রক্তের দাগ – ২

এদিন দ্বিপ্রহরের কিছু আগে নিজের বাসস্থানের বারান্দায় তামাকের নল মুখে দিয়ে আরাম কেদারায় বসে রামচন্দ্রর সঙ্গে বাক্যালাপ করছিলেন সাহেব। শরৎকাল। বাইরের পরিবেশ অতি মনোরম। হকিন্সের বাসস্থান থেকে দূরে পাহাড়ের পাদদেশে প্রাকার বেষ্টিত রাজবাড়ি দেখা যাচ্ছে। তার পিছন থেকে আকাশের চিত্রপটে জেগে আছে সবুজ পাহাড়। সে পাহাড় আর রাজবাড়ির মাঝখানে একটা নদী অবশ্য আছে। সে ওই মেটং নদী। তবে তার অবস্থান হকিন্সের বাসস্থান থেকে তেমন দৃশ্যমান নয়।

রাজবাড়ির দিক থেকে বাদ্যযন্ত্রের অস্পষ্ট ধ্বনিও ভেসে আসছিল। সাহেব তাঁর সহায়ক বাবু রামচন্দ্রের মুখে শুনেছেন যে আর-দুদিনের মধ্যেই হিন্দুদের গডেস—দেবী দুর্গার পুজো। ওই বাদ্যযন্ত্রের শব্দ সে বার্তাই হয়তো বহন করে আনছে। নানান রকম পুজোআর্চা হয়ে থাকে মহারানি ইরাবতীর রাজপ্রাসাদে।

তেমন কোনও কাজের কথা নয়, বাবুর মুখ থেকে পার্শ্ববর্তী কামরূপ রাজ্যের গল্প শুনছিলেন সাহেব। যদিও গল্পটা খুব উদ্ভট। তা হল কামরূপ রাজ্যে এক ধরনের সুন্দরী রমণীরা বাস করে যাঁরা নাকি পুরুষদের ভেড়া, কুকুর ইত্যাদি বানিয়ে দিতে পারে। বাবু রামচন্দ্র নিজের চোখে এমনটা না দেখলেও অনেকেই নাকি এ কথাটা প্রবলভাবে বিশ্বাস করেন।

অবিশ্বাস্য এই কাহিনি শোনার পর সাহেব এ প্রসঙ্গে বাবুকে কিছু একটা কথা বলতে যাচ্ছিলেন, ঠিক সে সময় স্থানীয় কয়েকজন মানুষ এসে হাজির হল সাহেবের আবাসের সামনে। স্থানীয় মানুষরা সচরাচর সাহেবদের কাছে আসে না। ভয় বা ভক্তি—যে কারণেই হোক তারা সাধারণত সাহেবদের এড়িয়ে চলে। হকিন্স বিস্মিত হলেন তাদের দেখে। তারপর গেটের সামনে যে গোর্খা সৈনিক পাহারায় ছিল তাকে ইশারায় লোকগুলোকে ভিতরে ঢুকতে দিতে বললেন।

সাহেবের অনুমতি পেয়ে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করল তারা। তাদের পরনে ধুতি আর চাদর। তবে এ-দেশের সাধারণ মানুষের মতো এদের পায়েও জুতো বা চটি নেই। রামচন্দ্র তাদের দেখে বললেন,“এরা পাহাড়ি উপজাতির লোক নয়। দেখে আমার জ্ঞাতি ভাই অর্থাৎ বাঙালি বলেই মনে হচ্ছে। কপালে দেখছি তিলক আছে। সম্ভবত বৈষ্ণব ধর্মের লোক।”

লোকগুলো বারান্দায় উঠে এসে প্রথমে করজোড়ে প্রণাম জানাল। রামচন্দ্রের মাধ্যমেই কথা শুরু হল। কারণ, যারা এসেছে তারা ইংরেজি বলতে পারে না, আর সাহেব এখনও বাংলায় তেমন সড়গড় হয়ে উঠতে পারেননি। রামচন্দ্র তাদেরকে পরিচয় জিগ্যেস করে বুঝতে পারলেন সাহেবকে বলা তাঁর অনুমানই সত্যি। লোকগুলো সিলেট অঞ্চলের বাঙালি, জৈন্তাপুরেরই প্রজা। সমতলে বৈকুণ্ঠপুর গ্রামে থাকে।

রামচন্দ্র লোকগুলোর পরিচয় জানিয়ে দিলেন সাহেবকে। হকিন্স তাকালেন লোকগুলোর মুখের দিকে। তাদের প্রত্যেকের মুখমণ্ডলেই কেমন যেন উৎকণ্ঠা ফুটে আছে। বিশেষত একজন লোকের চেহারা যেন বিধ্বস্ত। উশকোখুশকো চুল, চোখের কোণে কালি। প্রবল শঙ্কা আর উত্তেজনার ভাব জেগে আছে তার মুখমণ্ডলে।

হকিন্স তার দিকে ভালো করে তাকাতেই হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করল লোকটা। সে এগিয়ে এসে সামনে ঝুঁকে পড়ে হকিন্সের পা-দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।

বহু ইংরেজ রাজপুরুষ আছে যারা নেটিভদের এসব কাজ বেশ উপভোগ করে। কারণ তারা মনে করে যে সাদা চামড়ার লোকেরা হল প্রভু আর নেটিভ বা কালো চামড়ার লোকেরা হল ভৃত্য। কাজেই ভৃত্যদের থেকে এমন ব্যবহার অস্বাভাবিক কিছু নয়। কিন্তু হকিন্স তাঁর সতীর্থদের থেকে কিছুটা আলাদা মানুষ। তাঁর বাবা ছিলেন ধর্মযাজক। তিনি ছোটবেলায় হকিন্সকে যেসব শিক্ষাদানের চেষ্টা করেছিলেন তার মধ্যে একটি হল, এ পৃথিবীতে ঈশ্বরসৃষ্ট সব মানুষই সমান। হকিন্স নিজে ধর্মচর্চার বিষয়ে খুব বেশি আগ্রহী না হলেও তাঁর বাবার বলা এ কথাটা মেনে চলেন। কাজেই লোকটা তাঁর পা জড়িয়ে ধরাতে তিনি বেশ সংকুচিত বোধ করলেন। সাহেবের ইঙ্গিতে অন্যরা কোনওক্রমে উঠিয়ে দাঁড় করাল লোকটাকে। রামচন্দ্রের মাধ্যমে এরপর হকিন্সের সঙ্গে আগন্তুকের কথোপকথন শুরু হল।

লোকগুলো যা বলল, তা হল, এই ক্রন্দনরত লোকটা“কণ্ঠ’ নামের এক বালকের পিতা। আট বছর বয়স সেই বালকের। গত সাতদিন ধরে নিখোঁজ সে। আশেপাশের সম্ভাব্য সব জায়গাতে অনুসন্ধান করেও এখনও তার খোঁজ মেলেনি। তাই তারা সাহেবের কাছে এসেছে, কোনওভাবে সাহেব যদি বাচ্চা ছেলেটাকে খুঁজে দিতে পারেন সেজন্য। কারণ, সাহেবদের অসীম ক্ষমতা! তারাই তো প্রকৃত শাসক।

লোকগুলোর বক্তব্য শোনার পর হকিন্স তাদের প্রশ্ন করলেন, “তোমরা রানি ইরাবতীকে এ ঘটনা জানিয়েছ? কারণ, তোমরা তাঁর প্রজা। তোমাদের ভালো-মন্দ দেখার, রক্ষা করার দায়িত্ব তাঁরই।”

প্রশ্ন শুনে একজন লোক হতাশভাবে জবাব দিল, “হ্যাঁ, তাঁর কাছে আমরা গতকাল গিয়েছিলাম। কিন্তু তিনি বললেন, দুর্গাপুজোর আয়োজনে তিনি ব্যস্ত আছেন। তাছাড়া এত বড় দেশে তিনি একটা বাচ্চা ছেলেকে কীভাবে খুঁজে বের করবেন? তিনি কোনও সাহায্যের প্রতিশ্রুতি দেননি। এখন আপনিই আমাদের ভরসা।”

হকিন্স বললেন, “ঠিক আছে। আমি খোঁজখবর নিয়ে দেখার চেষ্টা করছি তার সন্ধান পাওয়া যায় কিনা।”

হকিন্স এরপর ছেলেটার বাবার দিকে তাকিয়ে বললেন, “তোমার এখনই এত ভেঙে পড়ার কোনও কারণ নেই। অনেক সময় বাচ্চা ছেলেদের মাথায় নানান বুদ্ধি চাপে। হয়তো সে নিজেই কোথাও চলে গেছে, আবার বাড়ি ফিরে আসবে। আমার নিজের দেশেও ছোট ছেলেরা বাড়ি থেকে পালায়, আবার ফিরেও আসে।”

সাহেবের কথা শুনে একটা লোক বলল, “তেমনটা হতেই পারে। কিন্তু আগের দু-বারের ঘটনা না ঘটলে আমরা এতটা চিন্তিত হতাম না।”

“কী ঘটনা?” সোজা হয়ে বসে জানতে চাইলেন হকিন্স।

লোকটা বলল, “এর আগেও পরপর দু-বছর দুর্গাপুজোর আগে দুটো ছোট ছেলে নিখোঁজ হয় আমাদের গ্রাম থেকে। তাদের একজনের বয়স ছিল ছয়, অন্য জনের সাত। তারা আর কেউ বাড়ি ফেরেনি।”

এ কথা শুনে বিস্মিতভাবে হকিন্স জানতে চাইলেন, “সে দু’বার রানিকে তোমরা ঘটনাটা জানিয়েছিলে?”

একজন কণ্ঠে হতাশা ফুটিয়ে বলল, “হ্যাঁ, জানিয়েছিলাম। কিন্তু এ ব্যাপারে তাঁরা গুরুত্ব দেননি।”

এ কথা শোনার পর সাহেব তাদের উদ্দেশে বললেন, “ঠিক আছে, ছেলেটার নাম, ঠিকানা, বিবরণ সব বলুন, আমি লিখে রাখছি। দেখি কী করতে পারি।”

রামচন্দ্র এরপর বাচ্চা ছেলেটা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য একটা কাগজে লিখে নিলেন। চলে যাওয়ার আগে ছেলেটার বাবা আরও একবার সাহেবের পায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু অন্যরা তা সামলে দিল।

লোকগুলো চলে যাওয়ার পর রামচন্দ্রর উদ্দেশে সাহেব প্রশ্ন করলেন, “বাবু, ব্যাপারটা শুনে তোমার মনে কী ধারণা হচ্ছে?”

রামচন্দ্র কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, “ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে এবং একদিন ফিরে আসবে, এ ধারণা আমার হত, যদি না আগের দুটো বাচ্চাও নিখোঁজ হত। আমার মনে হচ্ছে সম্ভবত এটা অপহরণের ঘটনা।”

—“এ বয়সের বালকদের সাধারণত কী কারণে অপহরণ করা হয়ে থাকে?” আবারও হকিন্স প্রশ্ন করলেন।

—“এই সব দরিদ্র পরিবারের বালকদের তিনটে কারণে অপহরণ করা হয়। প্রথমত, এদের দূরদেশে নিয়ে গিয়ে অন্ধ বা পঙ্গু করে দিয়ে ভিক্ষাবৃত্তি করাবার জন্য। দ্বিতীয়ত, কোনও দুষ্কৃতি দলে তাকে নিয়োজিত করে প্রশিক্ষণ দিয়ে দুষ্কৃতি তৈরি করা। ডাকাত, ঠগী, গাঁটকাটারা দলবৃদ্ধির জন্য এ কাজ করে থাকে। আর তৃতীয় কারণ হল…।”

একটু থামলেন বহুদর্শী ব্রাহ্মণ রামচন্দ্র।

সাহেব কৌতূহলী হয়ে জানতে চাইলেন, “তৃতীয় কারণটা কী?”

রামচন্দ্র জবাব দিলেন, “এই বয়সের বাচ্চা পুজোয় দেবদেবীর উদ্দেশে বলি দেবার জন্যও সংগ্রহ করা হয়।”

হকিন্স বললেন, “কিন্তু কোম্পানি তো বলি প্রথা নিষিদ্ধ করেছে।”

“হ্যাঁ, কিন্তু সেটা কোম্পানি অধিকৃত রাজ্যে। জৈন্তাপুর এখনও স্বাধীন রাজ্য। তাছাড়া এত বড় দেশ। হাজারে হাজারে মন্দির, আর তার কয়েক গুণ পুজো-অর্চনার ব্যবস্থা করা হয়ে থাকে এখানে। রাজা-মহারাজা থেকে কাপালিক, সন্ন্যাসী। তাঁদের সবার কাছে কি কোম্পানির হুকুম পৌঁছয়, নাকি তারা তা পালন করে। এ সব প্রাচীন প্রথা কি এত সহজে উৎখাত করা যায়? এই জৈন্তাপুরের রাজ পরিবারেও তো এক সময় নরবলির প্রথা ছিল। সেই সব নরবলির গল্প এ অঞ্চলের লোকেরা বংশানুক্রমে শুনে আসছে। তাদের মুখ থেকে আমিও শুনেছি। তাছাড়া প্রাসাদের প্রাঙ্গণে এক মন্দিরের সামনে নরবলি দেবার জন্য পাথরের প্রাচীন বেদিটাও দেখেছি। কিছুটা তফাতে একটা কুয়ো আছে। নরবলি দেবার পর সেই দেহ আর ছিন্ন মুণ্ডুটা কুয়োয় ফেলা হত। অনতি দূরে মেটং নদীর সঙ্গে কুয়োটা সংযুক্ত। কুয়োপথে ছিন্ন মুণ্ডু আর ধড় গিয়ে পড়ত মেটং নদীতে। এখনও পুজোতে বলি হয়, তবে তা ছাগ বলি।” একটানা কথাগুলো বলে থামলেন ব্রাহ্মণ।

হকিন্স কৌতূহলী হয়ে জানতে চাইলেন, “এই প্রাসাদে কোন দেবতা বা দেবীর পুজোয় বলি দেওয়া হত?”

রামচন্দ্র বলতে শুরু করলেন, “এদের ইতিহাস সম্বন্ধে যতটুকু জেনেছি তাতে এক সময় এখানকার রাজবংশ আরও অনেক অরণ্য-পাহাড়বাসীর মতো প্রকৃতি অর্থাৎ অরণ্য, নদী, আকাশ ইত্যাদির উপাসক ছিলেন। তিনশো বছর আগে যশোমানিক্য নামে তখনকার রাজা কোচ রাজকন্যাকে বিবাহ করে আনেন। সে ছিল হিন্দু রমণী। তার মাধ্যমেই হিন্দু দেবদেবীর পুজো শুরু হয় জৈন্তাপুর রাজবাড়িতে। যেহেতু এখানে মাতৃতান্ত্রিক সমাজ প্রচলিত তাই পরবর্তীতে কোচ রাজকন্যার ধর্মই রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা পায়। প্রথমে নাকি মহাদেবের সামনে নরবলি দেওয়া শুরু হয়েছিল সেই রানির ইচ্ছায়। পরবর্তীতে অন্য দেবীদের পুজোতেও নরবলি হত। প্রায় আড়াইশো বছর ধরে নরবলির প্রচলন ছিল। তবে তিন পুরুষ আগে নরবলি বাধা পড়ার কারণে তা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ রাজা ওই নরবলির দিনই মারা যান। তাই বলি বন্ধ হয়ে যায়।”

সাহেব হকিন্স জানতে চাইলেন, “তোমাদের ধর্মে কোন কোন দেবদেবীর সামনে সাধারণত বলি দেওয়া হয়ে থাকে?”

ব্রাহ্মণ বললেন, “বেশ কিছু দেবদেবী। তবে এ অঞ্চলে সাধারণত বলি দেওয়া হত দেবীদের সামনেই। বিশেষত দেবী কালী বা দেবী দুর্গা অথবা তাদের বিভিন্ন রূপের উদ্দেশে।”

হঠাৎ একটা অদ্ভুত কথা মাথায় এল সাহেবের। তিনি বললেন, “আচ্ছা, এমনও তো হতে পারে যে আবার নরবলি প্রথা চালু হয়েছে ওই রাজবাড়িতে?”

রামচন্দ্র বললেন, “তুমি কি বলতে চাইছ যে দুর্গাপুজোতে নরবলি দেবার জন্য রানির লোকেরাই সেই বালককে অপহরণ করেছে? অবশ্য একথা মনে আসা অস্বাভাবিক কিছু নয়। বিশেষত যখন একসময় নরবলির প্রচলন ছিল এ স্থানে আর ছেলেগুলোও প্রতিবার নিখোঁজ হচ্ছে দুর্গাপুজোর ঠিক আগে! আর এসব নরবলি আগেও প্রকাশ্যে হত না, এখনও নিশ্চয়ই প্রকাশ্যে হয় না। শুধু অতি বিশ্বস্ত কয়েকজন লোক এবং রাজা বা রানির উপস্থিত থাকার বিধি। যেমন পুরোহিত, জল্লাদ আর দু-চারজন লোক। সাধারণ মানুষ তো বটেই, এমনকী রাজপরিবারের অন্য সদস্যদেরও তখন প্রবেশ নিষেধ থাকে। রাজবংশের রীতি অনুসারে রাতে যে-কোনও বলি হয়।”

সাহেব একটু ভেবে নিয়ে বললেন, “আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে ছাগ বলিই হয় রাজপ্রাসাদে, নরবলি আর এখন হয় না। কিন্তু আমি যদি দুর্গাপুজোর সময় পুজোস্থলে উপস্থিত থাকতে চাই, ওই ছাগ বলি দেখতে চাই, তবে রানি ইরাবতী কি অনুমতি দেবেন আমাকে?”

একটা সময় ছিল যখন হিন্দুদের পুজো স্থলে বিধর্মী ফিরিঙ্গি সাহেবদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু পলাশীর যুদ্ধের পর থেকেই সে ব্যবস্থার অবসান ঘটতে শুরু করেছে। কারণ কোম্পানির সাহেবদের হাতেই দেশের শাসন ক্ষমতা চলে যাচ্ছিল। পলাশীর যুদ্ধের কিছু দিনের মধ্যেই কোম্পানির সময়কার সর্বময় কর্তা কলকাতার এক জমিদার বাড়িতে বাঙালি পোশাকে ধুতি-পাঞ্জাবি পরে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন।

সেই শুরু। তারপর থেকে বহু রাজা-মহারাজারা নিজেরাই উপযাচক হয়ে সাহেবদের খুশি করতে দুর্গাপুজো-কালিপুজোয় তাদের আমন্ত্রণ করে থাকেন। পুজো উপলক্ষে সাহেবদের মনোরঞ্জনের জন্য বাইজি নাচ, সুরা, উপঢৌকন ইত্যাদি আয়োজনও করা হয়ে থাকে। তবে জৈন্তাপুরের রাজবাড়িতে কোনও সাহেব দুর্গাপুজো-কালীপুজোয় ইতিপূর্বে আমন্ত্রিত হয়েছেন কিনা সে খবর রামচন্দ্রের কাছে নেই। রামচন্দ্র বুঝতে পারলেন সাহেব চাইছেন বলির সময় উপস্থিত থেকে যদি নরবলির সম্ভাবনা থেকে থাকে তবে তা রদ করতে।

সাহেবের কথা শুনে রামচন্দ্র ভেবে নিয়ে বললেন, “তুমি পুজো দেখার ইচ্ছা প্রকাশ করলে ভক্তিতে না হোক ভয়ে, অনিচ্ছা থাকলেও রানি ইরাবতী না করতে পারবেন না। কারণ, তাঁরা কোম্পানির লোকেদের ভয় করেন। পরশু থেকে দুর্গাপুজোর প্রধান কর্মকাণ্ড তিনদিন ধরে চলবে। আমি কাল সকালেই প্রাসাদে গিয়ে তোমার ইচ্ছার কথা জানাচ্ছি রানি ইরাবতীকে।

পরিকল্পনা মতো কোম্পানির পলিটিকাল এজেন্টের দূত হয়ে রামচন্দ্র রাজবাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন রানি ইরাবতীর সঙ্গে। রামচন্দ্রর মনে হল, ইরাবতী যেন মৃদু বিস্মিত হলেন হকিন্স সাহেবের ইচ্ছার কথা শুনে। তবে রামচন্দ্রর প্রত্যাশামতোই রানি সম্মতি দিলেন। রামচন্দ্র রানিকে জানিয়ে দিলেন পরদিন সন্ধ্যায় তিনি সাহেবকে নিয়ে হাজির হবেন দুর্গাপুজো আর ছাগ বলি দেখার জন্য।