নারী, সমুদ্র, নাবিক – ৩

জল, জল! চারপাশে শুধু জল। গতরাতে ঘুমাননি সান্টা মারিয়া জাহাজের সর্বময় কর্তা ইতালীয় নাবিক। দিনের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে সমুদ্রের জলে। এক হাত তাঁর রেলিঙের ওপর রাখা। অন্য হাতে নলের মতো গোটানো মানচিত্রটা। পাদ্রিরা যেমন ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল সবসময় হাতে নিয়ে ঘোরেন, তেমনই চামড়ার ওপরে আঁকা এই মানচিত্রটা কখনো হাতছাড়া করেন না নাবিক। বহুকাল আগে ভূগোলবিদ প্যাগালোর দেওয়া সেই মানচিত্র। যে মানচিত্র তাঁকে স্বপ্ন দেখিয়েছে, অনুপ্রাণিত করেছে, এখনো অবিরত ভাবে তাঁর মনকে বলে চলেছে, তোমাকে পৌঁছোতে হবে সেই সোনার দেশে। যার নাম ইন্ডিয়া। স্ত্রী ফেলিপার মৃত্যুর পর যে মানচিত্রকে নিয়ে পথে নেমেছিলেন তিনি, সেই মানচিত্র হাতে নিয়েই প্রথম হাজির হয়েছিলেন নিজের দেশ ইতালির জেনেভার রাজদরবারে। পর্তুগালের রাজার কাছে, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির সামনে। তাঁদের সবাইকে এই মানচিত্র দেখিয়ে বলেছিলেন, ‘আমি জলপথে প্রাচ্যের নতুন দেশ আবিষ্কারের জন্য যেতে চাই। সেখান থেকে আমি আপনাদের জন্য সংগ্রহ করে আনব অফুরন্ত সম্পদ, সোনা, হীরে-জহরত। আমার হাতের এই মানচিত্রে জলপথে প্রাচ্য দেশ ইন্ডিয়াতে যাওয়ার পথ নির্দেশ আছে। আপনারা আমাকে জাহাজ, লোকবল আর অর্থবল দিয়ে সাহায্য করুন।’ কিন্তু ইতালি, পর্তুগাল বা ইংল্যান্ডের রাজারা কেউই তাঁর প্রস্তাবে সাড়া দেননি। তাঁদের মধ্যে কেউ এই মানচিত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পরিহাস করেছিলেন, আবার কেউ-বা হয়তো নাবিকের দেওয়া শর্তর সঙ্গে সহমত না হতে পেরে তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন।

প্রস্তাবের সঙ্গে নাবিক দুটি শর্ত রেখেছিলেন। প্রথম শর্ত হল, নাবিক যে দেশ আবিষ্কার করবেন, তাদের শাসক বা গভর্নরের দায়িত্ব দিতে হবে নাবিককে। আর দ্বিতীয় শর্ত হল, নতুন ভূখণ্ড থেকে যে সম্পদ বা রাজস্ব আহরিত হবে, তার এক দশমাংশ নাবিকের সম্পত্তি হবে।

পরপর তিনজন রাজা প্রত্যাখ্যান করলেও কিন্তু হাল ছাড়েননি নাবিক। এই মানচিত্র ও এর সঙ্গে পাঠানো প্যাগালোর উৎসাহদানকারী চিঠি, নির্জন গির্জায় সেই বৃদ্ধের বলা কথা আর মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্তের বই-ই তাঁকে হাল ছাড়তে দেয়নি। একের পর এক রাজদরবারে প্রত্যাখ্যান হওয়ার পর নাবিক এই মানচিত্র নিয়ে উপস্থিত হয়েছিলেন স্পেনের রাজদরবারে। শেষ পর্যন্ত সেখানেই তাঁর আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে একটা শর্ত রাখা হয়েছিল তাদের পক্ষ থেকে। তা হল, অধিকৃত ভূখণ্ডগুলোতে খ্রিস্টধর্ম প্রচারের ব্যবস্থা করতে হবে নাবিককে।

নাবিক নিজে ক্যাথলিক ধর্ম বিশ্বাসী হলেও ধর্ম নিয়ে উন্মাদনা নাবিকের মধ্যে কোনও কালে ছিল না। আজও নেই। তবে পরিস্থিতির বিচারে নাবিক সেই শর্ত মেনে নিয়েছিলেন। চুক্তি সাক্ষরিত হয়েছিল উভয় পক্ষের মধ্যে। সেই চুক্তির পেছনে আসল কৃতিত্ব ছিল নীল নয়না সুন্দরীর। প্রকাশ্যে তাঁকে সম্রাজ্ঞী বলে সম্বোধন করলেও মনে মনে তিনি নীল নয়না’ বলেই ডাকেন। অবশ্য তাঁর মনের এই ভাব অন্য কেউ জানে না। জানলে নিশ্চিত মৃত্যু ঘটবে নাবিকের। যাই হোক সেই নীল নয়না বা সম্রাজ্ঞীই সভাকে রাজি করিয়েছিল নাবিককে সাহায্য করার জন্য। তাঁর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে নাবিক। তিনি ছিলেন বলেই স্পেনের পারস বন্দর থেকে পিন্টা, লিনা আর এই সান্টা মারিয়া নামের জাহাজ নিয়ে প্রথমবার সমুদ্র অভিযানে বেরিয়ে পড়েছিল নাবিক। প্যাগালোর মানচিত্র অনুসরণ করতে করতে যাত্রা শুরুর একুশ দিন পর নাবিক সেবার প্রথম ভূখণ্ডের সন্ধান পেয়েছিলেন। সেই দ্বীপে পা রেখে, রাজা রানির নাম করে স্পেনের পতাকা প্রোথিত করেছিলেন সেখানকার মাটিতে। দেশটাকে ঘোষণা করেছিলেন স্পেনের উপনিবেশ হিসেবে। ইউরোপের প্রথম উপনিবেশ হল এই দেশটা। ভবিষ্যতে রচিত ইতিহাসের পাতায় সেদিনই নিজের নাম লিখে ফেলেছিলেন নাবিক, ইউরোপের প্রথম উপনিবেশের প্রতিষ্ঠাতা বলে।

প্রাথমিক অবস্থায় নাবিকের সেই নতুন দেশের মাটিতে পা রেখে মনে হয়েছিল, তিনি বোধহয় ইন্ডিয়ার পশ্চিম অংশের কোনও ভূখণ্ডে পা রেখেছেন। তাই তিনি নতুন ভূখণ্ডের নাম দিয়েছিলেন ‘ওয়েস্ট ইন্ডিজ’। অবশ্য স্থানীয় অধিবাসীদের সঙ্গে পরিচিত হওয়া পর নাবিকের সে ভুল ভেঙে যায়৷ সেখানে স্পেনের শাসন প্রতিষ্ঠা করে দু-মাস বাদে তিনি ফিরে আসেন লিবসন বন্দরে। স্পেনের রাজসভাকে জানান ইন্ডিয়াতে পৌঁছাতে না পারলেও নতুন এক দ্বীপময় দেশ আবিষ্কার করেছেন তিনি, স্পেনের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। নাবিক প্রথম যে দ্বীপে পদার্পণ করেছেন, তার নামকরণ করা হয়েছে সান সালভাদর। ওয়েস্ট ইন্ডিজ থেকে সেবার মূল্যবান ধাতুগুলো যা সংগ্রহ করেছিল, তা তিনি তুলে দিয়েছিলেন রাজা রানির হাতে।

বছর ঘুরতে না ঘুরতে নাবিক দ্বিতীয় সমুদ্র অভিযানে গেলেন। সেই অভিযানে নাবিক আবিষ্কার করেছেন জামাইকা আর তার পার্শ্ববর্তী কিছু দ্বীপপুঞ্জ। সোনা না পেলেও সেখানকার আদিবাসীদের কাছে যা পেয়েছেন, তা গিয়ে তুলে দিয়েছেন স্পেনে। নতুন দ্বীপগুলোতেও স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠিত হয়েছে স্পেনের কর্তৃত্ব।

তার পাঁচবছর বাদে এবার তাঁর তৃতীয় অভিযানে নাবিক৷ মনে সংকল্প, এবার তিনি যেভাবে হোক পৌঁছবেন সোনার দেশ ইন্ডিয়ায়। পাঁচবছর ধরে এই অভিযানের জন্য প্রস্তুত হয়েছেন নাবিক। প্রথম অভিযানের দুটো জাহাজকে তিনি জীর্ণতার কারণে পরিত্যাগ করেন, আর তার পরিবর্তে নতুন দুটো জাহাজ সঙ্গে এনেছেন। ভালোভাবে মেরামত করে এনেছেন তাঁর প্রিয় জাহাজ সান্টা মারিয়াকে। এ জাহাজের সঙ্গে তাঁর পূর্ব অভিযানগুলোর অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই এই জাহাজের মায়া তিনি ত্যাগ করতে পারেননি।

কিন্তু পথ যেন এবার ফুরচ্ছেই না। প্রায় দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্থলের দেখা নেই। নাবিকদের মধ্যে ক্রমে অসন্তোষ দানা বাঁধছে। নাবিকের তিনটে অভিযানেই যে সব সাধারণ নাবিকরা সঙ্গী হয়েছে, তাদের মধ্যে অনেকেই সাজা প্রাপ্ত দাগি অপরাধী। হেন দুষ্কর্ম নেই তারা অতীতে করেনি।

অজানার উদ্দেশে এই অনিশ্চিত ভাগ্য নিয়ে নাবিকের এসব অভিযানে সাড়া দিতে চায়নি ভদ্র নৌ অভিযাত্রীরা। অগত্যা অন্য বন্দোবস্ত করে দিয়েছিলেন বুদ্ধিমতী নীল নয়না। কয়েকশো জেলবন্দি কুখ্যাত অপরাধীকে তিনি এ শর্তে মুক্তি দেন যে, তারা নাবিকের সঙ্গী হবে। তেমন একশো কুড়িজন অপরাধী আছে এই জাহাজে। ভদ্র-শিক্ষিত নাবিকের সংখ্যা হাতে গোনা।

