দিন কেটে গেল একসময়। আনন্দময়ী এদিন আর সকাল বা বিকালে সৌদামিনীর সঙ্গে দেখা করতে আসার ফুরসত পেলেন না। বিকাল বেলা ভেজা কাঠের আগুনে সৌদামিনী যখন রাঁধতে বসল, তার কিছুক্ষণ পরে বাতাসে কেমন যেন একটা গুমোট ভাব অনুভব করল সে। ঠিক ঝড়-বৃষ্টি নামার আগে যেমন হয় অনেক সময়। পাছে বৃষ্টি নামে, তাই কোনোক্রমে দ্রুততার সঙ্গে ভাত আর আলু সিদ্ধ করল সৌদামিনী — ময়নাগড়ের বিধবাদের পরমান্ন!
সন্ধ্যা নামার আগে পর্যন্ত রানী মহলের ওপর তলায় মহারানী আনন্দময়ীরও চূড়ান্ত ব্যস্ততায় কেটে গেল। স্বামী নিজের মুখে তার হাতের রান্না খেতে চেয়েছেন বলে কথা! তাই যত সম্ভব পদ প্রস্তুত করা যায়, তা সারা দিন ধরে বানিয়েছেন তিনি। ঠিক যখন সন্ধ্যা নামল, তখন ঠাণ্ডা জ্বলে নেয়ে নতুন পট্টবস্ত্র আর অলংকার ধারণ করলেন রানী। রানী মহলের আলোগুলো সব জ্বলে উঠল। তাদের উজ্জ্বলতা আজ যেন অনেক বেশি। আজ মহারাজাকে সোনার থালায় খাওয়াবেন রানীমা। সেই স্বর্ণপাত্রগুলো ঘষেমেজে চকচকে করে রাখা হয়েছে। গড়গড়ায় ভরা হয়েছে সুগন্ধি তামাক। ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দের জন্য সব আয়োজনই সম্পন্ন রানী মহলে। এবার শুধু তার পদার্পণের প্রতীক্ষা। সেই প্রতীক্ষাই শুরু করলেন মহারানী আনন্দময়ী।
কাঠের জাফরির ফাঁক গলে কালীদহের বুক থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছে। অন্যদিন সন্ধ্যার মতো গরম ভাব এদিন নেই। একসময় রাধেশ্যাম মন্দিরের দিক থেকে সন্ধ্যারতি শেষে ঘণ্টাধ্বনি শোনা গেল। সেই শব্দ শুনে স্বামীর মঙ্গল কামনাতে কপালে হাত ঠেকিয়ে রাধামাধবের উদ্দেশে প্রণাম জানালেন ময়নাগড়ের মহারানী আনন্দময়ী। প্রতি মুহূর্তে তিনি অপেক্ষা করতে লাগলেন, এই বুঝি অলিন্দে ঘণ্টা বেজে ওঠে, দাসীরা শশব্যস্ত হয়ে ছুটে এসে বলে, তিনি রানী মহলে এসে উপস্থিত হয়েছেন! কালীদহের মাথার ওপর এদিন চাঁদ উঠল ঠিকই, কিন্তু মাঝে মাঝে কোথা থেকে মেঘ এসে ঢেকে দিতে লাগল তাকে। ক্ষণিকের জন্য গাঢ় অন্ধকারে ঢেকে যেতে লাগল কালীদহ। প্রতীক্ষা করে চললেন রানীমা। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। কিন্তু রাজাবাবুর দেখা নেই। এবার যেন কেমন অস্বস্তিবোধ করতে লাগলেন রানী মা। আসতে এত দেরি হচ্ছে কেন তার? ঘরের মেঝে ছেড়ে উঠে পায়চারি করতে শুরু করলেন আনন্দময়ী।
রাত আরো বাড়তে থাকল। কাঠের জাফরির ফাঁক গলে ঠাণ্ডা বাতাস বেশি পরিমাণেই ঢুকতে শুরু করেছে, তাতে প্রদীপের শিখাগুলো কাঁপছে, এরই মধ্যে কয়েকটা নিভেও গেছে। ঘর ছেড়ে এরপর দোতলার অলিন্দে বেরিয়ে এ মাথা থেকে ও মাথা পদচারণা করতে লাগলেন আনন্দময়ী। দাসীরা সব স্তম্ভগুলোর গায়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে দেখতে লাগল তাকে। তাদের মুখেও যেন আশঙ্কার ছাপ জেগে উঠেছে!
এরপর নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে দোতলা থেকে এক তলায় নামলেন আনন্দময়ী। বার মহলে যাওয়ার লোহার দরজাটার দিকে তাকিয়ে তার মনে হতে লাগল, এই হয়তো বা ওই দরজাটা খুলে যাবে! তার মনের সব আশঙ্কা দূর করে রানী মহলে প্রবেশ করবেন ময়নাগড়ের মহারাজা! কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটল না। সেই দরজার দিকে তাকিয়ে পদচারণা করতে করতে রাত্রি নতুন প্রহরে গিয়ে পড়ল। শিয়ালের ডাক জানান দিল সে কথা। দাসীরা তখন ঢুলতে শুরু করেছে। আনন্দময়ীর এরপর হঠাৎ মনে হলো রাজাবাবুর আসতে এত বিলম্ব হচ্ছে কেন, সে ব্যাপারে কি সৌদামিনী কোনো আলোকপাত করতে পারবে? দুলি মাগী যদি কোনো কিছু জানিয়ে গিয়ে থাকে? তার মধ্যে যদি রাজাবাবুর বিলম্বের কোনো ইঙ্গিত লুকিয়ে থাকে? কথাটা মনে হতেই আনন্দময়ী গিয়ে ঘা দিল তার দরজায়। সৌদামিনী জেগেই ছিল। অলিন্দতে রানীমার নূপুর পরা পায়ের অবিরাম পদচারণা শুনতে শুনতে একটা মেঘ দানা বাঁধতে শুরু করেছিল তার মনেও। তার বারবার মনে পড়ছিল বাগদী বউয়ের মুখে শোনা কথাগুলো।
আনন্দময়ী তাকে বলল, ‘হ্যাঁ রে, এত রাত হতে চলল, কিন্তু তিনি কেন এখনো এলেন না! দুলি মাগীর মুখ থেকে কিছু কি শুনেছিস? তিনি কি অন্য কোথাও কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, অথবা তার কি আজ অন্য কোথায় যাওয়ার কথা?’
আনন্দময়ীর কথা শুনে সৌদামিনী বলল, ‘না, বাগদী বউ সে সব কথা বলেনি, তবে সে একটা অন্য খবর জানিয়েছে।’
‘কী খবর?’ প্রশ্ন করলেন আনন্দময়ী।
সৌদামিনী মৃদু চুপ করে থেকে জবাব দিল, ‘রাজাবাবু কাল ময়নাবাইয়ের ঘরে রাত্রিবাস করেছেন, আর তাকে একটা নাকছাবি উপহার দিয়েছেন।’
‘নাকছাবি’ কথাটা শুনেই মৃদু চমকে উঠলেন আনন্দময়ী। তিনি বলে উঠলেন, ‘কেমন নাকছাবি? বাগদী বউ দেখেছে সেটা?’
সৌদামিনী জবাব দিল, ‘হ্যাঁ, লাল পাথর বসানো সোনার নাকছাবি।’
লাল পাথর বসানো সোনার নাকছাবি! মহারানীর পায়ের তলটা এবার থর থর করে কাঁপতে লাগল। তার পছন্দ করা নাকছাবি তার স্বামী শেষে একজন বাইজি -বেবুশ্যাকে দিয়ে দিলেন! ওই নাকছাবি তো আজ তাকে উপহার দেয়ার কথা ছিল রাজাবাবুর। ওই জন্যই বুঝি আজ আর এলেন না তিনি!
বাইরে এবার জোর বাতাস বইতে শুরু করেছে। নিভতে শুরু করেছে প্রদীপগুলো। কেমন যেন অদ্ভুত এক আঁধার নেমে আসছে চারদিকে। মনে হয় ঝড়-বৃষ্টি নামবে। সৌদামিনীর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে মহারানী আনন্দময়ী। বিহ্বল দৃষ্টি তার। তিনি যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না ব্যাপারটা। ওই চুনি পাথর বসানো নথ…এ তো শুধু নথ নয়, স্বামী-স্ত্রী সম্পর্কের বিশ্বাস, ভালোবাসা-প্রতিশ্রুতি ছিল… অস্ফুট কণ্ঠে আনন্দময়ী বললেন, ‘এই কি আমার প্রাপ্য ছিল জীবনে..’
সৌদামিনী এবার পুরো ব্যাপারটা উপলব্ধি করে মহারানীকে শান্ত করার জন্য বলল, ‘আপনি শান্ত হন রানীমা। আসলে আমাদের জীবনটা কালীদহের জলে চুবিয়ে রাখা ভেজা কাঠের মতো। ময়নাগড়ের মেয়ে, বউদের এ জীবন মেনে নিতে হয়। তবে আপনি যে ময়নাগড়ের রানীমা। এ পরিচয় তো আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’
ঠিক এই সময় দমকা বাতাস উঠল কালীদহের বুক থেকে। সেই বাতাসে হঠাৎই অবশিষ্ট প্রদীপগুলো নিভে গিয়ে গাঢ় অন্ধকার নেমে এল রানী মহলে। কয়েক মুহূর্তের জন্য অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল চারপাশে। আর তার পরই আনন্দময়ী হঠাৎ চিৎকার করে উঠলেন, ‘হ্যাঁ, আমি ময়নাগড়ের মহারানী। সামান্য বাইজির কাছে আমি হারব না। হারাতে দেব না আমার স্বামীকে।’
এরপর তিনি এক অদ্ভুত ভয়ংকর কাণ্ড করলেন। অন্ধকারের মধ্যে ছুটে গিয়ে ঘা দিতে শুরু করলেন বার মহলের দরজায়। বেশ কয়েকবার ঘা দেয়ার পর সে দরজা খুলে গেল। জীবনে এই প্রথমবার বার মহলে পা রাখলেন ময়নাগড়ের মহারানী আনন্দময়ী। যে ভৃত্য সেখানে দাঁড়িয়ে ছিল, সেই ইতিপূর্বে কোনো দিন রানীমাকে না দেখলেও সালঙ্কারা দুর্গা প্রতিমার মতো এই নারীকে দেখে তার পরিচয় বুঝতে ভুল হলো না। চমকে উঠল সে। রানীমা তার উদ্দেশে বলল, ‘আমি ময়নাগড়ের মহারানী। আমি তোকে হুকুম দিচ্ছি, তুই আমাকে ময়নাবাইজির ঘরে নিয়ে চল।’
ভৃত্য অগত্যা আনন্দময়ীকে নিয়ে চলল সেদিকে। এখন ঝড় উঠতে শুরু করেছে কালীদহের বুকে।
ময়নামতি নিজের ঘরে বসে অপেক্ষা করছিল রাজাবাবুর জন্য। নতুন গানগুলো এখনো তাকে শোনানো বাকি। রাত তো অনেক হলো, তিনি কি আজ আসবেন?
হঠাৎ সশব্দে ঘরের দরজা খুলে গেল। ময়নামতির ঘরে যে প্রবেশ করল, তাকে সে ইতিপূর্বে না দেখলেও চিনতে ভুল হলো না তার। ময়নামতি এগিয়ে গেল তার পদ স্পর্শ করার জন্য। মহারানীর দৃষ্টি এখন ময়নামতির মুখমণ্ডলের দিকে নিবদ্ধ। হ্যাঁ, ওই তো সেই চুনি পাথর বসানো নথ! ময়নামতি এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করতে যাচ্ছিল। ঠিক সেই সময় আনন্দময়ী ময়নামতির নাক থেকে হেঁচকা টানে সেই নথটা ছিঁড়ে নিয়ে ছুড়ে ফেললেন ঘরের কোণে। গলগল করে রক্তপাত হতে শুরু করল ময়নামতির নাক থেকে। হতভম্ব হয়ে গেল সে। মহারানীর তখন উন্মাদিনী মূর্তি। চিৎকার করে বলে উঠলেন, ‘তুই এক সামান্য বাইজি, বেবুশ্যা, তোর কি ক্ষমতা আছে যে তুই আমার স্বামীকে গ্রাস করার চেষ্টা করিস? তুই এই রাতেই ময়নাগড় থেকে দূর হয়ে যা। নইলে তোকে কুমিরের মুখে ছুড়ে দিব আমি।’
ময়নামতির তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কোনোক্রমে সে বলল, ‘হ্যাঁ, আমি এক অতি সাধারণ বাইজি। আমার কোনো ক্ষমতা থাক বা না থাক, আমি আজ রানীমার দর্শন লাভ করলাম। তাকে আমি টেনে আনতে পারলাম বার মহলে। হ্যাঁ, আমি আজই ময়নাগড় ছেড়ে চলে যাব।’ আনন্দময়ী হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে সৌদামিনী সে ঘরে প্রবেশ করল মহারানীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাইরে তখন প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে সৌদামিনী মহারানীকে নিয়ে ফিরে এল রানী মহলে।
পরিশিষ্ট: পরদিন ভোরবেলায় আবার সূর্য উঠল কালীদহের বুকে। ময়নাগড়ের ভূস্বামী নথ নিয়ে ফেরার পথে তুমুল ঝড়-বৃষ্টিতে গত রাতে আটকে গেছিলেন। সকাল বেলায় ময়নাগড়ে ফিরতেই তিনি দেখলেন নায়েব, গোমস্তারা ঘাটের পাড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এরপরই তাদের মুখ থেকে রাধেশ্যামানন্দ ব্যাপারটা জানতে পারলেন। শত শত বছরের প্রাচীন প্রথা ভেঙে ময়নাগড়ের রাজপরিবারের সম্ভ্রমকে ধুলোয় মিশিয়ে মহারানী আনন্দময়ী বার মহলে পা রেখেছেন! আর তার সঙ্গে ছিল বিধবা সৌদামিনী! না, এই ব্যাভিচার মেনে নেয়া যায় না। সিদ্ধান্ত নিয়ে ফেললেন ময়নাগড়ের মহারাজা রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র। তিনি নির্দেশ দিলেন রানী মহল থেকে মহারানী আনন্দময়ী আর সৌদামিনী ছাড়া অন্য সবাইকে সরিয়ে দিয়ে রানী মহলের সমস্ত দরজা বাইরে থেকে গেঁথে দেয়ার। যাতে আর কোনোদিন পরিবারের সম্ভ্রম নষ্ট না করতে পারেন আনন্দময়ী। মহারাজের নির্দেশ কার্যকর হলো, ময়নাগড়ের রানী মহলের অন্ধকারে চিরজীবনের মতো হারিয়ে গেলেন মহারানী আনন্দময়ী। সম্ভ্রম রক্ষা পেল ময়নাগড়ের বাহুবলেন্দ্র রাজপরিবারের।
