রক্তের দাগ – ৩

পরদিন ভোরবেলা থেকে ঢাকের শব্দ ভেসে আসতে লাগল জৈন্তাপুরের রাজবাড়ি থেকে। মহাসমারোহে হিন্দু গডেস-দেবী দুর্গার পুজো শুরু হয়েছে সেখানে। এদিন আর সকাল থেকে কোনও কাজে মন বসল না ক্যাপ্টেন হকিন্সের। মনে হতে লাগল, তাঁর অনুমান কি সত্যি হতে পারে? নাকি এ ভাবনা নেহাতই উদ্ভট কল্পনা মাত্র। তবে হকিন্সের মনে হল ওই নিখোঁজ বালকের সন্ধান করা তাঁর কর্তব্য। এ দায়িত্ব শুধু ইংরেজ কোম্পানির প্রতিনিধি হিসাবেই নয়, কিছুটা মানবিকতা থেকেও।

দেখতে দেখতে দিনটা কেটে গেল। পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাওয়ার পর সাহেব প্রস্তুত হলেন যথাস্থানে যাওয়ার জন্য। মনে মনে একটা রোমাঞ্চ হচ্ছিল তাঁর। রাজবাড়ির প্রাকারের গায়ে যখন বিন্দু বিন্দু মশালের আলো জ্বলে উঠল তখন অশ্বপৃষ্ঠে ব্রাহ্মণ রামচন্দ্রের সঙ্গে হকিশ রওনা হলেন প্রাসাদের দিকে। তাদের সঙ্গে চলল পাঁচজন সৈনিক। তাঁদের মাথায় কোম্পানির দেওয়া লাল পাগড়ি, পিঠে বন্দুক আর চওড়া কোমরবন্ধে তাদের নিজস্ব ছোরা বা খুকরি।

দলটা যত রাজবাড়ির দিকে এগোচ্ছে তত ঢাকের শব্দ বৃদ্ধি পাচ্ছে।

সাহেবকে নিয়ে সবাই পৌঁছে গেল জৈন্তাপুরের রাজবাড়ির তোরণে। সে তোরণের বিশাল কপাট উন্মুক্ত। কোম্পানির সাহেব আসছেন বলে কথা। তাই একজন উচ্চপদস্থ রাজকর্মচারী তার কয়েকজন সঙ্গী, আর একটা রুপোর পালকি নিয়ে সেখানে উপস্থিত ছিল। তোরণের ভিতর প্রবেশ করে ঘোড়া থেকে নামতেই সেই রাজকর্মচারী সাদর অভ্যর্থনা জানালেন সাহেবকে।

হকিন্সকে তাঁর সহায়ক বাবু আগেই জানিয়ে দিয়েছিলেন যে পুজোস্থলে মুক্তপদে যাওয়াই নিয়ম। তাই সাহেব তাঁর চর্মপাদুকা সেখানেই খুলে রাখলেন। গোর্খা সৈনিকরাও রইল। তবে সাহেব রাজকর্মচারীদের অনুরোধ সত্ত্বেও রাজকীয় পালকিতে উঠলেন না, পদব্রজেই এগোলেন। কারণটা হল ভালো করে চারপাশ দেখা। কোম্পানির প্রতিনিধি হিসাবে এরাজ্যে আসার পর হকিন্স যেদিন জৈন্তাপুরের রাজবাড়িতে প্রবেশ করেছিলেন, সেদিন তাঁকে নিয়ে উপস্থিত করা হয়েছিল অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎস্থলে। ওই জায়গা ছাড়া প্রাকার বেষ্টিত রাজবাড়ির অন্য কোনও স্থান দেখা হয়নি হকিন্সের। রাজপ্রতিনিধি সাহেবকে রাজপ্রাসাদের অভ্যন্তরে নিয়ে গেলেন না। প্রাসাদের এক পাশে যেদিকে ছোটবড় নানান মন্দিরগুলো দাঁড়িয়ে আছে সেদিকেই তাঁকে নিয়ে চললেন।

সাহেব কৌতূহলভরে সব দেখতে দেখতে চলছেন। প্রাসাদের প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে নানান মন্দির। বিভিন্ন দেবদেবীর বিগ্রহ শোভা পাচ্ছে সেখানে। প্রত্যেকটা মন্দিরের সামনেই একটা করে কুয়ো বা ইঁদারা রয়েছে। হকিন্স এর কারণ জিগ্যেস করতে তাঁদের পথ-প্রদর্শক রাজকর্মচারী জানাল, মন্দিরের সঙ্গে যে কুয়ো রয়েছে শুধুমাত্র সেই কুয়োর জল দিয়েই মন্দিরের বিগ্রহকে স্নান ইত্যাদি করানো হয়।

সাহেবকে যে পথে নিয়ে যাওয়া হচ্ছে সে পথে স্থানে স্থানে মশাল জ্বলছে। যারা সাহেবের আগমনের খবর জানত না, তারা পথের পাশে থমকে দাঁড়িয়ে বিস্মিতভাবে দেখছে তাঁকে। এ মন্দির ও মন্দিরের পথ ধরে হকিন্স আর তার সঙ্গীরা এক সময় পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে, বিশাল একটা প্রাঙ্গণে। তাঁর মধ্যে স্বর্ণালঙ্কার শোভিত দেবীর দুর্গার মৃন্ময়ী মূর্তি। মশালের আলোয় আলোকিত জায়গাটি। নানান বয়সি নারী-পুরুষের ভিড় সেখানে। ঢাক, কাঁসর ঘণ্টা ইত্যাদি বাজছে, কোলাহলপূর্ণ পুজো মণ্ডপ। এসবের মাঝে দুটো জিনিস চোখে পড়ল সাহেবের। প্রত্যেক মন্দিরের মতন এ মন্দিরের সামনেও একটা কুয়ো বা ইঁদারা আছে, আর আছে বৃত্তাকার একটা পাথরের বেদি। সাহেব সেখানে উপস্থিত হতেই হঠাৎ সব বাদ্যযন্ত্র কোলাহল থেমে গেল। কোম্পানির সাদা সাহেব কেন হঠাৎ এ স্থানে উপস্থিত হলেন? রামচন্দ্র সমবেত জনতার উদ্দেশে বললেন, তাদের শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সাহেব রানিমার অনুমতিক্রমে পুজো দেখতে এসেছেন।

মণ্ডপের মুখোমুখি প্রাঙ্গণের বিপরীতে ঢালু ছাদ আর পাথরের দেওয়ালের একটা ঘর রয়েছে। ঠিক সেই ঘরটার পাশেই একটা শামিয়ানা টাঙানো, নীচে সাহেবকে বসাবার জন্য। কোম্পানির প্রতিনিধিকে নিয়ে গিয়ে রানিমার প্রতিনিধি সেই শামিয়ানার তলে কাষ্ঠনির্মিত আসনে বসালেন। সাহেবের সহকারীও বসলেন তার পাশে। হকিন্সের আপ্যায়নের জন্য বেশ কয়েকজন উপস্থিত ছিল সেখানে। তারা সাহেবের জন্য খাদ্য-পানীয়, তামাকের নল নিয়ে হাজির হল। হকিন্স সব কিছু প্রত্যাখান করে শুধু তামাকের নল হাতে নিলেন। সেই উচ্চপদস্থ রাজকর্মচারীকে জিগ্যেস করলেন, “মাননীয় রাজা, মাননীয়া রানি কোথায়?”

রাজ কর্মচারী জবাব দিল, “মহারাজ দিনের বেলা পুজোস্থলে এসেছিলেন। রাতে তিনি এ স্থানে আসবেন না। নাচ ঘরে থাকবেন। মহারানি অবশ্যই আসবেন। তবে তাঁর আসতে কিছু সময় বিলম্ব আছে। তিনি এ স্থানে আসার পরই বলির কাজ সম্পন্ন হয়। তবে মহারানি ইরাবতী বলি চাক্ষুষ করেন না। তিনি উপস্থিত হয়ে পাশের এই যে ঘরটা দেখছেন সেখানে প্রবেশ করেন। তারপর বন্ধ দরজার আড়াল থেকে দড়ি টেনে ঘণ্টা বাজিয়ে বলিদানের নির্দেশ দেন। ওই বৃত্তাকার পাথরের বেদিতেই বলি দেওয়া হয়।”

লোকটার কথা শোনার পর সাহেব পাথুরে ঘরটার দিকে ভালো করে তাকিয়ে দেখলেন, ঘরের ঘুলঘুলি থেকে একটা দড়ি বাইরে বেরিয়ে মাথার ওপর দিয়ে এগিয়ে গিয়ে প্রাঙ্গণের একপাশে একটা স্তম্ভের মাথায় ঝুলস্ত ঘণ্টার সঙ্গে সংযুক্ত হয়েছে। অর্থাৎ ওই ঘণ্টা বাজিয়েই বলিদানের নির্দেশ দেওয়া হয়। বাবু সাহেবের কানে কানে বললেন, “ওই বৃত্তাকার প্রাচীন বেদিতেই কিন্তু এক সময় মানুষ বলি দেওয়া হত।”

“হুম, দেখা যাক, কোন প্রাণী আজ দেবী পুজোতে বলি দেওয়া হয়।” দেবী মূর্তির উদ্দেশে আগের মতোই আরতি, নানান উপাচারে পূজা, ঢাকের বাদ্যি চলতে লাগল। গড়গড়ার নল মুখে দিয়ে হকিন্স উপভোগ করতে লাগলেন হিন্দু গডেসের পুজো। কিছু জানার প্রয়োজন হলে তা জেনে নিতে লাগলেন তাঁর সহায়ক রামচন্দ্রর কাছ থেকে।

রাত ক্রমশ বাড়তে থাকল। লোক সংখ্যাও কিছুটা কমতে থাকল। আশেপাশের গ্রাম থেকে যারা ছোট ছেলে মেয়েদের সঙ্গে করে এনেছে, তারা প্রসাদ গ্রহণ করে ফিরে যেতে লাগল। তবুও বেশ কিছু লোক রয়ে গেল সেখানে।

রাত আরও বাড়ল। সেই সঙ্গে বেড়ে চলল সাহেবের মনের উত্তেজনাও। এক সময় একদল লোক দুটো সাদা ছাগকে নিয়ে সেখানে উপস্থিত হল। কুয়ো থেকে জল তুলে তাদের স্নান করিয়ে পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হল। তিনি ছাগগুলোর গলায় ফুলের মালা পরিয়ে তাদের দেবীর উদ্দেশে উৎসর্গ করলেন। তারপর ছাগ দুটোকে এনে বেদির পাশে একটা খোঁটায় বাঁধা হল। সেখানে এক ভীমকায় ব্যক্তি এসে হাজির হল হাতে বিশেষ এক ধরনের তলোয়ার বা খড়্গ নিয়ে। কুপের জলে সেটা ধৌতকরণের পর দেবীর পুরোহিত সেই খড়্গ পুজো শুরু করলেন। সাহেবের কাছে হিন্দুধর্মের এই সব আচার অনুষ্ঠান নতুন। বিস্মিতভাবে তিনি দেখতে লাগলেন সবকিছু। বাবু তাঁকে বললেন, “যে খড়্গকে পুজো করা হচ্ছে সেই খড়্গ হল জৈন্তাপুরের রাজবংশের প্রতীক। এদের পতাকায় ওই খড়্গর ছবিই আঁকা আছে।”

বলিদানের সব প্রস্তুতি এক সময় সম্পন্ন হল। হঠাৎ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পাহাড়ের গায়ে জঙ্গলের ভিতর থেকে একদল শিয়াল চিৎকার করে প্রহর ঘোষণা করল। রাত্রি মধ্যপ্রহরে পদার্পণ করল। এক সময় পালকি বেহারার দলকে আসতে দেখা গেল। কাষ্ঠ ও সোনা-রুপো খচিত পালকি এসে থামল মণ্ডপ চত্বরে, যেখানে সাহেব বসে আছেন তার কাছেই।

পালকির মখমলের পর্দা ঠেলে বাইরে বেরিয়ে এলেন মহারানি ইরাবতী। পরনে তাঁর সোনার সুতোর কারুকাজ করা রক্তিম বস্ত্র। একঢাল কেশদাম তাঁর উন্মুক্ত পিঠকে আবৃত করে রয়েছে। হীরক ইত্যাদি নানান মূল্যবান পাথর সমৃদ্ধ স্বর্ণালঙ্কারে আবৃত তাঁর কণ্ঠ, বক্ষ, হস্ত। মশালের আলোয় সেগুলো ঝিলিক দিচ্ছে। এক অদ্ভুত কর্তৃত্বময়তা, যাকে কাঠিন্যও বলা চলে, তা জেগে আছে রানির মুখমণ্ডলে।

রানি পুজোস্থলে পদার্পণ করতেই সবাই মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণাম জানাল। হকিন্সও তাঁর শামিয়ানা ছেড়ে বাইরে বেরিয়ে রানি ইরাবতীর সামনে উপস্থিত হয়ে টুপি খুলে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন। এটাই নিয়ম। কোম্পানির ক্ষমতা যতই থাকুক না কেন, স্বাধীন রাজ্যের রানি ইরাবতী। হকিন্স কোম্পানির কর্মচারী। খুশি হলেন রানি। স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে তিনি সাহেবকে বললেন, “অন্য কাজ থাকায় আমার আসতে বিলম্ব হল। আমার কর্মচারীরা তোমাকে উপযুক্ত সেবা করেছে তো? কোনও অসুবিধা হয়নি তো?”

হকিন্স বললেন, “না, কোনও ত্রুটি হয়নি। আপনাদের পুজো আমি খুব উপভোগ করছি। ইতিপূর্বে আমার এ অভিজ্ঞতার সুযোগ হয়নি। আপনাকে ধন্যবাদ।”

কথাটা শুনে আবছা হাসি ফুটে উঠল ইরাবতীর ঠোঁটের কোণে৷ তিনি বললেন, “তুমি যা দেখবে বলে এসেছ সেই বলির অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। তুমি তোমার আসনে বসো।”

এ কথা বলে তিনি পুরোহিতের উদ্দেশে বললেন, “সব আয়োজন সম্পন্ন তো?”

পুরোহিত জবাব দিলেন, “হ্যাঁ, মহারানি। আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছি।”

ইরাবতী একবার শুধু তাকালেন সেই বৃত্তাকার বেদির দিকে। তারপর এগোলেন কাছের ঘরটার দিকে। হকিন্সও গিয়ে বসলেন তাঁর নির্দিষ্ট আসনে। ইরাবতী সেই অন্ধকার ঘরে বসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কয়েকজন লোক ছাগদুটোকে নিয়ে গিয়ে বেদির ওপর তুলল। খাধারীও তার পূজিত খড়্গা নিয়ে দাঁড়াল বেদির পাশে।

চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। একজন লোক একটা ছাগকে চেপে ধরে বসিয়ে দিল বেদিতে। বৃত্তাকার বেদির এক স্থানে একটা খাঁজ আছে। ছাগের গলাটা সেই খাঁজে বসানোর পর হাঁড়িকাঠে একটা লাঠি গুঁজে দিল। এরপর প্রাণীটার ঠ্যাং দুটো পিছন থেকে টেনে ধরল।

কয়েক মুহূর্ত, আবারও নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই চেয়ে আছে বলির মঞ্চের দিকে। আর তারপরই হঠাৎ মধ্যরাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঢং করে ঘণ্টা বেজে উঠল। দড়ি টেনে দেবীর কাছে ছাগ উৎসর্গ করার সংকেত দিলেন রানি ইরাবতী। মুহূর্তের মধ্যে আবার ভীষণ জোরে ঢাক বাজতে শুরু করল। জল্লাদ তার খড়্গা নিয়ে বেদির কাছে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল।

উত্তেজনায় সাহেব তাঁর  পশু হত্যা ইতিপূর্বে কসাইখানাতেও বহুবার দেখেছেন সাহেব, কিন্তু হয়তো বা স্থান মাহাত্ম্যের কারণেই তিনি উত্তেজিত বোধ করতে লাগলেন। উপস্থিত লোকেদের চোখেও স্পষ্ট উত্তেজনার ভাব।

 

খঙ্গধারী লোকটা দু-হাতে তার খাটা মাথার ওপর তুলল। কয়েক মুহূর্তের জন্য সে ওভাবেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর চেঁচিয়ে উঠল “জয় মা’ বলে। আর এর পরমুহূর্তেই তার খাড়া নেমে এল ছাগের গলায়। মুণ্ডচ্ছেদ হয়ে গেল প্রাণীটার। অস্ত্রের অভিঘাতে তার কাটা মুশুটা ছিটকে এসে পড়ল সাহেবের কাছে। ছাগের ছিন্ন কণ্ঠ থেকে ফোয়ারার মতো রক্ত বেরোতে লাগল।

পুরোহিত এগিয়ে গিয়ে তামার পাত্রে তা সংগ্রহ করতে লাগলেন। সাদা পাথরের বেদিটা এখন রক্তে লাল। এরপর দ্বিতীয় ছাগটাকে তোলা হল বেদিতে। কিছুক্ষণের মধ্যেই আবারও খড়্গা নেমে এল, রক্তের ফোয়ারা উঠল ছাগের ছিন্ন কণ্ঠ থেকে। আবারও ছাগ রক্ত সংগ্রহ করল পুরোহিত। ছাগ মুণ্ডু দুটো কুড়িয়ে নিয়ে গিয়ে সেই রক্তপূর্ণ পাত্রের সঙ্গে রাখা হল দেবীর মূর্তির সামনে তাঁকে উৎসর্গ করার জন্য। সম্পন্ন হল ছাগ বলিদান অনুষ্ঠান। যারা বলিদান দৃশ্য প্রত্যক্ষ করার জন্য সে স্থানে উপস্থিত ছিল তারাও এরপর ফিরতে শুরু করল নিজেদের রাত্রিবাসের স্থানের দিকে। রানির যে কর্মচারী সাহেবকে অভ্যর্থনা জানিয়ে এ স্থান পর্যন্ত এনেছিল, সে এরপর সাহেবের সামনে এসে বলল, “চলুন, আপনাকে তোরণ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আর আপনি যদি আমাদের অতিথিশালাতে রাত্রিবাস করেন, আপনাকে সেবা করার সুযোগ দেন, তবে অতি উত্তম।”

হকিন্স জানতে চাইলেন, “রানি কখন কক্ষ ত্যাগ করবেন।”

ইরাবতীর অনুচর বলল, “কাল প্রত্যুষে। তার আগে বলির সব রক্ত ধুয়ে মুছে দেওয়া হবে। ছাগগুলোর ধড় মুণ্ডও সরিয়ে ফেলা হবে। রাজপরিবারের প্রচলিত নিয়ম বিধি অনুসারে তাঁকেই বলির নির্দেশ দিতে হয় ঠিকই, তবে তিনি রক্তাক্ত দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন না।”

লোকটা যাই বলুক না কেন, রানি এ স্থানেই থাকবেন শুনে হকিন্সের মনে অন্য এক সন্দেহের উদয় হল। সবাই চলে যাওয়ার পর গোপনে নরবলি দেওয়ার জন্য রানি ইরাবতী এ স্থানে থাকছেন না তো? মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিলেন হকিন্স। তিনি রানির লোককে বললেন, “রাত শেষ হতে তো আর বেশি সময় নেই, তাই ভাবছি বাকি রাতটা এখানেই থেকে যাই। তবে নয়, এই শামিয়ানার নীচেই বাকি রাতটা কাটাব। এই উন্মুক্ত পরিবেশ বড় ভালো লাগছে৷”

সাহেবের মুখের ওপর আর কোনও কথা বলা যায় না। রাজকর্মচারী বলল, “সাহেবের যা ইচ্ছা, তাই করুন।”

রয়ে গেলেন হকিন্স সাহেব আর তাঁর সঙ্গীরা। বন্ধ ঘরের মধ্যে রাত্রি যাপন করতে লাগলেন রানি ইরাবতী। ঘরের সামনে রইল মহারানির কয়েকজন দেহরক্ষী, অতি ঘনিষ্ঠ কর্মচারী ও পালকি বেহারার দল। পুরোহিত আর জল্লাদ রইল দেবী মূর্তি যে স্থানে আছে তার সামনে। আরও শূন্য হয়ে গেল স্থানটি। নিজেদের মধ্যে চাপা স্বরে বাক্যালাপ করতে লাগলেন হকিন্স আর রামচন্দ্র। কিছুক্ষণের মধ্যেই শুরু হল মশার উপদ্রব। মশার কামড়ে সাহেবের গা ফুলে উঠল। তবু তিনি সহ্য করলেন। বলা তো যায় না, যদি তেমন কিছু ঘটে?

এক সময় পুব আকাশে শুকতারা ফুটে উঠল। রাত্রি শেষ হতে চলেছে। দুজন লোক এসে এরপর বেদিটার ধৌত কার্য শুরু করল। হকিন্স সাহেব বুঝতে পারলেন, আর কিছু ঘটবে না। সঙ্গীকে জিগ্যেস করলেন, “বলি কি শুধু একদিনই দেওয়া হয়?”

রামচন্দ্র বললেন, “বলি উৎসব তিন দিন ধরে চলে। আলো ফুটলেই দুর্গাপুজোর মহাষ্টমী, তার পর দিন মহানবমী। এ দু-দিনও দেবীকে বলি উৎসর্গ করা হয়।”

হকিন্স বললেন, “তাহলে আগামী দুই রাতও আমি এখানে থাকব।”

কথাটা শুনে বাবু বললেন, “তোমার কি ধারণা আমাদের উপস্থিতিতে এরা নরবলি দেওয়ার মতো সাহস দেখাবে? রানি ইরাবতী কি চাইবেন কোম্পানির বিরাগভাজন হতে?”

হকিন্স সাহেব বললেন, “আমিও ভেবে দেখলাম ব্যাপারটা। আমার সামনে নরবলি দেবার মতো কাজ রানি করবেন না বলেই মনে হয়। তবে আমি আগামী দু-রাত যদি এখানে থাকি তবে অন্য একটা ব্যাপারে সুফল পাবার সম্ভবনা আছে। যদি রানির লোকেরা ছেলেটাকে অপহরণ করে থাকে তবে তারা আমার উপস্থিতির কারণে ছেলেটাকে বলি দিতে পারবে না। হয়তো প্রাণে বেঁচে যাবে ছেলেটা। ভবিষ্যতে সে মুক্তিও পেতে পারে। তুমি রানিকে আমার ইচ্ছার কথা জানাও।”

বেদির ধৌতকরণ সম্পন্ন হল। শুকতারা মুছে যেতে লাগল। আকাশে চাঁদও মুছে যেতে লাগল। ব্রাহ্মমুহূর্ত। এবার ভোরের প্রথম আলো ফুটবে। কোথায় যেন একটা বনমোরগ চিৎকার করে তার আগমনবার্তা ঘোষণা করল। এমন সময় ঘরের শিকল খোলার শব্দ শোনা গেল। বাইরে বেরিয়ে এলেন রানি ইরাবতী। পালকি বেহারার দল উঠে দাঁড়াল। তিনি পালকিতে উঠে প্রস্থান করার আগেই সাহেব আর তাঁর সঙ্গী, রানি ইরাবতীর সামনে গিয়ে দাঁড়ালেন।

সাহেব সারা রাত এখানেই ছিলেন দেখে বিস্ময় জেগে উঠল রানির মুখমণ্ডলে। সাহেব তাঁকে মাথার টুপি খুলে সুপ্রভাত জানাবার পর রামচন্দ্র করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, “পুজোর অনুষ্ঠান, বিশেষত দেবীকে ছাগ উৎসর্গ করা সাহেবকে অত্যন্ত আনন্দদান করেছে। তিনি অষ্টমী ও নবমীতেও পুজো ও বলিদান প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি যদি অনুমতি প্রদান করেন, তবে সাহেবের অভিলাষ পূর্ণ হয়।”

ইরাবতী কয়েক মুহূর্ত কী যেন ভাবলেন। তারপর তিনি রামচন্দ্রকে বললেন, “আমার কোনও আপত্তি নেই। তোমার সাহেবের যদি পুজো দেখতে ভালো লাগে তবে সে আসবে।” তিনি আর কোনও কথা না বলে সোজা পালকিতে গিয়ে উঠে বসলেন।

সাহেবের ইচ্ছা পূর্ণ হল। অষ্টমী ও নবমী দু-রাতেই তিনি প্রথম রাতের মতোই জৈন্তাপুরের পূজা প্রাঙ্গণে উপস্থিত হলেন। প্রথম রাতের মতোই মধ্যরাতে রানি ইরাবতী সেখানে পালকি নিয়ে উপস্থিত হলেন। সাহেবের সঙ্গে সৌজন্যসূচক কয়েকটা বাক্যালাপ করে ঘরে গিয়ে ঢুকলেন। তারপর তিনি ঘণ্টা বাজিয়ে ছাগ উৎসর্গের নির্দেশ দিলেন। আবার সেই ছাগ’ মুণ্ড ছিটকে পড়া, রক্তের ফোয়ারা ওঠা। অষ্টমীর রাতে তিনটে আর নবমীর রাতে দুটো ছাগ বলি দেওয়া হল। এই দুই রাতও সে স্থানে কাটিয়ে রানি ইরাবতী যখন তাঁর কক্ষ ত্যাগ করে বাইরে বেরোলেন তখন সাহেবও নিজের আস্তানায় ফিরে এলেন। তবে নবমী নিশির পরে ইরাবতী বাইরে বেরিয়ে সাহেবকে দেখে বললেন, “আশাকরি তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পেরেছি। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম তোমাকে, আগামী বছর দুর্গা পুজোয় উপস্থিত হবার জন্য।”

এ কথা বলার সময় কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল রানির ঠোঁটের কোণে।