অধ্যায় ১২
“আমি ওনার মেডিকেল হিস্ট চাই মেজর, যতোটা শীঘ্র সম্ভব,” বললো ইংলিশ ডাক্তারটি। তিনি অত্যন্ত সভ্য, শান্ত আর উঁচু মানের একজন ফিজিসিয়ান।
“আমরা জোগাড় করার চেষ্টা করছি; আপনি বলছিলেন সে তার আগের ডাক্তারের নাম বলতে পারছে না,” জবাব দিলো বিশালদেহী মেজর লিন। “আপনি পেশেন্টকে নিয়ে শঙ্কিত, তাই না ডাক্তার?”
“যেমনটা সন্দেহ করছি, এটা যদি নিউরোলজিক্যাল ডিসঅর্ডারই হয়, তাহলে তা শঙ্কারই বিষয়, মেজর। আপনার লোকগুলো যদি একটু জলদি তার আমেরিকান ডাক্তারকে খুঁজে বের করতে পারে তাহলে ভালো হয়। আমি নিজে তার ডাক্তারের সাথে কথা বলতাম
“আপনার এক্সামিনেশনে কি কিছু ধরা পড়ে নি?”
“নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, কিন্তু অনেক কিছু হওয়ারই সম্ভাবনা আছে। আমি আজ সকলেই একবার সি.এ.টি স্ক্যান করার নির্দেশ দিয়েছি।”
.
ওরা ঠিক তাই ভাবছে যেমনটা আমি চেয়েছি। হায় ঈশ্বর, আমি খিদায় মারা যাচ্ছি! এখান থেকে একবার বের হতে পারলে আমি টানা পাঁচ ঘণ্টা ধরে খাবো। আমাকে এখান থেকে বের হতেই হবে! ডেভিড, তুমি কি আমার কথার মানে বুঝেছিলে? তুমি কি বুঝেছিলে আমি কি বলতে চাইছিলাম? গাছগুলো বলতে আমি ম্যাপল গাছের কথা বুঝিয়েছিলাম। ম্যাপল পাতা হলো কানাডার জাতীয় প্রতীক। অ্যাম্বাসি! আর হংকংয়ে সেটাকে বলে কনসুলেট! আমরা প্যারিসেও তাই করেছিলাম, ডার্লিং! তখন আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু এবার আর হবে না। নিশ্চয়ই পরিচিত কাউকে পাওয়া যাবে। তখন যাদেরকে আমরা মোকাবেলা করেছিলাম, এখানকার লোকগুলো তাদের চেয়ে ভিন্ন নয়, ডেভিড। একদিক দিয়ে এরা হৃদয়হীন যান্ত্রিক মানুষের মতো। শুধু কারো নির্দেশ পালন করছে। যদিও তারা আমার সাথে বেশ ভদ্র ব্যবহার করেছে। তাদেরকে দেখে মনে হয় তারা আমাকে ধরে রাখার জন্য লজ্জিত, কিন্তু নির্দেশ অমান্য করাও তাদের পক্ষে সম্ভব না। তারা ভাবছে আমি অসুস্থ, তাই আমাকে নিয়ে তারা সত্যিই শঙ্কিত। এরা কোনো ক্রিমিনাল বা খুনি নয় ডেভিড। এরা দিশেহারা হয়ে যাওয়া কিছু আমলা। হ্যা, এরা আমলা, ডেভিড! এই পুরো ঘটনাটির ওপরেই যেনো একটা গভর্নমেন্টের ছাপ লেপ্টে আছে। আমি নিশ্চিত! এ ধরণের লোকদের সাথে আমি বছরের পর বছর কাজ করেছি। আমি তাদেরই একজন ছিলাম!
মেরি তার চোখ খুললো। দরজা বন্ধ, ঘরটা ফাঁকা, কিন্তু সে জানে বাইরে একজন গার্ড পাহাড়া দিচ্ছে, সে চাইনীজ মেজরকে নির্দেশ দিতে শুনেছে। ইংলিশ ডাক্তার আর দু’জন বিশেষ নার্সকে ছাড়া কাউকে রুমের ভেতরে যেতে দেবার অনুমতি নেই গার্ডটির। এই গার্ডটিই ভোর পর্যন্ত তাকে পাহাড়া দেবে।
সে উঠে বসলো। হায় ঈশ্বর! খিদেয় মরে গেলাম! তার ভেবে মজা লাগছে যে, এখন লোকগুলো তার মেইন-এর প্রতিবেশীদেরকে তার ডাক্তারের কথা জিজ্ঞেস ক’রে ছাড়াবে। একে তো তার প্রতিবেশীরা তাদেরকে ভালোভাবে চেনে না, তার ওপর তার কোনো ডাক্তারই নেই। প্রায় মিনিট দু’য়েক পরে দরজাটি খুলে গেলে চল্লিশোধ নার্সের ইউনিফর্ম পরা একজন চাইনীজ মহিলা ভেতরে ঢুকলো।
“তোমার কি কিছু লাগবে, মা,” শুদ্ধ ইংরেজিতে বললো মহিলাটি।
“আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু তারপরেও ঘুম আসছে না। আমাকে কি কিছু ঘুমের বড়ি দেয়া যাবে?”
“আমি তোমার ডাক্তারের সাথে কথা বলে দেখছি, সে এখনও এখানেই আছে। চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে।” নার্স রুম থেকে বেরিয়ে যেতেই মেরি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলো, হসপিটালের ঢোলা গাউনটা তার বাম কাঁধ থেকে ঝুলে পড়েছে। দরজা খুলতেই ডান দিকের চেয়ারে ব’সে থাকা শক্তসমর্থ যুবক গার্ডটি চমকে উঠলো।
“জ্বি মিসেস…?” লাফিয়ে উঠলো গার্ড।
“হিশ্!” মেরি তার ঠোঁটের সামনে আঙুল দিয়ে ইশারা করলো। “ভেতরে আসো! জলদি!”
হতভম্ব চাইনীজটি তার পেছন পেছন রুমে ঢুকলে দ্রুত সে বিছনায় উঠে বসলো। ডান দিকে হেলে বসার ফলে গাউনটি তার ডান কাঁধ থেকে খুলে পড়ে কোনো রকমে তার বুকের উঁচু অংশটিতে আঁটকে আছে সেটি। “কাছে আসো!” সে ফিফিস্ ক’রে বললো। “আমি চাই না কেউ আমাদের কথা শুনতে পাক!”
“কি হয়েছে, ম্যাডাম? জিজ্ঞেস করলো গার্ডটি, তার দৃষ্টি মেরির শরীরের অনাবৃত অংশের দিকে নেই, বরং সে তাকিয়ে আছে মেরির মুখের দিকে। কয়েক পা সামনে এগিয়ে এলেও দূরত্ব বজায় রাখলো সে।
“দরজা বন্ধা আছে। কেউ আপনার কথা শুনতে পাবে না।”
“আমি চাই তুমি—” পরের কথাগুলো সে এতোই নীচু স্বরে ফিফিস্ ক’রে বললো যে, তা শোনাই গেলো না।
“আমিও আপনার কথা শুনতে পাচ্ছি না, মিসেস,” লোকটি আরো কাছে
এগিয়ে আসলো।
“তুমি অন্য গার্ডদের থেকে আলাদা। তুমি সত্যিই খুব ভালো।”
“আমি শুধু আমার কাজ করছি, ম্যাডাম।”
“তুমি কি জানো আমাকে এখানে কেন রাখা হয়েছে?”
“আপনার নিরাপত্তার জন্য,” ভাবলেষহীন ভাবে মিথ্যা বললো গার্ডটি।
“তাই বুঝি,” মেরি বাইরে থেকে আসা পায়ের শব্দ শুনতে পেয়ে নড়েচড়ে বসলে গাউনটি আরো সরে গিয়ে তার অনাবৃত পা দুটো উন্মোচিত করলো। দরজা খুলে গেলে ভেতরে ঢুকলো সেই নার্সটি।
“ওহ্?” চমকে গেলো নার্স। এ ধরণের দৃশ্যের জন্য সে প্রস্তুত ছিলো না। অপ্রস্তুত গার্ডের দিকে সে তাকালে মেরি নিজের শরীরটা ঢেকে ফেললো।
“তোমার তো বাইরে থাকার কথা নয়?” প্রশ্ন করলো নার্স।”
“ম্যাডাম আমার সাথে কথা বলতে চেয়েছিলেন,” কয়েক পা পিছিয়ে জবাব দিলো লোকটি।
নার্স সাথে সাথে মেরির দিকে তাকালো। “তাই নাকি?”
“যদি সে তাই বলে তো আমি কি করতে পারি।”
“বোকার মতো কাজ করেছি,” দরজার দিকে যেতে যেতে বললো শক্তসমর্থ গার্ডটি। “ম্যাডাম ভালো নেই। তার মাথার ঠিক নেই। তিনি উল্টোপাল্টা কথা বলছেন,” সে বাইরে বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিলো।
নার্স আবার মেরির দিকে তাকালো, তার চোখে প্রশ্নবোধক চিহ্ন। “তুমি ঠিক আছো তো?” প্রশ্ন করলো সে।
“আমার মাথা ঠিকই আছে, আমি আবোলতাবোল বলছি না। কিন্তু আমি তাই করছি যা আমাকে করতে বলা হচ্ছে,” মেরি একটু থেমে আবার বলতে শুরু করলো। “যখন ওই বিশালদেহীর মেজর হাসপাতাল থেকে বের হবে তখন আমার কাছে এসো। তোমার সাথে কিছু কথা আছে।”
“সরি, আমি তা করতে পারি না। তুমি বিশ্রাম নাও। এই নাও তোমার ঘুমের ঔষুধ। আমি তোমাকে পানি দিচ্ছি।”
“ভুলে যেও না তুমিও একজন নারী,” নার্সের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বললো মেরি।
“হ্যাঁ,” মাথা দুলিয়ে সম্মতি জানালো মহিলাটি। সে মেরির বেডসাইড টেবিলের ওপর একটা কাপ আর ঘুমের বড়ি রেখে দরজার দিকে ফিরে গেলো। শেষবারের মতো তার রোগির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েই চলে গেলো সে।
বিছানা থেকে নেমে নিঃশব্দে দরজার কাছে গেলো মেরি। আস্তে ক’রে দরজায় কান পাতলো; চাইনীজে তর্ক আর কথাকাটাকাটির শব্দ শুনতে পাচ্ছে সে। তারা যাই বলে থাকুক না কেন, তাদের সংক্ষিপ্ত কথোপকথনটি উত্তপ্ত আর বেশ উত্তেজিত। মেরির চাল কাজে দিয়েছে।
আলমারীর কাছে গিয়ে সেটা খুললো সে। তার জন্যে লোকগুলো হংকং থেকে কিছু জিনিস কিনেছিলো, সেগুলো এখানে আছে। এর সাথে যেদিন তাকে ধরে আনা হয়, যেদিন সে যেসব জামা আর জুতা পরেছিলো, সেগুলোও এখানে রাখা আছে। এগুলো সরানোর কথা কারোর মথায় আসে নি। আসবেই বা কেন, তারা তো ভাবছে মেরি অসুস্থ। ঝিমিয়ে ঝিমিয়ে হাটা আর আবোলতাবোল বকা কাজে দিয়েছে। তার নজর পড়লো বিছানার পাশের ছোটো সাদা টেলিফোনটির ওপর। যদিও এখানে ফোন করার মতো তার পরিচিত কেউ নেই, তবু সে এগিয়ে গিয়ে রিসিভারটি তুলে নিলো। যেমনটা সে সন্দেহ করেছিলো, লাইনটা ডেড! শুধু নার্সকে ডাকার জন্য একটা সিগনাল আছে, এর চেয়ে বেশি সুযোগ দেবার প্রয়োজন মনে করে নি তারা।
জানালার পাশে গিয়ে পর্দাটি সরিয়ে দিলো সে। রাতের অন্ধকারে হংকংয়ের আলোর ঝলমলানি তার চোখে পড়লো, আর সাথে এও বুঝতে পারলো মাটির চেয়ে আকাশই তার বেশি কাছে।
ওয়াশ বেসিনের কাছে গেলো এবার। হাসপাতাল থেকে দেয়া টুথপেস্ট, টুথব্রাশ আর সাবানটার প্যাকেট পর্যন্ত খোলা হয় নি এখনও।
এরপর বাথরুমে গেলে সেখানে কিছু স্যানিটারি ন্যাপকিন ছাড়া নতুন কিছুই চোখে পড়লো না। আবর রুমে ফিরে এলো সে। কি খুঁজেছে? সেটা যাই হোক না কেন এখনও খুঁজে পায় নি।
সবকিছু খুঁটিয়ে দেখো। ব্যবহার করা যাবে এমন কিছু নিশ্চয়ই তুমি খুঁজে পাবে। কথাগুলো জেসনের, ডেভিডের নয়। তারপরই জিনিসটা তার চোখে পড়লো। কিছু কিছু হসপিটাল বেডের নীচে একধরণের বিশেষ হ্যান্ডেল থাকে যা ঘুরিয়ে বিছানাটিকে উঁচু-নীচু করা যায়। মেরির বেডটাও সে রকম। এই হ্যান্ডেলটা আবার খোলা যায়; যখন ডাক্তার মনে করে পেশেন্টকে একটি বিশেষ পজিশনে রাখা প্রয়োজন, তখন হ্যান্ডেলটা খুলে ফেলা হয়। যদি কোনো নার্স একটু চাপ দিয়ে বাম দিকে ঘোরায় তাহলেই হ্যান্ডেলটা আলগা হয়ে আসে। মেরি এই বেড আর হ্যান্ডেলটার কথা জানতো। ডেভিড হাসপাতালে থাকার সময় সে অনেকবার নার্সদেরকে এই কাজ করতে দেখেছে। সে জানতো কিভাবে হ্যান্ডেলটা খুলতে হয়; আর একবার খোলা হয়ে গেলে লোহার একটা দণ্ডের মতো হয়ে যায় জিনিসটা।
হ্যান্ডেলটা খুলে বিছানার চাদরের নীচে লুকিয়ে শুয়ে পড়লো সে। করিডোর থেকে একটা পায়ের শব্দ ভেসে আসছে। মেরি ঘড়ির দিকে তাকালো। ষোলো মিনিট পার হয়ে গেছে। চোখ বন্ধ ক’রে ঘুম ঘুম ভাব করলো সে।
“ঠিক আছে, মা,” দরজা থেকে কয়েক পা এগিয়ে এসে বললো নার্স “তোমার কথা আমার মনে দাগ কেটেছে, আমি সেটা অস্বীকার করবো না। তোমার ব্যাপারে আমাকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছিলো, কিন্তু তারপরেও আমি এসেছি। মেজর আর ডাক্তার চলে গেছে। এখন বলো তুমি কি বলতে চাও?”
“এখন… না,” ফিফিস্ করে বললো মেরি, তার মাথা তার কাঁধে নুয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে সে ঘুমে ঢলে পড়ছে। “আমি খুব ক্লান্ত… আমি ঘুমের বড়ি…খেয়েছি।”
“বাইরের গার্ড কি তোমাকে বিরক্ত করছে?”
“সে অসুস্থ…সে আমাকে ছোঁয় না—আমার কি। সে আমাকে জিনিস দেয়… খুব ক্লান্ত লাগছে।”
“সে অসুস্থ মানে?”
“সে…মেয়েদের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে…আমি ঘুমিয়ে গেলে সে… বিরক্ত করে না,” মেরির চোখ বন্ধ হয়ে এলো।
“জ্যাঙ্গ?” জোরে জোরে শ্বাস টেনে বললো নার্স। “নোংরা, নোংরা!” সে রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে গার্ডের উদ্দেশ্যে বলতে শুরু করলো। “মেয়েটি ঘুমাচ্ছে। বুঝেছো!”
“যাক, বাঁচা গেলো।”
“সে বলছে তুমি তাকে ছোঁও নি!”
“আমি স্বপ্নেও তা করার কথা ভাবি না।”
“ভুল করেও সেটা ভাববে না।”
“তোমার লেকচার শোনার মতো সময় আমার নেই। আমাকে আমার ডিউটি করতে দাও, নার্স।”
“দেখবো তুমি কতো ডিউটি করো। কাল সকালেই নামি মেজর লিনের সাথে কথা বলবো।” নার্স শেষবারের মতো গার্ডের দিকে কড়া চাহনী দিয়ে উত্তেজিতভাবে করিডোর দিয়ে হেটে চলে গেলো।
“এই!” শব্দটি সামান্য ফাঁক করা মেরির দরজার ভেতর থেকে এলো। দরজাটি আরো এক ইঞ্চি ফাঁক করে বললো সে, “এই নার্সটি আসলে কে?”
“আমি মনে করেছিলাম আপনি ঘুমাচ্ছেন, মিসেস,” হতভম্ব গার্ডটি বললো। “সে আমাকে বলেছিলো সে তোমাকে ঐ কথাই বলবে।”
“কি?”
“সে বলেছে সে আমাকে নিতে আসবে! এখানে গোপন দরজা আছে যা দিয়ে অন্য রুমে যাওয়া যায়। মহিলাটি আসলে কে?”
“সে কি বলেছে?”
“আস্তে বলো! সে শুনে ফেলতে পারে! সে কোন্ দিকে গিয়েছে!”
“ডান দিকের হলওয়েতে গেছে।”
“এতো নিশ্চিত হচ্ছো কিভাবে? তোমার বোঝা উচিত আমি কি বলতে চাইছি!”
“আমি কারো কথাই বুঝতে পারছি না,” দেয়ালের দিকে তাকিয়ে করুণ স্বরে বললো গার্ডটি। “আমি আপনার কথার মানেও বুঝছি না, তার কথার মানেও বুঝছি না!”
“ভেতরে আসো। জলদি! আমার মনে হয় সে পিকিংয়ের কোনো কমিউনিস্ট!”
“বেইজিং?”
“আমি তার সাথে যেতে চাই না!” মেরি দরজাটা খুলে দিয়ে ভেতরে চলে গেলে গার্ডও দৌড়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলো। সারা ঘর অন্ধকার শুধুমাত্র বাথরুমের লাইটটা জ্বালানো আর দরজাটা সামান্য ফাঁক করা। তা দিয়েই অল্প আলো আসছে। লোকটিকে দেখা যাচ্ছে, কিন্তু লোকটি কিছুই দেখতে পাচ্ছে না।
“ম্যাড্যাম, আপনি কোথায়? শান্ত হোন। সে আপনাকে নিয়ে যেতে পারবে না—” গার্ড আর কিছু বলার সময় পেলো না, মেরি লোহার হ্যান্ডেলটি দিয়ে তার করোটির উপরিভাগে সজোরে বারি মারতেই ধপাস ক’রে মেঝেতে পড়ে গেলো সে। মেরিও হাটু গেঁড়ে বসে দ্রুত শুরু ক’রে দিলো তার কাজ।
চাইনীজটি শক্তসমর্থ হলেও বিশালদেহী বা লম্বা-চওড়া না। মেরিও বিশালদেহী নয় কিন্তু মেয়ে হিসেবে যথেষ্ট লম্বা। এদিকে একটু হাতা ভাজ আর ওদিকে একটু কাপড় গুঁজে নেয়ায় গার্ডের জামা আর জুতো তার শরীরে মোটামাটি ফিট হয়ে গেলো। তার পরনের গার্ডের এই জামা কাপড়গুলোই তাকে এখান থেকে বের হবার সুযোগ ক’রে দেবে। শুধু সমস্যা হচ্ছে তার চুলগুলো নিয়ে। রুমের চারদিকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ব্যবহার করার মতো কিছু আছে কিনা। অবশেষে খুঁজে পেলো। বেডসাইড টেবিলের পাশে দেয়ালে একটা ছোটো তোয়ালে ঝোলানো। চুলগুলো খোঁপা ক’রে তোয়ালে দিয়ে পেঁচিয়ে ফেললো সে। তাকে একদমই বোকার মতো লাগছে, কিন্তু পরিচয় গোপন করার জন্যে এর চেয়ে ভালো আর কোনো উপায় তার হাতে নেই। তাছাড়া পেঁচানো তোয়ালেটা অনেকটা পাগড়ির মতো লাগছে।
আন্ডারপ্যান্ট আর মোজাপরা গার্ড প্রচণ্ড ব্যথায় গোঙানির মতো শব্দ ক’রে ধীরে ধীরে উঠে বসরা চেষ্টা করতেই মেরির হাতে দ্বিতীয় বারিটি তাকে পুরোপুরি অচেতন ক’রে ফেললো। মেরি আলমারির কাছে গিয়ে তার কাপড়গুলো বের ক’রে এক ইঞ্চিরও কম ফাঁক ক’রে খুললো দরজাটা। হলওয়েতে একজন ইউরোপিয় আর একজন চাইনীজ নার্স নীচুকণ্ঠে কথা বলছে। এই চাইনীজ নার্সটি সেই নাস নয় যে মেরিকে দেখাশোনা করে। আরো একজন নার্স এসে তাদেরকে ইশারায় কিছু একটা বলে হলওয়ের পাশের একটি দরজা দিয়ে চলে গেলো। এটা হলো লিনেন চাদরের সাপ্লাই রুম। হলওয়ে থেকে প্রায় পঞ্চাশ ফিটের মতো দূরত্বে ডেস্কের ওপরের টেলিফোনটা বেজে উঠলো। সেদিকেই ডান দিকে তীর চিহ্ন দেয়া একটা এক্সিট সাইন ছাদ থেকে ঝুলানো রয়েছে।
প্রথম দু’জন নার্স ডেস্কের দিকে ছুটে গিয়ে ফোন ধরলে তৃতীয় নার্সটি চলে গেলো লিনেন সাপ্লাই রুম থেকে একগাদা কাপড় হাতে নিয়ে। এক দৌড়ে লিনেন সাপ্লাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো মেরি। হঠাৎ একটি নারী কণ্ঠের চিৎকারে পুরো হলওয়েটা কেঁপে উঠলো। কতোগুলো পায়ের দৌড়ানোর শব্দ শুনতে পেলো সে। তারপর আরো কতোগুলো পায়ের শব্দ।
“গার্ড!” ইংরেজিতে চেঁচিয়ে উঠলো চাইনীজ নার্সটি। “ওই নোংরা গার্ডটা কোথায়?”
মেরি লিনেন সাপ্লাইয়ের দরজাটি এক ইঞ্চির মতো ফাঁক করে দেখতে পেলো উত্তেজিত নার্স তিনজন তার রুমের সামনে দাঁড়ানো, রাগে ফেটে পড়ছে তারা।
“তুই! তুই কাপড়ও খুলে ফেলেছিস! জ্যাঙ্গ সাইল, তুই আস্ত একটা নোংরা লোক! এই তোমরা, বাথরুমটা খুলে দেখো তো!”
“তুমি!” ব্যথায় আর্তনাদ ক’রে উঠলো গার্ডটি। “তোমার জন্য সে পালাতে পেরেছে! স্যারদের সামনে এর জন্য আমি তোমাকে দায়ি করবো।”
“আমাকে ফাঁসাতে চাচ্ছিস, লোভি মানুষ! তুই সব মিথ্যা বলছিস!”
“তুমি বেইজিং থেকে আসা একজন কমিউনিস্ট!”
মেরি লিনেন সাপ্লাই রুম থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেলো এক্সিট সাইনের দিকে। এর চেয়ে সহজ পালানোর পথ সে আর পাবে না।
“মেজর লিনকে ডাকো! আমি একজন কমিউনিস্ট অনুপ্রবেশকারীকে ধরেছি!”
“আরে, আগে পুলিশকে ডাকো! এই লোকটা আস্ত লম্পট!”
হসপিটাল গ্রাউন্ড থেকে বের হয়ে মেরি পার্কিংলটের দিকে ছুটে গেলো। জায়গাটা সম্পূর্ণ অন্ধকার, দুটো গাড়ির ছায়ার মাঝে বসে থাকলো ঘাপটি মেরে। তাকে কিছুক্ষণ ভাবতে হবে; পরিস্থিতিটা বুঝতে হবে। এখন কোনো ভুল করা যাবে না। তোয়ালেটা খুলে তার কাপড়গুলো নীচে রেখে গার্ডের প্যান্টটার পকেট হাতড়াতে শুরু করলো সে, উদ্দেশ্য ওয়ালেট বা ম্যানিব্যাগ জাতীয় যদি কিছু পাওয়া যায়। খুঁজেও পেলো; আর তা খুলে নোটগুলো গুনে নিলো ডিমলাইটের আলোয়। সবমিলিয়ে ৬০০ হংকং ডলারের চেয়ে কিছু বেশি, যা আমেরিকান ১০০ ডলারের চেয়ে সামান্য কম। এ দিয়ে টেনেটুনে একটা হোটেল রুম ভাড়া করা যাবে। এরপর কাউলুন থেকে ইসু করা একটা ক্রেডিট কার্ড দেখতে পেলো সে। ডলার আর ক্রেডিট কার্ডটা ম্যানিব্যাগ থেকে বের ক’রে নিজের জামা বদলাতে শুরু করলো মেরি। তার দৃষ্টি হাসপাতালের বাইরের রাস্তাটার দিকে। সৌভাগ্যক্রমে রাস্তায় মানুষের ভিড় অনেক, এই ভিড়ই তার নিরাপত্তা নিশ্চিত করবে।
হঠাৎ ক’রে দ্রুতগতিতে পার্কিংলটের ভেতরে ছুঁটে এলো একটি গাড়ি। হাসপাতালের এমার্জেন্সি দরজার সামনে এসেই ব্রেক কষে থামলো সেটা। মেরি উঠে গাড়ির জানালার ভেতর দিয়ে উঁকি মারলো। গাড়ি থেকে সেই বিশালদেহী মেজর আর শান্তশিষ্ট ডাক্তার লোকটি নেমেই দৌড়ে চলে গেলো প্রবেশপথের দিকে। সাথে সাথে মেরি দৌড়ে পার্কিংলট থেকে বেরিয়ে মিশে গেলো রাস্তার মানুষজনের ভিড়ের মধ্যে।
সে প্রায় ঘণ্টাখানেক ধরে হাটলো। রাস্তার পাশে খাবারের দোকানগুলোতে রাখা খাবারের ছবি আরো ক্ষুধার্ত ক’রে তুললো তাকে। শেষমেষ আর না পেরে একটা ফার্স্টফুড রেস্টুরেন্টে ঢুকে পড়লো। সেখানকার লেডিস রুমে ঢুকে আয়নায় নিজের চেহারা দেখে বুঝতে পারলো তার ওজন কমে গেছে। কালো দাগ পড়ে গেছে তার চোখের নীচে। কিন্তু তা সত্ত্বেও তাকে ভালোই চেনা যাচ্ছে। বিশেষ ক’রে তার চুলগুলোর জন্য! তারা নিশ্চয়ই সারা হংকংয়ে তাকে খুঁজে বেড়াবে, আর তাদের দেয়া বর্ণনায় প্রথমেই তার উচ্চতা আর চুলের উল্লেখ থাকবে। প্রথমটার ব্যাপারে সে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। একটা দোকান থেকে কয়েকটা ববি পিন আর মাথার ব্যান্ড কিনে নিলো। ব্যান্ডগুলো দিয়ে মাথার পেছনে একটা ঝুঁটি করে পিনগুলো দিয়ে তার দু’পাশের চুল লেপটে দিলো মাথার সাথে। ওজন কমে যাওয়ায় এবং কোনো মেক- আপ না থাকায় তার এই নতুন চেহারায় তাকে অত্যন্ত রুক্ষ্ম দেখাচ্ছে।
“আপনি এমনটা কেন করলেন, মিস্?” কসমেটিক কাউন্টারের একজন ক্লার্ক আয়নার পাশে দাঁড়িয়ে প্রশ্নটা করলো তাকে। “আপনার চুলগুলো কতো সুন্দর!”
“ওহ্! আমি চুল আঁচড়াতে আচড়াতে বিরক্ত হয়ে গেছি, আর কোনো কারণ নেই।”
মেরি সেখান থেকে বের হয়ে ফুপটাত থেকে এক জোড়া ফ্ল্যাট স্যান্ডেল কিনে নিলো, সেই সাথে গুচ্চির একটা নকল ব্যাগ কিনলো যার ‘জি’ অক্ষরটা উল্টো ক’রে লাগানো। তার কাছে ৪৫ আমেরিকান ডলার বাকি আছে এখন, কিন্তু সে বুঝতে পারছে না, রাতটা কোথায় কাটাবে। এখন কনসুলেটে যাওয়ার উপযুক্ত সময় নয়। কারণ ওখানকার কাউকে সে চেনে না। তাছাড়া তাদের কাছে কিভাবে সাহায্য চাইবে তাও ঠিক করতে পারে নি। উপরন্ত, সে প্রচণ্ড ক্লান্ত। ক্লান্ত অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত নয়, সবসময় বর্ন এটা বলতো। এতে ভুল হবার সম্ভাবনা থাকে প্রচুর। বিশ্রাম একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
আশপাশের দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে। সামনে এগিয়ে গেলো সে। এক আমেরিকান যুগল একটি টি-শার্টের দোকানের সামনে দামাদামি করছে। “আরে, ছাড়ো তো,” বললো উজ্জ্বল চেহারার যুবকটি। “তোমার কি বিক্রি করবার কোনো ইচ্ছে আছে? যদি বিক্রি করতে চাও তো মুনাফা একটু কম ধরো।”
“তা চলবে না,” হাসিমুখে বললো দোকানদারটি। “আমার বাচ্চা-কাচ্চা আছে, এভাবে ব্যবসা করলে ওদের না খেয়ে থাকতে হবে”
“আর কথা বাড়িও না, ছয়টা শার্টের জন্য আমি ৪ ইউএস ডলার দেবো। দিলে দাও, না হলে রেখে দাও।”
“ঠিক আছে, নিন! শুধুমাত্র আপনাদেরকে ভালো লেগেছে বলেই দিলাম।” দোকানদারটি বিল নিয়ে শার্টগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে দিলো।
“তুমি একটা আজব চিজ, বাজ্,” মুচকি হেসে বললো ছেলেটির বান্ধবী। “সে এরপরেও চারশো পারসেন্ট লাভ করবে।”
“তোমাদের মতো বিজনেস গ্র্যাজুয়েটদের নিয়ে এই এক সমস্যা। তোমরা শুধু খুঁত ধরতে আর তর্ক করতেই পারো!”
“আমরা যদি কখনও বিয়ে করি, তাহলে আর খুঁত ধরবো না, বাকি জীবনে দারুণভাবে তোমাকে সমর্থন দিয়ে যাবো কেবল।”
সুযোগ নিজে থেকেই দেখা দেবে। তোমাকে শুধু সেগুলো চিনতে হবে, কাজে লাগাতে হবে। মেরি ওদের দিকে এগিয় গেলো।
“এক্সকিউজ মি,” মেয়েটির দিকে তাকিয়ে বললো সে। “আমি আপনাদের কথা শুনছিলাম—”
“আমি খুব ভালো দামাদামি করেছি, না?” তাকে বাঁধা দিয়ে বললো যুবকটি।
“তেমন ভালো না,” জবাব দিলো মেরি। “কিন্তু আমার মনে হয় আপনার বান্ধবী ঠিকই বলেছে। আমি নিশ্চিত এই শার্টগুলো বানাতে ২৫ সেন্ট ক’রেও খরচ পড়ে নি।”
“চারশো পারসেন্ট,” মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বললো মেয়েটি।
“ওহ্, আমি আমি কাদের পাল্লায় পড়লাম। আমি আর্ট-হিস্ট্রির স্টুডেন্ট, দেখে নিও, একদিন আমি পুরো মেট্রোপলিটান চালাবো।”
“চলানো পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিনতে যেও না,” মেরির দিকে ঘুরে বললো মেয়েটি। “আমরা আসলে মাজা করছিলাম, আর কিছু নয়।”
“আসলে ব্যাপারটা একটু লজ্জাজনক, আমি আমার প্লেন মিস্ করেছি, সাথে চায়না টুরও। হোটেলে জায়গা নেই, তাই ভাবছিলাম”
“আপনার থাকার জায়গা দরকার?” আর্ট-হিস্ট্রির স্টুডেন্ট মাঝখান দিয়ে বলে উঠলো।
“ঠিক, তাই। আমার কাছে যা ফান্ড আছে তা পর্যাপ্ত, কিন্তু সীমিত। আমি মেইন-এ ইকোনমিক্সের শিক্ষক, আমার এখন একটু বাজে সময় যাচ্ছে।”
“কোনো সমস্যা নেই,” মেয়েটি হাসিমুখে বললো।
“আমি আগামীকালকেই আমার টুরে যোগ দিতে পারবো, কিন্তু আজকের রাতটা…?”
“আমরা হয়তো আপনাকে সাহায্য করতে পারবো, তাই না লেসি?”
“আমরারও তাই মনে হচ্ছে। আমাদের কলেজ চাইনীজ ইউনিভার্সিটি অব হংকংয়ের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে।”
“রুম সার্ভিস খুব একটা অসাধারণ না তবে ভাড়াটা সামান্য,” বললো যুবকটি। “এক রাতের জন্য তিন ইউ.এস ডলার। কিন্তু সমস্যা একটাই, ছেলে-মেয়ে আলাদা থাকতে হয়।”
.
মেরি যে ঘরটার ক্যাম্পবেডের ওপরে ব’সে আছে, তার ছাদ প্রায় ৫০ফুট উঁচু, তার মনে হলো এটা আগে কখনও জিমসেনিয়াম ছিলো। তার চারপাশে অল্পবয়সী যুবতীরা শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে কেউ জেগে আছে। সবাই চুপচাপ, শুধুমাত্র কয়েকজনের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে, কয়েকজন আবার সিগারেট ধরাচ্ছে। তার মনে হলো কতোগুলো বাচ্চাদের মধ্যে ব’সে আছে সে। তার ইচ্ছে হলো আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে, ভয়হীনভাবে হাত মেলে দৌড়ে বেড়াতে।
ডেভিড, তোমাকে আমার ভীষণ প্রয়োজন! তুমি ভাবো আমি খুব শক্ত, কিন্তু ডার্লিং, আমি আর পারছি না! আমি কি করবো? কিভাবে করবো!
সবকিছু খুঁটিয়ে দেখো, ব্যবহার করা যায় এমন কিছু নিশ্চয়ই খুঁজে পাবে! জেসন বর্ন!
