বেশ রাত হয়েছে। ঘরটার ভিতর ভোদকার গ্লাস হাতে অস্থিরভাবে পায়চারি করছিলেন মিখাইল গেরাসিমভ। তাঁর কয়েকজন সহকর্মী ছড়িয়ে-ছিটিয়ে বসেছিলেন ঘরের মধ্যে। প্রত্নবিদ ও নৃবিজ্ঞানী হিসাবে বেশ নাম আছে মিখাইল গেরাসিমভের। বিশেষত একটা কাজে তাঁর দক্ষতা তাঁকে বিজ্ঞানী মহলে বিশেষভাবে পরিচয় দান করেছে। তা হল, মৃত মানুষের দেহাবশেষ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষা ও অন্য পরীক্ষার মাধ্যমে সে মানুষটা জীবিত কালে কেমন ছিল তার হুবহু প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ।
এভাবে ইতিমধ্যে প্রায় দু-হাজার মৃত মানুষের প্রতিকৃতি নির্মাণ করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ার প্রাচীন সম্রাট ইভান দ্য টেরিবলের দেহাবশেষ কবর থেকে তুলে এনে তাঁর প্রতিকৃতি নির্মাণ। তেমনই এক দেহাবশেষ উদ্ধার করে তার প্রতিকৃতি নির্মাণের জন্য সরকারি নির্দেশে, গেরাসিমভ কিছুদিন হল এসে উপস্থিত হয়েছেন সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত উজবেকিস্তানের সমরখন্দের ‘গুর-ই আমীর’ নামের এই অখ্যাত গ্রামে।
একসময় এ জায়গায় বিশ্বত্রাস শাসক, যাঁকে সেই সময় কেউ কেউ সম্রাটও বলতেন, সেই তৈমুর লঙের রাজধানী থাকলেও তার সব চিত্রই বর্তমানে মুছে গেছে। সামান্য কিছু উজবেক উপজাতির মানুষেরা এখন বসবাস করে এখানে। নৃতত্ত্ববিদ গেরাসিমভ যাঁর কবর আবিষ্কার করার জন্য এখানে এসেছেন, সেটা ওই একদা বিশ্বত্রাস, বিশ্বজয়ী শাসক তৈমুর লঙের কবর।
তৈমুর লঙ-এর কবর সমরখন্দে হলেও তা ঠিক কোথায় তা সবারই অজানা। বহু অনুসন্ধানের পর এই ‘গুল-ই-আমীর’ গ্রামে এসে তিনি উপস্থিত হয়েছেন। বেশ কিছু প্রাচীন কবর আছে এ গ্রামের সীমানায়। স্থানীয় উজবেক উপজাতির লোকেরা এড়িয়ে চলে জায়গাটিকে। কবরগুলোর মধ্যে একটা কবরকে গেরাসিমভ চিহ্নিতও করেছিলেন তৈমুরের কবর বলে।
এ ব্যাপারে মোটামুটি একপ্রকার নিশ্চিত হয়ে, কবরটা খোঁড়া হল। দেখা গেল কবরের ভিতর কিছু নেই। তা দেখে হতাশ গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা। এক সহকর্মী প্রশ্ন করলেন, “তাহলে কি আমাদের মিশন এখানেই শেষ? কালই আমরা মস্কোর উদ্দেশে রওনা হব?”
গেরাসিমভ বললেন, “আমি কিন্তু প্রায় নিশ্চিত ছিলাম ওটাই তৈমুর লঙের সমাধি। আমার যুক্তিনিষ্ঠ অনুমান এভাবে ভুল কেন হল সেটা ঠিক বুঝে উঠতে পারছি না।”
একথা শুনে তাঁর অপর একজন সঙ্গী বললেন, “এমনও তো হতে পারে যে আপনার অনুমান ভ্রান্ত নয়। ওটাই তৈমুরের কবর। তাঁর কবরে হয়তো অনেক সোনাদানা ছিল। মিশরের ফারাওদের কবরে যেমন থাকত। চোরের দল সুড়ঙ্গ খুঁড়ে তাঁর কফিন সমেত সব কিছু বাইরে বার করে নিয়ে গেছে। পাঁচশো বছর তো আর কম সময় নয়।”
প্রত্নতত্ত্ববিদ গেরাসিমভ বললেন, “এই সম্ভাবনার কথা আমার মাথায় যে আসেনি তা নয়। তবে কোথায় আমার যেন একটা খটকা লাগছে। স্থানীয় উজবেক উপাজাতির লোকেরা এখানে বংশ পরম্পরায় বাস করে। দেখলেন তো, কবর খোঁড়ার কাজে তারা কেউ আমাদের সঙ্গ দিতে রাজি হল না। আমাদের নিজেদেরই কবরটা খুঁড়তে হল। ওর মধ্যে কিছুই যদি না থেকে থাকে তবে ওদের এমন আচরণ কেন? কেনই-বা ওরা এড়িয়ে চলে জায়গাটাকে?”
এ কথা বলে তিনি তাঁর হাতে ধরা গ্লাসে চুমুক দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি একটা ব্যাপার খেয়াল করলেন।
গ্লাসটার দিকে তাকিয়ে আচমকা একটা ভাবনা মাথায় খেলে গেল প্রত্নবিদের। তিনি তাঁর সঙ্গীদের উদ্দেশে বললেন, “কাল একবার শেষবারের জন্য কবরটায় অনুসন্ধান চালাব। এমন তো হতে পারে যে কবর চোরদের ধোঁকা দেবার জন্য স্বাভাবিক গভীরতার থেকে বেশি গভীরে তৈমুরের শবাধার রাখা হয়েছিল? আরও গভীরে খুঁড়েও যদি কোনও কিছুই সন্ধান না মেলে তখন নাহয় পরশু মস্কো ফেরার জন্য রওনা হব।”
গেরাসিমভ আর তাঁর সঙ্গীরা যে বাড়িতে অবস্থান করছেন সেটা আসলে একটা ‘চাইখানা’ বা চা পাব। পাথরের তৈরি বাড়ি, কয়েকটা ঘরও রয়েছে বাড়িটাতে।
এখানে কোনও হোটেল নেই। চা পাব বা বাড়ির মালিক প্রথমে তাঁদেরকে ঘর ভাড়া দিতে রাজি হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত গেরাসিমভের নিয়োগকর্তার নাম শুনে ভয় পেয়ে ঘর দিতে বাধ্য হয়েছে।
তবে এই জায়গায় ইলেকট্রিসিটি নেই, লণ্ঠনের আলোই ভরসা। রাতে ঘুমোবার আগে বই বা খবরের কাগজ পড়ার অভ্যাস গেরাসিমভের। মস্কো থেকে খবরের কাগজ এখানে আসে ঠিকই, কিন্তু তা আসে দু-দিন পর। সকালে আসা বাসি খবরের কাগজটা নিয়েই পড়তে শুরু করলেন গেরাসিমভ।
যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু খবরও ছাপা হয়েছে কাগজে। বিগত দু-বছর ধরে ইউরোপের নানান প্রাপ্তে নানান দেশের মধ্যে লড়াই চলছে দুই জোটের মধ্যে। একদিকে জার্মানি, জাপান, ইতালি ও আরও কিছু দেশের মিলিত অক্ষশক্তি। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনী। শুধু ইউরোপ নয়, যুদ্ধ ছড়িয়ে পড়েছে এশিয়া আফ্রিকাতেও, চীন-জাপানের যুদ্ধও চলছে৷ জার্মানি, ইতালিকে সঙ্গে নিয়ে ইউরোপের অধিকাংশ দেশ দখল করে নিয়েছে।
সোভিয়েতের সঙ্গে অবশ্য জার্মানির একটা চুক্তি হয়েছে— মলোটভরিবেনট্রপ চুক্তি। এই চুক্তি অনুসারে জার্মানি আর রাশিয়া নিজেদের মধ্যে তাদের দখল করা ফিনল্যান্ড, পোল্যান্ড, বাল্টিক দেশগুলো ভাগাভাগি করে নিয়েছে। অনাক্রমণ চুক্তিও হয়েছে। সোভিয়েত আপাতত নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে, সারা বিশ্বের ওপর নজর রেখে চলেছে।
প্রথম দুটো পাতায় যুদ্ধ সংক্রান্ত নানা খবর পাঠ করার পর, তিনি তাঁর অভ্যাস মতো ঘুমোবার আগে সময় কাটাবার জন্য অন্য খবরগুলোও পড়তে লাগলেন। সাইরেবিয়াতেও একটা ফসিল উদ্ধার হয়েছে।
গেরাসিমভ তখন সে সংবাদটা মন দিয়ে পড়ছিলেন, দরজায় টোকা দেবার শব্দ শুনে মুখ তুলে তাকালেন। কাচের শার্সি দেওয়া দরজার বাইরে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি !
এত রাতে কে এল? গেরাসিমভ উঠে গিয়ে দরজাটা খুললেন। তাঁর সামনে দাঁড়িয়ে অপরিচিত একজন বৃদ্ধ। ঘরের লণ্ঠনের আলো দরজার ফাঁক গলে যতটুকু বাইরে এসে পড়ছে তাতে তাঁর পোশাক দেখে স্থানীয় উজবেক উপজাতির লোক বলেই মনে হল। গায়ে আলখাল্লার মতো হাতাওলা লম্বা ঝুলের পোশাক, মাথায় পশুলোমের গোলাকার টুপি।
গেরাসিমভ লোকটাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, “কাকে চাই?” কাজের প্রয়োজনে বেশ কয়েকটা ভাষা পড়তে ও বলতে পারেন গেরাসিমভ। স্থানীয় উজবেক উপজাতির ভাষাও ইতিমধ্যে বেশ কিছুটা রপ্ত করেছেন তিনি। গেরাসিমভের কথা শুনে লোকটা উজবেক ভাষাতেই জবাব দিল, “আপনাকেই। আপনার সঙ্গেই কথা বলতে এসেছি আমি।”
“কী কথা?”
লোকটা কোনও ভনিতা না করে বলল, “যে কবরটা খুঁড়ছেন, সেটা আর খুঁড়বেন না, ওকে শান্তিতে ঘুমোতে দিন।”
গেরাসিমভ কথাটা শুনেই মনে মনে বেশ উত্তেজিত বোধ করলেন। এ কথার অর্থ, কবরের মধ্যে নিশ্চিত কেউ আছে! তবে মনের ভাব মুখে প্রকাশ না করে গম্ভীরভাবে তিনি বৃদ্ধকে প্রশ্ন করলেন, “কার কবর ওটা?”
গেরাসিমভের প্রশ্নের জবাবে বৃদ্ধ বলল,“ভয়ঙ্কর ক্ষমতাবান এক মানুষের। তাঁর ঘুম ভাঙলে ভয়ঙ্কর বিপদ হবে।”
শুনেই গেরাসিমভের বুকের রক্ত যেন উত্তেজনায় ছলকে উঠল। অর্থাৎ তাঁর অনুমান মিথ্যা নয়। ওই কবরের গভীরে শায়িত আছেন একদা পৃথিবীর ত্রাস তৈমুর।
গেরাসিমভ বৃদ্ধের উদ্দেশে বললেন,“কিন্তু… কবরটা যে আমাকে খুঁড়তেই হবে।”
বৃদ্ধ বলল, “বলছি তো কবরটা খুঁড়লে ভয়ঙ্কর বিপদ হবে। তবু কবরটা আপনি খুঁড়বেন কেন?”
গেরাসিমভ এবার মৃদু হেসে বললেন, “তুমি যোসেফ স্তালিনের নাম শুনেছ? সোভিয়েতের বর্তমান সর্বাধিনায়ক?”
বৃদ্ধ জবাব দিল,“হ্যাঁ, শুনেছি।”
গেরাসিমভ বললেন, “তাঁর নির্দেশেই আমি কবরটা খুঁড়তে এসেছি। এটি সরকারি কাজ। তাই এ কাজ আমাকে করতে হবে।” শেষ কথাটা বেশ দৃঢ়ভাবে বললেন।
লোকটা বেশ ক্ষুব্ধ স্বরে বলল, “আমি বলছি, ও কবর আপনারা খুঁড়বেন না। ওখানে যিনি ঘুমিয়ে আছেন তাঁর ক্ষমতা আপনার স্তালিনের থেকে অনেক বেশি। তাঁর ঘুম নষ্ট করলে যে বিপদ নেমে আসবে, তা রোখার ক্ষমতা আপনার স্তালিনের নেই। ওই কবর খুঁড়তে গেলে আমি বাধা দেব। আর একটাও কোদালের কোপ দেওয়া যাবে না ওই কবরে। ওখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি আমার পূর্বপুরুষ।”
বৃদ্ধের কথা শুনে গেরাসিমভ অবাক হয়ে গেলেন। সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড স্তালিন, সোভিয়েতের মন্ত্রী পরিষদের প্রধান স্তালিন, রাশিয়ার সর্বাধিনায়ক, সর্বশক্তিমান স্তালিন। উজবেকিস্তান সোভিয়েতেরই অবিচ্ছেদ্য অংশ। তার মাটিতে দাঁড়িয়ে স্তালিন সম্পর্কে অমন অবজ্ঞার উক্তি কেউ করতে পারে? ও কথা স্তালিনের কানে গেলে লোকটাকে নিশ্চিত সাইবেরিয়ার পাঠানো হবে।
বৃদ্ধ যেন গেরাসিমভের মনের ভাব বুঝতে পেরে আবারও বলে উঠল,“হ্যাঁ, হ্যাঁ, ওই স্তালিনের থেকে সে অনেক শক্তিশালী ব্যক্তি। এ কথা ফিরে গিয়ে স্তালিনকে জানিও।”
গেরাসিমভের মনে হল যে লোকটা এবার ঔদ্ধত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অথবা লোকটা পাগল। কার সম্পর্কে কী বলছে সে ব্যাপারে কোনও ধারণাই নেই। গেরাসিমভ বিরক্তভাবে বললেন, “অনেক রাত হয়েছে। তুমি এবার যাও। কবরটা আমরা খুঁড়বই। কেউ আমাদের বাঁধা দিতে পারবে না। দরকার হলে মিলিটারি নামবে। কারণ, এটা কমরেড স্তালিনের নির্দেশ৷”
গেরাসিমভের কথা শুনে বৃদ্ধ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তাঁর দিকে। তারপর তার বলিরেখাময় মুখমণ্ডলের ঠোঁটের কোণে একটা ব্যঙ্গের হাসি ফুটে উঠল। সে বলল, “দেখা যাক তবে, কে বেশি শক্তিমান।”
