বর্ন সুপৃমেসি – ২৯

অধ্যায় ২৯

ছুটন্ত গাড়িটার পেছনের সিটে বর্ন ব’সে আছে। চাঁদের আবছা আলোয় বাইরে হালকা আলোকিত থাকলেও গাড়ির ভেতরটা একেবারেই অন্ধকার। কিছুক্ষণ পর পরই অস্ত্রের ব্যারেল দিয়ে ড্রাইভার সিটে বসা বন্দিকে পেছন থেকে গুঁতো মারছে বর্ন। “গাড়িটা দুর্ঘটনায় ফেলার চেষ্টা করেছো তো তোমার মাথার খুলি উড়ে যাবে। বুঝেছো?”

প্রতিবারই কমান্ডো প্রায় একই ধরণের জবাব দিচ্ছে। “আমি কি গাধা নাকি। তুমি আমার পেছনে ব’সে আছো, তোমার হাতে আছে অস্ত্র। তাছাড়া আমি তোমাকে দেখতেও পাচ্ছি না।”

গভর্নমেন্টের ম্যাপটা বর্নের কোলের উপর বিছানো। বাম হাতে একটা পেনলাইট ধরে আছে, ডান হাতে রয়েছে অটোমেটিকটা। সে ম্যাপের দক্ষিণ দিকে যাবার রাস্তাগুলো চিনে নিচ্ছে। আধঘণ্টা পর পর কোনো না কোনো ল্যান্ডমার্কের দেখা পাওয়া যাচ্ছে। এসব দেখে দেখেই সে পথঘাটগুলো চিনতে পারছে। বর্ন উপলব্ধি করতে পারছে সময়ই এখন তার বড় শত্রু। বন্দির দিকে তাকালো সে। জানে সম্পূর্ণ সুস্থ দেহেও এর সাথে হাতাহাতি ক’রে সে পেরে উঠবে না। ওর বয়স অনেক কম। শক্তি বর্নের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত তিন দিনের টানা খাটুনি তার শরীর থেকে সব শক্তি নিঃশেষ ক’রে ফেলেছে। মানসিকভাবেও সে বিপর্যস্ত। তাই বর্ন ওর একটা হাত অকেজো করতে বাধ্য হয়েছে।

বর্ন ম্যাপের মধ্যে জিনান শহরের উপর একটা বৃত্ত আঁকলো। এটা একটা সামরিক এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের আশেপাশে ঝলাভূমির ছড়াছড়ি। পুরো জায়গাটি লম্বা ঘাস আর কাটা তারের বেড়া দিয়ে ঘেরা।

এয়ারপোর্টের ভেতরে একমাত্র রানওয়ে’তে একটা কালো চকচকে এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে। বর্নের সিডান গাড়িটা এয়ারপোর্ট থেকে অনেক দূরে থামলো। আবারো সে গাড়িটাকে লুকিয়ে রাখলো ডালপালা দিয়ে। কমান্ডোকে আবারো একটু অকেজো ক’রে দেয়া হলো। শক্ত তার দিয়ে লোকটার হাত এমনভাবে বেধে রাখলো যে, সামান্য টান পড়লেই হাতের চামড়া কেটে যাবে।

এয়ারফিল্ডের ভেতরে একতলার একটা দালানে বাতি জ্বলে উঠলো। দালানটা দেখতে অনেকটা সৈনিকদের ব্যারাকের মতো। কিছুক্ষণ পরে আশেপাশে আরো দুয়েকটা ল্যাম্পপোস্ট জ্বলে উঠলো। বর্ন তার ব্যাগ থেকে একটা মাও জ্যাকেট, ঢোলা ট্রাউজার আর কাপড়ের টুপি বের ক’রে পরে নিলো—চায়নিজ কৃষকদের পোশাক। কমান্ডো দাঁড়িয়ে দাঁড়িয়ে হতবিহ্বল হয়ে সব দেখছে। সে এই লোকটাকে ঠিক বুঝে উঠতে পারছে না।

“বেড়ার কাছে যাও,” ব্যাগের ভেতর হাতরাতে হাতরাতে বললো বর্ন। “ওখানে হাটু গেড়ে ব’সে মাথা নীচু ক’রে রাখো,” ব্যাগ থেকে পাঁচ ফুটের মতো লম্বা একটা দড়ি বের করলো সে। তার কথা মতোই কাজ করলো কমান্ডো।

বর্ন দড়ির একপ্রান্ত বেড়ার একদম মাথায় আঁটকে অপরপ্রান্ত একটা ফাঁস বানিয়ে তা কমান্ডোর গলায় পরিয়ে দিলো। জেসন এতো দ্রুত কাজটা করলো যে, কমান্ডো কিছু বুঝে ওঠার আগেই তারের বেড়ার সাথে আঁটকে গেলো সে।

“হায়, ঈশ্বর! তুমি কি করতে চাচ্ছো?”

“তুমি কোথাও পালাবে না, মেজর,” বর্ন বললো।

“তুমি আমাকে এখানে রেখে যাবে?”

“বোকার মতো প্রশ্ন করো না! আমরা এখন জিগরি দোস্ত। আমি যেখানে যাবো তুমিও সেখানে যাবে। আসলে তুমি যাবে আগে আগে আমি যাবো তোমার পিছু পিছু, “ জবাব দিলো জেসন বর্ন।

“কোথায় যাবো?”

“আপাতত এই বেড়ার ভেতর দিয়ে।” বর্ন কাটার দিয়ে বেড়ার তার কাটতে শুরু করলো। পক্ষীশালার তারগুলোর তুনায় এটা কিছুই না। খুব অল্প সময়েই কাজটা শেষ হলো।

“উঠে দাঁড়াও, এবার হাটতে শুরু করো।”

“কিভাবে, আমার গলা তো বেড়ার সাথে আঁটকানো?”

বেড়ার সাথে আঁটকানো প্রান্তটি খুলে নিলো জেসন। “এখন আর কোনো বাঁধা নেই।”

কমান্ডো উঠে দাঁড়াতেই জেসন ওর গলার দড়িটা মুখের ওপর দিয়ে প্যাঁচ দিলো। প্যাঁচটা এতো শক্ত হলো যে, কমান্ডোর মুখ হা হয়ে থুতনিটা নীচে নেমে গেলো। কমান্ডোর পক্ষে এখন আর কথা বলা সম্ভব না। জেসন তাকে ধাক্কা দিয়ে সামনে ঠেলতে লাগলো।

“আমরা রানওয়ের শেষমাথায় যাবো,” বললো সে। “হাটতে থাকো।”

এয়ারফিল্ডের ঘাসের মধ্য দিয়ে হাটতে হাটতে বর্ন এই পুরনো ধাঁচের এয়ারপোর্টটা ভালোভাবে দেখ নিলো। তারা দু’জন বেড়ার পাশ দিয়ে ঘেষে অপেক্ষাকৃত অন্ধকার স্থান দিয়ে চলছে। ব্যারাকের পাশে একটা ছোটো চৌকোণা কাঁচের ঘর দেখা যাচ্ছে। সেটার ছাদে একটা টাওয়ার বসানো। এটাই এখানকার টার্মিনাল। ব্যারাকের বাম দিকে বিমান রাখার হ্যাঙ্গার, আর রানওয়ের একদম দক্ষিণে পাঁচটা ছোটো ছোটো এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে। চায়নাতে এতো এয়ারপোর্ট আছে যে, এই জিনান এয়রাপোর্টটি উন্নত করার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই।

“হ্যাঙ্গারের ভেতরে চলো,” কমান্ডোর পিঠে ধাক্কা দিয়ে ফিফিস্ ক’রে বললো বর্ন। “মনে রেখো, তুমি একটু শব্দ করলে কিন্তু তোমাকে আর আমার মারতে হবে না। ওরাই তোমাকে শেষ ক’রে দেবে। এখানে প্রবেশপথ ছাড়া ঢোকা নিষেধ।”

তাদের থেকে মাত্র তিরিশ ফিট দূরে একজন সৈনিক রাইফেল হাতে টহল দিচ্ছে। বর্নের মনে হলো দ্রুত একটা কিছু করতে হবে। কমান্ডোর হাত আর মুখ বাঁধা। সে তাকে হাটু গেড়ে মাটিতে মাথা রেখে ব’সে থাকার নির্দেশ দিয়ে দৌড়ে গেলো হ্যাঙ্গারের দেয়ালের পাশে। দেয়াল থেকে মাথা বের ক’রে উঁকি মারলো বর্ন। সৈনিকটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। একদম নড়ছে না। বর্ন বুঝতে পারলো ব্যাপরাটা। লোকটা প্রশ্রাব করছে। সে পেছন থেকে দৌড়ে বাম পা দিয়ে লোকটার কোমরের একটু উঁচুতে মেরুদণ্ডে আঘাত করলো। তৎক্ষণাত অচেতন হয়ে পড়ে গেলো লোকটা। বর্ন দেহটা টেনে হ্যাঙ্গারের দেয়ালের পেছনে নিয়ে গেলে কমান্ডো মাথা তুলে বিস্ময়ে পুরো ব্যাপারটা দেখছে।

“এই তো, মেজর, তুমি শিখতে শুরু করেছো,” কমান্ডোর চুলের মুঠি ধরে তাকে দাঁড় করিয়ে বর্ন বললো।

“মম্,” কমান্ডো বাঁধা মুখ দিয়েই শব্দ করার চেষ্টা করছে। বর্ন তার হাটুতে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিলো।

“মম্।” সে আবারো কিছু একটা বলার চেষ্টা করলো।

“ঠিক আছে আমি তোমার মুখের বাধন খুলছি। কিন্তু তুমি জোরে কথা বলবে না, আর পালাবার চেষ্টাও করবে না। আমার সাথে তোমার দূরত্ব যেনো পাঁচ ফিটের বেশি না হয়। বুঝেছো?” বললো বর্ন। কমান্ডো তার মাথা উপরে নীচে দুলিয়ে সম্মতি জানালো। বর্ন তার মুখের শক্ত বাধন খুলে দিতেই যেনো হাঁফ ছেড়ে বাঁচলো সে।

“হায় ঈশ্বর!”

“দেখে ভালো লাগছে যে, তুমি ধার্মিক হয়ে উঠছো। এবার বলো কি চাই?”

“টেপ। আমার ডানহাতের অবস্থা মোটেও ভালো নেই। রক্ত ঝরছে,” বললো কমান্ডো। বর্ন তার ব্যাগ থেকে টেপ বের ক’রে দিলো।

হঠাৎ জ্বলে উঠলো এয়ারফিল্ডের ফ্লাডলাইটগুলো। মাঠের দিকে কিছুক্ষণ আলোগুলো ঘুরে সোজা রানওয়ের ওপর গিয়ে পড়লো। সাথে সাথে ব্যারাক থেকে কতোগুলো লোক বের হয়ে দৌড়তে শুরু করলো হ্যাঙ্গারের দিকে। কয়েকজন অন্ধকারে রাখা কতোগুলো গাড়ির দিকে এগিয়ে গিয়ে ইঞ্জিন চালু করলো। টার্মিনালের লাইটও জ্বলে উঠেছে। সব জায়গায় একই সাথে কাজ শুরু হয়ে গেছে। “লোকটার জ্যাকেট আর টুপিটা খুলে পরে নাও,” অচেতন গার্ডটির দিকে ইঙ্গিত ক’রে বর্ন কমান্ডোকে বললো।

“ওগুলো আমার গায়ে হবে না।”

“ঠেসেঠুসে পরে নাও! জলদি!”