খাদ্যের সংকট শুরু হয়েছে জাহাজে। অসহিষ্ণু নাবিকের দল যে-কোনও মুহূর্তে যে-কোনও ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তার পূর্বাভাস মিলেছে গতকালের একটি ঘটনায়। নাবিকের এক সহকারী ক্যাপ্টেন মার্টিনের ঘোড়াটাকে কেটে খেয়েছে নাবিকের দল। এরপর হয়তো জাহাজগুলো দখল নেবে তারা। এমনকী উম্মত্ত অপরাধী নাবিকদের এই অভিযানের অধিকর্তাকেও হত্যা করতে ভয় পাবে না হয়তো। তাদের পক্ষে কোনও কিছু করাই অসম্ভব নয়।

ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ল সমুদ্রের বুকে। অভিযানের নেতৃত্ব দেওয়া নাবিক ভালো করে চারপাশে দেখার চেষ্টা করতে লাগলেন। কোথাও কোনও তটরেখার চিহ্ন চোখে পড়ল না। নাবিক এবার তাঁর হাতের মানচিত্রটা খুলে বোঝার চেষ্টা করলেন, জাহাজগুলো ঠিক কোন পথে পরিচালিত হচ্ছে? মানচিত্রটা একটু ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর প্রথম অভিযানের সময়। সেটাও হয়েছিল নাবিকের অসতর্কতার কারণে। ওয়েস্ট ইন্ডিজের দ্বীপভূমিতে নামার পর একদিন নাবিক মানচিত্রটাকে ঘোড়ার পিঠের থলিতে ঝুলিয়ে রেখে কথা বলছিলেন তাঁর লোকজনের সঙ্গে। মানচিত্রটার ব্যাপারে একটু বেখেয়াল হয়ে গিয়েছিলেন হয়তো নতুন দেশ আবিষ্কারের উত্তেজনাতে। কিন্তু তার পরেই নাবিক খেয়াল করেন, তাঁর ঘোড়া ঘাড় ফিরিয়ে থলি সমেত মানচিত্রটা চিবোতে শুরু করেছে। আসলে ওই থলিতে সেসময় কিছু আখের গুড় ছিল। সেটা খাবার লোভেই থলিটাতে কামড় বসিয়েছে ঘোড়াটা। ব্যাপারটা লক্ষ্য করা মাত্রই ছুটে গিয়ে ঘোড়ার মুখ থেকে মানচিত্রটা উদ্ধার করেন নাবিক। মানচিত্রটা ঘোড়ার কামড়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত নাহলেও বেশ কয়েকটা জায়গার লেখা মুছে গেছিল মানচিত্র থেকে।

নাবিক নিজে মানচিত্র আঁকার কাজ জানেন। মুছে যাওয়া জায়গাগুলো আবার এঁকে নিয়েছিলেন নিজেই। ভোরের আলোতে মানচিত্রটা খুলে নাবিক মনে মনে আঁক করে বোঝার চেষ্টা করতে লাগলেন, মানচিত্রের ক্ষতিগ্রস্থ যে স্থানগুলো তিনি ভরাট করেছেন তাতে কোনও ভুল হয়েছে কিনা? সে কারণে কি জাহাজ ভুল পথে পরিচালিত হচ্ছে? নইলে এত দিনেও স্থলভাগের দেখা মিলছে না কেন?

মানচিত্রের মধ্যে মনোনিবেশ করেছিলেন তিনি। ডেকের পাটাতনের ওপর হেঁটে আসা দু-জোড়া পায়ের শব্দে মুখ তুলে দাঁড়ালেন। তাঁর সামনে এসে দাঁড়াল দুই সহকারী। ক্যাপ্টেন মার্টিন ও ক্যাপ্টেন ভিসেন্ট। জাহাজগুলোর মধ্যে মুষ্টিমেয় যে ক’জন লোকের সম্পর্কে পূর্বে কোনও অপরাধের অভিযোগ নেই, তাঁদের মধ্যে মার্টিন ও ভিসেন্ট অন্যতম। মার্টিন হলেন রাজা ফার্দিনান্দের এক পার্শ্বচর আর ভিসেন্ট হলেন ফাদার পিরোজের ঘনিষ্ঠ। তাঁরা দুজন স্বেচ্ছায় সঙ্গী হয়েছেন। হয়তো-বা অর্থের লোভে, আবার এমনও হতে পারে রাজা এবং পাদ্রি তাঁদের ঘনিষ্ঠ লোকদের ইতালীয় নাবিকের সহকারী হিসেবে পাঠিয়েছেন, নাবিকের ওপর নজরদারি করার জন্য। তাঁদের দুজনের মুখই

থমথমে এবং গম্ভীর। নাবিক বুঝতে পারলেন, সম্ভবত তাঁরা দুজনও তাঁরই মতন উৎকণ্ঠিত।

সমুদ্রের দিকে একবার তাকিয়ে নিয়ে ক্যাপ্টেন ভিসেন্ট বললেন, অ্যাডমিরাল কি মানচিত্রে কোনও স্থলভাগের ইঙ্গিত দেখতে পাচ্ছেন? অ্যাডমিরাল! নাবিকের এই উপাধিও নীল নয়নার সৌজন্যেই প্রাপ্ত নাবিক যখন তাঁর প্রথম অভিযান শেষ করে স্পেনে ফিরেছিলেন, তখন তিনি সোনা আনতে না পারলেও তাঁর সাহস ও নতুন দেশ আবিষ্কার, বা সে দেশে স্পেনের উপনিবেশ স্থাপন করার কৃতিত্বের জন্য রানি খুশি হয়ে নাবিককে এই উপাধি দান করেন। তারপর থেকে নাবিককে সবাই অ্যাডমিরাল বলে সম্বোধন করেন। ক্যাপ্টেনের কথার জবাবে বললেন, ‘সঠিক ভাবে এখনই বলতে পারছি না কবে স্থলভূমির দেখা পাব। কিন্তু আমাদের ধৈর্য হারালে চলবে না।

অ্যাডমিরালের কথা শুনে ক্যাপ্টেন মার্টিন বললেন, ‘নাবিকরা আর অপেক্ষা করতে চাইছে না, খবর পেলাম তারা গোপন সভা করেছে। খুনি ডগলাস পেরোয়াকে তাদের দলপতি হিসাবে নির্বাচন করেছে। আপনি তো জানেনই যে ডগলাস এক সময় জলদস্যু ছিল। তারপর স্পেনের সেনাবাহিনীর হাতে বন্দি হয়। এমনও হতে পারে নাবিকরা ডগলাসের নেতৃত্বে জাহাজের দখল নিতে চলেছে। ঘোড়াটাকে হত্যা করে সেই ঔদ্ধত্যেরই পরিচয় দিয়েছে তারা।’

অ্যাডমিরাল বললেন, ‘ব্যাপারটা আমিও অনুমান করতে পারছি। কিন্তু এই অবস্থায় আমাদের তেমন কিছু করার নেই। এতদূর এসে শেষ পর্যন্ত কি আবার ফিরে যাব? হয়তো আমাদের কাছেই রয়েছে ইন্ডিয়ার ভূখণ্ড। যে ভাবেই হোক আমাদের ধৈর্য রাখতে হবে। নাবিকদের বোঝাবার চেষ্টা করতে হবে।’

অ্যাডমিরালের কথা শেষ হতে না হতেই তাঁরা তিনজন দেখতে পেল, ডেকের অন্য প্রাপ্ত থেকে তাঁদের দিকে ডগলাস লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। সঙ্গে তার অনুচর কয়েকজন নাবিকও আছে। তারাও এক সময় জলদস্যু ছিল। উদ্ধত ভঙ্গিতে তাদের হেঁটে আসার ধরন দেখেই অ্যাডমিরাল নাবিক অনুমান করলেন তারা তাঁকে “শুভ সকাল’ বা অন্য কোনও প্রীতি সম্ভাষণ জানাবার জন্য আসছে না। ডগলাস আর তার সঙ্গীরা এসে ঘিরে দাঁড়াল তিনজনকে।

ডগলাস নামের লোকটা দীর্ঘদেহী। দাড়িগোঁফের জঙ্গল তার বুক পর্যন্ত নেমে এসেছে। ডান হাতের পাঞ্জাটা কোনও এক সমুদ্র যুদ্ধে কামানের গোলাতে উড়ে গিয়েছিল। সেই হাতের অভাব পূরণের জন্য সে হাতে একটা খাপ পরে। আর সেই খাপের মাথায় বসানো আছে লোহার তৈরি ধারালো একটা হুক। তার সাহায্যে হাতের কাজ সারে লোকটা। ওই হুক দিয়ে কারো বুকে আঘাত হানলে, নিমিষে মৃত্যু ঘটবে। হুকের মাথায় বেরিয়ে আসবে হৃৎপিণ্ড। ডগলাস বা তার সঙ্গীরা আজ আর কেউই মাথার টুপি খুলে অ্যাডমিরালকে অভিবাদন জানাল না। ডগলাস রুক্ষভাবে প্রশ্ন করল, “আমরা কবে ডাঙায় নামব অ্যাডমিরাল?”

নৌবহরের সর্বাধিনায়ক জবাব দিলেন, “নিশ্চয়ই আমরা নতুন দেশের সন্ধান পাব।”

“সেটা কবে?” আবারও রুক্ষভাবে প্রশ্ন করল ডগলাস।

অ্যাডমিরাল নাবিক বললেন, ‘সঠিকভাবে তো বলা যাবে না। তবে এতদূর যখন এসেছি, তখন নিশ্চয়ই সে দেশের সন্ধান পাব। একটু ধৈর্য রাখতে হবে সবাইকে। আর ইন্ডিয়াতে পৌঁছাতে পারলে তোমাদের সবার ভাগ্য খুলে যাবে। ইন্ডিয়া হল সোনার দেশ।’

অ্যাডমিরাল এ কথা বলে ডগলাসকে প্রলুব্ধ করতে চাইলেন ঠিকই, কিন্তু তাতে তেমন কাজ হল না। ভূতপূর্ব জলদস্যু ডগলাস বলল, “আমরা আর অপেক্ষা করতে পারছি না। মাটির খোঁজে আজ সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা। তার চেয়ে বেশি সময় নয়।’

ডগলাস যতই উদ্ধত আচরণ করুক না কেন, এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে অ্যাডমিরালকে। তাই তিনি নরম স্বরে ডগলাসকে বললেন, ‘আজই যে মাটির দেখা পাওয়া যাবে তা তো গণনা করে বলা যায় না। আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখি আমরা, তারপর না হয় অবস্থা মতো সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

অ্যাডমিরালের কথা শুনে খুনে ডগলাস কর্কশভাবে চেঁচিয়ে উঠে বলল, ‘না, আর একটা দিনও অপেক্ষা করব না আমি। আজ সূর্যাস্ত পর্যন্ত সময়। আর তারপর…।’

বাক্যটা শেষ করল না ডগলাস। কিন্তু অ্যাডমিরালের কণ্ঠ থেকে নিজের অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এল, ‘তারপর কী?’

রাজারানির প্রতিনিধি নৌবহরের সর্বময়কর্তা নাবিককে একটুও ভয় না পেয়ে ডগলাস তার কথাটা সম্পূর্ণ করল, ‘প্রথমেই তোমার হাতের ওই শয়তানের মানচিত্রকে ছিঁড়ে টুকরো টুকরো করে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেব। আমাকে যে বাধা দিতে আসবে, তারও ওই একই পরিনিতি হবে। আজকের দিনটাই শয়তানের মানচিত্রের শেষ দিন। কাল এই সময় থেকে আমার নির্দেশ মতো জাহাজ চলবে।’ একথা বলে ডগলাস প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করল না। পিছু ফিরে লোহার নাল লাগানো জুতো দিয়ে কাঠের পাটাতনের ওপর অহেতুক বিশ্রী শব্দ তুলে যেদিক থেকে সে এসেছিল, সেদিকেই তার সঙ্গীদের নিয়ে অ্যাডমিরালের চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল।

ডগলাস চলে যাওয়ার পর হতভম্ব হয়ে কিছুক্ষণ নির্বাক ভাবে দাঁড়িয়ে রইলেন তিনজন। ক্যাপ্টেন মার্টিন প্রথম নীরবতা ভঙ্গ করলেন, ‘ইচ্ছা করছিল ডগলাসের মাথার খুলিটা উড়িয়ে দিই। কিন্তু আমাদের তিনটে মাত্র পিস্তল দিয়ে তো আর জাহাজের সব নাবিকের সঙ্গে লড়াই করা যাবে না। ডগলাসের নেতৃত্বে ওরা সবাই এক জোট হয়ে আছে।’

ক্যাপ্টেন ভিসেন্ট বললেন, ‘হ্যাঁ, লড়াই করে কোনও লাভ হবে না। আমরা বরং মনে মনে প্রস্তুতি শুরু করি সূর্যাস্তের পর জাহাজের মুখ ঘোরাবার জন্য।’

অ্যাডমিরাল একবার জানতে চাইলেন, ‘এ জাহাজ ছাড়া অন্য জাহাজের নাবিকদের কী বক্তব্য?’

ভিসেন্ট বললেন, ‘তাদের বক্তব্যও সম্ভবত একই। দু-দিন আগে সমুদ্রঝড় থেকে বাঁচতে যখন সবকটা জাহাজকে কাছে এনে একসঙ্গে বাঁধা হয়েছিল, নাবিকেরা কাঠের পাটাতন ফেলে এক জাহাজ থেকে অন্য জাহাজে যাওয়াআসা করছিল, তখনই সম্ভবত ডগলাস, অন্য জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন জোগাড় করে নিয়েছে। নইলে সে এতটা সাহস কখনোই দেখাতে পারত না।’

অ্যাডমিরাল আর কোনও কথা না বলে দৃষ্টি নিক্ষেপ করলেন সমুদ্রের বুকে। তাঁর সহকারী দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর চিন্তিত ভাবে এগোলেন তাঁদের কেবিনের দিকে।

ডেকের রেলিং ধরে একলা দাঁড়িয়ে রইলেন অ্যাডমিরাল নাবিক। তিনি ভাবতে লাগলেন, সত্যিই কি জাহাজের মুখ ফিরিয়ে নিতে হবে?

সমুদ্রের নীল গভীর জলের দিকে তাকিয়ে হঠাৎই নাবিকের মনে ভেসে উঠল দুটো গভীর নীল চোখ। হ্যাঁ, সমুদ্রের মতোই গভীর তাঁর নীল চোখ দুটো। নাবিক ভাবতে লাগলেন, তাঁকে যদি জাহাজ ঘুরিয়ে ফিরে নিয়ে যেতে হয়, তবে তাঁর ব্যর্থতার ফলে রানিকেও বিড়ম্বনার মুখে পড়তে হবে। সে ঘটনা বড় বেদনার হবে নাবিকের কাছে।

নাবিক প্রথমবার যখন সমুদ্র অভিযান থেকে ফিরেছিলেন স্পেনে, তখন তিনি সোনা নিয়ে যেতে না পারলেও, নতুন আবিষ্কৃত দেশে স্পেনের উপনিবেশ স্থাপন করার জন্য, জনগণের বিপুল সম্বর্ধনা আর রাজকীয় খেতাব পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার সমুদ্র অভিযানে তিনি বেশ কয়েকটা দ্বীপ আবিষ্কার করলেও সোনা বা অন্য মুল্যবান রত্নসম্ভার সেবারও না নিয়ে ফেরাতে হতাশ হয়েছিলেন রাজা ও তাঁর পার্ষদরা।

নাবিক যখন তাঁর এই তৃতীয় অভিযানের জন্য রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন রাজার এক পার্ষদ বলেছিলেন, ‘সম্রাটের ভেবে দেখা উচিত; তিনি সমুদ্র যাত্রার বিপুল ব্যয়ভার বহন করবেন কিনা? অ্যাডমিরালের দুটি অভিযানে রাজকোষে কোনও অর্থ জমা পড়েনি। যে দ্বীপগুলো তিনি আবিষ্কার করেছেন, সেখানে সোনার সন্ধান পাওয়া যায়নি। তৃতীয়বারও যদি এমন ঘটনা ঘটে?

রাজা ফার্দিনান্দের মুখের ভাব দেখে নাবিকেরও মনে হয়েছিল, তিনি তৃতীয় সমুদ্র অভিযানের ব্যাপারে আগ্রহী নন। কিন্তু এ যাত্রায় নীল নয়নাই তাঁকে বাঁচিয়ে দিয়েছিলেন। শাণিত যুক্তি দিয়ে তিনি বুঝিয়ে ছিলেন কেন নাবিকের তৃতীয় সমুদ্র যাত্রার অনুমোদন দেওয়া উচিত। তাঁর কথা শুনে সম্রাট ফার্দিনান্দ অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিয়েছিলেন। কাজেই নাবিক অ্যাডমিরাল এবার ব্যর্থ হলে সমালোচনার সম্মুখীন হবে রানির দূরদর্শিতা, বুদ্ধি, ভাবনা।

সমুদ্রের দিকে তাকিয়ে এসব ভাবছিলেন অ্যাডমিরাল। এসময় অ্যাডমিরালের খাস ভৃত্য গরম পানীয়র মগ নিয়ে এসে দাঁড়াল। ভৃত্য রডরিগেজের থেকে পানীয়র পাত্র নিয়ে অ্যাডমিরাল চুমুক দিল তাতে। কিন্তু বারকয়েক চুমুক দেওয়ার পর পানীয়টা বিস্বাদ লাগল তাঁর। অ্যাডমিরাল তাই রেলিং থেকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা জিনিসে চোখ আটকে গেল তাঁর। সবুজ পাতা সমেত একটা গাছের ডাল ভাসতে ভাসতে এগিয়ে আসছে জাহাজের দিকে। উত্তেজনায় পানীয়র পাত্র খসে পড়ল নাবিকের হাত থেকে। ভালো মা চোখ কচলে আবার সেদিকে তাকালেন নাবিক। হ্যাঁ, একটা গাছের ডাল। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হল না বহু সমুদ্র অভিযানের নায়ক অ্যাডমিরালের। তিনি রডরিগেজকে নির্দেশ দিলেন, ‘বড় মাস্তুলের মাথায় ফুট ব্রিজে উঠে দেখো তো কিছু দেখা যায় কিনা?’

ভৃত্য রডরিগেজ দড়ির মই বেয়ে উঠে পড়ল সান্টা মারিয়ার প্রধান মাস্তুলের মাথার ফুট ব্রিজে। ওপর থেকে সে তাকাতে লাগল চারপাশে।

অ্যাডমিরাল শ্বাসরুদ্ধ ভাবে চেয়ে আছে তার দিকে। কয়েক মুহূর্তের অপেক্ষামাত্র। আর তার পরই রডরিগেজ চিৎকার করে বলে উঠল, ‘একটা কালো রেখা দেখা যাচ্ছে! ডাঙা। ডাঙা। ডাঙা।’

তার কথা শুনে আনন্দে কেঁপে উঠল নাবিকের শরীর। না, তিনি তবে ব্যর্থ হননি। তিনি মর্যাদা রক্ষা করতে পেরেছেন নীল নয়নার। আবিষ্কার করতে পেরেছেন তাঁর স্বপ্নের প্রাচ্যভূমি, ‘ইন্ডিয়া’। নাবিক প্রবল আবেগে মানচিত্রের গায়ে চুম্বন করে সেটাকে বুকে জড়িয়ে ধরলেন।

