ময়নামতির নথ – ৪

কালীদহের আকাশে একসময় রাত শেষে শুকতারা ফুটে উঠল। তারপর তা মুছে গিয়ে ধীরে ধীরে আলো ফুটে উঠতে লাগল। জেগে উঠতে লাগল ময়নাগড় প্রাসাদের মহলগুলো। আস্তাবল থেকে নতুন ভোরকে স্বাগত জানিয়ে শোনা যেতে লাগল ঘোড়ার ডাক। রাধেশ্যাম সাধারণত ভোরের আলো ফোটার পরই উঠে যান। তারপর প্রাসাদের বিশাল ছাদে এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত বেশকিছু সময় পদচারণা করেন স্বাস্থ্য রক্ষার জন্য। এদিন কিন্তু বেশ বেলা হলো তার নিদ্রাভঙ্গ হতে। ঘুম ভাঙার পর তিনি প্রথমে বেশ অবাকই হয়ে গেলেন এত বেলা হয়ে গেছে দেখে। তার পরই রাজাবাবুর মনে পড়ে গেল রানীমহলের ঘটনার কথা। তার সঙ্গে আনন্দময়ীর বৈবাহিক সম্পর্ক পনেরো বছরের। রানীর দেহে যৌবন থাকলেও সে শরীর কেন জানি ময়নাগড়ের মহারাজকে তেমনভাবে টানে না বা উল্টো দিক থেকে বলা যেতে পারে রানী তাকে তেমনভাবে আকৃষ্ট করতে পারেন না। কাল রাতে রাধেশ্যামের শরীরে মুহূর্তের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল ঠিকই, তিনি রানীকে বুকে জড়িয়ে পালঙ্কে বসিয়েছিলেন এ কথাও সত্য, কিন্তু তারপর হঠাৎই তার শরীর শীতল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও রানী আর জাগাতে পারেননি স্বামীর শরীর।

নিজের ঘরে শুয়ে রাজাবাবু বেশ কিছুক্ষণ ধরে ভাববার চেষ্টা করতে লাগলেন এ ব্যাপারটা রানী কীভাবে দেখেন? নিজের ব্যর্থতা, নাকি তার স্বামীর অপারগতা বলে মনে করে সে। তবে রানী যে তাকে খুব ভালোবাসেন, তা বোঝেন বাহুবলেন্দ্র। আর তিনিও বাসেন। তাই তো অনেকে পরামর্শ দিলেও, ময়নাগড়ের অধিপতি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেননি। ময়নাগড়ের রাজপরিবারের অনুশাসন অনুসারে এ বাড়ির পুরুষরা প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয়বার বিবাহ করতে পারেন যদি প্রথমা স্ত্রী কোনো দুরারোগ্য ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত হন অথবা বিবাহের অষ্টম বছরের মধ্যে সন্তান ধারণে অক্ষম হন তখন। সে সময়ের দ্বিগুণ সময় অতিবাহিত হতে চলেছে, কিন্তু এখনো তাদের সন্তান হয়নি। এ ঘটনাটা বাহুবলেন্দ্রর মনকে মাঝে মাঝে ভারাক্রান্ত করে তোলে ঠিকই, কিন্তু রানী দুঃখ পাবেন জেনেই তিনি এখনো পর্যন্ত নিজেকে বিরত রেখেছেন সে কাজ থেকে।

কিছু সময় এসব নিয়ে ভাবার পর আলস্য ভেঙে পালঙ্কে উঠে বসলেন রাধেশ্যাম। তিনি দেখলেন বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মবনে ফুল সংগ্রহ করছে। জানালা দিয়ে এ দৃশ্য দেখার পর রাজাবাবুর মনে পড়ে গেল, মাঝরাতে নাচঘরে তার নতুন বাইজি তাকে গান শোনাবে। নাচঘর সাজানোর জন্যই পদ্ম আহরণে নেমেছে ওই লোকগুলো। ব্যাপারটা মনে পড়তেই জমিদার রাধ্যেশ্যামের মনে গত রাতের ঘটনা সম্পর্কিত যে বিষণ্ণ ভাবের সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই যেন কেটে গেল।

