উপসংহার
এডওয়ার্ড নিউইংটন ম্যাকঅ্যালিস্টার একটা ক্রাচে ক’রে ভিক্টোরিয়া পিক-এর স্টাডি রুমে প্রবেশ করলো। আন্ডারসেক্রেটারি শেঙ্গের ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে দিতেই সেদিকে তাকালো অ্যাম্বাসেডর রেমন্ড হাভিলান্ড।
“আমার মনে হয় এটা আপনার হারানো কোনো জিনিস,” একটা চেয়ারে বসতে বসতে এনালিস্ট বললো।
“ডাক্তার বলেছে আপনি তেমন গুরুতরভাবে আহত হন নি,” ডিপ্লোম্যাট বললো। “কথাটা শুনে আমি খুশি হয়েছি।”
“খুশি হয়েছেন! আপনি খুশি হবার কে?”
“কথাটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগবে, তারপরেও বলছি, আপনি যা করেছেন সেটা আমার কল্পনারও বাইরে ছিলো।”
“তাই নাকি,” একটু নড়েচড়ে ব’সে আন্ডারসেক্রেটারি বললো। “আসলে আমি কিছুই করি নি। কাজটা করেছে সে।”
“কিন্তু আপনার জন্যেই সেটা সম্ভব হয়েছে, এডওয়ার্ড।”
“আমি কিছু করি নি। ঐসব লোক এমন কাজ করে যা আমাদের মতো লোকজন কেবল কল্পনাতেই ভাবতে পারে। ছায়াছবি কিংবা কল্পকাহিনীতেই আমরা এসব দেখে থাকি, শুনে থাকি। তারপরেও বিস্মিত হই, কারণ পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য।”
“তারা তাদের সেরা কাজটাই করে, যেমন আমরা আমাদের সেরা কাজটা ক’রে থাকি। নিজেদের ক্ষেত্রে আমরা সেরা কাজই করতে চাই, মি: আন্ডারসেক্রেটারি।”
একদৃষ্টে হাভিলান্ডের দিকে চেয়ে রইলো ম্যাকঅ্যালিস্টার। “এটা কিভাবে ঘটলো? এই ফাইলটা তারা কিভাবে পেলো?”
“এটা আরেকটা একটা গল্প। একজন পেশাদারের কাজ। এতে তিনজন যুবক প্রাণ হারিয়েছে। খুবই বীভৎসভাবে। একটা অপ্রবেশ্য সিন্দুকে অনুপ্রবেশ ঘটেছে বলা যায়।”
“এটা মেনে নেয়া যায় না!”
“আমিও আপনার সাথে একমত,” হাভিলান্ড একটু সামনের দিকে ঝুঁকে এসে কণ্ঠটা চড়িয়ে বললো। “ঠিক যেমনটি আপনার কাজকারবারগুলো মেনে নেয়া যায় না! আপনি যা করেছেন সেটা করার অধিকার আপনাকে কে দিলো? কোন্ অধিকারে আপনি আপনার অদক্ষ হাতে এসব কাজ সামলাতে গেলেন? আপনি সরকারে যোগ দেয়ার সময় যে শপথবাক্য পাঠ করেছিলেন সেটা পুরোপুরি ভঙ্গ করেছেন! আপনাকে বরখাস্ত করলেও যথেষ্ট হবে না! এই অপরাধের জন্য ত্রিশ বছরের জেলই হতে পারে আপনার জন্যে সমুচিত শাস্তি! কি ঘটেছে সে ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে! দূর প্রাচ্যে যে যুদ্ধটা ছড়িয়ে পড়তো সেটা নস্যাৎ হয়ে গেছে!”
“আমি যা করার করেছি, কারণ এটাই আমি করতে পারতাম। এই শিক্ষাটাই আমি আমাদের জেসন বর্নের কাছ থেকে পেয়েছি। সে যাকগে, আপনি আমার পদত্যাগপত্র পেয়ে যাবেন, মি: অ্যাম্বাসেডর। এটা সঙ্গে সঙ্গেই কার্যকর করতে পারেন, যদি না আপনি আমার বিরুদ্ধে কোনো চার্জ গঠন করতে চান।”
“আপনাকে এভাবে ছেড়ে দেবো?” হাভিলান্ড চেয়ারে হেলান দিয়ে বসলো। “পাগলামি করবেন না। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, উনিও আমার সঙ্গে একমত। আপনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হতে যাচ্ছেন।”
“চেয়ারম্যান -? আমি এরকম কোনো পদ সামলাতে পারবো না!”
“নিজস্ব লিমুজিন আর সব ধরণের সাহায্য সহযোগীতা থাকলে অবশ্যই করতে পারবেন।”
“আমি বুঝতে পারছি না কি বলবো!”
“আপনি জানেন কিভাবে ভাবতে হয়। আমি তো আপনার পাশে আছিই।”
“হায় ঈশ্বর!”
“শান্ত হোন। একটু ভেবে দেখুন কেবল। তারপর আমাদেরকে বলুন। যারা মাথা খাটায় তাদের মধ্যেই আসল শক্তি আর ক্ষমতা নিহিত থাকে—আমাদের মতো যারা কেবল কথা বলে, তাদের মধ্যে নয়! আপনিও সেটা জানেন।”
“এটা এতো বেশি হঠাৎ ক’রে হচ্ছে যে –”
“কিন্তু আপনি এরজন্যে যোগ্য, মি: আন্ডারসেক্রেটারি,” কূটনৈতিক কথার মাঝখানে বাঁধা দিয়ে বললো। “মাথাটা হলো সবচেয়ে মূল্যবান। এটাকে খাটো ক’রে দেখবেন না। ডাক্তার আমাকে জানিয়েছে, লি ওয়েনজু বেঁচে গেছে, তবে সে তার বাম হাতটা আর ব্যবহার করতে পারবে না। আমি নিশ্চিত আপনি লন্ডনের এমআই-সিক্স’র কাছে একটা রিকমেন্ডেশন পাঠাতে পারবেন। তারা এটাকে বেশ সম্মান আর গুরুত্ব দেবে।
“মি: আর মিসেস ওয়েব? তারা কোথায়?”
“ইতিমধ্যেই তারা হাওয়াই’তে পৌঁছে গেছে। সঙ্গে আছে ডাক্তার পানোভ আর অবশ্যই মি: ককলিন। তারা আমাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে ব’লে মনে হয় না।”
“মি: অ্যাম্বাসেডর, আপনিই তাদেরকে এটা করতে বাধ্য করেছেন।
“সম্ভবত কথাটা ঠিক নয়। তবে এটাও তো ঠিক, এই কাজটা আমার নয়।”
“আমার মনে হয় আমি বুঝতে পারছি এখন।”
“আশা করি আপনার ঈশ্বর আমার এবং আপনার মতো লোকদের জন্যে কিছু সান্ত্বনার পুরস্কার রেখেছে, এডওয়ার্ড। তার সাথে আমি দেখা করতে চাই না, যদি না সে আমার সাথে দেখা করতে চায়।”
“ক্ষমা ক’রে দেবার নিয়ম কিন্তু আছে।”
“সত্যি? তাহলে তাকে আমার আর চেনারও দরকার নেই। দেখা যাবে একজন ভণ্ড হিসেবে সে প্রতিপন্ন হয়েছে।”
“কেন?”
“কারণ সে আমাদের এই পৃথিবীর উপর কিছু রক্তখেকো নেকড়ের দল ছেড়ে দিয়েছে, যারা নিজেদের বেঁচে থাকা, টিকে থাকা ছাড়া অন্য আর কিছু ভাবে না। এটা তো ন্যায়পরায়ণ ঈশ্বরের কাজ হতে পারে না, পারে কি?”
“তিনি ন্যায়পরায়ণই। বরং আমরাই হলাম দোষত্রুটি সম্পন্ন মানুষ।”
“তাহলে বলতেই হচ্ছে এটা তার কাছে নিছক একটা খেলা। নিজের সৃষ্টিকে মাঠে ছেড়ে দিয়ে উপরে ব’সে ব’সে মজা দেখছে। উপর থেকে এবং আমাদের ভেতর থেকে সব দেখছে আর মজা লুটছে।
“আমরাই আমাদেরকে মারছি, মি: অ্যাম্বাসেডর। আমরা আমাদের কাজ আর সিদ্ধান্ত নেবার ব্যাপারে একেবারেই স্বাধীন।”
“ধর্মগ্রন্থের মতে সবই তার ইচ্ছা, তাই নয় কি? তার ইচ্ছাই পূরণ হয়।”
“এটা একটা ধূসর এলাকা।”
“যথার্থ! একদিন আপনি আমেরিকার সেক্রেটারি অব স্টেট হবেন হয়তো।”
“আমার তা মনে হয় না।”
“আমারও তা মনে হয় না,” হাভিলান্ড একমত হলো। “তবে এর মাঝে আমাদেরকে আমাদের কাজ ক’রে যেতে হবে—সব কিছু একত্র ক’রে পুরো ব্যাপারটি খতিয়ে দেখতে হবে। পৃথিবীকে ধ্বংস হবার হাত থেকে বাঁচাতে হবে। এখানে যেমনটি এখন বলা হচ্ছে, আপনি, আমি আর জেসন বর্ন কিংবা ডেভিড ওয়েবের মতো লোকেরাই প্রতিদিন পৃথিবীকে কেয়ামতের হাত থেকে একটু একটু ক’রে পিছিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যখন থাকবো না তখন কি হবে?”
তার সুন্দর লাল চুলগুলো মুখের উপর এসে পড়েছে। তার শরীরের সাথে শরীরটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তার ঠোঁটের সাথে লেগে আছে তার ঠোঁট। চোখ খুলেই ডেভিড হেসে ফেললো। যেনো তাদের দু’জনের উপর দিয়ে কোনো ঝড়ই বয়ে যায় নি। তারা এখন একসাথে। একে অন্যেকে নিবিড়ভাবে জড়িয়ে আছে পরম সুখে। এটাই তাদের কাছে পরম পাওয়া—এরচেয়ে বেশি কিছু তারা আশাও করে না।
বিগত চব্বিশ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাগুলো মিলিয়ে নেবার চেষ্টা করতেই তার হাসিটা আরো প্রসারিত হলো। ছোট্ট একটা অট্টহাসি ঠোঁটের ফাঁক দিয়ে প্রায় বেরিয়েই গেলো হয়তো। যেমনটি হয়েছে তেমনটি আর কখনই হবে না। হংকং থেকে হাওয়াইয়ে যাবার পথে প্লেনে সে আর ডাক্তার পানোভ প্রচুর মদ খেয়েছে। অথচ পাড় মাতাল আলেক্সান্ডার ককলিন চা আর ক্লাব সোডা ছাড়া কিছুই মুখে তোলে নি। সে কোনো লেকচারও দেয় নি। চুপচাপ ব’সে ছিলো। ডাক্তার পানোভ বমি ক’রে প্লেনের ছোট্ট টয়লেটটা ভাসিয়ে দিলে মেরি তার মাথায় পানি ঢেলে গায়ে একটা চাদর জড়িয়ে তাকে শুইয়ে দিয়েছে। তার স্বামী যখন মাতাল হয়ে তার প্রতি প্রেম ভালোবাসার উৎকট বর্হিপ্রকাশ দেখাতে উদ্যত হয়েছিলো তখন সে নির্মমভাবেই সেটা প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্লেন থেকে নেমে তারা হোটেল কাহালা’তে উঠতেই মেরি নিজে থেকেই স্বামীকে এমন ভালোবাসায় ভাসিয়ে দিয়েছে যে, সেটা কেবল উঠতি বয়সের ছেলেমেয়েদের কল্পনাতেই মানায়। সুতীব্র সুখের অবগাহনে তাদের সমস্ত দুঃস্বপ্ন তিরোহিত হয়ে গেছে নিমিষেই।
অ্যালেক্স? হ্যা, তার মনে পড়ে গেলো। ককলিন ওয়াহু থেকে লস্ অ্যঞ্জলেসের প্রথম ফ্লাইটে করেই রওনা দিয়েছে ওয়াশিংটনের উদ্দেশ্যে। “কতোগুলো লোকের মাথা ফাঁটবে,” এই কথাটাই সে বলেছিলো। “আর সেটা আমি নিজেই করবো। আলেক্সান্ডার ককলিন একটা নতুন মিশন হাতে নিয়েছে এখন। এটাকে বলে জবাবদিহিতা।
মো? মরিস পানোভ? পাশের ঘরেই পড়ে আছে। নিজের জীবনের সবচাইতে প্রবল আর কড়া নেশায় চূড় হয়েছে সে, এখন সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
“তুমি হাসছো?” চোখ বন্ধ করেই মেরি ফিসফিস ক’রে জানতে চাইলো। তার মুখ ডেভিডের গলা ঘষছে। “এতো হাসির কি হলো?”
“তুমি, আমি, আমরা সব কিছু।”
“তোমার হাসির ব্যাপারটা কিন্তু আমি ধরতে পারছি না। মনে হচ্ছে ডেভিড ওয়েব নামের কোনো মানুষের কথা শুনছি।”
“এখন থেকে তুমি শুধু এরকমটিই শুনবে।”
তাদের ঘরের ভেতরের দরজায় একটা টোকা দেবার শব্দ হলো। ওই দরজাটার ওপাশেই আছে মো পানোভ। ওয়েব বাথরুমে গিয়ে একটা টাওয়েল দিয়ে নিম্নাঙ্গটা জড়িয়ে নিয়ে বললো, “এক মিনিট, মো।” সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে দেখতে পেলো মো পানোভ একটা সুটকেস হাতে দাঁড়িয়ে আছে।
“আমি কি তোমাদের এই লীলাভূমিতে প্রবেশ করতে পারি?”
“তুমি ইতিমধ্যেই সেখানে ঢুকে পড়েছো, বন্ধু।”
“আমিও সে রকমটাই আশা করি…গুড আফটারনুন, মেরি,” বিছানায় শোয়া মেরির দিকে চোখ পড়তেই সে বললো। বেলকনিতে গিয়ে হাওয়াই দ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে বললো ডাক্তার, “কোনো বাড়তি প্যাঁচাল পেরো না, খাবারদাবারও রান্না কোরো না। যদি ঘুম ভেঙে যায় তো ঘাবড়ে যেও না। আমি একজন ডাক্তার। আমার তো তাই মনে হয়, নাকি?”
“তুমি আছো কেমন, মো?” মেরি বিছানায় উঠে ব’সে গায়ে একটা চাদর জড়িয়ে নিলো।
“তিন ঘণ্টা আগের চেয়ে অনেক ভালো। তবে তোমার সেটা টের পাওয়ার কথা নয়। তুমি একেবারে পাগলের মতো আচরণ করছিলে।”
“তোমার একটু বিশ্রামের দরকার।”
“তুমি যদি ঘণ্টায় একশো ডলার নাও, মেরি, তো আমি আমার সমস্ত সম্পত্তি বন্ধক রেখে পাঁচ বছরের জন্যে তোমার অধীনে থেরাপির জন্যে ভর্তি হয়ে যাবো।”
মুচকি হেসে ডেভিড জানতে চাইলো, “তোমার হাতে সুটকেস কেন?”
“আমি চলে যাচ্ছি। ওয়াশিংটনে আমার অনেক রোগি আছে। তাদের আমাকে ভীষণ দরকার।”
ডেভিড আর মেরি মরিস পানোভের দিকে তাকালে নীরবতা নেমে এলো। “আমরা আর কি বলবো, মো?” ওয়েব জানতে চাইলো। “কিভাবে বলবো?”
“তোমাদেরকে কিছু বলতে হবে না। আমিই বলছি। মেরি যারপরনাই মানসিক কষ্টের ভেতর দিয়ে গেছে। এতোটা কষ্ট তার সহ্য করার কথা নয়। কিন্তু সে সবকিছুই চমৎকারভাবে সামলাতে পারছে। এটাই হলো আসল কথা।”
“আমাকে পারতেই হবে, মো,” স্বামীর দিকে তাকিয়ে বললো মেরি। “আমাকে তো তাকে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো আসল কথা।”
“ডেভিড, তুমিও ভীষণ কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছো। অবিশ্বাস্য সব অভিজ্ঞতা হয়েছে তোমার। যা কেবল তুমিই পারতে সামলাতে। তোমার আর আমার কোনো চিকিৎসার দরকার নেই। তুমি এখন অন্য কেউ নও। জেসন বর্ন তোমার মধ্য থেকে চলে গেছে। সে আর ফিরে আসতে পারবে না। ডেভিড ওয়েব হিসেবে নিজের জীবনটা গড়ে নাও–মেরি আর ডেভিডের কথা ভাবো কেবল—এটাই সব, এটাই হওয়া উচিত। যদিও আমি মনে করছি কোনো সমস্যা হবে না, তারপরেও কখনও কোনো রকম সমস্যা হলে আমাকে একটা ফোন করবে শুধু। সঙ্গে সঙ্গে আমি প্লেনে ক’রে তোমাদের কাছে চলে আসবো। আমি তোমাদের দু’জনকে খুবই ভালোবাসি, আর মেরির মাংসের স্টু’টা তো অতুলনীয়।”
.
সূর্য ডুবে গেছে। পশ্চিম দিগন্তে ছড়িয়ে পড়েছে অসাধরণ কমলা রঙের আভা। আর সেই আভাটা ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে অপসৃত হয়ে যাচ্ছে। তারা একে অন্যের হাত ধরে সৈকতে হাটছে। মাঝে মধ্যে জড়িয়ে ধরছে একে অন্যেকে খুবই স্বাভাবি আর সহজভাবে।
“তুমি যা ঘৃণা করো সেটা যদি নিজের মধ্যে দেখতে পাও তখন তুমি কি করো?” ওয়েব বললো।
“মেনে নেই,” মেরি জবাব দিলো। “আমাদের সবার মধ্যেই অন্ধকার একটা দিক আছে, ডেভিড। আমরা সেটাকে অস্বীকার করতে পারলে ভালোই হোতো। কিন্তু সেটা আমরা করতে পারি না। এর অস্তিত্ব আছে। সম্ভবত এটা ছাড়া আমরা বেঁচেও থাকতে পারবো না। তোমারটা হলো জেসন বর্ন নামের একটি রূপকথা, এই যা, এরচেয়ে বেশি কিছু নয়।”
“আমি তাকে ঘৃণা করি।”
“সে তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছে। আমি কেবল সেটাই জানি।”
***
