মহারানী আনন্দময়ী ঘর ছেড়ে শ্বেত পাথর বিছানো অলিন্দে এসে দাঁড়ালেন। শূন্য অলিন্দ। বিকাল হয়ে এসেছে। দাসীরা এ সময় একটু জিরিয়ে নেয় দ্বিতল এই মহিলা মহলের নিভৃত স্থানগুলোয়। তাই এখন অলিন্দে কেউ নেই। কাঠের সুদৃশ্য কারুকাজ করা জাফরি বসানো আছে অলিন্দের এক পাশে নারীদের আব্রু রক্ষা করার জন্য। যদিও এ জাফরির বিশেষ দরকার ছিল না। কারণ, এ ময়নাগড় প্রাসাদ বা রাজবাড়িতে গোপনে এসে উঁকি দেয়া এক অসম্ভব ব্যাপার। অমন যে দুর্ধর্ষ বর্গিরা, তার আগে দুর্দমনীয় স্বামী ইছাই ঘোষ, কত লোকই তো হাজার বছর ধরে চেষ্টা করেছে অতর্কিতে ময়নাগড়ে হানা দেবার, কিন্তু কেউই পারেননি তারা। এর প্রধান কারণ হলো এ রাজবাড়ির অবস্থান। দ্বীপের মধ্যে দ্বীপ, তার মধ্যে ময়নাগড়। এ রাজবাড়ির চারপাশ ঘিরে যে জলাশয় রয়েছে তার নাম কালীদহ। আসলে কালীদহ একটি সুগভীর-সুদীর্ঘ পরিখা। তাকে বেষ্টন করে দ্বিতীয় পরিখাটি হলো মাকড়দহ আর শেষ পরিখার নাম কর্নদহ।
এ পরিখাগুলোয় কুমির ও সর্পকুল আছে যা নিরাপত্তা প্রদান করে ময়নাগড়কে। তাছাড়া প্রাসাদ প্রাকারের গায়ে রয়েছে দুর্ভেদ্য কাটা বাঁশবন। জমিদারবাড়ির ছাদে সর্বক্ষণ থাকা রক্ষীরা তো আছেই। এতসব ভয়ংকর বিপদ এড়িয়ে প্রাসাদের রানী মহল বা মহিলা মহলের কাছে আসা সম্ভব নয় কারোরই। তবুও এ জাফরির আচ্ছাদন আছে। কারণ বাহুবলেন্দ্র রাজপরিবারের নারীদের আব্রু রক্ষার অনুশাসন খুব কড়া। বংশপরম্পরায় এমনটাই চলে আসছে। অন্যথা হওয়ার জো নেই।
জাফরির গায়ে এক জায়গায় একটা ছোট জানলা মতো আছে। তার পরিসরও খুব ক্ষুদ্র। শুধু তা দিয়ে বাইরে তাকানো যায়। আর হাত বাড়িয়ে দ্বিতল এই অলিন্দ থেকে কিছু ছুঁড়ে দেয়া যায় কালীদহের জলে। প্রাচীন প্রাসাদ ময়নাগড়। শত্রুদের, অপাক্তেয় মানুষদের প্রতিহত করার জন্য এ প্রাসাদের গঠনে, নানান জায়গায় নানান গোপন কারিগরি আছে। আনন্দময়ী শুনেছেন, জাফরির গায়ে ওই সব গবাক্ষ দিয়ে নাকি কুমিরকূলের উদ্দেশে মাংস নিক্ষেপ করা হতো, যাতে তারা খাবারের সন্ধানে ওই প্রাসাদ বা বিশাল জমিদার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। প্রাসাদের এ অংশ কয়েক পুরুষ ধরে রানীমহল-মহিলা মহল হিসেবে ব্যবহার করার কারণে অবশ্য রক্ষী-পাইকরা বর্তমানে ছাদ থেকেই মাংস নিক্ষেপ করে জলে। এখনো অনেক কুমির আছে পরিখাতে।
আনন্দময়ীর সেই ক্ষুদ্র গবাক্ষ উন্মুক্ত করলেন। তার চোখের সামনে বিশাল কালীদহ। তা যেন পরিখা নয় ঝিল। এতটাই তার বিস্তৃতি। বেশ অনেকটা এগিয়ে সে বাঁক নিয়ে এগিয়েছে কলাবতীর দিকে। আনন্দময়ী প্রাসাদের এক প্রান্তে যে স্থানে দাঁড়িয়ে তার কিছুটা তফাতে পদ্মবন। পানকৌড়ি ডুব দিচ্ছে তার আশপাশে। বিকাল হয়ে এসেছে, রোদের তেজ বেশ কিছুটা কমে এসেছে। বাইরে বেশ মনোরম পরিবেশ। পদ্মকুড়ির মাথার ওপর ঘুরে বেড়াচ্ছে ভ্রমরের ঝাঁক। তাদের অস্পষ্ট গুঞ্জনধ্বনি যেন শুনতে পাচ্ছেন রানী আনন্দময়ী। তবে আপাতদৃষ্টিতে ওই পদ্মবনকে যতটা সুন্দর মনে হচ্ছে, তা নয়। ওর মৃণালে পদ্ম গোখরো লুকিয়ে থাকে। এই তো কিছুদিন আগেই একজন পদ্মবনে পূজার ফুল তুলতে গিয়ে সাপের ছোবলে মারা গেল। আগেও অনেকে গেছে।
আনন্দময়ীর দৃষ্টি কালীদহের বুকে যতদূর যাচ্ছে সেটাই তার পৃথিবী। অর্থাৎ চোখে দেখা পৃথিবী। রাজবাড়ির অন্তঃপুরের মহিলাদের নৌকা বিহারের জন্য এ মহিলা মহল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি নেই। এ বাড়ির কন্যারা বিবাহের পর পর্দাঢাকা বজরায় স্বামীর ঘরে রওনা হয়। তারপর এ বাড়িতে ফিরে আসার রেওয়াজ খুব একটা নেই। জমিদারবাড়ির আত্মীয় পুরুষরা বৎসরান্তে তাদের শ্বশুর গৃহে গিয়ে তাদের খোঁজ নিয়ে আসে। বাইরের পৃথিবীতে গিয়ে এ বাড়ির কন্যারা মুক্তির স্বাদ পায় কিনা তা ততটা জানা যায় না।
কিন্তু এই ময়নাগড় প্রাসাদে যারা বধূ হয়ে আসে তাদের গতিবিধি এ মহল ও কুলদেবতা রাধেশ্যামজিউর মন্দির পর্যন্ত সীমাবদ্ধ। এবং সে মন্দিরেও নির্দিষ্ট পথ ধরে সবার অলক্ষে বধূ শুধু নির্দিষ্ট সময়েই যেতে পারে। যারা এই প্রাসাদে রানী বা মহারানী অর্থাৎ জমিদার বংশের পত্নী হয়ে আসে তাদের এ প্রাসাদে প্রবেশ করানোর আগে বজরা থেকে পালকি করে নামিয়ে তারপর পালকিসহ চোবানো হয় কালীদহের জলে। এভাবেই হয়তো বা তাদের অতীতকে ধুয়ে ফেলা হয় কালীদহের জলে। তারপর তাদের প্রবেশ করানো হয় এ মহলে। এ মহল থেকে তারপর সে নারীদের আর বাইরে যাওয়ার উপায় থাকে না। একবারই এরপর তাদের বাইরে যাওয়ার সুযোগ ঘটে। যখন তাদের কালীদহের বুকে একটা ছোট দ্বীপের মতন জায়গায় অবস্থিত বাহবলেন্দ্র জমিদারকুলের পারিবারিক শ্মশানে নিয়ে যাওয়া হয়।
মহারানী আনন্দময়ীর জীবনেও এর ব্যতিক্রম ঘটার কোনো সম্ভাবনা নেই। মহারানী আনন্দময়ীর বয়স ত্রিশ, গত পনেরো বছর ধরে তারও পৃথিবী বলতে এই রানী মহল আর সামনের দৃশ্যপট। সেদিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন তিনি। চেষ্টা করতে লাগলেন কোথাও কিছু দেখা যায় কিনা? কার্তিক মাস পড়ে গেছে, দিন এখন ছোট। দ্রুত বিকাল শেষ হয়ে গিয়ে সন্ধ্যা নামতে শুরু করছে আজকাল। না, কালীদহের কোথাও কাউকে দেখতে পেলেন না তিনি। হঠাৎ তার খেয়াল হলো সকালে দেখা সেই বজরাটার কথা। আনন্দময়ী তখন স্নান সেরে এসে দাঁড়িয়েছিলেন এই গবাক্ষের সামনে। ঠিক সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন বজরাটাকে, ভিনদেশী বজরা। বেশ কয়েকজন পাইক ছিল তার ছাদে। তবে তার ভেতর কে বা কারা আছেন তা দেখতে পাননি রানী। বাঁকের দিক থেকে এসে বজরাটা হারিয়ে গেছিল আনন্দময়ীর চোখের আড়ালে বার মহলের ঘাটের দিকে। ঘটনাটা মনে পড়ার পর রানী বেশ কিছুক্ষণ অনুমান করার চেষ্টা করতে লাগলেন কে আসতে পারে ওই বজরায়? কিন্তু কোনো সূত্র ছাড়া কোনো বিষয়ে অনুমান বা সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাই রানীও বুঝতে পারলেন না কে ছিল ওই তরীতে।
এক সময় কৌতূহলী রানীর মনে হলো সৌদামিনী কি এ সম্পর্কে কিছু বলতে পারবে? বাগদী বউরা তো কাঠ দিয়ে যায় তাকে। তাদের মুখ থেকে সে কিছু জেনেছে? ওই বাগদী বউদের মুখ থেকে মাঝে মাঝে বহিঃপৃথিবীর অর্থাৎ এই রানী মহলের বাইরে কিছু খবর সংগ্রহ করে সৌদামিনী। তার মাধ্যমে সেসব খবর কখনো কখনো কানে আসে আনন্দময়ীর। নিজ মুখে দাসীদের কাছ থেকে মহলের বাইরের খবর সংগ্রহ করতে সংকোচ বোধ হয় আনন্দময়ীর। তার স্বামী হলেন এই ময়নাগড়ের বর্তমান জমিদার রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র, আর আনন্দময়ী তার মহারানী। দাসীদের সামনে স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রাখতে হয় তাকে।
সৌদামিনীর কথা মনে পড়তেই আনন্দময়ী এরপর রওনা হলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সৌদামিনী সম্পর্কে আনন্দময়ীর দেবরানী। রাজা রাধেশ্যামানন্দর প্রয়াত ভ্রাতা গোবিন্দশ্যামানন্দর স্ত্রী। তবে এ বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই কপাল পোড়ে সে মাগীর। সন্ন্যাস রোগে প্রয়াত হয় তার স্বামী। সৌদামিনীর বয়স তখন ছিল বারো, বর্তমানে সে উনিশ। রানী মহলের একতলার শেষ প্রান্তে যেখান দিয়ে দাসীরা এ মহলে প্রবেশ করে তারই এক পাশের একটা ঘরে বাস করে সে। তবে তার জন্য কোনো দাসী বরাদ্দ নেই।
বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে এক তলার অলিন্দে নেমে এলেন আনন্দময়ী। দ্বিতলের মতো একই প্রকার রানী মহলের একতলাটাও। বারান্দার এক দিকে যার যার ঘর আর অন্য পাশে বড় বড় থামের সঙ্গে সংযুক্ত কাঠের জাফরির আচ্ছাদন। তবে একতলার এ বারান্দার দুই পাশে দুটি দরজা আছে। একটা দরজা, যেখান দিয়ে দাসী, পরিচারিকা ইত্যাদি নিম্নবর্গীয়া স্ত্রীলোকরা এ স্থানে প্রবেশ করে। আর অন্য প্রান্তে আছে আর একটি দরজা। সে দরজা দেখতে অনেকটা লোহার পাত বসানো নিশ্ছিদ্র দরজার মতন। রেশমের ভারী পর্দাও ঝোলানো আছে তার গায়ে। ওই দরজাকে বলা যেতে পারে নিষিদ্ধ দরজা। ওর ওপাশে বার মহল। যেখানে প্রবেশের অধিকার নেই রানী মহলের বাসিন্দাদের। ওই দরজা দিয়ে বার মহল থেকে অন্দর মহলে প্রবেশ করেন মহারাজ রাধেশ্যামানন্দ ও তার দু-তিন জন জ্ঞাতি ভ্রাতা যাদের স্ত্রীরা মহলের ওই একতলার কক্ষে থাকে। তবে মহলের দ্বিতল কেবল মাত্রই মহারানীর জন্য নির্ধারিত। সে স্থানে জমিদার রাধেশ্যামানন্দ ছাড়া অন্য কোনো পুরুষের যাওয়ার অধিকার নেই।
অলিন্দে নেমে একবার বার মহলের সঙ্গে সংযোগকারী দরজার দিকে তাকালেন আনন্দময়ী। তা আগের মতোই বন্ধ ও পর্দা আচ্ছাদিত। ওপাশের পৃথিবীতে কী ঘটছে তা এ পাশ থেকে জানার কোনো উপায়ই নেই। এমনকি দরজার গায়ের লোহার পাতের আচ্ছাদন এত পুরু যে ওপাশের অর্থাৎ বার মহলের কোনো শব্দও রানী মহলের অলিন্দে প্রবেশ করে না। রানী মহল থেকে বাইরে যাওয়ার জন্য তৃতীয় একটা পথ অবশ্য আছে। সে পথ আসলে একটা সুড়ঙ্গ। অলিন্দর গায়েরই এক কক্ষর ভেতর থেকে নিচে নেমে সেটা গিয়ে উঠেছে রাধেশ্যামজিউ মন্দিরের গর্ভ প্রাঙ্গণে। স্বামীর অনুমতি সাপেক্ষে আনন্দময়ী সে স্থানে যেতে পারেন।
বার মহলের দরজাটার দিকে তাকিয়ে নিয়ে আনন্দময়ী এগোলেন দীর্ঘ বারান্দার অন্য প্রান্তে তার গন্তব্যের দিকে। এক তলায় যেসব নারী থাকেন তারা সবাই সম্পর্কে আনন্দময়ীর দেবরানী হন। তবে এদের স্বামীরা কেউ রাধেশ্যামানন্দর সহোদর নয়, খুড়াতুতু ভাইদের পত্নী। তাদের ঘরগুলো বর্তমানে ভেতর থেকে বন্ধ। সম্ভবত নিদ্রা যাচ্ছেন তারা। তবে মহারানী আনন্দময়ীর নূপুরবদ্ধ পদচারণার শব্দে অলিন্দের থামের আড়াল থেকে বেশ কয়েকজন দাসী উঠে দাঁড়াল। আনন্দময়ী তাদের উদ্দেশে মাথা নেড়ে বুঝিয়ে দিলেন বর্তমানে তাদের তার কোনো প্রয়োজন নেই। অলিন্দ অতিক্রম করে আনন্দময়ী গিয়ে দাঁড়ালেন সৌদামিনীর ঘরের সামনে।
ধোঁয়ার গন্ধ আসছে ভেতর থেকে। দরজা আলগোছে বন্ধ করা ছিল। পাল্লা ঠেলে সে ঘরে প্রবেশ করলেন তিনি। বলতে গেলে আসবাবহীন ঘর। এ ঘরে কোনো পালঙ্ক এমনকি তক্তপোষও নেই। বিধবা রমণীর আবার ওসবের কী প্রয়োজন? তার পরিবর্তে একটা মাদুর বিছানো আছে ঘরের কোণে। দেয়ালের গায়ে একটা দড়ির আলনা থেকে ঝুলছে কিছু সাদা থান কাপড়, আর কুলুঙ্গীতে রয়েছে মাটির সামান্য কিছু তৈজসপত্র। ঘরের আর একদিকে আর একটা দরজা আছে। তার ওপাশে উঁচু প্রাচীরঘেরা একটা ক্ষুদ্রাকৃতির প্রাঙ্গণ আছে। তার মাথার ওপর ছাদ নেই। সে স্থান থেকে ধোঁয়া প্রবেশ করছে ঘরে। ভেজা কাঠের ধোঁয়া।
তা দেখে আনন্দময়ী বুঝতে পারলেন অন্য অনেক দিনের মতোই বিকাল হয়ে গেলেও সৌদামিনীর রান্নার কাজ শেষ হয়নি। সৌদামিনী যে ইচ্ছাকৃতভাবে এ সময় রন্ধনকার্য করেন তা কিন্তু নয়। বলা যেতে পারে বিধবাদের জন্য তৈরি করা রাজপরিবারের অনুশাসন এ কাজে বাধ্য করে তাকে। সৌদামিনী যে কাঠে রান্না করে তা ডোবানো থাকে কালীদহের জলে। একটু বেলা হলে বাগদী বউরা সেই ভেজা কাঠ দিয়ে যায় সৌদামিনীকে। সে কাঠ উঠানের রোদে ফেলে শুকিয়ে তাতে আগুন জ্বালাতে অনেক পরিশ্রম করতে হয়। তারপর তাতে রান্না বসে। আসলে এ বাড়ির বিধবা রমণীদের যাতে অন্য কোনো দিকে মন দেয়ার সময় না হয়, নিজের ক্ষুধা নিবারণের জন্য সকাল-সন্ধ্যায় তারা যাতে রন্ধন কাজেই নিজেদের নিয়োজিত করে রাখে, সেজন্যই এ ভেজা কাঠে রান্নার ব্যবস্থা। তাছাড়া এর সঙ্গে আরো একটা ব্যাপার আছে। ভেজা কাঠের ধোঁয়া মুখমণ্ডল ও শরীরের উজ্জ্বলতা নষ্ট করে, যৌবন মুছে দেয় শরীরমন থেকে। একজন বিধবার জন্য যা অবশ্য কাম্য।
আনন্দময়ী সেই কক্ষ অতিক্রম করে গিয়ে উপস্থিত হলেন সেই প্রাঙ্গণে। তার ঠিক মাঝখানে মাটির উনানে ভেজা কাঠের আগুনে রাঁধছিল সৌদামিনী। রান্না বলতে তেল-নুনহীন চালের ভেতর কয়েক টুকরো সবজি ফেলা। সৌদামিনীর পরনে সাদা থান, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। সে ঘরের দিকে পেছন ফিরে মাটিতে উবু হয়ে ঝুঁকে বসে একটা ফাঁপা বাঁশের টুকরো দিয়ে ফুঁ দিচ্ছিল উনানে। আনন্দময়ীর পদশব্দ পেয়ে সৌদামিনী পেছনে তাকিয়ে তাকে দেখে উঠে দাঁড়াতে যাচ্ছিল। কিন্তু তাকে নিরস্ত করে আনন্দময়ী বললেন, ‘বোস, বোস, কাজ করতে করতে কথা বল। তোর আগুন নিভে গেলে বিপদে পড়বি।’
আনন্দময়ীর কণ্ঠস্বরে তার প্রতি যে সহানুভূতির ছোঁয়া ছিল তা শুনে খুশি হলো ভাগ্যহীনা যুবতী বিধবা। মহারানীর উদ্দেশ্যে সে বলল, ‘হ্যাঁ, আজ কাঠ কিছুতেই শুকাতে চাচ্ছিল না। কোনো মতে আগুন ধরালাম কাঠে।’
আনন্দময়ী জানতে চাইলেন, ‘বাগদী বউ আজ কখন কাঠ দিয়ে গেছিল?’
সৌদামিনী জবাব দিল ‘ওই যেমন দেয়, সুজ্জি মাঝ আকাশে পৌঁছবার কিছুক্ষণ আগে।’
সৌদামিনীর কথা শুনে আনন্দময়ী হিসাব করে দেখলেন তার অনেক আগেই সেই বজরাটাকে বার মহলের ঘাটের দিকে যেতে দেখেছেন তিনি। আনন্দময়ী তাই তার কাছে জানতে চাইল, ‘ময়নাগড়ে বাইরের কেউ এল কিনা জানিস কিছু? বাগদী মাগীর মুখ থেকে কিছু শুনেছিস? আজ সকালে দেখলাম একটা ভিনদেশী বজরা বার মহলের ঘাটের দিকে গেল!’
প্রশ্ন শুনে সৌদামিনী বলল, ‘না, আজ তার সঙ্গে কথা হয়নি আমার। সে কাঠ নামিয়ে রেখেই চলে গেল। তবে…।’ এই বলে কথা থামিয়ে আগুনটা জ্বালিয়ে রাখার জন্য বাঁশের নলে ফুঁ দিতে শুরু করল সৌদামিনী।
—“তবে কী?” প্রশ্ন করলেন জমিদার পত্নী আনন্দময়ী।
বাঁশের চোঙের মধ্যে বেশ জোরে একটা ফুঁ দিয়ে ভেজা কাঠের আগুনটাকে একটু উসকে দিয়ে সৌদামিনী বলল, ‘নাচ মহলের গায়ে যে মহলটা আছে সেটা পয়পরিষ্কার করার জন্য দুলি মাগীকে সেখানে যেতে হবে। কোনো অতিথি আসবে বলে মনে হয়।’
আনন্দময়ী বললেন, ‘তবে তাই হবে। ওই ভিনদেশী বজরাতে কোনো অতিথি-গায়ক বা নাচনেওয়ালি এসেছে হয়তো। হয়তো বড় কোনো নাচ-গানের আসর বসবে। এই রাজবংশের রক্তেই তো সংগীত মিশে আছে।’
আনন্দময়ী হয়তোবা এরপর আরো কিছু কথা বলতে যাচ্ছিলেন সৌদামিনীকে। কিন্তু ঠিক সেই সময়েই হঠাৎ ভেজা কাঠের আগুন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করল। চোখে জ্বালা ধরানো ধোঁয়া। সৌদামিনী তাতে অভ্যস্ত হয়ে উঠলেও তা আনন্দময়ীর পক্ষে অত্যন্ত কষ্টকর। তাই তিনি এরপর বিধবা দেবরানীর উদ্দেশ্যে বললেন, ‘ঠিক আছে সোদো, তুই এখন রান্না কর। আমি এখন আসি।’
