ময়নামতির নথ – ৬

সূর্য যখন ঠিক মাঝ আকাশে ওঠে, ঠিক তখন ভেজা কাঠের টুকরোগুলো মাথায় নিয়ে সৌদামিনীর কাছে হাজির হয় দুলি বাগদী। এদিনও সে এল ওই একই সময়ে। ঘরের ভেতর ঢুকে ভেতরের উঠানে গিয়ে সে যখন কাঠের বোঝাটা নামিয়ে রাখল, তখনো জল ঝরছে কাঠগুলো থেকে। সৌদামিনী তখন সেই এক চিলতে ঘেরা উঠানে রোদের নিচে দাঁড়িয়ে এক হাত দিয়ে পাখির ডানার মতো ভেজা শাড়ির আঁচলটা মেলে ধরে শুকোচ্ছিল। বাগদী বউ ভেজা কাঠগুলো নামিয়ে রাখার পর সৌদামিনী একটু অনুযোগের সুরে দুলি বাগদীকে বলল, ‘কী রে বউ, তোর কি একটু মায়া হয় না আমার প্রতি। দু-একটা কাঠ তো শুকনোও আনতে পারিস? এ কাঠে ভাত রাঁধতে সন্ধ্যা নেমে যায়!’

বাগদী বউ কথাটা শুনে বলল, ‘তোমার কষ্ট বুঝি গো ঠাকুরানী। কিন্তু কী করব বলো? পাইকরা চারপাশে কড়া নজর রাখে। তোমাকে শুকনো কাঠ এনে দিলে ঠিক ধরা পড়ে যাব। আমরা হলাম ছোটলোকের জাত। নায়েব, গোমস্তা থেকে শুরু করে পাইক-বরকন্দাজ সবার পায়ের নিচে থাকি। একবার নিয়ম ভেঙে ধরা পড়লে কি আর রক্ষা থাকবে? তাই মনে ইচ্ছা থাকলেও শুকনো কাঠ আনতে পারি না।

এই বাগদী বউই একমাত্র বাইরের পৃথিবীর খবর মাঝে মাঝে পৌঁছে দেয় সৌদামিনীর কাছে। মহারানী আনন্দময়ী তো তবুও জানালা খুলে কালিদহটুকু দেখতে পারেন, কিন্তু সৌদামিনীর পৃথিবী বলতে এই ঘেরা জায়গার মাথার ওপরের এক টুকরো আকাশ। যদি বাগদী বউয়ের থেকে নতুন কোনো খবর পাওয়া যায়, তাই সৌদামিনী তাকে বলল, ‘যখন এই রোদের মধ্যে কাঠ নিয়ে এলিই তখন একটু বসে যা। তোকে একটু কুঁজো থেকে ঠাণ্ডা জল গড়িয়ে দিই, আর দুটো বাতাসা দিই।’

কথাটা শুনে বাগদী বউ সঙ্গে সঙ্গে বলে উঠল, ‘তুমি এ কী বলছ ঠাকুরানী। তোমরা হলে গিয়ে উঁচু জাত, আর আমরা হলাম গিয়ে বেহদ্দ নীচু জাত। ও জল আমি খেতে পারব না। খেলে আমার পাপ লাগবে। নিচু জাতের হাতে জল খেলে তোমাদের যেমন জাত যায়, তেমনই উঁচু জাতের জলের ভাগ নিলে আমার পাপ লাগবে।’

সৌদামিনী তার কথা শুনে মনে মনে বলল, ‘সামনের জন্মে যেন তোর মতো কাহার বাগদীর মেয়ে-বউ হয়ে জন্মাতে পারি। তাহলে অন্তত ভেজা কাঠে রান্না করতে হবে না।’ এ কথা বলে একটু থেমে বাগদী বউ বলল, ‘আর আমার কি কোথাও তিষ্ঠবার জো আছে? আমাকে ছাড়া যেন কোথাও কাজই চলে না। ওই যে বলেছিলাম না এক বাইজি এসেছে। তার মহলেও যে আমাকে কাজে যেতে হচ্ছে রোজ।’

সৌদামিনী বলল, ‘সে এখনো যায়নি? কী নাম তার?’

দুলি বউ জবাব দিল, ‘এদের কি আর আসল নাম জানা যায়? তবে রাজাবাবু তাকে ডাকেন ময়নামতি নামে। তাই তাকে সবাই ডাকে ময়নাবাই নামে।’ এরপর একটু ইতস্তত করে বাগদী বউ বলল, ‘তোমাকে একটা কথা বলছি ঠাকুরানী। পাঁচকান করোনি যেন। লোকে বলছে ময়নাবাই নাকি গুণ করে ফেলেছে ময়নাগড়ের রাজাবাবুকে। আজকাল রাত নামলে ময়নাবাইয়ের কাছে রাজাবাবুর যাওয়া চাই-ই চাই!’

দুলি বাগদীর মুখে এ কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে গেল সৌদামিনী। ইতিপূর্বে নানান সময় অনেক নর্তকী নাচ দেখাতে এসেছে। আবার পাঁচ-সাতদিন পর ফিরেও গেছে। সৌদামিনী এ বংশ সম্পর্কে যতটুকু জানে, তাতে এই বাহুবলেন্দ্র বংশের পুরুষরা নৃত্যগীতের প্রতি দুর্বল হলেও বারনারী বা পরনারী সংসর্গ করেন না। নিজ স্ত্রীতেই সন্তুষ্ট থাকেন এ বাড়ির বিবাহিত পুরুষরা। এটা তাদের চারিত্রিক গুণ। ময়নাগড়ের জমিদার কী কারণে হাজির হচ্ছেন নাচঘরে? তা কি ময়নাবাইয়ের গানের টানে, নাকি তার রূপের টানে। সৌদামিনী বলল, ‘তুই যখন ওখানে কাজ করতে যাচ্ছিস, তখন নিশ্চয় দেখেছিস সেই মাগীকে? সে কেমন দেখতে রে? তার বয়স কেমন? সে কি আমাদের রানীমার থেকেও দেখতে সুন্দর?’

বাগদী বউ বলল, ‘হ্যাঁ, তার রানীমার চেয়ে অনেক কচি বয়স, আর দেখতেও অনেক সুন্দর। গায়ের চামড়ার রঙ এতটাই ফর্সা আর পাতলা যে পান খেলে গলা দিয়ে পানের পিকের লাল আভা বেরোয়।’ —এ কথা বলার পর বাগদী বউ আর সেখানে দাঁড়াল না। সৌদামিনীর ঘর ছেড়ে রওনা হলো ফেরার জন্য।

আজকাল প্রায় প্রতিদিন বিকালেই সৌদামিনী যখন রাঁধতে বসে, তখন রানীমা এসে হাজির হয় তার এখানে। টুকটাক কয়েকটা কথা বলেন তার সঙ্গে, তারপর আবার ফিরে যান। সৌদামিনী বুঝতে পারে, রানীমার মনে একটা বেদনাবোধ আছে এখনো তার কোনো সন্তান হয়নি বলে। কিন্তু কয়েকদিন হলো রানীমার মুখমণ্ডলে যেন একটা স্পষ্ট বিষণ্নতার ছাপ জেগে থাকছে। সৌদামিনীর এক এক সময় মনে হয় যে মহারানী আনন্দময়ী হয়তোবা তাকে কিছু বলতে চান। কিন্তু সংকোচের কারণে বলে উঠতে পারেন না। ঠিক যেমন একই রকম সংকোচের কারণে সৌদামিনীও তাকে কিছু জিজ্ঞেস করে উঠতে পারেন না। বাগদী বউয়ের কথা শোনার পর সৌদামিনী ভাবল, মহারানী আনন্দময়ী কি অবগত হয়েছেন তার স্বামীর নিয়মিত ওই নারীর কাছে গমনের ব্যাপারে? তাই কি কোনো শঙ্কা, কোনো বিষণ্ণতা জেগে উঠেছে তার মধ্যে। সৌদামিনী ভেবে নিল রানীমা তার কাছে এলে কৌশলে ব্যাপারটা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। দুপুর গড়িয়ে বিকাল হলো একসময়। রোদে শুকোতে দিলেও কাঠগুলো তখনো ভেজাই রয়েছে। সেই ভেজা কাঠের আঁচে সেদিনও রাঁধতে বসল সৌদামিনী। আর একসময় সে মলের শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখল, প্রতিদিনের মতো এসে হাজির হয়েছেন আনন্দময়ী।

যদিও ভেজা কাঠের ধোঁয়ায় ছেয়ে আছে চারদিক, তবুও তারই মধ্যে রানী আনন্দময়ীর মুখে জেগে থাকা বিষণ্নতার আভাসটা ধরতে পারল সৌদামিনী।

আনন্দময়ী তার জায়ের উদ্দেশ্যে বললেন, ‘কোনো দিনই তো দেখি না যে তোর সন্ধ্যার আগে ভাত নেমেছে! দুলি মাগী কি একটাও শুকনো কাঠ কোনো দিন দিয়ে যায় না!’

সৌদামিনী বাঁশের নলে ফুঁ দিয়ে বলল, ‘তার ঘাড়ে কটা মাথা আছে যে সে শুকনো কাঠ এনে দেবে? তবে ভাগ্যিস আমাকে শুধু ভাত আর শাক সিদ্ধ করতে হয়, রানীমার মতো রাজাবাবুর জন্য পঞ্চব্যাঞ্জন রাঁধতে গেলে তখন বিপদে পড়তে হতো!’

সৌদামিনীর কথা শুনে ময়নাগড়ের মহারানী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘সেই পঞ্চব্যাঞ্জন রেঁধে তাকে খাওয়ানোর সুযোগ পাই কই বল? দিনে তিনি এতই ব্যস্ত থাকেন যে রানী মহলে তার মধ্যাহ্নভোজ খেতে আসার ফুরসত কোথায়? আর রাতে তিনি কবে রানী মহলে আসেন তার ঠিক নেই। এই তো প্রায় সাতদিন হয়ে গেল, তিনি এ মহলে পা রাখেননি। তিনি কোন রাজকার্যে ব্যস্ত, তা একমাত্র তিনিই জানেন?’

আনন্দময়ীর মুখে এ কথা শুনে মনে মনে একটু চমকে উঠল সৌদামিনী। তবে কি বাগদী বউয়ের কথাই সত্যি? মহারাজ রাধেশ্যামানন্দ প্রতি সন্ধ্যায় নাচঘরে যাচ্ছেন বলেই স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারছেন না?

সৌদামিনীর মহারানীর কথা শুনে মনে হলো নাচঘরে রাত্রি জাগরণের খবরটা এখনো কানে যায়নি তার। সৌদামিনী একবার ভাবল কথাটা সে রানীমাকে জানায়। কিন্তু পরক্ষণেই সে ভাবল, রানীমা কথাটা শুনলে আহত হতে পারেন। হয়তো আর কদিনের মধ্যেই রাজাবাবুর গান শোনার নেশা কেটে যাবে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এখনই তাই ব্যাপারটা আনন্দময়ীর কর্ণগোচর করার দরকার নেই। সৌদামিনী একটু ভেবে নিয়ে বলল, ‘কদিন আগেই তো কুমোর বউকে দোতলায় আপনার মহলের দিকে যেতে দেখলাম মনে হয়। এই চৈত্র মাসে আর কদিন পরই অন্নপূর্ণা পুজো আসছে। সেদিন রাজাবাবুকে নিজের হাতে ভালো করে পুজোর ভোগ আর পঞ্চব্যাঞ্জন রেঁধে খাওয়াবেন।’

এ কথা বলে একটু থেমে বলল, ‘আর আমাকেও ভোগের প্রসাদ দিতে ভুলবেন না যেন। বছরে ওই একটা দিনই তো আমি নুন দেয়া মায়ের ভোগ খাবার অনুমতি পাই। পুজোর ব্যাপারটা যেন প্রায় ভুলতেই বসেছিলেন আনন্দময়ী। আর তিনদিন পরই তো অন্নপূর্ণা পুজো। কুমোর বউ এসে জানান দিয়ে গেছে নির্দিষ্ট দিনে এসে সে অন্নপূর্ণার ছোট মূর্তি দিয়ে যাবে। প্রতি বছর অন্নপূর্ণা পুজো হয় রানী মহলে। ওই দিন অশীতিপর বৃদ্ধ ঠাকুর মশাইয়ের রানী মহলে প্রবেশের অনুমতি মেলে। রানী মহলের দ্বিতলের অলিন্দে পুজোর ব্যবস্থা করা হয়। পর্দার আড়ালে বসে মহারানী পুজোর মন্ত্রোচ্চারণ করেন, ভোগপ্রসাদ স্বহস্তে রন্ধন করেন। দেবী অন্নপূর্ণার পুজোর নিয়ম তিনদিন। কিন্তু এ বাড়ির নিয়ম অনুসারে অষ্টমী তিথিতেই মৃত্তিকা নির্মিত ক্ষুদ্র বিগ্রহের পূজা সম্পন্ন করা হয় ও তার পরদিন কালীদহের জলে সেই ক্ষুদ্রাকৃতি দেবীমূর্তি বিসর্জন দেয়া হয়।

মহারানীর আমন্ত্রণে প্রতি বছর রাজাবাবু নিয়ম করে মায়ের ভোগ খেতে আসেন। কথাটা মনে পড়তেই আনন্দময়ীর মন উৎফুল্ল হয়ে উঠল। তিনি সৌদামিনীকে বললেন, ‘তুই নিশ্চিন্তে থাক, তোকে এবার অনেকখানি মায়ের ভোগ এনে দেব, আর সঙ্গে ফল। যাতে তোকে তিনদিন আর ভেজা কাঠের আগুনে রান্না করতে না হয়। এ কথা বলে তিনি আর সেখানে দাঁড়ালেন না, নিজের মহলে ফিরে এসে তার খাস ভৃত্যা ব্রাহ্মণ কন্যা তমালিকাকে নিয়ে আলোচনায় বসলেন অন্নপূর্ণা পুজো উপলক্ষে দেবীর ভোগের জন্য কী কী পদ রন্ধন করা যায়, সে ব্যাপারে আলোচনা করার জন্য। তারা দুজন মিলে আলোচনাক্রমে প্রায় একশ রকম পদ রন্ধন করবে বলে স্থির করলেন। তার মধ্যে এমন বেশকিছু পদ নির্বাচন করা হলো, যা ময়নাগড়ের রাধেশ্যামানন্দ বাহুবলেন্দ্র অত্যন্ত পছন্দ করেন। মহারানী তার ভৃত্যাকে নির্দেশ দিলেন, সে যেন পরদিনই কাছারিবাড়িতে গিয়ে ময়নাগড়ের অধিপতিকে অন্নপূর্ণা পুজো উপলক্ষে রানী মহলে ভোগ-প্রসাদ খেতে আসার আমন্ত্রণ জানিয়ে আসে। রানীমায়ের নির্দেশ পালন করল তমালী। পরদিন সে গিয়ে হাজির হলো কাছারিবাড়িতে। তাকে দেখামাত্রই বাহুবলেন্দ্রর খেয়াল হলো একটা একটা করে বেশ কয়েকটা দিন কেটে গেছে অথচ রানী মহলে তার যাওয়া হয়নি। আসলে সন্ধ্যা নামার পরই আজকাল ওই নাচঘরের প্রতি, ময়নামতির সংগীতের প্রতি এমন আকর্ষণ তিনি অনুভব করেন যে অন্য কোথাও যেতে তার মন চায় না। তার বৈচিত্র্যহীন একঘেয়ে জমিদারি পরিচালনা, কর্মব্যস্ততা, পরিশ্রমের ক্লান্তিকর জীবনের ওপর প্রতি সন্ধ্যায় বসন্তের বাতাসের মতো যেন আরাম দেয় ময়নামতি। মনের আরাম, প্রাণের আরাম। তাই ময়নামতির সংগীতের অমোঘ আহবানে সাড়া দিতে গিয়ে কীভাবে যে একটার পর একটা সন্ধ্যা, রাত কেটে গেছে, তা বুঝতে পারেননি রাধেশ্যামানন্দ। তিনি হিসাব করে দেখলেন, সাতদিন হয়ে গেছে তিনি রানী মহলে পা রাখেননি। মহারানী আনন্দময়ীর প্রধান ভৃত্যার থেকে আমন্ত্রণ বার্তা পেয়ে তিনি তাকে বললেন, ‘মহারানীকে বলিস আমি নিশ্চিত দেবীর ভোগ খাবার জন্য উপস্থিত হব। তবে দ্বিপ্রহরে কদিন বড়ই কাজের চাপ থাকবে, তাছাড়া মায়ের পুজো-হোম এসব শেষ হতে নিশ্চয় বিকাল হয়ে যাবে। আমি সব কাজ মিটিয়ে দিনান্তে রানী মহলে উপস্থিত হব। আর পুজোতে যেন কোনো ত্রুটি না হয়। যা যা প্রয়োজন হবে তা কেনার জন্য খাজাঞ্চিখানা থেকে অর্থ জোগান দেয়া হবে।’ ময়নাগড়ের রাজাবাবুর বার্তা মহারানী আনন্দময়ীর কাছে পৌঁছে দিল দাসী। এ সংবাদ পেয়ে আনন্দময়ী তার যাবতীয় উদ্যমের সঙ্গে অন্নপূর্ণা পুজোর আয়োজন শুরু করলেন।