ময়নামতির নথ – ৮

এদিন যখন দুলি বাগদী ভেজা কাঠ নিয়ে সৌদামিনীর কাছে উপস্থিত হলো তখন সবে দিবাভাগের প্রথম প্রহর শেষ হয়েছে। তাকে এত তাড়াতাড়ি কাঠ নিয়ে উপস্থিত হতে দেখে সৌদামিনী বলল, ‘আজ দেখছি আমার ভাগ্য বড় ভালো! নাকি জমিদার বাড়ির নিয়মকানুন কিছু বদলেছে?’

বাগদী বউ বলল, ‘না, নিয়ম কিছু বদলায়নি। আমি ছিলাম ময়নাবাইয়ের বাসায়, এক ফাঁকে এসে কাঠটা দিয়ে গেলাম। গতকালের মতো রাজাবাবু হয়তো হঠাৎ আবার সেখানে গিয়ে হাজির হবেন। কখন কী দরকার লাগে বলা যায় না, আমাকে সেখানেই থাকতে হবে।’

কথাটা শুনে সৌদামিনী বিস্মিত হয়ে বললেন, ‘নাচঘরের বদলে রাজাবাবু ওই বাইয়ের ঘরে গেছিলেন!’

দুলি বাগদী বলল, ‘হ্যাঁ গো, আমি মিছে কথা বলছি না। কাল সারা রাত তো তিনি সেখানেই ছিলেন।’ এ কথা বলার পর বাগদী বউ আবার নিজ কাজে রওনা হয়ে গেল। সৌদামিনী ভাবতে লাগল, ব্যাপারটা কী ঘটছে? ওই সব বাইজিরা ছলাকলা দিয়ে পুরুষকে বশ করে বলে শুনেছে সৌদামিনী। তবে তেমনই কি কিছু ঘটছে ময়নাগড় প্রাসাদে? নাচ মহলে নাচ দেখা আর বাইজির ঘরে রাত্রিবাস করা- এ দুইয়ের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। ময়নামতি কি ছলাকলা দিয়ে বশ করে ফেলল রাজাবাবুকে। আর এর পরই তার মনে পড়ল রানীমার কথা। তবে কি রানীমার কপাল পুড়তে চলেছে? স্নেহশীলা, পতিব্রতা, দেবীমূর্তির মতো রানী আনন্দময়ী। তার জন্য আশঙ্কায় সৌদামিনীর মন কেঁপে উঠল।

ঠিক এই সময় কাকতালীয়ভাবে আনন্দময়ী একজন দাসীকে সঙ্গে করে সৌদামিনীর ঘরে উপস্থিত হলেন। দাসীর হাতে বেশ কয়েকটা পাত্র। আনন্দময়ীর নির্দেশে পাত্রগুলো ঘরের মেঝেতে নামিয়ে রেখে দাসী ঘর থেকে বেরিয়ে গেল। সৌদামিনী দেখল রানীমার মুখে জেগে আছে স্পষ্ট বিষণ্ণতা আর ক্লান্তির ছাপ। চোখের কোণে যেন কালিও পড়েছে। আনন্দময়ী তার জাকে বললেন, ‘অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ। কাল আর দিয়ে যেতে পারিনি। আজ দিলাম, তৃপ্তি করে খাস।

সৌদামিনীর জীবনে বছরে এক আধবারই এ সৌভাগ্য হয়। কৌতূহলী হয়ে সে উবু হয়ে বসল মাটিতে নামিয়ে রাখা পাত্রগুলোর সামনে। প্রথমেই যে পাত্রটা তার দৃষ্টি আকর্ষণ করল সেটি একটি কারুকার্যমণ্ডিত রুপোর হাঁড়ি। যে ধরনের পাত্রে সাধারণত ময়নাগড়ের সর্বময় কর্তার জন্য খাবার রাখা হয় বা তা থেকে খাবার পরিবেশন করা হয়। পাত্রের ঢাকাটা ওঠাতেই সৌদামিনী অবাক হয়ে গেল। পরমান্নের সুবাসে ভরে উঠল ঘর। কিন্তু সৌদামিনী পাত্রটার ভেতর তাকিয়ে বুঝতে পারল এক কণা পরমান্নও তোলা হয়নি সেই পাত্র থেকে, সর পড়েছে পরমান্নের ওপর। তা দেখে সৌদামিনী বলল, ‘পাত্র দেখে তো মনে হচ্ছে, এ পরমান্ন রাজাবাবুর জন্য রন্ধন করা হয়েছিল। তা তিনি পরমান্ন মুখে তোলেননি কেন?

মহারানী আনন্দময়ী এবার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘হ্যাঁ, আমি নিজের হাতে তারই জন্য এই পরমান্ন রেঁধেছিলাম। কিন্তু তিনি আসবেন বলেও এলেন না। কত রাত পর্যন্ত আমি অপেক্ষা করে বসে রইলাম তার জন্য। কিন্তু তিনি এলেন না, রাতেও যে তিনি এত কী রাজকার্যে ব্যস্ত রইলেন, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না!’

সৌদামিনী এবার যেন নিজের অজান্তেই বলে ফেলল, ‘কাল রাতে রাজাবাবু কোথায় ছিলেন আমি জানি।’

তার কথা শোনামাত্রই আনন্দময়ী বিস্মিতভাবে প্রশ্ন করলেন, ‘কোথায় ছিলেন তিনি? আর সে কথা তুই জানলি কীভাবে?’

কথাটা বলার পর রানীমার প্রশ্ন শুনে সৌদামিনীর একবার মনে হলো, কোন কৌশলে তার জবাবটা পাল্টে দেয়, কিন্তু তার পরই সে ভাবল যে, ব্যাপারটা যখন তার কানে এসেছে, তখন মহারানীর শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা তাকে জানিয়ে রাখা প্রয়োজন। হয়তোবা প্রথম অবস্থায় জানতে পারলে রানীমা কোন কৌশলে সেই রাক্ষসীর কবল থেকে মুক্ত করতে পারবে তার স্বামীকে। এ কথা ভেবে নিয়ে সৌদামিনী বলল, ‘আজকাল মহারাজ রাত্রি নামলেই প্রতিদিন নাচ মহলে যান, আর গতকাল তিনি রাত কাটিয়েছেন ময়নামতি নামের ওই বাইজির বাসস্থানে। দুলি মাগী এখন ওই স্থানে কর্মে নিয়োজিত হয়েছে, সেই কিছু আগে এসে খবরটা দিল।’

আনন্দময়ী বলে উঠলেন, ‘এ খবর কি সত্যি?’

সৌদামিনী বলল, ‘হ্যাঁ, সত্যি বলেই মনে হয়। বিনা কারণে সে মাগী মিথ্যা বলতে যাবে কেন?’

সৌদামিনীর জবাব শোনার পর দেয়ালে ভর দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ময়নাগড়ের মহারানী আনন্দময়ী। ইতিপূর্বে বহু বাইজি এসেছে ময়নাগড়ে, তার সংগীতপিপাসু স্বামী তাদের সংগীত শুনেছেন, এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। কিন্তু তা বলে বাইজি গৃহে রাত্রিবাস! আর তাও এমন একটা দিনে, যেদিন তিনি কথা দিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন বলে! মহারানীর মাথার ভেতরটা কেমন যেন করতে লাগল! বাকরুদ্ধ হয়ে পড়লেন তিনি। তার সংবিৎ ফিরল সৌদামিনীর কথায়। সে বলল, ‘আপনি কাতর হবেন না রানীমা। আপনি মনে রাখবেন, আপনি এই ময়নাগড়ের মহারানী, মহারাজ রাধেশ্যামানন্দের বিবাহিতা স্ত্রী। এই ময়নাগড়ের মাটিতে আপনার চেয়ে কোনো নারীর ক্ষমতা, অধিকার বেশি হতে পারে না। যদি শঙ্কার কোনো কারণ থাকে, তবে আপনি নিশ্চয় তা উৎপাটিত করতে পারবেন, নির্মূল করতে পারবেন। আমি আপনার সঙ্গে আছি রানীমা। আপনার জন্য আমি যেকোনো কাজ করতে, বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত। সব ঠিক হয়ে যাবে রানীমা।’

সৌদামিনীর কথায় একটু আশ্বস্ত হয়ে সংবিৎ ফিরে পেলেন আনন্দময়ী। তবে তিনি তার পতির বিরুদ্ধে একটা অনুযোগও করলেন না সৌদামিনীর সামনে। কারণ, তিনি জেনে এসেছেন, পতিনিন্দাতে নরকবাসের পাপ সঞ্চয় হয়। তিনি শুধু সৌদামিনীর উদ্দেশ্যে বললেন, ‘ওই দুলি মাগী যদি আর কোনো খবর আনে, তবে তা আমাকে জানাস।’

সৌদামিনী বলল, ‘হ্যাঁ, জানাব রানীমা। আমি তার থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করব।’ রানী আনন্দময়ী এরপর আর কোনো কথা না বলে ধীর পায়ে সেই কক্ষ ত্যাগ করলেন। সৌদামিনী দেবী অন্নপূর্ণার ভোগ প্রসাদ মুখে তোলার আগে তার উদ্দেশে প্রণাম জানিয়ে বলল, ‘যেন সবকিছু ঠিক হয়ে যায় মা। মহারানীকে তুমি ভালো রেখো মা, তাকে তুমি শক্তি দিয়ো মা।’

ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র ময়নামতির গৃহে রাত্রিযাপন করলেও কাছারিবাড়িতে তাকে কিন্তু নির্দিষ্ট সময়ে আসতেই হলো। এত ভিড় সাতসকালেই এসে উপস্থিত হলো যে তাদের প্রাথমিক কথাবার্তা শোনার জন্য এদিন থেকে তিনি তার নাচঘরের সেই তিন বন্ধুর মধ্যে ব্রজমাধব ও ফনীলাল নামে দুজনকে সেরেস্তার কাজে সহায়তা করার জন্য নিয়োজিত করলেন। এদিন আবার বছর শেষে অন্য একটা সমস্যা আত্মপ্রকাশ করল। হলদী নদীর পাড়ে ময়নাগড়ের জমিদারির বেশ বড় একটা মহাল বা অংশ আছে। পলিমিশ্রিত তিন ফসলা সেই জমি থেকে জমিদারির বেশ বড় অংশ আয় হয়। সেখানে হিসাবপত্র-সংক্রান্ত একটা বড় গোলযোগ ধরা পড়ল, যার নিষ্পত্তি করতে হবে কদিনের মধ্যেই নইলে বকেয়া হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। সে কাজেও মনোনিবেশ করতে হলো জমিদার রাধেশ্যামানন্দকে। তার যেন নিশ্বাস ফেলার ফুরসত রইল না। তিনি বুঝতে পারলেন হিসাবপত্রের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হলে শুধু দিনে নয়, নিজ মহলে ফিরে গিয়েও তাকে দলিল-দস্তাবেজের কাজ নিয়ে বসতে হবে। তবু রাধেশ্যামানন্দ তার কাজ করতে করতেই ভেবে নিলেন, যত কাজই তাকে করতে হোক না কেন, তারই মাঝে তিনি এদিনই গিয়ে সাক্ষাৎ করবেন মহারানীর সঙ্গে। নইলে তার মনের ভেতর যে অস্বস্তিবোধ, একটা অপরাধবোধ কাজ করছে, তার অবসান হবে না।

কালীদহে যখন সূর্য ডুবতে শুরু করল, তখন পরিশ্রান্ত দেহে কাছারিঘর ত্যাগ করে নিজের বাসভবনের দিকে চললেন। তবে কাজ তার শেষ হয়নি। তাই কয়েকজন পাইক ভৃত্যও তার সঙ্গে চলল প্রয়োজনীয় দলিল দস্তাবেজ নিয়ে।

নিজ মহলে ফিরে এসে স্নান সেরে সামান্য কিছু আহার গ্রহণ করলেন রাজাবাবু। তিনি ঠিক করলেন রানী আনন্দময়ীর সঙ্গে সাক্ষাৎ সেরে এসে কাজে বসবেন। সেই পরিকল্পনা মতো অন্ধকার নামার পর কয়েকজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে তিনি এগোলেন রানী মহলের দিকে। অন্যদিনের মতোই রানী মহল প্রদীপের আলোতে আলোকিত ছিল ঠিকই। কিন্তু নিজ কক্ষে বিষণ্ণ চিত্তে বসে ছিলেন মহারানী আনন্দময়ী। আজ যেন কারো আগমনের জন্য প্রতীক্ষা করছিলেন না তিনি। সৌদামিনীর মুখ থেকে মহারাজার বাইজি গৃহে রাত্রিবাস করার ঘটনাটা শোনার পর থেকেই এক গভীর বেদনাবোধ সঞ্চারিত হয়েছে তার মনে। এক প্রবল বিষণ্ণতা যেন গিলে খাবার চেষ্টা করছে তাকে। মহারানী একলা বসে বোঝার চেষ্টা করছিলেন তার ত্রুটিটা ঠিক কোথায়। এমন সময় হঠাৎই তাকে চমকে দিয়ে ঘণ্টাধ্বনি বেজে উঠল! ময়নাগড়ের মহারাজা রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র প্রবেশ করেছেন রানী মহলে। ঘণ্টাধ্বনি কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব ভাবনা মন থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালেন আনন্দময়ী। দাসীর দল সচকিত হয়ে উঠল। হরিণের চামড়ার চটিজুতো পরে মহারানীর কক্ষে প্রবেশ করলেন ময়নাগড়ের মহারাজা। যথারীতি মাথায় ঘোমটা দিয়ে গড় হয়ে স্বামীর চরণে মাথা ঠেকালেন আনন্দময়ী। রাধেশ্যামানন্দ এরপর গিয়ে বসলেন তার আরামকেদারায়। তবে কেদারায় গা এলিয়ে নয়, সোজা হয়ে বসলেন তিনি। মহারানী আনন্দময়ী গিয়ে দাঁড়ালেন তার সামনে। স্বামীর প্রতি তীব্র অভিমান যেন কান্না হয়ে বাইরে বেরিয়ে আসবে মুখ খুললেই। তাই আনন্দময়ী নিজেকে যথাসম্ভব সংযত রেখে স্বামীর পায়ের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে রইল। কিন্তু তার প্রতি যে রানীর মনে অভিমানের মেঘ জন্মেছে তা বুঝতে অসুবিধা হলো না রাধেশ্যামানন্দের। তিনি তার উদ্দেশ্যে বললেন, ‘আমার কাছারিবাড়িতে কাজের এত চাপ পড়েছে যে গতকাল যে অন্নপূর্ণা পুজোর দিন তা আমার মনেই ছিল না। নচেৎ এ ভুল আমার কখনই হওয়ার নয়। আমাকে তুমি ভুল বুঝো না রানী।’

মহারাজার শেষ কথাগুলোর মধ্যে তার স্ত্রীর প্রতি এমন একটা ভালোবাসা মিশ্রিত আবেদন ছিল, যা শুনে আনন্দময়ীর মনের কষ্ট বেশ খানিকটা লাঘব হয়ে গেল।

রাধেশ্যামানন্দ তারপর জানতে চাইলেন, ‘অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ আর কিছু অবশিষ্ট আছে নাকি?’

জমিদার মশাইয়ের কণ্ঠে যেন এবার একটা শিশুসুলভ ভাব ধরা দিল। তার কথার জবাবে আনন্দময়ী বললেন,

‘মহারাজের জন্য আমি গতকাল নিজ হাতে খিচুড়ি, লুচিপায়েস ইত্যাদি বহু রকম পদ রন্ধন করেছিলাম, কিন্তু সে সব বাসি খাবার আমি সকালে বিলিয়ে দিয়েছি। তবে দেবীকে নিবেদন করা ক্ষীরের পিষ্টক আর নারিকেল মোয়া এখনো আছে। মহারাজা যদি ওই সব সামান্য বস্তু গ্রহণে আগ্রহ প্রকাশ করেন, তবে তা মহারাজকে পরিবেশন করতে পারি।’

রাধেশ্যামানন্দ স্ত্রীর কথা শুনে হেসে বললেন, ‘তবে সে সবই আনো। ওসবও তো অন্নপূর্ণা মায়েরই প্রসাদ। খেয়ে পুণ্য লাভ করি।’

আনন্দময়ী বেশ খুশি হলেন স্বামীর কথা শুনে। কিছু সময়ের মধ্যেই তিনি রুপোর থালায় দেবীর প্রসাদস্বরূপ পিষ্টক, নাড়ু, মোয়া ইত্যাদি শুকনো মিষ্টান্ন এনে স্বামীর হাতে দিলেন। সে থালা মাথায় ঠেকিয়ে মা অন্নপূর্ণার আশীর্বাদ প্রার্থনা করে সেই মিষ্টান্ন ভক্ষণ করতে শুরু করলেন তিনি। সাধ্যমতো শুকনো প্রসাদ ভক্ষণ করে শ্বেত পাথরের পাত্র থেকে জল পান করে তৃপ্তির ঢেঁকুর তুলে ময়নাগড়ের জমিদার এরপর তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ‘আমাকে এবার ফিরে যেতে হবে রানী। সেরেস্তা থেকে অনেক কাগজাদি নিয়ে এসেছি। ফিরে গিয়ে আবার সেসব নিয়ে বসতে হবে। জমিদারি সামলানো কি কম জ্বালা!’

মহারানী আনন্দময়ী বললেন, ‘কিন্তু এ অভাগিনী যে আপনার সেবার জন্য প্রতীক্ষা করে থাকে। আবার কবে পতিসেবার পুণ্যার্জনের সুযোগ পাব আমি? নিজ হস্তে পঞ্চব্যাঞ্জন রেঁধে মহারাজকে তৃপ্ত করতে পারব?’

রাধেশ্যামানন্দ বললেন, ‘কাজের যা চাপ, তাতে সামনের কয়েকদিন আর রানী মহলে পা রাখা হবে না। তবে সংক্রান্তি তো এসেই গেল। আর দিন সাতেক মাত্র বাকি। জমিদারির সব কাজ এ বছরের মতো শেষ করে ওই দিন রাতে আসব তোমার এখানে । তুমি পঞ্চব্যাঞ্জন রেঁধে রেখো আমার জন্য।

এ কথা বলে একটু থেমে আনন্দময়ীর স্বামী বললেন, ‘চুনি পাথর বসানো যে নাকছাবিটা কর্মকারকে গড়তে দিয়েছি, সেটা নিশ্চয় এর মধ্যে তৈরি হয়ে যাবে। সেটাও আমি ওই দিন সঙ্গে আনব, নিজের হাতে তোমার নাকে পরিয়ে দেব।’

আনন্দময়ী যারপরনাই খুশি হলেন কথাটা শুনে। জমিদার রাধেশ্যামানন্দ এরপর রওনা হলেন তার নিজের মহলে ফেরার জন্য। অনেক কাজ বাকি পড়ে আছে তার।

পরদিন সকালে সৌদামিনীকে খবরটা জানাতে তার ঘরে গিয়ে হাজির হলেন আনন্দময়ী। সৌদামিনী তাকে দেখে বলল, ‘রানীমাকে আজ যে বড় খুশি খুশি লাগছে! কোনো আনন্দ সংবাদ আছে নাকি?’

আনন্দময়ী বললেন, ‘কাল তিনি এসেছিলেন। বলে গেছেন সংক্রান্তির দিন আবার আসবেন। আমি যেন তার জন্য পঞ্চব্যাঞ্জন রেঁধে রাখি।’

সৌদামিনীও খুব খুশি হলো খবরটা শুনে। সে বলল, ‘এ তো খুব উত্তম সংবাদ। হয়তোবা আমরা মিথ্যাই আশঙ্কা প্রকাশ করছিলাম। তবুও আমি দুলি মাগীকে বলব, ওই ময়নাবাইয়ের ওপর নজর রাখতে।’

রানী আনন্দময়ী এরপর খুশি মনে সৌদামিনীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে ফিরে এলেন। এদিন যখন দুলি বাগদী সৌদামিনীকে কাঠ দিতে এল, তখন সৌদামিনী কুলুঙ্গি থেকে কয়েকটা পুরনো পয়সা বাড় করে এনে তার হাতে দিয়ে বলল, ‘এসব তো আর আমার এখন কোনো কাজে লাগে না। তুই এগুলো নে।’

গরিব বাগদী বউ অকস্মাৎ সেই রুপোর পয়সাগুলো পেয়ে খুব খুশি হলো। প্রতিদানে সে বলল, ‘তোমার কোনো কাজ করে দিতে হবে কি?’

সৌদামিনী বলল, ‘তেমন কিছু কাজ নয়, তুই তো ময়নাবাইয়ের ওখানে রোজ কাজ করতে যাস, ওখানকার খবরাখবর আমাকে এনে দিলেই হবে।’

সৌদামিনীর কথার ইঙ্গিতটা হয়তোবা ধরতে পারল দুলি বাগদী। সে বলল, ‘তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে খবর এনে দেব।’

এরপর বেশ কয়েকদিন দুলি বাগদীর মুখ থেকে সৌদামিনী জানতে পারল রাজাবাবু আর যাননি ময়নামতির কাছে। সৌদামিনী খবরটা আনন্দময়ীকেও জানাল। তিনিও খুশি হলেন খবরটা শুনে। তিনি ভাবলেন, তাহলে হয়তো সেই রূপসী বাইজির রূপের মোহ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন তার স্বামী। আসলে ময়নামতির কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাধেশ্যামানন্দের মনের মধ্যে থাকলেও বছর শেষে জমিদারির হিসাবসংক্রান্ত প্রচণ্ড কাজের কারণে সে ইচ্ছা তাকে কদিনের জন্য অবদমিত করে রাখতে হলো।