বর্ন সুপৃমেসি – ২৫

অধ্যায় ২৫

টেলিফোনটা বেজে উঠতেই মেরি চেয়ার থেকে লাফিয়ে উঠলো। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে রুমটির অপরপ্রান্তে ছুটে রিসিভ করলো ফোনটি।

“হ্যাঁ!”

“কেমন আছেন, মিসেস অস্টিন!”

“মো?…মো পানোভ! থ্যাঙ্ক গড়,” কৃতজ্ঞতায় মেরির চোখ বন্ধ হয়ে আসলো। আলেকজান্ডার ককলিনের সাথে কথা বলার প্রায় তিরিশ ঘণ্টা পার হয়ে যাচ্ছিলো। কিন্তু তাও ওদের কোনো খবর মেরি পাচ্ছিলো না। অসহায়ভাবে অপেক্ষা করতে করতে সে আরো অস্থির হয়ে উঠেছিলো।

“অ্যালেক্স ভাবছিলো সে তোমাকে সাথে নিয়ে আসবে।”

“ভাবছিলো? এতে এতো ভাবার কি ছিলো! আমার কথা বাদ দাও। তোমার কথা বলো। তোমার এখন কেমন লাগছে?”

“আমি পাগল হয়ে যাচ্ছি, মো! আমি আর পারছি না!”

“তোমার ওপর দিয়ে এতো ঝড়-ঝাপটা গেছে যে, আমি তোমার মানসিক অবস্থা নিয়ে আশঙ্কা করছিলাম। তাই আর না পেরে এই এয়ারপোর্টের পে-ফোন থেকেই কল ক’রে বসলাম।”

“তোমরা এসে গেছো!”

“হ্যাঁ।”

“অ্যালেক্স কোথায়?”

“পাশেই। ও আরেকটা পে-ফোনে কারো সাথে কথা বলছে…একটু ধরো। হ্যা, ওর সাথে কথা বলো।”

“মেরি?”

“অ্যালেক্স! ধন্যবাদ তোমাকে। এখানে আসার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ—”  

“আরে, ওসব বাদ দাও তো। আসল কথায় আসো। ওরা তোমাকে শেষ যেবার দেখেছিলো তখন তুমি কি পোশাক পরে ছিলে?”

“পোশাক?”

“হ্যাঁ, যখন তুমি ওদের থেকে পালিয়ে যাও।”

“আমি তো ওদের কাছ থেকে দু’বার পালিয়েছি। শেষবার তো তুয়েন মুন থেকে।”

“না, সেবার না,” বললো অ্যালেক্স। “শেষবার ওরা তোমাকে ভালোভাবে দেখতে পারে নি। শুধু দু’জন মেরিন দেখেছিলো। তার ওপর ওরা নিজেদের বিপদ সামলাতেই ব্যস্ত ছিলো তখন। আমি হংকংয়ের কথা বলছি। হসপিটাল থেকে পালানোর পর তুমি কিছু জিনিস কিনেছিলে, সেগুলো পরেই কানাডিয়ান কনসুলেটে গিয়েছিলে। মনে পড়েছে? সেগুলো কি?”

“হায় ঈশ্বর! তোমার এতোটা মনে আছে কিভাবে?”

“অবাক হওয়ার কিছু নেই। আমি তোমার কথাগুলো নোট ক’রে রেখেছিলাম। জলদি মেরি। মোটামোটিভাবে বলো, কি পরেছিলে?”

“একটা ঢোলা স্কার্ট, সাদা রঙের ঢোলা স্কার্ট। একটা লম্বা কলারওয়ালা নীল রঙের ব্লাউজ”

“সম্ভবত ওটা বদলে নিয়েছিলে তুমি।”

“কি?”

“না, কিছু না। আর কি পরেছিলে?”

“ওহ্, একটা চওড়া হ্যাট, আমার চেহারা ঢাকার জন্য।”

“বেশ!”

“সাথে একটা নকল গুচ্চি পার্স ছিলো, ফুটপাত থেকে কেনা। আর একজোড়া ফ্ল্যাট স্যান্ডেল।”

“আমার দরকার উচ্চতাটা! আমরা হিলওয়ালা জুতোই ব্যবহার করবো। এতেই চলবে, ধন্যবাদ।”

“কিন্তু, কিসের জন্য অ্যালেক্স? তুমি করছোটা কি?”

“ওদের সাথে একটু খেলা করছি,” বললো অ্যালেক্স। “আমি নিশ্চিত, স্টেট ডিপার্টমেন্টের পাসপোর্ট কম্পিউটার আমার এখানে আসার খব টের পেয়ে গেছে। তাছাড়া আমার খোঁড়া পায়ের ছন্দময় হাটা নিশ্চয় ওদের কাস্টসের লোকগুলোরও দৃষ্টি এড়ায় নি। এয়ারপোর্ট থেকে আমরা সোজা কাউলুনের এই রেলস্টেশনে আসি। রেলস্টেশনের বাইরে বেশকজন লোককে ঘোরাফেরা করতে দেখেছি। কিন্তু এরাই সব না। আমি দেখতে চাচ্ছি আর কে কে এর সাথে জড়িত!”

“আমি কিছু বুঝতে পারছি না।”

“পরে বুঝিয়ে বলবো। এখান থেকে নিরাপদে বের হতে পারলেই আমরা তোমার ওখানে যাবো।”

“আর মো?”

“মো আমার সাথেই থাকবে। ওকে একা ছাড়লে ওরা ওকে ধরে নিয়ে যেতে পারে।”

“ওরা তোমাকে ধরবে না?”

“ওরা সহজে আমাকে ধরার সাহস পাবে না।”

“এতো আত্মবিশ্বাসের সাথে বলছো কিভাবে?”

“আমি ওদের সব গোপন অপারেশনের খবর জানি। মেডুসা থেকে ট্রেডস্টোন পর্যন্ত ওদের সকল কুকীর্তিই আমার জানা। এই মুহূর্তে ওদের কাছে আমি একটা চলমান বোমার মতো। যখন তখন সেটা ফেটে পড়তে পারে। আমাকে এতো সহজে ঘাটাবে না কেউ!”

“তোমার কথায় আমি সাহস ফিরে পাচ্ছি। কিন্তু ওরাও বুদ্ধিতে কম যায় না। তাই, যা-ই করো, সাবধানে করো, অ্যালেক্স।”

“এখন আমাদের না, ওদের সাবধান হবার পালা,” ককলিন লাইনটা কেটে দিলো।

মরিস পানোভ আর অ্যালেক্স ককলিন কাউলুনের রেলওয়ে স্টেশনের একটা গিফ্‌টশপ থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মো একসময় অ্যালেক্সেরও চিকিৎসা করেছিলো। আর এই মুহূর্তে সে সম্পূর্ণভাবে তার একসময়কার রোগির নির্দেশের ওপর নির্ভরশীল। যদিও সে সবজান্তা ব্যক্তিত্ব পরিহার করতে পারে নি।

“তোমার স্টেট ডিপার্টমেন্টের লোকগুলো সব চোদন খাওয়া,” সে বললো, “তার এক হাতে একটা পান্ডার পুতুল আর অন্য হাতে একটা রঙিন ম্যাগাজিন। “আমি আরেকবার বলছি, দেখো সব ঠিকমতো মেলে নাকি। নীচে নামার পর আমি ডান দিকের ছয় নম্বর ট্র্যাকে যাবো, তারপর বামে মোড় নিয়ে ট্রেনটার একদম শেষমাথায় পৌঁছাবো। ট্রেনটা কয়েক মিনিটের মধ্যেই আসবে। এ পর্যন্ত ঠিক আছে তো?” প্রশ্ন করলো মো।

“হ্যাঁ, ঠিক আছে,” জবাব দিলো ককলিন।

“তারপর আমি একটা পিলারের পেছনে দাঁড়াবো। একহাতে এই পান্ডার পুতুলটা ধরে অন্য হাতে এই নোংরা পর্নোগ্রাফিক ম্যাগাজিনটা পড়তে থাকবো, যতোক্ষণ না একজন মহিলা আমার কাছে এগিয়ে আসে।”

“একদম ঠিক,” বললো ককলিন। তারা দু’জনেই চলন্ত সিঁড়ি দিয়ে নীচে নেমে এলো।

“কিন্তু ওই মহিলার সাথে দেখা হলে কি বলবো তা তো বলো নি?” প্রশ্ন করলো পানোভ।

“হুমম, বলতে পারো, ‘আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো!” আপনার বাচ্চারা কেমন আছে?”

“এসব গুরুত্বপূর্ণ না। তুমি খালি ওকে পান্ডাটা দিয়ে যতোদ্রুত সম্ভব এই চলন্ত সিঁড়ির কাছে ছুটে আসবে,” ককলিন পানোভের কাঁধে হাত রাখলো। “ঘাবড়াবার কিছু নেই। তুমি ভালো করবে, মো। শুধু আমি যেমনটা বলেছি তাই কোরো। আর দ্রুত এখানে ফিরে এসো। সব ঠিক হয়ে যাবে।”

পানোভ প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে এগিয়ে গেলো। এদিকে লো ইয়ু থেকে আসা ট্রেনটি স্টেশনে ঢুকলো পুরো প্ল্যাটফর্ম কাঁপিয়ে। সে একদম শেষ পিলারটির কাছে গিয়ে দাঁড়াতেই ট্রেনের দরজাগুলো খুলে গেলো আর শত শত লোক হুমড়ি খেয়ে পড়লো প্ল্যাটফর্মে। পানোভ সাদাকালো পান্ডাটা বগলের তলায় চাপা দিয়ে, রঙিন ম্যাগাজিনটা তার মুখের সামনে মেলে রেেেখছে। কিছুক্ষণ পরই সেই অচেনা মহিলা চলে এলে পানোভ তাকে দেখে ভিমরি খেলো।

“তুমি নিশ্চয়ই হ্যারল্ড?” পুরুষালী কণ্ঠে ভেসে আসলো কথাগুলো। লম্বা মানুষটি একটা সাদা ঢোলা স্কার্ট, কটনের ব্লাউজ আর চওড়া হ্যাট পরে আছে। “আমি তোমাকে দেখেই চিনেছি, ডার্লিং!” পানোভের কাঁধে একটা থাপ্পর মেরে বললো সে।

“আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। বাচ্চারা কেমন আছে?” অনেক কষ্টে মরিস পানোভের মুখ দিয়ে কথাগুলো বের হলো।

“অ্যালেক্স কেমন আছে?” প্রশ্ন করলো পুরুষ কণ্ঠটি।

“আমি ওর কাছে ঋণী, আর আমি অকৃতজ্ঞ নই। তাই বলে এভাবে এখানে ডাকাটা পাগলামি।

“হ্যাঁ, তোমাদের দু’জনের মধ্যেই সে লক্ষণটা দেখতে পাচ্ছি।” বললো হতভম্ব সাইক্রিয়াট্‌স্ট।

“জলদি! ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাকে পান্ডাটা দাও। আমি ভিড়ের মধ্যে ঢুকে পালিয়ে যাবো। তুমিও এখান থেকে ভাগো!”

পানোভ তাই করলো যা তাকে করতে বলা হলো। সে দেখতে পেলো বেশ ক’জন লোক স্টেশন থেকে বের হওয়া মানুষের ভিড়ের বিপরীত দিক থেকে ধাক্কাধাক্কি ক’রে তাদের দিকে ছুটে আসছে। পানোভ দেখলো মেয়েদের পোশাক পরা পুরুষটি পিলারের পেছনে গিয়ে তার হাইহিল জুতো খুলে স্টেশনের মানুষগুলোর ভিড়ের দিকে দৌড়াতে শুরু করছে। হঠাৎ কোথা থেকে যেনো এক চাইনীজ তাকে জাপটে ধরার জন্য হাত বাড়িয়ে দিলো, কিন্তু তাকে অসাধারণভাবে পাশ কাটিয়ে ভ্যাবাচ্যাকা খাইয়ে দিয়ে লম্বা লোকটি ছুটে গেলো সামনের দিকে। এবার তার পেছনে আরো বেশকজন লোক ছুটতে লাগলো। ভিড়ের মধ্যে লম্বা লোকটি তার হাতের পান্ডাটি এক পশ্চিমার হাতে ধরিয়ে দিয়ে সামনে ছুটছে এখন। কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়ে আর বেশি দূর ছোটা সম্ভব হলো না। সুট পরা দু’জন চীনা অফিসিয়াল সেই চওড়া হ্যাট আর সাদা স্কার্ট পরা মানুষটিকে জাপটে ধরে ফেললো, অফিসিয়াল দু’জন তার মুখের দিকে তারপর একে অপরের দিকে তাকিয়ে চিৎকার ক’রে উঠলো।

মরিস পানোভ আবারো তাই করলো যা তাকে করতে নির্দেশ দেয়া হয়েছিলো। সে দ্রুত মানুষের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে সেই চলন্ত সিঁড়ির কাছে ফিরে আসলো। এখন সিঁড়ির সামনে লাইনবেধে মানুষ উঠছে। কিন্তু অ্যালেক্স সেখানে নেই! মো ঘাবড়ে না গিয়ে শান্তভাবে আশেপাশে ঘুরে দেখতে লাগলো। কি হলো? কোথায় গেলো সি.আই.এ’র লোকটা?

“অ্যাই?”

পানোভ তার বামদিকে তাকালো। চলন্ত সিঁড়ি থেকে প্রায় তিরিশ ফিট দূরের একটি পিলারের পেছন থেকে অ্যালেক্স সামান্য উঁকি মেরে তাকে ডাকছে। মো ধীরে, সতর্কভাবে তার দিকে এগিয়ে গেলো। ককলিনের ভারি কাঠের পায়ের নীচে মধ্যবয়সী রেইনকোট পরা একটি লোক চাপা পড়ে আছে। “পরিচয় করিয়ে দেই, ইনি হলেন ম্যাথিউ রিচার্ডস। সুদূর প্রাচ্যে সে অনেক দিন ধরেই কাজ করছে। আমরা একে অপরকে চিনি কর্মজীবনের প্রায় শুরুতে। সে সময় অবশ্য তার বয়স অনেক কম ছিলো”

“ঈশ্বরের দোহাই অ্যালেক্স, আমাকে উঠতে দাও!” কাতর কণ্ঠে বললো লোকটি। “আমার মাথা ব্যথায় ফেটে গেছে, তুমি আমাকে কি দিয়ে আঘাত করেছো, রড দিয়ে?”

“না, ম্যাট। আমার অস্তিত্বহীন পায়ের জুতো দিয়ে। বেশ ভারি, তাই না? আর তোমাকে উঠতে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যতোক্ষণ না তুমি আমার প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব দিচ্ছো!”

“বালের প্যাঁচাল! তোমাকে তো বললামই, আমি কোনো স্টেশন চিফ নই। আমি একজন অলস প্রকৃতির অফিসার। ডি.সি থেকে তোমাকে নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে। আমি শুধু এতোটুকুই জানি।”

“শুনলে ডাক্তার?” মরিসের দিকে তাকালো অ্যালেক্স। “স্টেশন চিফ! এটা একটা পুরনো আষাড়ে গল্প যা আমরা এখনও ব্যবহার ক’রে আসছি। স্টেশনের কোথাও কোনো অফিসার ধরা খেলেই স্টেশন চিফের নামে আজগুবি সব গল্প আর অজুহাত ঝাড়তে শুরু করে।”

“হায় জিশু! আমি তোমাকে সত্যি কথাই বলছি। আগামী ফেব্রুয়ারিতে আমার চাকরি শেষ হবে। আমি কেনই বা এখন কোনো নতুন ঝামেলায় জড়াতে যাবো?”

“বেচারা ম্যাট! তুমি নিজেই নিজের বিপদ বাড়ালে। এখন আমি দেশে ফিরে গিয়ে নিশ্চিত করবো যাতে তোমাকে মধ্য আমেরিকার জঙ্গিদের এলাকায় ট্রান্সফার করা হয় আর তার সাথে আরো নিশ্চিত করবো পেনশন হিসেবে তুমি যেনো একটা কানাকড়িও না পাও!”

“বাজে বোকো না!”

“শুধু ভেবে দেখো, লোক ভর্তি ট্রেন স্টেশনে একজন পঙ্গু লোক তোমাকে আক্রমণ করেছে বললে ওরা তোমার কথা বিশ্বাসও করবে না। কিন্তু আমি কোনো অভিযোগ করলে একজন স্টেশন অফিসারের জীবন বদলে যেতে পারে।”

“আমি কিছু জানি না। তোমাকে বলবো কি

“চাইনীজগুলো কারা ছিলো?”

“জানি না–”

“ওরা তো পুলিশ না, তাহলে কারা?”

“গভর্নমেন্টের লোক।”

“কোন্ ব্রাঞ্চের?”

“তা আমাদের বলা হয় নি। আমরা শুধু নির্দেশ পালন করছিলাম।”

“ওহ্, হ্যা, ভুলেই গিয়েছিলাম। তোমরা তো অন্ধ অনুসারী, স্যার যা বলেন তাই পালন করো। ওই বিশালদেহী চাইনীজটা কে ছিলো? দেখতে অনেকটা চাইনীজ পল্ বুনিয়ানের মতো?” ককলিন থামলো। রিচার্ড শুয়ে থেকেই তার মাথা দু’দিকে নাড়ছে।

“লোকটা কে, ম্যাট?”  

“আমি ঠিক জানি না…”

“কে?”

“আমি তাকে আগেও দেখেছি। এই যা! আর কিছু জানি না।”

“তুমি তাকে আগেও দেখেছো। নিশ্চয় অন্যদের কাছে তার ব্যাপারে প্রশ্ন করেছো! তুমি যা যা জানো খুলে বলো, ম্যাট।”

“ঠিক আছে, বলছি। কিন্তু পুরোটাই লোকমুখে শোনা কথা। এর আগাগোড়া কতোটা সত্যি আমি নিজেও জানি না। সে একজন ক্রাউন সি.আই।”

“ক্রাউন সি.আই।” ককলিন মরিসের দিকে ফিরে তাকে বুঝিয়ে বলতে লাগলো, “মানে হংকংয়ের বৃটিশ কাউন্টার ইন্টেলিজেন্স, কিংবা বলা যায় হংকংয়ে কর্মরত লন্ডনের এম.আই৬’র ব্রাঞ্চ।”

মো শুধু মাথা দুলিয়ে বোঝার ভান করলো। “আপনার নেকটাইটা কি পেতে পারি, ডাক্তার?” তার নিজের টাইটা খুলতে খুলতে বললো ককলিন।

“তোমার টাইটাও লাগবে, ম্যাট!”

দু’মিনিট পরের ঘটনা। রিচার্ডস স্টেশনের একটা পিলারের পেছনে পড়ে আছে। তার হাত-পা আর মুখ শক্ত ক’রে তিনটা টাই দিয়ে বাঁধা!

“আমরা এখন নিরাপদ। ওরা সবাই আমাদের মহিলা বন্ধুটির পেছনে গিয়েছে। তাদের এতোক্ষণে মালয়েশিয়ার পথে রওনা দিয়ে দেওয়ার কথা!”

“আচ্ছা, ওই মহিলা, মানে লোকটা কে ছিলো? সে যে মহিলা নয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই!”

“লিঙ্গ বৈষম্য করতে চাই না, তবু বলতে বাধ্য হচ্ছি। এ জায়গা থেকে, ওভাবে চলন্ত সিঁড়ি থেকে লাফিয়ে কোনো মহিলা পালিয়ে বের হতে পারতো না!”

“কিন্তু লোকটা কে?”

“তাকে এখানে মাঝে মাঝে ব্যবহার করা হোতো। বিনিময়ে আমরাও তাকে বর্ডার পার হওয়ার ব্যাপারে সাহায্য করতাম। তার সাথে সব সময়ই বিশেষ কিছু দ্রব্য থাকতো!”

“নারকোটিক্স?”

“না, সে এসব ছুঁতেও রাজি না। সে সাধারণত চোরাই সোনা আর জুয়েলারি হংকং, ম্যাকাও আর সিঙ্গাপুরে পাচার ক’রে থাকে। বেশ কয়েক বছর আগে তার জীবনে খুব বাজে একটা ঘটনা ঘটে। এরপরই সে এ লাইনে আসতে বাধ্য হয়। ১৯৭৬ সালের অলিম্পিকে সে মেডেল পেয়েছিলো। হাই হার্ডল-এ সে ছিলো পারদর্শী।”

“সে তো তাহলে নামকরা অ্যাথলেট ছিলো!” বিস্ময় প্রকাশ করলো মো।

“হ্যাঁ, কিন্তু পরে খবর ফাঁস হয় যে, সে একটা পর্নোগ্রাফিক পোস্টারে নগ্ন হয়ে পোজ দিলে তার মেডেল বাতিল করা হয়। তার অ্যাথলেটিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। আসলে কলেজে থাকতে অভাবের তাড়ণায় পড়ে সে এই কাজ করেছিলো।”

“ওই বিশাল লোকটাই মেজর,” ককলিনের বিপরীত দিকের একটি চেয়ারে ব’সে বললো মেরি। মরিস পানোভ হাটু গেঁড়ে ব’সে মেরির পায়ের তলা পরীক্ষা করছে। “উফ্!” সে আর্তনাদ করে উঠলো।

“তোমার পায়ের ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে দেখছি,” বললো মো। “কিছুই করার ছিলো না, মো। তোমরা এখানেই থাকছো তো?” প্রশ্ন করলো মেরি।

“নীচের তলায়,” বললো অ্যালেক্স। “পাশের দুটো রুমের একটাও পেলাম না। আচ্ছা, ওই মেজর সম্পর্কে বলো তো! কি জানো ওর ব্যাপারে?”

“ওর নাম লিন ওয়েনজু। ক্যাথরিন স্টেপলস্ আমাকে বলেছিলো সে বৃটিশ ইন্টেলিজেন্সের হয়ে কাজ করছে।”

“সে কি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত?”

“পুরোপুরি। সে আরো বলেছিলো মেজর লিনকে হংকংয়ের সেরা ইন্টেলিজেন্স অফিসার হিসেবে ধরা হয়।”

“বুঝলাম,” বললো অ্যালেক্স। “কিন্তু একটা জিনিস মাথায় আসছে না। লন্ডন কেন এর মধ্যে জড়াতে গেলো। ব্যাপারটা অদ্ভূত। আমি যতোদূর জানি বৃটিশরা সহজে তাদের লোকদের আমেরিকার কাজে ব্যবহার হতে দেয় না। আর তাছাড়া ইউ.কে’র এই কলোনিতে আমেরিকানদের গোপন অভিযান পরিচালনা করতে দেয়ার কথাও নয়!”

“কেন?” প্রশ্ন করলো পানোভ।

“অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো ওরা আমাদের বিশ্বাস করে না—আমাদের উদ্দেশ্যকে নয়, ওরা আমাদের বুদ্ধিমত্তাকে বিশ্বাস করতে পারে না।”

“কিন্তু ম্যাকঅ্যালিস্টারের মিশনকে বৃটিশরা স্বাগত জানিয়েছে। আর তার প্রমাণ হলো মেজর লিন। সে বৃটিশ ইন্টেলিজেন্সের অফিসার হয়ে ম্যাকঅ্যালিস্টারের মিশনে কাজ করছে,” বললো পানোভ।

“যতোদূর আমি বুঝতে পারছি, ম্যাকঅ্যালিস্টারের চরিত্রটা মুখ্য নয়। এটাকে তার মিশন বলা যায় না। সে অন্য কারো কথায় নাচছে। সে একজন ভালো বিশ্লেষক তবে ভালো কেস্ অফিসার নয়। এদের এ ধরণের গোপন মিশনে আমরা তাকে হেসেই উড়িয়ে দিতাম,” বললো অ্যালেক্স।

“কিন্তু আমি আর ডেভিড তার কথায় সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম,” বললো মেরি।

“তাকে একটা স্ক্রিপ্ট দেয়া হয়েছিলো তোমাদের সামনে পড়ার জন্য। কারণ লোকদের পরিশ্রম জয় করার ক্ষমতা তার যথেষ্ট রয়েছে।”

“এখন প্রশ্ন হচ্ছে সেই স্ক্রিপ্টটা কে লিখেছিলো?” প্রশ্ন করলো পানোভ। “ক্যাথরিন আমাকে এ বিষয়ে কিছু একটা বলতে চাচ্ছিলো, জানি না এতে তোমাদের কোনো লাভ হবে কি না!” পানোভের দিকে তাকিয়ে বলতে লাগলো মেরি। “সে বলেছিলো একজন বিশেষ স্টেটসম্যান হংকংয়ে গোপন ফ্লাইটে এসেছে। সে আরো বলেছিলো লোকটা কোনো সাধারণ ডিপ্লোম্যাট নয়।”

“তার নাম কি?”

“সে সেটা আমাকে বলে নি। পরে যখন আমি রাস্তায় তাকে ম্যাকঅ্যালিস্টারের সাথে দেখি তখন আমার মনে হয়েছিলো সে তার কথাই বলেছিলো।”

“ম্যাকঅ্যালিষ্টার সম্পর্কে তুমি যা যা বলেছো তা থেকে তাকে ডিপ্লোম্যাট হিসেবে নয় বরং একজন বিশ্লেষক হিসেবেই বেশি মনে হয়। তাছাড়া তাকে বিশেষ কোনো স্টেটসম্যান বলেও মনে হয় না। না, আমার মনে হয় ক্যাথরিন স্টেপলস্ তোমাকে অন্য কারো কথা বলছিলো,” বললো অ্যালেক্স, চিন্তিত কণ্ঠে।

“হতে পারে, কিন্তু তার নাম আমাকে সে কখনও বলে নি।”

“আর তুমি তাকে কখনও জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করো নি,” অবজ্ঞার সুরে বললো ককলিন।

“সেই মুহূর্তে আমি তাকে বিশ্বাস করেছিলাম। সে ছাড়া আর কারো ওপর আমি ভরসা করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম সময় হলে সে নিজে থেকেই বলবে,” উদ্বিগ্নভাবে জবাব দিলো মেরি।

“তাছাড়া তোমাকে মেরির সে সময়কার মানসিক অবস্থার কথাটাও মাথায় রাখতে হবে। এতোটা চাপ, একা একা ওর চেয়ে ভালোভাবে আর কেউ সামলাতে পারতো ব’লে আমার মনে হয় না,” বললো পানোভ।

“হুমম্, তাহলে ক্যাথরিন স্টেপসই আমাদের একমাত্র চাবি। সে-ই বলতে পারবে সবকিছুর ভেতরে কে আছে! সবকিছুর মূলে কারা!”

“কিন্তু তার ওপর নজর রাখা হবে, তাকে নিশ্চয় পাহারায় রাখা হয়েছে!” চেয়ারে সামনের দিকে ঝুঁকে বললো মেরি। “ওরা জানে, তোমরা দু’জন আমার জন্যই এখানে এসেছো। আর ওরা হয়তো আশা করছে তোমরা ক্যাথরিনের সাথে যোগাযোগের চেষ্টা করবে! আর তাই যদি হয়, তাহলে ক্যাথরিন সাথে দেখা করতে যাওয়া আর ওদের ফাঁদে পা দেয়া একই কাজ হবে। আর একবার ওদের ফাঁদে পড়লে, তোমাদের জীবন নিয়েও টানাটানি পড়তে পারে।”

“না, ওরা আমাদের ধরতে পারবে না। ধরার মতো যোগ্যতা ওদের নেই,” চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললো ককলিন।

.

“তুমি একটা আস্ত সমস্যা,” গাড়ির হুইলের পেছনে বসা ম্যাথিউ রিচার্ডস কথাগুলো বললো। গাড়িটা ক্যাথরিন স্টেপসের ফ্ল্যাট থেকে সামান্য দূরের একটি রাস্তায় দাঁড়িয়ে আছে।

“তোমার কৃতজ্ঞতা থাকা উচিত, ম্যাট,” বললো অ্যালেক্স, সে ম্যাটের পাশের সিটে ব’সে আছে। “আমি শুধু যে তোমার নামে কোনো অভিযোগ পাঠাই নি তাই নয়, ওপর দিয়ে আমাকে কিছুক্ষণ নজরবন্দি রাখার সুযোগও ক’রে দিচ্ছি। তোমার আমাকে ধন্যবাদ দেয়া উচিত ছিলো

“বালের প্যাঁচাল!”

“অফিসে ওদেরকে কি জবাব দিয়েছিলে?”

“কি আর বলবো! বলেছি আমাকে ছিনতাই করা হয়েছিলো। পঙ্গুর হাতে মার খেয়েছি জানলে একজন অফিসারের জন্য সেটা মোটেও ভালো হতো না।*

“কয়জন ছিনতাই করেছিলো?” ঠাট্টার সুরে বললো ককলিন।

“পাঁচজন চীনা পাঙ্ক!”

“যাইহোক। এখন আসল কথায় আসা যাক। সেই বুড়ো হাভিলান্ড তাহলে কয়দিন আগে এখানে এসেছে। আর সম্ভবত এই কাজের পেছনে তারই হাত আছে!”

“আমি তা বলি নি! কিছু পেপার থেকে তার আসার খবরটা আমরা জেনেছি।”

“কিন্তু ভিক্টোরিয়া পিকের যে হাউজে সে উঠেছে তার কথা তো পেপারে লেখে নি, ম্যাট!”

“আরে, আমি তো তোমার উপকারই করলাম, নাকি? আমি তোমার ভালো করছি, তুমি আমার ভালো করবে। ভালো করতে না পারলে অন্তত খারাপ করবে না। আমার নামে কোনো অভিযোগ পাঠাবে না। সহজ হিসাব। তবে হ্যা, আমি তোমাকে এ ব্যাপারে কিছুই বলি নি, সেটা যেনো মনে থাকে। মেরিনের মুখ থেকে শুনেছো, ঠিক আছে?”

“হাভিলান্ড,” উৎফুল্লের সাথে বললো অ্যালেক্স।

“হ্যাঁ, সে হতে পারে। লোকটা একগুঁয়ে স্বভাবের। এ ধরণের কাজের জন্য সে একজন আদর্শ লোক!”

.

একটা গাড়ি গতি কমিয়ে স্টেপসের ফ্ল্যাটের সামনেএসে থামলো। একজন মহিলা পেছনের দরজা দিয়ে নেমে বেরিয়ে এলে স্ট্ট লাইটের আলোয় ককলিন তাকে চিনতে পারলো। ক্যাথরিন স্টেপলস্। সে ড্রাইভারকে ইশারায় কিছু একটা বলে তার বিল্ডিংয়ের দিকে হাটতে শুরু করলো।

হঠাৎ, একটা গাড়ির ইঞ্জিনের গর্জনের ফলে নিশ্চুপ পার্কের রাস্তাটিকে কাঁপিয়ে তুললো। তাদের পেছনেই লুকিয়ে ছিলো একটা কালো সিডান গাড়ি। সেটা এখন ছুটে স্টেপসের গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। গাড়িটির জানালা থেকে নির্বিচারে গুলি ছোড়া হলো। গুলির শব্দে সবার কানে তালা লেগে যাচ্ছে।

স্টেপসের গাড়ির জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেলো। তার ড্রাইভারের মাথায় গুলিবিদ্ধ হওয়া দেহটি নিথরভাবে হেলে পড়ে আছে। গাড়ির পাশে ক্যাথরিন স্টেপসের ঝাঁঝরা হয়ে যাওয়া রক্তাক্ত দেহটি কিছুক্ষণ ব্যথায় কাতরিয়ে স্থির হয়ে গেলো। এই আকস্মিক ধ্বংসযজ্ঞ শেষ ক’রে অন্ধকার রাস্তার মাঝে হারিয়ে গেলো কালো সিডান গাড়িটি।

“হায় জিশু!” গর্জে উঠলো হতভম্ব ককলিন। “এখান থেকে পালাও,” নির্দেশ দিলো সে।

“কোথায়? কোথায় যাবো?”

“ভিক্টোরিয়া পিক-এ।”

“তোমার মাথার ঠিক আছে তো?”

“আমারটা ঠিকই আছে, কিন্তু অন্য কারো মাথা বিগড়ে গেছে! আর তাকে এবার আমার কাছে জবাবদিহি করতে হবে। চলো!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *