অধ্যায় ২৬
দু’দিকে গাছের সারি দিয়ে ঘেরা একটা অন্ধকার রাস্তায় বর্ন তার কালো সিডান গাড়িটি থামালো। ম্যাপটা নির্ভুল। জিঙ্গ শান পক্ষীশালার উঁচু স্টিলের সবুজ গেটটা দেখতে পাচ্ছে সে। গেটের দু’পাশে দুটো ফ্লাডলাইটের আলোয় ভেতরের কিছু রঙ বেরঙের পাখির উপস্থিতিও টের পাওয়া যাচ্ছে। চারদিক সবুজ নেটের মতো বেড়া দিয়ে ঘেরা জিঙ্গ শান পক্ষীশালাটা ব্যাপক স্থানজুড়ে গড়ে উঠেছে। গেটটা বন্ধ কিন্তু তার পাশেই কাঁচের তৈরি একটা গার্ডরুমে আলো জ্বলছে। বর্ন তার গাড়িটি নিয়ে সেদিকে এগোতে লাগলো। কাঁচের ঘরটির ভেতরে শুধু একজন গার্ড বসে আছে, গার্ডটির সাথে কোনো অস্ত্র আছে কি না তা বর্ন দেখতে পাচ্ছে না। গাড়িটা গেটের সামনে পার্ক ক’রে বর্ন দরজা খুলে বের হয়ে গার্ডের দিকে এগিয়ে গেলো। লোকটির বয়স প্রায় ষাটের কাছাকাছি। বর্ন একটু অবাকই হলো।
“বেই লঙ্গ, বেই লঙ্গ?” গার্ড কিছু বলার আগেই বর্ন তাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিলো।
“কপালটাই খারাপ,” পকেট থেকে সেই ফ্রেঞ্চ বিজনেসম্যানের বিশেষ ব্যক্তিদের একটা নামের লিস্ট বের ক’রে বলে চললো সে। “আমার এখানে প্রায় সারে তিনঘণ্টা আগে আসার কথা। কিন্তু গাড়িটা সময়মতো পৌঁছায় নি, আর তাই আমিও মিনিস্টারকে ধরতে পারলাম না…” লিস্ট থেকে একজন টেক্সটাইল মিনিস্টারের নাম সে তুলে ধরলো। “তার নাম ওয়াং জু, আর আমি নিশ্চিত উনি আমার জন্য অপেক্ষা ক’রে চলে গেছেন।”
“আপনি ভালো চাইনীজ বলতে পারেন,” বললো বিস্মিত গার্ডটি। “আপনার গাড়িতে দেখছি কোনো ড্রাইভার নেই!”
“মিনিস্টারই এর ব্যবস্থা ক’রে দিয়েছেন। আজকে তার সাথে আমার ডিনার করার কথা ছিলো।”
“আমাদের পক্ষীসংরক্ষণশালা তো এখন বন্ধ আর আশেপাশে আপনি কোনো রেস্টুরেন্টও পাবেন না।”
“তিনি কি আমার জন্য কোনো নোট রেখে গেছেন?”
“এখানে কেউ কিছু রেখে যায় না, তবে মাঝে মাঝে অনেকেই তাদের জিনিস হারিয়ে ফেলে, সেগুলো আমাদের কাছেই থেকে যায়। আমার কাছে খুব ভালো দূরবীন আছে; সস্তায় দিতে পারি।”
ঠিক তখনই বর্নের চোখ গেটের ভেতরের দিকে আঁটকে গেলো। সবুজ নেটের বেড়ার ভেতরে তার থেকে প্রায় তিরিশ ফিট দূরে একটা লম্বা গাছের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে; পরনে চার বোতামঅলা একটা ওভারকোট আর হাতে একটা অস্ত্র—একজন অফিসার!
“দুঃখিত কিন্তু আমার দূরবীনের কোনো দরকার নেই।”
“ভালো জিনিস, কাউকে উপহার হিসেবেও দিতে পারবেন।”
“আমার বন্ধুর সংখ্যা খুবই কম আর আমার কোনো বাচ্চাকাচ্চাও নেই। তাই উপহার কেনার প্রশ্নই আসে না।”
“শুনে খারাপ লাগলো। বন্ধু আর পরিবার ছাড়া এ জীবনে আছেই বা কি!”
“শুনুন। আমার মিনিস্টারের সাথে দেখা করা খুবই জরুরি। মিলিয়ন ডলারের ব্যবসার সিদ্ধান্ত তার সাথে কথা না বলে নিতে পারছি না।”
“মিলিয়ন ডলারের ব্যবস্থা করছেন আর কয়েক ইউয়ান মূল্যের দূরবীন কিনতে এতো কার্পণ্য!”
“ঠিক আছে! দাম কতো?”
“পঞ্চাশ।”
“ওটা নিয়ে আসেন,” পকেটে হাত ঢুকিয়ে অধৈর্যভাবে বললো বর্ন, তার দৃষ্টি এখনও বেড়াজালের ওপারেই আঁটকে আছে।
চীনা অফিসারটি আরো ভেতরে চলে গেলো। কিন্তু বেশ কয়েকবার গেটের দিকে তাকিয়ে বর্নের বুক ধড়পড় করতে শুরু করলো। সে প্রাচ্যদেশীয় মানুষগুলোর মানসিকতা ভালোই বোঝে। গোপনীয়তা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগন্তুক মাত্রই সন্দেহের পাত্র।
“দেখেন, এর চেয়ে ভালো আপনি দোকানেও পাবেন না!” চেঁচিয়ে বললো গার্ডটি, তারের বেড়াজালটির কাছে দৌড়ে ফিরে এসে। “একশো ইউয়ান।”
“প্রথমে তো পঞ্চাশ বললেন!”
“তখনও আমি এর লেন্সগুলো ভালোভাবে দেখি নি। উঁচুমানের কোয়ালিটি। আপনি টাকাটা দিন, আমি এটা গেটের ওপর দিয়ে ছুড়ে মারছি।”
“ঠিক আছে,” বললো বর্ন। তারের নেটের ভেতর দিয়ে টাকা ঢুকিয়ে দিতে গিয়ে হঠাৎ থেমে গেলো সে। “কিন্তু একটা শর্তে; আমি লজ্জিত হতে চাই না অন্যের ফেলে যাওয়া জিনিস তুমি চোরের মতো বিক্রি করছো আর আমি চাই না কেউ জানুক সেটা আমি কিনেছি।”
“কে জানাব? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই!”
বর্ন বুঝতে পারলো কিছুক্ষণ আগে ভেতরের দিকে যে অফিসারকে সে দেখতে পেয়েছে, তার উপস্থিতির কথা এই গার্ড সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে। গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“তবুও, যদি কেউ কিছু জানতে চায় তো সত্যি কথা বলবে! আমি একজন ফ্রেঞ্চ বিজনেসম্যান আর টেক্সটাইলের মিনিস্টারের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু গাড়ি সময়মতো না পাওয়ায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়।”
“যেমনটা আপনি চান, তাই বলবো। এবার টাকাটা, প্লিজ।”
নেটের মধ্যে দিয়ে টাকাটা দিয়ে দিতেই গার্ড গেটের সামনে গিয়ে দুরবীনটা গেটের ওপর দিয়ে ছুড়ে দিলো। দূরবীনটা লুফে নিয়ে বর্ন গার্ডকে ধন্যবাদ জানিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলো।
কিছুক্ষণ পরে অফিসারটি গেটের দিকে নিঃশব্দে হেটে এসে উঁকি মারতে লাগলো গার্ডের রুমে। তাকে দেখতে পেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো গার্ড। সে উঠে দরজা খুলে দিলো।
“স্যার, আপনি?” বললো হতচকিত গার্ডটি। “আমি তো ভয় পেয়ে গেছিলাম!”
“লোকটা কে ছিলো?” অফিসারটি শান্তকণ্ঠে প্রশ্ন করলো।
“একজন বিদেশী, স্যার। ফ্রেঞ্চ বিজনেসম্যান। লোকটার কপাল খারাপ। সে বলছিলো তার নাকি টেক্সটাইলের মিনিস্টারের সাথে দেখা করার কথা ছিলো। কিন্তু গাড়ি সময়মতো না পাওয়ার দেরি হয়ে যায়। লোকটাকে খুব হতাশ দেখাচ্ছিলো।”
“কোন্ টেক্সটাইল মিনিস্টার?”
“মিনিস্টার ওয়ান জু, সে ওই নামই বলেছিলো।”
“একটু বাইরে অপেক্ষা করো, আমি একটা ফোন করবো!”
“নিশ্চয় স্যার, আমি গেটের কাছে পাহারা দিচ্ছি!”
অফিসারটি কাউন্টার থেকে ফোনটি তুলে ডায়াল করা শুরু করলো। “টেক্সটাইলের মিনিস্টার ওয়না জু’র নাম্বারটা দাও…ধন্যবাদ।”
অফিসারটি লাইন কেটে আবার ডায়াল করা শুরু করলো। “মিনিস্টার ওয়ান জু’কে দেয়া যাবে?”
“বলছি,” অপরপাশ থেকে কণ্ঠস্বরটি ভেসে উঠলো।
“আপনি কে?”
“আমি ট্রেড কাউন্সিল অফিসের একজন ক্লার্ক বলছি, স্যার। একজন ফ্রেঞ্চ বিজনেসম্যান আপনার নাম ব্যবহার করছিলো। তাই একটু চেক্ করছি, স্যার।”
“ওই বদমাশ অরডিনসটা জ্বালিয়ে মারলো দেখছি! ও ওখানে আবার কি করছে?”
“আপনি তাকে চেনেন, স্যার?”
“ওহ্, তাকে চেনাটা আমার দুর্ভাগ্য। খালি সুপারিশ আর সুপারিশ। কখনও এটাতে সুপালিশ করতে বলে তো কখনও ওটাতে।”
“আপনার কি তার সাথে ডিনার করার কথা ছিলো, স্যার?”
“ডিনার? হয়তো আজ দুপুরে তাকে শান্ত করার জন্য আমি সেরকম কিছু একটা ব’লে থাকতে পারি। না হলে ও ব্যাটা ভুল শুনেছে। তবে রিজার্ভেশন না পেলে সে রেস্টুরেন্টে আমার নাম ব্যবহার ক’রে টেবিল রিজার্ভ করতে পারে। তোমাকে তো বললামই তার জন্য সুপারিশ করতে করতে আমি হয়রান হয়ে গেছি। কিন্তু এতে চিন্তিত হওয়ার কিছু নেই। লোকটা একটু পাগলাটে, তবে নিরীহ।”
অফিসারটি ফোনের রিসিভারটি রেখে নিশ্চিন্ত মনে গার্ডরুম থেকে বেরিয়ে এলো।
“তোমার কথা ঠিক, লোকটা আলেই মিনিস্টারের পরিচিত।”
“জ্বি স্যার, বিদেশী লোকটাকে খুবই বিরক্ত আর বিভ্রান্ত দেখাচ্ছিলো,” বললো গার্ডটি।
“আমি খোঁজ নিয়ে দেখেছি, সব ঠিক আছে। তুমি এবার গেটটা খুলতে পারো।”
“কিন্তু আপনার সাথে তো কোনো গাড়ি নেই, স্যার!”
“আমি ফোন ক’রে একটা গাড়ি পাঠাতে বলেছি। আর দশ-পনেরো মিনিটের মধ্যেই এসে পড়বে।”
“কিন্তু আমি এখানে আছি আর মিনিট পাঁচেক, তারপরই আমার ডিউটি শেষ।”
গার্ড গেটের তালা খুলতে শুরু করতেই দূর থেকে একটা বাইসাইকে বেলের আওয়াজ ভেসে আসলো। রাতের পাহাড়ার জন্য বদলি গার্ড এসে গেছে!
.
বর্ন রাস্তা থেকে গাড়িটি নামিয়ে পাশের ঝোঁপের আড়ালে নিয়ে গিয়ে গাড়ির লাইটগুলো বন্ধ করে বেরিয়ে এলো। গাড়িটি ঢাকার জন্য দ্রুত বেশ কিছু পাতাওয়ালা গাছের ডাল ভেঙে জড়ো করলো সে। কালো সিডানটি লুকিয়ে ফেলার কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তায় আরেকটি গাড়ির হেডলাইট দেখতে পেয়ে বর্ন হাঁটু গেড়ে বসে পড়লো। তাকে অতিক্রম ক’রে জিঙ্গ শান পক্ষীশালার কাছে গিয়ে থামলো গাড়িটি। ওই গাড়ির লোক যদি তার গাড়িকে এই ঝোঁপে ঢুকতে দেখে থাকে, তাহলে লোকটি নিশ্চয় পায়ে হেটে একবার এদিকে ঢুঁ মারতে আসবে। বর্ন চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুই হলো না। সবকিছুই স্বাভাবিক। কোনো শব্দ নেই। হঠাৎ তার চোখে পড়লো একটা বাইসাইকেলের লাইট। বর্ন আরেকটু সামনে গিয়ে ভালো ক’রে দেখার চেষ্টা করলো। সেই বয়স্ক গার্ড সেটা চালিয়ে আসছে। এবার আরেকটু দূর থেকে ওপর একটি বাইসাকেলের বেলের শব্দ শোনা গেলো। দ্বিতীয় বাইসাইকেল…! তার মানে গার্ড বদল হচ্ছে। অবশ্যই। এটাই হওয়া উচিত। যদি তার সন্দেহ ঠিক হয়ে থাকে তাহলে এখন এই সাধারণ গার্ডের পরিবর্তে ওদের বিশেষ কোনো গার্ড বাকি রাতটা পাহারা দেবে। তার মানে রাতেই ওদের কাজে কারবার চালু হয়। বাইসাইকেল দুটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার পর জেসন আবার তার গাড়িতে ফিরে এসে জিনিসপত্র প্রস্তুত করতে শুরু করলো। জ্যাকেট আর সাদা শার্ট খুলে ফেলে একটা কালো সোয়েটার পরে নিলো জেসন। শিকারী ছুরিটা তাঁর বেল্টের একদিকে আর অটোমেটিক অস্ত্রটা অপর দিকে ঢুকালো সে। পাতলা তার দিয়ে পেঁচানো দুটো ছোটো নাটাই বের ক’রে তার ট্রাউজারের পেছনের পকেটে রাখলো। তিনটা ম্যাচ-বাক্স, একটা পেনলাইট আর একটা মোমবাতির সাথে ইলাস্টিক দিয়ে পেঁচানো বেশ কয়েকটা লম্বা চাইনীজ পটকা রাখলো ট্রাউজারের বাম দিকের সামনের পকেটে। সে তার লক্ষ্যের খুব কাছে এসে গেছে! মেরি, এবার আর ও পালাতে পারবে না।
জেসন উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে যে গাড়িটা তাকে অতিক্রম ক’রে গিয়েছে সেটার দিকে এগোতে লাগলো। গাড়িটার পাশ ঘেষে দাঁড়িয়ে সেটার গায়ের চাইনীজ লেখাগুলো পড়ে হেসে ফেললো। এটা একটা পরিত্যাক্ত সরকারী গাড়ি। এই গাড়ির চুরি বা অপব্যবহারের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে। কোনো একটা যন্ত্রাংশ নষ্টের মিথ্যে অজুহাত দেখিয়ে এটাকে পরিত্যাক্ত করা হয়েছে। এর চেয়ে ভালো অপরাধকর্মের বাবা আর হতে পারে না। কারণ এগুলোর কোনো রেকর্ড থাকে না।
বর্ন গাড়িটা থেকে পিছিয়ে একটা অন্ধকার খোলা মাঠে চলে এলো। সবুজ গেট আর ফ্লাইডলাইট দুটো সোজা তার সামনে। দূর থেকেই পক্ষীশালার ভেতরের কাঠামোটা বোঝার চেষ্টা করলো সে। সবুজ তারের বেড়াজালের ভেততর দিয়ে বিশাল পক্ষীশালার কিছুটা অংশ ফ্লাডলাইটের আলোয় আলোকিত। গেটের বাম দিকে গাছপালার সংখ্যা এতোই বেশি আর ঘন যে, ছোটোখাটো একটা বনই বলা চলে। বিশাল বিশাল পক্ষীশালায় এ ধরণের বন থাকাটা স্বাভাবিক। গেটের ডান দিকে অনেকটা অংশ ফাঁকা। নিশ্চয় দিনের বেলায় টুরিস্ট বাস আর গাড়ি পার্কিংয়ের জন্য এ জায়গাটা ব্যবহার করা হয়।
কণ্ঠস্বর! জেসন মাটিতে শুয়ে পড়ে আবার গেটের দিকে তাকালো। সেই অফিসারটি, আর তার সাথে একজন নতুন গার্ড। এবারের গার্ডটি অল্পবয়সী। গার্ড তার বাইসাইকেলটি ধরে আছে, আর অফিসার তার হাতের ছোটো ওয়্যারলেসটি কানে লাগিয়ে কিছু একটা শুনে যাচ্ছে।
“নটা বাজার কিছুক্ষণ পর থেকেই ওরা আসা শুরু করবে,” হাতের ওয়্যারলেসটি কান থেকে নামিয়ে বললো অফিসারটি। “তিন মিনিট পর পর সাতটা গাড়ি আসবে।”
“ট্রাকটি?”
“ওটা আসবে সবার শেষে।”
“তাহলে আপনি গাড়িতে উঠে পড়ুন। ওখানে যদি টেলিফোনে কোনো কিছু চেক করতে হয় তো সেটা আমি করবো,” গার্ড বললো।
“ভালো বলেছো,” অফিসার ওয়্যারলেসটি সাইকেলের হ্যান্ডলে ঝুলিয়ে বললো। “কাকের মতো চিল্লাফাল্লা করা ঐসব আমলাতান্ত্রিক মহিলাদের আমার একদম সহ্য হয় না।”
“কিন্তু আপনাকে সেসব সহ্য করতে হবে,” গার্ড হাসতে হাসতে বললো। “তাদের মধ্যে যে এখনও একা আছে, বিয়ে-টিয়ে করে নি, সেরকম কুৎসিত একজনের দু’পায়ের ফাঁকে আপনাকে আপনার সেরা পারফর্মেন্সটা দেখাতে হবে যে!”
“তোমাদের মতো সিভিলিয়ানদেরকে বোঝা আমার পক্ষে সম্ভব নয়।”
“শুধরে দিচ্ছি, কর্নেল। আসল চায়নাতে আমি কুয়োমিঙ্গটানের একজন ক্যাপ্টেন।”
তাদের সবকথা জেসন স্পষ্ট শুনতে পাচ্ছে না, কিন্তু কিছু ভড়কে দেয়ার মতো কথা সে ঠিকই শুনেছে। জেসন গার্ডটির কথায় হতভম্ব! আসল চায়না? তাইওয়ান? হায় ঈশ্বর, দুই চায়নার যুদ্ধ? তার মানে কি সেই থিওরিটা সত্যি! যদি তাই হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে চায়নার নাম মুছে যেতে বেশি সময় লাগবে না। জিশু! কমান্ডোকে ধরতে এসে কি সে অন্য কোনো বড় সংকটের মধ্যে জড়িয়ে যাচ্ছে?
কিন্তু এতো কিছু ভাবার সময় নেই তার। তাকে যা করার দ্রুত করতে হবে। সে হাতের ঘড়ির রেডিয়াম ডায়ালটা দেখলো। ৮টা ৫৪ বাজে। ঠিক তখনই অফিসার গার্ডকে কিছু একটা বলে ভেতরের দিকে চলে গেলে বর্ন নেটের বেড়াজালের দিকে এগিয়ে গেলো। পুরো নেটটি উচ্চতায় প্রায় বারো ফুটের মতো হবে। উপরের দিকে আবার পেঁচানো কাঁটাতার দিয়ে ঘেরা। জেসনের মনে হলো এটা পক্ষীশালা না হয়ে জেলখানা হলেই বেশি মানাতো। পেছন থেকে তার কাটার যন্ত্রটি বের করে নেটের একদম নীচের দিকে থেকে কাটা শুরু করলো সে। তারের বেড়াজালটি কোনো সাধারণ বেড়াজাল নয়। এতো মোটা আর শক্ত তার যুদ্ধের ব্যারিকেড ছাড়া আর কোথাও দেখা যায় না। কিন্তু বর্ন নাছোড়বান্দা বলেই কাজটা ক’রে ছাড়লো। বর্ন আবার তার ঘড়ির জ্বলজ্বলে ডায়ালের দিকে তাকালো। ৯টা ৩৬। বুকে ভর দিয়ে সদ্য কাটা বেড়াজালটির ফাঁক দিয়ে পক্ষীশালার ভেতরে ঢুকে পড়লো সে। হাটুতে ভর দিয়ে ডান দিকের যেদিকটা দিনে পার্কিংলট হিসেবে ব্যবহার করা হয় সেদিকে এগোতে লাগলো। ফ্লাডলাইট আর সবুজ গেটটা এখন তার প্রায় দুশো ফিট বাম দিকে। ৯টা ৮।
ঠিক তখনই প্রথম গাড়িটা আসলো। ষাটের দশকের রাশিয়ান জিয়া লিমুজিন মডেলের একটি গাড়ি। গেট দিয়ে ঢুকে পার্কিংলটে এসে একবার চক্কর খেয়ে গার্ড রুমের একদম পাশে গিয়ে সেটা থামলে ভেতর থেকে ছয়জন লোক বেরিয়ে এলো, একইসাথে হেটে সামনের একটা পথে গিয়ে দাঁড়ালো তারা, সম্ভবত এটাই পক্ষীশালায় ঢোকার প্রধানপথ। লোকগুলো আরো সামনে এগিয়ে অন্ধকারে মিলিয়ে গেলো। ফ্লাডলাইটগুলো তাদের পথে আলো ফেলে পথ দেখাতে সাহায্য করলো।
ঠিক তিন মিনিট পরে দ্বিতীয় গাড়িটা এসে রাশিয়ান জিয়া লিমুজিনটার পাশে পার্ক করলো। পেছনের সিট থেকে তিনজন লোক বের হলো, কিন্তু ড্রাইভার আর সামনের সিটের লোকটি গাড়িতে বসেই কথা বলছে। দু’মিনিট পরে তারাও বের হয়ে এলে বর্নের শরীর ক্ষোভে শিরশির করে উঠলো। তার চোখ লম্বা আর শক্তসমর্থ প্যাসেঞ্জারটির ওপর স্থির। এই সেই গুপ্তঘাতক! যাকে সে কাই টাক এয়ারপোর্টে দেখেছিলো! এই গুপ্তঘাতককে যে-ই বিভ্রান্ত করে থাকুক না কেন সে খুব দ্রুতই চুপ মেরে গিয়েছিলো। খবরটা অবশ্যই ফাঁস হয়েছিলো, আর সেটা গুপ্তঘাতকের স্রষ্টার কাছেও পৌঁছে গিয়েছিলো——–গুপ্তঘাতককে যে প্রশিক্ষণ দিয়েছিলো সে ছাড়া আর কে আছে যে তার কৌশল সম্পর্কে বেশি জানে? ফ্রেঞ্চম্যানের চেয়ে বেশি আর কে প্রতিশোধ নিতে চাইবে? আরেকজন জেসন বর্নকে দৃশ্যপটে নিয়ে আসার ক্ষমতা আর কার আছে? দাঁজু হলো তুরুপের তাস, মূল চাবিকাঠি। নকল জেসন বর্নের ক্লায়েন্ট এটা জানতো।
জেসন বর্নের ধরাণাই ঠিক। মাও সেতুংয়ের সমাধিতে ফাঁদটা নস্যাৎ হয়ে পড়লে রিপাবলিকের অভ্যন্তরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উঁচু তলার ষড়যন্ত্রকারীরা খুব দ্রুত একত্রিত হয়ে পরবর্তী চালটা যেনো ঠিক মতো দেয়া যায় সেজন্যে গোপনে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছে। যেখানেই তারা মিটিং করুক না কেন গোপনীয়তার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার চায়নাতে লাম কুয়োমিংটাংয়ের একজন ক্যাপ্টেন। হায় ঈশ্বর! এটা কি সম্ভব!
গোপনীয়তা। হারানো এক রাজ্যের জন্যে? এরকম একটি পক্ষীশালার চেয়ে নিরাপদ আর সুরক্ষিত জায়গা হতে পারে না। এটা তাইওয়ানের কুয়োমিংটাংয়ের গোপন এজেন্টদের দ্বরা নিয়ন্ত্রিত। বর্ন সবই বুঝতে পারলো। এটা তোমার কোনো ব্যাপার নয়। এখানে নাক গলানোর কোনো মানেই হয় না! কেবল সে-ই এটা নিয়ে মাথা ঘামাবে!
আঠারো মিনিট পরের ঘটনা। পার্কিংলটে এখন মোট ছয়টা গাড়ি পার্ক হয়ে আছে। প্যাসেঞ্জারেরা দল বেঁধে পক্ষীশালার অন্ধকার কোনো গোপন স্থানে মিলিত হয়েছে। খুব সম্ভবত ঘন বনটার ভেতরে কোথাও। আরো প্রায় একুশ মিনিট পর গেট দিয়ে গর্জন করতে করতে একটা বিশাল ট্রাক পক্ষীশালার ভেতরে ঢুকে গাড়িগুলোর পাশে এসে থামলো। বর্ন হতভম্ব হয়ে দেখতে লাগলো হাত-মুখ বাধা কতোগুলো পুরুষ আর মহিলাদেরকে ধাক্কা দিয়ে এক এক ক’রে ট্রাকের পেছন থেকে ফেলে দেয়া হচ্ছে। লোকগুলোর জামাকাপড় ছেঁড়া; কেউ কেউ আবার খোঁড়াচ্ছে। সবশেষে একটা লোককে দুটো গার্ড তুলে ধরলো। সাদা চামড়ার লোকটি পা দিয়ে গার্ড দুটোকে লাথি মারার চেষ্টা করছে। দাঁজু! বর্নের শরীর ঠাণ্ডা হয়ে গেলো। গার্ড দুটো দাঁজুকে ছুড়ে ফেলে দিলো পার্কিংলটে। ফ্লাডলাইটের আলোয় বর্ন স্পষ্ট দেখতে পাচ্ছে ইকোর মুখ থেবড়ে চোখ ফুলে গেছে। তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।
কিছু একটা করতে হবে। কিন্তু কি? মেডুসাতে আমাদের কিছু গোপন সিগনাল ছিলো। হায় ঈশ্বর, সেগুলো কি? এমন কিছু ছুড়ে মারতে হবে যাতে শব্দ হয়। জলদি। জেসন বেড়াজালের কাছ থেকে কয়েকটা পাথর তুলে নিয়ে কয়েদীগুলোর দিকে ছুড়ে মারলো। প্রথমবার তেমন কোনো কাজ হলো না, ট্রাকের ইঞ্জিনের শব্দে সেটা ছাপিয়ে গেলো। বর্ন আবারো পাথর ছুড়লে দাঁজু মাটি থেকে উঠে দাঁড়ালো। গার্ডগুলো এখন অন্য বন্দীদের সামলাতে ব্যস্ত। দাঁজু পাথরগুলো যেদিক থেকে ছোড়া হয়েছে সেদিকে ফিরলে বর্ন তার জ্বলন্ত রেডিয়াম ঘড়ির ডায়াল তার দিকে তুলে ধরলো। এটাই যথেষ্ট। দাঁজু ইশারায় মাথা ঝুঁকিয়ে গার্ডগুলোর দিকে ফিরলো আবার!
জেসন গুনে দেখলো বন্দী মোট সাতজন। দু’জন মহিলা আর ইকোসহ মোট পাঁচজন পুরুষ। গার্ডদুটো তাদের বেল্ট থেকে দুটো লাঠি বের করে বন্দীদেরকে গরুর মতো পেটাতে পেটাতে পার্কিংলট থেকে নিয়ে যাচ্ছে এখন। হঠাৎ ইকো মাটিতে হুমড়ি খেয়ে পড়লে বর্ন ভালোভাবে খেয়াল করলো। এভাবে পড়ার মধ্যে একটা কৃত্রিমতার ছোঁয়া আছে। সবার অগোচরে মাটি থেকে কতোগুলো পাথরের টুকরো তুলে নিয়েছে। দাঁজু জেসনের দিকে একবার তাকিয়ে আবার উঠে দাঁড়ালো।
আরেকটা সিগনাল! ইকো সামনের মসৃণ পথটা দিয়ে যাওয়ার সময় একটা একটা ক’রে পাথর ফেলে যাবে যাতে বর্ন সহজেই পথটা চিনতে পারে।
বন্দীদেরকে পাথুরে পার্কিংলট থেকে সরিয়ে ডান দিকের একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলে কুয়োমিংটাংয়ের ক্যাপ্টেন, সেই গার্ডটি সবুজ গেটটা লাগাতে শুরু করলো। বর্ন দৌড়ে তারের বেড়াজাল থেকে চলে গেলো ট্রাকের পেছনে। বেল্ট থেকে শিকারী ছুরিটা বের ক’রে সে ক্যাপ্টেনের দিকে তাকালো। গার্ড তার হাতের ছোটো ওয়্যারলেসে কথা বলছে এখন। ওয়্যারলেসটা সরাতে হবে, আর সাথে গার্ডটাকেও।
জেসন নিঃশব্দে রাশিয়ান গাড়িটার দরজা খুলে সেটার হ্যান্ডব্রেকটা ফ্ করে দিয়ে আবারো নিঃশব্দে দরজা লাগিয়ে গাড়িটার পেছনে চলে এলো। তারের বেড়াজাল থেকে গাড়িটার দূরত্ব প্রায় আট ফিট। বর্ন পেছন থেকে ভর দিয়ে গাড়িটাকে ঠেলতে আরম্ভ করলে গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলো। দ্রুত দৌড়ে পাশের গাড়িটার পেছন গিয়ে লুকালো বর্ন।
লিমুজিনটা বেড়াজালে ক্র্যাশ করার শব্দ শুনতেই হতভম্ব গার্ড দৌড়ে পার্কিং লটের দিকে ছুটে গেলো। চারদিকে চোখ বোলানোর পর তার নজরে পড়লো লিমুজিনটার ওপরে। তার মনে হলো যন্ত্রাংশের ত্রুটির জন্য এমনটা হয়েছে। বিরক্তির সাথে মাথা নেড়ে গাড়িটির দরজার দিকে এগিয়ে গেলো সে।
এক ঝটকায় পেছনের পকেট থেকে তার দিয়ে পেঁচালো নাটাই দুটো বের ক’রে গার্ডটির পেছনে ছুটে গেলো বর্ন। কাজটা সারতে মাত্র তিন মিনিট লাগলো তার। গার্ডের দম শেষ হওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ হলো না। ফাঁসটা প্রচণ্ড শক্ত ছিলো আর কুয়োমিংটাংয়ের ক্যাপ্টেন তা বেশিক্ষণ সইতে পারলো না। বর্ন লোকটির হাত থেকে ওয়্যারলেসটা সরিয়ে নিয়ে মৃতদেহ সার্চ করে দুটো জিনিস পেলো। একটা অটোমেটিক ক্যালিবারের অস্ত্র—বিশেষ লোকদের জন্যে বিশেষ অস্ত্র। তাও আবার সাইলেন্সার লাগানো। আরেকটা ওয়ালেট, ভেতরে আছে কিছু টাকা আর পিপল্স সিকিউরিটি ফোর্সের একটা পরিচয়পত্র। বর্ন জিনিস দুটো নিয়ে, মৃতদেহটি টেনে লিমুজিনটির নীচে ঢুকিয়ে শিকারী ছুরি দিয়ে গাড়ির টায়ারগুলো ফুটো ক’রে দিলো। কুয়োমিংটাংয়ের ক্যাপ্টেনের শবদেহ চাপা পড়ে গেলো গাড়ির নীচে।
দৌড়ে গেটের পাশের গার্ডরুমটার দিকে গেলো বর্ন। ফ্লাডলাইট দুটো গুলি ক’রে নিভিয়ে দেবে নাকি দেবে না এ নিয়ে দ্বিধায় পড়ে গেলো সে। শেষমেষ লাইটদুটো আপাতত না ভাঙারই সিদ্ধান্ত নিলো। পালানোর সময় এই আলোই তাকে সাহায্য করতে পারে। বর্ন গার্ডরুমের ভেতরে ঢুকলে দেয়ালে একটা চাবির গোছা তার চোখে পড়লো। চাবির গোছাটি হাতে নিতেই চোখে পড়লো হ্যাঙ্গারে ঝুলানো একটা লোহার চেইনের উপর। বুঝতে পারলো জিনিসটা কিসের জন্যে। যদি কখনও গেটে সমস্যা দেখা দেয় তাহলে এই চেইনটাই ব্যবহার করা হবে ব্যাকআপ হিসেবে। চেইনটার লকের চাবি নিশ্চয় এই চাবির গোছাতেই আছে। সে এক এক ক’রে চাবিগুলো লাগিয়ে চেক্ ক’রে আসল চাবিটা খুঁজে পেলো। চেইন আর চাবির গোছা নিয়ে গার্ডরুম থেকে বের হবার আগে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিলো বর্ন। গার্ডরুমের একমাত্র টেলিফোন লাইনটা কেটে দিলো সে।
বাইরে এসে চেইনটা দিয়ে গেটটা এমনভাবে আঁটকে দিলো যে, এলোপাতাড়ি গুলি ছুড়লেও গেটটা সহজে খুলবে না। বর্ন এবার মাঝের পথটা দেখলো। পথটা প্রচণ্ড অন্ধকার। ফ্লাডলাইটের আলো ঘন গাছপালার জন্য আঁটকে যাচ্ছে, পথটাকে বেশি দূর আলোকিত করতে পারছে না। বর্ন পেনলাইটটা বের করে জ্বালিয়ে হাটু গেঁড়ে এগোতে লাগলো। প্রতি ছয় থেকে সাত ফিটের মধ্যেই একটা না একটা পাথরের টুকরো দেখা যাচ্ছে। বর্ন বুঝতে পারছে না এর মধ্যে ইকো কোগুলো ফেলে যেতে পারে। অবশেষে সে সূত্রটা ধরতে পারলো। কতোগুলো পাথরের গায়ে ধূলো নেই, একদম পরিস্কার। ইকো নিশ্চয় ফেলার আগে ওগুলোকে হাত দিয়ে ভালো ক’রে ঘষে নিয়েছে। এমন পরিস্থিতিতেও বর্ন দাঁজুর উপস্থিত বুদ্ধির প্রশংসা না ক’রে পারলো না।
এখন শুধু তাকে পরিস্কার ধূলোহীন পাথরগুলো দেখতে হবে। কিছু দূর এগোনোর পর বর্ন মাত্র এক ইঞ্চি ব্যবধানে পাশাপাশি দুটো পাথর দেখতে পেলো। পেনলাইটের আলোয় পাথর দুটো তুলে ধরলো সে। ভুলে দুটো পাথর একসাথে পড়তে পারে না; এটা আরেকটা সিগনাল। প্রধান পথটা আরো কিছুটা সামনে চলে গেলেও কয়েদীদের নিয়ে ডার্নে মোড় নেয়া হয়েছে। মেডুসার কথা মনে পড়ে গেলো বর্নের দুটো পাথর মানে ডানে মোড়।
বর্ন দাঁজুর সূত্র ধরে এগোচ্ছে। চারদিকে পাখির কিচিরমিচির আর পাখা ঝাপটানোর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ বর্ন দেখলো সামনের পথটা সংকীর্ণ আর ঢালু হয়ে আসছে। আরো কিছুটা নীচে গেলে একটা সমতল ভূমি পাওয়া যাবে। ঠিক তখনই বর্ন ক্ষুদ্র একটি আলোর বিন্দু দেখতে পেলো। তার থেকে প্রায় একশো ফিট নীচে একটা লোক দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। বৰ্ন দ্রুত পথ থেকে সরে গিয়ে ডান দিকের গাছগুলোর মধ্যে লুকিয়ে পড়ে শিকারী ছুরিটা দিয়ে লতাপাতাগুলো কেটে গার্ডটির পেছন দিকে এগোতে লাগলো। পুরো জায়গাটা শক্ত লতাপাতা আর কাটা গাছে ঘেরা। বর্ন হাপিয়ে উঠলো। সে ভেবেছিলো গার্ডের কাছে পৌঁছাতে তিরিশ সেকেন্ড লাগবে, কিন্তু লেগে গেলো প্রায় বিশ মিনিট।
“মা ডে শিজি, শিজি?” লোকটা প্রচন্ড বিরক্ত, ম্যাচটা জ্বালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তার মুখে একটা নতুন সিগারেট ঝোলানো।
বর্ন বেল্ট থেকে ছুরিটা বের ক’রে হাতে নিয়ে হামাগুঁড়ি দিয়ে গার্ডের দিকে এগোতে লাগলো। গার্ডের সাথে এখন তার দূরত্ব মাত্র ছয় ফিট। পোঁচটা জায়গা মতো পড়তে হবে, সামান্যটুকু চিৎকারেরও সময় দেয়া যাবে না। গার্ড তার জীবনের শেষ সিগারেটের টান দিতেই বর্ন ঘাস থেকে উঠে ছুরি চালালো।
মৃত দেহের গলা দিয়ে রক্ত আর মুখ থেকে এখনও সিগারেটের ধোঁয়া বের হচ্ছে। বর্ন দ্রুত লাশটি টেনে গাছগুলোর ভেতরে নিয়ে গিয়ে এবারো লাশটির পোশাক সার্চ করলো। অন্ধকারে নরম কাগজের মতো কিছু জিনিস হাতে লাগলো তার। হয়তো টিসু পেপার। বর্ন তার পেনলাইট জ্বেলে কাগজগুলোর ওপর ফেলতেই বিস্মিত হয়ে গেলো। এগুলো টিসু পেপার না। এগুলো রেনমিনবি- একেকটা হাজার ইউয়ানের নোট! এতো টাকা অনেক চীনা সারা জীবনেও কামায় না। এছাড়া লোকটির পকেট থেকে পিপল্স সিকিউরিটি ফোর্সের পরিচয়পত্র, কিছু গুরুত্বপূর্ণ পাশ আর একটা অস্ত্র পাওয়া গেলো। ঠিক যেমনটা সে কুয়োমিংটাংয়ের ক্যাপ্টেনের কাছ থেকে পেয়েছিলো। গুলিগুলো বের ক’রে নিজের অস্ত্রটায় ভরে খালি অটোমেটিক গানটা ছুড়ে ফেলে দিলো জঙ্গলে। বর্ন এখনও স্তম্ভিত। প্রথম গার্ডটি ছিলো কুয়োমিংটাংয়ের ক্যাপ্টেন, দ্বিতীয়টির পকেটে অঢেল টাকা! এরা যে-ই হোক না কেন, বর্ন এতোটুকু নিশ্চিত যে, এরা অত্যন্ত প্রভাবশালী একটি দলের সদস্য।
ধীরে ধীরে, নিঃশব্দে, হামাগুঁড়ি দিয়ে নীচে নামতে লাগলো বর্ন। তার থেকে কিছু দূরে, সারি সারি গাছের ভেতর থেকে আলো ঠিকরে আসছে। এদিকটায় পাখির কিচিরমিচির নেই। মনে হয় ভয় পেয়ে সবগুলো উড়ে গেছে। বর্ন একটা গাছের পিছে নিজেকে আড়াল ক’রে উঁকি মারলো। চারদিকে মশাল জ্বেলে বৃত্তাকারভাবে জায়গাটাকে আলোকিত করা হয়েছে। এটাই মিটিং গ্রাউন্ড! বর্ন যা ভেবেছিলো, সমতল জায়গাটা তার চেয়েও বড়। উকি মেরে বৃত্তটির দিকে তাকালো সে। এখনই বোঝা যাবে এতোদিন তুমি কাদের বিরুদ্ধে লড়ছো, সে ভাবলো।
একজন পুরুষ বন্দীকে দড়ি দিয়ে বেঁধে গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। লোকটি ভয়ে কাঁপছে, তার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। লোকটির মুখ বাঁধা। সে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না।
মাও জ্যাকেট আর ট্রাউজার পরা একজন শীর্ণদেহী, মধ্যবয়সী লোক ঝুলন্ত লোকটির সামনে দাঁড়িয়ে আছে। তার ডান হাত প্রসারিত হলো মাটিতে উল্টোভাবে গাড়া একটা তলোয়ারের দিকে। তলোয়ারটি লম্বা আর চিকন, হাতলে কারুকাজ করা। জেসন অস্ত্রটি চিনতে পারলো। এটাকে শুধু অস্ত্র বললে ভুল হবে। এটা হলো বিশেষ আনুষ্ঠানিক হাতিয়ার; চতুর্দশ শতকের নিষ্ঠুর, বর্বর মঙ্গল আর ইউয়ান নেতারা তাদের রাজদরবারে বন্দী শত্রুদের প্রকাশ্যে শাস্তি দেবার জন্য এমন তলোয়ার ব্যবহার করতো। রাজদরবারে এমন নৃশংস শাস্তির দৃষ্টান্ত ইতিহাসের আর কোথাও সহজে পাওয়া যায় না।
“আমার কথা শোনো!” চিকন লোকটি তার দর্শকদের দিকে ঘুরে চিৎকার ক’রে উঠলো। লোকটির কণ্ঠস্বর নিয়ন্ত্রিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন। বর্ন লোকটাকে চেনে না; তার মনে হলো এমন চেহারা একবার দেখলে কেউ ভুলতে পারবে না। লোকটির চুল পাকা, ম্লান চেহারা; কিন্তু সব আকর্ষণ আর চাীতে। তার পিছনে, নিশ্চুপ, প্রায় নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে সেই প্রতারক—দ্বিতীয় জেসন বর্ন।
“মহান তরবারির যাত্রা আবার শুরু হলো!” চিকন লোকটি চিৎকার ক’রে উঠলো। “আর এই পবিত্র রাতে আমরা তাদের প্রত্যেককেই দোজখের আগুনে ঠেলে দেবো যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বেঈমান কীটপতঙ্গগুলো আমাদের মহান উদ্দেশ্যের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে; এরা ভেবেছে বড় বড় অপরাধ করেও এরা পার পেয়ে যাবে। কিন্তু এরা জানে না এদের মতো বিশ্বাসঘাতকদের শিক্ষা দেয়ার জন্য মহান তরবারি আবার জেগে উঠেছে,” বক্তা এবার ঝুলন্ত বন্দীটির দিকে ফিরলো।
“তুমি! ইশারায় বলবে, তবে সত্যি বলবে! সাদা চামড়ার লোকটিকে কি তুমি চেনো?”
বন্দীটি দ্রুত তার মাথা দু’দিকে নাড়ালো।
“মিথ্যুক!” দর্শকদের মধ্য থেকে একজন চেঁচিয়ে উঠলো। “সে আজ দুপুরে তিয়েন আন মেনেই ছিলো!”
আবারো বন্দীটি তার মাথা নাড়ালো। তার চোখে প্রশ্ন! সে জানে না তাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে। কিন্তু জেসন জানে কেন। এই ব্যক্তি নিশ্চয় তাদের কোনো কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো অথবা কোনো ক্ষেত্রে অবাধ্য হয়েছিলো তাই আরো বড় অপরাধে তাকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। শাস্তি দেয়া হচ্ছে তাকে বিশ্বাসঘাতকতার প্রশ্ন তুলে নির্দয়ভাবে।
“সে আসল চায়নার বিরুদ্ধে কথা বলে,” দর্শকটি বলে চললো। “হুয়া গঙ্গ পার্কে আমি নিজ মুখে তাকে বলতে শুনেছি।”
“সে এসব বলেছে?” শীর্ণদেহী লোকটা আবার বলতে শুরু করলো। “সে এসব বলেছে?”
হঠাৎ একযোগে দর্শকদের মাঝে থেকে জবাব ভেসে আসলো।
“হ্যাঁ, সেই তিয়েন আন মেনে…!”
“সে পশ্চিমা লোকটির সাথে জড়িত…!*
“হ্যাঁ, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে!” দর্শকেরা একযোগে চেঁচিয়ে উঠলো এবার।
“সে আমাদের বিশ্বাসকে অপমান করেছে,” শান্তকণ্ঠে বললো বক্তা। “আমাদের মহান উদ্দেশ্যের অমর্যাদা করেছে, অসম্মান করেছে। আর এর প্রতিদান তাকে দিতে হবেই। প্রতিদান স্বরূপ তার সবচেয়ে মূল্যবান বস্তুটি কেড়ে নেয়া হবে। আর সেই মূল্যবান বস্তুটি হলো তার জীবন! *
ঝুলন্ত লোকটি ভয়ে ছটফট করতে শুরু করলো। মুখবন্ধ বাকি সব বন্দীগুলোর মতোই সেও গোঙাতে শুরু করলো। বাকি বন্দীগুলোকে সারি বেঁধে হাটু গেঁড়ে বসিয়ে রাখা হয়েছে। বাধ্য করা হচ্ছে এ বর্বরোচিত দৃশ্য দেখার জন্যে। একজন বন্দী বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের কথা অমান্য করার জন্যে গার্ডদের হাতে মার খাচ্ছে সে।
ইকো!
আবারো ডেল্টাকে কোনো সিগনাল দিচ্ছে সে, কিন্তু বর্ন বুঝতে পারছে না তার মানে কি হতে পারে।
“…এই পাপিষ্ঠ, অকৃতজ্ঞ জোচ্চোরকে আমরা আমাদের ভাইয়ের মতো বর্ন ক’রে নিয়েছিলাম। তার প্রতিদান সে আমাদের এভাবে দিয়েছে! সে আমাদের মহান চায়নাকে ঠকিয়েছে! প্রার্থনা করি, মৃত্যুর পর যেনো তার আত্মা শুদ্ধি লাভ করে!” বক্তা এবার তলোয়ারটি ঝুলন্ত লোকটির গলার কাছে ধরলো।
ডেভিড ওয়েব তার চোখ বন্ধ করতে চাইলো, কিন্তু পারলো না।
তলোয়ারটি আড়াআড়িভাবে কোপ মারতেই লোকটির মাথা দেহ থেকে আলাদা হয়ে নীচে পড়ে গেলো। ঝুলন্ত, বিকৃত শরীরটির গলা থেকে ফিকি দিয়ে রক্ত পড়ছে। মৃতদেহটির দড়ি কেটে মাটিতে ফেলা হলে বক্তাটি সেই নিষ্প্রাণ দেহে তলোয়ার দিয়ে গুতোতে লাগলো।
ভীত সন্ত্রস্ত বাকি বন্দীরা কাঁদতে শুরু করলো। মাটিতে মাথা ঠুকে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে তারা। শুধু একজন ছাড়া। দাঁজু উঠে দাঁড়িয়ে তলোয়ার হাতের লোকটির দিকে কটমট ক’রে তাকালে সাথে সাথে একজন গার্ড এসে ইকোকে টেনেহিচড়ে আবার বসিয়ে দিলো। ইকো কি করছে! সে কি কিছু বলতে চাইছে!
বর্ন পাষণ্ড হত্যাকারীর দিকে ফিরলো। লোকটি সিল্কের কাপড় দিয়ে তার তলোয়ার মুচছে। দু’জন লোক এসে দ্বিখণ্ডিত মৃতদেহ আর মাথার অংশটি তুলে নিয়ে গেলো। লোকটি এবার ঘুরে অত্যন্ত একজন আকর্ষণীয় মহিলার দিকে ইঙ্গিত করলে দু’জন গার্ড বন্দী মহিলাটিকে টেনেহিচড়ে সামনে নিয়ে এলো। মহিলা শক্তভাবে বসে আছে, তার মুখে প্রতিরোধের ছাপ। ডেল্টা খুব ভালোভাবে পাষণ্ড বক্তাটির মুখ পর্যবেক্ষণ করলো। লোকটির ঠোঁট সামান্য বেঁকে গেছে। লোকটির হাসি পাচ্ছে, কিন্তু সে তা চেপে রেখেছে। তার অন্তরটা মরে গেছে। অনেক অনেক দিন আগেই। আর এই রক্তখেকো, জানোয়ার, কসাইটাই চীনের অভ্যন্তরে যুদ্ধ বাঁধাতে চলেছে। পরিণতি সমগ্র বিশ্বে অস্থিতিশীলতা।
