বর্ন সুপৃমেসি – ৩

অধ্যায় ৩

মেরি! ওহ্ ঈশ্বর, মেরি, আবারো একই ঘটনা ঘটেছে! একটি স্মৃতির দরজা ভেঙে গেলো আর আমি তা সামলাতে পারলাম না। লক্ষ্মী-সোনা, আমি কতো চেষ্টাই না করলাম, কিন্তু পারলাম না। চারিদিক যেনো অন্ধকার হয়ে আসছিলো, আমার দম আঁটকে যাচ্ছিলো, সবকিছু যেনো আমায় চেপে ঘিরে ধরেছিলো। আমি তোমাকে আর বলতে চাই না, কিন্তু জানি তুমি সব বুঝে নেবে। যেভাবে তুমি আমার চোখ পড়ে নাও, আমার কণ্ঠস্বর থেকে বুঝে নাও, যেভাবে তুমি আমাকে সবসময় বুঝে এসেছো, আজও সেভাবেই বুঝে নেবে। আমি জানি তুমি বলবে আমার উচিত ছিলো তোমার কাছে ছুটে আসা, তোমাকে সব কথা খুলে বলা, তোমার সাথে থাকা, হয়তো আমরা দু’জনে মিলে সব সামলে উঠতাম। দু’জনে মিলে। হে ঈশ্বর! তুমি একা আর কতো সামলাবে আমাকে! এটা ঠিক হচ্ছে না, এভাবে চলতে পারে না। তুমি জানো না আমি তোমাকে কতো ভালোবাসি, আর তাই কিছু সময় আমাকে এগুলো একাই সামলাতে দাও। আমি শুধু চাই তুমি শান্তিতে থাকো, এসব ঝামেলা থেকে দূরে থাকো, আমাকে নিয়ে এতো চিন্তা তোমাকে করতে দেবো না। লক্ষ্মীসোনা, দেখে নিও, আমি সব সামলে নেবো। যেমনটা আজ সামলেছি। আমি সম্পূর্ণ ভালো আছি। আমি বাসায় ফিরে আসছি আগের চেয়েও সুস্থভাবে। আমাকে আসতেই হবে, কারণ তুমি ছাড়া আর কীবা আছে আমার জীবনে।

তার মুখ ঘামে চপচপ করছে, তার ট্র্যাকসুট লেপটে আছে তার গায়ের সাথে, ডেভিড ওয়েব শ্বাসরুদ্ধকর গতিতে দৌড়ে চলছে, অন্ধকার মাঠটির শীতল ঘাসগুলোর ওপর দিয়ে। পার্কের বেঞ্চগুলো পার হয়ে সে সিমেন্টের রাস্তায় উঠে এলো, এগোতে লাগলো ইউনিভার্সিটির জিমের দিকে। শরতের সূর্য ক্যাম্পাসের বিল্ডিংগুলোর মাঝে লুকিয়ে আছে, এর আভা সদ্য সন্ধ্যা নামা আকাশে ছড়িয়ে পড়ে দূরের ঘন জঙ্গলের মাঝে মিশে গেছে। শরতের হাড় কাঁপানো শীতে সে কাঁপছে। তার ডাক্তারেরা ভাবে নি ঠিক এমনটা হতে পারে।

মেডিকেল নির্দেশগুলো অনুসরণ করা সত্ত্বেও মাঝে মাঝে এটা ঘটে। গভর্নমেন্ট ডাক্তাররা তাকে বলেছিলো এমন কিছু সময় আসতে পারে যখন হঠাৎ করেই অস্বস্তিকর কিছু দৃশ্য বা স্মৃতির খণ্ডাংশ তার মাথায় জেগে উঠবে, সৃষ্টি করবে প্রচণ্ড মানসিক চাপ। আর তা সামলানোর সেরা উপায় হলো শারীরিক পরিশ্রম। তার ই.সি.জি চার্ট থেকে জানা গেছে তার হার্ট সম্পূর্ণ সুস্থ, ফুসফুস স্বাভাবিক, যদিও সে বোকার মতো ধূমপান করে আর ভাবে মনকে শান্ত রাখার এটাই সেরা উপায়। তার আসলে দরকার মানসিক ধীরতা। “কয়েকটা সিগারেট খেলে আর হালকা ড্রিংক করলে কি এমন এসে যায়?” সে ডাক্তারদের বলেছিলো। “হৃদস্পন্দন আরো দ্রুত হয়ে যায়, ফলে শরীরের ক্ষতি হয় না, মস্তিষ্কও থাকে টেনশন মুক্ত।”

“এগুলো চেতনানাশক, কৃত্রিম উদ্দীপক যা বিষণ্নতা এবং অস্থিরতা আরো বাড়িয়ে দেয়,” বলেছিলো সেই ব্যক্তিটি শুধুমাত্র যার ওপর ওয়েব আস্থা রেখে থাকে। “দৌড়াও, সাতার কাটো, স্ত্রীর সাথে সময় কাটাও—অথবা সে রকম কারোর সাথে। কিন্তু এমন কিছু কোরো না, যাতে ক’রে আমার কাছে মুমূর্ষ রোগী হয়ে আসতে হয় তোমাকে…নিজের কথা ভুলে যাও, আমার কথা ভাবো। আমি তোমার জন্য অনেক খেটেছি। অকৃতজ্ঞ কোথাকার। ওয়েব, এসবের ভেতর থেকে বের হয়ে আসো। নিজের জীবনটাকে গুরুত্ব দাও, যতোটুকু স্মৃতি আছে তা নিয়েই জীবনটাকে গুছিয়ে তোলো, ফূর্তি করো। তোমার যা আছে অধিকাংশ মানুষ তাও পায় না, সেটা ভুলে যেও না, আর এ কথাগুলো না মানলে আমাদের মাসিক সাক্ষাৎকারগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে, তারপর তুমি যা খুশি করতে পারো। কখনও হাল ছেড়ো না, ডেভিড। তোমাকে এগিয়ে যেতে হবে। এখনই তোমার সময়।”

মেরি ছাড়া মরিস পানোভই একমাত্র ব্যক্তি যে তার ধারেকাছে ঘেষতে পারে। বিষয়টি পরিহাসের যে, শুরুর দিকে মরিস গভর্নমেন্ট ডাক্তারদের দলে ছিলো না। এর জন্য না তাকে নিয়ম মাফিক কোনো দরখাস্ত করতে হয়েছিলো, না তাকে অতীতে ডেভিড ওয়েবের জেসন বর্ন হয়ে ওঠার ফাইলগুলো ঘাটার অনুমতি দেয়া হয়েছিলো। তা সত্ত্বেও পানোভ জোর ক’রে নিজেকে এসবে জড়িত করেছিলো। তাকে যদি সিকিউরিটি ক্লিয়ারেন্স আর ওয়েবকে চিকিৎসা করার অধিকার না দেয়া হয় তবে সে হাটে হাড়ি ভাঙার হুমকিও দিয়েছিলো। তার যুক্তি ছিলো সোজা- -এক সময় ভুল তথ্যের ওপর ভিত্তি ক’রে কিছু ব্যক্তি ডেভিডকে হত্যা করতে চাইছিলো, আর সেই সব ভুল তথ্য তারই অজ্ঞাতসারে তার মাধ্যমেই ছড়িয়ে দেয়া হয়েছিলো। পুরো ব্যাপারটি এমনভাবে ঘটে যে, সে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলো।

তাকে একজন এসে অজ্ঞাত এক মানসিক রোগী সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলো। সেই রোগীটি ছিলো অসুস্থ মস্তিষ্কের এক এজেন্ট। মারাত্মক এক পরিস্থিতিতে ছিলো পুরো বিষয়টি। তার জবাব ছিলো বেশ সংযত আর অস্পষ্ট— জীবনে কখনও দেখে নি এরকম অচেনা-অজানা রোগীর ডায়াগনোস্টিক সে করবে না। কিন্তু ওয়েব আর তার কাছে অচেনা ছিলো না। তার কথা শুনেই ওয়েবের হত্যা পরিকল্পনা বানচাল হয়ে যায়।

মরিস পানোভ যে শুধু ওয়াল্টার রিড হসপিটালে আর পরে ভার্জিনিয়া মেডিকেল কমপ্লেক্সে তার সাথে এসেছিলো তাই নয়, বস্তুত সে-ই ওয়েবের সব ঝামেলা সামাল দিয়েছিলো। বোকার দল, এই শালার লোকটা স্মৃতিশক্তি হারিয়েছে! আর এই কথাটা সে দিনের পর দিন একেবারে সহজ-সরল ইংরেজিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তোমাদের জটিল মন তা মানতে নারাজ।