“কমান্ডো তাই করলো যা তাকে করতে বলা হলো। তার ডান হাতের অবস্থা এতোই খারাপ যে, জ্যাকেটের ডান হাতটা পরিয়ে দিতে হলো জেসনকেই। তারা দু’জনেই দৌড়ে হ্যাঙ্গার থেকে ব্যারাকের শেষ মাথায় পৌঁছালো। “আমরা হয় এখান থেকে বেরোবো না হয় মরবো, বুঝেছো?” বললো বর্ন।

“বুঝেছি। তাছাড়া ওই কসাই শেঙ্গের সাথে থাকতে থাকতে আমিও ক্লান্ত হয়ে গেছি। আমিও এখান থেকে বেরোতে চাই!” বললো কমান্ডো।

“ওখানে তোমার চেহারা দেখে তা মনে হচ্ছিলো না।”

“যদি আমার চেহারার বিরক্তির ছাপ থাকতো তাহলে ওই পাগল শেঙ্গ আমার ওপরেও চটতো!”

“তোমার সাথে ওর যোগাযোগ হলো কিভাবে?” বর্ন কমান্ডোর দিকে তাকিয়ে বললো।

“জু জিয়াঙ্গ নামের একটা লোকের মাধ্যমে।”

“যাকে সবাই শুয়োর বলে ডাকে!”

“হ্যাঁ, ওরা খুব একটা ভুল বলে না। একটা ক্যাসিনোর পাঁচ নম্বর টেবিলে সে নাম্বার রেখে যায়–”

“ম্যাকাও’র কাম পেক ক্যাসিনো,” কমান্ডোর কথার মাঝখানে বললো বর্ন। “তারপর?”

“ওখান থেকেই সব শুরু হয়। আমি ফোন করে ফ্রেঞ্চে কথা বলি আর লোকটা আমাকে বর্ডারের বাইরে দেখা করতে বলে,” কমান্ডো কথা বলতে বলতে বর্নের দিকে ঘুরলো।

“আমার অস্ত্র তোমার মাথায় তাক্ করা।”

“বুঝেছি।”

“তোমাকে কি এসব ওড়ানোর ট্রেইনিং দেয়া হয়েছিলো?” এয়ারক্রাফটগুলোর দিকে ইঙ্গিত ক’রে কমান্ডোকে প্রশ্ন করলো সে।

“না। শুধু প্যারাসুট দিয়ে জ্যাম্প করার ট্রেনিং আছে আমার।”

“তাতে কোনো লাভ হচ্ছে না।”

একটা প্লেন উড়ে আসছে। প্লেনটির লাইট রানওয়েকে আবছা আলোকিত করেছে। স্বল্প সময়ে প্লেনটা সুন্দরভাবে ল্যান্ড করে ঘুরে একটা চক্কর মেরে আবার রানওয়ের মাথায় এসে দাঁড়ালো।

“কাই গুয়ান কি ইউ?” হ্যাঙ্গারের সামনে থেকে একটা লোক চেঁচালো, কোন্ জ্বালানির ট্রাকটা ব্যবহার করতে হবে জানতে চাইছে সে।

“ওরা গ্যাস ভরছে,” বললো জেসন। “প্লেনটা আবার উড়বে। এটাতেই আমাদের উঠতে হবে।”

কমান্ডো ঘুরে তাকালো। তার চেহারা করুণ দেখাচ্ছে। “ঈশ্বরের দোহাই, আমাকে অন্তত একটা চাকু দাও।”

“প্রশ্নই ওঠে না।”

“আমি সাহায্য করতে পারবো।”

“এটা আমার খেলা, মেজর। তোমার নয়। আর আমার খেলা আমি একাই খেলে থাকি। আর একটা ছুরি পেলে যে, তুমি আমার পেট জন্মদিনের কেকের মতো কাটবে না, তার গ্যারান্টি কি! না, দোস্ত, তোমাকে কিছুই দেয়া হবে না!”

টাওয়ার থেকে পাইলটকে নির্দেশ দেয়া হলো কোন্ ট্রাকটা থেকে ফুয়েল নিতে হবে। একটা ট্রাক জেট বিমানটির কাছে গেলে দু’জন লোক ফুয়েলিংয়ের কাজ শুরু করে দিলো।

“ফুয়েল ভরতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে,” বললো গুপ্তঘাতক। “এটা চাইনীজ ডিসি-৩ মডেলের আধুনিক ভার্সন।”

বিমানটির পেছনের লোহার পাতানো ঢাল দিয়ে দু’জন ইউনিফর্ম পরা লোক বের হয়ে আসলো।

“পাইলট আর তার ফ্লাইট অফিসার,” বললো বর্ন। “ওরা একটু হাওয়া খেতে বের হয়েছে। বেশ, এবার আমাদের কাজ শুরু করতে হবে, মেজর। তোমাকে যখনই বলবো তখনই চলবে। সময়ের কোনো হেরফের যেনো না হয়।”

“আমি সম্পূর্ণ তৈরি।”

“এইতো ভালো ছেলের মতো কথা বলছো।”

“কিন্তু ওদের মনোযোগ অন্য দিকে সরাবে কি ক’রে?”

“ফুয়েল ট্রাক,” বললো বর্ন।

“ফুয়েল ট্রাকটা বিস্ফোরিত করলে প্লেনটাও যাবে! আর আমাদের বাঁচার আশাও থাকবে না।”

“এই ফুয়েল ট্রাকের কথা বলছি না,” জেসন মাথা নাড়িয়ে বললো। “ওদিকে যে ফুয়েল ট্রাকটা আছে, সেটার কথা বলছি।” তাদের ডান দিকে প্রায় একশো ফিট দূরে দুটো লাল রঙের ফুয়েল ট্রাক দাঁড়িয়ে আছে। বর্ন ইঙ্গিত করছে অপেক্ষাকৃত মাঝখানের ট্রাকটাকে। “ট্রাকটা বিস্ফোরিত হলেই প্লেনটাকে বাঁচানোর স্বার্থে ওরা দ্রুত ফ্লাই করবে!”

“হ্যাঁ, আর সাথে আমরাও দ্রুত পালাতে পারবো। চলো, ট্রাকটাকে উড়িয়ে দেই,” বললো গুপ্তঘাতক।

“আমরা না, তুমি করবে! আমি তোমাকে ঠিক যেভাবে বলবো সেভাবে। চিন্তা কোরো না, দূর থেকে আমি তোমার ওপরে নজর রাখছি।” বর্ন তার ব্যাগ থেকে গজ বের ক’রে চাকু দিয়ে খানিকটা কেটে কমান্ডোর দিকে ছুড়ে দিলো। “দেখো, এতো হবে নাকি,” কমান্ডোকে বললো সে।

“কতোক্ষণের জন্য দেবো?”

“দু’তিন মিনিট। আর ধীরে ধীরে যাবে, মেজর। আমি তোমার ওপর নজর রাখছি কিন্তু।”

“আমি তো তোমাকে বলেইছি, আমিও এখান থেকে বের হতে চাই। আমি কোনো গণ্ডগোল পাকাতে যাবো না!”

“সে কি! আমি কি ভুল লোককে ধরলাম নাকি?”

“আমি ঢং করছি না। দু’তিন মিনিটেই মনে হয় হয়ে যবে।”

তারা দু’জনেই ট্রাকটার দিকে এগোলে গুপ্তঘাতক ট্রাকটার ট্যাঙ্কির যে জায়গা থেকে তেল চুয়ে চুয়ে পড়ছে তার নীচের কিণারে গজটা রাখলো। তার দিকে ম্যাচ ছুড়ে দিলো বর্ন। ওদিকে সম্ভবত প্লেনটায় ফুয়েল ভরা শেষ হয়ে গেছে। লোক দুটো ট্রাকের ভেতর ঢুকে পড়েছে এখন।

“আগুন জ্বালাও! এখনই!” বললো বর্ন।

গজে আগুন ধরিয়েই কমান্ডো দৌড়ে বর্নের দিকে আসতে লাগলো।

“আমার আগে আগে যাও,” বললো বর্ন।

“সোজা চলতে থাকো। কুঁজো হয়ে হাটো, যেমনটা তুমি লো ইয়ুতে হেটেছিলে!”

“হায় ঈশ্বর! তুমি সেখানেও ছিলে?”

“হাটতে থাকো।”

প্লেনের পাশ থেকে ফুয়েল ট্রাকটা সরে যাচ্ছে। এই ট্রাকটাও বাকি দুটো ট্রাকের পাশে গিয়ে পার্ক করলো। একটা ট্রাক বিস্ফোরিত হলে বাকিগুলোও টিকবে না। বড়সড় একটা বিস্ফোরণের জন্য প্রস্তুত হলো জেসন। যে কোনো সময় এটা ঘটতে পারে!

পাইলট তার ফ্লাইট অফিসারকে ইশারা করলে তারা দু’জনেই একসাথে প্লেনটির পেছনের ঢাল দিয়ে উঠতে শুরু করলো।

“আরো দ্রুত!” বললো বর্ন। “দৌড়ানোর জন্য প্রস্তুত হও!” তারা প্লেনটির ডান দিকে এগোতে লাগলে হঠাৎ প্লেনের দিক থেকে প্লেনের মেকানিক আর ইঞ্জিনিয়ারসহ বেশ কয়েকজন লোক তাদের দিকে দৌড়ে আসতে লাগলো।

“গুঙ্গজু নে,” একজনের সামনাসামনি পড়ে যাওয়াতে বললো জেসন। কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র আনতে ভুলে যাওয়ার ভান করলো সে।

“গুঙ্গজু?” লোকটা চেঁচিয়ে জবাব দিলো, হাত থেকে যন্ত্রপাতির বাক্সটা জেসনের দিকে বাড়িয়ে দিতেই থতমত খেয়ে গেলো সে। জেসনের চেহারা দেখতে পেয়েছে।

ঠিক তখনই ঘটলো বিস্ফোরণটা। ফুয়েল ট্রাকটা ফেটে গিয়ে আগুন আকাশ ছুয়ে গেলো। ট্রাকের টুকরো টুকরো ইস্পাতের খণ্ড বৃষ্টির মতো ছিটকে পড়তে লাগলো চারদিকে।

“দৌড়াও!” চিৎকার করে বললো জেসন। তারা দু’জনেই দৌড়ে প্লেনের ঢাল দিয়ে উঠতে লাগলো। সেখানে হতভম্ব পাইলট আর তার ফ্লাইট অফিসার অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে।

“কুয়াইর,” টুপিতে নিজের চেহারা আড়াল করে পাইলটকে বললো বর্ন I কমান্ডোর মাথাও সে নীচের দিকে ঠেলে দিলো। “ওয়েঙ্গ ফেট,” সে আরো বললো। পাইলটকে সে বোঝালো প্লেনের সুরক্ষার জন্য তার এখনই উড়াল দেয়া উচিত। সে এখানকার নিরাপত্তাকর্মী, প্লেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেও তাদের সাথে উড়াল দেবে।

দ্বিতীয় ট্রাকটাও বিস্ফোরিত হলো এবার। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিশাল অগ্নিকাণ্ড আকাশ ছুয়ে গেলো।

“তোমার কথাই ঠিক!” চেঁচিয়ে জবাব দিলো পাইলট। তার ফ্লাইট অফিসারের শার্ট ধরে টেনে ফ্লাইটের ডেকের দিকে চলে গেলো সে।

“ভেতরে ওঠো!” বর্ন কমান্ডোকে আদেশ করলো।

“হ্যাঁ, উঠছি!” বললো কমান্ডো।

ঠিক তখনই বিস্ফোরিত হলো তৃতীয় ফুয়েল ট্রাকটা। আর তখনই কমান্ডো ঘুরে বাম হাত দিয়ে বর্নের অস্ত্রটা সরিয়ে তার গায়ে লাথি মারতে শুরু করলো। কিন্তু জেসন প্রস্তুত ছিলো। সে তার অস্ত্রের বাট দিয়ে কমান্ডোর হাটুতে আঘাত করলো, তারপর একইভাবে তার কপালে। কমান্ডো প্লেনের মেঝেতে পড়ে গেলো। তার কপাল থেকে রক্ত ঝরছে। বর্ন ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলো। পিঠ থেকে ব্যাগটা নামিয়ে জেসন তার ভেতর থেকে আরেকটি দড়ি বের করলো। কমান্ডোর কজি দুটো দু’পাশের দুটো সিটের পায়ার সাথে বেঁধে দিলো সে। প্লেনটা এখন রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছে। বর্ন ছুরি দিয়ে আবারো দড়ি দুটো টুকরো করে কমান্ডোর হাটু দুটোও একইভাবে দু’দিকের দুটো সিটের পায়ার সাথে বেঁধে দিলো। কমান্ডো আর কোনোভাবেই পালাতে পারবে না!

বর্ন উঠে দাঁড়িয়ে ফ্লাইট ডেকের দিকে এগোলো। রানওয়ের মাথায় লোকজন আর গভর্নমেন্ট অফিসিয়াল জড়ো হয়েছে। সম্ভবত প্লেনটাকে থামানোর জন্য।

“কাই বার,” অস্ত্রের ব্যারেল পাইলটের মাথায় তাক্ ক’রে বললো বর্ন।

কো-পাইলট ঘুরে তাকাতেই জেসন স্পষ্ট মানদারিনে তাকে নির্দেশ দিলো। “ওড়ার জন্য প্রস্তুত হও। তোমাদের ম্যাপটা আমাকে দাও।”

“ওরা আমাদের যেতে দেবে না!” চেঁচিয়ে উঠলো পাইলট। “পাঁচজন কমিশনারকে নিয়ে যাবার কথা ছিলো আমাদের। তারা এসে গেছে!”

“কোথায় নিয়ে যাবার কথা?”

“বাওডিঙ্গ।”

“ওটা তো উত্তরে,” বললো বর্ন।

“উত্তর-পশ্চিমে,” কো-পাইলট বললো।

“বেশ, তাহলে তুমি দক্ষিণ দিকে যেতে থাকো।”

“আমরা পারমিশন পাবো না,” আবারো চেঁচিয়ে বললো পাইলট।

“তোমার প্রথম ডিউটি হচ্ছে এয়ারক্রাফটকে বাঁচানো। তুমি ওদেরকে বলবে তুমি জানতে না বাইরে কি হচ্ছে। সন্ত্রাসী হামলা, দাঙ্গা, বিদ্রোহ যে কোনো কিছু ঘটতে পারতো। তাই তুমি প্লেন নিয়ে পালিয়েছো। আমি যা বলছি তাই করো। না হলে তোমরা দু’জনেই মরবে!”

পাইলট পিছন ফিরে জেসনকে ভালো ক’রে দেখে নিলো। “তুমি চাইনীজ ভালো বলো, কিন্তু তুমি চাইনীজ নও। তুমি তো পশ্চিমা দেশের লোক। এখানে কি করছো?”

“এই এয়ারক্রাফটটা কমান্ড করছি। দক্ষিণ দিকে রওনা দাও। আর ম্যাপটা বের করো।

স্মৃতিটা ফিরে এলো। দূর থেকে কোনো শব্দ, বজ্রপাত আর সুতীব্র আলো উদভাসিত হচ্ছে তার কছে।

“স্নেক লেডি, স্নেক লেডি! জবাব দাও! তোমার বর্তমান অবস্থান জানাও?”

