সকালবেলা সাহেব ঘর ছেড়ে বাইরে বেরিয়েই দেখতে পেলেন, শামিয়ানার নীচে বেশ কিছু লোকজন এসে গেছে। সাহেবের সহকারী পুজোর উদ্যোক্তা রামচন্দ্র তো আছেনই। তাঁর পরনে আজ পুরোহিত ব্রাহ্মণের বেশ—একটা সাদা কাপড়, উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে সাদা উপবীত। সাহেব বারান্দা থেকে নেমে পূজাস্থলে উপস্থিত হলেন। প্রথমে তিনি বেশ কিছুক্ষণ ধরে দেখলেন গডেস সরস্বতীকে। রামচন্দ্রের বর্ণনার মতোই দেবী মূর্তি। হকিন্স সাহেব ধর্মে খ্রিস্টান। তাঁর ধর্মে মূর্তি পুজোর চল নেই। কিন্তু দেবী সরস্বতীর শান্ত, কোমল, শ্বেতশুভ্র মূর্তি দেখে সাহেবের মনের মধ্যে অদ্ভুত প্রশাস্তি জেগে উঠল।
সাহেবের জন্য সেখানে একটা চেয়ার আগে থেকে আনাই ছিল। সেখানেই বসলেন সাহেব। তিনি দেখলেন, দেবীর পদতলে বেশ কিছু বই-পুঁথি এনে রেখেছেন রামচন্দ্র। তার মধ্যে কোম্পানির কিছু খাতাপত্তর, দোয়াত-কলম এসবও আছে। কৌতূহলী হয়ে সাহেব সবকিছু দেখতে লাগলেন, আর মাঝে মাঝে সে সব সম্পর্কে জিগ্যেস করতে লাগলেন বাবুকে। এক সময় সবকিছু গুছিয়ে নিয়ে দেবী পুজোয় বসলেন রামচন্দ্র। তিনি সংস্কৃত মন্ত্রপাঠ করতে লাগলেন—
“সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে।”
হকিন্স সাহেব সংস্কৃত না বুঝতে পারলেও, ছন্দবদ্ধ শব্দগুলো শুনতে তার ভালোই লাগল। পুজো শেষ হল। স্থানীয় কিছু মানুষ, ছোটখাটো ছেলেমেয়েরাও উপস্থিত হয়েছিল পুজো দেখতে। রামচন্দ্র ফলপ্রসাদ বিতরণ করলেন তাদের মধ্যে। দুপুরবেলা তিনি ঘৃত মিশ্রিত সিদ্ধ চাল-ডাল ও দুগ্ধজাত মিষ্টান্ন ও পরম তৃপ্তিসহকারে খেলেন সহকর্মীদের সঙ্গে বসে। সাহেবের মনে হল, আজ যেন হঠাৎই তাঁর সব বিষণ্ণতা কেটে গেছে। তিনি বাবুকে বললেন, “তোমাদের পুজোর টাকা নিতে আপত্তি না থাকলে যা খরচ হয়েছে সে টাকা আমিই দেব।”
রামচন্দ্র হকিন্সের কথা শুনে বুঝতে পারলেন সাহেবের মন ভালো হয়ে গেছে। তিনি হেসে বললেন, “আচ্ছা দেবেন।”
মধ্যাহ্নভোজ সাঙ্গ করে অনেকদিন পর যেন শাস্তির নিদ্রা গেলেন হকি সাহেব। তাঁর যখন ঘুম ভাঙল তখন পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেছে। শামিয়ানায় রাত্রিকালীন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। এক সময় সাহেবের ডাক এল শামিয়ানায় যাওয়ার জন্য। সে জায়গা তখন বড় বড় প্রদীপের আলোয় সেজে উঠেছে। গোর্খা সেনা থেকে শুরু করে সবাই হাজির হয়েছে সেখানে।
যারা সঙ্গীত বাদ্য পরিবেশন করবে তারাও উপস্থিত। মাদুর বিছিয়ে গায়ক, বাদ্যকারদের বসার ব্যবস্থা করা হয়েছে। সাহেব সে স্থানে উপস্থিত হয়ে চেয়ারে বসার পরে তাঁর অনুমতি নিয়ে সঙ্গীত অনুষ্ঠান শুরু হল। একের পর এক গায়ক, বাদকরা দেবীর পদতলে বসে তাদের সঙ্গীত, বাদ্যযন্ত্র পরিবেশন করতে লাগল।
হকিন্স সাহেব বেশ উপভোগ করতে লাগলেন। সময় এগিয়ে চলল। বাইরে থেকে যারা এসেছিল তারা রওনা হয়ে গেল ঘরের ফেরার জন্য। কিছু সময় পরে নৈশভোজ সাঙ্গ হল সাহেবের।
খাবার পর বারান্দায় কিছুক্ষণ পায়চারি করা সাহেবের অভ্যাস। আজও তাই করলেন। তারপর যখন ঘুমাবার জন্য ঘরে ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন একটা মশালের আলো যেন তাঁর বাসস্থানের দিকেই এগিয়ে আসছে। আলোটা চোখে পড়ল রামচন্দ্রেরও। তিনিও সাহেবের পাশে এসে দাঁড়ালেন।
আলোটা এসে পড়ল হকিন্স সাহেবের গেটে। চার-পাঁচজন লোক। মশালের আলোয় তাদেরকে চিনতে পারলেন হকিন্স সাহেব। নিখোঁজ সেই বালকের বাবা আর সে গ্রামেরই কয়েকজন লোক! কিন্তু এত রাতে তারা এসেছে কেন?
বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করে সাহেবের সামনে এসে দাঁড়াল তারা। তাদের প্রত্যেকের চোখেমুখেই আনন্দমিশ্রিত উত্তেজনার ভাব। হকিন্স সাহেব কিছু বলার আগেই লোকগুলোর মধ্যে থেকে একজন বলল, “কণ্ঠ ফিরে এসেছে! ছেলেটা ফিরে এসেছে! তাই তোমাকে খবরটা জানাতে এলাম।”
হকিন্স সাহেব বিস্মিতভাবে জানতে চাইল, “কবে, কখন ফিরল সে?”
—“আজ সন্ধ্যার কিছুক্ষণ পর।” একজন লোক জবাব দিল।
—“এতদিন কোথায় ছিল সে?” হকিন্স সাহেব জিগ্যেস করলেন।
—“একজন মগ ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে তিন মাস ধরে আটকে রেখেছিল।”
সবাই ক’দিন ধরে ছেলেটাকে খোঁজাখুঁজি শুরু করার পর মগ সম্ভবত ভয় পেয়ে দু-দিন আগে তাকে রাজবাড়িতে রেখে আসে। আজ সেখান থেকে সে পালিয়ে এসেছে।”
সাহেব বিস্মিতভাবে বললেন, “রাজবাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল তাকে। কিন্তু কেন? কীভাবে পালিয়ে এল সে?”
ছেলেটার বাবা এবার বলল, “কেন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বা রাজবাড়িতে আটকে রাখা হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারছে না। সে বলছে রাজবাড়ির পিছনদিকের ভাঙাচোরা একটা ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। এ দু’দিন কেউ তাকে দেখতে আসেনি। আজ বিকালে প্রথমে সে ঘরের বাইরে মানুষের পায়ের শব্দ শুনতে পায়। ঘরে জল বেরোবার একটা গর্ত আছে। সেখান দিয়ে একটা বিড়াল ছানা ঘরে প্রবেশ করে। সেটাকে নেবার জন্য দরজার খিল খুলে ঘরে ঢোকে আমার ছেলেরই সমবয়সি একটা ছেলে। দরজা খোলা পেয়ে আমার ছেলে ওই ছেলেটাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ছিটকে ফেলে দিয়ে পালাবার জন্য বাইরে বেরিয়ে আসে। পাছে সেই ছেলেটা তার পিছু ধাওয়া করে বা লোকজনকে খবর দেয়, সেই ভয়ে আমার ছেলে ওই ছেলেটাকে ঘরের মধ্যে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে খিল তুলে দেয়। তারপর প্রাচীরের ভাঙা অংশ দিয়ে বাইরে পালায়।”
হকিন্স সাহেব সব শুনে বেশ অবাক। তবে লোকগুলো আর দাঁড়াল না।
ওদের মশালের আলো সাহেবের দৃষ্টিপথের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়ার পর সাহেব বাবুকে বললেন, “আমার অনুমান তবে মিথ্যা ছিল না। যে কারণেই ছেলেটাকে অপহরণ করা হয়ে থাকুক, তার সঙ্গে রানি ইরাবতী যুক্ত আছেন। তাঁর নির্দেশেই ওই বালককে অপহরণ করা হয়েছিল। নইলে তাকে রাজবাড়িতে লুকিয়ে রাখা হত না৷’
বেশ কিছুক্ষণ চুপ করে থেকে হকিন্স ফের জানতে চাইলেন, “রাজবাড়িতে সরস্বতী পুজো হয়?”
বাবু জবাব দিলেন, “সব পুজোই তো সেখানে হয় বলে শুনেছি। সরস্বতী পুজোও নিশ্চয়ই হয়।”
হকিন্স অদ্ভুত প্রশ্ন করলেন বাবুকে। তিনি বললেন, “তোমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দেবী সরস্বতীর উদ্দেশে বলিদানের কথা কোথাও লেখা আছে?”
বাঙালি ব্রাহ্মণ বললেন, “হ্যাঁ, কথাটা তোমাকে জানানো হয়নি। সরস্বতী পুজো করব বলে দেবীর সম্পর্কে জানতে গিয়ে একটা বইতে অদ্ভুত ঘটনা পড়লাম। সরস্বতী পুজোতেও বলির বিধান আছে। এর পিছনে একটা পৌরাণিক কাহিনি আছে। একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে বিশ্বরূপ নামে এক দেবতার প্রচণ্ড ঝগড়া হয়। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বিশ্বরূপকে নিহত করেন। বিশ্বরূপের পিতা পুত্র হত্যার প্রতিশোধ নেবার জন্য কৌশলে বিষাক্ত সোমরস পান করিয়ে ইন্দ্রকে বলহীন করে দেন। অসুর নামুটি সেই সুযোগ নিয়ে ইন্দ্রকে হত্যা করে স্বর্গ দখলের পরিকল্পনা করেন। ব্যাপারটা জানতে পেরে দেবতারা ভীত হয়ে পড়েন। তারা বলেন, যিনি ইন্দ্রর দেহের শক্তি ফিরিয়ে দিতে পারবেন তাঁকে একটি সাদা মেষ উৎসর্গ করা হবে। শেষ পর্যন্ত দেবী সরস্বতীর আশীর্বাদে দেবরাজ ইন্দ্র তাঁর শরীরে বল ফিরে পান। তখন দেবতারা তাঁদের প্রতিশ্রুতি মতো দেবী সরস্বতীর উদ্দেশে মেষ উৎসর্গ করেন। দেবী সরস্বতীও সেই অর্ঘ্য গ্রহণ করেন।” রামচন্দ্র থামলেন।
চমকে উঠলেন হকিন্স সাহেব। বললেন, “দেবী যখন বলি গ্রহণ করেন তখন এমনও তো হতে পারে তিনি নরবলিও গ্রহণ করবেন?”
রামচন্দ্র জবাব দিলেন, “হতে পারে।”
সঙ্গে সঙ্গে সাহেব বললেন, “ঘোড়া বার করো। আমি এখনই রাজবাড়িতে যাব। আমার মনে এক ভয়ঙ্কর ভাবনা আসছে। যে ছেলেটা ঘরের মধ্যে আটকা পড়েছে, তাকেও হয়তো রাজবাড়িতে আনা হয়েছে যে কারণে কণ্ঠ নামের ছেলেটাকে ধরে রাখা হয়েছিল ঠিক সেই কারণে।”
এ কথাগুলো বলেই সাহেব তার ঘরের ভিতর ছুটলেন পিস্তল আনার জন্য। রামচন্দ্র বুঝতে পারলেন, তাঁর সাহেব খেপে গেছেন। তাঁকে আর থামানো যাবে না। কিছুক্ষণের মধ্যেই হকিন্স সাহেব বাবু আর গোর্খা সেনাদের নিয়ে রওনা হয়ে গেলেন রাজবাড়ির দিকে।
সেই পরিচিত মণ্ডপের সামনেই দাঁড়িয়ে ছিলেন জৈন্তাপুরের রানি ইরাবতী। সেই মণ্ডপ, বলির বেদি, কুয়ো, সবকিছুই একইরকম আছে। শুধু বদলেছে দেবী মূর্তি, জল্লাদ আর তার সঙ্গীদের দল। এ রাতের পুরোহিত, জল্লাদ ইরাবতীর একান্ত অনুগত। বছরের এই একটি রাতে তারা এখানে আসে, আবার রাত শেষ হওয়ার আগেই তারা ফিরে যায়।
দুপুরে স্নান সেরে এখানে এসে উপস্থিত হয়েছিলেন রানি, পুজোর তদারকি করার জন্য। তারপর তিনি আর রাজবাড়ির অভ্যন্তরে পদার্পণ করেননি। সব কাজ মিটিয়ে রাত পেরিয়ে তিনি প্রাসাদে ফিরবেন।
মণ্ডপে দেবী দুর্গা-কালীর পরিবর্তে আজ অধিষ্ঠান করছেন দেবী সরস্বতী। তবে মণ্ডপ চত্বর আজ মশালের আলোয় আলোকিত নয়। একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে দেবী মূর্তির সামনে, আর একটি মশাল গোঁজা আছে বলির বেদি ও কুয়োর মধ্যবর্তী স্থানে। আকাশে শ্রীপঞ্চমীর চাঁদ থাকলেও তার আলো ম্রিয়মাণ। আলো-আঁধারির মধ্যে দাঁড়িয়ে থাকা শুভ্র বসনা দেবীকেও কেমন রহস্যময়ী বলে মনে হচ্ছে। রানির নির্দেশে আজ এ স্থানে সবার প্রবেশ নিষিদ্ধ। অবশ্য রাজবাড়ির মানুষরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। জেগে আছেন শুধু রানি আর বিশ্বস্ত কয়েকজন লোক।
প্রস্তুতি সম্পন্ন। রানি ইরাবতী শুধু প্রতীক্ষা করছিলেন কোনও একজনের জন্য। এক সময় শিয়ালের দল চিৎকার করে মধ্যরাত্রি ঘোষণা করল। ঠিক এই সময়ই তিনি প্রতিবার এসে উপস্থিত হন, এবারও তার ব্যতিক্রম হল না। উপস্থিত হলেন রক্তাম্বর পরিহিত এক সন্ন্যাসী। তিনি ইরাবতীর সামনে গিয়ে দাঁড়াতেই রানি সন্ন্যাসীকে নতজানু হয়ে প্রণাম জানালেন। এই সন্ন্যাসী তন্ত্রসিদ্ধ। খাসি পাহাড়ের এক গুহায় তিনি বাস করেন। এই সন্ন্যাসীর প্রতি রানির অগাধ আস্থা। কারণ ইনিই একবার ইরাবতীকে বাল্যকালে দেখে বলেছিলেন, “তুই একদিন জৈন্তাপুরের রানি হবি।”
অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এই তন্ত্রসিদ্ধ সন্ন্যাসীর কথা। সাধারণ এক খাসি রমণী থেকে সত্যিই জৈন্তাপুরের রানি হয়েছেন ইরাবতী। তারপর থেকেই সন্ন্যাসীর ওপর ইরাবতীর প্রবল ভরসা। আজ প্রাঙ্গণে যা ঘটবে, এবং আগের দুই বছর যা ঘটেছে তা সবই এই সন্ন্যাসীর নির্দেশে।
সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে রানি বললেন, “এবার আমার মনস্কামনা পূর্ণ হবে তো?”
সন্ন্যাসী বললেন, “আমার কথা মিথ্যে হবে না। পরপর তিন বছর কাজটা সম্পন্ন হলেই তোর মনস্কামনা পূর্ণ হবে। কাল ভোরে প্রাসাদে ফিরে গেলেই হাসি ফুটবে তোর মুখে। সব কষ্ট দূর হবে।”
এ কথা বলে সন্ন্যাসী চারপাশে তাকিয়ে বললেন, “এবার তাকে নিয়ে আসার ব্যবস্থা কর। রাত্রি শেষ হবার আগেই আমাকে ফিরে যেতে হবে।”
রানি ইরাবতী এরপর কাছে ডাকলেন জল্লাদ আর তার অনুচর দুজনকে। তাদেরকে তিনি বুঝিয়ে দিলেন, যাকে নিয়ে আসতে হবে, তাকে কোথায় রাখা হয়েছে।
জল্লাদের অনুচর দুজন এগোল রাজবাড়ির দিকে। ইরাবতীর নির্দেশ মতো রাজবাড়ির পুরোনো রানিমহলে পৌঁছে নির্দিষ্ট ঘরটা খুঁজে পেতে তাদের অসুবিধা হল না। দরজা খুলতেই তারা দেখতে পেল অন্ধকার ঘরের মধ্যে বসে থাকা ছোট ছেলেটার অস্পষ্ট অবয়ব। ছেলেটা চিৎকার করার আগেই দুজন ছুটে গিয়ে তাকে একটা থলের মধ্যে পুরে ফেলল। ছেলেটা আর কোনও শব্দ করার সুযোগ পেল না।
লোক দুজন যেভাবে নিঃশব্দে রাজবাড়িতে প্রবেশ করেছিল, তেমনই নিঃশব্দে কিছু সময়ের মধ্যেই মণ্ডপের কাছে ফিরে এল। থলেটাকে নামিয়ে রাখল বলির বেদির ওপর। রানি ইরবাতী একবার তাকালেন থলেটার দিকে থলেটা নড়ছে। তার ভিতর যে আছে সে থলের বাইরে বেরোবার চেষ্টা করছে।
যাকে বলি দেওয়া হবে তার মুখ কোনওদিন দেখে না রানি। থলেটা আনার পর সন্ন্যাসী রানিকে বললেন, “তাহলে কাজটা সম্পন্ন করা যাক। তুই ঘরে ঢুকে ঘন্টা বাজিয়ে বলির নির্দেশ দে।”
ঘরটার দিকে এগোলেন ইরাবতী। জল্লাদ তার খড়্গা হাতে নিয়ে দাঁড়াল বেদির সামনে। তার সঙ্গীরা থলের মুখ খুলতে লাগল ছেলেটাকে বাইরে বার করার জন্য।
ঘরে ঢুকে দরজা দিলেন রানি ইরাবতী। তিনি অনুমান করে নিলেন কত সময় লাগতে পারে ছেলেটার গলা বেদির খাঁজে আটকে দেবার জন্য। মাত্র মিনিট খানেক ব্যবধান। আর তারপরই রানি দড়ি ধরে টান মারবেন। ঠিক সেই মুহূর্তেই বেদিতে আবদ্ধ সেই বালকের কণ্ঠ চিরে প্রবল আতঙ্কে একটা শব্দ বেরিয়ে এল—“মা…।”
চমকে উঠলেন রানি ইরাবতী। এ কার কণ্ঠ? যে কণ্ঠ শোনার জন্য, যে ডাক শোনার জন্য এত গোপন আয়োজন, এ কণ্ঠস্বর যে তারই। আগে কোনওদিন এ কণ্ঠ না শুনলেও সন্তানের কণ্ঠ চিনতে কি ভুল হয় মায়ের? কিন্তু সে এ স্থানে কী ভাবে এল?
রানি ইরাবতী মুহূর্তে সশব্দে দরজার পাল্লা খুললেন বাইরে বেরোবার জন্য। কিন্তু তখনই ঘাতকের খড়্গাও নেমে এল। হতভাগ্য বালকের মাথাটা গড়িয়ে পড়ল বেদির নীচে।
রানি ইরাবতী এক ছুটে এসে দাঁড়ালেন বেদিটার কাছে। বালকের কর্তিত মুণ্ডটা চেয়ে আছে ইরাবতীর দিকে। তার ঠোঁটটা এখনও মৃদু মৃদু কাঁপছে, যেন ইরাবতীকে “মা” বলে ডাকার চেষ্টা করছে। সেই কর্তিত মুণ্ডর দিকে তাকিয়ে থরথর করে কেঁপে উঠল রানির শরীর। তিনি চিৎকার করে বলে উঠলেন, “এ তোরা কী করলি? কাকে বলি দিলি।”
পরক্ষণে ইরাবতী জল্লাদের হাত থেকে খড়্গা কেড়ে নিয়ে এক কোপে তার ধড়-মুন্ডু আলাদা করে দিলেন। তান্ত্রিক সন্ন্যাসী ভাবলেন, বালকের মুণ্ডুটা যদি ইরাবতীর চোখের আড়ালে সরানো যায় তা হলে হয়তো তাঁর রাগ প্রশমিত হতে পারে। তাই তিনি সেই মুখটা উঠিয়ে নিয়ে ছুঁড়ে দিলেন কুয়োর মধ্যে।
কিন্তু রানি ইরাবতী তখন পুত্র শোকে উন্মাদিনী। সন্ন্যাসী মুখটা কুপে ছুঁড়ে ফেলতেই রানির ক্রোধ সীমাহীন হয়ে উঠল। খড়্গার কোপে সেই সন্ন্যাসীর মুণ্ডও ছিটকে পড়ল মাটিতে।
রানি দুজনের মুন্ডুচ্ছেদ উপস্থিত ছিল তারা যে যেদিকে পারল ছুটে পালাল। রানি এরপর এগোলেন বলির বেদির থেকে তার সন্তানের দেহটা উঠিয়ে নেবার জন্য।
কিছু সময়ের মধ্যেই হকিন্স তাঁর লোকজন নিয়ে সেস্থানে উপস্থিত হলেন। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সাহেব দেখলেন সে স্থানে পড়ে আছে সন্ন্যাসী আর জল্লাদের বিচ্ছিন্ন হওয়া ধড়-মুণ্ড। কীভাবে যেন কার রক্ত ছিটকে গিয়ে দেবী সরস্বতীর শুভ্রবর্ণকে লাল করে দিয়েছে। তবে সেখানে কোনও বালক বা রানি ইরাবতীকে দেখতে পেলেন না সাহেব। জায়গাটা তিনি ভালো করে পরীক্ষা করে দেখলেন একটা রক্তের ধারা বলির বেদি থেকে এগিয়ে গিয়ে শেষ হয়েছে কুয়োর গায়ে। সাহেব অনুমান করলেন, কোনও মৃতদেহকে হয়তো কুয়োর মধ্যে ফেলা হয়েছে। অন্ধকারে আর কিছুই দেখা গেল না।
পরদিন সকালে খবর রটে গেল রানি ইরাবতী আর তাঁর সন্তান রাজবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।
খোঁজ শুরু হল তাঁদের। সাহেবও খোঁজ শুরু করলেন। সেদিন বিকেলেই সাহেবের অনুমান মতো মেটং নদীর চরে ভেসে উঠল মৃতদেহ। হকিন্স সাহেবের নির্দেশে ওঠানো হল রানির মৃতদেহ। সবাই দেখল, মৃত রানি ইরাবতী পরম মমতায় তখনও তাঁর বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছেন এক বালকের মুণ্ডহীন দেহ। রানি ইরাবতীর পুত্রের দেহ।
লেখকের কথা : রানি ইরাবতীর অস্তিত্ব ঐতিহাসিকরা স্বীকার করেন না। কিন্তু এক সময়ের জৈন্তাপুর, যা অধুনা বাংলাদেশের সিলেট জেলায়, সেখানে রানি ইরাবতীকে নিয়ে, জৈন্তাপুরের রাজবাড়ির নরবলি নিয়ে ছড়িয়ে আছে নানান লোককথা, উপকথা। তার মধ্যে একটি হল রানি ইরাবতী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সে ছিল বোবা। এক তান্ত্রিক রানিকে পরামর্শ দেন যে বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী, বাগদেবী সরস্বতীকে যদি সুরেলা কণ্ঠের বালকদের উৎসর্গ করা যায়, তবে রানি ইরাবতীর পুত্রর কণ্ঠস্বর ফুটবে।
‘মা’ ডাক শোনার জন্য গোপনে সেই কাজ শুরু করেন ইরাবতী। কিন্তু ভুলক্রমে ঘাতকরা দেবী সরস্বতীর সামনে রানির পুত্রকে বলি দেয়। এ ঘটনায় রানি ইরবাতী উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই বলিই নাকি জৈন্তাপুরের রাজবাড়ির শেষ নরবলি।
রানি ইরাবতীর কাহিনি সত্যি মিথ্যে যাই হোক না কেন, আজও জৈন্তাপুর রাজবাড়ির কিছু চিহ্ন দেখা যায় সিলেটে। রাজবাড়ির ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম দ্রষ্টব্য হল পাথরের তৈরি বৃত্তাকার একটা বেদি। স্থানীয় জনশ্রুতি অনুসারে, ওই বেদিতে নরবলি দিতেন জৈন্তাপুরের রাজা-রানিরা।