নিজের মহল থেকে কিছু সময়ের মধ্যেই তিনি রোজকার মতো কাছারিবাড়িতে নায়েব গোমস্তাদের ভিড়ের মাঝে গিয়ে বসলেন। তাদের সঙ্গে নানা আলাপ-আলোচনা কথার আদান-প্রদানের মাধ্যমে একসময় ময়নাগড়ের অধিপতি তার নায়েবের মুখ থেকে শুনলেন বাংলার নবাবের সঙ্গে নাকি কলিঙ্গরাজের যুদ্ধ লাগতে পারে। মুর্শিদাবাদ থেকে একদল সেনা নাকি যাত্রা শুরু করেছে এদিকে। এর আগে নবাব আর রাজার মধ্যে সীমানা নিয়ে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এ অঞ্চলের সীমান্ত বিবাদকে কেন্দ্র করে। তবে ময়নাগড় অক্ষত থেকেছে। নবাববাহিনী কোনো দিন এ দুর্ভেদ্য ময়নাগড়ে প্রবেশ করার চেষ্টা করেনি। তবু খবরটা যখন কানে আসছে তখন ব্যাপারটা সম্পর্কে নায়েবকে খোঁজখবর রাখার নির্দেশ দিলেন ময়নাগড়ের রাজা। তিনি এদিন মধ্যাহ্নেই কাছারিবাড়ি ত্যাগ করে নিজের মহলের উদ্দেশে রওনা হলেন। গত রাত তো রানী সংসর্গে জেগেই কাটিয়েছেন তিনি। আর আজ নাচঘরে তার মধ্যরাত্রি পর্যন্ত তো বটেই, এমনকি সারা রাতও অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আজ রাত্রি জাগরণের প্রস্তুতিস্বরূপ তার ঘুমিয়ে নেয়া প্রয়োজন। রাধেশ্যামানন্দ সে কাজই করলেন। কাছারিবাড়ি থেকে ফিরে মধ্যাহ্নভোজ সেরে পালঙ্কে বসে পড়লেন তিনি।

ময়নাগড়ের জমিদারের যখন ঘুম ভাঙল তখন কালীদহের জলে সূর্য ডুবতে শুরু করেছে। ঘুম ভেঙে উঠে বসে শরীরে বেশ একটা চনমনে ভাব অনুভব করলেন তিনি। পালংক থেকে নেমে ভৃত্যদের ডেকে তিনি বললেন, ‘আমি স্নানে যাব।’ ভৃত্যরা প্রস্তুত হয়েই ছিল। রাধেশ্যামের সঙ্গে তারা চলল স্নানঘরের দিকে। কালীদহ থেকে জল তুলে এনে তাতে নিমপাতা ও সুগন্ধী মিশিয়ে রাজাবাবুর স্নানের জল প্রস্তুত করা হয়। বিশালাকৃতির এক রুপোর পাত্রে সে জল প্রস্তুত করাই ছিল। জমিদার মশাই স্নানঘরে প্রবেশ করার পর স্নানের আগে কয়েকজন ভৃত্য তার অঙ্গে নানাবিধ তৈল সুগন্ধি মর্দন করা শুরু করল তার শরীরকে আরো সতেজ করে তোলার জন্য।

ঠিক এ সময় রানী মহলের একতলাতে তার কুঠুরিসংলগ্ন ঘেরা জায়গাতে ভেজা কাঠের আঁচে রান্না করছিল সৌদামিনী। রানী মহলের ওপর থেকে নেমে এদিনও তার কাছে এ সময় হাজির হলেন আনন্দময়ী। সময় বিশেষে এই দুই জা-এর মধ্যে মৃদু মশকরাও হয়। তাকে দেখে সৌদামিনী বলল, ‘রানীমার ঘুম কি এই ভাঙল? কাল শেষরাতে আমি দরজার খিল খোলার শব্দ পেয়েছি!’

সৌদামিনীর কথার অন্তর্নিহিত ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না ময়নাগড়ের রানীমার। তবে ব্যাপারটা বরং উল্টো। কাল রাতে তো বটেই, স্বামী চলে যাওয়ার পর আজ সারা দিন দুই চোখের পাতা এক করতে পারেননি আনন্দময়ী। তার বারবার মনে হচ্ছে তিনি কি ফুরিয়ে গেছেন? তাই কি তিনি হারিয়ে ফেলছেন তার স্বামীকে? কিন্তু এসব কথা তো তৃতীয় কারো সঙ্গে আলোচনা করা যায় না। তাই বললেন, ‘ঘুমাই আর জেগে থাকি তা জেনে তুই কী করবি সোদো?’

সৌদামিনী বাঁশের নলে ফুঁ দিয়ে ভেজা কাঠের আগুনকে আর একটু উসকে দেয়ার চেষ্টা করে বলল, ‘তা বটে। আমি তো এখন এই ভেজা কাঠের মতোই। ওসব জেনেই বা আমার কী হবে?’

সৌদামিনী কথাটা হেসে বললেও কোথায় যেন একটা বিষণ্ণতা ধরা দিল তার কণ্ঠে। ব্যাপারটা বুঝতে পেরে আনন্দময়ী তার প্রতি সহানুভূতি প্রকাশ করে বললেন, ‘কী আর করবি বল? সবই কপালের ব্যাপার। কপালকে কে খণ্ডাবে?’

সৌদামিনী বলল, ‘হ্যাঁ, কপাল। সে তো আমি মেনেই নিয়েছি। কিন্তু একেক সময় আমার কী মনে হয় জানো…।’

কথা শেষ না করে আবারো আঁচে ফুঁ দিতে শুরু করল সে।

মহারানী কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, ‘থামলি কেন? কী মনে হয় বল?’

গাল ফুলিয়ে বাঁশের নলে বেশ জোরে একটা ফুঁ দিল সৌদামিনী। আর তার ফলে আঁচ থেকে স্ফুলিঙ্গ উড়তে শুরু করল। সৌদামিনী বলল, ‘মনে হয়, রাধামাধব কি মেয়েদের জন্যই শুধু কপালে ওসব লেখেন? আমাদের প্রতি কি তার কোনো মায়া-দয়া নেই?’

আনন্দময়ীর কাছে এ প্রশ্নের সঠিক উত্তর জানা নেই। তাই তিনি বললেন, ‘রাধামাধবের মনের কথা একমাত্র তিনিই বলতে পারবেন। আমরা তো নগণ্য মানুষ, তার ওপর আবার মেয়ে। দেবতার মনের কথা আমরা বুঝব কীভাবে?’ সৌদামিনী এরপর প্রসঙ্গান্তরে চলে গিয়ে বলল, ‘রানীমা গতকাল যে বজরার কথা বলছিলেন, সে বজরা করে এক বাইজি এসেছে। দুলি মাগী যখন আজ কাঠ দিতে এল, তখন তাকে জিজ্ঞেস করে জানলাম।’

—’কী নাম? কোথা থেকে এসেছে?’ জানতে চাইলেন আনন্দময়ী।

সৌদামিনী জবাব দিল, ‘সে সব বলতে পারল না দুলি । তবে ও মাগীর নাকি রূপের চটক আছে। কে যেন দেখে জানিয়েছে বাগদী বউকে।’ এরপর আরো কিছুক্ষণ সৌদামিনীর কাছে দাঁড়িয়ে টুকটাক নানা কথা বললেন আনন্দময়ী। তারপর তিনি সে স্থান ছেড়ে বেরিয়ে এলেন।

ময়না গড়ের জমিদার রাধেশ্যামানন্দের স্নান সাঙ্গ হয়ে গেছে ততক্ষণে। ভৃত্যরা পুনর্বার তার সারা শরীরে সুগন্ধি লেপন করে দিল। নতুন ধৃতি আর সোনার সুতোর কাজ করা পিরান পরিধান করলেন তিনি। সাবেক কালের সিন্দুর খুলে দুর্মূল্য হিরক ও চুনি পাথরের বেশ কয়েকটা আংটিও আঙুলে ধারণ করলেন, গলায় দিলেন মুক্তহার। এরপর আরো কিছু কাজ বাকি ছিল। একজন ভৃত্য এসে মহারাজের ছুঁচোলো গোঁফে মোম ঘষে দিল। আর একজন ভৃত্য এসে আতরদান এনে ধরল তার সামনে। তিনি মহার্ঘ্য আতর ভেজানো তুলা তুলে নিয়ে নিজের কানের লতি আর বাহুতে স্পর্শ করালেন। শেষে একজন এসে রাজাবাবুর পায়ে হরিণের চামড়ার জুতো পরিয়ে তার হাতে ময়ূরমাথা হাতলঅলা রুপোর ছড়িটা ধরিয়ে দিলেন।

মহারাজের কক্ষে বিশাল এক আয়না আছে। সাজ সম্পন্ন হওয়ার পর তার সামনে গিয়ে দাঁড়ালেন রাজাবাবু। বেশ কিছুক্ষণ সময় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলেন তিনি। এ কক্ষের মাথার ওপরে দেয়াল থেকে তার পূর্বপুরুষদের বেশ কয়েকটি তৈলচিত্র ঝুলছে। আয়নায় নিজেকে দেখে রাধেশ্যামের মনে হলো, ঠিক তাদেরই মতো দেখতে লাগছে তাকে। পৌরুষ আর ব্যক্তিত্বসম্পন্ন এক পুরুষের মতো। ময়নাগড়ের বাহুবলেন্দ্র জমিদারকে ঠিক যেমন দেখতে হওয়া উচিত।

নাচঘরে যাওয়ার জন্য নিজ মহল থেকে বাইরে বেরিয়ে এলেন রাধেশ্যাম। কালীদহ এরই মধ্যে অন্ধকারে ডুবে গেলেও প্রদীপ আর মশালের আলোয় নানা মহলগুলো আলোকিত। চারপাশের মহলগুলোর দিকে নিচ থেকে একবার তাকালে রাধেশ্যাম। মুহূর্তে তার দৃষ্টি স্থির হলো রানীমহলের দ্বিতলের অলিন্দের দিকে। কাঠের জাফরির ফাঁক গলে ভেতরের আলো বাইরে ঠিকরে পড়ছে। সেদিকে তাকিয়ে ময়নাগড়ের জমিদারের মনে হলো, আনন্দময়ী এখন কী করছে? সে কি প্রতীক্ষা করছে তার স্বামী যদি তার মহলে পদার্পণ করেন সেজন্য? রাধেশ্যাম অবশ্য এরপর নিজের মহলের সামনে দাঁড়ালেন না। কয়েকজন পাইক এরই মধ্যে মহলের বাইরে উপস্থিত ছিল তাকে নাচঘর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ময়নাগড়ের রাজা রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র রওনা হলেন সেদিকে।

নাচ মহলের বহিরাঙ্গে সর্বত্র প্রদীপ জ্বলছে। তার প্রতিচ্ছবি গিয়ে পড়েছে কালীদহের জলে। বাতাসে মাঝে মাঝে মৃদু তরঙ্গ উঠছে কালীদহের জলে। তার সঙ্গে কাঁপছে সেই প্রতিচ্ছবিও। দেখে মনে হচ্ছে যেন শিহরণ জেগেছে নাচমহলে। বাইজির নৃত্য-গীতের প্রতীক্ষায় পুলকিত হয়ে উঠেছে নাচ মহল।

মহলের অলিন্দে উঠে এলেন রাধেশ্যামানন্দ। তার আমন্ত্রিত অতিথিরা এরই মধ্যে সে স্থানে উপস্থিত হয়ে রাজাবাবুর আসার জন্য অপেক্ষা করছিলেন। সংখ্যায় অবশ্য তারা বেশি নয়। জনা পাঁচেক— নায়েব কৃষ্ণকিশোর, জমিদারের এক অবিবাহিত খুল্লতাত তিন কুড়ি বর্ষীয় নীলমাধব, আর জমিদারের অন্নে প্রতিপালিত তার তিনজন বয়স্য। এদের প্রধান কাজ হলো, ময়নাগড়ের জমিদারের গুণকীর্তন-চাটুকারিতা করা এবং ক্ষেত্রবিশেষে ময়নাগড়ের নানান সংবাদ সুযোগমতো রাজাবাবুর কানে পৌঁছে দেয়া। রাধেশ্যাম সেখানে উপস্থিত হতেই মাথা ঝুঁকিয়ে সবাই তাকে প্রণাম জানাল। অতঃপর সবাইকে নিয়ে নাচঘরে প্রবেশ করলেন রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র।

শ্বেতপাথরে মোড়া বিশাল নাচঘর। মাথার ওপর থেকে নেমে আসা ঝাড়বাতির আলোয় ঝলমল করছে ঘর। পিতলের তৈরি বড় বড় প্রদীপদানেও সুগন্ধি তেলের প্রদীপ জ্বলছে বেশ কয়েকটা। সে আলো প্রতিফলিত হচ্ছে আয়নার মতো মসৃণ মেঝেতে। ঘরের এক পাশের মেঝেতে ধবধবে গদিঅলা ফরাস পাতা। তার ওপরে রয়েছে তাকিয়া, বালিশ সবকিছু। ভৃত্যের দল তার এক পাশে দাঁড়িয়ে আছে পানের ডিবা, পানপাত্র, তামাক ইত্যাদি নিয়ে। এ স্থান জমিদার ও তার বয়স্যদের বসার জায়গা। আর তার ঠিক উল্টো দিকে এক খণ্ড গালিচার ওপর বাদ্যকার অর্থাৎ বাজিয়েদের বসার জায়গা। রাধেশ্যামেরই বেতনভুক বাদ্যকার তারা। আর তৃতীয় একদিকে নাচঘরের ভেতর প্রবেশের জন্য যেদিকে অন্য এক দরজা আছে, সেদিকে কিছুটা জায়গা নিয়ে একটা চিকের পর্দা টাঙানো। ওই পর্দার আড়াল থেকেই নর্তকীরা নাচঘরে আবির্ভূত হয়। ওদিকে তাদের বিশ্রাম নেয়ার জন্য ঘর আছে।

সারা নাচঘর গোলাপ জলের গন্ধে সুরভিত। জমিদার রাধেশ্যামানন্দ তার সঙ্গীদের নিয়ে আসন গ্রহণ করলেন। একজন ভৃত্য এসে তার হাতে গড়গড়ার নল ধরিয়ে দিল। সবকিছু প্রস্তুতই ছিল। তিনি আসন গ্রহণ করা মাত্রই বাদ্যকাররা নাচঘরে প্রবেশ করে তাকে প্রণাম জানিয়ে নিজেদের জায়গায় বসে নিজ নিজ বাদ্যযন্ত্রে ঠেকা দিতে শুরু করল। আর সে ইঙ্গিতের ফল হিসেবে কিছুক্ষণের মধ্যেই ঘুঙুরের ছমছম শব্দ শোনা গেল। পর্দা ঠেলে নাচঘরে প্রবেশ করল রাজলক্ষ্মী বাই বা চম্পা বাই। পরনে তার দুধ সাদা ঘাগরা, সোনালি জরি বসানো কবজিঢাকা জামা, দুই হাতে চুরির গোছা, গলায় ফুলের মালা, কবরী বন্ধনীও ফুলমালায় সজ্জিত। তার মুখমণ্ডল আজ আর সেই স্বচ্ছ কাপড়ের পর্দাতে আবৃত নেই। নাচতে নামলে ঘোমটা দেয়া চলে না। নাচঘরের কেন্দ্রে উজ্জ্বল ঝাড়বাতির নিচে এসে দাঁড়াল সে। তারপর মাথা ঝুঁকিয়ে রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্রকে প্রণাম জানিয়ে সোজা হয়ে দাঁড়াল। জমিদার ও তার অনুচররা ভালো করে তাকাল তার দিকে। ক্ষীণ কটির এই নর্তকীর গাত্রবর্ণ দুধের মতো। দিঘল চোখ, পানপাতার মতো মুখমণ্ডল ও গণ্ডাদেশ থেকে বিচ্ছুরিত হচ্ছে রক্তিম আভা। ফুলের পাপড়ির মতো পাতলা ওষ্ঠাধরও রক্তি বর্ণের। নাচঘরের উজ্জ্বল আলোয় তাকে দেখে রাধেশ্যামানন্দের মনে হলো, গতকাল এ নারীকে যতটা সুন্দরী মনে হয়েছিল, সে তার চেয়ে অনেক বেশি সুন্দরী।

শুধু জমিদার রাধেশ্যামানন্দ নন, তার আত্মীয়-বয়স্য সবাই অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন এ সুন্দরীর দিকে। জমিদারের খুল্লতাত নীলমাধব পেছন থেকে বলে উঠলেন, ‘এ যে দেখছি শ্বেতপরী!’

বৃদ্ধের কথা কথা মনে হয় কানে গেল নর্তকীর। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। সে নারী এরপর রাধেশ্যামানন্দের দিকে তাকিয়ে বলল, ‘নাচ, না গান? মহারাজ আমাকে প্রথমে কী করতে আজ্ঞা দেন।’

রাধেশ্যামানন্দ বললেন, ‘প্রথমে গান শুনব। তোমার মনের যা ইচ্ছা গাও।’

ঝাড়বাতির ঠিক নিচে পরনের ঘাগরাটাকে মেঝের মধ্যে অর্ধচন্দ্রাকৃতিভাবে ছড়িয়ে হাঁটু ভাঁজ করে বসল বাইজি। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা খেয়াল ধরল। গান শুরু করার কিছুক্ষণের মধ্যেই সংগীতের সমঝদার রাধেশ্যামানন্দ বুঝতে পারলেন যে এ রমণী ঠিক সাধারণ বাইজিদের পর্যায়ভুক্ত নয়। ধ্রুপদ সংগীতে তার বেশ দক্ষতা! এ গান শেষ হওয়ার পর বাহুবলেন্দ্র বললেন, ‘এবার একটা ঠুমরি গাও দেখি?’

রাজনির্দেশ পালন করে ঠুমরি ধরল মেয়েটা। বাইরে তখন চাঁদ উঠে গেছে। কালীদহের দিকে একটা বিরাট জানালা আছে নাচঘরে শীতল বায়ু প্রবেশের জন্য। সেই বাতায়ন বেয়ে সুমধুর সংগীতধ্বনি ছড়িয়ে পড়তে লাগল কালীদহের বুকে।

একটার পর একটা গান গেয়ে চলল এই নারী। মন্ত্রমুগ্ধের মতো তা শুনে যেতে লাগলেন বাহুবলেন্দ্র ও তার সঙ্গীরা। ভৃত্যরা তাদের হাতে হাতে ধরিয়ে দিতে লাগল মদিরার পাত্র।

একসময় কে একজন বলল, ‘এবার তবে নৃত্য হোক?’

রাধেশ্যামানন্দ ইশারা করলেন বাইজিকে। উঠে দাঁড়াল সে। তারপর জমিদার মশাইকে আবারো মাথা ঝুঁকিয়ে প্রণাম জানিয়ে বাইজি শুরু করল তার নাচ। তার ঘুঙুরের ছমছম  শব্দে কেঁপে উঠতে লাগল নাচঘর। কী অপরূপ নৃত্যশৈলী! একের পর এক নৃত্য প্রদর্শন করে চলল সে। রাধেশ্যামানন্দের এ নাচঘরে এর আগে বহু দক্ষ বাইজি তাদের নৃত্যগীত পরিবেশন করেছে, কিন্তু রাধেশ্যামানন্দের আজ যেন মনে হতে
লাগল, স্বর্গ থেকে উর্বশী বা রম্ভা এসে হাজির হয়েছে ময়নাগড়ের নাচমহলে। সে নাচ দেখে জমিদারের সঙ্গীদের নেশা আরো বেড়ে চলল। আর তার সঙ্গে বেড়ে চলল রাতও। একসময় নায়েব কৃষ্ণকিশোর বাড়ি ফেরার জন্য জমিদারের অনুমতি প্রার্থনা করলেন। জমিদার হাতের ইশারায় তাকে অনুমতি দিলেন। তারপর একে একে তার তিন বয়স্যও নাচঘর ত্যাগ করলেন, নইলে তাদের পক্ষে আর পায়ে হেঁটে বাড়ি পৌঁছান সম্ভব হবে না বলে। আর জমিদারের খুল্লতাত নীলমাধব নাচ দেখতে দেখতে একসময় মদ্যপানের প্রভাবে ফরাসের ওপর ঢলে পড়লেন। জমিদার রাধেশ্যামানন্দ মদিরার পাত্রে চুমুক দিয়েছিলেন ঠিকই, কিন্তু মাত্র একবার। কারণ বাইজির নৃত্যগীত তাকে অনেক বেশি নেশাতুর করে তুলেছিল।
 

তবে সবকিছুর যেমন শেষ থাকে, তেমনই বাইজির নৃত্যগীতেরও একসময় এ রাতের মতো পরিসমাপ্তি ঘটল। কারণ, তখন ঘুমে ঢুলুঢুলু হয়ে এসেছে বাদ্যকারদের চোখ। এ নাচমহল ছাড়া ঘুমিয়ে পড়েছে সারা ময়নাগড়। নর্তকীর দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ বিমোহিত বাকরুদ্ধভাবে বসে রইলেন রাধ্যেশ্যামানন্দ। ময়নাগড়ের কাটা বাঁশের বন থেকে প্রহর গোনা শিয়ালের দল ডেকে উঠল। অনেক রাত হলো, তাকে এবার নিজ মহলে ফিরতে হবে।

ফরাস ছেড়ে উঠে দাঁড়ালেন ময়নাগড়ের বাহুবলেন্দ্র। নিজের গলা থেকে মুক্তমালাটা খুলে তিনি তা বাড়িয়ে দিলেন নর্তকীর দিকে। মুক্তমালাটা গ্রহণ করে সেটা কপালে ঠেকিয়ে প্রণাম জানিয়ে বাহবলেন্দ্র কী আজ্ঞা করেন তা শোনার প্রত্যাশায় মাথা নিচু করে দাঁড়াল নর্তকী। না, বাহুবলেন্দ্র তাকে কোনো আজ্ঞা করলেন না। তিনি প্রথমে তার উদ্দেশে বললেন, ‘তোমাকে কী নামে ডাকা যায় বলো তো? চম্পা তো বালেশ্বরের রাজার দেয়া নাম। আর দেবী রাজলক্ষ্মীর বিগ্রহ আছে ময়নাগড়ে। নিত্য পূজা পান তিনি। কাজেই এ দুই নামের কোনো নামেই ডাকা যাবে না তোমাকে।’

এ কথা বলার পর একটু ভেবে নিয়ে ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দ বললেন, ‘আমি তোমার নাম দিলাম ময়নামতি। তুমি যতদিন ময়নাগড়ে থাকবে, ততদিন সবাই তোমাকে ময়নাবাই নামে ডাকবে।’

তার কথা শুনে সুন্দরী রমণী মৃদু হেসে বলল, “মহারাজ যখন চাইবেন তখনই তাকে গান শোনাবে, নাচ দেখাবে ময়নাবাই-ময়নামতি।”

পাইক পরিবেষ্টিত হয়ে মধ্যরাতে রাধেশ্যামানন্দ যখন নিজের রাজমহলের দিকে পা বাড়ালেন ততক্ষণে রানীমহলের দোতলার প্রদীপগুলো সন্ধ্যা থেকে জেগে থাকার পর অবশেষে ঘুমিয়ে পড়েছে।