প্লেনটা তাম কুয়ান জঙ্গালের দিকে এগিয়ে চলেছে; চুপচাপ সব পর্যবেক্ষণ করছে ডেল্টা। সে জানে প্লেনটা কোন্ পথে চলছে, আর সেটাই তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। এয়ারবেস সাইগন গোল্লায় যাক। তাদের কোনো প্রশ্নের জবাব দেবার দরকার নেই।

“স্নেক লেডি! যদি তুমি জবাব দেবার মতো পরিস্থিতিতে না থাকো তাহলে প্লেনটাকে ছয়শো ফিটের নীচ দিয়ে ওড়াও। এটা একজন বন্ধুর উপদেশ। আর তোমরা যেখানে যাচ্ছো সেখানে কোনো বন্ধু পাবে না! ছয়শো ফিটের উপরে উঠলেই ওদের রাডার তোমাদের ধরে ফেলবে।”

এসব জিনিস আমি জানি, সাইগন, আর আমি নিশ্চিত আমার পাইলটও জানে। কিন্তু অনিচ্ছাসত্ত্বেও তাকে চুপচাপ আমার আদেশ পালন করতে হচ্ছে।

“স্নেক লেডি, আমরা তোমাকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। তোমরা যাচ্ছো কোথায়? তোমরা কি কিভাবে ম্যাপ পড়তে হয় সেটাও জানো না?”

“প্লেনটা যতোটা সম্ভব নীচ দিয়ে ওড়াও, তাহলে ওরা রাডাবে ধরতে পারবে না,” আদেশ করলো বর্ন।

“বিদেশী, তুমি উন্মাদ!” চিৎকার করে বললো পাইলট। “এই এয়ারক্রাফটা অতিরিক্ত নীচ দিয়ে চালানো বিপজ্জনক। তাছাড়া সামনেই আছে জঙ্গল এবং উঁচু উঁচু গাছ।”

“গাছগুলো থেকে সামান্য উচুঁতে রাখো, তাহলেই চলবে।”

“এটা পাগলামি ছাড়া কিছু না,” চেঁচিয়ে উঠলো কো-পাইলট। “একটু নিম্নগামী ঝড়ো বাতাস বইলেই আমরা সব জঙ্গলে আছড়ে পড়বো।”

“তোমাদের রেডিওর আবহাওয়া বার্তায় তেমন কোনো আভাস ওরা দেয় নি–” ম্যাপ দেখতে দেখতে বললো বৰ্ন।

“ওটা উপরের আকাশের আবহাওয়া বার্তা ছিলো। নীচের দিককার ঝুঁকি তুমি বুঝতে পারছো না। নীচের দিকের কোনো ঠিকানা নেই।”

বর্ন তাদের কথায় মন না দিয়ে ম্যাপ দেখতে লাগলো।

“ওরা গত তিন ঘণ্টা ধরে আমাদের কাছ থেকে কোনো মেসেজ পায় নি। নিশ্চয় ওরা এখনও আমাদের ট্র্যাক করার চেষ্টা করছে। এখন সম্ভবত ওরা হেঙ্গশুই পাহাড়ী এলাকাটা সার্চ করা শুরু করেছে।”

“আচ্ছা, তার মানে রিপাবলিক এয়ারফোর্স মাঠে নেমেছে…প্লেনটা একশো ষাট ডিগ্‌ মোড় নাও, এক হাজার ফিটের মতো উচ্চতা বজায় রাখো। আমরা পানির ওপর দিয়ে যাবো,” বললো বর্ন।

“ওটা জাপানের সমুদ্রসীমার মধ্যে পড়ে। ওরা আমাদের গুলি করে নামাবে!”

“একটা সাদা পতাকার সিগনাল তৈরি রাখো, আর রেডিওটা আমাকে দাও। আমি দেখছি ওদের কি বলা যায়। ওরা হয়তো নিজ পাহাড়ায় আমাদের কাউলুনে পৌঁছে দেবে!”

“কাউলুনে?” আৎকে উঠলো ফ্লাইট অফিসার। “আমাদের চাকরি যাবে, আমাদের গুলি ক’রে মারা হবে।”

“হতে পারে,” যোগ করলো বর্ন। “কিন্তু এই মুহূর্তে আমি সেটা নিয়ে ভাবছি না। যা বলছি তাই করো।”

“স্নেক লেডি, স্নেক লেডি। ফিরে আসো! যদি আমার কথা শুনতে পাও তো বল ক্যাম্পে ফিরে আসো। পরিস্থিতি আরো কিনাড়ে যেতে পারে। শুনতে পাচ্ছো? ফিরে আসো!”

এরপর দু’বার রেডিওতে তাদেরকে সতর্কবার্তা পাঠানো হলো। প্রথমবার পাঠালো কুইমই-এর ন্যাশনালিস্ট গ্যারিসন, দ্বিতীয়বার পাঠালো রাওপিঙ্গের একটা পেট্রল প্লেন। দু’বারই বর্ন রেডিওতে কথা বলে তাদেরকে শান্ত করলো। প্রথমক্ষেত্রে সে বললো একটা বিকল আর হারিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের খোঁজে তারা এদিকে এসে পড়েছে। দ্বিতীয়ক্ষেত্রে সে বললো পিপল্স সিকিউরিটি ফোর্সের হয়ে কিছু সন্দেহজনক জাহাজের ওপর নজরদারি করতে তাদেরকে পাঠানো হয়েছে। সে অত্যন্ত বিরক্তি আর ক্ষোভের সাথে জানালো যে, টপ সিক্রেট। আর প্রমাণ হিসেবে জিঙ্গ শান পক্ষীশালার রাশিয়ান লিমুজিনের নীচে চাপা দিয়ে রেখে আসা লোকটার আডেন্টিফিকেশন নাম্বার জানিয়ে দিলো।

“প্যারাস্যুটগুলো কোথায়?” প্রশ্ন করলো বর্ন।

“প্লেনের পেছন দিকের কম্পার্টমেন্টে। ডান দিকের দরজা।”

“ভদ্রমহোদয়গণ, আমি ওদিকে যাচ্ছি কিন্তু আমার বন্দুকের নলটা এদিকেই পড়ে থাকবে। প্লেনটার গতিপথ যেনো পরিবর্তন না হয়, ক্যাপ্টেন। আমি এসব ব্যপারে অত্যন্ত অভিজ্ঞ আর গতিপথের সামান্য হেরফের হলেই আমি ধরতে পারবো। তখন কিন্তু সবাইকে মরতে হবে। বুঝেছো?”

“পাষণ্ড কোথাকার!”

জেসন ডেক থেবে বের হয়ে কমান্ডোর বাঁধা শরীরটা টপকে অপর দিকে চলে এলো।

“সময় কেমন কাটালো, মেজর?”

“তুমি আর কি চাও?” কমান্ডোর কপালে বেশ কিছুটা রক্ত জমাট বেঁধে আছে। “তোমার জ্যান্ত শরীরটা কাউলুনে নিয়ে যেতে চাই, ব্যস্‌!”

“যাতে কোনো কুত্তার কাচ্চা আমাকে শূলে চড়াতে পারে?”

“সেটা তোমার ওপর নির্ভর করছে। তুমি সন্তুষ্ট করতে পারলে ওই কুত্তার কাচ্চা তোমাকে মেডেলেও দিতে পারে।”

“তুমি ভালো হেয়ালি করতে পারো, বর্ন! যা বলছো বুঝিয়ে বলো!”

“ভাগ্য সহায় হলে খুব শিগগ্রিই জানতে পারবে।”

“যথেষ্ট ধন্যবাদ!” চেঁচিয়ে বললো গুপ্তঘাতক!

“না, ধন্যবাদ তো তোমাকে দেয়া উচিত। কারণ তোমার কাছে থেকেই আমি পরবর্তী আইডিয়াটা পেয়েছি। মনে আছে, যখন এয়ারপোর্টে এয়ারক্রাফ্টগুলো দেখিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে এগুলো ওড়ানোর ট্রেনিং দেয়া হয়েছে কি না, তখন তুমি কি বলেছিলে?”

“কি বলেছিলাম!”

“তুমি বলেছিলে শুধু প্যারাস্যুট পরে জ্যাম্প দেয়া শিখেছো।”

“চ্যাটের বাল!”

কমান্ডোর পিঠে ভালোভাবে প্যারাসুটটা পরানো হলো। তার দু’হাত-পা এক সাথে পেঁচিয়ে বেঁধে শুধু ডান হাতটা একটু আলগা রাখা হলো প্যারাসুটটা খোলার জন্য। জেসন আবার ফ্লাইট ডেকে এসে ম্যাপটা হাতে নিয়ে ফ্লাইট অফিসারের সাথে কথা বলা শুরু করলো।

“বর্তমান অবস্থান কি?” প্রশ্ন করলো বর্ন।

“হংকংয়ে পৌঁছাতে ছয় মিনিটের বেশি লাগার কথা নয়।”

“খুব ভালে কিন্তু আমরা কাই টাকে ল্যান্ড করছি না। প্লেনটাকে উত্তরের নতুন অঞ্চলগুলোর দিকে নিয়ে যাও।”

“আইয়া! ওরা আমাদের গুলি ক’রে নামাবে!” চেঁচিয়ে উঠলো পাইলট।

“রাডার ধরতে পারলে তো। বর্ডার পর্যন্ত উচ্চতা ছয়শো ফিটের নীচে রাখো, তারপর লো ইয়ুর পাহাড়গুলোর ওপর দিয়ে যাবে। চাইলে শেনঝেনের সাথে রেডিওতে যোগাযোগও করতে পারো।”

“যোগাযোগ ক’রে বলবো কি?”

“সত্যি কথাটা বলতে পারো; এই প্লেনটা হাইজ্যাক হয়েছে। কারণ আমরা বেশিক্ষণ থাকছি না।”

.

তারা লোক মা চাউয়ের দক্ষিণে এক মাছের হ্যাচারিতে নামলো। বর্ন দড়ি দিয়ে হাত-পা বাঁধা গুপ্তঘাতককে টেনে আনলো তার কাছে। হ্যাচারির মালিক পুকুর পাড়ে দাঁড়িয়ে তাদের দিকে চিৎকার করে কিছু বলছে। জেসন হাতে কিছু টাকা নিয়ে তুলে ধরলো। এতো টাকা হ্যাচারির মালিক আর তার স্ত্রী পুরো বছরেও কামাতে পারবে না।

“আমরা আপনার হ্যাচারির ক্ষতি করেছি। আমরা অপরাধী,” বললো বর্ন।

হ্যাঁ, কিন্তু অনেক ধনী অপরাধী। তাই কেউ আর উচ্চবাচ্য করলো না। বিশেষ ক’রে হ্যাচারির মালিক নিজ থেকেই চুপ মেরে গেলো। উল্টো তাকে ধন্যবাদ জানালো এখানে আসার জন্য।

“মগই!” বলতে থাকলো তারা, বার বার কুর্নিশ করে। বর্ন গুপ্তঘাতককে টেনে তুলে আনলো পানি থেকে।

চাইনীজ কাপড়গুলো খুলে ফেলে কমান্ডোর দু’হাতের কব্জি পিঠের পেছনে এনে বেঁধে ফেলা হলো। বর্ন আর তার বন্দী চলে এলো কাউলুনের দক্ষিণে প্রবেশ করার মেইন রোডে। সূর্যের তাপে তাদের ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা খুইব কম। আর যে কয়টা দেখা যাচ্ছে বর্ন তাদের দৃষ্টি আকর্ষণ করলো। সম্ভবত অচেনা পথাচারীদের লিফ্ট দেয়ার ইচ্ছে এদের নেই। এটা এটা বড় সমস্যা যা দ্রুত সমাধান করা প্রয়োজন। কারণ বর্ন হাটার মতো পরিস্থিতে নেই। সে খুব ক্লান্ত। আর এই ক্লান্তির জন্যে সামান্য একটা ভুল পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। না! এখন কোনো ভুল করা যাবে না।

কৃষক, বেশিরভাগই বয়স্ক মহিলা, মাথায় বিশাল বিশাল চওড়া টুপি পরে মাঠে কাজ করছে। কাঁধে বড় বড় ঝুড়ি ঝুলিয়ে তাতে তাদের ফল ওঠাচ্ছে। দু’একজন উৎসুক চোখে বর্ন আর তার বন্দীর দিকে তাকালেও তাদের মনোযোগ আবার কাজে ফিরে গেলো। এদের জীবনে চমকে দেবার মতো নতুন কিছুই ঘটে না। এরা শুধু ব্যস্ত এদের বেঁচে থাকা নিয়ে। ব্যস্ত ক্ষুধার জ্বালা মেটাতে।

সবকিছু খুঁটিয়ে দেখলে নিশ্চয় একটা উপায় বের হবে। উপায়টা বর্ন পেয়েও গেলো।

“থামো, শুয়ে পড়ো,” গুপ্তঘাতককে বললো বর্ন। “রাস্তার পাশে।”

“কি! কেন?”

“কারণ না শুলে আমি তোমাকে গুলি করে শোয়াবো, তাই!”

“আমি ভেবেছিলাম তোমার মিশন হচ্ছে কাউলুনে আমাকে জ্যান্ত নিয়ে যাওয়া!”

“হ্যাঁ, তবে তুমি বাধ্য করলে আমাকে মৃতদেহই নিয়ে যেতে হবে। এখন শোও! চাইলে চেঁচাতেও পারো। তুমি তো চাইনীজ পারো না, তাই কেউ তোমার কথা বুঝবেও না। উল্টো আমার সুবিধা হবে!”

“হায় জিশু, এখনই!”

“হ্যাঁ, তুমি অসুস্থ।”

“কি?”

“শোও! এখনই!”

কমান্ডো মাটিতে শুয়ে পড়লো। তার চোখ সূর্যের উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে আছে। জেসন ঘুরে কাছের কৃষক মহিলাটির দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করলো।

“জিউমিঙ্ক!” বর্ন চিৎকার ক’রে বললো। “রিঙ্গ ব্যাঙ্গ ম্যাঙ্গ!” সে অনুনয় বিনয় করে বললো তার এই আহত সঙ্গীকে সাহায্য করতে, যার সম্ভবত পিঠের বা পাঁজরের কোনো হাড় ভেঙে গেছে। বর্ন তার পিঠের ব্যাগটা খুলে টাকা বের করলো। সে আরো বললো প্রতিটি মিনিটই অত্যন্ত গরুত্বপূর্ণ, ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যাওয়া প্রয়োজন। যদি কেউ সাহায্য করে তাহলে তাকে উপযুক্ত দান দেয়া হবে।

এ কথা শুনে বেশ কয়েকজন কৃষক ছুটে এলো। তাদের চোখ রাস্তায় শুয়ে থাকা রোগির দিকে নয়, বর্নের হাতে ধরা টাকার দিকে।

“ইয়ো গুনজি লাই!” বর্ন অনুরোধ করলো যদি লাঠি বা চিকন বাঁশ জাতীয় কিছু আনা যায় তাহলে রোগির হাটতে সুবিধা হবে।

কাছের মহিলা কৃষকটিই সবার আগে ছুটে গেলো। সে ঝুড়ি ফেলে দিয়েছে, দৌড়ানোর সময় তার মাথার টুপি উড়ে গেছে।

আহত রোগির জন্য একটা চিকন বাঁশও নিয়ে এলো সে। ঠিক সে সময়ই দূরের একটা ট্রাক মহিলার নজরে পড়লো। “ডুয়ো শাও কিয়ান?” সে জেসনকে প্রশ্ন করলো তাকে কতো টাকা দেয়া হবে।

“নি সুয়ো নি,” জবাব দিলো বর্ন, বললো যেকোনো একটা দাম বলতে। সে একটা দাম চাইলে বর্নও সাথে সাথে রাজি হয়ে গেলো। মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ট্রাকটাকে থামতে বললে ট্রাকটা থামলো। মহিলা ড্রাইভারের সথে আবার দামাদামি করতে শুরু করলো। অবশেষে গুপ্তঘাতককে ট্রাকের পেছনে তুলে দিয়ে বর্ন নিজেও উঠে বসলো ট্রাকে

“ছিঃ, এর ভেতর তো নোংরা সব হাঁস দিয়ে ভরা,” ঘেন্নার সাথে কমান্ডো উপরে নীচে তাকিয়ে দেখে বললো। কাঠের খাঁচার ভেতরে অনেকগুলো হাঁস আছে। ট্রাকের ভেতরটা দুর্গন্ধে ভুরভুর করছে। তার বমি চলে এলো। এর উপর একটা অত্যন্ত বুদ্ধিমান হাঁস প্রকৃতির ডাকে সারা দেবার জন্য বেছে নিলো কমান্ডোর মুখটি।

“পরবর্তী গন্তব্য, কাউনুল,” চোখ বন্ধ ক’রে বললো জেসন বর্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *