জাগিও না, আমায় জাগিও না – ৭

বেলা দশটা নাগাদ গেরাসিমভ গাড়ি নিয়ে রওনা হলেন তাঁর ল্যাবরেটরির দিকে। পথ-ঘাট এদিন যেন আরও সুনসান। রাস্তায় সামান্য যে কয়জন লোক বেরিয়েছে তাদের সকলেরই চোখেমুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। গেরাসিমভ অনুমান করলেন নিশ্চয়ই বড় কোনও ঘটনা ঘটেছে। ছবি তোলার কাজ সাঙ্গ হতে দুপুর হয়ে গেল। তারপর ফিল্ম ডার্ক রুমে ডেভেলপ করতে করতে বিকাল। সহকর্মী গ্রেগরিকে বললেন, “নোট লেখার কাজটা যদি আজ রাতের মধ্যে শেষ করতে পারি তো কালই ছবিটা সর্বাধিনায়কের অফিসে পাঠিয়ে দেব।”

গ্রেগরি বললেন, “হ্যাঁ, পাঠাবেন। তবে কমরেড স্তালিন এখন ছবির ব্যাপারে মনোনিবেশ করবেন কিনা তাতে সন্দেহ আছে। আজ সকালেই তো মস্কোতে খবরটা এসে পৌঁছেছে।”

—“কী খবর?”

গ্রেগরি জবাব দিলেন, “লাল ফৌজ মস্কোর পথে জার্মান বাহিনীকে অগ্রসর হতে না দিলেও দখল করার উদ্দেশে গতকাল স্তালিনগ্রাদ শহর আক্রমণ করেছে জার্মান বাহিনী। মরণপণ লড়াই শুরু হয়েছে। সবাই বলছে স্তালিনগ্রাদের যুদ্ধের ফলাফলই নাকি ঠিক করে দেবে সোভিয়েতের ভাগ্য। এমনকী দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিয়ন্ত্রকও নাকি হয়ে উঠতে পারে স্তালিনগ্রাদের লড়াই।”

একটু চুপ করে থেকে গ্রেগরি বললেন, “তৈমুরের কবরে লেখা সাবধান বাণী কেমন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? কবর থেকে কঙ্কালটা উঠিয়ে আনা হল আর সঙ্গে সঙ্গে হিটলার রাশিয়া আক্রমণ করলেন। মৃত্যুর সংখ্যা যেভাবে প্রতিদিন বাড়ছে তাতে তো আমার মনে হচ্ছে যে নরহত্যার দিক থেকে হিটলার ছাড়িয়ে যাবেন তৈমুরকেও। হিটলার তৈমুরের চেয়েও ভয়ঙ্কর। তৈমুরের কবরে তো লেখাই ছিল, যে এসে উপস্থিত হবে সে তৈমুরের চেয়েও ভয়ঙ্কর।”

গেরাসিমভ প্রশ্ন করলেন, “আপনি কি ব্যাপারটায় বিশ্বাস করেন? কঙ্কালটা তুলে আনা হয়েছে বলেই যুদ্ধের ঘটনা ঘটল?”

গ্রেগরি স্নান হেসে বললেন, “আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। তবে কাকতালীয় ঘটনা কি বার বার ঘটতে পারে? এই যেমন আমরা কাল তৈমুরের প্রতিকৃতি তৈরির কাজ শেষ করলাম আর জার্মানি কালই স্তালিনগ্রাদ আক্রমণ করল।”

গেরাসিমভ বুঝতে পারলেন যে তাঁর সহকর্মীর মধ্যেও দোলাচল শুরু হয়েছে।

বিকাল হয়ে গেছে। ব্ল্যাক আউট ঘোষণা হবার পর সন্ধ্যা নামলেই অন্ধকার রাস্তা সুনসান হয়ে যায়। যানবাহনও বিশেষ পাওয়া যায় না। গ্রেগরিকে বাড়ি ফিরতে হবে তার আগে। তাই এই বাক্যালাপের কিছুক্ষণের মধ্যেই ল্যাবরেটরি ছেড়ে চলে গেলেন। গেরাসিমভের বাড়ি ফেরার তাড়া নেই, কাজ পাগল মানুষ। একটা বড় মোমবাতি জ্বালিয়ে নোট লিখতে বসলেন তিনি। গেরাসিমভের নোট লেখা যখন শেষ হল তখন বেশ রাত হয়ে গেছে। মোমের আলোটাও নিভু নিভু হয়ে এসেছে। কাগজপত্র গুছিয়ে রেখে তিনি চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন ঠিক সে সময় তার চোখ পড়ল তৈমুরের ছবিটার দিকে। কাঠের স্ট্যান্ডের গায়ে একটা বোর্ডে, বোর্ডপিন দিয়ে আটকানো বড় আকৃতির ছবি। ছবির সাইজ জীবন্ত মানুষের মতো। খোলা জানলা দিয়ে চাঁদের আলো এমনভাবে সেই মুখের ওপর এসে পড়েছে যে, দেখে মনে হচ্ছে সত্যিই একটা মানুষ দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে।

অন্ধকারের মধ্যে শুধু তার মুখটাই দেখা যাচ্ছে। সে যেন চেয়ে আছে ঘরের একটা নির্দিষ্ট দিকে। সেদিকে আলো না পড়লেও গেরাসিমভ জানেন, সেখানে কী আছে। একটা লম্বা টেবিলে কাচের আধারে শায়িত আছে কবর থেকে তুলে আনা তৈমুরের কঙ্কাল! কয়েক মুহূর্ত পরেই গেরাসিমভের মনে হল তৈমুরের ছবিটা যেন তাঁর দিকেই তাকিয়ে আছে। কী হিমশীতল যেই দৃষ্টি! নিজের তৈরি ছবির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য নিজেই কেঁপে উঠলেন গেরাসিমভ। তার পরই অবশ্য তিনি নিজের মনকে প্রবোধ দিলেন, – এসবই আলো মায়ার খেলা! যাকে বলে দৃষ্টিবিভ্রম।

ল্যাবরেটরি থেকে বেরিয়ে পড়লেন গেরাসিমভ। জার্মান বোমার আতঙ্কে ফাঁকা রাস্তা। গাড়ি চালিয়ে তিনি কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে গেলেন। তিনি যখন গ্যারেজে গাড়ি রেখে সদর দরজা বন্ধ করতে যাচ্ছেন, সেইসময় শুনতে পেলেন পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা রেডিয়োর শব্দ। যুদ্ধের আলোচনা করতে গিয়ে রেডিয়োতে কে একজন বলছেন, “মানব জাতীয় ইতিহাসে নাৎসি প্রধান হিটলার হলেন মধ্যযুগের তৈমুর লঙের থেকেও হিংস্র…।”

এ রাতেও ভালো ঘুম হল না গেরাসিমভের। ঘুমের মধ্যে মাঝে মাঝেই তাঁর চোখে ভেসে উঠতে লাগল তৈমুরের ছবির অস্বস্তিকর চাউনি। বার বার ঘুম ভেঙে যেতে লাগল তাঁর। আর ঘুম ভেঙে তিনি কখনও শুনতে পেলেন আকাশে যুদ্ধ বিমানের উড়ে যাবার শব্দ, কখনও বা সাঁজোয়া গাড়ির চাকার শব্দ। এক সময় ভোর হল। প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় বাড়ি ছেড়ে তিনি রওনা হলেন ল্যাবরেটরির দিকে।

ল্যাবরেটরিতে ঢুকে চারপাশে তাকিয়ে তিনি দেখলেন সব কিছু আগের মতো। লোহার গরাদ বসানো বড় বড় জানলা দিয়ে সূর্যের আলো ঢুকছে ঘরে। কাচের কফিনে শোয়ানো তৈমুরের দেহাবশেষ, বোর্ডে আটকানো তাঁর ছবি, সবকিছুই দিনের আলোয় অতি স্বাভাবিক বলেই মনে হচ্ছে। তবে তাঁকে একটা চিঠি দিয়ে গেল কেয়ারটেকার ছেলেটা। ডাকে আসা আন্দ্রেইয়ের ইস্তফাপত্র। তাতে লিখছেন, ব্যক্তিগত কারণবশত তিনি ফরেনসিক ল্যাবরেটরির বিজ্ঞানীর চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন। চিঠিটা হাতে দিয়ে গেরাসিমভ কিছুক্ষণ ভাবলেন। এই চাকরি ছাড়ার পিছনে ব্যক্তিগত কারণটা কী হতে পারে? তবে কি আন্দ্রেইও ভাবছে যে তৈমুরের দেহাবশেষ তুলে থানার কারণেই রাশিয়ার বুকে এই ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে? তৈমুরের দেহাবশেষ নিয়ে কাজ করার ফলে আন্দ্রেই হারিয়েছেন তাঁর প্রিয়জনকে?

কিছুক্ষণের মধ্যেই গ্রেগরি ল্যাবরেটরিতে উপস্থিত হলেন, গেরাসিমভ চিঠি তুলে দিলেন তাঁর হাতে। নির্বিকারভাবে চিঠিটা পড়লেন গ্রেগরি। তারপর বললেন, “আমিও ভাবছি কাল থেকে আর ল্যাবরেটরিতে আসব না। ছুটি নেব কয়েক মাসের জন্য। আমার বড় ক্লান্ত লাগছে। তাছাড়া…।” এই বলে থেমে গেলেন তিনি।

—“তাছাড়া?”

গ্রেগরি জবাব দিলেন, “ছবিটা তৈরি হবার পর থেকে আমার মনে অস্বস্তি শুরু হয়েছে। রাতে ঘুমোতে পারছি না। ঘুমের ঘোরে এই মানুষটার মুখ দেখতে পাচ্ছি।” ভয়ঙ্কর গেরাসিমভ মনে মনে চমকে উঠলেন। গ্রেগরির মতো অনুভূতি হয়েছে তাঁরও।

পূর্ব পরিকল্পনামতো সেদিনই তৈমুরের ছবির ফোটোগ্রাফ নোটসহ স্তালিনের দফতরে পাঠিয়ে দিলেন গেরাসিমভ।

দু-দিনের মধ্যে স্তালিনের অফিসে পৌঁছেও গেল ছবি। স্তালিন খবরটা পেলেন ঠিকই, কিন্তু সে ছবি দেখার সময় বা ইচ্ছা কোনওটাই তখন হল না। প্রতিটা মুহূর্ত এখন সোভিয়েতের সর্বাধিনায়কের কাছে মূল্যবান।

নাৎসি বাহিনীর সঙ্গে যুদ্ধে লাল ফৌজ ‘পোড়া মাটি নীতি’ গ্রহণ করেছিল। অর্থাৎ লাল ফৌজ পশ্চাদপসরণের সময় ফসলের খেত, খাদ্য ভাণ্ডার, ব্রিজ, রাস্তা এসব ধ্বংস করতে করতে জার্মান বাহিনীকে ক্রমশ ভিতর দিকে টেনে আনছিল, যাতে একসময় জার্মানরা খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ে ও লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু স্তালিনের এই কৌশল ধরে ফেলেছেন হিটলার। স্তালিনগ্রাদ শহর আক্রমণ করেছেন তিনি।

অক্ষ বাহিনীর প্রায় পাঁচ লক্ষ সেনা একযোগে ঝাঁপিয়ে পড়েছে স্তালিনগ্রাদ দখলের উদ্দেশে। অনুরূপ সংখ্যায় লাল ফৌজও লড়াই চালাচ্ছে নাৎসি বাহিনীর সঙ্গে। ইতিমধ্যেই প্রায় তিন লাখ সৈন্য নিহত হয়েছে স্তালিনগ্রাদের যুদ্ধে। যার মধ্যে অধিকাংশই রুশ সেনা। রাশিয়ার ইতিহাসে তো বটেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসেও এত বড় সংঘর্ষের ঘটনা বিরল।

স্তালিনের এখন ছবি দেখার সময় কোথায়। প্রতি ঘণ্টায় নানা খবর আসছে রণাঙ্গণ থেকে। সেই মতো ব্যবস্থা নিতে হচ্ছে সোভিয়েতের সর্বাধিনায়ককে। স্তালিনগ্রাদের যুদ্ধই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ্য নিয়ন্ত্রণ করে দেবে, তা আজ পৃথিবীর সবাই অনুমান করতে পারছে।