অধ্যায় ১
কাউলুন। চীনের সর্বশেষ জনবহুল বর্ধিত অংশ যার সাথে মূলনীতি ছাড়া উত্তরের মূল ভূখণ্ডের আর কোনো মিল নেই—কিন্তু এই মূলনীতিই বয়ে চলেছে গভীরে, আর নির্মম রাজনৈতিক সীমানার বাস্তবতাকে পরিহার ক’রে ভর করেছে মানুষের হৃদয়ের গভীরতম গিরিখাদে। এখানে মাটি এবং পানি সম্পদের উৎস একটিই, আর এই মূলনীতিই নির্ধারণ ক’রে দিয়েছে মানুষ কিভাবে এই সম্পদ ব্যবহার করবে। এখানে চিন্তা শুধুই ক্ষুধার জ্বালা নিয়ে, নারী-শিশুর ক্ষুধার জ্বালা, চিন্তা বেঁচে থাকা নিয়ে। আর কিছু নয়। বাকি সবকিছুই অপ্রয়োজনীয় গোবরের মতো পড়ে রয়েছে আস্তাকুঁড়ে পচার জন্যে।
সূর্যাস্তের সময় কাউলুন এবং হংকং দ্বীপটির ভিক্টোরিয়া হার্বারের ওপর নেমে এলো এক অদৃশ্য চাদর, ঢেলে দিলো দিনের সকল হৈ-হল্লা। রাস্তার হকারদের চিৎকার চেঁচামেচি হারিয়ে গেলো এক ফালি ছায়ার মাঝে, কাঁচ আর ইস্পাতের উদ্যমহীন জাঁকালো দালানে উচ্চবিত্ত শ্রেণীর শান্ত কথাবার্তা রূপান্তরিত হলো ক্লান্ত মাথার দোলানি আর কাঁধের মৃদু ঝাঁকানিতে। রাত নেমে আসছে, ডুবন্ত কমলা রঙের সূর্য পশ্চিম আকাশের প্রকাণ্ড নিঃসঙ্গ একটা খাঁজকাটা মেঘের টুকরোকে ভেদ ক’রে আসার চেষ্টা করছে। তীক্ষ্ণ স্পষ্ট আলোকারশ্মিগুলো যেনো অস্বীকার করছে দিগন্তের মাঝে হারিয়ে যেতে, তারা চাইছে না পৃথিবীর এই অংশ তাদের ভুলে যাক।
শীঘ্রই আকাশের সমস্ত প্রান্ত অন্ধকারময় হয়ে উঠবে, শুধু নীচের দিকটি ছাড়া। নীচে, মানুষের আবিষ্কৃত আলোকচ্ছটা পৃথিবীকে ঝলমলে আলোয় আলোকিত করবে পৃথিবীর এই অংশকে, যেখানে জমি আর পানি সম্পদকে ঘিরে সকল চিন্তা, সকল দ্বন্দ্ব-সংঘাত। আর সেই সঙ্গে শুরু হয়ে যাবে কর্কশস্বরে রাত্রিকালীন অনন্ত আমোদ-প্রমোদের আয়োজনের সাথে অন্যান্য খেলাও, যে খেলা মানবজাতির সৃষ্টির শুরুতেই পরিহার করা উচিত ছিলো।
জীর্ণ কাঠামোর ভেতরে শক্তিশালী ইঞ্জিনটি নিয়ে ছোটো একটি মোটরবোট ছুটে চলেছে লাসা চ্যানেল দিয়ে, অগ্রসর হচ্ছে হার্বারের উপকূলপ্রান্তে। একজন কৌতুহলহীন দর্শকের কাছে এটি হয়তো আরেকজন ঝিয়াও ওয়ান জু—এক তুচ্ছ জেলের সন্তান, যে কিনা এখন ছোটোখাটো একজন ধনী, মাহ্ জং-এ গিয়ে উন্মাদনাপূর্ণ রাত কাটানো, গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে হাশিশ আর ম্যাকাও থেকে জুয়েলারি স্মাগলিং করাই তার কাজ—এতে কার কী এসে যায়? ছেলেটি হয়তো তার ধীরগতির জীর্ণ সাম্পানের ইঞ্জিনের বদলে দ্রুতগামী প্রপেলার ব্যবহার ক’রে আরো ভালোভাবে জাল ফেলতো বা ব্যবসা করতে পারতো। এমনকি চীনের সীমান্তবর্তী গার্ড আর শেনজেন ওয়ান উপকূলের টহলদার বাহিনীও এমন তুচ্ছ বে- আইনী লোকদের দিকে গুলি ছোঁড়ে না। এরা খুবই গুরুত্বহীন, তাছাড়া মূল ভূখণ্ডের বাইরে নতুন অঞ্চলের কোনো পরিবার এর দ্বারা কোনো উপকৃত হবে কি না কে জানে। হয়তো সে তাদেরই একজন। পাহাড় থেকে আনা লতাপাতায় এখনও তাদের পেট ভরে হয়তো নিজের জন্যেই সেটা আনছে। এতে আর কার কি এসে যায়? তাদের আসতে দাও। যেতে দাও।
ছোটো মোটরবোটটি তার ক্যানভ্যাস কভার দিয়ে ককপিটের সামনের দু’দিক ঢেকে দিয়ে গতি কমিয়ে দিয়ে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা ছোটো ছোটো নৌকা এবং মোটরবোটগুলোর মাঝে আঁকাবাকা পথে সতর্কতার সাথে অ্যাবারডিনে তাদের জনাকীর্ণ বার্থে ফিরে এলে এক এক ক’রে নৌকার লোকগুলো ক্ষোভের সঙ্গে এই অনধিকার প্রবেশকারীকে অভিশাপ দিতে লাগলো। অভিশাপ দিতে লাগলো এর উদ্ধত ইঞ্জিনটিকে, আরো অভিশাপ দিলো এর পেছনে জেগে ওঠা মসৃণ জলরেখাকে। এই অনধিকার প্রবেশকারী তাদের এক এক ক’রে অতিক্রম করলে সবাই আশ্চর্যজনকভাবে চুপ মেরে গেলো। ক্যানভাস কভারের নীচের কিছু হয়তো তাদের হঠাৎ ক্ষোভের অবসান ঘটিয়েছে।
নৌকাটি হার্বারের করিডোরের দিকে ছুটে যাচ্ছে, অন্ধকারময় জলে প্লাবিত পথটির ডান দিকে আলো ঝলমলে হংকং দ্বীপ আর বাম দিকের কাউলুনের মধ্যবর্তী সীমান্ত। মিনিট তিনেক পরে আউটবোর্ডের মোটরটি এর সর্বনিম্ন গতিতে নেমে এলো, নৌযানটি তার গতিপথ বদলে ধীরগতিতে গোডাউনে ভেড়ানো দুটো নোংরা বার্জ অতিক্রম ক’রে অবাধে ঢুকে পড়লো সিম শা সুই-এর পশ্চিম দিকের ফাঁকা জায়গায়। এই হলো কাউলুনের সমুদ্রতীরবর্তী জনাকীর্ণ, ডলারে মোহাবিষ্ট শহর। হৈচৈয়ের মাঝে ঘাটের দোকানিরা রাতের টুরিস্টদের ফাঁদে ফেলতে এতোটাই ব্যস্ত যে, সেদিকে ভ্রূক্ষেপও করলো না, হয়তো এটা আরেকজন জেলে, মাছ ধরে ফিরে আসছে। কে আর এ নিয়ে ভাবতে যাবে?
তারপর, ঠিক চ্যানেলের নৌকার লোকগুলোর মতো, এই তুচ্ছ প্রবেশকারীর আশপাশের দোকানগুলোও চুপ মেরে গেলো। উত্তেজিত কণ্ঠস্বরগুলোর আদেশ আর পাল্টা আদেশ মাঝপথেই থেমে গেলো যখন তাদের চোখ পড়লো কালো, তেল চিটচিটে মই বেয়ে জেটিতে উঠে আসা লোকটির ওপর।
তিনি একজন ধর্মযাজক। তার পবিত্র শরীরে ধবধবে সাদা কাফতান ঢিলেঢালাভাবে জড়িয়ে তার লম্বা লিকলিকে গড়নকে আরো ফুটিয়ে তুলেছে। চীনাদের তুলনায় তিনি অনেক লম্বা, হয়তো ছয় ফুটের কাছাকাছি। মৃদু বাতাসের কারণে ঢিলে কাপড়টি সরে যাচ্ছে। দেখা যাচ্ছে তার চোখের সাদা অংশ। সেই চোখে দৃঢ়তা আর হিংসার ছাপ। যে কেউ দেখলেই বুঝতেই পারবে ইনি কোনো সাধারণ যাজক নন। ইনি একজন হেসাঙ্গ, যেসব জেষ্ঠ্য জ্ঞানী অল্পবয়সী ভিক্ষুদের অন্তরের আধ্যাত্মিক জ্ঞান অনুধাবন করতে পারেন তাদের দ্বারা বাছাইকৃত সেরা ভিক্ষু তিনি, যার নিয়তি নির্ধারিত হয়ে আছে মহৎ কোনো কাজের জন্য। তার লম্বা চিকন গড়ন এবং আগুনের ন্যায় জ্বলন্ত চোখ কোনো সমস্যাই নয়। এমন ধার্মিক ব্যক্তিরা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যক্তিত্ব দিয়ে, চোখের চাহনি দিয়ে, আর লোকজন উদারহস্তে দান খয়রাত করে, কখনও ভয়, কখনও বা শ্রদ্ধা থেকে। তবে বেশির ভাগক্ষেত্রে ভয় থেকেই। হয়তো এই হেসাঙ্গ এসেছে ওয়াংডোর ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে লুকানো কোনো গুপ্ত সংগঠন থেকে, অথবা দূরবর্তী, কিংবা গাউয়ান পর্বতের কোনো ধর্ম সম্প্রদায় থেকে। বলা হয়ে থাকে এরা প্রাচীন হিমালয়বাসীর উত্তরসুরী, সব সময় ঠাটবাটে চলে আর আতঙ্ক সৃষ্টি ক’রে বেড়ায়। তাদের দুর্বোধ্য শিক্ষা খুব অল্প মানুষই বুঝতে পারে। এমন শিক্ষা যা ভদ্রতার বেশে স্থাপিত, কিন্তু অবনণীয় যন্ত্রণার সামান্য আভাসেই তাদের শিক্ষা তিরোহিত হয়ে যায়। এখানে জলে-স্থলে সর্বত্র নিদারুণ যন্ত্রণা। সুতরাং কার দায় পড়েছে আরো বাড়তি যন্ত্রণা কামনা করার?
সাদা-কালো পোশাক পরা লোকটি মানুষের ভিড়ের মাঝে ধীর পায়ে হেটে যেতে লাগলেন, ভিড়ে গাদাগাদি স্টার ফেরিঘাটটি পার হয়ে সিম শা সুই-এর বাড়ন্ত হৈ-হল্লার মাঝে অদৃশ্য হয়ে গেলেন তিনি। আর চলে যেতেই দোকানগুলো ফিরে গেলো তাদের আগের হৈহল্লায়।
ধর্ম যাজক পেনিনসুলা হোটেলে পৌঁছানোর আগপর্যন্ত পশ্চিম দিকের স্যালিসবুরি রোড ধরে চলতে লাগলেন। এরপর তিনি উত্তরের নাথান রোডের দিকে আলো ঝলমলে গোল্ডেন মাইলের ঘাঁটির দিকে এগোতে থাকলেন, সেখানে খোলামেলা পোশাকে অর্ধনগ্ন মেয়েরা হাক-ডাক করছে খদ্দেরদের দৃষ্টি আকর্ষণের জন্যে।
ধার্মিক লোকটি ভিড়ে গাদাগাদি দোকান আর পণ্যসামগ্রীতে ঠাসা গলি, তে- তলা ডিসকো আর ছাদহীন ক্যাফে, যেখানে দোকানের উপরে নতুন বিলবোর্ডগুলো প্রাচ্যের কাম প্রবৃত্তি আয়োজনের ইঙ্গিত দিচ্ছে, সেসব এক এক ক’রে অতিক্রম করলেন। স্থানীয় লোক আর টুরিস্ট সবার নজরে পড়লেন তিনি। লোকটি প্রায় মিনিট দশেক আলোয় ঝলমলে এই উৎসবমুখর পরিবেশের মাঝ দিয়ে হাটলেন। মাঝে মাঝে এক পলক নজর দিয়ে আশপাশটা চেনার চেষ্টা করলেন। এরপর বার দু’য়েক মাথা ঝাঁকিয়ে এতোক্ষণ ধরে তাকে অনুসরণ করতে থাকা গাট্টাগোট্টা চীনা লোকটিকে কিছু একটা নির্দেশ দিলে দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ভালো ক’রে চারপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে লাগলো সে।
জিনিসটা পাওয়া গেলে সে ইশারায় দু’বার মাথা ঝাঁকাতেই ধর্মযাজক উল্টো দিকে ঘুরে একটা ক্যাবারের ভেতরে ঢুকে পড়লেন। চীনা লোকটি বাইরেই দাঁড়িয়ে থাকলো। হাত দুটো তার জামার ঢিলে হাতার ভেতরে এমনভাবে লুকানো যে কারো নজরে সেটা পড়বে না, তার দৃষ্টি এখনও সেই উন্মত্ত রাস্তার দিকে। এমন রাস্তা তার বোধগম্যতার উর্ধ্বে। কি নোংরামি! কি সাংঘাতিক। কিন্তু সে একজন টুডি। তার অনুভূতি যতোই আঘাত পাক না কেন, জীবন দিয়ে হলেও সে ধর্মযাজককে রক্ষা করবে।
ক্যাবারের ভেতরে ঘন ধোঁয়ার স্তর যেনো ঘুরন্ত রঙিন আলোকরশ্মিগুলোর কারণে বিদীর্ণ হয়ে যাচ্ছে, সবটাই যেনো কুণ্ডলী পাকিয়ে এগিয়ে যাচ্ছে লেজের দিকে। সেখানে একটি রক ব্যান্ড পাঙ্ক আর দূরপ্রাচ্যের সঙ্গীতের উগ্র, উত্তেজিত মিশ্রণ ঘটিয়ে কানে তালা লাগানো চিৎকার চেঁচামেচি করছে। চকচকে কালো টাইট ফিটিং পোশাক, বুকের কাছে খোলা নোংরা সাদা সিল্কের শার্টের ওপর কালো লেদারের জ্যাকেট আর নীচে লম্বা রোগা পায়ে বাজে ফিটিং করা ট্রাউজার। প্রত্যেকের মাথার উপরিভাগ শেভ করা, প্রতিটি চেহারা বিদঘুটে, যেনো ফুটিয়ে তুলছে পাশ্চাত্য আর প্রাচ্যের সংঘাত। এই বেসুরো বাজনা হঠাৎ থেমে গেলে শুধু একটি বাদ্যযন্ত্র থেকে বেদনাবিধুর চাইনিজ সুর বাজাতে লাগলো। স্পটলাইটের আলোর ঝলঝকানির মাঝে ব্যান্ডের সদস্যরা নিথরভাবে দাঁড়িয়ে আছে এখন।
ধর্মযাজক একটু দাঁড়িয়ে এক মুহূর্তেই ভিড়ে গাদাগাদি করা ঘরের লোকসংখ্যা গুনে নেবার চেষ্টা করলেন। টেবিলে ব’সে থাকা বেশ কয়েকজন মাতাল কাস্টমার তার দিকে তাকালো। এদের মধ্যে কয়েকজন তার দিকে পয়সা বাড়িয়ে দিয়ে চলে গেলো, আর কেউ কেউ চেয়ার ছেড়ে ওঠার সময় ড্রিংকসের পাশে কিছু হংকং ডলার রেখে এগিয়ে গেলো দরজার দিকে। হেসাঙ্গের উপস্থিতি সবাইকে প্রভাবিত করেছে, কিন্তু মোটা লোকটির কাছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। টাকসিডো পরা লোকটি তার দিকে এগিয়ে গেলো।
“আপনার জন্যে কি করতে পারি, পুরোহিত?” চড়া কণ্ঠে প্রশ্ন করলো ক্যাবারের ম্যানেজার। যাজক সামনে ঝুঁকে লোকটির কানে কানে কিছু বললে ম্যানেজারের চোখ বড় বড় হয়ে গেলো। সম্মতির ভঙ্গিতে মাথা ঝাঁকালো সে, তারপর দেয়ালের পাশের ছোটো টেবিলটার দিকে ইশারা করলো। ধর্মযাজক মাথা দুলিয়ে সায় দিলেন। আশপাশের কাস্টমারেরা অস্বস্তির দৃষ্টিতে তাকাতে লাগলো যখন ম্যানেজারের পেছন পেছন তাদের চেয়ারের দিকে এগোতে লাগলেন যাজক লোকটি।
ম্যানেজার ঝুঁকে নীচু হয়ে কোনো দ্বিধা ছাড়াই বললো, “আপনার ক্লান্তি দূর করার জন্য কি কিছু নিয়ে আসবো, পুরোহিত?”
“ছাগলের দুধ, যদি থাকে। আর যদি না থাকে, তাহলে শুধু পানিই যথেষ্ট। ধন্যবাদ।”
“আপনার আগমনে এই জায়গা আজ ধন্য,” যেতে যেতে অভিবাদনের ভঙ্গিতে মাথা নত ক’রে টাকসিডো পরা লোকটি বললো। পুরোহিতের কথায় যে আঞ্চলিক টান আছে সেটা কোথাকার বোঝার চেষ্টা করলো সে। এটা তার কাছে একেবারেই নতুন। এতে অবশ্য কিছু যায় আসে না। এই লম্বা, সাদা পোশাক পরা পুরোহিতের লাওবানের সাথে কাজ আছে। সেটাই আসল ব্যাপার। তিনি লাওবানের নাম বলেছেন, এ নামটি গোল্ডেন মাইলে প্রায়ই শোনা যায়, আর এই বিশেষ সন্ধ্যায় হোমরাচোমরা ধরণের এক ভদ্রলোক, যাদেরকে চায়নাতে তাইপান নামে ডাকা হয়, একটি বিশেষ ক্যাফে’তে অবস্থান করছেন ——এমন একটি ঘরে যার অস্তিত্ব তিনি কাউকে জানাতে চান না। তবে সে পুরোহিতকে স্পষ্ট ক’রে বলে দিয়েছে, তার আসার কথা লাওবানকে গিয়ে বলা তার কাজের আওতার মধ্যে পড়ে না।
আজ রাতে গোপনীয়তা বজায় রাখাতে হবে, তিনি জোর দিয়ে বলেছিলেন। যখন সেই মহান তাইপান এনার সাথে দেখা করতে চাইবেন, কেউ নিশ্চয় একে খুঁজতে আসবে। তবে তাই হোক, এইভাবেই লাওবান তার গোপনীয়তা বজায় রাখে, যে কিনা হংকংয়ের সবচেয়ে ধনী আর বিশিষ্ট তাইপানদের একজন।
“অ্যাই, রান্নাঘর থেকে একটা ছোকরাকে নীচে রাস্তায় বালের ছাগলের দুধ আনতে পাঠা,” কর্কশ কণ্ঠে ফ্লোরের হেড-বেয়ারাকে বললো ম্যানেজার।
“আর, ওরে বল্, তাড়াতাড়ি করতে। ওই শালার চাকরি থাকা আর না থাকা এর উপরই নির্ভর করছে।”
ধর্মযাজক টেবিলে চুপচাপ বসে রইলেন, তার জ্বলন্ত চোখ এখন কিছুটা নিষ্প্রভ, আশপাশের নির্বোধ কার্যকলাপ দেখছেন তিনি। বাহ্যত তিনি এর প্রতিবাদ করছেন না, আবার সমর্থনও করছেন না, কিন্তু পুরোটাই অবলোকন করছেন যেনো একজন বাবা তার পথভ্রষ্ট অথচ প্রিয় সন্তানদের দেখছেন।
ঘুরন্ত আলোকরশ্মিগুলোর মাঝে যেনো হঠাৎ বাধা পড়লো। কয়েক টেবিল দূরে উজ্জ্বল ক্যাম্পার ম্যাচের কাঠি জ্বলে উঠতেই নিভে গেলো। তারপর আরো একবার নিভে গেলো, অবশেষে তৃতীয়টি জ্বলে উঠলো, শেষের কাঠিটি একটি লম্বা কালো সিগারেটের নীচে ধরা হলো। এই ক্ষণিকের আলোকঝলকানি দৃষ্টি আকর্ষণ করলো ধর্মযাজকের। ধীরে ধীরে তিনি তার পবিত্র মুখটি আগুনের উৎসের দিকে ফেরালে খোঁচা দাড়িওয়ালা, জীর্ণ পোশাক পরা, নিঃসঙ্গ গেঁয়ো চীনাটির সঙ্গে তার চোখাচোখি হলো। ধর্মযাজক এমন ধীরে ধীরে তার মাথা উপর নীচে দোলালেন যে সেটা বোঝাই গেলো না। দেয়াশলাইয়ের আগুন নিভে যাবার আগে ঠিক সেই রকমই মৃদু মাথা দোলানো একটি জবাব পেলেন তিনি।
কয়েক সেকেন্ড পরেই সেই জীর্ণ পোশাক পরা ধূমপায়ীর টেবিলে আগুন জ্বলে উঠলো। আগুন জ্বলে উঠলো টেবিলের উপরিপৃষ্ঠে, দ্রুত সেটা ছড়িয়ে পড়লো কাগজের সামগ্রী, ন্যাপকিন, মেনু, ঝুড়িসহ সম্ভাব্য বিপদসৃষ্টিকারী সকল উপকরণে। জীর্ণ বেশভূষার চীনাটি চিৎকার ক’রে উঠলো, জোরালো শব্দে টেবিলটি উল্টে দিলো সে, আর সঙ্গে সঙ্গে ওয়েটাররা চেঁচিয়ে আগুনের উৎসের দিকে ছুটে গেলো দৌড়ে। সরু নীল অগ্নিশিখা অকল্পনীয় গতিতে আশপাশের কাস্টমারদের পায়ের কাছে ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে তারা তাদের চেয়ার থেকে প্রায় লাফ সরে গেলো। হট্টগোল আরো বেয়ে গেলো যখন লোকগুলো অ্যাপ্রোন আর টেবিলক্লথ দিয়ে বাড়ি মেরে নেভানোর চেষ্টা করতে শুরু করলো সামান্য আগুনটুকু। ম্যানেজার আর তার হেড-বয় উত্তেজিতভাবে ইশারা করছে, চিৎকার ক’রে বোঝাতে চাইছে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে, বিপদ কেটে গেছে। এসব দেখে রক ব্যান্ডটি আগের চেয়েও তীব্রতার সাথে বাজাতে শুরু করলো তাদের মিউজিক। তারা চেষ্টা করছে লোকগুলোর মনোযোগ আবারো সেই উগ্রতালের সঙ্গীতে ফেরাতে, ভয়ংকর সেই অভিজ্ঞতা থেকে দূরে সরিয়ে রাখতে।
হঠাৎ ক’রে সেখানে আরো বড় ঝামেলা, আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। যার অসাবধানতা আর বেঢপ সাইজের ম্যাচের জন্যই এতো ক্ষয়ক্ষতি হয়েছে সেই জীর্ণ পোশাকের গেঁয়ো লোকটির সাথে সংঘর্ষে লিপ্ত হলো দু’জন হেডবয়। সেই লোকটি এর জবাব দিলো উইঙ্গশুন কুংফর সাহায্যে। শক্ত হাত দুটি দিয়ে তাদের কাঁধে আর গলায় আঘাত করলো। আর পা দিয়ে সজোরে আঘাত করলো তাদের তলপেটে। চীনা দুটো পাক খেয়ে কাস্টমারদের মাঝে ছিটকে পড়লো। এই শারীরিক সংঘর্ষ ভীতিকর পরিস্থিতিটাকে আরো বাড়িয়ে দিলো I মোটাসোটা ম্যানেজার ভদ্রলোক এবার রাগে জ্বলে উঠে সে নিজেই হস্তক্ষেপ করতে গেলো, কিন্তু তার বুকের পাঁজরে মাপমতো লাগা আকস্মিক লাথিটা তাকে ছিটকে ফেলে দিলো বেশ দূরে।
তিনজন ওয়েটার তাদের ম্যানেজারকে সাহায্য করতে এলে খোঁচা দাড়িওয়ালা চীনাটি তাদের দিকে সজোরে ছুড়ে মারলো একটা চেয়ার। কয়েক সেকেন্ড আগেও যেসব পুরুষ আর মহিলা ভয়ে চিৎকার করছিলো তারাই এখন হাত-পা ছুড়ে আশপাশে যাকে পেলো মারতে শুরু করলো। রক ব্যান্ডটি তাদের তালের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। উগ্র বেসুরো সঙ্গীত বর্তমান দৃশ্যের সাথে বেশ মানানসই হয়েছে বলা যায়। এক পর্যায়ে গোলমাল প্রায় কমে এলে বিশালদেহী গেঁয়ো লোকটি রুমের চারদিকে একবার চোখ বুলিয়ে দেয়ালের পাশের টেবিলটিতে তাকালো। সেখানে ধর্মযাজক নেই!
চীনা লোকটি আরো একটি চেয়ার উঠিয়ে পাশের একটি টেবিলের উপর ছুড়ে মারলে টেবিলের ফ্রেমটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো। একটি ভাঙা পায়া ঘুরতে ঘুরতে ছিটকে পড়লো লোকজনের মাঝে। আর কয়েক মুহূর্ত এভাবে চালাতে হবে, এই কয়েকটি মুহূর্তই এখন সবকিছু।
ধর্মযাজক ক্যাবারের মূল প্রবেশপথের দেয়ালটি থেকে দূরে, অনেক ভেতরের একটি দরজা দিয়ে প্রবেশ করলেন। দরজাটি সাথে সাথে বন্ধ ক’রে হলে যাওয়ার লম্বা সংকীর্ণ প্রবেশপথে ডিমলাইটের আবছা আলোর নিজের চোখদুটো মানিয়ে নেয়ার চেষ্টা করলেন তিনি। তার ডান হাত সোজা এবং নিথর হয়ে আছে সাদা কাফতানটির ভাঁজের ভেতরে, আর বাম হাত সাদা কাপড়ের ভেতরে কোমরের কাছে কোণাকোণিভাবে বাঁকানো। করিডোরটির শেষ মাথায়, প্রায় পঁচিশ ফিটের মতো দূরত্বে, একটি লোক হঠাৎ দেয়ালের মাঝখান দিয়ে বের হয়ে এলো। তার ডান হাত দ্রুত কোটের ভেতরে ঢুকে গেলো একটি বড় হেভি-ক্যালিবারের রিভলবার বের করার জন্যে। ধর্মযাজক বারবার ধীরে ধীরে, ভাবলেশহীন ভঙ্গিতে নিজের মাথা উপর-নীচে দোলাতে লাগলেন আর এমন ভঙ্গিতে এগোতে লাগলেন যেনো কোনো ধার্মিক শোভাযাত্রায় হাটছেন তিনি।
“বুদ্ধ অপরিমেয়, বুদ্ধ অপরিমেয়,” শান্ত কণ্ঠে তিনি বারবার বলতে বলতে লোকটির দিকে এগোতে লাগলেন।
“সবকিছুই শান্তিময়, শান্তিই সবকিছু, মানবাত্মার লক্ষ্যও তাই।”
“জোউ মাতিয়াহ?” গার্ডটি দরজার পাশে ছিলো, সে তার কুৎসিত অস্ত্রটি সামনের দিকে তাক্ ক’রে কর্কশ কণ্ঠে উত্তরের প্রাদেশিক ভাষায় জিজ্ঞেস করলো। “যাজক মশাই, আপনি কি পথ হারিয়েছেন? আপনি এখানে কি করছেন? বের হয়ে যান! এখানে তো আপনার থাকার কথা নয়।”
“বুদ্ধ অপরিমেয়, বুদ্ধ অপরিমেয়…”
“বের হয়ে যান! এক্ষুণি।”
গার্ড কোনো সুযোগই পেলো না। ধর্মযাজক দ্রুততার সাথে ক্ষুরের মতো পাতলা দু’ফলা চাকু তার কোমরের ভাঁজ থেকে বের ক’রে লোকটির কব্জিতে নিমেষেই আঘাত হানলে গার্ডের পিস্তল ধরা হাতটি তার বাহু থেকে আলগা হয়ে গেলো। এরপর তিনি লোকটির গলায় চাকুর ফলাটি ঢুকিয়ে দিলে ফিকি দিয়ে বের হতে লাগলো রক্ত। মুহূর্তেই তার মাথা রক্তাক্ত হয়ে গেলে লোকটি মেঝেতে পড়ে থাকলো লাশ হয়ে।
কোনো রকম দ্বিধা ছাড়াই খুনি যাজক ধীরস্থিরভাবে ছোরাটি তার কাফতানের কাপড়ে ঢুকিয়ে ফেললেন, ঠিক যেখানে আগে ছিলো। তারপর ডান দিকের জামার ভেতর থেকে বের করলেন একটি পাতলা ফ্রেমের উজি মেশিনগান। এর ম্যাগাজিনে প্রয়োজনের চেয়েও বেশি গুলি আছে। পা দিয়ে সজোরে দরজার লাথি মেরে পাহাড়ি বিড়ালের মতো ক্ষিপ্র পায়ে দৌড়ে ভিতরে ঢুকে পড়লেন তিনি। যা দেখার আশা করেছিলেন তাই দেখতে পেলেন।
পাঁচজন চীনা পাশাপাশি গোলটেবিল ব’সে আছে, সাথে চায়ের কাপ আর ছোটো হুইস্কির গ্লাস। সাথে না আছে কোনো লিখিত দলিল, না আছে কোনো নোটবই, বা রসিদ, শুধু আছে কিছু খাড়া কান আর সতর্ক কয়েক জোড়া চোখ। আর প্রতিজোড়া চোখ সামনে তাকানোর সাথে সাথে যেনো ধাক্কা খেলো, আতঙ্কে কুঁচকে উঠলো তাদের চেহারা।
দু’জন মধ্যস্থতার ভঙ্গিতে উঠতে উঠতে তাদের জ্যাকেটের পকেটে হাত ঢোকালে একজন টেবিলের নীচে লুকালো, আর বাকি দু’জন চিৎকার দিয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠলো, সিঙ্ক কভারের দেয়ালের পেছনে বৃথাই ছোটাছুটি করতে থাকলো, ক্ষমা চাইতে লাগলো তারা, যদিও জানতো তাদেরকে কোনো রকম ক্ষমা করা হবে না।
হঠাৎ টানাগুলি বর্ষণ শুরু হয়ে গেলে চীনাগুলো একেবারে ঝাঁঝরা হয়ে গেলো। গভীর ক্ষত থেকে রক্ত ঝরে পড়ছে, তাদের মাথার করোটি ছিন্নভিন্ন, চোখ আর চোয়াল মুখ থেকে আলগা হয়ে গেছে, রক্তগুলো যেনো জ্বলজ্বল করছে কিছুক্ষণ আগে থেমে যাওয়া মরণ চিৎকারের মাঝে। সবকিছুই থেমে গেলো।
হত্যাকারী নিজের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। নিজের কাজে তিনি সন্তুষ্ট, জমে থাকা রক্তের সামনে হাটু গেঁড়ে বসে তাতে আঙুল দিয়ে স্পর্শ ক’রে দেখলেন। এরপর বাম হাতার ভেতর থেকে একটি চারকোণা কালো কাপড় বের ক’রে রক্তাক্ত মেঝের উপর ছড়িয়ে দিলেন সেটা। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আবছা আলোকিত হলের করিডোর দিয়ে দৌড়ে যেতে যেতে নিজের সাদা কাফতানটি খুলতে লাগলেন। যখন ক্যাবারের দরজার কাছে পৌঁছে গেলেন তখন তার ঢিলেঢালা পোশাকটি খোলা হয়ে গেলো। চাকুটা পোশাক থেকে বের ক’রে বেল্টের খাপে ঢুকিয়ে নিলেন। কাপড়ে মাথা ঢেকে কাফতানটি দু’হাতে ধরলেন তিনি। সেটার নীচে মারণাস্ত্রটি প্রস্তুত রেখে দরজা টেনে খুলে ভিতরে ঢুকে পড়লেন। আবার সেই মারামারি আর হট্টগোলের মাঝে যা থামার কোনো চিহ্নই নেই। থামবেই বা কেন? তার যাওয়ার মাত্র তিরিশ সেকেন্ড হয়েছে, আর তার লোকটিও ভালো ট্রেনিং পাওয়া।
“জলদি করো,” চেঁচিয়ে বললো সেই বিশালদেহী, খোঁচা দাড়িওয়ালা গেঁয়ো চীনাটি, সে দশ ফিটের মতো দূরত্বে আছে, আরো একটি টেবিল উল্টে ফেলে ম্যাচ জ্বেলে মেঝেতে ফেলে দিলো সে। “পুলিশ যে কোনো মুহূর্তে এসে পড়বে! বারটেন্ডারকে আমি ফোনের কাছে যেতে দেখেছি!”
খুনি যাজক তার হাতের কাফতান আর মাথার কাপড়টি ছুড়ে ফেলে দিলেন। উন্মত্ত ঘুরন্ত আলোকরশ্মির মধ্যে তার চেহারা রকব্যান্ডের উগ্র সদস্যদের মতোই বিদঘুটে দেখাচ্ছে—চোখে গাঢ় মেকআপের আউটলাইন করা আর তার চারপাশে সাদা রঙ দিয়ে চোখ দুটোকে হাইলাইট করা, অবশিষ্ট মুখ কৃত্রিম বাদামি রঙে আঁকা।
“আমার আগে আগে যাও!” গেঁয়ো লোকটিকে নির্দেশ দিলেন তিনি। পোশাক আর উজি গানটি দরজার পাশে ফেলে দিলেন। হাতের পাতলা গ্লাভসটি খুলে তার ফানেলের ট্রাউজারের পকেটে ঢুকালেন। গোল্ডেন মাইলের কোনো ক্যাবারে সহজে পুলিশকে ডাকতে চায় না। কারণ বাজে ম্যানেজমেন্টের জন্য চড়া ক্ষতিপূরণ গুনতে হয়, টুরিস্টদের বিপদে ফেলার কারণে কঠোর শাস্তি পেতে হয় তাদেরকে। তাই কেউ পুলিশকে ডাকার ঝুঁকি নিতে চায় না, আর যখন বিশেষ কোনো কারণে ডাকে তখন পুলিশ এর জন্য প্রস্তুত থাকে। খুনি গেঁয়ো লোকটির পিছে পিছে ছুটতে লাগলেন। গেঁয়ো লোকটি ভীতসন্ত্রস্ত লোকগুলোর ভিড়ে ঢুকে পড়েছে, লোকগুলো ক্যাবারের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে বের হওয়ার জন্যে চিল্লাপাল্লা করছে এখন। জীর্ণ পোশাক পরা লোকটির গায়ে ষাড়ের মতো শক্তি; তার জোড়ালো ধাক্কায় সামনের মানুষগুলো সব সরে গেলো। খুনি আর তার রক্ষী দরজা ভেঙে রাস্তায় বেরিয়ে পড়লে সেখানে আগে থেকে ভিড় করা জনসমাগম তাদেরকে নানান প্রশ্ন করতে শুরু করলো। এই ক্যাবারের মন্দভাগ্যের প্রতি সহানুভূতিও প্রকাশ করলো তারা।
এই উত্তেজিত দর্শকদের মাঝ দিয়েই তাদের পথ ক’রে নিলো তারা। বাইরে অপেক্ষারত সেই খাটো, শক্তসামর্থ্য চীনাটিও তাদের সাথে যোগ দিলো। সে যাজকের হাত ধরে তাকে টেনে নিয়ে গেলো একটা চিপাগলিতে, তারপর নিজের কোটের ভেতর থেকে দুটো তোয়ালে বের করলো সে। একটি মোলায়েম আর শুকনো, অন্যটি একটু উষ্ণ, ভেজা এবং সুগন্ধীযুক্ত।
গুপ্তঘাতক ভেজা তোয়ালেটি নিয়ে তার মুখ, মুখের চারপাশ, চোখের কোটর আর কাঁধের উপরের অংশ মুছতে শুরু করলো। তোয়ালেটি উল্টে নিয়ে অপরপাশ দিয়ে এবং বেশি চাপ দিয়ে ঘষতে থাকলো, যতোক্ষণ না তার আসল সাদা চামড়া ফুঁটে উঠলো। এরপর সে দ্বিতীয় তোয়ালেটি দিয়ে মুছে নিজেকে শুকিয়ে ফেললো, তার কালো চুলগুলোও ঠিক ক’রে নিলো, গাঢ় নীল ব্লেজারের নীচে ক্রিম কালারের শার্টের উপরে রেজিমেন্টের টাইটা সোজা ক’রে নিলো সে।
“জাউ,” সে তার সঙ্গী দু’জনকে নির্দেশ দিলে তারা ছুটে গিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলো। আর একজন নিঃসঙ্গ, মার্জিত পোশাকধারী বিদেশী প্রাচ্যের যৌন বিনোদন কেন্দ্রগুলোর মাঝ দিয়ে হেটে চলে গেলো নির্বিঘ্নে।
ক্যাবারের ভেতরে উত্তেজিত ম্যানেজার পুলিশকে ফোন করার জন্য বারটেন্ডারকে বকাঝকা করছে, জরিমানার মোটা অঙ্ক এখন তাকেই শোধ করতে হবে, কাস্টমারদের অবাক করে হঠাৎ করেই যেনো কমে গেলো পুরো হট্টগোলটা। হেডবয় আর ওয়েটাররা টেবিলগুলো ঠিকঠাক ক’রে সমস্ত জঞ্জাল সাফ করতে লেগে গেলো। নতুন চেয়ার বসিয়ে গ্লাসে ক’রে ফূ হুইস্কি বিতরণ ক’রে বাকিদের শান্ত করবার চেষ্টা করলো তারা। এ সময়ের জনপ্রিয় গানগুলো বাজাতে শুরু করলো রকব্যান্ডটি। আর যেরকম দ্রুততার সাথে সন্ধ্যার পরিবেশটি নষ্ট হয়েছিলো ঠিক সে রকম দ্রুতই সেটা পুনরুদ্ধার হলো। ম্যানেজার ভাবলো, সে বলবে এক ক্ষ্যাপা মাতালের পাল্লায় পড়ে বারটেন্ডার তাদের ফোন করেছে। কিন্তু পুলিশ হয়তো এর চেয়েও বেশি কিছু শোনার প্রস্তুতি নিয়ে আসবে এখানে।
হঠাৎ করেই তার মাথা থেকে জরিমানা আর অফিসিয়াল হয়রানির সমস্ত চিন্তা উবে গেলো যখন তার নজর পড়লো রুমের পাশে মেঝেতে পড়ে থাকা একটি সাদা কাপড়ের ওপর—কাপড়টি ভেতরের অফিসে যাওয়ার দরজার মুখে পড়ে আছে।
সাদা কাপড়, ধপধপে সাদা পুরোহিত? ভেতরে যাওয়ার দরজা! লাওবান! কনফারেন্স! তার দম আঁটকে এলো যেনো। কপাল দিয়ে টপটপ ক’রে ঘাম ঝরতে শুরু করলো। টেবিলগুলোর মাঝখানে থাকা কাফতানটির দিকে দৌড়ে গেলো মোটাসোটা ম্যানেজার ভদ্রলোক। হাটু গেঁড়ে বসলো সে, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, নিঃশ্বাস যেনো বন্ধ হয়ে গেছে। সাদা কাপড়টির ভাঁজ থেকে একটি অচেনা অস্ত্রের নল বের হয়ে আছে। কাপড়টির গায়ে ছোটো ছোটো ফুট্কি আর চকচকে তাজা রক্তের দাগই তার দম বন্ধের কারণ।
“গো হাই মাতিয়েহ?” পরিস্থিতি না বুঝেই প্রশ্ন করলো টাকাসিডো পরা অন্য একটি লোক সত্যি বলতে কি, সে হলো ম্যানেজারটির ভাই এবং তার সহকারী।
“হায় ঈশ্বর!” তার ভাই অদ্ভুত অস্ত্রটির দিকে ইশারা করলে সে বিস্ময় প্রকাশ করলো।
“এদিকে আসো,” নিজের পায়ে ভর ক’রে উঠে দরজার দিকে যেতে যেতে ম্যানেজার আদেশ করলো।
“পুলিশ!” তার ভাই আৎকে উঠে বললো। “আমাদের একজনের উচিত তাদের সাথে কথা বলা, তাদেরকে শান্ত করা, যতোটা সম্ভব চেষ্টা ক’রে দেখতে হবে।”
“কথা বলে কোনো লাভ হবে না। জলদি করো।”
ডিম লাইটের আবছা আলোয় আলোকিত করিডোরটিতে ঘটনাটির একমাত্র সাক্ষী পড়ে আছে। জবাই করা গার্ড তার নিজের রক্তের নদীতে ভেসে গেছে। তার অস্ত্র ধরা হাতটা কব্জি থেকে পড়ে আছে আলাগা হয়ে। কনফারেন্স রুমের ভেতরে ঢুকতেই বাকি সবকিছু স্পষ্ট হয়ে গেলো।
পাঁচটি রক্তাক্ত মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। একটি খুব বাজে আর ভয়ংকরভাবে—ম্যানেজার আতঙ্কিত হয়ে দেখতে লাগলো। মাথা ফুটো হয়ে যাওয়া রক্তাক্ত মৃতদেহটির দিকে এগিয়ে গেলো সে। রুমাল দিয়ে রক্ত মুছে চেহারাটা ভালো ক’রে দেখে নিলো।
“আমরা শেষ হয়ে গেছি,” সে কেঁপে উঠলো। “কাউলুন শেষ, হংকংও শেষ। সব শেষ।”
“কি?”
“এই লোকটি গণপ্রজাতন্ত্রী চীনের ভাইস-প্রিমিয়ার, খোদ চেয়ারম্যানের উত্তরসুরী।
“এদিকে দেখো!” সহকারী ভাইটি লাওবানের মৃতদেহের দিকে এগিয়ে গিয়ে বললো। ঝাঁঝরা হয়ে যাওয়া রক্তাক্ত মৃতদেহটির পাশে পড়ে আছে একটি বড় কালো রুমাল। কাপড়টির সাদা রঙের নক্সা রক্তে বিবর্ণ হয়ে গেছে। ভাইটি তুলে ধরে রক্তের ছোপের নীচের লেখাটি এক দমে পড়ে ফেললো : জেসন বর্ন।
ফ্লোরে ধপাস ক’রে বসে পড়লো সে।
“হে করুণাময় জিশু,” কেঁদে উঠলো সে, তার সারা শরীর এখন কাঁপছে। “সে আবার ফিরে এসেছে। সেই গুপ্তঘাতক এশিয়াতে আবার ফিরে এসেছে। জেসন বর্ন। সে ফিরে এসেছে!”
