একটার পর একটা দিন কাটছে। ধীরে ধীরে ফুটে উঠছে পাঁচশো বছর আগের এক লৌহ কঠিন মানুষের অবয়ব। ছবি আঁকা শুরু করার কিছু দিনের মধ্যেই গেরাসিমভও বুঝতে পারলেন ফরেনসিক প্রযুক্তির হাত ধরে যে মুখমণ্ডলের জন্ম হচ্ছে, তার মধ্যে ইতিহাসে বর্ণিত লোকটার চরিত্রর মতোই একটা লৌহকঠিন শীতলতা আছে।
ছবি আঁকার কাজ যত এগোছে, সময় যত এগোছে ততই বাড়ছে যুদ্ধের তীব্রতা। বলা ভালো জার্মান বাহিনীর আক্রমণ। অপ্রতিরোধ্যভাবে রাশিয়ার একটার পর একটা অঞ্চল দখল করছে তারা। সোভিয়েত জনগণ আর ফৌজের মৃত্যুসংখ্যা এক কোটির বেশি ছাপিয়ে। হিটলারের নাৎসি বাহিনী হয়ে গেছে তৈমুর বাহিনীর চেয়ে ভয়ঙ্কর!
যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব এসে পড়তে লাগল। সূর্য ডুবে গেলে অনেক সময় একাই ল্যাবরেটরিতে কাজ করেন গেরাসিমভ। সূর্য ডুবে যাবার পর হঠাৎই একদিন সন্ধ্যার পর ল্যাবরেটরির সব আলো নিভে গেল। সাধারণত ল্যাবরেটরিতে পাওয়ার কাট হয় না। হলেও বিকল্প ব্যবস্থা আছে। গেরাসিমভ ল্যাবরেটরির কেয়ারটেকারকে ডাকলেন।
লোকটা এসে জানাল, জার্মান বিমান হানার ভয়ে মস্কোয় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাতে কোথাও কোনও আলো জ্বলবে না। জার্মান বাহিনী নাকি মস্কোর এতটাই কাছে এসে গেছে যে তারা বিমান হানা চালাতে পারে শহরে!
গেরাসিমভ এই প্রথম যুদ্ধের তীব্রতা অনুভব করতে পারলেন। ততদিন তিনি ভেবে আসছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে। এদিন থেকে কাজের বাইরেও একটু চোখ-কান খোলা রাখতে লাগলেন তিনি। বাড়ি থেকে ল্যাবরেটরি যাওয়া আসার পথে তিনি লক্ষ করতে লাগলেন দিনে দিনে পথঘাট কেমন যেন সুনসান হয়ে আসছে।
সূর্য ডোবার পর ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ডুবে যায় একদা আলো ঝলমলে মস্কো শহর। সারা রাত ধরে শহরের মাথায় শুধু গোঁ-গোঁ শব্দে চক্কর কেটে চলে যুদ্ধ বিমান। ধাতব চেন আর চাকার ঝনঝন শব্দে মস্কোর রাস্তায় টহল দেয় ট্যাঙ্ক। তবুও এরই মধ্যে কাজ করে যেতে লাগলেন নৃতত্ত্ববিজ্ঞানী গেরাসিমভ। ধীরে ধীরে পূর্ণতা পেতে লাগল প্রতিকৃতি।
গেরাসিমভের কাজ তখন প্রায় শেষের পথে। আচমকা পরপর তিনদিন ল্যাবরেটরিতে অনুপস্থিত হলেন তাঁর সহকর্মী আন্দ্রেই। এই গুরুত্বপূর্ণ সময় তো আন্দ্রেইয়ের অনুপস্থিত থাকার কথা নয়।
গেরাসিমভ তাঁর অপর সহকর্মী গ্রেগরিকে জিগ্যেস করে জানতে পারলেন, তিনিও কারণ জানেন না। গেরাসিমভ সিদ্ধান্ত নিলেন, দিন শেষে বাড়ি ফেরার আগে তিনি একবার আন্দ্রেইয়ের বাড়ি ঘুরে যাবেন।
সেইমতো এদিন ল্যাবরেটরি থেকে বেরিয়ে তিনি সন্ধ্যা বেলায় গিয়ে উপস্থিত হলেন আন্দ্রেইয়ের বাড়িতে। ব্ল্যাক আউটের জন্য এমনিতেই চারপাশ অন্ধকার। তার ওপর বাড়িটা যেন বড় বেশি নিঝুম বলে মনে হল গেরাসিমভের। দরজা নক করতেই পরিচারিকা দরজা খুলে দিল। তিনি উপস্থিত হলেন বাড়ির ড্রইং রুমে। কয়েকটা মোম জ্বলছে ঘরে। একটা সোফায় বসে আছেন আন্দ্রেই আর তাঁর স্ত্রী নাতাশা। গেরাসিমভকে দেখে তাঁদের মধ্যে কোনও উৎফুল্লভাব প্রকাশ পেল না। দুজনের মুখই অস্বাভাবিকরকম গম্ভীর। গেরাসিমভ একটু ইতস্তত করে তাঁকে বললেন, “আপনি আসছেন না দেখে খোঁজ নিতে এলাম। শরীর খারাপ হয়েছে নাকি?”
আন্দ্রেই জবাব দিলেন,“না।”
—“তবে?” প্রশ্ন করলেন গেরাসিমভ।
আন্দ্রেই এবার চোখের ইশারায় ড্রইংরুমের একটা দিকে গেরাসিমভের দৃষ্টি আকর্ষণ করালেন। যেখানে টেবিলের ওপর রাখা আছে একটা অল্পবয়সি ছেলের ফোটোগ্রাফ। ছবিটার সামনে সাদা ফুলের স্তবক। মোমবাতি জ্বলছে ছবির সামনে।
প্রায় সঙ্গে সঙ্গে নীরবতা ভঙ্গ করে হঠাৎ নাতাশা চিৎকার করে উঠল, “আপনি কি পারতেন না ইভান আর লক্ষ লক্ষ ছেলের জীবন বাঁচাতে?”
ইভান যে আর জীবিত নেই, সেটা গেরাসিমভ বুঝতে পেরেছিলেন। কিন্তু নাতাশা এ কথা বলছে কেন? গেরাসিমভ বললেন, “ব্যাপারটা জেনে আমিও খুব মর্মাহত হলাম। কিন্তু আমি তো সামান্য নৃতত্ত্ববিদ, রাষ্ট্র প্রধান নই। যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কি আমার আছে?”
নাতাশা এবার সক্ষোভে কাঁদতে কাঁদতে বলে উঠল, “অবশ্যই আছে। আপনিই দায়ী। আপনার জন্যই তো যুদ্ধটা বাধল। তৈমুর লঙের কবরের মধ্যে যখন লেখা ছিল যে তাঁকে কবর থেকে তুললে তাঁর থেকেও কোনও ভয়ঙ্কর মানুষকে ডেকে আনা হবে, তখন কেন আপনি তাঁকে তুলে আনলেন? আপনিই তো হিটলার ও তাঁর বাহিনীকে ডেকে আনলেন রাশিয়ায়। আপনার জন্যই ইভান চলে গেছে আমাদের ছেড়ে।”
নাতাশার কথাগুলো শুনে গেরাসিমভ চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন আন্দ্রেই কোনও সময়ে ব্যাপারটা জানিয়েছিলেন তাঁর স্ত্রীকে। নাতাশা ফুঁপিয়ে ফুঁপিয়ে একই কথা বলে যেতে লাগল, “কেন আপনি তুলে আনতে গেলেন ওই নিষ্ঠুর লোকটার মৃতদেহ? আন্দ্রেইকে কতবার বলেছিলাম ওই কঙ্কাল নিয়ে কাজ না করতে…”
এটা ঠিক যে তৈমুরের মৃতদেহ কবর থেকে উঠিয়ে আনার পরই হিটলার রাশিয়া আক্রমণ করেছেন। ব্যাপারটা হয়তো কাকতালীয়। কিন্তু গেরাসিমভের মনে হল যুক্তি তর্ক দিয়ে এ অবস্থায় নাতাশাকে ব্যাপারটা বোঝাতে যাওয়া উচিত হবে না।
সে রাতেও ভোরের দিকে একই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গেরাসিমভের। কবর খুঁড়ে তৈমুরের দেহ তোলা হচ্ছে, গাড়িতে ওঠানো হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। আর মধ্যে দাঁড়িয়ে সেই উজবেক বৃদ্ধ গেরাসিমভের উদ্দেশে বলছে, “যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে, তুমিই দায়ী থাকবে…”
ঘুম থেকে ওঠার পরও যেন সেই বৃদ্ধের কণ্ঠস্বর অনেকক্ষণ তাঁর কানে বেজে চলল। গেরাসিমভ ভাবলেন, গত সন্ধ্যায় নাতাশার বলা কথাগুলো তাঁর অবচেতন মনে প্রভাব বিস্তার করার কারণেই তিনি আবারও এই স্বপ্ন দেখেছেন। যথারীতি তিনি সেদিনও ল্যাবরেটরিতে গিয়ে উপস্থিত হলেন। এবং গ্রেগরিকে নিয়ে কাজ চালিয়ে যেতে লাগলেন।
অবশেষে তিন দিনের মাথায় তৈরি হল পাঁচশো বছর আগে হারিয়ে যাওয়া এক দুর্মর শাসকের চূড়ান্ত ছবি। ইস্পাত কঠিন সেই মুখমণ্ডলের দিকে তাকিয়ে স্রষ্টা গেরাসিমভেরই অস্বস্তিবোধ হচ্ছিল। বুকের মধ্যে কাঁপন ধরানো হিমশীতল তৈমুরের চোখের দৃষ্টি। যাই হোক, গেরাসিমভের হাত ধরেই পাঁচশো বছর পর এই প্রথম জেগে উঠল একদা ঘোড়ার পিঠে বিশ্বজয়ী তৈমুর লঙের মুখচ্ছবি।
ছবিটায় ফুটে ওঠা তৈমুরের ভয়ংকর দৃষ্টি গেরাসিমভের মনে অস্বস্তির সৃষ্টি করলেও নিজের কাজ দেখে তিনি বেশ তৃপ্ত। সহকর্মীকে বললেন, “কালই ফটোগ্রাফ তুলতে হবে। এরপর যত দ্রুত সম্ভব একটা কপি স্তালিনকে পাঠাতে হবে।”
কিন্তু আবার সেই একই স্বপ্ন। সেই বৃদ্ধ তাঁকে বলছে, —“যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে।”
পরদিন ঘুম ভাঙার পর কিন্তু সত্যি বেশ অস্বস্তিবোধ করলেন তিনি। বার বার একই স্বপ্ন তিনি কেন দেখছেন।
