নারী, সমুদ্র, নাবিক – ৬

রানির যখন ঘুম ভাঙল, তখন বেশ বেলা হয়ে গেছে। উৎকণ্ঠা, উত্তেজনার কারণে বলতে গেলে, বিনিদ্র রজনী যাপন করেছেন তিনি। চোখ লেগেছে শেষ রাতের দিকে। তাই তাঁর উঠতে এত বিলম্ব। কিন্তু পালঙ্কে উঠে বসে প্রথমে বাতায়নের দিকে তাকিয়ে বুঝতে পারলেন না যে বেলা হয়ে গেছে। কারণ সূর্যের তেজ নেই। তিনি ভেবেছিলেন সদ্য ভোর হয়েছে। কিন্তু বালি ঘড়ির দিকে তাকাতেই রানি আসল সময়টা বুঝতে পারলেন। তারপর পালঙ্ক থেকে নেমে বাতায়নের সামনে দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে বুঝতে পারলেন, আকাশে মেঘের পরিমাণ আরও বাড়তে শুরু করেছে। তাই সূর্যকে অমন নিষ্প্রভ লাগছে। দেখে মনে হচ্ছে যেন সদ্য ভোর হয়েছে।

রানি একবার ভাবলেন, আজ সভাতে যাবেন না। তাঁর মন ক্লান্তঅবসন্ন-বিষাদগ্রস্ত। মনকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। নাবিকের বিচারের জন্য তাঁর মানাসিক প্রস্তুতিরও প্রয়োজন। একাস্তে থাকলে মনকে ভালো ভাবে তৈরি করে নিতে পারবেন তিনি। কিন্তু এ কথা ভাবার পরই রানির মনে হল, তাঁর আজ সভায় উপস্থিত থাকা প্রয়োজন। বন্দি নাবিকের বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ খবর সভায় এসে পৌঁছতে পারে। তাছাড়া নাবিকের শাস্তিদানের বিষয়, তার প্রক্রিয়া নিয়েও ফার্দিনান্দ বা ফাদার পিরোজ তাঁদের মতামত ব্যক্ত করতে পারেন। সে ব্যাপারেও রানির অবগত হওয়া প্রয়োজন। রানি চান না তাঁর অবর্তমানে ফাদার পিরোজ, রাজা ফার্দিনান্দকে কোনও গোপন পরামর্শ দিক।

কাজেই রানি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তিনি রাজসভাতে যাবেন। পরিচারিকারা রানির সেবার জন্য প্রস্তুত হয়েই ছিল। তাদের সাহায্যে উপযুক্ত রাজকীয় পোশাকে নিজেকে সজ্জিত প্রাসাদের দ্বিতল কক্ষ থেকে নীচে নেমে এলেন।

তিনি যখন প্রাসাদের বাইরে পা রাখতে যাচ্ছেন, ঠিক তখনই ডন দুজন পরিচারকের সঙ্গে প্রাসাদে প্রবেশ করল। চার্চ থেকে ফিরছে সে। তার হাতে ধরা চামড়ায় বাঁধানো সোনার লজে লেকজা ধর্মপুস্তক।

রাজপরিবারের রীতি অনুসারে এ বয়স থেকেই রাজপরিবারের সন্তানদের নানানধরনের রীতিনীতি সহবত শিক্ষার পাঠ দেওয়া হয়। তারমধ্যে যেমন ঘোড়ায় চড়া, অস্ত্র শিক্ষার মতো বিভিন্ন রাজকীয় শিক্ষা আছে, তেমনই ক্যাথেলিক রাজপুত্রদের চার্চে গিয়ে চার্চের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান লাভ করা ও ধর্মশিক্ষা গ্রহণও আবশ্যিক। এই সব শিক্ষা ভবিষ্যতে তাদের শাসক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে।

কিছুদিন হল সে শিক্ষা গ্রহণ শুরু হয়েছে রাজকুমার ডনের। তার ধর্মশিক্ষার জন্য একজন যাজককে নির্বাচন করে দিয়েছেন ফাদার পিরোজ। ডনের ধর্মবিষয়ক প্রাথমিক পাঠ গ্রহণ সমাপ্ত হলে, সে দশ বছর অতিক্রম করলে তারপর পাঠদান করবেন স্বয়ং ফাদার পিরোজ। এমনই সিদ্ধান্ত হয়ে রয়েছে।

পুত্রকে আলিঙ্গন করে কপালে চুম্বন করলেন রানি। ডন এরপরে অভ্যাস মতো নিজের কপাল আর চুলে হাত বুলিয়ে নিয়ে ভৃত্যদের সঙ্গে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। মুহূর্তের জন্য একটা কথা মনে পড়ল রানির। মৃদু দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। অশ্ব শকটটা আর সেনাদল সম্রাজ্ঞীর জন্য প্রস্তুত হয়েই ছিল। রানি শকটে উঠে বসলেন। অশ্ব শকট ও সেনাদল তাঁকে নিয়ে প্রাসাদ ছেড়ে রওনা হয়ে গেল রাজসভার দিকে।

সূর্য তখন প্রায় মাথার ওপর উঠে গেছে। কিন্তু সে নিষ্প্রভ। রাজসভায় যাবার জন্য সমুদ্রতীরের গা বেয়ে সেই একই পথ ধরল নিরাপত্তারক্ষীবেষ্টিত রানির অশ্ব শকট।

সমুদ্রের দিকে তাকালেন রানি। আকাশে মেঘের পরিমাণ ক্রমশ বাড়ছে। তার ছায়া পড়েছে সমুদ্রের বুকে। জলের রং নীল বর্ণ থেকে কালো বর্ণ ধারণ করেছে। বৃষ্টি নামার পূর্বাভাষ। আজই বৃষ্টি নামবে। ক্রমশ কৃষ্ণবর্ণে রূপান্তরিত হওয়া সমুদ্র দেখতে দেখতে রানি একসময় পৌঁছে গেলেন রাজসভা গৃহতে।

ঠোঁটের কোণে মৃদু হাসি এনে সভাকক্ষে প্রবেশ করলেন রানি। যাতে তাঁর মনে যে ঝড় চলছে তার আভাস কেউ টের না পায়, মখমলের ভারী পর্দা ঘেরা সভাকক্ষে। বড় বড় মোমদানিতে মোমবাতি জ্বলছে। নিজের সিংহাসনে বসেছিলেন স্পেন সম্রাট ফার্দিনান্দ। কী যেন আলোচনা চলছিল তাঁর সঙ্গে ফাদার পিরোজের। সেনাপতি রিভালো-সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজকর্মচারীও উপস্থিত ছিলেন সেখানে। সম্রাজ্ঞী কক্ষে প্রবেশ করতেই ছেদ পড়ল তাঁদের কথাবার্তায়। সম্রাট ফার্দিনান্দ আর ফাদার পিরোজ ছাড়া অন্য সবাই রানির আগমনে উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানাল তাঁকে। আসন গ্রহণ করলেন রানি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর রানি জানতে চাইলেন, ‘কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছিল কি?’

ফার্দিনান্দ স্ত্রীর উদ্দেশ্য বললেন, তা বলা যেতে পারে। সম্রাজ্ঞী সভায় উপস্থিত হওয়াতে ভালো হল। সম্রাজ্ঞী ওই ইতালীয় নাবিকের যে বিচার সভা বসাবেন, তাঁকে যে শাস্তি দান করবেন সে সব বাস্তবায়িত করার ব্যাপারে আলোচনা করে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা।’

‘কী সিদ্ধান্ত?’ জানতে চাইলেন রানি।

ফাদার পিরোজ বললেন, ‘হয়তো আগামীকাল বা পরশু বন্দিকে নিয়ে বন্দরে এসে উপস্থিত হবেন সেনাপতি বোবাডিলা। বন্দি যেদিন এখানে এসে উপস্থিত হবে, তার পরদিনই তার বিচার প্রক্রিয়া ও শাস্তিদানের ব্যবস্থা সম্পন্ন করে ফেলতে হবে। লোকটা ইতালীয় নাগরিক। বলা যায় না হয়তো-বা কোনও রাজদূত এসে উপস্থিত হল তার শাস্তি রদ করার অনুরোধ জানিয়ে। এমন হতেই পারে, প্রতারক যে অর্থ আত্মসাৎ করেছে তার এক অংশ জমা পড়েছে তার নিজের দেশ ইতালির রাজকোষে। তাছাড়া লোকটা শয়তানের অনুচর। শয়তান তাকে বাঁচাবার চেষ্টা করতে পারে। যদিও মাতা মেরির আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, তবুও আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আর একটা ব্যাপার, বিচারের দিন রাজসভা উন্মুক্ত করে দেওয়া হবে। অভিজাত আর যাজকদের আমন্ত্রণ জানানো হবে সম্রাজ্ঞীর বিচার প্রত্যক্ষ করার জন্য।’

ফাদার পিরোজ এ কথাটা সম্রাজ্ঞীকে বলার পর সম্রাট ফার্দিনান্দ তাঁর সেনাপতির উদ্দেশে বললেন, “বিচার প্রক্রিয়া ও শাস্তিদান সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য আপনি কী কী ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন তা আর একবার সম্রাজ্ঞীর সামনে ব্যক্ত করুন। এ বিষয়ে সম্রাজ্ঞীর কোনও নির্দেশ থাকতে পারে।’

সম্রাটের নির্দেশ মেনে সেনাপতি রিভালো বললেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমি আজ রাত থেকেই বন্দরে সেনাবাহিনী মোতায়ন করব। জাহাজ যখন বন্দরে আসবে, তখন আমি নিজে উপস্থিত থাকব সেখানে। সম্রাজ্ঞী হয়তো জানেন যে বন্দরের নিকটেই এক স্থানে একটি পাথর নির্মিত, লোহার গারদ যুক্ত ঘর আছে। একসময় অন্য দেশ থেকে আগত বাঘ-সিংহ ইত্যাদি হিংস্র বলশালী পশুদের জাহাজ থেকে নামাবার পর ওই কক্ষে রাখা হতো। সেখান থেকে পালানোর কোনও পথ নেই। ওই কালো পাথর নিঃসৃত গৃহকেই আমি ইতিমধ্যে অস্থায়ী কারাগৃহে রূপান্তরিত করে ফেলেছি। সেখানেই শৃঙ্খলিত অবস্থায় রাখা হবে বন্দিকে। সাধারণ বন্দিশালা ওই ভয়ঙ্কর ইতালীয়র পক্ষে উপযুক্ত নয়। আর তার বিচার চলার দিন এই সভাগৃহ ও নগরীও নিরাপত্তার আবরণে মুড়ে ফেলবে সেনারা। সামান্যতম অপ্রীতিকর ঘটনা ঘটাবারও সাহস হবে না মানুষের। বিশেষত, বিদেশি নাগরিকের ওপর বিশেষ দৃষ্টিররাখবে গুপ্তচরেরা।’

এ কথা বলে বলে একটু থেমে সেনাপতি বললেন, ‘এ নগরীর সাধারণ নাগরিকরা তো আর এই সভায় প্রবেশ করে সম্রাজ্ঞীর বিচার প্রত্যক্ষ করতে পারবে না। এমন দশটি সভাগৃহকেও একত্রিত করলেও জনতার স্থান সঙ্কুলান হবে না সেখানে। কিন্তু তারা চাইছে অপরাধীর শাস্তিদানের ব্যবস্থা যেন জনসমক্ষে করা হয়। তারা স্বচক্ষে দেখতে চায় বিশ্বাসঘাতক অপরাধির শাস্তি। নাগরিকদের ওই আকাঙ্ক্ষার কথা কয়েকজন অভিজাত জানিয়েছেন আমাকে। তাদের পরিবারের সদস্যরাও সে দৃশ্য প্রত্যক্ষ করতে চান। জহ্লাদ প্রস্তুত হয়ে আছে দণ্ডাদেশ পাওয়ার জন্য। প্রধান কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আবার নাগরিকদের ইচ্ছাপূরণের জন্য বন্দর অঞ্চলে বা কোনও উদ্যানেও ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। সম্রাজ্ঞী আমাকে যে নির্দেশ দেবেন সেই মতো পালন হবে।’

সেনাপতি এমনভাবে কথাগুলো বললেন যেন, তিনি ও নগরবাসী ধরেই নিয়েছে যে সম্রাজ্ঞী নাবিকের মৃত্যুদণ্ড ঘোষণা করবেন!

রানি তাঁর কথা শোনার পর বললেন, ‘আপনি খেয়াল রাখবেন বিচারসভায় এসে পৌঁছনোর আগে পর্যন্ত ওই নাবিক যেন কোনওভাবে আক্রান্ত না হয়।’

ফাদার পিরোজ সঙ্গে সঙ্গে বললেন, ‘আমি এ ব্যাপারে সেনাপতিকে আগেই সতর্ক করে দিয়েছি। এই ঘৃণ্য ইতালীয় যেন কোনও অবস্থাতেই সম্রাজ্ঞীর বিচারকে, মাতা মেরির বিচারকে ফাঁকি না দিতে পারে। বন্দি যাতে আত্মহত্যারও কোনও সুযোগ না পায় সে জন্য দৃষ্টি রাখতে হবে তার ওপর। ইতালীয় নাবিক যে কতটা ধূর্ত, স্পেনের প্রতি যে সে কতটা বিশ্বাসঘাতকতা করেছে—এই নিয়ে এর পর বেশ খানিকটা সময় ধরে নানানরকম আলোচনা হল। সবাই যেন তাদের আলোচনার মাধ্যমে সম্রাজ্ঞীকে বুঝিয়ে দিতে চাইলেন, নাবিকের অপরাধের সাজা একমাত্র মৃত্যুদণ্ডই।

রানি কোনও মন্তব্য না করে শুনে যেতে লাগলেন সবার কথা। এক সময় হঠাৎই আলোচনা কক্ষের আলো যেন অনেকটা কমে গেল। বাতায়নের বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। তা দেখে সম্রাট ফার্দিনান্দ বললেন, “আলোচনা তবে এখানেই সমাপ্ত হল। ঝড় বৃষ্টি নামবে মনে হয়।”

সভাসদদের ঘোড়াগুলো দামি। বৃষ্টিতে ভিজলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাছাড়া যা আলোচনা হবার তা সাঙ্গ হয়েছে। তাই সবাই সম্মতি প্রকাশ করলেন। সম্রাট ফার্দিনান্দ সভা ভেঙে দেবার জন্য উঠে দাঁড়াতে গিয়েও আবার বসে পড়লেন। তারপর ফাদার পিরোজকে বললেন, ‘আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সম্রাজ্ঞীকে আমরা জানাতে ভুলে গেছি। সেটা আপনি বলুন।’

একটা কথা ফাদার পিরোজ সম্রাজ্ঞীকে জানাতে ভুলে গিয়েছিলেন। সম্রাটের কথায় ব্যাপারটা খেয়াল হল তাঁর। তিনি রানির উদ্দশে বললেন, “সম্রাট আর আমি আলোচনায় ঠিক করেছি যে রাজপুত্র ডনও বিচার সভায় থাকবে।”

কথাটা শুনে মৃদু চমকে উঠে রানি জিগ্যেস করলেন, ‘কেন? তার উপস্থিতির কী প্রয়োজন? সে তো বিচার প্রক্রিয়ায় অংশ নেবে না, কোনও সাক্ষ্যদানও করবে না।

পিরোজ বললেন, ‘তা ঠিকই। কিন্তু রাজপুত্র ডন হয়তো কোনও একদিন স্পেনের রাজসিংহাসনে বসবে, তাই তার অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়োজন, সে উপস্থিত থেকে দেখবে কীভাবে বিচার প্রক্রিয়া পরিচালিত করতে হয়? কীভাবে দেশের প্রতি, সম্রাট ও সম্রাজ্ঞীর প্রতি বিশ্বাসঘাতকের চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হচ্ছে। ভবিষ্যতে যখন সে স্পেনের সিংহাসনে আরোহণ করবে, তখন সে বাল্যকালের এই অভিজ্ঞতাকে স্মরণ করে অপরাধীদের প্রাপ্য শাস্তি দিতে দ্বিধা বোধ করবে না, তাতে দেশের, সমাজের মঙ্গল হবে। তাই বিচারের দিন তাকে আমরা এই রাজসভাতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

সম্রাট ফার্দিনান্দ মাথা নেড়ে সহমত প্রকাশ করলেন। এবারও নিশ্চুপ হয়ে রইলেন সম্রাজ্ঞী। সম্রাট একবার তাঁর দিকে তাকিয়ে নিয়ে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে সভা সমাপ্তির ইঙ্গিত দিলেন।

সভাগৃহ ত্যাগ করে রানি কিছুক্ষণের মধ্যেই রওনা হলেন নিজের প্রাসাদে ফেরার জন্য। সেই একই পথ ধরে ফিরতে লাগলেন তিনি। চারপাশের পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে। প্রবল বাতাস বইতে শুরু করেছে। কালো আকাশ, কালো সমুদ্রের জল। সেই জলরাশি সমুদ্রতট অতিক্রান্ত করে ওপরে উঠে আসতে চাইছে। বাতাসের ঝাপ্টায় মাঝে মাঝে জল ছিটকে লাগছে ঘোড়াগুলোর গায়ে। এই বদলে যাওয়া প্রকৃতি আর থমথমে অন্ধকার নেমে আসায় শকট আর রক্ষিদের ঘোড়াগুলো উত্তেজিত হয়ে মাঝে মাঝে ডেকে উঠছে। তাদের তীক্ষ্ণ হ্রেষারব মিশে যাচ্ছে সমুদ্র গর্জনের সঙ্গে। অন্তহীন সমুদ্রের কালো জলের দিকে তাকিয়ে রানি বোঝার চেষ্টা করতে লাগলেন পুত্র ডনকে বিচার সভায় উপস্থিত করার পিছনে আসল উদ্দেশ্য কী? ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা সঞ্চয়, নাকি সম্রাটের এই ইচ্ছার পেছনের অন্য কোনও ইঙ্গিত লুকিয়ে আছে?

রানি একসময় পৌঁছে গেলেন তাঁর প্রাসাদে। তিনি যখন অশ্ব শকট থেকে নেমে প্রাসাদের ভেতর পা রাখলেন, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর বুকে কেউ যেন মসি লেপে দিল। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল মাটির ওপর। রানি পরিচারকদের কাছ থেকে ডনের সম্পর্কে খবর সংগ্রহ করে নিজের কক্ষে যাওয়ার জন্য এগোলেন। যাওয়ার আগে তিনি ভৃত্যদের বলে গেলেন, তিনি না ডাকলে কেউ যেন তাঁকে বিরক্ত না করে। শুধু দস্তানাটা খুলে ফেলে পালঙ্কে শুয়ে পড়লেন তিনি। সময় এগিয়ে চলল, কিন্তু ঘুম আসল না রানির চোখে। চিন্তাক্লিষ্ট রানি হাঁসের পালকের মহার্ঘ বিছানায় এপাশ ওপাশ করতে লাগলেন।

এক সময় পালঙ্কে উঠে বসলেন রানি। বাইরে দুর্যোগের বিরাম নেই, বরং তা আরও বেড়েছে। বজ্রপাতও শুরু হয়েছে, সমুদ্রের জলোচ্ছ্বাস আর বজ্রপাতের শব্দ মিলেমিশে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হচ্ছে। তার অভিঘাতে মাঝে মাঝে কেঁপে উঠছে প্রাসাদটা। কেঁপে উঠছে রানির শয়নকক্ষে জ্বলতে থাকা মোমবাতির শিখাও। কম্পমান সেই মোমবাতির শিখার দিকে তাকিয়ে রানির মনে পড়ে গেল, এক রাতের কথা। আট বছর আগের এক রাতে এমনই এক প্রবল দুর্যোগ। শুধু বাইরের আকাশ বা সমুদ্রের নয়, রানির মনেও সেদিন নেমে এসেছিল অন্ধকার। ওইদিন সকালেই রানির হাতে এসে পৌঁছেছিল এক চিঠি। সে চিঠি স্বামী ফার্দিনান্দ লিখেছিলেন তাঁর গোপন প্রেমিকাকে। সে চিঠির ছত্রে ছত্রে ছিল সেই নারীর শরীরের বর্ণনা আর তাঁর প্রতি ফার্দিনান্দের তীব্র আকাঙ্ক্ষার কথা। সে চিঠি পড়ে রানির বুঝতে অসুবিধা হয়নি যে, ফার্দিনান্দ ইতিপূর্বে তাঁর বান্ধবীর সঙ্গে শয্যায় মিলিত হয়েছেন। নিজস্ব গুপ্তচরের মাধ্যমের স্বামী ও সেই নারীর দেহজ সম্পর্কের অকাট্য প্রমাণ পেয়ে সেদিন বিহ্বল হয়ে পড়েছিলেন। এই কক্ষেই চুপচাপ বসেছিলেন রানি। তাঁর প্রতি ফার্দিনান্দের বিশ্বাসঘাতকতার কথা ভাবতে ভাবতে কখন যে দিন কেটে গিয়ে রাত নেমেছিল, তাও খেয়াল করেননি রানি। বাইরে বৃষ্টি হয়েই চলেছিল।

সন্ধ্যা পেরিয়ে, রাত নেমেছে ঠিক সেই সময় একজন পরিচারিকা এসে সংবাদ দিল, ইতালীয় নাবিক সাক্ষাৎ করতে এসেছেন রানির সঙ্গে। রানি সন্ধ্যা নামার পর কোনও সাক্ষাৎ প্রার্থীকে দর্শন দেন না। তাছাড়া রানির মনও বেদনাগ্রস্ত ছিল। অন্য কেউ এ সময় এলে রানি নিশ্চিত তাকে ফিরিয়ে দিতেন। কিন্তু রানির খেয়াল হল পরদিন প্রত্যুষেই নৌবহর নিয়ে অজানা পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে নাবিক। সকাল বেলা ওই চিঠিটা পাবার পর থেকেই যেন সব বাহ্যজ্ঞান লুপ্ত হয়েছিল রানির। নাবিকের সমুদ্র যাত্রার ব্যাপারটা তাঁর খেয়ালই ছিল না। হয়তো নাবিক তাঁর থেকে শেষ বিদায় নিতে এসেছে। একথা ভেবে নিয়ে রানি তার পরিচারিকাকে নির্দেশ দিলেন নাবিককে এই কক্ষে পাঠিয়ে দেবার জন্য। মানসিকভাবে ক্লান্ত রানির আর নীচে নেমে নাবিকের সঙ্গে দেখা করতে ইচ্ছে হল না।

কিছুক্ষণের মধ্যেই ভারী পর্দা সরিয়ে কক্ষে আত্মপ্রকাশ করল নাবিক। রানি দাঁড়িয়ে ছিলেন বিরাট এই কক্ষের ঠিক মাঝখানে, গালিচা বিছানো মেঝের ওপর। বর্ষণ সিক্ত নাবিকের শরীর। পোশাক কিছুটা অবিন্যস্ত। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সময় অতিক্রম করেছে। রানির সঙ্গে সাক্ষাৎ করতে এলেও পোশাক পরিবর্তনের সময় পায়নি সে।

নাবিক এসে দাঁড়াল রানির সামনে। টুপি খুলে মাথা ঝুঁকিয়ে রানিকে সে প্রথমে অভিবাদন জানিয়ে বলল, “এসময় আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আপনার বেশি সময় নষ্ট করব না। আগামীকাল ভোরেই আমি রওনা হব নতুন পৃথিবীর খোঁজে। আমি রাজসভায় গিয়েছিলাম। কিন্তু সেখানে আপনার দর্শন পেলাম না। তারপর ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই এসময় আসতে হল। আমি এসেছি বিদায় নিতে। আপনাকে আমার কৃতজ্ঞতা জানাতে। আপনি সাহায্য না করলে কোনওভাবেই আমি এই সমুদ্র অভিযানে যেতে পারতাম না।”

নাবিকের কথা শুনে মৃদু হাসলেন রানি। বাইরে থেকে ভেসে আসছে বর্ষণ ও বজ্রপাতের শব্দ। রানি বললেন, ‘নাবিক তোমার অভিযানের সফলতা কামনা করি। কিন্তু যা দুর্যোগ শুরু হয়েছে, তুমি কাল যাত্রা শুরু করতে পারবে তো?’

নাবিক হেসে জবাব দিল, ‘নাবিকের জীবন মানেই তো ঝড়-ঝঞ্ঝাদুর্যোগের জীবন। সম্রাজ্ঞীর শুভেচ্ছা থাকলে সব দুর্যোগকে অতিক্রম করব আমি। সব প্রস্তুতি সম্পন্ন। নাবিকরা সবাই জাহাজে উঠে গেছে। আমিও এখন ফিরে গিয়ে সান্টা মারিয়াতে উঠব। কাল সকালেই যাত্রা শুরু করব।’

নাবিকের কথার মধ্যে তার যাত্রা শুরুর ব্যাপারে দৃঢ় প্রত্যয় ফুটে উঠল। ব্যাপারটা দেখে ভালো লাগল রানির।

রানির থেকে বিদায় নিয়ে কৃতজ্ঞতা জানানো ছাড়া এ মুহূর্তে নাবিকের কিছু বলার ছিল না। নাবিক তাই এরপর বলল, ‘সম্রাজ্ঞীর কাছ থেকে এবার… তবে আমি বিদায় নিচ্ছি।’ এ কথা বলে সে হাঁটু মুড়ে বসে পড়ল রানির সামনে।

রানি তার দক্ষিণ হস্ত নাবিকের দিকে বাড়িয়ে দিলেন, যাতে নাবিক তাঁর হস্ত চুম্বন করে বিদায় বেলায় রানির প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এটাই প্রচলিত রীতি।

কিন্তু রানির খেয়াল ছিল না দস্তানা জোড়া তিনি খুলে রেখেছেন। রানিকে স্পর্শ করল নাবিক। তারপর ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে সম্রাজ্ঞীর প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় চুম্বন করল তাঁর হীরকাঙ্গুরীয় খচিত আঙুলে। নাবিকের সে চুম্বনে কোনও কামনা ছিল না রানির প্রতি। থাকার কথাও নয়। কিন্তু নাবিকের সেই চুম্বনে হঠাৎই যেন শিহরন খেলে গিয়েছিল রানির সর্বাঙ্গে। মোমবাতিটা নিভে যাওয়ার আগে মাঝে মাঝে উজ্জ্বল আলোক ছড়াছিল। সেই আলোতে রানির দৃষ্টি পড়ল বোতাম খোলা জামার ভেতর নাবিকের ভেজা রোমশ বুকের ওপর। সেটা দেখে মুহূর্তের মধ্যেই রানির মাথার ভেতরটা কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল। চুম্বন করে নাবিক উঠে দাঁড়াতেই রানি পাগলের মতো আলিঙ্গন করে বসেছিল তাকে। ঠিক সেই মুহূর্তে মোমবাতিটা নিভে গেল। ঘরের সব শব্দ হারিয়ে গিয়েছিল মুহুর্মুহু বাজের শব্দের আড়ালে। নাবিক যখন সেদিন ও কক্ষ ত্যাগ করেছিল, তখন শেষ রাত। পরদিনই নাবিক রওনা হয়ে গিয়েছিল তার প্রথম সমুদ্র অভিযানে। নাবিক অবশ্য তারপর কোনওদিন ও কক্ষে প্রবেশ করেনি। রানিও আর কোনওদিন অন্য কোথাও একান্তে মিলিত হননি তার সঙ্গে।

আজও ঠিক সেই একইরকম রাত্রি, বাইরে প্রবল বর্ষণ আর বাজের গর্জন। একইভাবে মোমবাতির শিখা কেঁপে কেঁপে উঠছে। পালঙ্কে অস্থির হয়ে উঠে বসার পর রানির বার বার মনে পড়তে লাগল, আট বছর আগের সেই রাতের কথা। যে কথা রানি ভুলতে চেয়েও ভুলতে পারেননি। পারবেনও না কোনওদিন।

ভোরের আলো ফুটতেই উল্লাস শুরু হল নাবিকদের মধ্যে। তাদের সামনেই দেখা যাচ্ছে একটা কালো বিন্দু। ওটাই লিসবন বন্দর। নাবিক, সেনারা যখন অপরাধীকে ধরে আনার জন্য যাত্রা শুরু করেছিল, তখন তাদের অনেকের মধ্যেই সংশয় জেগে ছিল, শেষ পর্যন্ত তারা আবার বেঁচে ফিরে আসতে পারবে তো? অত দূরের পথ, ঝড়-ঝঞ্জা যুক্ত অচেনা সমুদ্র, নাবিক ও রেড ইন্ডিয়ানদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা, এসব ভাবনা মিলেমিশে নাবিকদের মনে শঙ্কার জন্ম হয়েছিল। কিন্তু মাতা মেরির কৃপাতে সব দুর্যোগকে অতিক্রম করে সফলভাবে কাজ সম্পন্ন করে দেশের মাটিতে ফিরে আসতে পেরেছে সকলে। আনন্দ তো হবেই।

গত রাতেই জাহাজের মদের পিপেগুলো নাবিকদের হাতে তুলে দিয়েছিলেন সেনাপতি বোবাডিলা। তখন থেকেই নাবিকদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে গেছিল। সারারাত তারা ডেকের ওপর উদ্দাম উল্লাস করেছে। তা এখনও অব্যাহত। কারও নেশা এখনও কাটেনি। বেহেড মাতাল হয়ে ডেকের এখানে-ওখানে গড়াগড়ি দিচ্ছে বা প্রলাপ বকছে।

আলো ফোটার পর নিজেদের কেবিন থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন, সেনাপতি ফ্রান্সিস বোবাডিলা ও ফাদার পিরোজের বিশ্বস্ত সেবক ক্যাপ্টেন ভিসেন্ট। দুজনের মুখে হাসি। জাহাজ এগিয়ে চলেছে বন্দরের দিকে। বোবাডিলার নৌবহর ছাড়াও আরও কিছু জাহাজ চোখে পড়তে শুরু করেছে। বন্দর ছেড়ে তারা অন্য দেশে বাণিজ্য করতে যাচ্ছে, অথবা গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাচ্ছে। সেসব জাহাজের নাবিকরা কেউ-বা রেলিঙে দাঁড়িয়ে অথবা মাস্তলের ওপরে উঠে দেখার চেষ্টা করছে সান্টা মারিয়াকে। তারা ইতিমধ্যে জেনে গেছে যে, ওই জাহাজে আছে এক ভয়ঙ্কর বন্দি। সম্রাজ্ঞী তার বিচার করবেন, দণ্ড দেবেন। ওই সব নাবিকদের মধ্যে কেউ কেউ হয়তো আক্ষেপও করছে, কর্তব্যের খাতিরে তাদের বন্দর ত্যাগ করতে হচ্ছে বলে। বন্দিকে শাস্তিদানের দৃশ্য দেখা থেকে তারা বঞ্চিত হবে বলে।

এক নাবিক ‘ইন্ডিয়া’ থেকে ফেরার সময় রেড ইন্ডিয়ানদের একটা ঈগল পাখির সাজ সংগ্রহ করে এনেছিল। মাতাল অবস্থায় সে সেই সাজটা মাথায় পরে ডেকের প্রধান মাস্তুলের নীচে দাঁড়িয়ে নাচতে শুরু করল। আর অন্য নাবিকরা এসেও যোগ দিল। রেড ইন্ডিয়ানরা যেমন মাথা ঝুঁকিয়ে সার বেঁধে বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচে, তেমনই তাদের উদ্দেশে ব্যঙ্গ করে নাচতে লাগল মাতাল নাবিকেরা। ভিসেন্ট আর বোবাডিলা ডেকের এককোণে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলেন সেই মজার দৃশ্য। ভিসেন্ট বোবাডিলার উদ্দেশে বললেন, ‘আমাদের বন্দি এই নাচ দেখলে বড় আনন্দ পেত। কতদিন হয়ে গেল সে, অসভ্য বর্বর রেড ইন্ডিয়ান সঙ্গীদের নাচ দেখা থেকে বঞ্চিত হয়ে আছে।’

ভিনসেন্টের কথার সমর্থনে সেনাপতি বোবাডিলা হেসে বললেন, ‘বলা যায় না, মৃত্যুদণ্ড কার্যকর হবার আগে বন্দি হয়তো এই নাচ দেখার জন্য তার শেষ ইচ্ছা জানাতে পারে সম্রাজ্ঞীর কাছে। তখন আবার এই নাবিকদের ধরে আনতে হবে, তার শেষ ইচ্ছাপূরণের জন্য।’ একথার পর তাঁরা দুজনেই বেশ খানিকটা হেসে নিল।

ভিসেন্ট এরপর বললেন, ‘আপনি যে দক্ষতার সঙ্গে শয়তানটাকে দূর দেশ থেকে বন্দি করে নিয়ে এলেন, তার জন্য নিশ্চিতভাবে সম্রাট ও সম্রাজ্ঞী পুরস্কৃত করবেন। আর্থিক পুরস্কার তো বটেই, হয়তো তাঁরা আপনাকে প্রধান সেনাধ্যক্ষর সহকারী পদেও উন্নীত করতে পারেন। এ ব্যাপারটার জন্য আমি ফাদার পিরোজকে অনুরোধ জানাব।’

তাঁর কথা শুনে বোবাডিলা বললেন, “কাজটা করতে পেরে আপনার কাছেও কৃতজ্ঞ আমি। তবে আমি একা নয়, আপনাকেও নিশ্চয়ই পুরস্কৃত করবেন, রাজা ফার্দিনান্দ আর ফাদার পিরোজ। আপনিই তো প্রথমে স্পেনে ফিরে গিয়ে ইতালীয় নাবিকের বিশ্বাসঘাতকতার কথা সর্বসমক্ষে প্রকাশ করেন। আমাকে পথ চিনিয়ে রেড ইন্ডিয়ানদের ভূখণ্ডে নিয়ে যান, শয়তানটাকে গ্রেপ্তার করে স্পেনে ফিরিয়ে আনার জন্য।”

ভিসেন্ট বললেন, “আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল যে, রেড ইন্ডিয়ান দলপতির যুবতী কন্যাকে সঙ্গে আনতে পারলাম না। বড় সুন্দর ছিল তার দেহ। আমাদের জাহাজ আসছে দেখেই সম্ভবত তারা তাকে গোপন কোনও স্থানে লুকিয়ে ফেলেছিল।”

ভিনসেন্টের কথা শুনে বোবাডিলা হেসে বললেন, ‘ও নিয়ে আর আক্ষেপ করবেন না। স্পেনে কি আর সুন্দরী কুমারী নারীর সংখ্যা কম আছে, কাউকে আপনার মনে ধরলে জানাবেন। আমার সৈনিকরা সে নারীকে আপনার কাছে পৌঁছে দেবে।’

বন্দর ক্রমশ কাছে এগিয়ে আসছে। এবার বন্দরে নোঙর করা জাহাজের মাস্তুলগুলোও চোখে পড়ছে। মাতাল নাবিকদের উদ্দাম নৃত্য একসময় শেষ হল। রেড ইন্ডিয়ানদের পালকের সাজটাকে এবার তারা ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল। ঠিক যেমন বন্দি নাবিকের স্বপ্নকে টুকরো টুকরো করে ছিড়ে ফেলেছেন ক্যাপ্টেন ডিসেন্ট আর সেনাপতি বোবাডিলা।

কিছুক্ষণের মধ্যেই তাঁরা দুজন দেখতে পেলেন, বন্দরের দিক থেকে বেশ কয়েকটা দ্রুতগামী রণতরী এগিয়ে আসছে তাঁদের দিকে। তাদের মাথায় উড়ছে স্পেনের পতাকা। জলযানগুলো আরও কাছে এগিয়ে আসবার পর একটা রণপোত দেখে সেটাকে চিনতে পারলেন দুজন। স্পেনের রাজকীয় পতাকার সঙ্গে সে জাহাজের মাস্তুলে উড়ছে সেনাবাহিনীর পতাকা। বোবাডিলা আর ভিসেন্ট বুঝতে পারলেন ওটা হল প্রধান সেনাপতি রিভালোর নৌযান। তিনি আসছেন!

বোবাডিলা সঙ্গে সঙ্গে নাবিক আর সৈন্যদের উদ্দেশে বললেন, ‘এবার সবাই থামো। যে যার নিজের জায়গায় দাঁড়াও, কাজে যাও। প্রধান সেনাপতি আসছেন। তাঁকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হও।’

প্রধান সেনাপতির নাম শুনে মাতালদেরও নেশার ঘোর কেটে গেল, নইলে তাদের শাস্তি পেতে হতে পারে। তারা যে যার নিজের কাজের জায়গায় ফিরে গেল। সেনাপতি বোবাডিলা আর ডিসেন্ট একদল সেনাকে নিয়ে ডেকের কিনারায় এসে দাঁড়ালেন, প্রধান সেনাপতিকে অভ্যর্থনা জানাবেন বলে।

বন্দরের কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়ল সান্টা মারিয়া আর তার সঙ্গী জাহাজগুলো। প্রধান সেনাপতি রিভালোও তাঁর জাহাজগুলো নিয়ে এসে থামলেন সেখানে। তাঁর প্রতিটা জাহাজেই সেনাদল ভর্তি। সূর্যের আলোতে ঝিলিক দিচ্ছে তাদের শিরোস্ত্রান আর অস্ত্র। প্রধান সেনাধ্যক্ষর জাহাজ এসে ভিড়ল সান্টা মারিয়ার গায়ে। কাঠের পাটাতন বিছানো হল দুটো জাহাজের মধ্যে। সৈন্যদের নিয়ে সান্টা মারিয়াতে উঠে এলেন প্রধান সেনাপতি রিভালো। ভিসেন্ট আর বোবাডিলা টুপি খুলে মাথা ঝুঁকিয়ে স্বাগত জানালেন তাঁকে। সান্টা মারিয়াতে বোবাডিলার যে সৈন্যরা ছিল তারা সারিবদ্ধ ভাবে সামরিক অভিবাদন জানাল প্রধান সেনাপতিকে। তিনি তাদের অভিবাদন গ্রহণ করার পর রিভালো, বোবাডিলার কাছে জানতে চাইলেন, ‘বন্দি কোথায় আছে?’

বোবাডিলা জবাব দিলেন, ‘তাকে এ জাহাজের খোলের ভিতরে এক অন্ধকার কক্ষে লোহার শিকলে বেঁধে বন্দি করে রাখা আছে, পাছে সে পালাবার জন্য কোনওভাবে সমুদ্রে ঝাঁপ দেয়। সে জন্যই ওই ব্যবস্থা করা হয়েছে।’

রিভালো বললেন, ‘উপযুক্ত কাজই করেছেন। কালকের পর আর সে ভোরের আলো দেখবে না। তবে সে যেন কোনওভাবেই সম্রাজ্ঞীর বিচারকে ফাঁকি দিতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই বন্দরে বহু জনতা উপস্থিত হয়েছে। তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে বন্দিকে কয়েদ করতে হবে, তারপর তাঁকে আগামীকাল উপস্থিত করতে হবে রাজসভাতে। এমনই নির্দেশ দিয়েছেন মহামান্য সম্রাট। এ জাহাজ আর এগোবে না। এখানেই নোঙর করা থাকবে। ফাদার পিরোজের ইচ্ছা শয়তানের এই বাহনকে পুড়িয়ে দেওয়ার। আমি আমার জাহাজে করে বন্দিকে বন্দরে নিয়ে যাব।’

একথা বলার পর বন্দি নাবিক সম্পর্কে কিছু জরুরি তথ্য অধস্তন সেনাপতির কাছ থেকে জেনে নিলেন প্রধান সেনাপতি। তারপর তিনি তাঁকে নির্দেশ দিলেন বন্দিকে ওপরে আনার জন্য। সেনাপতি বোবাডিলা কয়েকজনকে নিয়ে রওনা হলেন প্রধান সেনাপতির নির্দেশ পালনের জন্য।

সান্টা মারিয়াতে বন্দি তার শেষ রাতটা জেগেই কাটিয়েছে। ডেকে নাবিকদের চিৎকার, উল্লাসধ্বনি নাবিকের কক্ষ থেকেও শোনা গেছে। সারারাত ধরে নাবিক ভেবেছে তার অতীত জীবনের কথা, বিশেষত নীল নয়নার কথা। তারপর ভোরের আলো ফোটার পর, বাইরে তাকিয়ে সে বুঝতে পেরেছে পারস বন্দরের কাছে পৌঁছে গেছে সান্টা মারিয়া। দরজা খুলে নাবিকের কক্ষে সৈন্যদের নিয়ে প্রবেশ করলেন ফ্রান্সিস বোবাডিলা। নাবিক যেন তাঁদের আগমনের জন্য প্রস্তুত হয়েই ছিল। কক্ষে প্রবেশ করে বোবাডিলা নাবিকদের উদ্দেশে ব্যঙ্গ করে বললেন, ‘এবার গাত্রোত্থান করুন অ্যাডমিরাল। ওপরে যেতে হবে। প্রধান সেনাপতি রিভালো স্বয়ং জাহাজে এসে উপস্থিত হয়েছেন, আপনাকে বরণ করে বন্দরে নিয়ে যাবার জন্য। কী সৌভাগ্য আপনার!’

নাবিক উঠে দাঁড়াল। তার পায়ের শিকল খুলে দিয়ে হাতে আর কোমরে বেড়ি পরানো হল। তারপর তাকে নিয়ে সেই কুঠুরি ছেড়ে সবাই এগোল ওপরে ওঠার জন্য। অন্ধকার কুঠুরি ছেড়ে ডেকে উঠে, বহুদিন পর সূর্যের আলোতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যেন তার চোখ ধাঁধিয়ে গেল। বোবাডিলা আর সৈন্যরা তাকে এনে দাঁড় করাল নির্দিষ্ট স্থানে। চোখের দৃষ্টি ভালো করে ফিরে পেতেই বন্দি নাবিক দেখল, তার সামনে দাঁড়িয়ে আছেন প্রধান সেনাপতি রিভালো। প্রধান সেনাপতি বন্দির উদ্দেশে ব্যঙ্গের স্বরে বললেন, ‘সুপ্রভাত, সুস্বাগতম। পৃথিবী জয় করে স্পেনে ফিরে আসতে কোনও কষ্ট হয়নি তো আপনার? দিগ্বিজয়ী কেমন আছেন?’

নাবিক মৃদু হেসে জবাব দিল, ‘যেমন দেখছেন তেমন।’

প্রধান সেনাপতি ভালো করে তাকালেন নাবিকের দিকে। দীর্ঘদিন না কামানোর ফলে জট পড়েছে তার চুল-দাঁড়িতে। সূর্যালোক বহুদিন নাবিকের শরীরকে স্পর্শ না করায়, তার চামড়ার রং মরা মাছের মতো ফ্যাকাসে লাগছে। নাবিকের পরনে বিবর্ণ ছিন্ন পোশাক। রিভালো খেয়াল করলেন, নাবিকের জামার আড়াল থেকে উকি দিচ্ছে সেই মানচিত্র। এখনও সেটাকে বুকে লেপ্টে রেখেছে নাবিক। তারপর বললেন, ‘বিশ্বজয়ী নাবিক এখনও শয়তানের মানচিত্রটা বুকে আগলে রেখেছেন দেখছি। তবে ওই মানচিত্র আর কোনওদিন কাজে লাগবে না। কাল রাজসভায় সম্রাজ্ঞীর সামনে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। তিনি আপনার শাস্তি ঘোষণা করবেন। তারপর আপনি ওপরে চলে যাবেন। সেখানে যাবার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে। সেখানে যেতে মানচিত্রের প্রয়োজন হবে না।’

সেনাপতি রিভালোর কথায় সত্যি এবার হাসি ফুটে উঠল বন্দি নাবিকের মুখে। মনে মনে সে বলল, ‘ঈশ্বর সত্যি করুণাময়। তিনি আমার আবেদনে সাড়া দিয়েছেন। যদি মৃত্যু নেমে আসে, তবে তার আগে আমি অন্তত শেষবারের মতো দেখতে পাব সমুদ্রের মতো গভীর তাঁর নীল চোখ দুটো।’

নাবিক কী কারণে হাসল, তা রিভালোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। তবে তিনি নাবিককে হাসতে দেখে তিরস্কারের স্বরে বললেন, ‘আমার কথা শুনে তুমি হাসছ! তোমার কোনও অনুশোচনা হচ্ছে না? ভয় লাগছে না?’

নাবিক প্রধান সেনাপতির কথার কোনও জবাব দিল না। প্রধান সেনাপতিও আর তার প্রতি ঘৃণায় কোনও বাক্যালাপের প্রয়োজন বোধ করলেন না। কিছুক্ষণের মধ্যেই শৃঙ্খলিত নাবিককে সান্টা মারিয়া থেকে তোলা হল সেনাপতির নৌবহরে। নাবিক একবার শেষবারের জন্য ফিরে তাকাল সান্টা মারিয়ার দিকে। সান্টা মারিয়া যেন শুধু কাঠ আর লোহার তৈরি জলযান নয়, বন্দি নাবিকের কাছে সে যেন এক জীবন্ত মানুষ। নাবিকের অনেক সুখ-দুঃখের সাথী ওই সান্টা মারিয়া। নাবিক মৃত্যু ভয়ে বিচলিত নয়, কিন্তু সান্টা মারিয়াকে ছেড়ে যাবার সময়, নাবিকের মন সত্যিই বেদনায় ভরে উঠল।

প্রধান সেনাপতি রিভালোর নেতৃত্বে বন্দি নাবিককে নিয়ে যাত্রা করল বন্দর অভিমুখে।

স্পেনের পারস বন্দর আজ লোকে-লোকারণ্য। সারা নগরীর মানুষ যেন এসে উপস্থিত হয়েছে বন্দরে। প্রচুর সংখ্যক সেনাদলও মোতায়েন করা হয়েছে। তারা মাঝে মাঝে হটিয়ে দিচ্ছে উন্মত্ত জনতাকে। বেশ কিছু বছর আগেও একবার সারা নগরীর জনতা এসে সমবেত হয়েছিল এ বন্দরে। সেদিন ইতালীয় নাবিক তার প্রথম সমুদ্র অভিযান সাঙ্গ করে, পৃথিবীর বুকে ইউরোপের প্রথম উপনিবেশ স্থাপন করে ফিরে এসেছিল। তবে সেদিনের সঙ্গে আজকের একটা পার্থক্য আছে। স্পেনের জনতা সেদিন সমবেত হয়েছিল নতুন দেশের আবিষ্কারক, বিজয়ী-বীর এক নাবিককে সম্বর্ধনা জানাবার জন্য। তাদের হাতে ছিল পুষ্পস্তবক, কণ্ঠে ছিল নাবিকের নামে জয়ধ্বনি। কিন্তু আজ তারা সমবেত হয়েছে, বিশ্বাসঘাতকের প্রতি দু’চোখে ঘৃণা নিয়ে। অবিরাম কটুক্তি, গালি বর্ষণ করে চলেছে তারা প্রতারক নাবিকের উদ্দেশে।

নাবিককে যখন জাহাজ থেকে বন্দরে নামানো হল, তখন একদল জনতা উন্মত্ত হয়ে উঠল। তারা দাবি জানাতে থাকল, বিশ্বাসঘাতক, প্রতারক নাবিককে তাদের হাতে তুলে দেবার জন্য। জনতাই তাকে টুকরো টুকরো করে ছিড়ে ফেলুক। সেটাই তার উচিত শাস্তি হবে। কয়েকটা পাথরও উড়ে এল নাবিককে লক্ষ্য করে। কিন্তু সম্রাট ফার্দিনান্দ আর ফাদার পিরোজ সেনাপতিকে জানিয়ে দিয়েছেন যে, এই প্রতারক যেন কোনওভাবেই সম্রাজ্ঞীর শাস্তি এড়াতে না পারে। বিচার সভায় নাবিককে উপস্থিত করাতেই হবে। তাই সেনাপতি রিভালোর সৈন্যরা প্রস্তুত হয়েই ছিল। বর্শা দণ্ডের আঘাতে তারা কিছুটা তফাতে হটিয়ে দিল উম্মত্ত জনতাকে। তারপর বন্দি নাবিকের চারপাশে নিরাপত্তা বেষ্টনী রচনা করে, প্রধান সেনাপতির নেতৃত্বে তাকে নিয়ে কয়েদ ঘরের দিকে এগোল সেনাবাহিনী। জনতা কিন্তু তাদের পিছু ছাড়ল না। কিছুটা দূরত্ব বজায় রেখে, তারা অনুসরণ করল বন্দিকে নিয়ে চলা সেনাবাহিনীকে।

নাবিককে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হল জন্তু-জানোয়ার রাখার সেই প্রাচীন দুর্ভেদ্য গারদে। তার লোহার শলাকা বসানো দরজাতে তালা ঝুলিয়ে দেবার পর, এদিনের মতো নিশ্চিন্ত বোধ করলেন প্রধান সেনাপতি। বড় একটা সেনাদলকে সেখানে মোতায়েন রেখে, তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সেনাপতি রিভালো রওনা হলেন রাজসভায় খবরটা পৌঁছে দেবার জন্য।

সেনাপতি রিভালো চলে যাবার পর জনতা এসে উপস্থিত হল কয়েদ ঘরের সামনে। তবে সেনারা তাদের বেশি কাছে আসতে দিল না। কিছুটা দূর থেকে তারা দেখতে লাগল গরাদবন্দি নাবিককে। ঠিক যেমন লোকে খাঁচা বন্দি হিংস্র পশুদের দেখে, ঠিক তেমনই তাদের দৃষ্টি। দূর থেকে নাবিকের উদ্দেশে ভেসে আসতে লাগল, তাদের ঘৃণা ভরা চিৎকার আর অশ্লীল শব্দ বাণ। এভাবেই সময় এগিয়ে চলল। গরাদের ভিতর মাথা নিচু করে চুপচাপ বসে রইল নাবিক। বিকালের দিকে অবশ্য ফিরে গেল জনতার দল, পরদিন নাবিকের মৃত্যুদণ্ডের দৃশ্য প্রত্যক্ষ করার বাসনা নিয়ে।

সূর্য ডুবে গেল একসময় তারপর রাত নামল। নাবিকের কানে ভেসে আসতে লাগল সমুদ্রের গর্জন। দীর্ঘক্ষণ হাঁটু মুড়ে দু-পায়ের ফাঁকে মাথা গুঁজে বসেছিল নাবিক। এবার সে মুখ তুলে চাইল। গরাদের ফাঁক দিয়ে এক খণ্ড আকাশ দেখা যাচ্ছে। নাবিক দেখতে না পেলেও, ওই আকাশের নীচেই আছে সমুদ্র। নাবিকের মনে ভেসে উঠল সমুদ্রের নীল জলরাশির ছবি, আর গভীর নীল সমুদ্রের মতো এক জোড়া চোখ।

আজ নাবিকের বিচারের দিন। অপরাধীর বিচার করবেন স্পেন সম্রাজ্ঞী। যাঁর বুদ্ধিমত্তা, প্রশাসন পরিচালনার দক্ষতার খ্যাতি, স্পেনের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে সারা ইউরোপে। তাই রানির প্রতি আস্থাশীল স্পেনের জনগণ। অপরাধী তার কৃতকর্মের শাস্তি পাবেই, এবং তা সর্বোচ্চ শাস্তি।

ভোরের আলো ফুটতেই জনগণের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ল। বিচার সভায় সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও তাদের প্রত্যাশামতো রানির দণ্ড তাদের চোখের সামনেই কার্যকর করা হবে। সকাল হতেই একদল অতি উৎসাহী মানুষ গিয়ে উপস্থিত হল, নাবিককে যেখানে আটক রাখা হয়েছিল সে স্থানে। কিন্তু অপরাধী সে স্থানে নেই!

