অধ্যায় ২০
দিন গড়িয়ে দুপুর হয়েছে, তখনও কাই টাক এয়ারপোর্টে হামলা হয় নি; অ্যাম্বাসেডর হাভিলান্ড হতভম্ব স্টেপলকে শেঙ্গের ষড়যন্ত্রের গোমর ফাঁস ক’রে চলেছে, যে ষড়যন্ত্রের মূল শেকড় কুয়োমিংটাং থেকে শুরু।
উদ্দেশ্য হংকংকে মুষ্টিমেয় ক’জন অসাধু তাইপানের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং পুরো কলোনিটিকে তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করা।
অনিবার্য পরিণতি মহাশক্তিধর পিপল্স রিপাবলিককে ক্ষেপিয়ে দিয়ে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, পিপ্লস রিপাবলিকের আর্মি হংকংয়ে মার্চ করতে করতে ঢুকবে এবং পুরো প্রাচ্যকে অনিশ্চয়তা আর ধ্বংসের মুখে ঢেলে দেবে।
ক্যাথরিন স্টেপলস্ অ্যাম্বাসেডরের কথাগুলোকে বিশ্বাস করতে অস্বীকার ক’রে তাকে জোড়ালো প্রমাণ দেখানোর দাবি করে। ফলে তাকে শেঙ্গ চোউ ইয়াঙ্গের ওপর স্টেট ডিপার্টমেন্টের দীর্ঘ টপ সিক্রেট ফাইলটা দেয়া হয়। ২টা ১৫ নাগাদ সে ফাইলটা দু’বার পড়ে ফেলে; সে অভিযোগ করতে থাকে যে, ফাইলটার সত্যতা যাচাই করা তার পক্ষে সম্ভব নয়।
৩টা ৩০-এ তাকে রেডিও রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে স্যাটেলাইট ট্রান্সমিশনের মাধ্যমে ওয়াশিংটন থেকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য রিলি তার সামনে সুশৃঙ্খলভাবে একের পর এক তথ্য উপস্থাপন করে।
“আমি শুধু আপনার কণ্ঠস্বরই শুনতে পেলাম, মিঃ রিলি! আপনি যে এই হাউজেরই আন্ডারগ্রাউন্ডের কোথাও লুকিয়ে নেই তার প্রমাণ কি?”
ঠিক সেই মুহূর্তে লাইনে ক্লিক্ ক’রে একটি শব্দ হয়ে তার সাথে সাথে একটি কণ্ঠস্বর উপস্থিত হলো যা ক্যাথরিন স্টেপলস্ এবং সমগ্র বিশ্ববাসীর নিকট অত্যন্ত পরিচিত।
“আমি ইউনাইটেড স্টেসের প্রেসিডেন্ট বলছি, মিসেস স্টেপলস্। আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনার কনসুলেটে ফোন ক’রে নিশ্চিত হতে পারেন। তাদেরকে হোয়াইট হাউজে ফোন ক’রে এই ট্রান্সমিশনটির সত্যতা যাচাই করতে বলতে পারেন।”
মৃদুভাবে মাথা দুলিয়ে চোখের পাতা বন্ধ ক’রে ক্যাথরিন স্টেপল্স আস্তে ক’রে জবাব দিলো, “আমি আপনার কথা বিশ্বাস করছি, মি: প্রেসিডেন্ট।”
“আমার কথা ভুলে যান। বিশ্বাস করুন, যেসব কথা এতোক্ষণ আপনাকে বলা হয়েছে ওর মধ্যে বিন্দুমাত্র মিথ্যে নেই।”
“থিওরিটা অকল্পনীয়, অনেকটা অবাস্তব, তাই…”
“ট্রোজান হর্সের রূপকথাও অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিলো। কিন্তু এখন সবাই জানে সেটা সত্যি ঘটেছিলো। মিডিয়ার কথায় কান দেবেন না। আমার লোকগুলোর ওপরে আস্থা রাখুন। আপনি চাইলে আমি আপনাদের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে পারি। কিন্তু সত্যি কথা বলতে কি, তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।”
“তার আর দরকার পড়বে না, মি: প্রেসিডেন্ট। এ কাজে যতোটা সম্ভব গোপনীয়তা দরকার। আমি মিঃ হাভিলান্ডকে বুঝতে শুরু করেছি।”
“আপনি আমার চেয়েও কয়েক ধাপ এগিয়ে আছেন। কারণ আমিও এতো দিনে তাকে বুঝে উঠতে পারি নি।”
৩টা ৫৮। একটা এমারজেন্সি কল এলো, কিন্তু সেটা হাভিলান্ড বা ম্যাকঅ্যালিস্টারের জন্যে নয়। কলটা ছিলোপ মেজর লিনের জন্য। কথোপকথনটা এতোই জটিল ছিলো যে, তা প্রায় ঘণ্টাখানেক স্থায়ী হলো। সকলের মনোযোগ ওই কল আর লিনের ওপরে কেন্দ্রীভূত হলো। ক্যাথরিন স্টেপলস্ তার কনসুলেটের হাই কমিশনারকে ফোন ক’রে জানিয়ে দিলো যে, আজকের মিটিংয়ে সে আসছে না। ভিক্টোরিয়ার এই হাউজে তার উপস্থিতিকে অ্যাম্বাসেডর হাভিলান্ডও স্বাগত জানালো। কারণ হাভিলান্ড চাইছিলো স্টেপলস্ নিজ চোখে দেখুক সমগ্র সুদূর প্রাচ্য সম্ভাব্য ধ্বংস যজ্ঞের কতোটা কাছে চলে এসেছে। মেজর লিন এখনও ফোনে কথা বলছে, তার লোকেদেরকে একের পর এক নির্দেশ দিয়ে চলেছে, কলোনির পুলিশ আর এয়ারপোর্ট সিকিউরিটিকে একযোগে কাজ করতে বলছে। এমআই-সিক্স’র মেজর ফোনের রিসিভারটি রাখার সাথে সাথে সবার দৃষ্টি তার ওপর পড়লো।
“আজ রাতে, কাই টাক এয়ারপোর্টে! চায়না-বৃটিশ ডেলিগেশন! হত্যার ষড়যন্ত্র। টার্গেট গভর্নর। তাদের ধারণা কাজটা করবে জেসন বর্ন।”
“আমি বুঝতে পারছি না!” প্রতিবাদ করলো ম্যাকঅ্যালিস্টার, তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে। “পরিস্থিতি অপরিপক্ক। সেঙ্গ নিজেই এখনও প্রস্তুত না। যদি সে প্রস্তুত থাকতোই তাহলে আমরা কিছুটা হলেও আঁচ করতে পারতাম। এটা হতে পারে না। কোথাও ভুল হচ্ছে!”
“আমাদের হিসেবে?” প্রশ্ন করলো অ্যাম্বাসেডর।
“হয়তো। হয়তো না।”
“তোমার কাজে যাও, মেজর,” বললো হাভিলান্ড। লিন রুম থেকে বের হতে যাবে এমন সময় হাভিলান্ড তাকে আরো একটি নির্দেশ দিলো। “মেজর, সকলের দৃষ্টির বাইরে থেকো। কথাটা মাথায় থাকো যেনো।”
“অসম্ভব”, জবাব দিলো লিন। “স্যার, আমাকে আমার লোকগুলোর সাথে মূল দৃশ্যপটে থাকতেই হবে। এই অভিজ্ঞ চোখ জোড়ার দরকার আছে সেখানে।”
“আমি অবাক হচ্ছি এটা দেখে যে, তুমি আমার কথা এখনও ধরতে পারছো না!”
“কি কথা?”
“ভুলে যেও না কতো কসরত ক’রে আমরা আমাদের জেসন বর্নকে এখানে এনেছি,” বললো ম্যাকঅ্যালিস্টার। “এক সময় হংকংয়ে তার অসংখ্য কনট্যাক্ট, অসংখ্য সোর্স ছিলো। আর যদি মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার স্মৃতিশক্তি সত্যিই ধীরে ধারে ফিরে আসতে থাকে তাহলে সে তার আগের কনট্যাক্টদের সাথে যোগাযোগ করবে। তাদের কেউ যদি আজকের সম্ভাব্য হত্যাকাণ্ড সম্পর্কে তাকে সাবধান ক’রে দেয়? তাছাড়া এতো পুলিশ, এতো সিকিউরিটিকে কাই টাক এয়ারপোর্টের দিকে যেতে দেখলে সে কি ভাববে? সে কি করবে?”
“সেও সেখানে হাজির হবে!” জবাব দিলো লিন ওয়েনজু।
“আর আমাদের বর্ন যদি তোমাকে সেখানকার সিকিউরিটির সাথে দেখে ফেলে তাহলে পুরো পরিকল্পনাটাই বানচালব হয়ে যাবে। সে জেনে যাবে তাকে যা বলা হয়েছে তার পুরোটাই মিথ্যা, বানোয়াট! আর কিছু বলার দরকার আছে কি?”
না, এতেই চলবে,” বললো মেজর লিন, কিছুটা ক্ষুব্ধ হয়ে চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেলো সে।
“ম্যাকঅ্যালিস্টার, তুমি সেঙ্গের ওপর তোমার রিসার্চ চালিয়ে যাও, ততোক্ষণ আমি মিসেস স্টেপসের সাথেএকটু একান্তে কথা বলতে চাই।”
ম্যাকঅ্যালিস্টার টেবিলের পেপারগুলো গোছাতে গোছাতে চিন্তিত কণ্ঠে বলতে শুরু করলো। “যদি কাই টাকের হামলার গুজবটা আজকে সত্যিই সত্যিই ঘটে তাহলে বলতে হবে আমরা সেঙ্গকে এতোদিন ভুল বুঝেছি। তার পরিকল্পনা ভুল ধরেছি! সে এমন কোনো পরিকল্পনা কষেছে যা আমরা ধরতে পারছি না!” ম্যাকঅ্যালিস্টার পেপারগুলো বগলদাবা করে হাভিলান্ডের দিকে তাকালো। “আমরা যা ভেবেছিলাম সে তার চেয়ে অনেক বেশি ঝুঁকি নিতে যাচ্ছে,” অস্থিরভাবে ম্যাকঅ্যালিস্টার রুম থেকে বেরিয়ে গেলো।
“লোকটা অদ্ভুত, তাই না?” বললো ক্যাথরিন। “ম্যাকঅ্যালিস্টার?”
“হ্যাঁ।”
“আপনার কি তাকে বিরক্তিকর মনে হয়!” বললো হাভিলান্ড।
“বরং উল্টো। এখানকার লোকগুলোর মধ্যে একমাত্র তার উপরই আস্থা রাখা যায়।”
“ম্যাকঅ্যালিস্টার স্টেট ডিপার্টমেন্টের সেরা মাথাগুলোর মধ্যে একটি! কিন্তু আফসোস, সে কখনও তার যথাযোগ্য স্বীকৃতি পাবে না।”
“কেন?”
“আমার মনে হয় আপনি কিছুটা ধরতে পেরেছেন। সে বিবেকবান মানুষ। তার মধ্যে বিবেকবোধ আছে যা আমার মধ্যে নেই। কিন্তু ওসব বিবেক বোধ-টোধ থাকলে আমি আজকে এখানে পৌঁছাতে পারতাম না।”
“এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই!” ঠাট্টার সুরে বললো ক্যাথরিন। “আমার মাথায় একটা প্রশ্ন আছে।”
“বলে ফেলুন, আমি তার জবাব দেয়ার সম্পূর্ণ চেষ্টা করবো।”
“আপনারা কি সেঙ্গের সাথে মুখোমুখি বৈঠকে বসার কথা ভেবেছেন? গোপন কোনো বৈঠক!”
“অবশ্যই এবং প্রতিবার সে একই বিরক্তিবর ভঙ্গিতে প্রতিবাদ করেছে। সে ক্ষোভে ফেটে পড়তে শুরু করে, দাবি করে আমরা তার সুনাম বরবাদ করার জন্য মিথ্যা অপবাদ চাপাচ্ছি। আর সে এও হুমকি দেয় যে, ভবিষ্যতে তার নামে এ অপবাদ চাপালে সে সরাসরি হংকংয়েরর ইকোনমিকে পিকিংয়ের অধীনে স্থানান্তরিত করবে।”
“আর তার ষড়যন্ত্রকে যদি জনসমক্ষে ফাঁস ক’রে দেয়া হয় তাহলেও কি একই ঘটনা ঘটবে?”
“হ্যাঁ, আপনাকে বুঝতে হবে সে অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। যতোদিন সে বেঁচে আছে ততোদিন তার কথায় লোকজন উঠবে, বসবে। জনসমক্ষে সবকিছু প্রকাশ করলে পিকিং এসবের জন্য তাইওয়ান আর পশ্চিমাদের দায়ি করবে। বলবে পিকিংয়ের ইমেজ নষ্ট করার জন্য আমরা একযোগে ষড়যন্ত্র চালাচ্ছি। তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছি। এরপর তারা হংকংয়ের দিকে হাত বাড়াবে, আর অনিবার্যভাবে সেখানকার ইকোনমি ধসে পড়বে।”
“এর সমাধান কি?”
“সেঙ্গ। সে-ই এর একমাত্র সমাধান। “ “আর মেরির স্বামী?”
“সেও এর একটি গুরুত্বপূর্ণ উপকরণ!”
“কিভাবে?”
“মেরির স্বামী জেসন বর্ন একমাত্র সেই দ্বিতীয় বর্নকে ধরে আনতে পারবে। তার মাধ্যমে আমরা সেঙ্গকে ধরতে, বা সরাতে পারবো। সম্ভবত চীনের কোথাও তাকে ফাঁদে ফেললে সব সমস্যা শেষ হয়ে যাবে।”
“চীনের কোথাও?”
“হ্যাঁ, তাহলে পিকিং বাইরের শক্তিগুলোকে দোষারোপ করতে পারবে না। সবাই ধরে নেবে এতে বাইরের কোনো হাত নেই, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে গণনা করা হবে!”
“আরেকটি প্রশ্ন,” বললো ক্যাথরিন স্টেপলস্। “যতোদূর আমি জানি, ডেভিডের সাথে আপনাদের চুক্তি শুধু ওই নকল বর্নকে ধরে দেয়া পর্যন্তই। আপনারা কথা দিয়েছেন সেটা করলেই মেরিকে আপনারা ফিরিয়ে দেবেন। এটা আপনাদের কেন মনে হলো যে, ওই প্রতারককে ধরার পর ডেভিড সেঙ্গকে ও মারতে রাজি হবে?”
“সেই মুহূর্তে আমরা তাকে সবকিছু খুলে বলবো। সেঙ্গ আর তার তাইপানদের ষড়যন্ত্র এবং বিশ্ব অর্থনীতিতে তার সম্ভাব্য প্রভাবের কথা তুলে ধরবো। সবকিছু জেনেও যদি সে বিমুখ হয় তাহলেও আমাদের কিছু যায় আসবে না। কারণ তার কাজ করতে পারবে এমন অনেক এজেন্ট আমাদের হাতে আছে। তারা খুব সহজেই সেঙ্গকে কাবু করতে পারবে!”
“তাহলে ডেভিডকে এখন এতো প্রয়োজন কেন?”
“ডেভিডকে আমাদের প্রয়োজন শুধু এই নকল বর্নকে ধরার জন্য। যে কিনা ডেভিডের মতোই প্রশিক্ষণপ্রাপ্ত, তার মতোই পারদর্শী আর অবশ্যই অত্যন্ত ভয়ংকর। আমার এজেন্টরা তাকে জীবিত অবস্থায় ধরে আনার সামর্থ্য রাখে না। একবার ডেভিড ওকে ধরে আনলে বাকিটা সময়ের ব্যাপার মাত্র।”
“কিভাবে?”
“কোড, মিসেস স্টেপলস্। অরিজিনাল জেসন বর্ন যেমন বিভিন্ন কোড ব্যবহার করে তার ক্লায়েন্টদের সাথে দেখা করতো, এই জেসন বর্নও তাই করে। নিশ্চয়ই সেঙ্গের সাথে যোগাযোগ করার জন্য তার বিশেষ কোড আছে। আমরা বিশেষ কেমিক্যাল প্রয়োগ ক’রে তার কাছ থেকে সত্যি কথাটা উগড়ে নেবো। আমরা জেনে যাবো কিভাবে সেঙ্গকে ডাকতে হয়, তার কাছে যেতে হয়। তারপর জেড টাওয়ার মাউন্টেনের বাইরে একটা মিটিং ডাকা হবে। সে ফাঁদে পা দেবে। শুধু একটি হত্যাকাণ্ড আর তারপর পৃথিবী আবার তার স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে। তো মিসেস স্টেপলস্, আপনাকে সব খুলে বলা হলো। এখন তো মিসেস ওয়েবকে আমাদের হাতে তুলে দেবেন?
“হ্যাঁ, কিন্তু আজ রাতে নয়। সে অত্যন্ত ক্লান্ত আর পালানোর সময় পায়ের পাতায় আঘাত পেয়েছে। তার পায়ে ব্যান্ডেজ করা আছে, আজ তাকে বিশ্রাম নিতে দিন। তাছাড়া আজ রাতে আপনারাও কাই টাক এয়ারপোর্ট নিয়ে ব্যস্ত থাকবেন!”
“আপনি ব্যাপারটা ম্যানেজ করবেন কিভাবে? আপনি তাকে কী বলবেন?”
“বুঝতে পারছি না। আমি তাকে কিছুক্ষণ পরে ফোন করবো, তাকে শান্ত রাখার চেষ্টা করবো। তাকে টেনশন করতে মানা করবো, তাকে বিশ্রাম নিতে বলবো। আর বলবো আমি সকালে তার সাথে দেখা করতে আসছি।”
“আমি আপনার সাথে একজন ব্যাকআপ পাঠাবো। তার সাথে ম্যাকঅ্যালিস্টারও থাকবে। সে ম্যাকঅ্যালিস্টারকে চেনে, এতে কাজটা সহজ হবে।”
সময় খুব দ্রুত পার হতে লাগলো। ঘড়ির কাঁটা ছুটতে ছুটতে কয়েক ঘণ্টা ছাড়িয়ে গেলো। পুরো সময়টাতে একরে পর এক ফোন আসায় হাভিলান্ড অত্যন্ত ব্যস্ত ছিলো, প্রতি মুহূর্তে তাকে কাই টাক এয়ারপোর্টের রিপোর্ট দেয়া হচ্ছিলো। একজন স্টাফ রুমে কিছু হাল্কা খাবার নিয়ে হাজির হলো।
“তুমি কি ম্যাকঅ্যালিস্টারকে আমাদের সাথে থাকার জন্য ডেকেছো?”
“স্যার, আমি তাকে বলেছিলাম তার জন্য কিছু আনবো নাকি, কিন্তু মনে হলো তিনি একটু রেগে গেছেন। তিনি আমাকে বের হয়ে যেতে বললেন, তাকে একা থাকতে দিতে বললেন।”
“ওহ্, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে।”
একের পর এক ফোন আসতেই থাকলো, আর আলোচনার বিষয়বস্তু মেরি সেন্ট জ্যাক থেকে কাই টাক এয়ারপোর্টে স্থানান্তরিত হলো। স্টেপলস্ চুপচাপ হাভিলান্ডকে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির জটিলতা যতোই বাড়ছে তার কণ্ঠস্বর ততোই ধীরস্থির আর নিয়ন্ত্রিত হয়ে আসছে। ফোনের ফাঁকে ফাঁকে হাভিলান্ড ক্যাথরিন স্টেপসের সাথে কথা বলার চেষ্টা করছে।
“আপনার ব্যাপারে বলুন, মিসেস স্টেপলস্…আমি আপনার স্বামীকে চিনতাম…”
অতি সাদামাটা সব কথা। সময় হয়ে এসেছে। অ্যাম্বাসেডর তার রুমের ভেতরের টিভিটা চালু করলো। ঝড়ো বৃষ্টির মধ্যে বৃটিশ আর চাইনীজ ডেলিগেশনের দু’জন প্রতিনিধি প্লেন থেকে নামছে। সেই সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স শুরু হয়ে শেষও হয়ে গেলো। ঠিক তখনই আন্ডারসেক্রেটারি ম্যাকঅ্যালিস্টার ধাক্কা মেরে দরজা খুলে রুমের ভেতরে হাঁফাতে হাঁফাতে ঢুকলো।
“আমি পেয়েছি। সে উল্লসিত কণ্ঠে বললো, তার হাতে একটি পেপার ধরা। “আমি পেয়েছি!”
“শান্ত হও, এডওয়ার্ড! খুলে বলো।”
“এই চাইনীজ ডেলিগেশন!” জোরে জোরে বলতে লাগলো ম্যাকঅ্যালিস্টার। “এর মূল প্রতিনিধি লাও শিঙ্গ! তার সহকারী হচ্ছে জেনারেল ইউন শেন! এরা দু’জনেই অত্যন্ত প্রভাবশালী এবং এরা দু’জনেই বেশ কয়েক বছর ধরে সেঙ্গের পলিসির বিরোধিতা ক’রে আসছে। এই নেগোশিয়েশনে এদের ঢুকানোর কারণে ধরা হচ্ছিলো সেঙ্গ পুরনো শত্রুতা ভুলে গিয়ে সবার চোখে ভালো সাজতে চাইছে!”
“ঈশ্বরের দোহাই, তুমি আসলে কি বলতে চাইছো?”
“টার্গেট শুধু গভর্নর নয়। টার্গেট এরা সবাই! সেঙ্গ এক ঢিলে সব পাখি উড়িয়ে দেবার পরিকল্পনা করেছে। এতে তার পিকিংয়ের দু’জন শত্রু কমবে এবং পথ অনেকটা পরিস্কার হয়ে আসবে।”
হাভিলান্ড ফোনের রিসিভারটি তুলে নিয়ে দ্রুত ডায়াল করলো। “কাই টাকের মেজর লিনকে দাও, এক্ষুনি!” অপারেটরকে আদেশ করলো সে। “জলদি, মেজর লিনকে দাও…সে এখানে নেই মানে?…সে কোথায়?…হ্যা, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার কথা মনোযোগ দিয়ে শোনো! টার্গেট শুধু গভর্নর নন, চাইনীজ ডেলিগেশনের দু’জন সদস্যও এর মধ্যে আছে। সবাইকে আলাদা করার চেষ্টা করো। তোমরা আগেই জানতে!…মোসাদের এজেন্ট! কী যা-তা বলছো…ঠিক আছে, রাখছি।” অ্যাম্বাসেডর দ্রুত নিঃশ্বাস নিচ্ছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় ক’রে বলতে লাগলো সে। “ওরা জানলো কিভাবে?..ঈশ্বরই জানেন কে এটা আমাদেরও আগে জানতে পারলো?”
“আমাদের জেসন বর্ন,” মৃদুকণ্ঠে জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার। “আমি জানি সে ওখানেই আছে,” ফিফিস্ ক’রে বললো সে। “ওখানেই আছে সে!”
