গেরাসিমভ যেদিন ছবিটা স্তালিনের দপ্তরে পাঠালেন তার পরদিন থেকে গ্রেগরিও ল্যাবরেটরিতে আসা বন্ধ করে দিলেন। গেরাসিমভ একা আসতে শুরু করলেন তাঁর কর্মক্ষেত্রে। তিনি এই ফরেনসিক ল্যাবরেটরির প্রধান। তাকে আসতেই হবে। তাছাড়া গেরাসিমভের মনের মধ্যে একটা ভাবনাও ছিল যে, একটু ফুরসত পেলেই স্তালিন হয়তো তাঁকে ডেকে পাঠাবেন অথবা নিদেনপক্ষে তাঁর কাজের প্রশংসা করে একটা চিঠি পাঠাবেন। যেমন তিনি পাঠিয়েছিলেন তৈমুরের কঙ্কালটা মস্কোয় আনার পর।
ল্যাবরেটরি সংলগ্ন গেরাসিমভের চেম্বার। সেই চেম্বার ছেড়ে রোজই একবার তিনি ল্যাবরেটরিতে গিয়ে সেই কাচের বাক্সটার সামনে দাঁড়ান। নিজের আঁকা ছবিটাও দেখেন তিনি। এক এক দিন সে ছবির দিকে তাকিয়ে গেরাসিমভের মনে হয়, আমীরের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেশ জেগে আছে। যেন তার আড়ালে জেগে আছে কোনও অপার্থিব রহস্য।
সন্ধ্যা নামার আগেই তাঁকে ল্যাবরেটরি ছেড়ে বাড়ির দিকে রওনা হতে হয়। কারণ সরকার থেকে নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে অন্ধকার নামার পর গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সময় এগিয়ে চলে। রোজ নিয়ম করে গেরাসিমভ তার অফিসে আসতে লাগলেন। অফিসে তাঁর সঙ্গী বলতে একজন মাত্র লোক। একই সঙ্গে লোকটা গেট ম্যান, কেয়ারটেকার ও নাইটগার্ডের কাজ করে।
যুদ্ধও ক্রমশ বেড়ে চলেছে স্তালিনগ্রাদে। যুদ্ধের খবরাখবর এখন রাখছেন গেরাসিমভ। বলা ভালো, রাখতে হচ্ছে। কারণ, যুদ্ধের গতিপ্রকৃতির ওপর এখন মস্কোর জনসাধারণের দৈনন্দিন জীবনের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করছে। নাগরিকদের জন্য নানা ধরনের নিয়মকানুন আরোপ করছে সরকার। গেরাসিমভ ডাকঘরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। সেখানে পরিচিত একজনের মুখ থেকে তিনি শুনলেন, স্তালিনগ্রাদের যুদ্ধে নাকি মৃতের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেছে।
দেখতে দেখতে শীত চলে এল। মস্কোয় তুষারপাত শুরু হল। গেরাসিমভ সহ নাগরিকদের অনেকেরই অনুমান ছিল যে, শীতের কামড় স্তালিনগ্রাদের যুদ্ধের সাময়িক বিরতি ঘটাবে। কিন্তু তেমন কিছুই ঘটল না। জার্মানির সিক্সথ রেজিমেন্টের সঙ্গে রেড আর্মির মরণপণ সংঘর্ষ অব্যাহত থাকল।
একদিন বিকালে ল্যাবরেটরি থেকে বাড়ি ফিরছিলেন গেরাসিমভ। অকস্মাৎ তিনি দেখলেন লোকজনের ভিড়ে রাস্তা অবরুদ্ধ। গত দুদিন ধরে অবিশ্রান্ত তুষারপাত হয়ে চলেছে। গেরাসিমভ প্রথমে ভেবেছিলেন যে বুঝি বরফ সরানোর কাজ চলছে। কৌতূহলবশত গাড়ি থেকে নেমে তিনি এগোলেন।
সামনেই একটা বিরাট চত্বর। বিপরীত দিক থেকে রাস্তা এসে মিশেছে সেখানে। গেরাসিমভ দেখলেন বহু নারী-পুরুষ নিশ্চুপভাবে সেখানে দাঁড়িয়ে কোনও কিছুর জন্য যেন প্রতীক্ষা করছে। উপস্থিত মানুষের মধ্যে একটা বড় অংশের মহিলারাও আছেন। ব্যাপারটা কী তা বোঝার জন্য গেরাসিমভও দাঁড়িয়ে পড়লেন।
প্রবল ঠান্ডা বাতাস। ঝিরিঝিরি তুষারপাত শুরু হল। কিছুক্ষণ পর গেরাসিমভ দেখতে পেলেন সার সার সাঁজোয়া গাড়ি এগিয়ে আসছে এইদিকে। গাড়িগুলো এসে চত্বরে দাঁড়াল। অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। গাড়িগুলোর সঙ্গে যেসব সামরিক কর্মীরা এসেছিল তারা গাড়ির ডালাগুলো খুলে দিল। মুহূর্তের মধ্যে আকাশ-বাতাস বিদীর্ণ করে ছিটকে উঠল ক্রন্দন ধ্বনি।
সাঁজোয়া গাড়ির মধ্যে শোয়ানো আছে সার সার কফিন। মস্কো থেকে স্তালিনগ্রাদের যুদ্ধে গিয়ে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের দেহ বা দেহাবশেষ নিয়ে ফিরেছে গাড়িগুলো।
কবর দেবার আগে মৃতর পরিজনদের কফিনগুলো দর্শন করাবার জন্য গাড়িগুলোকে থামানো হয়েছে এখানে। এমন ক্রন্দন ধ্বনি, হৃদয়বিদারক দৃশ্যইতিপূর্বে কখনও দেখেননি গেরাসিমভ। কেউ কাঁদতে কাঁদতে
হাঁটু মুড়ে বসে পড়ছে বরফের মধ্যে, কোনও নারী ছুটে যাবার চেষ্টা করছে গাড়িগুলোর দিকে। সামরিক বাহিনীর লোকেরা অবশ্য কাউকেই গাড়িগুলোর কাছে ঘেঁষতে দিচ্ছে না। কেউ কেউ আবার বাকশক্তিও হারিয়ে ফেলেছে। পাথরের মূর্তির মতো তারা চেয়ে আছে কফিনগুলোর দিকে। তাদের মধ্যে শুয়ে আছে কারো পিতা-পুত্র-স্বামী বা ভাই।
তুষারপাত এরপর আরও জোরে শুরু হল। সামরিক কর্মীরাও এরপর গাড়িগুলোর ডালা বন্ধ করে প্রবল ক্রন্দন ধ্বনির মধ্যে কবরখানার দিকে যাত্রা শুরু করল। শেষ শববাহী গাড়িটা প্রাঙ্গণ ছেড়ে দূরে মিলিয়ে যাবার পর জমায়েত ভেঙে যেতে শুরু করল। রাস্তা এবার খুলে যাবে।
গেরাসিমভও ভারাক্রান্ত মন নিয়ে গাড়ির দিকে ফিরতে যাচ্ছিলেন। এইসময় তাঁর নজর পড়ল কিছুটা তফাতে দাঁড়িয়ে থাকা একজনের ওপর। তার পোশাক মস্কোবাসীদের তুলনায় একটু বেমানান, তাই লোকটা গেরাসিমভের চোখ টানল। লোকটার পরনে একটা আলখাল্লার মতো লম্বা পোশাক, মাথায় একটা গোল টুপি, যে ধরনের টুপি ইসলাম ধর্মাবলম্বী উপজাতিরা ব্যবহার করে। এই ঠান্ডার মধ্যেও লোকটার পায়ে জুতো নেই! তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে সে একদৃষ্টে তাকিয়ে আছে গেরাসিমভের দিকেই।
লোকটাকে ভালো করে দেখার জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। আর তার পরই গেরাসিমভ স্তম্ভিত হয়ে গেলেন। আরে, এ সেই উজবেক বৃদ্ধ না? যে কবর থেকে গেরাসিমভ তৈমুরের দেহাবশেষ তুলতে বারণ করেছিল! সে গেরাসিমভকে দায়ী করেছিল। এ-ই তো মাঝে মাঝে হানা দেয় গেরাসিমভের স্বপ্নে।
কয়েক মুহূর্ত মাত্র। গেরাসিমভ লোকটার কাছে পৌঁছবার আগেই সে জনতার ভিড়ে হারিয়ে গেল। তাকে আর দেখতে পেলেন না গেরাসিমভ।
গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তিনি ভাবতে লাগলেন, তিনি কি ঠিক দেখলেন? কিন্তু কীভাবে সম্ভব? কোথায় সেই উজবেকিস্তানের সমরখন্দের অখ্যাত গ্রাম, আর কোথায় এই মস্কো। সেই বৃদ্ধ এখানে আসবে কীভাবে। বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করার সময় পাশের ফ্ল্যাট থেকে রেডিয়োর ঘোষণা গেল তাঁর কানে। সংবাদপাঠক বলছেন, “সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দেশের অ-কমিউনিস্ট ভাবনার মানুষদের কাছেও অনুরোধ জানিয়েছেন সরকারের পাশে থাকার জন্য।”
গেরাসিমভ বুঝতে পারলেন, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। নইলে দেশে সামান্য কিছু যে কমিউনিস্ট মতাদর্শের বিরোধী মানুষ আছেন, তাদের কাছে স্তালিন কখনওই এমন আবেদন রাখতেন না।
কফিনগুলো দেখার পর, তাদের পরিজনদের ক্রন্দন ধ্বনি শুনে গেরাসিমভের মন ভারাক্রান্ত হয়েছিল। সে মন নিয়েই শুতে গেলেন তিনি। এদিনও তাঁর স্বপ্নে হানা দিল সেই বৃদ্ধ। স্বপ্নের মধ্যে সে গেরাসিমভের উদ্দেশে স্পষ্টই বলতে লাগল, “যা ঘটছে, তা সবই তোমার জন্য। তুমিই দেশের বুকে টেনে এনেছ হিটলারের মতো ভয়ঙ্কর শক্তিকে।”
আর বৃদ্ধের এ কথার সঙ্গে সঙ্গে গেরাসিমভের কানে কখনও বাজতে লাগল স্বজনহারা মানুষদের সম্মিলিত ক্রন্দন ধ্বনি, কখনও বা নাতাশার বলা কথাগুলো!
ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে উঠে বসলেন গেরাসিমভ। অন্ধকার আকাশে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের শব্দ শুনতে শুনতে গেরাসিমভ ভাবতে লাগলেন, সত্যিই কি তৈমুরের দেহ কবর থেকে তুলে আনার জন্য হিটলার সোভিয়েত আক্রমণ করল? তিনি নিজে কি এই ঘটনার জন্য দায়ী? গেরাসিমভের মনে শুরু হল বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব।
পর পর আরও দুই রাত একই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বসলেন গেরাসিমভ। স্তালিনের কাছ থেকে যদি কোনও বার্তা পাওয়া যায় সেই আশায় তিনি ল্যাবরেটরিতে গেলেন ঠিকই, কিন্তু দিনের বেলাতেও যেন রাতের স্বপ্ন বা ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোয় আচ্ছন্ন হয়ে রইলেন গেরাসিমভ।
