জাগিও না, আমায় জাগিও না – ১০

সেদিন রাতে বৃদ্ধ চলে গেল ঠিকই, কিন্তু তার কথাগুলো যেন দিনরাত বাজতে লাগল গেরাসিমভের কানে—আমীর আবার ঘুমিয়ে পড়বেন। সব বিপদ কেটে যাবে।

এর সঙ্গে সঙ্গেই রাতে তিনি দেখতে লাগলেন নানা দুঃস্বপ্ন। কখনও তিনি দেখতে পান সেই উজবেক বৃদ্ধ আঙুল তুলে বলছে—সব কিছুর জন্য তুমিই দায়ী, কখনও দেখেন স্বামী, সন্তানহারা রমণীরা তাঁকে অভিসম্পাত করছে, কখনও তিনি শুনতে পান কান্নার রোল। ল্যাবরেটরিতে গিয়ে তাঁর সেই ছবির দিকে তাকালেই তাঁর মনে হতে লাগল তৈমুর যেন হাসছেন তাঁর দিকে তাকিয়ে। ওঃ, নিষ্ঠুর হাসি। গেরাসিমভের এক এক সময় মনে হতে লাগল, তিনি কি উন্মাদ হতে চলেছেন? এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী?

দিন পাঁচেক পর একদিন গেরাসিমভ তাঁর কর্মস্থলে যাবার পরে সেখানে হাজির হল সামরিক বাহিনীর এক ট্রাক। তার থেকে বেশ কয়েকটা বাক্স নামিয়ে সেগুলো নিয়ে লাল ফৌজের এক কর্তা হাজির হলেন গেরাসিমভের কাছে। তিনি গেরাসিমভকে জানালেন বাক্সের মধ্যে কিছু মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ আছে। জার্মান বোমার আঘাতে দেহগুলো এমন খণ্ড-বিখণ্ড হয়ে গেছে যে আলাদাভাবে তাদের সনাক্ত করা যাচ্ছে না। বিশেষ কারণে নাকি দেহগুলোকে সনাক্ত করা প্রয়োজন। ফরেনসিক পদ্ধতিতে সেই সনাক্ত করণের কাজটা করতে হবে গেরাসিমভকে। এ-কথা জানিয়ে বাক্সগুলো গেরাসিমভের জিম্মায় দিয়ে চলে গেলেন সেই অফিসার।

যুদ্ধে নিহত সৈনিকদের দেহ ফরেনসিক পদ্ধতি সনাক্তকরণের কাজ না করলেও নানা দুর্ঘটনায় মৃত্যু হওয়া অনেকের দেহই ইতিপূর্বে ফরেনসিক পদ্ধতিতে গেরাসিমভ সনাক্ত করেছেন। এ কাজ তাঁর কাছে নতুন নয়। তাছাড়া সরকারি নির্দেশ যখন, কাজটা তো তাকে করতেই হবে।

গেরাসিমভ কেয়ারটেকার ছেলেটাকে ডাকলেন তার সাহায্যে বাক্সের ভিতরে রাখা দেহাবশেষগুলোকে ল্যাবরেটরির রুমের ফ্রিজে ঢোকাবার জন্য। বাক্সগুলো খোলা হতেই গেরাসিমভ চমকে উঠলেন। এগুলো সেনাদের দেহ নয়, বাক্সগুলোর মধ্যে রাখা আছে শিশুদের দেহের খণ্ড-বিখণ্ড নানা অংশ। একটা বাক্সের মধ্যে থেকে তাঁর দিকে ড্যাব ড্যাব করে তখনও তাকিয়ে আছে পাঁচ-ছয় বছর বয়সি একটা বাচ্চার ছিন্ন মুণ্ড!

কোয়ারটেকার ছেলেটা পাশ থেকে বলল, “শুনছিলাম কদিন আগে নাকি জার্মান যুদ্ধবিমান কিয়েভে একটা বাচ্চাদের স্কুলে বোমা ফেলায় অনেক বাচ্চা মারা গেছে। মনে হয় সেখান থেকেই দেহগুলো আনা হয়েছে।”

ইতিপূর্বে বহু মৃতদেহ নিয়ে ঘাটাঘাটি করেছেন গেরাসিমভ। কারণ, এটা তাঁর কাজের অঙ্গ। কিন্তু এমন বীভৎস দৃশ্য ইতিপূর্বে কখনও দেখেননি। যুদ্ধ সত্যি কী ভয়ঙ্কর। নিষ্পাপ শিশুদেরও রেহাই দেয় না। ছিন্নভিন্ন দেহাবশেষগুলোর দিকে তাকিয়ে কদিন আগের রাতে বৃদ্ধর বলা কথাগুলো গেরাসিমভের কানে বেজে উঠল, —দ্যাখো, আমীর এবার তোমার জন্য কী উপহার পাঠান।

গেরাসিমভ তাকালেন তৈমুরের ছবির দিকে। ছবিটা যেন হাসছে তাঁর দিকে চেয়ে! এটাই কি তবে গেরাসিমভকে পাঠানো আমীরের উপহার? গেরাসিমভের যেন মনে হতে লাগল সেই ছিন্ন-বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তার উদ্দেশে বলছে, “তোমার জন্যই আমাদের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খেলা বন্ধ কর তুমি।”

নিজের কান দুহাতে চেপে চেয়ারে বসে পড়লেন গেরাসিমভ। কেয়ারটেকার লোকটা যুদ্ধে নিহত শিশুদের দেহাংশগুলো ফ্রিজে রেখে চলে যাবার পরও একইভাবে তিনি বসে রইলেন। মনকে সংহত করার আপ্রাণ চেষ্টা করতে করতে। ভাবতে লাগলেন, যেভাবেই হোক তাঁকে মুক্ত হতে হবে এই মানসিক সমস্যা থেকে। নইলে তিনি পাগল হয়ে যাবেন।

হঠাৎ একটা ভাবনা তাঁর মাথায় এল। তিনি ভাবলেন তৈমুরের দেহাবশেষগুলো আর একবার কবরস্থ করে তো দেখাই যেতে পারে যে ওই উজবেক বৃদ্ধের কথা সত্যি কিনা। তাতে যুদ্ধ থামে কিনা।

যদি দেখা যায় যে হাড়গোড়গুলো কবরস্থ করার পরও যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন হল না, তখন এই মানসিক চাপ থেকে মুক্ত হবেন গেরাসিমভ। কেউ আর তাঁর দিকে আঙুল তুলে বলতে পারবে না যে, রাশিয়ার এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তিনিই দায়ী। তার পর তো তিনি আবারও তুলে আনতে পারবেন কঙ্কালটাকে।

হ্যাঁ, এটাই সংকটমোচনের একমাত্র পথ। কিন্তু এ কাজ করতে গেলে তো তাঁকে রাশিয়ার সর্বাধিনায়ক স্তালিনের অনুমতি নিতে হবে। কিন্তু এই যুদ্ধ পরস্থিতিতে তিনি প্রচণ্ড ব্যস্ত। তাছাড়া চিঠি চালাচালি অনেকটা সময়সাপেক্ষ ব্যাপার। যদি তাঁর সঙ্গে সাক্ষাৎ করা যায় তবে ভালো হয়। কিন্তু এ অবস্থায় তিনি কি সময় দিতে পারবেন নৃতত্ত্ববিদকে? তবুও তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেরাসিমভ একটা টেলিগ্রাম পাঠিয়ে দিলেন সর্বাধিনায়কের দপ্তরে।

আশ্চর্যের ব্যাপার, পরদিনই টেলিগ্রামের জবাব এসে গেল। দু-দিন পর বেলা দশটায় স্তালিন, গেরাসিমভকে তাঁর সঙ্গে সাক্ষাতের সময়ে দিয়েছেন। তবে সময় বরাদ্দ করেছেন মাত্র তিন মিনিট। টেলিগ্রামটা পেয়ে উত্তেজিত গেরাসিমভ। তিনি ভাবতেই পারেননি এই পরিস্থিতিতে এত দ্রুত সময় পাবেন।

