বর্ন সুপৃমেসি – ২৮

অধ্যায় ২৮

“ওই বাড়িটা উঁচু পাচিল দিয়ে ঘেরা,” বললো সি.আই.এ অফিসার ম্যাথিউ রিচার্ডস। তাদের গাড়িটা এখন ভিক্টোরিয়া পিকের ভেতরে। “আমাদের ইনফরমেশন অনুযায়ী এই পুরো জায়গাটা জুড়ে আমেরিকান মেরিন ছড়িয়ে আছে আর তারা যদি তোমার সাথে আমাকে দেখে ফেলে তা আমার জন্য মোটেও ভালো হবে না।”

অ্যালেক্সান্ডার ককলিন গাড়ির উইনশিল্ডের ভেতর দিয়ে দেখতে লাগলো। “ঠিক আছে। এ পর্যন্তই থাক। বাকিটা পথ আমি হেটে যাবো। যতোটা মনে পড়ে আমি এখানে ট্যাক্সিতে ক’রে ভুল বাড়িতে এসেছি। তাই তোমার চিন্তার কিছু নেই।”

হাল্কা নক্ করলে দরজাটা খুলে গেলো। এডওয়ার্ড ম্যাকঅ্যালিস্টার ফ্যাকাশে মুখে ভেতরে ঢুকতেই হাভিলান্ড তার দিকে তাকালো।

“ককলিন গেটের বাইরে দাঁড়িয়ে আছে,” বললো আন্ডারসেক্রেটারি। “সে আপনার সাথে দেখা করতে চাইছে। বলছে দরকার পড়লে সারা রাত বাইরেই অপেক্ষা করবে। সে আরো বলেছে যদি বাইরের ঠাণ্ডার তীব্রতা আরেকটু বাড়ে তাহলে রাস্তায় আগুন জেলে গা গরম রাখবে।”

“পঙ্গু হতে পারে, কিন্তু দৌড়ানোর ক্ষমতা ওর এখনও কমে নি,” বললো হাভিলান্ড।

“ব্যাপারটা সম্পূর্ণ অপ্রত্যাশিত,” বললো ম্যাকঅ্যালিস্টার। “আমরা এখনও মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নই।”

“মনে হয় আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এটা পাবলিক রোড, কলোনির ফায়ার ডিপার্টমেন্ট এখানে আগুন নেভাতে চলে আসলে আশপাশের প্রতিবেশীরা এখানে জড়ো হতে শুরু করবে,” বললো হাভিলান্ড।

“ওটা কথার কথা, সে নিশ্চয় সত্যিই সত্যিই রাস্তায় আগুন জ্বালাবে না”

“কথার কথা নয়,” ম্যাকঅ্যালিস্টারকে থামিয়ে বললো হাভিলান্ড। “তাকে আসতে দাও। ব্যাপারটা অসাধারণ এবং অপ্রত্যাশিত। কিন্তু এই স্বল্প সময়ে সে নিশ্চয় আমাদের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ জোগাড় করতে পারে নি যা তার কাজে লাগতে পারে। ভয়ের ব্যাপার হচ্ছে, সে নিজে একসময় এ ধরণের মিশন পরিচালনা করেছে। তাই বুঝতে পারছি না, এখানে আসার মতো ভুল সে কেন করছে?”

“আমরা ধরে নিতে পারি মেরি ওয়েবের সাথে তার যোগাযোগ হয়েছে। সে-ই ককলিনকে সব প্রমাণ দিয়েছে,” ডেস্কের টেলিফোনটির দিকে হাত বাড়িয়ে বললো আন্ডারসেক্রেটারি।

“না, তা হতে পারে না। ওই মহিলার হাতে কোনো প্রমাণ নেই।”

“আর একটা প্রশ্ন,” হাতে ফোনটা তুলে নিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। “সে কিভাবে বুঝলো এসবের মূলে আপনি আছেন, আপনার সাথেই দেখা করতে হবে?”

“সে শুধু জানতে পেরেছে আমি হংকংয়ে এসেছি, ব্যস্। তাছাড়া আমাদের তো একবার ফোনেও কথা হয়েছিলো। বাকিটা সে ধরে নিয়েছে।”

“আর এই বাড়ির ঠিকানা?”

“তা সে কখনও বলবে না। ককলিন সুদূর প্রাচ্যে অনেক বছর কাটিয়েছে, মি: আন্ডারসেক্রেটারি, আর এখানে তার এমন সব কনট্যাক্ট আছে যাদের কথা আমরা কখনও জানতে পারি নি!”

ম্যাকঅ্যালিস্টার ফোনে ডায়াল করলো। “অফিসার? মি: ককলিনকে ভেতরে আসতে দাও। সার্চ ক’রে দেখো তার সাথে কোনো অস্ত্র আছে কি না, তারপর তুমি নিজ পাহারায় পূর্বদিকের অফিসে তাকে নিয়ে আসো…সে কি করেছে!… তাকে জলদি ভেতরে ঢোকাও, আর ও জিনিসটা নেভাও!”

“কি হয়েছে?” প্রশ্ন করলো হাভিলান্ড।

“সে রাস্তার ওপরে আগুন ধরিয়ে দিয়েছে,” ফোনের রিসিভারটি নামিয়ে রেখে বললো আন্ডারসেক্রেটারি।

অ্যালেক্সান্ডার ককলিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্টোরিয়ার বিশেষ ঘরটিতে ঢুকতেই মেরিন অফিসারটি দরজা লাগিয়ে দিয়ে চলে গেলো। হাভিলান্ড চেয়ার থেকে উঠে ডেস্ক থেকে উঠে হাত বাড়িয়ে দিলো হ্যান্ডশেকের জন্য।

“মি: ককলিন?”

“আপনার হাতটা পকেটেই রাখুন, মি: অ্যাম্বাসেডর। আমি অসুস্থ লোকদের স্পর্শ করি না।”

“আপনি দেখছি অভিমান করেছেন?”

“না, বরং আমি সত্যিই নতুন কোনো রোগ বাঁধাতে চাই না। তাই আপনার মতো ছোঁয়াচে লোক থেকে একটু দূরে থাকাই ভালো

“তা ঠিক কি ধরণের ছোঁয়াচে রোগের আশংকা আপনি করছেন?”

“মৃত্যু!”

“আপনি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন! আসুন মি: ককলিন, বসে কথা বলা যাক।

“আবেগপ্রবণ না, আমি সত্যি কথাই বলছি। কিছুক্ষণ আগেই আমি এক মহিলাকে মরতে দেখলাম, তার নিজের অ্যাপার্টমেন্টের সামনে। গুলি ক’রে তাকে আর তার ড্রাইভারকে ঝাঁঝরা ক’রে দেয়া হয়েছে! যতোদূর জানি সেও আপনার সংস্পর্শে এসেছিলো!”

এই নতুন খবরের ধাক্কায় হাভিলান্ডের চোখ বড় বড় হয়ে গেলো, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ম্যাকঅ্যালিস্টারই প্রথম চেঁচিয়ে উঠলো।

“মহিলা! কে সেই মহিলা?”

“সেই মহিলা আপনাদের দু’জনেরই বিশেষ পরিচিত। আপনারা তাকে ব্যবহার করছিলেন!” ক্ষোভের সাথে বললো ককলিন।

“ওয়েবের স্ত্রী মারা গেছে?” ম্যাকঅ্যালিস্টারের মাথা ঘুরতে শুরু করলো।

“না, ওয়েবের স্ত্রীকে যে আপনারা ব্যবহার করছিলেন সেটা স্বীকার করার জন্য ধন্যবাদ!”

“হায় ঈশ্বর!” চেঁচিয়ে উঠলো হাভিলান্ড। সামনে ঝুঁকে ককলিনের দিকে তাকিয়ে সে প্রশ্ন করলো। “আপনি কি স্টেপসের কথা বলছেন?”

“ক্যাথরিন স্টেপলস্! আর এর জন্য আপনিই দায়ি…স্যার।”

“মুখ সামলে কথা বলুন!” কঠোরভাবে বললো হাভিলান্ড।

“ওই একটা কাজই আমি করতে পারবো না। আপনার ওই মিষ্টি মধুর আচরণের নীচে যে আস্ত একটা শয়তান লুকিয়ে আছে তা আর কেউ না জানলেও আমি জানি। স্টেপসের পাশাপাশি ডেভিড আর মেরির বর্তমান পরিস্থিতির জন্যেও আপনিই দায়ি। আপনি নিজেকে ভাবেন কি? নিজের কার্যসিদ্ধির জন্য আপনি যাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করেন। মানুষকে মানুষ ভাবেন না। আমার কথাগুলো হয়তো আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আপনার মতো কুত্তার বাচ্চার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়!”

হাভিলান্ড এতোক্ষণ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ ক’রে ককলিনের কথা শুনছিলো। এবার সে চোখ খুলে সামনের দিকে ঝুঁকলো। “আর যদি আমি বলি ক্যাথরিন স্টেপল্সও প্রথমবার যখন এখানে আসে, এই একই কথাগুলো আমাকে বলেছিলো?”

“যার পরিণতি হয় মৃত্যু,” যোগ করলো ককলিন।

“আপনি কি আমাকে পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন?”

“আপনি ভুল বুঝছেন। স্টেপলকে হত্যা করা হয় কারণ সে আমাদের দলে যোগ দেয়। যদিও কাজটা তার মনঃপুত ছিলো না, কিন্তু সে বুঝেছিলো এছাড়া আর কোনো গতি নেই।”

“আপনারা তাকে পুতুল বানিয়ে নাচাচ্ছিলেন!”

“না। তিনি প্রথম শ্রেণীর বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তিদের একজন। পরিস্থিতির প্রতিকূলতা তিনি উপলব্ধি করতে পেরেছিল আর তাই বাধ্য হয়ে আমাদের দলে যোগ দেন। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।”

“তার মৃত্যুতে শোকাহত? নাকি এটা জেনে শোকাহত যে, আপনাদের দলের ভেতরেই ডাবল-এজেন্ট লুকিয়ে আছে? স্টেপলস্ যে, আপনাদের সাথে কাজ করছে তা আর কারো জানার কথা না। কিন্তু তাসত্ত্বেও আপনার শত্রুরা তাকে হত্যা করলো। খবরটা যে ভেতর থেকেই ফাঁস হয়েছে সেটা আপনি ভালোই বুঝতে পারছেন। স্টেপসের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই, মি: হাভিলান্ড। আপনি শুধু আপনার অপারেশন নিয়েই চিন্তিত!”

“আপনি খুব শক্ত কথা বললেন, মি: ককলিন। কিন্তু আপনার মুখে এতো নীতি কথা মানায় না। এই আপনিই তো ডেভিড ওয়েবের জীবনটা ধ্বংস করতে চেয়েছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তাকে তাড়িয়ে বেড়িয়েছেন। নেহায়েত আপনার কপালটা একটু মন্দ ছিলো দেখে ডেভিড সে যাত্রায় বেঁচে যায়।”

“আর তার জন্য আমি অনেক মাশুল দিয়েছি। নিজের ভেতরের অনুতাপের আগুনে পুড়ে পুড়ে মরেছি।”

“আমরা ধরে নিচ্ছি সেই মাশুল দিতেই আপনি এখন হংকংয়ে এসেছেন, তাই না?” বরফশীতল কণ্ঠে বললো অ্যাম্বাসেডর। “আপনার আগ্রাসী মনোভাবটা পরিহার করুন, মি: ককলিন। কারণ আক্রমণাত্মক হতে আমরাও জানি। তারচেয়ে চলুন শান্তভাবে আলোচনা ক’রে দেখি স্টেপসের হত্যা রহস্যের কোনো কুল কিণারা করা যায় কি না।”

“আমি এসবের আগাগোড়া কিছুই জানি না। আলোচনা ক’রে সময় নষ্ট ছাড়া কিছু লাভ হবে না।”

“আপনাকে সব খুলে বলা হবে।”

“যদি আমি কিছু শুনতে না চাই,” মুচকি হাসি দিয়ে বললো ককলিন।

“আমি আপনাকে সব কথা শোনার জন্য অনুরোধ করছি, মি: ককলিন।”

“স্টেপল্সও আপনাদের সব কথা শুনেছিলো। আর এজন্য তাকে মরতে হয়।

কি গ্যারান্টি যে, আপনাদের কথা শোনার পরে আমি প্রাণে বাঁচবো?”

“আপনি আপনার পাপের আশংকা করছেন?” প্রশ্ন করলো হাভিলান্ড। “করতে বাধ্য হচ্ছি,” জবাব দিলো সি.আই.এ’র ককলিন। “আর এই মুহূর্তে আরো একজনের প্রাণ রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ছে!”

“ওয়েবের?” প্রশ্ন করলো হাভিলান্ড।

“ওয়েবের ব্যাপারে আমার করণীয় তেমন কিছু নেই। সে নিজেকে রক্ষা করতে জানে। কিন্তু যদি তার খারাপ কিছু হয় তাহলে মেরিকে রক্ষা করা হবে আমার কাজ। আমি নিশ্চিত, ওয়েবও তাই করতে বলতো। আর আমি এও জানি, মেরিকে রক্ষা করার একমাত্র উপায় হলো আপনার সাথে লড়াই করা, আপনার দলে যোগ দেয়া না।”

“তা ঠিক কিভাবে আপনি আমার সাথে লড়াই করবেন জানতে পারি কি?”

“যতোটা নোংরাভাবে সম্ভব! আমি ওয়াশিংটনের প্রতিটি আনাচে কানাচে আপনার কুকীর্তির খবর ছড়িয়ে দেবো। তারা জানবে আপনি এবার আপনার সীমা ছাড়িয়ে গেছেন। মেরি আরো মো পানোভ আমার কথার সাক্ষী হবে।”

“এসব ক’রে আপনি খালি ঝামেলাই বাড়াবেন, কোনো লাভ হবে না!”

“সেটা আপনার সমস্যা, আমার না।”

“দেখুন, আপনি শুধু আমাকে কঠোর হতে বাধ্য করছেন! আপনার মতের বদল না হলে, এখান থেকে আপনি জ্যান্ত ফিরে যেতে পারবেন না!”

“ওহ্, ঈশ্বর,” ফিফিস্ ক’রে উঠলো ম্যাকঅ্যালিস্টার।

“ওটা করা বোকামি হবে,” হাভিলান্ডের চোখের দিকে তাকিয়ে বললো ককলিন। “আপনি জানেন না আমি কি প্রমাণ রেখে এসেছি। একটা নির্দিষ্ট সময় পর পর যদি ওয়াশিংটনে আমি আমার লোকের সাথে যোগাযোগ না করি তাহলে হাটে হাঁড়ি ভাঙবে। মেডুসা আর ট্রেডস্টোনের সব কুকর্ম জনসমক্ষে হাজির হবে। তাই বলছি, আমাকে এতো হাল্কাভাবে নেবেন না।”

“আমরা জানতাম আপনি ও ধরণেরই কোনো কৌশল অবলম্বন করবেন।” চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাটতে হাটতে বললো হাভিলান্ড। “কিন্তু আপনি ভুলে গেছেন, মেডুসা আর ট্রেডস্টোন ছাড়াও আপনি আরেকটা জিনিস ওয়াশিংটনে রেখে এসেছেন। সেটা হলো আপনার ভাবমূর্তি। সবাই আপনাকে পাড়-মাতাল হিসেবে চেনে। সবাই এটাও জানে যে, আপনার অতীতের অসাধারণ রেকর্ডের কথা মাথায় রেখেই গভর্নমেন্ট করুণা ক’রে আপনাকে চাকরিতে রেখেছে। আপনার মতো লোকের কথায় কেউ কান দেবে না। সবাইকে এটা জানানো হবে যে, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন,” হাভিলান্ত আবার তার চেয়ারে এসে ব’সে হেলান দিলো। “তার কিছু দিনের মধ্যে ওরা আপনার আত্মহত্যা করার খবর শুনবে। অত্যাধিক হতাশাগ্রস্থ লোকদের পরিণতি এমনটাই হয়ে থাকে—”

“মি: হাভিলান্ড?” আর্তনাদ ক’রে উঠলো হতভম্ব ম্যাকঅ্যালিস্টার।

“শান্ত হও, ম্যাকঅ্যালিস্টার,” বললো হাভিলান্ড। “আমি আর মি: ককলিন, দু’জনেই এ খেলায় যথেষ্ট পারদর্শী।”

টেলিফোনটা বেজে উঠলে হাভিলান্ড সামনে এগিয়ে এসে রিসিভারটা তুললো।

“হ্যাঁ?” অ্যাম্বাসেডর গভীর মনোযোগ সহকারে শুনতে লাগলো। “না, আমি অবাক হই নি, মেজর, কারণ খবরটা আমি একটু আগেই জানতে পেরেছি… না, পুলিশের কেউ বলে নি। যে ব্যক্তি এই এই খবরটা এনেছে তার সাথে আজ রাতে তোমার পরিচয় করিয়ে দেবো…হ্যা, সে এখন আমাদেরই একজন।” হাতিলাভ চোখ তুলে ককলিনের দিকে তাকালো। “অনেকে বলে কিছু ক্ষেত্রে সে আমাদের চেয়েও সেরা আর তার অতীতের রেকর্ডও তাই সমর্থন করে…হ্যা, আমি তাকে বলবো…কি? কি বললে? তাই নাকি? তোমাকে দু’ঘণ্টা সময় দিলাম, মেজর।” হাভিলান্ড লাইনটা কেটে দিলো।

“তার নাম লিন ওয়েনজু,” হাভিলান্ড আর ম্যাকঅ্যালিস্টারকে চমকে দিয়ে বললো ককলিন। সম্ভবত স্পেশাল ব্রাঞ্চের সদস্য। লোকটা চাইনীজ কিন্তু ইউ.কে’তে প্ৰশিক্ষণপ্রাপ্ত। তাকে এ অঞ্চলের সবচেয়ে সেরা ইন্টেলিজেন্স অফিসার হিসেবে ধরা হয়। তবে তার বিশালদেহই তার আসল দুর্বলতা। এতে সহজেই তাকে শনাক্ত করা যায়।”

“বুঝলাম,” হাভিলান্ড তার হাত দুটো ডেস্কের উপরে রাখলো। “সেও কিন্তু জানে আপনি কে!

“জানাই স্বাভাবিক। কাউলুন স্টেশনে পাতা ফাঁদটাতে তারও হাত ছিলো। যাই হোক, মেজর আপনাকে কি খবর দিলো?”

“ম্যাকাও’র একটা সন্ত্রাসী দল সাউথ চায়নার একটা নিউজ এজেন্সিতে ফোন ক’রে হত্যাকাণ্ডের দায়দায়িত্ব স্বীকার করেছে। তবে তারা বলে তাদের মূল লক্ষ্য ছিলো ড্রাইভার, স্টেপসের মৃত্যু একটা অ্যাকসিডেন্ট মাত্র।”

“সব বাজে কথা,” ককলিন চেঁচিয়ে উঠলো। “স্টেপল্সই ওদের টার্গেট ছিলো!”

“হ্যাঁ, কিন্তু লিন বলছে ও পথে পা বাড়ানো সময় নষ্ট ছাড়া আর কিছু নয়!”

“তার মানে সেও ধারণা করছে আপনাদের মধ্যেই কেউ স্টেপসের কথা ফাঁস করেছে। কোনো ডাবল এজেন্ট?”

“তাছাড়া আর কি হতে পারে,” বললো হাভিলান্ড।

“লিন ব্যর্থ হতে অভ্যস্ত নয় তাছাড়া সে যথেষ্ট বুদ্ধিমান। আমার মনে হয় সে এই ডাবল-এজেন্টকে ইতিমধ্যে খোঁজা শুরু ক’রে দিয়েছে। তার কাজ তাকে করতে দিন আর আমরা এ ফাঁকে আমাদের আলোচনাটা সেরে নেই।” ককলিনের দিকে তাকিয়ে বললো হাভিলান্ড। ককলিন কিছু বলার আগেই হাভিলান্ড তাকে হাত তুলে থামিয়ে ম্যাকঅ্যালিস্টারের দিকে ফিরলো। “তুমি বরং লিনের স্টাফদের ফাইলগুলো চেক্ করো। দেখো সন্দেহভাজন কাউকে পাও কি না! ওই চোরাটাকে যতো দ্রুত সম্ভব ধরা চাই।”

ম্যাকঅ্যালিস্টার রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিলো। ককলিন তার চেয়ারে হেলান দিয়ে হাভিলান্ডের মুখোমুখি হয়ে কথা বলতে শুরু করলো। “এবার আপনার গল্পটা শুরু করুন।”

“প্রথমে আমার একটা জিনিস জানা প্রয়োজন। ওয়েবের স্ত্রী? সে কি ঠিক আছে?”

“প্রশ্নটার জবাব এতো স্পষ্ট যে, আমি বুঝছি না আপনি কোনো মুখে তা জানতে চাইছেন? আপনারা তার কাছে থেকে তার স্বামীকে সরিয়ে নিয়েছেন, তাকে পালাতে বাধ্য করেছেন। তার স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছেন। এতো কিছুর পরে সে ঠিক থাকবে কি করে?”

“আমরা নিরুপায়,” জোর দিয়ে বললো ডিপ্লোম্যাট। “তাকে ছাড়া আমাদের চলবে না!”

“তাছাড়া আপনাদের দলের মধ্যেই ডাবল-এজেন্ট উপস্থিত। এ অবস্থায় তাকে আমি আপনাদের হাতে তুলে দেবো না। তাতে তার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না!”

“ককলিন, আমার কথা শুনুন। এ বাড়িটা কোনো দুর্গের চেয়ে কম না। এখানে সে সম্পূর্ণ নিরাপদেই থাকবে। তাছাড়া আমরা খবর পেয়েছি ওয়েব পিকিংয়ে গিয়েছে। তার মানে তার টার্গেট নিশ্চয় পিকিংয়ে আছে। এখন সে যদি ফোন করার পরে তার স্ত্রীর কণ্ঠস্বর না শুনতে পায় তাহলে হয়তো রাগের বশে তার টার্গেটকে হত্যা ক’রে বসবে। আর যদি সেরকম কিছু ঘটে তাহলে আমরা হেরে যাবো। সবশেষ হয়ে যাবে।”

“একদম প্রথম থেকেই শুরু করলো,” বললো ককলিন। “আমি সবকিছু ধাপে ধাপে শুনতে চাই।”

“ঠিক আছে। আমি শুরু করছি একটা নাম দিয়ে। আমি নিশ্চিত নামটা আপনার পরিচিত। শেঙ্গ চোউ ইয়াঙ্গ। তাকে আপনার মনে আছে?”

“লোকটা ভালো নেগোসিয়েশন করতে পারে। মাঝে মাঝে শুনতাম তার ভদ্রবেশের নীচে একটা অসাধু ব্যক্তি লুকিয়ে আছে, তবুও পিকিং তার ভালো নাম ডাক ছিলো। কিন্তু খুঁজলেন তার মতো হাজারটা লোক চায়নাতে পাওয়া যাবে। নাহ্, নামটা শুনে বিশেষ কিছু মনে হলো না!

“হাজারটা শেঙ্গ? সুদূর প্রাচ্যে ধ্বংস করার জন্য একটা শেঙ্গই যথেষ্ট হবে ব’লে আমি মনে করি,” বললো হাভিলান্ড।

.

লিন ওয়েনজু রাগের মাথায় হাত দিয়ে তার ডেস্ক চাপড়ালো। তার সামনে নয়জন অফিসারের ছবি সমেত ফাইল খোলা। কে? কে ওই বেঈমান! খোদ লন্ডনই এদের প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছে। প্রত্যেকের অতীত রেকর্ড বার বার চেক্ করা হয়েছে, ভুল হওয়ার কোনো সুযোগই ছিলো না। নাহ্, ফাইলগুলো আবার পড়ে কোনো লাভ হবে না। এখন তাত্ত্বিক বিশ্লেষণ করার কোনো সময় নেই। যা করতে হবে, সামনাসামনি করতে হবে। বেঈমানটাকে হাতে নাতে ধরতে হবে।

মেজর টেলিফোনটার দিকে হাত বাড়ালো। এম.আই-৬ স্পেশাল ব্রাঞ্চের রেডিও অপারেটরের বাটন টিপলো।

“হ্যাঁ, স্যার?”

“ড্রাগন ফ্লাইয়ের কে কে এখনও ডিউটিতে আছে?” প্রশ্ন করলো লিন।

“দু’জন এখনও ডিউটিতে আছে, স্যার। তিন নম্বর আর সাত নম্বর গাড়িতে। বাদিকের মধ্যে পাঁচজন চেক-ইন করেছে, তারা তাদের বাসায় আর দু’জন তাদের সাথে যোগাযোগের নাম্বার রেখে গেছে। একজন বলেছে প্যাগোডা সিনেমা হলে রাত ১১টা ৩০ পর্যন্ত থাকবে, অন্যজন এই মুহূর্তে ইয়াৰ্ট ক্লাবে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির সাথে ডিনার করছে। তাদেরকে কি কোনো সতর্কতা পাঠাবো, স্যার?”

“না, বরং ঠিক তার উল্টো। ওদেরকে বলো আগামী চব্বিশ ঘণ্টার জন্য আমরা নিরাপদ। যদি অস্বাভাবিক কিছু ঘটে শুধু তখনই যেনো আমার সাথে যোগাযোগ করে। নাহলে ওরা বিশ্রাম নিতে পারে। টানা বেশ কিছুদিন থেকে ওরা হাড়ভাঙা খাটুনি খাটছে। ওদের বিশ্রাম প্রয়োজন। ওদের বলো আজ রাতটা ভালো ক’রে ঘুমোতে বা যা খুশি তাই করতে। আজ ওদের ছুটি।”

“জ্বি, স্যার। ওরা শুনে খুশি হবে, স্যার।”

“আমি একা হয়তো চার নম্বর গাড়িটা নিয়ে একটু বের হতে পারি। আমি হয়তো যোগাযোগ করবো। জেগে থাকবো।”

“অবশ্যই মেজর।

ইউন সিঙ্গ রোডের একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা পার্ক ক’রে লিন মাইক্রোফোনটা বের করলো।

“রেডিও, ড্রাগনফ্লাই জিরো বলছি।”

“জ্বি স্যার?”

“আমার ফোনের নাম্বারটা গোপন করার ব্যবস্থা করো। যাকে কল করবো সে যেনো ধরতে না পারে কোথা থেকে কলটা আসছে!”

“এক্ষুণি করছি, স্যার।”

মেজর নাম্বারটা ডায়াল করলে রিং বাজতেই একজন মহিলা জবাব দিলো।

“হ্যাঁ?”

“মি: ঝোউ কুয়াইর,” বললো লিন, মহিলাকে একটু জলদি করার অনুরোধ জানিয়ে।

“একটু ধরুন,” ক্যান্টোনিজে জবাব দিলো মহিলা।

“ঝোউ বলছি,” লোকটা জবাব দিলো।

“জুন সু! ঝিয়া নেইর,” ফিফিস্ ক’রে বললো লিন। তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে সে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। “শেঙ্গ! এখনই যোগাযোগ করো! সেফায়ার আর নেই!”

“কি? কে বলছেন?”

লিন লাইনটা কেটে দিয়ে আবার অপারেটরের সাথে যোগাযোগ করলো। “আমার প্রাইভেট লাইনটা এখানে কানেক্ট করো। আমার সব কল যেনো এখান থেকেই রিসিভ করতে পারি।”

“জ্বি স্যার,” বললো অপারেটর।

লিনের ফোন বেজে উঠলো। “হ্যাঁ?” সে খুব স্বাভাবিক কণ্ঠে জবাব দিলো। “মেজর, ঝোউ বলছি! এইমাত্র একটা অদ্ভুত ফোন পেলাম। একটা লোক আমাকে ফোন ক’রে…!”

“কাউকে এ ব্যাপারে কিছু বলো না। ফোনটা আমাকে করা হয়েছিলো। জানি না তোমার কাছে কিভাবে গেলো। হয়তো কম্পিউটারের কোনো ভুল। এটার সাথে ড্রাগনফ্লাই-এর কোনো সম্পর্ক নেই। তবুও ব্যাপারটা কাউকে বলার দরকার নেই!”

“বুঝেছি, স্যার।”

লিন তার গাড়ি চালু করে তানুলুঙ্গ রোডে গেলো। আবারো একই পদ্ধতি অনুসরণ করলো সে।

“মেজর?”

“জ্বি?”

“আমি এখনই একটা আজব কল পেলাম। লোকটার কথা শুনে মনে হচ্ছিলো সে বড্ড বিপদে আছে। সে আমাকে বলেছে…”

লিন আবারো একই নির্দেশ দিলো, যেনো আর কেউ ব্যাপারটা না জানে। লিন আরো তিনবার একই কাজ করলো, প্রত্যেকবারই অফিসারদের অ্যাপার্টমেন্টের সামনে থেকে। কিন্তু সন্দেহজনক কিছুই ঘটলো না। লিন জানতো এদের মধ্যে কোনো ডাবল-এজেন্ট থাকলে প্রথমেই তাদের নিজেদের লোকদের সাথে যোগাযোগ করতো। আর তার কখনই এধরণের যোগাযোগের জন্য তাদের বাড়ির ফোন ব্যবহার থেকে কোথায় কবে কল যায় তার সব রেকর্ড ডিপার্টমেন্টে থাকে। এক্ষেত্রে তারা আশপাশের কোনো টেলিফোন বুথ ব্যবহার করতো। কিন্তু সেরকম কিছুই ঘটলো না। এদের কেউই বাসা থেকেই বের হয় নি। যে দু’জন তিন নম্বর আর সাত নম্বর গাড়ি নিয়ে বেড়িয়েছিল তারাও চেক-ইন করেছে। প্রথমজন তার বান্ধবীর বাসায় গিয়েছে, আর অপারেটরকে বলেছে এমারজেন্সি না হলে তাকে কল না করতে। দ্বিতীয়জন বাড়িতে গেলেও অপারেটরকে জানিয়েছে কোনো প্রয়োজন হলেই যোগাযোগ করতে। দু’জনকেই লিন ভালোভাবে চেনে। একজন তার বান্ধবীর প্রেমে পাগল আর অপরজন কাজে পাগল। অন্য কোথাও জড়িত থাকলে তারা ছুটি পেয়ে সরাসরি বাসায় যেতো না। লিনের সন্দেহ তাদের দিক থেকে ঘুরে গেলো। তাহলে বাকি থাকলো আর দু’জন। প্যাগোডা সিনেমাহলে একজন, আরেকজন ইয়াচট ক্লাবে।

লিন তার গাড়ি ছুটিয়ে বারোউস স্ট্রটের প্যাগোডা সিনেমা হলে নিয়ে গেলো। গাড়িটা পার্কিংলটে পার্ক করে মিডনাইট শো-এর একটা টিকেট কিনলো সে। লোকজনের নজরে পড়ার ভয়ে লাইনে সবার শেষে দাঁড়ালো। টিকেটটা চেকারকে দেখিয়ে ঢুকে পড়লো অন্ধকার সিনেমা হলে। ভেতরে চলছে মিডনাইট পর্নোগ্রাফির একটা শো। তার ডিপার্টমেন্টের কোনো লোকের পক্ষে এমন জায়গায় আসাটা খুব বেমানান। কিন্তু চারিত্রিক দুর্বলতা বা কুরুচির ওপর ভিত্তি ক’রে কাউকে সন্দেহ করাটা হবে বোকামি। লিন শুধু এই একটা আচরণকে কেন্দ্র ক’রে মূল সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। কিন্তু তাসত্ত্বেও তার নিজের লোক এমন জিনিস দেখতে আসতে পারে সেব্যাপারে তার মন মানছিলো না। বিশেষ ক’রে লোকটাকে লিন খুবই পছন্দ করে। তার এটাও মনে পড়লো যে, এই লোকই তার দলের মধ্যে সবচেয়ে সেরা অফিসার। অতীতেও তার সব অসামান্য রেকর্ড রয়েছে। যে মূল চায়নার জন্য অনেক বড় বড় কাজ করেছে। অনেক লোকের প্রাণ বাঁচিয়েছে। আর এজন্য তাকে অনেক অ্যাওয়ার্ডও দেয়া হয়েছে। নাহ্, লোকটার রুচি যাই হোক না কেন, তার অতীত রেকর্ড বলছে সে ডাবল-এজেন্ট হতে পারে না। তাহলে বাকি থাকলো ইয়া ক্লাবের অফিসারটি। সে অন্যদের তুলনায় বয়সে বড়। প্রায় লিনের সমবয়সী। তাই লিন সবসময় তার সিদ্ধান্তকে গুরুত্ব দিতো। লোকটা আকারে ছোটোখাটো, দেখতে শান্তশিষ্ট। তার স্ত্রী বৃটিশ, যে কিনা ধনী ইয়াচট ক্লাবের একজন সদস্য। তার মাধ্যমেই অফিসারটির চলাফেরা শহরের উঁচু উঁচু জায়গায়। লোকটার আগে থেকেই অর্থ, সম্মান, প্রতিপত্তি সব আছে। তার তো নতুন কিছুর দরকার নেই। তাহলে সে কেন বেঈমানী করতে যাবে। না! না! তার যুক্তি ঠিক পথে যাচ্ছে না! এভাবে হবে না! আগে এখানেই ভালো ক’রে খুঁটিয়ে দেখতে হবে। সিনেমাহলের পাশের সিঁড়িটা চোখে পড়তেই তার মাথায় একটা বুদ্ধি এলো। হেটে উপরে উঠে প্রজেকশন রুমের দিকে এগিয়ে গিয়ে একবার নক্ ক’রে দরজার সস্তা লকটা এক মোচড়ে ভেঙে ভেতরে ঢুকে পড়লো সে।

“টিঙ্গ ঝিল,” প্রজেকশনিস্ট চেঁচিয়ে উঠলো, তার কোলে একজন মহিলা বসে আছে। লোকটার হাত মহিলার স্কার্টের ভেতরে। লিনকে দেখে মহিলাটি লাফ মেরে উঠে দাঁড়ালো।

“ক্রাউন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ,” আইডেনটিটি কার্ড দেখিয়ে বললো মেজর। “ভয় পাওয়ার কিছু নেই, আমি কোনো ক্ষতি করতে আসি নি।”

“সে আধকারও আপনার নেই,” বললো চেয়ারে ব’সে থাকা লোকটি। “এটা ব্যক্তিগত জায়গা, কোনো মন্দির নয়। আর আমাদের লাইসেন্সও ঠিক আছে!”

“আমি আপনার লাইসেন্স নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না,” বললো লিন। “আমি শুধু একটা অনুরোধ জানাতে এসেছি।”

মহিলা দরজা খুলে বের হয়ে গেলে প্রজেকশনিস্ট তা দেখে বিরক্তির সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। “আপনি কি চান?”

“ফিল্মটা বন্ধ করুন, শুধু তিরিশ সেকেন্ডের জন্যে। আর মাইকে দর্শকদের জানান যে, সামান্য গোলযোগ হয়েছে, খুব শিগগিরই ফিল্মটা চালু করা হবে।”

“ফিল্মটা শেষ পর্যায়ে আছে। এখন থামালে ওরা চিৎকার শুরু করবে!”

প্রজেকশনিস্ট অনিচ্ছাসত্ত্বেও কাজটা করতে বাধ্য হলো। ফিল্মটা বন্ধ করে লাইট জ্বালানো হলো। মাইকে লিনের কথা মতো ঘোষণাও দিলো সে। এই সুযোগে লিন দর্শক সারি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো।

ওই তো তার লোক…দু’জন লোক পাশাপাশি ব’সে আছে। লিন ওয়েনজুর এজেন্ট এমন কারো সাথে কথা বলছে যাকে সে আগে কখনও দেখে নি। মেজর প্রজেকশনিস্টের দিকে ফিরলো। “এদিকে কোনো পাবলিক ফোন আছে?”

“কাছে একটা আছে, কিন্তু সবসময় কাজ করে না।”

“এখন কাজ করছে?”

“আমি জানি না।”

“ফোনটা কোথায়?”

“নীচতলায়, সিঁড়ির পাশে।”

“ধন্যবাদ। আরো ষাট সেকেন্ড পরে ফিল্মটা চালু করবে!”

“কিন্তু আপনি বলেছিলেন তিরিশ সেকেন্ড!”

“আমি মত বদলেছি! আপনাদের লাইসেন্স বাতিল করা খুব একটা কঠিন কাজ না, জানেন তো?”

“কিন্তু, নীচে যে কতোগুলো জানোয়ার ব’সে আছে, ওগুলোকে সামলাবে কে?”

লিন লোকটার কথা পাত্তা না দিয়েই নিচে নেমে এলো। প্রজেকশনিস্ট ভুল বলে নি। দর্শকদের অনেকেই জানোয়ারের মতো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। লিনের চোখে পাবলিক ফোনটা পড়লো। দেখেই বোকা যাচ্ছে লাইন নষ্ট। সে দ্রুত তার গাড়ির দিকে এগোতেই রাস্তার অপর পাশের পে-ফোনটা তার নজরে পড়লো। দ্রুত রাস্তা পার হয়ে টেলিফোন বুথটার কাছে গিয়ে ফোনটার নাম্বার দেখে নিলো সে। মনে মনে নাম্বারটা আওড়াতে আওড়াতে নিজের গাড়িতে ফিরে এসে সিটে বসে ঘড়িতে সময়টা দেখে নিলো। তারপর দ্রুত সিনেমা হল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে পার্ক ক’রে রাখলো গাড়িটা। তার নজর সিনেমাহলের প্রবেশপথের ওপর।

প্রায় এক মিনিট পনেরো সেকেন্ড পরে তার বেইজিংয়ের অফিসারটি বের হয়ে সোজা রাস্তার অপরপাশের টেলিফোনটার দিকে এগোতে লাগলো। লোকটা ফোনের কাছে যেতেই লিন নাম্বারটা ডায়াল করলো ফলে কয়েন ঢুকানোর আগেই ফোনটা বেজে উঠলো।

“আমি জানতাম তুমি ফোনটা খুঁজে পাবে! শেঙ্গ! যোগাযোগ করো! সেফায়ার আর নেই!” লিন মাইক্রোফোনটা নামিয়ে রাখলো। সে তার অফিসারের কাছ থেকে এখনই একটা কল পাবার জন্য মানসিকভাবে প্রস্তুত। কিন্তু এবার আর কোনো কল এলো না। তার এজেন্ট ঠিকই ফোনে কথা বলছে; কিন্তু অন্য কারো সাথে। ইয়াট ক্লাবে যাবার আর দরকার পড়বে না।

মেজর নিঃশব্দে তার গাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে দালানগুলোর অন্ধকার ছায়ার মধ্য দিয়ে হেটে টেলিফোন বুথটার দিকে এগোতে লাগলো। বেঈমানটা তার থেকে আট ফিট দূরে। লিন তার পিছন দিক দিয়ে খুব সাবধানে এগিয়ে আসছে। আরেকটু কাছে আসতেই মেজর লোকটাকে ফোনে উত্তেজিতভাবে কথা বলতে শুনলো। “সেফায়ারটা কে! আমাকে কেন ফোন করলো!… না, তোমাকে তো বললামই সে আমাদের দলনেতার নাম ব্যবহার করেছে…হ্যা, তারই নাম! নাম, কোনো কোড বা সিম্বল ব্যবহার করে নি!”

যতোটা শোনার দরকার ছিলো লিন ওয়েনজু তার চেয়ে বেশিই শুনে ফেলেছে। অটোমেটিকটা বের ক’রে ফোন বুথটার দিকে পা বাড়ালো সে।

“…হঠাৎ ফিল্মটা থেমে গেলে লাইট জ্বলে ওঠে। আমার কনট্যাক্ট আর আমাকে একসাথে—”

“ফোনটা রেখে দাও!” আদেশ করলো মেজর।

ঘুরে তাকালো লোকটা। “তুমি কে?” চিৎকার ক’রে বললো সে।

লিন ঝাঁপিয়ে পড়লো লোকটার উপর। তার বিশাল দেহের ধাক্কায় ফোনবুথের দেয়ালে আছড়ে পড়লো লোকটা।

“অনেক হয়েছে,” বললো লিন। লোকটা পড়া অবস্থাতেই তার হাত সামনে প্রসারিত করলে লিন তার তলপেটে অসহ্য ব্যথা অনুভব করলো। বেঈমানটা তার ছুরির ফলা লিনের পেটে ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে লিন গুলি করলে লোকটার গলা ফুটো ক’রে সেটা বেরিয়ে গেলো। রক্তে ভিজে গেলো পুরো ফোনবুথটি।

ঠিক তখনই সিনেমাহলের ভেতরে লিনের এজেন্টের সাথে দ্বিতীয় যে লোকটি ছিলো সে বেরিয়ে এলো। ফোনবুথের উপর চোখ পড়তেই একটা অস্ফুট চিৎকার দিয়ে উঠলো সে। লিন ঘুরে তাকাতেই লোকটা তার অস্ত্র বের ক’রে গুলি চালালো। লিনের বিশাল দেহটা পড়ে গেলো, তার বুকের বাম দিকে গল গল ক’রে রক্ত ঝরছে। কোনো রকম ফোনবুথের দেয়াল ধরে উঠেই লিন তার অটোমেটিকটা দিয়ে লোকটার দিকে গুলি করলে লোকটা তার ডান চোখ হাত দিয়ে ধরে মাটিতে পড়ে গেলো। স্পট ডেড।

রাস্তার ওপারে পর্নোগ্রাফি ফিল্মটা শেষ হয়ে গেলে হল থেকে লোকজন বের হতে শুরু করছে। গুরুতর আহত লিন মৃতদেহ দুটো টেনে তার গাড়ির কাছে নিয়ে রাখলো। এই দৃশ্যটা কয়েকজন কৌতুহলহীন দর্শকের চোখে পড়লেও তারা সেটা উপেক্ষা করে যার যার পথে পা বাড়ালো। এই বাস্তব দৃশ্যটা তাদের বোধগম্যতার বাইরে, কারণ তারা এতোক্ষণ রঙ্গিন এক কল্প জগতে বাস করছিলো।

.

অ্যালেক্স ককলিন তার চেয়ার থেকে উঠে পায়চারি করছে। “আপনি কি বোঝাতে চাইছেন?” হাভিলান্ডের দিকে ফিরে প্রশ্ন করলো সে।

“শুধু এটা যে, বর্তমান পরিস্থিতি বিবেচনা ক’রে আমার হাতে একমাত্র যে পথটা খোলা ছিলো, আমি সেটাই ব্যবহার করেছি—জেসন বর্নকে আমাদের কাজে লাগিয়েছি।” হাভিলান্ড হাত তুলে ককলিনকে থামিয়ে দিলো। “আপনি আর কিছু বলার আগেই আপনাকে জানিয়ে দেই, স্টেপলস্ প্রথমে এসব কথা অবিশ্বাস করেছিলো, সব উপাত্ত দেখানোর পরে সে আমার কথা বিশ্বাস করতে শুরু করে।

হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে একটা সাইরেন বেজে উঠলো। শোনা গেলো প্ৰচণ্ড জোরে আসা একটা গাড়ির ব্রেক কষার শব্দ। ককলিন আর অ্যাম্বাসেডর ঘর থেকে বের হতে উদ্যত হতেই দড়াম ক’রে দরজাটা খুলে গেলো, দেখা গেলো বিশালদেহী লিন দুটো মৃতদেহ দু’হাতে ধরে টেনে হিচরে ঘরে ঢুকছে।

“এই সেই বিশ্বাসঘাতক, স্যার,” দুটো লাশ মেঝেতে ফেলে দিয়ে বললো মেজর। “তার একজন আমাদেরই কনট্যাক্ট। সম্ভবত ড্রাগন-ফ্লাই’তে শেঙ্গের এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই—” ওয়েনজুর চোখ বন্ধ হয়ে এলো। ধপাস ক’রে মেঝেতে পড়ে গেলো সে।

“অ্যাম্বুলেন্স ডাকো!” দরজার বাইরে জড়ো হওয়া লোকজনের দিকে তাকিয়ে হাভিলান্ড চিৎকার ক’রে বললো।

“গজ, টেপ, অ্যান্টিসেপটিক আর তোয়ালে, যা যা আছে সব নিয়ে আসো!” উত্তেজিতভাবে বললো ককলিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে এগিয়ে গেলো লিনের দিকে। “যে করেই হোক রক্তপাতটা বন্ধ করো!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *