রক্তের দাগ – ৬

দেখতে দেখতে কালীপুজোর দিন কাছে চলে এল। দুর্গাপুজোর পর প্রায় দুসপ্তাহ অতিক্রান্ত হতে চলল। তবে ছেলেটার নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনও সূত্র কিন্তু হকিন্স সাহেব জোগাড়

আগের দিন পূর্ব পরিকল্পনামতো হকিন্স সাহেব তাঁর সহকারীকে রাজবাড়িতে পাঠালেন, দেবী কালীর পুজো দেখার অনুমতি পেতে। রামচন্দ্র রাজবাড়িতে পৌঁছে রাজকর্মচারীকে জানালেন যে তিনি সাহেবের আর্জি নিয়ে এসেছেন রানি ইরাবতীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কী আর্জি সেটাও তিনি জানালেন রানি ইরাবতীর সেই কর্মচারীকে। সে রানি ইরাবতীকে গিয়ে জানাল ব্যাপারটা। সঙ্গে সঙ্গে রানি ইরাবতীর মনে পড়ে গেল কদিন আগেই ভৃত্যর মুখে শোনা ঘটনাটা।

কয়েক মুহূর্ত ভেবে নিয়ে রানি ইরাবতী তাঁর কর্মচারীকে বললেন, “সাহেবের লোককে বলে দাও, আমি ব্যস্ত আছি, তার সঙ্গে এখন সাক্ষাৎ হবে না।”

সেই রাজকর্মচারী রামচন্দ্রকে জানিয়ে দিল রানি ইরাবতী এখন সাক্ষাৎ করতে অপারগ।

রামচন্দ্র ফিরে এসে হকিন্স সাহেবকে ব্যাপারটা জানাতেই তিনি বললেন, “তবে কি আগামী কাল রাতে কোনও নরবলির ঘটনা ঘটতে যাচ্ছে, যে-কারণে রানি কৌশলে আমার প্রস্তাব এড়াবার চেষ্টা করছেন?”

বাবু বললেন, “কী হতে চলেছে তা জানি না। তবে এটা বোঝা যাচ্ছে আপনার উপস্থিতি চাইছেন না।”

যে, তিনি কাল রাতে পূজাস্থলে সাহেব বললেন, “তাহলে আমরা বিনা নিমন্ত্রণেই ওখানে যাব। আমার ধারণা রাজবাড়ির রক্ষীরা আমাদের বাঁধা দিতে সাহস পাবে না।”

বাবু বললেন, “আমি ভাবছি কাজটা ঠিক হবে কিনা?”

হকিন্স সাহেব বললেন,“ভালো-খারাপ পরে দেখা যাবে।”

হকিন্স সাহেব একবগ্গা মানুষ। বাবু বুঝলেন, সাহেব যখন গোঁ ধরেছেন তখন তিনি রাজবাড়িতে যাবেনই।

ব্যাপারটা ঠিক তেমনই ঘটল। পরদিন অন্ধকার নামার কিছু পরে সাহেব আর বাবু দুজন রক্ষীকে নিয়ে রওনা হলেন রাজবাড়ির দিকে। দেউড়ি উন্মুক্ত ছিল। কিছু লোক যাওয়া-আসাও করছিল। এদিন সাহেবকে অভ্যর্থনা জানাবার জন্য কোনও কর্মচারী সেখানে ছিল না। দেউড়িতে যে রক্ষীরা ছিল, তারা সাহেবকে দেখে ভাবল সাহেব নিশ্চয়ই রানি ইরাবতীর আমন্ত্রণেই এসেছেন। তাই তারা সাহেবের গতিরোধ করল না। আগেরবারের মতোই সে স্থানে জুতো খুলে সাহেব আর তাঁর সঙ্গী পদব্রজে রওনা হলেন, যেখান থেকে ঢাকের শব্দ ভেসে আসছে সেদিকে।

অমাবস্যার রাত। আকাশে একবিন্দু আলো নেই। পথ হাতড়ে তারা পৌঁছে গেলেন নির্দিষ্ট জায়গায়। সেই প্রাঙ্গণ, সেই বলিদানের বেদি, সেই কুয়ো, রানি ইরাবতীর থাকার জন্য সেই ঘর, আর সর্বোপরি মণ্ডপের মধ্যে অবস্থান করছেন দেবী কালী।

এদেশে নবাগত হকিন্স সাহেব বেশ কয়েকমুহূর্ত বিস্মিতভাবে চেয়ে রইলেন গডেস কালীর স্বর্ণভূষিতা মৃন্ময়ী মূর্তির দিকে। নরমুণ্ড শোভিত, খড়্গ হস্ত, শিবের বুকের ওপর পা তুলে দাঁড়ানো, জিভ বার করা এমন মূর্তি ইতিপূর্বে সাহেব দেখেননি। মূর্তিটা যেন মনের মধ্যে একই সঙ্গে শ্রদ্ধা ও ভয়ের উন্মেষ ঘটায়।

সেখানে বেশ কয়েকজন লোক উপস্থিত ছিল। পুরোহিত, জল্লাদ তো ছিলই, তার সঙ্গে সেই রাজকর্মচারীও ছিল যে দুর্গাপুজোর সময় সাহেবকে অভ্যর্থনা জানিয়ে এ স্থানে পৌঁছে দিয়েছিল। সাহেবকে দেখে তাদের সকলের চোখেমুখে বিস্ময় ফুটে উঠল।

সাহেবের ইচ্ছা ছিল সেই রাজকর্মচারীর সঙ্গে বাক্যালাপ করার। কিন্তু লোকটা সে সুযোগ না দিয়ে এগোল রাজবাড়ির দিকে। সম্ভবত সে সাহেবের আগমনবার্তা পৌঁছে দিতে গেল ইরাবতীর কাছে। আর অন্যরা একসঙ্গে দাঁড়িয়ে আড়চোখে সাহেবের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে চাপা স্বরে কী যেন বলাবলি করতে লাগল। আজ আর সাহেবের বসার জন্য চাঁদোয়া টাঙানো নেই, কাষ্ঠাসন নেই। সাহেব আজ অনাহুত অতিথি।

সাহেব বাবুকে বললেন, “যতক্ষণ না রানি এখানে পদার্পণ করছেন ততক্ষণ আমরা না হয় ওই ঘরটার দাওয়ায় গিয়ে বসি?”

সাহেব আর বাবু সেখানে গিয়েই বসলেন। যারা দেবীর পুজোর আয়োজনে নিয়োজিত ছিল তারা এরপর আবার ব্যস্ত হয়ে পড়ল নিজেদের কাজে। দুর্গাপুজোর সময় এ প্রাঙ্গণ মশালের আলোতে যতটা আলোকিত ছিল, আজ আর তেমন নয়। সামান্য কয়েকটা মশাল জ্বলছে, তাতে আশেপাশের অন্ধকার যেন আরও গাঢ় মনে হচ্ছে। যারা সে স্থানে হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের প্রেতের মতো মনে হচ্ছে।

রাত বাড়তে থাকল, সাহেব বসে বসে দেখতে লাগলেন সবকিছু। মধ্যরাত সমাগত হল। মেটং নদীর চর থেকে শিয়াল ডেকে উঠল। দেবীর সামনে বসে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন পূজারি ব্রাহ্মণ। ধুনোর ধোঁয়া,

মন্ত্রোচ্চারণের শব্দ, অমাবস্যার রাত—সবকিছু মিলিয়ে মিশিয়ে চারপাশে কেমন যেন একটা আপর্থিব পরিবেশের সৃষ্টি হয়েছে।

একসময় কয়েকজন লোক মিলে একটা মহিষ শাবক নিয়ে উপস্থিত হল। কুয়ো থেকে জল তুলে তাকে স্নান করানো হল। পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করতে করতে রক্ত জবার মালা পরিয়ে দিলেন তার গলায়। সাহেবরা বুঝতে পারলেন এ মহিষ বলিপ্রদত্ত।

কিছু পরই রানি ইরাবতীর পালকি এসে উপস্থিত হল সেখানে। তা দেখে সাহেব আর বাবু নেমে দাঁড়ালেন দাওয়া থেকে। ইরাবতীও পালকি থেকে নামলেন। পুরোহিতকে ডেকে কী যেন কথা বললেন চাপাস্বরে। তারপর বলির বেদির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা এগোলেন তাঁর ঘরে যাওয়ার জন্য। রানির যাত্রাপথের পাশে তখন এসে দাঁড়িয়েছেন হকিন্স সাহেব আর বাবু।

রানি তাদের কাছাকাছি আসতেই হকিন্স সাহেব তাঁকে সম্মান প্রদর্শনের জন্য মাথার টুপি খুলে মাথা ঝুঁকালেন। কিন্তু ইরাবতী যেন তাঁকে দেখতেই পেলেন না। সোজা এগিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন।

মহিষ শাবকটিকে ততক্ষণে বলির বেদিতে তুলে ফেলা হয়েছে। খড়্গ হাতে জল্লাদও এসে দাঁড়িয়েছে তার সামনে। কয়েক মুহূর্ত পরেই ঘরের ভিতর থেকে দড়ি কেঁপে উঠল, বেজে উঠল ঘণ্টা। খঙ্গের এক কোপে মহিষ মুগু ছিটকে পড়ল। পুরোহিত সেই মুণ্ড আর রক্ত উৎসর্গ করলেন দেবীকে। তারপর পুজোও শেষ হয়ে গেল এক সময়। মশালের আলোগুলোও কেমন যেন নিভু নিভু হয়ে গেল। তবুও সে স্থান ত্যাগ করলেন না সাহেব। বলা তো যায় না, শেষ রাতে কিছু ঘটেও যেতে পারে। অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে মশার কামড় খেতে খেতে তেমন কিছু ঘটারই প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু সাহেবের দুর্ভাগ্য বা সৌভাগ্য, এ রাতেও তেমন কিছু ঘটল না।

আকাশে শুকতারা ফুটে উঠল। কয়েকজন লোক মহিষের দেহটা অন্যত্র রেখে এসে, কুয়ো থেকে জল তুলে বেদিতে পড়ে থাকা রক্ত ধুয়ে দিল। বাবু সাহেবকে বললেন, “চলো সাহেব, এবার ফেরা যাক।” হকিন্স সাহেব তাঁর কথা শুনে ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন ঠিক সেই সময় খিলখিল করে বামাকণ্ঠের হাসি শুনে থমকে দাঁড়িয়ে পড়লেন।

কখন যেন নিঃশব্দে ঘরের আগল খুলে বাইরে এসে দাঁড়িয়েছেন রানি ইরাবতী। সাহেবের দিকে তাকিয়েই তিনি হাসছেন। বিদ্রুপের হাসি। হকিন্স সাহেব তাঁর দিকে দৃষ্টিপাত করতেই ইরাবতী হাসতে হাসতে বললেন, “এবারও তোমার রাত জাগা কাজে এল না!’

সাহেব বললেন, “তার মানে?”

ইরাবতী বললেন, “মানে হল, নরবলি দেখা হল না তোমার। যা দেখার বাসনা নিয়ে তুমি দুর্গা পুজোর সময় তিন রাত জাগলে, বিনা নিমন্ত্রণে উপস্থিত হয়ে কালী পুজোর রাতটাও জেগে কাটালে। কী, আমি ঠিক বলছি কিনা?”

পরক্ষণে তিনি কর্কশ কণ্ঠে বললেন, “তুমি কেন বলি দেখতে চাইছ সে ব্যাপারটা আমি আগেই অনুমান করেছিলাম। তবু ভদ্রতাবশত তোমাকে দুর্গাপুজোয় পুজোস্থলে থাকার অনুমতি দিয়েছিলাম। তোমায় আপ্যায়নের নির্দেশ দিয়ে রেখেছিলাম। কিন্তু আজ তুমি অনাহুত। তাই অতিথির মর্যাদা তোমার নেই। তুমি কি আমাকে এতটাই নির্বোধ ভাব যে, তোমার সামনে আমি নরবলি দেব? তুমি কোম্পানির প্রতিনিধি। তা সত্ত্বেও বলি, কোম্পানি একজন নির্বোধ ব্যক্তিকে জৈন্তাপুরে তাদের প্রতিনিধি করে পাঠিয়েছে। এবার তুমি যেতে পারো সাহেব। উপযুক্ত কারণ ছাড়া, আমার বিনা অনুমতিতে এরপর তুমি রাজবাড়িতে প্রবেশ করলে আমি কলকাতার কোম্পানির প্রধান কার্যালয়ে তোমার সম্পর্কে অভিযোগ জানাব।”

তাঁর সঙ্গে আর কথা বলা সমীচীন বোধ করলেন না কোম্পানির প্রতিনিধি হকিন্স সাহেব। ক্লান্ত অপমানিত সাহেব ফেরার জন্য পা বাড়ালেন। সেদিনের পর থেকে গ্রামে গ্রামে সেই ছেলেটার সম্পর্কে খোঁজখবর নেওয়ার কাজ বন্ধ করেছিলেন সাহেব। প্রবল এক হতাশা আর ব্যর্থতার গ্লানি গ্রাস করে নিয়েছে তাঁর মনকে। তিনি সর্বদাই চুপচাপ থাকেন। এমনকী তাঁর প্রিয় রামচন্দ্রের সঙ্গেও বিনা প্রয়োজনে বাক্যালাপ বন্ধ করে দিলেন। বাবু রামচন্দ্র চেষ্টা করে যেতে লাগলেন সাহেবের মন ভালো রাখার…একটার পর একটা দিন কাটতে লাগল, সময় এগিয়ে চলল তার নিজের নিয়মে। শীতকাল চলে এল। সেবার কনকনে শীত পড়ল জৈন্তাপুরে।

ফেব্রুয়ারি মাস চলে এল। কালীপুজোর সে রাতের পর তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে। না, সেই বালকের সন্ধান মেলেনি। সাহেবও আর রাজবাড়িতে পদার্পণ করেননি, সরকারি কাজে তাঁর সেখানে যাওয়ার দরকার হয়নি বলে।