ময়নামতির নথ – ৩

এর কিছু সময়ের মধ্যেই কালীদহের বুকে অন্ধকার নামতে শুরু করল। গাঢ় অন্ধকার গ্রাস করে নিতে চাইল ময়নাগড় প্রাসাদকে। তবে এ সময় একদল লোক প্রতিদিন তৈরি হয়ে থাকে। তারা আঁকশির মাথায় বাঁধা আগুন দিয়ে বিভিন্ন মহলে ঘুরে ঘুরে ঝুলন্ত প্রদীপগুলোয় আগুন ধরিয়ে দিতে লাগল। একের পর এক মহলমন্দির আলোকিত হয়ে উঠতে লাগল। রানী মহলে বাইরের পুরুষের প্রবেশ নিষিদ্ধ বলে এখানে সে কাজ প্রতিদিনের মতো করল দাসীরাই। মহারানী আনন্দময়ী মহলের একতলা থেকে দোতলায় উঠে আসার পরই দাসীরা একে একে উপস্থিত হয়েছিল মহারানীর হুকুম তামিল করার জন্য। এছাড়া আরো একটা কারণে সন্ধ্যা নামার পর দাসীদের উপস্থিতি বাধ্যতামূলক। ময়নাগড়ের সর্বময় কর্তা রাজাবাবু যে রাত্রি নামার পরে কবে কখন রানীমার সঙ্গে দেখা করতে আসবেন তা আগাম কিছু বলা যায় না। তাই তার জন্য সব দাসীর রানী মহলের নানা স্থানে উপস্থিত থাকতে হয়।

সৌদামিনীর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসার পর রানী প্রথমে শীতল জলে গা ধুলেন। রানীকে ঘিরে দাসীরা নিজ নিজ কার্যে নিয়োজিত হলো। তার গায়ে চন্দন লেপনের পর তিনি নতুন পট্টবস্ত্র পরলেন। দামি সুগন্ধি ধূপের ধোঁয়া দিয়ে তার কেশদাম শুষ্ক করে তোলার পর কবরী বন্ধনে নিয়োজিত হলো।

মহারানীর খাস দাসীর নাম তমালী। সে অন্য দাসীর মতো নিম্নবর্গীয়া স্ত্রীলোক নয়, ব্রাহ্মণ কন্যা। নেহাত দৈব-দুর্বিপাকে সে মহারানীর দাসীর কাজ করে। মহারানী আনন্দময়ী ব্যতিরেকে তার সিন্দুকে হাত দেয় একমাত্র তমালী। সব শেষে সে রানীর নির্দেশমতো সিন্দুক থেকে গহনা এনে পরাতে শুরু করল আনন্দময়ীকে। একেকদিন গলায় একেক রকম গহনা পরেন ময়নাগড়ের মহারানী। রাধামাধবের কৃপায় মহারানীর সিন্দুকে গহনার অভাব নেই। এদিন তিনি একটা চন্দ্রহার গলায় দিলেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য নানা ধরনের অলংকারও পরলেন তিনি। মহারানী আনন্দময়ীর সাজ যখন শেষ হলো তখন কালীদহের বুকে অন্ধকার নেমে গেলেও প্রদীপের আলোয় উদ্ভাসিত রানী মহল। রানীমাকে অন্ধকারে সজ্জিত করে তার হাতে এক খিলি সুগন্ধি পান দিয়ে মহলের একতলায় চলে গেল তমালী।

মহারাজ যখন বার মহল থেকে রানী মহলে প্রবেশ করেন তখন তাকে দোতলায় মহারানীর কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে যায় তমালী। এটাই নিয়ম। অবশ্য তার আগে সে একটা কাজ করে, বার মহল আর রানী মহলের মধ্যবর্তী দরজা খোলার জন্য শব্দ হলে দরজার এ-পাশের খিল খোলার আগে সে তার পাশেই ঝুলন্ত একটা দড়িতে টান দেয়। তাতে মহারানীর ঘরের বাইরের অলিন্দতে ঘণ্টা বেজে ওঠে। তাতে সবাই বুঝতে পারেন ময়নাগড়ের সর্বময় কর্তা রানী মহলে পর্দাপণ করছেন।

রাধেশ্যামজিউর মন্দিরের দিক থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসতে শুরু করল এরপর। সন্ধ্যারতি শুরু হয়েছে সেখানে। সেই শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল ময়নাগড় প্রাসাদের নানা জায়গা থেকে। একসময় সাঙ্গ হল সে কাজ। কালীদহের পাড়ে কাটা বাঁশের জঙ্গলের ভেতর থেকে কোথায় যেন প্রহর সূচিত করা শিয়ালের দল ডেকে উঠল। অন্ধকার মুছে গিয়ে ধীরে ধীরে তখন চাঁদ উঠতে শুরু করেছে কালীদহের বুকে। ঠিক এ সময় বাহুবলেন্দ্র গাত্রোত্থান করে রওনা হলেন রানীমহলের দিকে। বেশ কয়েকটা মহল অতিক্রম করে তিনি গিয়ে উপস্থিত হলেন রানীমহলের বন্ধ দরজার সামনে। এপাশে যে দ্বারবান ছিল, সে খিল উন্মোচন করে ঘা দিল দরজায়। ওপাশে যে দাসী ছিল সে শব্দ শুনে দরজা খুলে দিল।

মহারানী আনন্দময়ী তাম্বুল রঞ্জিত ঠোঁটে ঘণ্টার শব্দ শোনার প্রতীক্ষায় ছিলেন। সে শব্দ কানে যাওয়া মাত্র তিনি পালংক ছেড়ে মেঝেতে নেমে দাঁড়ালেন। স্বামী প্রবেশ করলেন আনন্দময়ীর কক্ষে। পরনে তার সরু পাড়ের মিহি ধুতি আর জরির কাজ করা পিরান। দিনান্তে কর্ম সমাপনের পর স্নান ও এক প্রস্থ বিশ্রামের পর এ সময় বেশ সতেজ দেখাচ্ছে মধ্যবয়সী রাধেশ্যামানন্দকে। তিনি কক্ষে প্রবেশ করা মাত্রই তমালী পেছন থেকে দরজা বন্ধ করে দিল। স্বামীর কাছে এগিয়ে এসে হাঁটু মুড়ে মাটিতে বসে তার চরণে মাথা ঠেকালেন আনন্দময়ী। রাধেশ্যাম আশীর্বাদের ভঙ্গিতে তার ডান হাতটা একটু ওপরে তুললেন। প্রণাম সেরে রানী উঠে দাঁড়ানোর পর তিনি গিয়ে বসলেন পালঙ্কের কিছুটা তফাতে রাখা আরামকেদারায়। ভূস্বামীর আরাম-আয়েশের জন্য সব উপকরণ সন্ধ্যা নামার আগেই প্রস্তুত করে রাখা হয়। তিনি কেদারায় গিয়ে বসার পর আনন্দময়ী চকমকি পাথর ঘসে গড়গড়ার টিকার আগুন জ্বালাতে উদ্যত হলেন। তা দেখে রাধেশ্যাম বললেন, ‘রানী, তোমাকে কতবার বলি, দাসীকে ডেকে আগুন জ্বালাবে, কিন্তু তুমি কথা শোন না। টিকার আগুনে হাতে যদি ফোস্কা পড়ে, হাত যদি পুড়ে যায় তখন কী হবে?’

ময়নাগড়ের মহারানী প্রত্যুত্তরে বললেন, ‘গেলে যাবে। স্বামী সেবা করতে গিয়ে শুধু আমার হাত কেন, সারা অঙ্গ যদি পুড়ে খাক হয়ে যায় তবু স্বামী সেবার পুণ্যার্জন থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না।’

এ কথা বলতে বলতেই টিকা জ্বালিয়ে ফেললেন আনন্দময়ী। বার কয়েক তাতে ফুঁ দিতেই টিকার আগুন উসকে গেল। গড়গড়ার নলটা এরপর স্বামীর হাতে তুলে দিয়ে তার পায়ের সামনে বসে পড়লেন আনন্দময়ী।

গড়গড়া মুখে দিয়ে বেশ কয়েকবার টানলেন রাধেশ্যাম। তার গুড়ুক গুড়ুক শব্দ আর সুগন্ধি তামাকের গন্ধে ভরে উঠল সারা ঘর। বাহুবলেন্দ্র মুখে যাই বলুন না কেন, স্ত্রীর নিজ হস্তে তামাক প্রস্তুত করে দেয়া আর তার কথা শুনে মনে মনে খুশি হলেন তিনি। আয়েশ করে বেশ কয়েকবার তামাক টানার পর তিনি বললেন, ‘হ্যাঁ, তা বটে। স্বামী সেবায় এ বংশের রানীদের, কন্যাদের জুড়ি মেলা ভার! এমনকি স্বামী সেবায় পুণ্যার্জনের জন্য, মরণেও তার সঙ্গী হওয়ার জন্য এ বংশের কুলবধূরা আত্মাহুতি দিয়েছেন। যেমন এ বংশের প্রতিষ্ঠাতা পুরুষ গোবর্ধন সামন্তর মহারানী চন্দ্রাবতী থেকে শুরু করে আমার পিতামহী মহারানী বিষ্ণুপ্রিয়া পর্যন্ত বেশ কয়েকজন মহারানী স্বর্গেও যাতে স্বামীর পদ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন সেজন্য সোনার অঙ্গ নিয়ে স্বামীর চিতায় ঝাঁপ দিয়েছিলেন তারা।

আমার মাও হয়তো এই পুণ্যকর্ম থেকে নিজেকে বঞ্চিত করতে চাননি। কিন্তু আমার পিতা মহারাজ কৃষ্ণনাথ বাহবলেন্দ্র যখন বিষ্ণুলোকে গমন করলেন তখন আমার বয়স মাত্র সাত। আমাকে উপযুক্ত শিক্ষায় লালন-পালন করার মতো কোন বধূ বা নারী তখন এ পরিবারে ছিল না। কাজেই তখনকার নায়েবমশাই, পরিবারের পুরুষরা আর রাধেশ্যাম মন্দিরের পুরোহিতরা সবাই মিলে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেন বাহুবলেন্দ্র রাজপরিবারের উত্তরাধিকারীর ভবিষ্যতের কথা ভেবে মহারানী অর্থাৎ আমার মাকে সহমৃতা হতে দেয়া যাবে না। তবে আমার মা পুণ্যবতী নারী ছিলেন। পিতার মৃত্যুর পাঁচ বছর পর ১২ বছর বয়সে যখন আমার ময়নাগড়ের সিংহাসনে অভিষেক হলো, অর্থাৎ আমি ময়নাগড়ের জমিদারির মালিক হলাম, তার কদিনের মধ্যেই আমার মাতৃদেবী অমৃতলোকে তার স্বামীর সঙ্গে গিয়ে মিলিত হন।’— একটানা কথাগুলো বলে থামলেন বাহবলেন্দ্র রাধেশ্যামানন্দ। রানী আনন্দময়ী এবার তার পদসেবা শুরু করে বললেন, ‘আমিও যেন কোনো দিন স্বামী সেবা থেকে বঞ্চিত না হই। শেষ দিন পর্যন্ত স্বামী সেবা করে কপালে সিঁদুর নিয়ে মরতে পারি। আপনি আমাকে সেই আশীর্বাদই করুন।’

রাধেশ্যাম বারকয়েক গড়গড়ায় টান দিয়ে বললেন, “তোমার প্রতি আমার আশীর্বাদ, ভালোবাসা সবসময়ই আছে রানী। তবে কী জানো, পুণ্যাত্মা নারী হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজবাড়ির অনুশাসন মেনে চলা। ওই সব দেবীতুল্য নারীরা সেসব অনুশাসন, নিয়ম-নীতি মেনে চলেছেন। কোনো দিন তার অন্যথা হতে দেননি। তাই কোনো দিন কোনো কলঙ্ক স্পর্শ করতে পারেনি এ পরিবারের রানীদের, কন্যাদের অথবা বিধবাদের। তাই তারা প্রত্যেকেই স্বর্গবাসী হয়েছেন। আমি শুনেছি অন্য রাজপরিবার, জমিদাররা তাদের পরিবারের নারীদের বলেন, ‘বাহুবলেন্দ্র রাজপরিবারের নারীদের মতো করে নিজেদের গড়ে তোলার চেষ্টা করবে।’ যখন এসব কথা শুনি তখন গর্বে বুক ফুলে যায়। হ্যাঁ ও পরিবারের রানীদের কোনো দিন কোনো কলঙ্ক স্পর্শ করেনি আর তা ভবিষ্যতেও পারবে না।’” —এই শেষ কথাগুলো বেশ বিশ্বাসের সঙ্গে বললেন ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র।

মহারানী আনন্দময়ী এবার একটু অনুযোগের সুরে বললেন, ‘এ বাড়ির সেসব সতীলক্ষ্মী রানীদের মতো আমিও সব নিয়ম মেনে চলি। কিন্তু পতিসেবার তেমন সুযোগ তাদের মতো পাই কই? রোজ সন্ধ্যায় যার জন্য প্রতীক্ষা করে বসে থাকি, তিনি তো একদিন আসেন, তো তিনদিন আসেন না! রানী মহলের বাইরে পা রাখলে আর এ দাসীর কথা মনেই থাকে না।’

জমিদার রাধেশ্যাম তার স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, ‘মনে থাকে ঠিকই, কিন্তু কী করব বলো, শুধু কাজ আর কাজ। জমিদারি সামলানো কি চাট্টিখানি কাজ! নজর একটু অন্যদিকে সরিয়েছ কী অমনি সবাই লুটেপুটে খাবার জন্য বসে আছে। সারা দিন কাছারিবাড়িতে বসে প্রজাদের অভিযোগ শুনি অথবা নায়েব গোমস্তাদের সঙ্গে দলিল-দস্তাবেজ হিসাবপত্তর দেখি। কিন্তু তাতেও কি নিস্তার আছে! সন্ধ্যার পরও নায়েব কৃষ্ণকিশোর অথবা অন্যরা নানান পরামর্শ করতে উপস্থিত হন। অনেক সময় অনেক বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা যায় না। সেসব কথা হয় তখন। রাত হয়ে যায়।’ এ কথা বলার পর জমিদার বাবু একটু থেমে গড়গড়াতে আবার টান দিয়ে বললেন, ‘এ মুলুকের নামকরা স্যাকরা নীলমণি কর্মকারকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছি। রাধারানীর মুকুটটা নাকি ভেঙে গেছে বয়সের ভারে। তার জন্য একটা নতুন মুকুট বানাতে দেব। আর সে যখন আসছেই, তখন ভাবছি তোমাকেও

একটা হার গড়িয়ে দেব। কেমন হার পছন্দ বলো?’

আনন্দময়ী বললেন, ‘মহারাজের পছন্দই আমার পছন্দ। কিন্তু এভাবে গহনা কিনে দিয়ে আপনি আসলে আমাকে বালিকাদের মতো ভুলিয়ে রাখতে চান। যার সেবার জন্য আমি সর্বদা প্রস্তুত হয়ে থাকি, যদি আমি তার সেবাই না করতে পারি তবে ওই অলংকারের কী প্রয়োজন?’ আবারো স্বামীর প্রতি অনুযোগের সুর ফুটে উঠল ময়নাগড়ের জমিদার গিন্নির কণ্ঠে। কিন্তু মহারাজ আর এ ব্যাপারে কোনো মন্তব্য করলেন না।

মহারানী এর পর তার উদ্দেশে বললেন, ‘কতদিন হয়ে গেল মহারাজ দ্বিপ্রহরে ভোজন করতে আসেন না। কবে আসবেন বলুন? আমি নিজ হাতে মহারাজের জন্য পঞ্চব্যাঞ্জন রাঁধব। ওই সোনার হারের আমার প্রয়োজন নেই। তার চেয়ে আমি পতিসেবার সুযোগ পেতে চাই।’

রাধেশ্যাম এবারো নিরুত্তর রইলেন। আনন্দময়ী তাই তার স্বামীর মুখের দিকে তাকালেন। তিনি দেখলেন বাহুবলেন্দ্রও চেয়ে আছেন তারই দিকে। স্বামীর পদসেবা করতে গিয়ে মহারানীর বুকের কাপড় বেশ খানিকটা স্থানচ্যুত হয়ে গেছে। উন্মুক্ত হয়ে পড়েছে তার বক্ষযুগলের কিয়দ্দেশ। আর ময়নাগড়ের রাজার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে সেখানেই। মহারাজের চোখের দৃষ্টি দেখে মহারানীর মনে হলো বহুদিন পর আবার যেন মহারাজার মন অন্য রকম ভালোবাসার জন্য চঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। এ সুযোগ হাতছাড়া করতে চাইলেন না মহারানী আনন্দময়ী। স্খলিতবসনা আনন্দময়ী স্বামীর পদতল থেকে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন, পালঙ্কে চলুন। আমি আপনার সর্বাঙ্গ মর্দন করে দিই?’

রানীর বক্তব্যের অন্তর্নিহিত বক্তব্য বুঝতে অসুবিধা হলো না রাধেশ্যামানন্দের। আরামকেদারা ত্যাগ করে তিনি এগোলেন পালঙ্কের দিকে।

রাত্রির তিন প্রহরে যখন শিয়াল ডাকল, তখন বাহুবলেন্দ্র রানী মহল ছেড়ে কিছুটা হতাশভাবেই যেন নিজের মহলের দিকে রওনা হলেন।