অধ্যায় ১৩
প্রচণ্ড বেগে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। পানির উপরে আছড়ে পড়ছে বৃষ্টির ফোটাগুলো, ছিটকে যাচ্ছে ফ্লাডলাইটগুলোতে লেগে। ফ্লাডলাইটের আলো রিপান্জ বে’র চাইনীজ দেবদেবীর অদ্ভুত মূর্তিগুলোকে আলোকিত ক’রে রেখেছে, যাদেরকে ঘিরে তৈরি হয়েছে সব হিংস্র আর বীভৎস প্রাচ্যদেশীয় রূপকথা। বিভিন্ন ভয়ংকর ভঙ্গিতে থাকা মূর্তিগুলোর কোনো কোনোটা প্রায় ৩০ ফিট পর্যন্ত উঁচু। অন্ধকারে বিচটি জনশূন্য হয়ে পড়েছে, শুধুমাত্র রাস্তার ধারের পুরনো হোটেলটি আর তার পাশের একটা হ্যামবার্গার দোকানে কিছু মানুষ জটলা ক’রে আছে। এরা ভবঘুরে টুরিস্ট আর এখানকারই অধিবাসী, শেষরাতের ড্রিংকের নেশায়, না হলে কিছু খাওয়ার উদ্দেশ্যে বিচের কাছে এসেছে। কেউ বা এসেছে নিষিদ্ধ এই মূর্তিগুলো দেখতে, এগুলোর ভাবার্থ উপলব্ধি করতে। কিন্তু এই হঠাৎ বৃষ্টি এদের সবাইকে বাধ্য করেছে ভেতরে কোথাও আশ্রয় নিতে।
ভিজে চপচপে বর্ন ঝুঁকে কুজো হয়ে মূর্তিগুলোর দিকে এগোলো, বীভৎস দেখতে একটা মূর্তি থেকে প্রায় ২০ ফিটের মতো দূরত্বে দাঁড়িয়ে সে হাত দিয়ে মুখ থেকে পানি মুছে পুরনো কলোনিয়াল হোটেলের প্রবেশপথের কংক্রিটের ধাপগুলোর দিকে তাকালো। তাইপানের দেয়া লিস্টের তৃতীয় ব্যক্তিটির জন্যে সে অপেক্ষা করছে।
প্রথম ব্যক্তিটির সাথে স্টার ফেরিতে তার দেখা করার সময় সেখানেই সে বর্নকে ফাঁদে ফেলরা চেষ্টা করেছিলো। কিন্তু জেসন ওয়াল্ড সিটিতে যেমন ছদ্মবেশ ধরেছিলো সেভাবেই স্টার ফেরিতেও হাজির হয়েছিলো। ওয়্যারলেস হাতে দু’জন টহলদারকে চিহ্নিত ক’রে ফেলে সে। বর্ন তার কথামতো দেখা দিচ্ছিলো না বলে গার্ড দু’জন বর্নের কনট্যাক্টের সাথে কথা বলে আর দু’জন দু’মাথায় টহল দিতে থাকে। তাদের নজর ছিলো তাদের বসের ওপর। ফেরিঘাটে ফেরা আর গণহারে প্যাসেঞ্জার বের হওয়া পর্যন্ত বর্ন অপেক্ষা করলো। এরপর বর্ন প্রথম গার্ডের কিডনিতে সজোরে ঘুষি বসিয়ে পেছন থেকে তার মাথায় পিতলের সেই ভারি পেপারওয়েটটা দিয়ে আঘাত ক’রে কুপোকাৎ ক’রে ফেলে। আবছা ডিমলাইটের আলোয় প্যাসেঞ্জারেরা হুড়োহুড়ি ক’রে বের হচ্ছিলো, তাদের দিকে ভ্রূক্ষেপ করারও সময় ছিলো না কারোর। তারপর বর্ন ফাঁকা বেঞ্চগুলোর পাশ দিয়ে হেটে অপরপ্রান্তে এগিয়ে গিয়ে দ্বিতীয় গার্ডটির মুখোমুখি হয়ে গার্ডের পেটে অস্ত্র ঠেকিয়ে তাকে ঠেলতে ঠেলতে সামনের রেলিংয়ের কিণারে নিয়ে গিয়ে গার্ডটিকে উপরে উঠালো। রাতের অন্ধকারে একটি জাহাজ ভোঁ-ভোঁ ক’রে বাঁশি বাজাতেই তাকে ধাক্কা মেরে রেলিং থেকে ফেলে দিলো বর্ন। তারপর সে তার কনটাক্টের সাথে যেখানে দেখা করার কথা ঠিক হয়েছিলো সেখানে ফিরে এলো।
“তুমি তোমার কথা রেখেছো,” বললো জেসন। “কিন্তু আমার হয়তো একটু দেরি হয়ে গেছে।”
“আপনিই আমাকে ফোন করেছিলেন?” কনট্যাক্ট বর্নের জীর্ণ পোশাকের ওপর চোখ বুলিয়ে বললো।
“হ্যাঁ, আমিই করেছিলাম।”
“আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার কাছে ওতো টাকা আছে যতো টাকার ব্যবসা করার কথা আপনি বলেছিলেন।”
“সেটা মনে হওয়াই স্বাভাবিক,” বর্ন ভাঁজ করা এক তাড়া আমেরিকান ডলার বের করলে প্রায় ১০০০ ডলারের উপস্থিতি টের পাওয়া গেলো।
“আচ্ছা, তো আপনিই সেই লোক,” চাইনীজ লোকটি জেসনের কাঁধের পেছনে এক ঝলক দেখে বললো। “আপনি কি চান?” চিন্তিতভাবে লোকটি প্রশ্ন করলো।
“আমার ইনফরমেশন দরকার, এমন একজন সম্পর্কে যে ভাড়া খাটে আর নিজেকে জেসন বর্ন ব’লে পরিচয় দেয়।”
“আপনি ভুল জায়গায় এসেছেন।”
“আমি সঠিক ইনফরমেশনের জন্য ভালো দাম দেবো।”
“আমার কিছুই বলার নেই।”
“কিন্তু আমার মনে হচ্ছে আছে,” বর্ন নোটগুলো সরিয়ে নিয়ে তার অস্ত্রটি বের করে লোকটির কাছে এগিয়ে এলো, আশেপাশে এখনও প্যাসেঞ্জারদের ভির। “তুমি আমাকে ইনফরমেশন নিশ্চয়ই দেবে, হয় টাকার বিনিময়ে না হয় নিজের প্রাণের বিনিময়ে।”
“আমি শুধু এটুকুই বলতে পারি,” প্রতিবাদের সুরে বললো চাইনীজটি। “আমার লোকেরা তাকে কখনও ভাড়া করবে না!”
“কেন নয়?”
“কারণ সে আর আগের মতো নেই।”
“কি বলছো?” জেসন তার দম আঁটকে রাখলো, লোকটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো।
“সে এমনসব ঝুঁকি নিচ্ছে যা সে আগে কখনও নিতো না,” চাইনীজটি আবার জেসনের পেছনে তাকালো, তার কপাল বেয়ে ঘাম পড়ছে। “সে দু’বছর পর এসছে। কে জানে কার সাথে কি হয়েছে? হয়তো মদ খাওয়া বা নেশা করা ধরেছে, কিংবা হয়তো কোনো মাগির থেকে বাজে কোনো অসুখ বাধিয়েছে, কে জানে কি হয়েছে?”
“কি ধরণের ঝুঁকি নিচ্ছে সে?”
“যেমন সে সিম শা সুই’র একটা ক্যাবারেতে গিয়ে পাঁচজনকে খুন করেছে। অথচ সেখানে আগে থেকেই দাঙ্গা হাঙ্গামা চলছিলো, পুলিশও সেখানেই যাচ্ছিলো। তাসত্ত্বেও সে খুন করেছে। ধরা পড়ে যেতে পারতো সে, তার ক্লায়েন্টদের পরিচয় ও ফাঁস হয়ে যেতে পারতো! তবে দু’বছর আগেও সে এমনটা করতো না।”
“এমনও তো হতে পারে ওই দাঙ্গা হাঙ্গামা তৈরি ক’রে সে এক পোশাকে কাজটা সেরে তারপর আরেক রূপে বেরিয়ে গেছে
“হ্যাঁ, সেটাও সম্ভব,” বর্নের জীর্ণ পোশাকের দিকে আরেকবার তাকিয়ে জবাব দিলো চাইনীজটি।
“এই বর্নকে কোথায় পাওয়া যাবে?”
“আমি কসম কেটে বলছি, আমি জানি না। আপনি কেন আমাকে এসব জিজ্ঞেস করছেন?”
বর্ন লোকটির দিকে ঝুঁকে তার তলপেটে অস্ত্রটা ঠেকালো। “তুমি বলছিলে তোমার লোকেরা তাকে কখনও ভাড়া করবে না, তার মানে তুমি জানো তাকে কোথায় ভাড়া করতে হয়! এখন বলো, কোথায়?”
“ম্যাকাও! একবার শোনা গিয়েছিলো সে ম্যাকাও’র বাইরে কাজ করে, আমি শুধু এটুকুই জানি, বিশ্বাস করুন!” লোকটি ভয়ে ডানে বামে তাকালো।
“তুমি কি তোমার লোকদুটোকে খুঁজছো, ওদের চিন্তা কোরো না, ওদের কথা আমি জানি,” বললো জেসন। “একজন ওই ভিড়ের মধ্যে পড়ে আছে, আর অন্যজন আশা করি সাঁতার কাটতে জানে।”
“ওই লোকগুলো—আপনি আসলে কে?”
“আমার মনে হচ্ছে তুমি জানো আমি কে?” বর্ন জবাব দিলো। “ফেরির পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আর ফেরি ছাড়ার আগে এক পা-ও নড়বে না, না হলে তোমার এমন হাল হবে যে, আর কখনও পা নড়াতেও পারবে না।”
“ওহ্, ঈশ্বর, আপনিই তো—”
“তোমার জায়গায় আমি হলে কথাটা শেষ করতাম না।”
.
লিস্টের দ্বিতীয় ব্যক্তির নামের সাথে অদ্ভুতভাবে একটা রেস্টুরেন্টের ঠিকানাও জুড়ে দেয়া আছে। কজওয়ে বে’র রেস্টুরেন্ট, ক্ল্যাসিক ফ্রেঞ্চ ফুডের জন্যে বিশেষ খ্যাতি আছে এদের। ইয়াও মিঙ্গের দেয়া সংক্ষিপ্ত নোট অনুযায়ী রেস্টুরেন্টির মালিক নিজেকে ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে থাকে, আর এদের কিছু ওয়েটার আছে যারা খাবারের ট্রে হাতে যতো দক্ষ, অস্ত্র হাতেও ততোটা পারদর্শী। লোকটির বাসায় ঠিকানা দেয়া নেই, ধারণা করা হয় তার নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা নেই।
রেস্টুরেন্টটি দেখতে অনেকটা প্যারিসের অভিজাত বুলেভার্দ মতোয়ার ডাইনিং প্যালেসের মতো। রেস্টুরেন্টের ভেতরের ছাদ থেকে জায়গায় জায়গায় সূক্ষ্ম কারুকাজ করা লণ্ঠন ঝুলে আছে, আর টেবিলে টেবিলে জ্বলে থাকা মোমবাতিগুলো লিনেনের রূপালি টেবিল ক্লথ এবং ক্রিস্টালের গ্লাসগুলোতে প্রতিফলিত হচ্ছে।
“দুঃখিত স্যার, আজ সন্ধ্যায় আর কোনো টেবিল ফাঁকা নেই,” বললো ওয়েটার। পুরো হোটেলে সে-ই একমাত্র ফরাসি।
“আমার জিয়াঙ্গ ইয়ু’র সাথে দেখা করা প্রয়োজন, তাকে বলো আর্জেন্ট কাজ আছে,” একটা আমেরিকান ১০০ ডলারের নোট দেখিয়ে বর্ন জবাব দিলো।
“আমি এখনই তাকে খুঁজে আনছি,” জেসনের হাত থেকে নোটটি নিয়ে ওয়েটার জবাব দিলো। “জিয়াঙ্গ ইয়ু আমাদের এই ছোট্ট কমিউনিটির ভালো একজন সদস্য, কিন্তু বেশিরভাগ কাজ আমিই দেখাশোনা করি।”
ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে তাই ডিনার করার সময় পায় নি সে। তার ড্রিংক আসার মিনিট কয়েক পরেই কালো সুট পরা এক চাইনীজ লোক তার টেবিলের সামনে হাজির হলো। তার গায়ের রঙ শ্যামলা আর চোখের গড়ন দেখে মনে হচ্ছে সে মালয়েশীয়ান বংশোদ্ভুত।
“আপনি আমায় ডেকেছেন?” বললো ম্যানেজার, তার চোখ ডেভিডের চেহারা পড়ার চেষ্টা করছে। “আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?”
“প্রথমত চেয়ারটিতে বসেন।”
“গেস্টদের সাথে এক টেবিলে বসাটা আমরা শোভনীয় দৃষ্টিতে দেখি না, স্যার।”
“এতে অশোভনীয় হওয়ার কোনো কারণ দেখি না। বিশেষ ক’রে আপনিই যখন এই রেস্টুরেন্টের মালিক। প্লিজ। বসুন।”
“এটা কি কর কমিশনের আরো একটি ক্লান্তিকর অভিযান? যদি তাই হয়, তাহলে আপনার ডিনার উপভোগ করুন, আর এজন্যে আপনাকে মূল্য দিতে হবে। আমাদের রেকর্ডে কোনো সমস্যা নেই, আপনি বৃথা সময় নষ্ট করছেন।”
“আধ মিলিয়ন ডলারের কনট্রাক্ট যদি আপনার কাছে ক্লান্তিকর অভিযান মনে হয়, তাহলে এখনই এখান থেকে কেটে পড়ন, আর সেই ফাঁকে আমি আমার ডিনারটা সারি।” বর্ন তার চেয়ারে হেলান দিয়ে বাম হাতে ড্রিংকটা নিয়ে চুমুক দিলো। তার ডান হাতটি লুকানো।
লোকটি বর্নের বিপরীত দিকে বসলো। “জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আপনাকে কে পাঠিয়েছে?”
“আমিও জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি,” বললো জেসন। “আপনি কি আমেরিকান মুভি পছন্দ করেন? বিশেষ ক’রে ওয়েস্টার্ন ধাঁচের মুভিগুলো?”
“অবশ্যই। আমেরিকান মুভিগুলো খুব ভালো হয়। আর পুরনো ওয়েস্টার্ন ছবিগুলোর তো তুলনাই নেই। কাব্যিক ভাবের সাথে নৃশংসতা আর কেউ এতো সুন্দরভাবে ফুঁটিয়ে তুলতে পারে না। ঠিক বললোাম তো?”
“ঠিক বলেছেন। আর এই মুহূর্তে আপনিও সেরকম একটি পরিস্থিতির মধ্যেই আছেন!”
“কি বললেন?”
“টেবিলের নীচে একটি বিশেষ অস্ত্র আমি ধরে আছি। এটা আপনার দু’পায়ের মাঝে তাক্ করা আছে।” মুহূর্তেই জেসন টেবিলের চাদর সরিয়ে অস্ত্রটি বের ক’রে এর ব্যারেলটি দেখিয়ে পুণরায় তা টেবিলের নীচে ঢুকিয়ে রাখলো। “এতে সাইলেন্সার লাগানো আছে। গুলি করলে বড়জোর একটা শ্যাম্পেনের কর্ক খোলার মতো শব্দ হবে, কেউ কিছু টেরও পাবে না। লিয়াও জি মু?”
“লিয়াও জি…” বললো চাইনীজটি, ভয়ে জোরে জোরে শ্বাস টানতে শুরু করেছে সে। “আপনি কি স্পেশাল ব্রাঞ্চ থেকে এসেছেন?”
“আমি একা একাই কাজ করি।”
“তার মনে হাফ মিলিয়ন ডলারের কনট্রাক্টটা ধাপ্পা?”
“আপনার জীবনের দাম যদি আধ মিলিয়ন ডলারের কম মনে করেন তাহলে আমি কি করতে পারি?”
“আমি কি করেছি?”
“আপনার নাম একটা লিস্টে আছে,” বর্ন জবাব দিলো।
“মারার জন্য?” ফিফিস্ ক’রে বললো চাইনীজ লোকটি, তার চোয়াল শক্ত হয়ে গেছে।
“সেটা আপনার ওপরেই নির্ভর করছে।”
“আমাকে ছেড়ে দেয়ার জন্যে আপনাকে কতো দিতে হবে?”
“একদিক দিয়ে দেখলে, হ্যা, আমাকে দিতে হবে।”
“কিন্তু আমি পকেটে আধ মিলিয়ন ডলার নিয়ে ঘুরি না! আর রেস্টুরেন্টের কাউন্টারেও এতো টাকা নেই!”
“তাহলে আমাকে অন্যকিছু দিতে হবে।”
“কি! সেটা কিভাবে! আপনি আমাকে বিভ্রান্ত করছেন!”
“টাকার বদলে তথ্য!”
“কি ধরনের তত্য?” চাইনীজটি ভয়ে সাদা হয়ে গেলো। “আমার কাছে এমন কি তথ্য আছে? আমি কিভাবে তথ্য দিতে পারি?”
“আপনি এমন একজন লোকের সাথে কাজ করেছেন যাকে আমি খুঁজছি। জেসন বর্ন।”
“না! এমন কিছু কখনও হয় নি!” লোকটির হাত কাঁপছে, সে ঢোক গিললো। এই প্রথম জেসনের দিক থেকে চোখ সরিয়ে নিলো সে। লোকটি মিথ্যে বলেছে।
“মিথ্যুক,” বর্ন সামনের দিকে ঝুঁকে শান্তভাবে বললো। “আপনি ম্যাকাও’র সাথে আপনি যোগাযোগ করেছেন।”
“হ্যাঁ, ম্যাকাও’তে, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হয় নি। আমার পরিবারের সদস্যদের কসম কেটে বলছি!”
“আবার ভুল বকলেই আপনি আপনার পেটের সাথে সাথে প্রাণটাও হারাবেন। আপনাকে ম্যাকাও’তে পাঠানো হয় তার সাথে যোগাযোগ করার জন্য!”
“আমাকে পাঠানো হয়েছিলো, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হয় নি।”
“প্রমাণ করুন। তার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে?”
“একজন ফরাসি। ক্যালকাডার পুড়ে যাওয়া সেন্ট পল চার্চের সবচেয়ে উঁচু ধাপে আমার অপেক্ষা করার কথা ছিলো। গলায় একটা কালো রুমাল পরতে বলা হয়েছিলো, আর বলা হয়েছিলো যদি কোনো লোক সেই ফরাসিকে আমার কাছে এসে এই সব ধ্বংসস্তুপের সৌন্দর্য নিয়ে কথা বলে তাহলে আমাকে এই কথাগুলো বলতে হবে ‘কেইন হলো ডেল্টা। জবাবে যদি সে বলে, ‘আর কার্লোস হলো কেইনের জন্যে,’ তাহলে আমাকে ধরে নিতে হবে সে-ই জেসন বর্নের লোক। কিন্তু আমি কসম কেটে বলছি, সে কখনও—’
বর্ন চাইনীজটির বাকি শব্দগুলো শুনতে পেলো না। তার মাথার ভেতরে বিস্ফোরণ ঘটে চলেছে, সে ফিরে গেলো পুরনো স্মৃতিগুলোর মাঝে। কেইন হলো ডেল্টা আর কার্লোস কেইনের জন্যে…কেইন হলো ডেল্টা! ডেল্টা ওয়ান হলো কেইন! কেইন প্যারিসে আর কার্লোস তার শিকার! এই শব্দগুলো, এই কোডগুলোই কার্লোসকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দিয়েছিলো। আমিই কেইন, আমি সেরা, আর আমি এখানে! আমাকে খুঁজে নাও, জ্যাকেল। ভালো চাইলে তোমাকে খুঁজে নেয়ার আগেই তুমি আমাকে খুঁজে নাও, কার্লোস। কেইনের সামনে তুমি দাঁড়ানোরই সুযোগ পাবে না!
হায় ঈশ্বর! পৃথিবীর অপরপ্রান্তে এতোদূরে কে এই শব্দগুলো জানতে পারলো, কে এই কোডগুলোর কথা জানতে পারলো? গোপন অপারেশনের সবচেয়ে গোপন আর্কাইভগুলোতে এগুলো তালাবদ্ধ হয়ে থাকার কথা!
বর্ন এই অসাধারন তথ্য প্রকাশে এতোটাই উত্তেজিত হয়ে গেলো যে তার হাত শক্ত হয়ে এলো। অস্ত্রের টুগার থেকে আঙুল সরিয়ে নিলো সে। আরেকটু হলে মূল্যবান তথ্য দেয়ার জন্য একজন লোক তার হাতে মারা পড়তো। কিন্তু কিভাবে! কিভাবে এটা সম্ভব? এই নতুন জেসন বর্নের কোন্ সহযোগী তাদের এসব গোপন তথ্য জানে?
চাইনীজটি জেসনের দিকে তাকিয়ে আছে, তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে হাতটা ধীরে ধীরে টেবিলের কোণায় নিয়ে গেলো, হয়তো কাউকে ইশারা করার উদ্দেশ্যে।
“হাতটা আগের জায়গায় নিয়ে যাও, নাহলে তোমার পেটের সাথে তোমার বিচিও গুলি ক’রে উড়িয়ে দেবো।”
চাইনীজটি আবার ঘাড় ঝারা দিয়ে উঠলো, তার হাত টেবিলের ওপর। “আমি আপনাকে যা যা বলেছি তার পুরোটাই সত্যি,” বললো লোকটি। “ফরাসি লোকটি আমার সাথে আর দেখা করে নি। যদি দেখা করতো তাহলে আমি তাও বলে দিতাম। আমি শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করছি।”
“কে তোমাকে যোগাযোগ করতে পাঠিয়েছিলো? কে এই শব্দগুলো তোমাকে শিখিয়েছে?”
“সত্যি বলছি, এসব কিছুই আমার ধরাছোয়ার বাইরে। সব যোগাযোগ ফোনের মাধ্যমে হয়। সেকেন্ড পার্টি, থার্ড পার্টি এসব ইনফরমেশন বহন করে কিন্তু তারাও এর চেয়ে বেশি কিছু জানে না। আর কাজ পছন্দ হলে তারা টাকা পাঠিয়ে দেয়।”
“টাকা পাঠায় কিভাবে? নিশ্চয়ই কেউ তোমাকে দেয়।”
“কেউ, অথবা বলা যায় কেউ না। কোনো ব্যয়বহুল ডিনার পার্টিতে কোনো মচেনা আয়োজক হয়তো ম্যানেজারের সাথে দেখা করতে চাইলো। সে আমার কাজের প্রশংসা করলো, কথার ফাঁকে একটা খাম আমাকে ধরিয়ে দিলো, এভাবে আর কি। ফরাসি লোকটা সাথে যোগাযোগ করতে পারলে আমাকে দশ হাজার আমেরিকান ডলার দেয়া হতো।”
“এখন বলো তুমি তার সাথে কিভাবে দেখা করতে গেলে?”
“ম্যাকাও শহরের কেন্দ্রে অবস্থিত ‘কাম পেক’ ক্যাসিনোতে যেতে হবে। ওখানে মূলত চাইনীজরা যায়, ফ্যান ট্যান আর ডাই শুই খেলার জন্য। সেখানে টেবিল ফাইভ-এ গিয়ে ম্যাকাও হোটেলের একটা ফোন নাম্বার রেখে আসতে হবে— এটা কোনো প্রাইভেট নাম্বার না, সাথে একটা নামও রেখে আসতে হবে, যে কোনো নাম, অবশ্যই আসল নাম না।”
“সে এই নাম্বারে ফোন করবে?”
“সেও করতে পারে আবার নাও করতে পারে। আপনাকে চব্বিশ ঘণ্টা ম্যাকাও’তে থাকতে হবে। যদি সে এর মধ্যে আপনাকে ফোন না করে তাহলে বুঝতে হবে আপনার জন্য তার হাতে সময় নেই, সে আপনাকে ফিরিয়ে দিয়েছে।”
“এগুলোই সব নিয়ম?”
“হ্যাঁ, আমাকে সে দু’বার ফিরিয়ে দেয়, আর যে একবার ফোন করেছিলো সেবারও সে ক্যালকাডা-তে আমার সঙ্গে দেখা করে নি।”
“তোমাকে কেন সে ফিরিয়ে দিলো? কেন সে তোমার সাথে দেখা করে নি?”
“আমি জানি না। এমন হতে পারে সে খুব ব্যস্ত এবং নতুন কাজ হাতে নেয়া সময় নেই তার, কারণ এ লাইনে সেই তো সেরা।” এমনও হতে পারে প্রথম দু’বার আমি তাকে ভুল কোড বলেছিলাম। আবার এমনও হতে পারে যে তৃতীয়বার সে ক্যালকাডাতে আমার আশেপাশে সন্দেহজনক লোক দেখে মনে করেছিলো তারা আমার সাথে এসেছে। কিন্তু সত্যি বলতে কি আমার সাথে তেমন কোনো লোক ছিলো না।”
“টেবিল ফাইভ। সেখানকার ডিলার,” বললো বর্ন।
“তাদেরকেও নিয়মিত বদলি করা হয়, তার অ্যারেঞ্জমেন্ট আসলে টেবিলটার সাথে। যারা টেবিলটাতে কাজ করে তাদেরকে হয়তো কিছু টাকা ভাগ ক’রে দেয়া হয়। আর সে নিজে কাম পেক ক্যাসিনো’তে যায় না, রাস্তা থেকে কোনো মাগি ভাড়া ক’রে তাকে কাজটা করতে পাঠায়। সে খুবই সতর্ক, খুবই প্রফেশনাল।”
“তুমি কি আর কাউকে চেনো যে এই বর্নের সাথে যোগাযোগের চেষ্টা করেছে? মিথ্যা বললে কিন্তু আমি বুঝে যাবো।”
“আমি জানি আপনি ধরে ফেলবেন। আমি সত্যি কথাই বলবো, কারণ আমি চাই না একটা শ্যাম্পেনের কর্ক খোলার শব্দের সাথে সাথে আমার নাড়িভুড়ি সব উড়ে যাক। না, স্যার, এমন কাউকে আমি চিনি না।”
“আমার মনে হচ্ছে তুমি সত্যি কথাই বলছো।”
“বিশ্বাস করুন, স্যার। আমি একজন কুরিয়ার ম্যান, হয়তো একটু ব্যয়বহুল, কিন্তু কাজ কুরিয়ারের চেয়ে বেশি না।”
“শুনেছি তোমার ওয়েটারগুলো বিভিন্ন কাজে পারদর্শী।”
“কিন্তু এখন মনে হচ্ছে তাদের পর্যবেক্ষণের ক্ষমতা খুব একটা ভালো নয়।”
“তাসত্ত্বেও তুমি আমাকে প্রবেশপথ পর্যন্ত সঙ্গ দেবে।”
.
এখন তৃতীয় নামটির পালা, তৃতীয় ব্যক্তিটির, যার জন্য ওয়েব তীব্র বৃষ্টির মধ্যে রিপাল্জ বে’তে অপেক্ষা করছে। এই লোক একটা বিশেষ কোডে সারা দিয়েছিলো
“ইকুতেজ, মঁসিয়ে। ‘কেইন হলো ডেল্টার আর কার্লোসের জন্যে কেইন।
“আমাদের তো ম্যাকাওতে দেখা করার কথা ছিলো!” লোকটি ফোনেই চেঁচিয়ে উঠলো। “তখন কোথায় ছিলে?”
“আমি ব্যস্ত ছিলাম,” বললো জেসন বর্ন।
“তুমি অনেক দেরি করে ফেলেছো। আমার ক্লায়েন্টের হাতে সময় খুব অল্প কিন্তু সে যথেষ্ট খবর রাখে। সে শুনেছে তোমার লোক অন্যদের হয়ে কাজ করছে। সে এতে বিরক্ত। তুমি তোমার কথা রাখো নি, ফ্রেঞ্চম্যান!”
“আমার লোক কোথায় কাজ করছে ব’লে সে শুনেছো?”
“অন্য অ্যাসাইমেন্টে, সে বিশদ খবর পেয়েছে।”
“সে ভুল শুনেছে। আমার লোক কাজ করার জন্য প্রস্তুত আছে, শুধু ন্যায্য মূল্যের জন্যে অপেক্ষা করছে।”
“আমাকে কয়েক মিনিট পরে ফোন করো, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলে দেখছি কি করা যায়।”
বর্ন পাঁচ মিনিট পরে আবার ফোন করলো। “সম্মতি পাওয়া গেছে, আগের জায়গাতেই দেখা হবে। রিপাল্জ বে। এক ঘণ্টা পরে। যুদ্ধদেবতার মূর্তি থেকে সামান্য দূরে, বাম দিকের বিচে। কনট্যাক্ট গলায় একটা কালো রুমাল পরে থাকবে, কোড আগেরটাই ব্যবহার করা হবে।”
জেসন তার ঘড়ির দিকে তাকালো, একঘণ্টার পর আরো বারো মিনিট পার হয়ে গেছে। কনট্যাক্ট দেরি করছে, বৃষ্টি কোনো সমস্যা সৃষ্টি করছে না, বরং লুকোতে সাহায্য করছে। বর্ন মিটিং গ্রাউন্ডটি পরীক্ষা ক’রে দেখেছে, কোনো কিছুই অস্বাভাবিক ঠেকে নি তার কাছে। এবার আর কোনো ফাঁদ পাতা হয় নি।
চীনা লোকটিকে দৌড়ে আসতে দেখা গেলো। প্রচণ্ড বৃষ্টির বেগের বিপরীতে সে ছুটে আসছে যুদ্ধ দেবতার মূর্তিটির পথ ধরে। ফ্লাড লাইটের আলোয় তার মুখে ক্ষোভের চিহ্ন দেখা গেলো, মূর্তির আশেপাশে কাউকে দেখতে না পাওয়ার ক্ষোভ।
“ফ্রেঞ্চম্যান, ফ্রেঞ্চম্যান?”
বর্ন দ্রুত দৌড়ে আবার মূর্তিগুলোর পাদদেশে সিঁড়ির ধাপগুলোর নীচে লম্বা লম্বা ঘাসগুলোর আড়ালে চলে গেলো, আরো একবার নিশ্চিত হতে চায় যে, চীনা লোকটির সাথে আর কেউ নেই। ধাপগুলোর সাথে একটি পাথরের থামের পেছন থেকে সে উঁকি দিলো। যা আশা করেছিলো ঠিক তার বিপরীত দৃশ্য দেখতে পেলো। রেইনকোট আর হ্যাট পরা এক লোক কলোনিয়াল হোটেল থেকে বেরিয়ে “সে দ্রুত মূর্তিগুলোর পথের দিকে হেটে এসে থেমে পকেট থেকে কিছু একটা বের ক’রে তুলে ধরলে এক বিন্দু আলো জ্বলে উঠলো…হোটেলের লবির জানালা থেকে সাথে সাথে পাল্টা আলোর জবাব এলো। পেনলাইট! আলোর সিগনাল। একজনকে রেকি করতে পাঠানো হয়েছে। লোকটা আবার লবিতে থাকা তার অপর সঙ্গীর সাথে সিগনালের মাধ্যমে যোগাযোগ করলে জেসন ঘুরে এবার মূর্তিটির দিকে ফিরে গেলো।
“ফ্রেঞ্চম্যান, তুমি কোথায়?”
“এখানে!”
“জবাব দিচ্ছিলে না কেন? কোথায় তুমি?”
“সোজা সামনে। তোমার সামনের ঝোঁপের দিকে। জলদি আসো!”
কনট্যাক্ট সে দিকে এগিয়ে যাচ্ছে; তাদের মধ্যে খালি এক হাত দূরত্ব। বর্ন তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো। তাকে ধাক্কা মেরে ভেজা ঝোঁপগুলোর আরো ভেতরে ফেলে দিয়ে সাথে সাথে বাম হাত দিয়ে লোকটির মুখ চেপে ধরলো শক্ত করে।
“যদি বাঁচতে চাও তো কোনো শব্দ কোরো না!” জেসন লোকটির কলার ধরে একটা গাছের গায়ে ঠেসে ধরলো। “তোমার সাথে আর কে এসেছে?” লোকটির মুখ থেকে আস্তে ক’রে হাতটি সরিয়ে সে কর্কশ কণ্ঠে প্রশ্ন করলো।
“আমার সাথে? আমার সাথে আর কেউ নেই!”
বর্ন তার অস্ত্রটি বের ক’রে কনট্যাক্টের গলায় ঠেসে ধরলে ভয়ে সে কাঁপতে শুরু করলো। “ফাঁদ সামলানোর মতো সময় আমার হাতে নেই!” বললো জেসন বর্ন।
“আমার সাথে কেউ নেই। এসব ব্যাপারে আমার কথার যথেষ্ট দাম আছে। কথার দাম না থাকলে আমার দ্বারা এসব কাজ হতো না
বর্ন লোকটির দিকে তাকালো। অস্ত্রটা তার বেল্টে ঢুকিয়ে কনট্যাক্টের হাত ধরে তাকে ডান দিকে নিয়ে গেলো। “কোনো শব্দ করবে না। আমার সাথে আসো।”
প্রায় নব্বই সেকেন্ড পরে জেসন আর সেই কনট্যাক্ট নীচু হয়ে ঝুঁকে মূর্তিটি থেকে বিশ ফিট পশ্চিম দিকে গেলো। বর্ন লোকটিকে থামালো। এ জায়গা থেকে রেকি করা লোকটিকে দেখা যাচ্ছে, হাতে অস্ত্র নিয়ে হামাগুঁড়ি দিয়ে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে সে। ফ্লাড লাইটের আলোয় তাকে শুধু ক্ষণিকের জন্য দেখা গেলো, কিন্তু বর্নের জন্যে সেটাই যথেষ্ট। বর্ন এবার কনট্যাক্টের দিকে ফিরলো।
চাইনীজ লোকটি হতভম্ব হয়ে গেছে। তার চোখ রেকি করা লোকটার দিক থেকে সরছে না। তার মনে একটা শব্দ ঘুরপাক খাচ্ছে। “সাই,” সে ফিফিস্ ক’রে বললো। “জিয়াজিয়ান!”
“ছোটো ছোটো ইংরেজি শব্দে বলো,” বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বললো জেসন। “ওই লোকটিকে পাঠানো হয়েছে খুন করতে?”
“হ্যাঁ।”
“বলো, আমাকে কেন এখানে আসতে বলেছো?”
“সবকিছু খোলাসা করার জন্য,” জবাব দিলো কনট্যাক্টটি, সে এখনও হতভম্ব। “প্রথমত পেমেন্টের জন্য, তাছাড়া নির্দেশাবলী পরিস্কার করার জন্য… সবকিছু।”
“একজন ক্লায়েন্ট যাকে মারতে লোক পাঠাবে তাকে সে কোনো টাকা পাঠাবে না।”
“আমি জানি,” লোকটি আস্তে ক’রে মাথা দুলিয়ে বললো। “ওরা আসলে আমাকে মারতে লোক পাঠিয়েছে,” চোখ বন্ধ ক’রে বললো সে। “হোটেলের লবিতে আরো একজন আছে। আমি ওদেরকে সিগনাল পাঠাতে দেখেছি,” লোকটি এবার একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো, “এটাই এ ধরণের কাজের ঝুঁকি!” এরপর পকেটে হাত ঢুকিয়ে সে একটা খাম বের ক’রে আনলো। “এখানেই সব আছে।”
“তুমি এটা খুলে দেখেছো?”
“শুধু টাকার পরিমাণটা। ফ্রেঞ্চম্যানের দাবি ঠিকমতো পালিত হয়েছে কিনা তা দেখার জন্য। বাকি তথ্য জানার কোনো প্রয়োজন আমি দেখি নি।” হঠাৎ লোকটি বর্নের দিকে ভালো ক’রে তাকালো, বৃষ্টিতে তার চোখের পলক দ্রুত পড়ছে। “কিন্তু তুমি তো ফ্রেঞ্চ নও!”
“আস্তে বন্ধু,” বললো জেসন। “আজ রাতে তোমার জন্যে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে।”
“তুমি কে?”
“এমন কেউ যে তোমাকে এই নিরাপদ জায়গায় এনে তোমার প্রাণ বাঁচিয়েছে। এখানে কতো টাকা আছে?”
“তিরিশ হাজার, আমেরিকান ডলার।”
“ফার্স্ট পেমেন্টই যদি এতো হয় তাহলে টার্গেট নিশ্চয়ই বিশেষ কোনো ব্যক্তি হবে।”
“আমারও তাই ধারণা।”
“এটা তোমার কাছেই রাখো।”
“কি? কি বলছো তুমি?”
“আমি তো সেই ফ্রেঞ্চম্যান নই, তাই না?”
“আমি কিছু বুঝতে পারছি না।”
“আমি কোনো নির্দেশ দিতেও চাইছি না। আমি নিশ্চিত অন্য কেউ তোমাদের কাজটা করে দেবে। আমি শুধু ওই লোকটাকে চাই যে নিজেকে জেসন বর্ন হিসেবে পরিচয় দিচ্ছে। আর আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারবে। তোমাকে আমি এই খামের টাকাগুলো দিয়ে দিচ্ছি, সাথে বোনাস হিসেবে তোমাকে এখান থেকে জীবন্ত বের ক’রে নিয়ে যাবো। যদি প্রয়োজন পড়ে তো ওই দু’জনের লাশ এখানে ফেলে রেখে যাবো। কিন্তু আমি যা চাইছি তোমাকে তা দিতে হবে। তুমি বলেছিলে তোমার ক্লায়েন্ট শুনেছে ফ্রেঞ্চম্যানের ঘাতক অন্য কোনো জায়গায় কাজ নিয়েছে। কোথায় নিয়েছে? বর্নকে কোথায় পাওয়া যাবে?”
“তুমি খুব দ্রুত কথা বলছো–”
“আমি আগেই বলেছি, আমার হাতে সময় নেই! জলদি বলো! আর না বললে, এখানেই তোমাকে ফেলে রেখে যাবো, আমাকে এমন কি মারতেও হবে না, তোমার ক্লায়েন্টই তোমাকে মেরে ফেলবে।”
“শেনঝেন,” ভয়ে ভয়ে বললো কনট্যাক্ট।
“চীনে? শেনঝেন-এ কাউকে টার্গেট করা হয়েছে?”
“তাই ধারণা করা হচ্ছে। আমার ধনী ক্লায়েন্টের কুইন্স রোডে সোর্স আছে।”
“সেটা কি?”
“পিপল্স রিপাবলিকের কনসুলেট। সেখানে খুবই অস্বাভাবিক একটা ভিসা অনুমোদিত হয়েছে। বেইজিংয়ে সবচেয়ে উঁচুতলার কর্তৃপক্ষ দিয়ে এটা ক্লিয়ার করা হয়েছে। আমাদের সোর্স জানে না কেন, আর যখন সে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, তখনই তাকে দ্রুত ওই শাখা থেকে বদলি করা হয়েছে। সে-ই আমার ক্লায়েন্টকে এসব তথ্য দেয়। অবশ্যই, টাকার বিনিময়ে।”
“ভিসাটিকে অস্বাভাবিক বলা হচ্ছে কেন?”
“কারণ এতে কোনো ইন্টারভিউয়ের সময়সূচী ছিলো না আর আবেদনকারীও কখনও কনসুলেটে আসে নি।”
“তারপরেও এটা তো নিছক একটা ভিসা, নাকি।”
“পিপল্স রিপাবলিকে ‘নিছক একটা ভিসা’ ব’লে কিছু নেই। বিশেষ ক’রে এমন একজন সাদা লোকের জন্যে যার সন্দেহজনক পাসপোর্ট ম্যাকাও থেকে ইসু করা হয়েছে।”
“ম্যাকাও?”
“হ্যাঁ।”
“এন্ট্রির তারিখ কবে?”
“কালকে। লো ইয়ু বর্ডার দিয়ে।”
“তুমি বলছিলে তোমার ক্লায়েন্টের কনসুলেটে সোর্স আছে। তুমি কি…?”
“তুমি যা চাচ্ছো তা করতে হলে প্রচুর টাকা লাগবে কারণ কাজটাতে প্রচুর ঝুঁকি আছে।”
বর্নের চোখ ফ্লাড লাইটের আলো পড়া মূর্তিটির দিকে গেলো, সেখানে কিছু একটা নড়াচড়া করতে দেখা যাচ্ছে, সেই রেকি করা লোকটা তার টার্গেটকে খুঁজে বেড়াচ্ছে। “এখানে অপেক্ষা করো,” বললো সে।
.
ভোরের ট্রেনে কাউলুন থেকে লো ইয়ু বর্ডারে আসতে সময় লাগলো এক ঘণ্টার কিছু বেশি। বর্ন সেই কনট্যাক্টকে তার ভিসার জন্য ৭০০০ ডলার দিয়েছে। ভিসার মেয়াদকাল ৫দিন। ভিসাতে ভ্রমনের উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে ‘অর্থনৈতিক জোনে ব্যবসায়িক বিনিয়োগ,’ আর একজন চীনা ব্যাংকারের উপস্থিতিতে যদি এটা প্রমাণ করা যায় যে, বিনিয়োগ করা হয়েছে তাহলে শেনঝেন ইমিগ্রেশন কাউন্টার থেকে ভিসা আবার নবায়ন করা যাবে। হয়তো কৃতজ্ঞতার বশে আর কোনো বাড়তি চার্জ ছাড়াই সেই কনট্যাক্ট বর্নকে শেনঝেনের একজন ব্যাংকারের নাম দিয়েছে যে কিনা তাকে এ কাজে সাহায্য করতে পারবে। শেষমেশ, কনট্যাক্টের কাছ থেকে যে বোনাস তথ্য পেলো সেটা হয়তো তার জীবন বাঁচানোর জন্যেই দিয়েছে।
ম্যাকাও’র পাসপোর্ট হাতে যে লোকটি লো ইয়ু বর্ডারে আসবে তার বর্ণনা অনেকটা এরকম লোকটি ৬ফুট ১ইঞ্চি লম্বা, ওজন ১৮৫ পাউন্ড, গায়ের রঙ সাদা, চুলের রঙ হাল্কা বাদামি। জেসন এই বর্ণনার ওপর চোখ বুলিয়ে অন্যমনস্কভাবেই তার নিজের গভর্নমেন্ট আইডিতে থাকা লেখাটার কথা মনে পড়ে গেলো। সেটাতে লেখা আছে উচ্চতা ৬ফুট ১ইঞ্চি, ওজন ১৮৭ পাউন্ড, গায়ের রঙ সাদা, চুল হাল্কা বাদামি।
এক অজানা ভয় তার মধ্যে ছড়িয়ে পড়লো। না, এই নতুন বর্নকে মুখোমুখি হওয়ার ভয় নয়। তার মনে হলো সে এক রাক্ষস তৈরি করেছে। তার শরীর থেকে এই নৃশংসতার ভাইরাস ল্যাবরেটরি থেকে তার মতো দেহের এবং মস্তিষ্কের অধিকারী আরো অনেক রাক্ষস তৈরি করছে।
কাউলুন থেকে ছেড়ে আসা দিনের এই প্রথম ট্রেনটায় মূলত দক্ষ শ্রমিক আর চাকুরিজীবি লোকজনে পূর্ণ। প্রতিটি স্টেশনে ট্রেন থামার সাথে সাথে প্যাসেঞ্জার উঠছে। বর্নের চোখ ক্লান্তিহীনভাবে প্রতিটি সাদা চামড়ার লোকের ওপর নজর রাখছে। লো ইয়ু পৌঁছানো পর্যন্ত সে মোট চৌদ্দজন সাদা লোককে দেখলো, কেউই ম্যাকাও থেকে আসা সেই লোকটির বর্ণনার সাথে মিললো না, না মিললো তার নিজের বর্ণনার সাথে। এই নতুন জেসন বর্ন নিশ্চয় পরের কোনো ট্রেনে আসবে। আসল জেসন বর্ন তার জন্য অপেক্ষা করবে।
যে চারঘণ্টা সে স্টেশনে বসে ছিলো তার মধ্যে তাকে ষোলো বার একজন সিকিউরিটির কাছে জবাবদিহি করতে হয়েছে। প্রতিবারই সে বলেছে সে একজন বিজনেস অ্যাসোসিয়েটের জন্য অপেক্ষা করছে; সম্ভবত সে মিটিংয়ের সময়ে হিসেবটা ভুল করে ফেলে অনেক আগেই এসে পড়েছে। যে কোনো দেশে গেলেই সেখানকার ভাষা জানাটা আর তা বিনম্রভাবে উপস্থাপন করাটা বেশ লাভজনক হয়ে থাকে। বর্ন তা ভালোভাবেই করতে জানে, ফলে তাকে চার কাফ কফি, সাত কাপ গরম চা পরিবেশন করা হলো। দু’জন ইউনিফর্ম পরা চাইনীজ মেয়ে তার সাথে হাসিঠাট্টা করে অবশেষে তাকে একটি আইসক্রিম কিনে দিলো। সবকিছুই হাসিমুখে গ্রহণ করলো সে। গ্রহণ না করাটাই অশোভন দেখাতো।
১১টা ১০ বাজে। প্যাসেঞ্জারেরা ইমিগ্রেশন কাউন্টারের ঝক্কি-ঝামেলা শেষ ক’রে তার দিয়ে ঘেরা লম্বা করিডোর দিয়ে বেরিয়ে আসছে; বেশিরভাগই টুরিস্ট, আর শ্বেতাঙ্গ। বেশিরভাগই বিরক্ত আর ক্লান্ত। এদের অধিকাংশই কোনো না কোনো টুর এজেন্সির সাথে এসছে, সাথে একজন ক’রে গাইডও আছে। জেসন প্রতিটি শ্বেতাঙ্গ লোককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। যাদেরই উচ্চতা ছয় ফুটের বেশি তাদের বেশিরভাগই হয় খুব রোগা না হয় বেশি বুড়ো, কিংবা হয় বেশি মোটা, না হয় কম বয়সী। ফলে ম্যাকাও’র সেই লোকটা হওয়ার সম্ভাবনা নাকচ হয়ে গেলো।
ওইতো! ওদিকে! পুরনো গ্যাবারডিনের সুট পরা মাঝারি আকারের একজন বুড়ো টুরিস্ট কুঁজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে। হঠাৎ, তার খোঁড়ানো ভাব গায়েব হয়ে গেলো! আর হঠাৎই করে তাকে লম্বাও দেখাচ্ছে! লোকটা দ্রুত ভিড়ের মধ্য দিয়ে হেটে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছে। পার্কিং লটে ব্যাগ আর টুরিস্ট ভ্যানের সংখ্যা বেশি, ট্যাক্সি কম। বর্ন সামনের লোকগুলোকে পাশ কাটিয়ে লোকটির পেছনে ছুটে গেলে একজনের সাথে তার ধাক্কা লাগলো। গ্যাবারডিনের সুট পরা লোকটি একটা গাঢ় সবুজ রঙের খোলা ভ্যানে লাফ দিয়ে উঠলো, যার জানালার কাঁচগুলো কালো রঙের। দরজা বন্ধ হতেই গাড়িটা পার্কিং লট থেকে বের গেলো। বর্ন অস্থির হয়ে উঠলো, তাকে কোনোভাবেই হাতছাড়া করতে পারে না সে। তার ডান দিকে একটা পুরনো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তার দরজা খুলে বসতেই ড্রাইভার তার দিকে চেঁচিয়ে উঠলো।
“ঝা!”
“শি মা?” জেসন গর্জন ক’রে উঠলো, পকেট থেকে এতো টাকা বের করলো যা দিয়ে পাঁচ বছর পিপল্স রিপাবলিক চীনে রাজার হালে কাটানো সম্ভব।
“আইয়ার।”
“জোউ!” সামনের সিটে ব’সে সবুজ ভ্যানটির দিকে ইঙ্গিত ক’রে বর্ন আদেশ করলো। মেরি, আমি তাকে প্রায় ধরে ফেলেছি! আমি জানি এই সেই লোক! আমি তাকে ছাড়বো না! সে এখন আমার! সেই আমাদের সব সমস্যার সমাধান!
ভ্যানটি পার্কিং লট থেকে বের হয়ে টুরিস্ট বাস আর ভ্যানগুলোকে পাশ কাটিয়ে ছুটে চললো। অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে গেলো রাস্তার বাইসাইকেল চলকদেরকেও। ট্যাক্সি ড্রাইভার একটি ভাঙাচোড়া রাস্তায় এলে ভ্যানটির দেখা পাওয়া গেলো। একটা ট্রাকের সামনে দিয়ে রাস্তায় বাঁক নিয়ে ঘুরলো ভ্যানটি। বর্ন সামনের দিকে তাকালো, রাস্তা উঁচু হতে শুরু করেছে, সামনেই পাহাড়ী পথ। হঠাৎ গতি বাড়িয়ে পাহাড়ী পথ ধরে উঠতে শুরু করলো ভ্যানটি।
“তুমি গতি বাড়াচ্ছো না কেন?”
“সামনে অনেক বিপজ্জনক বাঁধা আছে।”
“কিছু হবে না, গতি বাড়াও!”
তারা সামনের একটা টুর বাসকে পাশ কাটিয়ে ডান দিকের সরু বাঁকে মোড় নিলো। বর্ন জানালা দিয়ে যতোটা সম্ভব মাথা বের ক’রে উঁকি দিয়ে বললো, “ওদিক দিয়ে কেউ আসছে না! সামনে চলো! দ্রুত! এটাই সুযোগ।”
ড্রাইভারও তাই করলো, পুরনো ট্যাক্সিটিকে সর্বোচ্চ গতিতে উঠিয়ে নিলো সে। এবার বাম দিকে একটা সরু বাঁক নিতে হবে, পথটা আরো খাড়া হয়ে এসেছে। গাড়িটা মোড় নেয়ার পর একটা সোজা উঁচু পাহাড়ী রাস্তা দেখা গেলোও ভ্যানটাকে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই পাহাড়ের অপর পাশে নেমে গেছে।
“কুয়াই!” চেঁচালো বর্ন। “এই কলের গাড়িটা কি এর চেয়ে বেশি জোরে যেতে পারে না?”
“এই গাড়ি আগে কখনও এতো জোরে ছোটে নি! আমার তো ভয় হচ্ছে ইঞ্জিনটাই না ফেঁটে যায়। এই গাড়িটা কিনতে আমার পাঁচ বছর লেগেছে, আর লাইসেন্সের জন্য কতো যে ঘুষ দিতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই।”
জেসন মুঠো ভর্তি নোট ড্রাইভারের পাশে রাখলো। “ভ্যানটা ধরতে পারলে এর দশগুন টাকা পাবে! এখন, চলো।”
ট্যাক্সিটি পাহাড়ের চূড়োর সংকীর্ণ পথের ধার ঘেষে সাবধানতার সাথে ছুটে চললো। পাশেই, খাদের নীচে দেখা যাচ্ছে একটা বিশাল হ্রদ, সম্ভবত মাইলের পর মাইল বিস্তৃত। সুদূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া তার চোখে পড়লো, যতোদূর চোখ যায় শুধু সবুজ ছোটো ছোটো দ্বীপ আর নীল পানি। ট্যাক্সিটি লাল এবং সোনালী রঙের বড় একটি প্যাগোডার পালিশ করা কনক্রিটের সিঁড়ির সামনে এসে থামলো। পাশেই একটা পার্কিং লটে চারটা টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে, বেশ কয়েকটা দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে বর্ডারের আশেপাশে। কিন্তু সেই সবুজ ভ্যানটি কোথাও দেখা যাচ্ছে না। বর্ন দ্রুত তার মাথা ঘুরিয়ে সবদিকে দেখে নিলো। “কোথায় গেলো ভ্যানটা? ওই রাস্তাটা কিসের?” সে ড্রাইভারকে প্রশ্ন করলো।
“পাম্প স্টেশন। ওখানে যাওয়ার পারমিশন কারোর নেই, আর্মিরা ওখানে টহল দেয়। রাস্তাটির বাঁক উঁচু তারের বেড়া দিয়ে ঘেরা, ওখানে একটা গার্ড হাউজও আছে।”
“এখানেই অপেক্ষা করো।” জেসন ক্যাব থেকে নেমে নিষিদ্ধ সেই রাস্তাটির দিকে এগোতে শুরু করলো। আফসোস হলো তার, সাথে একটা ক্যামেরা বা গাইডবুক থাকলে ভালো হতো, তাকে দেখে টুরিস্ট মনে হতো তখন। পথ হারিয়ে গেছে এমন একটা ভাব করে সে হাটতে শুরু করলো, আর চারপশে ভালো করে তাকাতে তাকাতে এগিয়ে চললো সামনের দিকে। রাস্তার বাঁকের কাছে উঁচু তারের বেড়া আর গার্ড হাউজের কাছে গেলো। একটা লম্বা লোহার বার রাস্তাটিকে আঁটকে রেখেছে; পিছন ফিরে অন্যদিকে তাকিয়ে কথা বলছে দু’জন সৈনিক, তাদের থেকে কিছুটা সামনে বাদামি রঙের কনক্রিটের তৈরি একটি চতুষ্কোণ আকৃতির নীচে দুটি গাড়ি পার্ক করা। তাদের একটি হচ্ছে সেই গাঢ় সবুজ রঙের ভ্যানটি, অন্যটি একটা বাদামি রঙের সিডান। ভ্যানটা চলতে শুরু করলো। এটা গেটের দিকে ফিরে আসছে!
বর্নের মাথায় দ্রুত চিন্তা খেলতে শুরু করলো। বর্ডারে দাঁড়িয়ে অস্ত্র বের করাটা হবে বোকামির কাজ, তাছাড়া সে সাথে অস্ত্র আনে নি। সে যদি ভ্যানটি থামিয়ে সেই খুনিকে বের করার চেষ্টা করে তাহলে বর্ডারের গার্ডগুলো সাথে সাথে রাইফেল হাতে হাজির হবে। কাজটা আরো জটিল হয়ে যাবে। তবে আরেকটি উপায় আছে!
বর্ন দৌড়ে আবার রাস্তার বাঁকটি পার হয়ে ওই গেট আর সৈনিকগুলোর দৃষ্টি সীমার বাইরে চলে এলো। কিছুক্ষণের জন্যে থামলো ভ্যানটির শব্দ, তার মানে গাড়িটা গেটের সামনে দাঁড়িয়েছে, গেট খোলা হচ্ছে। আর কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। বর্ন রাস্তার পাশে দাঁড়িয়ে আগের মতোই টুরিস্টদের ভূমিকা পালন করতে লাগলো। ভ্যানটা ঘুরে তার দিকেই আসছে এখন। বর্ন তার পরবর্তী পদক্ষেপের সময় হিসেব করতে লাগলো। হঠাৎ ক’রে ভ্যানটা তার সামনে এসে গেলে আতংকিত হয়ে গেছে এমন ভাব ক’রে দ্রুত ঘুরে ভ্যানটার পাশে চলে এসে রাস্তার ওপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার ক’রে উঠলো, যেনো ভ্যানটা তাকে আঘাত করেছে, যেনো সে ব্যথায় মারাই যাচ্ছে।
বর্ন রাস্তায় নিথরদেহে পড়ে থাকলে ভ্যানটা থামলো। ড্রাইভার সম্ভবত নিজেকে নির্দোষ প্রমাণ করতে নেমে এলো গাড়ি থেকে। কিন্তু কিছু বলার সুযোগই পেলো না সে। বর্ন খপ্ ক’রে তাকে ধরে ফেলে তার হাটুতে আঘাত করলো। সঙ্গে সঙ্গে তার মাথা ধরে সজোরে ভ্যানের গায়ে ধাক্কা খাওয়ালে ড্রাইভার অজ্ঞান হয়ে গেলো। তাকে টেনে হিঁচড়ে ভ্যানের পেছন দিকের তলায় এনে রাখলো বর্ন। লোকটার জ্যাকেটের একটা জায়গা একটু ফুলে আছে—প্যাসেঞ্জারকে নিরাপত্তা দেয়ার জন্যে—একটা অস্ত্র। জেসন জিনিসটা সরিয়ে নিয়ে ম্যাকাও’র লোকটির জন্য অপেক্ষা করলেও লোকটা বের হয়ে এলো না। ব্যাপারটা তার কাছে অস্বাভাবিক ঠেকলো।
অস্ত্রটা তৈরি রাখলো বর্ন। তারপর সতর্কভাবে পুরো ভ্যানটি চেক্ করলো। কেউ নেই। ভ্যানটি ফাঁকা! সে ভ্যানের পেছনে গিয়ে ড্রাইভারকে তুলে ধরে তার গালে থাপ্পর মারতে লাগলো যতোক্ষণ পর্যন্ত না তার জ্ঞান ফিরে এলো।
“আ!” ব্যথায় কুঁকড়ে উঠলো সে।
“ভ্যানে যে লোকটা ছিলো সে কোথায়?”
“ওই…ওখান!” মাথা নেড়ে ক্যান্টোনিজ ভাষায় জবাব দিলো ড্রাইভার। “সে একটা অফিসিয়াল কারণে নাম না জানা এক লোকের সাথে উঠেছে। আমাকে ছেড়ে দাও! আমার সাত-সাতটি সন্তান আছে!”
“সিটে গিয়ে বসো,” ড্রাইভারকে তুলে তার পায়ে দাঁড় করিয়ে খোলা দরজার দিকে ঠেলে দিয়ে বললো বর্ন। “এখান থেকে যতো দূরে সম্ভব চলে যাও।”
আর কোনো নির্দেশ দেয়ার দরকার পড়লো না। ভ্যানটা এতো দ্রুত রাস্তার ধার ঘেষে চলে যেতে লাগলো যে, বর্নের মনে হলো সেটা নীচের হ্রদে গিয়ে পড়বে।
নাম না জানা এক লোক! এর মানে কি? যাই হোক, ম্যাকাও’র লোকটি এবার ফাঁদে পড়েছে। সে নিষিদ্ধ রাস্তার গেটের ওপাশে একটা বাদামি রঙের সিডানে ব’সে আছে। বর্ন দৌড়ে তার ট্যাক্সির কাছে ফিরে এসে সামনের সিটে বসলো,; গাড়ির ফ্লোরে ছিটিয়ে দেয়া নোটগুলো সব সরিয়ে ফেলা হয়েছে।
“আপনি সন্তুষ্ট হয়েছেন?” বললো ক্যাবড্রাইভার। “যে টাকা দিয়েছেন তার দশগুন দেবেন বলেছিলেন?”
“আরে চার্লি চ্যান, ওসব পরে হবে! ওই পাম্প স্টেশন থেকে একটা গাড়ি বেরিয়ে এলে তুমি তাই করবে যা আমি করতে বলবো। বুঝেছো?”
“যতো টাকা আপনি আমাকে দিয়েছেন, তার দশগুন বলতে কি বোঝায় তা আপনি বোঝেন তো?”
“আমি বুঝি। এটা পনেরোগুণও হতে পারে, যদি তুমি তোমার কাজ ঠিকমতো করো। এখন ইঞ্জিন চালু করে ওই পার্কিং লটের একদম কিণারে গিয়ে পার্ক ক’রে রাখো। আমি জানি না আমাদেরকে কতোক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে।”
“সময় মানেই টাকা, স্যার।”
“আরে, এইসব প্যাঁচাল বন্ধ করো!”
তাদেরকে প্রায় বিশ মিনিট অপেক্ষা করতে হলো। এরপরই বাদামি রঙের সিডানটি বেরিয়ে এলো, বর্ন দেখতে পেলো এই গাড়িটির জানালার কাঁচ আরো বেশি কালো, ভেতরে যেই থাকুক না কেন তাকে দেখা যাচ্ছে না। তারপরই বর্ন সেই কথাগুলো শুনলো যা শোনার জন্য সে প্রস্তুত ছিলো না।
“আপনার টাকা ফেরত নিয়ে নিন,” আস্তে ক’রে বললো ড্রাইভারটি। “আমি আপনাকে লো ইয়ু’তে নামিয়ে দেবো। আমাদের কখনও দেখা হয় নি, বুঝলেন।”
“কেন?”
“এটা গভর্নমেন্টের গাড়ি—–আমাদের কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের গাড়ি—আমি এ গাড়িকে অনুসরণ করতে পারবো না।”
“দাড়াও, দাড়াও! তোমাকে এ পর্যন্ত যা দিয়েছি তার বিশগুন বেশি দেবো, সাথে একটা বোনাসও থাকবে যদি সব কাজ ঠিকমতো শেষ হয়! আমি না বলা পর্যন্ত তুমি দূরত্ব বজায় রেখেই এগোতে পারবে। আমি তো টুরিস্ট, ঘুরে বেড়াতেই পারি। না, দাঁড়াও। তোমাকে দেখাচ্ছি! আমার ভিসাতে লেখা আছে আমি এখানে বিনিয়োগ করতে এসেছি। বিনিয়োগকারীদের ঘুরে খোঁজখবর নেয়ার অধিকার আছে!”
“বিশগুণ?” ড্রাইভার জেসনের দিকে তাকালো। “তুমি যে তোমার কথা রাখবে সেটার নিশ্চয়তা কি?”
“আমি টাকাটা মাঝখানের সিটে রাখবো। আর তা ফেরত নেয়ার চেষ্টাও করবো না। এটা তোমার গাড়ি, তুমি যা ইচ্ছে করতে পারো।”
“বেশ! কিন্তু আমি অনেক দূর থেকে অনুসরণ করবো। আমি এই রাস্তাগুলো চিনি। যাওয়ার মতো জায়গা আছে হাতে গোনা কয়েকটা।”
পয়ত্রিশ মিনিট পার হয়ে গেলেও বাদামি রঙের সিডান গাড়ির কোনো দেখা পাওয়া গেলো না। ড্রাইভার আবার মুখ খুললো। “তারা এয়ারফিল্ডে যাবে।”
“কি ধরণের এয়ারফিল্ড?”
“গভর্নমেন্ট অফিসিয়াল আর দক্ষিণ চায়নার ধনী লোকেরা এটা ব্যবহার করে।”
“যেমন, যেসব লোকজন ফ্যাক্টরি, ইন্ড্রাস্ট্তে বিনিয়োগ করে?”
“হ্যাঁ। এটাই হলো ইকোনোমিক জোন।”
“আমি একজন বিনিয়োগকারী,” বললো বর্ন। “আমার ভিসাতে তাই লেখা আছে। ওসব চিন্তা ছাড়ো! গাড়িটার কাছে যাও এবার!”
“আমাদের মাঝখানে আরো পাঁচটি গাড়ি আছে। তাছাড়া কথা ছিলো আমরা দূর থেকে ফলো করবো।”
“কথা ছিলো আমি না বলা পর্যন্ত দূরত্ব রেখে চলবে! এখন কাছে যেতে হবে। তাছাড়া আমার সাথে টাকা আছে। আমি চায়নাতে বিনিয়োগ করতে এসেছি!”
“আমাদেরকে গেটে আঁটকানো হবে। ওরা টেলিফোন ক’রে আপনার পরিচয় নিশ্চিত করবে।”
“অসুবিধা নেই, শেনঝেনের একজন ব্যাংকারের নাম আমি জানি।
“সেই লোক কি আপনার নাম জানে, স্যার? আর আপনি যেসব চাইনীজ ফার্মের সাথে ডিল করছেন তাদের একটা লিস্ট আছে তো? যদি থাকে আপনি গেটে গিয়ে কথা বলতে পারেন। আর যদি শেনঝেনের ওই ব্যাংকার আপনাকে না চেনে তাহলে ভুয়া ইনফরমেশন দেয়ার জন্য ওরা আপনাকে ধরে নিয়ে যাবে। তাদের জেরার কারণে চায়নাতে আপনার টুরটা আরো অনেক দীর্ঘমেয়াদী হতে পারে।”
“আমাকে ওই গাড়িটার কাছে যেতেই হবে!”
“ওই গাড়ির কাছে গেলে ওরা আপনাকে গুলি করবে।”
“দ্যাখো, এতো কিছু বোঝানোর সময় নেই। ওকে আমার দেখতেই হবে!”
“তাতে আমার কি,” শান্তকণ্ঠে বললো ড্রাইভার।
“লাইনে আসো, ঐ গেট পর্যন্ত যাও,” বর্ন আদেশের সুরে বললো। “আমি তোমার প্যাসেঞ্জার, তুমি আমাকে লো ইয়ু থেকে তুলেছো, ব্যস্, তেমার আর চিন্তা কি। বাকি কথা আমি বলবো।”
“আপনার আবদারটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না! আমি চাই না আপনার সাথে আমাকে কেউ দেখে ফেলুক।”
“চুপচাপ গাড়ি চালাও,” বেল্ট থেকে অস্ত্র বের ক’রে বললো জেসন।
একটা বড় জানালার পাশে দাঁড়িয়ে বর্ন এয়ারফিল্ডের দিকে তাকিয়ে আছে। তার বুক ধরফড় করছে। জায়গাটা মূলত প্রভাবশালী ব্যক্তি আর ধনী শিল্পপতিদের বিচরণ স্থান। তার পোশাক আশাকে এদের মাঝে তাকে বেমানান লাগছে। ভেতরে ঢোকার জন্য সে অজুহাত দেখালে হংকয়ের কুইন্স রোডের কনসুলেট একজন অফিসারের সঙ্গে দেখা করার জন্য তাকে নির্দেশ দিয়েছে। লোকটি বেইজিংয়ের একটি ফ্লাইট থেকে আসছে, এয়ারপোর্টে তাদের দেখা করার কথা। ভুলবশত লোকটির নাম গুলিয়ে ফেলেছে সে, তবে তারা এর আগে ওয়াশিংটনে দেখা করেছে, সুতরাং দেখা হলে একে অপরকে চিনতে পারবে তারা। এসব বলার পর তাকে টার্মিনাল পর্যন্ত যাওয়ার একটা পাশ দেয়া হয়। অতঃপর সে তার ট্যাক্সিটা ভেতরে ঢোকানোরও একটা অনুমতি চেয়ে নেয়।
“যদি টাকা চাও তাহলে অপেক্ষা করো,” সিট থেকে ভাঁজ করা নোটগুলো
তুলে নিয়ে ড্রাইভারকে ক্যান্টোনিজ ভাষায় বললো সে।
“আপনার সাথে অস্ত্র আছে, আপনার চোখেমুখে প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে। আপনি মানুষ মারবেন!
জেসন ড্রাইভারের দিকে তাকালো। “ওই গাড়ির লোকটিকে আমি কোনোভাবেই মারতে পারি না, বরং তাকে রক্ষা করার জন্য আমি সবকিছু করতে পারি।”
বাদামি রঙের সিডান গাড়িটি পার্কিং লটে নেই। সে দ্রুত হেটে টার্মিনালের জানালার কাছে এসে দাঁড়ালো। ক্ষোভ আর হতাশায় তার কপালের রগগুলো ফুলে উঠেছে, বাইরে মাঠে সে গভর্নমেন্টের গাড়িটি দেখতে পেলো। গাড়িটা তার থেকে পঞ্চাশ ফিটেরও কম দূরত্বে পার্ক করা আছে, কিন্তু তার সামনের শক্ত কাঁচের দেয়ালটি তাকে গাড়িটার কাছে যেতে দিচ্ছে না। হঠাৎ ক’রে সিডানটি রানওয়েতে দাঁড়ানো একটা মাঝারি আকারের জেট বিমানের দিকে এগিয়ে যেতে শুরু করলো। বর্নের আফসোস হলো সাথে একটা বাইনোকুলার থাকলে ভালো হতো। গাড়িটা বিমানের লেজের পেছন দিয়ে ঘুরে বিমানের অপরপ্রান্তে, দৃষ্টিসীমার বাইরে চলে গেলো।
ধ্যাত্তারিকা!
কয়েক সেকেন্ডের মধ্যেই জেট বিমানটি রানওয়ে দিয়ে চলতে শুরু করলে বাদামি রঙের সিডানটি পার্কিং লটের দিকে ছুটে বাইরে বেরিয়ে যেতে লাগলো।
সে এখন কি করবে? এভাবে সে হেরে যেতে পারে না! লোকটা ওখানে আছে! হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সে! বর্ন দৌড়ে প্রথম কাউন্টারটির কাছে গেলো, আচরণে অত্যন্ত বিভ্রান্ত একটা ভাব আনলো।
“ওই যে প্লেনটি উড়ে যাচ্ছে! আমার ওটাতে থাকার কথা! এটা সাংহাইতে যাচ্ছে, আমার বেইজিংয়ের প্রতিনিধি আমাকে এই প্লেনে আসতে বলেছিলো! এটা থামান!”
কাউন্টারের পেছনের ক্লার্কটি তার ফোনের রিসিভারটি তুলে দ্রুত ডায়াল ক’রে কিছু একটা শুনে তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বললো, “স্যার, এটা আপনার প্লেন না। এটা গুয়াঙ্গডঙ্গ যাচ্ছে।”
“কোথায়?”
“ম্যাকাও’র বর্ডারে, স্যার।”
ম্যাকাও হতে পারে না। তাইপান তাকে সেখানে যেতে নিষেধ করেছে। তার কথার অমান্য হলে তার নির্দেশ হবে স্পষ্ট আর তার পালন হবে সঙ্গে সঙ্গে। তোমার স্ত্রীকে মেরে ফেলা হবে।
ম্যাকাও। টেবিল ফাইভ। কাম পেক ক্যাসিনো।
“সে যদি ম্যাকাও’র দিকে যায়,” মি: ম্যাকঅ্যালিস্টার বলেছিলো মৃদুকণ্ঠে, “সে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে…”
“শেষ ক’রে দেবেন!”
“আমি ঠিক এ ধরণের শব্দ ব্যবহার করি না।”
