জাহাজের খোলে বন্দির চারপাশে জমাট বাঁধা অন্ধকার। তবে ঘুমিয়ে নয়, জেগে বসে আছে বন্দি। মাঝে মাঝে সে তার শিকলবদ্ধ পা-টা নাড়াচ্ছে। শিকলের মৃদু ঝনঝন শব্দ হচ্ছে ভাতে। যাতে বোঝা যায়, নাবিক জেগে আছে। পোর্ট হোলের বাইরেও অন্ধকার। নাবিক অনুমান করার চেষ্টা করতে লাগল, কখন বাইরে ভোরের আলো ফুটবে? সামান্য হলেও কিছুটা আলো কুঠুরির ভিতর প্রবেশ করলে, নিশ্চিন্ত বোধ করবে নাবিক।
ইন্ডিয়া থেকে স্পেনে ফেরার সুদীর্ঘ যাত্রা পথের অধিকাংশ সময়ই হয় নিদ্রিত ভাবে, নয়তো তন্দ্রাচ্ছন্ন ভাবে কাটিয়েছে ক্লান্ত-অবসন্ন নাবিক। তার শরীরের ক্লান্তি যতটা না তাকে অবসন্ন করেছে, তার থেকে অনেক বেশি তার মানসিক যন্ত্রণা করেছে। ঘুমোলে সামান্য কিছুটা হলেও, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায় সে। ঘুমের মধ্যে মঞ্চে অভিনয়ের মতো তার চোখে ভেসে ওঠে পূর্ব জীবনের ঘটনাগুলো।
দিন-রাতের যদিও খুব বেশি পার্থক্য নেই জাহাজের এই খোলের মধ্যে তবুও যে মানুষটা এতদিন সবসময় ঘুমিয়ে কাটিয়েছে, তার এই রাত্রি জাগরণের পিছনে বিশেষ একটা কারণ আছে। গতকাল বোবাডিলা আর ভিসেট এ-কক্ষে প্রবেশ করার পর নাবিকের ঘুম ভেঙে ছিল। তারা নাবিককে ব্যঙ্গ-বিদ্রুপ করে তার ভবিষ্যৎ জানিয়ে চলে যাবার কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ এক স্বপ্ন দেখতে শুরু করেছিল সে। রেড ইন্ডিয়ানদের পাতার কুটির ছাওয়া গ্রাম আর তাদের সহজ সরল জীবনযাত্রা ঘিরেই আবর্তিত হচ্ছিল সুন্দর স্বপ্নটা। দিন শেষ হয়ে কখন যে রাত হয়েছে তা বুঝতে পারেনি নাবিক । তার অনুমান সেটা মধ্যরাত হবে।
হঠাৎ-ই প্রবল যন্ত্রণা অনুভব করে ঘুম ভেঙে উঠে বসেছিল নাবিক। আর সঙ্গে সঙ্গে কয়েকটা প্রাণী ছিটকে লাফিয়ে নেমে ছিল তার শরীর থেকে। নাবিকের কয়েক মুহূর্ত সময় লেগেছিল ব্যাপারটা বুঝতে। ডান কাঁধে তার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। সে জায়গায় হাত দিয়ে দেখল, জায়গাটা চটচট করছে। অর্থাৎ রক্তক্ষরণ শুরু হয়েছে তার কাঁধ থেকে। নাবিক তখনই অনুমান করেছিল কোনও ধেড়ে ইঁদুর কামড় বসিয়েছে তার কাঁধে। হয়তো-বা তাকে মৃত ভেবে, অথবা ইঁদুরেরা হয়তো বুঝতে পেরেছ এ লোকের মৃত্যু আসন্ন, তাই তার মাংস ছিঁড়ে নিতে দোষ কী? জাহাজের নাবিকদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, জাহাজ কখন ডুববে, কোন নাবিক প্রাণ হারাতে চলেছে তা নাকি আগাম জানতে পারে ইঁদুরেরা। তারা ভবিষ্যৎ স্রষ্টা।
ভোরের আলো যখন ফুটল, তখন নাবিক তার শরীরটাকে ঘষটে ঘষটে পোর্ট হোলের আলোর কাছে নিয়ে গিয়ে দেখল, তার অনুমান সত্যি। তার কাঁধ থেকে এক খণ্ড মাংস ছিড়ে নিয়েছে ইঁদুরের ধারালো দাঁত। আর তার পর থেকেই এক আতঙ্ক চেপে বসেছে নাবিকের মনে। ইঁদুরের দল যদি ঘুমন্ত অবস্থায় থাকা নাবিকের চোখে কামড় দেয় তখন কী হবে!
না, মরতে ভয় পায় না নাবিক। স্পেনে ফেরার পর সম্ভবত নাবিকের জন্য মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে। কিন্তু তার আগে নাবিক একবার সম্রাজ্ঞীর সামনে উপস্থিত হয়ে দেখতে চায় তাঁর নীল চোখ দুটো। কিন্তু ইঁদুরের কামড়ে নাবিক যদি অন্ধ হয়ে যায়, তবে সে কীভাবে দেখবে তার নীল নয়নাকে? এ কারণেই তার রাত্রি জাগরণ আর মাঝে মাঝে পা নাড়িয়ে শিকলের শব্দ করা। যাতে তার কাছে না আসে মুষিকেরা।
ভোরের আলো ফোটার প্রত্যাশা করতে করতে নাবিক ভাবতে লাগল, বোবাডিলা গতকাল যে কথাটা তাকে বলে গেল সে কথা কি সঠিক? সে কি সত্যিই প্রতারক? নীল নয়না কি সত্যি বিশ্বাস করে এ কথা? নাকি সে তারই মতো চক্রান্ত বা পরিস্থিতির শিকার? হ্যাঁ, একথা ঠিকই যে, প্রত্যাশা মতো সে সোনা পৌঁছে দিতে পারেনি স্পেনে। ধর্মান্তরিত করতে পারেনি তার অধিকৃত ‘ইন্ডিয়া’র রেড ইন্ডিয়ানদের জনগোষ্ঠীকে। কারণ, তারা তাদের লৌকিক ধর্ম পরিবর্তন করে অচেনা ধর্ম গ্রহণ করতে চায়নি। হয়তো তার অন্যতম কারণ ভাষাগত সমস্যা, খ্রিস্টধর্ম সম্পর্কে, মাতা মেরি সম্পর্কে ভালো ভাবে বোঝানো যায়নি তাদেরকে। আর এ কথাও ঠিক যে, নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে, ভয় দেখিয়ে তাদের ধর্মান্তরিত করার প্রচেষ্টাতে বাধা দিয়েছিল নাবিক। তাই বলে সে কি প্রতারক?
তবে নাবিকের মনে হল, তার নিজেরও ব্যাপারটা নিয়ে আত্মসমীক্ষা, আত্মঅনুসন্ধানের প্রয়োজন আছে। তাই সে সাম্প্রতিক অতীতের ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করেছে—
নাবিক ‘ইন্ডিয়ার’ মাটিতে পা রাখার পর স্থানীয় অধিবাসীদের নামকরণ করেছিল ‘রেড ইন্ডিয়ান’। তারা শান্ত, নির্বিবাদী মানুষ। শিকারি জনগোষ্ঠী হলেও তারা নাবিককে তাদের দেশ অধিকারে বাধা দেয়নি। বশ্যতা মেনে নিয়েছিল। প্রকৃতির সন্তান রেড ইন্ডিয়ানরা। ইউরোপের সভ্য জগৎ থেকে অনেক দূরে তাদের বসবাস, ভাবনা-চিন্তা। তাদের নামগুলোও বড় অদ্ভুত, ইউরোপীয়দের চোখে হয়তো-বা মজারও। যেমন রেড ইন্ডিয়ানদের দলপতির নাম, ‘কালো বাজপাখি’। কারো নাম ‘ধেড়ে খরগোশ’, আবার কারো নাম ‘ঢ্যাঙা গাছ’। প্রকৃতির পশুপাখি আর গাছপালার সঙ্গে মিলিয়ে রাখা নাম সব। মানুষগুলোকে, তাদের পাতার কুটিরের গ্রামগুলোকে বড় ভালো লেগেছিল নাবিকের। ইউরোপীয়দের আগমনে কোথাও কোনও উত্তেজনা, অশান্তির আঁচ ছিল না। নাবিক শুনেছিল ইন্ডিয়া’ এক বিশাল দেশ, আকারে একটা মহাদেশের মতো তার আয়তন। নাবিক তার অতি ক্ষুদ্র এক স্থানে পদার্পণ করেছিল। রেড ইন্ডিয়ানদের কাছে সোনা পাওয়া যায়নি। নাবিক ভেবেছিল এই বিশাল দেশের গভীরে প্রবেশ করবে। যেখানে নগরী আছে, সম্পদ আছে। সেখান থেকে নীল নয়নার জন্য সোনা সংগ্রহ করে আনবে।
তবে তারজন্য আরও লোকবলের প্রয়োজন। আর প্রয়োজন কিছুদিন বিশ্রামের। কারণ, দীর্ঘ সমুদ্র যাত্রার ফলে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে। তাই সে শেষ পর্যন্ত এক সিদ্ধান্ত নিয়েছিল। রেড ইন্ডিয়ানদের সঙ্গে যখন কোনও অশান্তির সম্ভাবনা নেই, তখন সে তার দুই সহকারী ক্যাপ্টেন ভিসেন্ট ও ক্যাপ্টেন মার্টিনের হাতে ইন্ডিয়ার এ অংশের দায়িত্ব তুলে দিয়ে চলে যাবে যাত্রাপথে তারই আবিষ্কৃত দ্বীপ সেন্ট লুইতে। সেখানে মাস দুয়েক অবস্থান করে, সেখানকার কর্মঠ দ্বীপবাসীদের নিয়ে সে আবার ফিরে আসবে ইন্ডিয়ার সমুদ্র পাড়ের এই বসতিতে। তারপর স্থলপথে শুরু করবে দেশের অভ্যন্তরে সোনার খোঁজে অভিযান। এবার একেবারে সোনা নিয়েই স্পেনে ফিরবে সে। নাবিকের এই পরিকল্পনাতে সহমত পোষণ করেছিল মার্টিন ও ভিসেন্ট। এক বছর আগে ইন্ডিয়ার অধিকৃত ভূখণ্ড তার সঙ্গীর হাতে সাময়িকভাবে তুলে দিয়ে সান্টা মারিয়া ও একটা ছোট জাহাজ নিয়ে নাবিক রওনা হয়ে গেছিল সেন্ট লুইয়ের দিকে। যার অবস্থান ছিল স্পেন আর নব আবিষ্কৃত দেশ ইন্ডিয়ার মাঝামাঝি স্থানে।
নাবিক যে শেষ পর্যন্ত ইন্ডিয়াতে পৌঁছতে পেরেছে এই সুসংবাদ তার দ্রুত জানিয়ে দেবার প্রয়োজন ছিল নীল নয়নাকে। তাই সে সেন্ট লুইতে পৌঁছেই নীল নয়নার উদ্দেশে একটা পত্র লিখেছিল। তাতে সে লিখেছিল, তার তৃতীয় অভিযান ব্যর্থ হয়নি। নাবিক পদার্পণ করেছে প্রাচ্যের স্বপ্নের দেশ ইন্ডিয়াতে। স্পেনে ফিরে যেতে নাবিকের কিছুদিন সময় লাগবে। কারণ, ইন্ডিয়ার নগরীগুলোতে যাবে সোনা, হীরে সংগ্রহ করার জন্য। স্পেনের রাজকোষের জন্য সম্পদ সংগ্রহ করে, তার কাজ শেষ করে, তবেই স্পেনে ফিরবে নাবিক। সেই চিঠিতে নাবিক মাতা মেরির কাছে রাজকুমার ডনের জন্য আশীর্বাদ কামনা করেন। এ কথাও লিখেছিলেন, সে স্পেনে ফেরার সময় ডনের জন্য উপহার স্বরূপ নিয়ে যাবে, রেড ইন্ডিয়ানদের ঈগলের পালকের আশ্চর্য সুন্দর সাজ। নাবিক এ চিঠি লেখার পর সান্টা মারিয়ার সঙ্গী জাহাজ সে চিঠি নিয়ে রওনা হয়েছিল স্পেনের উদ্দেশে।
সব মোটামুটি ঠিকঠাকই চলছিল। ছোট্ট ছবির মতো সুন্দর দ্বীপ সেন্ট লুই। দ্বীপবাসীরাও খুব সহজ সরল আর কর্মঠ। সমুদ্রে মৎস আহরণই তাদের জীবিকা। বহুদিন পর কিছুদিনের জন্য বিশ্রামের সুযোগ পেয়েছিল ইতালীয় নাবিক। মাথার ওপর নীল আকাশ, তার তলায় নীল সমুদ্র। সোনালি বালুতটে থাকত নাবিক। মাঝে-মাঝে সমুদ্রের জল এসে ভিজিয়ে দিত তার পা। সমুদ্রের জল কখনও-কখনও ভাসিয়ে আনত ধবধবে সাদা রঙের শঙ্খ। নানাবর্ণের ঝিনুক। সমুদ্রের পাড়ে বসে পানীয়ের পাত্রে চুমুক দিতে দিতে, অথবা তারা ঘেরা রাতে সমুদ্র তীরবর্তী নিজের কুটির থেকে আকাশের দিকে তাকিয়ে নাবিকের মনে পড়ত, নীল নয়নার কথা। তাঁর দুটো ঘন নীল চোখের কথা।
মাস তিনেক বিশ্রাম নেবার পর নিজের দেহ-মনকে চাঙ্গা করে নিল নাবিক। স্থানীয় অধিবাসীদের অনেককে তার অভিযানে সামিল হবার জন্য রাজিও করে ফেলল সে। দীর্ঘ যাত্রাপথে সমুদ্র ঝঞ্ঝায় সান্টা মারিয়ার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যাডমিরালের সঙ্গে আসা নাবিকদের সাহায্যে জাহাজের ক্ষতস্থানও মেরামত করা হল। এসব কাজ করতে আরও মাস দুই সময় অতিবাহিত হয়ে গেল। নাবিক সিদ্ধান্ত নিল আর সপ্তাহখানেকের মধ্যেই সে আবার ইন্ডিয়ার উদ্দেশে রওনা হবে, তার অর্ধ-সমাপ্ত অভিযান সফল করার জন্য।
একদিন সকালে অ্যাডমিরাল সান্টা মারিয়াতে উঠে জাহাজের নানান অংশে ঘুরে দেখছিলেন যে, সমুদ্র অভিযানের জন্য মেরামতের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা? হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ছোট জাহাজ দ্রুতগতিতে এগিয়ে আসছে সমুদ্রপথ বেয়ে। জাহাজটা কিছুটা কাছে আসতেই চিনতে পারলেন। এই ছোট জাহাজ তাঁরই নৌবহরের অংশ। তাঁর খাস ভৃত্য প্রথমে মাস্তুলে উঠে ‘ইন্ডিয়া’-র তটরেখা দর্শন করেছিল বলে খুশি হয়ে তাকে এই জাহাজের দায়িত্ব অর্পণ করেছিলেন। ভৃত্য রডরিগেজ ও তার ওই জাহাজ থেকে গেছিল রেড ইন্ডিয়ানদের ভূখণ্ডেই। কিন্তু হঠাৎ ওই জাহাজের আগমন কেন?
সেই জাহাজটা এসে ভিড়ল সান্টা মারিয়ার গায়েই। তাতে রয়েছে রডরিগেজ আর অ্যাডমিরালের অতি বিশ্বস্ত কয়েকজন নাবিক। সান্টা মারিয়া থেকে কাঠের পাটাতন ফেলে দুটো জাহাজের মধ্যে ব্রিজ রচনা করা হল। তা বেয়ে সান্টা মারিয়াতে উঠে এল রডরিগেজ ও তার সঙ্গীরা। রডরিগেজের মুখমণ্ডলে স্পষ্ট উত্তেজনার ছাপ। মাথার টুপি খুলে সে অ্যাডমিরালকে অভিবাদন জানিয়ে বলল, “অ্যাডমিরাল, আপনি যথাসম্ভব দ্রুত রেড ইন্ডিয়ানদের দেশে ফিরে চলুন।”
কথাটা শুনে অ্যাডমিরাল জানতে চাইলেন, ‘কেন সেখানে কী ঘটেছে?’
রডরিগেজ বলল, ‘স্পেনীয় নাবিক আর রেড ইন্ডিয়ানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। প্রতিদিন তা বেড়ে চলেছে। আপনি সেই স্থানে না পৌঁছলে, সংঘর্ষ থামবে না। খেপে উঠেছে রেড ইন্ডিয়ানরা। আপনাকে তারা ভালোবাসে। হয়তো একমাত্র আপনিই তাদের শান্ত করতে পারবেন। আমি জানি না, সে স্থান ত্যাগ করার পর সেখানে ইতিমধ্যে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটে গেছে কিনা? ওখানকার পরিস্থিতি দেখে আমি কারো আদেশের অপেক্ষা না করে নিজেই রওনা হয়েছি আপনাকে সংবাদ দেওয়ার জন্য। মাতা মেরির দোহাই আপনি সেখানে ফিরে চলুন।’ একটানা কথাগুলো বলে থামল রডরিগেজ।
তার কথা শুনে অ্যাডমিরাল বিস্মিতভাবে জানতে চাইলেন, “নিরীহ রেড ইন্ডিয়ানরা হঠাৎ খেপে উঠল কেন?”
রডরিগেজ বলল, “আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে ডগলাসের নেতৃত্বে দাগি অপরাধীরা প্রবল অত্যাচার শুরু করেছিল রেড ইন্ডিয়ানদের ওপর। লুণ্ঠন থেকে শুরু করে রেড ইন্ডিয়ান যুবতীদের জাহাজে তুলে নিয়ে গিয়ে বলাৎকার ও সবরকম দুষ্কর্ম শুরু করে দিয়েছে তারা। আর তাতেই খেপে উঠেছে রেড ইন্ডিয়ানরা। ইতিমধ্যেই দুজন নাবিক মারা গেছে তাদের তিরের আঘাতে, আর ওদের একজন প্রাণ হারিয়েছে নাবিকদের কামানের গোলাতে। এতদিনে হয়তো সে সংখ্যা বেড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ।”
অ্যাডমিরাল বললেন, ‘কিন্তু ক্যাপ্টেন মার্টিন আর ক্যাপ্টেন ভিসেন্ট কী করছেন? আমি তো তাদের ওপর ও জায়গার ভার ছেড়ে দিয়ে এসেছিলাম। তাঁরা খুনে ডগলাস আর দুর্বৃত্তদের থামাবার চেষ্টা করেননি? শান্ত করার চেষ্টা করেননি রেড ইন্ডিয়ানদের?’
এ প্রশ্নের জবাব দেবার আগে রডরিগেজ কিছুক্ষণ নিশ্চুপভাবে মাথা নিচু করে রইল। তারপর সে বলল, ‘আপনি আমাকে খুশি হয়ে একটা জাহাজ দান করলেও আমি আসলে ভৃত্যই। একজন ভৃত্যের মুখে প্রভুদের সমালোচনা সাজে না। আমাকে মার্জনা করবেন। আপনি সে স্থানে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বললেই ব্যাপারটা বুঝতে পারবেন।’
ভৃত্য রডরিগেজের কথার ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি অ্যাডমিরালের। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পরদিনই তিনি রওনা হয়ে গেছিলেন রেড ইন্ডিয়ানদের ভূখণ্ডের উদ্দেশে। দশদিন সময় লেগেছিল তার সেই ভূখণ্ডতে পৌছতে। এই দশদিন সময় চরম উত্তেজনা ও উৎকণ্ঠার মধ্যে কেটেছিল নাবিকের। তাঁর মনে হচ্ছিল পথ যেন আর ফুরোচ্ছে না। অবশেষে এক সকালে সান্টা মারিয়া গিয়ে পৌঁছল সেই ভূখণ্ডের কাছে।
অ্যাডমিরাল তটভূমির কাছাকাছি পৌঁছেই দেখতে পেলেন সমুদ্র তীরের আকাশে কালো ধোঁয়া। তটরেখা বরাবর স্পেনীয় নাবিকদের বাসস্থান হিসেবে যে কাঠের ঘরগুলো নির্মাণ করা হয়েছিল, সেগুলো জ্বলছে। সম্ভবত ঘরবাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে রেড ইন্ডিয়ানরা। তবে স্পেনীয় জাহাজগুলো এখনও অক্ষত আছে। কূল থেকে নিরাপদ দূরত্বে এখনও দাঁড়িয়ে আছে তারা। জাহাজ নিয়ে তটরেখার আরও কাছাকাছি পৌঁছতেই দ্বীপবাসীরা পিল পিল করে এসে দাঁড়াল সমুদ্রের ধারে। নারী-পুরুষ সবাই আছে। রেড ইন্ডিয়ানদের পুরো গ্রামটাই যেন কয়েক মুহূর্তের মধ্যে এসে হাজির হল সমুদ্রতটে। তাদের হাতে উদ্যত বর্শা, তির-ধনুক। শত্রুর মুখোমুখি লড়াই করতে প্রস্তুত তারা। লোকগুলোর মধ্যে তাদের দলপতি কালো বাজপাখিকেও দূর থেকে অ্যাডমিরাল চিনতে পারলেন, তার মাথায় ঈগল পাখির পালকের সাজের জন্য।
সান্টা মারিয়া তটরেখা থেকে সামান্য কিছুটা দূরে আর অন্য জাহাজগুলো থেকে বেশ খানিকটা তফাতে নোঙর ফেলল। অ্যাডমিরাল এরপর জাহাজ থেকে নামার উদ্যোগ নিলেন। সমুদ্র পাড়ে নাবিকদের জ্বলতে থাকা ঘরগুলোর দিকে তাকিয়ে অন্য নাবিকরা বলল, ‘যা অবস্থা দেখছি, তাতে জাহাজ থেকে নামা কি ঠিক হবে?’
অ্যাডমিরাল তাদেরকে বললেন, ‘তোমাদের কাউকে নামতে হবে না, তাতে রেড ইন্ডিয়ানদের উত্তেজনা আরও বাড়তে পারে। আমি একাই নামব এবং নিরস্ত্র ভাবেই নামব, তাতে যা হবার হবে।’
অ্যাডমিরালের ইচ্ছা মতোই কাজ হল। একটা ছোট নৌকা নামানো হল জাহাজ থেকে। একটা সাদা পতাকা নিয়ে দড়ির মই বেয়ে জাহাজ থেকে নেমে পড়লেন অ্যাডমিরাল। তারপর দাঁড় টানতে টানতে আর মাঝে মাঝে সাদা পতাকা নাড়াতে নাড়াতে সোজা রওনা হলেন তটরেখার উদ্দেশে।
নৌকা থেকে তটে নেমে কয়েক পা এগিয়েই অ্যাডমিরাল দেখলেন, বালির ওপর পড়ে আছে খুনে ডগলাসের তিরবিদ্ধ মৃতদেহ। তার লোহার হুক লাগানো হাতটা আকাশের দিকে উদ্যত। যেন প্রবল আক্রোশে আকাশটাকেও ছিঁড়ে ফালাফালা করতে চাইছে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ানরা। তাদের তিরের ফলা চেয়ে আছে অ্যাডমিরালের দিকে। অ্যাডমিরাল ভয় পেলেন না। কপালে যা আছে তা হবে। একথা ভেবে নিয়ে তিনি এগোলো লোকগুলোররদিকে। অ্যাডমিরাল সোজা গিয়ে দাঁড়ালেন রেড ইন্ডিয়ানদের দলপতি কালো বাজপাখির সামনে। তারপর জানতে চাইলেন, ‘চারপাশে এসব কী ঘটছে?’
রেড ইন্ডিয়ান দলপতি ক্ষোভ উদ্গীরণ করে বলল, ‘তোমার লোকেরা আমাদের উৎপীড়ন করেছে, আমাদের লোককে হত্যা করেছে, মেয়েদের সম্ভ্রম নষ্ট করেছে, তাই এই বাড়িগুলোকে পুড়িয়ে দিচ্ছি আমরা। এরপর ওই জাহাজগুলোকেও আগুনে জ্বালিয়ে দেব। জাহাজেও কিছু লোক পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। কাউকে ছাড়ব না আমরা।’
অ্যাডমিরাল জানতে চাইলেন, ‘ক্যাপ্টেন ভিসেন্ট আর মার্টিন কই?’
তাদের দুজনের নাম শুনেই মাটিতে ঘৃণা ভরে থুতু ফেলল কালো বাজপাখি। তারপর বালুতটে পড়ে থাকা খুনে ডগলাসের মৃতদেহটাকে দেখিয়ে বলল, “তারা দুজন কাল রাতে ওই শয়তান আর তার সঙ্গীদের গ্রামে পাঠিয়েছিল, আমার কন্যাকে এখানে তুলে আনার জন্য। কিন্তু আমরা সজাগ ছিলাম বলে পারেনি। মাঝপথেই তাদের কবল থেকে কন্যাকে উদ্ধার করি আমরা। তারপর ওকে হত্যা করি। মার্টিন আর পালাতে পারেনি। তারা কয়েকজন মিলে গিয়ে লুকিয়েছে তুমি যে বাড়িটাতে থাকতে সেই বাড়িটাতে। বাড়িসুদ্ধ তাদের জ্যান্ত পুড়িয়ে মারব আমরা।’
অ্যাডমিরাল বললেন, ‘যা ঘটেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্যই এসেছি আমি। তোমাদের আমি কথা দিচ্ছি যে, ভবিষ্যতে আর এমন ঘটনা কোনওদিন ঘটবে না। যা ক্ষতি হয়েছে তারজন্য ক্ষতিপূরণ দেব।’
অ্যাডমিরাল নাবিক কথাটা বলার সঙ্গে সঙ্গেই রেড ইন্ডিয়ান দলপতি বলল, “যে সব লোক মারা গেছে, যে সব রমণীর সম্ভ্রম নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ তুমি কীভাবে দেবে শুনি? তোমাকে আমরা ভালোবাসি। তাই তোমাকে আমরা কিছু বলব না। নাবিক, তোমার জাহাজ নিয়ে তুমি ফিরে যাও। শয়তানদের আমরা ছাড়ব না।”
কালো বাজপাখির কথা শুনে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাবিক। সত্যি কি হত্যা বা ধর্ষণের কোনও ক্ষতিপূরণ হয়? নাবিক বুঝতে পারলেন, তাঁকে মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তাই তিনি বললেন, ‘ঠিক আছে, তোমরা কিছু করার আগে আমাকে একবার আমার লোকজনের সঙ্গে কথা বলে নিতে দাও।’
একথা বলে তিনি লম্বা লম্বা পা ফেলে এগোলেন, যে বাড়িটাতে দুই ক্যাপ্টেন রয়েছেন সেদিকে। রেড ইন্ডিয়ান দলপতি তাঁকে বাধা দিল না। মুখ দিয়ে নানানরকম শব্দ করতে করতে আর যুদ্ধের ঢোলক বাজাতে বাজাতে নাবিককে তারা অনুসরণ করল।
বাড়িটার দরজায় পৌঁছে গেলেন অ্যাডমিরাল। রেড ইন্ডিয়ানরা বাড়িটার চারপাশ ঘিরে ফেলন, যাতে বাড়ির ভেতরে থেকে বাইরে বেরিয়ে কেউ পালাতে না পারে। তাদের হাতে তির-ধনুক, বর্শা, কুঠার।
বাড়ির ভেতরে বসে ভয়ে কাঁপছিলেন ভিসেন্ট ও অন্যরা। অ্যাডমিরাল দরজায় ঘা দিয়ে বললেন, “আমি এসে গেছি, দরজা খুলুন। আমাকে ভেতরে ঢুকতে দিন।”
অ্যাডমিরালের কণ্ঠস্বর শুনে যেন ধড়ে প্রাণ এল ভিতরের লোকগুলোর। একজন দরজা খুলে দিল। অ্যাডমিরাল ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন। দেখলেন, আতঙ্কিত মুখে ঘরের এককোণে বসে আছে তাঁর দুই সহকর্মী ক্যাপ্টেন আর জনাকয়েক নাবিক। ক্যাপ্টেন ভিসেন্টের কাঁধ থেকে রক্ত ঝরছে। অন্য কয়েকজন নাবিকের শরীরেও আঘাতের চিহ্ন।
অ্যাডমিরাল ঘরে ঢুকতেই তারা যেন মনে বল ফিরে পেল। ক্যাপ্টেন মার্টিন বলে উঠলেন, “আপনি যখন এসে গেছেন তখন আর চিন্তা নেই। এবার অসভ্য বর্বরগুলোকে ওদের কাজের মজা বোঝাব।”
অ্যাডমিরাল সে কথার জবাব না দিয়ে বললেন, ‘এ পরিস্থিতি ঘটল কীভাবে?”
প্রশ্ন শুনে একটু ঢোক গিলে ক্যাপ্টেন ভিসেন্ট বললেন, ‘আমরা ওদের ধর্মান্তরিত হওয়ার অনুরোধ করতেই, ওরা খেপে গিয়ে আমাদের আক্রমণ করেছে। ডগলাস-সহ বেশ কয়েকজনকে হত্যা করেছে।
অ্যাডমিরালের যদিও বুঝতে অসুবিধা হল না যে ভিসেন্ট মিথ্যা বলছেন, তবুও তিনি জানতে চাইলেন, ‘আপনারা কি ধর্মান্তকরণের জন্য ওদেরকে ভীতি প্রদর্শন করেছিলেন?’
‘মোটেও না। আমরা কথাটা ওদেরকে গিয়ে বলতেই, ওরা বাইবেল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলল। তারপর আমাদের আক্রমণ করল। বেশ কয়েকমাস ধরে রেড ইন্ডিয়ানরা নানাভাবে চাপ দিচ্ছিল, তাদের জায়গা ছেড়ে চলে যাবার জন্য। কয়েকজন নাবিককে ওরা এর আগে মিথ্যা অভিযোগে হত্যাও করে। আমরা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম।’ জবাব দিলেন ক্যাপ্টেন মার্টিন।
অ্যাডমিরাল এবার আর নিজের অসন্তোষ চেপে রাখতে পারলেন না। তিনি বললেন, “পবিত্র বাইবেলের নাম করে মিথ্যা বলতে আপনাদের মুখে আটকাচ্ছে না? আসল সত্য আমি জানি। রেড ইন্ডিয়ান দলপতির মুখ থেকে, আর রডরিগেজের মুখ থেকে সত্যিটা আমি শুনেছি। এখন এ পরিস্থিতিতে কী করবেন তা ভেবে দেখুন?”
অ্যাডমিরালের কথা শুনে দুই ক্যাপ্টেন কিন্তু দমলেন না৷ ভিসেন্ট বললেন, ‘কী আবার করব? প্রতিশোধ নেব।’
‘কীভাবে?’ জানতে চাইলেন অ্যাডমিরাল।
ভিনসেন্টের নিজের কথাতেই এবার আসল সত্যটা প্রকাশ পেয়ে গেল। তিনি বললেন, “বেশ কয়েকমাস ধরে আমাদের মধ্যে সংঘর্ষ চলছে। তাই বারুদ ফুরিয়ে গেছে। বারুদের পিপেগুলো তো সান্টা মারিয়াতেই আছে৷ রেড ইন্ডিয়ানদের কোনও ভাবে বুঝিয়ে আমরা সান্টা মারিয়াতে গিয়ে উঠি। আপনি বলবেন, এদেশ ত্যাগ করে আমরা ফিরে যাচ্ছি। তারপর সান্টা মারিয়া জাহাজে উঠেই কামান দাগব। নিশ্চিহ্ন করে দেব রেড ইন্ডিয়ানদের।”
অ্যাডমিরাল সঙ্গে সঙ্গে বললেন, ‘না, আমি তা হতে দেব না। আমি আপনাদের এ স্থান থেকে মুক্ত করার চেষ্টা করব ঠিকই, কিন্তু নিজেদের জাহাজে উঠে আপনারা সেন্ট লুই বা অন্য কোনও জায়গায় চলে যাবেন। পরিস্থিতি শান্ত হলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কিন্তু এখন রেড ইন্ডিয়ানদের শান্ত করতে হলে, ওদের কাছে ক্ষমা চাইতে হবে আপনাদের। দেখি তাতে যদি ওরা শান্ত হয়। আমি একবার চেষ্টা করে দেখি কালো বাজপাখির সঙ্গে কথা বলে।’
‘ক্ষমা? ক্ষমা চাইতে হবে ওই অসভ্য বর্বর ইন্ডিয়ানদের কাছে?’ বলে উঠলেন ভিসেন্ট।
সেই মুহূর্তে ভিনসেন্টের কথার কোনও জবাব না দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে রেড ইন্ডিয়ান দলপতির মুখোমুখি গিয়ে দাঁড়ালেন অ্যাডমিরাল। তিনি ইতিমধ্যে চিন্তা করে নিয়েছেন কী বলবেন কালো বাজপাখিকে৷ রেড ইন্ডিয়ান দলপতিকে অ্যাডমিরাল নাবিক বললেন, ‘আমার সঙ্গীরা যা করেছে তার জন্য তারা অনুতপ্ত। তোমাদের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ওরা। ওদেরকে জাহাজে উঠতে দাও। আর কোনওদিন এখানে ফিরে আসবে না ওরা। আমি ওদের প্রাণভিক্ষা চাইছি তোমার কাছে।’
কিন্তু একথা শুনেও ইন্ডিয়ানদের দলপতির ক্রোধ কমল না। সে বলল, ‘না, ওদের একজনকেও আমরা পালাতে দেব না। সবাইকে ও-ঘরে পুড়িয়ে মারব।’ —দলপতির কথাকে সমর্থন জানিয়ে চিৎকার করে উঠল উপস্থিত রেড ইন্ডিয়ান নরনারীরা।
এবার একটা চাল চাললেন অ্যাডমিরাল নাবিক। তিনি বললেন, “ঠিক আছে ওদের পুড়িয়ে মারতে হয় মারো। কিন্তু ওদের সঙ্গে আমাকেও পুড়িয়ে মারতে হবে। আমিই ওদেরকে এখানে এনেছিলাম। ওদের দুষ্কর্মের দায় তো আমি অস্বীকার করতে পারি না। আমি তবে ঘরে গিয়ে ঢুকি? তোমরা ঘরে আগুন লাগাও।”
অ্যাডমিরাল নাবিকের কথা শুনে এবার থমকে গেল রেড ইন্ডিয়ান দলপতি। নাবিকদের দলপতি এই অ্যাডমিরাল লোকটা যে ভালো, তা তারা জানে। লোকটা কোনওদিন বিন্দুমাত্র খারাপ ব্যবহার করেনি তাদের সঙ্গে। বরং রেড ইন্ডিয়ানদের গ্রামে গিয়ে সে, তার সঙ্গে আনা নানানরকম খাবার, পোশাক ইত্যাদি উপহার দিত। সে যতদিন এখানে ছিল ততদিন কোনও অশাস্তি হয়নি। সভ্য ইউরোপীয় সমাজ থেকে অনেক দূরে বাস করলেও রেড ইন্ডিয়ানরাও মানুষ। তাদের মধ্যেও বিবেক, স্নেহ, ভালোবাসা আছে। কাজেই এই ভালো মানুষের কথার কী প্রত্যুত্তর দেবে, তারা ঠিক বুঝে উঠতে পারল না।
নাবিক এরপর শেষ কথাটা বললেন তাদের উদ্দেশে। তিনি বললেন, ‘ওদেরকে পুড়িয়ে মারলে, তোমাদের সামনে আর একটা ভয়ঙ্কর বিপদ এসে পৌঁছবে কিছুদিনের মধ্যেই। ওরা দেশে না ফিরলে ওদের খোঁজে স্পেনের রাজা বিশাল নৌবহর আর সেনাদল পাঠাবেন। তাদের বন্দুক আর কামানের বিরুদ্ধে তোমরা তির-ধনুক নিয়ে লড়াই করতে পারবে না। ওরা তোমাদের সবাইকে হত্যা করবে। নারী-শিশু কাউকে বাঁচতে দেবে না।’
বিপদের এদিকটা ভেবে দেখেনি রেড ইন্ডিয়ান দলপতি। এবার সে তার সঙ্গীদের সঙ্গে আলোচনা শুরু করল। সঙ্গীদের সঙ্গে কথা বলার পর কালো বাজপাখি বলল, “ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমরা ওদের মুক্তি দেব। ওদের হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। কিন্তু ওরা যদি দেশে ফিরে গিয়ে প্রতিশোধ নেবার জন্য আবার সৈন্য নিয়ে এখানে ফিরে আসে, তখন কী হবে?”
অ্যাডমিরাল নাবিক বললেন, ‘অত দূর থেকে ওরা আর এখানে ফিরে আসবে না। আর যদি আসে তার মোকাবিলা করার জন্য আমি এখানে থাকব, আমার নিজস্ব কিছু লোকজন নিয়ে। যদি তোমরা আমাকে এখানে থাকতে দাও।’
সঙ্গীদের সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ আলোচনার পর অ্যাডমিরাল নাবিকের প্রস্তাব মেনে নিল তারা।
অ্যাডমিরাল এরপর ঘরে ঢুকে রেড ইন্ডিয়ানদের সঙ্গে তাঁর কথোপকথন স্পেনীয় নাবিকদের জানাতেই ভিসেন্ট লাফিয়ে উঠে বললেন, ‘একজন স্পেনীয় হয়ে, ক্যাথেলিক হয়ে, ইউরোপীয়ান হয়ে ওই অশিক্ষিত বিধর্মীদের সামনে হাটু মুড়ে ক্ষমা চাইতে হবে। এ কখনোই হতে পারে না।’
অ্যাডমিরাল বললেন, “মিথ্যা জাত্যাভিমানের কারণে সময় নষ্ট করবেন না। আমি অনেক কষ্টে ওদেরকে আপনাদের জীবন দানের জন্য রাজি করিয়েছি। সময় নষ্ট করলে ওদের সিদ্ধান্ত বদলে যেতে পারে। তখন আর কিছুই করার থাকবে না।”
ঘরের বাইরে রেড ইন্ডিয়ানরা দামামা বাজাচ্ছে। তাদের অস্ত্রের ঝনঝনানি, ধনুকের টংকার, উৎকট চিৎকার এখনও অব্যাহত। যা নাবিকদের ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। ঘরবন্দি একজন নাবিক এবার বলল, ‘আমার ক্ষমা চাইতে আপত্তি নেই।’
সঙ্গে সঙ্গে আরও কয়েকজন নাবিক ব্যাপারটা সমর্থন করল। ক্যাপ্টেন মার্টিনও এবার যেন কেমন আমতা আমতা করতে লাগলেন। সঙ্গীদের মনোভাব দেখে শেষে ক্যাপ্টেন ভিসেন্টও অ্যাডমিরালের কথা মেনে নিতে বাধ্য হলেন। সবাইকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন অ্যাডমিরাল নাবিক।
তাদের দেখে ঘৃণায় ভরে উঠল রেড ইন্ডিয়ানদের মুখ। তবে অ্যাডমিরালকে কথা দিয়েছে তারা। তাই কোনও অস্ত্র ধেয়ে এল না তাদের দিকে। ভিসেন্টসহ সকলে হাঁটু মুড়ে বসে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইল রেড ইন্ডিয়ানদের সামনে। অ্যাডমিরাল নাবিক এরপর তাদের নিয়ে এগোল জাহাজে যাবার জন্য নৌকায় তুলে দিতে।
নৌকায় উঠে পড়তে লাগল পলায়মান নাবিকরা। শেষ নৌকাতে উঠলেন ক্যাপ্টেন ভিসেন্ট। জাহাজের উদ্দেশে রওনা হওয়ার মুখে ভিসেন্ট বললেন, ‘অ্যাডমিরাল, আপনি তবে এখানেই রয়ে গেলেন?’
অ্যাডমিরাল জবাব দিলেন, ‘হ্যাঁ। নইলে আপনারা মুক্তি পেতেন না।’
ভিসেন্ট বললেন, ‘আমাদের মুক্তির জন্য নয়। রয়ে গেলেন এদেশের সব সম্পদ একলা আত্মসাৎ করার জন্য। আপনার জন্য আমি যেভাবে লাঞ্ছিত হলাম, যেভাবে আমাকে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হল, তা আমি কোনওদিনও ভুলব না। আমি আবার ফিরে আসব।’
মাস দুয়েক পর আবার ফিরে এল ভিসেন্ট, সঙ্গে সেনাপতি বোবাডিলার নৌবহর। ইচ্ছে করলে নাবিক দেশটার গভীরে পালাতে পারত। কিন্তু সে কাজ করেনি। করলে নীল নয়নার কাছে মিথ্যাটাই সত্যি বলে প্রমাণিত হতো। নিরীহ রেড ইন্ডিয়ানদের ওপরেও বিপদ নেমে আসত। সে কারণে গ্রেপ্তারের সময়ও নাবিক স্পেনীয় সেনাপতির সঙ্গে কোনও সংঘাতে যায়নি।
সাম্প্রতিক অতীতের ঘটনাগুলো মনে করতে করতে নাবিক ভাবতে লাগল, সে কি সত্যিই প্রতারক? সে কি কোনও ভুল করেছে? তার কাজের মধ্যে একটা ভুল অবশ্য খুঁজে পেল নাবিক। সে যদি সেদিন ভিসেন্টকে রেড ইন্ডিয়ানদের হাতে তুলে দিত, তাহলে হয়তো তাকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না। কিন্তু ও কাজ করতে নাবিকের বিবেকে বেঁধে ছিল। এসব কথা ভাবতে ভাবতে একসময় বাইরে ভোরের উদয় হল।
পোর্ট হোল দিয়ে আবছা আলো প্রবেশ করল বন্দি নাবিকের কক্ষে। আলোর স্পর্শে ইঁদুরের ভয় কেটে গেল নাবিকের। ঘষটে ঘষটে নিজের শরীরটাকে টেনে নিয়ে গিয়ে পোর্ট হোলের বাইরে তাকাল। ধীরে ধীরে বাইরের সবকিছু স্পষ্ট ভাবে ধরা দিল চোখে। সে দেখল তার জাহাজকে ঘিরে চলা রণপোতগুলির মধ্যে একটিকে। তার ডেকে দাঁড়িয়ে আছে সৈন্যরা। আর এরপর কিছুক্ষণের মধ্যে আরও একটা জিনিস চোখে পড়ল তার।
বেশ অনেকটা দূরে জাহাজগুলোর সমান্তরালে একটা কালো দাগ তটরেখা। এ পথে বহুবার জাহাজ নিয়ে চলাচল করেছে নাবিক। তাই এ জায়গার অবস্থান বুঝতে অসুবিধা হল না। মহাসমুদ্র থেকে পারস বন্দরে যাওয়ার পথে সমুদ্রের এক সংকীর্ণ অংশ আছে। একদিন সময় লাগে সে স্থান অতিক্রম করে স্পেনে পৌঁছতে। সেই সমুদ্র খাঁড়িতে প্রবেশ করেছে জাহাজগুলো।
নাবিক মনে মনে ভাবল, ‘বোবাডিলা তবে ঠিক কথাই বলেছিল, সম্ভবত আগামীকালই সান্টা মারিয়াকে নিয়ে তার রণপোত পৌঁছে যাবে স্পেনের বন্দরে। আর তারপর? আমাকে গিয়ে দাঁড়াতে হবে নীল নয়নার সামনে। নাকি তিনি আমার সামনে এসে দাঁড়াবেন না। তিনি তাঁর বিচারের সিদ্ধান্ত বোবাডিলা বা জহ্লাদের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে? ‘
যাই হোক না কেন, যে শাস্তিই রানি তাঁকে দিক না কেন, কারাবাস বা মৃত্যুর আগে সে যেন একবার দেখতে পায় নীল নয়নার গভীর নীল চোখ দুটো। একথাই ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করল বন্দি নাবিক। সান্টা মারিয়াকে নিয়ে রণপোতগুলো এগিয়ে চলল স্পেনের বন্দরের অভিমুখে। বন্দি ভাবতে লাগল নীল নয়নার কথা।
