অধ্যায় ৬
বিচের কাছে একটা পাথরের উপর ব’সে আছে সে; জানে তাকে এখন ঠাণ্ডা মাথায় ভাবতে হবে। চিন্তা করতে হবে এতোদূর পর্যন্ত কি কি ঘটেছে, তার কাছে ওরা ঠিক কি চাইছে, আর কি ক’রে ওদের বুদ্ধিকে হার মানানো যায়। শেষ কথা, আর উত্তেজিত হওয়া যাবে না, যদিও একজন উত্তেজিত মানুষের ক্রোধ অনেক সময় গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজে আসে, কিন্তু সেই ঝুঁকি এখন নেয়া যাবে না। বেশি বাড়াবাড়ি করলে মেরির ক্ষতি হবে, সে নিজেও মারা যেতে পারে, সহজ হিসেব। সবকিছুই হিসেব ক’রে সাজানো হয়েছে, ভয়ংকরভাবে হিসেব ক’রে সাজানো হয়েছে।
ডেভিড ওয়েব এখন আর কোনো কাজেই আসবে না। জেসন বর্নকে পুরো নিয়ন্ত্রণ নিতে হবে। হে ঈশ্বর! কি অদ্ভুত এ জীবন! পানোভ ডেভিড ওয়েবকে বলে ছিলো বিচের ধারে হাটতে আর এখানে ওয়েব নয়, বসে আছে জেসন বর্ন-বসে বসে ভাবছে, ঠিক যেভাবে বর্ন ভেবে থাকে। তাকে নিজেরই এক অংশকে এখন অগ্রাহ্য করতে হচ্ছে অন্য অংশটিকে জাগিয়ে তোলার জন্য।
ব্যাপারটা অদ্ভূত হতে পারে, কিন্তু অসম্ভব নয়, অতিরঞ্জিতও নয়, কারণ মেরিকে কেন্দ্র ক’রে সবকিছু ঘটছে। তার ভালোবাসা, তার একমাত্র প্রেম – না, ওভাবে ভেবো না। জেসন বর্ন বলতে শুরু করলো : সে তোমার মূল্যবান সম্পদ, যা তোমার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে! তাকে ফিরিয়ে আনো।
ডেভিড ওয়েব জবাব দেয় : না, সম্পদ নয়, সে আমার জীবন।
জেসন বর্ন : সব নিয়ম-কানুন ভেঙে ফেলো! তাকে খুঁজে বের করো। তাকে ফিরিয়ে আনো তোমার কাছে।
ডেভিড ওয়েব: কি ক’রে করবো? আমাকে সাহায্য করো।
জেসন বর্ন আমাকে ব্যবহার করো! তুমি আমার কাছ থেকেই শিখেছো। তোমার কাছে অস্ত্র আছে, সেগুলো অনেক বছর ধরেই তোমার কাছে আছে। মেডুসাতে তুমি ছিলে সবার সেরা। কিন্তু সেখানে তুমি সম্পূর্ণ স্বাধীন ছিলে না, তোমাকে নিয়ন্ত্রণ করা হতো। তুমি সহ্য করেছো, কিন্তু আর নয়। তুমি এখনও বেঁচে আছো।
নিয়ন্ত্রণ?
সহজ একটি শব্দ কিন্তু এর থেকে কতো কিছু বোঝা যায়। ওয়েব পাথরের উপর থেকে নামলো, আবারো ঘেমে উঠলো তার শরীর। ঘর্মাক্ত শরীরেই সে হেটে রাস্তায় উঠে তার ভিক্টোরিয়া হাউজের দিকে এগিয়ে গেলে হঠাৎই তার মাথায় একটি নাম আসতে শুরু করলো। নামটি তার স্মৃতিতেই গাঁথা ছিলো। ধীরে ধীরে তার চোখে ফুটে উঠলো সেই নামের লোকটির মুখও। এই লোকটিকে কি ক’রে সে ভুলতে পারে, কারণ প্রতিবারই তাকে মনে করার সাথে সাথে ডেভিডের মনে ঘৃণার উদয় হয়।
আলেক্সান্ডার ককলিন, দু’বার তাকে হত্যা করার চেষ্টা করেছিলো, কিন্তু অল্পের জন্য ব্যর্থ হয়েছিলো। আর তার ফাইল, অগণিত সাইক্রিয়াটুক সেশন, অস্পষ্ট স্মৃতি থেকে সে এতোটুকু জানে যে, অ্যালেক্স ককলিন অনেক বছর আগে কম্বোডিয়াতে তার এবং তার থাই স্ত্রীর বেশ ভালো বন্ধু ছিলো। যখন আকাশে থেকে মৃত্যু নেমে এসে নদীর পানিকে রক্তাক্ত ক’রে দিয়েছিলো। সে সময় ডেভিড সাইগনে পালিয়ে যায়, তার ক্ষোভ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলো। সেন্ট্রাল ইন্টেলিজেন্সের বন্ধু ককলিনই তাকে সেই বিতর্কিত মেডুসাতে ঠাঁই ক’রে দিয়েছিলো।
তুমি যদি জঙ্গলের ট্রেনিংয়ে উতরাতে পারো তাহলেই ওরা তোমাকে কাজে নেবে—কিন্তু এ জগতে প্রত্যেককে কড়া নজরে রাখা হবে, প্রতিটি মিনিটই চোখে চোখে রাখবে। কারণ সুযোগ পেলে ওরা তোমার কব্জি কেটে ঘড়ি খুলে নেবে। এইসব কথা ওয়েব মনে করতে পারলো, আর সে আরো মনে করতে পারলো যে, এই কথাগুলো সে ককলিনের গলা থেকেই শুনেছিলো।
সে নৃশংস ট্রেনিংয়ে উতরে গিয়ে হয়ে ওঠে ডেল্টা। আর কোনো নাম ছিলো না, ছিলো শুধু একটি ক্রমিক নম্বর। ডেল্টা ওয়ান। যুদ্ধের পরে ডেল্টা হয়ে যায় কেইন।
কেইন গুপ্তঘাতক কার্লোসের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ট্রেডস্টোন সেভেনটি- ওয়ানই গল্প ছড়ায় যে, কেইন নামের এক খুনি কার্লোস দি জ্যাকেলকে ধাওয়া করছে। ইউরোপের আন্ডারওয়ার্ল্ড এই কেইন নামটির সাথে পরিচিত, যা কিনা আসলে এশিয়ার জেসন বর্ন, কারণ এক পর্যায়ে ককলিন তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু সে যদি কিছুটা আস্থা রাখতে পারতো, তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু সে পারে নি। সে তার বন্ধুর সবচেয়ে খারাপ দিকটি কল্পনা করতে বাধ্য হয়। কারণ তার দেশপ্রেম তাকে সেদিকেই ঠেলে দেয়। এটা তার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে জোড়া লাগায়, তার মনে হতে শুরু করে সে তার প্রাক্তন বন্ধুর চেয়েও সেরা। মেডুসায় কাজ করার সময় ল্যান্ড মাইনে পা পড়ে ককলিনের পা উড়ে গেলে তার সাথে তার অসাধারণ ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে। মাঠ পর্যায়ে সে তার পঙ্গু শরীর নিয়ে কাজ করতে পারতো না, বিশেষ ক’রে এলিয়েন ডালেস আর জেমস অ্যাঙ্গেলটনের মতো করিৎকর্মা প্রতিদ্বন্দ্বীর উপস্থিতির জন্যে। অপর দিকে ল্যাঙ্গলে বেজ-এ কাজ করার জন্য যে ‘বুরোক্র্যাটিক’ ক্ষমতার দরকার তাও তার মধ্যে ছিলো না। সে পড়ে থাকলো, এক সময়কার সেরা টেকনিশিয়ান পড়ে থাকলো এটা দেখার জন্য যে, তার চেয়ে কম মেধাবী লোকগুলো কিভাবে তাকে ছড়িয়ে যায়।
দু’বছর অনেকটা বন্দিদশায় কাটানোর পরে গোপন অপারেশনের জনক নামে পরিচিত একজন তাকে কাজে নেয়। কারণ কাজটা ডেভিড ওয়েবকে ঘিরে, আর ককলিন ওয়েবকে বহু বছর ধরেই চিনতো। এভাবেই ট্রেডস্টোন সেভেনটি-ওয়ান তৈরি করা হয়, জন্ম হয় জেসন বর্ন চরিত্রটির আর টার্গেট করা হয় কার্লোস দি জ্যাকেলকে। প্রায় বত্রিশ মাস ধরে ককলিন এই গোপন অপারেশন নিরীক্ষা করতে থাকে, তারপরই জেসন বর্নের গায়েব হয়ে যাওয়াকে কেন্দ্র ক’রে সবকিছু ওলটপালট হয়ে যায়। একই সময় ট্রেডস্টোনের জুরিখ অ্যাকাউন্ট থেকে খোয়া যায় পাঁচ মিলিয়ন ডলার।
কোনো প্রমাণ ছাড়াই ককলিন একটি বাজে অনুমান করে নেয়। তার মতে বহুল আলোচিত বর্ন এই প্রতারণা করেছে। সংঘর্ষময় জীবন তার জন্যে খুব বেশি চাপের সৃষ্টি করেছিলো———তাই পাঁচ বিলিয়ন ডলারের লোভ সে সামলাতে পারে নি। খোঁড়া ককলিনের চোখে এটা শুধু প্রতারণা নয়, অসহনীয় পর্যায়ের বিশ্বাসঘাতকতা। তার পা ছিলো মৃত আর ভারি। সার্জারি করে যাতে পাথরের মাংস লাগানো হয়েছিলো। এক সময়কার অসাধারণ ক্যারিয়ার একেবারে নড়বড়ে অবস্থায় উপনীত হয়েছিলো। ব্যক্তিগত জীবনেও একাকীত্ব ছাড়া কিছু ছিলো না, এজেন্সির প্রতি সম্পূর্ণ আনুগত্যই ছিলো তার ধ্যান-জ্ঞান। সে দেখাতে চেয়ে ছিলো এজেন্সির প্রতি তার অবদান আর অন্যদের অবদান কতোটুকু—যাদের জন্য সবচেয়ে বেশি করা হয়েছে তারাই এজেন্সির সাথে প্রতারণা করেছে।
এভাবেই তার একসময়কার কাছের বন্ধু ডেভিড ওয়েব তার শত্রুতে পরিণত হলো। শুধু শত্রু নয়, ওয়েব তার নেশায় পরিণত হলো। সে এই চরিত্রকে তৈরি করেছে, প্রয়োজন হলে সে-ই এটাকে ধ্বংস করবে। তার প্রথম চেষ্টা ছিলো প্যারিসে দু’জন ভাড়াটে খুনি লেলিয়ে দেয়া।
ডেভিড এখনও ঝাপসা দেখতে পাচ্ছে, পরাজিত ককলিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে চলে যাচ্ছে, তার খোঁড়া দেহটির দিকে ওয়েবের অস্ত্র তাক ক’রে রেখেছে।
দ্বিতীয় প্রচেষ্টাটি ওয়েবের কাছে এখনও অস্পষ্ট। হয়তো এটা তার কখনও মনে পড়বে না। জায়গাটি ছিলো নিউইয়র্কের সেভেনটি-ওয়ান স্টুটের ট্রেডস্টোনের হাউজে, ককলিন অসাধারণ একটি ফাঁদ পাতলেও ওয়েব তার অসামান্য ক্ষমতা বলে পার পেয়ে যায়। অবশ্য সেখানে কার্লোস দি জ্যাকেলের উপস্থিতিও এর জন্যে কিছুটা দায়ি ছিলো।
পরে যখন সত্য উন্মোচিত হলো, সবাই জানলো বিশ্বাসঘাতকের ভেতরে কোনো বিশ্বাসঘাতকতা নেই, আছে শুধু সমস্ত স্মৃতি জুড়ে ক্ষত, যাকে সংক্ষেপে বলে অ্যামনেসিয়া। ককলিন ভেঙে পড়লো। ভার্জিনিয়াতে চিকিৎসার সময় ককলিন বারবার চেষ্টা করলো তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে, তাকে সবকিছু খুলে বলতে, নিজের সাফাই গাইতে, আর অবশ্যই যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইতে।
তবে ডেভিডের হৃদয়ে বিন্দুমাত্র ক্ষমার উদয় হলো না। “সে যদি এই দরজা দিয়ে ঢোকে আমি তাকে খুন করবো,” সে সবসময় এই কথা বলতো। কিন্তু এখন আর তা বলবে না, ভাবলো ডেভিড, বাড়ির দিকে দ্রুত এগিয়ে যেতে যেতে। ককলিনের দোষ-ত্রুটি যাই থাক না কেন, ইন্টেলিজেন্সের খুব কম লোকই এতো বছরে তার মতো অন্তর্দৃষ্টি আর সোর্স তৈরি করতে পেরেছে। ডেভিড বেশ কয়েক মাস অ্যালেক্সের কথা ভাবে নি; কিন্তু এখন ভাবছে। হঠাৎ মনে পড়লো শেষ কবে তাকে নিয়ে আলোচনা করেছিলো সে। মো পানোভই তার নামটা তুলেছিলো।
“তার সাহায্য দরকার, কিন্তু সে সাহায্য নেয় না। সে মাতাল হয়ে একা পড়ে থাকে, আর যদি সে তার রিটায়ারমেন্ট পর্যন্ত টিকে যায় তাহলে আমি সত্যিই অবাক হবো। সত্যিই আমি এটাই বুঝতে পারি না সে এতোদিন কাজ করলো কিভাবে? তাকে যে পেনশন দেয়া হয় তাতো তার থেরাপির খরচ সামলাতেই শেষ হয়ে যায়।” নরম কণ্ঠে বলেছিলো মো।
জবাবে ডেভিড বলেছিলো, “আমি দুঃখিত, মো। সে আমার কাছে মৃত, একটি পুরনো অধ্যায় মাত্র।”
সে আর মৃত নয়, বাগানের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবলো ডেভিড। অ্যালেক্সান্ডার ককলিন তার কাছে আবার জীবন্ত হয়ে উঠেছে। সে পঙ্গু, মাতাল, অসুস্থ, যেমনটাই হোক না কেন, তার গড়ে তোলা বহু বছরের সোর্স, কনট্রাক্ট, ইনফরমেশন সবই আজ তার জন্য প্রয়োজনীয় হতে পারে। অ্যালেক্সান্ডার ককলিন জেসন বর্নের তালিকায় এখন তার নাম সবার ওপরে।
সে দরজা খুলে হলের মাথায় এসে দাঁড়ালো। কিন্তু এবার তার চোখ ভেঙে যাওয়া ফার্নিচারগুলোর ওপর পড়লো না। তার পরিবর্তে, তার ভেতরের যুক্তিবাদী মন তাকে স্টাডির দিকে যেতে বললো, কাজ শুরু করতে বললো; এখনও অনেক কিছুই অস্পষ্ট, ধাঁধালো। কিন্তু এই অস্পষ্ট ধাঁধার মাঝে হারিয়ে যাবার সময় তার নেই, তাকে বুঝে শুনে পা ফেলতে হবে। বাস্তবতাকে ধাঁধা থেকে বের ক’রে আনতে হবে।
ডেস্কের চেয়ারে বসে নিজের সকল চিন্তাকে এক ক’রে মনোনিবেশ করার চেষ্টা করলো সে। তার সামনে কলেজ শপ থেকে কেনা নোটবুকটি পড়ে আছে, যেমনটা সবসময় থাকে। সে কভার পেজটি খুললো। একটা পেনসিল ধরার চেষ্টা করলো…কিন্তু পারলো না। লম্বা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ ক’রে চোখ খুললো, আবারো পেনসিলটির দিকে হাত বাড়ালো। যেনো আঙুলগুলোকে নির্দেশ দিলো ধীরে, সাবধানে পেনসিলটি জায়গা মতো ধরতে, নোটবুকটির ওপর রাখতে। লেখাগুলো বোঝাই যাচ্ছে না, কিন্তু লেখা শুরু হলো :
ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং ডিনকে ফোন করো। পারিবারিক সমস্যা, কানাডায় গিয়ে সে এটা খোঁজ করতে পারবে না। হয়তো, ইউরোপে কোনো ভাইকে খুঁজে বের করা যাবে। হ্যা, ইউরোপে। ছুটি চাই, সংক্ষিপ্ত ছুটি। জরুরি, এখনই দরকার। সময়মতো যোগাযোগ করবো। হাউজ কল রেন্টাল এজেন্টের সাথে যোগাযোগ করো। জ্যাককে বলো সময়ানুক্রমিকভাবে চেক্ করতে। তার কাছে চাবি আছে। থার্মোস্ট্যাট ৬০ ডিগ্তে রাখো।
চিঠি পোস্ট করো—–পোস্ট অফিসে ফরম পূরণ করো। সব চিঠি আঁটকে রাখতে বলো।
সংবাদপত্র ওসব দিতে মানা ক’রে দাও।
এই ছোটোখাটো বিরক্তিকর বিষয়গুলোর পেছনে এতো সময় দিতে হয় যে, হুট ক’রে চলে যাওয়ার অবকাশ নেই। এরপর তাকে একইসাথে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আর ডিনের সাথে কথা বলতে হবে। যদিও সেটা তার কাছে কোনো সমস্যা নয়। শুধু অল্প কথায় কাজ সারতে হবে যাতে বেশি প্রশ্ন করার সুযোগ না পায় তারা।
তাকে অবাক ক’রে দিয়ে তার হাত থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা ফোনটি কানে তালা লাগিয়ে বেজে উঠলে ফোনের দিকে তাকিয়ে ঢোক গিললো সে, ভাবলো স্বাভাবিক কণ্ঠে কথা বলতে পারবে কিনা। ফোনটা আবারো বাজলো। রিসিভারটি ধরা ছাড়া আর কোনো পথ রইলো না।
সে রিসিভারটি তুলে কোনো রকমে একটি মাত্র শব্দ গলা থেকে বের করতে পারলো। “হ্যালো?”
“স্যাটেলাইট ট্রান্সমিশন থেকে মোবাইল এয়ার অপারেটর বলছি “কে? কি বললেন?”“
“মি: ওয়েবের জন্যে চলন্ত ফ্লাইট থেকে একটি রেডিও কল আছে। আপনিই কি মি: ওয়েব, স্যার?”
“হ্যাঁ।”
তারপরের কণ্ঠস্বরটি যেনো ডেভিডের সমগ্র দুনিয়াটাকে ভেঙে যাওয়া কাঁচের আয়নার মতো টুকরো টুকরো ক’রে দিলো।
“ডেভিড!”
“মেরি?”
“ভয় পেও না, লক্ষ্মীটি! তুমি কি শুনতে পাচ্ছো, ভয় পেও না!” তার কণ্ঠস্বর কিছুটা স্থির, যদিও সে চেষ্টা করছে না চেঁচাতে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না।
“তুমি ঠিক আছো তো? নোটে লেখা ছিলো তুমি আঘাত পেয়েছো, তুমি আহত!”
“আমি সম্পূর্ণ ঠিক আছি। অল্প কাটাছেড়া হয়েছে, আর কিছু না।”
“তুমি কোথায় আছো?”
“সমুদ্রের ওপরে। ওরা এর চেয়ে বেশি কিছু বলছে না। আমি ঠিক জানি না এখন কোথায় আছি।”
“হে ঈশ্বর! আমি সহ্য করতে পারছি না। ওরা তোমাকে ধরে নিয়ে গেছে!”
“নিজেকে শক্ত করো, ডেভিড। আমি বুঝতে পারছি তারা কি করছে, কিন্তু তোমার সাথে করছে না। বুঝতে পারছো, আমি কি বলছি? তোমার সাথে করছে না!”
মেরি ইশারায় তাকে কিছু একটা বোঝাতে চাইছে, মানেটা বের করা কঠিন হলো না। তাকে সেই মানুষে রূপান্তরিত হতে হবে যাকে সে ঘৃণা করে। তাকে জেসন বর্ন হতে হবে, সেই ঘাতক আবারো জেগে উঠলো, জেগে উঠলো ডেভিড ওয়েবের অভ্যন্তর থেকে।
“বুঝেছি। ঠিক আছে। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম!”
“তোমার কণ্ঠস্বর খুব কাঁপছে–”
“সেটাই তো স্বাভাবিকভাবে।”
“তারা আমাকে তোমার সাথে কথা বলতে দিয়েছে যাতে তুমি জানতে পারো আমি বেঁচে আছি।”
“তারা কি তোমাকে আঘাত করেছে?”
“ইচ্ছাকৃতভাবে করে নি।”
“তাহলে কাঁটাছেড়া হলো কিভাবে?”
“আমি ওদের বাধা দিয়েছিলাম। মারামারি করেছিলাম।”
“হায়, ঈশ্বর–”
“ডেভিড, প্লিজ! এভাবে ভেঙে পড়ো না। তোমার যেনো কিছু না হয়।”
“আমার? বিপদ তো তোমাকে ঘিরে আছে!”
“আমি জানি, ডার্লিং। আমার মনে হয় ওরা তোমার পরীক্ষা নিচ্ছে। বুঝতে পারছো?”
আবারো একই ঈশারা। তাকে জেসন বর্ন হতে হবে, আর সেটা দু’জনের ভালোর জন্যেই, দু’জনের বেঁচে থাকার জন্যে।
“ঠিক আছে, বুঝেছি।” সে তার গলার স্বর নীচু করলো। চেষ্টা করলো নিজেকে নিয়ন্ত্রণ করতে। “এটা ঘটলো কখন?” সে জিজ্ঞেস করলো।
“আজ সকালে, তুমি চলে যাওয়ার প্রায় আধ ঘণ্টা পরে।”
“সকালে? কিভাবে?”
“তারা দরজায় নক্ করে। দু’জন লোক—”
“কে?”
“আমাকে শুধু এটুকু বলার অনুমতি দেয়া হয়েছে যে, তারা সুদূর প্রাচ্যের। তাছাড়া এর চেয়ে বেশি কিছু আমিও জানি না। তারা আমাকে সহযোগিতা করতে বলছে, কিন্তু আমি শুনি নি। আমি দৌড়ে কিচেনে চলে যাই, একটা ছুরি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করি। তাদের একজনের হাতে ছুরি দিয়ে আঘাতও করি।”
“দরজায় হাতের ছাপ…”
“কি বলছো?”
“না, কিছু না।”
“এক লোক তোমার সাথে কথা বলতে চায়, ডেভিড। তার সাথে কথা বলো, ঠাণ্ডা মাথায়, বুঝতে পারছো?”
“হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি।”
লোকটির কণ্ঠস্বর লাইনে শোনা গেলো। একটু ইতস্তত করলো সে, বেশ পরিস্কার কণ্ঠ তার, উচ্চারণ ভঙ্গি অনেকটা বৃটিশদের মতো, হয়তো কোনো বৃটিশের কাছেই ইংরেজি শিখেছে, না হলে বৃটেনেই হয়তো থাকতো। তাসত্ত্বেও, তার কথায় এশিয়ান একটা টান আছে; দক্ষিণ চায়নার বাচনভঙ্গী। বর্ণগুলোর প্রতি
জোর, ছোটো শব্দের ব্যবহার, উচ্চারণরীতি থেকে মনে হচ্ছিলো ক্যান্টোনিজ।
“আমরা আপনার স্ত্রীকে আঘাত করতে চাই না, মি: ওয়েব। কিন্তু যদি প্রয়োজন পড়ে, তাহলে সেটা এড়ানো সম্ভব হবে না।”
“আমি হলেও এটাই বলতাম,” শান্তকণ্ঠে বললো ডেভিড।
“জেসন বর্ন বলছেন?”
“হ্যাঁ, জেসন বর্নই বলছি।”
“প্রথমে আপনাকে বুঝতে হবে কেন এসব করা হচ্ছে?”
“কেন?”
“আপনি একজনের মূল্যবান একটি সম্পদ কেড়ে নিয়েছেন।”
“আর আপনি কেড়ে নিয়েছেন আমার সবচেয়ে দামি সম্পদ।”
“কিন্তু সে তো এখনও বেঁচে আছে।”
“সে যেনো সেভাবেই থাকে।”
“কিন্তু অন্যজনকে খুন করা হয়েছে, আপনিই তাকে হত্যা করেছেন।”
“আপনি কি সে বিষয়ে নিশ্চিত? বর্ন যা করে তা অস্বীকার করে না।”
“আমরা এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত।”
“প্ৰমাণ কি?”
“আপনাকে দেখা গেছে। একজন লম্বা লোক, যে আবছা অন্ধকারে লুকিয়ে ছিলো, অত্যন্ত ধূর্ততার সাথে পালিয়ে গেছে সে।”
“তার মানে আমাকে পরিস্কারভাবে দেখা যায় নি? আর দেখা যাওয়ার কথাও নয়। কারণ আমি হাজার মাইল দূরে ছিলাম।”
“এখনকার দ্রুতগামী এয়ারক্রাফটের যুগে দূরত্ব কোনো ব্যাপারই না।” এশিয়ান লোকটি থামলো, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, “আপনি প্রায় আড়াই সপ্তাহ আগে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন।”
“আর আমি যদি বলি আমি সুঙ্গ আর ইয়ুঙ্গ রাজপরিবারের ওপরে একটি সম্মেলনে যোগ দিতে বোস্টনে গিয়েছিলাম, যা আমার কাজের মধ্যেই পড়ে।”
“আমি সত্যিই অবাক হচ্ছি,” মার্জিত কণ্ঠে বাধা দিলো লোকটি, “জেসন বর্ন কি ক’রে এতো খোঁড়া অজুহাত দেখাতে পারে?”
তার বোস্টান যাওয়ার কোনো ইচ্ছে ছিলো না। সম্মেলনের বিষয়ের সাথে তার লেকচারের বিষয়েরও কোনো মিলই ছিলো না। কিন্তু যাবার জন্য অফিসিয়ালি তাকে অনুরোধ করা হয়। অনুরোধটি আসে ওয়াশিংটন থেকে, সেখানকার কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই ইউনিভার্সিটির ওরিয়েন্টাল স্টাডি ডিপার্টমেন্টের মাধ্যমে কাজটা করে। হায় ঈশ্বর। প্রতিটি ঘুটিই জায়গামতো বসানো হয়েছে। “কিসের খোড়া অজুহাত?”
“আপনি যেখানে ছিলেন না সেখানে থাকার ভান করছেন। ওসব জায়গায় প্রচুর লোকের সমাগম হয়ে থাকে, আর আমি নিশ্চিত অল্প কিছু টাকা দিলে অনেকেই আপনার পক্ষ নিয়ে বলবে যে, তারা আপনাকে দেখেছে।”
“আমি এভাবে টাকা দিয়ে লোক কিনি না।”
“আপনাকে কিন্তু টাকা দিয়েই কেনা হয়েছিলো?”
“তাই নাকি? কিভাবে?”
“ওই একই ব্যাংকের মাধ্যমে যেটা আপনি এর আগেও ব্যবহার করেছেন—জুরিখের ব্যানহোফস্ট্রাসের কাছে গেমেইনশ্যাফ্ট ব্যাংক।”
“অদ্ভুত! ঐ ব্যাংঙ্ক তো কখনও জানায় নি আমি টাকা পেয়েছি,” বললো ডেভিড।
“আপনি যখন ইউরোপের জেসন বর্ন ছিলেন তখন এসবের দরকারও ছিলো না, যেহেতু আপনার একাউন্টটি ছিলো থুজিরো একাউন্ট—যা সুইজারল্যান্ডে সবচাইতে গোপন একাউন্ট। যাইহোক, আমরা একটা ড্রাফট ট্রান্সফারের নমুনা পেয়েছি, গেইমেনশ্যাফট ব্যাংকে একজন মৃত মানুষের দলিলপত্রে এটা লুকানো ছিলো।”
“উনাকে নিশ্চয়ই আমি মারি নি।”
“না। বরং উনিই অন্য আরেকজনকে মারার জন্য আপনাকে টাকা দিয়েছিলেন, এর ফলে সেই মূল্যবান সম্পদটিও খোয়া যায়।”
“মূল্যবান সম্পদ, ট্রফি, তাই না?”
“এগুলো সব কষ্ট ক’রে অর্জিত সম্পদ, মি: বর্ন। যথেষ্ট হয়েছে। আমি জানি আপনি কে। কথা না বাড়িয়ে কাউলুনের রিজেন্ট হোটেলে পৌঁছে যান। যে কোনো নামে রেজিস্টার করুন কিন্তু শুধুমাত্র ছয়-নয়-শূন্য সুটটিই দিতে বলবেন। বলবেন এর জন্যে আগে থেকেই বলে রাখা হয়েছে।”
“বাহ্, চমৎকার। আমার নিজের রুম!”
“এটা সময় বাঁচাবে।”
“এখানকার কাজ গুটাতেও আমার কিছু সময় লাগবে।”
“আমরা নিশ্চিত আপনি বিষয়টিকে অন্যদেরকে বলার মতো বোকামি করবেন না। যতো দ্রুত সম্ভব সেখানে পৌঁছে যাবেন। এ সপ্তাহের মধ্যেই চলে আসবেন।”
“ভরসা রাখুন। আমার স্ত্রীকে আবার লাইনে দিন।”
“আমি দুঃখিত, সেটা সম্ভব হচ্ছে না।”
“ঈশ্বরের দোহাই, আপনি চাইলে সবই করতে পারেন।”
“আপনি কাউলুনে এসেই তার সাথে কথা বলবেন।”
ক্লিক্ ক’রে লাইনটি কেটে গেলে আর কিছু শোনা গেলো না। ফোনটি রেখে দিলো সে। এতো শক্ত ক’রে ফোনটা ধরে ছিলো যে, আঙুলগুলো ব্যথা করছে এখন। কিভাবে কম সময় নষ্ট করে তার গৌণ কাজগুলো দ্রুত শেষ করা যাবে সে ব্যাপারে একটা আইডিয়া তার মাথায় এলো। এরপর তাকে ধূর্ত ককলিনের সাথে দেখা করতে হবে। যে তাকে দিনের আলোয় নিউইয়র্ক সেভেনটি-ওয়ান স্টটে হত্যা করতে চেষ্টা করেছিলো। অ্যালেক্সান্ডার ককলিনের প্রতি তার কোনো সহানুভূতি নেই, সে যতো কষ্টেই থাকুক না কেন, যদি প্রয়োজন পড়ে তাহলে তাকে চিপে তার চোখ দিয়ে রক্ত বের করতেও তার বাধবে না। ককলিনের কাছে যা যা ইনফরমেশন আছে সে তা জেনেই ছাড়বে।
ওয়েব স্টাডি রুমের চেয়ার থেকে উঠে কিচেনে ঢুকে নিজের জন্য একটি ড্রিংক তৈরি করলো। এটা দেখে তার ভালো লাগলো যে, যদিও এতোক্ষণ তার হাত কাঁপছিলো, কিন্তু এখন তা আগের তুলনায় অনেক কম।
তাকে কিছু দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে যেতে হবে। জেসন বর্ন কখনও দায়িত্ব কারো উপর চাপাতো না, কিন্তু সে এখনও ডেভিড ওয়েব। ক্যাম্পাসে অনেকে আছে যাদেরকে সে বিশ্বাস করতে পারে। অবশ্যই তাদেরকে সত্যি খুলে বলা যাবে না, উপযুক্ত মিথ্যার ব্যবহার করতে হবে। সে তার স্টাডিতে ফিরে এসে মিথ্যা ছড়ানোর উপযুক্ত মাধ্যম হিসেবে টেলিফোনটাই বেছে নিলো। স্বল্পবয়সী কিছু ছাত্র তার কথা ফেলতে পারবে না; গ্র্যাজুয়েট স্টুডেন্টদের মাস্টার্স-এর থিসিস তাদের অ্যাডভাইজারদের দ্বারা গ্রেড করা হয়, আর ডেভিড ওয়েব তাদেরই একজন। ক্ষমতাকে কাজে লাগাতে হবে, ভদ্রতার সাথে বা ভয় দেখিয়েই হোক, কাজটা করতে হবে।
“হ্যালো, জেমস্? ডেভিড ওয়েব বলছি।”
“হাই মি: ওয়েব, আমি আবার কোথায় ভুল করলাম?”
“তুমি কিছু করো নি, জিম। এটা আমার নিজের সমস্যা, বাড়তি একটু সহযোগিতা পেলে আমার বেশ উপকার হতো। তুমি কি আগ্রহী? আমি বেশিক্ষণ সময় নেবো না।”
“এই সপ্তাহ শেষে? কোনো খেলার কথা বলছেন?”
“না, শুধু আগামীকাল, সকালবেলা, এই ঘণ্টা দেড়েক লাগতে পারে। আর তারপর তোমার কারিকুলাম ভিটাতে দরকার পড়লে সামান্য বোনাস দেবো। চলবে তো?”
“বলুন, কি করতে হবে?”
“বেশ, এটা একটু গোপনীয় ব্যাপার—আমি আশা করবো তুমি গোপনীয়তা বজায় রাখতে পারবে। আমাকে সপ্তাহখানেকের জন্যে বাইরে যেতে হবে, বড়জোর দু’সপ্তাহের জন্য। আর আমি উপরে ফোন ক’রে সাজেস্ট করবো যে, এ সময়টা তুমি আমার জায়গায় বসবে। তোমার জন্য কোনো সমস্যাই হবে না, কারণ এটা মাঞ্চু সরকারের উচ্ছেদ আর সিনো-রাশিয়ান চুক্তি সংক্রান্ত, এর সাথে তুমি ভালোভাবেই পরিচিত।”
“ঊনবিংশের শুরু থেকে ঊনিশ শো ছয় সাল পর্যন্ত,” মাস্টার্সের স্টুডেন্টটি বললো, অত্যন্ত দৃঢ়তার সাথে।
“তুমি চাইলে বাড়তি কিছু পরিবর্তন আনতে পারো, কিন্তু জাপানিজ, পোর্ট আর্থার আর পুরনো টেডি রুজবেল্টকে অগ্রাহ্য করো না। সবগুলো সমান তালে এগিয়ে নিয়ো…আমি সেভাবেই এগোতাম।”
“আমি পারবো। পারবো। আগামীকালই সোর্স ঘাটতে আসবো, অসুবিধা আছে?”
“আমাকে আজ রাতেই চলে যেতে হবে, জিম। আমার স্ত্রী এরই মধ্যে রওনা দিয়ে দিয়েছে। তোমার কাছে কি পেনসিল আছে?”
“জ্বি স্যার, আছে।”
“জানো তো, কিছুদিন বাড়িতে না থাকলে পেপার আর চিঠি কিভাবে জমে স্তূপ হয়ে যায় তাই পোস্ট অফিসে গিয়ে ওদেরকে এ দুটো জমা রাখতে বোলো, কিছু সাইন করার দরকার হলে তুমি সাইন ক’রে দিও। তারপর এখানকার স্কালি এজেন্সিতে ফোন ক’রে জ্যাক অথবা অ্যাডেলি’র সাথে কথা বলবে, তাদেরকে বলবে…’
মাস্টার্সের ছাত্রটিকে সে কাজে লাগিয়ে দিলো। পরবর্তী কলটা ডেভিডের ধারণার চেয়েও অনেক সহজে হয়ে গেলো। কারণ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তার বাসায় তারই সম্মাননায় ডিনার পার্টিতে কি বক্তব্য রাখবে তা ভাবতে এতোটাই ব্যস্ত যে, একজন এ্যাসোসিয়েট প্রফেসরের অস্বাভাবিক ছুটির আবেদনকে গ্রাহ্যই করলো না। “প্লিজ মিঃ ওয়েব, আপনি স্টাডি ডিনের সাথে যোগাযোগ করুন, আমি ব্যস্ত আছি।”
স্টাডি ডিনকে সামাল দিতে একটু কষ্ট করতে হলো।
“ডেভিড, এটা কি গত সপ্তাহে যে লোকগুলো তোমার সাথে হাটছিলো তাদের সাথে কোনোভাবে সম্পর্কিত? মানে, এখানকার সামান্য কয়জন জানে যে ওয়াশিংটনের খুবই গোপন কোনো কাজের সাথে তুমি জড়িত, আমি তাদেরই একজন কিনা।”
“সে রকম কিছুই না, ডগ্। ওগুলো গুজব, প্রথম থেকেই রটে আসছে। আমার ভাই মারাত্মক আহত হয়েছে, তার গাড়ি পুরো থেতলে গেছে। আমাকে কিছু দিনের জন্য প্যারিসে যেতে হবে, হয়তো সপ্তাহখানেকের জন্য, এই যা।”
“আমি দু’বছর প্যারিসে ছিলাম। সেখানকার ড্রাইভারগুলো একেবারে পাষণ্ড।”
“বোস্টনের চেয়েও খারাপ, ডগ্। কিন্তু কায়রোর চেয়ে ভালো।”
“বেশ, আশা করি আমি ব্যবস্থা করতে পারবো। এক সপ্তাহ তো আর বেশি সময় না, জনসন তো নিউমোনিয়ার আক্রান্ত হয়ে এক মাসেরও বেশি সময় ধরে ছুটি কাটাচ্ছে—”
“আমি এরই মধ্যে ব্যবস্থা ক’রে ফেলেছি, অবশ্যই যদি তোমার আপত্তি না থাকে। জিম ক্রোদার, মাস্টার্সের এক ছাত্র আমার জায়গায় বসবে। সে এ বিষয়টা ভালো জানে, আর আশা করি সে বেশ ভালো কাজ করতে পারবে।”
“ওহ্, ক্লোদার, খুবই মেধাবী ছাত্র, শুধু তার দাড়িটা বেমানান। ষাপট বছর বয়সে এসও দাড়িওয়ালাদের কখনই বিশ্বাস করতে পারলাম না
“একবার দাড়ি রেখেই দেখো না। হয়তো ধারণাটা পাল্টে যাবে।”
“ছাড়ো তো এসব। তুমি কি নিশ্চিত, স্টেট ডিপার্টমেন্টের লোকগুলোর সাথে এটা কোনোভাবেই সম্পৃক্ত নয়? আমার কিন্তু বিশদ তথ্য লাগবে, ডেভিড। তোমার ভাইয়ের নাম কি? প্যারিসের কোন্ হাসপাতালে সে আছে?”
“আমি হাসপাতালের নামটা ঠিক জানি না, মেরি জানে। কিন্তু সে আজ সকালেই রওনা দিয়ে দিয়েছে। গুড বাই, ডগ্। আমি তোমাকে কাল বা পরশু ফোন করবো। আমাকে বোস্টনের লোগান এয়ারপোর্টে যেতে হবে।”
“ডেভিড?”
“হ্যাঁ?”
“আমার কেন মনে হচ্ছে তুমি সব সত্যি বলছো না?”
ওয়েব একটু ভেবে বললো। “কারণ আমাকে আগে এ পরিস্থিতিতে পড়তে হয় নি তাই।”
ডেভিড ফোন রেখে দিলো।
.
বোস্টন থেকে ওয়াশিংটনের ফ্লাইটটিতে ডেভিডের মাথা খারাপ হয়ে গেলো পাশে বসা এক পণ্ডিত প্রফেসরের লাগামহীন বকবকানির জন্য। তার গলার স্বর কয়েক মুহূর্তের জন্যেও নীচু হলো না। ন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে পণ্ডিত মশাই নিজেই কথাটা স্বীকার করলেন.।
“আমি আপনাকে বিরক্ত করেছি ব’লে দুঃখিত। আমি প্লেনে উড়তে ভীষণ ভয় পাই তাই কথা বলে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি। বোকার মতো শোনাচ্ছে, তাই না?”
“একদম না, কিন্তু আপনি আগেই খুলে বললেন না কেন? এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে।”
“হয়তো পাশের যাত্রীদের ওপর চাপ সৃষ্টি করতে ভয় পাই ব’লে।”
“কথাটা মনে থাকবে,” ওয়েব হালকা হাসলো। “হয়তো আমি এর পরের বার আপনাকে সাহায্য করতে পারবো।”
“আপনি সত্যিই খুব সদয় ব্যক্তি। ধন্যবাদ, আপনাকে।”
“আপনাকেও ধন্যবাদ।”
ডেভিড লাগেজ বেল্ট থেকে তার সুটকেস নিয়ে ট্যাক্সি ধরার জন্য বাইরে বেরিয়ে এলো। ডেভিড বিরক্ত হলো কারণ ক্যাবগুলো একজন সিঙ্গেল যাত্রি নিতে চাইছে না, তার পরিবর্তে একই সাথে একই গন্তব্যে দু’তিনজন ক’রে প্যাসেঞ্জার নিতে চাইছে। তার পেছনের সিটের সহযাত্রী একজন মহিলা, আকর্ষণীয় মহিলাটি তার শরীরী ভাষা আর কামার্ত চাহুনি দিয়ে কিছু একটা ইঙ্গিত করছে। ডেভিড তার কোনো মানেই বুঝতে পারলো না, কোনোকিছু বোঝানোর চেষ্টাও করলো না। শুধু তাকে আগে নামানোর জন্যে ধন্যবাদ জানিয়ে নেমে পড়লো।
সিক্সটিন স্টুটের জেফারসন হোটেলে একটি ভূয়া নামে রুম রেজিস্টার করলো সে। হোটেলটা পছন্দ করার আসল কারণ এটা ককলিনের বাড়ির খুব কাছে, সেই একই বাড়িতে ককলিন প্রায় বিশ বছর ধরে বাস করছে। এই ঠিকানাটাও ডেভিড ভার্জিনিয়া থেকে বের হওয়ার আগেই জোগাড় ক’রে নিয়েছে। অবিশ্বাস আর অন্তর্দৃষ্টিই তাকে এগুলো সামলে রাখতে বাধ্য করেছে। তার কছে ককলিনের কোনো নাম্বারও ছিলো না। তবে সে জানতো ককলিনকে ফোন ক’রে কোনো লাভ হবে না। তাতে এক সময়কার অত্যন্ত কুশলী এই পরিকল্পনাবিদ মানসিক এবং শারীরিক দু’দিক থেকেই তার প্রতিরক্ষার ব্যবস্থা ক’রে ফেলবে। ডেভিড তাকে অপ্রস্তুত অবস্থায় ধরতে চায়। সে সাবধান হওয়ার আগেই ডেভিড সেখানে পৌঁছে যাবে। তাকে শুধু মনে করিয়ে দেবে তার অপরিশোধিত ঋণের কথা, যেটা পরিশোধের সময় এসে গেছে এখন।
ডেভিড ঘড়ির দিকে তাকালো, রাত বারোটা বাজতে মিনিট দশেক বাকি। এটাই উপযুক্ত সময়, এর চেয়ে ভালো সময় আর হয় না। সে হাতমুখ ধুয়ে শার্ট বদলালো, তারপর ব্যাগ থেকে বিভিন্ন অংশে খুলে রাখা অস্ত্র দুটো বের করে অংশগুলো জোড়া লাগালো। যাচাই করলো গুলি করার ক্ষমতা, সেই সাথে রিসিভিং চেম্বারটি ঠিক করে নিলো। অস্ত্র দুটি ধরে নিজের হাত পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হলো কারণ এবার আর হাত কাঁপছে না। এ এক অসাধারণ অনুভূতি, কারণ আট ঘণ্টা আগেও সে অস্ত্রটা ধরার সাহস পেতো না এই ভয়ে যে, গুলি ছুটে যেতে পারে। সেটা আট ঘণ্টা আগের কথা, এখনকার কথা নয়। এখন সে যথেষ্ট স্বাচ্ছন্দবোধ করছে, যেনো অস্ত্রটি তারই কোনো অঙ্গ, জেসন বর্নেরই একটি অংশ।
সে জেফারসন থেকে বের হয়ে সিক্সিটিন স্ট্ট ধরে হাটতে থাকলো, মোড়ে এসে ডান দিকে মোড় নিয়ে বাড়িগুলোর নাম্বার দেখতে লাগলো। বাড়িগুলো খুবই পুরনো ধাঁচের, এগুলো দেখে নিউইয়র্কের উত্তর-পূর্ব দিকের ব্রাউনস্টোন অ্যাপার্টমেন্টগুলোর কথা মনে পড়ে যায়। ম্যানহাটনে ট্রেডস্টোন সেভেনটি ওয়ান’র বাড়িটিও ব্রাউনস্টোনের ছিলো। সে এখনও স্পষ্ট দেখতে পায় উঁচু নীল কাঁচের জানালাওয়ালা বাড়িটি। ওখানেই তার অপর সত্তার জন্ম হয়েছে, যাকে তার এখন প্রচণ্ড প্রয়োজন।
আরেকবার সেটা করো!
মুখটা কার?
তার ব্যাকগ্রাউন্ড কি? খুন করার পদ্ধতিটাই বা কি?
ভুল! তোমার ধারণা ভুল! আবার করো সেটা!
কে সে? কার্লোসের সাথে তার কানেকশানটা কি?
ধ্যাততারিকা, ভাবো! এতে তো কোনো ভুল হতে পারে না!
এই তো, ককলিনের অ্যাপার্টমেন্ট। সে সামনের দিকের ফার্স্ট ফ্লোরে থাকে। লাইট জ্বলছে, মানে অ্যালেক্স বাসায় একা জেগে আছে। ডেভিড ওয়েব রাস্তা পার হলে হঠাৎ কোথা থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করলো, স্ট্ট ল্যাম্পের আলোগুলো যেনো সে বাতাসে চাপা পড়ে যাচ্ছে। ওয়েব অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে হেটে ভেতরে এসে মেইল বক্সের পাশের নামগুলো পড়তে থাকলো। মোট ছয়টা ফ্ল্যাট আর প্রতিটি নামের নীচে সে ফ্ল্যাটে কল করার জন্যে একটি বাটন রয়েছে।
বেশি চিন্তা করার সময় নেই। যদি পানোভের বর্ণনা ঠিক হয়ে থাকে, তাহলে ককলিনকে বোকা বানাতে তার কণ্ঠস্বরই যথেষ্ট হবে। সে ককলিনের বাটনটি টিপে জবাবের জন্য অপেক্ষা করতে থাকলো। জবাব এলো প্রায় এক মনিট পরে।
“হ্যাঁ? কে বলছেন?”
“হ্যাঁরি বাবকক,” কণ্ঠস্বর বদলে বললো ডেভিড।
“আমি তোমার সাথে দেখা করতে এসেছি, অ্যালেক্স।”
“হ্যাঁরি? হঠাৎ কি মনে করে…? আসো, আসো, উপরে চলে আসো!”
ডেভিড ভেতরে ঢুকে দৌড়ে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে গেলো। সে চাইছে ককলিন দরজা খোলার আগেই সে বাইরে প্রস্তুত থাকবে। অ্যালেক্স অন্যমনস্ক হয়ে দরজা খোলার সেকেন্ডেরও কম সময়ে ওয়েব সেখানে পৌঁছে গেলো। ওয়েবের ওপর চোখ পড়তেই অ্যালেক্স দরজাটা টেনে বন্ধ করার চেষ্টা করলো, চিৎকার করতে শুরু করলো সে। ওয়েব ককলিনের ওপর ঝাঁপিয়ে পড়তেই তার মুখ চেপে ধরলো। তাকে ঠেলে ভেতরে ঢুকে লাথি মেরে বন্ধ ক’রে দিলো দরজাটা। বহু দিন কাউকে নিখুঁতভাবে শারীরিক আক্রমণ করে নি সে। কাজটা আনাড়ির মতো হতে পারতো, শুরুতেই সুযোগটা ফসকে যেতে পারতো। কিন্তু কোনোটাই হয় নি। সে খুবই স্বাভাবিকভাবেই কাজটা করতে পেরেছে।
“আমি আমার হাত সরিয়ে নেবো, অ্যালেক্স, কিন্তু তুমি আবার চেঁচানোর চেষ্টা করলেই সেটা জায়গামতো পড়বে। এটা সামলে ওঠা হয়তো তোমার পক্ষে সম্ভব হবে না, বুঝেছো?” ডেভিড ককলিনকে সামনে ঠেলে দিয়ে তার হাতটি সরিয়ে নিলো।
“ভালো সারপ্রাইজ দিয়েছো,” কাশতে কাশতে খুড়িয়ে পেছন দিকে গিয়ে বললো সি.আই.এ’র লোকটি। “ড্রিংক চলবে?”
“না, আমি ডায়েট মেনে চলেছি।”
“আমরা ঠিক আগের মতোই আছি,” টেবিলের উপর একটি খালি গ্লাসের দিকে এগোতে এগোতে জবাব দিলো ককলিন। গ্লাসটি নিয়ে সে দেয়ালের পাশে কপার প্লেট করা বার-এর দিকে এগোলো, সেখানে একই ধরনের বোতলগুলো সারি বেধে সাজানো আছে। সেখানে না আছে কোনো মিক্সচার, না আছে পানি, শুধু কিছু বরফ আছে একটি বাক্সে। বারটির আভিজাত্য বাড়ির অন্য সব জীর্ণ আসবাবের সাথে একোবরেই বেমানান।
“তো কি মনে করে,” নিজের জন্যে একটি ড্রিংক তৈরি করে ককলিন বললো, “এই বিশিষ্ট সাক্ষাতের আয়োজন করলে? তুমি ভার্জিনিয়াতে আমার সাথে দেখা করতে অস্বীকার করেছিলে, বলেছিলে তুমি আমাকে খুন করবে, আর সেটা নিশ্চয়ই কথার কথা ছিলো না। তুমি তাই বলেছিলে, ওই দরজা দিয়ে ভেতরে ঢুকলে তুমি আমাকে খুন করবে।”
“তুমি মাতাল।”
“হয়তো। কিন্তু এ সময়টা আমি তো সাধারণত মাতালই থাকি। এখন এ নিয়ে আবার লেকচার দিতে যেয়ো না। তাতে কোনো লাভ হবে না, শুধু পুরনো কলেজ দিনগুলোর কথা মনে পড়ে যাবে।
“তুমি অসুস্থ।”
“না, কেবলই মাতাল। যেমনটা প্রথমে বললে। আমি কি একই কথা বারবার বলছি?”
“কাজের কথায় আসা যাক।”
“দুঃখিত,” ককলিন তার বোতলটি সরিয়ে রেখে গ্লাস থেকে কয়েক ঢোক মদ গিলে ওয়েবের দিকে তাকালো। “আমি কিন্তু তোমার দরজা দিয়ে ঢুকি নি, তুমি আমার দরজা দিয়ে ঢুকেছো, যদিও তোমার কাছে হয়তো সেটা গুরুত্বপূর্ণ নয়। তুমি কি তোমার সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে এসেছো, পালন করতে এসেছো সেই ভবিষ্যৎবাণীকে, নাকি পাপপুণ্যের হিসাব করার জন্যে এই আগমন?”
“তোমাকে মৃত দেখার সেই অমানবিক কামনা আমার মধ্যে আর নেই, তবে প্রয়োজন পড়লে তোমাকে আমি খুনও করতে পারি। যদি তুমি বাধ্য করো।”
“চমৎকার। তা ঠিক কি ক’রে আমি তোমাকে বাধ্য করতে পারি?”
“আমি যা চাইছি আমাকে তা না দিলে। অবশ্য তুমি চাইলেই আমাকে তা দিতে পারো।”
“তুমি নিশ্চয়ই এমন কোনো ব্যাপারে আমার সাথে কথা বলছো যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই।”
“আমি জানি গোপন সব মিশনে তোমার বিশ বছরের অভিজ্ঞতা আছে আর তুমি ওগুলোর ওপরে বইও লিখেছো।”
“সবই ইতিহাস,” বিড়বিড় ক’রে বললো সি.আই.এ’র লোকটি, সে এখনও পান করে যাচ্ছে।
“এগুলোকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব। তোমার স্মৃতি আমারটার মতো নয়, সেটা সম্পূর্ণ ঠিক আছে। আমারটা সীমিত, কিন্তু তোমার তা নয়। আমার কিছু তথ্য চাই, কিছু প্রশ্নের জবাব চাই।”
“কিসের তথ্য? কেন এসব চাইছো?”
“তারা আমার স্ত্রীকে ধরে নিয়ে গেছে,” সহজভাবে অত্যন্ত শীতল কণ্ঠে বললো ওয়েব। “তারা মেরিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে।”
ককলিন একটুও নড়লো না, শুধু তার চোখের পলক পড়লো। “আবার বলো, আমার মনে হয় না আমি ঠিকমতো শুনেছি।”
“ঠিকমতোই শুনেছো। আর তোমাদের মতো বানচোতরাই কোনো না কোনোভাবে এসবের নেপথ্যে রয়েছে।”
“না, আমি নেই। আমি তা করি নি। করতেও পারতাম না। কি বলছো তুমি? মেরিকে ধরে নিয়ে গেছে?”
“প্যাসিফিকের ওপর দিয়ে যাচ্ছে এমন কোনো প্লেনে সে আছে। আমাকে সেটার পিছু নিতে হবে। যেতে হবে কাউলুনে।”
“তুমি পাগল হয়ে গেছো। তোমার মাথার কোনো ঠিক নেই।”
“আমার কথা শোনো, অ্যালেক্স। যা বলছি খুব ভালোভাবে শোনো…” আবারো পুরো ঘটনাটা সে খুলে বললো, কিন্তু অনেকটা গুছিয়ে, অনেক বেশি নিয়ন্ত্রণের সাথে, যে নিয়ন্ত্রণ সে মরিস পানোভের সামনে ধরে রাখতে পারে নি। মাতাল ককলিনের বিচারবুদ্ধি ইন্টেলিজেন্সের অনেক সতর্ক কর্মকর্তার চেয়ে বেশি, আর সে জানে তাকে এ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। ওয়েব কোনো কিছুই বাদ দিতে পারলো না; বিষয়টি পরিস্কার করার জন্য একদম প্রথম থেকে শুরু করলো। ঠিক যখন মেরি তাকে জিমনেসিয়ামে ফোন ক’রে বলেছিলো, ‘ডেভিড, বাসায় আসো। তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। জলদি এসো।”
সে বলতে থাকলে ককলিন খুঁড়িয়ে খুঁড়িয়ে তার জীর্ণ সোফাটিতে গিয়ে বসলো, তার চোখ এক মুহূর্তের জন্যেও ওয়েবের মুখ থেকে সরলো না। ওয়েব যখন পাশের হোটেলে এসে ওঠার কথায় গিয়ে থামলো অ্যালেক্স তখন মাথা ঝাঁকিয়ে আবার ড্রিংকের দিকে হাত বাড়ালো। “ভয়ংকর,” বেশকিছুক্ষণ চুপ থাকার পরে সে বললো।
“শুনে মনে হচ্ছে একটা পরিকল্পনা করা হয়েছিলো, কিন্তু সেটা লাগামের বাইরে চলে যায়।’
“লাগামের বাইরে?”
“নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে আর কি।”
“কিভাবে?”
“তা জানি না,” হালকা ঝিমুতে ঝিমুতে বললো প্রাক্তন টেকনিশিয়ান। “তোমাকে ওরা নাচাচ্ছিলো, তারপর হঠাৎ করে তোমার পরিবর্তে তোমার স্ত্রী ওদের টার্গেট হয়ে যায়, যদিও এতে কাজ হয়েছে। কারণ তুমি তাদের হিসেব অনুযায়ীই চলছিলে, কিন্তু যখন তুমি মেডুসার কথা তুললে, ওরা তোমাকে হুমকি দিলো, বাড়াবাড়ি করলে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে। পুরোটাই হিসেবের মধ্যে পড়ে। কিন্তু এটা ওদের মূল পরিকল্পনা হতে পারে না। কারণ হুট ক’রে তোমার বউ যখন বিপদে তখন মেডুসাও ফাঁস হবার হুমকির মুখে পড়ে গেলো। নিশ্চয়ই কেউ হিসেবে বড় ভুল করেছে। কোনো কিছু লাগামের বাইরে চলে গেছে। কিছু একটা ঘটেছে।”
“তোমার খালি আজকের রাত আর কালকের দিন পর্যন্ত সময় আছে আমাকে জবাব দেবার। আমাকে হংকংয়ের জন্যে সন্ধ্যা সাতটার ফ্লাইট ধরতে হবে।”
ককলিন সোজা ব’সে রইলো, তার মাথা থীরে ধীরে দুলছে, তার ডান হাত কাঁপতে কাঁপতে আবার মদের বোতলটির দিকে এগিয়ে গেলো। “তুমি ভুল জায়গায় এসেছো,” মদ গিলতে গিলতে সে বললো। “আমি ভেবেছিলাম তুমি সব জানো। আমি কোনো কাজের না। অপ্রয়োজনীয়, অকেজো বাক্সের মতো পড়ে থাকি। কেউ আমাকে কিছু বলে না। আর বলবেই বা কেন? আমি একটা প্রত্নতাত্ত্বিক বস্তু, ওয়েব। আমাকে কারোর কোনো প্রয়োজন নেই। আমি একেবারে শেষ হয়ে গেছি, আমাকে বিক্রি করে কেউ কানাকড়িও পাবে না। আর আমার মনে হয় সেটা তুমিও এখন বুঝতে পারছো।”
“হ্যাঁ, সেটাই। তাকে হত্যা করো। সে অনেক বেশি জেনে গেছে।”
“মনে হয় তুমি এখন আমার বেলায় সেরকমই ভাবছো। ঘুমন্ত মেডুসাকে জাগিয়ে আমাকে শাস্তি দিতে চাইছো। আগের হিসাব নিকাশ পূরণ করতে চাইছো।”
“না, তুমিই আমাকে সেরকম ভেবেছো,” জ্যাকেটের পকেট থেকে অস্ত্র বের ক’রে বললো ডেভিড।
“হ্যাঁ, আমি সেরকম ভেবেছি,” মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বললো ককলিন। তার দৃষ্টি অস্ত্রটির দিকে। “কারণ আমি ডেল্টাকে চিনতাম, আর তার কাছে অসম্ভব ব’লে কিছুই ছিলো না। আমি নিজের চোখে তোমাকে দেখেছি। তাম কুয়ানে তুমি নিজের দলেরই একজনকে গুলি ক’রে মাথার খুলি উড়িয়ে দিয়েছিলে, কারণ তোমার সন্দেহ হয়েছিলো সে রেডিওর মাধ্যমে হো চি মিন সিটিতে খবর পাচার করছে। তোমার কাছে কোনো প্রমাণ ছিলো না, শুধু সন্দেহের বশবর্তী হয়েই তুমি সেটা করেছিলে। তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই তুমি দাও নি, এটা ছিলো জঙ্গলের মধ্যে ঠাণ্ডা মাথায় আরেকটি হত্যাকাণ্ড। যদিও পরে প্রমাণ হয় তোমার সন্দেহই ঠিক ছিলো, কিন্তু সেটা ভুলও হতে পারতো। তুমি চাইলে তাকে ধরে আনতে পারতে, তার কাছ থেকে আমরা অনেক খবর বের করতে পারতাম, কিন্তু না, ডেল্টা তা করতো না! ডেল্টা নিজের মতোই চলতো, নিজে নিয়ম তৈরি করতো। তাই জুরিখে তুমি প্রতারণা করেছো এমনটা ভাবা অস্বাভাবিক ছিলো না!”
“তাম কুয়ানের বিশদ বিশ্লেষণ আমার কাছে নেই, কিন্তু অন্যদের কাছে জেনেছি।”
রাগান্বিত হয়ে বললো ওয়েব, “নয়জনকে বাঁচিয়ে আনতে হয়েছিলো আমার, দশজনকে বাঁচানোর মতো অবস্থা আমাদের ছিলো না। তাতে আমাদের গতি কমে যেতো অথবা পুরো যাত্রাটাই পণ্ড হতে পারতো।”
“চমৎকার! তোমারই তৈরি নিয়ম। তোমার নিয়মের সাহায্য নিয়ে এই সমস্যাটারও সমাধান ক’রে ফেলো আর ঈশ্বরের দোহাই, গুলিটা করেই ফেলো, যেমনটা তাকে করেছিলে, আমাদের মহাত্মা জেসন বর্ন! প্যারিসেও তোমাকে তাই করতে বলেছিলাম!” থামলো ককলিন, জোরে জোরে শ্বাস নিলো সে। তার লাল চোখদুটো ওয়েবের ওপর স্থির রেখে ফিফিস্ ক’রে বলতে শুরু করলো আবার।
“আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাকে এসব থেকে মুক্তি দাও। আমি কাপুরুষ।”
“আমরা একসময় বন্ধু ছিলাম, অ্যালেক্স!” চেঁচিয়ে বললো ডেভিড। “তুমি আমাদের বাড়িতে আসতে! আমাদের সাথে খেতে, বাচ্চাদের সাথে খেলতে! তাদের সাথে নদীতে সাতার কাটতে…” ওহ্ গড ওগুলো আবার ফিরে আসছে। সেই দৃশ্যগুলো, সেই মুখগুলো…ওহ্, ঈশ্বর, সেই মুখগুলো…নদীতে ভাসতে থাকা মৃতদেহগুলো…নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজেকে সামলাও! ভুলে যাও ওদেরকে! ভুলে যাও! এখনই।
“সেটা অন্য দেশে হয়েছিলো, ডেভিড। আর তাছাড়া, আমার মনে হয় না তুমি চাও আমি কথাগুলো পুরো শেষ করি।”
“তাছাড়া ওই মাগীটা তো মরেই গেছে। না, আমি তোমার ওসব কথা শুনতে চাই না।”
“যাই হোক,” সবটুকু হুইস্কি গিলে ফেলে কর্কশভাবে বললো ককলিন। “আমরা দু’জনেই একটু বেশি বুঝতাম, তাই না?…আমি তোমাকে সাহায্য করতে পারবো না।”
“তুমি পারবে। আর তুমি অবশ্যই সেটা করবে।”
“এসব বাদ দাও, সৈনিক। সেটা কোনোভাবেই সম্ভব নয়।”
“তুমি আমার কাছে ঋণী। তা ভুলে যেও না।”
“আমি এখনও ভুলি নি।”
“তুমি বন্দুকের টুগার যখন ইচ্ছে টিপতে পারো, কিন্তু আমি সত্যিই দুঃখিত, আমি শুধু বৈধ কাজেই আগ্রহবোধ করি।” সি.আই.এ অফিসারটি খুড়িয়ে খুড়িয়ে তার বারের দিকে এগোলো, ঠিক তখনই ওয়েবের মনে পড়লো তার ডানপাটা আগের চেয়েও অনেক বেশি অকেজো হয়ে গেছে। এটা নিয়ে হাটতে খুব কষ্ট হয় নিশ্চয়।
“পা’টা খুব ভোগাচ্ছে, তাই না?” জিজ্ঞেস করলো ওয়েব।
“এটাকে নিয়েই আমাকে বাঁচতে হবে।”
“ওটাকে নিয়েই তাহলে তোমাকে মরতে হবে,” তার অটোমেটিকটি তাক্ ক’রে বললো ওয়েব। “কারণ আমি আমার স্ত্রীকে ছাড়া বাঁচতে পারবো না, আর তুমি সেটা মোটেও গ্রাহ্য করছো না। তাতে কি প্রমাণ হয় জানো, অ্যালেক্স? তুমি আমাদের বিরুদ্ধে কতো কিছুই না করেছো, কতো মিথ্যে বলেছো, কতো ফাঁদ পেতেছো, আমাদেরকে শেষ ক’রে দিতে কতো বানোয়াট গল্পই না বানিয়েছো—”
“তোমাদেরকে না,” বাধা দিয়ে বললো ককলিন, তার গ্লাসটি ভরে নিয়ে অস্ত্রের দিকে তাকালো। “শুধু তোমাকে।”
“যদি আমাদের একজনকে মেরে ফেলো, তাহলে আমরা দু’জনেই মারা যাবো। যদিও তুমি এসব কথা বুঝবে না।”
“সেই সৌভাগ্য আমার কখনও হয় নি।”
“নিজেকে তোমার ছোটো ক’রে দেখার প্রবণতাই এর জন্যে দায়ি, অ্যালেক্স। তুমি চাও এই দুঃখের সাগরে ভেসে ভেসে বাকি সবাইকে তোমার বেদনাবিধুর গল্প শোনাতে। তুমি কারোর সাহায্য চাও না, চাও না এই অন্ধকার ঘর থেকে থেকে বেরোতে। একটা ল্যান্ডমাইন তোমার মতো মেধাবী, প্রতিভাবান লোককে থামিয়ে রাখতে পারে না—”
“ওহ্ জণ্ডি। বন্ধ করো! চুপ করো! আমাকে গুলি করো, টুগারটা টিপে ফেলো, কিন্তু ওসব কথা মনে করিয়ে দিও না।” সে এক ঢোকে পুরো ড্রিংকটি শেষ করেই ভয়ানকভাবে কাশতে শুরু করলো। কাশি থামলে পরে সে ডেভিডের দিকে তাকালো। তার রক্তিম চোখে জল এসে গেছে।
“বানচোত, তুই ভাবছিস আমি পারলেও তোকে সাহায্য করবো না, তাই না?” ভেবেছিস এ অন্ধকার ঘরে বসে আমার বেদনাবিধুর স্মৃতি মনে করতে খুব ভালো লাগে। তাই না? তুই সবসময়ই জেদি আর একগুঁয়ে ছিলি, ডেভিড। আমাকে তুই কখনই বুঝতে পারিস নি, আর কখনও পারবিও না।” ককলিন তার দু’আঙুলে ধরা গ্লাসটি হঠাৎ মাটিতে ফেলে দিলে শব্দ ক’রে সেটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়লো। কিছুক্ষণ নীরবতার পর সে আবার বলতে শুরু করলো।
“আমি আরো একটি ব্যর্থতার দায় আমার কাঁধে নিতে পারবো না, বন্ধু। আর বিশ্বাস করো, আমি আবারো ব্যর্থ হবো। আমার জন্যে হয়তো তোমরা দু’জনেই মারা পড়বে, সেই গ্লানি নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না।”
ওয়েব তার অটোমেটিকটি নীচে নামিয়ে ফেললো। “কিন্তু এভাবে তোমার জীবন চলতে পারে না, একে তো বেঁচে থাকা বলে না। আর যাই বলো না কেন, আমাকে ঝুঁকি নিতেই হবে। আমার সামনে খুব অল্প পথই খোলা আছে, তাই আমি তোমাকেই বেছে নিলাম। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে ছাড়া কাউকে চিনিও না। আমার মাথায় কিন্তু আইডিয়া আছে, হয়তো একটা পরিকল্পনাও আছে, কিন্তু খুব দ্রুত কাজ করতে হবে আমাকে।”
“ওহ্?” ককলিন বারের উপর হাতে ভর দিয়ে কোনো রকমে দাড়িয়ে রইলো। “আমি কি কফি বানাবো, অ্যালেক্স?”
