অধ্যায় ১৫
হংকং থেকে চল্লিশ মাইল দক্ষিণ-পশ্চিমে, চীন সাগরের দক্ষিণের দ্বীপগুলোর চেয়েও দূরে ম্যাকাও অবস্থিত, যা নামেমাত্র পর্তুগীজ কলোনি। এর ঐতিহাসিক বুৎপত্তি পর্তুগালে হলেও, আধুনিক জীবনযাত্রা ধনী ইউরোপিয়দের চাহিদাকে কেন্দ্র ক’রে গড়ে উঠেছে।
সেই গুপ্তঘাতকের ডেরা ম্যাকাও’তে আর তাই একজন বহুরূপীকে এখানে পা ফেলতে হলো। বর্ন বোট থেকে প্যাসেঞ্জারদের ভিড়ে মিশে উঠে এলো জেটিতে; এখানে পৌঁছাতে তার প্রায় একঘণ্টা সময় লেগেছে।
শেনঝেন থেকে লো ইয়ু’তে ফিরে এসে তিনটার দিকে কাউলুনের ট্রেনটা ধরেছে সে। পুরো যাত্রাপথে সে ছিলো ক্লান্ত, নিস্তেজ আর হতবিহ্বল। কয়েক মিনিট আগে যদি বুঝতে পারতো ওই খুঁড়িয়ে চলা লোকটিই সেই প্রতারক, তাহলে সে তাকে ধরতে পারতো। একটুর জন্যে সব ফসকে গেলো! অন্তত তার চেহারা যদি সে দেখতে পারতো তাহলেও নিজেকে শান্তনা দেয়া যেতো! লাভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য সে বের করতে পেরেছে এই নৃশংস খুনির সাথে পিপল্স রিপাবলিক চীনের গভীর কোনো যোগসূত্র রয়েছে। তার সন্দেহজনক ভিসার অনুমোদন আর চীনা অফিসিয়ালের গাড়িতে ওঠা সেটারই ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা তাকে ভাবিয়ে তুলছে, চীনা অফিসিয়ালরা এমন নৃশংস খুনিকে কেন ব্যবহার করবে? ডেভিড এই নতুন জটিলতাকে অগ্রাহ্য করলো। এটা তার বা মেরির সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। জেসন বর্নের কাজ হলো শুধু লোকটিকে ধরে আনা। প্রয়োজন পড়লে ম্যাকাও থেকেই।
সে হোটেল পেনিনসুলাতে ফিরে এলো। পথে কোমর পর্যন্ত লম্বা কালো নাইলনের জ্যাকেট আর এক জোড়া মোটা সোলের নেভি ব্লু কালারের কেড্স কিনতে নিউ ওয়াল্ড সেন্টারে থেমেছিলো। রুম সার্ভিসকে বলে হাল্কা লাঞ্চের অর্ডার দিলো; বিছানায় বসে টিভি নিউজ দেখতে দেখতে লাঞ্চ সেরে নিলো সে। তারপর ধীরে ধীরে শরীরটা বালিশে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলে হঠাৎ কোথা থেকে যেনো শব্দগুলো ভেসে এলো। বিশ্রাম একধরণের হাতিয়ার। ভুলে যেও না! পনেরো মিনিট পরে বর্ন জেগে উঠলো।
জেসন সাড়ে ৮টা বাজে প্রচণ্ড ভিড়ের মধ্যে সিম শা শুইয়ের একটা চিহ্নিত বুথ থেকে টিকেট কিনলো। আর কেউ তাকে ফলো করছে কিনা তা নিশ্চিত করার জন্য ম্যাকাও’র বোট ধরার আগে তিনবার ট্যাক্সি বদল করলো সে। বাকিটা পথ হেটে গেলো সতর্কতার সাথে। ভিড়ের মধ্যে বার বার লুকিয়ে এদিক ওদিক চেয়ে দেখলো কেউ তাকে অনুসরণ করছে কিনা। না, তেমন কাউকে দেখা গেলো না। এরপর অনেকটা নিশ্চিত হয়েই ম্যাকাওয়ের বোটে উঠলো বর্ন। জানালার পাশে এসে ধীরে ধীরে চীনের দ্বীপগুলো ছাড়িয়ে ম্যাকাওয়ের দিকে বোটের ছুটে চলা দেখলো সে।
জেটি থেকে বেরিয়ে এসে একটা ট্যাক্সি ভাড়া ক’রে ড্রাইভারের প্রতিবাদ সত্ত্বেও সে কাম পেক ক্যাসিনোতে চলে এলো।
“তোমার জন্য লিজবোয়া, কাম পেক নয়। কাম পেক চীনাদের জন্য! দাই সুই! ফান ট্যান।” ভাঙা ভাঙা ইংরেজিতে বললো ড্রাইভার।
জবাবে বর্ন বললো, “কাম পেক, চেঙ্গ নেট,” বর্ন আর কিছু বললো না।
.
ক্যাসিনোর ভেতরটা অন্ধকার। শীতল হাওড়া আর ঝাঁঝালো তীব্র ধোঁয়া টেবিলগুলোর ওপরে থাকা লাইটশেডগুলোর ওপরে ঘুরপাক খাচ্ছে। খেলার টেবিলগুলো থেকে কিছুটা দূরে একটা বার রয়েছে। বর্ন সেদিকে গিয়ে একটা টুলে বসে কুঁজো হয়ে নিজের উচ্চতা কিছুটা কমানোর চেষ্টা করলো। বোটে আসার সময় এক যাত্রীর সাথে পরিচয় হয়েছে তার, সে তাকে উপহারস্বরূপ একটি বেসবল ক্যাপ দিয়েছে। বর্ন এখন সেটা পরে আছে, আর সেই ক্যাপের ছায়া তার আসল চেহারার অনেকটাই ঢেকে দিচ্ছে। একটা ড্রিংকের অর্ডার দিলে বারটেন্ডার যখন ড্রিংক নিয়ে হাজির হলো তখন তাকে হংকং ডলারে ভালো একটা বখশিস্ দিলো।
“মগোই,” ধন্যবাদ জানিয়ে অ্যাপ্রোন পরা লোকটি বললো।
“হোউ,” হাত নাড়িয়ে জেসন বললো। অচেনা পরিবেশে যতোদ্রুত সম্ভব লোকজনকে হাত করতে হয়। এসব কোথায় শিখেছিলো সে, মেডুসা, নাকি ট্রেডস্টোন-এ? তার মনে পড়লো না।
আস্তে ক’রে ঘুরে টেবিলগুলোর দিকে তাকালে চাইনীজ অক্ষরে লেখা ‘পাঁচ’ নাম্বার প্যাকার্ডটি তার চোখে পড়লো। আবার বারের দিকে ফিরে পকেট থেকে তার নোটবুম আর কলম বের করে একটা পৃষ্ঠা ছিড়লো, বোটে প্যাসেঞ্জারদের জন্যে রাখা ভয়েজার ম্যাগাজিন থেকে পাওয়া ম্যাকাও হোটেলের একটা ফোন নাম্বার আর একটা নাম লিখে নিলো। সঙ্গে এই বাক্যটুকু যোগ করলো : ‘কার্লোসের বন্ধু নই।’
সে তার গ্লাসটি বার কাউন্টারের নীচে নিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে হাত তুলে আরো এক গ্লাসের অর্ডার দিলো।
“মগোই সাই,” সামান্য ঝুঁকে বললো বারটেন্ডার।
“সা,” হাত নেড়ে বললো বর্ন। “তুমি আমার ছোট্ট একটি উপকার করবে?” লোকটির ভাষাতেই সে বলতে লাগলো। “দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না।”
“কি করতে হবে, স্যার?”
“টেবিল পাঁচের ডিলারকে এই নোটটা দিয়ে আসো। সে আমার একজন পুরনো বন্ধু, তাকে বোলো আমি এখানে আছি।” জেসন নোটটা ভাঁজ ক’রে তুলে ধরলো। “কাজটা করলে ভালো বখশিস্ পাবে।”
“আনন্দের সাথে, স্যার।”
বর্ন দেখছে। ডিলার নোটটা নিয়ে কিছু দূর গিয়ে আস্তে ক’রে খুলে দেখলো, তারপর টেবিলের নীচে ঢুকিয়ে রাখলো সেটা। অপেক্ষার পালা শুরু হয়ে গেলো। এই দীর্ঘ অপেক্ষার মাঝে বারটেন্ডার রাতের ছুটি নিয়ে চলে গেলো। অন্য একটি টেবিলে পাঠানো হলো টেবিল পাঁচের ডিলারকে, আর তার ঘণ্টা দুয়েক পরে টেবিল পাঁচের নতুন ডিলারকেও সরিয়ে আরেকজন ডিলার আনা হলো। ভোর হতে চলেছে, জেসন সঙ্গত কারণেই কফির অর্ডার দিলো, তারপর চায়ের। আর একঘণ্টা অপেক্ষা করবে সে, এরমধ্যে কিছু না ঘটলে যে হোটেলের নাম্বার সে দিয়েছে, সেই হোটেলে যাবে। তার মধ্যে ঝিমুনিভাব চলে এসেছে।
ঝিমুনির ভাবটা কেটে গেলো। এটা ঘটতে শুরু করেছে! স্কার্ট পরা এক চাইনীজ পতিতা টেবিল পাঁচের দিকে এগিয়ে আসছে। খেলোয়াড়দের পাশ কাটিয়ে সোজা ডিলারের কাছে গিয়ে কিছু একটা বললে ডিলার কাউন্টারের নীচ থেকে ভাঁজ করা নোটটি বের ক’রে তাকে দিয়ে দিলো। তারপরই ক্যাসিনোর বাইরে চলে গেলো মহিলা।
অন্ততপক্ষে সে নিজে ক্যাসিনোতে যায় না, রাস্তা থেকে কোনো বেশ্যা ভাড়া করে তাকে কাজটা করতে পাঠায়। বর্ন সেই মহিলাকে ফলো করতে শুরু করলো। রাস্তাটা এখনও অন্ধকার, অল্প কিছু লোক থাকলেও হংকংয়ের তুলনায় যথেষ্ট ফাঁকাই বলা চলে। মহিলা থেকে প্রায় পঞ্চাশ ফিটের মতো দূরত্ব বজায় রাখলো সে, সাথে এটাও নিশ্চিত করলো তাকে হারিয়ে যেনো না ফেলে।
কখনও প্রথম বাহককে ধরবে না। সে হয়তো কিছুই জানে না। সামান্য কিছু ডলারের জন্য কাজ করে তারা। দ্বিতীয় বা তৃতীয় বাহককেও ধরে লাভ হবে না। আসল কনট্যাক্টকে ধরতে হবে, আসল কনট্যাক্টকে দেখামাত্র চিনতে পারবে। অন্যদের থেকে সে আলাদা হবে। অপর দিক থেকে একটা কুঁজো বয়স্ক লোক সেই বেশ্যার দিকে এগিয়ে আসছে, তাদের মধ্যে ধাক্কা লাগলে বেশ্যাটি তার দিকে চেঁচিয়ে উঠে একইসাথে তার হাতে নোটটি গুঁজে দিলো। বর্ন ঘুরে দ্বিতীয় বাহককে অনুসরণ করতে শুরু করলো।
প্রায় চারটা রাস্তা পার হওয়ার পর এটা ঘটলো। এবারের লোকটা অন্যদের থেকে আলাদা। পরিপাটি পোশাক পরা ছোটোখাটো গাট্টাগোট্টা চাইনীজ লোকটির চওড়া কাঁধ আর চিকন কোমর। তার শারীরিক শক্তির চিহ্ন এটি। লোকটা সেই কুঁজো বুড়োকে কিছু টাকা দিয়ে নোটটি নিয়ে দ্রুত রাস্তা পার হয়ে হাটতে শুরু করলো। বর্ন আর লোভ সামলাতে পারলো না, সে নিশ্চিত এই লোকটির সাথেই ফ্রেঞ্চম্যানের সরাসরি যোগাযোগ আছে।
অপর পাশে ছুটে গেলো জেসন। লোকটা থেকে তার দূরত্ব পঞ্চাশ গজেরও কম। আর সেটা ক্রমশ কমতে থাকলো। আর দেরি করার কোনো মানে হয় না, দৌড়ে এগোতে থাকলো সে। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটির একদম পেছনে চলে এলো। তার মোটা সোলের নতুন কেড্স জোড়ার কারণে দৌড়ানোর শব্দটা শোনাই গেলো না। সামনে দুটো বিল্ডিংয়ের মাঝে একটা চিপাগলির মতো দেখা যাচ্ছে। তাকে দ্রুত কিছু একটা করতে হবে, কিন্তু সাবধানে। রাস্তার অন্য লোকগুলোর মনোযোগ আকর্ষণ করা যাবে না, তারা পুলিশকে ডাকলে ঝামেলা আরো বাড়বে। কিন্তু জেসন এতে বিপদের সম্ভাবনা দেখলো না, কারণ লোকগুলোর অধিকাংশই মাতাল, না হলে নেশাখোর, আর বাকিরা রাতের মজুর, সারা রাতের হাড়ভাঙা খাটুনি শেষে ক্লান্ত দেহে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর মনোযোগ তাদের দিকে নেই।
গাট্টাগোট্টা চাইনীজ লোকটি চিপাগলির মুখের সামনে দিয়ে যাচ্ছে এখন। এই তো সুযোগ। বর্ন ছুটে লোকটির ডান দিকে চলে এলো। “ফ্রেঞ্চম্যান,” সে চাইনীজে বললো। “আমাকে ফ্রেঞ্চম্যান পাঠিয়েছে, কিছু জরুরি খবর দিতে! জলদি, এদিকে আসো!” সে গলির ভেতর ঢুকে গেলে লোকটি হা করে দেখতে থাকলো। তার চোখে বিস্ময়, এখন আর কথা না বলে উপায় নেই। সেও বাধ্য ছেলের মতো গলির ভেতরে ঢুকে পড়লো।
ছায়ার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এসে লোকটির কান ধরে তাকে টেনে এনে কানটা মুচড়িয়ে তাকে ধাক্কা দিয়ে সামনে ফেলে দিলো। হাটু দিয়ে লোকটির মেরুদণ্ডে আঘাত করলো বর্ন। কোনোরকমে উঠে অন্ধকার গলির মধ্য দিয়েই ছুটতে আরম্ভ করলো লোকটি। বর্ন তার কেড্স পরা পা দিয়ে পেছন থেকে তার হাটুতে কষে লাথি বসাতেই হোচট খেয়ে মাটিতে পড়ে তার দিকে তাকালো সে।
“ফ্রেঞ্চম্যান! আপনি!” ডিমলাইটের আবছা আলোয় ভালোভাবে দেখার চেষ্টা করলো সে। “না। “তুমি ফ্রেঞ্চম্যান নও,” শান্ত অথচ দৃঢ়কণ্ঠে সে বললো।
সতর্ক হওয়ার কোনো সুযোগ না দিয়ে লোকটি বর্নের ডান পা জাপটে ধরে মুহূর্তেই তার বাম পা দিয়ে বর্নের তলপেটে আঘাত ক’রে বসলো। তার শক্ত শরীর দিয়ে বর্নকে সাপের মতো পেঁচিয়ে ধরে আঘাতের পর আঘাত করতে লাগলো সে। এরপর যা ঘটলো তাকে দুটো পশুর মধ্যেকার সংঘর্ষের সাথেই কেবল তুলনা করা চলে, পার্থক্য শুধু এটুকুই যে, এরা দু’জনেই প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক, যাদের প্রতিটি আঘাতই হিসেব ক’রে জায়গামতো মারা হয়। একজন নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়ছে, অন্যজন লড়ছে নিজের ভালোবাসার জন্য। শেষমেশ, শারীরিক উচ্চতা, বাড়তি ওজন আর ভালোবাসার গভীরতা একজনকে জয় এনে দিলো আর অন্যজনকে পরাজয়ের গ্লানি।
দুটি ঘর্মাক্ত আর শ্রান্ত দেহ দেয়ালের পাশে পড়ে আছে, তাদের চোখ মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। বর্ন তার ডান হাটু দিয়ে লোকটির গলা পেঁচিয়ে ধরেছে আর বাম হাটু দিয়ে তার পিঠে এমনভাবে চাপ দিয়ে আঁটকে রেখেছে যে, সে নড়তে পারছে না।
“তুমি ভালো করেই জানো এরপরে কি হবে!” ফিফিস্ ক’রে এক দমে বললো সে। “একটু মোচড় দিলেই তোমার মেরুদণ্ড ভেঙে যাবে। এভাবে মরাটা মোটেও আরামদায়ক হবে না। তবে তোমাকে এভাবে মরতে হবে না। তুমি চাইলেই অঢেল টাকা নিয়ে বেঁচে থাকতে পারো। এতো টাকা যা ফ্রেঞ্চম্যানও তোমাকে কখনও দেবে না। আমার কথা শোনো, ফ্রেঞ্চম্যান আর তার সাথীরা এখানে বেশি দিন টিকে থাকতে পারবে না! বাকিটা তোমার ইচ্ছা। বলো কি চাও তুমি!” জেসন তার পা দিয়ে লোকটার গলায় আরেকটু চাপ দিলো।
“আমি বাঁচতে চাই, মরতে চাই না,” কেঁদে উঠলো লোকটি।
.
সেই অন্ধকার গলির দেয়ালে হেলান দিয়ে ব’সে সিগারেট ফুঁকছে ওরা দু’জন। চাইনীজ লোকটি বেশ ভালো ইংরেজি বলতে পারে, জানা গেলো একটা পর্তুগীজ ক্যাথলিক স্কুলের নানদের কাছ থেকে সে ভাষাটা রপ্ত করেছে।
“তুমি সত্যিই অসাধারণ,” ঠোঁট থেকে রক্ত মুছে বললো বর্ন।
“আমি ম্যাকাও’র চ্যাম্পিয়ন। এ কারণে ফ্রেঞ্চম্যান আমাকে টাকা দেয়। কিন্তু তুমি আমাকেও হারিয়ে দিয়েছো। আমার আত্মসম্মান ব’লে আর কিছু নেই।”
“না, অসম্মানের কিছু নেই। আমি শুধু কতোগুলো নোংরা মারপ্যাঁচ জানি যা তুমি জানো না। তুমি যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছো সেখানে এগুলো শেখানো হয় না, আর কখনও হবেও না। তাছাড়া আমাদের মধ্যে কি ঘটেছে তা কেউ জানতে পারবে না।”
“কিন্তু আমি তরুণ আর তুমি আমার চেয়ে বয়সে বড়।”
“আমি হলে এভাবে দেখতাম না। বয়স যাই হোক না কেন, আমি এখনও সম্পূর্ণ ফিট আছি, আর এর পুরো কৃতিত্বই আমি এক আধপাগলা ডাক্তারকে দিয়ে থাকি। আমার বয়স কতো মনে হয়?”
“তিরিশের বেশি?”
“ঠিক”
“বয়স্ক!”
“ধন্যবাদ।”
“তোমার অনেক শক্তি আর জ্ঞানও বেশি কিন্তু এটাই জেতার কারণ নয়। আমি একজন সুস্থ মানুষ, কিন্তু তুমি তা নও!
“হয়তো,” জেসন সিগারেটটি মাটিতে ফেলে দিলো। “কাজের কথার আসা যাক,” পকেট থেকে টাকা বের ক’রে বললো সে। “আমি যা বলেছি তা-ই হবে। তোমাকে আমি ভালো মূল্য দেবো… ফ্রেঞ্চম্যানকে কোথায় পাওয়া যাবে, বলো?”
“আমি জানি ফ্রেঞ্চম্যান আর তার গুপ্তঘাতক বর্ন আগামীকাল রাতে কোথায় থাকবে। এর দাম কতো দেবে?”
“দশ হাজার আমেরিকান ডলার।”
“আইয়া!”
“কিন্তু টাকাটা শুধু তখনই পাবে যখন আমাকে সেখানে নিয়ে যাবে।”
“এটা সীমানার ওপারে।”
“শেনঝেনের ভিসা আমার আছে। এর মেয়াদ আছে আরো তিন দিন।”
“এটা কাজে লাগতে পারে, কিন্তু গুয়াঙ্গডঙ্গ বর্ডারের জন্য তা যথেষ্ট নয়।”
“আমি জানি তুমি ঠিকই কোনো পথ বের করে নিতে পারবে। দশ হাজার আমেরিকান ডলারের কথাটা ভুলে যেও না।”
“আমি বের করবো। আগাম কিছু পাওয়া যাবে কি?”
“পাঁচশো ডলারের বেশি নয়।’”
“বর্ডারে ঘুষ দিতে হতে পারে, আরো বেশি দিতে হবে।”
“আমাকে ফোন কোরো। আমি নিয়ে আসবো।”
“কোথায় ফোন করবো?”
“এই ম্যাকাও’তে আমার জন্য একটা হোটেল রুম বুক করো। আমি ওখানকার ভল্টে আমার টাকার রাখবো।”
“হোটেল লিজবোয়া চলবে?”
“না, লিজবোয়া না। আমার ওখানে সমস্যা আছে। অন্য কোথাও।”
.
ক্যাথরিন স্টেপলস্ তার ডেস্কে ব’সে আছে। লাইন কেটে যাওয়ার পরও ফোনের রিসিভারটি ধরে আছে সে, অন্যমনস্কভাবে রিসিভারটির দিকে তাকিয়ে সেটা রেখে দিলো। এইমাত্র ফোনে যে আলোচনা হয়েছে তা তাকে বিস্মিত করেছে। সবশুনে মনে হচেছ হংকংয়ে কানাডিয়ান ইন্টেলিজেন্সের কোনো সোর্স কাজই করছে না, কারো কোনো মাথাব্যথা নেই। স্টেপলস্ তার পুরনো বন্ধু ইয়ান ব্যালেনটাইনকে ফোন করেছিলো। লোকটির বয়স পয়ষট্টির কিছু বেশি হলেও কর্মক্ষমতা একটুও কমে নি। এই ইংরেজ স্কটল্যান্ড ইয়ার্ড থেকে রিটায়ার্ড করার পর হংকংয়ের ক্রাউন কলোনিয়ান অ্যাফেয়ার্সের চিফ হিসেবে জয়েন করে।
ইয়ান আর স্টেপলস্ খুব ভালো বন্ধু। আন্তরিকতার ব্যাপারটা সীমিত হলেও তারা একে অপরের উপর পূর্ণ আস্থা রাখতে পারে। আর তাই স্টেটের আন্ডারসেক্রেটারি ম্যাকঅ্যালিস্টার মেইন-এ মেরি আর তার স্বামীকে যা যা বলেছিলো স্টেপলস্ তাকে সেসব কথা খুলে বললে বিনিময়ে সে জানতে পেরেছে হংকংয়ে ইয়াও মিঙ্গ নামে কোনো তাইপান নেই, কখনও ছিলও না। আর লিজবোয়া হোটেলে কখনও কোনো তাইপানের স্ত্রী’র সাথে ড্রাগ ডিলারের হত্যাকাণ্ডের মতো বিষয় ঘটে নি। ১৯৪৫ সালে জাপানিরা চলে যাওয়ার পরে এ অঞ্চলে এমন কোনো ঘটনাই ঘটে নি। ক্যাসিনোগুলোতে অসংখ্যবার গোলাগুলি আর কোাপাকুপির ঘটনা ঘটেছে, কোনো কোনো হোটেল রুমে অতিরিক্ত মাদক সেবনের কারণে অনেকের মৃত্যু ঘটেছে, কিন্তু স্টেপলসের ইনফর্মার যে ধরনের হত্যাকাণ্ডের কথা বলছে তেমন কিছু কখনও ঘটে নি।
“এগুলো সুন্দরভাবে সাজানো কিছু মিথ্যা, ক্যাথি,” বলেছিলো ইয়ান। “কিন্তু এই মিথ্যার পেছনে উদ্দেশ্য কি তা আমি জানি না।”
“আমার ইনফর্মারের তথ্য ভুল হতে পারে না। তুমি কি কিছু আঁচ করতে পারছো?”
“একটু দুগন্ধ পাচ্ছি, মাই ডিয়ার। কেউ কিছু একটা অর্জনের উদ্দেশ্যে অনেক বড় ঝুঁকি নিচ্ছে। নিজেকে আড়াল ক’রে রাখছে সে, তবে আমি নিশ্চিত ঘটনাটা কল্পকাহিনী, বাস্তব নয়। তুমি কি আমাকে আরো কিছু বলতে পারো?”
“যদি বলি এর উৎস ওয়াশিংটন, ইউ.কে নয়?”
“তোমার কথা একটু সুধরে দিতে হচ্ছে। এতোটা ঝুঁকি ওয়াশিংটন একা নিতে পারে না, লন্ডনকেও এর সাথে জড়িত থাকতে হবে।”
“কিছুই পরিস্কার হচ্ছে না।”
“তোমার দৃষ্টিকোণ থেকে না বোঝাই স্বাভাবিক, ক্যাথি। কারণ তাদের দৃষ্টিকোণ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সেই পাষণ্ড বর্নকে এমন কারো পেছনে লাগানো হয়েছে যার সম্পর্কে কোনো তথ্য তারা ফাঁস করছে না। হয়তো আমিও তাদের জায়গায় থাকলে সেটা করতাম না।”
“আমি যদি তোমাকে আরো ইনফরমেশন এনে দেই তাহলে কি তুমি আমাকে বিষয়টা পরিস্কার করতে পারবে?”
“চেষ্টা ক’রে দেখো, কিন্তু মনে হয় না লাভ হবে।”
স্টেপলস্ তার ডেস্কে ব’সে আছে, কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছে। ব্যালেনটাইন কি কিছু আঁচ করতে পেরেছে? কি ঘটতে চলেছে? আর এই প্রাক্তন ইকোনমিস্টকেই বা এর সাথে টেনে আনা হচ্ছে কেন? সে ভেবে শান্ত্বনা পেলো যে যতো যাই হোক, মেরি অন্তত নিরাপদে আছে।
.
অ্যাম্বাসেডর হাভিলান্ড হাতে একটা বৃফকেস নিয়ে ভিক্টোরিয়া পিকের অফিসে হাজির হলে তাকে দেখে ম্যাকঅ্যালিস্টার লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
“বসো, এডওয়ার্ড। খবর কি?”
“কোনো খবর নেই, স্যার।”
“হায় জিশু, আমি এই কথাটা যেনো আর না শুনি।”
“স্যরি, স্যার।”
“ওই উন্মাদ কুত্তার বাচ্চাটা কোথায়, যার জন্য এটা ঘটেছে?”
ম্যাকঅ্যালিস্টার খুকখুক ক’রে কাশলো, কারণ হাভিলান্ড খেয়াল করে নি মেজর লিন ওয়েনজু তার পেছনে দেয়ালের গায়ে লাগানো একটা সোফাতে ব’সে আছে। সে আস্তে ক’রে উঠে দাঁড়ালো। “আমিই সেই উন্মাদ কুত্তার বাচ্চা, যার জন্য এটা হয়েছে, অ্যাম্বাসেডর।”
“দুঃখিত, এর জন্যে আমি ক্ষমা চাইতে পারছি না,” ঘুরে দাঁড়িয়ে কৰ্কশকণ্ঠে বললো হাভিলান্ড। “এখন তোমার গর্দান বাঁচাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা তো বেঁচেই যাবো। কিন্তু তুমি বাঁচবে ব’লে মনে হয় না।”
“এতে এনার কোনো দোষ নেই,” প্রতিবাদ করলো আন্ডারসেক্রেটারি।
“তাহলে দোষ কি আপনার?” চেঁচিয়ে উঠলো অ্যাম্বাসেডর। “মহিলাটিকে দেখাশোনা করার দায়দায়িত্ব কি আপনার ছিলো?”
“এখানকার সব দায় দায়িত্ব আমিই নিচ্ছি!”
“আপনার মহত্তকে সাধুবাদ জানাই, আন্ডারসেক্রেটারি, কিন্তু এসব নীতিকথা শোনার সময় আমাদের হাতে নেই।”
“কাজটার দায়িত্ব আমাকে দেয়া হয়েছিলো,” বললো লীন। “আমিই অ্যাসাইনমেন্টটা নিয়েছি এবং ব্যর্থ হয়েছি। সহজ কথায়, মহিলাটি আমাদেরকে বোকা বানিয়েছে।”
“তুমিই লিন, স্পেশাল ব্রাঞ্চের?”
“হ্যাঁ, মি: অ্যাম্বাসেডর।”
“তোমার নামে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম।”
“এখন নিশ্চয়ই সেগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে?”
“আমি শুনলাম সে নাকি তোমাদের খুব ভালো একজন ডাক্তারকেও বোকা বানিয়েছে?”
“ঠিকই শুনেছেন,” জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার। “এই অঞ্চলের অন্যতম সেরা ডাক্তার।”
হাভিলান্ড ডেস্কের অপরপাশে গিয়ে বৃফকেসটি উপরে রেখে খুলে ভেতর থেকে একটা ফাইল বের করলো। “আপনি ট্রেডস্টোন ফাইলটা চেয়েছিলেন। এই যে সেটা। এটা কোনোভাবেই যেনো এই রুমের বাইরে না যায়। আর যখন এটা পড়বেন না, তখন এটা লক্ ক’রে রাখবেন,” বললো হাভিলান্ড।
“আমি শিগগিরই এটা পড়া শুরু করবো।”
“আপনি কি এর ভেতর থেকে সূত্র পাবার আশা করছেন?”
“আর কিছু তো হাতে নেই।”
“যা ভালো বোঝেন করেন,” বললো হাভিলান্ড। “মেজরকে কতোটুকু খুলে বলা হয়েছে?”
“যতোটুকু বলার নির্দেশ দেয়া হয়েছিলো।” ম্যাকঅ্যালিস্টার লিন ওয়েনজুর দিকে তাকালো। “যদিও সে আরো জানার অনুরোধ করছিলো! হয়তো সে ঠিক বলছে, তাকে আরো খুলে বলা প্রয়োজন।”
“আমি অল্পতেই কাজ করতে বাধ্য হয়েছি, এডওয়ার্ড। লন্ডন তাদের অবস্থানে অনড় ছিলো, মি: অ্যাম্বাসেডর। সঙ্গত কারণেই আমি পরিস্থিতিটা মেনে নিয়েছি।”
“আমি চাই না আপনি বাধ্য হয়ে কোনো কাজ করুন, মেজর। আপনার আরো জানা এবং বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করা প্রয়োজন। গাড়িতে আসার সময় একটা আকর্ষণীয় বাগান চোখে পড়লো। মি: ম্যাকঅ্যালিস্টার তার ফাইল পড়ুক, ততোক্ষণে চলুন আমরা সেখানে গিয়ে কথা বলি। কোনো আপত্তি নেই তো?”
“আনন্দের সাথে, স্যার।”
.
মেরি ক্যাথরিন স্টেপসের ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়ে নীচের দৃশ্য দেখছে। বরাবরের মতোই রাস্তায় মানুষের ভিড়। তার খুব ইচ্ছে করছে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নীচের মানুষের ভিড়ে মিশে যেতে। তার ইচ্ছা করছে এশিয়ান হাউজের আশেপাশে হেটে বেড়াতে, এই আশায়, যদি ডেভিডের সঙ্গে দেখা হয়ে যায়! কিন্তু সে এখান থেকে বেরোতে পারবে না, কারণ সে স্টেপলকে কথা দিয়েছে। কথা দিয়েছে সে ভেতরে থাকবে। কোনো ফোনেরও জবাব দেবে না। স্টেপলস্ ফোন করলে প্রথমে দুটো রিং হয়ে কেটে যাবে, তারপর তৃতীয় রিং হবে।
টেলিফোনটি বেজে উঠলো। দুটো রিং হয়ে থেমে তারপর তৃতীয় রিং হলে মেরি দৌড়ে গিয়ে রিসিভারটি তুলে নিলো। “হ্যাঁ?”
“মেরি, ওই মিথ্যুক ম্যাকঅ্যালিস্টার যখন তোমাদের সাথে কথা বলেছিলো, তখন সিম শা শুইয়ের একটা ক্যাবারের কথাও তো উল্লেখ করেছিলো, তাই না?”
“হ্যাঁ। সে একটা উজি’র কথা বলতে গিয়ে ক্যাবারের কথাটা বলেছিলো। উজি হলো একটা অস্ত্র–”
“আমি জানি, ডিয়ার। এই অস্ত্র দিয়েই তাইপানের স্ত্রী আর তার প্রেমিককে ম্যাকাও’তে হত্যা করা হয়েছে, তাইতো?”
“হ্যাঁ, তাই।”
“কিন্তু সে কি কাউলুনের সেই ক্যাবারের হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলেছিলো?”
মেরি ভেবে দেখলো। “না, আমার মনে হয় না। সে শুধু অস্ত্রটার কথা বলার সময় ওই ক্যাবারের প্রসঙ্গ টেনেছিলো। তুমি কি কিছু জানতে পেরেছো?”
“হ্যাঁ। ম্যাকঅ্যালিস্টার যেমনটা বলেছে তেমন কোনো হত্যাকাণ্ড ম্যাকাও’র লিজবোয়া হোটেলে ঘটে নি।”
“পুরো ব্যাপারটা ধামাচাপা দেয়া হয়েছিলো। ওই তাইপান ব্যাংকার এর পেছনে প্রচুর অর্থ ঢেলে ছিলো।”
“আমার সোর্স যতোটুকু বলেছে তাতে মনে হয় না সেরকম কিছু ঘটেছে।”
“ক্যাথরিন, তুমি কি বলতে চাইছো?”
“হয় এটা আমার দেখা সবচেয়ে বাজে অপারেশন, না হয় এটা আমার দেখা সবচেয়ে অসাধারণ অপারেশন, যেখানে তোমার স্বামীকে তারা নিজেদের জালে জড়িয়ে কাজে নামাতে বাধ্য করেছে। হয়তো কাজটা এমন যে, তোমার স্বামী তা এমনিতে করতে রাজি হতো না। আমি ধরে নিচ্ছি দ্বিতীয়টাই হবে।”
“সেটা কিভাবে?”
“একজন লোক আজ দুপুরে কাই টাক এয়ারপোর্টে পৌঁছেছে, যাকে স্টেটসম্যানের চেয়ে ডিপ্লোম্যাট হিসেবেই লোকজন বেশি চেনে। আমরা সবাই জানলেও তার আগমনের খবরটা মিডিয়াতে প্রকাশ করতে বাধা দেয়া হয়েছে। শেষমেষ যখন খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন সাংবাদিকেরা তার আসার উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তোলে। জাবে সে বলেছে তার প্রিয় শহর হংকংয়ে ছুটি কাটাতে এসেছে সে।”
“তো?”
“লোকটা সারা জীবনে কখনও ছুটিই নেয় নি।”
.
ম্যাকঅ্যালিস্টার দেয়াল দিয়ে ঘেরা সারি সারি গোলাপ বাগানের দিকে ছুটে যাচ্ছে। ট্রেডস্টোন ফাইলটি সিন্দুকে তালা মেরে রেখে এলেও তথ্যগুলো তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওরা কোথায়? ওইতো ওখানে বসে আছে! একটা চেরি গাছের নীচে দুটো কংক্রিটের বেঞ্চে। লিন সামনে ঝুঁকে আছে, তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অ্যাম্বাসেডরের কথায় সে যেনো সম্মোহিত হয়ে গেছে। ম্যাকঅ্যালিস্টার একদমে গাছের কাছে পৌঁছে স্পেশাল ব্রাঞ্চের মেজরের দিকে তাকালো।
“লিন! যখন ওয়েব আর তার স্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছিলো, তখন সে ঠিক কি কি বলেছিলো, তোমার মনে আছে?”
“সে প্যারিসের একটা রাস্তা, তাতে সারি সারি গাছ, তার প্রিয় গাছ, ইত্যাদি। আমার মনে হয় এগুলো নিয়েই কথা বলছিলো। সে চেষ্টা করছিলো ওয়েবকে তার ঠিকানা বলতে, কিন্তু সে ভুল বকছিলো।”
“সে ঠিকই বলছিলো। তার প্রিয় গাছ মানে মেপল গাছ, মেপল পাতা। যা কানাডার প্রতীক! ভুলে যেও না সে কানাডার গভর্নমেন্টের হয়ে কাজ করতো। এখানে কানাডার কোনো অ্যাম্বাসি নেই কিন্তু একটা কনসুলেট আছে। সেখানেই তারা দেখা করবে। যেমনটা তারা আগে করেছিলো, প্যারিসে!”
“আমাদের বন্ধুপ্রতীম অ্যাম্বাসি আর কনসুলেটগুলোকে আপনারা সতর্ক করেন নি?”
“সতর্ক!” রেগে উঠলো ম্যাকঅ্যালিস্টার। “আমি তাদেরকে কি বলতাম! আমাকে চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছিলো, স্যার!”
“হুম্ম, আপনি ঠিকই বলছেন। আপনার কথায় যুক্তি আছে।”
“আপনি আমাদের সবাইকে চুপ করিয়ে রাখতে পারেন না, মি: অ্যাম্বাসেডর,” বললো লিন।
“আমরা আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, ঠিক তেমনি আমাদের কয়েকজনের মতামতকেও আপনার শ্রদ্ধার চোখে দেখা উচিত। আমরা এই কাজে আরো স্বাধীনতা চাই। ব্যক্তি স্বাধীনতা!”
“স্বাধীনতা আর তথ্য, দুটোই দেয়া হবে, কিন্তু গোপনীয়তা বজায় রাখা চাই!”
“অবশ্যই রাখা হবে,” বললো মেজর।
“কানাডিয়ান কনসুলেট,” বললো হাভিলান্ড। “ওখানকার সকল কর্মচারির রেকর্ড আমার চাই।”