তারা দু’জনে বেশ কয়েক মাস একসাথে কাজ করে, প্রথমে ডাক্তার এবং রোগী হিসেবে, শেষে বন্ধু হিসেবে। মেরিও যথেষ্ট শ্রদ্ধা করে মরিসকে, আর তাছাড়া ওর একজন শক্তহাতেরও দরকার ছিলো। ডেভিড তার স্ত্রীর জন্যে ছিলো অবর্ণনীয় এক বোঝা। সুইজারল্যান্ড সেই প্রথম দিনগুলো থেকেই মেরি তার অন্তরের যন্ত্রণা বুঝতে শুরু করে। ডেভিডের অনিচ্ছা সত্ত্বেও সে তাকে দৃঢ়ভাবে সাহায্য করে গেছে। এমনকি সে কখনও বিশ্বাস করে নি যা ডেভিড নিজেই বিশ্বাস করতো, সে বারবার তাকে বোঝাতো যে, সে কোনো হত্যাকারী নয় যেমনটা সে নিজেকে ভাবে। সে কোনো গুপ্তঘাতকও নয় যেমনটা অন্যেরা ভেবে থাকে। তার এই বিশ্বাসই ডেভিডকে বাঁচার নতুন আশা দেখায়, তার ভালোবাসাই ডেভিডকে সুস্থ ক’রে তোলে। মেরিকে ছাড়া সে একজন প্রেমহীন, হতাশ, লক্ষ্যহীন মানুষ আর মরিসকে ছাড়া সে একজন অকেজো, নষ্ট যন্ত্র মাত্র। কিন্তু এ দু’জনকে সাথে পেয়ে ডেভিড দ্রুত সেই বিপজ্জনক কুয়াশা থেকে বেরিয়ে আসে, ফিরে আসে আবার আলোর মাঝে।

দুপুরের সেমিনারটির পরে ওয়েব প্রায় ঘণ্টাখানেক সময় এই ঠাণ্ডা পথে দৌড়ালো। তার সাপ্তাহিক সেমিনারগুলো প্রায়ই বেশ দেরিতে শেষ হয়, মেরিও তাই কখনও আগে-ভাগে ডিনারের প্ল্যান করে না। হয়তো তারা বাইরে কোথাও খেতে যাবে, পেছনে থাকবে তাদের দু’জন বিচক্ষণ বডিগার্ড। এদের সহজে দেখাই যায় না, যেমন এখন একজন মাঠে ওয়েবের পেছনে পেছনে হাটছে। এতোদূরে যে কোনোমতে তাকে দেখা যাচ্ছে। আরেকজন নিঃসন্দেহে জিমের ভেতরে অপেক্ষা করছে। একটি প্রতিচ্ছবি হঠাৎ হঠাৎ তার মনে জেগে ওঠে, তাই সে পানোভের নির্দেশ অনুযায়ী নিজেকে শারীরিক পরিশ্রমে ব্যস্ত রাখছে সে। অফিসে কাগজ ঘাটার সময় একটি প্রতিচ্ছবি তার সামনে ভেসে উঠেছিলো। এটি একটি মুখের প্রতিচ্ছবি, মুখটিকে সে খুব ভালো করেই চিনতো, প্রচণ্ড ভালবাসতো। একটি ছেলের মুখ যা তার মনের পর্দায় ভেসে উঠেছে—ইউনিফর্ম পরা, অসুস্থ, অস্পষ্ট ছবিটি। নিঃশব্দে তার চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়তেই বুঝতে পেরেছিলো এটা তার সেই মৃত ভাইয়ের ছবি যার কথা সবাই তাকে বলে থাকে। কয়েক বছর আগে ভয়ানক যুদ্ধের মাঝে তাম কুয়ান জঙ্গল থেকে এই যুদ্ধবন্দীকে সে জীবন বাজি রেখে উদ্ধার করেছিলো। আর সেই সময়ই জেসন বর্ন নামের এক বিশ্বাসঘাতককে সে হত্যা করে। এই বিভৎস আর খণ্ড খণ্ড স্মৃতিগুলো সে সামলাতে পারে নি। তার মাথা ধরে গিয়েছিলো, সেমিনারটি কোনোমতে শেষ ক’রে সে বের হয়ে যায়। তাকে এই চাপ থেকে বের হয়ে আসতে হবে, আর তারই ভেতরের মানুষটি জানতো কি ক’রে সেটা সম্ভব। তার মন তাকে বলছিলো জিমে যেতে, না হয় বাতাসের জোরালো গতির বিপরীতে দৌড়াতে।

সে চায় নি তার প্রতিটি স্মৃতির দরজা মেরির ওপর বোঝা হয়ে দাঁড়াক, সে তাকে খুবই ভালোবাসে। বিশেষ ক’রে যখন সে নিজেই নিজেকে সামলাতে পারে, তখন তাকে সেটাই করতে হয়। এটা তার নিজের কাছে করা একটি প্রতিজ্ঞা।

ভারি দরজাটি খুললো সে, ভাবলো কেন প্রতিটি জিমনেসিয়ামেরই প্রবেশপথ এমন ভারি স্লাইজিং গেট দিয়ে তৈরি করা হয়। ভেতরে ঢুকে পাথরের মেঝেটির ওপর দিয়ে হেটে একটি সাদা দেয়ালের করিডোর দিয়ে যেতে থাকলো যতোক্ষণ না ফ্যাকাল্টি লকার রুমের দরজার কাছে পৌঁছালো। রুমটা ফাঁকা থাকায় সে খুশি হলো, কারণ সামন্য কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিলো না, আর যদি তাকে সত্যিই কারো মুখোমুখি হতে হতো তাহলে হয়তো সে গোমড়ামুখে, অদ্ভুতভাবে জবাব দিতো। আর না হয় সে তার চিরাচরিত রাগান্বিত ভঙ্গিতে তাকাতো। এখন প্রায় শান্ত হয়ে এসেছে সে। তাকে ধীরে ধীরে সামলাতে হবে, নিজের ভেতরটাকে, তারপর মেরিকে।

হায় ঈশ্বর, এগুলো সব কবে থামবে! আমি আর কতো তাকে কষ্ট দেবো। তাকে কখনও কিছু বলার প্রয়োজন পড়ে না, মেরি নিজে থেকেই সব বুঝে নেয়।

ওয়েব লকারের সারির কাছে পৌঁছালো। তার নিজেরটা একেবারে শেষপ্রান্তে। লম্বা কাঠের বেঞ্চ আর জোরা লাগানো লোহার ক্যাবিনেটগুলোর পাশ দিয়ে যখন হাটছে এমন সময় হঠাৎই একটি জিনিস তার নজরে পড়লো। সঙ্গে সঙ্গে ছুটে সামনে গেলো সে। একটা ভাঁজ করা নোট তার লকারে টেপ দিয়ে আঁটকানো। টেপটি ছিড়ে ফেলে সেটি খুললো আপনার স্ত্রী ফোন করেছিলো। তিনি বলেছেন আপনি যেনো তাকে ফোন করেন, যতো দ্রুত সম্ভব। বলেছেন এটা জরুরি, রাল্ফ।

জিমের লোকগুলোর যদি বাইরে গিয়ে তাকে ডাকার বুদ্ধি থাকতো, লকারের কম্বিনেশন মিলিয়ে দরজা খুলতে খুলতে ডেভিড ভাবলো। সে খুব রেগে গেছে। ট্রাউজারের পকেট হাতড়ে খুচরো পয়সা বের করে দৌড়ে দেয়ালের পে-ফোনের দিকে গেলো সে। একটা পয়সা ঢুকালো, অস্থিরতায় তার হাত কাঁপছে। আর সে জানে কেন। কারণ মেরি এর আগে কখনই ‘জরুরি’ শব্দটি ব্যবহার করে নি। সে সাধারণত এ ধরণের শব্দ এড়িয়ে চলে।

“হ্যালো?”

“কি হয়েছে?”

“আমার মনে হয়েছিলো তুমি সেখানেই থাকবে,” তার স্ত্রী বললো। “মরিসের সর্ব রোগের ঔষুধ সে গ্যারান্টি দিয়েছে এই শারীরিক কসরৎ তোমাকে সম্পূর্ণ সারিয়ে তুলবে, অবশ্য তোমার যদি হার্ট এ্যাটাক না হয়।”

“কি হয়েছে?”

