বিষয়ে আর প্রশ্ন নয়। এখান থেকে ব্যাপারটা আমরা সামলে নেবো।”
.
তারা দু’জন অপ্রাসঙ্গিক কথা বলতে বলতে গাছগুলোর মধ্যে দিয়ে হেটে চলেছে। কিছুক্ষণ ধরেই ম্যাকঅ্যালিস্টারকে হাসানোর চেষ্টা করছে বর্ন।
ম্যাকঅ্যালিস্টার বর্নের দিকে তাকালো। “আপনি ইচ্ছে করেই এমনটা করছেন, তাই না? আপনি আমার মনোযোগ ওই ব্যাপারটা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, যাতে আমি বেশি ঘাবড়ে না যাই
বর্ন কোনো জবাব দিলো না। তার পরিবর্তে শুধু একটা মন্তব্য করলো, “আর একশো ফিট পর থেকে আপনি একা একা হাটতে শুরু করবেন
“কি! আপনি আমাকে একা ফেলে যাবেন?”
“দশ বা পনেরো মিনিটের জন্য।” বর্ন তার বৃফকেসটা খুলে একটা লম্বা চাকু বের করলো। “আপনি হাটতে শুরু করুন, আর এই বৃফকেসটা সঙ্গে নিয়ে যান।”
“আপনি এভাবে আমাকে একা ফেলে যেতে পারেন না।”
“আপনার কিছু হবে না, ওরা আপনার ক্ষতি করতে পারবে না। ক্ষতি করার ইচ্ছা থাকলে এতোক্ষণে ক’রে ফেলতো।”
“তাহলে?”
“আমাকে দেখতে হবে পেছনে কে কে আছে। হাটতে থাকুন।”
ডেল্টা ছুটে বাম দিকের জঙ্গলের মধ্যে ঢুকে গেলো। তাকে বেশিক্ষণ খুজঁতে হলো না। কিছু দূর যেয়েই সে সিগারেটের আগুনের আভা দেখতে পেলো। জংলি বিড়ালের মতো নিঃশব্দে এগোতে লাগলো তাদের কাছে।
মোট ছয়জন লোক, প্রত্যেকের হাতেই হালকা ওজনের মেশিনগান। আরেকটা জিনিস এই ছয়জনকে অন্য সব গার্ডদের থেকে আলাদা করেছে। লোকগুলো ক্যাকন্টানিজে নয়, মানদারিনে কথা বলছে। তার মানে এরা গুয়াঙ্গডঙ্গের বাসিন্দা নয়, শেঙ্গ তার এলিট গার্ডদেরকে এখানে উড়িয়ে নিয়ে এসেছে। হঠাৎ একজন অফিসার লাইটার জ্বালিয়ে তার ঘড়িতে সময় দেখলে বর্ন চেহারাটা চিনতে পারলো। এই সেই লোক, যে ইকোর সাথে বন্দী সেজে যোগ দিয়েছিলো। বন্দি সেজে সে ইকোর সাথে ভাব জমিয়ে তার কাছ থেকে কথা বের করার চেষ্টা করেছিলো।
“ঝিয়ান জাই,” লোকটা বললো, “সময় হয়ে গেছে, বুঝলে,” সে তার ওয়্যারলেসটা মুখের কাছে ধরলো। “দালি শি, দালি শির,” চেঁচিয়ে উঠলো লোকটা। “তারা শুধু দু’জন, তাদের সাথে কেউ নেই। যেমন নির্দেশ দেয়া ছিলো আমরা সেভাবেই আগাচ্ছি। পরবর্তী সিগনালের জন্য প্রস্তুত থাকো।”
ছয়জন অফিসার একসাথে উঠে দাঁড়িয়ে সিগারেটগুলো মাটিতে ফেলে বুট দিয়ে চাপা দিয়ে দ্রুত হাটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ম্যাকঅ্যালিস্টারের দিকে ছুটতে লাগলো বর্ন। শেঙ্গের লোকগুলো ম্যাকঅ্যালিস্টারের কাছে পৌঁছানের আগেই তাকে সেখানে পৌঁছাতে হবে। এরা যদি এখন দেখে ফেলে ম্যাক অ্যালিস্টার একা তাহলে সন্দেহ করতে পারে, পাল্টা সিগনাল পাঠাতে পারে, এর ফলে মিটিংটা বাতিলও ক’রে দিতে পারে শেঙ্গ।
দু’মিনিটেরও কম সময়ে দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বের হয়ে ম্যাক অ্যালিস্টারের পাশে এসে দাঁড়ালো সে।
“হায় ঈশ্বর!” বর্নকে হঠাৎ দেখতে পেয়ে ভড়কে গেলো ম্যাকঅ্যালিস্টার। “চুপ!”
“ওঙ্গের কি খবর! আমাদের তো ওর সাথে পাহাড়ের নীচে দেখা করার কথা ছিলো।”
“ওর কথা আপাতত বাদ দিতে পারেন। আমি যা দেখেছি সেও তাই দেখবে। তারপর হয়তো এখান থেকে কাট্টি মারবে।”
“কি দেখেছেন আপনি?”
“মারাত্মক অস্ত্র হাতে ছয়জন অফিসার আমাদের ফলো করছে।”
“হায় জিশু! আমরা কখনও এখান থেকে বের হতে পারবো না।”
“এখনও হাল ছাড়বেন না। আমি ওঙ্গের জন্য আরো পাঁচ মিনিট অপেক্ষা করতে চাচ্ছি। কারণ নজর রাখার জন্য একজন লোক দরকার। সে আসলে হয়তো ওদের দেখবে, তারপর লুকিয়ে লুকিয়ে আমাদেরকে সিগনাল দেবে।”
“ওঙ্গ কি ওই ছয়জনের চোখ ফাঁকি দিয়ে আসতে পারবে?”
“ইতিমধ্যে যদি ম্যকাও’তে পালিয়ে গিয়ে না থাকে, তাহলে পারবে।”
তারা দু’জন দ্রুত হাটতে হাটতে লম্বা ঘাসগুলোর শেষ মাথায় এসে পৌঁছালো। এটাই প্রথম পাহাড়াটার ঢাল। এখানেই ওঙ্গের সঙ্গে দেখা করার কথা। বর্ন তার ঘড়িতে সময় দেখে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। “সামনে এগোনো যাবে। আপনি মাঠটার দিকে এগোতে থাকুন। কিন্তু একদম খোলা জায়গায় দাঁড়ানোর দরকার নেই। কোনো প্লেন বা হেলিকপ্টার দেখলে আমাকে ইশারা করবেন। আমি এদিকটাতে আছি।”“
তিন মিনিট পার হলেও বর্নের মনে হলো সে বৃথাই ওঙ্গের জন্য সময় নষ্ট করছে। যেই না সামনে এগোতে শুরু করবে ঠিক তখনই গাছের ফাঁক থেকে শব্দটা শোনা গেলো।
“কাম পেক!”
“ওঙ্গ?”
“জ্বি স্যার,” জেসনের দিকে এগিয়ে এসে বললো লোকটা।
“ওদিকে কয়েকজন লোককে দেখে আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। তোমাকে তো বলাই হয়েছিলো বেশি বিপদ দেখলে তুমি সটকে পড়তে পারো।”
“হ্যাঁ, আমি পালাতে পারতাম কিন্তু পালাই নি। কারণ সত্যি কথা বলতে কি, শুধু টাকার জন্য না, আপনার সাথে কাজ করেও আমি কৃতজ্ঞবোধ করছি।”
“সু, ওই শূয়োরটার কি হলো?”
“খেল খতম!”
“তুমি এখানে আসার সময় কোনো সমস্যা হয় নি? ওরা তোমাকে দেখতে পায় নি?”
“কোনো সমস্যাই হয় নি। আমি ওদের ঠিকই দেখেছি, কিন্তু ওরা আমাকে দেখে নি। ওরা এখন মাঠের ধারে জঙ্গলের সামান্য ভেতরে ব’সে আছে।”
“তুমি এখানেই থাকো, ওদের ওপরে নজর রাখো। ওরা যদি আমাদের দিকে এগোতে শুরু করে তাহলে আমাকে সিগনাল দেবে,” বললো বর্ন। “কিন্তু সিগনাল হিসেবে ম্যাচ বা আগুন জ্বালাবে না! পাথর, গাছের টুকরো বা ইট-পাটকেল যা পারো আমার দিকে ছুড়ে মারবে, আমি টের পেয়ে যাবো। দ্বিতীয় পাহাড়টার আগে মাঠের ডান দিকে আমি লুকিয়ে থাকবো।”“
হঠাৎ তীক্ষ্ণ কিন্তু চাপা শব্দ শোনা যেতে লাগলো। ম্যাকঅ্যালিস্টার ইট পাটকেল ছুড়ছে আর সেগুলো গাছের গায়ে লেগে শব্দ হচ্ছে।
“তোমার সাথে অস্ত্র আছে তো?” প্রশ্ন করলো বর্ন।
“৩৫৭ ক্যালিবার ম্যাগনাম।”
“আমি জানি না আবার তোমাকে দেখতে পাবো কিনা, কিন্তু যদি ফিরে না আসি তাই আগেই বিদায় জানালাম, ওঙ্গ!” ডেল্টার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো।
একটা বিশাল রাক্ষুসে পাখির মতো হেলিকপ্টারটা ডানা ঝাপটাতে ঝাপটাতে মাঠের মধ্যে ল্যান্ড করলো। ম্যাকঅ্যালিস্টার মাঠে দাঁড়িয়ে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। তার থেকে প্রায় চল্লিশ গজ দূরে গাছের পেছনে লুকিয়ে আছে বর্ন।
হেলিকপ্টারটির দরজা খুললে তার ভেতর থেকে শেঙ্গ চোউ ইয়াঙ্গ বের হয়ে এলো। তার হাতে একটা বৃফকেস।
“অনেকদিন পর দেখা, এডওয়ার্ড,” বললো শেঙ্গ। “তুমি চাইলে আমার এয়ারক্রাফ্টটা তল্লাশী ক’রে দেখতে পারো। তুমি যেমনটা চেয়েছিলে আমি আর পাইলট ছাড়া এখানে অন্য কেউ নেই।”
“আমার হয়ে তুমিই সেটা করো, শেঙ্গ,” পকেট থেকে একটা ঝাঁঝালো গ্যাস বোমা বের ক’রে কয়েকশো ফিট দূরে রাখা হেলিকপ্টরাটার দিকে ছুড়ে মেরে বললো ম্যাকঅ্যালিস্টার। “তোমার পাইলটকে বের হতে বলো, আর এটা তোমার এয়ারক্রাফটের ভেতরে ছুড়ে দাও। সেখানে আর কেউ লুকিয়ে থাকলে অবশ্যই বেরিয়ে আসবে।”
“তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন, এডওয়ার্ড! অন্তত এখন তো আমাদের একে অপরকে বিশ্বাস করা উচিত!”
“যা বলছি তাই করো, শেঙ্গ!”
“অবশ্যই।” শেঙ্গের নির্দেশে পাইলট বের হয়ে এলে বোমাটা ভেতরে ছোড়া হলো। বেশ কয়েক মিনিট পার হয়ে গেলেও ভেতর থেকে কেউ বের হয়ে এলো না।
“এবার সন্তুষ্ট হয়েছো তো, নাকি পুরো হেলিকপ্টারটাই উড়িয়ে দেবো? আমরা কতো দিনের পুরনো বন্ধু। আমাদের কি আর এসব মানায়! আমারা তো আগে থেকেই ঘনিষ্ঠ!”
“কিন্তু তুমি অনেক বড় আর ক্ষমতাশালী হয়ে উঠেছো। আর আমি, সেই আগের মতোই আছি।”
“এটা আমরা সংশোধন ক’রে নিতে পারবো, এডওয়ার্ড! আমি আমাদের সবধরণের কনফারেন্সে তোমার উপস্থিতি দাবি করবো। তোমাকে আর তোমার অবস্থানকে আমি গুরুত্বপূর্ণ ক’রে তুলতে পারবো। তুমি হয়ে উঠবে তোমাদের ফরেন সার্ভিসের একজন হোমরাচোমরা ব্যক্তি।”
“তাহলে কথাটা সত্য, তাই না? মানে, ফাইলে যা পড়েছি। তুমি ফিরে এসেছো। কুয়োমিংটাং লোকটা ফিরে এসেছে চায়নাতে–”
“এডওয়ার্ড, আসো একান্তে কথা বলি,” শেঙ্গ অন্ধকারে দাঁড়িয়ে থাকা বর্নকে দেখে তার ডান দিকে ইঙ্গিত করলো। “এটা খুবই গোপনীয় ব্যাপার।”
জেসন খুব দ্রুত এয়ারক্রাফটার দিকে এগিয়ে গেলে তার পেছনে থাকা দু’জন কথা বলতে শুরু করলো। পাইলট আবার ভেতরে গিয়ে বসতেই তার পেছনে এসে হাজির হলো মেডুসার সাবেক সদস্যটি।
“জিঙ্গ!” লোকটিকে চুপ থাকার নির্দেশ দিয়ে ফিফিস্ ক’রে বললো জেসন। পাইলট কিছু বুঝে ওঠার আগেই বর্ন তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করলে লোকটা পাশের সিটে লুটিয়ে পড়লো। পকেট থেকে একটি নাইলনের দাড়ি বের ক’রে পাইলটকে তার সিটের সাথেই বেঁধে রাখলো সে। সহসাই আর হেলিকপ্টারটা আকাশে উড়ছে না!
অস্ত্রটা বেল্টে রেখে চুপিসারে হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে সেটার পেছনেই লুকিয়ে থাকলো বর্ন। হেলিকপ্টারটির অপর পাশেই ম্যাকঅ্যালিস্টার আর শেঙ্গ কথা বলে চলেছে। বর্ন বুঝতে পারছে না ম্যাকঅ্যালিস্টার এতো কি বলছে! সে কিসের জন্য অপেক্ষা করছে!
ম্যাকঅ্যালিস্টার, কাজটা ক’রে ফেলো। এটাই তোমা সেরা সুযোগ! যতো দেরি করবে ততোই সুযোগটা হারাবে।
বর্ন ঠাণ্ডায় জমে এলো। একটা পাথর পড়ার শব্দ শুনতে পেলো সে। ওঙ্গের সিগনাল। ওঙ্গ সাবধান করছে তাকে। ওই ছয়জন এদিকেই এগিয়ে আসছে!
ম্যাকঅ্যালিস্টার, তুমি আমাদের সবাইকে খুন করিয়ে ছাড়বে দেখছি! ঈশ্বরের দোহাই, কাজটা শেষ করো!
ডেল্টা আবার শেঙ্গ আর ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকাতেই নিজেকে দোষারোপ করতে শুরু করলো। ম্যাকঅ্যালিস্টারের কথা শোনাটা তার একদম ঠিক হয় নি।
“কাম পেক!” ওঙ্গ এসে গেছে! সে বর্নের পেছনের গাছে লুকিয়ে আছে।
“হ্যাঁ। আমি তোমার পাথরের শব্দ শুনেছি।”
“এখন যা বলতে এসেছি তা শুনতে মোটেও ভালো লাগবে না, স্যার।”
“কি হয়েছে?”
“ওরা পাহাড় দিয়ে উঠতে শুরু করেছে।”
“আমার মনে হয় ওরা শেঙ্গের ব্যাক-আপ। কোনো বিপদ ঘটলে তবেই হস্তক্ষেপ করবে।”
“আমার তা মনে হয় না, স্যার। আমি ওদের গুলি লোড করতে দেখেছি। ওরা সম্পূর্ণ প্রস্তুত।”
বর্ন ঢোক গিললো। সবকিছু যেনো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শেঙ্গ তাদের জন্য পাল্টা ফাঁদ পেতেছে।
“তুমি এখান থেকে চলে যাও, ওঙ্গ।”
“একটা প্রশ্ন করতে পারি? এরাই কি ফ্রেঞ্চম্যানকে মেরেছিলো?”
“হ্যাঁ।”
“আর ওই শূয়োর সু জিয়াঙ্গ কি এদের হয়েই কাজ করতো?”
“হ্যাঁ।”
“তাহলে আমি কোথাও যাচ্ছি না, স্যার।
আর কোনো কথা না বলে মেডুসার লোকটা তার এটাশি কেসের কাছে গিয়ে সেটা তুলে জঙ্গলের দিকে ছুঁড়ে মারলো। “এটা খোলো,” সে বললো। “আমরা যদি এখান থেকে ফিরে যেতে পারি তো তোমাকে আর বাকি জীবন ক্যাসিনোতে বসে বসে মেসেজ আদানপ্রদানের কাজ করতে হবে না।”
“আমি জুয়া খেলি না।”
“তুমি এখন জুয়া-ই খেলছো, ওঙ্গ।”
.
“আমাদের মহান যোদ্ধা পূর্ব-পুরুষেরা যে সভ্যতা, যে মহান সাম্রাজ্য তৈরি করেছিলো, তোমরা কি ভেবেছো আমরা তা কতোগুলো তুচ্ছ কৃষক আর নীচুজাতের লোকের হাতে তুলে দেবো?” শেঙ্গ ম্যাকঅ্যালিস্টারের সামনে দাঁড়িয়ে কথাগুলো বললো। হাতের বৃফকেসটা বুকের সামনে তুলে ধরলো সে। “ওরা আমাদের দাস হবে, আমাদের শাসক নয়!”
“এরকম মানসিকতার জন্যই তোমরা দেশটাকে হারিয়েছিলে——–তোমাদের মতো নেতাদের কথা বলছি, জনসাধারণের কথা বলছি না। কিছুটা স্বার্থ ত্যাগ করলেই সবকিছু ঠিকঠিক চলতো।”
“স্বার্থত্যাগ করবো কাদের জন্য? ওই মার্কসিস্ট জন্তুগুলোর জন্য অসম্ভব! আমি ওদের কোনো শর্ত মেনে নেবো না, যেমন আমি তোমারটাও মানবো না, এডওয়ার্ড!”
“সেটা আবার কি?”
শেঙ্গ বৃফকেসটা খুলে ভিক্টোরিয়া পিক থেকে চুরি করা ফাইলটা বের করলো। “চিনতে পারছো এটা,” সে শান্তকণ্ঠে বললো।
“অবিশ্বাস্য!
“বিশ্বাস করো, পুরনো শত্রু আমার। আমার কাছে অসম্ভব ব’লে কিছুই নেই।”
“অসম্ভব!”
“দেখো! আমার হাতেই তো আছে।” শেঙ্গ ফাইলের কভারটা খুলতেই প্ৰথম পৃষ্ঠার লেখাগুলো ম্যাকঅ্যালিস্টার দেখতে পেলো।
“আমি এর একটা কপি ওয়াশিংটনে পাঠিয়ে দিয়েছি,” ম্যাকঅ্যালিস্টার দ্রুত অথচ শান্তভাবে কথাগুলো বললো।
“কিন্তু আমি সেটা বিশ্বাস করি না,” বললো শেঙ্গ। “ঘাড় ত্যাড়া অ্যাম্বাসেডর হাভিলান্ড কখনই তোমাকে সে কাজের অনুমতি দেবে না। আর তার অনুমোদন না থাকলে কনসুলেট ওই ফাইল ছুঁয়েও দেখবে না!”
“আমি এক কপি চায়নীজ কনসুলেটে পাঠিয়েছি। তোমার খেলা শেষ, শেঙ্গ!”
“তাই নাকি? তুমি কি জানো, হংকংয়ের কনসুলেটের পূর্ণ যোগাযোগ ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করছে? সোজা উত্তর। আমি। আমার লোকে।” শেঙ্গ থামলো। তার চোখে সেই পৈশচিক আগুন আবার জ্বলে উঠেছে। “আমরা সবখানে আছি, এডওয়ার্ড! এবার আর আমাদেরকে বঞ্চিত করা যাবে না!”
“তুমি একটা বদ্ধ উন্মাদ। এসবে কোনো কাজ হবে না। তুমি তো একটা যুদ্ধ বাধিয়ে ফেলবে!”
“তাহলে সেটাই হবে। সারা পৃথিবীর সরকারকেই বেছে নিতে হবে, একজনের শাসন অথবা রাষ্ট্রের শাসন। স্বাধীনতা অথবা দস্যুপনা!”
“তোমাদের মধ্যে খুব অল্পসংখ্যককেই স্বাধীনতা দেয়া হয়েছে, কিন্তু সেই তোমাদের বেশিরভাগই বদমাশ।”
“যেভাবেই হোক আমারা টিকে থাকবো।”
“হায় ঈশ্বর, তুমি তো এটাই চাও! তুমি চাও পৃথিবী বাধ্য হোক সৰ্বাত্মক ধ্বংস অথবা টিকে থাকা—এর মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে! এভাবেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও। এই ইকোনোমিক কমিশন, তোমার পুরো হংকং স্ট্র্যাটেজি, এটা তো কেবল শুরু। তুমি তোমার এই বিষবাষ্প সমগ্র প্রাচ্যে ছড়িয়ে দিতে চাও! তুমি একজন উগ্রপন্থী, একেবারেই অন্ধ তুমি! এর নির্মম পরিণতিটা কি তুমি দেখতে পাচ্ছো না—”
“আমরা আমাদের দেশকে কেড়ে নেবোই, আমাদের সাম্রাজ্যকে ছিনিয়ে আনবোই। আমাদেরকে আর থামানো যাবে না!”
“থামানো যাবে না,” আস্তে ক’রে তার জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। “আমি থামাবো।”
হঠাৎ শেঙ্গ তার বৃফকেসটা ফেলে দিলে দেখা গেলো তার হাতে একটা অস্ত্র। ম্যাকঅ্যালিস্টার ভয়ে আৎকে উঠতেই সে গুলি চালালো। গুলিটা গিয়ে লাগলো ম্যাকঅ্যালিস্টারের কাঁধে।
“মাটিতে শুইয়ে পড়ুন!” হেলিকপ্টারের পেছন থেকে দৌড়ে বেরিয়ে এসে চিৎকার ক’রে বললো বর্ন। তার অস্ত্র থেকে গুলির বন্যা বয়ে যাচ্ছে। “সরে যান, দূরে সরে যান। হামাগুঁড়ি দিন!”
“তুই!” শেঙ্গ আতর্নাদ ক’রে উঠলো। মাটিতে পড়ে থাকা আন্ডারসেক্রেটারির দিকে আরো দু’বার গুলি ছুড়লো সে, তারপর অস্ত্রটা উঁচিয়ে ছুটে আসতে থাকা মেডুসার লোকটার দিকে গুলি ছুড়তে শুরু করলো। বর্ন এঁকেবেঁকে গুলিগুলো পাশ কাটানোর চেষ্টা করলো।
“ইকোর জন্য!” চেঁচিয়ে টুগার চাপলো বর্ন। “যেসব লোককে তুই নিজ হাতে মেরেছিস তাদের জন্যে! আরো অসংখ্য নিরীহ লোকের জন্যে। বানচোত!” কিন্তু ছোটো একটা বিস্ফোরণ ছাড়া আর কোনো গুলি বের হলো না। অস্ত্রটা জ্যাম হয়ে গেছে!
শেঙ্গ বুঝতে পেরে ডেল্টার দিকে ভালো করে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলো। ডেল্টা ডান দিকে লাফিয়ে সরে গিয়ে বাম দিকে পাশ কেটে তরিৎগতিতে বেল্ট থেকে চাকুটা বের করেই শেঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়লো। নিখুঁত লক্ষ্যভেদ। একটুও এদিক ওদিক হলো না। পাষণ্ড কসাইর বুক ফুঁড়ে বর্নের চাকু ঢুকে পড়ছে। তার আর্তনাদ উপভোগ করার মতো সময়ও পেলো না বর্ন। ওই ছয়জন অফিসার জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। তাদের মেশিনগানের গুলির আওয়াজ শোনা যাচ্ছে এখন। হেলিকপ্টারের পেছন থেকে আবার গুলির শব্দ শোনা গেলো। এটা ওঙ্গের কাজ। মাটিতে লুটিয়ে পড়লো দু’জন অফিসার। আর বাকি চারজন নিজে থেকেই মাটিতে শুয়ে পড়লে তাদের মধ্যে একজন হামাগুঁড়ি দিতে দিতে জঙ্গলের দিকে এগোতে লাগলো আর “রেডিও! রেডিও!” বলে চিৎকার করতে লাগলো। সে অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তাদের ব্যাক-আপে আরো লোক আছে! তারা কতো দূরে আছে? কিংবা কতোটা কাছে?
অগ্রাধিকার! বর্ন এয়ারক্রাফটের পেছনে ওঙ্গের কাছে ছুটে গেলো, সে ওখানে একটা গাছের নীচে হামাগুঁড়ি দিয়ে পড়ে আছে।
“এখানে আরেকটা আছে!” সে ফিফিস্ করে বললো। “আমাকে এটা দাও!”
“আপনার গুলি খরচ করবেন না,” ওঙ্গ বললো। “আমাদের কাছে আর বেশি গুলি নেই।”
“আমি সেটা জানি। তুমি এখানেই থাকো, যতোদূর সম্ভব ওদেরকে ঘায়েল করো। তবে মাটি থেকে খুব বেশি উঁচুতে গুলি ছুঁড়বে না।”
“আপনি কোথায় যাচ্ছেন, স্যার?”
“গাছগুলোর মধ্য দিয়ে ঘুরে আসছি।”
“ফ্রেঞ্চম্যানও আমাকে এরকম কিছুই করতে বলতো।”
“সে অবশ্যই বলতো। সব সময়ই সে ঠিক কথা বলতো।” রক্তাক্ত ছুরিটা নিয়ে জেসন ঘন বনের মধ্যে ঢুকে পড়লো। নিঃশ্বাসে তার বুক লাফাচ্ছে, দু’পা একেবারেই চলতে চাইছে না। ঘন বনের অন্ধকারে তার চোখ দুটো ভালো ক’রে দেখার জন্যে কুচকে গেলো। যতোদূর সম্ভব বনের মধ্যে চলার সময় কোনো শব্দ না করার চেষ্টা করলো সে। সামনেই একটা আবছা মনুষ্যমূর্তি তার দিকে এগিয়ে আসতে দেখে একটা গাছের গুঁড়ির আড়ালে চলে গেলো সে। বর্ন জানে এই লোকটি কে ওয়্যারলেস হাতের অফিসারটি। বেজিংয়ের সমাধিতে তাকে সে দেখেছিলো। একজন অভিজ্ঞ সামরিক যোদ্ধা। তার যতো অভিজ্ঞতাই থাকুক না কেন জেসনের মতো গেরিলা প্রশিক্ষণ তার নেই। আর এজন্যেই আজকে সে তার মূল্যবান জীবনটা হারাবে।
অফিসার একটু নীচু হয়ে এগোচ্ছে। জেসন আচমকা পেছন থেকে লোকটার গলা জড়িয়ে ধরলো বাম হাতে। সেই হাতে থাকা অস্ত্রটা দিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করেলো, আর ধারালো ছুরিটা আবারো নিখুঁতভাবে সমাধা ক’রে ফেললো তার কাজ। বর্ন নীচু হয়ে লাশের দিকে ঝুঁকে তার শক্তিশালী মেশিনগানটা নিয়ে নিলো। তার কাছ থেকে বাড়তি আরো দুই ক্লিপ গুলিও পেয়ে গেলো সে। এখন এখান থেকে তাদের বেরিয়ে যাওয়াটা আরো সম্ভবপর বলেই মনে হচ্ছে। ম্যাকঅ্যালিস্টার কি বেঁচে আছে? নাকি বিভ্রান্ত আমলা হারিয়ে গেছে চিরঅন্ধকারে।
অগ্রাধিকার!
ঘুরে সে আবারো নিজের জায়গায় ফিরে এলো। ওঙ্গের অর্ধচক্রাকারে করা বিরামহীন গুলির কারণে শেঙ্গের লোকগুলো যেখানে ছিলো সেখানেই রয়ে গেছে। তারা এগোতে পারে নি। আচকা, কিছু একটা টের পেয়ে সে ঘুরে দাঁড়ালো—দূর থেকে একটা শব্দ শোনা যাচ্ছে! একটা উজ্জ্বল আলোর বিন্দুও দেখা গেলো। কোনো ইঞ্জিনের শব্দ এটি। অন্ধকার আকাশে একটা সার্চলাইট কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। একটা ট্রাক—সেটার উপরে একটা সার্চলাইট। ট্রাকটা এখন রাস্তা ছেড়ে লম্বা লম্বা ঘাসের উপর দিয়ে ছুটে আসছে। কেবল উজ্জ্বল সার্চলাইটের আলোটাই দৃশ্যমান। ট্রাকটা পাহাড়ের গোড়ার দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত বেগে। বড়জোর দুশো গজ দূরে আছে সেখান থেকে।
অগ্রাধিকার। কিছু একটা করো!
“গুলি থামাও!” বর্ন চিৎকার ক’রে বলে নিজের অবস্থান থেকে চোখের পলকে সরে যেতেই তিনজন অফিসার শব্দটা লক্ষ্য করেই গুলি ছুঁড়তে শুরু করলো। তাদের গুলি করা শেষ হতেই মেডুসার লোকটি গাছের আড়াল থেকে বের হয়ে নিজের অস্ত্রটার গুলি নিঃশেষ ক’রে ফেললো লোকগুলোকে লক্ষ্য করে। মুহূর্তেই সব নীরব-নিথর।
“ওঙ্গ!” মাঠ দিয়ে দৌড়ে সে চিৎকার ক’রে ডাকলো। “আসো! আমার সাথে!” পরমুহূর্তেই সে চলে এলো ম্যাকঅ্যালিস্টার আর শেঙ্গের পড়ে থাকা দেহ দুটোর কাছে—একজন এখনও বেঁচে থাকলেও অন্যজন লাশ হয়ে পড়ে আছে। জেসন এনালিস্টের উপর ঝুঁকে এলো, সে উদভ্রান্তের মতো দু’হাত দিয়ে কিছু একটা ধরতে চাচ্ছে।
“ম্যাক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?”
“ফাইলটা!” ফিফিস্ ক’রে বললো সে। “ফাইলটা নিয়ে আসুন!”
“কি?” বর্ন শেঙ্গ চোউ ইয়াঙ্গের মৃতদেহটার দিকে তাকালো। চাঁদের মৃদু আলোতে যে জিনিসটা সে দেখতে পেলো সেটা একেবারেই অপ্রত্যাশিত : শেঙ্গের কালো বর্ডারের ডোসিয়ারটা, যা এই পৃথিবীর সবচাইতে গোপনীয় আর বিস্ফোরক একটি দলিল। “হায় জিশু!” জেসন বললো। আস্তে ক’রে সেটার দিকে এগিয়ে গেলো সে। “আমার কথা শুনুন, এনালিস্ট!” ওঙ্গ তাদের কাছে চলে এলে বর্ন কণ্ঠটা একটু চড়িয়েই বললো। “আপনাকে এখান থেকে সরাতেই হচ্ছে। এতে ক’রে হয়তো আপনার একটু ব্যথা লাগবে, কিন্তু এছাড়া আমাদের আর কিছু করারও নেই!” ওঙ্গের দিকে এক পলক তাকিয়ে সে আবার বললো, “আরেকটা পেট্রল দল এখানে চলে আসছে। একটা এমারজেন্সি ব্যাক-আপ, আমার অনুমাণ তারা দুই মিনিটেরও কম সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। দাঁতে দাঁত চেপে রাখুন, মি: আন্ডারসেক্রেটারি। আমরা এখান থেকে চলে যাচ্ছি!”
জেসন আর ওঙ্গ দু’জনে মিলে ম্যাকঅ্যালিস্টারকে তুলে হেলিকপ্টারে নিয়ে ওঠালে হঠাৎ করেই বর্ন চিৎকার ক’রে উঠলো। “হায় ঈশ্বর! একটু দাঁড়াও!…না, যাও—তুমি ওকে নিয়ে যাও,” চিৎকার ক’রে বললো তার সঙ্গীর উদ্দেশ্যে। “আমাকে ফিরে যেতে হবে!”
“কেন?” তীব্র যন্ত্রণার মধ্যেও আন্ডারসেক্রেটারি জানতে চাইলো।
“আপনি কি করতে যাচ্ছেন, স্যার?” ওঙ্গ চিৎকার ক’রে বললো।
“একটা জিনিস রেখে আসতে হবে,” শেঙ্গ চোউ ইয়াঙ্গের মৃতদেহের কাছে যেতে যেতে রহস্য ক’রে বললো জেসন। লাশের জামার ভেতরে একটা ছোট্ট জিনিস ঢুকিয়ে দিয়ে এয়ারক্রাফটে ফিরে এলো সে।
জেসন সিটের সাথে বেঁধে রাখা পাইলটের সামনে গিয়ে তার বাধনটা ছুরি দিয়ে কেটে তাকে তার অর্ডার শুনিয়ে দিলো।
“কাফেইজি বা!” চিৎকার ক’রে বললো সে।
“আপনি ইংরেজিতেই বলতে পারেন,” পাইলট বললো। “আমি সেটা বেশ ভালোই বুঝি। এরকম চাকরিতে ওটা বেশ ভালো করেই জানতে হয়।”
“আকাশে উড়াল দাও, বানচোত! এক্ষুণি!”
পাইলট হেলিকপ্টারটার ইঞ্জিন চালু করতেই হেডলাইটের আলোতে দেখা গেলো একদল সৈন্য তাদের দিকে ছুটে আসছে। তারা সঙ্গে সঙ্গেই শেঙ্গের পাঁচজন এলিট গার্ডের মৃতদেহগুলো দেখতে পেয়েই মাটি থেকে কিছুটা উপরে থাকা কপ্টারটিকে লক্ষ্য ক’রে গুলি ছুঁড়তে শুরু করলো।
“তাড়াতাড়ি উপরে ওঠো!” চিৎকার ক’রে বললো জেসন।
“এটা শেঙ্গের কপ্টার। এর বডি এসব গুলিতে কিছু হবে না। এমন কি কাঁচগুলোও ভাঙবে না,” পাইলট আশ্বস্ত ক’রে বললো বর্নকে। “আমরা যাবো কোথায়?”
“হংকং!” চিৎকার ক’রে বর্ন বললো। পাইলটকে দেখে সে একটু অবাকই হলো। দাঁত বের ক’রে হাসছে লোকটা।
“অবশ্যই। দয়ালু আমেরিকান কিংবা বৃটিশেরা আমাকে রাজনৈতিক আশ্রয় দেবেই, স্যার। আমার অনেক দিনের স্বপ্ন!”
“অবশ্যই পাবে। আমিই দেবো,” মেডুসার লোকটি বললো।
“আইডিয়াটা খুবই কার্যকরী, স্যার,” পেছন থেকে ওঙ্গ বললো। “এটা কিভাবে আপনার মাথায় এলো?”
“এর আগেও এটা আরেকবার কাজে এসেছিলো,” একটা সিগারেট ধরাতে ধরাতে বললো জেসন। “ইতিহাস—এমনকি সাম্প্রতিক ইতিহাসও—যথারীতি তার পুণরাবৃত্তি ঘটে।”
“মি: ওয়েব?” ম্যাকঅ্যালিস্টার ফিফিস্ ক’রে বললো।
“কি হয়েছে, বলুন? আপনার এখন কেমন লাগছে?”
“সে কথা পরে হবে। আপনি কেন শেঙ্গের মৃতদেহের কাছে ফিরে গিয়েছিলেন?”
“তাকে একটা বিদায়ী উপহার দেবার জন্যে। একটা ব্যাংকের বই। কেইম্যান আইল্যান্ডের একটা গোপন একাউন্টের। *
“কি?”
“এতে অবশ্য কারো কোনো উপকার হবে না। নাম আর একাউন্ট নাম্বারটা কেটে ফেলা হয়েছে। কিন্তু এটা দেখে পিকিং কি রকম প্রতিক্রিয়া দেখায় সেটাই হবে দেখার মতো একটি ঘটনা। বুঝলেন?”
