বর্ন সুপৃমেসি – ২৩

অধ্যায় ২৩

“তুমি কে?” চেঁচিয়ে উঠলো হতভম্ব বর্ন, বয়স্ক লোকটির শার্টের কলার দু’হাতে শক্ত করে ধরে আছে সে।

“ডেল্টা, আস্তে! লোকজন শুনতে পাবে,” দাঁজু বললে জেসন লোকটির শার্ট ছেড়ে দিলো। “দরজাটা,” বলে চললো দাঁজু। “যতোটা সম্ভব ওটা ঠিক ক’রে লাগাও! আর তোমাকে বলছি, চুপচাপ বসে থাকো। আমাকে ভয় না পেলেও চলবে, কিন্তু ওর থেকে সাবধান,” লোকটিকে চেয়ারের দিকে ঠেলে দিয়ে বললো দাঁজু।

“এতো দিনে-দুপুরে ডাকাতি,” লোকটি ক্ষোভে ফেটে পড়লো। “আমি এল আলামিনে যুদ্ধ করেছিলাম, প্রয়োজন হলে আবারো লড়বো,” নিজের গলা মেসেজ করতে করতে বললো লোকটা।

“বাজে কথা শোনার সময় আমার নেই,” দাঁজুকে পাশে সরিয়ে দিয়ে বর্ন লোকটির দিকে ঝুঁকলো। “জলদি বলো কোথায়, নাহলে এল আলামিন থেকে বেঁচে ফিরে আসার জন্যে পস্তাবে!”

“কার কথা বলছো, বদমাশ কোথাকার?”

“তোমাকে নীচে দেখি নি। তুমি জোসেফ ওয়ার্ডসওর্থ নও! এই রুমটা তোমার না!”

“এটা রুম নাম্বার তিনশো পঁচিশ, আর আমিই জোসেফ ওয়াডস্ত্তর্থ। রিটায়ার্ড বৃগেডিয়ার।”

“তুমি কখন রুমটা রেজিস্টার করেছো?”

“আসলে আমাকে ওই ঝামেলায় যেতে হয় নি। গভর্নমেন্টের বিশেষ অতিথি হিসেবে কাস্টমস্ অফিসার আমাকে সরাসরি এ রুমে নিয়ে আসে। কিন্তু রুম সার্ভিস প্রচণ্ড বাজে আর টেলিফোন একদমই কাজ করছে না।”

“এ রুমে ঢুকেছো কখন?”

“কাল রাতে!”

“তুমি এখানে কি কাজে এসেছো?”

“তা জেনে তোমার কাজ নেই!”

বর্ন তার বেল্ট থেকে পিতলের ধারালো ব্লেডটা বের ক’রে লোকটার গলায় চেপে ধরলো।

“আরে, তোমার মাথা ঠিক আছে তো?”

“ঠিক ধরেছো, আমার পাগল হতে বেশি সময় লাগে না! এবার বলো তোমাকে এখানে কেন আসতে বলা হয়েছে?”

“কোনো খারাপ কাজে নয়। প্রাক্তন মিলিটারি সদস্য হিসেবে আমাকে গভর্নমেন্টের কিছু অফিস পরিদর্শনের জন্য আমন্ত্রিত করা হয়। কথা ছিলো বারোটার মধ্যে ওরা আমাকে নিতে আসবে। কিন্তু এখন দেখছি ওদের সময় সম্পর্কে জ্ঞান খুবই খারাপ।”

“এ হলো বলির পাঠা! আসল ঘটনার কিছুই এর জানার কথা নয়,” বর্নের বাহু আলতো ক’রে স্পর্শ ক’রে বললো দাঁজু।

“তাহলে তোমার শিষ্য এখানেই অন্য কোনো রুমে আছে,” বললো বর্ন। “সে অন্য কোথাও যেতে পারে না

“এর সামনে আর কিছু বলো না। সব ফাঁস হয়ে যাবে,” বর্নের কানের কাছে মুখ নিয়ে ফিফিস্ ক’রে বললো দাঁজু।

বর্নকে টেনে চেয়ার থেকে দূরে সরিয়ে এনে দাঁজু লোকটির কাছে গেলো।

“কিছু মনে করবেন না, বৃগেডিয়ার। এই আকস্মিক আবির্ভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই নিয়ে তিন তিনটা দরজায় নক্ করলাম, কিন্তু কাজের কাজে কিছুই হলো না। একজন স্মাগলার পাঁচ মিলিয়ন ডলার সমমূল্যের মাদকদ্রব্য নিয়ে এসেছে, আমরা তাকেই তাড়া ক’রে বেড়াচ্ছি। যখন প্রথম তিনটা রুমে সে নেই তখন আমরা নিশ্চিত তাকে কোথায় পাওয়া যাবে। তবে হ্যা, গভর্নমেন্ট মাদকদ্রব্য পাচারের ব্যাপারে একটু বেশিই কড়াকড়ি ক’রে থাকে। তাই মামলা জেরার ঝামেলা এড়াতে চাইলে আমাদের আসার কথাটা ভুলে যান। কেউ যদি ভাঙা দরজাটার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে বলবেন একজন মাতাল এসে দরজাটার এ হাল করেছে। এ হোটেলে এ ধরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে, তাই সেটা কারো কাছে অস্বাভাবিক ঠেকবে না।”

“না, আমি আর নতুন কোনো ঝামেলায় জড়াতে চাই না। দরজাটা এক উন্মাদ, মাতাল ভেঙেছে।”

রুম থেকে বেরিয়ে এসে বর্ন আর দাঁজু তাদের ব্যাগগুলো তুলে নিলো। “প্রতিটি রুম এভাবে চেক্ করা সম্ভব নয়,” বললো বর্ন।

“কিন্তু তুমি এতো নিশ্চিত হচ্ছো কিভাবে যে, সে এই হোটেলেই আছে? সে বেইজিং খুব ভালোভাবে চেনে। একটা ট্যাক্সি নিয়ে সে এতোক্ষণে অন্য কোনো হোটেলে চলে গিয়ে থাকতে পারে!”

“তার এমন করার কথা নয়। এতোক্ষণে সে নিশ্চয় তার বেশভূষা পাল্টে ফেলেছে। একই রূপে দু’জায়গায় আবির্ভাব হবার ঝুঁকি সে নিতে পারে না। তাই তার কিছুক্ষণ সময় লাগার কথা। না, সে এই হোটেল ছাড়ার সময় পায় নি।”

বর্ন আর দাঁজু হোটেলের প্রধান ফটকের দিকে যাচ্ছে। রিসেপশানে আরো কয়েকজন লোক জড়ো হয়ে খারাপ সার্ভিসের অভিযোগ করছে। মূল সমস্যা হলো কারোরই টেলিফোন কাজ করছে না। হোটেল কর্তৃপক্ষ জানালো পুরো হোটেলেরই টেলিফোন লাইন আপাতত জ্যাম হয়ে আছে। ঠিক হতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।

“ওর ক্লায়েন্ট নিশ্চয়ই ওকে টেলিফোন ক’রে পরবর্তী নির্দেশগুলো দিতো। কিন্তু এখন যখন ফোনের লাইনই কাজ করছে না, তখন ওর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে?” প্রশ্ন করলো দাঁজু।

“ওর নিশ্চয়ই কোনো ব্যাক-আপ প্ল্যান আছে। এখন সেটাই ফলো করবে, “ বললো বর্ন। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে উঠলো। একটা কথা মনে পড়ায় সে বিস্মিত হয়ে গেছে। তার মনে পড়লো সে যখন হংকংয়ের রিজেন্ট হোটেলে উঠেছিলো তখন সেও তার আগে থেকে বুক করা ছয়শো নব্বই নাম্বার রুমে ওঠে নি। কারণ সে চায় নি তার ক্লায়েন্ট তার গতিবিধির ওপর লক্ষ্য রাখুক। এই বর্নও তাই করেছে। সেও চায় না তার ক্লায়েন্ট তার ওপর নজর রাখুক, তাকে নিয়ন্ত্রণ করুক। তাই সে অন্য রুমে উঠেছে। সে দাঁজুকে ব্যাপারটা ঝুলিয়ে বললো।

“তার মানে কমান্ডোর ক্লায়েন্টের লোকগুলো এখনও তার গতিবিধির ওপর নজর রাখছে, হয়তো আশেপাশেই আছে তারা,” বললো দাঁজু।

“ঠিক তাই। সে স্বাধীনভাবে চলতে চাইবে। সে চাইবে না কেউ তাকে চিনে ফেলুক। তাই সে নতুন কোনো রূপে এই হোটেল থেকে বের হবে।”

তারা দু’জনে হাটতে হাটতে হোটেল থেকে বের হয়ে রাস্তার ওপারে ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়ালো।

হঠাৎ দাঁজু বর্নের হাতে আল্‌তো ক’রে স্পর্শ করলো। “আমার মনে হয় ক্লায়েন্টের একটা লোককে চিনতে পেরেছি।”

“কি?” ফ্রেঞ্চম্যান যেদিকে তাকিয়ে আছে বর্নও সেদিকে তাকালো।

“সামনের ট্রাকটার পাশে দেখো। সাদা ভ্যান। কালো ক্যাবের জানালা। ড্রাইভার উৎসুক চোখে বারবার হোটেলের দিকে তাকাচ্ছে।”

বর্ন ভ্যানটির দিকে তাকালো। দাঁজু ঠিকই চলেছে। ভ্যানটির কাঁচ ঘোলাটে কালো। ড্রাইভার জানালার কাঁচ একটু নামিয়ে রাখায় তারা তার মুখের উপরিভাগ দেখতে পাচ্ছে। এরকম ভ্যান সে আগেও দেখেছে। শেনঝেনের লো ইয়ু বর্ডারে ওই গুপ্তঘাতক এ ধরণেরই একটা ভ্যানে উঠেছিলো। তফাৎ শুধু ওটা ছিলো সবুজ আর এটার রঙ সাদা। বর্ন ভ্যানটির গায়ে লেখা চাইনীজ লেখাগুলো পড়লো। হায় ঈশ্বর…দুটো ভ্যান সম্পূর্ণ এক। জিঙ্গ শান পক্ষীশালা! হ্যা, সবুজ ভ্যানটাতেও এরকম কিছুই লেখা ছিলো।

“কিন্তু তুমি কি ক’রে বুঝলে?” প্রশ্ন করলো বৰ্ন।

“সে বারবার হোটেলের প্রধান ফটক আর পাশের ছোটো দরজাটার দিকে তাকাচ্ছিলো। তারওপর ওর চুলের কাট তার শক্তসমর্থ চেহারা দেখে আর্মি অফিসার ব’লে মনে হয়। একজন পক্ষীশালার ড্রাইভার দেখতে একরম হয় না।”

“যাইহোক, ওদের উপস্থিতিতে আমাদের কিছু যায় আসে না। আমাদের টার্গেট শুধু কমান্ডো। ভালো হয় আমরা যদি আলাদা হয়ে দু’দিকে নজর রাখি। তাহলে সে আমাদের চোখকে ফাঁকি দিতে পারবে না…”

“তার আর দরকার হবে না!” বর্নকে থামিয়ে বললো দাঁজু। “ওই যে সে!”

“কোথায়?”

“একটু বামে! ট্রাক থেকে সামান্য দূরে। ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। চার্চের ফাদার, একটা ছোটো মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করছে,” জবাব দিলো দাঁজু। “সে যে কোনো চরিত্রই ভালো নকল করতে পারে। তবে চার্চের পাদ্রী সাজাটা আমিই তাকে শিখিয়েছি। এই পোশাকটা বানানো হয়েছিলো হংকংয়ের নামকরা একটা টেইলার থেকে। তাই এতো সহজে তাকে চিনতে পারলাম।”

পাদ্রিবেশী গুপ্তঘাতক মাথায় একটা কালো হ্যাট আর চোখে একটা রিমলেস চশমা পরে আছে। তার ভাবভঙ্গিতে মায়া আর ভালোবাসার ছাপ। যেনো পরম করুণাময় ঈশ্বরের ভালোবাসা আর মায়ার প্রতিফলন তার মধ্যেও ফুটে উঠেছে। সে বাচ্চাটির মায়ের দিকে হাল্কা ক’রে হেসে মাথা দুলিয়ে অভিবাদন জানিয়ে সামনের বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলো।

“বাস তো ভর্তি। সে উঠতে পারবে না,” বললো বর্ন, “তাকে ঠিকই নেয়া হবে। একজন পাদ্রির অনুরোধ সে ফেলতে পারে!” দাঁজু জবাব দিলো।

ফ্রেঞ্চম্যানের কথা ফলে গেলো। প্রথমে বসের ছোটো দরজাটা বন্ধ হতে থাকলেও পরে তা দরজার বাইরে দাঁড়ালো পাদ্রির জন্য খুলতে শুরু করলো। পাদ্রি বাসের সিঁড়িতে উঠে ড্রাইভারকে কিছু একটা বলতে শুরু করেছে; সম্ভবত কাকুতি মিনতি করছে, কোনো বিশেষ তাড়ার অজুহাত দেখিয়ে। দরজাটা বন্ধ হয়ে গেলো। “এটা তিয়েন আন মেন স্কয়ারের বাস। আমি নাম্বারটাও তুলে নিয়েছি,” বললো দাঁজু।

“একটা ট্যাক্সি ধরতে হবে। জলদি, এদিকে।”

কিন্তু ফাঁকা টাক্সি পাওয়া অতো সহজ হলো না। অবশেষে বর্ন একটা আমেরিকান পঞ্চাশ ডলারের নোট ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে নাড়াতেই একটা ফাঁকা ট্যাক্সি এসে থামলো।

“শেম্মা?” বললো বন।

“লাও!” পঞ্চাশ ডলারটা বর্নের হাত থেকে কেড়ে নিয়ে বললো ড্রাইভার।

দাঁজু আর বর্ন ট্যাক্সিতে উঠে বসতেই ড্রাইভার তার গাড়ি চালু করলো।

“সামনে একটা বাস আছে, ওটা ফলো করো,” ঝুঁকে ড্রাইভারের কানের কাছে মুখ নিয়ে বললো দাঁজু, চেষ্টা করলো মানদারিনীয় ভঙ্গিতে কথা বলতে, “তুমি আমার কথা বুঝতে পারছো?”

“আপনার উচ্চারণে কিছুটা গুয়াংঝোউ’র টান আছে, কিন্তু আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না।”

“বাসটা, তিয়ান আন মেন স্কয়ারের দিকে যাচ্ছে।”

“কোন্ গেটে থামবে?” প্রশ্ন করলো ড্রাইভার। “কোন্ বৃজে?”

“আমি জানি না। আমি শুধু বাস নাম্বারটা জানি। সাত চার দুই এক।”

“ওহ্, তাহলে তিয়ান গেট, দ্বিতীয় বৃজ। ইমপেরিয়ালের প্রবেশ পথ দিয়ে যাবে,” বললো ড্রাইভার।

“এগুলো তো টুরিস্ট বাস। বাসগুলোর কোনো আলাদা পার্কিংয়ের জায়গা আছে না কি?”

“বাসগুলোর সারি বেধে এক জায়গায় থামবে। জায়গাটা মানুষের ভিরে গিজগিজ করে। তিয়ান আন মেনে সবসময়ই মানুষের ভিড় লেগে থাকে।”

“তুমি কি বাসের আগে ওই জায়গায় পৌঁছাতে পারবে?”

“নিশ্চয়ই,” জবাব দিলো ড্রাইভার। “বাসগুলো পুরনো আর প্রায়ই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। আমরা ওই বাসের অনেক আগেই পৌঁছে যাবো।”

ঠিক মিনিট তিনেক পরে ট্যাক্সিটা পাদ্রির বাসটাকে পার করলো। তার প্রায় ছেচল্লিশ মিনিট পরে তাদের ট্যাক্সিটা সাদা মার্বেল পাথরে কারুকাজ করা কৃত্রিম চ্যানেলের ওপরে ভাসমান বৃজটিতে প্রবেশ করলো। বৃজটির থেকে কিছুটা সামনেই বিশাল তিয়ান গেটটা দেখা যাচ্ছে, এর দু’পাশে চীনের বিভিন্ন সব মহান ব্যক্তি আর নেতাদের ভাস্কর্য গড়ে উঠেছে। কারুকাজে করা এই গেটটার ভেতরেই অবস্থিত তিয়ান আন মেন স্কয়ার, মানসভ্যতার অন্যতম অভূতপূর্ব সৃষ্টি। বেইজিংয়ের গর্ব, চায়নার অহংকার।

বিশাল আকারের মূর্তিগুলো প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করে, তারপরে নজরে পড়ে ডান দিকের সুবিশাল ‘দ্য গ্রেট হল অব দ্য পিপল’-এর দিকে। এই বিশাল হলটি একসাথে তিন হাজার লোকের রিসেপশান আর প্রায় পাঁচ হাজার লোকের বসার ব্যবস্থা আছে। প্রধান গেটটার ঠিক বিপরীত পাশে আছে চারটা বিশাল বিশাল পাথরের ভাস্কর্য, যাদের গায়ে খাঁজ কেটে ফুটানো হয়েছে মাও সেতুংয়ের বিপ্লবের গল্পগাঁথা, তাদের শহীদ নায়কদের কথা, তাদের সংগ্রাম ও ত্যাগের বিবর্ন। এছাড়াও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে বিভিন্ন মনুমেন্ট, মিউজিয়াম, আর লাইব্রেরি। প্রতিদিন লাখ লাখ টুরিস্ট ভিড় জমায় এই বিশাল তিয়ান আন মেন স্কয়ারে।

বর্ন ট্যাক্সির মিটার অনুযায়ী ভাড়া মিটিয়ে দিয়ে তাদের বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনোনিবেশ করলো। ফোন পেয়েই হোক আর ব্যাক-আপ প্ল্যান অনুযায়ীই হোক, ওরা নিশ্চিত যে কমান্ডো এখন এই তিয়েন আন মেন স্কয়ারে আসছে, তার ক্লায়েন্টের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করতে। ক্লায়েন্ট নিশ্চয় তার ঠিক করা জায়গাতেই অপেক্ষা করবে। কিন্তু পাদ্রি হয়তো প্রথমে নিশ্চিত করতে চাইবে সাক্ষাৎস্থলে তার জন্য কোনো ফাঁদ পাতা নেই; কেউ তার ওপর নজর রাখছে না। তাই সে হয়তো মিটিংয়ের জায়গার আশপাশটা একবার চক্কর মারবে, অস্ত্রবাহী সম্ভাব্য বিপদগুলোকে অকেজো করবে। যেমনটা বর্ন নিজে ক’রে থাকে। ৭৪২১ নম্বরের বাসটি, টুরিস্ট বাসগুলোর একদম শেষ মাথায় এসে থামলো। পাদ্রি বেশধারী গুপ্তঘাতক একজন বৃদ্ধ মহিলাকে হাতে ধরে বাস থেকে নামিয়ে মহিলার দিকে মিষ্টি হাসি দিয়ে বিদায় জানিয়ে দ্রুত বাসটির পিছন দিকে গায়েব হয়ে গেলো।

“তিরিশ ফিটের মতো দূরত্ব বজায় রেখে চলো, আর দেখো আমি কি করি,” বললো বর্ন। “আমি থামলে, তুমি থামবে। আমি ঝুঁকলে, তুমি ঝুঁকবে, আমি যা করবো তুমি তাই করবে। সবসময় মানুষের ভিড়ের মধ্যে মিশে থাকবে। এক ভিড় থেকে আরেক ভিড়ে গিয়ে মিশবে।”

“একটু সাবধান, ডেল্টা। সে কোনো খাঁচা খেলোয়াড় নয়,” বললো দাঁজু।

“আমার কাছেও এটা নতুন নয়,” বর্ন দৌড়ে বাসটির পেছনে গেলো। পাদ্রি তার থেকে প্রায় পঞ্চাশ গজ সামনে দিয়ে হেটে যাচ্ছে, তার চকচকে কালো পোশাক রোদের আলোর চিকচিক করছে। ভিড় থাকুক আর নাই থাকুক, তাকে সহজেই ফলো করা যাচ্ছে। বর্নের মনে হলো এমন পরিস্থিতিতে সে হয়তো ধূসর বা সাদা রঙের কাপড় বেছে নিতো, যা রোদে চিকচিক করে না। কমান্ডো কাপড় বাছার ক্ষেত্রে ততোটা পারদর্শী না। হতে পারে সে খুব ভালো গুপ্তঘাতক, কিন্তু শ্রেষ্ঠ গুপ্তঘাতকের থেকে সে এখনও একটু পিছিয়ে আছে।

হঠাৎ সেই পাদ্রি মানুষের ভিড় থেকে বেরিয়ে একজন চাইনীজ সৈনিকের পেছনে এগোতে লাগলো, সৈনিকটি ক্যামেরা দিয়ে ছুরি তুলছে, দেখে মনে হয় যেনো ছুটিতে এসেছে। কিন্তু বর্ন বুঝতে পারলো কি হচ্ছে। একজন সৈনিকের তুলনায় লোকটির চেহারা অনেক বেশি পরিপক্ক, ইউনিফর্ম একটু বেশিভাবে ফিটফাট করা আর ক্যামেরাটা হয়তো কোনো স্ক্যানিং মেশিন, যা দিয়ে মানুষের ভিড়ের মধ্যেও খুঁটিয়ে দেখা হচ্ছে। তার মানে কমান্ডোর মিটিং করার জায়গা আর বেশি দূরে নয়। পাদ্রি এবার তার খেলা পুরোদমে খেলতে শুরু করলো। সে আশীর্বাদের ভঙ্গিতে তার ডানহাত সৈনিকটির কাঁধে রাখলো, তার বাম হাত তার কালো কোটের ভেতরে, ঠিকমতো দেখা যাচ্ছে না সেটা। কোটের ভেতর থেকেই একটি বন্দুক সৈনিকটির পিঠে ঠেকানো হলে সৈনিকটি ভয়ে ঘামতে শুরু করলো। হাটতে শুরু করলো গুপ্তঘাতকের সাথে সাথে। কমান্ডো তার বাহু ধরে হাটছে আর তাকে আদেশের ভঙ্গিতে কিছু বলছে। কমান্ডো অস্ত্রটা দিয়ে আবার সৈনিকটির কোমড়ে গুঁতো মারলো। ইঙ্গিতটা স্পষ্ট। হয় সে কমান্ডোর নির্দেশ মানবে, না হলে এই তিয়েন আন মেন স্কয়ারেই মরবে।

বর্ন দ্রুত বসে পড়ে এমনভাব করলো যেনো খুলে যাওয়া জুতোর ফিতা বাঁধছে। কমান্ডো হঠাৎ তার পেছন দিকে তাকানোয় বর্নকে এটা করতে হচ্ছে। বর্ন উঠে দাঁড়ালো। কোথায় সে? নকলবাজটা কোথায়? ওই যে! বর্ন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কমান্ডো সৈনিকটাকে ছেড়ে দিয়েছে! কিন্তু কেন। সৈনিকটা এখন মানুষের ভিড়ের দিকে দৌড়াতে শুরু করেছে, ভয়ে চিৎকার করছে, হাত দিয়ে বিভিন্ন ভঙ্গি ক’রে ইশারা করার চেষ্টা করছে সে; হঠাৎ মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ে গেলো লোকটা।

আচ্ছা! তাহলে এটা ছিলো সকলের মনোযোগ অন্য দিকে ধাবিত করার কৌশল। “ওকে হারিয়ে ফেলো না। ওর ওপর থেকে নজর যেনো না সরে,” বললো জেসন, পাদ্রির দিকে এগোতে এগোতে। মুখ থুবড়ে পড়া সৈনিকটির চারপাশে লোকজন জমতে শুরু করেছে। তার মানে বন্দুক না, কোনো ধাঁরালো সূঁচ সৈনিকটার পিঠে ধরা হয়েছিলো। ভাবলো জেসন। সে সৈনিকটাকে গুঁতো মারছিলো না, বরং তার কোমরে সুচ ফুটাচ্ছিলো। কমান্ডো একজন গার্ডকে সফলভাবে সরিয়েছে, এখন সে নিশ্চয় অন্য গার্ডগুলোকে খুঁজবে। আর যেহেতু এই শিকারী তার নিজের শিকার খুঁজতেই ব্যস্ত, বর্নের মনে হলো আক্রমণ করার এটাই উপযুক্ত সময়! বর্ন নিশ্চিত যে, সে পৃথিবীর যে কাউকে তার কিডনিতে আঘাত করে মুহূর্তেই কাবু করতে পারবে; বিশেষ ক’রে এমন কোনো ব্যক্তিকে যার মনোযোগ অন্য দিকে আছে। এই সুযোগ! বর্ন দ্রুত পাদ্রির দিকে এগোতে লাগলো। তাদের মধ্যকার দূরত্ব ক্রমশ কমে আসছে। পঞ্চাশ ফিট, চল্লিশ, পঁয়ত্রিশ, তিরিশ…কালো পোশাক পরা পাদ্রি তার হাতের নাগালে এসে যাচ্ছে। এবার ওকে বাগে পাওয়া গেছে।

আরেকটি সৈনিকের দেখা পাওয়া গেলো। কিন্তু আক্রমণের পরিবর্তে পাদ্রি এবার কথা বলতে শুরু করলো। সৈনিকটি মাথা দুলিয়ে কিছু একটা বলে তার বাম দিকে ইশারা করলো। সেদিকে ছোটোখাটো এক চাইনীজ সিভিলিয়ান ম্যাকাও মেমোরিয়ালের চওড়া পাথরের তৈরি সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে; লোকটির হাতে একটা বৃফকেস। পাদ্রিটি এবার সৈনিকটির পিঠে তার অস্ত্র চেপে ধরে ম্যাকাও মনুমেন্টের দিকে হাঁটার নির্দেশ করলো। আশেপাশের লোকজন আর প্রহরীরা মুখ থুবড়ে পড়া সৈনিকটির দিকেই ছুটে যেতে ব্যস্ত।

ম্যাকাও মনুমেন্টটি বিশাল যা গ্রানাইট পাথরের পিলার দিয়ে তৈরি একটা হলরুম। ভীতসন্ত্রস্ত সৈনিকটি পাদ্রির আগে আগে সেদিকেই এগোতে লাগলো। সে জানতো সামান্যটুকু অবাধ্যতা তার জীবনের অবসান ঘটাতে পারে। মুখ থুবড়ে পড়া সৈনিকটির আশেপাশে এখন পুলিশ জড়ো হয়েছে; তারা সৈনিকটির দেহ তুলে নিয়ে যাচ্ছে। কমান্ডোর ক্লায়েন্ট নিশ্চয় এই মনুমেন্টের ভেতরেই অপেক্ষা করছে, বাইরের এসব অঘটন সম্পর্কে হয়তো সে কোনো খবরই পায় নি।

জেসন বুঝতে পারলো এসব ঘটনা বিশ্লেষণ করার মতো সময় তার হাতে নেই। তাকে যা করার খুব দ্রুত করতে হবে। তাকে এই মনুমেন্টের ভেতরে ঢুকতে হবে, দেখতে হবে ভেতরে কি হয়! যদি মিটিংটা শান্তিপূর্ণভাবে শেষ হয়, তাহলে তারপরেই জেসন কমান্ডোকে সহজে হাত করতে পারবে। বর্ন পেছনে তাকালো, তার চোখ দাঁজুকে খুঁজছে। ফ্রেঞ্চম্যান একদল টুরিস্টের সাথে এগিয়ে আসছে। বর্ন তার আঙুল দিয়ে মাটির দিকে তাক্ ক’রে একটা বৃত্ত আঁকার মতো ইশারা করলো। সাইলেন্ট সিগনাল। মেডুসাতে থাকতে তারা এটা ব্যবহার করতো। যার মানে দাঁজু যেখানে আছে সেখানেই থাকবে, আর বর্ন তার পরবর্তী পদক্ষেপ নেবে। বর্ন দ্রুত হেটে পাদ্রি আর সৈনিকটিকে আড়াআড়িভাবে ক্রস করলো। সিঁড়ির সামনে দাঁড়ানো এক গার্ডের কাছে গিয়ে সে মানদারিনে কথা বলতে শুরু করলো।

“হ্যালো, অফিসার! আমি কিছুটা লজ্জিত। পাথরের গায়ের ক্যালিওগ্রাফিগুলো পড়তে আমি এতোই ব্যস্ত ছিলাম যে, আমার টুরিস্ট গ্রুপটাকে আমি হারিয়ে ফেলেছি। ওরা এদিকেই গিয়েছে।”

“আপনি খুব ভালো মানদারিয়ান বলেন। আপনি অবশ্যই ভেতরে যেতে পারেন কিন্তু আপনার নামের ট্যাগটা কোথায়?”

“ওহ্ হো, ওটা জামাতেই লাগানো ছিলো। বার বার খুলে পড়ছিলো। নিশ্চয় আবারো কোথাও পড়ে গেছে,” অসহায়ভাবে মাথা নাড়িয়ে জবাব দিলো বর্ন।

“যখন আপনার গ্রুপটাকে খুঁজে পাবেন, গাইডকে বলে আরেকটা লাগিয়ে নেবেন। সামনে কিছু একটা সমস্যা হয়েছে। ওটা ছাড়া কোথাও ঢুকতে পারবেন না। যান, ভেতরে যান।”

“আপনাকে অশেষ ধন্যবাদ।”

“জলদি ভেতরে যান, স্যার।”

বর্ন পাদ্রিকে সেই সৈনিকটির সাথে আসতে দেখেই আবার জুতোর ফিতা বাধার ভান ক’রে বসে পড়লো। তার আশপাশে মানুষ থাকায় তাকে দেখা যাচ্ছে না। পাদ্রিটি সৈনিকটির সাথে সেই সিভিলিয়ান লোকটির দিকে এগিয়ে যাচ্ছে। কালো সুট পরা সিলিভিয়ানটি পাদ্রির সাথে কথা বলতে লাগলো। বর্নের কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক ঠেকছে। কারণ লোকটির চোখ পাদ্রির ওপর স্থির নেই, বরং সে আশেপাশে তাকাচ্ছে। তাতে কি এসে যায়। সব কিছু বর্নের হিসাব মতোই চলছে। অতএব এখন পিছু হটার কোনো প্রশ্নই ওঠে না! বর্ন উঠে দাঁড়িয়ে আবছা অন্ধকার মনুমেন্টটির ভেতরে গিয়ে ঢুকলো। বাইরের দিকের মতো ভেতরেও লম্বা লম্বা পিলার দেয়া। ভেতরের আবছা অন্ধকার পরিবেশ গোপন বৈঠকের জন্য ভালো আবহাওয়া তৈরি করেছে। বর্ন একটা পিলারের পেছনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মনুমেন্টের প্রধান ফটকের দিকে। তাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভেতরের টুরিস্টগুলো বিশাল হল ঘরটি ঘুরে ফিরে দেখতে দেখতে বের হবার পথের দিকে এগোতে লাগলো। বর্ন টুরিস্ট গ্রুপ থেকে আলাদা হবার জন্য ওই পিলারের পেছনেই লুকিয়ে পড়লো।

হঠাৎ বর্নের মাথার যেনো বাজ পড়লো। এতোই আকস্মিক আর অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটলো যে, বর্নের মুখ থেকে খালি একটা শব্দই বেরোলো। ফাঁদ। আর কোনো টুরিস্ট গ্রুপ ভেতরে ঢুকতে পারবে না কারণ দরজা লাগিয়ে দেয়া হয়েছে। সকল প্রবেশপথ আর বের হবার রাস্তা এখন বন্ধ। সে দরজাগুলো বন্ধ করার শব্দ শুনতে পেয়েছে। কিছু একটা হচ্ছে…বাইরে নিশ্চয় কিছু টুরিস্ট গ্রুপ ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছে…তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না কেন! হায় ঈশ্বর, শুরু থেকেই এটা একটা ফাঁদ ছিলো! প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আক্রমণ, পুরোটাই সাজানো! একদম শুরু থেকেই ছকে হিসাব কষে এই ফাঁদ তার জন্য পাতা হয়েছে। দ্বীপে ওই ঝড়ো আবহাওয়ায় সোর্সের নিজ থেকে ইনফরমেশন দিতে আসা, সব সিট বুক থাকা সত্ত্বেও এয়ার লাইনের টিকিট পাওয়া, এয়ারপোর্ট কমান্ডোর অপরিপক্ক ছদ্মবেশ ধরা, সবকিছুই ইচ্ছে ক’রে করা হয়েছে তাকে এই ফাঁদে আনার জন্য! ঝকমকে কালো পাদ্রির পোশাক পরা হয় শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণের জন্য। এমনকি হোটেলের বাইরের ভ্যানে যে লোকটি নজর রাখছিলো সেও আসলে কমান্ডোরই লোক। আর সে নজর রাখছিলো তার আর দাঁজুর ওপর, কমান্ডোর ওপর নয়! কমান্ডো জেসনকে তার নিজের ফাঁদেই ফেলে দিয়েছে। এবার একটাই উপায়। খোদ শিকারীকেই শিকার করতে হবে। কমান্ডোর ফাঁদে কমান্ডোকেই ফেলতে হবে!

বর্ন আশপাশে সাবধানে দেখতে লাগলো, বের হওয়ার কোনো পথ পাওয়া যায় কিনা! তার সামনে বাম দিকের করিডোর থেকে সামান্য রোদের আলো দেখা যাচ্ছে। তার মানে ওদিককার দরজাটা লাগানো হয় নি। কতোগুলো পায়ের শব্দ শোনা যাচ্ছে, বর্ন আবার পিলারের পেছনে লুকালো। বেল্ট থেকে পিতলের ধারালো ব্লেডটা বের করলো। ধূসর সুট পরা মিলিটারি ধাঁচের একটা লোক অস্ত্র হাতে তার পিলারের সামনে দিয়ে সতর্কভাবে হেটে যাচ্ছে। বর্নের সাথে তার দূরত্ব পাঁচ ফিটেরও কম। লোকটির বন্দুকে সাইলেন্সার লাগানো, গুলি করলে বড়জোর একটা পিন ছোড়ার মতো শব্দ হবে। বর্ন তার হিসাব কষে নিলো। ব্লেডটাকে এমনভাবে ছুড়তে হবে যাতে তৎক্ষণাৎ মৃত্যু হয় তার।

লোকটা মুখ দিয়ে টু শব্দ করারও সময় পেলো না, অন্ধকারে পড়ে থাকা দেহটিকে বর্ন পিলারের পেছনে টেনে আনলো। বর্ন তার এই অজানা শত্রুর হাত থেকে অস্ত্রটি তুলে নিয়ে হামাগুঁড়ি দিয়ে পাশের পিলারে চলে গেলো। বাম দিকে দেয়ালের সামনে সারি ধরে কতোগুলো গাছ রাখা আছে; বর্ন সেগুলোর নীচ দিয়ে হামাগুঁড়ি দিয়ে আরো একটু দূরের একটি পিলারের পেছন গিয়ে আশ্রয় নিলো। বের হবার পথের দরজার সাথে তার দূরত্ব ক্রমশ কমে আসছে। তার ওপর এ পিলারটা হলের এক কোণায় অবস্থিত, ফলে তাকে সহজে দেখা যাবে না, কিন্তু সে অন্যদের দেখতে পাবে!

করিডোর থেকে আসা হাল্কা রোদের মধ্যে দিয়ে ধূসর সুট পরা দ্বিতীয় একটি লোক অন্ধকার হলঘরটির মধ্যে ঢুকে মাও’য়ের ক্রিস্টাল কফিনের সামনে এসে দাঁড়ালো, তার হাতের ওয়্যারলেসটি মুখের কাছে ধরে কিছু একটা বললো সে। হঠাৎ লোকটার ভাবভঙ্গি সম্পূর্ণ বদলে গেলো, তার মনোযোগ এখন সামনের একটি পিলারের পেছনে পড়ে থাকা অপর লোকটির দেহর দিকে। ধীরে ধীরে, সতর্কভাবে সেদিকে এগোতে লাগলো সে। বর্নও আবার সেই গাছের সারির পেছনে হামাগুঁড়ি দিয়ে দ্বিতীয় লোকটির কাছে এগোতে লাগলো। হঠাৎ লোকটির পেছনে উঠে দাঁড়িয়ে দু’হাত শক্ত ক’রে চেপে ধরে লোকটির ঘাড় মটকে দিলো।

দ্বিতীয় দেহটি টেনে সারি বাধা গাছগুলোর পেছনে এনে রাখলো বর্ন। তাকে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে। তার কিছু হলে মেরিও আর বাঁচবে না। তাকে এই ফাঁদ থেকে বেঁচে পালাতেই হবে। সবচেয়ে সহজ পলায়ন সম্ভব হয় তখন যখন শত্রুপক্ষের মধ্যে বিভ্রান্তির সৃষ্ট হয়। প্রথম দুটো লোককে কোনো শব্দ ছাড়াই সে সরিয়ে দিয়েছে, অন্যেরা এদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে কিছুটা বিভ্রান্ত হবে। এই বিভ্রান্তিকে কাজে লাগাতে হবে। বর্ন দ্রুত দৌড়ে আবার সেই কোণার পিলারটির পেছনে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি সেই করিডোরটির দিকে। যেমনটা সে ভেবেছিলো ঠিক তাই ঘটলো। পাদ্রি যে দ্বিতীয় সৈনিকটির পিঠে অস্ত্র ধরেছিলো সেই সৈনিক আর সিঁড়ির ওপরে বৃফকেস হাতে দাঁড়ানো সিভিলিয়ানটি এবার করিডোর দিয়ে ঢুকলো। সৈনিকটির হাতে একটি ওয়্যারলেস, সে তাতে কিছু একটা বলে উত্তরের জন্য কানে লাগিয়ে শুনছে, তারপর ওয়্যারলেসটা পকেটে রেখে তার বেল্ট থেকে একটা বন্দুক বের করলো। সিভিলিয়ানটিও তাকে দেখে তার কোটের ভেতর থেকে বের ক’রে নিলো একটা পিস্তল। লোক দুটো আস্তে ক’রে হেটে সতর্কভাবে মাও সেতুংয়ের কফিনের দিকে এগোচ্ছে আর বার বার ডানে বামে তাকাচ্ছে, কিন্তু কোণার পিলারটি তাদের নজরে পড়ে নি।

এই সুযোগ! জেসন তার অস্ত্র তুলে ধরে দ্রুত নিশানা করে গুলি ছুড়লো। এক! এবার একটু ডানে! দুই! দুটো পিনের শব্দের সাথে সাথে লোক দুটো কফিনের গায়ে হেলে পড়লো। বর্ন তার জামার কাপড় দিয়ে অস্ত্রের উত্তপ্ত সাইলেন্সারটি মোচর দিয়ে খুলে ফেললো। ভেতরে আরো পাঁচটি গুলি আছে।

বর্ন করিডোরের কাছে গিয়ে পড়ে থাকা দেহগুলোর দিকে লক্ষ্য ক’রে টানা পাঁচটা গুলিই ছুড়লো। দুটো গুলি মাওয়ের ক্রিস্টাল কফিন ভেদ ক’রে ঢুকে পড়লো; একটি মাও’য়ের রক্তশূন্য মস্তিষ্কে, আরেকটি তার চোখে। সাইলেন্সারহীন গুলির শব্দে কেঁপে উঠলো পুরো মনুমেন্টটা, গুলির শব্দগুলো বার বার প্রতিধ্বনিত হতে লাগলো।

চারদিকে এক সঙ্গে বেজে উঠলো সাইরেন, কানে তালা লাগানো বেলের শব্দের সাথে সাথে চারদিক থেকে সৈন্য আর সান্ত্রীরা মনুমেন্টের দিকে ছুটে আসছে। হঠাৎ ভড়কে যাওয়া টুরিস্টগুলো উদভ্রান্তের মতো ছুটতে আরম্ভ করলো। মনুমেন্টের বাইরে ভিড় ক’রে দাঁড়ানো টুরিস্টগুলো পেছন থেকে তেড়ে আসা সৈনিকগুলোর ধাক্কায় মনুমেন্টের ভেতরে ঢুকে পড়লো। বর্নও সেই ট্যুরিস্টদের দলে যোগ দিলো। সৈনিকগুলো মনুমেন্টের ভেতরে ঢুকে সব টুরিস্টকে বাইরে বের ক’রে দিচ্ছে এখন। বর্ন ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে তিয়ান আন মেন স্কয়ারের দিনের আলোয় বের হয়ে এলো। দাঁজু! বর্ন তার ডান দিকে মোড় নিয়ে দাঁজুকে শেষ যেখানে দেখেছিলো সে দিকে ছুটতে লাগলো। সৈনিকগুলো ভড়কে যাওয়া জনগণকে সামাল দেয়ার প্রাণপণ চেষ্টা করছে। মনে হয় বড় কোনো ফ্যাসাদ লাগবে। বর্ন দাঁজুর যেখানে থাকার কথা সেখানেই তাকে দেখতে পেলো না। কিছু নেই, দাঁজুর মতো দেখতে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ জেসনের বাম দিকে, খ্যাচ্ ক’রে টায়ারের বিকট শব্দ ক’রে প্রচণ্ড গতিতে একটা গাড়ি তিয়ান আন মেন স্কয়ারের গেটের দিকে ছুটতে লাগলে বর্ন ঘুরে তাকালো। কালো ঘোলাটে জানালাঅলা একটা ভ্যান, গায়ে চাইনিজ লেখা—জিঙ্গ শান পক্ষীসংরক্ষণশালা! ওরা দাঁজুকে ধরে নিয়ে যাচ্ছে। ইকো আর নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *