বর্ন সুপৃমেসি – ১৬

অধ্যায় ১৬

কলটা এলো ঠিক পাঁচটার সময়, বর্ন সেটার জন্য প্রস্তুত ছিলো।

“অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আগামী একুশ ঘণ্টার মধ্যে বর্ডারে থাকতে হবে, সে সময় গার্ডরা শিফ্ট বদলায়। তোমার শেনঝেন ভিসা ব্যবহার ক’রে ভেতরে ঢুকতে হবে। তবে কেউ তোমার ভিসা ছুঁয়েও দেখবে না, আর তুমিও বলবে না তুমি ম্যাকাও থেকে এসেছো। আমার কাজটা তোমাকে বর্ডারের ওপারে পাঠানো, একবার সেদিকে গেলে আমার কাজ শেষ।”

“ফেরত আসবো কিভাবে? আমার সাথে একজনের থাকা দরকার।”

“আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে পথ দেখিয়ে দেবো, বাকিটা রাস্তা তোমাকে একাই যেতে হবে।”

“না, আমাকে একদম ওদের দেখা করার স্থানে নিয়ে যেতে হবে। আর ফেরত আসার ব্যাপারটা কে দেখবে?”

“ঢোকাটা যতো কঠিন বের হয়ে আসাটা ততো কঠিন না। যদি তোমার কাছে নিষিদ্ধ কিছু না পাওয়া যায় তাহলে গার্ডরা তোমাকে আঁটকাবে না। তুমি মাতলামোর অভিনয় করতে পারো। এটা অস্বাভাবিক কিছু না। শেনঝেনের বাইরে একটা এয়ারফিল্ড আছে যা শুধু—”

“আমি জানি।”

“তুমি বলবে তুমি হয়তো ভুল প্লেনে উঠেছো, এটাও এখানে অস্বাভাবিক না। চায়নায় এ ধরণের ভুল অহরহ ঘটে থাকে।”

“আজ রাতের জন্য কতো দিতে হবে?”

“চার হাজার হংকং ডলার আর একটা নতুন ঘড়ি।”

“পেয়ে যাবে।”

.

গঙ্গবেই ভিলেজ থেকে প্রায় দশ মাইল উত্তরে মাটি খাঁড়া হতে শুরু করেছে। আরো কিছুটা সামনে তাকালে ছোটো ছোটো পাহাড়ী জঙ্গলের উপস্থিতি দেখা যায়। জেসন আর তার প্রাক্তন প্রতিপক্ষ একটা ধুলোময় রাস্তা দিয়ে হেটে চলছে। চীনা লোকটি থেমে সামনের পাহাড়গুলোর দিকে তাকালো।

“আরো পাঁচ-ছয় কিলোমিটার হাটার পর আমরা একটা সমতল মাঠে পৌঁছাবো। ওটা পার হবার পর আবার পাহাড়ী পথ আসবে, আমরা সেদিকেই এগোবো। খুব সাবধানে এগোতে হবে।”

“তুমি কি নিশ্চিত ওরা দু’জনেই সেখানে থাকবে?”

“আমিই মেসেজটা বহন করেছিলাম। ফ্রেঞ্চম্যান আমাকে সেটা দেয়ার জন্য পাঠিয়ে ছিলো। সেখানে ক্যাম্পফায়ার জ্বলার কথা। যদি আগুন জ্বলতে দেখা যায় তাহলে তারা আসবে।”

“মেসেজে কি লেখা ছিলো?”

“জরুরি কনফারেন্স।”

“বর্ডারের ওপাশে কেন?”

“কোথাও একটা সমস্যা হয়েছে। কোনো গণ্ডগোল হয়েছে। তাই তারা বর্ডারের ওপাশে দেখা করছে।”

“কি সমস্যা?”

“আমি জানি না। আমি শুধু মেসেজের বাহক। আসল কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাদের মূল ব্যবসায় সব লেনদেন ফ্রেঞ্চম্যানই করে। সে সব ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে, আর তার গুপ্তঘাতক ওই ক্লায়েন্টদের ইচ্ছা পূরণ করে। কিন্তু এবার কোথাও একটা সমস্যা হয়েছে, আমি তা টের পাচ্ছি।”

হামাগুঁড়ি দিয়ে তারা দ্রুত সামনে এগোতে থাকলো। চাঁদের আলো কতোগুলো মেঘের টুকরোর পেছনে চাপা পড়ে গেছে। চাইনীজ লোকটি এদিককার গার্ডবোট হাত করেছে। শিফ্ট বদল হয়ে নতুন গার্ড আসার আগে পর্যন্ত জায়গাটা ফাঁকা থাকবে। তবে অন্য গার্ডদের চোখে পড়া যাবে না। চাইনীজ লোকটি থেমে পেছন ফিরে দু’হাত তুলে ওয়েবকে থামতে বললো।

“কি হয়েছে?” ফিফিস্ ক’রে বললো জেসন।

“আমাদেরকে আরো আস্তে যেতে হবে। কোনো শব্দ করা যাবে না।”

“গার্ড টহল দিচ্ছে?”

“জানি না। কোথাও একটা সমস্যা হয়েছে।”

তারা হাটুর ওপর ভর ক’রে সামনের ছোটো জঙ্গলটির মধ্যে দিয়ে এগোতে লাগলো। ঝিঁঝিঁ পোকার কানে তালা লাগানো শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। বর্ন আর চীনা লোকটি জঙ্গলের শেষপ্রান্তে পৌঁছে গেলো, সামনের মাঠটি আবার খাঁড়া হতে শুরু করেছে। একটা আলোর উৎস তাদের চোখে পড়লো। ক্যাম্পফায়ার! সামনে, দূরের ছোটো পাহাড়টার মাঝখানে একটা ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। জেসন আর সইতে পারছে না। তার ইচ্ছে করছে এখনই সেখানে ছুটে যেতে, কিন্তু তার ভেতরের মানুষটি তাকে বলছে ধৈর্য ধরতে। সে তার লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে, এখন আর কোনো ভুল করা যাবে না।

“তোমাকে আর আসতে হবে না, তুমি যেতে পারো।” বর্ন তার পকেট থেকে টাকা বের করলো। “আমার একটা আগ্নেয়াস্ত্র চাই। ম্যাকাও’তে আসার সময় নিজের অস্ত্র আনার ঝুঁকি আমি নেই নি, তাতে বর্ডারে ধরা পড়ার সম্ভাবনা ছিলো।” লোকটার হাতে টাকাটা ধরিয়ে দিলো জেসন। “এখানে নয় হাজার পাঁচশো ডলার আছে। যাওয়ার সময় গুণে নিও।”

“তুমি আমাকে একবার হারিয়েছো। তোমার কথা আমি অবিশ্বাস করতে পারি না।”

তোমার কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তব জীবনে এর কোনো স্থান নেই।”

“এই আমার অস্ত্র,” অস্ত্রটি তার বেল্ট থেকে বের করে বললো লোকটি। “প্রয়োজন পড়লে ব্যবহার করবে। ম্যাগজিন লোড করা আছে। মোট নয় রাউন্ড গুলি হবে। রেজিস্টার করা হয় নি, তাই এটা থেকে কেউ আমাকে ট্রেস্ করতে পারবে না। ফ্রেঞ্চম্যানের কাছ থেকে শিখেছি।”

“ধন্যবাদ। কিন্তু মনে রেখো, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে আমি তোমাকে খুঁজে বের করবোই।”

“তাহলে সেটাকে মিথ্যে বলা যাবে না, এমন তো হতে পারে ইনফরমেশনটা ভুল ছিলো। সেক্ষেত্রে আমি টাকা ফিরিয়ে দেবো। তুমি আমাকে হারিয়েছো, আমি তোমার সাথে বেঈমানী করতে পারি না। আমি এতোটা অকৃতজ্ঞ নই।”

বর্ন হাটুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। মাঠটা লম্বা আর উঁচু ঘাসে ভরা; এ ধরণের জায়গাতেই সব থেকে বেশি পাহাড়া থাকার কথা। কারণ গার্ডরা জানে এমন জায়গা দিয়েই অনধিকার প্রবেশকারীরা লুকিয়ে প্রবেশ করার চেষ্টা করে। বর্ন সামনে কতোগুলো গাছ দেখতে পেলো। সামনে কি আছে দেখার জন্য মাথাটা একটু উপরে তুলতেই সঙ্গে সঙ্গে নীচু হয়ে গেলো সে। চুপ মেরে বসে থাকলো কিছুক্ষণ। তার সামনে, হাতের ডান দিকে এক লোক রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। একজন চাইনীজ গার্ড! লোকটির মনোযোগ জেসনের দিকে নয়, কারণ জেসন তার পেছনে। লোকটির স্থির দৃষ্টি সামনের ক্যাম্পফায়ারের দিকে। জেসন ধীরে ধীরে লোকটির দিকে এগোতে লাগলো, তার সাথে এখন গার্ডের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। এই সুযোগ!

বর্ন লাফিয়ে লোকটাকে জাপটে ধরলে হতভম্ব লোকটি রাইফেলের বাট দিয়ে বেশ কয়েকবার পেছন দিকে আঘাত করার চেষ্টা করলো। বর্ন রাইফেলটা খপ্ ক’রে ধরে ব্যারেল দিয়ে কষে বাড়ি মারলো লোকটার উন্মুক্ত করোটিতে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো গার্ড। বর্ন লোকটাকে টেনে লম্বা ঘাসগুলোর মধ্যে এনে তার জ্যাকেটটা খুলে পেছন দিক থেকে শার্ট টেনে ছিড়ে সেটা দিয়ে বাঁধতে আরম্ভ করলো।

কয়েক মুহূর্তের মধ্যেই লোকটাকে এমনভাবে বাঁধা হয়ে গেলো যে, নড়বার চেষ্টা করলেই শক্ত বাঁধনের চাপ মাংসপেশীতে অনুভব করবে। সে যাতে কোনো চিৎকার চেঁচামেচি না করতে পারে তাই তার মুখে তারই শার্টের একটি হাতা গুঁজে শক্ত ক’রে বেঁধে দেয়া হলো।

এতোক্ষণ পরে জিনিসটা বর্নের চোখে পড়লো। বর্ন ভেবেছিলো লোকটা চাইনীজ আর্মির ইউনিফর্ম পরা, আসলে সে সস্তা মার্কেটের ঢিলেঢালা কাপড় পড়ে আছে, তার ওপর লোকটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বর্ন নীচু হয়ে ভালো ক’রে লোকটির চেহারা দেখলো। কুঁচকে যাওয়া চেহারার সাথে ক্ষয়ে যাওয়া দাঁতের জন্য তাকে আরো কিম্ভুত, আরো অসভ্য দেখাচ্ছে। এ আবার কেমন ধরনের গার্ড, কি পাহাড়া দিচ্ছিলো সে? না, এ আসলে অভিজ্ঞ ভাড়াটে গুণ্ডা। কিন্তু কনফারেন্সের ক্যাম্পফায়ারের কাছে এ কি করছে? সেই গুপ্তঘাতকে হাজার হাজার ডলার দেয়া হয় মানুষ মারার জন্য, তার নিশ্চয়ই বডিগার্ডের দরকার পড়বে না! কোথাও একটা সমস্যা হয়েছে!

বর্ন লোকটার রাইফেল নিয়ে ঘাসের মধ্য দিয়ে হামাগুঁড়ি দিয়ে এগোতে লাগলো। সে কিছু দেখতে পাচ্ছে না, আর জঙ্গলের শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া কিছু শুনতেও পাচ্ছে না। একদম ওপরে পৌঁছে গেলো সে। চারদিক জঙ্গল দিয়ে ঘেরা মাঝখানের একটি ফাঁকা জায়গায় ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। বর্ন একটি বড় উঁচু পাথরের ঢিবির পেছনে নিজেকে আড়াল করলো। রাইফেলটা আস্তে ক’রে মাটিতে রেখে বেল্ট থেকে অস্ত্রটি বের করে নিলো। পাথরের ঢিবি থেকে সামনের দিকে উঁকি মাড়লো বর্ন। এবার সে সত্যিকারের একজন চাইনীজ বর্ডার-গার্ড দেখতে পেলো। ইউনিফর্ম পরা লোকটি বার বার ঘড়িতে সময় দেখছে। অপেক্ষার পালা কেবল শুরু হলো।

এক ঘণ্টারও কিছু বেশি সময় ধরে এই অপেক্ষা চললো। গার্ড এর মধ্যে সবার করলো পাঁচটি সিগারেট; জেসন মূর্তির মতো দাঁড়িয়ে রইলো, শ্বাসও টানলো মেপে মেপে। ঠিক তখনই এটা ঘটলো। একজন দ্বিতীয় ব্যক্তির আগমন। অন্ধকার জঙ্গলের মধ্য থেকে লোকটি স্বাভাবিকভাবে হেটে বেরিয়ে এলো। গুপ্তঘাতক!

জেসন শক্ত ক’রে তার অস্ত্রের ব্যারেল চেপে ধরলো। সে উত্তেজিত, তার দাঁত শক্ত হয়ে আসছে। লোকটি আগুনের উৎসের খুব কাছে চলে এসেছে। জেসনের মনে হলো সে বুঝি নিজেকেই দেখছে। ঠিক নিজেকে না, তার অতীতকে। শক্তসামর্থ, যুবক বর্ন তার চোখের সামনে ভেসে উঠলো। সেই যুবকই ছিলো ডেল্টা, মেডুসার ডেল্টা। অসাধারণ! তারপর ডেল্টা থেকে কেইন, আর সবশেষে গুপ্তঘাতক জেসন বর্ন!

খুট ক’রে একটা শব্দ জঙ্গলের বাকি শব্দগুলোকে ছাপিয়ে ফেললে গুপ্তঘাতক থামলো, তারপর ঘুরে ক্যাম্পফায়ারের দিক থেকে ডান দিকে লাফ দিয়ে ছিটকে গেলো। সাথে সাথে গার্ডটিও শুয়ে পড়লো মাটিতে। সামনের জঙ্গলের দিক থেকে ছুটে আসা এলোপাতাড়ি গুলির শব্দ বার বার প্রতিধ্বনিত হতে লাগলে জেসনের কানে তালা লেগে গেলো। আক্রমণকারী ক্যাম্পের চারদিকে ঘুরে ঘুরে গুলি করছে কিন্তু তাকে ভালো ক’রে দেখা যাচ্ছে না। চাইনীজ গার্ডটি তার এক হাটুর ওপর ভর দিয়ে আক্রমণকারীর দিকে গুলি করতে আরম্ভ করলে শুরু হলো কান ফাটানো সংঘর্ষ। একদিক দিয়ে নয়, তিন দিক দিয়ে গুলি আর পাল্টা গুলি। ব্যাপক আকারের বিস্ফোরণ সারা জঙ্গল কাঁপিয়ে তুললো। প্রথম গ্রেনেডটি পুরো ক্যাম্পটিকেই উড়িয়ে দিলো বলা চলে, দ্বিতীয়টি গিয়ে পড়লো ক্যাম্পের পাশের কতোগুলো পাতাঝড়া শুকনো গাছের উপর, বিস্ফোরণে সেগুলোর ডালপাতায় আগুন ধরে গেলো। আর শেষের গ্রেনেডটি ছোড়া হলো পাল্টা জবাব হিসেবে জঙ্গলের দিকে, যেদিক থেকে মেশিনগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হচ্ছে।

হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়লে বর্ন তার অস্ত্রটি প্রস্তুত রেখে সামনের দিকে এগোতে লাগলো। কেউ সেই গুপ্তঘাতকের জন্য মরণফাঁদ পেতেছিলো আর সে এতে পা-ও দিয়েছে! হঠাৎ একটা লোক বাম দিক থেকে জ্বলে যাওয়া ক্যাম্পটির দিকে ছুটে এসে আগুনের মধ্য দিয়ে দৌড়ে চারদিকে ঘুরে এদিক ওদিক দেখতে লাগলো। পেছন ফিরতেই জেসনের দিকে চোখ পড়ে গেলে তার দিকে গুলি করলো সে। বর্ন ডান দিকে লাফ দিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ে গড়িয়ে গিয়ে অন্যপাশে সরে গেলো। লোকটি দৌড়ে পালিয়ে যাচ্ছে এখন। বর্নের দৃষ্টি তার দিকে। পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে লোকটির পিছু ছুটতে লাগলো সে।

এই সেই গুপ্তঘাতক! এই সেই প্রতারক যে বর্নের নাম ব্যবহার ক’রে সারা এশিয়া মাতিয়ে চলেছে; যার জন্য ওয়েব আর তার স্ত্রীর জীবন ধ্বংস হতে চলেছে। আজকে ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। বর্নের মনে হলো তার অতীত আবার ফিরে এসেছে। সে আবার মেডুসার একজন সদস্য! লোকটার সাথে তার দূরত্ব যখন দশ গজের মতো আর তা প্রতি মুহূর্তেই কমে আসছে। বর্ন একটা লম্বা লাফ দিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। তার হাত চিতাবাঘের মতো লোকটার কাঁধে থাবা বসিয়ে ধরে ফেললো শক্ত করে। তারপর হাটু দিয়ে আঘাত করলো লোকটার মেরুদণ্ডে। বর্ন বনাম বর্ন! অত্যধিক ক্রোধের মাথায়ও বর্ন নিজেকে মনে মনে বললো একে কোনোভাবেই মারা চলবে না। বাঁচিয়ে রাখতে হবে! তুমিই আমাদের মুক্তির চাবি!

বর্ন তার হাটু দিয়ে লোকটির গলা পেঁচিয়ে ধরে চাপ দিতেই লোকটি চেঁচিয়ে উঠলো। বর্ন দ্রুত লোকটির ওপরে উঠে বসে তার ডান হাতের কনুই দিয়ে লোকটির গলা চেপে ধরলো। আর বাম হাত দিয়ে ক্রমাগত ঘুষি মারতে লাগলো লোকটির তলপেটে।

“ডেল্টা!” লোকটি আর্তনাদ করে উঠলো।

“তুমি আমাকে কি ব’লে ডাকলে?” বর্ন চেঁচিয়ে উঠলো।

“ডেল্টা। কেইন কার্লোসের জন্যে আর ডেল্টা কেইনের জন্যে?”

“তুমি কে!”

“দাঁজু! আমি দাঁজু! মেডুসা! তাম কুয়ান-এর জঙ্গল! তুমি প্যারিসে একবার আমার জীবন বাঁচিয়েছিলে যেমনটা তুমি মেডুসাতে অনেকেরই বাঁচিয়েছো। আমি দাঁজু। প্যারিসে আমি তোমাকে অনেক কথা বলেছিলাম যা তোমার জানা দরকার ছিলো।”

ওয়েব ব্যথায় কুঁকড়ে যাওয়া চেহারাটির দিকে ভালো ক’রে তাকালো —— সুন্দর ক’রে পাকানো সাদা গোঁফ আর রূপালী চুলের লোকটির বয়স ওয়েবের চেয়ে বেশিই হবে। ওয়েব ক্ষণিকের জন্য তার পুরনো দুঃস্বপ্নের মধ্যে হারিয়ে গেলো… তাম কুয়ান জঙ্গলের অসংখ্য লাশের মাঝখানে সে দাঁড়িয়ে আছে, পালানোর কোনো পথ নেই। তারপর হঠাৎ ক’রে প্যারিসে চলে এলো সে, ভরদুপুর, লুভরের দিকে এগোচ্ছে। এমন সময় গুলি ছোড়া শুরু হলো। আশপাশের লোকজন ভয়ে চিৎকার আর আর্তনাদ শুরু ক’রে দিলো।

এই লোকটিকে বাঁচিয়ে রাখতে হবে! মেডুসার এই লোকটি তার অনেক ধাঁধার জবাব দিতে পরবে।

“দাঁজু?” ফিফিস্ ক’রে বললো জেসন। “তুমি দাঁজু?”

“হ্যাঁ, আর এখন আমাকে সবাই ফ্রেঞ্চম্যান ব’লে চেনে। তুমি যদি আমার গলাটা ছাড়ো তাহলে আমি তোমাকে একটা গল্প বলতে পারি। আমি নিশ্চিত তোমারও অনেক কিছু বলার আছে।”

ফিলিপ দাঁজু জ্বলে যাওয়া ক্যাম্প এবং তার আশপাশটা ভালোভাবে পরীক্ষা করলো। মৃত গার্ডের পকেট সার্চ ক’রে যা কিছু প্রয়োজনীয় মনে করলো সরিয়ে ফেললো। “আমরা চলে যাওয়ার আগে লোকটির বাঁধন খুলে দেবো। এখানে আসার এদিক ছাড়া আর কোনো পথ নেই জেনেই আমি তাকে পাহাড়ায় বসিয়েছিলাম,” জেসন যে গার্ডটির হাত পা বেঁধে রেখে ছিলো তার দিকে তাকিয়ে বললো সে।

“তুমি কি আশংকা করেছিলে আমি আসতে পারি?”

“তা সম্ভব ছিলো না। কিন্তু আমি আশংকা করেছিলাম আমারই সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যেতে পারে। তার এখানে একা আসার কথা ছিলো। তাকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছিলো, কিন্তু তারপরেও তাকে বিশ্বাস করা কঠিন ছিলো। এটা আমার গল্পের একটা অংশমাত্র।”

তারা জঙ্গল থেকে এগিয়ে মাঠের কাছাকাছি আসতেই হাত-পা বাঁধা গার্ডের গোঙানীর শব্দ পেলো। বর্ন ছুরি দিয়ে গার্ডের হাত-পায়ের বাঁধন কেটে দিলে ফ্রেঞ্চম্যান তার পাওনা বুঝিয়ে দিতেই লোকটা ছুটে অন্ধকারের হারিয়ে গেলো।

“তুমি তোমার সৃষ্টিকে আজ মারার চেষ্টা করেছিলে?”

“হ্যাঁ। যখন বিস্ফোরণ ঘটে আমি ভেবেছিলাম সে আহত হয়েছে। এই কারণে তাকে ধাওয়া করতে আমি বেরিয়ে আসি আর তোমাকে দেখতে পাই।”

“তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমিই দ্বিতীয় বর্ন। কারণ মেডুসাতে আমরা এভাবেই আক্রমণ করতাম। এবার তোমার গল্পটা খুলে বলো।”

“এখানকার বিস্ফোরণের আগুন আশপাশের গ্রামের নজরে পড়তে পারে। লোকজন ছুটে আসতে পারে। সামনে কিছুটা দূরে ফাঁকা সমতল মাঠ আছে, ওই বাম দিকে। চলো, ওখানে যাই।”

“ওটা তো প্রায় মাইল পাঁচেক দূরে।”

“তবুও, ঝুঁকি নেয়ার দরকার নেই।”

.

মেডুসার প্রাক্তন দুই সদস্য অন্ধকার খোলা মাঠে ব’সে আছে। জেসন একটা সিগারেট ধরালে দাঁজু বলতে শুরু করলো।

“তোমার কি মনে আছে, প্যারিসের একটা জমজমাট রেঁস্তোরায় আমরা ব’সে

লুভরের হানাহানির ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম?”

“নিশ্চয়ই। সেবার কার্লোস আমাদের বাগে পেয়েছিলো।”

“কিন্তু তুমিও জ্যাকেলকে প্রায় ফাঁদে ফেলে দিয়েছিলে।

“আমি কিছুই করি নি। কিন্তু প্যারিসের কথা এখন টানছো কেন?”

“কারণ তখন আমি তোমাকে বলেছিলাম আমি এশিয়াতে চলে আসবো। সিঙ্গাপুর না হলে হংকংয়ে। আমার মনে হয় আমি বলেছিলাম, ফ্রান্সে আমার ভালো কিছু হচ্ছে না।”

“আমার মনে আছে।”

“আমি এশিয়াতেই ফিরে আসি। আর যেহেতু কার্লোস আমার চেহারা চিনে ফেলেছিলো, তাই আমাকে খুব গোপন একটা পথ ধরে এখানে আসতে হয়। আমি আমার জীবন বাঁচানোর জন্য পালাতে থাকি। কিন্তু আমার হাতে যথেষ্ট মালপানি ছিলো না। তাই যেদিন তোমার সাথে আমার শেষ কথা হয় সেদিন দুপুরেই সেন অনরে’র সেই শপে গিয়ে যা পিছু পাই চুরি ক’রে নিই। সিন্দুকের লকের কাম্বিনেশন আমি জানতাম, আর তাতেই কেল্লাফতে হয়। যা টাকা হাতে আসে তাতে দুনিয়ার যে কোনো কিছুই কেনা আমার পক্ষে সম্ভব ছিলো। কার্লোস থেকে দূরে সরে গিয়ে আমার জীবন নিশ্চিন্তেই কাটছিলো। কিন্তু আমি বুঝতে পারি এভাবে বেশি দিন চলতে পারে না। এক সময় আমার টাকা শেষ হয়ে আসবে। আর যে কাজে আমার দক্ষতা তা সভ্য সমাজ কখনও গ্রহণযোগ্য হবে না। আমি জানতাম স্বাভাবিক জীবনে ফিরে আসা আমার পক্ষে কখনও সম্ভব হবে না। কতো দিন যে রাস্তাঘাটের চোর-ছ্যাচার, সস্তা গুণ্ডার হাতে লাঞ্ছিত হয়েছি, সামান্য ক’টা টাকার জন্যে মরতেও বসেছিলাম, ওসব আমি ভুলতে পারবো না। অথচ আমার ক্ষমতা ছিলো এমন সব প্রতিভা সৃষ্টি করা যারা হতে পারে অদ্বিতীয়। বিবেকের প্রশ্নকে জবাব দেওয়ার মতো সময় আমার ছিলো না। আগের জীবন বেছে নেয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না। তুমি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছো?”

“লেকচার শুনতে আমি এখানে আসি নি।”

“তাহলে তুমি ঠিকভাবে শুনছো না, ডেল্টা।”

“আমি ডেল্টা নই।”

“বেশ। বৰ্ন।”

“হয়তো না। হয়তো।”

“তখনই আমার মাথায় একটা চিন্তা আসে। প্যারিসে তোমার সাথে যাই হয়েছিলো না কেন তার সারসংক্ষেপ ছিলো হয় তুমি হেরে গেছো না হয় তুমি মরে গেছো। মোদ্দা কথা হলো জেসন বর্ন শেষ হয়ে গেছে। আমি এ বিষয়ে নিশ্চিত ছিলাম যে, ওয়াশিংটন কখনও তোমার ব্যাপারে মুখ খুলবে না। তখন থেকেই তুমি সম্পূর্ণ উধাও হয়ে যাও।”

“আমি জানি কি হয়েছিলো। বলে যাও।”

“তুমি নিশ্চয়ই অনুধাবন করতে পারছো, আমি আমার সকল সমস্যার কি সমাধান বের করেছিলাম?”

“কিছুটা…”

“আর এশিয়া সেটার জন্য একটা আদর্শ জায়গা। জেসন বর্ন হয়তো নেই কিন্তু তার কিংবদন্তী আজো আছে। আমি জানতাম আমাকে কি করতে হতো। আমার শুধু দরকার ছিলো একজন উপযুক্ত প্রার্থীর—”  

“প্রার্থী?”

“শিকারি বললে বেশি মানাবে। মানে কাউকে মেডুসার টেকনিকে প্রশিক্ষণ দেয়া। আমি সিঙ্গাপুরে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার অপরাধ জগতের অলিতে গলিতে তাকে খুঁজতে থাকি। আর খুব দ্রুতই তাকে খুঁজে পাই। সে একজন পলাতক আসামী, জীবন বাঁচাতে প্রায় তিন বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। লোকটা বৃটিশ। একজন প্রাক্তন রয়্যাল কমান্ডো। এক রাতে সে মাতাল হয়ে রাগের মাথায় লন্ডনের রাস্তায় সাতজনকে খুন করে। তার অসাধারণ সার্ভিস রেকর্ডের কারণে তাকে জেলে না পাঠিয়ে কেন্টের একটি সাইকিয়াটুক হাসপাতালে পাঠানো হয় যেখান থেকে সে পালিয়ে কিভাবে যেনো সিঙ্গাপুরে এসে পৌঁছায়।”

“তার দৈহিক বর্ণনা কি আমার সাথে মেলে?”

“আগের তুলনায় এখন আরো বেশি মেলে। লম্বা, পেশীবগুল দেহের অধিকারী সে। বাকি রূপটা আমি দিয়েছি।”

“কমান্ডো,” ফিফিস্ ক’রে বললো জেসন। “খাপ খায়। লোকটা কে?”

“তার নাম কারো জানা নেই, শুধু গল্পটা জানা আছে।”

“নাম জানা নেই…”

“সে তার আসল পরিচয় আমাকে কখনও দেয় নি। তার পরিচয় তার জীবনের মূল্যের সমান। যদি কেউ তার পরিচয় জেনে যায় আর হংকংয়ের বৃটিশ অথোরিটিকে জানায় তাহলে তারা কম্পিউটার ঘেঁটে মুহূর্তেই তার সব রেকর্ড বের করবে, তাকে পাকড়াও করতে লোক পাঠাবে বৃটিশেরা। সে জানতো আমার সাথেও বেশি দিন টিকতে পারবে না, তাই তার কোনো দুর্বল তথ্য আমার কাছে প্রকাশ করে নি। কাউকেই সে বিশ্বাস করে না।”

“বৃটিশরা তাকে মারতে চায় কেন?”

“ওয়াশিংটনের যেমন মেডুসা ছিলো তেমনি লন্ডনেরও সাম্প্রতিক সময়ে একটা গুপ্তঘাতক মিলিটারি ইউনিট গড়ে উঠেছে। সত্য প্রতিষ্ঠার নামে নির্বিচারে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে এই মিলিটারি ইউনিট। লোকটা সেই ইউনিটেরই সদস্য ছিলো, অনেক গোপন তথ্য জানে সে, যেগুলো ফাঁস হয়ে গেলে মধ্যপ্রাচ্য আর আফ্রিকাতে বৃটিশরা বেকায়দায় পড়ে যাবে।”

“সে কি ইউনিটে নেতৃত্ব দিতো?” প্রশ্ন করলো বর্ন।

“সে কোনো সাধারণ সৈনিক ছিলো না। মাত্র বাইশ বছর বয়সে ক্যাপ্টেন আর চব্বিশ বছর বয়সে মেজর হয় সে। হোয়াইট হলের কিছু বিশেষ বিধিমালার কারণে পরবর্তী পদবী অর্জন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ভাগ্য যদি সহায় হতো তাহলে এতোদিনে সে বৃগেডিয়ার হয়ে যেতো।”

“এই কথাগুলো কি সে নিজে তোমাকে বলেছে?”

“হ্যাঁ, মাতাল অবস্থায়, কিন্তু তারপরেও ভুল করেও কখনও তার নাম আমাকে বলে নি। প্রতি মাসেই কয়েকটা দিন সে মদের নেশায় বুঁদ হয়ে থাকে। এরই মধ্যে দু’য়েকটা দিন এমন হতো যখন সে তার নিজের ব্যাপারে কথা বলতো। অতিরিক্ত মদ্যপানের পর সে দুর্বল হয়ে পড়তো, তাকে বাঁচাতে বলতো, রক্ষা করতে বলতো, আর বলতো তাকে আত্মসুদ্ধির পথ দেখাতে। নিজের অতীত ঘেঁটে এমন সব বীভৎস, ভয়ানক দৃশ্যের কথা বলতো যাতে সে নিজেই শিউরে উঠতো। জেরা করার সময় চাকু দিয়ে বন্দীদের চোখ ফুটো করে দেয়া, তাদের হাত-পায়ের রগ কেটে দেয়া আর অন্য বন্দীদের তা চোখ খুলে দেখতে বাধ্য করা, আরো কতো জঘন্য ঘটনা যে সে বলতো তার ঠিক নেই। অধিকাংশ ঘটনাই সত্তর কিংবা আশির দশকের ইয়েমেন আর পূর্ব-আফ্রিকার হত্যাযজ্ঞের সাথে জড়িত। একবার সে এও বলেছিলো যে, তার নাম শুনলে ইদি আমীনের দম বন্ধ হয়ে যেতো। তার কুখ্যাতি এতোই প্রসার পেয়েছিলো।”

দাঁজু থামলো। তার দৃষ্টি দূরের আকাশের দিকে। তারপর অন্যমনস্কভাবে আবার বলতে শুরু করলো। “সে কোনো স্বাভাবিক মানুষ না, আর পাঁচজনের থেকে আলাদা। একজন অমায়িক আর অত্যন্ত বুদ্ধিমান অফিসার হিসেবে তাকে গণনা করা হতো। তার পুরো চরিত্রটাই একটা ধাঁধার মতো, একজন সাধারণ সভ্য মানুষের সম্পূর্ণ ব্যতিক্রম সে…..তার দলেরই সৈন্যরা তাকে জানোয়ার বলে ডাকতো আর তা শুনে সে হাসতো। ইউনিটের বাধা-ধরা নিয়ম সে পরিহার করতো। বলতে গেলে সে নিজেই তার নিয়ম তৈরি করতো, কেউ তার বিরুদ্ধে কখনও অফিসিয়াল অভিযোগও করতো না!”

“কিন্তু কেন?” প্রশ্ন করলো জেসন।

“কারণ সে অনেকবার তাদেরকে বিপদ থেকে বের ক’রে এনেছে। যুদ্ধের সময় যখন বাকিরা চোখে অন্ধকার দেখতো তখন সে-ই কোনো না কোনো সমাধান বের করতো।”

“তার মানে তোমার নামহীন কমান্ডো মেজর তার কাজে যথেষ্ট পারদর্শী, তাই তো?” শীতল কণ্ঠে বললো বর্ন

“বলা যেতে পারে ডেল্টার সমকক্ষ বা তারচেয়েও বেশি। পার্থক্য একটাই, তার মধ্যে বিবেকবোধ বা মানবিক কোনো গুণ নেই। অন্য দিকে তোমার মধ্যে নৃশংসতা আর মানবিকতার এক অতুলনীয় মিশ্রণ ঘটেছে। তোমার ভেতরের আরেকটি সত্তা মাঝে মাঝে তোমাকে থামিয়ে দেয়। আমার মনে আছে, তুমি অনেক সময়ই বলতে ‘লোকটাকে ছেড়ে দাও,’ কখনও বলতে ‘এ কারো স্বামী’ তো কখন বলতে ‘ও কারোর বাবা হয়। লোকটাকে ভয় দেখিয়ে ছেড়ে দাও, কিন্তু প্রাণে মেরো না।’ …আমার সৃষ্টি, তোমার প্রতিরূপ, দ্বিতীয় বর্ন কখনই তা করে না। তার সকল সমস্যার সমাধান একটাই—মৃত্যু।”

“সে লন্ডনে ওই সাতজনকে কেন হত্যা করেছিলো? তার মতো ব্যক্তি নিশ্চয় শুধু মাতাল হয়ে ভারসাম্য হারিয়ে এরকম কিছু ঘটাবে না? নেপথ্যে কারণটা কি?”

“সে যে অজুহাতটা দেয় তা অযৌক্তিক আর কিছুটা বস্তাপচাও বটে। কোনো একটা মেয়ে তাকে ফিরিয়ে দিলে ওই অপমান সে সহ্য করতে পারে নি ভালোবাসার ছিটেফোটাও তার মধ্যে নেই, যা আছে তা শুধুই দৈহিক চাহিদা। উগান্ডার একটা ভয়ানক মিশন থেকে সে আহত হয়ে ফিরে এসে লন্ডনের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো, তাকে ফিরে পেতে চেয়ে ছিলো। কিন্তু মেয়েটি তার সাথে দেখা করতে অস্বীকার ক’রে নিজের প্রটেকশনের জন্য চেলসি থেকে দু’জন গার্ডও ভাড়া করে আনে। সেই রাতে যে সাতজনকে সে হত্যা করেছিলো তার মধ্যে ওই গার্ড দু’জনও ছিলো। মেয়েটির দাবি রাগের মাথায় তার মধ্যে বিন্দুমাত্র নিয়ন্ত্রণ থাকে না, আর মদ্যপ অবস্থায় সে একজন খুনির মতো হয়ে যায়। কথাগুলো সত্যি। কিন্তু আমার জন্যে সে-ই ছিলো সবচেয়ে আদর্শ প্রার্থী—অদ্বিতীয় শিকারী। সিঙ্গাপুরে তাকে ফলো ক’রে একটা বারের কাছে মদ্যপ অবস্থায় নারকোটিকসের ব্যবসার সাথে জড়িত দু’জন ভয়ংকর গুণ্ডাকে নির্দয়ভাবে পেটাতে দেখি তাকে। আমার চোখের সামনে সে ওই দু’জনের গলা ছুরি দিয়ে কেটে তাদের পকেট থেকে টাকা পয়সা নিয়ে নেয়। মুহূর্তেই বুঝতে পারি আমি যেমনটা, চাইছিলাম তার মধ্যে সেসব গুণ উপস্থিত। আমি আমার জেসন বর্নকে খুঁজে পেলাম। তার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়াই। সে দু’জনকে খুন ক’রে যতো টাকা পেয়েছিলো তার চেয়ে বেশি টাকা আমার হাতের মুঠোয় ধরা ছিলো। আমরা কিছুক্ষণ কথা বলি। এভাবেই সবকিছু শুরু হয়।”

“বানচোত! আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি! তুমি জানো না তুমি কি করেছো!” চেঁচিয়ে উঠলো বর্ন।

“তোমার গল্পটা পরে শুনবো, ডেল্টা। আগে আমারটা শেষ করতে দাও।”

“সংক্ষিপ্ত করো…ইকো। মেডুসাতে এটাই তোমার নাম ছিলো, তাই না?” তার স্মৃতি ফিরে আসছে।

“হ্যাঁ, এটাই ছিলো,” দাঁজু থামলো। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার বলতে শুরু করলো সে। “বিশ্বাসঘাতকতা! তোমাকে যেভাবে তৈরি করা হয়েছিলো ঠিক সেভাবে আমি আমার বর্নকে তৈরি করি। আর তুমি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাও ঠিক সেভাবে আমার সৃষ্টিও আমার হাতছাড়া হয়ে যায়। সে চলে যায় আমার বিরুদ্ধে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো সেও তার মনিবকে সরিয়ে দেয়ার ফন্দি আঁটে। সে সম্পূর্ণ স্বাধীন হয়ে নিজে থেকেই কাজ করার পরিকল্পনা করে। সাফল্যের সাথে সাথে তার অহংকার আর ঔদ্ধত্য বাড়তে থাকে। তার কাছে আমি অপ্রয়োজনীয় হয়ে পড়ি। সে আমাকে পথের কাঁটা ভাবতে শুরু করে দেয়। তার দৃষ্টিতে আমি তাকে এতোদিন ব্যবহার করেছি!”

“তুমি বলতে চাচ্ছো কনট্যাক্টদের সাথে যোগাযোগ, ক্লায়েন্টদের সাথে সব ডিলিংস্ এখন সে নিজেই করে?”

“হ্যাঁ। যত্তোসব উগ্র আর উন্মাদ ক্লায়েন্টদের সাথে। তাদের অদ্ভুত আর অত্যন্ত বিপজ্জনক ডিলিংস্ এখন সে সামলাচ্ছে।”

“কিন্তু আমি তো তাকে ট্রেস্ করেছি তোমার মধ্য দিয়ে, কাম পেক ক্যাসিনোতে তুমি যে অ্যারেঞ্জমেন্ট করেছো তার মধ্য দিয়ে। টেবিল পাঁচ। ম্যাকাও হোটেলের একটা টেলিফোন নাম্বার আর একটা নাম দিয়ে।”

“যদি যোগাযোগের কোনো পন্থাকে তার কাছে সুবিধাজনক মনে হয় তাহলে সে সেটাকে ধরে রাখবে না কেন? আর এতে ধরা পড়ার কোনো সম্ভাবনাও নেই। অপরদিকে তার বিরুদ্ধে আমিই বা কী করতে পারি। আমি তো আর ক্লায়েন্টদের ফোন করে বলতে পারি না, ‘ভদ্রমহোদয়গণ, এই লোকটি আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, আপনারা আর এর সাথে কোনো রকম ডিলিংসে যাবেন না।”

“তুমি ঐ ছোটোখাটো চীনা বাহককে দিয়ে তোমার কমান্ডোর কাছে মেসেজ পাঠিয়েছিলে। তাকে এখানে আসতে বলেছিলে, যাতে তুমি তাকে মারতে পারো। কিন্তু এতোটা নিশ্চিত হলে কিভাবে যে সে আসবেই?”

“কিছুটা অর্ন্তদৃষ্টি, বাকিটা সহজ হিসাব! যদি আমার কাছ থেকে সে লাভজনক কোনো ক্লায়েন্টের ডিলিংস পায় তাহলে সে আসবে না কেন?”

“আর তাতে তুমি নিজেই মরতে বসেছিলে! কিন্তু ওকে মারা তোমার জন্য এতো জরুরি হয়ে উঠলো কেন?”

“প্রধান এবং অন্যতম কারণ তার একজন বিশেষ ক্লায়েন্ট। সে এমন একটা লিয়াজো তৈরি করেছে যা তার জন্যে অত্যন্ত লাভজনক হলেও হংকংয়ের জন্য ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। আশংকা করা হচ্ছে হংকংয়ে যুদ্ধ বেঁধে যেতে পারে, কিংবা পুরো কলোনিটির অর্থনীতি ধসে পড়তে পারে।”

“থিওরিটা আমিও শুনেছি,” ম্যাকঅ্যালিস্টারের মেইন-এর কথাগুলো মনে করে বললো জেসন। “কিন্তু বিশ্বাস করি নি। যখন খুনিরা একে অপরের সাথে খুনোখুনি করে তখন তাদেরই শক্তি কমতে থাকে। ইকোনমি বা পলিটিক্‌সে তেমন একটা প্রভাব পড়ে না।”

“হ্যাঁ, কিন্তু যখন কোনো প্রভাবশালী পলিটিক্যাল ফিগার এর শিকার হয় তখন অনেক কিছুরই সম্ভাবনা দেখা দেয়।”

বর্ন দাঁজুর দিকে তাকালো। “চায়নায় এমন কিছু হয়েছে?”

“সিম শা সুই-এ পাঁচজনকে হত্যা করা হয়েছে,” মাথা দুলিয়ে বললো দাঁজু।

“জানি।”

“চারজন তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলো না। কিন্তু পাঁচ নম্বর ব্যক্তিটি ছিলো বিশেষ কেউ—পিপ্লস রিপাবলিকের ভাইস প্রিমিয়ার।”

“হায় ঈশ্বর!” জেসন হতভম্ব, তার কাছে এ তথ্য একেবারেই নতুন।

“ভাইস প্রিমিয়ার কাউলুনে কি করছিলো সেটাই আমার কাছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। নিশ্চয় ভেতরে কোথাও ছন্দপতন ঘটেছে। আমার সৃষ্টির হাতে নতুন কোনো ডিলিংস যাওয়ার আগেই তাকে ধ্বংস করতে হবে। না হলে খুব বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারে।”

“সরি, ইকো। ধ্বংস করা চলবে না, তাকে আমার জীবিত চাই। তাকে অন্য একজনের কাছে পাচার করতে হবে।’”

“তাহলে সেটা তোমার গল্পের অংশ?” প্রশ্ন করলো দাঁজু।

“হ্যাঁ।”

“আমাকে খুলে বলো।”

“শুধু যতোটুকু তোমার জানা প্রয়োজন ততোটুকু বলছি। আমার স্ত্রীকে কিডন্যাপ ক’রে হংকংয়ে নিয়ে আসা হয়েছে। তাকে ফিরে পেতে হলে তোমার ওই কুত্তার বাচ্চাকে ধরে তাদের হাতে তুলে দিতে হবে। আমি কিছুটা অগ্রসরও হয়েছি, আর এখন তুমি আমাকে সাহায্য করবে, না করলে”

“হুমকি দেয়া অপ্রয়োজনীয়, ডেল্টা,” বর্নকে থামিয়ে বলে উঠলো মেডুসার প্রাক্তন সদস্যটি। “আমি জানি তুমি কতোটা নির্মম হতে পারো। আমি নিজ চোখে দেখেছি। তুমি তাকে চাও তোমার প্রয়োজনে, আর আমি তাকে চাই আমার প্রয়োজনে। আমাদের দু’জনেরই লক্ষ্য এক এবং অভিন্ন!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *