জাগিও না, আমায় জাগিও না – ৫

বেশ উৎসাহ নিয়েই কাজ শুরু করে দিয়েছেন নৃতত্ত্ববিদ গেরাসিমভ। এ কাজ ইতিপূর্বে তিনি বহু বার করলেও কাজটা সহজ নয়। বিশেষত দেহাবশেষ যত পুরানো হয় কাজটা তত কঠিন হয়। প্রথমত দেহাবশেষগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়, যাতে তার কোনও অংশ ক্ষতিগ্রস্ত না হয়। তারপর দেহাবশেষের প্রতিটা অংশের ফরেনসিক বিশ্লেষণ করতে হয়, মাপজোক করতে হয়, প্রতিটা অংশের ছবি তুলতে হয়, ছবি আঁকতে হয়, সেগুলোকে জুড়তে হয়, আর তারপরই মৃতের অবয়ব আঁকা সম্ভব হয়। আর সেই প্রতিকৃতি কতটা নিখুঁত হবে তা নির্ভর করে কাজের প্রতিটা পর্যায় কতটা নির্ভুলভাবে সম্পন্ন করা যায় তার উপর। তাই কাজের ব্যাপার ছাড়া অন্য কোনও ব্যাপারে বিন্দুমাত্র মনোযোগ দিতে আগ্রহী হলেন না গেরাসিমভ। পাছে সংবাদপত্রের খবর তাঁর মনোসংযোগ নষ্ট করে, তাই তিনি সংবাদপত্র পাঠ করাও বন্ধ করে দিলেন।

সকালবেলা তিনি তাঁর বাসস্থান ছেড়ে ল্যাবরেটরিতে পৌঁছান, আর ফিরে আসেন সূর্য ডোবার পর। এমনকী কোনও কোনওদিন ফ্ল্যাটে না ফিরে ল্যাবরেটরিতেই থেকে যান। কাজের বাইরে বিশ্ব পৃথিবীর সঙ্গে সম্পর্কই রইল না কাজপাগল নৃতত্ত্ববিদের। এভাবে কবে যে তিন মাস অতিক্রান্ত হয়ে গেল, তা তিনি বুঝতেই পারলেন না।

তবে গেরাসিমভ বিশ্ব পৃথিবীর খোঁজ না রাখলেও পৃথিবী যে তাঁর নিজের নিয়মে চলবে সেটাই স্বাভাবিক। না, যুদ্ধ থামেনি, তার গতিপ্রকৃতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সারা পৃথিবী ইতিমধ্যে জেনে ফেলেছে বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম আক্রমণ রাশিয়ার ওপর সংগঠিত করেছে জার্মানি।

পঁয়ত্রিশ লাখ জার্মান সৈন্য সোভিয়েতের আঠারোশো মাইল সীমান্ত এলাকা জুড়ে নিরবিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে। জার্মান বাহিনীর আশি শতাংশ সৈন্য হল জার্মান। আর বাকি কুড়ি শতাংশ হল জার্মানির সহযোগী অন্যান্য দেশ বা অক্ষশক্তির সৈন্য।

ইতিমধ্যে স্তালিন জেনে গেছেন তাঁর অনুমানই ঠিক। রাশিয়া আক্রমণ হিটলারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, তিনি নাকি ডিসেম্বর মাসেই তাঁর জেনারেল নিয়ে অপরাশেন বারবারোসার ব্লু-প্রিন্ট রচনা করেছিলেন। সে সম্পর্কে বিন্দুবিসর্গ জানতে না পারা হল কেজিবি-র ব্যর্থতা।

জার্মান বাহিনী তিনটে ভাগে বিভক্ত হয়ে রাশিয়া দখলের চেষ্টা করছে। উত্তরের ফৌজ বাল্টিক দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার ভিতর দিয়ে রুশ ভূখণ্ডে প্রবেশ করে লেনিনগ্রাদ দখলের চেষ্টা করছে। দক্ষিণের দল ইউক্রেন আক্রমণ শুরু করেছে। সম্ভবত তারা চেষ্টা করছে কিয়েভ হয়ে ডনবাস শিল্পাঞ্চল দখলের। আর মধ্যের বাহিনীর লক্ষ্য হল মস্কো। তারা বেলারুশ হয়ে প্রবেশ করে চেষ্টা চালাচ্ছে মস্কোর দিকে এগোনোর।

স্তালিন যা খবর পাচ্ছেন তাতে লাল ফৌজকে চূড়ান্ত ব্যতিব্যস্ত, শঙ্কিত করে তুলেছে হিটলার বাহিনীর প্যানজার ডিভিশন। সাড়ে তিন হাজার ট্যাঙ্ক আর দু-হাজার সাতশো যুদ্ধ বিমান দিয়ে অপ্রতিরোধ্য গতিতে একটার পর একটা সোভিয়েত শহর দখল করে নিচ্ছে। লাল বাহিনী তাদের সামনে দাঁড়াতেই পারছে না৷

ক্রমশই তারা পিছু হঠছে। স্তালিন গভীর উদ্বিগ্ন ব্যাপারটা নিয়ে। প্রতিদিন দফায় দফায় কখনও রুশ জেনারেলদের সঙ্গে, কখনও বা মন্ত্রী পরিষদের সঙ্গে মিটিং করছেন, কীভাবে জার্মান বাহিনীর আগ্রাসনকে প্রতিহত করা যায় তা নিয়ে। যদিও সরকারি মুখপাত্র প্রাভদায় সমানে প্রচার চলছে, “সোভিয়েতের বাসিন্দাদের চিন্তার কিছু নেই, কারণ, লাল ফৌজকে পরাজিত করার ক্ষমতা বিশ্বের কোনও সেনাবাহিনীর নেই। ইতিমধ্যেই সোভিয়েতের বেশ কিছু অঞ্চল জার্মান বাহিনীর হাত থেকে মুক্ত করেছে লাল ফৌজ।”

কিন্তু সব সময় ওই প্রোপাগাণ্ডায় কাজ হচ্ছে না। কারণ, জার্মান অধিকৃত অঞ্চল থেকে প্রাণ বাঁচাবার জন্য যেসব সাধারণ মানুষরা পালিয়ে এসে মস্কো বা অন্যত্র আশ্রয় নিচ্ছে, তারা জানিয়ে দিচ্ছে আসল সত্য। জার্মান বাহিনীকে পরাস্ত করতে পারছে না কমরেড স্তালিনের লাল ফৌজ। ধীরে ধীরে আতঙ্ক, উৎকণ্ঠা সঞ্চারিত হচ্ছে সাধারণ মানুষের মনে।

এই তিন মাসে নিজের কাজ বেশ খানিকটা এগিয়ে ফেলেছেন নৃতত্ত্ববিদ মিখাইল গেরাসিমভ। তাঁর ডান পায়ের একটা হাড়ে আঘাতের চিহ্ন আছে, উরুর কাছে বাঁধন দেওয়া থাকত, সে প্রমাণও মিলেছে। অর্থাৎ তৈমুর যে ‘লঙ’ অর্থাৎ খোঁড়া ছিলেন, এ কথা সত্যি৷

ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তৈমুরের দেহাবশেষ পরীক্ষা করে নতুন এক চমকপ্রদ তথ্য উদ্ধার হয়েছে। সাধারণত মনে করা হতো মধ্য এশিয়ার যাযাবর উপজাতির মানুষদের মতো তৈমুরও খর্বকায় ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর কঙ্কাল পরীক্ষা করে দেখা গেছে তিনি দৈর্ঘ্যে ছিলেন অন্তত পাঁচ ফুট আট ইঞ্চি। যে উচ্চতাকে লম্বাই বলা চলে। তাঁর পঞ্জর অস্থি সাক্ষ্য দিচ্ছে যে, তৈমুরের বুকের ছাতিও ছিল অত্যন্ত চওড়া।

প্রতিটা সাফল্যই যে-কোনও কাজে আরও বেশি উৎসাহ এনে দেয়। গেরাসিমভের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটল না। আরও বেশি বেশি করে তিনি তাঁর দুই বৈজ্ঞানিক সহকর্মীকে নিয়ে কাজে মনোনিবেশ করলেন। আরও মাসখানেক সময় অতিবাহিত। তৈমুরের প্রতিকৃতি আঁকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি মোটামুটি শেষ। তৈমুরের খুলি-হাড় ইত্যাদি জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ কঙ্কালের রূপও তৈরি হয়েছে। ফরেনসিক ল্যাবরেটরির কাচের আধারের মধ্যে শায়িত রাখা হয়েছে সেটা।

একদিন সন্ধ্যায় ল্যাবরেটরি থেকে বাইরে বেরোবার আগে সেই কঙ্কালটার দিকে তাকিয়ে তিনি তাঁর দুই সহকর্মী গ্রেগরি আর আন্দ্রেই-এর উদ্দেশে গেরাসিমভ বললেন, “তাহলে কাল থেকে প্রতিকৃতি আঁকার কাজ শুরু করব আমরা। আশা করছি আর মাস তিনেকের মধ্যেই কাজটা শেষ করে দিতে পারব। আগামীকাল সকাল দশটায় আমরা এখানে হাজির হচ্ছি।”

আন্দ্রেই বললেন, “আগামীকাল আমার পক্ষে ল্যাবরেটরিতে আসা সম্ভব হবে না। ইভানকে ট্রেনে তুলে দিতে যাব। কিয়েভ যাচ্ছে সে।”

আন্দ্রেই আর তাঁর স্ত্রী নাতাশার সন্তান নেই। ভাইপো ইভানকেই সস্তানের মতো মানুষ করছেন, আঠারো বছর বয়স তার। গেরাসিমভ বললেন, “ও কিয়েভ যাচ্ছে কেন? কোনও চাকরি পেল নাকি?”

আন্দ্রেই গম্ভীরভাবে বললেন, “না, চাকরি নয়। ও কিয়ের্ভের রণাঙ্গনে যাচ্ছে ভলান্টিয়ার হিসাবে। ইভান একসময় সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়েছিল। স্তালিনের নির্দেশ, সিভিল ডিফেন্স ট্রেনিংপ্রাপ্ত যুবকদের রণাঙ্গণে যেতে হবে ভলান্টিয়ার হিসাবে।”

গেরাসিমভ যুদ্ধের কোনও খবরই রাখেন না। চমকে উঠে বললেন, “জার্মান সেনা কিয়েভ পর্যন্ত চলে এসেছে? লাল ফৌজ কী করছে।”

আন্দ্রেই বললেন, “হ্যাঁ, কিয়েভ প্রায় দখল করে নিয়েছে হিটলারের নাৎসি বাহিনী। শুধু কিয়েভই নয়, সোভিয়েতের ছয় লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ডও তারা দখল করে নিয়েছে। সামরিক ও বেসামরিক মানুষ মিলে ইতিমধ্যে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। লাল ফৌজ রোজই পিছু হটছে।”

নিজের কাজের বাইরে এসব কোনও কথাই গেরাসিমভের জানা ছিল না। তিনি বললেন, “কী বলছ? দশ লক্ষ মানুষ মারা গেছে?”

আন্দ্রেই বলল, “এটা প্রাভদায় প্রকাশিত সরকারি পরিসংখ্যান। আসল সংখ্যা নাকি তার চেয়েও ঢের বেশি।”

এদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে রোজকার মতো শুয়ে পড়েছিলেন গেরাসিমভ। ভোর রাতের দিকে তিনি একটা স্বপ্ন দেখলেন। তবে, ব্যাপারটা স্বপ্ন না বলে অতীত-দর্শন বলাই ভালো। তিনি দেখলেন, উজবেকিস্তানের সেই কবর থেকে আমীরের মৃত দেহটা তুললেন তাঁরা। শুরু হল প্রবল বৃষ্টি আর বাজের গর্জন। কোনওক্রমে তারা বাক্সবন্দি দেহাবশেষটাকে গাড়িতে তুললেন সেটা নিয়ে ফেরার জন্য।

যাত্রা শুরুর ঠিক আগের মুহূর্তে তিনি দেখতে পেলেন প্রবল বর্ষণের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধকে। সে তাঁর উদ্দেশে বলল, “মনে রাখবে, তুমিই ওঁকে কবর থেকে তুলে নিয়ে গিয়ে এক ভয়ঙ্কর মানুষকে ডেকে আনলে। যা ঘটবে তার জন্য তুমিও দায়ী থাকবে।” তারপর সেই বৃদ্ধ যা বলল তা চাপা পড়ে গেল বজ্রপাতের শব্দে।

প্রচণ্ড জোরে বাজ পড়তে লাগল। গেরাসিমভের ঘুমও সেই শব্দে ভেঙে গেল। আকাশে এখনও ভোরের আলো ফোটেনি। তিনি দেখতে পেলেন বিকট শব্দ করে বেশ কয়েকটা যুদ্ধ বিমান ওড়াওড়ি করছে আকাশে। গেরাসিমভ অনুমান করলেন ওই যুদ্ধ বিমানগুলোর শব্দই ঘুমের মধ্যে তিনি বাজের শব্দ ভাবছিলেন।

সেদিন সকালে নির্দিষ্ট সময়ই গেরাসিমভ ল্যাবরেটরিতে পৌঁছলেন। আন্দ্রেই উপস্থিত না হলেও গ্রেগরি উপস্থিত হয়েছেন। কাজ শুরুর আগে গ্রেগরি বেশ একটু উত্তেজিতভাবে বললেন, “কাল রাতের ঘটনা শুনেছেন? জার্মানির দুটো যুদ্ধ বিমান নাকি মস্কোর কাছে চলে এসেছিল। আমাদের যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে সে দুটোকে।”

কথাটা শুনে কেন জানি গেরাসিমভের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। তিনি বললেন, “ও সেজন্যই ভোর রাতে অনেক যুদ্ধ বিমান উড়ছিল। ভালোই যুদ্ধ শুরু হয়েছে তাহলে।”

এদিন থেকে তৈমুরের প্রতিকৃতি আঁকা শুরু করলেন গেরাসিমভ।