সমরখন্দ থেকে সড়ক পথে মস্কো পৌঁছতে গাড়িতে তিনদিন মতো সময় লাগে। পথেই দিন কাটল। সঙ্গে অমূল্য জিনিস আছে, যাত্রাপথে একটুও সময় তাঁরা নষ্ট করলেন না। যে সব সরাইখানা বা মোটেলে গেরাসিমভ গাড়ি দাঁড় করালেন, সেখানে লোকজনের মুখমণ্ডলে চাপা উত্তেজনার ছায়া থাকলেও তিনি আর তাঁর সঙ্গীরা সফলতার আনন্দে নিজেরা এত উত্তেজিত ছিলেন যে, কিচ্ছুই তাদের চোখে পড়ল না। বেশ কয়েকবার আকাশে যুদ্ধ বিমান উড়তেও দেখলেন তারা। তবে ব্যাপারটা তাদের চোখে নতুন কিছু বলে মনে হল না। যুদ্ধে অংশ না নিলেও মাঝে মাঝেই যুদ্ধের মহড়া দেয় রাশিয়ার যুদ্ধ বিমানগুলো।
নৃতত্ত্ববিদ গেরাসিমভ মশগুল হয়ে রইলেন সেই চিন্তায়, কখন তিনি মস্কো পৌঁছে তৈমুরের দেহাবশেষ উদ্ধারের ব্যাপারটা জানাবেন সোভিয়েতের সর্বাধিনায়ককে। কবে থেকে গেরাসিমভ তৈমুরের দেহাবশেষ নিয়ে কাজ শুরু করবেন তাঁর প্রতিকৃতি তৈরির জন্য?
তৃতীয় দিন মধ্যরাতে মস্কো পৌঁছলেন গেরাসিমভ। দেহাবশেষের ট্রাঙ্কটা সোজা নিয়ে গিয়ে তোলা হল গেরাসিমভের কর্মস্থল সরকারি ফরেনসিক ল্যাবরেটরিতে। ভোররাতের দিকে নিজের সরকারি ফ্ল্যাটে ফিরে এলেন গেরাসিমভ।
কয়েকমাসের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করে আসার ক্লাস্তিতে গাঢ় ঘুম নেমে এসেছিল গেরাসিমভের চোখে। বেলার দিকে তাঁর ঘুম ভাঙল একটা শব্দে। চোখ মেলে তিনি দেখতে পেলেন এক ঝাঁক রুশ যুদ্ধ বিমান বেশ সার বেঁধে উড়ে চলেছে আকাশের বুকে। আর তাদেরই গর্জনের শব্দে ঘুম ভেঙে গেছে তাঁর।
বিছানায় উঠে বসতেই গেরাসিমভের মনে পড়ল তৈমুরের দেহাবশেষ নিয়ে মস্কো ফিরে আসার সংবাদটা স্তালিনের সচিবালয়ে জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লেন। টেলিগ্রাম অফিস বেশি দূরে নয়। সেদিকে হাঁটতে শুরু করলেন।
জনবহুল শহর মস্কো। হাটতে হাটতে তিনি এবার রাস্তার লোকের চোখে-মুখেই উত্তেজনার আভাস খেয়াল করলেন। রাস্তার পাশে বেঞ্চে বসে খবরের কাগজ হাতে নিয়ে উত্তেজিতভাবে কী যেন আলোচনা করছেন মানুষজন। গেরাসিমভ এবার অনুমান করলেন, কোনও একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে।
টেলিগ্রাম অফিসেও অন্য দিনের থেকে এদিন বেশি ব্যস্ততা। সরকারি জায়গায় টেলিগ্রাম পাঠাবার জন্য আলাদা কাউন্টার। তার দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে গেরাসিমভের পরিচয় আছে। নির্দিষ্ট ফর্মে টেলিগ্রামের নির্দিষ্ট বয়ানটা লিখে সেটা সরকারি কর্মচারীর হাতে দেবার পর গেরাসিমভ জিগ্যেস করলেন, “কিছু কি ঘটেছে নাকি? আজ টেলিগ্রাম করার জন্য এত ভিড় দেখছি।”
লোকটা তাঁর কথা শুনে মৃদু বিস্মিতভাবে বলল,“হ্যাঁ, তা তো ঘটেইছে। কেন, আপনি জানেন না! প্রাভদা পড়েননি? বা মস্কো রেডিয়ো শোনেননি?”
গেরাসিমভ বললেন,“না। খবরের কাগজ দু-তিন দিন পড়া হয়নি বা রেডিয়ো শোনা হয়নি। কাল গভীর রাতে মস্কো ফিরেছি। দু-তিন দিন পথেই ছিলাম।”
লোকটা তাঁকে অবাক করে দিয়ে বলল, “গত পরশু অর্থাৎ ২২ জুন অনাক্রমণ চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছে হিটলারের জার্মানি। রাশিয়ার মাটিতে প্রবেশ করেছে জার্মানির সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক। লাল ফৌজের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবার প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে সোভিয়েত ইউনিয়ন।”
২১ জুন তারিখেই তো গেরাসিমভ তৈমুর লঙের কবরটা খুঁড়ে তার দেহাবশেষ কফিন থেকে উঠিয়েছিলেন। তাদের দেশকে জার্মানি আক্রমণ করেছে শুনে, গেরাসিমভের ঘটনাটাকে অবিশ্বাস্য বলেই মনে হল। এত বড় দেশ সোভিয়েত ইউনিয়ন, যার সামরিক শক্তিকে সারা পৃথিবী সমীহ করে চলে, যার মাথার ওপর বসে আছেন স্বয়ং স্তালিনের মতো রাষ্ট্রনায়ক, সে দেশকেই কিনা আক্রমণ করে বসল জার্মানি। এও সম্ভব?
টেলিগ্রামের কাজ মিটিয়ে একটা প্রাভদা কিনে গেরাসিমভ নিজের ফ্ল্যাটে ফিরলেন। হ্যাঁ, সরকারি কাগজের প্রথম পাতাতেই বড় করে ছাপা হয়েছে যুদ্ধের খবর। রয়েছে স্তালিনের বিবৃতিও। তিনি জনগণকে শান্ত থাকতে বলেছেন ও যে অঞ্চলে যুদ্ধ চলছে সে অঞ্চলে লাল ফৌজকে সাহায্য করতে বলেছেন। তিনি সোভিয়েতের প্রতিটি নাগরিককে এই বলে আশ্বস্ত করেছেন যে, অচিরেই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে, লাল ফৌজ পরাজিত ও বিতাড়িত
খবরের কাগজটা পড়ে গেরাসিমভেরও মনে হল, এ নিয়ে তাঁর বেশি উত্তেজিত হবার কারণ নেই। কারণ প্রথমত তিনি সামরিক বিভাগের সঙ্গে যুক্ত নন, আর দ্বিতীয়ত স্তালিনের যে বিবৃতি প্রকাশিত হয়েছে তার প্রতি তিনি আস্থাশীল। অর্থাৎ রেড আর্মি জার্মান বাহিনিকে খুব দ্রুতই সোভিয়েতের মাটি থেকে খেদিয়ে দেবে।
গেরাসিমভ ঠিক করলেন, এ সব নিয়ে বেশি না ভেবে তাঁকে তাঁর কাজের ব্যাপারে বেশি মনোসংযোগ করতে হবে। তৈমুরের দেহাবশেষ থেকে উদ্ধার করে আনতে হবে তাঁর প্রতিকৃতি। এ কাজ করতে অন্তত ছয় মাস সময় লাগবে। যুদ্ধ তো আর কয়েক দিনের মধ্যেই থেমে যাবে। তারপর হয়তো স্তালিন একদিন হঠাৎই তাঁকে ডেকে পাঠিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন।
কাজেই যথাসম্ভব দ্রুত কাজ শেষ করতে হবে গেরাসিমভকে। এবং এ কাজ হতে হবে একদম নিখুঁত। কারণ এই প্রথম শুধু স্তালিন নন, সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করবে, বহু আলোচিত এক মানুষের ছবি। যাঁর নামে একদা কেঁপে উঠত সারা বিশ্ব। গেরাসিমভ আর তাঁর সহযোগীরা যদি নিখুঁতভাবে কাজটা সম্পন্ন করতে পারেন, তবে তা নিশ্চিতভাবে সারা পৃথিবীতে গেরাসিমভের পরিচিতি ঘটাবে তৈমুরের প্রতিকৃতির সৃষ্টিকর্তা রূপে। নিজের পরিকল্পনা ঠিক করে নিয়ে গেরাসিমভ কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে গেলেন ফরেনসিক ল্যাবরেটরির দিকে।
ঠিক এ সময়ই নিজের অফিস চেম্বারে সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী, জেনারেল গ্রেগরি জুকভের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন সর্বাধিনায়ক যোশেফ স্তালিন। সোভিয়েতের সাধারণ নাগরিকদের মতো স্তালিন বা জুকভ কেউই তিনদিন আগে পর্যন্ত অনুমান করতে পারেননি জার্মানি এভাবে সোভিয়েতকে আক্রমণ করে বসবে। কেজিবি বা অন্য কোন গুপ্তচর সংস্থার কাছে এমনও কোনও খবর ছিল না।
মন্ত্রী পরিষদের কারো কারো এই আক্রমণ সম্পর্কে অভিমত হল, তাঁরা শুনেছেন হিটলার লোকটা নাকি একটু খ্যাপাটে ধরনের। অনেক সময় মাত্র দু-তিন মিনিটের মধ্যে তিনি এমন বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরাও তা আগাম আঁচ করতে পারেন না। হয়তো জার্মানির এই আক্রমণ তেমনই তাঁর তাৎক্ষণিক সিদ্ধান্তের ফসল।
তবে জার্মানির এই অতর্কিত আক্রমণ যে সোভিয়েত বাহিনীকে কিছুটা হলেও বিপদে ফেলে দিয়েছে সন্দেহ নেই। স্থলভাগে লড়াই করার জন্য সোভিয়েতের সেনা সংখ্যা চল্লিশ লাখের কাছে, ট্যাঙ্কের সংখ্যা তেইশ হাজার। কিন্তু তারা কেউই প্রস্তুত ছিল না এই আক্রমণের জন্য। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে দেশবাসীর সামনে সব কিছু প্রকাশ করা যায় না। তাই প্রাভদায় সব খবর জানানো হয়নি।
হিটলার তাঁর রাশিয়া অভিযানের নাম দিয়েছে অপরেশন ‘ফ্রিজ’ বা ‘অপারেশন বারবারোসা’। ২২ জুন ভোর চারটেয় দেড়শো ডিভিশনের জার্মান সেনাবাহিনী সোভিয়েত সীমানার মধ্যে ঢুকে অপারেশন বারবারোসা শুরু করেছে। ওদিনই রাতের মধ্যে জার্মান সেনারা রাশিয়ার আঠারোশো যুদ্ধ বিমান ধ্বংস করেছে। তাদের অধিকাংশ বিভিন্ন বিমান ঘাঁটিতে দাঁড়িয়েছিল। সাধারণ নাগরিক আর লাল ফৌজের সৈন্যরা মিলে প্রায় তিন হাজার সোভিয়েত নাগরিকের মৃত্যু হয়েছে।
অতর্কিত আক্রমণে জার্মান বাহিনী যে অনেকটা ক্ষতি করতে পেরেছে, তাতে কোনও সন্দেহ নেই। এদিন সকালে পাওয়া শেষ খবর অনুসারে জার্মানির প্যানজার ডিভিশন জেনারেল ডেনলির নেতৃত্বে সোভিয়েত সীমান্তের দেড়শো মাইল ভিতরে প্রবেশ করে গেছে। আকাশ পথের দখলও নিয়ে নিয়েছে জার্মান যুদ্ধ বিমান। এখনও পর্যন্ত রুশ বাহিনী জার্মানদের তেমন কোনও ক্ষয়-ক্ষতিই করতে পারেনি।
যুদ্ধের গতিপ্রকৃতি ও বর্তমানে কী কী করণীয় তা নিয়ে দীর্ঘ বৈঠকের শেষে স্তালিন চুরুটে টান দিয়ে বললেন, “যে যাই বলুন না কেন, আমার ধারণা হিটলারের সোভিয়েত আক্রমণ কোনও তাৎক্ষণিক ভাবনা নয়, সে দীর্ঘ দিন ধরেই ভিতরে ভিতরে রাশিয়া আক্রমণ করার পরিকল্পনা করছিল। আমাদের সৈন্য বাহিনীর ক্ষমতা সম্পর্কেও কিছুটা হলেও সে ওয়াকিবহাল। তা সত্ত্বেও আক্রমণ চুক্তি ভেঙ্গে সোভিয়েত রাশিয়া আক্রমণ করল কেন ? আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবথেকে বড় আক্রমণের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে হিটলার। যে ভাবেই হোক লাল ফৌজকে মোকাবিলা করতে হবে এই ঘটনার। যত দ্রুত সম্ভব, মার দিয়ে প্রথমে সোভিয়েত ভূখণ্ড থেকে তাড়াতে হবে জার্মান বাহিনীকে। তারপর প্রয়োজন বোধে লাল ফৌজ বার্লিন অভিযান করবে। তবে আমাদের লাল ফৌজের আরও সজাগ থাকা উচিত ছিল।”
জেনারেল জুকভ বললেন, “আসলে দু-দেশের মধ্যে অনাক্রমণ চুক্তিটা আমাদের নিশ্চিত করে রেখেছিল। এখন বুঝতে পারছি এটা আমাদের ভাবনার গাফিলতি। অনাক্রমণ চুক্তিটা ছিল হিটলারের শক্তিবৃদ্ধি করার কৌশল ৷ সমগ্ৰ ইউরোপের একছত্র অধিপতি, আধুনিক পৃথিবীর সম্রাট হতে চান তিনি। অতর্কিত আক্রমণে আমাদের কিছুটা ক্ষতি হল ঠিকই, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে হয়। পঁচাত্তর হাজার লাল ফৌজ ইতিমধ্যে রওনা হয়েছে রণাঙ্গণের দিকে। সঙ্গে রয়েছে দেড় হাজার ট্যাঙ্ক, অ্যান্টি এয়ারক্রাফট গান ভেহিকল এবং চারশো ফাইটার প্লেন।”
স্তালিন বললেন, “দেখুন কী হয়? তবে প্রতিদিন একবার করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসব আমি। আর হ্যাঁ, মন্ত্রী পরিষদের সকলকে আর পার্টির শীর্ষস্থানীয় কমরেডদের জানিয়ে দেবেন যে তাঁরা কোথাও এমন কোনও বিবৃতি না দেন, যাতে জনসাধারণের মনে হতে পারে যে লাল ফৌজ বা আমরা এই আক্রমণের ফলে বিব্রত বোধ করছি।”
সে দিনের মতো বৈঠক শেষ করলেন সর্বাধিনায়ক।
জেনারেল চেম্বার ছেড়ে বেরিয়ে যাবার পর সেখানে প্রবেশ করলেন স্তালিনের আপ্তসহায়ক। তার হাতে ধরা ট্রে-তে একটা কাগজ। সেটা তুলে নিয়ে পড়লেন স্তালিন। একটা টেলিগ্রাম। তাতে লেখা আছে সমরখন্দ থেকে উদ্ধার হয়েছে একদা বিশ্বত্রাস তৈমুর লঙের কঙ্কাল। নৃতত্ত্ববিদ গেরাসিমভ তা নিয়ে মস্কো ফিরেছেন।
স্তালিন নিজে এ কাজের ভার দিয়েছেন গেরাসিমভকে। অন্য সময় হলে হয়তো স্তালিন এ সংবাদ পেয়ে নিজে ডেকে পাঠাতেন গেরাসিমভকে। কিন্তু জার্মানির আক্রমণের ফলে সেই চিন্তা সর্বাধিনায়কের মস্তিষ্ক জুড়ে আছে। তাই তিনি টেলিগ্রামটা পাঠ করে আপ্ত সহায়ককে শুধু নির্দেশ দিলেন, “গেরাসিমভকে আমার তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে বলো। অন্য কোনও সরকারি সাহায্যের প্রয়োজন হলে সেই ব্যবস্থা করবে। ওর কাজে যেন অসুবিধা না হয়।”
যথা সময় সোভিয়েতের সর্বাধিনায়কের বার্তা পৌঁছে গেল বিজ্ঞানী গেরাসিমভের কাছে।
