বর্ন সুপৃমেসি – ২

অধ্যায় ২

সেন্ট্রাল কলোরাডোতে সূর্য সানগ্রে ডিক্রিস্টো পর্বতের পেছনে ঢাকা পড়ে যেতেই ঝলমলে রোদের মধ্য থেকে কোবরা হেলিকপ্টারটি গর্জন করতে করতে বেরিয়ে এলো। এর বিশাল ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে নেমে গেলো নীচের বৃক্ষসারির শেষপ্রান্তের খোলা জায়গাটির অভিমুখে। মজবুত কাঠ আর ঢালু কাঁচের তৈরি বিশাল আয়তাকার বাড়িটি থেকে ককপিটের ল্যান্ডিং প্যাডটি কয়েকশো মিটার দূরে অবস্থিত। জেনারেটর আর ক্যামোফ্লাজ করা কমিউনিকেশন ডিস্কগুলো ছাড়া, আশপাশে আর কোনো স্থাপনাই চোখে পড়ে না। উঁচু বৃক্ষসারি যেনো পুরু দেয়াল তৈরি ক’রে বাড়িটিকে বাইরের দুনিয়ার কাছ থেকে আড়াল ক’রে রেখেছে।

অত্যন্ত সূক্ষ্ম এসব এয়ারক্রাফট পাইলটদের নিয়োগ দেয় কোলোরাডো স্ক্রিং- এর চেইন কমপ্লেক্সের উচ্চপদস্থ অফিসারগণ। এদের কারো পদবী ফুল কর্নেলের চেয়ে কম নয়, আর প্রত্যেকেই ওয়াশিংটনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে ছাড়পত্র পাওয়া। তারা কখনও নির্জন পাহাড়ী এই আবাসে তাদের যাত্রার কথা মুখেও আনে না, ফ্লাইটপ্ল্যানে সব সময় গন্তব্যস্থল অস্পষ্ট থাকে। উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারগুলোকে রেডিওর মাধ্যমে যাত্রার দিক-নির্দেশনা দেয়া হয়। কোনো পাবলিক ম্যাপে এর অবস্থানের উল্লেখ নেই, এর যোগাযোগ মাধ্যম কাজ করে শত্রু এবং মিত্র সকলের নাগালের বাইরে থেকে। এখানকার সিকিউরিটি সম্পূর্ণ অবিচ্ছেদ্য। আর অবিচ্ছেদ্য হবেই বা না কেন, জায়গাটি নির্দিষ্ট কূটনীতিক আর কৌশল পরিকল্পনাকারীদের কর্মক্ষেত্র, যাদের কাজ এতোই সূক্ষ্ম আর ভঙ্গুর যে, বিশ্বস্বার্থের সাথে গভীরভাবে তা জড়িত, যেনো তাদেরকে গভর্নমেন্ট বিল্ডিংগুলোর ভেতরে বা বাইরে, এমনকি পাশ্ববর্তী অফিসগুলোর ভেতরেও একসাথে দেখতে পাওয়াটা ঠিক হবে না।

আগ্রাসী এবং কৌতূহলী চোখ সর্বত্র নজর রাখছে—শত্রু, মিত্র সবাই — যারা এই লোকগুলোর কাজ সম্পর্কে অবগত। এতোদিন যদি তারা একযোগে কাজ করতো, তাহলে অনেক আগেই বারোটা বেজে যেতো। শত্রুপক্ষ শুধু গতিবিধির ওপরই চোখ রাখছে আর মিত্রপক্ষ নিজেদের ইন্টেলিজেন্স সামাল দিতেই ব্যস্ত।

ল্যান্ড করা কোবরার দরজা খুলে গেলে হতবিহ্বল লোকটি ফ্লাড লাইটের অনেক নীচে নেমে এলে একজন ইউনিফর্ম পরা মেজর জেনারেল তাকে নিজ পাহারায় সাথে নিয়ে গেলো। সিভিলিয়ান লোকটি পাতলা, মধ্যবয়সী এবং মাঝারি উচ্চতার, সরু স্ট্রাইপের সুটের সাথে সাদা শার্ট আর পেইডালি টাই পরা। এমনকি হেলিকপ্টারটির ক্রমশ গতি কমতে থাকা ব্লেডগুলোর রূঢ় বাতাসের ঝাপটার মাঝেও তার পোশাক অক্ষত আছে। সে অফিসারটিকে অনুসরণ ক’রে কংক্রিটের পথ দিয়ে হেটে বাড়িটির পাশের একটি দরজার দিকে গেলো। তারা কাছাকাছি যেতেই খুলে গেলো দরজা। তবে কেবলমাত্র সিভিলিয়ান লোকটিই ভেতরে ঢুকলো; জেনারেল তার দিকে ঈষভাবে মাথা ঝাঁকালো, যুদ্ধফেরত অভিজ্ঞ সেনারা সিভিলিয়ান বা সমান পদের অফিসারদের এসব ইনফরমাল স্যালুট দিয়ে থাকে।

“আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, মি: ম্যাকঅ্যালিস্টার,” বললো জেনারেল। “অন্য কেউ এসে আপনাকে নিয়ে যাবে।”

“আপনি ভেতরে আসছেন না?” সিভিলিয়ান লোকটি প্রশ্ন করলো।

“আমি কখনই ভেতরে ঢুকি নি,” অফিসারটি জবাব দিলো, তার মুখে এক চিলতে হাসি। “আমার কাজ শুধু আপনার পরিচয় নিশ্চিত করা আর আপনাকে পয়েন্ট ‘বি’ থেকে পয়েন্ট ‘সি’তে নিয়ে যাওয়া।”

“আপনি আপনার পদবীর অমর্যাদা করছেন, জেনারেল।”

“হয়তো না,” সেনাটি আর কোনো তর্কে জড়ালো না। “আমার আরো কাজ আছে। বিদায়।”

ম্যাকঅ্যালিস্টার একটি লম্বা আয়তাকার করিডোরের ভেতরে ঢুকলো। এখন তাকে সঙ্গ দিচ্ছে শান্ত চেহারার, মার্জিত পোশাক পরা শক্তসামর্থ এক লোক, তার শরীরের অভ্যন্তরীণ সিকিউরিটি সদস্যের সব লক্ষণই উপস্থিত রয়েছে। শারীরিকভাবে দ্রুত, সক্ষম আর ভীড়ে মিশে যেতে পারে এমন সাদামাটা চেহারা তার।

“আপনার ফ্লাইট কি আনন্দদায়ক হয়েছে, স্যার?” অল্পবয়সী লোকটি জিজ্ঞেস করলো।

“ওগুলোর মধ্যে কি কেউ আনন্দ পায়?”

গার্ডটি হেসে উঠলো। “এদিকে আসুন, স্যার।”

তারা করিডোর দিয়ে নীচে গেলো, দেয়ালের দু’দিকেই পার করলো অনেকগুলো দরজা। অবশেষে, একদম শেষযাত্রায় একজোড়া বড়সড় ডাবল ডোরের সামনে এসে পৌঁছালো তারা, যার উপরের ডান এবং বাম কোণায় দুটো বাতি লাইট দেখা যাচ্ছে। আসলে ওগুলো দুটো আলাদা সার্কিটের ক্যামেরা।

এডওয়ার্ড ম্যাকঅ্যালিস্টার হংকং ছাড়ার পর প্রায় দু’বছর হলো এ ধরণের যন্ত্র দেখে নি, কারণ তাকে বৃটিশ ইস্টেলিজেন্সের এম.আই-৬ স্পেশাল ব্রাঞ্চের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো। তার দৃষ্টিতে বৃটিশরা সিকিউরিটি নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে। সে কখনও ওই লোকগুলোকে বুঝে উঠতে পারে নি, বিশেষ ক’রে তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়ার পর থেকে, অ্যাওয়ার্ডটি ছিলো সামান্য কাজের জন্য, আর সেই কাজটি তারা নিজেরাই সামলাতে পারতো।

গার্ড দরজার হাতল ঘুরালে ক্লিক্ ক’রে একটি শব্দ হতেই ডান দিকের ডালাটি খুলে ফেললো সে। “আপনার আরেকজন গেস্ট, স্যার,” শক্তসামর্থ লোকটি বললো।

“তোমাকে অনেক ধন্যবাদ,” একটি কণ্ঠস্বর জবাব দিলো।

বিস্মিত ম্যাকঅ্যালিস্টার অসংখ্যবার রেডিও এবং টেলিভিশনের খবরে শোনা কণ্ঠস্বরটিকে সঙ্গে সঙ্গেই চিনে ফেললো, এই ভাষাজ্ঞান অর্জিত হয়েছে অত্যন্ত ব্যয়বহুল মাধ্যমিক স্কুলে, বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে, আর পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন বৃটিশ আইল-এ। নিজেকে প্রস্তুত করার যথেষ্ট সময় পেলো না সে। চুলগুলো ধূসর বর্ণের, পরিপাটিভাবে পোশাক পরা লোকটির টানটান, লম্বা মুখটি বুঝিয়ে দিচ্ছে তার বয়স সত্তরের বেশি। লোকটি নিজের বড় ডেস্ক থেকে উঠে, সতর্কভাবে ঘরের মধ্যে পায়চারি করতে করতে হাত দুটো সামনে প্রসারিত করলো।

“মি: আন্ডারসেক্রেটারি, আপনি আসায় আমি ধন্য। অনুগ্রহ ক’রে আমার নিজের পরিচয় দিতে দিন। আমি রেমন্ড হাভিলান্ড।”

“আমি অবশ্যই জানি আপনি কে, মি: অ্যাম্বাসেডর। আমি সম্মানিত, স্যার।”

“বলুন গদি ছাড়া অ্যাম্বাসেডর, ম্যাকঅ্যালিস্টার, যার মানে দাঁড়ায় খুব সামান্য সম্মানই বেঁচে আছে আমার। অথচ কাজকারবার এখনও যথেষ্ট বাকি।”

“আমি কল্পনাও করতে পারি না ইউনাইটেড স্টেট্সের কোনো প্রেসিডেন্ট গত বিশ বছরে আপনাকে ছাড়া টিকতে পেরেছে।”

“কেউ কেউ অযোগ্য হয়েও পার পেয়ে গেছে, মি: আন্ডারসেক্রেটারি, কিন্তু স্টেট্সে আপনার যা অভিজ্ঞতা, তাতে বোধকরি এ বিষয়ে আপনি আমার চেয়েও ভালো জানেন।” কূটনীতিক তার মাথা ঘোরালো।

“পরিচয় করিয়ে দেই, ইনি জন রিলি। জ্যাক অত্যন্ত ওয়াকিবহাল সহযোগীদের একজন, যার সাথে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভেতরে ব’সে আলাপ করাটা মানায় না।”

“অবশ্য সে ততোটা ভীতিকর নয়, তাই না?”

“আমিও আশা করি, তা নয়,” রিলির সাথে হ্যান্ডশেক করতে এগিয়ে গিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার, যে কিনা ডেস্কের দিকে মুখ করা লেদার চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে।

“পরিচিত হয়ে ভালো লাগলো, মি: রিলি।”

“মি: অ্যান্ডারসেক্রেটারি,” বললো সামান্য মোটা লোকটি যার হালকা বাদামী সুটটি তার লাল চুলের সাথে খাপ খাচ্ছে। স্টিল-রিমের চশমার পেছনে শাণিত, ঠাণ্ডা চোখ দুটোতে অমায়িকতার কোনো ছাপ নেই। “মিঃ রিলি এখানে এসেছেন,” ডেস্কের পেছন দিকে যেতে যেতে ম্যাকঅ্যালিস্টারকে ডান দিকের চেয়ারটি ইশারা ক’রে হাভিলান্ড বলতে লাগলো, “এটা নিশ্চিত করতে যে, আমি ঠিক পথেই এগোচ্ছি। কিছু জিনিস আমি আপনাকে বোঝাতে পারবো, কিন্তু কিছু জিনিস বোঝাতে পারবো না। আবার কিছু জিনিস কেবলমাত্র সে-ই আপনাকে বোঝাতে পারবে,” অ্যাম্বাসেডর বললো। “যদিও এটি ধাঁধার মতো শোনাচ্ছে, মি : আন্ডারসেক্রেটারি, তারপরেও আমি সত্যিই দুঃখিত, কারণ এই চরম সঙ্কটপূর্ণ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না।”

“অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেজ-এ যাবার আদেশ পাওয়ার পর থেকে গত পাঁচ ঘণ্টায় যা কিছু ঘটলো তার সবকিছুই আমার কাছে ধাঁধার মতো লাগছে, মি: অ্যাম্বাসেডর। আমার কোনো ধারণাই নেই আমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে।”

রিলির দিকে এক নজর তাকিয়ে ডেস্কের দিকে ঝুঁকে কূটনীতিক বললো, “আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে বলছি। আপনি দেশের জন্য এক অসাধারণ কর্তব্য পালনের অবস্থানে রয়েছেন, কাজটি আসলে দেশের স্বার্থকেও ছাড়িয়ে যায়—এটি এমন কিছু যা আপনি আপনার দীর্ঘ আর প্রসিদ্ধ কর্মজীবনেও কখনও কল্পনা করেন নি।”

ম্যাকঅ্যালিস্টার অ্যাম্বাসেডরের কঠোর মুখটি পড়ার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারলো না কি জবাব দেবে। “স্টেট ডিপার্টমেন্টে আমার কর্মজীবন স্বার্থক, আর আমি বিশ্বাস করি, সেটা যথেষ্ট পেশাদারও ছিলো। তবে ভালো ক’রে দেখলে এটাকে হয়তো ততোটা প্রসিদ্ধ বলা যায় না। খোলাখুলিই বলছি, এখানে কোনো সুযোগ এমনি এমনি আসে না।”

“একটি সুযোগ এখন আপনার কাছে এসেছে,” কথার মাঝে বাধা দিয়ে বললো হাভিল্যান্ড। “আর কাজটি করার জন্যে আপনিই একমাত্র যোগ্য ব্যক্তি

“কোন্ দিক থেকে? আর আমিই বা কেন?”

“সুদুর প্রাচ্যে,” কণ্ঠস্বর অদ্ভুত এক খাদে নামিয়ে বললো কূটনীতিবিদ, আর সেই জবাবটি যেনো আরেকটি প্রশ্নের মতোই শোনালো। “হার্ভার্ড থেকে সুদূর প্রাচ্যের ওপর ডক্টরেট ডিগ্‌ লাভের পর প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে আপনি স্টেট ডিপার্টমেন্টেই কাজ করেছেন। এশিয়াতে বছরের পর বছর অসাধারণ সার্ভিস দিয়ে আপনি গভর্নমেন্টের প্রশংসনীয় সেবা করেছেন, আর যখন থেকে আপনি ঐ এলাকা ছেড়ে এসেছেন, তখন থেকে পৃথিবীর ওই সমস্যাপূর্ণ অংশটিকে ঘিরে নীতিমালা তৈরিতে আপনার মতামতকে খুবই গুরুত্বের সাথে নেয়া হচ্ছে। আপনাকে একজন সুদক্ষ বিশ্লেষক হিসেবে বিবেচনা করা হয়।”

“আমি আপনার কথার মর্ম বুঝতে পারছি। কিন্তু এশিয়াতে আরো অনেকে ছিলো। তারা আমার সমান, কিংবা আরো উঁচু রেটিং পেয়েছিলো।”

“দুর্ঘটনাবশত, মি: আন্ডারসেক্রেটারি। খোলাখুলিই বলছি, আপনি যথেষ্ট ভালো করেছেন। তাছাড়া, গণপ্রতাজন্ত্রী চীনের অভ্যন্তরীণ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আপনার সাথে কারো তুলনা হয় না। আমি মনে করি আপনি ওয়শিংটন আর পিকিংয়ের মধ্যেকার ট্রেড কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া অন্যদের কেউ হংকংয়ে সাত বছর কাটায় নি। তার চেয়েও বড় কথা, এশিয়ার পোস্টগুলো কখনও বৃটিশ গভর্নমেন্টের এমআই-সিক্স’র স্পেশাল ব্রাঞ্চ ছাড়া কেউ নিয়োগ পায় নি।”

“বুঝতে পারছি,” বললো ম্যাকঅ্যালিস্টার, শেষ যোগ্যতাটি নিয়ে মনে মনে ভাবলো সে, যেটা তার কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব’লে মনে হয়েছিলো, সেটাই এই কূটনীতিকের কাছে যথেষ্ট গুরুত্বের বিষয়। “ইন্টেলিজেন্সে আমার দায়িত্ব ছিলো খুবই সংক্ষিপ্ত পরিসরের, মি: অ্যাম্বাসেডর। আমি মনে করি আমার কোনো বিশেষ যোগ্যতা নয়, আমাকে নিয়োগ দেয়া হয়েছিলো স্পেশাল ব্রাঞ্চের ভুল তথ্যের ভিত্তিতে। ওরা কিছু ভুল সংখ্যার হিসেব করছিলো যার যোগফল মিলছিলো না। যতোদূর মনে পড়ে, ঐ সব লোক ভুল তথ্যের ভিত্তিতে হিসেব করতে গিয়ে অঙ্ক মেলাতে পারে নি। অবশ্য সেই অঙ্ক মেলাতে তাদের খুব বেশি সময়ও লাগে নি।”

“আপনার উপর তাদের আস্থা ছিলো, ম্যাকঅ্যালিস্টার। এখনও আপনার ওপর তাদের আস্থা আছে।”

“আমি ধারণা করতে পারি আমার প্রতি তাদের আস্থাই এই বিশেষ সুযোগটির অবতারণা করেছে, সেটা যাই হোক না কেন।”

“তা হয়তো ঠিকই বলেছেন। আর এটা খুব গুরুত্বপূর্ণও বটে।”

“তাহলে এখন আমি কি জানতে পারি সেই বিশেষ সুযোগটা কি?”

“অবশ্যই পারেন,” হাভিলান্ড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে আসা লোকটি তৃতীয় ব্যক্তিটির দিকে তাকালো। “যদি অনুগ্রহ করো,” সে আরো যোগ করলো।

“এবার আমার পালা,” বললো রিলি, তবে অপ্রসন্ন মুখে নয়। নিজের ভারি দেহটি চেয়ারে হেলান দিয়ে অপলক দৃষ্টিতে ম্যাকঅ্যালিস্টারের দিকে চেয়ে রইলো। চোখ দুটো এখনও কঠিন, তবে সেই শীতল ভাবটি আর নেই, যেনো সে কোনো ধরনের বোঝাপড়ায় আসতে চাচ্ছে।

“এই মুহূর্ত থেকে আমাদের সব কথাবার্তা রেকর্ড করা হবে—আর তা জানা আপনার সাংবিধানিক অধিকার, তবে দু’পক্ষেরই সেই অধিকার রয়েছে। এখন আপনাকে যে তথ্য দেয়া হবে তার সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, আর সেটা যে শুধু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্বার্থের জন্য তা নয়, বরং পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশের বৃহত্তর স্বার্থের জন্যেই। আমি জানি কথাগুলো খুব অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমরা সত্যিই সিরিয়াস। আপনি কি এ শর্তে রাজি আছেন? যদি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে ন্যাশনাল সিকিউরিটির অধীনে নন্-ডিসক্লোজার আইনের আওতায় আপনাকে অভিযুক্ত ক’রে বিচার করা হবে।”

“আমি কি করে এ ধরণের শর্তে রাজি হতে পারি যখন তথ্য সম্পর্কেই আমার কোনো ধারণা নেই?”

“কারণ আমি আপনাকে হালকা ধারণা দিতে পারি, আর তা আপনার হ্যা বা না জবাবের জন্য যথেষ্ট। যদি আপনার জবাব না হয় তালে আপনাকে সশস্ত্র পাহারায় এখান থেকে বের ক’রে নিয়ে যাওয়া হবে, আর আপনি নির্বিঘ্নে প্লেনে ক’রে ওয়াশিংটনে ফিরে যেতে পারবেন। এতে কারো কোনো ক্ষতি হবে না।”

“বলে যান।”

“ঠিক আছে,” রিলি শান্তভাবে বললো, “আপনাকে অতীতে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে, পুরনো ইতিহাস, আর সেটা কোনোক্রমেই ইদানীংকালের এখানকার ঘটনা নয়। ঘটনাগুলো অস্বীকার করা হয়েছিলো, সত্যি বলতে কি, সেগুলো আসলে ধামাচাপা দেয়া হয়েছিলো। কিছু কি মনে পড়ছে, মি: আন্ডারসেক্রেটারি?”

“আমি স্টেট ডিপার্টমেন্টে কাজ করা লোক। আমরা অতীতকে তখনই ধামাচাপা দেই যখন সেটা প্রকাশের কোনো প্রয়োজন থাকে না। পরিস্থিতি বদলায়; একদিন আগের করা ভালো বিবেচনাগুলোও অনেক সময় পরের দিন সমস্যা হয়ে দাঁড়ায়। আমরাও এই পরিবর্তনশীল পরিস্থিতি সোভিয়েত বা চাইনীজদের চেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে পারি না।”

“বেশ ভালো!” বললো হাভিলান্ড।

“না এখনও তিনি বলেন নি,” হাত উঁচিয়ে অ্যাম্বাসেডরকে থামানোর ভঙ্গি ক’রে বাধা দিয়ে বললো রিলি। “আন্ডারসেক্রেটারি একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি হ্যা বলেন নি, আবার নাও বলেন নি।” এনএসসি থেকে আসা লোকটি আবার ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো, স্টিল-রিমের চশমার পেছনের চোখ দুটো আবারো শাণিত আর শীতল হয়ে উঠছে।

“আপনি কি কাজটা করবেন, মি: আন্ডারসেক্রেটারি, ভেতরে থাকবেন, নাকি বাইরে যাবেন?”

“আমার মনের একটা অংশ চাইছে উঠতে আর যতোটা দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে,” পালা করে দু’জনের দিকে তাকিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। “আর অন্য অংশটি বলছে থেকে যাও,” সে থামলো, তার দৃষ্টি রিলির ওপর স্থির, সে আরো যোগ করলো, “জানি না আপনারা আসলে কী চাইছেন, তবে আমি এরজন্যে খুবই ক্ষুধার্ত অনুভব করছি।”

“আপনার এই ক্ষুধার জন্যে আপনাকে বেশ ভালো মূল্য দেয়া হবে,” আইরিশ লোকটি জবাব দিলো।

“এটা তার চেয়েও বেশি,” মৃদু কণ্ঠে বলে উঠলো আন্ডারসেক্রেটারি। “আমি প্রফেশনাল, আর আমিই যদি সেই লোক হই যাকে আপনাদের প্রয়োজন, তাহলে আমার আর কোনো পথ খোলা থাকে না

“মনে হচ্ছে কথাগুলো আবারো শোনাতে হবে,” বললো রিলি। “আপনি কি চান আপনাকে বিষয়গুলো আবারো বুঝিয়ে বলি?”

“তার আর দরকার হবে না,” চিন্তিত ম্যাকঅ্যালিস্টারের ভুরু জোড়া কুঁচকে গেলো, তারপর বলতে লাগলো, “আমি, এডওয়ার্ড নিউইঙ্গটন ম্যাকঅ্যালিস্টার, যা কিছু এই কনফারেন্সে বলা হয়েছে তার পুরোটাই উপলব্ধি করতে পেরেছি,” সে থেমে রিলির দিকে তাকালো। “আমার মনে হয় সময়, স্থান আর সাক্ষীর ব্যাপারটা আপনিই সামলাবেন?”

“প্রবেশের তারিখ, স্থান, ঘণ্টা, মিনিট এবং চিহ্নিতকরণের ব্যাপারসহ সব হয়ে গেছে।”

“ধন্যবাদ। আমি যাবার আগেই আমাকে এর একটি কপি দেওয়ার ব্যবস্থা করুন।”

“অবশ্যই,” গলার স্বর না উঁচিয়েই রিলি জবাব দিয়ে সোজা উপরে তাকিয়ে শান্তকণ্ঠে একটি অর্ডার ইসু করলো।

“প্লিজ, নোট করুন। এই টেপটির একটি কপি যাওয়ার আগে সাবজেক্টকে দেবার ব্যবস্থা করুন। আর তার জন্য একটি যন্ত্রেরও ব্যবস্থা করুন যা দিয়ে তিনি টেপটি এখানে বসেই যাচাই করতে পারবেন। আমি কপির বিষয়টি দেখছি… আপনি বলতে থাকুন, মি: ম্যাকঅ্যালিস্টার। *

“আমি এই মর্মে উল্লেখ করছি…যা কিছু এই কনফারেন্সে বলা হয়েছে, আমি সেসব তথ্যের গোপনীয়তা বজায় রাখার শর্ত মেনে নিয়েছি, আমি অ্যাম্বাসেডর হাভিলান্ডের নির্দেশনা ব্যতীত কারো সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো না। আমি আরো উল্লেখ করছি যে, এসব শর্ত ভঙ্গ করলে আমাকে আদালতে অভিযুক্ত করা যাবে। তবে তেমন কোনো মামলার আবির্ভাব হলে, আমি বাদীপক্ষের বিপরীতে আইনি লড়াইয়ে নামার অধিকারও রাখবো। আমি আরো শপথ করছি যে, কোনো পরিস্থিতিতেই আমি আমার অঙ্গীকার ভঙ্গ করবো না।”

“পরিস্থিতির সাথে সাথে মানুষের প্রতিশ্রুতিও বদলায়, জানেন তো?” বললো রিলি, তবে বেশ ভদ্রভাবে।

“আমার ডিকশনারিতে তা নেই।”

“অত্যাধিক শারীরিক নির্যাতন, কেমিক্যালের অপব্যবহার, তাছাড়া আপনার চেয়েও অভিজ্ঞ কিছু পুরুষ এবং মহিলা আছে যারা ধোঁকা দিয়ে সব বের ক’রে নিতে জানে। কতো উপায়ই তো আছে, মি: আন্ডারসেক্রেটারি।”

“আমি আবারো উল্লেখ করছি, আমার বিরুদ্ধে কোনো প্রকার মামলা হলে এবং কেউ এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করলে মামলাকারীর বিপক্ষে আইনি লড়াই করার সম্পূর্ণ অধিকার আমার থাকবে।”

“এতেই হবে,” আবারো রিলি সোজা উপরে তাকিয়ে বললো। “টেপটি বন্ধ করো, প্লাগ খুলে ফেলো। অনুমোদন করা হলো।”

“অনুমোদন?” মাথার উপরে কোথাও রাখা স্পিকার থেকে অদ্ভুত একটা কণ্ঠস্বর বলে উঠলো। “যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো।”

“শুরু করুন, মি: অ্যাম্বাসেডর,” বললো লাল চুলের লোকটি। “আমি শুধু তখনই বাধা দেবো যখন প্রয়োজন বোধ করবো।”

“আমি জানি তুমি তাই করবে, জ্যাক,” হাভিলান্ড ম্যাকঅ্যালিস্টারের দিকে ঘুরলো। “আমি আগের কথাটি ফিরিয়ে নিচ্ছি, এ তো দেখছি সত্যিই ভীতিকর। দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনের পর এক লাল মাথার চটকদার আমাকে শেখাচ্ছে কখন মুখ খুলতে হবে আর কখন চুপ থাকতে হবে।”

তিন জনেই একসাথে হেসে উঠলো, বৃদ্ধ কূটনীতিকটির জানা ছিলো কখন আর কিভাবে টেনশন কমাতে হয়। রিলি তার মাথা নাড়িয়ে অমায়িকভাবে হাত প্রসারিত করলো, “আমি ঠিক তা বলতে চাই নি, স্যার, আশা করি সহজে আর বাধা দিতে হবে না।”

“কী বলেন, ম্যাকঅ্যালিস্টার? চলেন একসাথে মস্কোতে পালিয়ে যাই। রাশিয়ানরা হয়তো আমাদেরকে গ্রামে বাড়ি ক’রে থাকতে দেবে, এদিকে ইনিও আর বিরক্ত করতে পারবেন না।”

“আপনিতো তাও গ্রামে বাড়ি পাবেন, মি: অ্যাম্বাসেডর। আমাকে তো একজন সাইবেরিয়ানের সাথে ফ্ল্যাট শেয়ার করতে হবে। না, ধন্যবাদ স্যার। তিনি আমাকে বিরক্ত করছেন না।”

“বেশ। আমি ভেবে অবাক হচ্ছি ওভাল অফিসের সুবিবেচনা মধ্যস্থকারীদের কেউই কখনও এনার কাজের জন্য আপনার নামে সুপারিশ করে নি, নিদেনপক্ষে তাদের উচিত ছিলো আপনাকে ইউ.এন.ও-তে পাঠানো।”

“তারা আমার অস্তিত্বের কথাই জানতো না।”

“সেই পরিস্থিতি এবার বদলাবে,” কিছুটা গাম্ভীর্যের সাথে বললো হাভিলান্ড। একটু থেমে আন্ডারসেক্রেটারির দিকে তাকিয়ে গলার স্বর নীচু করলো সে, “আপনি কি কখনও জেসন বর্নের নাম শুনেছেন?”

“এশিয়াতে পোস্টিং হওয়া যে কেউ এ নামটির সাথে পরিচিত,” বিভ্রান্ত কণ্ঠে ম্যাকঅ্যালিস্টার জবাব দিলো। “পঁয়ত্রিশ থেকে চল্লিশটি খুন করা এক লোক। ভাড়াটে এই গুপ্তঘাতক তার জন্য পাতা প্রতিটি ফাঁদই এড়িয়ে গেছে। মানসিক ভারসাম্যহীন এই খুনি মৃত্যু ছাড়া আর কিছুই বোঝে না। লোকে বলে সে একজন আমেরিকান ছিলো, আমেরিকানই আছে। আমি যতোদূর জেনেছি সে গা ঢাকা দিয়েছে—সে ছিলো একজন বিতাড়িত ধর্মযাজক, একজন আমদানীকারক, যে প্রচুর অর্থ হাতিয়েছিলো। ফরেন লিজিয়নেরও প্রিয়পাত্র ছিলো সে। ঈশ্বরই জানেন আরো কতো ঘটনাই না ঘটেছে তাকে ঘিরে।”

“আমি শুধু একটি সত্যই জানি, আমরা তাকে কখনও ধরতে পারি নি, আর তাকে ধরতে না পারার ব্যর্থতা সুদূর প্রাচ্যের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছিলো।”

“তার শিকারদের মধ্যে কি বিশেষ কোনো মিল পাওয়া গেছে?”

“না, একেকবার একেকরকম, কোনো মিল নেই। কখনও এখানে দু’জন ব্যাংকার তো কখনও সেখানে তিনজন সহকারী-রাষ্ট্রদূত ——মানে সিআইএ; দিল্লীতে যাওয়া স্টেটের একজন মন্ত্রী, সিংগাপুর থেকে আসা একজন বিশিষ্ট শিল্পপতি, আরো অসংখ্য রাজনীতিবিদ, সাধারণ মানুষ। তাদেরকে গাড়ি বোমায় কিংবা ফ্ল্যাট বোমায় উড়িয়ে দেয়া হয়েছে। তাছাড়া সন্দেহপ্রবণ স্বামী-স্ত্রী বা প্রেমিকযুগলদের স্ক্যান্ডালের বিষয়টিও রয়েছে, সেসব বিষয়েও সে হত্যাযজ্ঞের মতো সমাধান বেছে নিয়েছে। এমন কেউ নেই যাকে সে খুন করতে পিছ পা হয়। কোনো পন্থাই তার কাছে নৃশংস বা হীনমন্যতার নয়…না, কোনো বিশেষ শ্রেণী তার লক্ষ্য নয়, তার লক্ষ্য শুধু টাকা। যে সব থেকে বেশি দাম দেবে তার হয়েই কাজ করবে সে। আগেও সে পিশাচ ছিলো—এখনও সে পিশাচই আছে, যদি সে বেঁচে থাকে আর কি।”

আরো একবার হাভিলান্ড সামনে ঝুঁকলো, স্টেটের আন্ডারসেক্রেটারির দিকে তার চোখ স্থির। “আপনি বলছেন সে গা ঢাকা দিয়েছে। সেটাই কি সব? আর কোনো খবর পান নি, কোনো গুজব অথবা এশিয়ান অ্যাম্বাসি বা কনসুলেট অফিসগুলোতে ছড়ানো কোনো গালগল্প?”

“হ্যাঁ, একবার কিছু কথা শোনা গিয়েছিলো, কিন্তু তার কোনোটার সত্যতা নিশ্চিত করা যায় নি। আমি শেষ খবরটি শুনেছিলাম ম্যাকাও’র পুলিশদের মুখে, যেখানে বর্নের সর্বশেষ আস্তানা ছিলো। তারা বলেছিলো সে মারা যায় নি, অথবা অবসরও নেয় নি, বরং এসবের পরিবর্তে ইউরোপে পাড়ি জন্মায় আরো ধনবান ক্লায়েন্টদের খোঁজে। যদি এটাই সত্যি হয়, তাহলে তা মূল ঘটনার অর্ধেক অংশ। পুলিশ আরো দাবি করে বর্নের বেশ কয়েকটি কন্ট্রাক্ট বাজে ফল বয়ে এনেছিলো, যেমন একবার সে ভুল লোককে হত্যা করে বসে, যে কিনা মালয়েশিয়ার আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতাধর ব্যক্তি ছিলো, আরেক ক্ষেত্রে সে তার ক্লায়েন্টের স্ত্রীকে ধর্ষণ করেছে। হয়তো তার আর কোনো পথ খোলা ছিলো না— হয়তো ছিলো।”

“আপনি কি বলতে চাইছেন?”

“অধিকাংশ ব্যক্তি এ গল্পের প্রথম অংশটি বিশ্বাস করে, দ্বিতীয়টি বিশ্বাস করে না। বর্ন ভুল লোককে হত্যা করতো না, বিশেষ ক’রে সে ধরণের কোনো লোকের বেলায়। আর সে যদি তার কোনো ক্লায়েন্টের স্ত্রীকে ধর্ষণ করতো যা কিনা অবিশ্বাস্য, সে তা করতো প্রচণ্ড ঘৃণা এবং প্রতিশোধের স্পৃহা থেকেই। তার স্বামীকে সেটা দেখতে বাধ্য করতো সে, শেষে দু’জনকেই হত্যা করতো। না, আমরা শুধু প্রথম অংশটিই বিশ্বাস করি। সে ইউরোপে পাড়ি জমায় বড় বড় রুই কাতলাদের জালে ফেলার জন্য।”

“আপনাদেরকে সেই অংশটি বিশ্বাস করানো হয়েছে,” চেয়ারে হেলান দিয়ে বললো হাভিলান্ড।

“দুঃখিত, আমি ঠিক বুঝতে পারলাম না?”

“স্বাধীন ভিয়েতনাম পরবর্তী সময়ে জেসন বর্ন শুধু একজন ব্যক্তিকেই হত্যা করেছিলো, সেই লোকটি ছিলো আধপাগলা অপরাধী, তাও সেই উন্মাদ তাকে হত্যা করার চেষ্টা করেছিলো বলেই।”

হতবাক ম্যাকঅ্যালিস্টার কূটনীতিকটির দিকে তাকালো। “আমি কিছু বুঝতে পারছি না।”

“আপনি এই মুহূর্তে জেসন বর্ন নামের যে ব্যক্তি সম্পর্কে বিশদ জানালেন তার কোনো অস্তিত্বই নেই। পুরোটাই কল্পকাহিনী।”

“এটা সত্যি হতে পারে না।”

“এর চেয়ে বড় সত্যি আর হয় না। সুদূর প্রাচ্যে তখন ছিলো দাঙ্গাহাঙ্গামার সময়। গোল্ডেন ট্রায়াঙ্গেলের বাইরে কাজ করা ড্রাগ নেটওয়ার্কগুলো এক বিশৃঙ্খল, গোপন যুদ্ধে লিপ্ত হয়েছিলো। রাষ্ট্রদূত, সহকারী রাষ্ট্রদূত, পুলিশ, রাজনীতিবিদ, ক্রিমিনাল গ্যাং, সীমান্তরক্ষী, সমাজের উঁচু আর নিম্নস্তরের লোকেরা সবাই এর দ্বারা প্রভাবিত হয়েছিলো। অপরিমেয় পরিমাণের ঢালা অর্থ ছিলো দুনীর্তির মূল জ্বালানি শক্তি। যেখানে যখনই কোনো উল্লেখযোগ্য হত্যাকাণ্ড ঘটতো পরিস্থিতি বা দোষীদের পাশ কাটিয়ে বর্ন দৃশ্যপটে ঢুকে পড়তো আর খুনের দায়ভার নিয়ে নিতো নিজ কাঁধে।”

“সে-ই আসল হত্যাকারী,” জোর দিয়ে বললো হতভম্ব ম্যাকঅ্যালিস্টার। ‘সেখানে আলামত থাকতো, তার আলামত। সবাই তা জানে!”

“সবাই তাই ধরে নিয়েছিলো, মি: আন্ডারসেক্রেটারি। পুলিশকে করা একটি ভুয়া ফোন কল, মেইলে পাঠানো একটি ছোটো কাপড়ের টুকরো, দিন কয়েক পরে ঝোঁপের পাশে খুঁজে পাওয়া কালো রুমাল। সবই ছিলো পরিকল্পনার অংশ।”

“পরিকল্পনা? আপনি কি বলতে চাইছেন?”

“জেসন বর্ন—আসল জেসন বর্ন—একজন স্বীকৃত হত্যাকারী ছিলো, পলাতক আসামী, তার জীবনের অবসান ঘটে মাথায় বুলেটের আঘাতে তাম কুয়ান নামক একটি জায়গায় ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে। লোকটি ছিলো বিশ্বাসঘাতক। তার লাশ পড়ে ছিলো পচার জন্য—–এভাবেই সে উধাও হয়ে যায়। বেশ কয়েক বছর পরে যে লোকটি তাকে হত্যা করে সে তারই পরিচয় ধারণ ক’রে আমাদের একটি প্রজেক্টে কাজ শুরু করে, প্রজেক্টটি প্রায় সফল হচ্ছিলো, সফল হওয়াই উচিত ছিলো, কিন্তু শেষমেষ ভুল পথে চলে যায় সে।”

“কোন্ পথে?”

“নিয়ন্ত্রণের বাইরে। সেই লোকটি, অত্যন্ত সাহসী লোকটি, যে কিনা আমাদের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যায়। ‘জেসন বর্ন’ নামটি তিন বছর ধরে ব্যবহার করে সে, তারপর মারাত্মকভাবে আহত হলে সেই আঘাতের ফলে সে অ্যামনেসিয়ায় আক্রান্ত হয়। নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, সে জানতো না সে আসলে কি ছিলো বা কি হওয়ার চেষ্টা করছে।”

“হায় ঈশ্বর!”

“সে বাধ্য হয়েছিলো একটি কঠিন পথ বেছে নিতে। ভূ-মধ্যসাগরের এক দ্বীপের মাতাল এক ডাক্তারের কাছে সে চিকিৎসা নেয় তার অতীতকে খুঁজে পেতে, তার পরিচয় খুঁজে পেতে, আর এখানেই সে ব্যর্থ হয়। সে ব্যর্থ হয় কিন্তু সেই মহিলাটি যে তার পাশে এসে দাঁড়ায়, এতো সহজে হাল ছাড়ে নি। সেই মহিলা বর্তমানে তার স্ত্রী। তার মনের বিশ্বাস ছিলো নির্ভুল; সে জানতো তার স্বামী খুনি নয়। সে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধ্য করতো তার কথা শুনতে, তার বিশেষ ক্ষমতাগুলোর পরীক্ষা করাতে, এবং শেষমেষ যোগাযোগ করতে, যা তাকে আমাদের কাছে নিয়ে এসেছে। কিন্তু আমরা পৃথিবীর সবচেয়ে জটিল, আধুনিক গোয়েন্দা সংস্থা, আমরা এসব মানবিক দিকগুলো উপেক্ষা করি। তাকে ধরার জন্য আমরা ফাঁদ পাতি—”

“আমাকে কথার মাঝে একটু বাধা দিতেই হচ্ছে, মি: অ্যাম্বাসেডর,” বললো রিলি।

“কেন?” হাভিলান্ড জানতে চাইলো। “আমরা এটাই করেছিলাম আর তাছাড়া এখন তো কথা টেপ করা হচ্ছে না।”

“সেটা ছিলো একজন ব্যক্তি বিশেষের পরিকল্পনা, ইউনাইটেড স্টেটসের গভর্ন মেন্টের নয়। সেটা স্পষ্ট ক’রে দেয়া উচিত, স্যার।”

“ঠিক আছে,” মাথা ঝুঁকিয়ে কূটনীতিক সায় দিলো। “তার নাম ককলিন, কিন্তু এটা অপ্রাসঙ্গিক, জ্যাক।”

“গভর্নমেন্টের একজন কর্মচারী একাই কাজ করার উদ্যোগ নিয়েছিলো। এটাই ঘটেছে। গভর্নমেন্টের কর্মী তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা করেছে।”

“কিন্তু কেন?” ম্যাকঅ্যালিস্টার প্রশ্ন করলো। সামনে ঝুঁকে বসলো সে, গল্পটি তাকে যেনো মন্ত্রমুগ্ধ ক’রে তুলেছে।

“সে আমাদেরই একজন ছিলো। তাকে কেন কেউ হত্যা করতে চাইবে?”

“তার স্মৃতিশক্তি নষ্ট হওয়াকে অন্য দৃষ্টিতে দেখা হয়েছিলো। ভুল ভাবা হয়েছিলো যে, সে দল বদল করেছে, সে তার তিনজন নিয়ন্ত্রককে হত্যা করেছে এবং গভর্নমেন্টের ফান্ড থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ক’রে পালিয়ে গেছে, প্রায় পাঁচ মিলিয়ন ডলার বা সমতুল্য অর্থ।”

“পাঁচ মিলিয়ন ডলার?” বিস্মিত আন্ডারসেক্রেটারি ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বললো। “এ বিশাল পরিমাণ ফান্ড তার ব্যক্তিগত সংগ্রহে ছিলো?”

“হ্যাঁ,” বললো অ্যাম্বাসেডর। “সেটাও পরিকল্পনারই অংশ ছিলো, প্রজেক্টের একটা অংশ।”

“আমি মনে করি ঠিক এ জায়গায় নীরবতা পালন করা প্রয়োজন। আমি প্রজেক্টের কথা বলছি।”

“এরকমই অর্ডার দেয়া আছে,” বললো রিলি। “প্রজেক্টের স্বার্থের জন্যে নয় বরং লোকটির স্বার্থের জন্য, যাকে আমরা জেসন বর্ন বানিয়েছি।”

“অস্পষ্ট শোনাচ্ছে।”

“খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে।”

“প্রজেক্টটা কি, দয়া করে খুলে বলুন।”

রিলি তাকালো রেমন্ড হাভিলান্ডের দিকে; কূটনীতিক সম্মতির ভঙ্গিতে মাথা ঝাঁকালে তারপর বলতে লাগলো, “আমরা একজন খুনি তৈরি করেছিলাম ইউরোপের সবচেয়ে ভয়ংকর গুপ্তঘাতককে খুঁজে বের ক’রে তাকে ফাঁদে ফেলার জন্যে।

“কার্লোস?”

“খুব দ্রুতই ধরতে পেরেছন, মি: আন্ডারসেক্রেটারি।”

“আর কে ছিলো সেখানে? এশিয়াতে বর্ন আর জ্যাকেলের মাঝে প্রায়ই তুলনা করা হতো।”

“সে ধরণের তুলনাকে উৎসাহিত করা হতো,” বললো হাভিলান্ড। “প্রজেক্টের কর্তারা—ট্রেডস্টোন সেভেনটি ওয়ান নামের একটি দল—প্রায়ই সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে ছড়িয়ে দিতো। নামটি নেয়া হয়েছে নিউ ইয়র্কের সেভেনটি ফার্স্ট স্টটের একটি নতুন বাড়ি থেকে যেখানে নতুন জেসন বর্নকে ট্রেনিং দেয়া হয়েছিলো। এখান থেকেই নির্দেশনা দেয়া হতো, এই নামটি হয়তো আপনি আগেও শুনে থাকবেন।”

“বুঝতে পারছি,” চিন্তিতভাবে বললো ম্যাকঅ্যালিস্টার। “আর সেই তুলনাগুলো বর্নের খ্যাতি বৃদ্ধির সাথে সাথেই বাড়তে থাকলো, কার্লোসের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। সে সময়ই বর্ন ইউরোপে পাড়ি জমালো জ্যাকেলকে সামনাসামনি মোকাবেলা করার জন্যে। তাকে বের হয়ে আসতে বাধ্য করতে এবং তার মুখোমুখি হতে।”

“দ্রুত বুঝেছেন, মি: আন্ডারসেক্রেটারি। “মোদ্দা কথায়, এটাই ছিলো মূল পরিকল্পনা।”

“অসাধারণ। যথেষ্ট বুদ্ধিদীপ্ত। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হবার দরকার নেই।”

“আপনিও অসাধারন একজন—”

“আপনি বলছেন এই লোকটি, যে বর্ন সেজেছিলো, সেই রূপকথার গুপ্তঘাতক তিন বছর ধরে এই খেলা খেলেছে, তারপর আহত হয়েছে।”

“তাকে গুলি করা হয়েছিলো,” বাধা দিয়ে বললো হাভিলান্ড। “তার করোটির মেমব্রেনের কিছু অংশ উড়ে যায় এর ফলে।”

“এবং স্মৃতিশক্তি হারায়?”

“সম্পূর্ণভাবে।”

“হায় ঈশ্বর!”

“এতো কিছু ঘটার পরেও এক মেয়ের সাহায্যে সে স্মৃতি ফিরে পেতে শুরু করে। আর ঘটনাচক্রে ঐ মেয়েটি হলো কানাডিয় সরকারের একজন অর্থনীতিবিদ। অসাধারণ এক গল্প, তাই না?”

“এটা তো অবিশ্বাস্য। কিন্তু কোন্ ধরণের মানুষ এটা করবে, মানে করতে পারবে কি?”

লাল চুলের জন রিলি খুক্ ক’রে কাশি দিলে অ্যাম্বাসেডর চোখের ইশারায় বাধা দিলো।

“আমরা এখন গ্রাউন্ড জিরো’তে এসে পৌঁছেছি,” মোটাসোটা লোকটা একটু নড়েচড়ে ব’সে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকিয়ে বললো। “আপনার যদি কোনো সন্দেহ থাকে তবে আমি আপনাকে এখনও চলে যেতে দিতে রাজি আছি।”

“আমি কথাটা পুণরায় বলার চেষ্টা করবো না। আপনার কাছে আপনার ঐ টেপটা রয়েছে।”

“এটা আপনার অভিরুচি।”

“আমার মনে হয় আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছেন যে, এ নিয়ে কোনো বিচার পর্যন্ত হয় নি।”

“এটা আমি কখনও বলি নি।”

ম্যাকঅ্যালিস্টার ঢোক গিললো, এনএসসি থেকে আগত লোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেলো তার। হাভিলান্ডের দিকে ফিরলো এবার। “হ্যাঁ, বলে যান, মি: অ্যাম্বাসেডর। এই লোকটা আসলে কে? কোত্থেকে এসেছে সে?”

“তার নাম ডেভিড ওয়েব। বর্তমানে সে মেইন-এ অবস্থিত ছোটোখাটো একটি বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টাল স্টাডিজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে। যে কানাডিয় মহিলা তাকে বিস্মৃতির অতল গহ্বর থেকে বের হতে সাহায্য করেছে তাকেই সে বিয়ে করেছে। ঐ মহিলা ছাড়া সে বেঁচে থাকতে পারতো না। খুন হয়ে যেতো—আবার এও ঠিক, তাকে ছাড়া ঐ মহিলাও জুরিখ থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পারতো না। অনেক আগেই লাশ হয়ে যেতো।”

“অসাধারণ,” বিড়বিড় ক’রে ম্যাকঅ্যালিস্টার বললো।

“আসল কথা হলো ঐ মহিলা তার দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী এক হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহত হয়েছিলো—ঠিক তখন থেকেই আমাদের কাছে তার গল্পটা শুরু হয়। এর কয়েক বছর আগে ওয়েব ছিলো নমপেনে কর্মরত ফরেন সার্ভিসের একজন তরুণ অফিসার। প্রাচ্যের উপর অগাধ পাণ্ডিত্য আর সেখানকার একাধিক ভাষায় অনর্গল কথা বলতে পারতো সে। থাইল্যান্ডের এক মেয়েকে বিয়ে করেছিলো। গ্র্যাজুয়েট স্কুলে পড়ার সময় সেই মেয়ের সাথে তার পরিচয়। নদী তীরবর্তী এক বাড়িতে দু’সন্তান নিয়ে তারা বসবাস করতো। তার জন্য ওটা ছিলো আদর্শ জীবন, তার জগত নিয়েই সে ব্যস্ত ছিলো। আর ওখানে ওয়াশিংটনেরও দরকার ছিলো তার মতো দক্ষ একজনের। এর কিছুদিন পরেই ভিয়েতনামে সংঘর্ষ লেগে যায়। একদিন সকালে তার স্ত্রী আর বাচ্চারা পানিতে খেলা করছিলো, হঠাৎ একটি জেটফাইটার তাদের দিকে ছুটে আসে, কেউ জানতে পারে নি সেটা কোন্ পক্ষের ছিলো। ওয়েব কিছু বুঝে ওঠার আগেই প্লেনটি তার স্ত্রী আর বাচ্চাদের উপর আক্রমণ ক’রে বসে, ঝাঁঝরা ক’রে দেয় সবাইকে। হতবিহ্বল ওয়েব নদীর তীরে ভাসতে থাকা দেহগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করে। দেহগুলোকে জড়িয়ে ধরে অসহায়ভাবে ওয়েব চিৎকার করতে থাকে দূরে চলে যাওয়া প্লেনটির দিকে।”

“কি ভয়ংকর,” ফিফিস্ ক’রে বললো ম্যাকঅ্যালিস্টার।

“এরপর থেকেই ওয়েব পুরোপুরি বদলে যায়। সে এমন কিছু হয়ে যায় যা সে কখনই ছিলো না, এমন কিছু যা সে স্বপ্নেও ভাবে নি। সে হয়ে যায় ডেল্টা নামে পরিচিত একজন গেরিলা ফাইটার!”

“ডেল্টা?” ম্যাকঅ্যালিস্টার বিস্ময় প্রকাশ করলো। “গেরিলা ফাইটার? আমি ঠিক বুঝলাম না।”

“না বোঝাই স্বাভাবিক,” রিলির দিকে এক পলক দেখে নিয়ে স্টেট থেকে আসা লোকটির দিকে ফিরলো সে। “যেমনটা জ্যাক বলছিলো, আমরা এখনও গ্রাউন্ড জিরোতেই আছি। ক্ষোভ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ওয়েব। ককলিন নামের একজন সি.আই.এ অফিসারের সাহায্যে সায়গন থেকে পালিয়ে গিয়ে মেডুসা নামের একটি গোপন অপারেশনে যোগ দেয়। এই ককলিনই কয়েক বছর পরে তাকে হত্যার চেষ্টা করে। মেডুসাতে যারা যোগ দিয়েছিলো তারা কেউই তাদের আসল নাম ব্যবহার করতো না, শুধু গৃক বর্ণমালার কিছু বর্ণকে সাঙ্কেতিক নাম হিসেবে ব্যবহার করতো তারা। সে থেকেই ওয়েব হয়ে যায় ডেল্টা ওয়ান।”

“মেডুসা? কখনও শুনি নি তো।”

“গ্রাউন্ড জিরো,” বললো রিলি। “মেডুসা ফাইলটি এখনও গোপনীয় একটি বিষয়। তবে এ ক্ষেত্রে আমরা কিছু সীমিত তথ্য প্রকাশ করার অনুমতি পেয়েছি। মেডুসা ইউনিটগুলো তৈরি হয়েছিলো বিভিন্ন দেশের লোক নিয়ে, যারা উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলো। ওখানকার বিশেষ বিশেষ জায়গাগুলো তারা চিনতো। সত্যি কথা বলতে কি, তাদের অধিকাংশই ছিলো অপরাধী—মাদকদ্রব্য, সোনা-দানা, অস্ত্রশস্ত্র, জুয়েলারী ——– নিষিদ্ধ সব বস্তুর চোরাচালানকারী। আরো ছিলো ‘পলাতক আসামী, মৃত্যুদণ্ডে দণ্ডিত খুনি…এবং অ্যাঙ্গলো ঔপনিবেশিক, যাদের ব্যবসা দু’পক্ষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। তারা আমাদের মিশনে অর্থ ঢালছিলো এই আশায় যে, আমরা তাদের সকল সমস্যা দূর করবো। মেডুসা ছিলো একটি আদর্শ গুপ্তঘাতক দল, আপনি একে সাক্ষাৎ যমও বলতে পারেন, যদিও আমরা তা বলি না। মিশনটিতে কিছু ভুলভ্রান্তি হয়েছিলো। লাখ লাখ টাকা চুরি হলে এর সদস্যদের ওপর এর দায়ভার চাপানো হয়। এ ধরণের বদনাম রটার কারণেই ওয়েবের মতো অধিকাংশ লোককেই আর্মি বা অন্য কোনো সভ্য কাজে নেয়া হয় নি।”

“তার মতো শিক্ষিত, যোগ্য লোক স্বেচ্ছায় এ কাজে নেমেছিলো?”

“এ কাজে নামার পেছনে তার স্পষ্ট একটি উদ্দেশ্য ছিলো,” বললো হাভিলান্ড। “যতোদূর সে জানতে পেরেছিলো নমপেনের ঐ প্লেনটি ছিলো উত্তর ভিয়েতনামের।”

“কেউ কেউ বলতো সে পাগল হয়ে গেছে,” রিলি বলতে শুরু করলো। “অন্যেরা দাবি করতো সে একজন অসাধারণ পরিকল্পনাকারী, ব্যতিক্রমী গেরিলা ফাইটার যে কিনা প্রাচ্যের মানুষগুলোর মনমানসিকতা বুঝতো। সে মেডুসার সবচেয়ে ভয়ংকর মিশনগুলো পরিচালনা করেছে, তাকে সবাই ভয় পেতো। সে ছিলো নিয়ন্ত্রণের বাইরে, নিজের তৈরি আইনেই চলতো সে। যেনো মনে মনে সেই প্লেনের পাইলটিককে খুঁজে বেড়াতো যে তার জীবন শেষ ক’রে দিয়েছে। এটা ছিলো তার যুদ্ধ, তার প্রতিশোধ। সে শান্ত্বনা খুঁজে পেতো নৃশংসতার মাঝে। হয়তো সে নিজের মৃত্যুই খুঁজে বেড়াচ্ছিলো।”

“মৃত্যু…?” আন্ডারসেক্রেটারি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।

“সে সময় সবাই তাই মনে করছিলো,” বাধা দিয়ে বললো অ্যাম্বাসেডর।

“যুদ্ধ শেষ হয়ে গেলো,” বললো রিলি, “ওয়েব, ডেল্টা, এমনকি আমাদের জন্যেও যুদ্ধটি খুব শোচনীয়ভাবে শেষ হলো। তার আর বাঁচার কোনো অর্থই থাকলো না। উদ্দেশ্যহীন, প্রতিশোধহীন, নিরর্থক এক জীবন। তখন আমরাই এগিয়ে গেলাম, তাকে বাঁচার একটি লক্ষ্য দিলাম, অথবা বলা যায় তাকে মরার একটি পথ দেখিয়ে দিলাম।”

“এরপরই সে বর্ন হয়ে কার্লোস দি জ্যাকেলের পিছু নেয়,” ম্যাকঅ্যালিস্টার বললো।

“হ্যাঁ,” ইন্টেলিজেন্সের অফিসারটি জবাব দিলে কয়েক মুহূর্তের জন্যে সবাই চুপ মেরে গেলো।

“আমরা তাকে ফেরত চাই,” বললো হাভিলান্ড। শান্ত কণ্ঠে বলা শব্দগুলোও যেনো প্রচণ্ড কষাঘাতের মতো শোনালো।

“কার্লোস আবার দেখা দিয়েছে?”

কূটনৈতিক তার মাথা ডানে বামে নাড়ালো। “ইউরোপে নয়, তাকে আমাদের এশিয়াতে ফেরত চাই, আর নষ্ট করার মতো এক মিনিটও আমাদের হাতে নেই।”

“নতুন কেউ? অন্য কেনো টার্গেট?” ম্যাকঅ্যালিস্টার ঢোক গিললো। “আপনি তার সাথে কথা বলেছেন?”

“আমরা তার কাছে যেতে পারি না, সামনাসামনি তো নয়ই।”

“কেন?”

“সে আমাদের দরজা দিয়ে ঢুকতেই দেয় না। ওয়াশিংটনের বাইরের কাউকেই সে বিশ্বাস করে না, আর এজন্যে তাকে দোষও দেয়া যায় না। দিনের পর দিন, মাসের পর মাস সে সাহায্য চেয়েছে, কিন্তু আমরা তাকে কোনো সাহায্য করি নি। উল্টো তাকেই মারতে চেষ্টা করেছিলাম।”

“আমি আবারো বাধা দিতে বাধ্য হচ্ছি,” বললো রিলি, “আমরা হত্যার চেষ্টা করি নি। ভুল তথ্যের ওপর ভিত্তি ক’রে শুধু একজন ব্যক্তি বিশেষ তাকে হত্যার চেষ্টা করেছিলো। আর বর্তমানে গভর্নমেন্ট ওয়েবের সিকিউরিটির জন্য বাৎসরিক চার লাখ ডলারেরও বেশি ব্যয় করছে।”

“সে এটা নিয়ে উপহাস করে। সে বিশ্বাস করে এটা কার্লোসকে বের করার জন্য একটা ফাঁদ মাত্র। সে মনে করে আমরা তাকে পরোয়া করি না, আর তার ধারণাকে খুব একটা অযৌক্তিকও বলা যায় না। তার যুক্তি হলো, সে কার্লোসকে দেখেছে কিন্তু কার্লোস দি জ্যাকেল জানে না সে তার স্মৃতিশক্তি হারিয়েছে। তাই জ্যাকেল অবশ্যই ওয়েবকে খুঁজে বের করবে। আর যদি সে খুঁজতে আসে তাহলে আমরা তাকে ধরার দ্বিতীয় সুযোগটি পেয়ে যাবো।”

“তাকে খুঁজে পাওয়া কার্লোসের জন্যে মোটেও সম্ভব নয়। সত্যি বলতে কি, এ সম্ভাবনা একোবরে শূন্যের কোঠায়। ট্রেডস্টোনের রেডর্কগুলো সব মুছে ফেলা হয়েছে, আর ওয়েব এখন কোথায় আছে, কি করছে এসব তথ্য কোথাও পাওয়া যাবে না।”

“ধীরে, মি: রিলি,” উৎসুকভাবে বললো হাভিলান্ড। “তার শিক্ষাজীবন আর অতীতের দিকে তাকান। তার পক্ষে তথ্য খুঁজে বের করা কি খুব কঠিন হবে? তার কাজে নিয়ে অনেক লেখাও বেরিয়েছে।”

“আপনি হয়তো ভুল বলছেন না, মি: অ্যাম্বাসেডর,” রিলি কিছুটা নিস্তেজ ভঙ্গিতে জবাব দিলো। “আমি সবকিছু স্পষ্ট করতে চাই। খোলাখুলিই বলছি, ওয়েবের ব্যাপারটি খুব সাবধানে দেখতে হবে। সে তার স্মৃতিশক্তির অনেকটাই পুণরুদ্ধার করেছে কিন্তু সবটা নয়। তবে সে মেডুসা সম্পর্কিত অনেক কিছুই মনে করতে পারছে যা দেশের স্বার্থের জন্য বিপজ্জনক হতে পারে।”

“কিভাবে?” প্রশ্ন করলো ম্যাকঅ্যালিস্টার।

“আমরা বলছি না এটাই সেরা সমাধান ছিলো বা এটা ছিলো সবচেয়ে নিকৃষ্ট পন্থা, এটা ছিলো যুদ্ধকালীন মিলিটারি স্ট্র্যাটেজি মাত্র। এমন একটি স্ট্র্যাটেজি যার না ছিলো কোনো অনুমোদন, না ছিলো ডকুমেন্ট না ছিলো কোনো পরিচিতি। অফিসিয়ালি এর কোনো অস্তিত্বই ছিলো না।”

“তা কি করে সম্ভব? এর পেছনে ফান্ড ঢালা হয়েছিলো, আর ফান্ড থেকে যখন খরচ করা হয়—”

“আমাকে নিয়ম শেখাবেন না,” বাধা দিয়ে বললো ইন্টেলিজেন্সের মোটাসোটা অফিসারটি। “আমাদের কথা এখন টেপ করা হচ্ছে না, কিন্তু আপনারটি আগেই করা হয়েছে।”

“এটাই কি আপনার জবাব?”

“না, জবাব হলো এটা

যুদ্ধাপরাধ আর হত্যা কমানোর জন্য সংবিধানে কোনো নিয়ম নেই, মি: আন্ডারসেক্রেটারি। আর সে সময় আমাদের ফোর্স, এমনকি আমাদের মিত্রবাহিনীও হত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধের শিকার হচ্ছিলো। অধিকাংশই সংঘটিত হচ্ছিলো কিছু খুনি আর চোরদের দ্বারা, যারা চুরি-ডাকাতি, ধর্ষণ আর হত্যা ক’রে বেড়াচ্ছিলো। তারা ছিলো মানসিক ভারসাম্যহীন অপরাধী এজন্যে মেডুসা কিছু কিছু দিক দিয়ে যথেষ্ট কার্যকর ছিলো, যদিও তা ছিলো একটা ট্র্যাজিক ভুল, ক্ষোভ আর হতাশার মাঝে জন্ম নেওয়া একটি সমাধান। পুরনো সেই ক্ষত টেনে এখন আর কি লাভ? নিজেদের গা না বাঁচিয়ে যদি বলি সুশীল সমাজ হয়তো আমাদের একঘরেই করে দিতে চাইবে।”

“যেমনটা আমি বলে থাকি,” শান্ত কণ্ঠে বললো ম্যাকঅ্যালিস্টার, “স্টেট ডিপার্টমেন্টে আমরা পুরনো ক্ষত টেনে তোলাতে বিশ্বাসী নই,” সে অ্যাম্বাসেডরের দিকে ঘুরলো। “আমি ব্যাপারটা বুঝতে শুরু করেছি। আপনারা চান আমি এই ডেভিড ওয়েবের সাথে যোগাযোগ করি, এশিয়াতে ফিরে যাবার জন্য তাকে রাজি করাই। অন্য একটি প্রজেক্টের কাজে, অন্য একটি টার্গেটের লক্ষ্যে—যদিও আমি আমার সারা জীবনে এ ধরণের কাজের সাথে পরিচিত নই। আমি ধরে নিচ্ছি আমাদের কর্মজীবনের কোথাও কিছু সূক্ষ্ম মিল রয়েছে—আমরা দু’জনেই এশিয়ার লোক। আমাদের দু’জনেরই সুদূর প্রাচ্যের ইসগুলো নিয়ে গভীর ধারণা আছে, আর আপনারা মনে করছেন সে আমার কথা শুনবে।

“ঠিক, তাই।”

“কিন্তু আপনারাই বলছিলেন সে আপনাদের কথায় ভ্রূক্ষেপও করে না। এখানেই আমার বুঝতে কষ্ট হচ্ছে। আমি কি ক’রে এটা করবো?”

“আমরা একসাথে মিলে এটা করবো। আগে যেমন সে নিজের তৈরি নিয়মে চলতো, এখন তাকে চালানোর জন্য আমরা আবার নিয়ম বানাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ।”

“শুধুমাত্র এজন্যে যে, আপনারা কোনো একজনকে হত্যা করতে চাচ্ছেন?”

“নিষ্ক্রিয় করাটাই যথেষ্ট হবে। আর এটা করতেই হবে।”

“ওয়েব কি সেটা করতে পারবে?”

“না। তবে জেসন বর্ন পারবে। অত্যাধিক মানসিক চাপের মুখে আমরা তাকে তিন বছরের জন্য একা ছেড়ে দিয়েছিলাম—এরপরই হঠাৎ সে তার স্মৃতিশক্তি হারায়, দিশেহারা হয়ে ছুটতে থাকে। তারপরও সে তার অসাধারণ দক্ষতাগুলো ফিরে পেয়েছে—অনুপ্রবেশ ক’রে খুন করার দক্ষতা। আমি নিজেই অবাক হয়েছি।”

“বুঝলাম। যেহেতু এখন আমাদের কথা আর টেপ করা হচ্ছে না——আবার এটাও ঠিক সেরকম হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে -” আন্ডারসক্রেটারি অবিশ্বাসের ভঙ্গিতে রিলির দিকে তাকালে সে মাথা নাড়িয়ে বিস্ময় প্রকাশ করলো। “টার্গেট কে হবে তা কি আমি জানতে পারি?”

“অবশ্যই পারেন, আর আমি চাই আপনি নামটি আপনার মাথাতে গেঁথে ফেলুন, মি: আন্ডারসেক্রেটারি। তিনি চীনের একজন মিনিস্টার, নাম শেঙ্গ চোউ ইয়াঙ্গ।”

ম্যাকঅ্যালিস্টার ক্ষোভে ফেঁটে পড়লো। “আমি এ হতে দিতে পারি না, আর আমার মনে হয় আপনারা জানেন কেন। তিনি গণপ্রজাতন্ত্রী চীনের অর্থনীতিবিদদের এমন একজন যাকে কেউ সরাতে পারে না, সত্তরের দশকের শেষ দিকে পিকিংয়ে আমরা একসাথে ট্রেড কনফারেন্সে অংশগ্রহণ করেছি। আমি তার উপর অনেক লেখা পড়েছি, তাকে নিয়ে রিসার্চ করেছি। শেঙ্গ ছিলো আমার প্রতিপক্ষ আর তার খোঁজখবর নেওয়া আমার জন্য দরকার হয়ে পড়েছিলো। আমার সন্দেহ হচ্ছে এসব আপনারা আগে থেকেই জানতেন।”

“ওহ্?” ধূসর চুলের অ্যাম্বাসেডরের ভুরু কুঁচকে গেলো, ম্যাকআলিস্টারের বিরোধীতা অগ্রাহ্য করে সে প্রশ্ন করলো, “আর তাকে নিয়ে রিসার্চ ক’রে আপনি কি জানতে পেরেছেন?”

“তাকে যথেষ্ট প্রতিভাবান এবং উচ্চাকাঙ্ক্ষী হিসেবে গণ্য করা হতো, পরে পিকিংয়ে তার উত্থানও তাই প্রমাণ করে। বেশ কয়েক বছর আগে যখন সে সাংহাইয়ের সুদান ইউনিভার্সিটিতে ছিলো, সেন্ট্রাল কমিটির কয়েকজন স্কাউটের নজরে সে পড়ে। বিশেষ ক’রে ইংরেজি ভাষার উপর তার দক্ষতা আর পাশ্চাত্যের অর্থনীতির ওপর জটিল এবং অসাধারণ জ্ঞান থাকার জন্য।”

“আর কিছু?”

“তাকে যথেষ্ট সম্ভাবনাময় মনে করা হচ্ছিলো, অনেক যাচাই বাছাইয়ের পর তাকে গ্র্যাজুয়েশনের জন্য লন্ডন স্কুল অব ইকোনমিকস-এ পাঠানো হয়।”

“তার বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিলো?”

“শেঙ্গ একজন স্বীকৃত মার্কসবাদী, অন্তত রাষ্ট্র তাই মনে করতো, তবে ক্যাপিটালিস্টদের মুনাফানীতির প্রতিও তার যথেষ্ট শ্রদ্ধা ছিলো।”

“বুঝতে পারছি,” বললো হাভিলান্ড। “সে কি সোভিয়েত ইউনিয়নের ব্যর্থতাকে মেনে নিয়েছিলো?”

“তিনি সোভিয়েত ব্যর্থতার পেছনে উচ্চপদস্থ রাশিয়ানদের দুনীর্তির প্রতি অত্যধিক আকর্ষণ আর নিম্নপদস্থ রাশিয়ানদের অ্যালকোহল আসক্তিকে মূল কারণ হিসেবে তুলে ধরেন। এমনকি তাদের শিল্পকেন্দ্রগুলো থেকে এ ধরণের অনিয়ম আর দুনীর্তি দূর করার পেছনে তার যথেষ্ট অবদানও রয়েছে।”

“শুনে মনে হচ্ছে সে আই.বি.এম থেকে ট্রেনিং নিয়েছে।’

“তিনি পি.আর.সি’র অনেক ট্রেড পলিসির মূল হোতা। চীনকে তিনি অনেকভাবে লাভবান করেছেন।” আবারো আন্ডারসেক্রেটারি তার চেয়ার থেকে সামনে ঝুঁকলো, তার চোখে উত্তেজনা, তার ব্যবহারে বিস্ময়—–হতবাক বললে হয়তো আরও বেশি মানাবে। “হায় ঈশ্বর, পশ্চিমের কেউ কেন শেঙ্গ’কে মারতে চাইবে? এটা অযৌক্তিক। সে আমাদের অর্থনৈতিক মিত্র, আদর্শগত দিক দিয়ে আমাদের থেকে ভিন্ন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রটির সাথে স্থিতিশীল সম্পোর্কন্নোয়নে সে বড় ভূমিকা রাখতে পারে! তার দ্বারা বা তার মতো লোকদের মাধ্যমেই তো ওখানে আমাদের একটা অবস্থান রয়েছে। তার অনুপস্থিতি বড় ধরণের বিপর্যের সৃষ্টি করতে পারে। আমি একজন প্রফেশনাল চীনা বিশেষজ্ঞ, মি: অ্যাম্বাসেডর, আর আমি আবারো বলছি, আপনারা যা করতে যাচ্ছেন তা একেবারেই অযৌক্তিক। আপনার মতো দক্ষ লোকের পক্ষে এটা আমাদেরও আগে বোঝা উচিত ছিলো

অভিজ্ঞ কূটনীতিক তার শাণিত দৃষ্টি দিয়ে আন্ডারসেক্রেটারির দিকে তাকালো, এরপর এমন ধীরস্থির ভঙ্গিতে কথা বলতে লাগলো যেনো প্রতিটি শব্দ তিনি বেছে বেছে বলছেন। “কিছুক্ষণ আগেও আমরা গ্রাউন্ড জিরোতে ছিলাম। ডেভিড ওয়েব নামের একজন সাবেক ফরেন সার্ভিস অফিসার আপনার সামনেই জেসন বর্ন হিসেবে আত্মপ্রকাশ করলো। ঠিক সেভাবেই, আপনি যে শেঙ্গ চোউ ইয়াঙ্গ’কে চেনেন, যাকে প্রতিপক্ষ হিসেবে নিরীক্ষণ করেছেন, সে আর আগের সেই মানুষটি নেই। সে ওরকম হয়ে উঠেছিলো একটা উদ্দেশ্যে।”

“কী যা তা বলছেন?” পাল্টা বলে উঠলো ম্যাকঅ্যালিস্টার। “তার সম্পর্কে আমি যা যা বলেছি তার সবই অফিশিয়ালি অত্যন্ত গোপন এমন সব রেকর্ডে রেকর্ড করা আছে, আর সেটা কেবলমাত্র আমার পক্ষেই দেখা সম্ভব।”

“কেবল আপনার পক্ষে?” উদাস ভঙ্গিতে প্রশ্ন করলো অ্যাম্বাসেডর। “কেবল আপনার জন্যে, কেবল আপনিই বলতে পারবেন—বাঘের লেজ নাড়ার মতো ব্যস্ত। কেবল আপনি দেখতে পারবেন, এই বলে যারা এসব রিপোর্টে সিল মারে তাদের কোনো ধারণাই ওগুলো কোত্থেকে এসেছে। ফাইলগুলো তাদের কাছে আছে এটাই তাদের জন্যে অনেক বড় একটি ব্যাপার। না মি: আন্ডারসেক্রেটারি, এটা যথেষ্ট নয়, কখনও তা ছিলোও না।”

“হয়তো আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে যা আমি জানি না,” শান্ত কণ্ঠে বললো স্টেট ডিপার্টমেন্টের লোকটি। “আশা করি, এইসব তথ্য কিছুটা হলেও সত্য। তবে আমি যাকে বর্ণনা করলাম—মানে, যাকে আমি চিনি—সে হলো শেঙ্গ চোউ ইয়াঙ্গ।”

“ঠিক যেমন ডেভিড ওয়েবকে আমরা বর্ণনা করলাম, আর বের হয়ে এলো জেসন বর্ন!…না, দেখুন, রেগে যাবেন না, আমি কোনো চাল চালছি না। আপনার ব্যাপারটি বুঝতে হবে। শেঙ্গ’কে আপনি যেমনটি ভাবছেন সে আসলে তেমন নয়। কখনও ছিলোও না।”

“তাহলে আমি যাকে চিনি সে কে? ঐসব কনফারেন্সগুলোতে কে আমার সাথে ছিলো?”

“সে একজন বিশ্বাসঘাতক, মি: আন্ডারসেক্রেটারি। শেঙ্গ চোউ ইয়াঙ্গ তার নিজ দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করছে। আর যখন এই ষড়যন্ত্র প্রকাশ হবে পিকিং অবশ্যই বর্হিবিশ্বকেই এর জন্য দায়ি করেবে। এই অবশ্যম্ভাবী অঘটনটির ফলাফল হবে ভয়ানক। আর যাই হোক, তার ভূমিকা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।”

“শেষ…একজন বিশ্বাসঘাতক! আমি বিশ্বাস করি না! তাকে পিকিংয়ে পূজা করা হয়! সে একদিন চেয়ারম্যান হবে!”

“তখন চীন এমন এক পুতুল সরকারের দ্বারা পরিচালিত হবে যার আদর্শের মূল প্রোথিত থাকবে তাইওয়ানে।”

“আপনি উন্মাদ——সম্পূর্ণ উন্মাদ। দাঁড়ান! দাঁড়ান! আপনি তো বলছিলেন তার একটা উদ্দেশ্য আছে—’তার ভূমিকা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই,’ আপনি বলছিলেন।”

“সে এবং তার লোকজন হংকং নিয়ন্ত্রণে নেয়া শুরু করবে ১৯৯৭ সালে বৃটিশ চুক্তির মেয়াদ শেষ হওয়ার সুযোগ নিয়ে। সেখানকার সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ ‘নিরপেক্ষ’ নামধারী একটি কমিশনের অধীনে অধিগ্রহণ করবে। সবকিছু আরম্ভ হতে পারে যখন শেঙ্গের পথ পরিস্কার হয়ে যাবে, যখন আর কোনো পথের কাটা থাকবে না। ঠিক কতো পরে শুরু হবে তা অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। হয়তো এক মাস কি দু’মাসের মাথায়। হয়তো আগামী সপ্তাহে।”

“আপনি মনে করেন পিকিং এতে রাজি আছে?” ম্যাকঅ্যালিস্টার বাধা দিয়ে বললো। “আপনার ধারণা ভুল! এটা——এটা একেবারেই একটা পাগলামী! চীন কখনই হংকংয়ের ব্যাপারে এরকম কিছু করবে না। ওখানকার ৬০ শতাংশ অর্থনীতি চীনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। চীন হংকংকে পঞ্চাশ বৎসরের জন্য স্বাধীন বাণিজ্য অঞ্চল হিসেবে মর্যাদা দেবার নিশ্চয়তা দিয়েছে। আর শেঙ্গ নিজে সেই দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সইটি করেছে।”

“কিন্তু শেঙ্গ ঠিক শেঙ্গ নয়—আপনি যেমনটি তাকে জানেন সেই শেঙ্গ নয়।”

“তাহলে সে আসলে কে?”

“নিজেকে প্রস্তুত করুন, মি: আন্ডারসেক্রেটারি। শেঙ্গ চোউ ইয়াঙ্গ সাংহাইয়ের একজন শিল্পপতির প্রথম সন্তান যে চিয়াং কাইশেকের চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি কুয়োমিংটাংয়ের মাধ্যমে পুরনো চীনের দুনীর্তির সুযোগ নিয়ে অঢেল ধনসম্পদ কামিয়েছিলো। যখন এটা বোঝা গেলো যে মাও-এর বিপ্লব সফল হতে যাচ্ছে, তখন বাকি সব জমিদার এবং প্রভাবশালীদের মতোই যা যা সম্ভব হাতে নিয়ে পরিবারটি পালিয়ে যায়। বুড়ো লোকটি এখন হংকংয়ের সবচেয়ে ক্ষমতাবান তাইপানদের একজন তবে ঠিক কোন্ জন তা আমরা নিশ্চিত নই। তার প্রাণপ্রিয় পুত্র, পিকিংয়ের মন্ত্রীর দয়ায় কলোনিটি তার এবং তার পরিবারের আজ্ঞাবহ হয়ে উঠবে। এটা হলো নিয়তির নির্মম পরিহাস—গৃহকর্তার চূড়ান্ত জিঘাংসা — হংকং সেই লোকটির দ্বারাই আবার পরিচালিত হবে যে কিনা চীনকে দূনীর্তিতে ঢুকিয়ে গিয়ে ছিলো। বছরের পর বছর তারা বিবেকহীনভাবে দেশটিকে রক্তাক্ত করেছে, ক্ষুধার্ত মজুরদের খাটিয়ে মুনাফা লুটেছে, অধিকার বঞ্চিত এই জনসাধারণই মাও- এর বিপ্লবের পথ সুগম ক’রে দিয়েছিলো। আর এটা শুনতে যদিও কমিউনিস্ট নেতাদের বক্তৃতার মতো শোনায়, তাহলেও দুঃখের সাথে বলতে হচ্ছে, এর প্রতিটি কথাই লজ্জাজনকভাবে সত্যি। ওই পাষণ্ডের দ্বারা পরিচালিত হাতেগোনা কিছু ঠগ, সংখ্যালঘু দল, যা ফেরত চাইছে তা ইতিহাসের কোনো আদালত হয়তো কোনো দিন তাদের কাছে ফেরত দেবে না।” হাভিলান্ড থেমে কেবল একটি মাত্র শব্দ উচ্চারণ করলো, “বিকারগ্রস্তের দল!”

“কিন্তু আপনি যদি এই তাইপান লোকটি কে সেটা না জানেন, তাহলে কি ক’রে নিশ্চিত হচ্ছেন এগুলো সব সত্যি?”

“তথ্যের উৎসগুলো গোপন রাখা হয়েছে,” কথার মাঝে বলে উঠলো রিলি, “কিন্তু সেগুলোর সত্যতা নিশ্চিত ক’রে আমাদেরকে জানানো হয়েছে। ঘটনার শুরু তাইওয়ানে। আমাদের আসল ইনফরমার ন্যাশনাল ক্যাবিনেটের একজন সদস্য, যে মনে করে এ ধরণের কিছু ঘটলে সমগ্র প্রাচ্যই লণ্ডভণ্ড হয়ে যাবে। সে আমাদের অনুরোধ করেছে এটা থামানোর জন্য। তার পর দিন সকালেই তাকে মৃত পাওয়া যায়। মাথায় তিনটি বুলেট আর গলা কাটা অবস্থায়! চায়নাতে এমন মৃত্যুকে বলা হয় বিশ্বাসঘাতকের মৃত্যু। তারপর থেকে আরো পাঁচজনকে হত্যা করা হয়, তাদের লাশও একইভাবে বিকৃত ছিলো। ষড়যন্ত্র বেশ জোরেসোরেই এগোচ্ছে আর এর উৎস হলো হংকংয়ে।”

“অবিশ্বাস্য!”

“আরো আছে,” বললো হাভিলান্ড, “যদি কোনো যাদুমন্ত্র থাকতো তাহলে হয়তো আমরা ঝাড়ফুঁক করেই সব ঠিক ক’রে দিতাম। কিন্তু বাস্তবে সেভাবে কাজ হয় না। একসময় এই ষড়যন্ত্রটা চারদিকে ছড়িয়ে পড়বে, ঠিক যেভাবে বাহাত্তর সালে মাও সেতুংয়ের বিরুদ্ধে লিন বিয়াও-এর ষড়যন্ত্রটা জানাজানি হয়ে ছিলো। আর যখন তা ঘটবে, পিকিং সব কিছুর জন্য বৃটিশদের পাশাপাশি আমেরিকান এবং তাইওয়ানি অর্থকে দায়ি করবে। কতোগুলো পাষণ্ডের প্রতিশোধস্পৃহার জন্য দীর্ঘ আট বছরের অর্থনৈতিক সমৃদ্ধি নিমিষেই শূন্যে মিশে যাবে। আপনি নিজেই তো বলছিলেন চায়না একটি সন্দেহজনক অস্থিতিশীল রাষ্ট্র আর এরসাথে আমি যদি কিছু যোগ করি তাহলে দাঁড়ায় এর গভর্নমেন্ট অল্পতেই দিশেহারা হতে অভ্যস্ত, ভেতর এবং বাইরে দু’দিক থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছে বলে সন্দেহগ্রস্ত হয়ে উঠবে। চীন বিশ্বাস করে বর্হিবিশ্ব অর্থনৈতিকভাবে তাকে পঙ্গু করতে চায়, বিশ্ব বাজার থেকে তাকে বের ক’রে দিয়ে পথে নামাতে চায়, আর ওদিকে উত্তরের সীমান্তে রাশিয়ানরা প্রস্তুত হয়ে আছে। তাদের আঘাত হবে আরো তীব্র এবং দ্রুত, সবকিছু তছনছ করবে তারা, সবকিছু লুটে নেবে। তাদের সেনারা কাউলুনসহ নতুন গড়ে ওঠা সবগুলো অঞ্চল দখল ক’রে নেবে। নিঃশেষ হয়ে যাবে শত শত কোটি টাকার সব বিনিয়োগ। সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে, লাখ লাখ বেকার শ্রমিক লুটপাট ক’রে বেড়াবে ——চারদিকে ক্ষুধা, মঙ্গা আর মহামারী ছড়িয়ে পড়বে। সুদূর প্রাচ্য আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে, আর তার ফলে এমন এক যুদ্ধের সূচনা হবে যার কথা আমার ভাবতেও ভয় হয়।”

“হায় ঈশ্বর,” ম্যাকঅ্যালিস্টার বিস্ময় প্রকাশ করলো। “এ হতে দেয়া যায় না।”

“না, অবশ্যই না,” বৃদ্ধ কূটনীতিক তার কথায় সায় দিলো। “কিন্তু এজন্যে ওয়েব কেন?”

“ওয়েব না,” ভুল শুধরে দিলো হাভিলান্ড, “বলুন জেসন বর্ন।”

“ঠিক আছে! বর্ন কেন?”

“কারণ একটা কথা ছড়িয়েছে যে, সে এখন কাউলুনে আছে।”

“কি?”

“কিন্তু আমরা জানি সে ওখানে যায় নি।”

“কি বললেন?”

“সে আঘাত হানছে, হত্যা করছে, এশিয়াতে ফিরে এসেছে আবার।”

“ওয়েব?”

“না, বর্ন। সেই কাল্পনিক চরিত্র, বর্ন।”

“আমি এর মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না!”

“আমি আশ্বাস দিচ্ছি শেঙ্গ চোউ ইয়াঙ্গই সব পরিস্কার ক’রে দেবে। সে-ই তাকে ফিরিয়ে এনেছে। আরো একবার জেসন বর্নের দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে, আর আগের মতোই তার ক্লায়েন্টদের পরিচয় একেবারেই অজ্ঞাত – বিশেষ ক’রে এই কেসটিতে, যা কল্পনারও অতীত চীনের বিশিষ্ট একজন নেতা, যিনি হংকং, পিকিংয়ে তার প্রতিদ্বন্দ্বীদের একে একে বিনাশ ক’রে চলছেন। গত ছয় মাসে পিকিংয়ের সেন্ট্রাল কমিটির অনেক ক্ষমতাসীন ব্যক্তি কেন জানি চুপ মেরে গেছেন। গভর্নমেন্ট নোটিশে বলা হয়েছে তাদের বেশ কয়েকজন মারা গেছে বার্ধক্যজনিত রোগে। ধারণা করা হচ্ছে দু’জন মারা গেছে অ্যাকসিডেন্টে, একজন প্লেন ক্র্যাশে আর অপরজন পাহাড়ে ওঠার সময় মাথায় রক্ত ওঠার ফলে। এর পুরোটাই হয়তো কাল্পনিক, যদি সত্যি না হয়ে থাকে। তারপর আরো একজনকে সরানো হয়েছে। আর সবশেষে কাউলুনে মৃত অবস্থায় পাওয়া গেছে পি.আর.সি’র ভাইস প্রিমিয়ারকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ জানতোই না, তিনি সেখানে অবস্থান করছিলেন। এটা একটা বীভৎস ঘটনা, পাঁচ পাঁচটি হত্যাযজ্ঞেই লাশের সাথে খুনি তার পরিচয়ও রেখে গেছে। রক্তে জমাট মেঝেতে পাওয়া গেছে ‘জেসন বর্ন’ নামটা। কোনো ঠগ বর্নের নাম ব্যবহার করছে।”

ম্যাকঅ্যালিস্টার উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক তাকালো, তার চোখের পলক এখন দ্রুত পড়ছে। “এসবই আমার আওতার বাইরে,” অসহায়ভাবে সে বললো। তারপর আবারো পেশাদার একজন হিসেবে বিষয়টিকে দেখার চেষ্টা করলো, সোজা হাভিলান্ডের দিকে তাকিয়ে প্রশ্ন করলো সে, “খুনগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে?”

কূটনীতিক মাথা দুলিয়ে জবাব দিলো, “হ্যাঁ, আমাদের ইন্টেলিজেন্সের রিপোর্ট বেশ স্পষ্ট। এরা প্রত্যেকেই শেঙ্গের পলিসির বিরোধিতা করেছিলো। কেউ প্রকাশ্যে, কেউ বা গোপনে। ভাইস প্রিমিয়ার একজন পুরনো বিপ্লবী এবং মাও সে তুংয়ের বিশেষ সহযোগী ছিলেন, তিনি এ বিষয়ে জোড়েসোড়ে কণ্ঠ তুলেছিলেন। কিন্তু শেঙ্গ তাকে দাঁড়ানোর সুযোগই দেয় নি। তবে এখনও কেউ জানে না তিনি কাউলুনে কয়েকজন ব্যাংকারের সাথে গোপনে কি করছিলেন? পিকিং এর উত্তর জানে না, আর তাই ঘটনাটিকে যথাসম্ভব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা।”

“আর খুনির নিজ পরিচয় রেখে যাওয়া, রক্তের মধ্যে নাম লিখে রাখা, এসব শেঙ্গের সাথে কিভাবে সম্পর্কিত?” জানতে চাইলো আন্ডারসেক্রেটারি, তার কথাগুলো নার্ভাসনেসের কারণে কেঁপে কেঁপে যাচ্ছে। কপালের দু’দিকে আঙুল দিয়ে মেসেজ করতে করতে সে প্রশ্ন করলো, “সে কেন এমনটা করতে যাবে? মানে, নাম লিখে রেখে যাবে কেন?”

“সে আবার কাজে নেমে পড়েছে, আর খুনটাও ছিলো অসাধারণ। এখন কি আপনি বুঝতে শুরু করেছেন?”

“আমি আপনার কথার মানে বুঝলাম না।”

“আমাদের এই নতুন বর্ন শেঙ্গ চোউ ইয়াঙ্গের কাছে পৌঁছানোর সোজা একটি পথ। সে-ই আমাদের ফাঁদ। এক জোচ্চোর সেই কাল্পনিক বর্ন সেজে কাজ করছে, কিন্তু আসল বর্ন যদি তাকে শেষ ক’রে তার জায়গা নিয়ে নেয়, তাহলে সে শেঙ্গের কাছে পৌঁছাতে পারবে। এটা তো জলের মতোই সহজ-সরল। যে জেসন বর্নকে আমরা সৃষ্টি করেছি সে ঐ নতুন খুনিকে সরিয়ে তার জায়গা নিয়ে নেবে। জায়গা মতো বসার পর আমদের জেসন বর্ন একটি বিপদ সংকেত পাঠাবে—–ভয়ানক কিছু একটা ঘটেছে যা শেঙ্গের সমগ্র পরিকল্পনার জন্যে হুমকি স্বরূপ—ফলে শেঙ্গ বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখাবে। তাকে দেখা দিতেই হবে, আর তখন তার সিকিউরিটি অতোটা মজবত থাকবে না। সেরকমটি হলে আমরা আর ব্যর্থ হবো না।”

“পুরোটাই চক্রান্ত,” ম্যাকঅ্যালিস্টার ফিসফিস্ করে বলেই কূটনীতিকের দিকে তাকিয়ে বললো, “আর যেমনটা আপনারা বলেছেন তাতে মনে হয় না, ওয়েব এসবের ধারে কাছে ঘেষতে চাইবে।”

“তাহলে আমাদের উচিত হবে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কাজটা সে করতে বাধ্য হয়,” হালকাভাবে বললো হাভিলান্ড। “আমার পেশাতে সত্যি কথা বলতে কি—প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করাই আমার পেশা। বিশ্লেষণ ক’রে বের করা ঠিক কোন্ বিষয়গুলো মানুষকে জাগিয়ে তোলে, কাজ করতে বাধ্য করে।” তার চাহনিতে কঠোর একটি ভাব। চোখ দুটো শীতল, শান্ত। বৃদ্ধ অ্যাম্বাসেডর তার চেয়ারে হেলান দিলো, এটা নিশ্চিত, তার মনে এখন কোনো শান্তি নেই। “মাঝে মাঝে আমাদের কিছু কুৎসিত সত্য মোকাবিলা করতে হয়, অসহনীয় বলা যায়, কিন্তু কাউকে না কাউকে তো বৃহত্তর স্বার্থ, বৃহত্তর মঙ্গলের দিকে তাকাতেই হবে। আর সেটা সবার ভালোর জন্যেই।”

“এ থেকে কিছুই পরিস্কার বোঝা গেলো না।”

“ডেভিড ওয়েব জেসন বর্ন হয়েছিলো শুধুমাত্র একটি কারণে—এই একই কারণে সে মেডুসাতেও যোগ দিয়েছিলো। তার কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নেয়া হয়েছিলো, তার সন্তান এবং সন্তানের মা’কে হত্যা করা হয়েছিলো

“হায় ঈশ্বর…”

“এখনই আমার চলে যাওয়া উচিত,” চেয়ার থেকে উঠতে উদ্যত হয়ে বললো রিলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *