নারী, সমুদ্র, নাবিক – ৪

স্পেনের রাজদরবারে অনুচ্চ বেদির ওপর পাশাপাশি দুটো মহার্ঘ সিংহাসনে বসেছিলেন সম্রাট ও সম্রাজ্ঞী। সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে সমান ক্ষমতার অধিকারী তাঁরা। তাই স্পেনের রাজসভাতে সম আকৃতির দুটো সিংহাসন প্রতিষ্ঠিত আছে। স্বর্ণপাতের একই অলঙ্করণ দুটি সিংহাসনেই। পার্থক্য শুধু একটাই। সিংহাসনের পৃষ্ঠভাগে মখমলের যে আচ্ছাদন আছে, সম্রাটের সিংহাসনে তার রং লাল। আর সম্রাজ্ঞী বা রানির সিংহাসনে তা নীল রঙের। সম্রাট আর সম্রাজ্ঞীর সিংহাসনের মাথার ওপর সোনার ফ্রেমে বাঁধানো আছে মাতা মেরির বিশাল এক তৈল চিত্র। আসলে তিনিই তো স্পেনের শাসক৷ তাঁকে সামনে রেখেই তো পরিচালিত হয় ক্যাথেলিক খ্রিস্টধর্মের দেশগুলোর সব কিছু। স্পেনও তার ব্যতিক্রম নয়। তাই এই ছবির উপস্থিতি। তৃতীয় একজন ব্যক্তিও এই রাজসভাতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সময় উপস্থিত থাকেন। কেউ কেউ বলেন, তাঁর ক্ষমতা নাকি রাজা-রানির চেয়ে কম নয়। শাসন পরিচালনার ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁর মতামতকে অগ্রাধিকার দেন রাজা-রানি। এমন ঘটনাও বেশ কয়েকবার ঘটেছে যে, এই তৃতীয় ব্যক্তির আপত্তির কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন রাজা-রানি।

এই ক্ষমতাবান তৃতীয় ব্যক্তি হলেন স্পেনের ক্যাথলিক চার্চগুলোর সর্বময় কর্তা ফাদার পিরোজ। খ্রিস্টধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাঁর কর্মকাণ্ডের জন্য পৃথিবীর ক্যাথেলিক ধর্ম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু, রোমের পোপ পর্যন্ত পিরোজকে সমাদর করেন। কাস্টেলো বা বর্তমানের স্পেনে যত বিধর্মী ছিল, তাদের সবাইকে ধর্মান্তরিত করে এদেশে ক্যাথেলিক গির্জার চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন তিনি। তাঁর ইচ্ছা সাধারণ জনগণের কাছে তো বটেই এমনকী রাজা-রানির কাছেও অনেকটা আদেশের মতো। ধর্ম ও রাজনীতির ক্ষেত্রে তাঁর গুরুত্ব অপরিসীম।

কাস্টেলোর রাজসভার কক্ষটি আকারে বিশাল। কিন্তু রানি বা রাজার সিংহাসন আরোহণের বর্ষপূর্তি উৎসব ইত্যাদি বিশেষ দিনগুলো ছাড়া অন্য দিনগুলোতে সভাকক্ষে অন্যদের প্রবেশের আবশ্যিকতা তেমন থাকে না। অন্য অর্থাৎ, শহরের অভিজাত সম্প্রদায় ও ধর্মযাজকরা। রাজারানির আমন্ত্রণে বিশেষ দিনগুলোতে রাজসভাতে উপস্থিত হয়ে তাঁরা সভাকে গৌরবান্বিত করেন। বাকি দিনগুলোতে সিংহাসন দুটিকে ঘিরে ভারী পর্দা টাঙিয়ে জায়গাটাকে সভাগৃহের মধ্যেই একটা কক্ষের রূপদান করা হয়। সেখানে সাক্ষাৎপ্রার্থীরা রানি বা রাজার সঙ্গে দেখা করতে আসেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পর্দা ঘেরা স্থানে বসেই রাজ্য শাসনের বিষয়ে আলোচনা করেন সম্রাজ্ঞী ও সম্রাট।

বিকাল হয়ে এসেছে। অন্যদিন দ্বিপ্রহরের পরেই সভা ভঙ্গ করে রাজা ও রানি যে যার প্রাসাদে ফিরে যান। কিন্তু আজ এই নিয়মের কিছুটা ব্যতিক্রম হল। তার কারণ, রানি যখন সভা ভঙ্গ করে উঠবেন বলে মনস্থির করেছেন, ঠিক সেই সময় সভায় এসে উপস্থিত হলেন ফাদার পিরোজ। তাঁর কথা না শুনে তো আর ওঠা যায় না। তাই সভায় বসে তাঁর কথা শুনছিলেন রাজা ও রানি।

ফাদারের কথা রানি শুনে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাঁর কথাগুলো যেন মস্তিষ্কে প্রবেশ করছিল না। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তাঁর। যদিও বাইরে থেকে দেখে তাঁর মনের ভেতরে যে ঝড় চলছে, তা বোঝার উপায় নেই। তিনি ফাদার পিরোজের কথা শুনছিলেন, আর মাঝে মাঝে মাথা নাড়ছিলেন। যাতে ফাদার মনে করেন যে রানি মন দিয়ে তাঁর কথা শুনছেন। বরং রাজা ফার্দিনান্দকে দেখে মনে হচ্ছে ফাদারের কথা শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।

প্রায় দু-ঘণ্টা সময় ধরে কথা বলছেন ফাদার পিরোজ। তিনি পরিকল্পনা করেছেন যে, স্পেনে মহা খ্রিস্টধর্ম সম্মেলনের আয়োজন করবেন। ইউরোপের ক্যাথেলিক রাজাদের আমন্ত্রণ জানানো হবে সেই অনুষ্ঠানে। এবং স্বয়ং পোপ পরিচালনা করবেন সেই ধর্ম সভা।

এই অনুষ্ঠানের পরিকল্পনার খুঁটিনাটি রাজা ও রানিকে বোঝাচ্ছিলেন ফাদার পিরোজ। এবং একই সঙ্গে এই অনুষ্ঠানের যৌক্তিকতাও তাঁদের বোঝাছিলেন তিনি। এই যেমন অতিথি আপ্যায়নের জন্য রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয়িত হবে ঠিকই, কিন্তু এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারলে স্পেনের রাজনৈতিক লাভ হবে। পর্তুগালের সঙ্গে স্পেনের যে বৈরিতা শুরু হয়েছে পোপের মধ্যস্থতায় তার অবসান হবে। আর এক্ষেত্রে পোপ যাতে স্পেনের স্বার্থ রক্ষা করেন, সে ব্যাপারটা খেয়াল রাখবেন পিরোজ।

এই ধর্ম মহাসম্মেলনের ফলে ইউরোপের ক্যাথেলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং তার ফলে স্পেনের রাজনৈতিক লাভ হবে। এমনকী ফাদার পিরোজ এমন কথাও বললেন যে, তিনি পোপের কাছে অনুরোধ জানাবেন যে, স্পেনের সম্রাটকে ‘খ্রিস্টের পরম সেবক’ বলে ঘোষণা করার জন্য। সেটা হলে ইউরোপের সব থেকে মর্যাদা সম্পন্ন ইংল্যান্ডের রাজার থেকেও বেশি মর্যাদা লাভ করবেন স্পেনের রাজা ফার্দিনান্দ। দীর্ঘক্ষণ ধরে এসব কথা রাজা-রানিকে বলার পর ফাদার পিরোজ তাঁর আসন ছেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। তিনিই স্পেনের রাজ সভার একমাত্র ব্যক্তি, যিনি দাঁড়িয়ে নয়, বসে কথা বলেন সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে।

ঠিক এই সময় প্রবেশ পথের পর্দাটা একটু ফাঁক হল। দ্বাররক্ষী প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে রাজা-রানিকে বলল, ‘একজন নাবিক জাহাজের খবর নিয়ে এসেছে।’

সঙ্গে সঙ্গে তাঁরা তিনজনেই যেন সোজা হয়ে বসলেন। ফার্দিনান্দ নিৰ্দেশ দিলেন, ‘ওকে ভেতরে পাঠাও।’

কিছুক্ষণের মধ্যেই সেই নাবিককে উপস্থিত করা হল সম্রাট আর সম্রাজ্ঞীর সামনে। তাঁর ধূলিধূসর পরিচ্ছদ আর মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ সমুদ্র পথে পাড়ি দিয়েছে। লোকটা বড় ক্লান্ত। কিন্তু কর্তব্য সম্পাদনের জন্য সে জাহাজ থেকে নেমেই রাজদরবারে ছুটে এসেছে, লোকটা রাজা-রানির সামনে টুপি খুলে অভিবাদন জানিয়ে তার আত্মপরিচয় দান করে করল, তার নাম রোজারিও। সেনাপতি বোবাডিলার নেতৃত্বে যে নৌবহর পাঠানো হয়েছিল, সেই নৌবহরের একটা ছোট জাহাজের ক্যাপ্টেন।

বোবাডিলা বন্দিকে নিয়ে যাত্রা শুরু করার পাঁচ দিন আগে রোজারিওকে তার জাহাজ নিয়ে স্পেনের উদ্দেশে রওনা করিয়ে দিয়েছিল, যাতে তাদের আগমন বার্তা আগাম পৌঁছে যায় স্পেনের রাজ সভায়। আর বন্দি ভূতপূর্ব অ্যাডমিরালের শাস্তি দানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেরে রাখতে পারেন রানি। লোকটা বলল, ‘সমুদ্রে স্পেনের অনুকুলেই বাতাস বইছে। আগামী তিনচার দিনের মধ্যেই স্পেনের বন্দরে এসে পৌঁছে যাবে সেনাপতি বোবাডিলার নৌবহর।’

লোকটার কথা শুনে রাজা ফার্দিনান্দের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি তাকালেন পাশে বসা রানির দিকে। রানির মুখ ভাবলেশহীন। কোনও অভিব্যক্তি ধরা দিচ্ছে না তাঁর মুখমণ্ডলে।

ফার্দিনান্দ জানতে চাইলেন, “তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তুমি সে স্থানে উপস্থিত ছিলে?”

রোজারিও জবাব দিল, “ছিলাম সম্রাট।”

‘গ্রেপ্তারের সময়ে সে কি বাধাদান করেছিল? কোনও সংঘাত হয়েছিল কি?’ জানতে চাইলেন রাজা।

রোজারিও বলল, “কালো বাজপাখি নামের এক রেড ইন্ডিয়ান দলপতি তার কিছু লোকজন নিয়ে সেই প্রতারকের বাসস্থান ঘিরে রেখেছিল ঠিকই, কিন্তু ইতালীয় নাবিক সম্ভবত বুঝতে পেরেছিল সেনাপতি বোবাডিলার কামানের সামনে তিরধনুকধারী রেড ইন্ডিয়ানরা খড়কুটোর মতো উড়ে যাবে। তাই সে গ্রেপ্তারের সময় বাধা দেয়নি। শুধু একবার রানির দেওয়া গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়েছিল। সেনাপতি বোবাডিলা দয়াপরবশত হয়ে সেটা দেখাবার পর তাকে গ্রেপ্তার করে শৃঙ্খলিত করেন। সান্টা মারিয়া জাহাজেই শৃঙ্খলিত অবস্থায় নিয়ে আসা হচ্ছে তাকে।”

রানি তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু শৃঙ্খলিত করার নির্দেশ দেননি। কাজটা অতি উৎসাহী সেনাপতি বোবাডিলার। কিন্তু একথা শুনে কোনও মন্তব্য করলেন না রানি। তাতে অন্যদের ধারণা হতে পারে যে রানি এখনও ওই প্রতারক বন্দির প্রতি সহানুভূতিশীল।

ফাদার পিরোজ এবার নাবিককে প্রশ্ন করলেন, “সে কি মাতা মেরির নাম নিয়ে তার কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল?’

লোকটা বলল, ‘না, তেমন কিছু দেখিনি বা শুনিনি আমি।”

এরপর রাজা ফার্দিনান্দ ও ফাদার পিরোজ আরও কিছু প্রশ্ন জিগ্যেস করলেন বন্দি সম্পর্কে, রোজারিও যে সব উত্তর দিল, তা বন্দির বিপক্ষে গেল।

তাকে শেষ প্রশ্ন করলেন সম্রাজ্ঞী, ‘মাতা মেরির নামে, সম্রাটের নামে ওই ইতালীয় নাবিককে কোনও বিরূপ মন্তব্য করতে নিজের কানে শুনেছ কি? ভেবেচিন্তে আমার প্রশ্নের জবাব দেবে।’

রানির কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু ছিল, যা শুনে যেন একটু থমকে গেল রোজারিও। তারপর সে জবাব দিল, ‘না, আমি নিজের কানে শুনিনি। তবে সবাই বলাবলি করছিল, সে নাকি রেড ইন্ডিয়ানদের মহামান্য রাজা ও রানির বিরুদ্ধে খেপিয়ে তুলছিল।’

রানি এরপর হাতের ইশারাতে লোকটাকে চলে যেতে বলল।

সে চলে যাবার পর ফাদার পিরোজ বললেন, ‘বুঝতে পারা যাচ্ছে ওই প্রতারক অতিশয় ধূর্ত ব্যক্তি। সে শুধু দেশের সঙ্গে, সম্রাট-সম্রাজ্ঞীর সঙ্গেই প্রতারণা করেনি, খ্রিস্টধর্ম, চার্চের সঙ্গেও প্রতারণা করেছে। চুক্তি ভঙ্গ করেছে। নতুন দেশগুলোর সোনা রাজকোষে জমা না দিয়ে আত্মসাৎ করেছে, নতুন দেশে খ্রিস্টধর্ম প্রচারের জন্য কোনও উদ্যোগ নেয়নি, কাউকে ধর্মান্তরিত করেনি।’

একথা বলার পর একটু থেমে তিনি বললেন, ‘আমরা সম্রাজ্ঞীর ওপর তার শাস্তিদান ও বিচারের দায়িত্ব ন্যস্ত করেছি। আশা রাখি সম্রাজ্ঞী ওই প্রতারককে কঠিনতম শাস্তিদান করে শাসন ব্যবস্থার মর্যাদা রক্ষা করবেন ও মাতা মেরির প্রতি, খ্রিস্টধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করবেন। আর-একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ইতালীয় নাবিকের ওই মানচিত্র আসলে শয়তানের মানচিত্র। ওই সান্টা মারিয়া জাহাজটা শয়তানের বাহন। ওই মানচিত্র যে রচনা করেছিল সেই প্যাগালো নামের লোকটা কিছুকাল আগে মরে গেছে। আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, সে তাঁর দেশের গির্জাতে প্রার্থনা সভাতে যোগ দিত না। ধর্মসভাতেও উপস্থিত থাকত না। অর্থাৎ আসলে সে ছিল শয়তানের উপাসক। পুড়িয়ে ফেলতে হবে ওই মানচিত্র আর সান্টা মারিয়াকে। আমার আরও একটি নিবেদন আছে, ইতালীয় নাবিকের বিচার এই রাজসভায় জনসমক্ষে করতে হবে। যাতে স্পেনের মানুষ স্বচক্ষে দেখতে পারে, কীভাবে প্রতারককে দেশের প্রতি, চার্চের প্রতি বিশ্বাসঘাতকতার জন্য কঠিনতম শাস্তিদান করা হচ্ছে।

একটানা কথা গুলো বলে থামলেন ফাদার পিরোজ। তিনি তাঁর কথাগুলো রাজা বা রানির উদ্দেশে ‘নিবেদন’ বলে উল্লেখ করলেও আসলে সেগুলি ছিল রানির প্রতি চার্চের ‘নির্দেশ’।

ফাদার পিরোজের কথা বলে ফার্দিনান্দ মন্তব্য করলেন, “ওই প্রাচীন জাহাজটাকে পুড়িয়ে দিলেই বা ক্ষতি কী? ওই জাহাজটা তো আর কোনও কাজে আসবে না।’ এ কথা বলে তিনি তাকালেন গবাক্ষের বাইরে। তাঁর মধ্যে একটা চঞ্চলতা লক্ষ করা গেল। কারণটা বুঝতে অসুবিধে হল না রানির। প্রতি বিকেলে এই সময় রাজা ফার্দিনান্দ তাঁর প্রেয়সীর প্রাসাদে যান। কোনও কোনও সময় সেখানেই রাত্রিবাস করেন। আজ সে স্থানে যেতে দেরি হয়ে যাচ্ছে। তাই তাঁর ব্যবহারে অস্থিরতা ফুটে উঠেছে। ফাদার পিরোজেরও এরপর অন্য কাজ ছিল। তাই তিনি সভাকে বিদায় জানিয়ে সেই স্থান ত্যাগ করলেন। নিজেদের সিংহাসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন রাজারানিও।

রাজসভা ত্যাগ করার সময় কোনওরূপ বাক্যালাপ হল না তাদের মধ্যে৷ রাজ্যশাসনের প্রয়োজনে যেটুকু কথাবার্তা বলার দরকার, সেটুকু ছাড়া ব্যক্তিগত ব্যাকালাপ আজকাল তাঁদের মধ্যে হয় না বললেই চলে। ফার্দিনান্দ পর-নারীতে আকৃষ্ট হবার পর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কের দূরত্ব বাড়তে বাড়তে এক অদ্ভুত শীতলতায় এসে পৌঁছেছে।

অবশ্য তাঁরা পরস্পরের সমন্ধে কোনও বিরূপ মন্তব্য করেন না। কোনও অনুষ্ঠানে অথবা গির্জার প্রার্থনা সভায় যখন তাঁরা উপস্থিত হন, রাজপরিবারের ঐতিহ্য বজায় রেখে পরস্পরের হাত ধরেই সে স্থানে যান। দুজনের মুখেও তখন হাসি লেগে থাকে। যা দেখে অন্য মানুষের বোঝার উপায় থাকে না, তাদের মনের বিস্তর ব্যবধানের কথা।

সভাগৃহের বাইরে সম্রাট ও সম্রাজ্ঞীর জন্য অশ্ব শকট প্রস্তুত ছিল। প্রস্তুত ছিল অস্ত্র ও  পতাকাবাহী রক্ষীদল ও ভৃত্যরাও। যে যার শকটে উঠে পড়লেন। তারপর রওনা হলেন আপন আপন গন্তব্যে। অথচ কোনও একটা সময় ছিল, যখন মুহূর্তের জন্যও তাঁরা কেউ কারোর সঙ্গ ত্যাগ করতেন না। তখন তাঁদের সিংহাসন, স্বর্ণমুকুট ছিল না ঠিকই, কিন্তু তাঁরা হাতে হাত ধরে ঘুরে বেড়াতেন ধূলিমাখা পায়ে অচেনা দেশের পথে পথে। রানির কখনো কখনো মনে পড়ে অতি কষ্টের, কিন্তু মধুর দিনগুলোর কথা। রাজসভাগৃহ থেকে রানির প্রাসাদে যেতে হলে বেশ খানিকটা পথ সমুদ্রের কিনারা ঘেঁষে যেতে হয়। এ অংশে অবশ্য জাহাজ নোঙর করে না। শান্ত নির্জন পাথর বাঁধানো পথ। সমুদ্রের পার ঘেঁষেই কিছুটা ওপরে অর্ধ চন্দ্রাকারে পথ এগিয়েছে রানির প্রাসাদের দিকে। বন্দরের অবস্থান অবশ্য এ জায়গার তুলনায় রানির প্রাসাদের নিকটে।

 

এ পথ বড় মনোরম লাগে রানির। ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনও শব্দ নেই ওখানে। অনেক সময় সমুদ্রের জলের ঝাপ্টা বেলাভূমিকে অতিক্রম করে ওপরে উঠে এই পথকেও ভিজিয়ে দিয়ে যায়। এ রাস্তার পথের পাশে কোনও ঘরবাড়ি নেই। তাছাড়া এ পথে রানি তাঁর বাসভবনে ফেরেন বলে রানির নিরাপত্তার কারণে বর্তমানে এ সড়কে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত। সমুদ্রের শব্দ, অশ্ব শকটের চাকার শব্দ আর অশ্বক্ষুরের শব্দ ছাড়া আর কোনও শব্দ নেই এই পথে। কিন্তু আজ যেন রানি এ পথের সুখানুভূতি অনুভব করতে পারছেন না। চিন্তাগ্রস্ত রানি তাকালেন সমুদ্রর দিকে।

বেলা পড়ে আসতে শুরু করেছে। সমুদ্রের জল যেন রানির চোখের মতো নীল বর্ণের নয়, ঈষৎ কালচে। আকাশের দিকে তাকিয়ে তার কারণটা বুঝতে পারলেন রানি। ঈশান কোণে কালো মেঘ জমতে শুরু করেছে। তারই প্রতিবিম্ব ধরা পড়েছে সমুদ্রের বুকে। বৃষ্টির পূর্বাভাষ। কয়েকদিনের মধ্যেই বৃষ্টি নামবে। রানির মনে পড়ে গেল, নাবিক যেদিন প্রথমবার সমুদ্র অভিযানে রওনা হয়েছিল, তার আগের দিন এমনই আকাশে বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টির রাত রানি কোনওদিন ভুলতে পারবেন না। পরদিন অবশ্য রৌদ্রোজ্জ্বল সকাল হয়েছিল মেঘ কেটে গিয়ে।

ইতালীয় নাবিক তার তিনটি জাহাজ নিয়ে বন্দর ছেড়ে রওনা হয়েছিল অজানার উদ্দেশে। এ পথের সঙ্গে নাবিকের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি জড়িয়ে আছে রানির মনে। সে কথাও মনে পড়ে গেল রানির। অতীত যেন ভেসে উঠল নীল নয়নার চোখের সামনে। এ সড়ক তার প্রিয় বলে সেদিন এ পথে বৈকালিক ভ্রমণে বেড়িয়ে ছিলেন সম্রাজ্ঞী। প্রফুল্ল চিত্তেই ছিলেন

তিনি।

অশ্ব শকট ধীর গতিতে চলছিল। বৈকালিক সমুদ্র শোভা প্রত্যক্ষ করছিলেন তিনি।

হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল তাঁর শকট। শকটের অগ্রভাগে অশ্বারোহী নিরাপত্তা বাহিনীর দিক থেকে একটা গোলযোগের শব্দ এল। যেন কেউ তাঁর গতি রুদ্ধ করেছে। কার এত বড় সাহস যে স্পেনের সর্বময়ী কর্ত্রীর প্রমোদ ভ্রমণে বাধা সৃষ্টি করে? রানি তাঁর শকটের সঙ্গে চলা এক সৈনিককে ঘটনা সম্পর্কে জিগ্যেস করতেই সে জানাল, এক ভিনদেশি লোক রানিকে তাঁর বক্তব্য নিবেদন করতে চাইছে। তারজন্যই অশ্বারোহী বাহিনীর গতি রুদ্ধ হয়েছে। সে লোক যদি স্পেনের কোনও অধিবাসী হতো, তবে রানি সঙ্গে সঙ্গে তাঁর এই অবিমৃশ্যকারিতা ও হঠকারিতার জন্য তাকে বন্দি করে পরদিন তিনি তার বিচার করবেন বলে নির্দেশ দিতেন। কিন্তু আগন্তুক বিদেশি বলে তার সম্পর্কে কৌতূহল জন্মাল রানির মনে। তিনি বললেন, ‘লোকটাকে আমার সামনে নিয়ে এসো। দেখি সে কী বলতে চায়?

রানির আজ্ঞা পালন করে লোকটাকে হাজির করা হল রানির সামনে। তাকে যুবকই বলা চলে। তার পরনে নাবিকদের মতো পোশাক, মুখমণ্ডলে ভদ্রোচিত ভাব আছে। অঙ্গ সৌষ্ঠব বিচার করলে সুপুরুষই বলা চলে। তার এক হাতে ধরা আছে রোল করা একটা চামড়া। যুবক তার শকটের সামনে এসে মাথার টুপি খুলে রানিকে যথাযথ মর্যাদার অভিবাদন জানিয়ে নিজের নাম উল্লেখ করে বলল, ‘আমাকে মার্জনা করবেন সম্রাজ্ঞী। আমি একজন ইতালীয় নাবিক। আপনার কাছে আমার বক্তব্য নিবেদন করার জন্য কয়েকদিন হল এ নগরীতে এসেছি। আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি রাজ সভাগৃহ ও আপনার প্রাসাদেও গিয়েছিলাম। কিন্তু দ্বাররক্ষীরা আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি। কাজেই বাধ্য হয়ে আমাকে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এ পন্থা অবলম্বন করতে হয়েছে। আমি জানি এভাবে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য, আমার শাস্তির সম্ভাবনা আছে। কিন্তু সেই শাস্তিদানের আগে একবার আমার বক্তব্য যদি আপনি শোনেন, তবে কৃতজ্ঞ থাকব। বহু আশা নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে আমি এদেশে এসেছি।’

যুবকের বাচনভঙ্গির মধ্যে এমন একটা কিছু ছিল যা আকৃষ্ট করল রানিকে। তিনি জানতে চাইলেন, “বিদেশি, তোমার কী প্রার্থনা আমার কাছে?”

ইতালীয় যুবক তার হাতে ধরা রোল করা চামড়াটা তুলে ধরে বলল, ‘এটা একটা মানচিত্র। প্রাচ্য দেশে সমুদ্রপথে যাবার মানচিত্র। আমি ইন্ডিয়া যেতে চাই। সে ব্যাপারে স্পেনের রাজদরবারের অনুগ্রহ লাভ করতে চাই। সে দেশের সম্পদ আমি তুলে দেব স্পেনের রাজকোষে।’

ইন্ডিয়া নামের দেশটার কথা ইতিপূর্বে শুনেছেন রানি। সে দেশটা নাকি সমৃদ্ধশালী বিশাল এক দেশ। সোনা তো আছেই, সব থেকে বড় কথা সেখানে নাকি হীরার খনি আছে, একবার এক বণিকের থেকে সে দেশের হীরা কিনেছিলেন রানি। স্থলপথ দিয়ে আরব বণিকদের হাত ধরে হীরা এসেছিল ইউরোপীয় বণিকদের কাছে।

রানি ভিনদেশি নাবিককে প্রশ্ন করলেন, “তোমার নিজের দেশের রাজা থাকতে আমার কাছে কেন এসেছ তুমি?”

নাবিক জবাব দিল, ‘গিয়েছিলাম রাজার কাছে। পর্তুগাল আর ইংল্যান্ডের রাজদরবারেও গিয়েছিলাম। তাঁরা কেউ আমার পরিকল্পনা শুনে বিদ্রুপ করেছেন, কেউ-বা সায় দেয়নি আমার প্রস্তাবে। সে সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়ে আমি স্পেনে এসেছি আপনার সাহায্য প্রার্থনা করতে।’

ভিনদেশি এই নাবিকের সত্য ভাষণ আকৃষ্ট করল রানিকে। অন্য কেউ হলে নির্ঘাত প্রত্যাখ্যাত হবার কথাটা এভাবে জানান দিত না। ভিনদেশি নাবিক এরপর বলল, ‘স্পেনের সম্রাজ্ঞী যদি আমার ওপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তবে তাঁর মর্যাদা রক্ষা করব আমি। এই মানচিত্র ঠিক আমাকে পৌঁছে দেবে সোনার দেশ ইন্ডিয়াতে।’ এ কথা বলে রানির প্রত্যুত্তরের আসায় তাঁর দিকে চেয়ে রইল নাবিক।

রানিও তাকালেন যুবকের মুখের দিকে, সমুদ্রর নোনা বাতাসে উড়ছে তার সোনালি চুল। দৃঢ় চিবুকে যেন জেগে আছে সংকল্পর ভাব। আর তার চোখ দুটোতে যেন জেগে আছে অনেক আশা। কেন জানি সেই মুহূর্তেই যুবককে ভালো লেগে গিয়েছিল রানির। তিনি ইতালীয় নাবিককে বলেছিলেন, “তুমি কাল রাজসভাতে উপস্থিত হয়ে তোমার বক্তব্য পেশ করো।” একথা বলার পর রানির নির্দেশে চলতে শুরু করল শকট।

সেদিন রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সারা রাত ধরে রানি স্বপ্ন দেখেছিলেন, ওই ইতালীয় নাবিকের সঙ্গে তিনি জাহাজে চেপে ভেসে চলেছেন দিক চিহ্নহীন অজানা সমুদ্রে। রানির চারপাশে শুধু এক নির্মল মুক্তির আনন্দের পরিবেশ। যেখানে রানির রাজ্য শাসনের দায় নেই, গির্জার অনুশাসনের দায় নেই, রাজ পরিবারের আভিজাত্যের শৃঙ্খল বজায় রাখার দায় নেই, সব দায়িত্বভার থেকে মুক্ত হয়ে যেন সমুদ্রে ভেসে চলেছেন তিনি। যদিও তিনি সেদিন পর্যন্ত স্বামী ফার্দিনান্দের প্রতি গভীর অনুরক্ত ছিলেন, তবুও এ স্বপ্ন সে রাতে দেখেছিলেন রানি।

পরদিনই সেই ইতালীয় নাবিক হাজির হয়েছিল স্পেনের রাজসভাতে তার মানচিত্র নিয়ে। তাকে দেখেই রানির মনে পড়ে গিয়েছিল, আগের রাতের দেখা স্বপ্নের কথা। সেই স্বপ্নের রেশ রানির মন থেকে তখনও পুরোপুরি মুছে যায়নি। সম্রাট ও সম্রাজ্ঞীকে যথাযথ অভিবাদন জানিয়ে ইতালীয় যুবক বলতে শুরু করেছিল তার কথা। রাজ পরিচালনার সঙ্গে যুক্ত অভিজাতরা ও ফাদার পিরোজ সভাতে উপস্থিত ছিলেন। নাবিক তার কথা শেষ করার পর বেশ কিছুক্ষণ ধরে রাজ পার্ষদরা প্রশ্নোত্তর চালাল নাবিকের সঙ্গে। কিন্তু তারপর পার্ষদদের কেউ মতামত দিলেন যে, নাবিকের দেওয়া চুক্তিগুলি মানা ঠিক হবে না। আবার কেউ কেউ বললেন, নাবিকের পুরো পরিকল্পনাটাই একটা অবাস্তব পরিকল্পনা। ‘ইন্ডিয়া’ নামে প্রাচ্য দেশে একটা জায়গার কথা তাঁরা শুনেছেন ঠিকই, কিন্তু অচেনা সমুদ্র পেরিয়ে সে ভূখণ্ডে যাওয়া অলীক কল্পনামাত্র। সবার কথা শুনে রাজা ফার্দিনান্দ নাবিকের পরিকল্পনা নাকচ করে দিতে যাচ্ছিলেন। কিন্তু কেন জানি নাবিকের কথা শুনে রানির মনে হয়েছিল, এই লোকটা পারবে। লোকটার মধ্যে আত্মবিশ্বাস আছে। নইলে সে কখনোই বলত না যে, তার আবিষ্কৃত দেশে তাকে গভর্নর করতে হবে। সংগৃহীত রাজস্বের এক দশমাংশ তাকে দিতে হবে। নাবিকের অভিযানের সাফল্য যদি অলীক হতো, তবে সে কখনোই এমন দাবি করত না।

রানি এতক্ষণ নাবিকের সঙ্গে অন্যদের কথোপকথন শুনছিলেন। রানির প্রশংসা করে কেউ কেউ বলেন যে, তাঁর মতো বুদ্ধিমতী, বিচক্ষণ নারী নাকি গত তিনশো বছরের ইতিহাসে ইউরোপের কোনও সিংহাসনে বসেননি। রাজা ফার্দিনান্দ যখন ভিনদেশি নাবিকের প্রস্তাব নাকচ করার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন, তখন রানি বললেন, ‘নাবিকের কাছে আমার একটা ব্যাপার জানার আছে। তার ওই মানচিত্রে প্রাচ্য দেশে যাবার জন্য যে আঁকা আছে তাতে কি শুধু ইন্ডিয়ারই অবস্থান দেখানো আছে, নাকি সেই যাত্রা পথে আরও ভূখণ্ড চিহ্নিত করা আছে?’

নাবিক বলে উঠল, ‘হ্যাঁ, হ্যাঁ। সেই যাত্রা পথের দু’পাশে আরও অনেক নামহীন ছোটবড় ভূখণ্ড আছে। যেখানে ইউরোপের মানুষের কোনওদিন পদার্পণ ঘটেনি।

রানি নাবিকের কথার জবাব শুনে স্বামীর দিকে তাকিয়ে বললেন, ‘নাবিক যদি শেষ পর্যন্ত ইন্ডিয়াতে নাও পৌঁছতে পারে তবে নিকটের ওই ভূখণ্ডতে পৌঁছতে পারলেও আমরা উপকৃত হতে পারি। তাই নাবিককে সাহায্য করা যেতে পারে।’

‘কীভাবে উপকৃত হতে পারি? রানির কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলেন স্পেনের রাজা।

বুদ্ধিমতী রানি এবার মোক্ষম একটা চাল চাললেন। তিনি বললেন, ‘ওসব দেশে সোনা যদি নাও পাওয়া যায় তবে নিশ্চয়ই মানুষ আছে। তাদের যদি খ্রিস্টধর্মে দীক্ষিত করা যায়, তবে ইউরোপের বাইরে খ্রিস্টধর্মের প্রসার ঘটবে।’

এ কথা বলে রানি ফাদার পিরোজকে প্রশ্ন করলেন, ‘আপনি কী বলেন ফাদার পিরোজ? মাতা মেরিকে, খ্রিস্টধর্মকে বিশ্বের নানান দেশে পৌঁছে দেওয়া আমাদের সকলের পবিত্র কর্তব্য নয় কি?

রানির কথা শুনে এবার নড়েচড়ে বসলেন ফাদার পিরোজ। পৃথিবীর একজন বিধর্মী মানুষকেও যদি খ্রিস্টধর্মে দীক্ষিত করা যায়, তবে সে কাজকে সবথেকে পবিত্র কাজ বলে মনে করে থাকেন তিনি। এ কাজের জন্য দিনরাত প্রাণপাত করে চলেন ফাদার পিরোজ। ধর্ম বিষয়ক যে সব কর্তব্য পালন করে থাকেন তার মধ্যে তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন এই ধর্মান্তরীকরণের ব্যাপারটাকে। সম্রাজ্ঞী যে কথা বলছেন, তার মধ্যে সম্ভবনার বীজ লুকিয়ে আছে। তাই পিরোজ কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, ‘নাবিক যদি নতুন ভূখণ্ডের মানুষদের খ্রিস্টধর্মে দীক্ষিত করে, তবে তার সমুদ্র অভিযানকে সমর্থন করা যেতে পারে।’

রানি এর পর নাবিককে প্রশ্ন করলেন, ‘এই মহৎ কাজ করার ক্ষেত্রে তোমার কোনও আপত্তি আছে?’

নাবিক মাথা নেড়ে জানিয়ে দিল তাতে তার কোনও আপত্তি নেই। রানি আর দেরি করলেন না। তিনি বললেন, ‘ঠিক আছে। পরস্পরের শর্ত মেনে নিলাম আমরা। নাবিককে অভিযানের জন্য প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে, স্পেনের রাজসভার পক্ষ থেকে। তবে তিনমাস সময় লাগবে নাবিকের সমুদ্রযাত্রার ব্যবস্থা সম্পন্ন করার জন্য।’

কথা রেখেছিলেন রানি। পূরণ করেছিলেন নাবিকের সমুদ্র অভিযানের সকল চাহিদা। ঠিক তিনমাস পরেই তিনটি জাহাজ আর একশত নাবিককে নিয়ে প্রথমবারের জন্য সমুদ্র অভিযানে রওনা হয়েছিলেন নাবিক।

আর আজ? যে ফাদার পিরোজ সেদিন নাবিকের সমুদ্র যাত্রাকে সমর্থন জানিয়েছিলেন, তিনি আজ নাবিককে কঠোর শাস্তিদানের জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন। বহু অভিযোগ নাবিকের বিরুদ্ধে। সে সব অভিযোগ স্পেনের রাজসভায় এসে জানিয়েছে নাবিকের সমুদ্র অভিযানের সহযোগী, ফাদার পিরোজের নাবিক আবিষ্কার করেছেন, সে সব দেশগুলোতে স্পেনের রাজা-রানির পরিবর্তে নিজের নামে শাসন করা, নিজেকে সে সব জায়গার রাজা বলে ঘোষণা করা, সে সব দেশ থেকে প্রাপ্ত সোনা আত্মসাৎ করা, খ্রিস্টধর্ম প্রচার না করে নতুন দেশের অধিবাসীদের খ্রিস্টধর্ম গ্রহণের ক্ষেত্রে বাধা দান করা, এই সব মারাত্মক অভিযোগ এসে উপস্থিত হয়েছে স্পেনের রাজসভায়। যে কারণে রানি, নাবিকের অ্যাডমিরাল খেতাব ফিরিয়ে নিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেনে ফিরিয়ে আনার নির্দেশ দিতে বাধ্য হয়েছেন।

সত্যি কি নাবিক বিশ্বাসঘাতকতা করেছেন স্পেনের সঙ্গে? গির্জার সঙ্গে? রানির সঙ্গে? এসব কথা ভাবতে ভাবতে রানি পৌঁছে গেলেন তাঁর প্রাসাদের সামনে। তোরণ অতিক্রম করে তিনি প্রাসাদ প্রাকারে প্রবেশ করে দেখলেন, বিকেল হতেই পুত্র ডন একজন পরিচারককে সঙ্গে নিয়ে টাট্টু ঘোড়ার পিঠে চেপে বাগানে বেড়াতে বেরিয়েছে। রানির অশ্বশকট প্রাসাদের সদর দরজার সামনে এসে দাঁড়াতেই ডনও এগিয়ে এল। রানি ঘোড়ার পিঠ থেকে নামতেই, ডনও ঘোড়ার পিঠ থেকে নামল। তারপর অভ্যাস মতো বাঁহাত দিয়ে নিজের বাঁদিকের কপাল আর কেশ স্পর্শ করে মায়ের দিকে তাকিয়ে হাসল।

মাকে বড় ভালোবাসে সে। রানি খেয়াল করেছেন, ওই কপাল সংলগ্ন চুলে হাত বোলাবার ব্যাপারটা দিনে দিনে তাঁর পুত্রের মুদ্রাদোষে পরিণত হচ্ছে। রানি ইতিপূর্বে তাকে এ কাজ করতে বারণও করেছেন। এর পেছনে একটা সঙ্গত কারণও আছে। তবে রানির বারণ খেয়াল থাকে না তার শিশু পুত্রের। চিত্তাক্লিষ্ট রানি আর আজ তাঁর পুত্রকে এ ব্যাপারে কিছু বললেন না। ডন হয়তো কোনও কারণে রানির মুখমণ্ডলের দিকে তাকিয়ে বুঝতে পারল, আজ মায়ের মন ভালো নেই। সে এসে তার ছোট দুটো হাত দিয়ে মায়ের কোমর আলিঙ্গন করল। রানি পরম মমতায় মাথা ঝুঁকিয়ে ডনের মাথায় চুম্বন করলেন। তারপর তাকে নিয়ে প্রবেশ করলেন প্রাসাদের ভিতরে।