“ডেভিড, বাসায় আসো। কেউ একজন এসেছে তোমার সাথে দেখা করতে। ডার্লিং, তাড়াতাড়ি এসো।”

স্টেটের আন্ডারসেক্রেটারি এডওয়ার্ড ম্যাকঅ্যালিস্টার তার পরিচয় যথেষ্ট সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাথে কিছু এমন তথ্যও যোগ করলো যা থেকে ওয়েব বুঝতে পারলো সে ডিপার্টমেন্টের নিম্নপদস্থ কোনো শ্রেণী থেকে আসে নি। অপরদিকে সে তার গুরুত্বও ততোটা তুলে ধরলো না। সে একজন সাবধানী কূটনীতিক, এতোটাই আত্মবিশ্বাসী যে তার দক্ষতার বিষয়টি পুরো আবহাওয়াই বদলে দিতে পারে।

“আপনি যদি চান, মি: ওয়েব, আমাদের কথাবার্তা আরো কিছুক্ষণ পরেও চলতে পারে, ইতিমধ্যে আপনি একটু জিরিয়ে নিতে পারেন।” তার ইঙ্গিত ডেভিডের পোশাকের দিকে, সে এখনও ঘামে ভেজা শট্স আর টি-শার্ট পরে আছে, লকার থেকে কাপড় নিয়ে দ্রুত জিম থেকে বের হয়ে দৌড়ে গাড়িতে উঠেছিলো।

“আমার তা মনে হয় না,” সে বললো। “আমার মনে হয় না আপনার কথাবার্তা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে, বিশেষ ক’রে আপনি যে জায়গা থেকে এসেছেন, মি: ম্যাকঅ্যালিস্টার।”

“বসো, ডেভিড,” মেরি সেন্ট জ্যাক ওয়েব তাদের হাতে দুটি তোয়ালে নিয়ে লিভিং রুমে এলো। “আপনিও বসুন, মি: ম্যাক্‌অ্যালিস্টার।” সে ওয়েবের হাতে একটি তোয়ারে দিলে তারা দু’জনেই একসাথে বসলো। আগুনহীন ফায়ারপ্লেসের পাশে তাদেরকে মুখোমুখি বসিয়ে সে তার স্বামীর পেছনে গিয়ে তার কাঁধ আর ঘাড়ে দ্বিতীয় তোয়ালেটি দিয়ে ঘাম মুছতে লাগলো। একটি টেবিল ল্যাম্পের আবছা আলো তার চুলের লালচে আভা ফুটিয়ে তুলছে, ছায়ার মাঝে তাকে আরো অপরূপ লাগেেছ, তার দৃস্টি স্টেট ডিপার্টমেন্ট থেকে আসা লোকটির ওপর স্থির।

“প্লিজ, এবার শুরু করুন,” বললো মেরি। “গভর্নমেন্ট আমাকে সবকিছু শোনার ক্লিয়ারেন্স দিয়েছে।”

“এটা নিয়ে আবার প্রশ্ন উঠছে কেন?” ডেভিড জিজ্ঞেস করলো, তার স্ত্রীর দিকে তাকালো সে, তারপর উপস্থিত অতিথির দিকে। তার চেহারায় আক্রমণাত্মক ভাব যা সে মোটেও লুকানোর চেষ্টা করছে না।

“না না, এটা কোনো সমস্যাই নয়,” মৃদু হেসে ম্যাকঅ্যালিস্টার জবাব দিলো, যদিও তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে। “যারাই আপনার স্ত্রীর অবদান সম্পর্কে অবগত তাদের কেউই তাকে বাদ দেয়ার সাহস করবে না। যেখানে আর সবাই ব্যর্থ হয়েছে সেখানেই তিনি সফল।”

“এই তো আপনি বুঝতে পেরেছেন,” ওয়েব মাথা দোলালো।

“কিন্তু এটা বলারও প্রয়োজন পড়ে না।”

“ডেভিড, শান্ত হও, সহজভাবে নেয়ার চেষ্টা করো,” বললো মেরি।

“দুঃখিত,” ওয়েব একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারলো না। “আমি আগেভাগেই আপনার সম্পর্কে সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। আমার এমন করাটা ঠিক হচ্ছে না, তাই না?”

“আমি বলবো আপনার সম্পূর্ণ অধিকার আছে তা করার,” বললো আন্ডারসেক্রেটারি। “আপনার অবস্থানে যদি থাকতাম আমি নিজেই হয়তো তাই করতাম। এটাও সত্যি যে, আমাদের অতীত ইতিহাস প্রায় একই রকম—সূদুর প্রাচ্যে বেশ কয়েক বছর আমার পোস্টিং ছিলো, কিন্তু কেউ আমাকে সেই কাজটি করার প্রস্তাব দেয় নি যেটি আপনি গ্রহণ করেছিলেন। আপনি যেসবের মধ্যে দিয়ে গেছেন তা আমার বোধগম্যেরও অনেক বাইরে।”

“আমার নিজেরও বোধগম্যের বাইরে।”

“আমি কোনো পক্ষপাতীত্ব করছি না। ঈশ্বরই জানেন, ব্যর্থতার জন্য আপনি দায়ি নন।”

“আপনি যথেষ্ট সহানুভূতি দেখাচ্ছেন। তবে কিছু মনে করবেন না, আপনার এই অত্যাধিক সহানুভূতি যে পক্ষ থেকে আপনার আগমন — সবকিছু কেমন জানি আমাকে নার্ভাস ক’রে তুলছে।”

“তাহলে আসল কথায় আসা যাক, ঠিক আছে?”

“প্লিজ।”

“আশা করি আপনি এখনও আমার ব্যাপারে কোনো আগাম সিদ্ধান্ত নেন নি। আমি আপনার শত্রু নই, মি: ওয়েব। আমি আপনার বন্ধু হতে চাই। আমি একটি বাটন টিপ দিলেই আপনার জন্য সাহায্য হাজির হবে, তারা আসবে আপনাকে রক্ষা করতে।”

“কিসের থেকে?”

“এমন কিছু থেকে যা কেউ কখনও আশা করে নি।”

“বলে ফেলুন, আমি প্রস্তুত।”

“এখন থেকে ঠিক বিশ মিনিট পরে আপনার সিকিউরিটি দ্বিগুণ করা হবে,” বললো ম্যাকঅ্যালিস্টার, তার চোখ ডেভিডের ওপর স্থির।

“এটি আমারই সিদ্ধান্ত, আর যদি প্রয়োজন মনে করি তাহলে তা চারগুণ করা হবে। এই ক্যাম্পাসে আগত প্রাতিটি ব্যক্তিকে খুঁটিয়ে দেখা হবে, প্রতি ঘণ্টায় গ্রাউন্ড চেক করা হবে। এখানকার গার্ডগুলো শুধুমাত্র দূর থেকে আর আপনাদের নজরে রাখবে না, বরং তাদেরকেও আপনারা কাছ থেকেই দেখতে পাবেন। এটা খুবই জরুরি আর খুবই বিপজ্জনক।”

“হায় ঈশ্বর!” ওয়েব চেয়ারের সামনে ঝুঁকলো। “এটা কি কার্লোস?”

“আমরা তা মনে করছি না,” স্টেট থেকে আসা লোকটি মাথা নাড়িয়ে বললো।

“আমরা যদিও কার্লোসের আশংকা পুরোপুরি বাদ দিচ্ছি না তবে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি।”

“ওহ্?” ডেভিড মাথা দোলালো। “তাই হবে। কারণ এটা যদি জ্যাকেল হতো, তাহলে আপনাদের লোক সর্বত্র লুকানো অবস্থায় ছড়িয়ে থাকতো। আপনারা তাকে আমার পেছনে আসতে দিতেন আর সুযোগ মতো ধরে ফেলতেন। মাঝখান দিয়ে আমার প্রাণটা গেলেও কারো কিছু এসে যেতো না।”

“আমার তাতে অনেক কিছুই এসে যায়। আপনাকে আমি বিশ্বাস করতে জোর করছি না, কিন্তু জেনে রাখুন, এটাই আমার মনের কথা।”

“ধন্যবাদ, কিন্তু এরপরে আপনি কি বলতে চাচ্ছেন?”

“আপনার ফাইলটি ভাঙা হয়েছে মানে, ট্রেডস্টোন ফাইলটিতে কেউ অনধিকার প্রবেশ করেছে।”

“প্রবেশ করেছে? কোনো রকম অনুমতি ছাড়াই?”

“না, ঠিক তা নয়। প্রথমে অনুমতি ছিলো, কারণ একটা সংকট দেখা দিয়েছিলো, আমাদের হাতেও অন্য কোনো উপায় ছিলো না। তারপর হঠাৎই সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এখন আমরা আপনাকে নিয়ে খুবই চিন্তায় আছি।”

“ফাইলটা কে নিয়েছে?”

“ভেতরের একজন লোক। ভেতরের এবং অনেক উপরের দিকের। তার প্রশংসাপত্র সবার উপরে, কেউ তার দিকে সন্দেহের তীর ছুড়বে না।”

“লোকটি কে?”

“একজন বৃটিশ এম.আই-৬ সদস্য, যে হংকংয়ের বাইরে কাজ করছে, এমন একজন লোক যার ওপর সি.আই.এ বছরের পর বছর আস্থা রেখে এসেছে। সে কিছুদিন আগে ওয়াশিংটনে গিয়ে সরাসরি এজেন্সিতে তার সবচেয়ে কাছের লোকটির সাথে যোগাযোগ করে। জেসন বর্ন সম্পর্কিত সকল তথ্য তার কাছে দেয়ার আবেদন জানায়। সে দাবি করে তার এলাকায় এমন একটি সংকট দেখা দিয়েছে যা ট্রেডস্টোন ফাইলের সাথে সরাসরি জড়িত। সে এও পরিস্কার ক’রে দেয় যে, যদি কোনো স্পর্শকাতর তথ্য বৃটিশ আর আমেরিকান ইন্টেলিজেন্সের মাঝে আদানপ্রদান করার প্রয়োজন পড়ে তাহলে তা আদান প্রদান হতে দেওয়া উচিত। সে এটাও বলে যে, তার আবেদন যতো দ্রুত অনুমতি পাবে ততোই মঙ্গল হবে।”

“তাকে জোরালো যুক্তি ছাড়া ফাইল দেখতে দেওয়া উচিত হয় নি।”

“সে জোরালো যুক্তিই দিয়েছিলো,” ম্যাকআলিস্টার নার্ভাসভাবে বললো। “সেটা কি?”

“জেসন বর্ন ফিরে এসেছে,” শান্তভাবে বললো ম্যাকঅ্যালিস্টার। “সে আবার হত্যাযজ্ঞ শুরু করেছে। কাউলুনে।”

মেরি লম্বা একটি দীর্ঘশ্বাস ফেললো। সে তার স্বামীর ডান কাঁধ শক্ত ক’রে আঁকড়ে ধরলো। তার বাদামী বড় চোখ দুটোয় সঞ্চার হলো ক্ষোভ আর ভয়ের। সে চুপচাপ স্টেট থেকে আসা লোকটির দিকে তাকিয়ে রইলো। ওয়েব একটুও নড়লো না। উল্টো সে ম্যাকঅ্যালিস্টারকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলো।

“কি আবোল তাবোল বকছেন?” বিস্ময়ে ফেঁটে পড়লো সে, তারপর গলারস্বর চড়িয়ে বললো, “জেসন বর্ন—সেই জেসন বর্নের আর কোনো অস্তিত্ব নেই। কখনও ছিলোও না।”

“সেটা আপনিও জানেন, আমরাও জানি, কিন্তু এশিয়াতে তার কাহিনীগুলো এখনও বেঁচে আছে। আপনিই সেটা তৈরি করেছেন, মি: ওয়েব, খুবই অসাধারণভাবে, অন্তত আমার দৃষ্টিতে সেটা অসাধারণই।”

“আপনার দৃষ্টিতে আমার অবস্থান কোথায় আছে তা জানার কোনো আগ্রহ আমার নেই, মি: ম্যাকঅ্যালিস্টার,” তার স্ত্রীর হাতটি সরিয়ে চেয়ার থেকে উঠতে উঠতে বললো ডেভিড। “এই এম.আই-৬ এজেন্ট কিসের ওপর কাজ করছে? তার বর্তমান অবস্থান কি, তার রেকর্ড কি বলছে? আপনারা নিশ্চয়ই তার ওপর নতুন ক’রে খোঁজ খবর করছেন?”

“অবশ্যই করেছি, কিন্তু অস্বাভাবিক কিছুই ধরা পড়ে নি। লন্ডন কনফার্ম করেছে তার অসামান্য পারফরম্যান্স রেকর্ড, তার বর্তমান অবস্থান, এমনকি সে যে তথ্য আমাদের কাছে নিয়ে এসেছিলো সেটাও। এম.আই-৬’এর চিফ পোস্টে থাকার কারণে হংকং পুলিশ তাকে ডাকতে বাধ্য হয়, কারণ সেখানকার ঘটনাগুলো যথেষ্ট উত্তেজক প্রকৃতির ছিলো। পুরো ফরেন অফিসই তাকে সাপোর্ট দিচ্ছিলো।”

“ভুল!” মাথা নাড়িয়ে চেঁচিয়ে উঠলো ওয়েব, তারপর তার গলার স্বর নীচু ক’রে বললো, “সে পথ পাল্টেছে, মি: ম্যাকঅ্যালিস্টার! কেউ তাকে ভালো অঙ্কের টাকা দিয়েছে ওই ফাইলটির জন্যে। সে মিথ্যার আশ্রয় নিয়েছে আর আপনারা সবাই বোকার মতো তা নিয়ে বসে আছেন।”

“যেভাবে সে বলেছিলো তাতে আমি বিশ্বাস করি সে মিথ্যা বলে নি। অকাট্য প্রমাণে বিশ্বাস করে সে, আর লন্ডনও তাতে সায় দিয়েছে। একজন জেসন বর্ন এশিয়াতে ফিরে এসেছে।”

“আর যদি আমি বলি সেন্ট্রাল কন্ট্রোল শুধু এই প্রথমবারই এমন মিথ্যা গেলে নি, এমনটা আগেও বেশ কয়েকবার হয়েছে। পরিশ্রমী, অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত স্বল্প বেতনভুক্ত লোকগুলো প্রায়ই এমনটা করছে। বছরের পর বছর, ঝুঁকির পর ঝুঁকি সামলে বিনিময়ে তারা কি পাচ্ছে? না, সে তার আজীবনের জন্যে একটা বড় দান মারার সুযোগ কাজে লাগিয়েছে মাত্র। আর এক্ষেত্রে এই বড় দানটা হচ্ছে সেই ফাইল!”

“যদি তাই হয়ে থাকে, তাহলে সে খুব একটা ভালো পথ বেছে নেয় নি। কারণ তাকে মরতে হয়েছে।”

“কি…?”

“দু’রাত আগে তাকে কাউলুনে গুলি করে হত্যা করা হয়, তার নিজের অফিসে, তার হংকং পৌঁছানোর মাত্র এক ঘণ্টা পরেই

“অসহ্য, এ হতে পারে না!” হতবিহ্বল হয়ে বললো ডেভিড। “একজন লোক যদি এভাবে ধোঁকা দেবার জন্যে মনস্থির ক’রে থাকে তবে সাথে সাথে সে নিজের পিঠ বাঁচানোরও ব্যবস্থা করবে। যাদের সাথে কাজ করবে তাদেরকে বুঝিয়ে দেবে যে, তার কোনো খতি কিছু হলে ঠিক সময়ে ঠিক লোকদের হাতে সেই ফাইল পৌঁছে যাবে। এই ফাইলই তার ইন্সুরেন্স, তার একমাত্র ইন্সুরেন্স।”

“সে নির্দোষ ছিলো,” বললো স্টেট ডিপার্টমেন্টের লোকটি।

“অথবা গর্দভ,” যোগ করলো ওয়েব।

“এরকমটি কেউ মনে করছে না।”

“তবে তারা কি মনে করছে?”

“তারা মনে করছে সে একটি গোপন সূত্র ধরে এগোচ্ছিলো, এমন একটি সূত্র যা ইঙ্গিত দেয় হংকং এবং মাকাওর আন্ডারওয়ার্ল্ডে নৃশসংতার এক বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। সুশৃঙ্খল অপরাধগুলো সব হঠাৎই বিশৃঙ্খল হয়ে পড়বে, অনেকটা বিশ ত্ৰিশ দশকের চায়নিজ গুপ্ত সমিতি টঙ্গ’দের সহিংসতার মতো। মৃতদেহের স্তূপ গড়ে উঠছে। শুধু গ্যাংগুলো দাঙ্গা-হাঙ্গামায় মেতে উঠছে, ব্যবসাকেন্দ্রগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, গুদামঘর থেকে শুরু ক’রে কার্গো শিপগুলোও সব বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে, কখনও প্রতিশোধের নেশায়, কখনও বা প্রতিদ্বন্দ্বীকে হঠানোর জন্যে। অনেকসময় এমনটা করার জন্য দলগুলোর মাঝে গন্ডগোল বাধিয়ে দেয়া হচ্ছে, আর নেপথ্যে আছে একজন জেসন বর্ন।”

“কিন্তু যেখানে আসলে কোনো জেসন বর্নই নেই, সেখানে তো এটা পুলিশের কাজ! এম.আই-৬’র নয়।”

“মি: ম্যাকঅ্যালিস্টার এইমাত্রই বললেন যে, লোকটিকে হংকং পুলিশ ডেকে পাঠিয়েছে,” কঠোর দৃষ্টিতে আন্ডারসেক্রেটারির দিকে তাকিয়ে মেরি মাঝখান দিয়ে বলে উঠলো। “এম.আই-৬ নিশ্চয়ই হংকং পুলিশদের সাথে একমত যে, এটা বর্নের কাজ। কিন্তু কেন?”

“এটা অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া আর কিছুই নয়,” বিরক্ত কণ্ঠে বললো ডেভিড।

“জেসন বর্ন তো পুলিশ কর্তৃপক্ষের সৃষ্ট কোনো চরিত্র নয়,” স্বামীর পক্ষ নিয়ে বললো মেরি। “ইউ.এস ইন্টেলিজেন্স তৈরি করেছে তাকে, স্টেট ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী। আমার সন্দেহ হচ্ছে এম.আই-৬ নিজেদেরকে এর সাথে জড়াচ্ছে আরো বিশেষ কোনো কারণে, শুধুমাত্র জেসন বর্ন নামধারী কোনো খুনিকে ধরার উদ্দেশ্যে নয়। আমি কি ঠিক বলেছি, মি: ম্যাকঅ্যালিস্টার?”

“একদম ঠিক, মিসেস্ ওয়েব। গত দু’দিনে আমাদের সেকশনে অন্য মেম্বারদের সাথে আলোচনার সময় আমি ধারণা করছিলাম আপনি বিষয়টি আমাদের চেয়েও ভালোভাবে বুঝতে পারবেন। এটাকে একটি অর্থনৈতিক সমস্যা হিসেবে অভিহিত করা যেতে পারে, যা পরবর্তীতে ভয়ানক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, শুধুমাত্র হংকংয়েই নয়, সমগ্র বিশ্বে। আপনি তো কানাডিয়ান গভর্নমেন্টের যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ইকোনমিস্ট ছিলেন। কানাডিয়ান অ্যাম্বাসেডর আর অন্যান্য ডেলিগেটদের অনেক বিষয়ে উপদেশও দিয়ে এসেছেন।”

“আপনারা দু’জন কি দয়া ক’রে এই অধমকে একটু খুলে বলবেন, কি হচ্ছে?”

“এখন হংকংয়ের ব্যবসাকেন্দ্রগুলোতে কোনো আঘাত ঘটতে দেয়ার সঠিক সময় নয়, মি: ওয়েব, তা সে অবৈধ ব্যবসাকেন্দ্রই হোক আর না হোক। অর্থনৈতিক আঘাত আর তার সাথে নৃশংসতা যোগ হলে গভর্নমেন্টের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন ওঠে। রেড চায়নার সাম্রাজ্যবাদীদের হাতে নতুন ক’রে আরো অস্ত্র দেয়ার এটা একদম সঠিক সময় নয়।”

“প্লিজ, আরেকটু খুলে বলবেন?”

“১৯৯৭ সালের চুক্তি,” জবাব দিলো মেরি। “একযুগেরও কম সময়ে লিজ নেয়ার চুক্তিটা ফুরিয়ে যাবে আর তাই পিকিংয়ের সাথে আবার দরকষাকষি করতে হবে। তা সত্ত্বেও সবাই খুবই অস্থির, সবকিছুই নড়বড়ে অবস্থায় আছে, কেউই খুব একটা ভালো অবস্থানে নেই। স্থিতিশীলতা বজায় রাখাটাই এখন সবার লক্ষ্য।”

ডেভিড একবার তার দিকে তাকালো, তারপর আবারো ম্যাকঅ্যালিস্টারের দিকে ফিরলো সে। বোঝার ভঙ্গিতে মাথা দোলালো। “বুঝলাম। আমি পেপারে আর ম্যাগাজিনে এ বিষয়ে পড়েছি…কিন্তু সত্যি কথা বলতে কি, ঠিক এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান নেই।”

“আমার স্বামীর আগ্রহ অন্য জায়গায়,” মেরি ম্যাকঅ্যালিস্টারকে বুঝিয়ে বললো। “মানুষ, মানব সভ্যতা, এসবের প্রতি তার আকর্ষণ বেশি।”

“ঠিক,” ওয়েব, সম্মতি জানালো। “তো?”

“আমার ইন্টারেস্ট টাকা নিয়ে, টাকার এক্সচেঞ্জ, টাকার প্রসার, বাজার ও দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা, স্থিতিশীলতা ইত্যাদি। আর হংকংয়ের অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক এর অর্থনীতির ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। এটাই হংকংয়ের প্রধান উপকরণ, এটি ছাড়া এর ইন্ড্রাস্ট্রিগুলো সম্পূর্ণ অচল।”

“আর আপনি যদি স্থিতিশীলতা সরিয়ে নেন তাহলে থাকছে দাঙ্গাহাঙ্গামা,” ম্যাকঅ্যালিস্টার যোগ করলো। “চীনের পুরনো যুদ্ধবাজ নেতাদের জন্য তা হবে একটি চমৎকার হাতিয়ার। এই গণপ্রজাতন্ত্র সকল সম্ভাবনাকে ধামাচাপা দিয়ে ক্রমশ হট্টগোলের দিকে এগিয়ে যাবে, আর তারপর হঠাৎই করেই একটা পরাশক্তি হোচট খাওয়া ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। বেইজিংয়ের শান্ত বুদ্ধিদীপ্ত মস্তিষ্কগুলোকে অগ্রাহ্য করা হবে তাদের জন্য যারা মিলিটারি শাসন কায়েম করে সবাইকে উদ্ধারের নামে লুটপাট শুরু করবে। ব্যাংকিং খাত ধসে পড়বে, সুদূর প্রাচ্য ঝিমিয়ে পড়বে, থাকবে শুধুই সংঘর্ষ।”

“পি.আর.সি তা হতে দেবে?”

“হংকং, কাউলুন, ম্যাকাও আর বাকি সব এলাকা ঠিক যেনো একই শরীরের বিভিন্ন অঙ্গ, এমনকি চায়নাও তা স্বীকার করে। এদের একটি আক্রান্ত হলে বাকিগুলো তার রেশ টের পাবে।”

“আপনি কি বলতে চাচ্ছেন, শুধুমাত্র একজন ব্যক্তি—যে নাকি জেসন বর্ন সেজে আছে—সে একা এতো বড় একটা সংকট সৃষ্টি করতে পারবে? আমি আপনার কথা বিশ্বাস করি না।”

“সেটার সম্ভাবনা এই মুহূর্তে কম মনে হলেও, প্রতিকূল পরিস্থিতিতে তা হতে পারে বৈ কি। আপনিই দেখুন তার কল্পকথা তার সাথেই উড়ে বেড়ায়, তার মাঝে আছে এক অসাধারণ সম্মোহনী আকর্ষণ। পলিটিক্যাল ডান ও বামপন্থীদের লোকেরা অনেক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বর্নের ইমেজকে কাজে লাগিয়ে। এ সকল ষড়যন্ত্রকারী বর্নের নাম ব্যবহার ক’রে আসল খুনিদের আড়াল ক’রে রাখছে। যখন আপনি এটা নিয়ে আরো ভাববেন, দেখবেন তারা ঠিক একইভাবে বর্নের নাম ব্যবহার করছে যেভাবে প্রথমে এটা সৃষ্টি করা হয়েছিলো। দক্ষিণ চায়নার যে কোনো লোককে যখন হত্যা করা হতো, আপনি জেসন বর্ন হিসেবে হত্যার সব দায়ভার তখন কাঁধে নিয়ে নিতেন। আর তার ঠিক দু’বছর পরে ম্যাকাও তে একজন মাতাল ইনফরমার আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, যদিও আপনি শুধু একজনকেই হত্যা করেছিলেন।”

“আমার তা মনে নেই,” বললো ডেভিড।

স্টেটের লোকটি সহানুভূতির ভঙ্গিতে মাথা দোলালো। “জানি, আমাকে আগেই বলা হয়েছে। কিন্তু ভেবে দেখুন, এই হত্যাগুলো যদি প্রভাবশালী আর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে করা হয়, যেমন একজন সম্ভাব্য গভর্নর অথবা পি.আর.সি নেগোশিয়েটার বা সমমর্যাদার কাউকে, তাহলে তো সমগ্র কলোনিটিতে সংঘর্ষ বেধে যাবে।” ম্যাকঅ্যালিস্টার থামলো, চিন্তান্বিতভাবে মাথা ঝাঁকাতে থাকলো। “যাই হোক, এটা আমাদের সমস্যা, আপনার নয়, আর আমি আপনাকে বলছি এ কাজে আমাদের ইন্টেলিজেন্সের সেরা লোকগুলোকে নিয়োগ দেয়া হয়েছে। আপনার সকল চিন্তা শুধু আপনাকে নিয়ে, মিঃ ওয়েব। আর এই মুহূর্তে, কাজের সুবাদে তা আমারও চিন্তার বিষয়। আপনার প্রতিরক্ষা সুনিশ্চিত করতে হবে।

“ওই ফাইলটি,” বললো মেরি, “কাউকেই কখনও দেয়া ঠিক হয় নি।”

“আমাদের আর কোনো উপায় ছিলো না। আমরা কৃটিশদের সাথে অনেক খোলামেলাভাবে কাজ করি, আমাদের প্রমাণ দিতে হতো যে, ট্রেডস্টোন ফাইলের আর কিছু বাকি নেই, তা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর আপনার স্বামীও হংকং থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে।”

“আপনি তাদেরকে বলেও দিয়েছেন আমরা কোথায় আছি?” ওয়েবের স্ত্রী চেঁচিয়ে উঠলো। “কোন্ সাহসে আপনি এমনটা করলেন?”

“আমাদের আর কোনো উপায় ছিলো না,” নিজের কপালে আঙুল দিয়ে ডলতে ডলতে আবারো একই জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার। “বিশেষ কিছু ক্রাইসিসের সময় আমরা একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। আপনার তা বোঝা উচিত।”

“আমি যা বুঝতে পারছি না তা হলো আমার স্বামীর ওপর এরকম কোনো ফাইল ছিলোই বা কেন,” রাগান্বিতভাবে বললো মেরি। “এটা ছিলো প্রচণ্ড গোপন একটি ব্যাপার।”

“ইন্টেলিজেন্সের কিছু নিয়মমাফিক দাবি দাওয়া আছে যা আমাদের মেনে চলতে হয়। এটাই আইন।”

“আরে রাখুন আপনার আইন!” বললো ডেভিড। “আপনি তো আমার ব্যাপারে ভালোই খোঁজখবর করেছেন, বলুন তো আমি কোথা থেকে এসেছি। বলুন তো, মেডুসা ফাইলের রেকর্ডগুলো এখন কোথায় রাখা আছে?”

“আমি তা বলতে পারি না,” জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার।

“ড: পানোভ আপনাদের কাছে কতোই না মিনতি করেছিলো ট্রেডস্টোন ফাইলের সব রেকর্ড নষ্ট করতে,” গম্ভীর কণ্ঠে বললো মেরি। “অথবা নিদেনপক্ষে আমাদের আসল নাম ব্যবহার না করতে, কিন্তু আপনারা তাও করেন নি। কেমন মানুষ আপনারা?”

“আমি হয়তো দুটোতেই রাজি থাকতাম,” বললো ম্যাকঅ্যালিস্টার।

“দুঃখিত, মিসেস ওয়েব। আমি ক্ষমাপ্রার্থী। এসব আমি আসার আগে হয়েছে…তবুও আমি অপরাধবোধে ভুগছি। আপনি ঠিকই বলছেন, হয়তো কোনো ফাইল করাই উচিত হয় নি। অন্যকিছু ক’রে–”

“ঘোড়ার ডিম,” কথার মাঝখানে চেঁচিয়ে উঠলো ডেভিড, তার কণ্ঠস্বর ভয়ংকর শোনাচ্ছে। “এটা অন্য আরেকটি স্ট্র্যাটেজির অংশ, আরেকটি ফাঁদ। আপনারা কার্লোসকে চান, তাকে পাওয়ার জন্যে যা যা দরকার আপনারা করছেন, আর কিছু আপনারা পরোয়া করেন না

“আমি পরোয়া করি, মি: ওয়েব, আর সেটাও হয়তো আপনি বিশ্বাস করবেন না। আমি সুদূর প্রাচ্যের লোক ছিলাম, আমার কাছে জ্যাকেলের কি মূল্য? সে একটি ইউরোপিয় সমস্যা।”

“আপনি কি বলতে চাচ্ছেন, আমার জীবনের তিনটি বছর ধরে আমি যাকে ধাওয়া করলাম, তার কোনো মূল্যই নেই?”

“না, আমি তা বলছি না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর কখনও কখনও আরো খারাপ পরিস্থিতির আবির্ভাব ঘটে।”

“হায় ঈশ্বর!”

“শান্ত হও, ডেভিড,” বললো মেরি, তার মনোযোগ এখনও স্টেটের লোকটির দিকে, যে কিনা বিবর্ণ মুখে চেয়ার ব’সে আছে। “আসুন, আমরা সবাই বিষয়টিকে হালকাভাবে নেই।” তারপর সে তার স্বামীর চোখে চোখ রাখলো। “আজ দুপুরে আবার কিছু হয়েছিলো, তাই না?”

“আমি তোমাকে পরে বলবো।”

“ঠিক আছে,” মেরি আবার ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। চেয়ারে হেলান দিলো ডেভিড। ম্যাকঅ্যালিস্টারকে আরো ক্লান্ত আর হতবিহ্বল দেখাচ্ছে, তার বয়স যেনো এই কয়েক মিনিটেই আরো বেড়ে গেছে।

“আপনি আমাদের যা কিছু বলেছেন তা সবকিছুই একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে, তাই নয় কি?” সে স্টেটের লোকটির দিকে তাকিয়ে বললো। “আরো কিছু আছে যা আপনি আমাদেরকে বলতে চান।”

“হ্যাঁ, আর এটা বলা আমার পক্ষে সহজ নয়। প্লিজ, এটা মাথায় রাখবেন আমি মাত্র কিছুদিন আগে এই কাজের দায়িত্ব নিয়েছি, আর মি: ওয়েবের ফাইল ঘাটার সম্পূর্ণ ক্লিয়ারেন্সও পেয়েছি।”

“এর মধ্যে কি কম্বোডিয়ায় তার স্ত্রী ও সন্তানদের বিষয়টিও পড়ে?”

“হ্যাঁ।”

“ঠিক আছে, বলে যান যা বলতে চাচ্ছেন।”

ম্যাকঅ্যালিস্টার তার চিকন আঙুলগুলো দিয়ে আবার তার কপাল মেসেজ করতে শুরু করলো। “আমরা যতোদূর জানতে পেরেছি, লন্ডন পাঁচ ঘণ্টা আগে যা কনফার্ম করেছে তা হলো আপনার স্বামীও এখন টার্গেট হতে পারে। কেউ একজন তাকে মারতে চাচ্ছে—”  

“কিন্তু এটা কার্লোস দি জ্যাকেল নয়,” সামনে এগিয়ে এসে বললো ওয়েব।

“না। আমরা এখনও এরকম কোনো কানেকশন খুঁজে পাই নি।”

“আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?” মেরি প্রশ্ন করলো ডেভিডের চেয়ারে হাতলে বসে। “আপনি ঠিক কতোটুকু জেনেছেন?”

“কাউলুনের সেই এম.আই-৬ অফিসারের কাছে অনেক সেনসিটিভ পেপার ছিলো, যার একেকটা হংকং-এ চড়া দামে বিক্রি করা যেতো। তাসত্ত্বেও, শুধুমাত্র ট্রেডস্টোন ফাইলটি—জেসন বর্নের ফাইলটিই তারা হাত করলো। লন্ডন তাই আমাদেরকে জানিয়েছে। তাদের হাবভাবে মনে হচ্ছে শুধুমাত্র একটি লোককেই তারা চায়, শুধু জেসন বর্নকে।”

“কিন্তু কেন?” মেরি চিৎকার ক’রে বললো। তার হাত ডেভিডের হাতের কব্জি শক্ত ক’রে ধরে আছে।

“কারণ একজনকে খুন করা হয়েছে,” শান্তকণ্ঠে জবাব দিলো ওয়েব। “আর কেউ তার প্রতিশোধ নিতে চাইছে।”

“আমরা সেটাই বের করার চেষ্টা করছি,” হালকাভাবে মাথা ঝাঁকিয়ে সায় দিলো ম্যাকঅ্যালিস্টার। “আর এ ব্যাপারে আমরা কিছু দূর অগ্রসরও হয়েছি।”

“কাকে খুন করা হয়েছে,” প্রশ্ন করলো প্রাক্তন জেসন বর্ন।

“জবাবটা দেওয়ার আগে আপনার এটা জেনে রাখা উচিত যে, আমরা যা কিছু জেনেছি তার পুরোটাই আমাদের হংকংয়ের প্রতিনিধিরা বের করেছে। এর আগাগোড়া পুরোটাই একটি ধারণা মাত্র, কোনো প্রমাণ নেই।”

“হংকং প্রতিনিধি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? বৃটিশরা কি ঘাস কাটছিলো? আপনারাই তো তাদেরকেই ট্রেডস্টোন ফাইলটি দিয়েছিলেন।”

“কারণ তারা আমাদেরকে প্রমাণ দিয়েছিলো একজনকে হত্যা করা হয়েছে এমন একটি নাম ব্যবহার ক’রে যা ট্রেডস্টোন ফাইলের তৈরি, আমাদের তৈরি, নামটা হলো জেসন বর্ন। তারা আমাদেরকে তাদের এম.আই-৬ সোর্সের তথ্য দিতে ততোটা অনিচ্ছুক যতোটা আমরা তাদেরকে আমাদের কনডাক্টারদের তথ্য দিতে অনিচ্ছুক। মৃত লোকটির সোর্স কে ছিলো তা বের করার জন্য আমাদের লোকেরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করছে, প্রতিটি সম্ভাবনা খুঁটিয়ে দেখছে। কারণ আমাদের বিশ্বাস তার মূল সোর্সদের কেউই তার মৃত্যুর জন্য দায়ি। ম্যাকাও’তে তারা একটি গুজবকে কেন্দ্র করে এগিয়ে ছিলো, যদি পরে তা গুজবের চেয়ে বেশি কিছুতে পরিণত হয়।”

“আবারো জানতে চাইছি,” বললো ওয়েব। “কাকে মারা হয়েছে?”

“একজন মহিলাকে,” স্টেটের লোকটি জবাব দিলো। “ইয়াও মিঙ্গ নামের একজন তাইপান ব্যাংক মালিকের স্ত্রী, হংকংয়ের ব্যাংকটি যার বিশাল সম্পদের অনু পরিমাণ অংশমাত্র। তার অর্থবিত্ত এতোই বেশি যে, বেইজিং তাকে একজন বিনিয়োগকারী এবং কনসালটেন্ট হিসেবে বেইজেংয়ে আবারো স্বাগতম জানিয়ে গ্রহণ করেছিলো। সে খুবই ক্ষমতাসীন, প্রভাবশালী এবং ধরাছোঁয়ার বাইরে।”

“খুনের ধরণ?”

“খুবই জঘন্য, তবে অস্বাভাবিক নয়। তার স্ত্রী ছোটোখাটো একজন অভিনেত্রী ছিলো, কিছু লোকাল ফিল্মে কাজও করেছে সে, বয়সে তার হাজবেন্ডের চেয়ে অনেক ছোটো ছিলো। কার্তিকের কুত্তার মতোই তার সচ্চরিত্রা ছিলো, কিছু মনে করবেন না—”

“প্লিজ, বলতে থাকুন,” মেরি বললো।

“তাসত্ত্বেও সেই ব্যাংকার বিষয়টিকে অন্যভাবে নিয়েছে, তার কাছে তার স্ত্রী ছিলো স্বল্পবয়সী, সুন্দর একটি ট্রফি। তার স্ত্রী ছিলো কলোনির আলোচনার কেন্দ্রবিন্দু। মূলত আজেবাজে চরিত্রগুলোর কাছে। এক সপ্তাহে হয়তো সে ম্যাকাও’তে প্রচুর পরিমাণে জুয়া খেলতো তো পরের সপ্তাহে সিঙ্গাপুরে গিয়ে টাকা ঢালতো, আবার কখনো কখনো মরণপন পিস্তল খেলার বাজি লাগাতে সমুদ্রতীরবর্তী আফিম হাউজে যেতো। টেবিলের দু’প্রান্তে বসা লোকগুলো যখন একে অপরের জীবন নেয়ার চেষ্টা করতো তখন কে বাঁচবে আর কে মরবে তার ওপর হাজার হাজার ডলার বজি ধরতো ঐ মহিলা। বলাই বাহুল্য, ওসব জায়গায় ড্রাগসের ব্যাপক ছড়াছড়ি। তার শেষ প্রেমিকও ছিলো ড্রাগসের একজন ডিস্ট্রবিউটর। তার সাপ্লায়াররা সব ক্যান্টনের গুয়াঙ্গঝোউ এলাকার। লোক মা চৌউ সীমান্তের পূর্ব দিকের গভীর সমুদ্রপথ পর্যন্ত বিস্তৃত তার এই ড্রাগ রুট।”

“আপনাদের রিপোর্ট অনুযায়ী, এই গভীর পুকুরে অনেক রুই কাতলা থাকার কথা,” বাধা দিয়ে বললো ওয়েব। “তাসত্ত্বেও আপনাদের নজরে এই ডিস্ট্রবিউটরের ওপর পড়লো কিভাবে?”

“তার কাজের ধরণই আমাদের নজর কাড়ে, তার প্রসার এতো দ্রুত ঘটে যে, ক্রমশ তার তার শহরে, অথবা আপনি পুকুরও বলতে পারেন, অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করে চলছিলো। চাইনিজ মেরিনদের ঘুষ দিয়ে তাদের বোটগুলো ডুবিয়ে দিচ্ছিলো, একের পর এক ক্রুদের গায়েব ক’রে দিচ্ছিলো। প্রাথমিক পর্যায়ে তার এই পদ্ধতি যথেষ্ট কার্যকর ব’লে মনে হলেও বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া কিছু লাশ নদীর তীরে পাওয়া গেলে এই দলগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ব্যাংকারের স্ত্রীর প্রেমিক এই এই ডিস্ট্রবিউটরকে মারার জন্য টার্গেট করা হয়।”

“এ ধরণের পরিস্থিতিতে তাকে নিশ্চয়ই আগাম সতর্ক করা হয়েছিলো। তার উচিত ছিলো ডজনখানেক বডিগার্ড নিয়ে নিজেকে নিরাপদে রাখা।”

“একদম ঠিক। আর এ ধরণের নিরাপত্তা ভেদ করার জন্য দরকার অসামান্য প্রতিভার। তার প্রতিপক্ষ সেই প্রতিভাকেই ভাড়া করে।”

“বর্ন,” ফিফিস্ ক’রে বললো ডেভিড, মৃদু মাথা ঝাঁকিয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো সে।

“ঠিক,” যোগ করলো ম্যাকঅ্যালিস্টার। “দু’সপ্তাহ আগে সেই ড্রাগ ডিলার আর ইয়াও মিঙ্গের স্ত্রীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় ম্যাকাও’র লিজবোয়া হোটেলের একটি বিছানায়। মৃত্যুটা মোটেও প্রীতিকর ছিলো না; তাদের মৃতদেহ এতোটাই বিকৃত ছিলো যে, তাদেরকে দেখে চেনাই যাচ্ছিলো না। হত্যাকাণ্ডে ইউ.জি মেশিন গান ব্যবহার করা হয়েছে। পুলিশ আর সরকারি কর্মকর্তাদের প্রচুর টাকা ঘুষ দিয়ে পুরো ঘটনাটা ধামাচাপা দেয়া হয়। সেই তাইপান ব্যাংকার নিজেই এটা করেছে।”

“আমি অনুমান করছি,” একঘেয়ে কণ্ঠে বললো ওয়েব, “বর্নের নাম ব্যবহার করে আগেও যে খুনগুলো করা হয়েছে তাতেও ইউ.জি মেশিনগান ব্যবহার করা হয়েছে, ঠিক?”

“কাউলুনের মিস সিম সা সুইয়ের একটি ক্যাবারের কনফারেন্স রুমের বাইরে এই অস্ত্রটা পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে। আর সেই ক্যাবারের ভেতরে পাওয়া গেছে পাঁচটি ক্ষতবিক্ষত দেহ, যার মধ্যে তিনজনই কলোনির বিত্তশালী ব্যবসায়ী। বৃটিশরা বিশদ কিছু ব্যাখ্যা করে নি, কিছু ছবি দেখিয়েছে মাত্র।”

“এই তাইপান, ইয়াঙ্গ মিঙ্গ,” বললো ডেভিড, “সেই অভিনেত্রীর হাজবেন্ড, আপনাদের ধারণা সে-ই এম.আই-৬’র সোর্স, তাই নয় কি?”

“আমাদের লোকেরা জানতে পেরেছে সে এম.আই-৬’র সোর্সদের একজন। বেইজিংয়ে তার অসামান্য প্রভাব তাকে ইন্টেলিজেন্সের জন্য গুরুত্বপূর্ণ ক’রে তুলেছে। বৃটিশদের কাছে সে অমূল্য এক সম্পদ।”

“তারপরেও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, তার প্রাণপ্রিয় স্ত্রীকে”

“আমি বলবো তার প্রাণপ্রিয় ট্রফিকে,” বাধা দিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। “তার ট্রফি কেড়ে নেয়া হয়েছে।”

“বুঝলাম,” বললো ওয়েব। “ট্রফিটা তার স্ত্রীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”

“আমি সুদূর প্রাচ্যে অনেক বছর কাটিয়েছি। সেখানে, মানে ম্যানডারিন-এ একটি কথা বলা হয়, কিন্তু কথাটা এ মুহূর্তে ঠিক মাথায় আসছে না

“রেন ইউ জিয়াজিয়ান,” বললো ডেভিড। “মানুষের ভাবমূর্তিই সবকিছু, শুধু সেটাই রয়ে যায়।”

“হ্যাঁ, মনে হয় এটার কথাই ভাবছিলাম।”

“তো এম.আই-৬’র লোকটিকে সেই বিক্ষুব্ধ তাইপান জেসন বর্নের ফাইলটি আনার জন্য প্রস্তাব দেয়। কারণ এই জেসন তার স্ত্রীকে, মানে তার প্রিয় ট্রফিকে খুন করেছে। সে স্পষ্ট করে জানিয়ে দেয়, ফাইলটি না পেলে বৃটিশরা তার বেইজিং সোর্সদের কাছ থেকে আর কোনো ইনফরমেশন পাবে না।”

“আমাদের লোকেরা তাই ধারণা করেছে। আর ইয়াও মিঙ্গ ধরাছোঁয়ার বাইরে থাকায় তার বৃটিশ সহযোগীকে খুন করা হয়েছে। এই তাইপানের কাছে পৌঁছানো অসম্ভব, একেবারে অদৃশ্য হয়ে গেছে সে। কোনো রকম আত্মপ্রকাশ না করেই সে প্রতিশোধ নিতে চাচ্ছে।”

“বৃটিশরা কি বলছে?” জানতে চাইলো মেরি।

“স্পষ্ট ভাষায় বললে তারা পুরো ব্যাপারটি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে চাইছে। লন্ডন হতভম্ব হয়ে গেছে। ট্রেডস্টোন প্রজেক্টের সময় আমরা কিছু গোলমাল পাকিয়ে ফেলেছিলাম আর তাই হংকংয়ের এই স্পর্শকাতর ইসগুলোতে তারা আমাদের কোনো হস্তক্ষেপ চাচ্ছে না।”

“তারা কি ইয়াও মিঙ্গের মোকাবেলা করেছে?” কথাটা জিজ্ঞেস করেই ওয়েব আন্ডারসেক্রেটারির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলো।

“আমি যখন তাদের কাছে নামটা তুললাম তারা বললো প্রশ্নই ওঠে না। সত্যি কথা হচ্ছে, তারা নিজেরাও এ পরিস্থিতিতে হতবিহ্বল, কিন্তু তারা তাদের অবস্থান বদলাতে রাজি নয়। এর চেয়ে বেশি কিছু জানতে চান দিনে তারা রেগে যায়।”

“অস্পৃশ্য,” বললো ওয়েব।

“তারা হয়তো এখনও সেই তাইপানকে ব্যবহার করতে চাচ্ছে।”

“এতো কিছুর পরেও?” মেরি নীরবতা ভেঙে মুখ খুললো। “সে যা করেছে, আর আমার স্বামীর বিরুদ্ধে যা করতে চাচ্ছে তা সত্ত্বেও?”

“ওটা একেবারেই ভিন্ন একটি জগত,” বললো ম্যাকঅ্যালিস্টার।

“আর আপনারা তাদেরকে সহযোগিতা করছেন।”

“আমাদের সেটা করতেই হয়,” স্টেটের লোকটি বললো।

“তাহলে তাদেরকে চাপ দিন যাতে ক’রে তারা আপনাদেরকে সহযোগিতা করে। জোর করুন।”

“আমরা তা পারি না। হয়তো এর বিনিময়ে তারা অন্য কিছু দাবি ক’রে বসবে।”

“আপনি মিথ্যা বলছেন,” মেরি চেঁচিয়ে উঠলো।

“আমি মিথ্যা বলছি না, মিসেস ওয়েব।”

“আপনাকে কেন আমি বিশ্বাস করতে পারছি না, মি: ম্যাকঅ্যালিস্টার?” প্রশ্ন করলো ডেভিড।

“হয়তো এর কারণ হচ্ছে আপনি আপনার গভর্নমেন্টকে বিশ্বাস করেন না, আর তা না করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। আমি শুধু বলতে চাই, আমি এক কথার মানুষ। আপনি তা বিশ্বাস করুন আর নাই করুন, আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে, আপনারা এখানে নিরাপদ।”

“আপনি এমন অদ্ভুতদৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন কেন?”

“কারণ এর আগে কখনও এমন পরিস্থিতিতে আমাকে পতড়তে হয় নি।”

কলিং-বেল বেজে উঠলে মেরি দরজার দিকে তাকিয়ে দ্রুত সেদিকে এগিয়ে গেলো। দরজা খুলে কয়েক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলো, তাকিয়ে রইলো অসহায়ভাবে। দু’জন লোক হাতে বৃফকেস নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। হাতের বৃফকেস দুটির উপরের সিলভার ব্যাজ আর কালো অ্যাম্বোস করা ঈগল, বারান্দার ক্যারেজ ল্যাম্পের আলোয় ঝলমল করছে সেগুলো। রাস্তার বাঁকে একটি কালো সিডান গাড়ি দাঁড়িয়ে, গ্লাসের ভেতর কিছু ছায়া ও জ্বলন্ত সিগারেটের আভার কারণে সেখানে কিছু লোকের উপস্থিতি নিশ্চিত করছে। এসব দেখে মেরির কান্না পেলেও নিজেকে সামলে নিলো সে।

এডওয়ার্ড ম্যাকঅ্যালিস্টার তার নিজের স্টেট ডিপার্টমেন্টের গাড়িতে উঠে বসতেই বন্ধ জানালা দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকা ডেভিড ওয়েবের দিকে তাকালো। সাবেক জেসন বর্ন নিথরভাবে দাঁড়িয়ে আছে, সে কঠোর আর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে এইামত্র বিদায় নেয়া অতিথির দিকে।

“চলো,” ম্যাকঅ্যালিস্টার ড্রাইভারকে বললো, লোকটি প্রায় তার সমবয়সী এক টেকো। বড়মাপের একটা চশমা পড়ে আছে সে, যা তার নাক আর কপালের মাঝখানটুকু ঢেকে রেখেছে।

গাড়িটি সামনে এগোতে শুরু করলো। ড্রাইভার সচেতনভাবে এই অদ্ভুত, সংকীর্ণ পথ, দু’সারি গাছের মাঝখান দিয়ে উর্বর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে ছোটো এগিয়ে চললো একটি শহরের অভিমুখে। বেশ কিছু সময় তারা দু’জনেই চুপ থাকলো। অবশেষে প্রশ্ন করলো ড্রাইভার, “কাজ কেমন হয়েছে?”

“কেমন হয়েছে?” স্টেটের লোকটি জবাব দিলো। “অ্যাম্বাসেডর বলে থাকে, সব ঘুটি জায়গামতো বসানো হয়েছে। ভিত্তি স্থাপন করেছি, যুক্তি দেখিয়েছি, এই মিশনারি কাজটা করা হয়েছে এটুকুই কেবল বলা যায়।”

“শুনে খুশি হলাম।”

“সত্যি? তাহলে আমিও খুশি,” ম্যাঅ্যালিস্টার তার কাঁপতে থাকা ডান হাতটি তুলে সরু আঙুলগুলো দিয়ে কপালের ডানদিক টিপতে শুরু করলো। “কিন্তু না, আমি খুশি না,” সে হঠাৎ বলে উঠলো। “আমি প্রচণ্ড অসুস্থবোধ করছি।”

“আমি দুঃখিত।”

“মিশনারি কাজের কথা যে বললোম তার কারণ আমি একজন খৃস্টান। আমি অন্তত তাই বিশ্বাস করি, হয়তো ততোটা সাধু নই, হয়তো প্রতি রোববার আমার প্রার্থনা করা হয় না, বা আত্মসুদ্ধির কাজটাও ঠিকমতো করি না, তবে আমি বিশ্বাস করি ঈশ্বরে। আমি এবং আমার স্ত্রী মাসে অন্তত দু’বার চার্চে যাই, আমার দুই ছেলে পাদ্রীদের কাজে সহযোগিতা করে। আমি সৎ এবং সদয় আছি, আর আমি তাই থাকতে চাই। এসব কথার মর্ম কি তুমি বোঝো?”

“নিশ্চয়ই। যদিও এই সব ব্যাপারে আমার তেমন কোনো অনুভূতি নেই, তবুও আমি বুঝতে পারছি।”

“কিন্তু এইমাত্র আমি ঐ লোকটির বাসা থেকে এসেছি।”

“আরে, শান্ত হোন। সমস্যাটা কোথায়?”

ম্যাকঅ্যালিস্টার সোজা সামনে তাকালো, তার মুখের ওপর পড়লো রাস্তার সামনে থেকে আসা হেডলাইটের আলো। “ঈশ্বর আমায় ক্ষমা করো,” ফিফিস ক’রে বললো সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *