বর্ন সুপৃমেসি – ৩১

অধ্যায় ৩১

এমারজেন্সি পুলিশ রুমের বাইরে হাসপাতালের করিডোরে ককলিনের সাথে হাভিলান্ডের দেখা হলো।

“বর্ন যোগাযোগ করেছে,” বললো হাভিলান্ড।

“চলুন, বাইরে গিয়ে কথা বলি,” ককলিন বললো।

“বাইরে যাওয়া যাবে না,” জবাব দিলো ডিপ্লোম্যাট। “লিনের অবস্থা এখনও সঙ্গীন, ডাক্তার যখন তখন আমাদের ডাকতে পারে।”

“তাহলে চলুন, ওয়েটিং-রুমে যাই।”

“এমারজেন্সি রুমের ভেতরে আরো পাঁচজন লোক বসে আছে। তাদের সামনে কাথা বলা যাবে না,” হাভিলান্ড চাইছে এই করিডোরেই কথা সারতে। করিডোরের ভিরের মধ্যে ককলিন হয়তো বেশি তর্কে যাবে না।

“আপনি আমার কাছ থেকে কি চান?”

“ওয়েবের স্ত্রী। আর আপনি সেটা ভালো করেই জানেন।”

“হ্যাঁ, জানি, বিনিময়ে আপনি কি দেবেন?”

“হায় ঈশ্বর, ওয়েবকে ফিরে চাই। মেরির স্বামীকে। সে যে বেঁচে আছে তা নিজের চোখে দেখতে চাই।”

“তা সম্ভব নয়।”

“তাহলে খুলে বলুন কেন সম্ভব নয়।”

“সে দেখা দেবার আগে তার স্ত্রীর সাথে কথা বলতে চায়। এটাই আমাদের মধ্যে চুক্তি হয়েছিলো।”

“কিন্তু এখনই তো বললেন তার সাথে যোগাযোগ হয়েছে।”

“সে যোগাযোগ করেছে, আমরা করি নি। আর সে হুমকি দিয়েছে ফোন করার তিরিশ সেকেন্ডের মধ্যে যদি তার স্ত্রীর কণ্ঠস্বর শোনা না যায় তাহলে সেই বন্দীকে সে হত্যা করবে। ককলিন, আপনার জন্য সব ভেস্তে যেতে চলেছে!”

“ডেল্টার কেরামতি দেখছি এখনও শেষ হয় নি। সেও পাল্টা চাল ভালোই চেলেছে। কিন্তু আপনারা বুঝলেন কি ক’রে সে-ই ফোনটা করেছিলো?”

“লিন ওকে একটা কোড দিয়েছিলো, যা বললে এক নাম্বার থেকে অন্য নাম্বারে লাইন ট্রান্সফার হয়। শুধু ওরই সেটা জানার কথা। আমরা অবশ্য জেনে গেছি সে কোথায় আছে। ইতিমধ্যে ওখানে লোক পাঠিয়েছি তার ওপর নজর রাখার জন্য। কিন্তু বর্নের বিন্দুমাত্র সন্দেহ হলে ওদের কপালে দুঃখ আছে।”

“ওর কল ট্রেস্ করেছেন? ও এতোক্ষণ কথা বলে আপনাদের ট্রেস্ করার সুযোগ ক’রে দিলো?”

“ও মারাত্মক মানসিক চাপের মধ্যে আছে। আমরা ধরেই নিয়েছিলাম এই ভুলটা সে করবে।”

“ভুল ওয়েব ক’রে থাকতে পারে, ডেল্টা নয়,” বললো ককলিন।

“সে ফোন করতেই থাকবে,” বললো হাভিলান্ড। “তার আর কোনো পথ খোলা নেই।”

“হতে পারে, আবার নাও হতে পারে। শেষ কলটা কখন এসেছিলো?”

“বারো মিনিট আগে,” হাভিলান্ড তার ঘড়ি দেখে বললো।

“আর প্রথম কলটা?”

“আধ ঘণ্টা আগে।”

“ম্যাকঅ্যালস্টারকে ফোন ক’রে দেখুন সে আবার কল করেছে কি না।”

“আপনি কি ধারণা করেছেন?”

“আমি ধারণা করছি আপনারা একটা বড় ভুল করেছেন।”

“কিভাবে?”

“সেটা জানি না, কিন্তু আমি ওকে ভালোভাবে জানি।”

“আমাদের সাথে যোগাযোগ করা ছাড়া সে আর কীইবা করতে পারবে?”

“হত্যা,” সহজভাবে বললো ককলিন।

হাভিলান্ড হেটে রিসেপশনিস্টের টেবিলের কাছে গিয়ে একটা ফোন করার জন্য অনুরোধে জানালো। কথা শেষে সে আবার ককলিনের কাছে ফিরে এলো। “ম্যাকঅ্যালিস্টারও আপনার মতোই ভাবছে। বর্নের প্রতি পাঁচ মিনিট পর পর ফোন করা উচিত। কিন্তু করছে না।”

“আমরা শুধু শুধুই বেশি ভয় পাচ্ছি। তার ফোন না করার পেছনে কতো কারণই না থাকতে পারে। ফোন করার জন্য কয়েন ফুরিয়ে যেতে পারে, টয়লেট যাবার প্রয়োজন হতে পারে।”

এমারজেন্সি রুমের দরজা খুলে একজন কৃটিশ ডাক্তার বের হয়ে এলো। “মি: অ্যাম্বাসেডর?”

“লিন?”

“সে অসাধারণ একজন মানুষ। তার উপর দিয়ে যা গেছে অন্য কেউ হলে তো এতোক্ষণ টিকতোই না।”

“আমরা তার সাথে দেখা করতে পারি কি?”

“তাতে কোনো লাভ হবে না, কারণ সে এখনও অচেতন। ভালো হয় তাকে কিছুক্ষণ বিশ্রাম করতে দিলে।”

“আপনি তো জানেনই, তার সাথে কথা বলাটা কতো জরুরি।”

“নিশ্চয় জানি, কিন্তু লিনের বিপদ এখনও সম্পূর্ণ কেটে যায় নি। আরো একটা ঘণ্টা পার হতে দিন। আমি আপনাকে আর লিনকে যতোটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো। তার অবস্থা একটু স্বাভাবিক হলেই আমি আপনাকে তার কাছে নিয়ে যাবো। তখন আপনি জিজ্ঞাসাবাদ সেরে নিতে পারবেন।”

“ঠিক আছে, ডাক্তার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।”

অপেক্ষার পালা শুরু হলো। এর মধ্যে একটা দ্বি-পক্ষীয় চুক্তিতে উপনীত হলো হাভিলান্ড আর ককলিন। এর পরের বার যখন বর্ন ফোন করবে তখন তাকে বলা হবে বিশ মিনিটের মধ্যে লাইনটা ঠিক হবে। এই সময়ের মধ্য ককলিন ভিক্টোরিয়া পিক-এ গিয়ে বর্নের কলের জন্য অপেক্ষা করবে। কেউ ডেভিডকে বলবে মেরি এখন মরিস পানোভের সাথে নিরাপদে আছে। অতঃপর বন্দী আর মেরির লেনদেনের স্থানটাও ঠিক করা হবে।

কিন্তু সময়ের কয়টা মিনিট পার হয়ে ঘণ্টায় পৌঁছালো, একসময় ঘণ্টাও পেরিয়ে গেলো, অথচ বর্নের কাছ থেকে আর কোনো ফোন এলো না। হাভিলান্ড চিন্তিত হয়ে দু’বার হেডকোয়ার্টারে ফোন করলো, জানার জন্য যে, বর্ন আবার যোগাযোগ করেছে কি না। কিন্তু কোনো খবর পাওয়া গেলো না। ওদিকে ডাক্তারও দু’বার এসে জানালো যে, লিনের অবস্থার কোনো উন্নতি হয় নি। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হঠাৎ এমারজেন্সি রুমের ফোনটা বেজে উঠতেই হাভিলান্ড আর ককলিনের চোখ সেদিকে গেলো। একজন নার্স ফোনটা রিসিভ ক’রে কথা বলতে আরম্ভ করেছে। না, ফোনটা হাভিলান্ডকে করা হয় নি।

কিছুক্ষণ পরে আবার ফোনটা বেজে উঠলে একজন নার্স হাভিলান্ডের দিকে এগিয়ে এলো। “স্যার, কেউ আপনাকে চাইছে। বলছে, আর্জেন্ট।”

হাভিলান্ড সঙ্গে সঙ্গে ফোনটার কাছে ছুটে গেলো।

যা ঘটার তা ঘটে গেছে। ককলিন বিস্মিত হয়ে হাভিলান্ডকে দেখতে লাগলো। সদা কর্তৃত্বপরায়ন আর প্রচণ্ড আত্মবিশ্বাসী হাভিলান্ডের মুখটা ধীরে ধীরে চুসে যাচ্ছে; লোকটার ভুরু কুঁচকে মুখটা হা হয়ে আছে। অ্যালেক্সের দিকে ফিরে কিছু বললেও তার কণ্ঠস্বর ঠিকমতো শোনাই যাচ্ছে না। প্রচণ্ড আতঙ্কে তার গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না।

“বর্ন সেখানে নেই। নেই সেই নকল গুপ্তঘাতকও। দু’জন অফিসারকে হাত-পা বাঁধা অবস্থার পাওয়া গেছে। তারা গুরুতর আহত।” হাভিলান্ড আবার ফোনের দিকে মনোযোগ ফেরালো। গভীরভাবে সব কথা শুনে গেলো সে। তারপর ককলিনকে বলার জন্য ফিরে তাকালো। “হায় হায়!” হাভিলান্ড আর্তনাদ করে উঠলো।

ককলিন গেলো কোথায়!

.

ডেভিড ওয়েবের আর কোনো অস্তিত্ব নেই, এখন শুধু জেসন বর্ন আছে। তার মস্তিষ্কে এখন কেবল একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, হত্যা, হত্যা আর হত্যা। তার মধ্যে আর কোনো মনুষ্যত্ব অবশিষ্ট নেই, আছে শুধু পশুত্ব।

তার সবচেয়ে মূল্যবান সম্পদকে তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। এখন প্রতিশোধের পালা। ওদের সবাইকে না মারা পর্যন্ত বর্ন থামবে না। ইয়াউ-মা-টি’র রাস্তা দিয়ে সে তার বন্দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। তার যা যা দরকার তা সে দ্বিগুণ দাম দিয়ে কিনে নিচ্ছে। পুরো এলাকায় তার আতঙ্কের কথা ছড়িয়ে পড়লো—একজন পাষণ্ড বিদেশী, আর তার বন্দীর কথা। সে নির্দ্বিধায় মানুষ হত্যা করে। কথাটা ছড়ানোর পর যেমন কিছু দরজা বর্নের জন্য বন্ধ হয় গেলো, তেমনি মাদক, বেশ্যা আর অস্ত্রের দোকানের দরজাগুলো তার জন্য খুলেও গেলো। সে যা চায় তা তাকে দিয়ে দাও। সে চড়া দাম দেয়। এটাই তো যথেষ্ট। অস্ত্র দিয়ে সে কি করবে সেটা তার ব্যাপার। আমরা শুধু টাকা পেলেই খুশি।

মধ্যরাতের মধ্যে ডেল্টা তার মনের মতো সব মারণাস্ত্র যোগাড় ক’রে ফেললো। ইকো কোথায়? ইকো আমার সৌভাগ্য বয়ে এনেছিলো! ইকো আর নেই! ওই পাগল কসাইটা ওকে মেরে ফেলেছে।

ইকো!

মেরি!

আমি ওদেরকে নির্মমভাবে মারবো। ওরা তোমাদের সাথে যা করেছে তার শাস্তি ওদেরকে দেবো। মঙ্গককে টাকা দেখিয়ে সে একটা ট্যাক্সি থামিয়ে ড্রাইভারকে বললো বাইরে বের হতে।

“জ্বি, স্যার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পা?ি ভাঙা-ভাঙা ইংরেজিতে বললো ড্রাইভার।

“তোমার গাড়ির দাম কতো?” বললো ডেল্টা।

“আমি আপনার কথা বুঝলাম না।”

“কতো নেবে? কতো টাকা? এই গাড়িটার জন্যে!”

“ইউফেঙ্গ কুয়াঙ্গল।”

“বুল,” চিৎকার করলো বর্ন। “কাল সকালে তুমি বলতে পারবে এটা চুরি হয়েছিলো, পুলিশ পরে এটা খুঁজে বের করবে।”

“এটাই আমার রুজি-রোজগারের একমাত্র পথ। তোমার মাথা বিগড়ে গেছে।”

“এক হাজার আমেরিকান ডলার দেবো, চলবে?”

“আইয়া, তাহলে গাড়িটা তোমার।”

“কুইয়াইর,” লোকটাকে জলদি করতে বললো জেসন। “আর এই লোকটাকে ঢুকাতে সাহায্য করো। সে মানসিকভাবে অসুস্থ। সবসময় হাত বাঁধা রাখতে হয় যাতে নিজের শরীরে আঘাত না করতে পারে।”

গাড়িতে ঢুকেই ডেল্টা কমান্ডোর হাটু, হাতের কঁনুই আর চোখ বেঁধে ফেললো। গুপ্তঘাতক মোটেও উচ্চাবাচ্য করলো না। কারণ আসল বর্নের মধ্যে সে একটা আকস্মিক পরিবর্তন দেখতে পেয়েছে। এই বর্নকে তার আরো নির্মম, আরো হিংস্র ব’লে মনে হচ্ছে।

কাউলুন থেকে হংকংয়ে যেতে যেতে ডেল্টা তার আক্রমণের পরিকল্পনা আর্টতে লাগলো। নিজেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কল্পনা করে তা থেকে উদ্ধারের পথ খুঁজতে লাগলো সে। পুরনো দিনের কথা মনে পড়ে গেলো তার। মেডুসাতে থাকতে টাম কুয়ান জঙ্গলেও সে একই কাজ করেছিলো। নিজের পুরনো সব স্মৃতি, সব অভিজ্ঞতাকে একসাথে জড়ো ক’রে সবগুলো থেকে শিক্ষনীয় দিকগুলো নিয়ে পরবর্তী আক্রমণের পরিকল্পনা তৈরি করতে লাগলো সে।

ভিক্টোরিয়া পিক-এর উঁচু পাঁচিলওয়ালা বাড়িইটাকে দেখতে পেলো বর্ন। খুব ধীরে বাড়িটর সামনে একবার চক্কর মারলো; যেনো কোনো টুরিস্ট এই অচেনা জায়গায় ঠিকানা খুঁজে বেড়াচ্ছে। পাঁচিলের উপরে কাঁটা তার দিয়ে ঘেরা; লুকানো সার্চ লাইটগুলো বর্নের চোখ এড়ালো না। গেটের পাশের আবছা অন্ধকারে দু’জন মেরিন গার্ড দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের চোখে এটাকে একজন ডিপ্লোম্যাট বা অ্যাম্বাসেডরর বাসভবন ব’লেই মনে হবে; কিন্তু তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তির চোখ ধোঁকা খেলো না। বর্ন জানে দালানের ভেতরে অভিজাত মানুষগুলোকে রক্ষার জন্য গার্ডদের অস্ত্র সবসময় প্রস্তুত থাকে। তাই সেও ব্যাগ ভর্তি করে তাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছে।

বর্ন গাড়িটা একটু সামনে নিয়ে গিয়ে রাস্তার ওপরপাশে থামালো। এটা লুকানোর কোনো দরকার নেই; কারণ সে আর ফিরে আসছে না। তার আর ফিরে আসার কোনো ইচ্ছেও নেই। মেরি চলে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। তার যতোগুলো জীবন ছিলো সব শেষ হয়ে গেছে। ডেভিড ওয়েব। ডেল্টা। জেসন বর্ন। ওরা সবাই এখন অতীত। সে এখন শুধুই শান্তি চায়। চিরনিদ্রায় গিয়ে শান্তিতে ঘুমোতে চায়। কিন্তু তার আগে শেষ কাজটা তাকে করতে হবে। তাকে সবগুলো শত্রু মারতে হবে। তার শত্রু, মেরির শত্রু; এরা আসলে সব মানুষের শত্রু। পর্দার আড়ালে থাকা নামহীন-পরিচয়হীন চরিত্র, যারা সাধারণ মানুষকে নিজেদের খেয়ালখুশিমতো পরিচালিত করে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে।

জেসন গাড়ি থেকে বের হয়ে ট্যাক্সির পেছনের দরজাটা খুলে ছুরি দিয়ে কমান্ডোর হাটু আর কনুইয়ের বাঁধন কেটে দিলেও শুধু মুখের বাধনটা রাখলো। বন্দীর কাঁধ ধরে টানতে যেতেই মোক্ষম একটা আঘাতের শিকার হলো সে! কমান্ডো তার ডান হাটু দিয়ে বর্নের বাম কিডনিতে সজোরে আঘাত করে তার বাঁধা দু’হাত দিয়েই ঘুষি মারলো বর্নের গলায়। প্রচণ্ড ব্যথ্যায় একটু ঝুঁকতেই কমান্ডো তার অপর হাঁটু দিয় বর্নের পাঁজরে সজোরে আঘাত করলো। মাটিতে পড়ে গেলো জেসন। কমান্ডো গাড়ি থেকে হুমড়ি খেয়ে রাস্তায় নেমেই দৌড়াতে শুরু করলো।

না! এটা হতে পারে না। ওকে আমার দরকার! ওর অস্ত্র চালনার দক্ষতা আমার প্রয়োজন। এটা আমার পরিকল্পনারই একটা অংশ। বুকের পাঁজরে প্রচণ্ড ব্যথা নিয়ে বর্ন উঠে দাঁড়িয়ে গুপ্তঘাতকের পেছনে ছুটতে শুরু করলো। দ্রুত না ধরতে পারলে কমান্ডো অন্ধকারে মিলিয়ে যাবে। ডেল্টা আরো জোরে দৌড়াতে শুরু করলো, নিজের ব্যথার কথা ভুলে গেছে সে, তার সম্পূর্ণ মনোযোগ এখন গুপ্তঘাতকের উপর। দ্রুত, আরো দ্রুত! হঠাৎ রাস্তার সামনে ঢাল থকে হেড লাইটের আলো আবির্ভূত হলো। একটা গাড়ি ছুটে আসছে, যার হেডলাইটের আলোয় কমান্ডোকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই আলো থেকে নিজেকে আড়াল করার জন্য কমান্ডো মূল রাস্তা থেকে পাশের ঘাসগুলোতে সরে এলেও বর্ন রাস্তা দিয়েই দৌড়াতে লাগলো, তার সাথে কমান্ডোর দূরত্ব দ্রুত কমে আসছে, এখন গতিপথ বদলানো হবে বোকামি। গুপ্তঘাতকের হাত বাঁধা, সে জেসনের মতো দ্রুত ছুটতে পারছে না, হঠাৎ ঘাসের মধ্যে একটা এবড়ো-খেবড়ো জায়গায় সে হোঁচট খেয়ে পড়ে গেলো। হাটুতে ভর দিয়ে দ্রুত উঠে দাঁড়িয়েই আবার ছুটতে আরম্ভ করলো সে। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডেল্টা তার কঁনুই দিয়ে কমান্ডোর মেরুদণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়লে দু’জনেই একসাথে পড়ে গেলো। তীব্র ব্যথায় কমান্ডো কঁকিয়ে উঠলে কমান্ডোর পেটে হাটু দিয় জোরে আঘাত করলো জেসন।

“আমার কথা কানে ভালো ক’রে ঢোকাও,” জোরে জোরে শ্বাস নিয়ে বললো বর্ন, তার মুখ দিয়ে ঘাম ঝরে পড়ছে। “তুমি বাঁচো বা মরো তাতে আমার আর কিছু আসে যায় না। আর কয়েক মিনিট পরে আমার কাছে তোমার আর কোনো মূল্যই থাকবে না। কিন্তু ততোক্ষণ পর্যন্ত তুমি আমার পরিকল্পনারই একটা অংশ। তাই এরপরের বার কোনো রকম ঘাউরামি করলে সোজা গুলি ক’রে তোমার চান্দি উড়িয়ে দেবো। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এরকম সুযোগ তুমি কাউকে কখনও দাও নি! এখন উঠে পড়ো! যেমনটা বলছি ঠিক তেমনি করবে, নইলে…”

.

তারা দু’জন আবার গাড়িটার কাছে ফিরে এলো। ব্যাগ থেকে একটা অস্ত্র বের করলো ডেল্টা। “তুমি জিনান এয়ারপোর্টে আমার কাছে একটা অস্ত্র আর একটা ছুরি চেয়েছিলে, মনে আছে?” গুপ্তঘাতক তার মাথা দুলিয়ে জবাব দিলো, তার মুখ এখনও বাঁধা। “এটা তোমার,” শান্তভাবে বললো জেসন! “ওই পাঁচিলটার ওদিকে গেলে তুমি আমার সামনে সামনে হাটতে থাকবে, তখনই আমি তোমার হাতে এই অস্ত্রটা তুলে দেবো।” গুপ্তঘাতক অবাক চোখে তাকিয়ে আছে। “ওহ্, আমি বলতে ভুলে গেছি। তোমার চোখ তো তখন বাধা ছিলো। ওই বাড়িটা একটা গোপন হেডকোয়ার্টার। আমরা ওর ভেতরে ঢুকছি। যাকে যাকে সামনে পাবো আমি সামলে নেবো। আর তুমি? তোমার এটাতে নয় রাউন্ড গুলি আছে। সাথে একটা বোনাসও পাবে। একটা বোমা।” মঙ্গকক থেকে কেনা একটা প্লাস্টিক বোমা বর্ন ব্যাগ থেকে বের ক’রে দেখালো। “আমি যতোদূর জানি, তুমি ওই দেয়াল টপকে এদিকে পালাতে পারবে না। ওরা তোমাকে আস্ত রাখবে না। তোমার একমাত্র পথ হবে লড়াই করা। পারলে সবাইকে শেষ ক’রে গেট দিয়ে পালিয়ে যেয়ো। বোমার টাইমার কমপক্ষে দশ সেকেন্ড দেয়া যাবে। তুমি যেভাবে খুশি এটা ব্যবহার করতে পারো। তাতে আমার কোনো সমস্যা নেই। বুঝেছো?”

গুপ্তঘাতক তার বাধা হাত তুলে তার মুখের বাঁধনের দিকে ইঙ্গিত করলো। সে চাইছে তার বাঁধন খুলে দেয়া হোক।

“এখন না! যখন আমি প্রস্তুত হবো, তোমার হাতের বাঁধন কেটে দেবো,” জবাব দিলো জেসন। “কিন্তু মুখের বাঁধন সাথে সাথে খুলতে পারবো না। যদি আমি বলার আগেই সেটা খোলার চেষ্টা করো তাহলে তুমি তোমার সুযোগ হারাবে।” গুপ্তঘাতক বর্নের দিকে তাকিয়ে তার মাথা দোলালো। বর্ন আর তার বন্দি ভিক্টোরিয়া পিক-এর সেই বাড়িটার দিকে এগিয়ে গেলো এবার।

.

ককলিন দ্রুত খুঁড়িয়ে খুঁড়িয়ে রেলিং ধরে হাসপাতালের সিঁড়ি দিয়ে নেমে এলো। বাইরে বেরিয়েই ট্যাক্সি খুঁজতে লাগলো সে। একটা ট্যাক্সিও দেখা যাচ্ছে না। পাশেই ইউনিফর্ম পড়া একজন নার্স দাঁড়িয়ে ম্যাগাজিন পড়ছে আর কিছুক্ষণ পরপরই পার্কিংলটের দিকে তাকাচ্ছে।

“এক্সকিউজ মি, মিস্,” দম নিতে নিতে বললো অ্যালেক্স ককলিন। “আপনি কি ইংরেজি বলতে পারেন?”

“একটু একটু,” বললো মহিলাটি। ককলিনের খোঁড়া পায়ের দিকে তার নজর পড়রো। ককলিন এখনও হাঁপাচ্ছে। “আপনার কি কোনো সমস্যা হয়েছে?”

“অনেক সমস্যা। আমার একটা ট্যাক্সি দরকার। আমাকে এখনই একজনের সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু সেটা ফোনে করা সম্ভব নয়।”

“আপনি ডেস্কে গিয়ে বলুন। তারা অবশ্যই ফোন ক’রে আপনার জন্য একটা ট্যাক্সি ডেকে দেবে। তারা আমার জন্য প্রতি রাতেই ডেকে দেয়।”

“আপনি সেটার জন্যেই অপেক্ষা করছেন…?”

“এই তো, এসে গেছে,” পার্কিংলট থেকে আসা হেডলাইটের দিকে তাকিয়ে বললো মহিলা।

“মিস্,” আর্তনাদ ক’রে উঠলো ককলিন। “এটা খুবই আর্জেন্ট! জীবন-মৃত্যুর ব্যাপার। আমি সময়মতো না পৌঁছালে হয়তো একজন মারা যেতে পারে। প্লিজ, আমি কি”

“বিয়ে সোওজি?” ককলিনকে শান্ত হতে বললো নার্স। “আপনার আর্জেন্ট সমস্যা, আমার কোনো সমস্যাই নেই। আপনি আমার ট্যাক্সিটা নিয়ে যান। আমি আরেকটা পাঠাতে বলছি।”

“ধন্যাবদ!” ট্যাক্সিটা তাদর সামনে এসে থামলে বললো ককলিন। “ধন্যবাদ!” ট্যাক্সির দরজাটা খুলে আবারো বললো ককলিন। মহিলা মাথা দুলিয়ে তার দিকে শান্তভাবে হাসলো কেবল। ককলিনি ভেতরে বসতেই গাড়ির আয়না দিয়ে দেখতে লাগলো নার্সটি আবার হাসপাতালের দিকে ফিরে যাচ্ছে। লিনের দু’জন লোক বাইরে আসার সময় নার্সটির সাথে তাদের একজনের ধাক্কা লাগলে তারা নার্সকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। “জলদি,” ড্রাইভারকে বললো অ্যালেক্স। গাড়িটা দ্রুত ছুটতে শুরু করলো।

.

ককলিন সদা ব্যস্ত, আলো ঝলমলে আর রমরমা বাণিজ্যিক এলাকা গোল্ডেন মাইলে ঢুকেই ট্যাক্সি থেকে নেমে পড়লো। দ্রুত খুঁড়িয়ে খুঁড়িয়ে সে নাথান রোড থেকে পৌঁছে গেলো পূর্বদিকের রাস্তার ডান পাশে। কোথায় ওরা? কোথায় পানোভ? কোথায় মেরি? অ্যালেক্স স্যালিসব্যারি রোডের দিকে হাঁটতে শুরু করলো এবার।

ওই তো ওরা! ফুটপাতের একটা জমজমাট দোকানোর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। “এদিকে। আসো!” মেরির কাঁধে হাত রেখে বললো ককলিন।

“অ্যালেক্স!” আবেগাপ্লুত হয়ে পড়লো মেরি।

“তুমি ঠিক আছো তো?” জিজ্ঞেস করলো পানোভ।

“না,” বললো ককলিন। “আমাদের কেউই ঠিক নেই।”

“ডেভিড! ওর কিছু হয়েছে, তাই না!” মেরি ককলিনের বাহু টেনে ধরলো। “এখনও কিছুই হয় নি। জলদি করো। আমাদেরকে এখান থেকে পালাতে হবে।”

“ওরা তোমাকে ফলো করেছে?” মেরি ভিমড়ি খেলো। তার চোখে আতঙ্ক।

“না, কিন্তু ওরা যখন তখন এখানে পৌঁছে যেতে পারে,” বললো ককলিন। “জলদি হোটেল পেনিনসুলার সামনে চলো, আমি ওখানে একটা ট্যাক্সি ঠিক ক’রে রাখতে বলেছিলাম।”

তারা ট্যাক্সিতে উঠে পড়লো। মেরি আর অ্যালেক্সের মাঝে বসলো পানোভ। ড্রাইভার জানে তাকে কোথায় যেতে হবে।

“ডেভিডের কি হয়েছে?” আবার প্রশ্ন করলো মেরি।

“সে ফিরে এসেছে। সে এখন হংকংয়েই আছে।”

“ঈশ্বরকে ধন্যবাদ।”

“এখনও আশা হারানোর সময় হয় নি!” বললো অ্যালেক্স।

“তার মানে?” তীক্ষ্ণভাবে প্রশ্ন করলো পানোভ।

“একটা গণ্ডগোল হয়েছে। অপারেশনটা ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

“হেয়ালি না করে একটু খুলে বলবে কি?”

“তুমি কি বলতে চাইছো, ডেভিড এমন কিছু করেছে বা করতে যাচ্ছে যা তার করার কথা নয়?” মেরি ককলিনের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো।

“অনেকটা সেরকমই,” ককলিন গাড়ির জানালা দিয় হংকংয়ের ভিক্টোরিয়া হার্বারের দিকে তাকালো। “আমি ডেল্টার চালগুলো যতো ভালোভাবে ধরতে পারতাম তা আর কেউ পারতো না। ওর পদক্ষেপগুলো অনেকবারই আমি আগে থেকে অনুমান করতে পেরেছিলাম। তারপর ও যখন বর্ন হয়ে গেলো, তখন আমি ওকে যেভাবে ধাওয়া করতে পারতাম তা আর কেউ পারতো না। কারণ আমি জানতাম ওর কি কি পথ খোলা আছে আর তার থেকে সে কোটা বেছে নেবে! আমি ওর ভেতরের মানুষটাকে চিনতাম। সেই ডেল্টা আবার ফিরে এসেছে। আর আমি অনুমান করতে পারছি সে কি করতে যাচ্ছে। ঈশ্বর, আমার অনুমান যেনো ভুল হয়।”

.

বর্নের অস্ত্র গুপ্তঘাতকের কাঁধে তাক্ করা, উঁচু পাঁচিল থেকে তাদের দূরত্ব মাত্র দশ ফিট।

“সামনের দেয়ালের তুলনায় পাশের দেয়ালগুলো একটু নীচু আমরা সেদিক দিয়েই উঠবো। ওদিকে আলাদা কোনো লাইটের ব্যবস্থা নেই। তাই বেশি সমস্যা হবে না,” ডেল্টা তার বন্দির কলার ধরে দেয়ালের দিকে এগোতে এগোতে বললো।

আর মাত্র চার ফিট। ডেল্টা তার পকেট থেকে একটা আঠালো গোলাকার প্লাস্টিকের টুকরা বের ক’রে একটা প্লাস্টিক বোমার গায়ে লাগিয়ে বোমাটা গেটের কাছে দেয়ালে আঁটকে দিলো। বিস্ফোরণের সময় ঠিক করা হলো সাত মিনিট। সাত মিনিটে সে আর গুপ্তঘাতক দেয়ালের ওপাশে যেতে পারবে, তাছাড়া এই সংখ্যাটাকে সৌভাগ্য মনে করা হয়।

তারা সামনের দেয়াল থেকে কোণার দিকে চলে এলো।

“দাঁড়াও,” বললো ডেল্টা। ব্যাগ খুলে কালো রঙের ছোটো একটা বাক্স বের করলো সে। বাক্সটার সাথে পাতলা ৪০ ফুট লম্বা তার জোড়া লাগালো। এটা একটা অ্যামপ্লিফাইড স্পিকার। স্পিকারটি সে দেয়ালের মাথায় বসালো। তারা দেয়ালের যেদিকটার দাঁড়িয়ে আছে সেখানে একটা গাছের ডালপালা দেয়ালটিকে ঘিরে রেখেছে। গোপনে ঢোকার জন্য এটাই আদর্শ জায়গা।

“এখান দিয়ে,” ব্যাগ থেকে তার কাটার যন্ত্রটা বের ক’রে বললো ডেল্টা। “আমি এবার তোমার বাধন খুলে দেবো, কিন্তু তার মানে এই না যে তুমি সম্পূর্ণ স্বাধীন। বুঝেছে?” কমান্ডো মাথা দুলিয়ে হ্যা-বোধক জবাব দিলে ডেল্টা তার দড়ি দিয়ে গুপ্তঘাতকের কব্জির বাঁধন খুলে দিলো। কমান্ডোর দিকে তার কাটার যন্ত্রটা এগিয়ে দিয়ে তার হাটু বাঁকিয়ে দাঁড়ালো সে। “আমার পায়ের উপর দাঁড়িয়ে তার কাটতে শুরু করো। কিন্তু মাতব্বরি করার চেষ্টা করবে না। তোমার কাছে এখনও অস্ত্র দেয়া হয় নি, কিন্তু আমার হাতে অস্ত্র আছে।”

বন্দি তাই করলো যা তাকে করতে বলা হলো।

গুপ্তঘাতকের বাম হাত অত্যন্ত দক্ষতার সাথে তার কেটে চললো। প্রায় পাঁচ ফিটের মতো কাঁটা তার কেটে সরিয়ে ফেলা হলো।

“এবার পাঁচিলের উপর ওঠো,” বললো ডেল্টা।

গুপ্তঘাতক উপরে উঠেই তার বাম পা দেয়ালের অপর দিকে ঝুলিয়ে দিলে ডেল্টা কমান্ডোর সেই পা-টা ধরে দেয়ালের উপর উঠে আসলো।

“এতোক্ষণ পর্যন্ত সব ভালোই হয়েছে, মেজর অ্যালকট প্রাইস,” বললো ডেল্টা। তার বাম হাতে একটা ছোটো মাইক্রোফোন আর ডান হাতের অস্ত্রটা কমান্ডোর দিক তাক্ করা।

“আর বেশিক্ষণ নেই! তোমার জায়গায় আমি হলে এই যুদ্ধক্ষেত্র যাচাই করা শুরু ক’রে দিতাম।”

.

ককলিনের ক্রমাগত অনুরোধে ড্রাইভার তার সর্বোচ্চ গতিতে ভিক্টোরিয়া পিক-এর রাস্তায় ঢুকলো। তারা রাস্তার পাশে দেখতে পেলো একটা জীর্ণ পুরনো ফাঁকা গাড়ি, যা এই অভিজাত এলাকায় বড্ড বেমানান। গাড়িটা দেখে অ্যালেক্স ঢোক গিললো, সে বিপদের গন্ধ পাচ্ছে।

“ওই তো সেই বাড়িটা,” উত্তেজনার চেঁচিয়ে উঠলো ককলিন। “ঈশ্বরের দোহাই, আরো জোরে চালাও, জলদি ওদিকে যাও”

কথাগুলো সে শেষ করতে পারলো না। তাদের চোখের সামনে কান ফাঁটানো এক বিস্ফোরণের শব্দে পুরো রাস্তাটা কেঁপে উঠলো। কুণ্ডলী পাকানো আগুন যেনো

৩৭০

আকাশ ছুঁয়ে যাচ্ছে, চারদিকে ছিটকে পড়ছে ইস্পাত আর পাথরের টুকরো। দেয়ালটার একটি অংশ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। তারপর তাদের চোখের সামনেই ইস্পাতের বিশাল গেটটা আস্তে আস্তে মাটিতে আছড়ে পড়লো।

“হায় হায়! আমার অনুমানটাই ঠিক,” ফিফিস্ ক’রে বললো অ্যালেকজান্ডার ককলি। “ডেল্টা ফিরে এসেছে। সে মরতে চায়। তাকে আর বাঁচানো যাবে না!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *