মাঝে একটা দিন কেটে গেল। কিন্তু গত দিন সব কাজের মধ্যেও যেন রাধেশ্যামানন্দের মনে পড়তে লাগল ওই রাতের কথা। ময়নামতির কণ্ঠে কী সুর! কী তাল-লয় তার! শুধু তিনি নয়, নায়েব, বয়স্য সে রাতে যারা নাচঘরে উপস্থিত ছিলেন, তারা সবাই পাঁচমুখ ময়নামতির নৃত্যগীতিতে। তিনি যে বাইজির ময়নামতি নামকরণ করেছেন, তা জানিয়েও দিয়েছেন অন্যদের। এদিনও কাছারিবাড়িতে নায়েবের সঙ্গে দলিলপত্র নিয়ে বসেছিলেন জমিদার রাধেশ্যামানন্দ। কিন্তু কাজে যেন ঠিক মন বসছিল না তার। বারবার তার মনে পড়ছিল নাচ মহলের কথা। কানে ভেসে উঠছিল ময়নামতির সুমধুর কণ্ঠ। একসময় জমিদার মশাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য এসে উপস্থিত হলো এ মুলুকের বিখ্যাত স্বর্ণকার নীলমণি কর্মকার। রাধেশ্যামানন্দই তাকে ডেকে পাঠিয়েছেন রাধারানীর নতুন মুকুট গড়ানোর জন্য। সে বিষয়ে কথাবার্তা বলতে বলতে জমিদারের খেয়াল হলো তিনি রানী আনন্দময়ীকে নতুন একটি গহনা গড়িয়ে দেয়ার কথা বলেছিলেন। প্রত্যেক স্বর্ণকারের কাছেই এক ধরনের পুস্তক থাকে, যাতে অলংকারের নকশা অঙ্কিত থাকে। যা দেখে নকশা পছন্দ করে স্বর্ণকারকে অলংকার নির্মাণ করতে দেয়া হয়। রাধারানীর মুকুটের নকশা ওই খাতা থেকেই নির্বাচন করার পর জমিদার স্বর্ণকারকে বললেন, ‘আপাতত এ খাতাটা আমার কাছে থাক, তুমি লোক পাঠিয়ে কাল নিয়ে যেও।’
স্বর্ণকার খাতা রেখে চলে যাওয়ার পর আবারো কাজে মন বসানোর চেষ্টা করতে গিয়ে জমিদার একসময় বুঝতে পারলেন কাজে তার মন বসছে না। একসময় তিনি বলেই ফেললেন, ‘আজ রাতে আবার নাচঘর খুললে কেমন হয় বলো তো?’
নায়েব বললেন, ‘সমস্যা তো কিছু নেই, আপনি আজ্ঞা দিলেই সে ব্যবস্থা হবে।’
রাধেশ্যামানন্দ বললেন, ‘তবে সে ব্যবস্থাই করো। আজ আর কোনো অতিথি অভ্যাগতকে নিমন্ত্রণের প্রয়োজন নেই।’
নায়েব কৃষ্ণকিশোর জমিদার রাধেশ্যামানন্দের ইচ্ছার কথা জানিয়ে দিলেন নাচঘরের দায়িত্বে থাকা জমিদারের কর্মচারী ও ভৃত্যদের। খবর পৌঁছে গেল ময়নামতির কাছেও। মধ্যাহ্নে কাছারিবাড়ি ত্যাগ করে নিজের মহলে ফিরে এলেন। তারপর আহার সেরে নিদ্রা গেলেন। আগের সেদিনের মতোই তার নিদ্রা ভঙ্গ হলো যখন কালীদহের বুকে সূর্য ডুবতে চলেছে, ময়নাগড় প্রাসাদের রানীমহলের এক নিভৃত কোণে ভেজা কাঠের আগুনে ভাত ফোটাতে বসেছে বিধবা সৌদামিনী, দিনশেষে কড়িবরগার ফোকরে আশ্রয় নিচ্ছে কবুতরের দল। নিদ্রাভঙ্গের পর আগের দিনেই মতোই স্নান সেরে, নতুন বস্ত্র-অলংকার-সুগন্ধিতে সজ্জিত হলেন জমিদার মশাই। তারপর রাধেশ্যাম মন্দির থেকে যখন সন্ধ্যারতির শব্দ ভেসে আসতে শুরু করল, ময়নাগড় প্রাসাদের মহলগুলোয় প্রদীপ জ্বলে উঠতে শুরু করল, তখন নিজের মহলের বাইরে পদার্পণ করলেন তিনি। তার হাতে একটা পুস্তকও রয়েছে। নাচমহলের দিকে নয়, রাধেশ্যামানন্দ রওনা হলেন রানীমহলের দিকে।
জমিদার মশাই মহারানীর ঘরে প্রবেশ করতেই রানী আনন্দময়ী প্রতিবারের মতোই হাঁটু মুড়ে বসে স্বামীর চরণে মাথা ঠেকিয়ে উঠে দাঁড়ালেন। রাধেশ্যামানন্দ সোজা এগিয়ে গিয়ে বসলেন আরামকেদারায়। তবে তিনি তাতে অঙ্গ হেলিয়ে দিলেন না। স্বর্ণকারের দেয়া সে পুস্তকটা কোলে নিয়ে সোজা হয়ে বসলেন। আনন্দময়ী খেয়াল করলেন তার স্বামীর সাজপোশাকের উজ্জ্বল ভাব। মুখমণ্ডলের উজ্জ্বলতা আজ যেন অনেক পরিমাণে বেশি। আগের রাতের ঘটনার পর যে বিষণ্ণতা মহারানী আনন্দময়ীর মনে কাজ করছিল, তা যেন এ সন্ধ্যায় স্বামীকে দেখে মুহূর্তে মিলিয়ে গেল। আনন্দময়ীর মনে হলো তার স্বামী তাকে সত্যিই বড় ভালোবাসেন, না হলে এত আকর্ষণীয়ভাবে আজ তিনি উপস্থিত হতেন। না স্ত্রীকে সঙ্গদানের উদ্দেশ্যে। প্রদীপের আলোয় স্বামীর কাঁধ পর্যন্ত থরে থরে সাজানো ঘন কেশদাম আর মোম মাখানো গুম্ফ থেকে পৌরুষ আর আভিজাত্য যেন চুইয়ে পড়ছে। বাহুবলেন্দ্র রাধেশ্যামানন্দ আনন্দময়ীকে বললেন, ‘এ স্বর্ণকারের খাতাটা দেখে বলো তো, কোন গহনাটা তোমার পছন্দ? যেটা গড়তে দেব।’
স্বামীর এ কথা আনন্দময়ীর বুকের মধ্যে যেন হিল্লোল তুলল। বিষয়টা শুধু নিছকই গহনা নির্বাচন বা গহনাপ্রাপ্তির ব্যাপার নয়, সিন্দুক ভরা গহনা তো আনন্দময়ীর আছেই। আসলে স্ত্রীকে গহনা গড়ে দেয়ার পেছনে তার প্রতি স্বামীর যে ভালোবাসা লুকিয়ে আছে তা পুলকিত করে তুলল আনন্দময়ীকে। খাতাটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অলংকারের নকশা দেখে সময় নষ্ট করার থেকে এ মুহূর্তে স্বামী সেবায় নিজেকে নিয়োজিত করাই বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন মহারানী। তাই সে খাতার কয়েকটা পাতা ওল্টানোর পর একটা লাল চুনি পাথর বসানো নাকছাবির ছবি দেখে তিনি স্বামীকে বললেন, ‘এটাই আমার পছন্দ।’
রাধেশ্যাম খাতাটা নিয়ে ছবিটা দেখে হেসে বললেন, ‘আমি ভেবেছিলাম আরো কোনো দুর্মূল্য হার বা কংকন পছন্দ করবে তুমি।’
আনন্দময়ী বললেন, ‘মহারাজ যদি আমাকে স্বহস্তে খড়কুটোও তুলে দেন তবে তার চেয়ে আমার কাছে অধিক দুর্মূল্যের কিছু হতে পারে না।’ এ কথা বলার পর আনন্দময়ী বললেন, ‘মহারাজের জন্য একটু শরবত প্রস্তুত করে আনি?’
সম্মতি প্রকাশ করলেন রাধেশ্যামানন্দ।
মুচকুন্দ ফুলের পাপড়ি দেয়া বাদামের শরবত বড় প্রিয় জমিদার মশাইয়ের। আনন্দময়ী কিছুক্ষণের মধ্যেই শ্বেতপাথরের পানপাত্রে নিজ হাতে শরবত প্রস্তুত করে আনলেন। রাধেশ্যামানন্দ অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে সেই শরবত পান করে ঢেঁকুর তুললেন। তার হাত থেকে পাত্রটা নিয়ে নামিয়ে রেখে তার পদতলে চরণ সেবার জন্য বসতে যাচ্ছিলেন আনন্দময়ী। ঠিক সে সময় আনন্দময়ীকে অবাক করে দিয়ে আরামকেদারা থেকে উঠে দাঁড়িয়ে ময়নাগড়ের জমিদার বললেন, ‘আমি এবার আসি রানী। আমাকে অন্যত্র যেতে হবে।’
এত রাত্রিতে কোথায় যাবেন তার পতিদেবতা? অন্ধকার নামার পর তো কেউ কালীদহ অতিক্রম করে না। অন্ধকার নামার পর জমিদার মশাই ময়নাগড়ের অন্য কোথায় গমন করতে পারেন তা ঠিক বুঝে উঠতে পারলেন না আনন্দময়ী। কিন্তু এ বাড়িতে পুরুষদের তার কর্ম সম্পর্কে, তার গতিবিধি সম্পর্কে প্রশ্ন করার অধিকার নেই রানী হোক বা অন্য কোনো রমণীর। তাই তার স্বামীর পরবর্তী গন্তব্য সম্পর্কে কৌতূহলী হলেও নিশ্চুপ রইলেন আনন্দময়ী। মহারানীর কক্ষ ত্যাগ করলেন ময়নাগড়ের মহারাজা রাধেশ্যামানন্দ।
রানী মহল ত্যাগ করে পাইক-বরকন্দাজ পরিবেষ্টিত হয়ে ময়নাগড়ের অধিপতি এরপর রওনা হলেন তার নাচ মহলের দিকে। সে মহল প্রদীপ জ্বেলে অপেক্ষা করছে রাধেশ্যামানন্দের আগমনের জন্য।
আজ আর অন্য কোনো অতিথি নেই। তাই আজ একাই নাচঘরে প্রবেশ করলেন ময়নাগড়ের জমিদার। আগের দিনের মতোই নাচঘর ঝাড়বাতির আলোতে আলোকিত। গোলাপজলের সুগন্ধ তো আছেই, তার ওপর বিরাট এক জলপূর্ণ রৌপ্য পাত্রে অসংখ্য পদ্মকুচি রাখা হয়েছে জমিদারের আসনের কাছে। সুগন্ধ ছড়াচ্ছে সেই পদ্মকুচিগুলো থেকেও। বাদ্যকাররা সব প্রস্তুত হয়েই ছিল। জমিদার নাচঘরে প্রবেশ করতেই তারা সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম জানাল তাকে। দুধ সাদা ফরাসের ওপর তাকিয়াতে হেলান দিয়ে আসন গ্রহণ করলেন ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দ। তবলার বোলের ইঙ্গিত পেয়ে পর্দা ঠেলে নাচঘরে প্রবেশ করল ময়নামতি। তার পরনের সবকিছুই আজ গাঢ় লাল বর্ণের, আর তার প্রান্তদেশগুলোয় সোনালি জরির কাজ করা। যে ভঙ্গিতে পায়ের ছন্দে সে ঝাড়বাতির নিচে এসে দাঁড়াল, তা দেখে জমিদার বাবু বুঝতে পারলেন ময়নামতির আড়ষ্টতা কেটে গেছে। তাছাড়া তার পোশাকটাও যেন আজ বেশ কিছুটা উন্মুক্ত বলে ধরা দিল রাধেশ্যামানন্দের চোখে। ময়নামতির কামিজের বুকের কাছটা বেশ খানিক উন্মুক্ত। তা দিয়ে তার বক্ষ বিভাজিকার আভাস পাওয়া যাচ্ছে। ময়নামতি এসে তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানাল। জমিদার মশাই নাচ অপেক্ষা গানের বেশি অনুরাগী। তাই তিনি বললেন, ‘আজও প্রথমে গান হোক।’
সেই আগের রাতের মতোই গাইতে বসল সুন্দরী ময়নামতি। তার সুরেলা কণ্ঠ ছড়িয়ে পড়তে লাগল নাচঘরের আনাচে-কানাচে থেকে শুরু করে জানালার বাইরে। আর তার সঙ্গে সারেঙ্গী, মৃদুঙ্গর ধ্বনি। সংগীতের সমঝদার রাধেশ্যামানন্দের ইচ্ছা অনুসারে একটার পর একটা সংগীত পরিবেশন করে চলল ময়নামতি। আজ তার একমাত্র শ্রোতা রাধেশ্যামানন্দ। ময়নামতি যেন তার সংগীত শিক্ষা উজাড় করে দিতে থাকল তার সামনে। আর তা মন্ত্রমুগ্ধের মতো শুনে চললেন রাধেশ্যামানন্দ।
সময় এগিয়ে চলতে লাগল তার সঙ্গে সঙ্গে। রাত গভীর থেকে আরো গভীর হতে শুরু করল। ময়নাগড় রাজবাড়ির বিভিন্ন মহলে একটার পর একটা প্রদীপ নিভে যেতে লাগল। তবু রাধেশ্যামানন্দ যেন নিজেকে মুক্ত করতে পারছেন না এই সংগীতের মায়াজাল থেকে। শেষ পর্যন্ত মহারাজের খাস ভৃত্য গদাধর তার কানের কাছে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, ‘মহারাজ রাত যে অনেক হলো। আর জেগে থাকলে শরীর খারাপ করবে যে। এরপর যে ভোর হয়ে যাবে!’
আধশোয়া অবস্থায় বসে ছিলেন রাধেশ্যামানন্দ। এবার ব্যাপারটা অনুধাবন করে সোজা হয়ে উঠে বসলেন তিনি। সদ্য তখন একটা গান শেষ করেছে ময়নাবাই। রাধেশ্যামানন্দ তাকে বললেন, ‘এবার আমি উঠব। তোমার মনমতো শেষ একটা গান গাও দেখি?’
যদিও তবলচি তখন ঢুলতে শুরু করেছে, সারেঙ্গীর স্বর কাঁপছে, তবুও বাগেশ্রী রাগের একটা গান ধরল ময়নামতি। এ গান মধ্যরাতেই পরিবেশন করা হয়। রাধেশ্যামানন্দ আগের মতোই বিভোরভাবে শুনে চললেন ময়নামতির গান। কিন্তু সংগীতের সমঝদার রাধেশ্যামানন্দের কানে হঠাৎই কেমন যেন বেসুরো বাজতে শুরু করেছে ময়নামতির কণ্ঠ। ব্যাপারটা কী হলো? এই শেষ গান গাইতে গিয়ে খেই হারিয়ে ফেলল নাকি ময়নামতি। রাধেশ্যামানন্দ ভালো করে তার দিকে তাকাতেই দেখলেন ময়নামতি বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে! অমনভাবে তাকিয়ে কেন ময়নামতি। আর এর পরই ময়নামতির কণ্ঠ থেমে গেল। হঠাৎই সে উঠে দাঁড়াল, তারপর ছিলা থেকে নিক্ষিপ্ত তীরের মতো ছুটে এসে রাধেশ্যামানন্দের গায়ের পাশ থেকে চাবুকের মতো কী একটা উঠিয়ে নিয়ে সেটাকে সজোরে আছড়ে ফেলল ঝাড়বাতির ঠিক নিচে পাথরের মেঝের ওপর। সেদিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন রাধেশ্যামানন্দ । ঝাড়বাতির উজ্জ্বল আলোর নিচে পড়ে আছে ফণায় সাদা চক্র আঁকা একটা সাপ—পদ্ম গোখরো! খোলা জানালা দিয়ে কোন এক ফাঁকে সে ঘরে ঢুকে আশ্রয় নিয়েছিল ফরাসের ভেতর। আবার এমনও হতে পারে পদ্মকুড়ি পূর্ণ জলপাত্রে আত্মগোপন করে ছিল সে। তারপর এগোচ্ছিল রাধেশ্যামানন্দের দিকে। এ সাপের এক ছোবল মানেই মৃত্যু! মাটিতে আছাড় দিলেও সাপটা এখনো মরেনি। ফণা উঁচিয়ে চারপাশে তাকিয়ে দেখছে। এর পরই অবশ্য ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজন পাইক ছুটে এল। তারপর বল্লমের ফলার এক বাড়িতে দ্বিখণ্ডিত করে দিল পদ্ম গোখরোর ধড়মুণ্ড। পুরো ব্যাপারটা ঘটতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগল। রাধেশ্যামানন্দ এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কয়েক পা তফাতেই দাঁড়িয়ে ছিল ময়নামতি। রাধেশ্যামানন্দ এগিয়ে গিয়ে দাঁড়ালেন তার সামনে। দু-হাত দিয়ে তিনি তার কাঁধ স্পর্শ করলেন। সে স্পর্শে কেঁপে উঠল ময়নামতি। শিহরণ খেলে গেল রাধেশ্যামানন্দের শরীরে। আবেগমথিত কণ্ঠে তিনি তার উদ্দেশ্যে বললেন, ‘তোমার সংগীত যে আমার মনের মধ্যে দীর্ঘদিন পর আনন্দকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে তা তো সত্যই। কিন্তু সর্বোপরি আজ নিজের জীবন বিপন্ন করে আমার প্রাণ রক্ষা করলে। বলো তুমি এর বিনিময়ে কী চাও?’
ময়নামতি আলতো কণ্ঠে বলল, ‘কিছুই নয় রাজাবাবু। শুধু আমি যেন আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই।’
রাধেশ্যামানন্দ বললেন,’ আমি কথা দিলাম, তুমি যতদিন ময়নাগড়ে থাকবে, ততদিন আমার আশীর্বাদ থেকে কোনো দিন বঞ্চিত হবে না। আমি ভেবেছিলাম সাত রাত তোমার সংগীত শ্রবণ করার জন্য তোমাকে রাখব। কিন্তু আজ বলি, তুমি যতদিন খুশি থাকতে পারো ময়নাগড়ে। আমি খাজাঞ্চিখানায় নির্দেশ দিয়ে দেব, তোমার যখন যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তা তারা দেবে তোমাকে।’
এ কথা বলার পর রাধেশ্যামানন্দ বললেন, ‘কাল রাতে আমি আবার হয়তো আসব ময়না।’
ময়নামতি জবাব দিল, ‘যেকোনো সময়ই আপনাকে আনন্দ দানের জন্য প্রস্তুত হয়ে থাকবে ময়নাবাই।’