গেরাসিমভকে স্তালিনের সাক্ষাতের জন্য সময় দেবার পিছনে আসলে একটা কারণ ছিল। জার্মান বাহিনী স্তালিনগ্রাদে ভয়ঙ্কর যুদ্ধ চালাবার পাশাপাশি লাল ফৌজ ও দেশের জনসাধারণের ওপর মনোবৈজ্ঞানিক চাপ তৈরি করার জন্য অন্য একটা প্রচারও শুরু করেছে। তা হল সোভিয়েতের বিশিষ্ট নাগরিকরা অর্থাৎ বিজ্ঞানী, ডাক্তার, চিন্তাবিদ মানুষরা নাকি আর স্তালিন তথা কমিউনিস্ট পার্টির পাশে নেই।

এ মর্মে রেডিয়োতে মিথ্যা প্রচারও শুরু করেছেন হিটলার। এ ব্যাপারটা কানে আসার পর স্তালিন ভেবেছেন যে এ প্রচারকে রোখা দরকার। কারণ, যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে মানসিক লড়াইও একটা বড় লড়াই। সে লড়াইতে জয়লাভও অনেক সময় যুদ্ধক্ষেত্রের ফলাফলের ওপর গভীর প্রভাব বিস্তার করে। তাই স্তালিন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি প্রত্যহ দেশের কিছু বিশিষ্ট অসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং সে সংবাদ প্রাভদা ও রেডিয়োয় প্রচার করা হবে। এই কারণেই তিনি বিজ্ঞানী গেরাসিমভকে সাক্ষাতের সময় দিয়েছেন। এর সঙ্গে তৈমুরের প্রতিকৃতির ব্যাপারে কোনও সম্পর্কই ছিল না। তিনি ছবিটা খুলে দেখারই সময় পাননি।

দুটো দিন দেখতে দেখতে কেটে গেল। গেরাসিমভ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হাজির হলেন সোভিয়েতের সর্বাধিনায়কের অফিসে। তুমুল ব্যস্ততা চলছে বিশাল অফিস জুড়ে। অফিসার আর কমরেডদের দম ফেলার ফুরসত নেই। এই যুদ্ধ পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। গেরাসিমভ দেখলেন তাঁর পরিচিত বিশিষ্ট কিছু বিজ্ঞানীও সাক্ষাৎ করতে এসেছেন স্তালিনের সঙ্গে।

এক সময় স্তালিনের চেম্বারে ডাক পেয়ে গেরাসিমভ সে ঘরে প্রবেশ করলেন। চুরুটে কামড় দিয়ে ভাবলেশহীন মুখে নিজের আসনে বসে রাশিয়ার সর্বাধিনায়ক। তাঁর আপ্তসহায়ক ও একজন ফটোগ্রাফারও উপস্থিত।

স্তালিনকে যথোপযুক্ত সম্ভাষণ জানিয়ে তাঁর মুখোমুখি আসন গ্রহণ করলেন গেরাসিমভ। ফোটোগ্রাফার একটা ছবি তুলল। পরদিন প্রাভদা পত্রিকার ছাপানো জনসাধারণকে দেখাবার জন্য। গেরাসিমভ স্তালিনের উদ্দেশে বললেন, “কমরেড। তৈমুরের দেহাবশেষ উদ্ধার করে আনার পর আপনার নির্দেশমতো তাঁর প্রতিকৃতি নির্মাণ করে তার ছবি তুলে আপনার দপ্তরে পাঠিয়ে দিয়েছিলাম।”

স্তালিন জবাব দিলেন,“হ্যাঁ, শুনেছি। ভালো কাজ হয়েছে। তবে ব্যস্ততার কারণে এখনও দেখে উঠতে পারিনি।”

এ কথা বলেই তিনি অন্য প্রসঙ্গে চলে গিয়ে বলতে শুরু করলেন, “স্তালিনগ্রাদে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে আমাদের লাল ফৌজ। আমার নিশ্চিত বিশ্বাস, লালফৌজের হাতে পতন ঘটবে হিটলারের। আপনারা কমিউনিস্ট নেতৃত্ব ও লালফৌজের ওপর আস্থা রাখুন, জন সাধারণকে বলুন তারা যেন ভীত না হয়…।”

স্তালিন যখন তাঁর কথা শেষ করলেন, তখন গেরাসিমভের হাতে আর পনেরো সেকেন্ড সময় বাকি। গেরাসিমভ আর সময় নষ্ট না করে স্তালিনকে বললেন, “আপনার বার্তা আমি জনসাধারণের মধ্যে পৌঁছে দেব। আর তৈমুরের কঙ্কাল নিয়ে কাজ যখন শেষ হয়ে গেছে, তখন আপনি অনুমতি দিলে সেটা আবার আগের জায়গায় রেখে আসতে পারি।”

সর্বাধিনায়ক স্তালিনের আর এখন এসব ব্যাপার নিয়ে এত ভাবার সময় নেই। গেরাসিমভের কথা শুনে তিনি বললেন, “তেমন মনে হলে তাই করুন। আমি অফিসকে বলে দিচ্ছি আপনাকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য। তারা আপনাকে প্রয়োজনীয় কাগজ দিয়ে দিচ্ছেন।”

সাক্ষাৎকার শেষ হয়ে গেল। স্তালিনের চেম্বার থেকে বেরিয়ে এলেন গেরাসিমভ। কিছুক্ষণের মধ্যে সরকারি আদেশনামাও পেয়ে গেলেন। গাড়িতে করে মস্কো থেকে সমরখন্দ পৌঁছতে অনেক সময় লাগবে। তাই তিনি ছুটলেন বিমানবন্দরের দিকে। স্বয়ং স্তালিনের দপ্তর থেকে আসা গেরাসিমভকে সাহায্য করার নির্দেশ প্রত্যাখ্যান করার ক্ষমতা বিমানবন্দর কর্তৃপক্ষের ছিল না। তবে তারা গেরাসিমভকে জানিয়ে দিলেন সমরখন্দে যেতে হলে বিমানকে স্তালিনগ্রাদের ওপর দিয়েই উড়ে যেতে হবে। এবং এক্ষেত্রে প্রবল বিপদের সম্ভাবনা আছে। গেরাসিমভ তাদের জানিয়ে দিলেন, যা ঘটার ঘটবে। কিন্তু সেদিনই তিনি দেহাবশেষ নিয়ে রওনা হতে চান উজবেকিস্তানের উদ্দেশে।

বিমানবন্দর কর্তৃপক্ষ চার আসনের একটা ছোট ফকার বিমান বরাদ্দ করলেন তাঁর জন্য। ঠিক হল, অন্ধকার নামলে রাতের বেলা বিমান আকাশে উড়বে। তাতে বিপদের সম্ভাবনা কিছু কমতে পারে।

গেরাসিমভ তাঁর ফরেনসিক ল্যাবে ফিরে গিয়ে একটা ট্রাঙ্কের মধ্যে পলিথিন ব্যাগে ভরে ফেললেন তৈমুরের দেহাবশেষ। তারপর অন্ধকার নামার পরে সেই ট্রাঙ্ক নিয়ে ফিরে এলেন বিমানবন্দরে। কিছু সময়ের মধ্যেই বিমান আকাশে উড়ল। বিমানচালক গেরাসিমভকে বললেন, “হয়তো এটাই আমাদের শেষ যাত্রা হতে পারে।”

কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিমান যখন স্তালিনগ্রাদের ওপর দিয়ে উড়ে গেল তখন একটাও রকেট বা অ্যান্টি এয়ারক্রাফট গানের গুলি ছুটে এল না বিমানের দিকে। নীচের যুদ্ধবিধ্বস্ত শহরটা কেমন যেন নিঝুম, ঘুমন্ত। শেষ রাতে সমরখন্দের মাটিতে নিরাপদে অবতরণ করল ছোট্ট বিমান।

