অধ্যায় ২১
ইঞ্জিনটির জোরালো শব্দে কানে তালা লেগে যাচ্ছে, রাতের আধারে প্রচণ্ড ঝড়ো বৃষ্টির মধ্যে সামনে এগিয়ে চলছে মোটরবোটটি। অসন্তোষের সাথে বিড়বিড় ক’রে চলেছে বোটটির চাইনীজ-পর্তুগিজ ক্যাপ্টেন। সে চোখ কুঁচকে ক্যাবিনের বড় জানালা দিয়ে দূরের দ্বীপটিকে দেখার চেষ্টা করলো। বর্ন আর দাঁজু লোকটির দু’পাশে দাঁড়িয়ে আছে। দাঁজুই প্রথম মুখ খুললো।
“বিচটা আর কতোদূর?” বৃষ্টি আর ইঞ্জিনের শব্দকে চাপা দেয়ার জন্য সে চেঁচিয়ে কথা বললো।
“আর প্রায় দুশো মিটার,” বললো ক্যাপ্টেন
“লাইটটা কোথায় রেখেছো? ওটা আমাদের লাগবে।”
“তোমার নীচে দেখো, একটা লকার আছে, তার ভেতরে। আমি আর বড়জোর পচাত্তর মিটার যেতে রাজি আছি, এরপর আমি থামবো। এই আবহাওয়ায় বিচের বেশি কাছে যাওয়া বিপজ্জনক, অনেক বড় বড় পাথরের টুকরো সামনে আছে, সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না।”
“আমাদেরকে বিচে যেতেই হবে, আমি তোমাকে আগেই বলেছিলাম কাজটা জরুরি।”
“হ্যাঁ, কিন্তু তুমি আমাকে এটা বলো নি যে, এই ঝড়ো আবহাওয়ায় তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে আরো নব্বই মিটার নিয়ে যাচ্ছি। তারপর তোমরা এটার সাথে ঝোলানো ছোটো বোটটাতে ক’রে চলে যেও। ওটার ইঞ্জিনও বেশ ভালো, কোনো সমস্যা হবে না।”
“তার মানে আরো প্রায় একশো মিটার আমাদেরকে একা যেতে হবে,” লকার থেকে লাইটটা বের ক’রে বললো দাঁজু। লাইটটা সে তার বুকের কাছে তুলে ধরে জ্বালাতেই ক্যাবিনের জানালা ভেদ ক’রে চলে গেলো গাঢ় নীলাভ আলো। তার ঠিক কয়েক মুহূর্ত পরেই দ্বীপটির সৈকত থেকেও একই ধরণের আলো জ্বলতে দেখা গেলো। আলোর সিগন্যাল! লাইটটা আবার লকারে রেখে দিলো দাঁজু।
রাত প্রায় দেড়টা বাজে। মেডুসার এই প্রাক্তন দুই সদস্য কালো রঙের ট্রাউজার, সোয়েটার আর মাঙ্কি ক্যাপ পরে আছে। জেসনের সাথে তার অটোমেটিক গান আর ফ্রেঞ্চম্যানের সাথে একটি পয়েন্ট ২২ ক্যালিবারের পিস্তল আছে। এছাড়া দু’জনেই একটি ক’রে খাঁজকাটা ছুরি বহন করছে।
“যতোটা সম্ভব কাছে যাও,” ক্যাপ্টেনকে উদ্দেশ্য ক’রে বললো ফ্রেঞ্চম্যান। “লাইটটা নিয়ে যাও, এটা তোমাদের দরকার পড়তে পারে।
.
বর্ন আর দাঁজু অপর একটি লোকের সাথে বিচের একটি ফাঁকা জায়গায় ব’সে আছে, তাদের মাঝখানে কাঠখড়ি দিয়ে আগুন জ্বালানো হয়েছে।
“তুমিই আমাদের কনট্যাক্ট?” প্রশ্ন করলো বর্ন।
“ওভাবে বলতে হয় না, আমি একজন বন্ধু!”
“আমি এখনও জানি না আমরা এখানে কেন এসেছি। তাই আগেই বলে রাখছি, আলগা প্যাঁচালের সময় আমার নেই।
“আমার বন্ধু গামা হয়তো আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে, তাই না গামা?”
ইউনিফর্ম পরা চাইনীজ় লোকটির দিকে তাকিয়ে বললো দাঁজু।
“গামা?” সপ্রশ্ন দৃষ্টিতে দাঁজুর দিকে তাকিয়ে রইলো বর্ন।
“হ্যাঁ, ডেল্টা। মেডুসার কিছু রীতিনীতি আমি এখনও এখানে ধরে রেখেছি। অন্য কোনো ছদ্মনাম ব্যবহারের পরিবর্তে আমি এখানে গৃক বর্ণের ব্যবহার শুরু করি,” বলে চললো দাঁজু। “যাই হোক, এবার আমার বন্ধু গামার কথায় আসা যাক। গামা একজন অত্যন্ত শিক্ষিত ডাবল এজেন্ট। সে তার স্বার্থের জন্য যে কোনো দলের হয়েই কাজ করতে পারে। তার মতো আদর্শহীন আর বিবেকহীন লোক খুব একটা দেখা যায় না। কিন্তু এ জন্যেই আমি তাকে শ্রদ্ধা করি, তাই না গামা? এবার গামা আমাদের বলবে কেন এই ঝড়ো আবহাওয়ায় সে আমাদের এই নির্জন দ্বীপে নিয়ে এলো!”
“প্রতিটি ইনফরমেশনের জন্য চড়া দাম লাগবে, ইকো?” বললো চাইনীজটি। “সে আর নতুন কি!”
“আমি কি তোমার এই সঙ্গীর সামনেই কথাগুলো বলবো?” বর্নকে ইঙ্গিত ক’রে কথাগুলো বললো লোকটি।
“অবশ্যই, যা যা জানো সব খুলে বলো।”
“আমার ইনফরমেশন তোমার সত্যিই কাজে আসবে। কিন্তু দাম পড়বে এক হাজার আমেরিকান ডলার!”
“মাত্র?”
“তাতেই চলবে। কিন্তু টাকাটা আগাম দিতে হবে।”
“যতোক্ষণ না আমি জানাচ্ছি ইনফরমেশনটা কিসের সাথে জড়িত ততোক্ষণ একটা পয়সাও পাবে না!” বললো দাঁজু।
“আমার ওপর আস্থা রাখতে শেখো, ইকো,” বললো গামা। “আমি আগেই বলেছি ইনফরমেশনটা তোমাদের কাজে আসবে। বিষয়টা তোমার সৃষ্ট গুপ্তঘাতকের সাথে জড়িত!”
“ওকে টাকাটা দিয়ে দাও!” চাইনীজ অফিসারটির দিকে শক্ত চোখে তাকিয়ে আদেশ করলো বর্ন। টাকাটা হাতে পেয়েই লোকটা মুখ খুলতে শুরু করলো।
“গুয়াংঝোউ’র হেডকোয়ার্টারে আমার একজন বন্ধু আছে। তার কাছ থেকেই খবরটা পেয়েছি। জেড টাওয়ার থেকে একটা গোপন লাইন ব্যবহার ক’রে বেইজিংয়ে একটা কল করা হয়েছে। কলটা করা হয়েছে সু জিয়াঙ্গের নামে।”
“ওই শুয়োরটা!” বললো দাঁজু।
“লোকটা কে?” প্রশ্ন করলো বর্ন।
“ধারণা করা হয় সে ম্যাকাও ইন্টেলিজেন্সের চিফ,” জবাব দিলো ফ্রেঞ্চম্যান। “তবে সঠিক দাম পেলে সে নিজের মাকেও পতিতালয়ের বিক্রি করতে দ্বিধা করবে না। আর বর্তমানে সে আমার একসময়কার ছাত্র, আমার শিষ্য, সেই গুপ্তঘাতকের বিশেষ চ্যানেল হিসেবে কাজ করছে।”
“আর সেই শিষ্যকে হঠাৎ করেই বেইজিংয়ে ডাকা হয়েছে,” বললো গামা।
“তুমি কি নিশ্চিত?” প্রশ্ন করলো জেসন।
“আমার সেই হেডকোয়ার্টারের বন্ধু এ ব্যাপারে নিশ্চিত। সু জিয়াঙ্গ নিজেও বেইজিংয়ে আসছে। আমার সোর্স এটাও জানিয়েছে যে, আগামীকাল কাই টাক থেকে বেইজিংয়ের সকাল ফ্লাইট বুক করা ছিলো। কিন্তু সু’এর নির্দেশে কিছু সিট বিশেষভাবে রিজার্ভ করা হয়। এর মানে দাঁড়ায় আসল প্যাসেঞ্জারকে বাতিল ক’রে কারো জন্য সিট বুক করা হয়েছে।”
“বেইজিংয়ে যাওয়ার ব্যবস্থা করো,” চাইনীজ অফিসারটিও দিকে তাকিয়ে বললো বর্ন। “সকালের প্রথম ফ্লাইটটাতেই যাবো, এর জন্যে যা যা দরকার করো। তোমাকে প্রচুর টাকা দেয়া হবে।”
“ডেল্টা, পাগলের মতো বোকো না! পিকিংয়ে যাবার প্রশ্নই ওঠে না,” আর্তনাদ করলো দাঁজু।
“কেন? আমাদের দু’জনেরই পাসপোর্ট আছে, আর ওখানে বিভিন্ন দেশ থেকে আসা টুরিস্টও আছে। আমরা ওদের ভিড়ে মিশে গেলে কেউ চিনতে পারবে না! তাছাড়া কেউ আশাও করছে না আমরা ওদের ধাওয়া করতে ওখানে যাবো।”
“মাথা ঠাণ্ডা ক’রে ভাবো!” বললো ইকো। “ওখানে যাওয়া মানে ওদের জালে পা দেয়া। ওরা যদি কোনোভাবে আমাদের আসার কথা টের পেয়ে যায় তাহলে আমরা দু’জনেই মরবো! তাছাড়া আমি নিশ্চিত ওই গুপ্তঘাতক কয়েক দিনের মধ্যেই আবার এখানে দেখা দেবে!”
“আমার হাতে অতো সময় নেই!” শান্তকণ্ঠে বললো বর্ন। “তোমার এই শিষ্য দু’বার আমার হাত থেকে ফকে গেছে, তৃতীয়বারও আমি তা হতে দিতে পারি না।”
“তুমি কি মনে করো চায়নাতে তুমি ওকে কাবু করতে পারবে?”
“হ্যাঁ, কারণ ও ভাবছে ওখানে কেউ ওর জন্য ফাঁদ পাতবে না।”
“পাগল! তুমি পাগল হয়ে গেছো!”
“সব কিছুর ব্যবস্থা করো,” চাইনীজ অফিসারটির দিকে তাকিয়ে বললো জেসন। “টিকেটাগুলো হাতে পাওয়ার পর আমি তোমাকে পঞ্চাশ হাজার আমেরিকান ডলার দেবো।”
“পঞ্চাশ হাজার…?” গামা লোকটি মুখ হা ক’রে বর্নের দিকে তাকিয়ে রইলো।
.
পিকিংয়ের এয়ারপোর্টটি আর বাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোর মতোই বিশাল আকৃতির। রানওয়েরগুলোর কোনো কোনোটা প্রায় দু’মাইল পর্যন্ত লম্বা। অন্য এয়ারপোর্টগুলোর সাথে যদি এর কোনো পার্থক্য থেকে থাকে, তাহলে এর ডোম আকৃতির টার্মিনালটা, যার গা ঘেষে আবার একটা হোটেল গড়ে উঠেছে।
বর্ন আর দাঁজু তেমন কোনো ঝামেলা ছাড়াই এয়ারপোর্টের চেকিং কাউন্টারগুলো পার করলো। সম্ভবত তাদের চীনা ভাষার দক্ষতা এক্ষেত্রে তাদের কাজে এসেছে।
“একটা বিষয় আমি বুঝতে পারছি না,” বললো ফ্রেঞ্চম্যান, তারা দু’জনই একটা ইলেকট্রনিক বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, দিনের সকল ফ্লাইটের সময়সূচী দেয়া আছে যেখানে। “কমান্ডো কেন এ ধরণের কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে ক’রে আসবে? সে যে লোকের হয়ে কাজ করছে তিনি চাইলেই তো যে কোনো গভর্নমেন্ট বা মিলিটারি এয়ারক্রাফট তার জন্য পাঠাতে পারতো?”
“হ্যাঁ, কিন্তু সে ধরনের এয়ারকাফটও পারমিশন নিয়েই ব্যবহার করতে হয়। যে ব্যবহার করবে তাকে কিছু পেপারে সাইন করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তাও পরিস্কার জানাতে হয়। আমরা দু’জনই জানি কমান্ডোর ক্লায়েন্ট তার সাথে দুরত্ব বজায় রাখতে ইচ্ছুক আর তাই এই সু জিয়াঙ্গ এবং তোমার কমান্ডো বাণিজ্যিক বিমান ব্যবহার করছে। অন্তত আমার তাই মনে হচ্ছে।”
“আরেকটা প্রশ্ন! তুমি তো জানোই সে অত্যন্ত বিপজ্জনক, তাই তাকে যদি ধরতে পারো তাহলে এখান থেকে বের ক’রে নিয়ে যাবে কিভাবে, ভেবে দেখেছো?”
“আমার সাথে টাকা আছে, আমেরিকান টাকা! এতো টাকা যে তুমি কল্পনাও করতে পারবে না। টাকা দিয়ে সবকিছুই সম্ভব। এগুলো আমার জ্যাকেটের সেলাইয়ের ভেতরে বিশেষ কায়দায় রাখা আছে। আমি তাকে ঠিকই ধরে নিয়ে যাবো!”
“ওহ্, তাই তুমি তোমার জ্যাকেটটাকে এতো আগলে রাখছো?”
“এখানেই অপেক্ষা করো, কাই টাক থেকে পরবর্তী প্লেনটা আরো বারো মিনিট পরে আসার কথা। কিন্তু চায়নার সময়সূচীর যা অবস্থা, তাতে বারো মিনিটের জায়গায় দু’মিনিটও লাগতে পারে আবার বারো ঘণ্টাও লাগতে পারে। আমি ততোক্ষণে আমাদের জন্য দুটো গিফট কিনে আনছি!”
“বিরক্তিকর,” বিড়বিড় ক’রে বললো ফ্রেঞ্চম্যান, প্রচণ্ড ক্লান্তিতে তার মুখ দিয়ে ঠিকভাবে কথাই বেরোলো না।
ফিরে এসে দাঁজুকে টেনে এক কোণার একটা ফাঁকা বন্ধ ইমিগ্রেশন দরজার কাছে নিয়ে গেলো জেসন। তারপর নিজের জ্যাকেটের ভেতরের পকেট থেকে একটা লম্বা, চিকন উজ্জ্বল রঙের বাক্স বের করলো। উপরের গলাটা সরাতেই ভেতরের তুলতুলে নরম বেল্টের মধ্যে, চিঠির মোড়ক খোলার কাজে ব্যহৃত হয় এমন দুটো সরু, ধারালো পিতলের ব্লেড দেখা গেলো। এগুলোকে লেটার ওপেনার বলে।
“একটা নাও,” বললো জেসন। “বেল্টের মধ্যে ঢুকিয়ে রাখো।”
“হ্যাঁ, আমার মনে আছে,” বললো দাঁজু। “মেডুসাতে থাকার সময়ে একদিন এক গুর্খা দশ ফিট দূরের এক শত্রুকে ছুরি মেরে কাবু করেছিলো। তার পরদিনই তুমি ওই গুর্খাকে আদেশ করেছিলে আমাদেরকে ছুরি ছোড়া শেখাতে।”
“তুমি কেমন শিখেছিলে?”
“ভালোই। যদিও আমার বয়স তোমাদের চেয়ে বেশি ছিলো, কিন্তু এটা শিখতে বেশি শারীরিক পরিশ্রমের প্রয়োজন হতো না। তাছাড়া পরবর্তী সময়ে আমি নিয়মিত প্র্যাকটিসও করেছি।”
জেসন ফ্রেঞ্জম্যানের দিকে তাকালো। “কথাটা হাস্যকর শোনাতে পারে, কিন্তু সত্যি বলছি ওসবের কিছুই আমার মনে নেই।”
.
দীর্ঘ অপেক্ষার পালা শুরু হলো এবার, আর বর্নের লো ইয়ু’র স্টেশনে অপেক্ষার কথা মনে পড়ে গেলো। একের পর এক ট্রেন আসছে, কিন্তু তার টার্গেটের দেখা পাওয়া যাচ্ছে না। শেষমেষ এক বয়স্ক খোঁড়া লোকের হঠাৎ চালচলনের পরিবর্তনই তাকে তার টার্গেটের দেখা পাইয়ে দিলো। কাই টাক থেকে রওনা দেয়া ১১টা ৩০- এর প্লেনটা দু’ঘণ্টা লেট করেছে। বাসস্টপে আরো কমপক্ষে আধাঘণ্টা যাবে…
“ওই যে সে!” ইমিগ্রেশন ডোর দিয়ে বের হওয়া একটা লোকের দিকে ইঙ্গিত করে ছটফট ক’রে উঠলো দাঁজু।
“লাঠি হাতে?” প্রশ্ন করলো জেসন। “খোড়া লোকটা তো?”
“ওর জীর্ণ পোশাকে ওর চওড়া কাঁধকে লুকোতে পারছে না!” বিস্মিত কণ্ঠে বললো ইকো। “পাকা চুলগুলোও নতুনের মতো চকচক করছে, সে ঠিকমতো ব্রাশ করে নি। কালো রোদচশমাটা একটু বেশিই চওড়া। আমাদের মতোই সেও ক্লান্ত, পরিশ্রান্ত। তোমার ধারণা ঠিক। বেইজিংয়ে আসার নির্দেশ সে অমান্য করতে পারে নি, তাছাড়া সে কিছুটা বেপরোয়াও হয়ে উঠেছে।”
“বিশ্রাম একটি হাতিয়ার এই একথাটা সে অবজ্ঞা করেছে,” বললো বৰ্ণ।
“হ্যাঁ, গতরাতের বাটটাকের ঘটনায় তার যথেষ্ট খাটাখাটুনি গেছে, কিন্তু তাসত্ত্বেও আজকে তাকে আসতে হয়েছে।”
“সে এয়ারপোর্টের হোটেলটার দিকে এগোচ্ছে,” বললো বর্ন। “এখানেই থাকো, আমি ওকে ফলো করছি। ও তোমাকে চিনতে পারলে দৌড়ে পালিয়ে যাবে।”
“সে তোমাকেও চিনে ফেলতে পারে!”
“তার সম্ভাবনা কম। এই চোর-পুলিশ খেলাটা আমিই আবিষ্কার করেছিলাম, আর আমি জানি তা কিভাবে খেলতে হয়। ভয় পেও না, আমি একটু দূরে দূরেই থাকবো। তুমি এখানেই থাকো। আমি আবার ফেরত আসবো।”
ক্যানভাস ব্যাগটি হাতে নিয়ে জেসন চিন্তিত প্যাসেঞ্জারের মতো ভাবভঙ্গি ক’রে সামনে এগিয়ে গিয়ে হোটেলে যাওয়ার প্যাসেঞ্জার লাইনের শেষে দাড়ালো। তার মনোযোগ মাথায় চক্চকে পাকা চুলওয়ালা লোকটির ওপর। দু’বার এই প্রাক্তন বৃটিশ কমান্ডো পিছন ফিরে দেখলো আর তার কাঁধ নড়ার সাথে সাথে জেসনও ঘুরে ঝুঁকে এমন একটা ভাব করলো যেনো তার প্যান্ট থেকে কোনো পোকা বা ধুলো ঝেড়ে সরাচ্ছে সে; নিশ্চিত করলো, কোনোভাবেই চেহারা বা শরীর যেনো কমান্ডোর দৃষ্টিসীমার মধ্যে না থাকে।
রেজিস্ট্রেশন কাউন্টারের ভিড় ক্রমাগত বেড়েই চলেছে, জেসন এখন পাশের লাইনে, সেই গুপ্তঘাতক থেকে মাত্র আটজনের পেছনে দাঁড়িয়ে আছে। কমান্ডো মহিলা ক্লার্কটির দিকে এগিয়ে গিয়ে তার কাগজপত্র দেখিয়ে রেজিস্টারের সাইন করলো, তারপর তার লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ডান দিকের বাদামি রঙের লিফটগুলোর দিকে এগিয়ে গেলো। ছয় মিনিট পরে বর্নও একই ক্লার্কের মুখোমুখি হলো। তবে সে মানদারিন ভাষায় কথা বলতে শুরু করলো।
“নি নেঙ্গ বাঙ্গ—ঝু ইয়ো মা?” সে বললো। “হঠাৎ বিশেষ একটা কাজ পড়ায় আমাকে আসতে হয়েছে কিন্তু থাকার কোনো জায়গা ঠিক করা হয় নি। শুধু আজকের রাতটা হলেই চলবে। আগে থেকে কোনো রিজার্ভেশন দেয়া হয় নি।”
“আপনি আমাদের ভাষা বেশ ভালো রপ্ত করেছেন,” বললো ক্লার্কটি, তার বাদামি চোখ দুটোতে আন্তরিকতার ছাপ। “আপনাদের জন্যই আমরা সম্মানিত বোধ করি।”
“আমি এখানে থেকে আরো ভালো কিছু ক’রে যেতে চাই। আমি আসলে একটা শিক্ষাসফরে এসেছি।”
“আমার জন্য এরচেয়ে ভালো উদ্দেশ্য আর হয় না। আমি দেখছি আপনার জন্য কি করা যায়। খুব বেশি জাঁকজমকপূর্ণ রুম হয়তো পাওয়া যাবে না।”
“বেশি জাঁকজমকপূর্ণ রুমের খরচ আমি বইতেও পারবো না,” লজ্জিত কণ্ঠে বললো জেসন। “আমার একজন রুমমেট আছে সাথে, প্রয়োজন পড়লে আমরা রুম শেরার করতেও রাজি আছি।”
“আমার মনে হয় এতো সংক্ষিপ্ত নোটিশে সেটাই আপনাদের জন্যে ভালো হবে।” ক্লার্ক তার হাতে একটা কার্ড তুলে ধরলো। “এই যে,” বললো সে। “দ্বিতীয় তলার পেছন দিকের একটা সিঙ্গেল রুম। আমার মনে হয় এটার খরচ আপনার পোষাবে”
“এতেই চলবে,” মাথা দুলিয়ে বললো বর্ন। “আচ্ছা, কিছুক্ষণ আগে আমি একজন লোককে এই লাইনে দাঁড়াতে দেখেছিলাম, মনে হয় আমি তাকে চিনি। তিনি ওইদিকে গেলেন, একজন বয়স্ক প্রফেসর, ইংল্যান্ডে থাকতে তিনি আমাদের ক্লাস নিতেন। পাকা চুল, সাথে একটা লাঠি …আমি নিশ্চিত তিনিই আমাদের ক্লাস নিতেন।”
“ওহ্, আচ্ছা, দাঁড়ান দেখছি,” ক্লার্ক এবার সদ্য পূরণ করা রেজিস্ট্রেশন কার্ডগুলো আলাদা ক’রে দেখতে লাগলো। “তার নাম ওয়াডওর্থ, জোসেফ ওয়াডস্ত্তর্থ। তিনি তিনশো পচিশ নাম্বার রুমে উঠেছেন। কিন্তু আমার মনে হয় আপনি ভুল করছেন। পেশার জায়গায় তিনি লিখেছেন অয়েল কনসালটেন্ট।”
“ওহ্, তাহলে ভুল দেখেছি,” লজ্জিতভাবে মাথা দু’দিকে নাড়িয়ে বললো বর্ন। তারপর রুমের চাবিটি নিয়ে নিলো সে।
“আমরা ওকে এখনই ধরতে যাচ্ছি!” বর্ন দাঁজুর বাহু ধরে টার্মিনালের কোণা থেকে টেনে আনতে আনতে বললো।
“এখনি? এতো সহজে? এতো জলদি? অসাধারণ!” বললো দাঁজু।
“ঠিক তার বিপরীত,” হোটেলের ভিড়ের মধ্যে ঢুকতে ঢুকতে বললো বর্ন । “খুবই সাধারণ! তোমার কমান্ডোর মনোযোগ এখন বিভিন্ন বিষয়ে অটিকে আছে। তাকে লোকচক্ষুর আড়ালে থাকতে হবে। নিজে থেকে অপারেটরের মাধ্যমে কাউকে ফোন করার ঝুঁকিও নিতে পারবে না। সম্ভবত কারো কলের জন্য অপেক্ষা করবে সে।”
তারা একটি কাঁচের দরজা দিয়ে ভেতরে ঢুকলো, চারদিকে একবার ভালো ক’রে দেখে নিয়ে লম্বা কাউন্টারটির বাম দিকে এগিয়ে গেলো। বর্ন দ্রুত বলে চললো, “গতরাতের কাই টাকের মিশন ব্যর্থ হওয়ার পর সে মানসিক চাপে থাকবে। তারওপর সে জানে, যে লোকটি গাড়ির নীচের বোমাটি চিহ্নিত করেছে সেই একই লোক তার চেহারাও চিনে ফেলেছে। নিজের প্রতিরক্ষার জন্যেই সে তার ক্লায়েন্টকে পূর্ব পরিকল্পিত কোনো স্থানে একা আসতে বলবে।” তারা উপরে ওঠার একটা সিঁড়ি খুঁজে পেয়ে সেটা দিয়ে উঠতে লাগলো। “আর সে তার পোশাকও বদলে ফেলবে। একই পোশাকে আর একই মেকআপ দু’দুবার বের হবার ঝুঁকি সে নিতে পারবে না। সে অন্য কোনো ব্যক্তির রূপ নকল করবে।” তারা থার্ড ফ্লোরে উঠে গেলে জেসন তাদের রুমের দরজার লক্ খুলতে লাগলো। “আমার ওপর আস্থা রাখো, ইকো। আমি নিশ্চিত, তোমার কমান্ডো এখন কোনো গভীর চিন্তায় ডুবে আছে,” শীতলকণ্ঠে বললো বৰ্ন।
ক্যানভাস ব্যাগটা কাঁধে থেকে নীচে নামিয়ে জেসন ধীরে ধীরে সিঁড়ির পাশের দরজাটি ফাঁক ক’রে উঁকি দিলো। দু’জন পিনস্ট্রাইপ সুট পরা লোক করিডোর দিয়ে হেটে আসছে, তাদের কথা শুনে বোঝা গেলো রুম সার্ভিসের যাচ্ছেতাই অবস্থার জন্যে খুবই অসন্তুষ্ট তারা। লোক দুটোর উচ্চারণ শুনে মনে হলো বৃটিশ, তারা দরজা খুলে তাদের রুমের ভেতর ঢুকে গেলো। রুম নাম্বারগুলো দরজার ওপরে চাইনীজ আর ইংরেজি ভাষায় লেখা।
তিনশো একচল্লিশ, তিনশো ঊনচল্লিশ, তিনশো সাইত্রিশ…রুমগুলো হাতের ডান দিকে অবস্থিত। বর্ন আর ঢিআনজু সেদিকেই ধীরে ধীরে হাটতে থাকলো। তিনটি ভারতীয় দম্পতি হঠাৎ একটা বাদামি লিফট থেকে আবির্ভূত হলো। মহিলাগুলো শাড়ি পরা আর লোকগুলো টাইট ফিটিং ট্রাউজার আর শার্ট পরে আছে। তারা বর্ন আর ঢিআনজুকে পাশ কাটিয়ে তাদের রুমের দিকে এগিয়ে গেলো।
তিনশো পয়ত্রিশ, তিনশো তেত্রিশ…দুই ভারতীয় দম্পতি তাদের রুমের লক্ খুলতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছে। বিভিন্নভাবে চাবি ঘুরিয়ে, ঝাঁকাঝাকি করেও যখন কাজ হচ্ছিলো না তখন দরজায় কষে লাথি বসিয়ে তা খুলতে সক্ষম হলো তারা। হাতের লাগেজগুলো নিয়ে যার যার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো তারা। তিনশো ঊনত্রিশ, তিনশো সাতাশ, তিনশো পচিশ…এই সেই রুম। পুরো করিডোর এখন ফাঁকা। দরজার ভেতর থেকে প্রাচ্যদেশীয় গানের সুর ভেসে আসছে। নিশ্চয় রেডিওটা উঁচু ভলিউমে ছাড়া আছে। জেসন দাঁজুকে টেনে দরজা থেকে একটু দূরে সরিয়ে আনলো।
“আমার ওই গুর্খার ছুরি ছোড়ার কোনো ঘটনা মনে নেই—”
“কিন্তু ছুরি কিভাবে ছুড়তে হয় তা তোমার ঠিকই মনে আছে,” বাঁধা দিয়ে বললো ইকো।
“হয়তো, কিন্তু সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। এখান থেকেই আমাদের অপারেশন শুরু। আমি ধাক্কা মেরে দরজা খুলে ভেতরে ঢুকবো আর তুমিও সাথে সাথে আমার পেছন পেছন ঢুকবে। তোমার পিতলের ব্লেডটা তৈরি রাখো। কিন্তু একটা কথা মাথায় থাকে যেনো, এটা শুধু তখনই ছুড়বে যখন তোমার আর কোনো উপায় থাকবে না। আর যদি এটা ছুড়তেই হয় তবে তার পায়ে লক্ষ্য ক’রে ছুড়বে। কোনোভাবেই কোমরের উপরের অংশে ছুড়বে না। আমি তাকে জীবিত চাই।”
“তুমি একজন বয়স্ক মানুষের নিশানার ওপর বেশিই ভরসা করছো।”
“আশা করি তুমি আমাকে হতাশ করবে না। দরজাগুলো প্লাইউডের তৈরি। তোমার কমান্ডো ভেতরে কোথাও রয়েছে। সে তার পরবর্তী পরিকল্পনায় বুঁদ হয়ে আছে, আমাদের কথা তার মাথায় নেই। এই সুযোগ! এখনই আমরা তাকে ধরতে পারি! রেডি?”
“রেডি!” ফ্রেঞ্চম্যান তার বেল্ট থেকে পিতলের ধারালো লেটার ওপেনারটা বের করলো। সেটা দু’আঙুলে ধরে নিশানা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হলো সে। জেসন রুম নম্বর ৩২৫-এর দরজার সামনে দাঁড়িয়ে তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। একবার দাঁজু’র দিকে তাকালো সে। ইকো মাথা দুলিয়ে সম্মতি দিতেই জেসন তীব্রবেগে দরজার ওপর ঝাঁপিয়ে পড়লো; তার বাম পা দরজার লকের নীচে প্রচণ্ড জোরে আঘাত করলে দরজাটা দাড়ম ক’রে খুলে গেলো, লকের নীচের কিছুটা কাঠ থেবড়ে গেছে; তক্তার সাথে দরজার গায়ে লাগানো কয়েকটা স্ক্রু আর নাটবল্টু খুলে যাওয়ায় আলগা হয়ে গেলো দরজাটা।
বর্ন লাফ দিয়ে রুমের মেঝেতে পড়ে পরপর দু’বার ডিগবাজি খেয়ে ভেতরে ঢুকে পড়লো। তার চোখ রুমের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
“হাত তোলো?” চেঁচিয়ে উঠলো দাঁজু।
রুমের ভেতরের একটি দরজা থেকে একটা লোক বেরিয়ে এলো, সেই পাকা চুলওয়ালা লোকটি। জেসন তার পায়ে ভর দিয়ে উঠে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়লো। লোকটির মাথার চুল ধরে টেনে তাকে দরজার ওপরে ছুড়ে ফেলে দিলো সে। দরজায় বাড়ি খেয়ে ধপাস ক’রে মেঝেতে পড়ে গেলো লোকটা। বর্ন আবার আক্রমণ করার জন্য এগিয়ে যেতেই ফ্রেঞ্চম্যান চিৎকার ক’রে উঠলো।
“ডেল্টা! থামো!”
বর্ন থামলো, তার দৃষ্টি ফ্রেঞ্চম্যানের দিকে।
“ভালো ক’রে দেখো,” কাঁপাকাঁপা কণ্ঠে বললো দাঁজু।
জেসন ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা লোকটির দিকে এগিয়ে গেলোঁ, তার শক্ত হাত দুটি দিয়ে লোকটির জামা ধরে তাকে তুলে ধরলো। জেসন চামড়া কোচকানো, পাকা চুলওয়ালা একজন দুর্বল বয়স্ক লোককে ধরে আছে।
