অধ্যায় ১০
“আইয়া!” গুলিগুলো ফুটপাতের পাশে টেলিফোন বুথের দেয়াল ফুটো ক’রে বেরিয়ে যেতেই লাফ দিয়ে চেঁচিয়ে উঠলো লিয়াঙ্গ। ওয়েব একটু নীচু হয়ে হামাগুঁড়ি দেয়া লিয়াঙ্গের দিকে এগোতে থাকলো, তার ডান হাতে রয়েছে পকেট থেকে বের করা শিকারী ছুরিটা। “এটা করবেন না! আরে, করছেন কি?” চেঁচিয়ে উঠলো লিয়াঙ্গ। ডেভিড হাঁটু গেঁড়ে বসলো, তার কলার ধরে ছুরিটি ঠিক তার থুতনির নীচে চেপে ধরলে ছুরির চাপে চামড়া কেটে কিছুটা রক্ত গড়িয়ে পড়লো।
“নাম্বারটা দাও! এখনই।”
“আমাকে কিছু করবেন না! কসম কেটে বলছি, আমি জানতাম না ওরা আপনার জন্য ফাঁদ পেতেছে!”
“ফাঁদটা আমার জন্য না, লিয়াঙ্গ,” এক নিঃশ্বাসে বললো ওয়েব। “ফাঁদটা পাতা হয়েছে তোমার জন্য।”
“আমার জন্য? আপনি পাগল হয়ে গেছেন! তা কি ক’রে হয়?”
“কারণ তুমি জানো আমি এখানে, তুমি আমাকে দেখেছো, আমার সাথে কথা বলেছো। তুমি ওদেরকে ফোনও করেছো, তাই তোমাকে বাঁচিয়ে রাখার আর কোনো প্রয়োজন ওরা দেখছে না।”
“কিন্তু কেন?”
“তোমাকে একটা টেলিফোন নাম্বার দেয়া হয়েছে। তুমি তোমার কাজ ক’রে ফেলেছো, এখন ওরা এমন কোনো সাক্ষী রাখতে চায় না যা দিয়ে ওদেরকে ট্রেস্ করা যাবে।”
“তাতেও কিছু পরিস্কার হচ্ছে না!”
“হয়তো আমার নাম শুনলে সব পরিস্কার হয়ে যাবে। আমার নাম জেসন বর্ন।”
“হায় ঈশ্বর…!” ফিফিস্ ক’রে বললো লিয়াঙ্গ, তার চেহারা হলুদ হয়ে গেছে, তার চোখ যেনো চশমা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, সে মুখ হা ক’রে ডেভিডের দিকে তাকিয়ে রইলো।
“তুমি ওদের সূত্র,” বললো ওয়েব। “সুতরাং তুমি মরেছো।
“না, না!” চাইনীজ লোকটি মাথা দুলিয়ে বললো। “এ হতে পারে না! আমি আর কাউকে চিনি না, শুধু নাম্বারটা জানি! নাম্বারটা নিউ ওয়ার্ল্ড সেন্টারের একটা ফাঁকা অফিসের,” লিয়াঙ্গ জবাব দিলো। “টেলিফোনটা একটা অস্থায়ী লাইন নিয়ে সদ্য বসানো হয়েছে। নাম্বারটা হচ্ছে থ্র-ফোর, ফোর-জিরো, ওয়ান! আমাকে ছেড়ে দিন, মি: বর্ন! জিশুর দোহাই, আমাকে মারবেন না!”
“যদি এখানে আমার জন্যে ফাঁদ পাততে তুমি তাহলে রক্ত শুধু তোমার থুতনিতে লেগে থাকতো না, সারা শরীরে ছড়িয়ে পড়তো…খৃ-ফোর, ফোর- জিরো, ওয়ান?”
“হ্যাঁ, ওটাই!”
“নিউ ওয়ার্ল্ড সেন্টার তো আমাদের হোটেলটার পাশেই অবস্থিত, তাই না?”
“হ্যাঁ, ওটাই!” লিয়াঙ্গ ওয়েবের দিক থেকে চোখ সরাতে পারছে না, সে চোখ বন্ধ ক’রে ফেললো, তার চোখ বেয়ে পানি পড়ছে। “আমি আপনাকে দেখি নি! জিশুর পবিত্র ক্রসের কসম, আমি এটাই বলবো!”
“তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি হংকংয়ে না, ভ্যাটিকানে আছি।” ওয়েব মাথা ঘুরিয়ে আশেপাশে একবার দেখে নিলো। ওয়াকওয়ের সব আতঙ্কিত লোকগুলো উঠে দাঁড়াতে শুরু করেছে। গুলির শব্দ শুনে অনেকে শুয়ে পড়েছিলো, অনেকে আবার ভিড়ের ধাক্কায় পড়েই গিয়েছিলো। এখন সবাই হুড়োহুড়ি ক’রে স্যালিসব্যারি রোডের দিকে ছুটতে শুরু করেছে
“তোমাকে ঠিক এখান থেকেই ফোন করতে বলা হয়েছিলো? তাই না?” আবার লিয়াঙ্গের দিকে তাকিয়ে বললো ডেডিভ।
“হ্যাঁ, স্যার।”
“কেন? তারা কোনো কারণ বলেছিলো?”
“হ্যাঁ, স্যার।”
“তোমার চোখ খোলো।”
“হ্যাঁ, স্যার,” লিয়াঙ্গ চোখ খুললো ঠিকই, কিন্তু তার দৃষ্টি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। “তারা বলেছিলো সুট নাম্বার ছয়-নয়-শূন্য’তে যে গেস্ট আসছে তার ওপর তাদের আস্থা নেই। সে চাপ প্রয়োগ ক’রে আমাকে দিয়ে মিথ্যেও বলাতে পারে। তাই যখন আমি তাদের সাথে ফোনে কথা বলবো, তারা আমাকে যাতে দেখতে পারে… মিঃ বর্ন না, দুঃখিত! মি: কুয়েট, আমি সারাদিন ধরে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাকে ক্রমাগত চাপ প্রয়োগ করছিলো, জানতে চাইছিলো আমি কখন এখান থেকে তাদেরকে ফোন করবো। আমি তাদেরকে বারবার বলেছি, আপনি এখনও এসে পৌঁছান নি। আমি আর কি করতে পারতাম? আপনাকে আমি আসলে সাবধান ক’রে দিতে চাইছিলাম, আপনি তো জানেন, আমি কতোবার আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, এটা থেকেই আমার কথার সত্যতা প্রমাণ হয়, হয় না?”
“তোমার কথায় শুধু প্রমাণ হয় তুমি একটা গাধার বাচ্চা।”
“আমি এ কাজের জন্য মানানসই নই।”
“তাহলে কেন করছিলে এসব?”