ভোরের আলো ফুটতেই সমরখন্দের বিমানবন্দর থেকে কিছু সরকারি লোককে সঙ্গে করে ট্রাঙ্ক গাড়িতে চাপিয়ে গেরাসিমভ ছুটলেন সেই ছোট্ট গ্রাম গুল-ই-আমীরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমেই খোঁজ করলেন সেই উজবেক বৃদ্ধের। কিন্তু কেউ তার খোঁজ দিতে পারল না। যাই হোক, কিছু গ্রামবাসীর সাহায্য নিয়ে ইসলাম রীতি মেনে একদা পৃথিবী কাঁপানো শাসক তৈমুর লঙের কঙ্কাল গেরাসিমভ পুনরায় সমাধিস্থ করলেন তাঁর পুরোনো কবরের মাটিতেই। এ কাজ মিটতে সারাদিন কেটে গেল। মধ্যরাতে তিনি আবার বিমানে উঠে বসলেন মস্কো ফেরার জন্য।

ক’দিন ধরে প্রচণ্ড ধকল আর উত্তেজনা গেছে গেরাসিমভের শরীরের ওপর দিয়ে। বিমানে ওঠার পর ঘুমিয়ে পড়েছিলেন তিনি। শেষ দিকে তিনি স্বপ্ন দেখলেন, তৈমুরের কবরের সামনে দাঁড়িয়ে আছে সেই উজবেক বৃদ্ধ। মুখে হাসি তার। সে হাত নেড়ে বিদায় জানাচ্ছে গেরাসিমভকে।

একটা ঝাঁকুনি খেয়ে গেরাসিমভের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন, ভোরের আলো ফুটে গেছে। বিমান অবতরণ করেছে মস্কোর মাটিতে। বিমানবন্দরে পা রাখার পর গেরাসিমভ অবাক হয়ে দেখলেন বিমান বন্দরে ভোরবেলা একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সবার মুখেই খুশির রেশ। পরক্ষণে এর কারণ জানতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন গেরাসিমভ।

খবর এসেছে গতকাল স্তালিনগ্রাদের যুদ্ধ লাল ফৌজের সেনাপতি মার্শাল জুকভ অবশেষে পরাজিত করতে সফল হয়েছেন নাৎসি বাহিনিকে। সমাপ্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ—স্তালিনগ্রাদের যুদ্ধ!

লেখকের নিবেদন — পৃথিবীর যেসব ব্যাখ্যাহীন আশ্চর্য ঘটনা দেখা যায় তার মধ্যে এ ঘটনা অন্যতম। কেউ বলেন পুরো ঘটনাটাই ছিল অলৌকিক, আবার কেউ বলেন কাকতালীয়। তবে এ ঘটনা সত্যি যে তৈমুর লঙের কবর থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করার পর কবরে ভবিষ্যদ্বাণীর মতোই তার থেকেও বড় বিপদ এসে উপস্থিত হয়েছিল রাশিয়ার। তৈমুর যত লোককে হত্যা করেছিলেন তার থেকেও অনেক বেশি লোক নিহত হয়েছিলেন স্তালিনগ্রাদের যুদ্ধে। এই সংখ্যা দু-কোটিরও বেশি। আবার তৈমুরের দেহাবশেষ পুনরায় সমাধিস্থ করার পরই স্তালিনগ্রাদের যুদ্ধে হারতে-হারতে শেষ পর্যন্ত সফল হয় লাল ফৌজ। স্তালিনগ্রাদের যুদ্ধ ছিল হিটলার আর স্তালিন দুজনের কাছেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। স্তালিনগ্রাদে লাল ফৌজ জয় লাভ করার ফলে বদলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপ্রকৃতি। কিছুদিনের মধ্যেই পরাজিত হন ও আত্মহত্যা করেন বিশ্বত্রাস হিটলার। বার্লিনের দখল নেয় লালফৌজের নেতৃত্বে মিত্র শক্তি। সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীর ইতিহাসের আর এক বিশ্বত্রাস শাসক তৈমুর লঙ হয়তো বা তখন হাসছিলেন তাঁর কবরে শুয়ে৷ বর্তমানে তৈমুর লঙের যে ছবিটি বিশ্ববাসী দেখতে পান, তা নৃতত্ত্ববিদ গেরাসিমভেরই আঁকা প্রতিকৃতি।