বন্দির প্রতি নাগরিকদের উম্মত্ত আচরণ দেখে প্রধান সেনাপতি রিভালো কোনও ঝুঁকি নিতে চাননি। ভোরের আলো ফোটার আগেই, তিনি বন্দিকে নিয়ে পৌঁছে গেছেন রাজসভা গৃহে। সেই গৃহ সংলগ্ন এক কক্ষে রাখা হয়েছে শৃঙ্খলিত বন্দিকে শেষ বিচারের জন্য। অবাঞ্ছিত কোনও ব্যক্তি যাতে বিচার সভায় প্রবেশ না করতে পারে, তাই সেনাবাহিনী ঘিরে রেখেছে সভাগৃহ।

রাজসভার অভ্যন্তরে পর্দা দিয়ে ঘেরা স্থান উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে উপস্থিত অভিজাত সম্প্রদায় ও যাজকরা সম্রাজ্ঞীর বিচার প্রত্যক্ষ করতে পারেন। তবে সিংহাসন বেদির সমান্তরালে একপাশে পর্দা দিয়ে একটা ক্ষুদ্র কক্ষের মতো স্থান রচনা করা হয়েছে। স্থানটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, সেখানে বসে বিচার প্রক্রিয়া দেখা যাবে। কিন্তু সেই ঘেরার ভেতর যে বসে আছে, তাকে সিংহাসনে বসে থাকা সম্রাট আর সম্রাজ্ঞী শুধু দেখতে পাবেন। অন্যরা নয়। সে স্থানে বসবে রাজপুত্র ডন।

প্রচলিত নিয়ম অনুসারে নিরাপত্তা ও রাজপরিবারের প্রথার কারণে নির্দিষ্ট বয়ঃক্রমের আগে রাজপুত্র ও রাজকন্যাদের সর্বসাধারণের সামনে আনা হয় না। তাই এই ব্যবস্থা।

বেলা বাড়তে শুরু করল। সভাগৃহের প্রধান তোরণদ্বার উন্মুক্ত করে দেওয়া হল আমন্ত্রিত ব্যক্তিদের জন্য। উপস্থিত হতে শুরু করলেন নগরীর গণ্যমান্য ব্যক্তি আর বিভিন্ন গির্জার যাজকরা। ফাদার পিরোজ, ক্যাপ্টেন ভিসেন্ট, ক্যাপ্টেন মার্টিন, সেনাপতি বোবাভিলা এসে পড়লেন। সভাগৃহ ভরে উঠল। সবার চোখেমুখেই প্রবল উত্তেজনার ছাপ।

সূর্য যখন ঠিক মাথার ওপর, তখন প্রায় একই সময় তিনটে অশ্ব শকট এসে উপস্থিত সভাগৃহে। দূরে দাঁড়িয়ে থাকা জনতা উল্লসিতভাবে চিৎকার করে উঠল, রক্ষী পরিবৃত্ত সেই অশ্ব শকটগুলোকে দেখে। রাজপুত্রের চারপাশে পর্দার আবরণ রচনা করে তাকে সভাস্থলে প্রবেশ করানো হল। তারপর তাকে নিয়ে গিয়ে বসানো হল তার জন্য নির্দিষ্ট ঘেরা জায়গার ভেতর রাখা ক্ষুদ্র সিংহাসনে।

কিছুক্ষণের মধ্যেই মঞ্চ সংলগ্ন তোরণ দিয়ে রাজসভায় প্রবেশ করলেন সম্রাট ও সম্রাজ্ঞী। রানির হাতে আজ রৌপ্য নির্মিত বিচার দত্ত। ওই দণ্ড জানান দিচ্ছে যে, স্পেন সম্রাজ্ঞী আজ বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। ওই দণ্ডটাই ওপরে তুলে ধরে রানি অপরাধীর শাস্তি ঘোষণা করবেন। নিজ নিজ সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন সম্রাট ও সম্রাজ্ঞী।

বিচার প্রত্যক্ষ করতে আসা ব্যক্তিরা সম্রাট ও সম্রাজ্ঞীর উদ্দেশে জয়ধ্বনি দিয়ে মাথা ঝুঁকিয়ে তাঁদের অভিবাদন জানাল। অভিবাদন গ্রহণ করে সিংহাসনে বসলেন রাজা ও রানি। বিচার দণ্ডটাকে রানি নিজের কোলের ওপর স্থাপন করলেন। সিংহাসন মঞ্চের নীচে দু’পাশে সার সার আসন পাতা। একদিকে বসে আছেন শুভ্র বসন পরিহিত যাজকরা। আর অন্যপাশে বহুমূল্য পোশাক পরা অভিজাতরা। আর এই দুই শ্রেনির আসনের মধ্যে দিয়ে একটা পথ রচনা করা হয়েছে। সে পথ দিয়ে বন্দিকে এনে দাঁড় করানো হবে সম্রাট ও সম্রাজ্ঞীর সামনে।

সবাই আসন গ্রহণ করার পর ফাদার পিরোজ উঠে দাঁড়িয়ে বললেন, ‘রানি এবার বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিন। মাতা মেরি নিশ্চয়ই প্রত্যক্ষ করবেন আমাদের বিচার সভা। তাঁর আশীর্বাদ বর্ষিত হোক সম্রাট ও সম্রাজ্ঞীর ওপর।’

রানি মাথা নেড়ে সম্মতি দিলেন।

ফাদার পিরোজ সবকিছু আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। প্রথমে অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্যদান করতে উঠলেন নাবিকের নৌ অভিযানের সহযোগী ভিসেন্ট। বেশ কিছুক্ষণ ধরে তিনি সবিস্তারে বললেন, কীভাবে ওই ইতালীয় নাবিক স্পেনের সঙ্গে, সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে, ক্যাথেলিক ধর্মের সঙ্গে প্রতারণা করেছে, সম্পদ আত্মসাৎ করেছে, স্পেনীয় নাবিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদিও সে তার বক্তব্যর সমর্থনে কোনও প্রমাণ উপস্থাপিত করল না।

ক্যাপ্টেন ভিসেন্টের পর ক্যাপ্টেন মার্টিন। তাঁর বক্তব্যেও প্রতিধ্বনিত হল ভিসেন্টের কথাই। সেনাপতি বোবাডিলা জানালেন, প্রতারক, শয়তানের অনুচর ইতালীয় নাবিক গ্রেপ্তার হবার পর একবারের জন্যেও সম্রাট ও সম্রাজ্ঞী, সর্বোপরি মাতা মেরির কাছে ক্ষমা-ভিক্ষার কথা বলেনি।

বোবাডিলার কথার পর একে একে নাবিকের বিরুদ্ধে সাক্ষ্য দান করতে উঠল বেশ কয়েকজন নাবিক। যারা একদা বিভিন্ন গর্হিত কাজের অভিযোগে জেলবন্দি ছিল ও নাবিকের অভিযানে সঙ্গী হওয়ার শর্তে তাদের মুক্তি দিয়েছিলেন সম্রাজ্ঞী। তারা বিচার সভাকে জানাতে থাকল কীভাবে ইতালীয় নাবিকের প্ররোচনায় তারা নিগ্রহ হয়েছে, সঙ্গীদের হারিয়েছে রেড ইন্ডিয়ানদের দ্বারা।

কোনও মন্তব্য না করে ভাবলেশহীন মুখে সবার কথা শুনে যেতে লাগলেন রানি।

এক সময় সাক্ষীদের বক্তব্য শেষ হল। ফাদার পিরোজ এরপর বললেন, ‘সম্রাজ্ঞীর অনুমতি মিললে এবার তবে বন্দিকে বিচার সভায় আনা হোক। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো জানিয়ে তার দণ্ড ঘোষণা করা হোক?’

রানি এবার মাথাটা ঝুঁকিয়ে সম্মতিদান করলেন ফাদার পিরোজের কথায়।

কিছুক্ষণের মধ্যেই শৃঙ্খলিত অপরাধীকে নিয়ে বিচার সভায় প্রবেশ করলেন প্রধান সেনাপতি রিভালো। তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়েছে। যাতে মৃত্যুদণ্ড শোনার পর সে হাতজোড় করে মাতা মেরির কাছে এ জন্মের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে। মৃত্যুর আগে অপরাধীকে এটুকু সুযোগদানের ব্যবস্থা করা হয়েছে ফাদার পিরোজের নির্দেশে। তবে তার কোমরে লৌহ শৃঙ্খল পরানো। তার প্রতি ঘৃণা বর্ষিত হতে লাগল সবার চোখে। হ্যাঁ, মৃত্যুদণ্ডই এই ঘৃণ্য অপরাধীর একমাত্র শাস্তি।

নাবিককে এনে দাঁড় করানো হল সম্রাট ও সম্রাজ্ঞীর সামনে। তাকে দেখে মনে মনে চমকে উঠলেন রানি। সুপুরুষ নাবিকের চেহারাটা যেন আজ কঙ্কালে পরিণত হয়েছে। তবে তার চোখ দুটো যেন আজও একইরকম উজ্জ্বল।

বন্দি নাবিক প্রথমে হাঁটু মুড়ে বসে মাথা ঝুঁকিয়ে সম্রাট ও সম্রাজ্ঞীকে অভিবাদন জানাল। শিকলের ঝন ঝন শব্দ হল। তারপর উঠে দাঁড়াল সে।

ফাদার পিরোজ বললেন, ‘দণ্ডাদেশ ঘোষণার আগে বিচার প্রক্রিয়ার নিয়ম অনুসারে অপরাধীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তা তাকে শুনিয়ে দেওয়া হোক।”

সম্রাট ফার্দিনান্দ ফাদারের কথায় সম্মতি প্রকাশ করে একজন পার্ষদকে সেকথা জানিয়ে দিতে বললেন।

অভিযোগ পত্র প্রস্তুত করাই ছিল। সেটা পাঠ করে তা শুনিয়ে দিল। সম্রাট ফার্দিনান্দ বিচার সভার রীতি মেনে অপরাধীকে প্রশ্ন করলেন, ‘তোমার কোনও বক্তব্য আছে?’

জবাব দিল,’ আমি কোনও অপরাধ করিনি।’

ফাদার পিরোজ বন্দিকে বললেন, “যাতে তোমার আত্মা নরকবাস না করে সেজন্য কি তুমি ক্ষমা প্রার্থনা করতে চাও মাতা মেরির কাছে?’

বন্দি নাবিক নাবিক জবাব দিল, ‘আমি কোনও অন্যায় করিনি।’

এবার সম্রাজ্ঞী তাঁকে বললেন, ‘তুমি কি বিশ্বাসঘাতকতা করোনি স্পেনের রাজসভার সঙ্গে? জনগণের সঙ্গে, চার্চের সঙ্গে?’

“না, না, না, আমি স্পেনের সঙ্গে, চার্চের সঙ্গে, সর্বোপরি সম্রাজ্ঞীর সঙ্গে কোনও বিশ্বাসঘাতকতা করিনি।” এ কথাগুলো দৃপ্তকণ্ঠে বলে উঠল ইতালীয় নাবিক।

নাবিক তিনবার তার সম্পর্কে ওঠা অভিযোগ অস্বীকার করায়, ক্ষমাভিক্ষা না চাওয়াতে ফাদার পিরোজ বললেন, ‘বোঝাই যাচ্ছে নাবিকের মনে তার কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা নেই। সর্বোচ্চ শাস্তি তার প্রাপ্য। সম্রাজ্ঞী এবার তবে নাবিকের শাস্তি ঘোষণা করুন।’

সভাতে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। এবার শাস্তি ঘোষণা করবেন রানি। তিনি সভার স্থলে উপস্থিত ব্যক্তিদের মুখগুলোর দিকে একবার তাকালেন। সবাই চেয়ে আছে রানির দিকে। আর এর পরই রানির চোখ পড়ল, মখমলের পর্দার আড়ালে থাকা বালক পুত্রের দিকে। উত্তেজনায় সে তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সে রানির দিকে তাকিয়ে অভ্যাস মতো তার বাম হাতটা একবার নিজের কপাল সংলগ্ন চুলে  পরমুহূর্তেই তাকালেন বন্দি নাবিকের দিকে৷ নাবিকও চেয়ে আছে রানির দিকে তাঁর দণ্ডাদেশ শোনার জন্য।

 

বন্দি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে দেখতে পাচ্ছে না রাজপুত্রকে। সে জানেও না ডনের উপস্থিতির কথা। কিন্তু রানি যেই মুহূর্তে বন্দির দিকে তাকালেন, বন্দিও ডনের মতো একই কাজ করল। দণ্ডাদেশ শোনার আগে বাম হাতটা একবার নিজের বাম কপাল সংলগ্ন চুলে বুলিয়ে নিল। এটা নাবিকের বহুদিনের অভ্যাস বা মুদ্রাদোষ। এর পরই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন রানি। বিচার দণ্ডটা তিনি তুলে ধরে উচ্চকণ্ঠে বললেন, ‘বন্দি নাবিকের বিরুদ্ধে বহু অভিযোগ উত্থিত হলেও, অভিযোগের স্বপক্ষে কেউ কোনও নির্দিষ্ট প্রমাণ উপস্থিত করতে পারেনি। তাই আমি স্পেন সম্রাজ্ঞী ইসাবেলা ঘোষণা করছি যে নাবিক নির্দোষ। তাকে তার সব খেতাব ফিরিয়ে দেওয়া হল। উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হল ইতালীয় নাবিক, নতুন পৃথিবীর আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসকে।’

লেখকের নিবেদন : স্পেন সম্রাজ্ঞী ইসাবেলাকে বলা হতো তাঁর সময়কাল থেকে পূর্ববর্তী তিনশো বছর সময় কালের মধ্যে সারা ইউরোপের শ্রেষ্ঠ সম্রাজ্ঞী, একটা ছোট্ট রাজ্যকে তিনি নিজের বুদ্ধিমত্তা, সাহস ও পরিশ্রম দিয়ে অখণ্ড স্পেন সাম্রাজ্যে পরিণত করেছিলেন। কলম্বাসের নতুন দেশ আবিষ্কারের স্বপ্ন অধরাই থেকে যেত, যদি তিনি তাঁর দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন।

বন্দিত এই নারী আবার নিন্দিতও হয়ে আছেন তাঁর গ্রানাডা অভিযানের জন্য। অন্য ধর্মের মানুষদের ক্যাথেলিক চার্চ কর্তৃক বলপূর্বক ধর্মান্তকরণের কাজে বাধা না দেওয়ার জন্য। ঠিক যেমন অসীম সাহসী নাবিক কলম্বাস ও নিন্দিত হন কিছু মানুষের কাছে। তাঁর হাত ধরেই ইউরোপ উপনিবেশবাদের সূচনা করে।

পরবর্তীকালে ইউরোপের উপনিবেশগুলো হয়ে ওঠে শোষন ও লুণ্ঠনের স্থল। কোনও কোনও ঐতিহাসিক তাঁদের রচনায় এমন ইঙ্গিত দেন যে, স্পেন সম্রাজ্ঞী ইসাবেলা ও ইতালীয় নাবিক কলম্বাসের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছিল। যার ফলে জন্ম হয় ডনের। তাঁদের ওই ইঙ্গিতই এই উপন্যাসের ভিত্তি রচনা করেছে। ফার্দিনান্দ নাকি অনুমান করতে পেরেছিলেন ব্যাপারটা। যে কারণে তিনি তাঁর মৃত্যুর আগে ডনকে তাঁর সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করে যাননি। ফার্দিনান্দের মৃত্যুর পূর্বেই মৃত্যু হয় রানি ইসাবেলার। ১৫০৪ খ্রিস্টাব্দে ৫৩ বছর বয়সে ইসাবেলার মৃত্যুর পরেই নাবিক কলম্বাসের অ্যাডমিরাল খেতাবের জন্য সরকারি ভাতা ও সুযোগ সুবিধা বন্ধ করে দেন রাজা ফার্দিনান্দ।

রানি ইসাবেলার স্মৃতিবিজড়িত স্পেন ছেড়ে কলম্বাস আর ইতালিতে ফিরে যাননি। রানির মৃত্যুর দু-বছর পর ১৫০৬ খ্রিস্টাব্দে ভ্যালাডোলিভ নামে স্পেনের এক ছোট্ট শহরে প্রায় কপর্দকহীন অবস্থায় মৃত্যু হয় বহু নতুন ভূখণ্ডের আবিষ্কর্তা দুঃসাহসী নাবিক ক্রিস্টোফার কলম্বাসের। তবে তিনি যে দেশকে প্রাচ্য দেশ ইন্ডিয়া বলে ভেবেছিলেন তা আসলে ‘ইন্ডিয়া’ ছিল না৷ তবে অবশ্যই সেটা ছিল একটা নতুন মহাদেশ।

কলম্বাসের মৃত্যুর কিছুদিনের মধ্যেই আমেরিগো ভেসপুচি নামক আর এক ইতালীয় নাবিক রেড ইন্ডিয়ানদের সেই ভূখণ্ডে পদার্পণ করেছেন বলে একটি মানচিত্র ও তাঁর ভ্রমণ বৃত্তান্ত প্রকাশ করেন। তিনি বলেন ওই দেশটি সত্যি একটা নতুন মহাদেশের অংশ। সেখানকার অধিবাসীদের কলম্বাসের দেওয়া ‘রেড ইন্ডিয়ান’ নামটি রয়ে যায়। তবে ভেসপুচির কৃতিত্বকে স্বীকার করে নিয়ে পরবর্তীকালে সেই নতুন মহাদেশের নামকরণ করা হয়— আমেরিকা।