রডরিগেজের চিৎকার শুনে ক্যাপ্টেন মার্টিন, ক্যাপ্টেন ভিসেন্ট সহ অন্য নাবিকরা ডেকে বেরিয়ে এল। সবার চোখেমুখে বিস্ময় আর উদ্‌বেল আনন্দের ভাব। এমনকী খুনে ডগলাসের মুখমণ্ডলের ক্রূরতাও যেন সাময়িকভাবে উধাও হয়ে গেল। প্রাথমিক আনন্দ উত্তেজনার ভাব কাটিয়ে অ্যাডমিরাল, নির্দেশ দিলেন, দিকচক্রবালে যেদিকে কালো রেখা দেখা যাচ্ছে, সেদিকে নৌবহরের মুখ ঘোরাতে। পাল টাঙানো আছে ঠিকই, তবু তিনি নির্দেশ দিলেন দাঁড় টানার। যাতে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় প্রাচ্য দেশের মাটিতে।

ছপাছপ শব্দে নৌবহরের দাঁড়গুলো আছড়ে পড়তে লাগল জলে। একসঙ্গে বহু দাঁড়ের আঘাতে যেন উত্তাল হয়ে উঠল সমুদ্রের জল। একসময় জাহাজের ডেক থেকেই দেখা যেতে লাগল দিগন্তের সেই কালো রেখা। তবে স্রোতের প্রতিকূলে চলার কারণে ঘণ্টা চারেক সময় লাগল তটের কাছে পৌঁছাতে। তার পর দাঁড়িয়ে পড়ল নৌবহর।

জাহাজ থেকেই দেখা গেল একদল মানুষ সারবেঁধে দাঁড়িয়ে আছে সবুজ গাছে-ছাওয়া তটভূমিতে। মাটিতে নামলে ‘ইন্ডিয়া’র লোকেরা যাতে তাদের আক্রমণ না করে সে জন্য নিজেদের শক্তি লোকগুলোকে বোঝাতে অ্যাডমিরালের নির্দেশে বেশ কয়েকবার কামান দাগা হল সমুদ্রের জলে। কামানের গর্জনে কেঁপে উঠল চারপাশ। সমুদ্রের জল লাফিয়ে উঠল আকাশের দিকে। আর এরপরই দ্বীপবাসীরা মাথার ওপর দু’হাত তুলে দাঁড়াল। অর্থাৎ তারা যুদ্ধ চায় না।

জাহাজ তটভূমি থেকে কিছুটা দূরে নোঙর করার পর সান্টা মারিয়া আর অন্য জাহাজগুলো থেকে কুড়িটা নৌকো নামানো হল। বন্দুক আর অন্য অস্ত্রে সজ্জিত নাবিকরা অ্যাডমিরালের নেতৃত্বে এগোল তটভূমির দিকে। নতুন দেশের মাটিতে প্রথমে পা রাখলেন অ্যাডমিরাল, আর তাঁর দুই সঙ্গী ক্যাপ্টেন মার্টিন ও ক্যাপ্টেন ভিসেন্ট। তারপর বাকি সবাই। বিস্মিত দৃষ্টিতে তাঁদের দিকে চেয়ে আছে ভূখণ্ডের অধিবাসীরা। তাদের গাত্র বর্ণ লাল, মাথায়, কোমরে পালকের সাজ। অ্যাডমিরাল তাদের দেখে বলে উঠল, ‘ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান।

তাদের কাছে গিয়ে উপস্থিত হলেন অ্যাডমিরাল ও বাকি সকলে৷ এক নাবিকের হাতে একটা পতাকা ছিল। অ্যাডমিরাল তার হাত থেকে সেটা নিয়ে নরম মাটিতে এক আঘাতে পতাকার দণ্ডটা প্রোথিত করে রেড ইন্ডিয়ানদের উদ্দেশে বললেন, ‘স্পেনের সম্রাজ্ঞী ও সম্রাটের নামে এই মুহূর্ত থেকে আমি এই ভূখণ্ডের দখল নিলাম। প্রাচ্য দেশের এই স্থান আজ থেকে স্পেনের উপনিবেশে পরিণত হল।’

লোকগুলো অ্যাডমিরালের ভাষা বুঝতে না পারলেও তাঁকে বাধা দিল না। তাদের মধ্যে যে দলপতি সে অ্যাডমিরালের সামনে এসে দাঁড়াল। মাথায় পিঠে তার ঈগল পাখির বড় বড় পালকের সাজ। কণ্ঠে রঙবেরঙের পাথরের মালা, কাঁধে তিরধনুক। লোকটা আকার ইঙ্গিতে নাবিককে জিগ্যেস করল, ‘তুমি কে?’

নাবিক বলল, ‘আমি অ্যাডমিরাল…।’

ঠিক সেই মুহূর্তে কে যেন অট্টহাস্য করে বলে উঠল, “না, তুমি অ্যাডমিরাল নও। তুমি একজন বন্দি!’

চোখ মেলল নাবিক। সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে ফ্রান্সিসকো বোবাডিলা আর ক্যাপ্টেন ভিসেন্ট। যারা তাকে বন্দি করে স্পেনের রাজদরবারে নিয়ে চলেছে। নাবিক বুঝতে পারল, সে অতীতের স্বপ্ন দেখছিল। যেমন সে আজকাল দেখে থাকে। স্বপ্ন দেখার সঙ্গে ঘুমের ঘোরে কথাও বলছিল। বোবাডিলা আর ভিসেন্ট কখন যেন এ কক্ষে এসে ঢুকেছে বন্দির অবস্থা দেখার জন্য। নাবিকের ঘুমের ঘোরে বলা কথাগুলো কানে গেছে তাঁদের। সে কথারই প্রত্যুত্তর দিয়েছে বোবাডিলা।

ব্যাপারটা বোঝার পর ধীরে ধীরে উঠে বসল নাবিক। পোর্ট হল দিয়ে আলো ঢুকছে ঘরে। বাইরে মনে হয় দুপুর। নাবিক উঠে বসে তাদের দিকে তাকাতেই, বোবাডিলা মুখে ব্যঙ্গের হাসি ফুটিয়ে তুলে বলল, ‘তুমি কি এখনও নিজেকে অ্যাডমিরাল বলেই মনে করো? তোমার পায়ের লোহার শিকল কি সে কথাই বলছে?’

বোবাডিলার কথার কোনও জবাব দিল না নাবিক। জবাব দিয়ে কোনও লাভ নেই। তবে বোবাডিলাকে দেখে নাবিকের আট বছর আগের একটা দিনের কথা মনে পরে গেল। নাবিক তার প্রথম অভিযান শেষ করে স্পেনে ফিরে আসার পর যেদিন তাঁকে ‘অ্যাডমিরাল’ খেতাব দেওয়া হয়েছিল, সেদিন এই বোবাডিলার নেতৃত্বেই বিউগল বাজিয়ে নাবিককে খেতাব প্রাপ্তির জন্য অভিবাদন জানিয়ে ছিল স্পেনের রাজকীয় সেনাবাহিনী। ভাগ্যের কী নির্মম পরিহাস। সেই বোবাডিলাই এখন তাকে বন্দি করে নিয়ে চলেছে, তাকে বিদ্রুপ করছে!

নাবিকের জবাব না পেয়ে বোবাডিলা বলল, “জবাব দিচ্ছ না কেন? বুঝতে পারছি তোমার ঘোর এখনও কাটেনি। কিন্তু তোমার পেট থেকে সব কথা টেনে বার করা হবে। কোথায় কোন দ্বীপে সোনা লুকিয়ে রেখেছ সে সব কথা। আর মাত্র কয়েকটা দিন। তার পরেই স্পেনে পৌঁছে যাব আমরা। সম্রাজ্ঞী তোমার বিচার করবেন। শুনেছি জহ্লাদ প্রস্তুত হয়ে আছে। তোমার পেট থেকে কথা না বেরোলে সে তোমার পেট চিরে কথা বার করে আনবে।”

নাবিকের একদা সহকারী ভিসেন্ট এবার সেনাপতি বোবাডিলার উদ্দেশে বলল, “ভাবতে পারেন এই লোকটার জন্যে কী না করেছি আমরা। দিনের পরদিন মৃত্যুকে উপেক্ষা করে, আধপেটা খেয়ে সমুদ্রের ঝড়-ঝঞ্ঝাটের মধ্যে কাটিয়েছি, রেড ইন্ডিয়ানদের তিরের মুখে পড়েছি। এখনও আমার বাহুতে তিরের দাগ আছে। আর এই লোকটাই কিনা আমাদের প্রতারিত করল। সব থেকে বড় কথা ও প্রতারিত করল সম্রাট ও সম্রাজ্ঞীকে।”

এ কথা শুনে নাবিক বলতেই পারত, ওই তিরের দাগ তোমার কৃতকর্মের ফল। নিরীহ রেড ইন্ডিয়ান কন্যাদের ওপর তুমি যে অত্যাচার করেছ, তার পরিবর্তে ওই আঘাত অতি সামান্য। কিন্তু নাবিক এই ঘৃণ্য লোকটার সঙ্গে বাক্যালাপে আগ্রহী হল না।

বোবাডিলা তার সঙ্গীকে আশস্ত করে বলল, “আপনি নিশ্চিন্ত থাকুন, এই প্রতারক ওর শাস্তি এড়াতে পারবে না।” একথা বলে বোবাডিলা নাবিকের দিকে কটাক্ষের দৃষ্টি ছুড়ে দিয়ে ভিসেন্টকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা আবার বন্ধ হয়ে গেল। নাবিকের চারপাশে নেমে এল অন্ধকার।