“টাকার জন্য, স্যার। আমার স্ত্রী আছে, পাঁচজন সন্তান আছে। ওদের জন্যে।”
“সন্তানদের নাম বলো।”
“তাদের নাম হলো…ওয়াঙ্গ, ওয়াঙ্গ শো…”
“অনেক হয়েছে!” বললো ডেভিড। “নি বুলি রেন! তুমি মানুষ না, তুমি একটা শুয়োর! ভালো থেকো, যতোক্ষণ ওরা তোমায় ভালো থাকতে দেয়।”
ওয়েব তার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখ পড়লো বাম দিকের ওপরের জানালাগুলোর দিকে। জেসন বর্নের দৃষ্টিতে কোনো খাঁদ নেই, জানালায় কেউ নেই এখন। ডেভিড ছুটতে থাকা মানুষের ভিড়ের মধ্যে দৌড়ে ঢুকে পড়ে স্যালিসব্যারি রোডের দিকে পা বাড়ালো।
নাথান রোডের সংকীর্ণ, ব্যস্ততম জায়গাটিকে ফোন করার জন্য বেছে নিলো সে। বাম হাতে ফোনটা ধরে আর ডান কানে আঙুল দিয়ে চেপে রাখলো যাতে আরও সুষ্ঠুভাবে শোনা যায়।
“কে?” একটি পুরুষ কণ্ঠে জবাব এলো।
“বর্ন বলছি, আর আমি পরিষ্কার ইংরেজিতেই কথা বলবো। আমার স্ত্রী কোথায়?”
“ওয়াডি টিয়ান আহ্! তারা বলে তুমি আমাদের ভাষাও বিভিন্ন ভঙ্গিতে বলতে পারো।”
“সেটা অনেকদিন আগের কথা, তাছাড়া আমি সবকিছু পরিস্কারভাবে বুঝতে চাই, কোনো ভুল বোঝাবুঝি চাই না। আমি আমার স্ত্রীর ব্যাপারে জানতে চেয়েছিলাম!”
“লিয়াঙ্গ তোমাকে এই নাম্বার দিয়েছে?”
“সে দিতে বাধ্য হয়েছে।”
“তাকেও কি মেরে ফেলেছো?”
“তুমি কি ভেবেছিলে আমি বোকার মতো ওই সুটে গিয়ে উঠবো? আমি ওকে বাধ্য করেছি আমাকে অন্য রুম দেয়ার জন্যে। আমাদেরকে অনেক লোক কথা কাটাকাটি করতে দেখেছে। ওকে মারলে অনেক গুজব রটতো। যথেষ্ট হয়েছে। আমার স্ত্রীর কথায় ফেরা যাক!”
“এ ধরণের তথ্য জানার মতো সৌভাগ্য আমার হয় নি
“তাহলে এমন কাউকে ফোনটা দাও যে এসব জানে। এখনই!”
“তুমি অন্যদের দেখা পাবে যারা এ বিষয়ে যথেষ্ট খবর রাখে
“কখন?”
“আমরা তোমার সাথে যোগাযোগ করবো। তুমি কোন্ রুমে আছো?”
“আমিই তোমাদেরকে আবার ফোন করবো। তোমাকে পনেরো মিনিট সময় দিচ্ছি।”
“তুমি আমাকে আদেশ করছো?”
“আমি জানি তোমাকে কোথায় পাওয়া যাবে, কোন্ জানালার পাশে কোন্ অফিসে তুমি ব’সে আছো। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তোমার একশো গজের মধ্যে পৌঁছে যেতে পারি। কিন্তু তুমি জানো না আমি কোথায় আছি, আমাকে কোথায় খুঁজতে হবে?”
“আমি তোমার কথা বিশ্বাস করি না।”
“আমাকে পরখ করেই দেখো। তুমি আমাকে দেখতে পাচ্ছো না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার হাতে পনেরো মিনিট আছে, আর যখন তোমাকে ফোন করবো, আমি যেনো আমার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাই।”
“সে এখানে নেই!”
“যদি আমি জানতাম যে, সে তোমার সাথে আছে, তাহলে এতোক্ষণে তুমি লাশ হয়ে যেতে। তোমার মাথা আমি ছুরি দিয়ে কেটে আলাদা ক’রে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিতাম। আর যদি তোমার মনে হয় আমি বাড়িয়ে বলছি তাহলে এমন কারো সাথে কথা বলো যে আমার সম্পর্কে জানে, আমার সাথে কাজ করেছে।’
“আমি চাইলেই তোমার বউকে হাজির করতে পারি না, জেসন বর্ন!” ভীতসন্ত্রস্ত কণ্ঠে জবাব দিলো লোকটি।
“তাহলে এমন কোনো নাম্বার দাও যেটা দিয়ে তার সাথে কথা বলতে পারি। না হলে গলাকাটা লাশ হতে বেশি সময় লাগবে না। শুধু পনেরো মিনিট।”
ওয়েব লাইন কেটে দিয়ে তার মুখের ঘাম মুছলো। সে কাজটা করেছে। তার মস্তিষ্ক আর মুখের শব্দগুলো জেসন বর্নের স্মৃতির কোটরে অস্পষ্টভাবে থাকা দৃশ্যগুলো এখন বাস্তবে পরিণত হতে শুরু করেছে। ডেভিডকে তার ভেতরের মানুষটির ওপর আস্থা রাখতে হবে, সেটাই তার একমাত্র পথ।
ওয়েব লোকগুলোর ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে ডান দিকে মোড় নিলো। সিম শা সুই’র গোল্ডেন মাইল এলাকাটি রাত্রিকালীন আমোদ প্রমোদের আয়োজনের জন্য প্রস্তুত হতে শুরু করেছে। সে এখন হোটেলে ফেরত যেতে পারে, অ্যাসিসট্যান্ট ম্যানেজার যদি একটুও সত্যি কথা বলে থাকে তাহলে এতোক্ষণে সে পালিয়েছে, হয়তো তাইওয়ানের কোনো ফ্লাইট ধরেছে। ওয়েব সাবধানে হোটেলে ঢুকবে, তার জন্য ওরা লবিতে অপেক্ষা করতে পারে। কিন্তু তার মনে হয় না কেউ থাকবে, কারণ নিউওয়ার্ল্ড সেন্টারের অফিসটা তাদের মূল ঘাঁটি নয়, আর ফোনের সেই লোকটিও যোগাযোগের একটা মাধ্যম মাত্র। তার উপর সে নিজের প্রাণ নিয়ে শঙ্কায় পড়েছে।
নাথান রোড থেকে প্রতিটি পদক্ষেপের সাথে তার শ্বাস নেয়ার গতি কমে এলো, বেড়ে গেলো হৃদয়ের ধুকপুকানি। আর মাত্র বারো মিনিট পরেই সে মেরির কণ্ঠস্বর শুনতে পাবে। মেরির কণ্ঠস্বর শোনার জন্য সে কাতর হয়ে আছে। মেরির কথাগুলোই তাকে শান্ত রাখতে পারে।
“তোমার পনেরো মিনিট শেষ,” বিছানার কিনারে ব’সে বললো ওয়েব। “ফাইভ-টু, সিক্স-ফাইভ, থূ নাম্বারে কল করো।”
“ফাইভ?” ডেভিড এক্সচেঞ্জটি ধরতে পারলো। হংকংয়ের নাম্বার, তার মানে
মেরি হংকংয়ে আছে, কাউলুনে নয়।
“তাকে এখনই সরানো হবে।”
“ওর সাথে কথা বলা শেষ ক’রে আমি তোমাকে আবার ফোন করবো।”
“তার কোনো দরকার হবে না, জেসন বর্ন। ওখানে আমাদের দক্ষ লোকেরা আছে, তারা তোমার সাথে কথা বলবে। আমার কাজ শেষ, তুমি আমার কথা ভুলে যেতে পারো এখন।”
“এতো সহজে নয়। তুমি যখন ওই অফিস থেকে বের হবে তখন তোমার ছবি তোলা হবে, তুমি সেটা টেরও পাবে না। ভালো থেকো।” ওয়েব লাইন কেটে দিয়ে নতুন নাম্বারটিতে ডায়াল করলো। রিং হচ্ছে!
“হ্যালো?”
“বর্ন বলছি। আমার স্ত্রীকে ফোনটা দাও।”
“যেমন আপনার ইচ্ছে।”
“ডেভিড?”
“তুমি ঠিক আছো তো?” ডেভিড আর্তনাদ করে উঠলো।
“হ্যাঁ, ডার্লিং। শুধু একটু ক্লান্ত। তুমি ঠিক আছো তো—”
“ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করে নি তো? তোমার গায়ে হাত দেয় নি তো?”
“না, ডেভিড, বরং বেশ ভালো ব্যবহারই করছে। কিন্তু তুমি তো জানো মাঝে মাঝে আমি খুব ক্লান্ত হয়ে যাই। মনে আছে, আমরা যেবার জুরিখে গিয়েছিলাম, তুমি ফ্রাউমুনস্টার আর মিউজিয়াম দেখতে চেয়েছিলে, আমরা লিমাট নদীতে নৌ ভ্রমণ করতে বের হয়েছিলাম। আমি বলেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত নই?”
জুরিখে তারা কখনও ছুটি কাটাতে যায় নি। শুধু দুঃস্বপ্নে ভরা একটি ভয়ানক রাতের স্মৃতি আছে তাদের। তারা দু’জনেই সেখানে তাদের প্রাণ হারাতে বসেছিলো। মেরিকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছিলো সেখানে। নিশ্চয়ই মেরি ইশারায় তাকে কিছু বলার চেষ্টা করছে।
“হ্যাঁ, আমার মনে আছে।”
“আমাকে নিয়ে চিন্তা কোরো না, ডেভিড। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি এখানে এসে গেছো! তারা আমাকে কথা দিয়েছে, আমরা খুব শিগগিরই মিলিত হবো। এটা ঠিক প্যারিসের সময়টার মতো, ডেভিড। তোমার মনে আছে যখন আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি আমার কাছে ফিরে এসেছিলে আর আমরা দু’জন সুন্দর সবুজ গাছের সারি ধরে, আমার প্রিয় গাছগুলো—”
“সময় শেষ, মিসেস ওয়েব,” একটা পুরুষ কণ্ঠ বাধা দিয়ে বললো। “নাকি মিসেস বর্ন, কোল্টা বলবো,” লোকটি সরাসরি ফোনে কথাটা বললো।
“ভাবো ডেভিড, আর সাবধানে…?” পেছন থেকে মেরির কথাটা শোনা গেলো।
“টিঙ্গ ঝি!” লোকটি চেঁচিয়ে উঠে চাইনীজে কাউকে আদেশ করলো। “ওকে নিয়ে যাও! ও ইনফরমেশন দেয়ার চেষ্টা করছে! জলদি। ওকে কথা বলতে দেবো না!”
“ওকে কোনোভাবে আঘাত করলে তোমাকে পস্তাতে হবে,” বরফের মতো শীতল কণ্ঠে বললো ডেভিড।
“তুমি তোমার স্ত্রীর মুখেই শুনেছো। তাকে বেশ আরামেই রাখা হয়েছে, তার কোনো অভিযোগ নেই।”
“তার কথা স্বাভাবিক লাগছিলো না! নিশ্চয়ই তোমরা কিছু করেছো যা সে বলতে পারছে না।”
“এটা টেনশনের লক্ষণ, মিঃ বর্ন। আর সে শুধু ইশারায় তার লোকেশান বলার চেষ্টা করছিলো, ভুলভাবে। সে ঠিকভাবে বললেও কিছু হতো না, কারণ তাকে এখনই অন্য অ্যাপার্টমেন্টে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। আর জানোই তো, হংকংয়ে এ রকম লাখ লাখ অ্যাপার্টমেন্ট রয়েছে। আমরা বিনা কারণে তার কোনো ক্ষতি করতে পারি না। তাতে আমাদের কোনো লাভ নেই। একজন বিশিষ্ট তাইপান তোমার সাথে দেখা করতে চাইছে।”
“ইয়াও মিঙ্গ?”
“তোমার মতো তারও অনেক নাম আছে। তার সাথে হয়তো তুমি কোনো বোঝাপড়ায় আসতে পারবে।”
“তা আসতেই হবে, না হলে সে মরবে আর তার সাথে তোমরাও।”
“আমি জানি তুমি বাড়িয়ে বলো না, জেসন বর্ন। তুমি আমার এক নিকট আত্মীয়কে হত্যা করেছিলে, লানটাউ’তে, আশা করি তোমার মনে আছে।”
“এতো রেকর্ড রাখার সময় আমার নেই। ইয়াও মিঙ্গ কখন দেখা করবে?”
“আজ রাতে।”
“কোথায়?”
“তোমার বোঝা উচিত, তাকে অনেকে চেনে। তাই আমরা একটি বিশেষ জায়গায় কাজটা করতে চাইছি।”
“জায়গাটা কি আমি ঠিক করবো?”
“প্রশ্নই ওঠে না। আমাদেরকে জোর কোরো না। তোমার স্ত্রী এখনও আমাদের কাছে আছে।”
ডেভিড বুঝতে পারলো সে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। “জায়গার নাম বলো,” সে বললো।
“ওয়ার্ল্ড সিটি। আমরা ধরে নিয়েছি তুমি জায়গাটা চেনো।”
“হ্যাঁ, পৃথিবীর সবচে নোংরা বস্তি, এতোটুকুই আমি মনে করতে পারছি। রাতে কখন?”
“অন্ধকার হওয়ার পরে, কিন্তু দোকানগুলো বন্ধ হওয়ার আগে। সাড়ে ৯টা থেকে পৌনে দশটার মধ্যে।”
“এই ইয়াও মিঙ্গকে খুঁজে পাবো কিভাবে যদিও বুঝতে পারছি তার নাম ইয়াও মিঙ্গ না।”
“ওখানকার খোলা বাজারের প্রথম ব্লকে একজন মহিলাকে দেখতে পাবে, সে যৌনশক্তি বর্ধক হিসেবে সাপের নালীসহ বিভিন্ন অংশ বিক্রি করে, দেখবে বেশিরভাগই কোবরা সাপ। তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে সবচেয়ে বড়টা কোথায়। সে-ই তোমাকে বলে দেবে কোন্ পথে হাটতে হবে, কোন্ রাস্তায় যেতে হবে। তারপর তুমি সেই লোকটির দেখা পাবে।”
“আমি হয়তো সেখানে ঢুকতেই পারবো না। সাদা চামড়ার লোকেদের সেখানে সাদর অভ্যর্থনা জানানো হয় না।”
“কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তবুও আমি অনুরোধ করবো চকমকে কাপড় বা জুয়েলারি না পরতে।”
“জুয়েলারি?”
“যদি তোমার কোনো দামি ঘড়ি থাকে তাহলে সেটা পড়বে না। ওরা তোমার কব্জি কেটে ঘড়ি নিয়ে যাবে। বুঝেছো?”
“উপদেশের জন্য ধন্যবাদ।”
“আরো একটা উপদেশ আছে। ইয়াও মিঙ্গের সাথে জোড়াজুড়ি করতে যেও না, কিংবা জেসন বর্নের বিশেষ ক্ষমতাগুলোর প্রদর্শন কোরো না। কারণ বাড়াবাড়ি করলে তোমার স্ত্রী মারা পড়বে।”
“এই উপদেশটির কোনো দরকারই ছিলো না।”
“জেসন বর্নের ক্ষেত্রে সবকিছুরই দরকার আছে। তোমার উপর নজর রাখা হবে।”
“সাড়ে ন’টা থেকে পৌনে দশটা,” ওয়েব কথাটা বলেই ফোনটা রেখে দিয়ে বিছানা থেকে উঠে জানলা দিয়ে হার্বারের দিকে তাকালো। এর মানে কি? মেরি তাকে কি বলার চেষ্টা করছিলো?
…তুমি তো জানোই মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে যাই।
না, সে এটা জানতো না। তার স্ত্রী অত্যন্ত শক্তসামর্থ্য মহিলা, সে কখনও ক্লান্ত হওয়ার কথা বলে না। মেরি উল্টাপাল্টা বকে সময় নষ্ট করার মতো মেয়ে নয়। সে কি বোকার মতো প্রলাপ বকছিলো?…এটা ঠিক প্যারিসের সময়টার মতো, ডেভিড। সেই সুন্দর গাছের সারি ধরে মনোরম রাস্তায় আমরা…
না, প্রলাপ হতে পারে না। নিশ্চয়ই এর কোনো বিশেষ অর্থ আছে। কিন্তু সেটা কি? মনোরম রাস্তা? প্রিয় গাছ? সে কোনো কিছুর মানেই বুঝতে পারছে না! কিন্তু তার বোঝা জরুরি! তার ভেতরের মানুষটি হঠাৎ তাকে বললো যা বুঝতে পারছো না তা নিয়ে সময় নষ্ট কোরো না, আরো অনেক কাজ করতে হবে। ঠিক, এমনি এমনি সে তার শত্রুর পাতা ফাঁদে পা ফেলতে পারে না, তাকে কিছু পূর্ব প্রস্তুতি তো নিতেই হবে। তাকে নিজের কিছু চাল তৈরি করতে হবে। লোকটা বলছিলো ঝকমকে আর উজ্জল কাপড় চোপড় না পড়তে…সে এমনিও কখনও এ ধরণের কাপড় পড়ে না, কিন্তু এখন সে এমন কিছু করবে যা সম্পূর্ণ তার বিপরীত… সম্পূর্ণ অপ্রত্যাশিত।
ডাইমলার গাড়ি থেকে নামার পর ডেভিড হোটেল পেনিনসুলাতে গিয়ে আরেকটি রুম বুক করলো। তার অ্যাটাচি কেসটি হোটেলের সেফ ডিপাজিটে রাখলো ক্যাকটাসের দেয়া তৃতীয় জাল পাসপোর্টটির নাম অনুযায়ী। লোকগুলো তাকে খুঁজলে রিজেন্ট হোটেলে ব্যবহার করা নামে খুঁজবে; সেটা ছাড়া তাদের হাতে আর কোনো সূত্র নেই।
অল্প কিছু জামাকাপড় ফ্লাইট ব্যাগটিতে ঢুকিয়ে সে দ্রুত রুম থেকে বেরিয়ে বাইরের দিকের লিফট দিয়ে সরাসরি রাস্তায় চলে এলো, তবে রিজেন্ট হোটেল থেকে চেক-আউট করলো না। কারণ সে চাইছিলো তার শত্রুরা তাকে ভুল জায়গায় খুঁজে সময় নষ্ট করুক।
পেনিনসুলাতে পুরোপুরি স্যাটেল করার পর সে কিছু সময় খাবার খেয়ে আর বাকি সময়টা বিভিন্ন জিনিস শপিং করার পেছনে ব্যয় করলো। সন্ধ্যা নামার পর সে ওয়াল্ড সিটিতে যাবে সাড়ে ন’টা বাজার আগেই। জেসন বর্ন এখন আদেশ করা শুরু করেছে আর ডেভিড ওয়েব তা পালন করছে।
নাম শুনে অনেকের মনে হবে ওয়ার্ল্ড সিটি মানে দেয়ালের শহরে বুঝি বিরাট বিরাট ইস্পাত আর পাথরের দেয়াল দিয়ে গড়ে উঠেছে, কিন্তু বাস্তবে তা নয়। সারি সারি কতোগুলো নীচু ফ্ল্যাটের সামনের রাস্তাটি ধরে যে ঘিঞ্জি খোলা বাজার গড়ে উঠেছে তাই ওয়াল্ড সিটি। এর চারদিকে অগোছালোভাবে উঠে দাঁড়িয়েছে অসংখ্য দোকানপাট আর ভাঙাচুরা ঘরবাড়ি। যাতায়াতের জন্য এদিকে সেদিকে ছড়িয়ে থাকা অন্ধকার গলিগুলোর সামনে ভিখারী আর অর্ধনগ্ন বেশ্যারা কাস্টমার ধরার চেষ্টা করছে।
গলিগুলোর কোথাও কোথাও সংকীর্ণ সিঁড়ি উঠে গেছে দোতলা-তিনতলার ভাঙাচোড়া ফ্লাটগুলোতে। ওপরের এসব ঘিঞ্জি ছোটো রুমগুলোই নারকোটিকস আর যৌন ব্যবসার মূলকেন্দ্র। এসব কিছুই পুলিশের আওতার বাইরে। সব ক’টা রাজনৈতিক দলের মৌন সম্মতিতেই চলছে ওয়ার্ল্ড সিটির নৈশ ব্যবসা। কলোনির খুব অল্প মানুষেরই সাহস আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার। তাই যেমনটা চলছে চলুক না, এতে কার কি এসে যায়? অদ্ভুত এ বাজারটির একদম মাথায় একটি শক্ত সমর্থ মহিলা কাঠের তৈরি পীড়াতে ব’সে তার মোটা পা দুটো ফাঁক ক’রে ব’সে আছে। সাপের চামড়া ছিড়ছে আর ভেতর থেকে নালীগুলো টেনে বের করছে সে, তার ভারি ডান পায়ের নীচে নিথর দেহে চাপা পড়ে আছে একটি কিং কোবরা, সামনের উপচে পরা মানুষের ভিড় আর হৈচৈয়ের শব্দ তাকে স্তম্ভিত ক’রে ফেলছে। মহিলার ডানে বায়ে বেশ কয়েকটি ব্যাগের ভেতরে আঁটকে থাকা সাপগুলো হিস্ হিস্ শব্দে ব্যাগের গায়ে বার বার ঠোকর মারছে, যেনো তাদের বন্দীদশার প্রতিবাদ জানাচ্ছে তারা।
লম্বা বাজারটির অপর প্রান্তে একপাশ থেকে লোকটি বেরিয়ে এসে রাস্তায় উপচে পড়া ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। লোকটির পরনে সস্তা, ঢিলেঢালা, বাদামী রঙের সুট, ট্রাউজারটা বেশ ঢোলা আর কোটটা অনেক লম্বা। মাথায় কালো রঙের নরম কাপড়ের চওড়া চীনা হ্যাটটি তার মুখের অনেকাংশই ঢেকে রেখেছে। লোকটা বিভিন্ন দোকানের এটা সেটা জিনিস হাতে নিয়ে দেখছে, দামাদামি করছে আর ধীরগতিতে সামনে এগোচ্ছে। পকেট থেকে টাকা বের ক’রে সে কিছু একটা কিনেও ফেললো। তার আচার আচরণ, চলাফেরার ভঙ্গি থেকে তাকে বাজারের আর পাঁচটা লোক থেকে আলাদা করা কঠিন। যে কেউ তাকে এ এলাকার লোক ভেবেই ভুল করতে পারে। লোকটি ধীরে ধীরে সেই সাপের নালী নিয়ে ব্যস্ত থাকা শক্ত সমর্থ মহিলাটির দিকে এগিয়ে গেলো।
“সবচেয়ে বড়টা কোথায়?” জেসন বর্ন চাইনীজে জিজ্ঞেস করলো, তার চোখ নিথর পড়ে থাকা কোবরাটির দিকে।
“তুমি আগে এসে গেছো,” জবাব দিলো মহিলাটি। “অন্ধকার হয়েছে ঠিকই, কিন্তু তুমি একটু আগেই এসে গেছো।”
“আমাকে আগে আসতে বলা হয়েছে। তুমি কি তাইপানের দেয়া নির্দেশকে সন্দেহ করছো?”
“ও ব্যাটার মতো তাইপান আমি ঢের দেখেছি!” মহিলাটি ক্যান্টোনিজ ভাষায় তার অভিব্যক্তি প্রকাশ করলো। “ও ব্যাটা যা চাইছে তাই হোক, এতে আমার কি। আমার পেছনে যে সিঁড়িটা দেখছো ওটা ধরে নামাও, তারপর বাম দিকের প্রথম গলিটায় যাবে। পনেরো কি বিশ মিটার দূরে একটা মাগি দাঁড়িয়ে আছে। ওই মাগি একজন সাদা লোকের জন্য অপেক্ষা করছে, সাদা লোককে সেই তাইপানের কাছে নিয়ে যাবে… তুমি কি সাদা চামড়ার লোক? এই অল্প আলোয় আমি তোমার চেহারাটা দেখতে পারছি না, তোমার কাপড় চোপড় দেখে তোমাকে বিদেশী মনে হয় না, আর তোমার চাইনীজও বেশ ভালো
“আমার জায়গায় তুমি থাকলেও বিদেশীদের মতো জামা পরে আসতে না। সেই ভুল বাচ্চা খুকিও করবে না!”
“সাহেবদের কাছে অনেক পয়সা থাকে! তোমার কাছে কি পয়সা আছে?”
“না, তা নেই!”
“তুমিই মিথ্যা বলছো। সাদা আদমিরা পয়সার ব্যাপারে হাজারটা মিথ্যা বলতে পারে।”
“বেশ, আমি মিথ্যাই বলেছি। আশা করি তোমার সাপ এজন্য আমাকে কামড় মারবে না।”
“বোকা! এগুলো বুড়ো সাপ, আর এগুলোর কোনো দাঁত নেই। এগুলোই তো আমাকে পয়সা এনে দেয়! তুমি কি আমাকে পয়সা দেবে?”
“যদি কাজ করো তাহলে অবশ্যই দেবো।”
“আইয়া! তুমি এই বুড়ির শরীরের ওপর নজর দিয়েছো! তোমার ট্রাউজারের ভেতর যে কুড়াল আছে তা দিয়ে মাগিদের কোপাও, আমাকে রেহাই দাও, বাবা।”
“কোপাকুপি না, শুধু কথাতেই হবে,” বললো বর্ন। তার ডান হাতটি ট্রাউজারের পকেটে ঢুকে গেলো। একটি ইউ.এস ১০০ ডলারের নোট বের করে তার হাতের তালুতে রেখে সাপ বিক্রেতার সামনে এমনভাবে তুলে ধরলো যাতে আশেপাশের লোকদের চোখে না পড়ে।
“আইয়া-আইয়া!” বিস্ময় প্রকাশ করলো মহিলাটি। তার হাত থেকে সাপটি পড়ে গেলো। সে নোটটির দিকে এগোলো।
“আগের কাজের কথা,” বর্ন বলতে লাগলো, “যেমনটা তুমি ভেবেছিলে আমি এখানকারই একজন, আমি চাই অন্যেরাও তাই ভাবুক। তোমাকে শুধু বলতে হবে সাদা চামড়ার সাহেব এখানে আসে নি। ঠিক আছে?”
“একদম ঠিক আছে! টাকাটা আমাকে দাও!”
“কাজটা হবে তো?”
“তুমি সাপ কিনতে এসেছিলে! সাপ! আর পাঁচজনের মতো! সাদা চামড়ার লোকের আমি কি জানি, সে এখানে কখনও আসে নি। এই নাও, এই নাও তোমার সাপ। এইবার মাগি লাগাতে যাও।” মহিলা নোটটা নিয়ে সাপের নালীগুলো একটা প্লাস্টিকের ব্যাগে ভরে ডেভিডের হাতে দিয়ে দিলো।
বর্ন দ্রুত বার দু’য়েক কুর্ণিশ ক’রে মিলে গেলো ভিড়ের মধ্যে। রাস্তার ল্যাম্পের আলো থেকে বেশ কিছুটা দূরে অন্ধকার এক জায়গায় সে প্যাকেটটা ফেলে দিলো। ঘড়িতে সময় দেখলো : ৯টা ১৫; তাইপানের লোকেরা নিশ্চয়ই জায়গামতো টহল দেয়া শুরু করেছে। তাকে জানতে হবে ব্যাংকারের সিকিউরিটি কতোটা মজবুত, সিকিউরিটির কোথায় কোন্ ছেদ আছে। ডেভিড বুঝলো জেসম বর্ন নিয়ন্ত্রণ নেয়া শুরু করেছে। ব্যাংকারের রেখে যাওয়া সেই নোটটির কথা তার মনে পড়লো : স্ত্রীর বদলা স্ত্রী… জেসন বর্ন শুধু একটি শব্দ বদলাতে চায়। স্ত্রীর বদলা তাইপান।
ওয়েব অন্ধকার সিঁড়ি দিয়ে নীচে নেমে এলো। সিঁড়ির একপাশে হাটু গেঁড়ে বসা এক মহিলা টাকার বিনিময়ে তার ক্লায়েন্টকে যৌন সেবা প্রদান করছে, আর তার ক্লায়েন্ট মহিলার মাথার ওপরে কিছু টাকা ধরে দাঁড়িয়ে আছে; নেশাগ্রস্ত স্বল্পবয়সী এক যুগল অশালীনভাবে জড়াজড়ি করছে; অল্পবয়সী একটি ছেলে মারিজুয়ানার সিগারেট টানছে আর প্রসব করছে দেয়ালের গায়ে; পা-হীন পঙ্গু এক ফকির তার ভিক্ষার ঠেলাগড়িতে শুয়ে শুয়ে ডাক ছাড়ছে, “বঙ্গ-গো। বঙ্গ-গো!”
জেসন বর্ন পুরো জায়গাটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো, যেনো এটি একটি যুদ্ধক্ষেত্র।
৯টা ২৪। ব্যাংকারের লোকগুলো তাদের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছে। ব্যাংকারের মাগিটা তার নিজের জায়গায় এসে দাঁড়ালো, বোতাম খোলা লাল উজ্জ্বল বর্ণের ব্লাউজটি কোনো রকমে তার ছোট স্তন জোড়া ঢেকে রেখেছে। তার কালো স্কার্ট তার ঊরু পর্যন্ত ওঠানো। তার কয়েক গজ পেছনেই এক চাইনীজ লোক রেডিওতে কি যেনো বললো, তারপর ইশারায় মাগিটাকে কিছু একটা ইঙ্গিত ক’রে দ্রুত সামনের দিকে হেটে চলে গেলো। ওয়েব থামলো, তার শরীর উত্তেজিত, তার পেছন দিয়ে কেউ দ্রুত পদক্ষেপে হেটে আসছে। আর একজন মধ্যবয়সী চাইনীজ তার পাশ দিয়ে হেঁটে সামনের দিকে গেলো। লোকটি কালো বিজনেস সুট-টাই আর ঝকঝকে পালিস করা জুতা পরে আছে। ইনি এখানকার বাসিন্দা হতে পারেন না, তার চোখেমুখে অনভ্যস্ততা আর বিরক্তিকতার মিশ্রিত ছাপ। মাগিটাকে অগ্রাহ্য ক’রে সে ঘড়িতে সময় দেখে দ্রুত সামনের দিকে এগিয়ে গেলো। সামনের আগোছালো দোতলা-তিনতলার কোনো ঘিঞ্জি ফ্ল্যাটেই সেই তাইপান তার জন্য অপেক্ষা করছে। বর্নকে শুধু খুঁজে বের করতে হবে কোন্ তলার কোন্ ফ্ল্যাটে সে অবস্থান করছে। তাইপান নিশ্চয়ই চমকে যাবে, ভড়কে যাবে পুরোপুরি। সে ভালোই ঝুঝতে পারবে কার বিরুদ্ধে সে ফাঁদ পেতেছে।
জেসন আবার তার কাজ শুরু করলো, এবার সে হাটতে শুরু করলো বদ্ধ মাতালের মতো; একটা পুরনো মান্দারিন লোকগীতির সুর গুণগুণ ক’রে গাইতে গাইতে দেয়াল ঘেষে, হেলে দুলে সেই পতিতার কাছে গেলো সে।
“আমার কাছে পাত্তি আছে, সুন্দরী,” কথাগুলো অস্পষ্টভাবে চাইনীজে বললো। “আর তোমার যা আছে আমার তা চাই। কোথায় যাওয়া যায়, বলো তো?”
“কোথাও না, ভাগ্ এখান থেকে, মাতাল কোথাকার!”
“বঙ্গ-গো! সং বঙ্গ-গো!” সেই পঙ্গু ফকিরটি সামনে এগিয়ে এলো। “আরে এই মাতাল তো তোমার কাস্টমার, একে ভাগাচ্ছো কেন?”
“এই সস্তা মাতাল আমার কাস্টমার না, এ আমাকে বিরক্ত করছে, ডার্লিং। আমি অন্য লোকের জন্য অপেক্ষা করছি এখানে।”
“বিরক্ত করছে? তাহলে আমি এই হারামির ঠ্যাং কেটে ফেলবো!” ঠেলাগাড়ি থেকে একটা দা তুলে ধরে চেঁচিয়ে উঠলো বিকৃত শরীরের লোকটি।
“তোমার মাথা ঠিক আছে তো?” ইংরেজিতে চেঁচিয়ে উঠলো বর্ন, সে ফকিরটির বুকে কষে একটি লাথি মারলে ফকিরটি তার ঠেলাগাড়িসহ ছিটকে অপর দিকের দেয়ালের গায়ে ধাক্কা খেলো।
“দেশে আইন কানুন ব’লে কি কিছু নেই?” চেঁচিয়ে উঠলো ফকিরটি। “তুই একজন প্রতিবন্ধীর গায়ে হাত তুলেছিস! তুই একজন অসহায় প্রতিবন্ধীর টাকা লুট করেছিস!”
“তাই নাকি, তাহলে আমার বিরুদ্ধে কেস্ কোরো, কেমন,” বর্ন বলেই মহিলাটির দিকে ঘুরলে ফকিরটি তার গাড়িতে ক’রে পাশের একটা গলির দিকে চলে গেলো।
“তুমি ইংরেজিতে কথা বলতে পারো…,” সেই পতিতা তার দিকে তাকিয়ে আছে।
“তা তো তুমিও পারো,” বললো বর্ন I
“তুমি চাইনীজেও কথা বলতে পারো, কিন্তু তুমি চাইনীজ নও।”
“হয়তো আমার মনটা চাইনীজ, আমি তোমাকেই খুঁজছিলাম।”
“তুমিই সেই লোক?”
“হ্যাঁ, আমিই।”
“আমি তোমাকে তাইপানের কাছে নিয়ে যাবো।”
“না, আমাকে শুধু বলো কোন্ সিঁড়ি দিয়ে আর কয় তলায় যেতে হবে।”
“আমাকে এরকম নির্দেশ দেওয়া হয় নি।”
“এগুলো তাইপানের নতুন নির্দেশ, তুমি কি তাইপানের নতুন নির্দেশকে অমান্য করতে চাও?”
“নির্দেশে পরিবর্তন হলে তাইপানের হেডম্যান আমাকে বলতো।”
“কালো বিজনেস সুট পরা সেই ছোটোখাটো ঝোন গুয়ো রেন?”
“সে-ই আমাদেরকে সব নির্দেশ দেয়। তাইপানের হয়ে কাজ করার জন্যে সে-ই আমাদেরকে টাকা দেয়।”
“তাকে কে টাকা দেয়?”
“তা তুমিই ওকে জিজ্ঞেস করে নিও।”
বর্ন তার পকেটে হাত ঢুকিয়ে ভাঁজ করা কয়েকটা নোট বের করলো। “তাইপান বলেছে তোমাকে কিছু বাড়তি টাকা দিতে যদি তুমি আমাকে সহযোগিতা করো। সে সন্দেহ করছে তার হেডম্যান বোধহয় তার সাথে বেঈমানী করছে।”
মহিলা দেয়ালে হেলান দিয়ে একবার বর্ন আরেকবার নোটগুলোর দিকে তাকালো। “আর যদি তোমার কথা মিথ্যে হয়—”
“আমি মিথ্যা বলতে যাবো কেন? তাইপান আমার সাথে দেখা করতে চায়, সেটা তুমিও জানো। তোমারই তো আমাকে তার কাছে নিয়ে যাওয়ার কথা। সেই আমাকে এ ধরণের কাপড় পরতে বলেছিলো, এরকম আচরণ করতে বলেছিলো, তোমাকে খুঁজে বের করে তোমার কাছ থেকে তার লোকদের খবর বের করতে বলেছে আমাকে। যদি সে না বলতো তাহলে তোমার কথা আমি জানলাম কি ক’রে?”
“খোলা বাজারে তোমার সাথে একজনের দেখা করার কথা, সেখান থেকে…!”
“আমি সরাসরি এখানে এসেছি। আমি ওখানে যাই নি,” তার নোটের তাড়ি থেকে কয়েকটা নোট বের ক’রে বললো বর্ন। “আমরা দু’জনেই তাইপানের জন্যে কাজ করছি। এই নাও, তাইপান তোমাকে এই নোটগুলো দিতে বলেছে, এখন তুমি যেতে পারো। কিন্তু তুমি ওই রাস্তার দিকে যাবে না।” সে নোটগুলো দিয়ে দিলো।
“তাইপান সত্যিই সজ্জন ব্যক্তি,” নোটগুলো নিয়ে পতিতাটি বললো।
“কোন্ সিঁড়ি?” প্রশ্ন করলো বর্ন। “আর কয়তলায়?”
“ওদিকে,” দূরের একটি দেয়ালের দিকে ইঙ্গিত ক’রে জবাব দিলো মহিলাটি। “তৃতীয় সিঁড়িটি দিয়ে, দ্বিতীয় তলায়”
“হেডম্যানের কথামতো গোপনে আর কে কে কাজ করছে? জলদি।”
“খোলা বাজারের সেই সাপ বিক্রেতা, উত্তর দিকের একজন চোরাই সোনার চেন বিক্রেতা আর পঁচা মাছ-মাংস বিক্রি করছে যে দোকানদার, তারাই।”
“খালি এই ক’জন?”
“হ্যাঁ, এটাই আমাকে বলা হয়েছে।”
“তাইপানের সন্দেহই ঠিক। তার সাথে বেঈমানি করা হয়েছে। সে তোমাকে ধন্যবাদ জানাবে।” বর্ন আরো একটি নোট বের করলো। “কিন্তু আমি আরেকটু নিশ্চিত হতে চাই, ওয়্যারলেস হাতে নিয়ে যে লোকটা কথা বলছে সে ছাড়া আর কয়জন লোককে হেডম্যান সাথে নিয়ে এসেছে?”
“আর তিনজন, তাদের সাথেও ওয়্যারলেস আছে,” বললো পতিতা, তার চোখ নোটের ওপর স্থির, তার হাত নোটটির দিকে একটু একটু ক’রে এগিয়ে আসছে।
“এই নাও, এখন তুমি বিদায় হও। ওপরের ওই রাস্তার দিকে এখন যাবে না, বুঝলে।”
মহিলা নোটটি নিয়ে দৌড়ে একটা গলির দিকে এগিয়ে গেলো, তার জুতার হিলের খট্ খট্ শব্দ হচ্ছে আর তার শরীরটা ডিম লাইটের আবছা আলোয় ক্রমশ হারিয়ে যাচ্ছে। বর্ন তার যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো তারপর ঘুরে দ্রুত ছুটে আবার সেই রাস্তায় উঠে এলো। তিনজন গার্ড আর একজন হেডম্যান। সে জানে তাকে কি করতে হবে, আর করতে হবে খুব দ্রুত। ৯টা ৩৫ বাজে। স্ত্রীর বদলা তাইপান।
সে প্রথম গার্ডটিকে খুঁজে পেলো এক মাছের দোকানদারের সাথে কথাবার্তায় ব্যস্ত অবস্থায়। তারা ইশারায় এবং চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। উপচে পড়া মানুষের ঢল আর চিৎকার চেঁচামেচি এতোটাই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণভাবে কথা বললে কিছুই শোনা যাবে না। বর্ন গার্ডের পাশের ভারি লোকটিকে বেছে নিলো; দৌড়ে গিয়ে সেই লোকটাকে জোরে ধাক্কা মারলে সে গিয়ে পড়লো গার্ডের উপর। গার্ড সামলে ওঠার আগেই জেসন হ্যাচকা টান দিয়ে তাকে পাশে সরিয়ে এনে তার গলায় শক্ত ক’রে ঘুষি মারলো। তারপর বিপর্যস্ত লোকটাকে ঘুরিয়ে তার কাঁধের ওপরে মেরুদণ্ডে সজোরে আঘাত করলো সে। অচেতন গার্ডকে তুলে নিয়ে তাকে বগলদাবা ক’রে ভিড়ের মধ্যে দিয়ে এগোতে লাগলো আর তার মাতাল বন্ধুর মাতলামোর জন্য দুঃখ প্রকাশ করতে থাকলো। লোকটিকে একটি ভাঙাচোড়া ফাঁকা দোকানের সামনে নিয়ে ফেলে তার ওয়্যারলেসটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেললো।
তাইপানের দ্বিতীয় গার্ডটিকে বাগে আনতে তেমন কোনো কৌশলের দরকার হলো না। সে ভিড়-ভাট্টা থেকে দূরে থেকে ওয়্যারলেসে কথা বলতে ব্যস্ত। বর্ন তার দিকে এগিয়ে গেলে বর্নের আলুথালু পোশাক পরিচ্ছদ দেখে গার্ড ভয় তো পেলোই না উল্টো তাকে ফকির-টকির মনে ক’রে বসলো। হাত নেড়ে ইশারায় তাকে দূরে সরতে বললো গার্ডটি; জ্ঞান হারাবার আগে এটাই ছিলো তার শেষ অভিব্যক্তি। বর্ন খপ্ ক’রে তার হাত ধরে এক মোচড়ে লোকটার হাত ভেঙে ফেললো। চৌদ্দ সেকেন্ড পরে তাইপানের দ্বিতীয় গার্ডটিকে কোনো এক ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যাবে। বর্ন লোকটির ওয়্যারলেস সেটটি নালায় ফেলে দিলো।
তৃতীয় গার্ডটি সাপ বিক্রেতার সাথে কথা বলছে। বর্নকে খুশি করার জন্য মহিলা গার্ডকে কথায় ব্যস্ত রেখেছে। ওয়াল্ড সিটির এই একটা গুণ, ঘুষ দিলে বিশ্বস্ত লোকের অভাব হয় না এখানে। গার্ড তার অটোমেটিকটি বের করলেও ব্যবহার করার সুযোগ পেলো না। জেসন দৌড়ে গিয়ে বুড়ো দাঁতহীন কোবরা সাপটি তুলে নিয়ে গার্ডের মুখে সেটা থেঁতলে দিলো। গলার নার্ভগুলো খুবই স্পর্শাকাতর, এর ফাইবারগুলো শরীরের বিভিন্ন অংশের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে সংযোগ করে। বর্ন অত্যন্ত নিপুণভাবে নার্ভে আঘাত হেনে আরো একবার তার মাতাল বন্ধুকে ভিড়ের মধ্যে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেলো মাতলামির জেন্যে দুঃখ প্রকাশ করতে করতে। তাকে ফেলে রাখলো অন্ধকার এক কোণায়। ৯টা ৪০বাজে। এখন খালি বাকি আছে হেডম্যান।
দামি সুট আর পলিশ করা জুতো পরা ছোটোখাটো মধ্যবয়সী চাইনীজটি নাকে আঙুল চেপে রেখেছে। ভিড়ের মধ্যে থাকায় খাটো চাইনীজটিকে খুঁজে পেতে সমস্যা হলো। কিন্তু বর্ন নজর রাখলো সে কোন্ দিকে এগোচ্ছে, তারপর দ্রুত তার সামনে গিয়ে সে ঘুরে দাঁড়ালো। তারপর চাইনীজটির তল পেটে জোরে লাথি মারলে সে পড়ে যেতে উদ্যত হলে জেসন তার বাম হাত দিয়ে তার কোমর ধরে তাকে আগলে ধরলো। ব্যাংকার সেজে থাকা এই চাইনীজকেও তার বাকি সঙ্গীদের কাছে ফেলে এলে জেসন বর্ন। ৯টা ৪৩।
বর্নের হাতে আর সময় নেই। সে দৌড়ে সেই চিপা সিঁড়ি দিয়ে নেমে আবার সেই গলিগুলোর দিকে এগিয়ে গেলো। কাজের কাজ করেছে সে। সবগুলো গার্ডকে সরিয়ে দিয়েছে। স্ত্রীর বদলা তাইপান! সে সিঁড়ির কাছে গিয়ে মঙ্গকক থেকে কেনা তার অসাধারণ অস্ত্রটি বের করলো। প্রতিটি পদক্ষেপ অতি সাবধানতার সাথে ফেলে দোতলায় উঠে গেলো সে। দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে প্রস্তুতি নিলো, বাম পা-টা উঁচিয়ে সজোরে লাথি বসালো পাতলা কাঠের দরজার উপর।
দরজাটা দড়াম করে খুলে যেতেই সে লাফিয়ে পড়ে ডিগবাজি দিয়ে ঘরে ঢুকে পড়ে তার অস্ত্রটি তাক্ করলো। তিনজন লোক অর্ধবৃত্তাকারে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে একটি ক’রে অস্ত্র, তার মাথায় তাক্ করা। তাদের পেছনে, সাদা সিল্কের সুট পরা বিশালদেহী এক চাইনীজ চেয়ারে ব’সে আছে।
সেই লোকটি তার গার্ডগুলোর দিকে সম্মতির ভঙ্গিতে মাথা ঝাঁকালো।
হেরে গেছে সে। বর্ন হিসেবে বিশাল ভুল করে ফেলেছে, আর এখন ডেভিড ওয়েবকে মরতে হবে। তার চেয়েও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে, সে মারা যাবার কিছুক্ষণ পরে মেরিকেও মেরে ফেলা হবে। গুলি করলে করুক, ভাবলো ডেভিড। কিছুক্ষণের কষ্ট, তারপরই তো সবকিছু থেকে মুক্তি পাবে সে। তার মন থেকে কথাটা উচ্চারিত হলো : “গুলি করো! থেমে আছো কেন? গুলি করো!’”
