নীল নীল! নীল।
অতলান্ত মহাসাগরের জলের মতো নীল। সেই নারীর চোখের মতো নীল! নীল মৃত্যু উজাগর।
সমুদ্রের নীল জলরাশি অতিক্রম করে স্পেনের পারস বন্দরে ফেরার জন্য দ্রুত এগিয়ে চলেছে এক নৌবহর। জাহাজগুলির ডেকে দাঁড়িয়ে আছে সেনারা। জাহাজগুলোর প্রধান মাস্তুলে সমুদ্রের নোনা বাতাসে উড়ছে নীলবর্ণের রাজ পতাকা।
এই নৌবহরে চারটি বৃহৎ জাহাজ হল রণতরী। আর এই চারটি রণপোতের কেন্দ্রস্থলে রয়েছে অপেক্ষাকৃত ছোট একটা জাহাজ। দেখলেই বোঝা যায় যে, একসময় বহু সমুদ্র পথ পাড়ি দিয়েছে। এই জাহাজ বহু সমুদ্র ঝড়ের সাক্ষী। অন্য চারটি জাহাজের মতো তার গাত্রবর্ণ উজ্জ্বল নয়। সে জাহাজের গাত্রবর্ণ যে কোন রঙের, এক ঝলক তাকিয়ে তা বোঝা মুশকিল৷
সমুদ্রের ওপর জেগে থাকা সে জাহাজের গায়ের রঙ মুছে গিয়ে কাঠ বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও জেগে আছে কামানের বারুদের কালো ছোপ বা আঘাতের চিহ্ন। ডেকের রেলিংগুলো স্থানে স্থানে ভেঙে গেছে, দীর্ঘ দিন ধরে প্রবল জলোচ্ছ্বাসের আঘাত সহ্য করতে করতে।
একদা রাজহংসীর পালকের মতো শুভ্র পালগুলো ধুলোবালি আর কামানের ধোঁয়াতে ধূসর বর্ণ ধারণ করেছে। সব মিলিয়ে মিশিয়ে বিবৰ্ণ-বিষণ্ণক্লাস্তির সুস্পষ্ট ছাপ বহন করে ভেসে চলেছে এই জাহাজটি। পঞ্চম জাহাজটির নাম সান্টামারিয়া। এ জাহাজেও বেশ কিছু রাজসৈন্য আছে। আর জাহাজের আধো-অন্ধকার খোলের মধ্যে রয়েছে এক বন্দি নাবিক। শৃঙ্খলিত সে। নীল নয়নার নির্দেশে অ্যাডমিরাল ফ্রান্সিসকো বোবাডিলা নাবিককে গ্রেপ্তার করে নিয়ে চলেছেন স্পেনের উদ্দেশে।
সান্টামারিয়ার খোলের আধো অন্ধকার এক কক্ষে শুয়ে আছে সেই নাবিক। ছিন্ন পোশাক, ধুলো মাখা তামাটে শরীর। দীর্ঘ দিন দাড়ি না কাটার ফলে, স্নান না করার ফলে, তার জটবাঁধা চুল-দাড়ি নেমে এসেছে বুক পর্যন্ত।
একটা পা তার লোহার শিকল দিয়ে কাঠের পাটাতনের কড়ার সঙ্গে বাঁধা। আজকাল দিনরাতের খুব একটা পার্থক্য নেই তার কাছে। থেকেই বা কী হবে? যতদিন না এ জাহাজ স্পেনের তীরভূমি স্পর্শ করছে, ততদিন খোলের বাইরে বার করা হবে না তাকে।
ভবিষ্যতের হাতে নিজেকে সমর্পণ করে দেওয়া ছাড়া আজ আর কোনও কাজ নেই নাবিকের। কখনও ঘুমন্ত অথবা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে সে। আর স্বপ্ন দেখে তার জীবনে ফেলে আসা দিনগুলোর। কখনও শৈশব-কৈশোরের, কখনও যৌবনের, কখনও-বা দুর্দমনীয় নাবিক জীবনের। আবার কখনও তার স্বপ্নে এসে ধরা দেয় সেই নীল নয়না। হয়তো-বা সেই নীল নয়নাই রচনা করে দিয়েছিল নাবিকের জীবন কাহিনি। আর সে কাহিনির পরিসমাপ্তি ঘটবে তাঁর হাতেই।
আজকাল ক্ষুধা-তৃষ্ণাও তেমন একটা পায় না নাবিকের। একজন সৈনিক প্রতিদিন এসে তাকে একখণ্ড পোড়া রুটি ও কাঠের মগে জল দিয়ে যায়। নাবিককে জীবন্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে স্পেনে। অনাহারে-তৃষ্ণাতে নাবিক যাতে মৃত্যুবরণ করে রানির বিচারকে ফাঁকি দিতে না পারে, তাই এই বদান্যতার ব্যবস্থা করেছেন বোবাডিলা।
হ্যাঁ, এই ইতালীয় নাবিককে শাস্তি পেতেই হবে। সে বিশ্বাসঘাতকতা করেছে স্পেনের সঙ্গে, খ্রিস্টধর্মের সঙ্গে। সর্বোপরি রানির সঙ্গে। রানি তাকে কী শাস্তি দেবেন? মৃত্যুদণ্ড না আজীবন কারাবাস, তা নিয়ে বোবাডিলার সতীর্থদের ইতিমধ্যে বাজি ধরা শুরু হয়ে গেছে। অধিকাংশ সৈন্যদেরই অবশ্য ধারণা যে, রানি এই বিশ্বাসঘাতক ইতালীয় নাবিককে মৃত্যুদণ্ডই দেবেন। তিনি তার শিরচ্ছেদের নির্দেশ দেবেন, নাকি শূলে চড়াবেন তা নিয়েও বাজি ধরতে শুরু করেছে সৈন্যরা।
তার জন্য বরাদ্দ রুটির টুকরোটাতে কয়েকটা কামড় দিয়ে আবার মরার মতো ঘুমিয়ে পড়েছিল নাবিক। রুটির লোভে জাহাজের খোলের এই অন্ধকার কক্ষে আনাগোনা করে একদল বড়-বড় ইঁদুর। নাবিক ঘুমিয়ে পড়ার পর যথারীতি আজও তারা প্রবেশ করেছিল এই কক্ষে। নাবিকের দাড়িতে আটকে ছিল রুটির ছোট্ট একটা টুকরো। সেটার লোভেই একটা ধেড়ে ইঁদুর লাফ দিয়ে উঠল নাবিকের বুকের ওপর। ঘুম ভেঙে গেল নাবিকের। চোখ মেলল সে৷ তারপর ধীরে ধীরে উঠে বসল। ইঁদুরগুলো সঙ্গে সঙ্গে পালালো। কক্ষের গায়ে একটা গোলাকার ছোট ছিদ্র আছে। যাকে বলে পোর্ট হোল। কিছুটা আলো আসছে তা দিয়ে। নাবিক তার শরীরটাকে ঘষটে ঘষটে টেনে নিয়ে গিয়ে উপস্থিত করল পোর্ট হোলের সামনে। তারপর উকি দিল বাইরের দিকে। সেই ছিদ্র দিয়ে বাইরের দিকে তাকিয়ে যতদূর তার দৃষ্টি গেল, চারপাশে শুধু নীল জল আর জল। কোথাও কোনও স্থলভাগের চিহ্ন নেই। এই অন্ধকার কুঠুরিতে থাকতে থাকতে দিনের হিসেবও ভুলে গেছে নাবিক। যেন এক অন্তহীন পথ অতিক্রম করে চলেছে সে। নাবিক ভাবল, আর কতদিন লাগবে স্পেনে পৌঁছতে? অস্তিম সত্যের সামনে, একজোড়া ঘন নীল চোখের সামনে গিয়ে দাঁড়াতে। এর কিছুক্ষণের মধ্যেই একসঙ্গে অনেকগুলো দাঁড় টানার ছপ ছপ শব্দ কানে আসতে থাকল নাবিকের। গরাক্ষের বাইরে সমুদ্রের জল ছিটকে উঠতে শুরু করল। জাহাজের পাল টাঙানো থাকলেও গতিবেগ আরও বৃদ্ধি করার জন্য দাঁড় ফেলা হচ্ছে জলে। কিছুক্ষণ পোর্ট হোল দিয়ে বাইরে তাকিয়ে থাকার পর আবার ঘুম নেমে এল নাবিকের চোখে। শুয়ে পড়ল সে। তারপর দাঁড়ের ছপ ছপ শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। অতীতের দৃশ্যাবলী স্বপ্ন হয়ে ধরা দিতে লাগল তার ঘুমন্ত চোখে। জাহাজের বন্ধ কুঠুরিতে আজকাল চোখ বন্ধ করলেই দেখতে থাকে যে সব স্বপ্ন—
লিসবন বন্দরের রাস্তায় জলপথের ছোট ছোট মানচিত্র ফেরি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এক যুবক। সকাল থেকে শুরু করে এই মাঝদুপুর পর্যন্ত সে ঘুরে বেড়িয়েছে হাতে আঁকা মানচিত্র বিক্রি করার জন্য। যদিও এদিন একটাও মানচিত্র বিক্রি হয়নি। অবসন্ন লাগছিল তার। শরীরের ক্লান্তি তো আছেই, তবে তার চেয়ে মনের ক্লান্তিটাই বেশি। পকেটে একটা মুদ্রাও নেই ঘরে। তার অসুস্থ স্ত্রী ফেলিপা আছে। তার জন্য পথ্য আর রুটি কিনে নিয়ে যেতে হবে। অথচ আজ একটা ছবিও বিক্রি হল না।
ছবি বিক্রির চেষ্টায় আজ সে একটু অন্য দিকে চলে এসেছে। এ জায়গাটা তার অপরিচিত। রাস্তায় বিশেষ লোকজনও নেই। যুবক তাই ফেরার পথ ধরতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার নজরে পড়ল। রাস্তার পাশে গাছে— ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে মর্মর পাথরে মোড়া ছোট্ট একটা গির্জা। সেটা দেখে তার মনে হল গির্জার সামনের নিরিবিলি ছায়া-শীতল পরিবেশে কিছুক্ষণ বসলে হয়তো শরীরের ক্লান্তিভাবটা কিছুটা কাটবে। তাছাড়া ঈশ্বরের আবাসে প্রার্থনাও জানিয়ে আসা যাবে ফেলিপার সুস্থতা কামনা ও মানচিত্র যাতে বিক্রি হয় সেজন্য। একথা ভেবে সে এগোল গির্জার দিকে।
গির্জার সামনের অংশটা পাথর দিয়ে বাঁধানো। সেখান থেকে মর্মর পাথরের সোপান শ্রেণী উঠে গিয়েছে গির্জার ভেতর প্রবেশ করার জন্য। সে প্রবেশ করল গির্জার ভেতর। প্রার্থনা কক্ষে কেউ নেই। সার সার কাঠের আসনগুলো সব শূন্য। আসনগুলোর শেষ প্রান্তে শিশু যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মাতা মেরি। বেশ কয়েকটা বড় বড় মোমবাতি জ্বলছে মূর্তির পদতল
দু’পাশের কাঠের আসনগুলোর মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে মূর্তির সামনে উপস্থিত হল যুবক। হাঁটু মুড়ে মূর্তির সামনে বসে মাথা ঝুঁকিয়ে প্রার্থনা শুরু করল সে। বেশ কিছুক্ষণ মাতা মেরির কাছে প্রার্থনা জানিয়ে আবার সে কক্ষেই বাইরে বেরিয়ে এল। যে সোপান শ্রেণী বেয়ে সে প্রার্থনা গৃহের অভ্যন্তরে প্রবেশ করেছিল, সেই সোপান শ্রেণী বেশ শীতল। একটা বড় গাছের ডালপালা ছায়াদান করছে সেখানে।
মানচিত্র ফেরি করতে পথে নামার আগে প্রশস্ত সিঁড়ির একটা ধাপের কোণে একটু জিরিয়ে নেবার জন্য বসল যুবক। কোথাও কোনও শব্দ নেই। মধ্য দুপুরের শান্ত নির্জন পরিবেশে বসে যুবক ভাবতে লাগল, তার বর্তমান দুঃসময়ের কথা। পরিশ্রম বা চেষ্টার কোনও অভাব নেই তার। অভাব শুধু অর্থ আর ঈশ্বরের আশীর্বাদের। কে না জানে, এ দুটো জিনিস না থাকলে মানুষের জীবনে, চরিত্রে অন্য যে গুণই থাকুক না কেন, কোনও কিছুই কাজে লাগে না। এসব কথাই বসে বসে ভাবছিল যুবক। হঠাৎ তার চিন্তার জাল ছিন্ন হল কাছ থেকে ভেসে আসা এক কণ্ঠস্বরে, “তোমার হাতে রেশমি ফিতে দিয়ে বাঁধা রোল করা কাগজগুলো কী কাগজ?”
যুবক তাকিয়ে দেখল, তার কিছুটা তফাতে সিঁড়ির ধাপে এসে বসেছে এক বৃদ্ধ। গাছের ফাঁক গলে দুপুরের রোদের এক খণ্ড এসে পড়েছে বৃদ্ধের শরীরে। বলিরেখাময় লোকটার মুখমণ্ডল, মাথায় নাবিকদের মতো কান তোলা চামড়ার টুপি। বয়সের কারণে বৃদ্ধের শরীরের চামড়া কিছুটা ঝুলে পড়লেও তার দুহাতের পেশি বেশ দৃঢ় আছে এখনও। জাহাজের দাঁড় টানার ফলে নাবিকদের পেশিগুলো যেমন দৃঢ় হয়, ঠিক তেমনই। লোকটা শ্বেতাঙ্গ, বর্তমানে তার চামড়ার রঙ তামাটে বর্ণ ধারণ করেছে। যে সব নাবিক বছরের পর বছর ধরে সমুদ্রে জাহাজের ডেকে থাকে, তাদের দেহের চামড়ার রঙ রোদে পুড়ে এমনই হয়।
যুবক বেশ কয়েকবার ইতিপূর্বে সমুদ্রে নাবিকদের সঙ্গ লাভ করেছে। তাছাড়া ইতালির লিসবন বন্দর মানেই তো চারপাশে নাবিকদের আনাগোনা। কাজেই যুবক অনুমান করল, সেই বৃদ্ধ একজন নাবিক। নাবিকরাই তো যুবকের মানচিত্রের ক্রেতা। যুবক তাই আশান্বিত হয়ে বৃদ্ধকে জবাব দিল, ‘এগুলো সব মানচিত্র। ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে যাবার নিখুঁত মানচিত্র। আমার নিজের হাতে আঁকা সমুদ্র পথের মানচিত্র। কিনলে ঠকবেন না, এটুকু বলতে পারি।’
বৃদ্ধ বলল, “বাঃ! তুমি মানচিত্র আঁকতে পারো। বেশ ভালো ব্যাপার।”
বৃদ্ধের কথা শুনে যুবক উৎসাহিত হয়ে বলল, ‘নেবেন আপনি? দেখাব আপনাকে?’
এই বলে সে রোল করা একটা মানচিত্র খুলতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, ‘না, থাক। সমুদ্র অভিযানে যাবার ক্ষমতা আমার আর নেই। ইচ্ছা থাকলেও শরীরে সামর্থ্য নেই। বেশ কয়েকবছর হল শেষ জাহাজটাকে বিদায় জানিয়ে এসেছি আমি।’
বৃদ্ধের কথা শুনে হতাশ হল যুবক। স্বগতোক্তির স্বরে বলল, “আজ এখন পর্যন্ত একটাও মানচিত্র বিক্রি করতে পারলাম না। কী যে করি?”
বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করল, ‘তোমার নাম কী?’
যুবক নাম বলল।
বৃদ্ধ এরপর তাকে বলল, ‘তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থ কষ্টে ভুগছ। নইলে এভাবে পথে পথে মানচিত্র ফেরি করতে না। তোমার পরিচয় দাও।’
যুবক প্রশ্নের উত্তরে বলল, “ঠিকই ধরেছেন আপনি। প্রচণ্ড অর্থকষ্টে ভুগছি আমি। ঘরে অসুস্থ স্ত্রী রয়েছে। সে-ও এক নাবিক কন্যা। আমার জন্ম এই ইতালিরই জেনোয়া শহরে। আমার বাবা ছিলেন একজন তাঁতি। কাপড়ের ব্যবসা করতেন। তিনি চাইতেন আমি ভবিষ্যতে একজন নাবিক হয়ে প্রচুর অর্থ ও নাম-যশ অর্জন করি। সেজন্য তিনি জেনোয়ার শিক্ষকদের কাছে জ্যোতির্বিদ্যা, ভূগোল, জ্যামিতি শিক্ষার ব্যবস্থা করেন। আমি সবকিছু শিখেছি। বাবার বন্ধু মানচিত্র আঁকা জানতেন। তাঁর থেকে আমি মানচিত্র আঁকা শিখেছি। ‘সব কিছু সে সময় ভালোই চলছিল। কিন্তু হঠাৎ বাবার ব্যবসায় বড় ধরনের লোকসান হল। প্রচুর ঋণের বোঝা চাপল তাঁর ওপর। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে বাবা মারা গেলেন। আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা। তখন আমার আঠাশ বছর বয়স। বাবার মৃত্যুর পর পাওনাদাররা বকেয়া মেটাবার জন্য আমাকে চেপে ধরল। এই লিসবন শহরে আমার এক ভাই থাকে। আমি পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য এই লিসবন বন্দরে চলে এলাম। এখানে আসার পর অবশ্য সূচনাটা মন্দ হয়নি। আমার ভাই লিসবন বন্দরে হিসাবরক্ষকের ছোটখাটো একটা কাজ জুটিয়ে দিয়েছিল। এমনই এক গির্জায় রবিবারের প্রার্থনা সভায় গিয়ে আমার নাবিক কন্যা ফেলিপার। পরিচয় পরিণত হল প্রেমে। আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। ফেলিপার বাবা একটা বাণিজ্য জাহাজে আমার চাকরি জুটিয়ে দিলেন। বন্দর ছেড়ে জাহাজে উঠে বসলাম আমি…” এ পর্যন্ত কথাগুলো বলে একটু থেমে বৃদ্ধের মুখের দিকে তাকাল যুবক।
বৃদ্ধের চোখ দেখে যুবকের মনে হল, সে তার কথা মনোযোগ দিয়ে শুনছে। যুবক আবার বলতে শুরু করল, “কিন্তু দুর্ভাগ্য যেন এখানেও আমার পিছু ছাড়ল না। দু-বছরে আমি তিনটে জাহাজে উঠলাম। আমার কর্তব্য বা পরিশ্রমের কোনও ত্রুটি ছিল না। কিন্তু আমি যে তিনটে জাহাজে কাজ করলাম, ঘটনাচক্রে সেই তিনটে জাহাজেই ভালো ব্যবসা না করতে পারায় ক্ষতির মুখে পড়ল।
আমার স্ত্রী ফেলিপা অপরূপ সুন্দরী। সে অনেক পুরুষেরই কাম্য ছিল। শেষ বার আমি জাহাজ থেকে বন্দরে নামার পর ফেলিপাকে বিয়ে করতে চেয়ে ব্যর্থ হওয়া, বন্দরের দায়িত্বে থাকা এক রাজপুরুষ আমার সম্পর্কে রটিয়ে দিল, আমি নাকি অপয়া। আমি যে জাহাজেই উঠি, সেই জাহাজই ক্ষতির মুখে পড়ে। হাওয়ার মতো সারা লিসবন বন্দরে ছড়িয়ে পড়ল এই খবর। ব্যস, নতুন কোনও জাহাজে ওঠা বন্ধ হয়ে গেল আমার। ইতিমধ্যে ফেলিপার পিতাও মারা গেলেন। ভাই ফিরে গেল জেনোয়াতে। আমার পাশে দাঁড়াবার মতো লোক কেউ রইল না এখানে।
বিপদের শেষ এখানেই নয়। যক্ষ্মা রোগগ্রস্থ হয়ে পড়েছে ফেলিপা। সে শয্যাশায়ী। তাকে নিয়ে যে আমি অন্য কোথাও ভাগ্য অন্বেষণে যাব, সে উপায়ও নেই। আমার নামের সঙ্গে ‘অপয়া’ শব্দটা এমনভাবে প্রচারিত হয়েছে যে, বন্দরের অন্য কাজেও আমাকে নিতে চায় না কেউ। তাই আমি এখন পথে পথে মানচিত্র ফেরি করি। সামান্য যা আয় করি তা ফেলিপার পথ্য আর চিকিৎসার পেছনেই ব্যয় হয়ে যায়। অনেকদিন উপোস করে থাকতে হয় আমাকে।”
যুবকের জীবনকথা শোনার পর বৃদ্ধ কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল। যেন অভিজ্ঞ নাবিকের চোখে কিছুক্ষণ জরিপ করে নিল সদ্য পরিচিত এই যুবককে। তারপর বলল, ‘তুমি কি সত্যি তোমার এই দৈন্যদশা থেকে মুক্তি পেতে চাও?’
যুবক সঙ্গে সঙ্গে বলে উঠল, ‘হ্যাঁ, চাই তো। আমার বাবা স্বপ্ন দেখতেন, একদিন তাঁর ছেলে বড় নাবিক হবে। আমি যখন জেনোয়াতে ভূগোল, সমুদ্র-বিদ্যা অধ্যায়ন করতাম, তখন আমিও সে স্বপ্ন দেখতাম। কিন্তু বর্তমানে আমার যা অবস্থা, তাতে সে সব স্বপ্ন মুছে যেতে চলেছে।’
বৃদ্ধ আবারও কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে। তারপর পোশাকের মধ্যে থেকে চামড়ায় বাঁধানো একটা বই বার করে বলল, ‘এই বইটার সম্বন্ধে তোমার কিছু জানা আছে?’
যুবক জানতে চাইল, ‘কী বই এটা?
বৃদ্ধ জবাব দিল, ‘দুশো বছর আগে লেখা একটা বইয়ের অনুলিপি। মার্কোপোলো নামে এক ব্যক্তির চীন ভ্রমণের বৃত্তান্ত। আমাদের এই ভূখণ্ড থেকে পনেরো হাজার মাইল পথ পাড়ি দিয়ে অন্য এক মহাদেশে উপস্থিত হয়েছিলেন তিনি। অবশ্য জলপথে নয়, স্থলপথে। তাঁর এই ভ্রমণকাহিনিতে চীন দেশ আর তার বৈভবের আশ্চর্য সুন্দর বর্ণনা আছে।’
যুবক উত্তর দিল, ‘এই বইয়ের নাম আমি জেনোয়াতে এক শিক্ষকের মুখে শুনেছিলাম। কিন্তু পাঠ করার সুযোগ হয়নি।’
বৃদ্ধ বলল, ‘এ বইতে মার্কোপোলো লিখেছেন, চীন দেশের রাজপ্রাসাদ সব সোনা দিয়ে তৈরি।’ একথা বলে সে বলল, ‘তুমি কি ইন্ডিয়া বা ভারতবর্ষ বলে একটা দেশের নাম শুনেছ?’
যুবক বলল, ‘হ্যাঁ শুনেছি, আরব বস্ত্র ব্যবসায়ীদের মুখে। সে দেশ থেকে তারা মসলিন বস্ত্র নিয়ে আসত আমার বাবার কাছে। সে দেশের শাসকরা নাকি খুব ধনী।”
বৃদ্ধ বলল, “ঠিকই শুনেছ। শুধু সোনা নয়, হীরক খনিও আছে সে দেশে। সেখানকার একজন ছোটখাটো ভূস্বামীর যে পরিমাণ হীরা-জহরত থাকে তা ইতালি-স্পেন-পর্তুগাল-ইংল্যান্ডের রাজভাণ্ডারেও নেই।
একথা বলতে বলতে বৃদ্ধর দৃষ্টি যেন চলে গেল সুদূর অতীতে। সে বলতে লাগল, ‘তোমাকে একটা পুরনো ঘটনার কথা বলি। বহু যুগ আগের ঘটনা। তখন আমার যুবা বয়স। এক বাণিজ্যতরীতে নাবিক হিসাবে যাত্রা করেছিলাম। এ-বন্দর, ও-বন্দর ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলাম আমরা। তারপর একদিন সমুদ্রে ঝড় উঠল। জাহাজের ওপর আমাদের আর কোনও নিয়ন্ত্রণ রইল না। টানা সাত দিন ধরে চলল সেই ঝড়। বাতাস উল্কার গতিতে ছুটিয়ে নিয়ে চলল জাহাজকে। অবশেষে সাতদিন পর যখন ঝড় থামল, তখন আমরা গিয়ে পৌঁছলাম এক ভূখণ্ডে। সেখানে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগোবার চেষ্টা করলাম। কিন্তু সে জঙ্গলে আমাদের অর্ধেক লোক মারা পড়ল। কাজেই আবার জাহাজে উঠে পড়লাম আমরা। তারপর বলতে গেলে ভাগ্যের ভর কষ্টে ফিরে এলাম আমাদের চেনা সমুদ্র পথে। আমার ধারণা ওই জায়গা ইন্ডিয়ারই কোনও ভূখণ্ড বা দ্বীপ হবে।’
বৃদ্ধ তার অভিজ্ঞতার কথা শেষ করতেই যুবক বিস্মিতভাবে প্রশ্ন করল, ‘কীভাবে আপনার অনুমান হল, দেশটা ইন্ডিয়া?
সে জবাব দিল, ‘আমার জাহাজের লোকজন জঙ্গলে ঢুকে মারা পড়েছিল বিরাট বিরাট বাঘের আক্রমণে। অমন বিরাট বিরাট মানুষ খেকো বাঘ একমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। একসময় পশু ব্যবসায়ীরা ওই বাঘ রোমে নিয়ে আসত গ্ল্যাডিয়েটরদের সঙ্গে লড়াই করাবার জন্য। তাছাড়া ওই জঙ্গলে আমরা একটা ছোট প্রাচীন মন্দির দেখেছিলাম। সেখানে তিন মাথাঅলা কোনও এক দেবতার মূর্তি দেখেছিলাম। পরিত্যক্ত মন্দিরের ওই দেবমূর্তি আমার সন্দেহকে আরও দৃঢ় করেছে। কারণ ইন্ডিয়াতে দেবদেবীর পুজোর প্রচলন আছে। পরবর্তীকালে প্যাগালোও আমার কথা শুনে একই অভিমত প্রকাশ করেন।’
যুবক প্রশ্ন করল, ‘প্যাগালো কে?’
বৃদ্ধ বলল, ‘তিনি ভূগোলবিদ ও মানচিত্র বিশারদ।’ এরপর যুবককে প্রশ্ন করল, “আচ্ছা তোমার ইচ্ছা করে না এমন দেশে যাওয়ার? যেখানে ছড়িয়ে আছে রাশি রাশি সোনা-হীরা-জহরত। সে দেশে গেলে তুমি ধনী হবে। নতুন দেশের আবিষ্কারক হিসাবে সারা ইউরোপে তোমার নাম ছড়িয়ে পড়বে।”
যুবক উত্তর দিল, “করেই তো। কিন্তু সে দেশে যাবার পথ তো আমার জানা নেই। সব থেকে বড় কথা, আমার লোকবল, অর্থবল, জাহাজ কোথায়?”
আবারও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে থাকার পর বৃদ্ধ প্রশ্ন করল, ‘সত্যি কি সেই দুর্গম জলপথে পাড়ি দেওয়ার ইচ্ছা, সাহস, উদ্যম তোমার আছে? অচেনা সে পথে যে-কোনও সময় মৃত্যু তোমাকে আলিঙ্গন করতে পারে। মিথ্যা বলবে না। মাতা মেরি কিন্তু আড়ালে আমাদের কথোপকথন শুনছেন।’
যুবক বলল, ‘আমি মাতা মেরির নাম নিয়েই বলছি, সে ইচ্ছা আর সাহস আমার আছে।’
বৃদ্ধ যেন আশস্ত হল যুবকের কথায়। এরপর সে বলল, ‘যে ভূগোলবিদ প্যাগালোর কথা বললাম, তাঁর সঙ্গে আমার বিশেষ সখ্য আছে। তাঁর মুক্ত সংগ্রহর বাতিক আছে। আমি সমুদ্র অভিযানে গেলে তিনি আমাকে দেশবিদেশের মুক্ত কিনে আনতে দিতেন। প্যাগালো জলপথে ইন্ডিয়া যাবার একটা মানচিত্র রচনা করেছেন। সেই মানচিত্র তোমাকে ইন্ডিয়া পৌঁছে দিতে পারে। জাহাজ আর লোকবল অবশ্য তোমাকেই সংগ্রহ করতে হবে।’ একথা বলার পর বৃদ্ধ তার হাতের বইটা যুবকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, “এ বইটা প্যাগালোই আমাকে উপহার দিয়েছিলেন। বইটা তুমি প্রথমে পড়বে, তারপর এ বইটার সঙ্গে তোমার আকাঙ্ক্ষার কথা জানিয়ে তাঁকে একটা চিঠি লিখবে। যতদূর জানি, প্যাগালো তোমার মতোই একজনের করছে যে তাঁর এই মানচিত্র অনুসরণ করে ইন্ডিয়া যেতে চায়। তিনি কয়েকজন তরুণ নাবিককে এব্যাপারে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তারা কেউ প্যাগালোর মানচিত্রের ওপর ভরসা করেনি, অথবা অজানা পৃথিবী অভিযানে বেরোবার সাহস দেখায়নি। আমার দৃঢ় বিশ্বাস প্যাগালোর মানচিত্র তোমাকে পৌঁছে দেবে নতুন পৃথিবীতে। আর শেষ পর্যন্ত যদি তুমি ইন্ডিয়াতে নাও পৌঁছাতে পারো, তবে যাত্রা পথে আরও অনেক নতুন দেশ আবিষ্কার করে ফিরে আসবে। সেসব দেশের সম্পদের ভাগীদার হতে পারবে তুমি।’
এভাবেই ঘুমন্ত নাবিকের চোখে ঘুমের ঘোরে জলছবির মতো ভেসে উঠতে লাগল, তার যুবা বয়সের সেই বৃদ্ধের সঙ্গে সাক্ষাতের ঘটনা৷ বন্দিনাবিককে নিয়ে জাহাজ এগিয়ে চলল স্পেনের দিকে। দিন শেষ হয়ে সূর্য চলতে শুরু করল সমুদ্রের বুকে।
