অধ্যায় ৩২
“এখন না,” দেয়ালের ওপর ব’সে মৃদুকণ্ঠে বললো জেসন। “সময় হলে আমিই বলবো।” তার হাতে ছোটো মাইক্রোফোনটি ধরা।
গুপ্তঘাতক ক্ষোভে গড়গড় করছে। তার মস্তিষ্ক এখন সম্পূর্ণ সজাগ। বর্নের আচরণে সে পাগল হয়ে যাচ্ছে। শুধু ডেল্টার হাতে বন্দুকটার ভয়েই এখনও চুপ ক’রে আছে। সে বাঁচতে চায়, তার জন্য যে কাউকেই মারতে প্রস্তুত। কিন্তু ডেল্টা তাকে কোনো হাতিয়ার দিচ্ছে না। এখন না দিলে আর কখন দেবে! ডেল্টা বাড়িটার বাগানের সামনে সদ্য বিস্ফোরণের কারণে ছড়িয়ে পড়া আগুনের দিকে তাকিয়ে আছে। সেখান থেকে ভেসে আসছে আতঙ্কিত মানুষগুলোর চিৎকার চেঁচামেচি আর ছুটোছুটির শব্দ।
বর্ন তার হাতের মাইক্রোফোনটা মুখের সামনে ধরলো। তার কথাগুলো স্পিকারের মাধ্যমে কাঁপিয়ে তুললো পুরো বাগানটি। তার শান্ত আর কঠোর কণ্ঠস্বর বিস্ফোরণের আবহাওযা সাথে বেশ মানিয়ে গেলো।
“শোনো মেরিন সেনারা। নিজের জান বাঁচাও, আর এসব থেকে দূরে থাকো। এটা তোমাদের লড়াই না। ওই লোকগুলোর জন্য জীবন দিও না যারা তোমাদেরকে এখানে এনেছে। ওরা ভণ্ড। ওরা তোমাদেরকে ব্যবহার করছে, যেমনটা আমাকে করেছে। এ লড়াইয়ের সাথে দেশের সম্মান রক্ষার কোনো সম্পর্ক নেই, দেশের কোনো স্বার্থ জড়িত নেই। তোমাদেরকে এখানে আনা হয়েছে শুধুমাত্র কতোগুলো খুনিকে সুরক্ষা দেয়ার জন্য। তোমাদের সাথে আমার একমাত্র পার্থক্য হচ্ছে ওরা আমাকে সম্পূর্ণভাবে ব্যবহার ক’রে ফেলেছে, আর এখন যখন আমি ওদের ব্যাপারে বড্ড বেশি জেনে ফেলেছি, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। এই প্রতারকগুলোর জন্য নিজেদের জীবন দিও না। আমি কথা দিচ্ছি তোমরা আমার দিকে গুলি না করলে আমিও তোমাদের দিকে গুলি ছুড়বো না। কিন্তু এরপরও যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমার আর কোনো পথ খোলা থাকবে না। তাছাড়া আমার সাথে এখানে আরো একজন এসেছে, সে শান্তি চুক্তিতে ততোটা আগ্রহী নয় –”
শব্দের উৎসের দিকে লক্ষ্য ক’রে মেরি সেনারা এলোপাতাড়ি গুলি চালালে স্পিকারটা সেসব গুলির একটার আঘাতেই বিস্ফোরিত হয়ে দেয়াল থেকে পড়ে গেলো। ডেল্টা এর জন্য সম্পূর্ণ প্রস্তুতই ছিলো, সে জানতো এমনই কিছু একটা ঘটবে। তার ব্যাগ থেকে ১৫ ইঞ্চি লম্বা, ক্যানিস্টারের তৈরি একটা টিয়ার গ্যাস বের করলো সে। পঞ্চাশ গজ দূরত্বের মধ্য যে কোনো কাঁচ ভেঙে ঢোকার ক্ষমতা আছে এটির; ডেল্টা টুগারটা টেনে সেটা ছুঁড়ে মারলে প্রায় একশো ফিট দূরের একট জানালা ভেঙে টিয়ার-গ্যাসটি বাড়ির ভেতরের ঢুকে পড়লো। খুব দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লো সেই ঘরের ভেতরে। সে দেখতে পেলো কিভাবে লোকগুলো ঘর থেকে পালিয়ে যাচ্ছে। হঠাৎ বাগানে সাদা ফ্লাডলাইটের আলো জ্বলে উঠলো। ডেল্টা জানতো তার বলা কথাগুলো ওদের মনে কোনো দাগই ফেলতে পারে নি। ভেতরের ওই ক্ষমতাসীন লোকগুলোর আদেশ ওরা অন্ধভাবে পালন করবে। অপর দিকে সে এই অল্পবয়সী প্রভিভাবান ছেলেগুলোর জীবন নিতে চাইছে না। সে কেবল দালানের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাসীন পাষণ্ডগুলোর জীবন নিতে চাচ্ছে।
“লাফাও!” ফিফিস্ ক’রে বললো ডেল্টা, গুপ্তঘাতকে ঠেলা দিয়ে মাটিতে ফেলে দিলো সে। প্রায় একই সঙ্গে নিজেও নীচে নেমে এলো। তারা দু’জনেই কয়েকটা বোগেনভিলিয়া গাছের নীচে হাটু গেঁড়ে আড়াল নিলো।
“এই তোমার অস্ত্র, মেজর,” বললো অরজিনাল জেসন বর্ন, “আর মরে রেখো, আমারটা তোমার দিকেই তাক্ করা থাকবে। আমি না বলা পর্যন্ত তুমি ওদের দিকে গুলি ছুড়বে না!”
গুপ্তঘাতক অস্ত্রটি হাতে নিয়েই তার মুখের বাধন খুলে ফেললো। “তোমার বালের লেকচারে কোনো কাজ হলো না, তাই না?”
“আমি জানতাম কিছু হবে না। প্রথম থেকেই ওদের হাতে তোমাকে তুলে দিলে ওরা আমাকেও মেরে ফেলতো। ওরা আমার স্ত্রীকেও মেরে ফেলেছে। কারণ সেও বড্ড বেশি জেনে ফেলেছিলো। এখন আমি আর কিছুই পরোয়া করি না। তুমি তোমার অজান্তেই একটা হিংস্র চক্রের সাথে জড়িয়ে পড়েছো, মেজর। যারা এই পুরো সূদূর প্রাচ্য লণ্ডভণ্ড করতে যাচ্ছে। আর তাই এই লোকগুলো তোমাকে ধরতে চায়। এসবে আমার আর কোনো আগ্রহ নেই। তুমি তোমার হিংস্র খেলা শুরু করো। আমি শুধু ওই বাড়িটার ভেতরে ঢুকতে চাই।”
একটা মেরিন স্কোয়াড রাইফেল হাতে দেয়ালের পাশে অবস্থান নিলো, তারা গুলি ছোড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডেল্টা তার ব্যাগ থেকে দ্বিতীয় প্লাস্টিক বোমাটা বের করে দশ সেকেন্ড সময় সেট ক’রে গার্ডদের থেকে যতোটা দূরে সম্ভব বাগানের দিকে ছুড়ে মারলো।
“এগিয়ে যাও,” সে কমান্ডোকে আদেশ করলো। “তুমি আগে আগে যাবে! এই পথ ধরে। বাড়িটার দিকে!”
“আমাকে ওরকম একটা দাও! ওই প্লাস্টিক বোমাগুলোর একটা!”
“না, তা সম্ভব না।”
“হায় জিশু, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমাকেও একটা দেবে!”
“আমি আমার মত বদলেছি।”
“কেন! তোমার এতে কি এসে যায়?”
“অনেক কিছুই এসে যায়, মেজর। আমি আগে জানতাম না এখানে এতোগুলো বাচ্চা ছেলে থাকবে। এরকম একটি বোমা দিয়ে তুমি ওরকম দশটা ছেলেকে সাহজেই উড়িয়ে দিতে পারবে। যা আমি করতে দিতে পারি না।”
“এখন বোগচোদের মতো ধর্মবাণী আওড়াবার সময় নয়!”
“আমি জানি আমি কাদেরকে চাই আর কাদেরকে চাই না। আমার লক্ষ্য বাড়িটার ভেতরে লুকিয়ে থাকা লোকগুলো, এইসব বাচ্চা ছেলেগুলো আমার লক্ষ্য নয়।”
গার্ডগুলোর প্রায় চল্লিশ গজ পেছনে বোমাটি বিস্ফোরিত হলে গাছ-পালা, ঝোপঝাড়, ফুলের বাগান সব লণ্ডভণ্ড হয়ে গেলো।
“এগোও!” ফিফিস্ ক’রে বললো ডেল্টা। “বাড়িটা আরো ষাট ফিট দূরে।” হঠাৎ মেরিনগুলো তাদের পেছন থেকে রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে লাগলো। “এরা ছেলেমানুষ! ভয়ে অন্ধের মতো গুলি ছুড়ছে। এরা এও জানে না তাদের টার্গেট কোথায় লুকিয়ে আছে।”
আরেক দল মেরিন সেই বিশেষ বাড়িটা ঘিরে ফেলে বাড়িটার সামনে তারা হাঁটু গেড়ে বসে পড়লো। নিশ্চয় কোনো অভিজ্ঞ অফিসার এদের পরিচালনা করছে। ভেতরের কাপুরুষগুলো তাদের আত্মরক্ষার জন্য সেরা দলটিকেই পাঠিয়েছে। বেশ! ডেল্টা আবার তার ব্যাগ ঘেঁটে দুটো ম্যানুয়াল বোমা বের করলো। এগুলো অনেকটা গ্রেনেডের মতো। কিছুক্ষণ পর আবার একটি বিস্ফোরণ ঘটলো বাড়িটার একটু পাশেই। বর্ন গুপ্তঘাতককে একসারি গোলাপের বাগানের পেছনে ঠেলে দিয়ে ব্যাগ থেকে আরেকটা বোমা বের ক’রে নিলো। বাড়িটার প্রধান দরজার থেকে প্রায় তিরিশ ফিট দূরে বোমাটা ছুড়ে মারলো সে। গার্ডগুলো রাইফেল দিয়ে গুলি ছুড়েই চলেছে তবে গুলি ছোড়ার মাত্রা আগের চাইতে কমে এসেছে। তারা এখনও ধরতে পারছে না আক্রমণকারীর সঠিক অবস্থান কোথায়। কয়েক সেকেন্ড পর বিস্ফোরণটা ঘটলে বাড়িটার একদিকের দেয়াল ধসে বেডরুমটা দৃশ্যমান হয়ে গেলো।
ক্ষোভে তারা বাগানের পেছন দিকে নির্বিচারে গুলি ছুড়তে লাগলো। ডেল্টা দেখতে পেলো দু’জন অফিসার এগিয়ে আসছে। প্রথম জন সামনের দিকে নজর রাখছে, আর দ্বিতীয়জন তাকে পেছন থেকে কভার দিচ্ছে। বর্ন তার ব্যাগ থেকে আরেকটা বোমা বের করলো। অফিসার দু’জন তার ডান দিকে অগ্রসর হচ্ছে। ডেল্টা তাদের কাছের দেয়াল লক্ষ্য ক’রে বোমাটি ছুড়ে মারলে চতুর্থ বিস্ফোরণটা হলো। দেয়ালের বেশ খানিকটা ধসে গেলে গার্ডদের মনোযোগ সেখানে চলে গেলো। বর্ন এই সুযোগে কমান্ডোকে ঠেলতে ঠেলতে আরো বাম দিকের ঝোঁপের পেছে লুকিয়ে পড়লো। তার অস্ত্র এখনও কমান্ডোর ঘাড়ে তাক্ করা। বর্ন তার পরিকল্পনার শেষধাপের দিকে এসে পড়েছে। ব্যাগ থেকে একটা টিয়ার-গ্যাস বের করলো সে।
এদিকে ঘোরো,” বললো ডেল্টা। গুপ্তঘাতক সাথে সাথে তার দিকে ঘুরলো। “এটা তুমি এক হাতেই ধরে রাখতে পারবে,” ক্যানিসটারের টিয়ার-গ্যাসটা কমান্ডোর হাতে দিয়ে বললো সে। “যখন আমি বলবো তখন বাড়িটার দরজার সামনে দাঁড়ানো গার্ডগুলোর দিকে এটা ছুড়ে মারবে। এই গ্যাসর কারণে ওরা কিছুই দেখতে পাবে না, গুলিও করতে পারবে না। তাই খামোখা ওদের দিকে গুলি নষ্ট কোরো না, কারণ তোমাকে খুব বেশি গুলি দেয়াও হয় নি।”
গুপ্তঘাতক কোনো জবাব দিলো না। জবাবের পরিবর্তে সে তার অস্ত্রটি তুলে ধরে বর্নের মাথার দিকে তাক্ করলো। “আমি তোমাকে আগেই বলেছিলাম আমি গুলি খেয়ে মরতে রাজি আছি। আর অনেক বছর আগেই জেনে গিয়েছিলাম এই গুলি খেয়েই একদিন আমাকে মরতে হবে। কিন্তু তোমাকে যদি ওই বাড়ির ভেতরে ঢোকার সুযোগ না দেই, তাহলে কেমন হবে?” হঠাৎ মেরিনদের চেঁচামেচি আর রাইফেলের গুলির শব্দ আবার বেড়ে গেলো। একজন মেরিন ধসে যাওয়া দেয়ালটির দিকে এগিয়ে যাচ্ছে। ডেল্টা সর্তকভাবে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে লাগলো কমান্ডোর একটা ক্ষুদ্র ভুলের জন্য। যে ভুলকে কাজে লাগিয়ে সে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু সেই সুযোগটা আর এলো না। জেসনের চোখের দিকে তাকিয়ে কমান্ডো শান্ত কণ্ঠে কথা বলে চললো। “কেমন লাগছে মি: অরিজিনাল? ওই বেকুবগুলোর হাতে মরার কোনো ইচ্ছেই আমার নেই। ওদের জন্য তোমার মায়া-দয়া থাকতে পারে, কিন্তু আমার নেই। তোমার ব্যগ থেকে বোমাগুলো বের করো, ডেল্টা! এখন তো আমি ডেল্টার সাথেই কথা বলছি, তাই না?”
“ব্যাগটা ফাঁকা, কোনো বোমা নেই,” বর্ন তার অটোমেটিকটা লোড করলো।
গুপ্তঘাতক তার অস্ত্রটা বর্নের দিকে তাক্ ক’রে রেখেই ব্যাগটার দিকে হাত বাড়ালো। “চেক্ ক’রে দেখতে দোষ কোথায়?” কমান্ডো হাত দিয়ে ব্যাগটা ঘাটতে লাগলো, তার চোখ এখনও বর্নের দিকে স্থির হয়ে আছে।
“হুমম, আরো দু’তিনটি বোমা আর একটি শক্তিশালী আগ্নেয়াস্ত্র আছে ব’লে মনে হচ্ছে। আমার ধারণা ঠিক হলে এটা দিয়ে কমপক্ষে পঞ্চাশ রাউন্ড গুলি ছোড়া যাবে।”
“চল্লিশ রাউন্ড,” যোগ করলো বর্ন।
“এটাই যথেষ্ট। এই ছোট্ট অস্ত্রটাই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে। ওটা আমাকে বের করে দাও। না হলে আমাদের মধ্যে একজন এখানেই মরবে। বের করো, এখনই!”
ঠিক তখনই ধসে যাওয়া পাঁচিলটির দিকে আরেকটি বিস্ফোরণ ঘটলো। এবারেরটা ঘটালো মেরিন সেনারা। বিস্ফোরণের তীব্র আলোকচ্ছটার কারণে দুই গুপ্তঘাতক এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে বাধ্য হলো। এটাই যথেষ্ট। বর্ন এক হাত দিয়ে কমান্ডোর অস্ত্রটা বাড়ি মেরে সরিয়ে দিয়ে অন্য হাতের অটোমেটিকটা দিয়ে তার কপালে আঘাত করলো।
“কুত্তার বাচ্চা!” আর্তনাদ ক’রে উঠলো কমান্ডো।
“তোর কি আমার হাতে মরার শখ হয়েছে, মেজর? যাক, এবার দেখাচ্ছি ব্যাগের ভেতরে আসলে কি কি জিনিস আছে!” বর্ন তার ব্যাগটা উল্টো ক’রে ধরতেই দুটো বোমা আর একটি ম্যাক-১০ মেশিন পিস্তল বেরোলো। কমান্ডোর ধারণাই ঠিক। ব্যাগের ভেতরে পিস্তলটার চারটা ক্লিপ আছে, যা দিয় প্রায় চল্লিশ রাউন্ড গুলি ছোড়া সম্ভব। ডেল্টা ম্যাক-১০-এ একটা ক্লিক্ ভরলো, আর বাকি তিনটা ক্লিক্ গুঁজে নিলো তার বেল্টে। এরপর তার নজর পড়লো বাড়ির দরজার সামনে দাঁড়ানো গার্ডগুলোর ওপর। গ্যাস বোমাটি তাদের দিকে লক্ষ্য ক’রে ছুড়ে মারলো সে। বিস্ফোরণটা ঘটার সাথে সাথেই ধোয়ায় ভরে উঠলো দরজার চারদিক। কিসের পাহারা, কিসের পজিশন! গার্ডগুলো হাত দিয়ে তাদের নাক-মুখ চেপে ধরে কাশতে কাশতে দরজা থেকে দূরে সরে গেলো।
ডেল্টা জানে আরেকটা বোমা কোথায় ব্যবহার করতে হবে। হেডকোয়াটারটির দরজার কাছে বোমাটি বিস্ফোরিত হলে পুরো বাড়িটা কাঁপিয়ে সামনের দিকের দেয়ালটা ধসে গেলো। একে তো গ্যাসের জ্বালা, তার উপর এই আকস্মিক বিস্ফোরণে মেরিন সেনারা বাড়ি থেকে অনেক দূরে সরে গেলো। ডেল্টা জানে এই বিস্ফোরণের আগুন গ্যাস-বোমার গ্যাসগুলো সব শুষে নেবে, আর সেই সঙ্গে তার ভেতরে ঢোকার পথও সুগম ক’রে দেবে।
হাটুর উপর ভর দিয়ে বসলো ডেল্টা। তার হাতে মেশিন পিস্তল। মেরিন সেনারা একেবারেই বিভ্রান্ত। গণ্ডগোল আর হৈচৈ এখন তুঙ্গে। বর্ন গুপ্তঘাতককেও উঠে বসার আদেশ দিলো।
“এটাই শেষ!” শেষ বোমাটার টাইমার সেট ক’রে বললো। “কিন্তু এটা আমাদের দু’জনের স্বার্থে ব্যবহার করবো। তিরিশ সেকেন্ড, মেজর অ্যালকট- প্রাইস।”
বর্ন বোমাটি দূরের পাঁচিলের দিকে ছুড়ে দিলো। “আমার অস্ত্র! ঈশ্বরের দোহাই, আমার অস্ত্রটা আমাকে দাও! এটা মাটিতে, আমার পায়ের কাছে পড়ে আছে।”
জেসনের ধাক্কায় অস্ত্রটা মাটিতে পড়ে গিয়েছিলো, কমান্ডো নিজে থেকে উঠানোর সাহস পায় নি। এবার গুপ্তঘাতক ওটার দিকে হাত বাড়াতেই ডেল্টা নিষেধ করলো। “এখন না, আমি যখন বলবো তখন! এখন বাড়াবাড়ি করলে আমি আর তোমাকে মারবো না। বরং ওদের হাতে জ্যান্ত ধরিয়ে দেবো। তারপর হংকং গ্যারিসন তোমাকে রেললাইনের ওপর দড়ি দিয়ে ঝুলিয় দেবে।”
গুপ্তঘাতক আতঙ্কিত চোখে তাকালো। “তুমি মিথ্যুক! তুমি এতোক্ষণ মিথ্যে বলে এসেছো!”
“লাগাতার। তোমার ধরতে এতো সময় লাগলো?”
“তুমি বলেছিলে”
“আমার ভালোই মনে আছে আমি কি বলেছিলাম। তুমি আরো অবাক হবে যখন জানবে তোমার অস্ত্রটাতে ন’টার বদলে মাত্র তিনটা গুলি আছে!”
“কি?”
“তুমি আমার প্ল্যানেরই একটা অংশ, মেজর। আমি যখন তোমাকে ছেড়ে দেবো, তখন তোমার শুধু দুটো পথ খোলা থাকবে। হয় গেট দিয়ে না হয় ধসে যাওয়া পাঁচিলের ফাঁক দিয়ে পালিয়ে যাওয়া। ওরা তোমাকে থামানোর চেষ্টা করবে, তুমিও গুলি ছুড়তে বাধ্য হবে। স্বাভাবিকভাবেই ওদের সবার মনোযোগ তোমার ওপর থাকবে। সেই সুযোগে আমি বাড়িটার ভেতরে ঢুকে যাবো।”
“মাদারচোদ!”
“তোমার আচরণে সত্যিই খুব আহত হলাম, মেজর। কিন্তু তাতে আর কিছু যায় আসে না। আমি শুধু বাড়িটার ভেতরে ঢুকতে চাই—”
শেষ বিস্ফোরণটা পাঁচিলের আরেকটা অংশ উড়িয়ে দিলো। সাথে সাথে উপড়ে পড়লো পাশের একটা গাছ।
“চমৎকার,” দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে অস্ফুটস্বরে বললো ডেল্টা।
“আমাকে অস্ত্রটা দাও! জলদি!”
জেসন বর্নের দেহ অবশ হয়ে এলো। গুপ্তঘাতকের গলায় লাথি মেরে দূরে সরিয়ে দিলো সে; তার মনোযোগ অন্য দিকে আঁটকে আছে—একজন লোক ধসে যাওয়া, জ্বলতে থাকা গেটের দিক থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে ঢুকছে। লোকটার নাকে রুমাল চাপা দেয়া, কিন্তু তার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটার ভাব থেকে তাকে চিনতে একটুও সমস্যা হলো না। লোকটা যতোটা সম্ভব কাছে এসে মেরিন গার্ডগুদের উদ্দেশ্যে চেঁচাতে লাগলো। তাদেরকে গুলি ছোড়া থামাতে অনুরোধ করছে সে। লোকটার মুখ এখনও রুমাল দিয়ে ঢাকা; কিন্তু ডেল্টা এই মুখটা চেনে। এটা তার শত্রুর মুখ। এই মুখ সে আগেও দেখেছে! প্যারিসে এই লোকটা আগেও তাকে শেষ করার চেষ্টা করেছিলো, এখানেও শেষ করতে চাইছে!
অ্যালেক্সান্ডার ককলিন তাকে মারতে এসেছে!
“ডেডিড! আমি অ্যালেক্স! তুমি যা করছো থামাও! আমরা সবাই এসেছি, ডেভিড! আমি তোমাকে সাহায্য করতে এসেছি!”
“তুমি আমাকে শেষ করতে এসেছো! তুমি আমাকে শেষ করতে এসেছো! তুমি আমাকে প্যারিসেও মারতে চেয়েছিলে, নিউইর্য়কেও মারার চেষ্টা করেছো! ট্রেডস্টোন সেভেনটি ওয়ান। সব কি ভুলে গেছো… হারামজাদা!”
“তুমি ভুল করছো! তুমি এখন ডেল্টা হয়ে গেছো! ওরা যেমনটা চাইছিলো তাই হয়ে গেছো! আমি পুরো গল্পটা জানি, ডেভিড! মেরি জানে, মো পানোভও জানে! আমরা একসাথেই এখানে এসেছি, ডেভিড! মেরি সম্পূর্ণ সুস্থ আছে।”
“মিথ্যা! সব তোমাদের চাল! তোমরা ওকে মেরে ফেলেছো!”
“সে মরে নি, ডেভিড। সে বেঁচে আছে! আমি তাকে তোমর কাছে নিয়ে আসতে পারি। এখনই!”
“আবারো মিথ্যে!” ডেল্টা হাটুতে ভড় দিয়ে ব’সে পড়ে ম্যাক-১০-এর টুগার জ্বলতে থাকা গেটটার দিকে গুলি চালালো, কিন্তু কোনো এক অজানা কারণে তার একটা গুলিও লোকটার গায়ে লাগলো না।
“তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে বের করার চেষ্টা করছো। যাতে আমাকে সহজে মারতে পারো। কিন্তু সে সুযোগ তোমাকে দেবো না। আমি ভেতরে যাচ্ছি! আমি আসল লোকটিকে চাই। পর্দার আড়ালে থেকে যে তোমাদের নির্দেশনা দিয়ে আসছে, তাকে চাই! আমি জানি ওরা ভেতরে আছে!” চিৎকার ক’রে বললো বর্ন। সে গুপ্তঘাতককে মাটি থেকে টেনে তুলে তার হাতে অস্ত্র ধরিয়ে দিলো। “তোমরা জেসন বর্ন চাইছিলে! এই নাও তোমাদের বর্ন! কমান্ডোকে ধাক্কা মেরে সামনে ঠেলে দিলো বর্ন। গুপ্তঘাতক সারি সারি ফুলের বাগানের মধ্যে দিয়ে এগিয়ে একটা পাথর বিছানো পথে এসে দাঁড়ালো। উত্তর আর দক্ষিণ দিকে মেরিন সেনারা ঘাপটি মেরে আছে, এদিক দিয়ে বের হওয়া মানে তাদের ঠিক মাঝখানে গিয়ে পড়া। ফাঁদে পড়া!
“আমার আর সময় নেই, ককলিন!” চেঁচিয়ে উঠলো বন্। সে কেন এই বিশ্বাসঘাতককে এখন বরদাস্ত করছে! অস্ত্রের টুগার চেপে ট্রেডস্টোন ফাইলের এই শেষ সদস্যটিকে ঝাঁঝরা ক’রে দাও! মেরে ফেলো তাকে। মেরে ফেলো! সে কেন তাকে মারতে পারছে না!
গুপ্তঘাতক ফুলের বাগানের ভেতর থেকে বর্নের ওপর ঝাঁপিয়ে পড়লো; হাত দিয়ে তার মেশিন পিস্তলটি বাড়ি মেরে সরিয়ে দিয়ে নিজের অস্ত্রটি দিয়ে গুলি ছুড়লো বর্নের দিকে। গুলিটা আলতোভাবে ছুঁয়ে গেলো বর্নের কপাল। কমান্ডোর অস্ত্রটা বর্ন খপ্ ক’রে ধরে ফেললে আরম্ভ হয়ে গেলো ধস্তাধস্তি। কিন্তু অকেজো ডান হাতটা দিয়ে কমান্ডো ডেল্টার সামনে বেশিক্ষণ টিকতে পারলো না। নকল বর্ন ছিটকে মাটিতে পড়ে গেলো, তার চোখ ছলছল করছে, সে জানে সে হেরে গেছে।
“ডেভিড! ঈশ্বরের দোহাই, আমার কথা শোনো! তোমাকে—”
“এখানে কোনো ডেভিড নেই!” চিৎকার ক’রে উঠলো জেসন, সে হাঁটু দিয়ে গুপ্তঘাতককে চাপা দিয়ে রেখেছে। “আমার নাম বর্ন, ভুলে গেছো?” বর্ন আবারো গুপ্তঘাতককে মাটি থেকে তুলে ধরলো।
“গুলি করো না! অস্ত্র সামলে রাখো!” তিনজন মেরিন সেনাকে উদ্দেশ্য ক’রে গর্জন ক’রে উঠলো ককলিন, তারা ধীরে ধীরে বর্নের দিকে এগোচ্ছিলো। ঠিক তখনই বিকট সাইরেন বাজাতে বাজাতে হংকং পুলিশের কয়েকটা গাড়ি ধসে যাওয়া গেটটির বাইরে এসে থামলো!
“এই নাও! এই তোমাদের ট্রফি!” কমান্ডোকে ধাক্কা মেরে ফ্লাড-লাইটের আলোর দিকে ঠেলে দিয়ে বললো বর্ন।
কমান্ডোকে দেখতে পেয়েই এক মেরিন সেনা আচকা রাইফেল দিয়ে গুলি ক’রে বসলো।
“না! থামো! ওকে না! ঈশ্বরের দোহাই, ওকে মেরো না!” চিৎকার ক’রে উঠলো ককলিন।
“ওকে না? শুধু আমাকে! কুত্তার বাচ্চা! এবার তুই মর, মেরি আর ইকোর আত্মার শান্তির জন্য!”
সে আবার মেশিনগান দিয়ে গুলি ছুড়লো, কিন্তু এবারো একটা গুলিও লক্ষ্যভেদ করলো না। আর সময় নেই! তাকে এখনই বাড়িটার ভেতরে ঢুকতে হবে! জলদি!
“ডেভিড?” একটা নারী কণ্ঠস্বর আতর্নাদ ক’রে উঠলো।
একজন মহিলা!
“ডেভিড, ডেভিড, ভেডিড!” স্কার্ট পরা এক মহিলা দৌড়ে ককলিনের পেছন থেকে বেরিয়ে আসলো। সে আলেক্সান্ডার ককলিনকে পাশে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো।
“ডেভিড, আমি এসে গেছি! দেখো, আমি সম্পূর্ণ ঠিক আছি! সবকিছু ঠিক হয়ে গেছে, ডার্লিং!”
আরেকটা চাল, আরেকটা মিথ্যা। বয়স্ক পাকা চুলওয়ালা মহিলাকে ওরা মেরি সাজিয়ে পাঠিয়েছে।
“আমার সামনে থেকে সরে যান, ম্যাডাম। না হলে আপনিও মরবেন। আপনি আরেকটা চাল, ওদের বানানো আরেকটা মিথ্যা!”
“ডেভিড, তুমি আমাকে চিনতে পারছো না! আমার কণ্ঠস্বর শুনেও বুঝতে পারছো না—”
“আমি ভালোই চিনতে পেরেছি! এটা আরেকটা ফাঁদ!”
“না, ডেভিড!”
“আমি আগেই বলেছি আমার নাম ডেভিড না!”
“না,” চিৎকার করলো মেরি; দৌড়ে কয়েকজন মেরিন সেনার সামনে গিয়ে দাঁড়ালো সে। এই মেরিনগুলো মাটিতে হামাগুঁড়ি দিয়ে বর্নের কাছে যাচ্ছে, গুলি করার প্রস্তুতি নিচ্ছে। “থামো তোমরা! আর কতো জ্বালাবে ওকে?”
“আপনি কি চান আমরা চুপচাপ ব’সে ব’সে দেখি আর ওই হারামজাদা সন্ত্রাসী আমাদের বোমা মেরে উড়িয়ে দিক?” প্রতিবাদ ক’রে উঠলো এক তরুণ মেরিন।
“তোমরা ওকে যা ভাবছো ও সেরকম কিছু নয়। ওর আজকের এই অবস্থার জন্য এই বাড়িটার ভেতরের লোকগুলোই দায়ি! তোমরা গুলি না ছুড়লে সেও গুলি ছুড়বে না!”
“সে ইতিমধ্যে বেশ ক’বার গুলি ছুড়েছে,” গর্জে উঠলো আরেক মেরিন গার্ড। “কিন্তু তারপরও তোমরা দিব্যি সুস্থ আছো,” জবাব দিলো ককলিন। “তার মতো অস্ত্র চালনার দক্ষতা তোমাদের কারোর নেই, এ গ্যারান্টিটুকু আমি দিতে পারি!”
“আমার কারোর দরকার নেই!” চেঁচিয়ে উঠলো বর্ন, আবারো লক্ষহীনভাবে গুলিবর্ষণ করলো সে।
হঠাৎ গুপ্তঘাতক দু’পায়ে ভর দিয়ে উঠে বসে ঝুঁকে নীচু হয়ে সামনে এগিয়ে সবচেয়ে কাছের মেরিন গার্ডটিকে জাপটে ধরলো। গার্ডটি গ্যাস বোমের জ্বালায় কাঁদছে। কমান্ডো তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে তার রাইফেলটা কেড়ে নিয়ে তার পাশের গার্ডকে গুলি করলো। গুপ্তঘাতক ঘুরে তাকাতেই দেখতে পেলো বর্নের মতোই মেশিন পিস্তল হাতে ধরা এক মেরিন সেনা তার সামনে। সে তার কাঁধে গুলি করলে মেরিন গার্ডটির হাত থেকে অস্ত্রটি পড়ে যেতেই কমান্ডো সেটা লুফে নিলো। কেবল আধ সেকেন্ডের জন্য থেমে মেশিন পিস্তলটা বাম হাতে নিয়ে তার পালাবার পথটা যাচাই ক’রে দেখলো কমান্ডো। ডেল্টাও সব দেখছে, সে জানে কমান্ডোর পরবর্তী পদক্ষেপ কি! তার পরিকল্পনা সফল হতে চলছে এবার!
গুপ্তঘাতক ডেল্টার পরিকল্পনা মতোই কাজ করলো। সে সামনের পাঁচিলের দিকে পজিশন নেয়া তরুণ গার্ডগুলোকে লক্ষ্য ক’রে একের পর এক গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে এগোতে লাগলো আর বারবার তার দিকে ছুটে আসা গুলিগুলোকে এড়িয়ে যেতে লাগলো পাশ কাটিয়ে।
“ওকে থামাও!” খোঁড়াতে খোঁড়াতে তার পাশের গার্ডগুলোর দিকে এগিয়ে গিয়ে চিৎকার করলো ককলিন। “ভুল করেও ওকে মেরো না!”
“ধ্যাত্তারিকা!” বাম দিকের দেয়ালের কাছে দাঁড়ানো কোনো মেরিনের মুখ থেকে অস্ফুট একটা বিরক্তিকর ভাব বেরোলো।
গুপ্তঘাতক লাফিয়ে মাটিতে হামাগুঁড়ি দিয়ে সামনের দিকে ছুটে যাচ্ছে আর ক্রমাগত গুলি বর্ষণ হচ্ছে তার অস্ত্র থেকে। তার গুলিতে একটার পর একটা মেরিন সেনা ঝরে যাচ্ছে। এভাবে কমান্ডো তার গন্তব্যের খুব কাছে পৌঁছে গেলো! আর কিছুটা সামনে যেতে পারলেই ফ্লাড-লাইটের আলোর বাইরে চলে যাবে সে। ওই অন্ধকারই তার পালানোর পথ সুগম ক’রে দেবে!
“মাদারচোদ!” এক তরুণ, অপরিণত কণ্ঠস্বর চিৎকার ক’রে উঠলো। “তুই আমার দোস্তকে মেরেছিস! তুই ওর মাথা উড়িয়ে দিয়েছিস! এবার তুই মরবিরে হরামজাদা!” তরুণ কৃষ্ণাঙ্গ মেরিনটি কমান্ডোকে ধাওয়া করতে গেলে কমান্ডো আচমকা ঘুরে মেরিনটির কাঁধে একটা গুলি করলো। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলো মেরিনটি। কিন্তু মাটিতে হামাগুঁড়ি দিয়েই কমান্ডোর দিকে পরপর চারটা গুলি ছুড়তে সক্ষম হলো সে।
আর তার পরপরই বিকট একটা আর্তনাদ শোনা গেলো। মৃত্যুর আর্তনাদ। নকল বর্ন পাথরের হেলে পড়লো টুকরোগুলোর ওপরে। সাবেক রয়্যাল কমান্ডো, মেজর অ্যালকট-প্রাইসের জীবনাবসান ঘটলো।
বর্নও তার গন্তব্যের দিকে এগোতে শুরু করেছে। তার অস্ত্র প্রস্তুত। মেরি তার দিকে দৌড়ে এগিয়ে এলো এমন সময়। তাদের দু’জনের মাঝে এখন মাত্র কয়েক ফিটের দূরত্ব।
“ডেভিড, এটা কোরো না!”
“আমি ডেভিড নই, ম্যাডাম। আমার পথ থেকে সরে দাঁড়াও।”
“ঠিক আছে, তুমি ডেডিড নও!” স্থিরভাবে দাঁড়িয়ে বললো মেরি। “তুমি জেসন বর্ন। তুমি ডেল্টা! তুমি যা খুশি তাই হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি শুধু আমার। তুমি আমার স্বামী!”
গার্ডগুলোর কাছে এই তথ্যটা আকস্মিক বাঁজ পড়ার মতোই মনে হলো। হতভম্ব অফিসারগুলোর হাত কিছুটা নেমে এলো। এই নতুন তথ্য তাদেরকে গুলি ছোড়া থেকে বিরত রাখলো বলা চলে।
“আমি তোমাকে চিনি না!”
“তুমি আমার কণ্ঠস্বর চেনো। তুমি আমাকে চেনো, জেসন!”
“এটা আরেকটা চাল! তুমি একটা ভাড়াটে অভিনেত্রী! ভণ্ড! মিথ্যুক!”
“আমি জানি আমার চেহারা কিছুটা অন্যরকম লাগছে। কিন্তু এর জন্য তুমিই দায়ি, জেসন বর্ন!”
“আমার পথ থেকে সরে যাও, না হলে পস্তাতে হবে!”
“এসব তো তুমিই আমাকে প্যারিসে শিখিয়েছিলে! রুই দ্য রিভোয়া’র হোটেল মরিসে। মনে পড়ছে? আমার ছবি সব পত্রিকায় এসেছিলো। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। বলেছিলে পালিয়ে যেতে…একটা ট্যাক্সি ধরতে! মনে আছে ঐ ট্যাক্সিটার কথা? মর্তপারোয়াঁ’তে যাওয়ার পথে! তুমিই আমকে বলেছিলে ‘হেয়ার কাটটা বদলাও,’ বলেছিলে ‘ক্লিপ দিয়ে আঁটকো ফেলো।’ তুমি বলেছিলে আইব্রু পেন্সিল ব্যবহার করতে, ভুরু দুটো মোটা ক’রে নিতে। এগুলো তোমারই কথা জেসন। আমরা তখন জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। আমার ছবি ইউরোপের সব পত্রিকায় ছাপানো হয়েছিলো। তুমি চাইছিলে আমার চেহারা বদলে ফেলতে। তুমিই তোমার স্ত্রীকে, তোমার ভালোবাসাকে এসব শিখিয়েছিলে। আমি শুধু সেসবেরই পুণরাবৃত্তি করেছি, জেসন!”
“আ-আ!” ডেল্টা আতর্নাদ ক’রে উঠলো, পুরনো স্মৃতিগুলো তার সামনে ভেসে উঠতে লাগলো।
“তোমার মনে পড়ছে!” চেঁচিয়ে বললো ডেভিডের স্ত্রী।
“এটা একটা চাল! তোমরা কেমিক্যাল ব্যবহার ক’রে মেরির কাছ থেকে সব তথ্য বের ক’রে নিয়েছো। ওরা আমাকে থামানোর জন্য তোমাকে এই তথ্যগুলো দিয়েছে!”
“ওরা আমাকে কিছুই দেয় নি। ওদের কাছে আমার চাওয়ারও কিছু নেই। আমি শুধু তোমাকে চাই। আমার স্বামীকে চাই!”
“তুমি মিথ্যে বলছো! ওরা মেরিকে মেরে ফেলেছে!” ডেল্টা বন্দুকের টুগার চাপলে একঝাঁক গুলি মেরির পায়ের চারদিকের মাটিতে আছড়ে পড়তেই মেরিনরা সাথে সাথে আবার তাদের রাইফেল উঁচু তুলে ধরলো।
“এরকম কোরো না!” গার্ডদের দিকে মাথা ঘুরিয়ে বললো মেরি, অনেকটা আদেশের সুরেই।
“ঠিক আছে, জেসন। তুমিই যদি আমাকে না চেনো, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ নেই। আমি আর বাঁচতে চাই না। আমি জানি তুমি কি করতে চাইছো। তুমি নিজেকে শেষ ক’রে ফেলতে চাইছো! কারণ তোমরাই একটা অংশ ভাবছে আমি মরে গিয়েছি। আর আমাকে ছাড়া তুমি বাঁচতে চাও না।” মেরি আরো কয়েক পা এগিয়ে এসে স্থিরভাবে দাঁড়ালো তার সামনে।
ডেল্টা তার অস্ত্র স্কার্ট পরা, পাকাচুলওয়ালা মহিলাটির দিকে তাক্ করলো। তার আঙুল টুগারে চাপ দিতে যাবে এমন সময় হঠাৎ করেই তার হাত কাঁপতে শুরু করলো। প্রথমে মৃদু কাঁপুনি, তারপর বেশ জোরে জোরে। ডেল্টা গোঙানির মতো শব্দ ক’রে উঠলে মেরি তার দিকে এগিয়ে গেলো। গেট দিয়ে একটা লোক জোর জবরদস্তি ক’রে ঢোকার চেষ্টা করছে, কিন্তু গার্ডগুলো তাকে ঢুকতে দিচ্ছে না।
“আরে, আমাকে ঢুকতে দাও! আমি একজন ডাক্তার! আমি ওই লোকটার ডাক্তার!” বলছে মো পানোভ, ঠেলাঠেলি ক’রে ভেতরে ঢুকতে চাইছে সে। তারপর ছুটে এসে বর্নের থেকে প্রায় বিশ ফিট দূরে দাঁড়ালো ডাক্তার মো পানোভ। মেরি আস্তে আস্তে ক’রে জেসনের দিকে এগোতে লাগলো।
“উঁহু,” শব্দটা পানোভের মুখ থেকে বের হলে মেরি থেমে তার দিকে তাকালো। “ওকেই বরং তোমার কাছে আসতে দাও!”
“আমার ওর কাছে যাওয়া দরকার!
“ওভাবে না। ওকে সময় দাও। ও নিজে থেকেই তোমাকে চিনে নেবে। ও নিজে থেকেই সত্যটা বুঝতে পারবে!”
ফ্লাড-লাইটের আলা আর বিস্ফোরণের কারণে লাগা আগুনের মাঝে তারা কিছুক্ষণ নীরবতা পালন করলো। মাথা তুলে তাকালো ডেভিড, তার চোখ দিয়ে গলগল ক’রে অশ্রু ঝরে পড়ছে। ধীরে ধীরে তার পায়ে ভয় দিয়ে উঠে দাঁড়ালো বাচ্চাছেলের মতো কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে ছুটে গেলো সে। তাকে দু’হাতে জড়িয়ে ধরলো ডেভিড ওয়েব।
