ময়নামতির নথ – ৭

চৈত্র মাসে বছরের এই শেষ সময়টাতে কাছারিবাড়িতে কাজের চাপ বাড়ে। নায়েব, গোমস্তা, খাজাঞ্চি প্রমুখ জমিদারি পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপে দিশেহারা অবস্থা হয়। নাওয়া-খাওয়ার সময় হয় না পর্যন্ত। এমনকি ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দের একই রকম অবস্থা হয়। কারণ, এই সময় জমিদারির বাৎসরিক হিসাব চূড়ান্ত করা হয়। কোথায় কোন মহাল থেকে খাজনা আসেনি তার জন্য সেখান থেকে খাজনা সংগ্রহ করে আনার জন্য লোক পাঠানো, কোন খেয়াঘাট থেকে শুল্ক উদ্ধার করা এসব নানান কাজে ব্যস্ত থাকতে হয় সকলকে। জমিদারির নানা অংশ থেকে প্রজারা খাতকরা নানান অনুরোধ নিয়ে জমিদারের সঙ্গে সাক্ষাৎ করতেও আসে। জমিদারির থেকে কারো কোনো বকেয়া থাকলে হিসাব করে খাজাঞ্চিখানা থেকে সে বকেয়াও পরিশোধ করে দেয়া হয়।

দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল। অন্নপূর্ণা পুজোর দিন। এসে গেল। মহারানী আনন্দময়ী ষোড়োপোপচারে পুজোর আয়োজন সম্পন্ন করলেন। পুজোর আগের সারা দিন-সারা রাত ভিয়েনের আগুন জ্বলল রানী মহলে। আনন্দময়ী আর অন্য ব্রাহ্মণ রমণীরা মিলে দেবীকে নিবেদন করবেন বলে মহারাজ যে সব মিষ্টান্ন খেতে ভালোবাসেন তা প্রস্তুত করলেন। পুজোর দিন সকালে আনন্দময়ী নিজ হাতে অন্নপূর্ণা মায়ের ভোগ অর্থাৎ খিচুড়ি ভোগ, পরমান্ন, লুচি ভোগ ইত্যাদি রন্ধন করতে বসলেন।

কিন্তু গত দুই দিন অপেক্ষা এই তৃতীয় দিন নানান কার্যহেতু যেন লোক ভেঙে পড়ল ময়নাগড়ের জমিদারবাড়ির কাছারিতে। জমিদার রাধেশ্যামানন্দ সেই যে সকালে স্নান সেরে কাছারি ঘরে এসে বসলেন, বিকাল হওয়ার আগে আর তিনি তার আসন ছেড়ে ওঠার ফুরসত পেলেন না। ওদিকে তখন রানী মহলে দেবী অন্নপূর্ণার পুজো সম্পন্ন হয়ে গেছে। মহারানী সারা দিন উপোস করে আছেন, তিনি সিদ্ধান্ত নিলেন মহারাজা রানী মহলে এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার পর তিনি উপোস ভঙ্গ করবেন। কিন্তু দিন শেষে ঘর্মাক্ত কলেবরে রাধেশ্যামানন্দ যখন বিকালে নিজ মহলে ফিরলেন তখন আর এ দিনটি যে বিশেষ একটা দিন তা ভুলেই গেলেন ময়নাগড়ের জমিদার। নিজ কক্ষে ক্লান্ত দেহ মনে নিদ্রা দেবার পর রাধেশ্যামানন্দের যখন নিদ্রাভঙ্গ হলো তখন কালীদহের বুকে অন্ধকার নেমে গেছে। রানী মহলে তার জন্য সোনা-রুপার থালায় দেবীর ভোগ প্রসাদ একশত পদ সাজিয়ে স্বামী সেবার জন্য প্রতীক্ষা শুরু করেছেন মহারানী আনন্দময়ী। ঘুম ভাঙার পর পালঙ্কে গড়াগড়ি দিতে দিতে রাধেশ্যামানন্দের একবার মনে হলো, কী যেন একটা ব্যাপার ছিল বা আছে আজকে! কিন্তু সেই ব্যাপারটা যে কী তা তিনি কিছুতেই মনে করতে পারলেন না। বিস্মরণ হেতু প্রতি সন্ধ্যার মতো নিজের মানসিক ক্লান্তিকে দূর করার জন্য নাচঘরে যাওয়ার অমোঘ টান অনুভব করলেন বাহুবলেন্দ্র। স্নান সেরে অন্যদিনের মতোই তিনি রওনা হলেন নাচ মহলের দিকে। কিন্তু নাচঘরের কাছাকাছি পৌঁছে জমিদার মশাই দেখলেন সে স্থানে কোনো আলো জ্বলছে না। কারণটা অবশ্য মুহূর্তের মধ্যে অনুধাবন করতে পারলেন তিনি। নাচমহলের দায়িত্বপ্রাপ্ত যে ভৃত্য প্রধান আছেন, তাকে প্রতিদিন ডেকে জানিয়ে দিতে হয় যে জমিদার মশাই সে দিন সন্ধ্যাকালে নাচঘরে পদার্পণ করবেন। আর সেই মতো তার জন্য যেন সবকিছুর বন্দোবস্ত করে রাখা হয়। কিন্তু আজ কাজের চাপে নাচমহলের ভৃত্য প্রধানকে সে নির্দেশ পাঠাতে ভুলে গেছেন তিনি। কাজেই নাচঘরে আলো জ্বলছে না। অবশ্য জমিদার তার ভূত্যদের এখনই ডেকে নির্দেশ দিলে তারা সাজিয়ে তুলবে নাচ মহল। কিন্তু রাধেশ্যামানন্দ বুঝতে পারলেন তার জন্য বেশ খানিকটা সময় ব্যয়িত হবে। বিশেষত বাদ্যকারদের ডেকে আনতে হবে ময়নাগড়ের যে স্থানে তাদের বাসগৃহ সে স্থান থেকে। তবে কি আবার নিজের মহলে ফিরে যাবেন রাধেশ্যামানন্দ। এক স্থানে চন্দ্রালোকিত আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের কর্তব্য সম্পর্কে ভাবলেন তিনি। তারপর ময়নাগড়ের জমিদার পা বাড়ালেন নাচঘরের কাছেই সেই মহলের দিকে যেখানে থাকে ময়নাবাই। রাধেশ্যামানন্দ গিয়ে উপস্থিত হলেন সেই মহলে। জমিদারেরই নির্দেশে কয়েকজন দাসী পালা করে এ মহলে উপস্থিত থাকে ময়নাবাইয়ের দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করার জন্য। তাদেরই একজন গিয়ে জমিদারবাবুর আগমন সংবাদ দিল ময়নাবাইকে। সংবাদ পাওয়া মাত্রই শশব্যস্ত হয়ে ময়নাবাই ছুটে এল ময়নাগড়ের সর্বময় কর্তাকে আমন্ত্রণ করে গৃহের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। ময়না করজোড়ে রাধেশ্যামানন্দের উদ্দেশ্যে বলল, ‘আমার মতো ভিখারিনীর পরম সৌভাগ্য যে ময়নাগড়ের বিধাতাপুরুষ স্বয়ং এদিন আমার বাসস্থানে উপস্থিত হয়েছেন। দয়া করে গৃহে প্রবেশ করে এই অভাজনকে পুণ্য লাভের সুযোগ করে দিন।’

রাধেশ্যামানন্দ তার আহ্বানে সাড়া দিয়ে সেই বাটিকার অভ্যন্তরে প্রবেশ করলেন। তার পাইক-পেয়াদারা অবশ্য বাইরেই রইল। গৃহের অভ্যন্তরে ইতিপূর্বে যে ঘরে প্রথম দিন ময়নামতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাধেশ্যামানন্দ এসে বসেছিলেন, সে কক্ষেই আরামকেদারায় আসন গ্রহণ করলেন তিনি। ময়নামতি, জমিদারের অনুমতি নিয়ে ক্ষণিকের জন্য গৃহের অভ্যন্তরে চলে গেল। অতিথি আপ্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা করতে ও নিজেকে কিছুটা সজ্জিত করে তুলতে। কক্ষে প্রদীপ জ্বলছিল। দাসীর দল আরো বেশ কয়েকটি প্রদীপ এনে রাখল সেই কক্ষে। আলো ঝলমলে হয়ে উঠল সেই ঘর। কিছু সময় পর ময়নামতি প্রবেশ করল সে স্থানে। পোশাক পরিবর্তন করে এসেছে ময়নামতি। তবে তার শরীরের ওপরের অংশ চুমকি বসানো গাঢ় রঙের ওড়নাতে আচ্ছাদিত। তার এক হাতে শরবতের পাত্র আর অন্য হাতের থালায় মিষ্টান্ন। জমিদার তার হাত থেকে শরবতের পাত্রটা তুলে নিয়ে বললেন, ‘এর অধিক কোনো রূপ খাদ্য-পানীয়র প্রয়োজন নেই। আমি সুর সুধা পান করেই সব থেকে বেশি তৃপ্তি বোধ করি।’

তা শুনে ময়নামতি বলল, আমার ইচ্ছা মহারাজ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি আজ সারা রাত মহারাজকে গান গেয়ে শোনাতে পারি।’

ময়নামতির কথা শুনে সম্মতিসূচক হাসি ফুটে উঠল জমিদারের ঠোঁটের কোণে। কিছুক্ষণের মধ্যেই দাসীর দল সরে গেল সেই কক্ষ থেকে। ঘরের সব দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল, খোলা রইল শুধু কালীদহের দিকের জানালাটা। আরামকেদারায় বসে জমিদার রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র, আর তার পায়ের সামনে বসে গান ধরল রাজাবাবুর ময়না-বাইজি ময়নামতি। কিছুক্ষণের মধ্যেই তার সুরের মায়াজালে বন্দি হয়ে গেলেন ময়নাগড়ের মহারাজা।

বাইরে রাত বেড়ে চলল। এখনো রানী মহলে স্বামীর জন্য ভোগ প্রসাদ সাজিয়ে প্রতীক্ষা করে চলেছেন মহারানী আনন্দময়ী। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগল, এই বুঝি দাসী ছুটে এসে বলল, ‘মহারাজ এসেছেন!’ কিন্তু তেমন কিছু ঘটল না। একসময় একটা একটা করে রানী মহলের প্রদীপগুলো নিভতে শুরু করল। স্বামীর জন্য প্রতীক্ষা করতে করতে একসময় উপোসী আনন্দময়ী বিষণ্ণ, ক্লান্ত, বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ওদিকে তখনো ময়নাবাইয়ের গানের বিরাম নেই। সংগীতের যতটুকু শিক্ষা পেয়েছে তা সে যেন উজাড় করে ঢেলে দিচ্ছে মহারাজের চরণে। হঠাৎ একটা জিনিস খেয়াল করলেন রাধেশ্যামানন্দ। মধ্যরাত তখন শেষ রাতের দিকে ধাবিত হতে চলেছে। গান গাইতে গাইতে একটু একটু করে কখন যেন ময়নাবাইয়ের শরীর থেকে ওড়নাটা সম্পূর্ণ খসে গেছে। যুবতী ময়নার দেহরেখাগুলো বিমূর্ত হয়ে উঠেছে মহারাজের চোখের সামনে। ময়নার নদীখাতের মতো তীক্ষ্ণ বক্ষ বিভাজিকা, গভীর নাভিকূপ, রেশমি বস্ত্রের তলা দিয়ে পরিস্ফুট হয়ে ওঠা মসৃণ উরু—এসবই যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। ময়না তখন দেহতত্ত্ব বিষয়ে গান ধরেছে। সেই গান আর ময়নার শরীর যেন ধীরে ধীরে রাধেশ্যামানন্দের রক্তকে জাগিয়ে তুলতে শুরু করল। গরম রক্তের স্রোত যেন দ্রুত প্রবাহিত হতে শুরু করল জমিদারের শরীরে। বাইজি বিছানায় তার ভরণপোষণ ও কাঞ্চন মূল্য প্রদানকারীকে আনন্দ দিতে প্রস্তুত থাকে, এ আর নতুন কথা কি? রাধেশ্যামানন্দের পরিবর্তে অন্য কেউ হলে হয়তো প্রথম রাতেই সে স্বাদ গ্রহণ করতেন। ময়নার শরীরের দিকে তাকিয়ে চঞ্চল হয়ে উঠতে শুরু করলেন ময়নাগড়ের জমিদার রাধেশ্যামানন্দ বাহবলেন্দ্র। চোয়াল শক্ত হয়ে উঠল তার। হাতের মুঠো দুটো বারবার খুলতে ও বন্ধ করতে লাগলেন তিনি। তার মনে হতে লাগল এক ঝটকায় তিনি মাটি থেকে ময়নাকে তার বুকে তুলে নেন তাকে নিষ্পেষণ করার জন্য। হয়তো তিনি তার হাতটা বাড়াতেও যাচ্ছিলেন ময়নামতির দিকে, ঠিক সেই মুহূর্তে আরো একজনের মুখ হঠাৎই যেন ভেসে উঠল রাধেশ্যামানন্দের চোখে— ময়নাগড়ের মহারানী, তার স্ত্রী আনন্দময়ীর মুখ! আর সে মুখমণ্ডল ময়নাগড়ের মহারাজার মনে ভেসে ওঠার পর ধীরে ধীরে তার উদ্যত হাত শিথিল হয়ে গেল। আগের মতো গেয়ে চলল ময়না আর রাজাবাবু শুনতে থাকলেন তার গান। ময়নার দেহ আর ময়নাগড়ের বাহবলেন্দ্রর চরিত্রকে কলুষিত করতে পারল না। রাত শেষ হয়ে ভোর হয়ে এল একসময়। পুব আকাশে যখন শুকতারা ফুটে উঠল, তখন সকালকে আহ্বান জানিয়ে আহির ভৈরব ধরল ময়নাবাই। তার সে গান শেষ হতে না হতেই পুবের আকাশ লাল হয়ে উঠল। ময়নাগড়ের মহারাজা এবার তার কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন ফেরার জন্য । উঠে দাঁড়াল ময়নাবাইও। রাজা, ময়নার উদ্দেশ্যে বললেন, ‘এই রাতের জন্য তোমাকে আমি কিছু একটা জিনিস উপহার দেব। তবে আমার সঙ্গে তো তেমন কিছু এই মুহূর্তে নেই। আমি তোমাকে সে উপহার পাঠিয়ে দেব।’

কথাটা শুনে ময়নামতি বলল, ‘আপনি যে সারা রাত আমার গান শুনেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবুও যদি মহারাজা কোনো উপহার দিয়ে আনন্দ লাভ করেন, তবে তা দেবেন।’

রাধেশ্যামানন্দকে এরপর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তার বহির্গমনের মুহূর্তে ময়নামতি তার পাদস্পর্শ করে প্রণাম করে তাকে খানিকটা অবাক করে দিয়ে বলল, ‘ধন্য আপনি, যিনি স্ত্রীর ভালোবাসার কারণে অন্য নারী শরীর স্পর্শ করেন না। ধন্য সেই স্ত্রী, যার পতিসেবা, ভালোবাসা অন্য নারীর শরীরের প্রতি আগ্রহ জন্মাতে দেয় না। পুণ্যবতী সেই মহারানীকেও আমার প্রণাম জানাই।’

একজন বাইজির মুখ থেকে এই উপলব্ধির কথা শুনে বিস্মিত হয়ে গেলেন রাধেশ্যামানন্দ। আর সঙ্গে সঙ্গেই তার ভুলে যাওয়া কথাটা মনে পড়ে যাওয়ায় চমকে উঠলেন তিনি—গতকাল অন্নপূর্ণা পুজো উপলক্ষে রানী মহলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু যাওয়া হয়নি। রানী নিশ্চয় তার জন্য প্রতীক্ষা করেছিলেন। ব্যাপারটা মনে পড়তেই রাধেশ্যামানন্দের মনের ভেতর একটা অপরাধবোধ জেগে উঠতে লাগল। ময়নামতির গৃহ থেকে নিজ মহলে ফেরার পথে তিনি সিদ্ধান্ত নিলেন, সন্ধ্যায় তিনি রানী আনন্দময়ীর সঙ্গে দেখা করতে যাবেন।