বর্ন সুপৃমেসি – ৫

অধ্যায় ৫

নিজের ওপর তার এখন কোনো নিয়ন্ত্রণ নেই। শান্ত হওয়া এখন তার সাধ্যের বাইরে। শক্ত হাতে সে অটোমেটিকটি ধরে আছে, তার মন কল্পনায় গুলির পর গুলি বর্ষণ ক’রে চলেছে। তার মাথায় চাড়া দিয়ে উঠছে একের পর এক পরিকল্পনা। সব মিলিয়ে সে শান্ত হয়ে বসতে পারছে না, কিন্তু তাকে তার নিজস্ব ছন্দে ফিরে আসতে হবে। তাকে প্রস্তুত হতে হবে নতুন ক’রে খেলার জন্য।

স্টেট ডিপার্টমেন্ট। কয়েক মাস আগে ভার্জিনিয়া মেডিকেল কমপ্লেক্সে স্টেট ডিপার্টমেন্টের লোকগুলোর সাথে পরিচিত হয়েছিলো—ঐ সব গোঁয়ার আর নাছোরবান্দা লোকগুলো মো পানোভ আসার আগেই তাকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলো, একের পর এক ছবি দেখিয়ে প্রশ্ন করেছিলো তাকে। মো পানোভই তাদেরকে থামায়। ওয়েব তাদের নাম জানার পর সেগুলো লিখে রেখে ছিলো এই আশায় যে, একদিন হয়তো সে জানতে পারবে লোকগুলোর পরিচয়। এর কয়েক মাস আগেই ঐ লোকগুলো তাকে হত্যা করার চেষ্টা করেছিলো। তারপরেও সে তাদের নাম জানতে চায় নি, ওরাও নিজে থেকে কিছু বলে নি। হ্যারি, বিল আর স্যাম হিসেবে যে পরিচয় তারা দিয়েছিলো সেটা অবধারতিভাবেই ছিলো ভূয়া। এরকম ভূয়া পরিচয় প্রকাশ করার একমাত্র কারণ ওয়েবকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না। তা সত্ত্বেও ওয়েব লোকগুলোর আইডেন্টিফিকেশন ট্যাগ পড়ে সেসব কাগজে লিখে নিজের পার্সোনাল ড্রয়ারে লুকিয়ে রাখে। মেরি প্রতিদিনকার মতোই তাকে দেখতে আসলে সে তাকে নামগুলো দিয়ে বলেছিলো এগুলো বাড়ির কোথাও লুকিয়ে রাখতে। খুবই ভালোভাবে লুকিয়ে রাখতে।

পরে, যদিও মেরি ঠিক সেভাবেই কাজটি করে যেমনটা ওয়েব তাকে নির্দেশ দিয়ে ছিলো, কিন্তু সে ভাবতে শুরু করে ছিলো ওয়েব অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে উঠছে, অসংখ্য রক্তপাত ঘটানোর কারণে সে বাকি সবাইকে সন্দেহ করছে। কিন্তু পরের দিন সকালেই ওয়াশিংটন থেকে আসা তদন্তকারী কর্মকর্তাদের সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ের শেষে ওয়েব মেরিকে অনুরোধ করে মেডিকেল কমপ্লেক্স থেকে দ্রুত বের হয়ে একটা গাড়ি নিয়ে তক্ষুণি ব্যাংকে যেতে, যেখানে তাদের সেফটি ডিপোজিট বক্সটা আছে, আর সে যেমনটা বলেছে ঠিক তেমনটি করার আদেশ দিয়েছিলো ডিপোজিট বক্সের বাম দিকের নীচের কোণায় মেরি যেনো তার চুলের ছোটো কয়েকটি অংশ রেখে সেটা লক্ ক’রে দিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়। তারপর দু’ঘণ্টা পরে আবার ব্যাংকে গিয়ে যেনো দেখে আসে সেগুলো জায়গামতো আছে নাকি উধাও হয়ে গেছে।

চুলগুলো জায়গামতো থাকে নি। সে তার কয়েকটি চুল পাকিয়ে খুব ভালোভাবে সেগুলো লকের পর আঁটকে রেখেছিলো, ডিপোজিট বক্স না খুললে সেগুলো পড়ে থাকার কথা নয়। কিন্তু সে চুলগুলো ব্যাংক ভল্টের টাইসের ফ্লোরে পড়ে থাকতে দেখে ছিলো।

“তুমি কি ক’রে বুঝলে?” মেরি ওয়েবকে জিজ্ঞেস করেছিলো।

“একজন তদন্তকারী কথাবার্তার মাঝে রেগে যায়, আমার ওপর চাপ প্রয়োগ শুরু করে। মো কয়েক মিনিটের জন্যে রুমের বাইরে গেলে তখনই সে আমার বিরুদ্ধে অভিযোগ করে, বলে আমি নাকি তথ্য লুকাচ্ছি। আমি জানতাম তুমি আসবে তাই এই খেলাটা খেললাম। আমি শুধু দেখতে চাইছিলাম নিজেদের স্বার্থের জন্য তারা কতো দূর যেতে পারে, আর তাদের হাত কতোটা লম্বা।”

তখনও জীবনটা সহজ ছিলো না, এখনও সেটা সহজ নেই। সব কিছু কেমন যেনো পেঁচালো মনে হচ্ছে। গার্ডগুলোকে তারা সরিয়ে নিলো, তার ঘণ্টাখানেকের মধ্যেই তারা তুলে নিয়ে গেলো মেরিকে। ওদিকে ম্যাকঅ্যালিস্টার এখন প্রায় পনেরো হাজার মাইল দূরে। আন্ডারসেক্রেটারি কি বেঈমানী করলো? হংকং কি তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে? সে কি ওয়াশিংটনের সাথে সাথে সেই লোকটির সাথেও প্রতারণা করলো যাকে প্রটেকশন দেবার প্রতিজ্ঞা সে করেছিলো? এসব কি হচ্ছে? যাই ঘটে থাকুক না কেন, তার জীবনের এক অপবিত্র গোপন সত্য হলো মেডুসা। ইনভেস্টিগেটররাও কখনও এ বিষয়ে তাকে প্রশ্ন করতো না। ভাবটা এমন যেনো মেডুসা ব’লে কখনও কিছু ছিলোই না। এর ইতিহাস তাদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু সেই ইতিহাস আবার নতুন ক’রে তৈরি করা যাবে। আর ওই পথেই সে তার যাত্রা শুরু করবে।

ওয়েব দ্রুত তার বেডরুম থেকে বেরিয়ে নীচে তার পড়ার ঘরের দিকে নামলো, আগেকার সময়ে ভিক্টোরিয়ান হাউজে এগুলো লাইব্রেরি ছিলো। সে তার ডেস্কে বসে নীচের ড্রয়ারটা খুলে বেশ কয়েকটি নোটবুক আর পেপার সরালো। এরপর পিতলের চোখা একটি ওপেনার দিয়ে ড্রয়ারটির নীচের নকল তলানিটা উঠিয়ে ফেললো; দ্বিতীয় স্তরটির উপরে কিছু কাগজ লুকোনো আছে। এগুলো তার স্মৃতিতে আকস্মিকভাবে ফিরে আসা অস্পষ্ট, খণ্ড খণ্ড অদ্ভুত সব ঘটনার সমাহার। এগুলো স্টেশনারির পুরনো দলিল বা ছোটো নোটবুকের ছেড়া বা কাঁচি দিয়ে কাটা পাতা, যার মধ্যকার ছবি বা কোনো শব্দ তার মাথার ভিতরে বিস্ফোরণ ঘটিয়েছিলো। এগুলো এতোটাই বেদনাবিধুর স্মৃতি, এতোটাই কষ্টদায়ক যে, সে মেরির সাথেও শেয়ার করে নি, সে ভয় পেয়েছিলো তার স্ত্রী অনেক কষ্ট পাবে, জেসন বর্নের আসল পরিচয় এতোটাই নিষ্ঠুর যে, মেরি তা সহ্য করতে পারবে না। এগুলোর মধ্যেই আছে গোপন অপারেশনের এক্সপার্টদের নামগুলো, যারা ভার্জিনিয়াতে তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলো।

ওয়েবের চোখ হঠাৎ ডেস্কের ওপরের কুৎসিত ভারি ক্যালিবারের পিস্তলটির দিকে গেলো। নিজের অজান্তেই জিনিসটা হাতে নিয়ে উদাসভাবে চলে গেলো বেডরুমের দিকে। অস্ত্রটির দিকে সে একবার তাকিয়ে ফোনের রিসিভারটি তুলে নিলো সে। প্রতিটি মুহূর্ত মেরি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর সেই সঙ্গে তার জীবনে নিদারুন কষ্ট এবং যন্ত্রণার এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। প্ৰথম দুটো কলই ধরলো প্রেমিকা না হয় স্ত্রী। নিজের পরিচয় দেয়ার পর জানতে পারলো তারা সেখানে নেই। তার বোঝা উচিত ছিলো তার পরিচয় এখনও প্রকাশ করার মতো সময় হয় নি।

“হ্যালো?”

“এটা কি মি: ল্যানিয়ারের বাসা?”

“জ্বি।”

“উইলিয়াম ল্যানিয়ারকে ডেকে দেয়া যাবে? বলুন, খুবই জরুরি, এটা সিক্সটিন হান্ড্রেড এ্যালার্ট। আমার নাম থমসন, স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছি।”

“ডেভিড বলছো?” লোকটি জিজ্ঞেস করলো।

“ডেভিড ওয়েব বলছি। তুমি নিশ্চয়ই জেসন বর্নকে ভুলে যাও নি?”

কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর ওপাশ থেকে শুধু শোনা গেলো ল্যানিয়ারের শ্বাস নেয়ার শব্দ। “তুমি তোমার নাম থমসন বললে কেন? কেন বললে এটা হোয়াইট হাউজ এ্যালার্ট?”

“আমার মনে হচ্ছিলো তুমি আমার সাথে কথা বলতে চাইবে না। যতোটুকু মনে পড়ে অথোরাইজেশন ছাড়া তুমি সবার সাথে কথা বলো না। শুধু রিপোর্ট করো যে, তোমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করেছিলো।”

“তাহলে তোমার এটাও মনে থাকার কথা, আমাদের মতো লোকদের বাসায় ফোন করা মোটেও ঠিক হয় নি।”

“বাসার ফোন? তুমি বলতে চাইছো তুমি যেখানে আছো সেখানে যোগাযোগ করা নিষেধ?”

“আমি কি বলতে চাইছি সেটা তোমার বোঝা উচিত।”

“আমি আগেই বলেছি এটা এমারজেন্সি।”

“তাতে আমার কি?” ল্যানিয়ার কথার মাঝখানে বাধা দিয়ে বললো। “তুমি আমার অফিসে একটা বন্ধ ক্লোজড্ ফাইল মাত্ৰ–”

“ক্লোজড্, নাকি মৃত?” ডেভিডও কথার মাঝখানে বলে উঠলো।

“আমি তা বলিন নি,” ওদিক থেকে জবাব এলো। “আমি শুধু বলতে চাইছি তুমি আমার শিডিউলে নেই, আর এখানে অন্যদের ব্যাপারে নাক গলানো সম্পূর্ণ নিষেধ।”

“অন্যেরা কারা?” ওয়েব প্রশ্ন করলো তীক্ষ্ণ কণ্ঠে।

“আমি কিভাবে জানবো?”

“তুমি কি বলতে চাইছো আমার কথা শোনার সময় তোমার নেই?”

“আমার শোনা আর না শোনা দিয়ে কিছু এসে যায় না। তুমি আমার কোনো কনট্যাক্ট লিস্টে নেই, আমি শুধু সেটাই জানি। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তোমার অথোরাইজড্ কনটাক্টের সাথে যোগাযোগ করো।”

“আমি চেষ্টা করেছি। কিন্তু তার স্ত্রী বললো সে সুদূর প্রাচ্যে গেছে।”

“তার অফিসে ফোন করো। কেউ তোমাকে তার সাথে যোগাযোগ করিয়ে দেবে।”

“জানি সেটা, কিন্তু ওসবের পরোয়া আমি করি না। আমি এমন কারো সাথে কথা বলতে চাইছিলাম যাকে আমি চিনি, আর আমি তোমাকে চিনি, বিল। মনে পড়ে? ভার্জিনিয়াতে তুমি বিল ছিলে, তুমি আমাকে বিল বলেই ডাকতে বলেছিলে। সেসময় আমার কথা তুমি খুব আগ্রহ সহকারেই শুনতে।”

“সময় বদলে গেছে। দেখো ডেভিড, আমি কোনো সাহা্য করতে পারবো না কারণ আমি তোমাকে কোনো পরামর্শই দিতে পারবো না। তুমি আমাকে যে কথাই শোনাও না কেন, আমি কোনো কিছু বলতে পারবো না। তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, প্রায় এক বছর ধরে আমি এসব থেকে অনেক দূরে। তোমার কনট্যাক্ট তোমার ব্যাপারে জানে, নিশ্চয়ই তার সাথে যোগাযোগ করা যাবে। স্টেটে ফোন ক’রে দেখো। আমি অপেক্ষা করছি।”

“মেডুসা,” ফিফিস্ ক’রে উঠলো ডেভিড। “তুমি শুনতে পাচ্ছো, ল্যানিয়ার? মেডুসা!”

“মেডুসার কি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো?”

“আমি হাটে হাড়ি ভাঙবো, বুঝতে পারছো? আমি সব কথা ফাঁস করে দেবো যদি না তুমি আমার কথার জবাব দাও।”

“তার পরিবর্তে কেন তুমি তোমার কনট্যাক্টের সাথে যোগাযোগ করছো না?” শান্তকণ্ঠে বললো লোকটি। “আর না হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নাও।” ক্লিক ক’রে লাইনটি কেটে গেলে ডেভিড ঘামতে শুরু করলো, ফোনটি এখনও তার হাতে।

ল্যানিয়ার নিশ্চয়ই মেডুসা সম্পর্কে কিছু জানে না। যদি জানতো তাহলে এভাবে লাইন কাটতে পারতো না। কারণ মেডুসা সকল পলিসি এবং নিয়মের উর্ধে চলে গিয়েছিলো। ল্যানিয়ার সবচেয়ে কময়বসী ইন্টারোগেটর ছিলো, বড়জোড় ৩৩ কি ৩৪: খুবই বুদ্ধিমান, কিন্তু কম অভিজ্ঞতা সম্পন্ন। ওয়েব তার লিস্টের নাম ও পাশের ফোন নাম্বারগুলো দেখতে থাকলো। সে আবার ফোনটা তুলে নিলো।

“হ্যালো?” পুরুষ কণ্ঠটা জবাব দিলো।

“আপনি কি স্যামুয়েল টিজডেল বলছেন?”

“হ্যাঁ। আপনি কে বলছেন?”

“আপনার স্ত্রীর পরিবর্তে আপনি নিজেই ফোনটি রিসিভ করেছেন ব’লে আমি সত্যিই শান্তি পেলাম।”

“বউরা থাকে বউদের জায়গায়,” হঠাৎ সতর্ক হয়ে উঠে বললো টিজডেল। “আমার বউ অবশ্য বাড়িতে নেই। শুনেছি সে ক্যারিবিয়ানে নৌ-বিহার ক’রে বেড়াচ্ছে এমন একজনের সাথে যাকে আমি কখনও দেখি নি। আমার গল্প তো শুনলেন, এবার বলুন আপনি কে?”

“জেসন বর্নকে মনে পড়ে?”

“ওয়েব?”

“এই নামটা আমার খুব একটা মনে পড়ছে না,” বললো ডেভিড।

“কেন ফোন করেছো?”

“আমরা তো বন্ধুর মতো ছিলাম। ভার্জিনিয়াতে তুমি তোমাকে স্যাম ব’লে ডাকতে বলেছিলে।”

“ঠিক আছে, ঠিক আছে, ডেভিড, তোমার কথাই ঠিক। আমিই স্যাম বলতে বলেছিলাম, কারণ আমার বন্ধুরা আমাকে ওই নামেই ডাকে…” টিজডেল বলার মতো আর কোনো শব্দ খুঁজে পেলো না। “কিন্তু সেটা তো প্রায় এক বছর আগের কথা, ডেভি, আর তুমি তো নিয়মগুলো জানোই। তোমাকে একজন ব্যক্তির মাধ্যমে কথা বলতে হয়। হয় সেটা সামনাসামনি নয়তো স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে। তুমি শুধু তার সাথেই যোগাযোগ করতে পারো, কারণ সে-ই তোমার সব খোঁজ খবর রাখে।”

“আর তুমি কোনো খবর রাখো না, স্যাম?”

“তোমার ব্যাপারে রাখা সম্ভব নয়। আমার মনে আছে, ভার্জিনিয়া থেকে তুমি চলে যাওয়ার সপ্তাহখানেক পরেও তোমার সব এনকোয়ারির ফাইল সেখানে ছিলো। কিন্তু এরপর সেগুলো সব সেকশনে চলে যায়।”

“ফলে আমার কনট্যাক্টগুদের সাথেও যোগাযোগের আর কোনো উপায় ছিলো না।”

“শান্ত হও”, বললো টিজডেল, শান্ত এবং সন্দেহমাখা কণ্ঠে। “তেমন কিছু নিশ্চয়ই হয় নি।”

“হয়েছে!” চিৎকার ক’রে বললো ওয়েব। “আমার স্ত্রীর হয়েছে!”

“তোমার স্ত্রীর আবার কি হলো? কি বলছো তুমি?”

“সে চলে গেছে, বানচোত তোমরা সবাই বানচোত! তোমরাই এর জন্য দায়ি।” ওয়েব নিজেকে সামলে আবার বললো। “আমার জবাব চাই, স্যাম। আমি জানতে চাই কে এইসব করার ব্যবস্থা ক’রে দিলো। কে বিশ্বাসঘাতকতা করেছে? যদিও আমি ধারণা করছি কে এটা করতে পারে, কিন্তু শাস্তি দেবার আগে নিশ্চিত হতে চাই।”

“আরে, এই বান্দা ভয় পাবার লোক নয়। তুমি তোমার সীমা অতিক্রম করছো।” টিজডেল ক্ষোভের সাথে জবাব দিলো। “তুমি যদি আমাকে ভয় দেখাতে চাও তো ভুল করছো! ফোনটা রাখো, তোমার ডাক্তারদের কাছ গিয়ে তোমার এইসব প্যাঁচাল শোনাও, আমাকে শুনিয়ে লাভ নেই! আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি শুধু রিপোর্ট করবো যে, তুমি আমাকে ফোন করেছিলে, আর তুমি ফোন রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা করবো। আমি আরো বলবো যে, আমাকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে! তোমার মাথাটা এবার সামলিয়ে চলো—”  

“মেডুসা!” চিৎকার করে বললো ওয়েব। “কেউ কোড নেম মেডুসা নিয়ে কথা বলতে চায় না। আজও সেটা অনেক গভীরে লুকানো আছে, তাই না?”

এবার আর ক্লিক্ ক’রে লাইনটা কেটে গেলো না। টিজডেলও চুপ ক’রে থাকলো না। সে সোজা বলতে শুরু করলো। “গুজব। ঠিক যেমনটা হুভার ফাইল নিয়ে হয়েছিলো, গল্পগুলো শুনতে ভালো লাগে, কিন্তু কোনোটারই ভিত্তি নেই।”

“আমি কোনো গুজব নই, স্যাম। আমি মানুষ, আমিও টয়লেটে যাই, আমিও ঘামি, যেমনটা এখন ঘামছি। এগুলো গুজব হতে পারে না।”

“তোমার কিছু সমস্যা তো ছিলোই, ডেভি।”

“আমি সেখানে ছিলাম। আমি মেডুসার হয়ে লড়াই করেছি। কেউ কেউ বলে আমি তাদের মধ্যে সেরা ছিলাম, অথবা সবচেয়ে নিকৃষ্ট। এ কারণেই আমাকে বেছে নেয়া হয়, একারণেই আমি জেসন বর্ন হয়ে উঠি।”

“আমার সেটা জানার কথা নয়। আমরা কখনও সে বিষয়ে কথা বলি নি কখনও বলেছি কি, ডেভি?”

“এই বাজে নামটা আর বোলো না, আমি ডেভি নই।”

“ভার্জিনিয়াতে আমরা ‘স্যাম’, আর ‘ডেভি’ ছিলাম, ভুলে গেছো?”

“তাতে কিছু যায় আসে না! আমরা আমাদের খেলা খেলছিলাম। আর মরিস পানোভ ছিলো আমাদের রেফারি, কিন্তু একদিন তুমি মারাত্মক হিংস্র এক খেলায় নেমেছিলে।”

“সেজন্যে আমি দুঃখিত,” ভদ্রভাবে বললো টিজডেল। “সবারই কিছু খারাপ সময় যায়। আর আমার বউয়ের ব্যাপারে তো তোমাকে বললোামই।”

“তোমার বউয়ের কথায় আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ আমার বউয়ের ব্যাপারে। আমি মেডুসাকে টেনে হিছড়ে বার করবো যদি উপযুক্ত কোনো জবাব না পাই, যদি কোনো সাহায্য না পাই।”

“আমি নিশ্চিত তুমি সব সাহায্যই পাবে। স্টেটে তোমার কনট্যাক্টের সাথে যোগাযোগ করো।”

“সে এখানে নেই! চলে গেছে।”

“তাহলে তার ব্যাক-আপ’র সাথে কথা বলো। নিশ্চয়ই তোমাকে সে ব্যবস্থা ক’রে দেওয়া হবে।”

“ব্যবস্থা? হায় ঈশ্বর! তোমরা কি যন্ত্র নাকি?”

“আমি শুধু তোমাকে সাহায্য করতে চাইছি, মি: ওয়েব, আর দুঃখজনক হলেও সত্যি আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। গুড নাইট।”

ক্লিক্ ক’রে শব্দ হলে টিজডেলের লাইনটা কেটে গেলো। লিস্টে আরো একজনের নাম থাকার কথা, ভাবলো ডেভিড। চোখে পানি জমে যাওয়ায় চোখ কুচকে ডেভিড লিস্টের দিকে তাকালো। ইনি একটু সরল প্রকৃতির মানুষ। যার আচার আচরণ থেকে মনে হতো, হয় ইনি অতি উঁচু শ্রেণীর বুদ্ধিমান না হয় ইনি এই বিশেষ পেশাতে নিজেকে বেমানান মনে করেন। এতোকিছু ভাবার সময় নেই।

“এটা কি মি: বাবককের বাসা?”

“অবশ্যই,” একজন মহিলা মধুর কণ্ঠে জবাব দিলো। “নিজেদের বাসা না, কিন্তু আমরা এখানেই থাকি।”

“আমি কি মি: হারি বাবককের সাথে কথা বলতে পারি?”

“আমি কি জানতে পারি আপনি কে বলছেন? তিনি হয়তো বাগানে বাচ্চাদের সাথে খেলা করছেন, অথবা তিনি বিরক্ত করা পছন্দ করবেন না।”

সঙ্গে সঙ্গে একটা ভূয়া নাম মনে পড়ে গেলো ডেভিডের। “আমার নাম রিয়ারডন, স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছি। তার জন্যে নতুন একটি আর্জেন্ট মেসেজ আছে। আমাকে বলা হয়েছে যতোদ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করতে। অত্যন্ত জরুরি।

ফোনটা হাত বদললের একটা শব্দ পাওয়া গেলো। হ্যারি বাবকক লাইনে এলো, তার কণ্ঠস্বর ধীরস্থির। “আমি কোনো মি: রিয়ারডনকে চিনি না, মি: রিয়ারডন। আমার সব কল একটি নির্দিষ্ট সুইচবোর্ড থেকে আসে, আপনি কি সেখান থেকেই বলছেন?”

“সত্যি বলতে কি আমি কাউকে কখনও বাগান থেকে বা রাস্তার ওপারের পার্ক থেকে এতোদ্রুত আসতে দেখি নি, মি: বাবকক।”

“অবিশ্বাস্য, তাই না? আমার তো অলিম্পিকে দৌড়ানো উচিত ছিলো। যাই হোক, আপনার গলা আমার কাছে অপরিচিত, তাই বলতে পারছি না আপনি কে বলছেন।”

“যদি বলি জেসন বর্ন?”

মাত্র কয়েক মুহূর্তের নীরবতা, আর তারপরই ধূর্ত মস্তিষ্কের জবাব। এাবর মনে হয় চিনতে পেরেছি, তাই না? মনে হয় প্রায় এক বছর আগে। তাহলে তুমি ডেভিড বলছো,” কথাটা মোটেও প্রশ্নের মতো শোনালো না।

“ঠিক ধরেছো, হ্যারি। তোমার সাথে আমার অনেক কথা আছে।”

“না, ডেভিড। তোমার উচিত অন্যদের সাথে কথা বলা, আমার সাথে নয়

“তুমি কি বলতে চাইছো এখনই ফোনটা রেখে দিতে?”

“কী যে বলো, সেটা খুবই বাজে হবে। তার চেয়ে আমি এটা জানতে খুবই আগ্রহী যে, তুমি আর তোমার প্রিয়তম স্ত্রী’র জীবন কেমন কাটছে। তোমরা তো ম্যাসাচুসেটে ছিলে, তাই না?”

“মেইনে।”

“ওহ্, ভুলেই গিয়েছিলাম। সবকিছু ঠিক তো? তুমি তো বোঝোই, আমি আর আমার কলিগদের এতো সব সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয় যে, তোমার ফাইলের খোঁজখবর নেয়ার সময় হয় নি।”

“আমি আরেকজনের কাছে শুনলাম তোমাকে নাকি ইচ্ছে করেই আমার ফাইল থেকে দূরে রাখা হয়েছিলো।”

“আমার মনে হয় না কেউ সেটা বলতে পারে।”

“আমার কিছু জরুরি কথা আছে, বাবকক,” কর্কশস্বরে বললো ডেভিড।

“কিন্তু আমি চাচ্ছি না,” সোজাসাপ্টা শান্তকণ্ঠে জবাব দিলো বাবকক। “আমি নির্দেশ মেনে চলি, আর যতোদূর জানি, আমার মতো লোকদের থেকে তোমাকে দূরে রাখা হয়। যদিও আমি জানি না কেন, কিন্তু সময়ে সময়ে সবকিছু বদলে যায়।

“মেডসা!” বললো ডেভিড। “আমার ব্যাপারে না, চলো মেডুসার ব্যাপারে কথা বলি।”

আগের চেয়েও বেশিক্ষণ নীরবতা পালিত হলো, আর যখন বাবকক কথা বলতে শুরু করলো তার কণ্ঠস্বর বেশ শীতল শোনালো। “এসব ফোনের লাইনকে খুব একটা ভরসা করা যায় না, ওয়েব। তাই, আমি শুধু সেটাই বলবো যা আমি বলতে চাই। তোমাকে প্রায় একবছর আগে সরানো হয়, কিন্তু সেটা একটা বড় ভুল ছিলো। আমরা যথেষ্ট বিশ্বস্ততার সাথে তোমাকে মানুষ করতে পারতাম। যাইহোক, তুমি যদি তোমার সীমা লঙ্ঘন করো তাহলে আগামী কালের সকাল তোমার জীবনে আর নাও আসতে পারে। তা যদি হয় তবে তোমার স্ত্রীর কি হবে ভেবে দেখেছো?”

“কুত্তার বাচ্চা। সে এখানে নেই। তাকে ধরে নিয়ে গেছে। আর তোদের মতো বানচোতরাই এটা হতে দিয়েছে।”

“আমিত জানি না তুমি কি বলতে চাইছো?”

“আমার গার্ডদেরকে সরিয়ে ফেলা হয়েছে, প্রত্যেককে, আর তারপরই তাকে ধরে নিয়ে গেছে ওরা। আমি জবাব চাই বাবকক, না হলে আমি সবকিছু শেষ ক’রে দেবো! এখন তুমি তাই করবে যা আমি করতে বলবো, না হলে তোমার জীবনে এমন সকাল আসবে যা কখনও কল্পনাও করো নি—–তুমি, তোমার বউ, তোমার এতিম সন্তান, সবার জন্যেই এটা ভয়াবহ হবে, যতোটা খারাপ সম্ভব। ভুলে যেয়ো না, আমি জেসন বর্ন।”

“তুমি যে একটা পাষণ্ড, তা আমি ভুলে যাই নি। এ ধরণের হুমকি দিলে তোমার জন্য একটা টিম পাঠাবো। অনেকটা মেডুসা স্টাইলের। যতোটা খারাপ সম্ভব, বুঝেছো, বাবা!”

হঠাৎ ক’রে ফোন লাইনে বিকট একটি শব্দ শোনা গেলে কানে তালা লাগার জোগাড় হলো। উচ্চনাদের এ শব্দ ডেভিডকে বাধ্য করলো কান থেকে ফোনটি দূরে সরিয়ে রাখতে। আর ঠিক এর পরপরই অপারেটরের শান্ত কণ্ঠ শোনা গেলো “বিশেষ কারণে আমরা লাইনে ঢুকতে বাধ্য হচ্ছি। কথা বলুন, কলোরাডো।”

ওয়েব ধীরে ধীরে ফোনটি কানের কাছে তুলে ধরলো।

“এটা কি জেসন বর্ন?” লোকটি প্রশ্ন করলো মধ্য আটলান্টিক উচ্চারণ ভঙ্গিতে, তার কণ্ঠে রাজকীয় গাম্ভীর্যের ছোঁয়া।

“আমি ডেভিড ওয়েব।”

“নিশ্চয়ই আপনি তাই। কিন্তু তার সাথে আপনি জেসন বর্নও।”

“আগে ছিলাম,” বললো ডেভিড। তার মাথা ঝিমঝিম করছে এখন।

“দুটি ভিন্ন পরিচয়ের উপস্থিতি অনেক সময় নিজের আত্মপরিচয়কে ঝাপসা ক’রে তোলে, মি: ওয়েব। বিশেষ ক’রে আপনার মতো লোকের ক্ষেত্রে, যার ওপর অনেক ঝড় বয়ে গেছে।”

“আপনি বলছেনটা কে?”

“একজন বন্ধু, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আর একজন বন্ধুর কাজ‍ই হলো তার বন্ধুকে সতর্ক ক’রে দেয়া। আপনি আমাদের বেশ কয়েকজন নিবেদিত প্রাণ কর্মীর ওপর অবিশ্বাস্য অভিযোগ এনেছেন। তারা কখনই পাঁচ মিলিয়ন ডলার আত্মসাৎ করবে না যার খোঁজ এখনও পাওয়া যায় নি।”

“আপনি চাইলে আমাকে সার্চ করতে পারেন।”

“না, তার চেয়ে বরং আমার ধারণা আপনার প্রিয় স্ত্রী সেগুলো ইউরোপের ডজনখানেক অ্যাকাউন্টে …”

“সে এখানে নেই। আপনার নিবেদিত প্রাণ কর্মীরা কি সেটা আপনাকে বলে নি?”

“তারা বলেছে আপনি আপনার সীমা অতিক্রম করেছেন, আপনার স্ত্রীকে কেন্দ্র ক’রে অবিশ্বাস্য সব অভিযোগ তুলেছেন, হ্যা, তারা সবই বলেছে।”

“কেন্দ্র ক’রে! হায় পাষণ্ড, আমার স্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। কেউ তাকে আঁটকে রেখেছে কারণ তারা আমাকে চায়।”

“আপনি কি নিশ্চিত?”

“ঐ ঘাটের মরা ম্যাকঅ্যালিস্টারকে জিজ্ঞেস করুন। সে-ই এর সাথে জড়িত। ওরা যাবার সময় একটি নোটে প্রতিশোধের কথা লিখে রেখে গেছে, অন্য দিকে একইসাথে ম্যাকঅ্যালিস্টারও পৃথিবীর অপরপ্রান্তে গায়েব হয়ে গেছে।

“নোট রেখে গেছে?” প্রশ্ন করলো মার্জিত কণ্ঠে।

“সবকিছু একদম পরিস্কার। একদম স্পষ্ট। সবকিছু ম্যাকঅ্যালিস্টারের সাজানো, সে-ই এসব হতে দিয়েছে! আপনারা এটা হতে দিয়েছেন!”

“হয়তো নোটটি আপনার আরো ভালোভাবে পড়ে দেখা উচিত।”

“কিসের জন্যে?”

“প্রয়োজন আছে। দেখলে পরিস্কার বুঝতেন যে, আপনার সাহায্য দরকার, বিশেষ ক’রে মানসিক চিকিৎসা জাতীয় সাহায্য।”

“কি?”

“যা কিছু সম্ভব আমরা আপনার জন্য করবো, আস্থা রাখুন। আপনার জন্য অনেক কিছু করা হয়েছে—অন্য যে কারো থেকে বেশি—আর আপনার অসামান্য প্রতিদানকে আমরা অবজ্ঞা করতে পারি না, এমনকি কোর্টের আইনেও তাকে খাটো করা সম্ভব নয়। আমরাই আপনাকে এ পরিস্থিতিতে ঠেলে দিয়েছি, আমরাই আপনার পাশে দাঁড়াবো, দরকার পড়লে আইন ভেঙে, কোর্টের সাথে সংঘর্ষ করেই তা করবো।”

“আপনি কী যা-তা বলছেন?” চেঁচিয়ে উঠলো ডেভিড।

“একজন সম্মানিত আর্মি অফিসার প্রচণ্ড মানসিক চাপের মুখে পড়ে বছর খানেক আগে তার স্ত্রীকে হত্যা করে। ঘটনাটা প্রায় সব পেপারেই এসেছিলো। মানসিক চাপ অত্যধিক পর্যায়ে পৌঁছে গিয়েছিলো। যেমনটা আপনি অনুভব ক’রে থাকেন।”

“আমি বিশ্বাস করি না!”

“আচ্ছা, তাহলে বিষয়টিকে অন্যভাবে দেখা যাক, মি: বৰ্ন।”

“আমি বর্ন নই।”

“ঠিক আছে, মি: ওয়েব। আমি যা বলবো, খোলামেলাই বলবো।”

“তাহলে একধাপ এগোনো গেলো।”

“আপনি সুস্থ নন। আপনি আট মাস মানসিক চিকিৎসা নিয়েছেন তাসত্ত্বেও আপনি আপনার জীবনের অনেক অংশই মনে করতে পারেন না। আপনি আপনার নিজের নামটাও জানতেন না। মেডিকাল রেকর্ডেই সেটা লেখা আছে, রিপোর্টে আপনার মানসিক অসুস্থতার কথার উল্লেখ আছে, নিষ্ঠুরতার প্রতি আপনার অমোঘ আকর্ষণ আর নিজের পরিচয়কে অস্বীকার করার সহজাত প্রবণতার ইঙ্গিতও সেখানে পাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়ই আপনি কল্পনায় ডুবে থাকেন, আপনি এমন কেউ হওয়ার ভান করেন যা আপনি নন। আপনার মধ্যে নিজেকে এড়িয়ে অন্য কেউ হওয়ার একটা প্রবণতা রয়েছে।”

“আপনি যা বলছেন, তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না, আপনি নিজেও তা জানেন। সব বানোয়াট!”

“পাগলের প্রলাপ শব্দটা কিছুটা রূঢ় শোনায়, মি: ওয়েব, আর যে কথাগুলোকে আপনি মিথ্যা, বানোয়াট বলতে চাইছেন, সেগুলো আমার নিজের তৈরি নয়। যাই হোক, আমার কাজ হচ্ছে আমাদের গভর্নমেন্টকে মিথ্যা, ভিত্তিহীন সব অভিযোগ থেকে রক্ষা করা যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

“যেমন?”

“যেমন আপনার কল্পনাপ্রসূত সংগঠন যাকে আপনি মেডুসা বলে থাকেন। আমি নিশ্চিত, আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে, যদি সেটা তার পক্ষে সম্ভব হয়, মি: ওয়েব। কিন্তু যদি আপনি আপনার এই কাল্পনিক জগৎকে বেশি প্রশ্রয় দেন আর মেডুসা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আপনাকে উন্মাদ এবং একজন সিজোফ্রেনিক রোগি হিসেবে ভাবতে বাধ্য হবো, মানসিক ভারসাম্যহীন মিথ্যুক যে কি না নৃশংসতার প্রতি আকৃষ্ট আর নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত। তেমন কোনো ব্যক্তি যদি দাবি করে যে, তার স্ত্রী নিখোঁজ, তাহলে তার মানসিক চিকিৎসা ঠিক কোন্ দিকে মোড় নেবে আশা করি আপনি বুঝতে পরেছেন? আমি কি সবকিছু পরিস্কার বোঝাতে পেরেছি?”

ডেভিড তার চোখ বন্ধ করলো। তার মুখ ঘেমে উঠছে। “পানির মতো পরিস্কার,” মৃদু কণ্ঠে জবাব দিয়ে ফোনটা রেখে দিলো ওয়েব।

উন্মাদ…মানসিক ভারসাম্যহীন। বাস্টার্ড! সে তার চোখ খুললো, তার রাগ আর ক্ষোভ প্রশমিত করার জন্যে যেকোনো কিছুর উপর সেটা প্রয়োগ করতে হবে! কিন্তু সে থেমে গেলো, দাঁড়িয়ে রইলো নিথর দেহে। কারণ তার মাথায় এক নতুন কিন্তু অনিবার্য চিন্তার উদয় হয়েছে। মরিস পানোভ! মো পানোভ এই মিথ্যুকদের সামাল দিতে পারবে। দুনীর্তিপুরায়ণ বুরোক্রেসির মিথ্যুক, অযোগ্য, স্বার্থান্বেষী রক্ষক এরা। এরা আসলে আরো খারাপ। টলতে টলতে ফোনের কাছে পৌঁছে নাম্বারটা ডায়াল করলো। এই নাম্বারে অতীতে কতোবার যে ফোন করেছে, আর প্রতিবারই একটি শান্ত কণ্ঠ তাকে মনে করিয়ে দিয়েছে তার জীবনের মূল্য, যখন কিনা সে ভাবতো তার জীবনের আর কিছুই বাকি নেই, সব শেষ হয়ে গেছে।

“ডেভিড, কতোদিন পরে তোমার কথা শুনতে পেলাম,” আন্তরিকতার সাথে বললো ডক্টর পানোভ।

“খবর ভালো না, মো। তোমাকে করা সব থেকে বাজে কল এটা।”

“আরে ডেভিড, এতো হতাশ হচ্ছো কেন। আমাদের ওপর দিয়ে কি কম গেছে

“আমার কথা শোনো!” আর্তনাদ করলো ওয়েব। “সে চলে গেছে। তারা ওকে ধরে নিয়ে গেছে!” কথাগুলো গুছিয়ে বলা হলো না, মানেটাও স্পষ্ট হলো না।

“থামো, ডেভিড!” নির্দেশ দিলেন পানোভ। “আবার প্রথম থেকে শুরু করো। ওই লোকটি যখন তোমার সাথে দেখা করতে এলো…”

“কোন্ লোক?”

“স্টেট ডিপার্টমেন্টের।”

“ওহ্! ঠিক আছে। তার নাম ম্যাকঅ্যালিস্টার।”

“সেখান থেকে শুরু করো। তার নাম, পেশা, পদবী সবকিছু বলে যাও। হংকংয়ের সেই ব্যাংক মালিকের নামের বানানটা বলো। আর ঈশ্বরের দোহাই, একটু ধীরে, গুছিয়ে বলো।

সে আবার শুরু করলো। তার কথার ওপরে সে কৃত্রিম নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো, কিন্তু তাসত্ত্বেও তা কঠিন, কর্কশ বলেই মনে হলো। ধীরে ধেির গতি বাড়তে থাকলো। শেষমেষ সে সবকিছুই উগড়ে দিলো, যতোটা মনে পড়লো সে বললো, এই ভয়ে যে, কোনো কিছু যেনো বাদ না পড়ে। এক অজানা শূন্যতা তাকে ঘিরে ফেললে বেদনাময় পরিবেশের সৃষ্টি হলো। যা যা বলা সম্ভব ছিলো সবই বলে ফেলেলো সে, আর কিছুই বলার বাকি রইলো না।

“ডেভিড” মো পানোভ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলো। “আমার একটা কথা রাখবে?”

“কি?”

“জানি কথাটা বোকার মতো শোনাবে, কিছুটা অদ্ভুতও লাগবে, কিন্তু আমি চাই তুমি হেটে একটু বিচের কাছে যাও, তীর ধরে কিছুক্ষণ হাটো। আধ ঘণ্টা কিংবা পয়তাল্লিশ মিনিটই যথেষ্ট হবে। জোয়ারের শব্দ শোনো, ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শোনো।”

“আপনি নিশ্চয় মজা করছেন?” বললো ওয়েব।

“না, আমি সিরিয়াস,” জোর দিয়ে বললো মো। “মনে আছে আমরা একবার একমত হয়েছিলাম যে, কখনও কখনও মানুষকে নিজেদের অনুভূতি সামলে চলতে হয়? ঈশ্বরই জানেন, আমি একজন সাইক্রিয়াটিস্ট নয়, বন্ধু হিসেবে কথাটা বলছি। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর আমরা একসাথে কাজ শুরু করার আগে সকল দ্বিধা বিভ্রান্তি দূর করতে হবে। যেমনটা বলছি তেমন করো, ডেভিড যতোটা শীঘ্র সম্ভব আমি তোমার কাছে আসছি, এক ঘণ্টার বেশি সময় নেবো না, আশা করি এসে যেনো দেখি তুমি সব কিছু শান্তভাবে নিয়েছো।”

অনুরোধটা অদ্ভূত, কিন্তু পানোভের এই উপদেশের মধ্যে কোনো সত্যি লুকোনো আছে। ওয়েব ঠাণ্ডা পাথুরে বিচের ধারে হাটছে, একটি মুহূর্তের জন্যেও সে ভুলতে পারলো না কিছুক্ষণ আগে কী ঘটেছে। কিন্তু দৃশ্যপটের পরিবর্তন, ফুরফুরে বাতাস অথবা ঢেউয়ের শব্দের জন্যেই কি না কে জানে, সে আগের চেয়ে আরো স্বতঃস্ফূর্তভাবে নিঃশ্বাস নিতে পারলো। হাত ঘড়ির দিকে তাকালো সে, চাঁদের আলোর উপস্থিতিতে তার রেডিয়াম দেয়া ঘড়িতে সময় দেখে নিলো। এদিক ওদিক ক’রে বত্রিশ মিনিট হেটে তার আর তর সইলো না। বিচ থেকে বেরিয়ে ছন্নছাড়া ঘাসগুলোর মধ্যে দিয়ে রাস্তায় চলে এলো বাড়ির উদ্দেশ্যে যাবার জন্যে। প্রতিটি পদক্ষেপের সাথেই তার গতি বেড়ে চলেছে।

নিজের ডেস্কের চেয়ারে এসে বসলো, তার চোখ ফোনের উপর স্থির। এমন সময় ফোনটা বেজে উঠলো; রিং থামার আগেই রিসিভারটি তুলে নিলো সে।

“মো?”

“হ্যাঁ।”

“বিচে খুবই ঠাণ্ডা ছিলো। ধন্যবাদ তোমাকে।”

“তোমাকেও ধন্যবাদ।”

“তুমি কি কিছু জানতে পেরেছো?”

এরপরই দুঃস্বপ্নের পরবর্তী অংশ শুরু হলো।

“মেরির যাওয়ার কতোক্ষণ হয়েছে, ডেভিড?”“

“জানি না। এক ঘণ্টা, বা দু’ঘণ্টা, কিংবা তারচেয়েও বেশি হতে পারে। সেটা জেনে কি হবে?”

“এমনটা হতে পারে না যে, শপিং করতে গেছে? বা হয়তো তোমাদের ঝগড়া হয়েছিলো তাই সে কিছুক্ষণ একা একা সময় কাটাতে চাইছে? কখনও কখনও সবকিছু সামলানো ওর পক্ষে কঠিন হয়ে পড়ে, তুমিই তো একসময় বলেছিলে এটা।”

“কী যা-তা বলেছো? ওরা একটা নোট রেখে গেছে! রক্ত আর হাতের ছাপ পাওয়া গেছে!”

“হ্যাঁ, তুমি বলেছো কিন্তু সেটা কেমন যেনো সাজানো লাগছে। কেউ এমনটা করতে যাবে কেন?”

“আমি কি ক’রে জানবো! কিন্তু সেগুলো এখানে আছে!”

“তুমি কি পুলিশকে বলেছো?”

“হায় ঈশ্বর, না! এটা পুলিশের কাজ না! এটা আমাদের কাজ, আমার কাজ, তুমি কি সেটাও বুঝতে পারছো না…? তুমি কি কিছু জানতে পেরেছো? এভাবে কথা বলছো কেন?”

“কারণ, বলাই স্বাভাবিক। যে কয় মাস আমরা একসাথে ছিলাম, একসাথে সবকিছু শেয়ার করেছিলাম, তার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা ছিলো না, আমরা একে অপরকে সবসময় সত্যি কথা বলে এসেছি, তাই আজকেও তোমাকে সত্যিই কথাটিই শুনতে হবে।”

“মো, ঈশ্বরের দোহাই, মেরি বিপদে আছে!”

“প্লিজ, ডেভিড, আমাকে শেষ করতে দাও। তারা যদি মিথ্যা বলে থাকে, যেমনটা তারা আগেও বলেছে, তাহলে আমি তা হাতেনাতে ধরবো, সব ফাঁস ক’রে দেবো। এতো সহজে ছাড় দেবো না। কিন্তু আমি তোমাকে একদম ঠিক তাই বলবো যেমনটা তারা আমাকে বলেছে, সুদূর প্রাচ্যের সেকশন থেকে কি বলেছে আর স্টেট ডিপার্টমেন্টের চিফ সিকিউরিটি অফিসার কি বলেছে সব অক্ষরে অক্ষরে বলবো। তারা ঘটনাগুলো অফিসিয়ালি লগ করেছে।”

“অফিসিয়ালি লগ করেছে?”

“হ্যাঁ। তারা বলেছে সপ্তাহখানেক আগে তুমি তাদেরকে সিকিউরিটি কন্ট্রোলে ফোন করেছিলে, তাদের লগের তথ্য অনুযায়ী তোমার কথাবার্তা নাকি খুবই অস্বাভাবিক লাগছিলো।”

“আমি তাদের কল করেছি?”

“ঠিক তাই, তারা সেটাই বলছে। লগ আরো বলছে, তুমি দাবি করেছো যে, তোমাকে হুমকি দেয়া হয়েছে, তোমার কথা ছিলো ‘অস্পষ্ট’, তারা ঠিক এই শব্দটিই ব্যবহার করেছে, তারপর তুমি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সিকিউরিটির দাবি জানাও। আর যেহেতু তোমার ফাইলে বিশেষ গোপনীয়তা বজায় রাখা হচ্ছিলো তাই তোমার দাবি দাওয়া সরাসরি উপর মহলে পাঠানো হয়, তারা বলেছে, ‘সে যা চাচ্ছে দিয়ে দাও। ঠাণ্ডা করো তাকে।’

“আমি বিশ্বাসই করতে পারছি না!”“

“কথা এখনও শেষ হয় নি, ডেভিড। পুরো কথাটা আগে শোনো, যেমনভাবে আমি তোমারটা শুনেছি।”

“ঠিক আছে। বলে যাও।”

“এই তো। হাল্কাভাবে নিলে। শান্ত হও। শান্ত কথাটা বারবার কানে বাজাও।”“

“প্লিজ, বলতে থাকো।”

“যখন গার্ড পাঠানো হলো, লগের তথ্য অনুযায়ী তুমি তখন দু’বার ফোন ক’রে অভিযোগ করেছো যে, তোমার গার্ডেরা ঠিকমতো তাদের কাজ করছে না। তুমি বলেছো তারা তোমার বাড়ির সামনে গাড়িতে ব’সে মদ খায়, তোমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে, তারপর তারা বলেছে, এই যে আমি লিখে রেখেছি—’ওদের যা করার কথা ওরা তা নিয়ে ঠাট্টা তামাশা ক’রে চলেছে।’ আমি ‘ঠাট্টা তামাশা’র নীচে আন্ডারলাইন ক’রে রেখেছি।”

“ঠাট্টা তামাশা…?”

“শান্ত হও, ডেভিড। তারপর এটা হচ্ছে শেষ কথা, লগের শেষ কথা। তুমি শেষে তাদেরকে আরো একবার ফোন করো, প্রচণ্ড বিরক্তির সাথে সব গার্ডদের সরিয়ে নিতে বলো এমনভাবে যেনো তোমার গার্ডগুলোই তোমার শত্রু। যেনো তারাই তোমাকে মারতে চায়। সংক্ষেপে, যারা তোমাকে রক্ষা করছিলো তাদেরকেই তুমি তোমার সম্ভাব্য হত্যাকারী ভাবতে শুরু করো।”

“আর আমি নিশ্চিত, লগের এই গল্প সুন্দরভাবে একটি সাইক্রিয়াটিক উপসংহার টানছে যার সারসংক্ষেপ দাঁড়ায় আমি উন্মাদ থেকে বদ্ধ পাগল আর সন্দেহবাতিক একজনে পরিণত হয়েছি।”

“হ্যাঁ, স্বাভাবিকভাবেই,” বললো পানোভ। “খুব সহজে।”

“সূদুর প্রাচ্যের প্রতিনিধি কি বলেছে?”

পানোভ কয়েক মুহূর্ত চুপ থাকলো। “তার কথা তোমার ভালো লাগবে না, ডেভিড। তারা কখনও ইয়াও মিঙ্গ নামে কোনো ব্যাংকার বা প্রভাবশালী তাইপান সম্পর্কে শোনে নি। সে বলেছে হংকংয়ের বর্তমান পরিস্থিতিতে যদি সত্যিই তেমন কোনো ব্যক্তি থাকতো তাহলে তার নামের সাথে সে অবশ্যই পরিচিত থাকতো।”

“সে কি মনে করে আমি পুরোটাই বনিয়ে বলছি! তার পরিচয়, তার স্ত্রী, ড্রাগসের ব্যবসা, জায়গাগুলোর নাম, ঘটনাগুলোকে কেন্দ্র ক’রে বৃটিশদের প্রতিক্রিয়া! ঈশ্বরের দোহাই, এতো কিছু আমি কখনই বানাতে পারি না…”

“এতো কিছু বানাতে গেলে তোমার উপর অনেক চাপ পড়তো,” সাইক্রিয়াট্রিস্ট নরমভাবে বললো। “তার মানে তোমাকে যা কিছু বললোাম তার পুরোটাই তুমি প্রথমবারের মতো শুনছো, তার সবকিছুই তোমার কাছে অর্থহীন মনে হচ্ছে?”

“মো, এর পুরোটাই মিথ্যা! আমি কখনও স্টেটে ফোনই করি নি। তোমাকে যা যা বলেছি তার সবই ম্যাকঅ্যালিস্টার আমার বাসায় এসে বলে গেছে, ইয়াও মিঙ্গের গল্পসহ! আর এখন মেরি নেই, আর আমাকে একটা সূত্র দেয়া হয়েছে যার সাহায্যে আমি তাকে খুঁজতে পারি। কিন্তু কেন? তারা কেন এমন করছে?”

“আমি ম্যাকঅ্যালিস্টারের ব্যাপারে জিজ্ঞেস করেছি,” বললো পানোভ, তার কণ্ঠস্বরে কিছুটা ক্ষোভের বর্হিপ্রকাশ দেখা গেলো। “সুদূর প্রাচ্যের ডেপুটি তার রেকর্ড চেক ক’রে আমাকে আবার ফোন করেছিলো। তারা বলেছে ম্যাকআলিস্টার প্রায় সপ্তাহ দুয়েক আগে হংকংয়ে আসে। তার নির্ভুল ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী ম্যাকঅ্যালিস্টার মেইনে তোমার বাসায় তখন থাকতে পারে না।”

“কিন্তু সে তো এসেছিলো!”

“আমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি।”

“তার মানে?”

“তোমার কথায় আমি সত্যের ছোঁয়া অনুভব করছি। আর তাছাড়া এই শব্দ দুটি ‘ঠাট্টা তামাশা, সাধারণত কোনো উত্তেজিত উন্মাদের ডিকশনারিতে এমন শব্দ থাকে না।”

“তোমার কথা কিছুই বুঝতে পারছি না।”

“কেউ দেখেছে তুমি কোথায় কাজ করো, কি কাজ করো। তারপর হয়তো ভেবেছে এর সঙ্গে আরো বাড়তি কিছু যোগ করবে। হায় ঈশ্বর, ওরা কি করতে চাইছে তোমার সাথে?” পানোভ রাগে ফেটে পড়লো।

“তারা আমাকে ফাঁদে ফেলেছে,” নরম কণ্ঠে বললো ওয়েব। “এখন তারা যা বলবে আমাকে তাই করতে হবে।”

“শূয়োরের বাচ্চারা।”

“একে বলে রিক্রুটমেন্ট।” ডেভিড দেয়ালের দিকে চেয়ে রইলো। “এসব থেকে দূরে থাকো, মো। তোমার কিছুই করার নেই। তাদের প্রতিটি ঘুটি জায়গা মতো বসানো হয়েছে, আর আমিও ওদের হয়ে কাজ করতে বাধ্য।” কথাটা বলেই হতভম্ব ওয়েব লাইন কেটে দিয়ে তার অফিস ঘর থেকে বের হয়ে ভিক্টোরিয়ান হলে চলে এলো। চারদিকে ভাঙচুর হওয়া জিনিসগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করার চেষ্টা করলো সে। ফার্নিচার, ল্যাম্প, চীনা মাটির গ্লাস ভেঙে ছড়িয়ে পড়ে আছে সর্বত্র। তারপর পানোভের সেই কথাটি তার কানে বাজতে শুরু করলো “পুরোটাই কেমন যেনো সাজানো ব’লে মনে হচ্ছে।”

সামনের দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলে অনেকটা জোর করেই দরজায় হাতের ছাপটি পরীক্ষা করতে শুরু করলো। ক্যারেজ ল্যাম্পের আলোয় রক্তগুলো কালো দেখাচ্ছে, আর তা শুকিয়েও গেছে। আরো কাছে ঝুঁকে ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলো সেটা।

এটা আসল হাতের ছাপ নয়, অন্য কিছু দিয়ে হাতের ছাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র হাতের আউটলাইন রেখা, তালু আর আঙুলগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একটি রক্তাক্ত হাত থেকে রক্ত বেয়ে পড়ার যে চিহ্ন সেখানে থাকার কথা সেটা নেই। তাছাড়া শক্ত কাঠের ওপর রক্তাক্ত হাত চাপ প্রয়োগ করলে যেভাবে রক্ত শুষে নেয়ার কথা সেগুলোর চিহ্নও সেখানে নেই। না আছে হাতটির নিজস্ব কোনো ব্যতিক্রমী বৈশিষ্ট্য, না আছে কোনো চামড়া বা মাংসের টুকরোর চিহ্ন। দেখে মনে হচ্ছে সমতল কিছু দিয়ে ছাপটি তৈরি করা হয়েছে। গ্লাভস? রাবারের গ্লাভস?

ডেভিড তার চোখ ঘুরিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে থাকলে তার কানে এবার অন্য একটি লোকের কথা বাজতে থাকলো।

হয়তো নোটটি আপনার আরো ভালোভাবে দেখা উচিত… দেখলে পরিস্কার বুঝতেন যে, আপনার সাহায্য দরকার, মানসিক চিকিৎসা জাতীয় সাহায্য।

ওয়েব চিৎকার ক’রে উঠলো, দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ছুটে গেলো বেডরুমের দিকে। তার ভেতরের ভয় বেড়ে চলছে। টাইপ করা নোটটি পড়ে আছে বিছানার ওপর। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে নিয়ে তার স্ত্রীর ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলো সে। ল্যাম্প জ্বালিয়ে আলোতে পর্যবেক্ষণ করতে লাগলো নোটটি।

তার হৃদয় যদি বিস্ফোরণ ঘটাতে পারতো, তাহলে অনেক আগেই সেটা টুকরো টুকরো হয়ে যেতো। কিন্তু জেসন বর্ন নিজেকে উপেক্ষা ক’রে নোটটি পর্যবেক্ষণ করতে লাগলো।

ঈষৎ বাঁকানো ‘এস’ আর ‘ডি’ বর্ণগুলো আছে, কতোগুলো উপরের দিকে অসম্পূর্ণ আর কতোগুলো মাঝখান থেকে ভেঙে গেছে।

বানচোতের দল!’

নোটটা তার নিজের টাইপরাইটারেই টাইপ করা হয়েছে। রিক্রুটমেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *