বর্ন সুপৃমেসি – ২৪

অধ্যায় ২৪

“কোয়েস্তিল অ্যারাইভ?”

“দে ক্যু দেফার! লো গারদে সস্ত প্যানিক!

বর্ন হৈচৈগুলো শুনতে পেয়ে সেদিকে দৌড়ে গিয়ে ফ্রেঞ্চ টুরিস্টদলের সাথে যোগ দিলো। জ্যাকেটের বোতাম লাগিয়ে অস্ত্রটা বেল্টে লুকিয়ে রেখে সাইলেন্সারটা পকেটে ঢুকিয়ে রাখলো সে। টুরিস্ট দলটিতে তার মতো এবং তার চেয়েও বেশি লম্বা বেশ কয়েকজন ফ্রেঞ্চ আছে, তাই নিজেকে আড়াল করতে বর্নের তেমন কোনো অসুবিধা হলো না। ইউনিফর্ম পরা সৈনিকেরা সব মাও সেতুং মনুমেন্টের দিকে দৌড়ে যাচ্ছে। পুরো মনুমেন্টটিকে ঘিরে ফেলা হয়েছে। জেসনের মনোযোগ এখনও গুপ্তঘাতকের দিকেই। সে কি বের হয়ে আসবে? নাকি আসল জেসন বর্ন তার ফাঁদে পড়ে গেছে ভেবে সে দাঁজুকে ধরে নিয়ে ভ্যানে ক’রে পালিয়ে গেছে?

“কোয়েস্তসে কুয়ে সেস্ত?” তার পাশে দাঁড়ানো লম্বা ফ্রেঞ্চ লোকটিকে প্রশ্ন করলো বর্ন। লোকটি দেখতে অনেকটা দাঁজুর মতো।

“আরো দেরি হবে, কোনো সন্দেহ নেই,” বিরক্তির সাথে জবাব দিলো লোকটি। “এটা একটা পাগল-ছাগলের জায়গা। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। যাই হোক আমি এখনই হোটেলে ফিরে যাবো।”

“কিন্তু সেটা কি এখন সম্ভব হবে?” প্রশ্ন করলো বর্ন। “ওরা তো বার বার বলছে টুর গ্রুপের সাথে থাকতে!”

“আমি একজন বিজনেসম্যান, টুরিস্ট নই। এই টুর আমার শিডিউলে ছিলো না। আমি একটা গাড়ি ভাড়া নিতে চেয়েছিলাম, কিন্তু ফ্রেঞ্চ জানা ড্রাইভার না থাকায় আমাকে এই দলে শেষ মুহূর্তে ঢুকিয়ে দেয়া হয়েছে।”

“আপনাকে আরো ঘণ্টাখানেক এই দলের সাথেই থাকতে হবে! এরপর নিশ্চয় ওরা চীনের প্রাচীর দেখাতে নিয়ে যাবে!”

“পাঁচ ঘণ্টা, অসম্ভব! আমাকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ধরতে হবে। আমি এই টুরিস্ট দলে এতোক্ষণ থাকতে পারবো না।”

“আমি নিজেও ব্যবসা করি। আপনার বিজনেসটা কিসের?” জানতে চাইলো বর্ন।

“মূলত ফেব্রিক্সের। তাছাড়া ইলেক্ট্রনিক্স, তেল, কয়লা, পারফিউম তো আছেই,” লম্বা লোকটি মৃদু হাসি দিয়ে গর্বের সাথে বললো।

“আপনাকে নিয়ে ভয় পাচ্ছি, স্যার,” বর্ন এ কথা বললে লোকটি প্রথমবারের মতো বর্নের দিকে তাকালো।

“কেন?”

“মাও’য়ের সমাধিতে গুলি ছোড়া হয়েছে। এখন কাউকে সহজে ছাড়া হবে না, জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত হন।”

“ওরা আমাকে আঁটকাতে পারবে না। ব্যবসার জন্য বৈধ সব কাজপত্র আমার সাথে আছে। আর ওপর অনেক প্রভাবশালী লোক আমার নাম জানে।”

“সেটাই তো ভয়ের ব্যাপার। এই টুরটা আপনার শিডিউলে ছিলো না, তাছাড়া আপনি টুরিস্টও নন। এখানে আপনার আসাটা আকস্মিক আর তাই ওরা আপনাকে সন্দেহ করবে। জিজ্ঞাসাবাদের জন্য একবার আটক করলে ওখানেই আপনার পুরো একটি দিন নষ্ট হবে। আমি এদের আইনকানুন জানি। প্রচণ্ড ঢিলা! প্রভাবশালী কারো নাম ব্যবহার করেও লাভ হবে না। আপনার আজকের সব মিটিং ভেস্তে যাবে।”

“কি বলছেন?” লোকটি ঘাবড়ে গেলো। “আমার মিটিংটা খুবই জরুরি। কি করা যায়?”

“আমার কথা শুনুন, এখনই এখান থেকে চলে যান। কেউ ধরলে বলবেন আপনি হাটতে হাটতে চলে এসেছিলেন। আপনার সাথে কোনো টুরিস্ট পাশ নেই।”

“কিন্তু তাতে আরো সমস্যা বাড়বে না?”

“না, আপনার টুরিস্ট পাশ আর আজকের বিজনেস শিডিউলটা আমার কাছে রেখে যান। টুরিস্ট পাশ থেকে ওরা আপনার পাসপোর্ট নাম্বার পেয়ে যাবে। তা থেকে ওরা জেনে যাবে আপনি টুরিস্ট নন, বিজনেসম্যান। আর শিডিউলটা একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিলো। তখন ওরা সন্দেহ করতে পারে। বিজনেস মিটিং থাকার পরেও আপনি এখানে কেন এসছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে!”

“আমি আপনার কাছে চিরকাল ঋণী থাকবো,” কৃতজ্ঞ দৃষ্টিতে বর্নের দিকে তাকিয়ে বললো লোকটি। সে নিজের ভাষায় লাগানো টুরিস্ট ট্যাগটি খুলে বর্নকে দিয়ে পকেট থেকে তার বিজনেস শিডিউলটি বের করলো। “যদি কখনও প্যারিসে যান তো অবশ্যই আমার কাছে…”

বর্ন প্লাস্টিক ট্যাগটি নিজের জামায় লাগিয়ে পুরোদস্তুর টুরিস্ট হয়ে গেলো। টুরিস্ট দলটি ছেড়ে একজন চীনা সৈনিকের দিকে এগিয়ে গেলো সে।

“কোনো সমস্যা, স্যার?” প্রশ্ন করলো সৈনিকটি।

“না, কোনো সমস্যা নেই। বিশেষত যদি তুমি ট্রেড কমিশনের সাথে আমার আর্জেন্ট মিটিংয়ের সকল দায়দায়িত্ব নিজের কাঁধে নিতে রাজি থাকো,” গম্ভীরভাবে বলে সে তার সদ্য হাত করা বিজনেস শিডিউলটা সৈনিকটির মুখের কাছে তুলে ধরলো। “মিটিংয়ে একজন মিলিটারি প্রতিনিধিও আসবে, তার নাম সম্ভবত জেনারেল লিয়াঙ্গ।”

“আপনার চাইনীজ ভাষা খুব ভালো, স্যার,” শিডিউলের পেপারটি থেকে চোখ সরিয়ে নিয়ে হতভম্ব সৈনিকটি বললো।

“তা হওয়াই স্বাভাবিক। এ কারণেই আমাকে ছাড়া মিটিংটা ভেস্তে যেতে পারে,” রাগতস্বরে বললো বর্ন।

“আপনার এতো রেগে যাওয়ার কারণটা বুঝতে পারছি না,” বললো সৈনিকটি। “হয়তো জেনারেল লিয়াঙ্গ রাগলে সবকিছু পরিস্কার বুঝতে শুরু করবে।”

“আমি জেনারেল লিয়াঙ্গ নামে কাউকে চিনি না। কারণ এতোগুলো জেনারেল আছে যে, সবার নাম মনে রাখা সম্ভব না। কিন্তু আপনি এতো উত্তেজিত হচ্ছেন কেন, স্যার? টুরে কোনো সমস্যা হয়েছে?”

“আমি উত্তেজিত, কারণ আমার টুরিস্ট দলটি তিনঘণ্টার কথা বলে আমার পাঁচ ঘণ্টা খেয়েছে। তার ওপর এখন তোমরা সব টুরিস্ট দলের পাশ চেক্ ক’রে বের হতে দিচ্ছো। এর ফলে মিটিংয়ে সময়মতো পৌঁছানো আমার পক্ষে সম্ভব হবে না। তবে কেউ যদি আমাকে এখান থেকে সময়মতো পৌঁছাতে সাহায্য করে তাহলে হয়তো তার নামে জেনারেল লিয়াঙ্গের কাছে আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করতে পারি।”

“আমি আপনাকে সাহায্য করবো, স্যার,” অনুগতভাবে বললো সৈনিকটি। “আপনাদের টুরিস্ট বাস ছাড়তে আরো ঘণ্টাখানেক লাগবে, তাছাড়া এই বাসগুলো বেশ ধীরগতিতে চলে। আমি আপনার জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করছি। আপনি সময়মতোই পৌঁছে যাবেন।”

বর্ন সৈনিকটির ঠিক ক’রে দেয়া গাড়িটিতে বসলো। সৈনিকটি তার নাম আর পদবী একটা স্লিপে লিখে বর্নের হাতে তুলে দিয়েছে।

“স্যার, আমার ব্যাপারটা একটু দেখবেন।”

“অবশ্যই, তোমাদের মতো দায়িত্বশীল লোকেদেরই উন্নতির সুযোগ ক’রে দেয়া উচিত। বিদায়।”

.

প্যারিসের লুইস আরডিসন। নামটা বের করা কঠিন হয় নি। বিজনেস শিডিউলে লেখা তার ট্র্যাভেল এজেন্সির নাম্বারে ফোন ক’রে তার ও তার হোটেলের নাম বর্ন বের ক’রে নিয়েছে। সুযোগ আপনা থেকেই দেখা দেয়, সেগুলোকে কাজে লাগাতে হবে মাত্র! বর্ন ভাবলো। এই নতুন ফ্রেঞ্চ বন্ধুর বিজনেস পেপার আর পরিচয়পত্র তার জন্য বিশেষ সহায়ক হতে পারে। বর্ন আরডিসন যে হোটেলে উঠেছে সেখানে ঢুকে সোজা রিসেপশান কাউন্টারের দিকে এগিয়ে গেলো।

“মি: লুইস আরডিসন, প্লিজ?”

বর্ন রিসেপশানের ফোন থেকে অপারেটরের মাধ্যমে লুইস আরডিসনের রুমে কল করলো। রিং বাজছে। কিন্তু কোনো জবাব নেই। কিছুক্ষণ পরে অপারেটর কথা বলতে লাগলো।

“সিনিয়র আরডিসন এখনও ফিরে আসেন নি, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন।”

বর্ন রিসিভারটি রেখে দিয়ে লাউঞ্জের সোফায় গিয়ে বসলো। তার চোখ চারদিকে ঘুরছে। পাশেই একটা ক্যাফেটেরিয়া। পরিস্কার আর পরিচ্ছন্ন। দেখে মনে হয় খাবারের মানও ভালো হবে। লাউঞ্জের ওপরে বিশাল একটা ঝাড়বাতি, আর নীচে রাজকীয় কার্পেট বিছানো। তার চোখ হোটেলের প্রবেশপথে পড়লো। দু’জন ইউনিফর্ম পরা গার্ড হোটেলের গ্লাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে। গেস্টরা কাছে আসতেই তারা বারবার দরজা খুলছে, আর প্রতিবারই ঝুঁকে কুর্নিশ করছে।

“ওই তো আরডিসন!” চারজন সরকারী চাইনীজ আমলা তাকে সঙ্গ দিয়ে হোটেলের ভেতর ঢুকছে। লিফ্ট পর্যন্ত সঙ্গ দিয়ে নিয়ে যাচ্ছে তাকে। লিফটের দরজা খুলতেই আরডিসনকে তারা ঝুঁকে কুর্নিশ ক’রে বিদায় জানালো। বৰ্ন চুপচাপ দেখতে থাকলো লিফ্টটা কোথায় গিয়ে থামে। পনেরো, ষোলো, সতেরো। বর্ন তার ঘড়িতে সময় দেখলো। এখনও আরডিসন তার ঘরে ঢোকে নি। তাকে কিছুটা সময় দিতে হবে।

“হ্যালো?” ক্লান্ত, পরিশ্রান্ত একটি কণ্ঠস্বর থেকে কথাটা শোনা গেলো।

“যা বলার, সংক্ষেপে বলছি,” শান্তকণ্ঠে বললো জেসন। “যেখানে আছো সেখানেই থাকো, ঠিক আট মিনিটের মাথায় তোমার রুমের দরজায় দুটো দ্রুত টোকা পড়বে। সাথে সাথে দরজা খুলে দেবে। নিজে খুলবে!”

“আপনি কে?”

“তোমারই দেশের লোক। তোমার সাথে কথা বলাটা জরুরি। তোমার নিজের নিরাপত্তার জন্যই! মনে রেখো, ঠিক আট মিনিট!” বর্ন লাইনটা কেটে দিয়ে আবার সেই সোফায় এসে বসলো। আরডিসনের উৎকণ্ঠা বাড়ানোর জন্য সে এই সময়টা নিয়েছে। ঘড়ি দেখতে লাগলো সে। এখন লিফ্‌ট ধরার সময় হয়েছে। আরো কয়েকজন প্যাসেঞ্জারের সাথে বর্ন লিফটে উঠলো। ১৭ তলা। বর্ন লিফ্‌ট থেকে বের হয়ে আসলো। ছয় মিনিট পার হয়েছে। রিসেপশন থেকে জেনেছে আরডিসনের রুম নাম্বার ১৭৪৩। বর্ন তার ঘড়ি দেখতে দেখতে রুম নাম্বার ১৯৪৩-এর সামনে এসে দাঁড়ালো।

ঠিক আট মিনিট! সে দরজায় দু’বার টোকা মারলে দরজা খুলে গেলো, আর বর্নকে দেখেই আরডিসন ভিরমি খেলো যেনো।

“সেস্ত ভ্যু,” ভয়ে চিৎকার করে উঠলো ফ্রেঞ্চ লোকটি।

“শান্ত হও,” বললো বর্ন, ফ্রেঞ্চ ভাষায়। সে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলো। “তোমার সাথে কথা বলাটা জরুরি। আমার জানা দরকার সেখানে কি হয়েছে?”

“তুমি! তুমিই আমার পরিচয়পত্র নিয়েছিলে। তোমার জন্যেই আমাকে আজ এতো ঝামেলা পোহাতে হয়েছে!”

“তুমি কি আমার কথা ওদের বলেছো?” প্রশ্ন করলো বর্ন।

“বলার সাহস হয় নি। পরিচয়পত্র অন্যকে দেয়াটা অবৈধ, তাতে আরো ঝামেলা বাড়তো। ওদের বলেছি আমি আমার টুরিস্ট পাশ হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি কে? তুমি কি চাও? একদিনের জন্য যথেষ্ট ক্ষতি করেছো, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে এখান থেকে তোমার চলে যাওয়া উচিত।”

“আমি শুধু জানতে এসেছি তুমি আমাদের বন্ধু না শত্রু?” জ্যাকেটের পকেট থেকে তার অস্ত্রটা বের করে টেবিলের ওপর রেখে বললো বর্ন।

আরডিসন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো, দু’পা পিছিয়ে গিয়ে চোখ বড় বড় ক’রে অস্ত্রটির দিকে তাকিয়ে রইলো সে। “ঈশ্বরের শপথ নিয়ে বলছি, তুমি ভুল লোককে ধরেছো! আমি কারো শত্রু নই,” তোতলাতে শুরু করলো আরডিসন।

“প্রমাণ করো।”

“কি?”

“প্রমাণ করো যে, তুমি নির্দোষ! খুলে বলো, ওখানে কি হয়েছিলো?”

“আমি পাশটা তোমাকে দিয়ে একটা পানির ফোয়ারার পাশ দিয়ে হেটে সামনে গিয়ে…”

“ওহ্, তার মানে তুমি দৌড়ে পালাচ্ছিলে, আর ওরা তোমাকে থামায়। তুমি ওদের সত্যি কথাটা খুলে বলো নি কেন?”

“ওরা খুব দ্রুত কথা বলছিলো, আমি ওদের কথা বুঝতে পারছিলাম না। তাছাড়া কাউকে পরিচয়পত্র দিয়ে দেয়াটা বেআইনী। আমি তাই ওদেরকে সত্যি কথাটা বলতে পারি নি।”

“শেষমেষ ছাড়া পেলে কিভাবে?”

“আমি সবসময় সাথে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামের লিস্ট রাখি যাদের সাথে আমার বিজনেস নেগোসিয়েশন চলছে। প্রথমে ওদেরকে ফোন করি। ওরা ফোনে বিষয়টা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হলে ওরা নিজেরাই হাজির হয়ে আমাকে ছাড়িয়ে নেয়। এই তো। আর কিছু হয় নি। হলেও আমি লুকাতাম না,” বললো আরডিসন।

“তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে,” বললো বর্ন। “তোমাকে সন্দেহ করাটা আমাদের ভুল হয়েছে।”

“আমাদের?”

বর্ন হাসলো। “হ্যাঁ, আমরা। আমরা একটা সুসংঘবদ্ধ দল। ঈশ্বরের রাস্তায় যুদ্ধ করি। শয়তানের অনুসারীদের নিশ্চিহ্ন করি। আয়াতুল্লার গোঁড়া ধার্মিক আর বাদের মেইনহফের মতো আমরাও একটা দল তৈরি করেছি।”

“বাপরে!”

“চায়নার মানুষগুলো খারাপ না। কিন্তু তাদের সরকার বর্বর। নাস্তিক। তারা মানুষদের মন থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা উঠিয়ে দিতে চায়। আমরা এদেরই বিরুদ্ধে লড়াই করছি। আর আমৃত্যু প্রচণ্ড লড়ে যাবো।”

“কিন্তু এর মধ্যে আমাকে টানা হলো কেন?”

“আজকে চীনা সরকারের এক প্রিয়পাত্র, বলা যেতে পারে শয়তানের পুত্রের তিয়েন আন মেন স্কয়ারে আসার কথা ছিলো। তাকে আমরা খতম করার উদ্দেশ্য নিয়ে রওনা দেই। কিন্তু তাকে না খেয়ে আমাদের কিছু লোক মাও’য়ের সমাধিতে গুলি ছুড়ে ঝাঁঝরা করে দিয়ে এসেছে!”

“তার মানে তোমরাই মাও’য়ের সমাধি…!” ফ্রেঞ্চ লোকটি কথাটি শেষ করলো না। তার কপাল দিয়ে ঘাম ঝড়তে শুরু করলো।

“হ্যাঁ, তবে যে লোকের আসার কথা ছিলো তার সাথে তোমার চেহারা কিছুটা মিলে যায়। আমাদের সন্দেহ হয় তুমি তোমার আসল পরিচয় গোপন করছো। আর তাই আমরা তোমার পিছু নিতে বাধ্য হই।”

“কিন্তু এখন তো বুঝতে পারছো আমি তোমাদের সেই শত্রু নই!”

“হ্যাঁ, কিন্তু তুমি বড্ড বেশি জেনে ফেলেছো। তাই তুমি আমাদের জন্য বিপজ্জনক। নিজের ভালো চাইলে যে কয়দিন আছো এ রুম থেকে বের হবে না। খাবার অর্ডার দিয়ে রুমে পাঠাতে বলবে। সকল বিজনেস মিটিং বাতিল করে দাও, কারো সাথে ফোনে যোগাযোগ করবে না। সহজকথায় সবার দৃষ্টির বাইরে থাকবে। আমার লোকজন তোমার ওপর নজর রাখবে। যদি আমাদের সন্দেহ হয় যে, কেউ আমাদের ফলো করছে, তাহলে ধরে নেয়া হবে তুমিই তাদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছো। আর তার ফলাফল খুব বীভৎস হতে পারে!”

“অবিশ্বাস্য…” অন্যমনস্কভাবে বললো আরডিসন।

“আর তুমি যাতে আমাদের কথার খেলাপ না করো তা নিশ্চিত করার জন্য তোমার সব কাগজপত্র আমি আপাতত নিয়ে যাবো। প্লিজ, তোমার ওয়ালেট আর কাগজপত্রগুলো বের করো।”

.

জেসন আরডিসনের সব কাগজপত্র দেখিয়ে আর তার প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে আরডিসনেরই কোম্পানির নামে একটা গাড়ি ভাড়া করলো। ভাড়া নেয়ার সময় সে এটাও পরিস্কার করে দিলো যে, গাড়িটি একজন চীনা অফিসিয়াল চালাবে, তাই ড্রাইভারের কোনো প্রয়োজন নেই। বর্নকে বলা হলো সন্ধ্যা ৭টা নাগাদ গাড়িটি তার হোটেলে পৌঁছে যাবে এবং এ গাড়িতে সে নির্বিঘ্নে বেইজিংয়ে চলাচল করতে পারবে।

বর্ন হেটেই হোটেলে ফিরে আসলো। আসার পথে সে হোটেলের পূর্ব দিকের ওয়াং ফু জিঙ্গ মার্কেট থেকে কিছু জিনিস শপিং করলো। বেশিরভাগই কাপড়চোপড়, কিছু কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ, একটা ক্যালিগ্রাফি পেন আর বেইজিং শহরের একটা মানচিত্র। জিনিসগুলো বয়ে সে হোটেলের রুমে ঢুকলো। প্রথমেই ডেস্কে ব’সে তার পরবর্তী কাজগুলোর একটা লিস্ট তৈরি ক’রে নিলো সে। তারপর বেইজিংয়ের ম্যাপটা খুলে টেবিলের ওপর মেলে রেখে সবুজ সাইনপেন দিয়ে একটা জায়গায় গোল ক’রে বৃত্ত আঁকলো। জিঙ্গ শান পক্ষীসংরক্ষণশালা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *