বর্ন সুপৃমেসি – ১৯

অধ্যায় ১৯

“আমাদের একদম সময় নেই,” ব্রাউন প্যাকেটটা ছিড়তে ছিড়তে বললো দাঁজু। প্যাকেটের ভেতরে আছে এক জোড়া খাকি পোশাক, দুটো বেল্ট আর দুটো হ্যাট। চেয়ারের ওপর রাখলো সেগুলো। “এগুলো ইউনিফর্ম। আমি নকল পরিচয়পত্রও জোগাড় করেছি।”

“হংকং পুলিশের ইউনিফর্ম?”

“কাউলুন পুলিশের। আমরা হয়তো আজই একটা সুযোগ পাবো, ডেল্টা! এ কারণেই আমার ফিরতে এতো দেরি হয়েছে!”

বর্ন দাঁজুর অ্যাপার্টমেন্টে উঠেছে। দাঁজু মাত্র দু’সপ্তাহ আগে নকল নাম পরিচয় ব্যবহার ক’রে এই ফ্ল্যাটটা ভাড়া নেয়। ওয়াটার ফ্রন্টের এই অ্যাপার্টমেন্টে দাঁজু মারণাস্ত্র আর বিস্ফোরক দ্রব্যের সংগ্রহ গড়ে তুলেছে।

“কি হয়েছে, খুলে বলো,” আদেশের সুরে বললো বর্ন।

“ক্রাউন গভর্নর আজকে আসছে। কাউলুন পুলিশ খবর পেয়েছে তাকে মারার চেষ্টা করা হতে পারে

“কি?” বর্ন হতভম্ব।

“গভর্নর আজকের ফ্লাইটে বেইজিং থেকে আসছে। বরাবরের মতোই তার সাথে আরো চাইনীজ নেগোশিয়েটর থাকবে। সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক, মিডিয়া সবাই সেখানে থাকবে। আসার সময়ই আমি সেদিকে পুলিশের বাড়তি উপস্থিতি দেখতে পেয়েছি। এও শুনলাম যে, দু’ঘণ্টার মধ্যে কাই টাক এয়ারপোর্টে পুরো দশ গাড়ি আর বিশ ভ্যান ভর্তি সিকিউরিটি পাঠানো হচ্ছে। তারা আন্ডারগ্রাউন্ড সোর্স থেকে খবর পেয়েছে যে, হত্যার একটা চেষ্টা করা হবে।”

“পুরো দৃশ্যপটটাকে বোঝার চেষ্টা করো,” বললো জেসন।

“কি দৃশ্যপট?”

“প্রথমে ভাইস প্রিমিয়ারকে মারা হলো। তার প্রতিশোধ নিতে এবার গভর্নরকে মারা হবে! এরপর হয়তো ফরেন সেক্রেটারিকেও মারা হবে, তার বদলাস্বরূপ প্রাইম মিনিস্টার বা চেয়ারম্যানকে ক্যু করা হবে। অভিভাবক যেমন বেশি দিন তার অবাধ্য সন্তানকে সহ্য করে না ঠিক সেভাবে চায়নাও হংকংয়ের এই ঔদ্ধত্য সহ্য করবে না। চায়নার সৈন্যরা হংকংয়ে মার্চ করবে। সব কিছুই পরিকল্পিত। কেউ চাইছে এমনটা ঘটুক।” বর্ন গভীর মনোযোগের সাথে কথাগুলো বললো।

দাঁজু ঠায় দাঁড়িয়ে আছে। “আমি ভেবেছিলাম আমার তৈরি দানবের নির্বিচার হত্যার কারণে দুটো অঞ্চলের সম্পর্কের মধ্যে অস্থিতিশীলতা নেমে আসবে। কিন্তু তুমি যা বলছো, ডেল্টা, তার মানে দাঁড়ায়, এটা একটা সুনিয়ন্ত্রিত পরিকল্পনা। হংকংকে চায়নার নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা!”

.

কাই টাক এয়ারপোর্টের ছাদ, গেট, টানেল, ইমিগ্রেশন কাউন্টার আর লাগেজ এরিয়া, সব জায়গায় পুলিশে গিজগিজ করছে। বাইরের বিশাল মাঠে ফ্লাডলাইটের আলোয় আলোকিত করা হয়েছে, সার্চলাইটের সতর্ক আলোয় প্রতিটি গাড়ির চলাচলের ওপর নজর রাখা হচ্ছে। রিপোর্টার আর জার্নালিস্টদের এখনও এয়ারপোর্টের গেটের বাইরে রাখা হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হবে যাদের কাছে প্রবেশানুমতি আছে। তখনই সবাইকে অবাক ক’রে দিয়েছে প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। পশ্চিম দিকের আকাশ থেকে ধোয়া আসা প্রকাণ্ড মেঘ খণ্ডগুলোই এই হঠাৎ বৃষ্টির উৎস।

ইউনিফর্ম পরা বর্ন আর দাঁজু অন্য পুলিশদের সাথে মিশে সামনে এগোচ্ছে। তীব্র বৃষ্টির শব্দে বাকি শব্দগুলো চাপা পড়ে যাচ্ছে। “হ্যাঙ্গারে পৌঁছানোর সাথে সাথে আমি আলাদা হয়ে যেতে চাই। আমার আরো ভেতরে ঢোকা দরকার! তোমার এই পরিচয়পত্রে কি সেটা সম্ভব হবে?” বললো বর্ন।

“আমার পরিচয়পত্র বলছে আমি মঙ্গকক ডিভিশনাল পুলিশের বৃটিশ সেক্টর কমান্ডার।”

“তার মানে কি?”

“জানি না, কিন্তু এর চেয়ে ভালো কিছু ম্যানেজ করা সম্ভব হয় নি।”

“তোমার উচ্চারণ শুনে তো মনে হয় না তুমি বৃটিশ।”

“এই কাই টাক-এ সেটা কে বুঝবে?”

“কোনো বৃটিশ।”

“আমি বৃটিশদের এড়িয়ে চলবো।”

ডোম আকৃতির হ্যাঙ্গার এতোক্ষণ দড়ি দিয়ে ঘিরে রাখা ছিলো, এখন দড়ি সরিয়ে নেয়া হলে ট্রাকে ক’রে হলুদ কোট পরা বিশেষ পুলিশের টিম সেখানে হাজির হলো। ট্রাক আর ভ্যান থেকে নেমেই পুলিশেরা কতোগুলো দলে ভাগ হয়ে দাঁড়িয়ে পড়লো। একের পর এক পুলিশের দলের আবির্ভাব, তার ওপর আবার এই ঝড়ো বৃষ্টি তাদের শৃঙ্খলাতে বিঘ্ন ঘটাচ্ছে। বর্ন দাঁজুকে প্রশ্ন করলো তার কমান্ডো যে আসবেই তার নিশ্চয়তা কি? জবাবে সে বললো তার সৃষ্টি সবসময় এমন কোনো কাজে হাতে নেয় যা দর্শনীয় হয়ে থাকে। যাতে সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। প্রমাণ করতে পারে তার স্থান কার্লোসেরও উপরে, তার স্থান পুরনো জেসন বর্নের চেয়েও ওপরে। দাঁজু ঠিকই বলছে। দর্শনীয় একটি হত্যাকাণ্ড ঘটানোর জন্য যা যা উপকরণ দরকার তার সবই এখানে উপস্থিত। কয়েকশো পুলিশ আর ইন্টেলিজেন্সের ইউনিটকে ধোঁকা দিয়ে এখানে ঢোকা সহজ হলেও, খুন ক’রে এখান থেকে পালানো সহজ কাজ হবে না। এরচেয়ে বেশি ঝুঁকি কার্লোস দি জ্যাকেলও নিতো না, না নিতো জেসন বর্ন, ভাবলো ডেভিড ওয়েব। এমন প্রতিরক্ষা ব্যুহ ভেদ ক’রে ঢোকা আর আত্মহত্যা করা একই জিনিস। কিন্তু জেসন জানতো তার প্রতিরূপ প্রথমটা অত্যন্ত দক্ষতার সাথে করলেও দ্বিতীয়টা এড়িয়ে যাবে। সে হয়তো এমন কোনো অস্ত্র বেছে নেবে যার শব্দ এতোই অল্প যে, বৃষ্টির শব্দের মাঝে তা হারিয়ে যাবে। কিন্তু টার্গেটকে আঘাত করার সাথে সাথেই তার প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। গভর্নর মাটিতে ঢলে পড়ার সাথে সাথেই পুরো এলাকাটাকে ঘিরে ফেলা হবে। সে পালাতে পারবে না। তাহলে কি এমন কোনো অস্ত্র ব্যবহার করা হবে যার প্রতিক্রিয়া ধীরে ধীরে ঘটে। বিষাক্ত এয়ার ডার্ট? একটি ছোট্ট বিষাক্ত পিনের সমান এয়ার ডার্ট সবার চোখে ধুলো দিয়েই তার কাজ সহজে হাসিল করতে পারবে! এতে মৃত্যু কিছুটা ধীরে ঘটলেও তা হবে অনিবার্য। কিন্তু গভর্নর নিশ্চয় প্রটেকটিভ কোনো ভেস্ট পরে থাকবে। তাকে আঘাত করার একমাত্র স্থান হবে গলা আর মুখের খোলা অংশ। আর সেখানে সামান্যটুকু ব্যথা বা বাহ্যিক কোনো বস্তুর স্পর্শ ঘটলেই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাবে। না, এর সম্ভাবনা কম। ছাদের ওপরে দূরপাল্লার শক্তিশালী রাইফেল? নির্ভুল নিশানার একটা শক্তিশালী রাইফেল আরেকটি সম্ভাবনা হতে পারে! কিন্তু এ ধরণের শক্তিশালী রাইফেল অতিরিক্ত শব্দ ক’রে থাকে, আর সাইলেন্সার ব্যবহার করলে তার রেঞ্জ কমে যায়। না, এ ধরণের অস্ত্র ব্যবহার করা আত্মহত্যা ছাড়া আর কিছু না। ছাদ থেকে পালানো কঠিন হবে আর ধরা পড়া হবে সহজ। তাহলে কিভাবে? কোন্ পথটা এই নতুন বর্ন বেছে নেবে! সে এমন কোনো পথ বেছে নেবে যাতে ক’রে কাজে শেষে সহজে পালানো যায়। জটিল কলকব্জার টেলিভিশন ট্রাকগুলো পালানোর একটা ভালো বাহন হতে পারে। কিন্তু জার্নালিস্টদের চেকিং ক’রে ভেতরে ঢোকানো হচ্ছে, কোনো জিনিসে দশ মিলিগ্রামের বেশি মেটাল পেলেই তা কেড়ে নেয়া হচ্ছে। তার ওপর ছাদের উপর কড়া পাহাড়া বসানো হয়েছে। তাহলে কিভাবে?

“তোমার পাশ পেয়ে গেছি,” বললো দাঁজু, তার হাতে একটি পেপার ধরা। কাই টাক পুলিশের কাছ থেকে সিল মেরে আনা হয়েছে।

“তুমি তাদেরকে কি বলেছো?”

“তুমি একজন ইহুদি এবং মোসাদ থেকে অ্যান্টি টেরোরিস্ট অ্যাকটিভিটির ওপর প্রশিক্ষণ নিয়ে এসেছো, একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তোমাকে এখানে পাঠানো হয়েছে। খবরটা সবার কাছে পাঠিয়ে দেয়া হবে।”

“হায় ঈশ্বর, আমি তো হিব্রু ভাষা জানি না।”

“এখানে সেটা কে জানে? তুমি সহজেই পার পেয়ে যাবে।”

মাথা থেকে হ্যাটটা খুলে বর্ন সামনে এগিয়ে গিয়ে হ্যাঙ্গারের প্রধান ফটকের গার্ডগুলোকে তার ক্লিয়ারেন্স দেখিয়ে ভেতরে ঢুকে পড়লো। প্লেনের রানওয়ের পাশে বেশ কয়েকটি জায়গায় মাইক্রোফোন বসানো হয়েছে। যেখানে প্রেস কনফারেন্স হবে তার চারপাশ ঘিরে পুলিশ ভ্যান আর মটরসাইকেল অর্ধবৃত্ত তৈরি করেছে। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, পুরো সিকিউরিটি সোর্স জায়গা মতো দাঁড়িয়ে গেছে, মিডিয়ার সব যন্ত্রপাতি কাজ করার জন্য তৈরি। পিকিং থেকে আসা প্লেনটি হয়তো বৃষ্টির জন্যে কিছুটা দেরি করছে। কিন্তু আর কয়েক মিনিটের ব্যাপার মাত্র, কয়েক মিনিটের মধ্যেই সেটা এই হ্যাঙ্গারের রানওয়েতে নেমে আসবে। এই নতুন বর্ন কোন্ হাতিয়ারটা বেছে নেবে? কোটা তার পালাবার জন্যে সবচেয়ে সহজ পথ তৈরি করবে? ভাবলো বর্ণ! ভাবো!

বৃষ্টির পানিতে ভিজে তার কাউলুন পুলিশের ইউনিফর্ম গায়ের সাথে লেপ্টে গেছে। ক্রমাগত হাত দিয়ে মুখের পানি মুচছে সে। হঠাৎ দূরে জেট ইঞ্জিনের হাল্কা শব্দ শোনা গেলো। পিকিং থেকে আসা জেট বিমানটি রানওয়ের একদম মাথার দিকে এগিয়ে আসছে। ল্যান্ড করতে যাচ্ছে সেটি।

জেসনের চোখ রানওয়ে থেকে কিছুটা দূরে, দড়ি দিয়ে ঘেরা জটলা হয়ে থাকা মানুষগুলোর ওপরে পড়লো। সিকিউরিটির অনিচ্ছা স্বত্ত্বেও মিডিয়ার এ লোকগুলোকে এখানে দাঁড়াতে দেয়া হয়েছে, কারণ দু’পক্ষের গভর্নমেন্টই পাবলিসিটি চায়। তবে এ ধরণের পরিস্থিতি আর আবহাওয়ায় গভর্নরের বক্তব্য যে অত্যন্ত সংক্ষিপ্ত হবে তা আগেই জানিয়ে দেয়া হয়েছে। সব মিলিয়ে পাঁচ-ছ’ মিনিটের বেশি নয়। ঠিক তখনই জেসনের মাথায় আরেকটা সম্ভাবনার দেখা দিলো। ফটোগ্রাফার! মেটাল ক্যামেরাগুলো ভেতরে ঢুকতে দেয়া হয়েছে, কিন্তু সব ক্যামেরাই ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না! এই সাধারণ যন্ত্রটাই গুলি করা বা ডার্ট ছোড়ার জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো শব্দ না করেই! এই অস্ত্রটাই কি সে বেছে নিয়েছে? কাজ শেষে ক্যামেরাটি মাটিতে পাড়া দিয়ে ভেঙে ফেলে পকেট থেকে আরেকটি ক্যামেরা বের করলেই তার পালানো সহজ হয়ে যাবে। এভাবেই কি হবে তার দর্শনীয় হত্যাকাণ্ড? এভাবেই কি সে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করবে? বা এভাবেই কি সে জেসন বর্নের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠিত করবে?

বিশাল জেট বিমানটি রানওয়ে দিয়ে ছুটে আসছে আর বর্ন দ্রুতপায়ে দড়ি দিয়ে ঘেরা জায়গাটির দিকে এগোচ্ছে। প্রায় দু’ডজন ফটোগ্রাফার সেখানে দাঁড়িয়ে আছে, বর্ন যার যার কাছে ক্যামেরা দেখলো তাকেই ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। সে এমন একজনকে খুঁজছে যে দেখতে অনেকটা তারই মতো। ফ্লাড লাইট আর সার্চ লাইটের আলো এখন প্রেস কনফারেন্সের স্থানটির ওপর স্থির। সেই আলোয় বর্ন প্রতিটি ফটোগ্রাফারের মাঝে সেই খুনিকে খুঁজতে লাগলো। জ্বলন্ত চোখ, দৈহিক গঠন, মেকআপ দিয়ে চেহারা লুকোনোর চেষ্টা, না, সেই খুনির কোনো লক্ষণই সে এদের কারো মধ্যে পাচ্ছে না। কি হতে পারে? আবার প্রথম থেকে ভাবো। টার্গেট গভর্নর। দর্শনীয় হত্যাকাণ্ড। এয়ার-ডার্ট! পালানোর পথ! না! প্রথমেই ভুল হয়েছে! দর্শনীয় হত্যাকাণ্ড হতে হলে একজন নয়, একসঙ্গে অনেকজনকে মারা স্বাভাবিক হতে পারে! একজনের বদলে বেশ কয়েকজনকে করতে পারলে সেটা আরো দর্শনীয় হবে! তার ওপর এতে সহজেই পুরো হংকংয়ে দাঙ্গা লেগে যাবে! ফলে সিকিউরিটি সোর্স বিশৃঙ্খলায় পড়ে যাবে আর সহজ পথে পালাতে পারবে সে!

বর্ন অস্থিরভাবে বৃষ্টির মধ্যে দৌড়াতে লাগলো। তার চোখ চারদিকে ছটফট ক’রে ছুটে বেড়াচ্ছে, তার মস্তিষ্ক সকল মারণাস্ত্রের নাম মনে করার চেষ্টা করছে, সেগুলোর সাথে সে এক সময় বিশেষ পরিচিত ছিলো। সে এমন একটা অস্ত্রের কথা মনে করার চেষ্টা করছে যা অনেকগুলো লোকের মধ্য থেকে নিঃশব্দে ছোড়া যাবে আর অস্ত্রটা সক্রিয় হবার আগেই খুনি তার পালাবার পথ সুগম করতে পারবে। তার মাথায় প্রথমেই যে অস্ত্রটার নাম এলো সেটা গ্রেনেড। কিন্তু সে পুরোপুরিই সেটা নাকচ ক’রে দিলো। তারপর তার মাথায় আসলো টাইম বোমার কথা, টাইম ফিউজ ডাইনামাইট বা টাইম ফিউজ প্লাস্টিক বোমা। পরের দুটি অস্ত্র খুব সহজেই বহন করা যায়, এতে সে পালাবারও যথেষ্ট সময় পাবে। প্লাস্টিক বোমাগুলোতে কয়েক মিনিট এমনকি কয়েক সেকেন্ড সময়ও সে ঠিক ক’রে দিয়ে সহজেই এখান থেকে সরে পড়তে পারবে। এগুলো সে যেকোনো ছোটো বাক্স, র‍্যাপিং করা প্যাকেট এমনকি বৃফকেসে ক’রে নিয়েও আসতে পারবে। ফটোগ্রাফারদের সরঞ্জামের সাথে তা সহজেই ঢুকানো সম্ভব। বর্ন আবার সেই দড়ি দিয়ে ঘেরা মানুষগুলোর দিকে এগিয়ে গেলো। তার চোখ মানুষগুলোর হাতে প্যাকেট খুঁজছে, সেটা দৈর্ঘ্যে কমপক্ষে ১২ ইঞ্চির মতো হবে, বৃফকেস হলে ২০ ইঞ্চি। এর চেয়ে ছোটো কম শক্তিশালী বোমা একসঙ্গে অনেকজনকে মারতে পারবে না। কিন্তু অন্ধকারে তাদের হাত বা কোমরের কোনো প্যাকেট জাতীয় বস্তু আছে না কি বোঝা যাচ্ছে না। তার হাতে একটা ফ্ল্যাশ লাইট থাকলে ভালো হতো। এমনকি একটা পেনলাইট থাকলেও চলতো। সে এটা আনতে ভুলে গেলো কিভাবে? তারপর বর্নকে অবাক ক’রে দিয়ে সিকিউরিটি সার্চ লাইট দড়ি দিয়ে ঘিরে থাকা লোকগুলোর ওপর পড়লো। সার্চ লাইট লোকগুলোর হাত-পা, কোমরের ওপর দিয়ে ঘুরে যাচ্ছে। তার মানে সিকিউরিটি পুলিশও একই জিনিস সন্দেহ করছে। কিন্তু তারা এটা ধরতে অনেক বেশি সময় নিয়েছে, এটা মেনে নেওয়া যায় না।

পিপল্স রিপাবলিকের ৭৪৭ স্টারশিপ অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সফলভাবে ল্যান্ডিং করলো। জেট বিমানের দরজা খুলে গেলে সাথে সাথে বৃটিশ আর চাইনীজ গার্ডেরা বিমানটির সিঁড়ির সামনে বিছানো রেড কার্পেটের দু’ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। বৃটিশ আর চাইনীজ ডেলিগেশনের দু’জন নেতা একসাথে বের হয়ে এসে এগিয়ে গেলো মাইক্রোফোনের দিকে।

“আমরা যৌথভাবে আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমাদের আলোচনা বেশ কিছু দূর অগ্রসর হয়েছে। আমরা ইউনাইটেড কিংডমের পক্ষ থেকে….”

আনুষ্ঠানিকতা অত্যন্ত সংক্ষিপ্ত হলো আর তা শেষ হওয়ার সাথে সাথে চারপাশ থেকে তালির বন্যা বয়ে গেলো। কিন্তু জেসন সে দিকে ভ্রূক্ষেপও করলো না, তার নজর অন্য দিকে। রানওয়ে থেকে সারিবদ্ধভাবে কতোগুলো লিমুজিন এগিয়ে আসছে, এগুলোতে করেই অতিথিদের উঠিয়ে নেয়া হবে। গাড়িগুলোর সাথে মটরসাইকেলে ক’রে একজন টহলদার পুলিশও এগিয়ে আসছে। এখনই সময়। কিছু ঘটলে এখনই ঘটবে, না হলে আর ঘটবে না। যদি কোনো টাইম ফিউজ ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা বড়জোর এক মিনিট বা তার চেয়েও কম সময়ের মধ্যেই ফাটবে! জেসনের চোখ তার বাম দিকের লম্বা অফিসারটির দিকে পড়লো। সে তার কাছে গিয়ে তার ক্লিয়ারেন্স শো ক’রে তাকে লিমুজিনগুলোর দিকে নিয়ে যাবার জন্য আদেশ করলো।

“আপনিই মোসাদ থেকে এসেছেন?”

“হ্যাঁ।”

“আমরা খবর পেয়েছি।”

“তোমার কাছে ফ্লাশলাইট বা টর্চ জাতীয় কিছু আছে?”

“হ্যাঁ, অবশ্যই। আপনার লাগবে?”

“লাগবে।”

“এই নিন।”

“বর্ন দড়ির ওপাশে রাখা লিমুজিনগুলোর কাছে গেলো। আশপাশ থেকে সাংবাদিক আর ফটোগ্রাফরদেরকে পুলিশ একএক ক’রে সরিয়ে ফেলছে। শুধু আগে থেকে ঠিক রাখা দু’জন ক্যামেরাম্যান ফরেন ডেলিগেটদের সাথে লিমুজিনে উঠলো। বর্ন সবচেয়ে সামনের গাড়িটার দিকে এগিয়ে গেলো। গাড়িটার সামনের ডান দিকে গ্রেট বৃটেন আর বাম দিকে পিপল্স রিপাবলিকের পতাকা টাঙানো হয়েছে। প্রধান প্রতিনিধি দু’জনও একই সাথে সামনের গাড়িটিতে উঠে পড়লেন। ঠিক তখনই এটা হলো, যদিও বর্ন পুরোপুরি ধরতে পারলো না কিভাবে। তার বাম কাঁধে আরেকটি লোকের কাঁধের সাথে ধাক্কা খেলো। এই ক্ষণিকের স্পর্শেই জেসনের শরীরে যেনো বিদ্যুৎ খেলে গেলো। লোকটি ঘুরে বিপরীত দিক থেকে এতো দ্রুত আসছিলো যে ধাক্কা লাগতেই জেসন পড়ে যেতে লেগেছিলো। জেসন ঘুরে লিমুজিনগুলোর সাথে আসা মটরসাইকেলের এই টহলদার পুলিশটির দিকে তাকালো। পুলিশটিও ঘুরে দাঁড়িয়েছে, জেসন ফ্ল্যাশ লাইট দিয়ে লোকটির মুখের ওপর আলো ফেললো, হেলমেটের কাঁচের জন্য অন্ধকারে লোকটির চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। জেসনের মাথায় যেনো বাজ পড়লো। সে যেনো তার নিজের চেহারাই দেখছে, তার বেশ কয়েক বছর আগের চেহারা। এই সেই কমান্ডো! এই সেই প্রতারক! গুপ্তঘাতক!

লোকটির অস্থির চোখদুটো বর্নের দিকে তাকিয়ে আছে। সেখানে ভয়ের ছাপ। চোখ দুটো স্থির থাকছে না, দ্রুত এদিক ওদিক নড়ছে। হঠাৎ একটি শক্ত হাত আঁড়াআঁড়িভাবে জেসনের গলায় সজোরে আঘাত করলে জেসন ছিটকে পড়ে গেলো, প্রচণ্ড ব্যথায় সে চিৎকারও করতে পারলো না, আর সেই গুপ্তঘাতক তার মটরসাইকেলে চড়ে দ্রুত জেসনকে পাশ কাটিয়ে চলে গেলো সামনে।

“থামাও… ওকে,” জেসন চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে শব্দগুলো প্রায় ফিফিস্ ক’রে বের হলো। লিমুজিনগুলো ইঞ্জিন স্টার্ট করলো। টার্মিনাল থেকে একটা ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে এগিয়ে আসছে।

“ওকে থামাও।” এবার শব্দ দুটো আগের চেয়ে স্পষ্ট হলো, কিন্তু তাও কেউ শুনলো না। ব্যান্ডের বাজনা আর বৃষ্টির জোরালো শব্দে তা চাপা পড়ে গেছে। সে উঠে দাঁড়ালো। চারদিকে লোকে লোকারণ্য। জেসন টার্মিনালের গ্লাসের ওয়ালের পেছন দাঁড়ালো, লোকগুলোর ভিড়ের দিকে এগিয়ে গেলো। না! নেই! সে পালিয়েছে!

কিন্তু হত্যাকাণ্ড! লিমুজিন! দু’দেশের পতাকা লাগানো! সবার সামনের লিমুজিনটাই তার টার্গেট। ওই গাড়ির ভেতরে বা নীচে কোথাও টাইম ফিউজ বোমা রাখা হয়েছে। জেসন ঘুরে দাঁড়ালো, দেখতে লাগলো আশেপাশে সিকিউরিটি অথোরিটির কাউকে পাওয়া যায় কিনা। তার থেকে প্রায় বিশ গজ দূরে দড়ির ওপাশে কাউলুনের একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তার বেল্টে একটা ওয়্যারলেস। লিমুজিনগুলো সারিবদ্ধভাবে এয়ারফিল্ড থেকে বের হবার প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছে এখন।

জেসন লাফ দিয়ে দড়িটা পার হয়ে দৌড়ে বেটে চীনা পুলিশ অফিসারটির কাছে গেলো।

“জুন সু!” যে চেঁচিয়ে উঠলো।

“শেম্মা?” জবাব দিলো হতভম্ব পুলিশ অফিসারটি, তার হাত তার বেল্টের অস্ত্রটির দিকে এগিয়ে যাচ্ছে।

“ওদেরকে থামাও! ওই গাড়িগুলোকে, লিমুজিনলোকে! সবার সামনেরটা!”

“আপনি কি বলছেন? আপনি কে?”

“মোসাদ!” আর্তনাদ করলো বর্ন।

“আপনিই ইসরায়েলের সেই অফিসার? আমি শুনেছি—”

“আমার কথা শোনো! ওয়্যরালেসে যোগাযোগ করো, এক্ষুনি ওদেরকে থামাতে বলো! সবাইকে গাড়ি থেকে বের হতে বলো! এটা বিস্ফোরিত হবে! এক্ষুনি!”

অফিসার মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে তার বেল্ট থেকে ওয়্যরালেসটা বের করলো। “এমারজেন্সি সিচুয়েশান! চ্যানেলটা ক্লিয়ার করো, রেড স্টার ওয়ান’কে থামতে বলো। এক্ষুনি!”

“সব গাড়িগুলোকে!” বাধা দিয়ে বললো জেসন। “বলো, সবাইকে বের হয়ে পালাতে!”

“চেঞ্জ!” কাঁপা কাঁপা কণ্ঠে বললো অফিসারটি। “সব গাড়িগুলোতে সতর্ক বার্তা পাঠাও। আমাকে মূল লাইনে দাও।” তার নার্ভাস কণ্ঠস্বরকে কিছুটা নিয়ন্ত্রণ ক’রে স্পষ্টভাবে কথা বলে চললো অফিসারটি। “কলোনি ফাইভ থেকে বলছি, এমারজেন্সি সিচুয়েশন। আমার সাথে মোসাদের লোকটি আছে, আমি তার নির্দেশ পালন করছি। তার সকল নির্দেশ এই মুহূর্তে বাস্তবায়ন করতে অনুরোধ জানাচ্ছি। রেড স্টার ওয়ান এক্ষুনি থামান, নির্দেশ দিন সবাইকে গাড়ি থেকে বেরিয়ে যেতে, দূরে কোথাও কভার নিতে। বাকি গাড়িগুলোকে বলছি, রেড স্টার ওয়ান থেকে দূরে সরে যান; আপনাদের গাড়িগুলোকে মাঠের মাঝখানে নিয়ে যান, গাড়ি থেকে বেরিয়ে কভার নিন। আদেশ পালন করুন, এক্ষুনি!”

জটলা বাধা দর্শকদের অবাক ক’রে দিয়ে পাঁচটা লিমুজিন তাদের সারি থেকে দ্রুত এয়ারপোর্টের অন্ধকার মাঠের দিকে ছুটে গেলো। সামনের লিমুজিনটা সশব্দে ব্রেক কষে থামতেই দরজা খুলে ভেতর থেকে লোকগুলো বের হয়ে দিকদ্দিকহীনভাবে ছুটতে আরম্ভ করলো।

আট সেকেন্ড পরেই ঘটনাটা ঘটলো। রেড স্টার ওয়ান নামের লিমুজিনটা প্রধান গেট থেকে চল্লিশ ফিট দূরে পুরো এয়ারফিল্ড কাঁপিয়ে বিস্ফোরিত হলো। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও গাড়িটির ইস্পাত আর কাঁচের তৈরি পার্টসগুলো আগুনে পুড়তে থাকলে দর্শকদের সাথে সাথে ব্যান্ড বাদকেরাও তাদের বাজনা বাজানো থামিয়ে স্ত ম্ভিত হয়ে তা দেখতে লাগলো।

পিকিং রাত ১১টা ২৫।

পিকিংয়ের উত্তরে, ধনী আর ক্ষমতাসীন ব্যক্তিদের নিয়ে যে বসতিটি গড়ে উঠেছে, তার চেয়েও কিছুটা ওপরে, পাহাড়ে, একটা বিশাল কম্পাউন্ড আছে যা সাধারণ লোকচক্ষুর আড়ালে থাকে। পুরো কম্পাউন্ডটি উচু, সাদা পাথরের দেয়াল দিয়ে ঘেরা। কম্পাউন্ডটিতে প্রাক্তন মিলিটারি সদস্য আর স্পেশাল ট্রেনিং পাওয়া গার্ডদের দিয়ে অভেদ্য প্রতিরক্ষাব্যূহ তৈরি করা হয়েছে। দেয়ালের ভেতরের দিকে বিশাল কম্পাউন্ডের কিছু জায়গা জুড়ে ছড়িয়ে আছে একটি ছোটো জঙ্গল। তার ভেতরে ও আশেপাশে সবসময় ছেড়ে দেয়া থাকে হিংস্র, আক্রমণাত্মক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে। এই বিশেষ জায়গাটির নাম জেড টাওয়ার মাউন্টেন। মাও সে তুং, লিন, মাওকি, লিন বিয়াও আর চোউ এনলাও-এর মতো ক্ষমতাসীন এবং প্রভাবশালীরা লোকেরা কোনো না কোনো সময় এখানে থেকে গেছেন। এর বর্তমান বাসিন্দা হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে পিপল্স রিপাবলিকের অর্থনৈতিক ভবিষ্যতের রূপকার হিসেবে ধরা হয়। ওয়ার্ল্ড মিডিয়াতে তিনি সেঙ্গ নামে পরিচিত তার পুরো নাম সেঙ্গ চোউ ইয়াঙ্গ।

একটা বাদামি রঙের সিডান গাড়ি সাদা পাথরের দেয়ালটির ছয় নম্বর গেটের সামনে এসে থামলে একজন গার্ড এগিয়ে আসলো সেটার কাছে।

“আপনার পরিচয়? আপনি কার সাথে দেখা করতে চান? আপনার পরিচয়পত্র বের করুন।”

“মিনিস্টার সেঙ্গের কাছে এসেছি,” বললো ড্রাইভার। “আমার নাম বা পরিচয়পত্রের কোনো দরকার পড়বে না। মিনিস্টারের অথোরিটিকে বলো কাউলুন থেকে তার বার্তাবাহক এসেছে। এতেই হবে।”

গার্ড ভেতরে এসে সেঙ্গ চোউ ইয়াঙ্গের ভিলাতে ডায়াল করলো।

“তাকে আসতে দাও।” ফোনের অপরপ্রান্তের সংক্ষিপ্ত জবাব।

গার্ড আর গাড়িটির কাছে না গিয়ে একটা কমলা রঙের বোতাম টিপ দিলো, ফলে গেটটি আপনাআপনি খুলে গেলো। গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ভেতরে ছুটে যাচ্ছে। বার্তাবাহকের নিশ্চয়ই তাড়া আছে।

“মিনিস্টার সেঙ্গ বাগানে আছেন,” দরজার কাছে দাঁড়ানো আর্মি অফিসারটি বললো। “আপনাকে সেখানেই ডেকেছেন।”

বার্তাবাহক দরজা দিয়ে ঢুকে সেঙ্গের আলিসান বাড়ির ভেতর দিয়ে হেটে মার্বেল পথের বিছানো সিঁড়ি দিয়ে নেমে বাগানো আসলো। বাগানের একটি চেয়ারে সেঙ্গ একাকী বসে আছেন। চিকন গড়ন, মাঝারি উচ্চতা আর অকালে চুলে পাক ধরা সেঙ্গ দেখতে একেবারেই সাদামাটা একজন ব্যক্তি। তার চেহারাতে অন্যদের ভড়কে দেয়ার মতো কিছু থাকলে তা হলো তার চোখ জোড়া। পলকহীন মৃত মানুষের মতো কালোচোখ দুটো দেখলে যে কেউ ভড়কে যাবে।

“আমি জবাব চাই,” চেয়ারের কালো হাতলটি চাপড়ে গর্জে উঠলেন তিনি। “এর জন্য দায়ি কে?”

“সব কথা মিথ্যা, মিনিস্টার! আমরা আমাদের তেল আবিরে লোকদের কাছ থেকে কোঁজ নিয়েছি, যেমনটা বলা হয়েছে, ইসরায়েল থেকে তেমন কোনো লোক আসে নি। কাউলুনে মোসাদ থেকে কোনো এজেন্ট আসে নি!”

“তোমরা কি অ্যাকশন নিয়েছো?”

“আমরা কিছুটা বিভ্রান্ত—”

“কি অ্যাকশন?”

“আমরা মঙ্গককের একজন ইংলিশম্যানকে খোঁজার চেষ্টা করছি যাকে কেউ চেনে না।”

“ইডিয়ট! গাধার বাচ্চা! তোমরা কার সাথে যোগাযোগ করেছো?”

“কাউলুন পুলিশে আমাদের যে লোক আছে তার সাথে। সে বিভ্রান্ত এবং কোনো সমাধান দিতে পারছে না।”

“ওকে মেরে ফেলো।”

“আমি আপনার নির্দেশ জানিয়ে দেবো।”

“আমার মনে হয় না তার দরকার পড়বে,” সেঙ্গ তার বাম হাত তুলে ধরলো, তার ডান হাত ছায়াতে দেখা যাচ্ছে না, সেটা টেবিলের নীচে ঢুকে আছে। “আসো, কুয়োমিঙ্গটাঙ্গের কাছে তোমার আনুগত্য প্রদর্শন করো।”

লোকটি মিনিস্টারের দিকে এগিয়ে গিয়ে ঝুঁকে একটু নীচু হলো। এই মহান লোকটির বাম হাত স্পর্শ করতে যেতেই মুহূর্তে সেঙ্গের ডান হাতটি বেরিয়ে এলো। তাতে একটা পিস্তল ধরা। বিকট শব্দের সাথে সাথে বার্তা বাহকের মাথা উড়ে গেলো। মাটিতে লুটিয়ে পড়লো মৃতদেহটি। সঙ্গে সঙ্গে দরজার সেই আর্মি অফিসারটি হাজির হলো।

“এগুলো পরিস্কার করো,” অর্ডার দিলেন সেঙ্গ। “সে অনেক বেশি জেনে ফেলেছিলো, অনেক বেশি বুঝতে শুরু করেছিলো…”

“এখনি করছি, মিনিস্টার।”

“আর ম্যাকাও’র লোকটির সাথে যোগাযোগ করো। তার জন্য আমার কিছু নির্দেশ আছে, যেগুলো এক্ষুনি বাস্তবায়ন হওয়া উচিত। কাউলুন এয়ারপোর্টের আগুন নেভার আগেই আমি তাকে এখানে দেখতে চাই।”

অফিসারটি লাশ সরাতে লাগলে সেঙ্গ তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। পাশে তিনটি ছোটো ছোটো বৃত্তাকার পুকুর, একটার সাথে আরেকটাতে লাগানো। সেঙ্গ কাছের পুকুরটির দিকে এগিয়ে গেলে পানিতে তার চেহারা ভেসে উঠলো। তারপর তিনি পুকুরের ভাসতে থাকা লিলির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, “শীঘ্রই হংকং আর তার এলাকাগুলো আমাদের মুঠোয় চলে আসবে। আর তারপর আসবে চায়না।”

“আপনি এগিয়ে যান, মিনিস্টার,” বললো অফিসারটি, তার চোখে আনুগত্যের ছাপ। “আমরা আপনাকে অনুসরণ করবো। আমাদের মাতৃভূমি আমরা আবার ফিরে পাবো।”

“হ্যাঁ, তা হতেই হবে,” মাথা দুলিয়ে বললেন সেঙ্গ।

“আমাদেরকে আর থামানো যাবে না। আমাকে আর কেউ থামাতে পারবে ন!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *