বর্ন সুপৃমেসি – ৩৬

অধ্যায় ৩৬

টেলিফোনটা বেজে উঠলে নগ্ন মহিলাটি চমকে বিছানায় উঠে বসলে তার পাশে শুয়ে থাকা লোকটিও জেগে উঠলো, তার ভাবব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে ভোর রাতে ফোন আসাটা খুবই স্বাভাবিক, সে এতে অভ্যস্ত। বিছানার সাইড টেবিলে রাখা টেলিফোনের দিকে হাত বাড়ালো সে।

“উই.” নরমকণ্ঠে বললো লোকটা।

“ম্যাকাও লেই ডিয়ানহুয়া,” জবাব দিলো অপারেটর।

“লাইনটা গোপন ক’রে রেকর্ডিংয়ের ব্যবস্থা সরিয়ে ফেলো।”

“করেছি, কর্নেল সু।”

“ঠিক আছে, ম্যাকাও’তে কানেক্ট কারো।”

“বসিয়ে মঁ অমি,” ম্যাকাও থেকে একটি কণ্ঠস্বর বললো। ফ্রেঞ্চ কথাগুলো গুপ্তঘাতকই বলছে ব’লে ধরে নেয়া হলো। “কমেন্ত ফা ভা?”

“ভু?” ভিমড়ি খেলো জিয়াঙ্গ, সে বিছানায় উঠে বললো। “আতেঁদেজ?” কর্নেল মহিলার দিকে তাকালো। “তুমি! চলে যাও! এখনই এখান থেকে চলে যাও,” সে ক্যান্টোনিজে আদেশ করলো। “তোমার জামা-কাপড় নিয়ে সামনের রুমটিতে গিয়ে পরো, দরজাটা খোলা রেখো যাতে আমি দেখতে পাই তুমি সত্যি সত্যিই চলে গিয়েছো কি না।”

“আমার টাকা!” ফিফিস্ ক’রে বললো মহিলাটি। “দু’বারের জন্যে টাকা দেবে, আর আমাকে নীচে ফেলে যা করেছো তার জন্যে দ্বিগুণ দাম দিতে হবে কিন্তু!”

“তোমার স্বামীকে যে এখনও চাকরি থেকে বিদায় করি নি সেটাই তোমার পারিশ্রমিক। এখন বেরোও!”

“ওরা ঠিকই বলে, তুমি আসলেই একটা শূয়োর,” মহিলা তার কাপড়-চোপড় নিয়ে সামনের ঘরে গিয়ে পরলো। যাওয়ার আগে আরেকবার জিয়াঙ্গের দিকে তাকিয়ে তাকে শূয়োর ব’লে চলে গেলো সে।

কয়েক সেকেন্ড পরে সু আবার ফোনে ফিরে এসে ফ্রেঞ্চে কথা বলতে শুরু করলো।

“কি হয়েছে? বেইজিং থেকে যে রিপোর্টগুলো পেয়েছি সেগুলো অবিশ্বাস্য। শেনঝেন এয়ারফিল্ডের খবরগুলোও চমক লাগানোর মতো। সে তোমাকে বন্দী বানিয়েছিলো!

“সে মরে গেছে!” ম্যাক্যাও’র কণ্ঠস্বরটি বললো।

“মারা গেছে?”

“তার নিজের লোকেদের হাতেই মরেছে। কমপক্ষে পঞ্চাশটা গুলি খেয়েছে।”

“আর তুমি?”

“ওরা আমার কথা বিশ্বাস করেছে। আমি ছিলাম নির্দোষ বন্দী, আমাকে সে রাস্তা থেকে ধরে নিয়ে যায়, ওদেরকে ধোঁকা দেবার কাজে ব্যবহারের জন্য। তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমারই অনুরোধে মিডিয়া থেকে আমাকে দূরে রেখেছিলো ওরা। আগামীকালের পত্রিকায় সব খবরই দেখতে পাবেন।”

“হায় ঈশ্বর, এগুলো ঘটলো কোথায়?”

“ভিক্টোরিয়া পিক-এ। এটা কনসুলেটেরই একটা গোপন অংশ। আমি অনেক গোপন খরব জেনেছি। তাই আমাদের মূল নেতার সাথে আমার যোগাযোগ করাটা জরুরি হয়ে পড়েছে। তার এগুলো জানা উচিত।”

“আমাকে খুলে বলো।”

নকল গুপ্তঘাতক হাসলো। “আমি এসব ইনফরমেশন বিক্রি ক’রে থাকি। আমি এগুলো বিনে পয়সায় দেই না, বিশেষ ক’রে শূয়োরদেরকে।”

“মূল নেতা বলতে কি বোঝাচ্ছো?” প্রশ্ন করলো কর্নেল সু জিয়াঙ্গ।

“তোমাদের মাথা, চিফ, আসল বস্যাই বলো না কেন। পক্ষীশালার ওই লোকটা, যে বেশি বকবক করছিলো। সে-ই তো তোমাদের চিফ, তাই না? সে তলোয়াড় দিয়ে একের পর এক লাশ ফেলছিলো। আমি তাকে সাবধানও করেছিলাম। বলেছিলাম ফ্রেঞ্চম্যান ইচ্ছে ক’রে তাকে দেরি করিয়ে দিচ্ছে, কিন্তু সে আমার কথায় কান দেয় নি।”

“তুমি সত্যিই তাই করেছিলে?”

“তাকেই জিজ্ঞেস করে দেখছেন না কেন। আমি বলেছিলাম কোথাও একটা সমস্যা হয়েছে, ফ্রেঞ্চম্যান তাকে কথার জালে ফাঁসাচ্ছে। তার উচিত ছিলো আমার কথা শোনা, ফ্রেঞ্চম্যানকে, সঙ্গে সঙ্গে মারা! এখন তাকে বলেন আমি তার সাথে কথা বলতে চাই! জলদি!”

“আমি নিজেও তার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই না,” বললো কর্নেল। “আমি শুধু তার কয়েকজন লোককে কোড নাম দিয়ে চিনি।”

“আপনি কি তাদের কথা বলছেন যারা গুয়াঙ্গভঙ্গের পাহাড়ে আমার সাথে দেখা করতে আসতো

“হ্যাঁ।”

“আমি ওদের কারো সাথে কথা বলবো না,” জেসন চেঁচিয়ে বললো। “আমি আসল লোকটিকেই চাই।”

“তোমাকে আগে অন্যদের সাথে কথা বলে নিতে হবে। তারা যদি মনে করে তোমার সাথে ওনার কথা বলাটা জরুরি তাহলে হয়তো তুমি কথা বলতে পারবে।”

“ঠিক আছে। আপনি তাহলে ব্যাপারটা তাদেরকে জানান। আমি আমেরিকানদের সাথে প্রায় তিন ঘণ্টা ছিলাম। নিজের পরিচয় গোপন রাখার জন্য আমি আমার সেরা অভিনয়টা দেখিয়েছি। আপনি তো জানেনই আমার অনেক লোক এখানে সেখানে ছড়িয়ে আছে। তারাই এর স্বাক্ষী দিয়েছে যে, আমি একজন সাধারণ বিজনেসম্যান। ওরা আমাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেয়–”

“বুঝেছি,” বললো সু। “দয়া ক’রে আমাকে বলো, আমি ওদেরকে কি বলেবো? তুমি আমেরিকানদের সাথে ছিলে, তারপর কি?”

“আমি অনেক কিছু শুনেছি। যে লোকটা আমাকে বন্দী করেছিলো সে-ই আসল জেসন বর্ন।”

“আমরা তা জানি। আর কিছু?”

“আমেরিকারা ভাবছে বেইজিংয়ের কেউ হয়তো তাকে ভাড়া ক’রে এনেছিলো। এমন কেউ, যে বিশেষ বিশেষ ব্যক্তিদের তার পথ থেকে সরাতে চায়।”

“তোমার কথা অস্পষ্ট। আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো।”

“ওই রুমে আমেরিকানদের সাথে কয়েকজন তাইওয়ান থেকে আসা চাইনীজও ছিলো। তারা বলছিলো কুয়োমিংটাংয়ের কিছু গোপন দল নিয়ে তারা চিন্তিত। তারা এসব দলের বিরোধিতা করে,” বর্ন থামলে কিছুক্ষণ তারা দু’জনেই চুপ ক’রে থাকলো।

“আর?” কর্নেল চাপাচাপি করলো।

“তারা আরো কিছু কথা বলছিলো। আর বারবার একটা নাম তারা ব্যবহার করছিল—শেঙ্গ!”

“আইয়া?”

“এই মেসেজটাই তুমি ওদের কাছে পাঠাও। আমি তিন ঘণ্টার মধ্যে ক্যাসিনোতে যেনো একটা জবাব পাই।”

“তুমি সত্যিই অবাক করলে। আমরা ভেবেছিলাম অরিজিনাল জেসন বর্নের মতো তুমি অতো দক্ষ নও। যাই হোক, আমি এখই যোগাযোগ করছি।”

“বরং সে-ই আমার মতো দক্ষ নয়। একটা প্রশ্ন আপনারা প্রথম কবে বুঝতে পারলেন যে, আমি আসল জেসন বর্ন নই?”

“প্রথম দেখাতেই,” জবাব দিলো কর্নেল। “তোমার চেহারা দেখেই আমরা নিশ্চিত হই তুমি মেডুসার সেই লোক হতে পারো না। সেটা পনেরো বছর আগের ঘটনা আর তোমার বয়স সর্বোচ্চ তিরিশ হতে পারে। নিশ্চই মেডুসাতে তোমাকে বাচ্চা বয়সে নেয়া হয় নি।”

“কোড শব্দটা হলো ‘ক্রাইসিস’ আর তোমার হাতে আছে তিন ঘণ্টা সময়, “ ফোনটা রেখে দিয়ে বললো বর্ন।”

“এটা পাগলামি!” জেসন ফোনবুথ থেকে বেরিয়ে এসে ক্ষোভের সাথে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকিয়ে কথাগুলো বললো।

ম্যাকঅ্যালিস্টার ফোনের বিল দিয়ে মহিলা অপারেটরকে ধন্যবাদ জানিয়ে বের হয়ে এলো। “আমি জানি আপনি কেন রেগে যাচ্ছেন, মিঃ বর্ন। কারণ মূল কাজটা আমি করতে যাচ্ছি, আর হাভিলান্ডের মতো আপনিও আমাকে অযোগ্য মনে করেন।”

“নিজেকে ওস্তাদ প্রমাণ করার জায়গা এটা না। আপনার একটু ভুলের জন্য সবকিছু ভেস্তে যেতে পারে। আপনি ব্যর্থ হলে–”

“আমি ব্যর্থ হবো না। আম জানি আমি কি করছি, মি: বর্ন। আপনি শুধু আমাকে একটি অস্ত্র যোগাড় ক’রে দিন।”

অস্ত্র যোগাড় করাটা তেমন একটা কঠিন হলো না। ম্যাকাও’র রুয়া ডাস লর্চাস -এ দাঁজুর ফ্ল্যাট ছিলো, যেটাকে ছোটোখাটো একটা অস্ত্রশালা বললে ভুল হবে না। তাদেরকে শুধু ভেতরে ঢুকে বেছে নিতে হবে, ব্যস্। অস্ত্র বাছাই করতে প্রায় দু’ঘণ্টা সময় লেগে গেলো। শেষমেশ ম্যাকঅ্যালিস্টারকে যে অস্ত্রটা দেয়া হলো সেটা দাঁজুর সংগ্রহে সব থেকে ছোটো একটি পিস্তল। একটি চার্টার আর্মস পয়েন্ট ২২ বোরের, সাথে সাইলেন্সার লাগানো।

“মাথায় নিশানা করবেন, কমপক্ষে তিনটা গুলি ছোঁড়া চাই,” বললো বর্ন।

ম্যাকঅ্যালিস্টার ঢোক গিলে একবার অস্ত্রটার দিকে তাকিয়ে আরেকবার জেসনের দিকে তাকালো। জেসন নিজের জন্য ইন্টার ডায়নামিক কে.জি. ৯ মিলিমিটারের একটি মেশিন পিস্তল নিলো। যার প্রতিটা ক্লিপ দিয়ে তিরিশ রাউন্ড গুলি ছোঁড়া যায়।

ভোর ৩টা ৩৫-এ তারা কাম পেক ক্যাসিনোতে ঢুকলো। তাদের জ্যাকেটের ভেতরে লুকানো আছে অস্ত্রগুলো।

দু’জনেই হেটে একদম বারের শেষ মাথায় গিয়ে বসলো। ক্যাসিনোটা এখন অর্ধেকই ফাঁকা। বারটেন্ডার জেসনকে দেখেই চিনতে পারলো। সে এই সদয় কাস্টমারকে ইংলিশ হুইস্কি দিয়ে আগ বাড়িয়ে কথা বললো। ম্যাকআলিস্টার বর্নের থেকে চারটা চেয়ার দূরে ব’সে আছে। নিজের জন্যে ওয়াইন অর্ডার দিলো সে।

ওই তো সে! সেই চাইনীজ লোকটা যে মার্শাল আর্টে বিশেষ পারদর্শী হলেও কয়েকটা নোংরা প্যাঁচ না জানার কারণে এখানকারই একটা গলির ভেতরে বর্নের কাছে নাস্তানাবুদ হয়েছিলো। এই লোকটাই বর্নকে গুয়াঙ্গ-এর পাহাড়ে যেতে সাহায্য করেছিলো। কর্নেল সু জিয়াঙ্গ কোনো ঝুঁকি নেয় নি। বুড়ো লোক কিংবা পতিতার পরিবর্তে সবচাইতে শক্তসমর্থ লোকটিকেই পাঠিয়েছে সে।

লোকটা বেশ কয়েকটা টেবিল পাশ কাটিয়ে পাঁচ নাম্বার টেবিলের কাছে চলে এলো। মিনিট তিনেক খুব মনোযোগ দিয়ে খেলা দেখে নিজেই খেলার জন্য টেবিলে ব’সে পড়লো সে। পকেট থেকে ওয়ালেট বের ক’রে কতোগুলো নোট টেবিলের ওপর রাখলো, নোটগুলোর সাথে একটা কাগজও আছে। সেটাতে লেখা আছে ‘ক্রাইসিস’ শব্দটা।

প্রায় বিশ মিনিট পরে লোকটা মাথা নাড়লো, যেনো তার কপাল খারাপ, টাকাগুলো তুলে নিয়ে টেবিল থেকে উঠে পড়লো সে। কিন্তু কাগজটা টেবিলেই থেকে গেলো। বর্ন জানতো এই লোকটাই শেঙ্গের কাছে যাওয়ার শর্টকাট পথ। তাকে এই লোকটাকেই ধরতে হবে।

“আপনি এখানেই অপেক্ষা করুন,” ফিফিস্ ক’রে ম্যাকঅ্যালিস্টারকে বললো সে। “আমি একটু আসছি!”

ক্যাসিনো থেকে বেরিয়েই বর্ন চীনা লোকটাকে ফলো করতে শুরু করলো। লোকটা বেশ কিছুটা পথ হাটার পর একটা ফাঁকা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এখন। তার কাজ শেষ, এখন চলে যাচ্ছে সে। বর্ন তার দিকে দ্রুত ছুটে গেলো। লোকটা গাড়ির দরজা খুলতেই বর্ন তার কাঁধে হাত রাখলে লোকটা মারমুখী ভঙ্গি ক’রে ঘুরতেই বর্ন এক লাফে পিছিয়ে গেলো।

দু’হাত তুলে আত্মসমর্পণের ভান করলো বর্ন। “এবার আর মারামারি করতে চাইছি না,” ইংরেজিতে বললো সে।

“আইয়া! আপনি! আপনি আমাকে হারিয়েছিলেন। তারপর থেকে আমি দিনে ছয় ঘণ্টা ক’রে প্রাক্যটিস করা শুরু করেছি। আপনি আমাকে হারিয়েছিলেন কিন্তু এর পরের বার হয়তো এতো সহজ হারাতে পারবেন না।”

“আসলে হারিয়েছি বললে ভুল হবে। আমার বয়স তোমার চেয়ে বেশি। ওই লড়াইচার পর আমার যতোটা হাড়ে ফাঁটল ধরেছে তা তো আর তোমার ধরে নি। তাই ঠিক করেছি এবার আর মারামারি করবো না, বরং তুমি যতো টাকা চাইবে তা দিয়েই কাজ করবো। সহজ ভাষায় এটাকে কাপুরুষ বলে।”

“কাপুরুষ আপনি! না, স্যার! আপনি সত্যি সেরা,” বললো চীনা লোকটি। “তাই নাকি! তুমি তো আমাকেও ভড়কে দিয়েছিলে, পরে অবশ্য যথেষ্ট সাহায্যও করেছো,” বললো বর্ন।

“কারণ আপনি আমাকে ভালো দাম দিয়েছিলেন।”

“বেশ ভালো। আমি তোমাকে এবার আরো ভালো দাম দেবো।”

“মেসেজটা কি আপনার জন্যে ছিলো?”

“হ্যাঁ।”

“তার মানে আপনি ফ্রেঞ্চম্যানের জায়গা নিয়ে নিয়েছেন?”

“সে মারা গেছে। যারা মেসেজ পাঠিয়েছে তারাই ওকে মেরে ফেলেছে।”

“কেন?” হতভম্বভাবে হয়ে বললো লোকটি। “তিনি তো ভালো সার্ভিস দিচ্ছিলেন, তাছাড়া তিনি একজন বয়স্ক লোক ছিলেন, আপনার চেয়েও বয়স্ক।”

“তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিলো।”

“কারা? কমিউনিস্টরা?”

“কুয়োমিংটাং।” বললো বর্ন। “ডঙ্গ ইয়ু, ওরা কমিউনিস্টদের চেয়েও খারাপ।”

“আপনি আমার কাছে কি চান?”

“আগেরবার যা করেছিলে অনেকটা তাই। তবে এবার তোমাকে থাকতেও হবে। আমার একজোড়া পাহারাদার চোখ চাই।”

“আবার গুয়াঙ্গডঙ্গের পাহাড়ে যেতে চান?”

“হ্যাঁ! গতবার আমি তোমাকে দশ হাজার ডলার দিয়েছিলাম, এবার বিশ হাজার পাবে।”

“আইয়া! ঝুঁকিটা মনে হয় খুব বেশি।”

“কোনো বিপদ ঘটলে তুমি পালিয়ে যাবে। তোমার টাকা এখানে, এই ম্যাকাও’তে রেখে যাবো। এখন বলো কাজটা তুমি চাও কি না! না হলে আমাকে অন্য লোক খুঁজতে হবে।”

“মাথা খারাপ! এই চোখগুলো শকুনের চোখ। এর চেয়ে ভালো চোখ আপনি পাবেন কোথায়?”

“ঠিক আছে। ক্যাসিনো পর্যন্ত চলো। তুমি বাইরে অপেক্ষা করবে। আমাকে মেসেজটা নিতে হবে।”

জেসন ক্যাসিনোর সিটটাতে ব’সে আছে, তার হাতে একটা খাম। খামটা খুলে কাগজটা বের করলো। ভেতরে ইংরেজিতে লেখা টেলিফোন ম্যাকাও-৩২-৬১-৪০৩।

আশেপাশে ফোনের জন্য তাকালো সে। তখনই তার মনে পড়লো ম্যাকাও’তে সে কখনও পে-ফোন ব্যবহার করে নি। বারটেন্ডারকে ইশারায় ডাকলো বৰ্ন।

“জ্বি স্যার? হুইস্কি দেবো?”

“না, আর না,” বললো বর্ন, তার দিকে কিছু হংকং ডলার এগিয়ে দিয়ে I “আমার ম্যাকাও’তে একটা ফোন করা দরকার। পে-ফোন কোথায় পাওয়া যাবে বলো তো, আর কিছু কয়েনও যোগাড় ক’রে দাও?”

“স্যার, আপনি পাবলিক টেলিফোন কেন ব্যবহার করতে যাবেন? আমার কাউন্টারে একটা ফোন আছে। শুধুমাত্র বিশেষ বিশেষ কাস্টমাররাই সেটা ব্যবহার করতে পারে।

জেসন কিছু বলার আগেই বারটেন্ডার তার সামনে একটা টেলিফোন এনে রাখলো। ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকিয়ে ডায়াল করলো সে।

“উই?” একটা মহিলা কণ্ঠ শোনা গেলো।

“আমাকে এখানে ফোন করার নির্দেশ দেয়া হয়েছে,” ইংরেজিতে জবাব বললো বর্ন। কারণ কমান্ডো চাইনীজ পারতো না।

“আমরা দেখা করবো।”

“না, করবো না।”

“এটা জরুরি।”

“সম্ভব না। আমি আসল লোকটির সাথে কথা বলতে চাই।”

“কারণ দর্শাও! কেন আমি তোমাকে তার সাথে কথা বলতে দেবো?”

“আমি কর্পোরালদের কাছে কারণ দর্শাই না। আমি একসময় নিজে মেজর ছিলাম আর তোমার মতো হাজার হাজার ছোকরা আমার কাছে কারণ দর্শাতো, সেটা তোমার জানার কথা।”

“এই অপমানজনক কথাটা বলার কোনো দরকার ছিলো না!”

“আমার সাথে তোমার কথা বলারই কোনো দরকার ছিলো না। আমি তিরিশ মিনিট পরে আবার ফোন করছি। এবার যেনো ভালো কোনো খবর পাই। আমি লোকটাকে চাই!” বর্ন লাইন কেটে দিলো।

“আপনি করছেন কি?” একটু বিরক্তির সাথে বললো ম্যাকঅ্যালিস্টার।

“আপনার কাজই করছি। আমাদেরকে এখান থেকে বের হতে হবে। আমি বের হবার পাঁচ মিনিট পরে বের হবেন। দরজা দিয়ে বের হয়ে ডান দিকে হাটতে শুরু করবেন, আমরা আপনাকে তুলে নেবো।”

“আমরা?”

“একজ পুরনো বন্ধুও আছে। আপনার সাথে পরিচয় করিয়ে দেবো।”

“আরো একজন! আপনার মাথা ঠিক আছে তো!”

“আরে, মাথা ঠাণ্ডা রাখুন, মি: অ্যনালিস্ট। আমার মাথা ঠিকই আছে। আমি শুধু একজন বাড়তি লোক ভাড়া করেছি। বলা তো যায় না, যদি হঠাৎ বিপদ-টিপদ ঘটে।”

.

পরিচয় পর্বটা বেশ ছোটো হলো, কেউ কারোর নাম বললো না। তবে এটা বোঝা গেলো যে, ম্যাকঅ্যালিস্টার লোকটার শক্তসমর্থ শরীর আর চওড়া কাঁধ দেখে সন্তুষ্ট হয়েছে।

“আপনি এখানকার একটা ফার্মের এক্সিকিউটিভ?” ম্যাক অ্যালিস্টার জানতে চাইলো।

“হ্যাঁ, অনেকটা সেরকমই। ফার্মটা আমার নিজেরই। আমি বিশেষ বিশেষ লোকজনদের জন্য কুরিয়ার সার্ভিসের সেবা প্রদান ক’রে থাকি।”

“কিন্তু সে আপনাকে খুঁজে পেলো কিভাবে?”

“স্যরি, স্যার। ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। আশা করি আপনি বুঝতে পারছেন।”

“হায় ঈশ্বর!” ডেল্টার দিকে তাকিয়ে বিড়বিড় ক’রে বললো ম্যাকঅ্যালিস্টার।

“বিশ মিনিটের মধ্যে আমার একটা ফোন করতে হবে,” বললো বর্ন, সে ড্রাইভারের পাশের সিটে ব’সে আছে আর হতভম্ব ম্যাকঅ্যালিস্টার ব’সে আছে পেছনের সিটে।

“তারা আপনাকে ঘোরাচ্ছে তাহলে? তারা ফ্রেঞ্চম্যানকেও ঘোরাতো।”

“ফ্রেঞ্চম্যান কিভাবে এর জবাব দিতো?”

“বিলম্ব করে!”

“এখানে কোনো রেস্টুরেন্ট আছে?”

“রুয়া মার্কাযোরস্-এ আছে।”

“আমাদের খাওয়ার দরকার। ফ্রেঞ্চম্যান ঠিকই বলতো, যতো দেরি হবে ততো

ওদের ঘাস ঝড়বে,” বললো বর্ন।

“আমি ওই লোকটাকে পছন্দ করতাম,” বললো চাইনীজ বাহকটি।

“আমাদের রেস্টুরেন্ট নিয়ে চলো।”

শুধু ম্যাকঅ্যালিস্টারই ধৈর্য ধরে বসতে পারছিলো না। সে দু’একবার ফোনের প্রসঙ্গটা তোলার চেষ্টা করলো, কিন্তু বর্ন আর তার চাইনীজ বাহক তা কানেই তুললো না।

“বিশ্রাম আর খাবার,” বর্ন ঠাট্টার সুরে বললো। “ফ্রেঞ্চম্যান বলতো এ দুটাই আসল হাতিয়ার।”

“ভারি আশ্চর্য তো,” বিরক্তির সাথে বললো ম্যাকঅ্যালিস্টার। “আমরা এখানে অনেকক্ষণ ধরে ব’সে আছি। আমার মনে হচ্ছে আমাদের কাজ শুরু ক’রে দেয়া উচিত।”

“অবশ্যই করবো, এডওয়ার্ড। কিন্তু ফ্রেঞ্চম্যান যা করতো ঠিকই করতো। ‘শত্রুদেরকে অস্থির হতে দাও। নার্ভাস প্রতিপক্ষকে সামলানো সবচে সোজা।’

“এই বালের ফ্রেঞ্চম্যানের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি,” বললো ম্যাক অ্যালিস্টার।

বর্ন আন্ডারসেক্রটারির দিকে কাঠোর দৃষ্টিতে তাকালো। “এই কথাটা যেনো আর না শুনি। আপনি সেখানে ছিলেন না, আপনি কিছুই জানেন না।” ঘড়িতে সময় দেখলো সে। “এক ঘণ্টা পার হয়ে গেছে। ফোনটা সেরে আসা যাক।”

“আপনার তো তিরিশ মিনিটের মধ্যে ফোন করার কথা ছিলো!” ফোনের অপরপ্রান্ত থেকে বললো মহিলাটি।

“আমার আরো কাজ আছে। আমার অন্য ক্লায়েটও আছে। যদি এবারো আমার সময় নষ্ট করো তো আমি সাহায্য করার চেষ্টাই ছেড়ে দেবো। যখন ঝড়টা আসবে তখন লোকটা নিজেই পস্তাবে!”

“সেটা কিভাবে হবে?”

“আরে ম্যডাম! আমাকে এক ট্রাক ভর্তি টাকা দাও, আমি অবশ্যই তোমাকে সব খুলে বলবো।”

“প্লিজ, আপনাকে একজন লোকের সাথে দেখা করানো হবে। সে আপনাকে গুইয়া হিলের একটা বাড়িতে নিয়ে যাবে। ওখানে অত্যাধুনিক যোগাযোগের—’

“আর ওখানে আপনাদের একডজন গুণ্ডপাণ্ডাও থাকবে, যারা আমার মুণ্ডু ফাঁটিয়ে সব কথা বের করে নেবে। না, ওসব চলবে না। আমি আর একবার ফোন করবো, ম্যাডাম। একটা নাম্বার প্রস্তত রাখুন। ওই লোকটার নাম্বার।” এ কথা বলেই লাইনটা কেটে দিলো জেসন।

বর্ন ফোনেরবুথ থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো।

“অসাধারণ,” বললো ম্যাকঅ্যালিস্টার। “আপনি তাদেরকে এই ইনফরমেশন নিতে বাধ্য করেছেন।”

ওয়াশিংটনের লোকটির দিকে শক্ত চোখে তাকালো বর্ন। “যদি সব কিছু পরিকল্পনা মতোই হতে থাকে তো আপনি আর কি করবেন? পারবেন বন্দুকের টুগারটা টিপতে? মনে রাখবেন, আপনি যদি সেটা করতে না পারেন তাহলে আমরা দু’জনেই মরবো।”

“আমি পারবো,” শান্তভাবে বললো ম্যাকঅ্যালিস্টার। “প্রাচ্যের জন্য, গোটা দুনিয়ার জন্য আমি তাই করবো।”

“সেইসাথে আপনিও পর্দার বাইরে আসার সুযোগ পাবেন। সুযোগ পাবেন মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের বাবা নিতে,” বললো জেসন। “এখান থেকে আমাদের কেটে পড়া উচিত। আমি একই ফোন আবার ব্যবহার করতে চাই না।”

.

জেড টাওয়ার মাউন্টেনে শেঙ্গের ভিলার ভেতর এখন সবাই প্রচণ্ড ব্যস্ত। পাঁচজন লোক শেঙ্গের কাছে দাঁড়িয়ে আছে। সবার কথা মনোযোগ দিয়ে শুনছে মিনিস্টার।

“আমাদের লোক ঘটনাটার সত্যতা যাচাই করেছে, স্যার!” মধ্যবয়সী ইউনিফর্ম পরা একজন লোক কথাগুলো বললো। “ওরা কয়েকজন জার্নালিস্টের সাথে কথা বলেছে। গুপ্তঘাতক যা যা বলেছে তার সবই সত্যি, স্যার। মৃত লোকটির ছবি আর একটা বিবরণ নিউজপেপার অফিসগুলোতে পাঠানো হয়েছে, স্যার।”

“একটা কপি আমার জন্য আনার ব্যবস্থা করো, এখনই,” বললো শেঙ্গ।

“পুরো ব্যাপারটা একটু বেশি নিখুঁত ঠেকছে। সময়মতো খবরটা জানানো, গুপ্তঘাতকের ফোন করা। একটু বেশিই নিখুঁত। যেনো কেউ পুরো ব্যাপারটা সাজিয়েছে,” একজন পরামর্শক বললো।

“গুপ্তঘাতক?” পাশে দাঁড়িয়ে আরেকজন পরামর্শক প্রশ্নটা করলো।

“সে কেন এমনটি করতে যাবে? তার উদ্দেশ্য কি?” বললো শেঙ্গ। “সে তো এটাও জানে না, পক্ষীশালার ঐ রাতের পরে তাকেও আমরা মেরে ফেলতাম। সে মনে করেছে আমরা তাকে আমাদের দলের একজন সদস্য বলেই মনে করি। আসলে তাকে আমরা আসল বর্নকে ফাঁদে ফেলার কাজে ব্যবহার করছিলাম। সেই আসল বর্নের খবরটা আমাদেরকে এমআই-সিক্স’র স্পেশাল ব্রাঞ্চের একজন গুপ্তচর জানিয়েছিলো।”

“তাহলে কে?” আরকেজন প্রশ্ন করলো।

“সেটাই তো সমস্যা। তাহলে কে! ওদিকে গুপ্তঘাতক যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, সে হুমকির সাথে কথা বলছে কেন। আমার মতো মূল্যবান ক্লায়েন্ট হারানোটা হবে বোকামির কাজ। প্রফেশনাল লোকেরা সে ভুল কখনো করে না। এই বিষয়টাই আমাকে আরো ভাবিয়ে তুলছে।”

“তাহলে কি তৃতীয় কোনো পক্ষ?”

“যদি তাই হয়, তাহলে বলবো, না আছে তাদের কোনো অভিজ্ঞতা, না আছে কোনো বুদ্ধিসুদ্ধি।”

“এই যে স্যার, কপিটা,” এক তরুণ বাগান দিয়ে দৌড়ে আসতে আসতে বললো, তার হাতে একটা টেলিটাইপ করা ফটোগ্রাফ।

“আমাকে দাও, জলদি!” শেঙ্গ কাগজটা হাতে নিলো। “এটা তারই ছবি! আমি এই মুখ কখনও ভুলতে পারবো না। এখন সব পরিষ্কার হচ্ছে! মেয়েটাকে বলো গুপ্তঘাতককে আমাদের নাম্বারটা দিয়ে দিতে। কোনো সমস্যা যেনো না হয়।”

“এখনই বলছি, মিনিস্টার!”

.

জেসন ম্যাকাও’র নাম্বারটাতে ফোন করতেই তাকে আরেকটা নাম্বার দেয়া হলো। বলা হলো ওটাতে ফোন করলেই শেঙ্গের সাথে কথা বলা যাবে। নতুন নাম্বারটিতে ডায়াল করতে করতে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো সে। “শেঙ্গ কি ফ্রেঞ্চ বলতে পারে?” দ্রুত প্রশ্ন করলো সে।

“অবশ্যই,” বললো আন্ডারসেক্রেটারি। “সে খুব ভালো ফ্রেঞ্চ বলতে পারে। “কিন্তু আপনি মানদারিন ব্যবহার করছেন না, কেন?”

“কারণ, কমান্ডো চাইনীজ পারতো না। আর ইংরেজি বললে হয়তো শেঙ্গ আমার উচ্চারণ থেকে ধরে ফেলতে পারে আমি বৃটিশ নই।” বর্ন পকেট থেকে একটা রুমাল বের করে মাউথপিসের উপর চাপা দিলো। কয়েক সেকেন্ড পরেই পনেরোশো মাইল দূর থেকে দ্বিতীয় রিংটা হতেই সে কথা বলতে শুরু করলো।

“উই?”

“কম্মে লো কর্নেল, জো প্রিফেরি পার্লার ফ্রাঁসোয়া।”

“শেম্মা?” চেঁচিয়ে উঠলো বিভ্রান্ত কণ্ঠস্বরটি।

“ফাওয়েন,” এবার মানদারিনে বললো জেসন।

“ফাওয়েন? ইয়ো বুহুই!” উত্তেজিতভাবে জবাব দিলো লোকটি, বললো সে ফ্রেঞ্চ বলতে পারে না। ফোনটা অন্য একজনের হাতে চলে গেলে অন্য একটি কণ্ঠস্বর শোনা গেলো।

“মাত পারকুয়ে পারলেজ-ভু ফ্রাঁসোয়া।”

এটা শেঙ্গের কণ্ঠ! এই কণ্ঠস্বরটা চিনতে বর্নের কোনো সমস্যা হলো না।

“আমি ফ্রেঞ্চেই স্বাচ্ছন্দ্য বেধে করি, তাই!” জবাব দিলো বর্ন।

“বেশ! আমার জন্য তুমি কি খবর এনেছো? শুনলাম কথা বলার সময় ওরা আমার নাম ব্যবহার করছিলো?”

“তাদের মুখেই শুনলাম আপনি ফ্রেঞ্চ বলতে পারেন,” বললো জেসন।

কিছুক্ষণ নীরব থাকার পর শেঙ্গ মুখ খুললো। “তুমি জানো আমি কে?”

বর্ন প্রশ্নটার উত্তর দিলো না। “আমি এমন একটা নাম আপনাকে বলছি যেটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। বেশ কয়েক বছর আগে আপনি তাকে চিনতেন। লোকটা আপনার সাথে কথা বলতে চায়।”

“কি?” চেঁচিয়ে উঠলো শেঙ্গ। “বেঈমানি!”

“ওরম কিছু না, আর আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে লোকটার কথা মনোযোগ দিয়ে শুনতাম।” বর্ন ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। সে সম্মতির ভঙ্গীতে মাথা দোলাচ্ছে–বর্নকে যেভাবে কথাগুলো বলতে বলেছিলো বন ঠিক সেভাবেই বলছে।

“লোকটা আমাকে একবার দেখেই বুঝে ফেলে আমি কে, আর তারপরই তো আমি আপনার সাথে যোগাযোগ করলাম,” বললো জেসন।

“তুমি করছোটা কি?”

“আপনার উপকার। এমন উপকার আগে হয়তো কেউ আপনার জন্য করে নি। নিন, আপনার বন্ধুর সাথে কথা বলুন। সে ইংরেজিতে কথা বলবে।” বর্ন ফোনটা ম্যাকঅ্যালিস্টারে হাতে দিলো।

“শেঙ্গ, আমি এডওয়ার্ড ম্যাকআলিস্টার বলছি।

“এডওয়ার্ড…?” শেঙ্গ চোউ ইয়াঙ্গ এতোটাই চমকে গেলো যে, কথাগুলো শেষ করতে পারলো না।

“এই অলোচনাটা সম্পূর্ণ ব্যক্তিগত, অফিস এ ব্যাপারে কিছু জানে না। আমি কথা বলতে চেয়েছি, কারণ আমি তোমার আর আমার দু’জনেরই ভালো চাই।”

“তুমি…আমাকে অবাক করলে পুরনো বন্ধু।”

“খবরের কাগজেই দেখেছো কি হয়েছে। কনসুলেট চাইছিলো আমি যেনো কিছুদিনের জন্য গায়েব হয়ে যাই। কিন্তু আমি জানতাম কার সাথে আমাকে যোগাযোগ করতে হবে।”

“কি হয়েছিলো, আর তুমি কিভাবে বুঝলে—”  

“এরা দু’জনেই প্রায় একই রকম দেখতে। সবাই হৈচৈয়ে এতো ব্যস্ত ছিলো যে, বিষয়টা কেউ সেভাবে খেয়াল করে নি। করলেও বা কী হতো। ওরা তো আর আসল বর্নকে সেভাবে চেনে না, যেভাবে আমি চিনি!”

“তুমি চিনতে?”

“আমিই তাকে এশিয়া থেকে ভাগিয়েছিলাম। আমাকে মারতেই সে ফিরে এসেছিলো। সে চাইছিলো কাজ শেষে তোমার গুপ্তঘাতকের মৃতদেহ ভিক্টোরিয়া পিক-এ ফেলে যেতে। যাতে সবাই ধোঁকা খায় আর তাকে সন্দেহ না করে। কিন্তু আমার কপাল ভালো ছিলো, লোকটা আমাদের গার্ডদের হাতেই মারা পড়েছে।”

“এডওয়ার্ড, তুমি খুব দ্রুত কথা বলছো। আমি সব ধরতে পারছি না। কে অরিজিনাল বর্নকে ফিরিয়ে আনলো?”

“অবশ্যই ফ্রেঞ্চম্যান। কারণ তার শিষ্য তার অবাধ্য হয়ে গিয়েছিলো, তাই প্রতিশোধ নিতে সে তার মেডুসার বন্ধু অরিজিনাল বর্নকে ডেকে আনে।”

“মেডুসা!” ফিফিস্ ক’রে উঠলো শেঙ্গ। “কিন্তু তুমি কি ক’রে বুঝতে পারলে ওই গুপ্তঘাতকের সাথে আমর সম্পর্ক আছে—”  

“প্লিজ, শেঙ্গ,” বাঁধা দিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। এসব কথা বলার মতো সময় এখন না। তবু তুমি জোর করছো দেখে বলছি। যারা যারা মারা পড়েছিলো তাদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি ব্যাপারটা বুঝতে পারি। প্রথমে মারা গেলো চায়নার ভাইস প্রিমিয়ার সিম শা সুই’র ক্যাবারের ভেতরে অন্য চারজনের সাথে। তারা সবাই তোমার শত্রু ছিলো। তারপর কাই টাক এয়ারপোর্টে বোমা হামলা। সেখানে তোমার দু’জন চরম বিরোধী নেতা ছিলো। তাছাড়া বেশ কিছু গুজব আমার কানে আসছিলো। একজন মহাশক্তিধর লোককে নিয়ে গুজব। আর সবশেষে ওই ফাইলটা আমার সন্দেহকে পূর্ণ রূপ দেয়!”

“ফাইল! কি বলছো, এডওয়ার্ড!” প্রশ্ন করলো শেঙ্গ। “আর কেনই বা তুমি আমার সাথে আন-অফিশিয়ালি যোগাযোগ করছো?”

“আমার মনে হয় তুমি কারণটা জানো

“তুমি একজন তুখোড় লোক, এডওয়ার্ড, তোমাকে এই প্রশ্ন করা আমার সত্যিই ভুল হয়েছে।

“এমন এক তুখোড় লোক যার সারা জীবনটা আমালাদের পেছনে ঘুপচি ঘরে কেটে পার হয়েছে, তাই না?”

“সত্যি কথা বলতে কি, আমি আশা করেছিলাম তুমি আরো ওপরে উঠবে। তুমি তোমার দেশের জন্য যা করেছো তা সত্যিই প্রশংসনীয়।”

“আমি অবসর নেবো ব’লে ঠিক করেছি, শেঙ্গ। আমি আমার জীবনটা বৃথাই আমার গভর্নমেন্টের জন্য ব্যয় করেছি। এখন আমি চাই না এই গভর্নমেন্টের জন্যেই আমাকে বোমা খেয়ে মরতে হোক। আমি চাই না কোনো টেরোরিস্ট নিমিষে আমাকে শেষ ক’রে ফেলুক। শেষ সময়টা আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই। সময় বদলেছে, মানুষ বদলেছে, জীবন-যাপন এখন আগের চেয়ে অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। পেনশনের যে টাকা আমাকে দেয়া হবে তা আমার যোগ্যতার তুলনায় অনেক কম।”

“আম তোমার সব কথা বুঝলাম, এডওয়ার্ড। কিন্তু এর মধ্যে আমাকে টেনে আনছো কেন? আর কেনই বা আমার নাম কতোগুলো তাইওয়ানিজ তোমাদের সামনে বলেছিলো?”

“ভুল বোঝো না,” বর্নের দিকে তাকিয়ে বললো অ্যানালিস্ট। “আসলে সে রকম কিছুই হয় নি। আমিই তোমার গুপ্তঘাতককে এই কথাগুলো বলতে বলেছি। কারণ আমি জানতাম এই কথাগুলো শুনলে তুমি আর কথা না ব’লে থাকতে পারবে না। তোমার নাম শুধু ওই ফাইলটাতেই আছে যার কথা একটু আগে বললাম। তবে ফাইলটা দেখার অধিকার সবার নেই, আর সেটা আমার অফিসে লক্ করা আছে। তবে যদি কোনো অঘটন ঘটে বা আমার অপঘাতে মৃত্যু হয় তাহলে ফাইলটা ন্যাশনাল সিকিউরিটির হাতে চলে যাবে। আর ফাইলটা ভুল হাতে পড়লে আমার মনে হয় তোমাদের বড় ধরণের সমস্যা হবে।”

“এডওয়ার্ড, তোমার এ উপকারের জন্যে আমি সত্যিই কৃতজ্ঞ। যদিও তোমার কথাগুলো অস্পষ্ট এবং সবটা বুঝতেও পারি নি।”

“শেঙ্গ, আমার সঙ্গে দেখা করো। আমার টাকা দরকার। অনেক টাকা সাথে করে নিয়ে আসবে। আমেরিকান ডলার। তোমার গুপ্তঘাতক বলছিলো গুয়াঙ্গডঙ্গের পাহাড়ে তোমার লোকেরা তার সাথে দেখা করতো। আমার সাথে আগামীকাল সকালেই দেখা করো। রাত দশটা থেকে বারোটার মধ্যে। *

“পুরনো বন্ধু। আমি এখনও বুঝতে পারছি না তোমার সাথে দেখা করে আমার কি লাভ হবে?”

“আমি ফাইলের দুটো কপিই নষ্ট ক’রে দিতে পারি। তাইওয়ানের একটা গুজবের সত্যতা যাচাই করতে আমাকে এখানে পাঠানো হয়েছিলো। সেই সূত্র ধরেই আমি…”

“তোমার কথায় কান দেবার কোনো প্রয়োজন আমি এখনও দেখছি না।”

“একজন কুয়োমিংটাং তাইপানের ছেলে নিশ্চয় আমার কথায় কান দেবে। বেইজিংয়ের গুপ্ত সম্প্রদায়ের নেতা অবশ্যই আমার কথায় কান দেবে। অন্তত তার নিজের ভালোর জন্যেই আমার কথায় তাকে কান দিতে হবে।”

বেশ কিছুক্ষণ চুপ থাকার পর শেঙ্গই মুখ খুললো।

“গুয়াঙ্গডঙ্গের পাহাড়ে। সে জানে কোন্ জায়গায়।”

“শুধু একটা হেলিকপ্টার আসবে,” বললো ম্যাকঅ্যালিস্টার।

“তাতে শুধু তুমি আর তোমার পাইলট থাকবে, আর কেউ না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *