রক্তের দাগ – ৪

ঠিক মধ্যরাত। তবে অন্যদিনের মতো দেবীর মণ্ডপের সামনে লোকজন নেই বললেই চলে। শুধু পুরোহিত, জল্লাদ আর দু-তিন জন লোক। কোনও ঢাকের বাদ্যিও নেই। কেমন যেন এক অদ্ভুত অপার্থিব পরিবেশ চারপাশে। কিছুক্ষণ আগে খড়্গ পুজো সম্পন্ন করেছেন পুরোহিত। তবে তাঁর মন্ত্রোচ্চারণ এত মৃদু ছিল তা যেন কানেই আসছিল না চাঁদোয়ার নীচে বসে থাকা কোম্পানির সাহেব ও তাঁর সঙ্গীর।

হকিন্সের মনে হতে লাগল, আজ একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চলছে। নেহাত সাহেবের অনুরোধ প্রত্যাখান করলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই হকিন্স আর বাবুকে থাকার অনুমতি দিয়েছেন রানি ইরাবতী।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে হকিন্সের মনে প্রবল উত্তেজনা শুরু হল। তাঁর মন বলছে, আজ রাতে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। ঘটবেই। অন্য রাতের মতো মশালের আলোয় মণ্ডপ চত্বর উজ্জ্বল আলোকিত নয়। কয়েকটা মাত্র মশাল জ্বলছে, যে স্থানে বলিদানের বেদি রয়েছে তার কাছে। প্রাঙ্গণের বাকি অংশে এক অদ্ভুত আলো-আঁধারির সৃষ্টি হয়েছে। সাহেবের মাঝে মাঝে মনে হচ্ছে প্রাঙ্গণের ওই অন্ধকার জায়গা থেকে কারা যেন তাকিয়ে আছে বেদিটার দিকে। তারা কি মানুষ, নাকি অন্য কেউ?

ক্ষীণ চাঁদের আলোয় এক সময় প্রাসাদের দিক থেকে মহারানি ইরাবতীর পালকি আসতে দেখা গেল। বেহারাদের মুখে কোনও শব্দ নেই। রানি ইরাবতী পূজা প্রাঙ্গণে পালকি থেকে নামার পর বেহারার দল যেমন নিঃশব্দে এসেছিল, তেমনই নিঃশব্দে পালকি নিয়ে ফিরে গেল।

ইরাবতীর মুখমণ্ডল আজ যেন বেশ গম্ভীর মনে হচ্ছে। হকিন্স তাঁকে টুপি খুলে অভিবাদন জানালেন। কিন্তু ব্যাপারটা যেন খেয়ালই করলেন না ইরাবতী।

পুরোহিতকে কাছে ডাকলেন। তারপর সম্ভবত তাঁর কাছে জানতে চাইলেন আয়োজন সব সম্পন্ন কিনা। সম্মতিসূচক মাথা নাড়লেন পুরোহিত। তারপর প্রাঙ্গণের অন্ধকার দিকটার দিকে আঙুল তুলে রানিকে কী যেন দেখালেন। পুরোহিত আর রানি ইরাবতীর কথোপকথন হকিন্সের কানে না গেলেও রানিকে দেখে মনে হল পুরোহিতের কথা শুনে যেন আশ্বস্ত হলেন। এরপর তিনি ধীর পায়ে এগিয়ে প্রাঙ্গণের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন।

জল্লাদ দেবীর সামনে শায়িত তার পূজিত খড়্গটা উঠিয়ে এনে দাঁড়াল বেদির সামনে। কিন্তু দেবীর উদ্দেশে কাকে বলি দেবে? কোনও ছাগকে তো বলি দেবার জন্য আনা হয়নি এ স্থানে।

সাহেবের মনের এ প্রশ্নের জবাব কয়েক মুহূর্তের মধ্যেই মিলে গেল। পুরোহিত প্রাঙ্গণের অন্ধকার যে অঞ্চলের দিকে আঙুল তুলে রানিকে দেখিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকে আত্মপ্রকাশ করল একজন লোক। তার পিঠে একটা বড় থলে। সে থলেটা এনে নামিয়ে রাখল বেদির ওপর। অন্য দুজন লোক থলের বন্ধন খুলে সেটা উপুড় করতেই তার ভিতর থেকে বেরিয়ে এল একটা বাচ্চা ছেলে। তার হাত-পা বাঁধা। মাথাটা একটু তুলে আতঙ্কিত দৃষ্টিতে সে চারপাশে তাকাতে লাগল।

উপস্থিত লোকেরা দেরি করা সমীচীন বোধ করলেন না। ছোট ছেলেটার কণ্ঠটা এরপর আটকে দেওয়া হল বেদির খাঁজের মধ্যে। নিরপরাধ বালক এতটাই আতঙ্কিত যে তার চোখদুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। খড়্গা নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়াল জল্লাদ। ঢং করে ঘণ্টা বাজিয়ে সংকেত দিলেন রানি ইরাবতী। খাটা ওপরে উঠল!

উত্তেজনায় নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে কখন যে হকিন্স তাঁর কোমর থেকে পিস্তল টেনে বার করেছেন, খেয়াল নেই। চিৎকার করে উঠলেন, “বন্ধ করো, এ বলি বন্ধ করো। নয়তো আমি গুলি চালাব।”

থেমে গেল ঘাতকের হাত। খড়্গা নামিয়ে বিস্মিতভাবে চেয়ে রইল সাহেবের দিকে। এরপরই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন রানি ইরাবতী। তিনি হকিন্সের সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, “কেন তুমি আমাদের ধর্মাচরণে বাধা দিচ্ছ?”

সাহেব উত্তেজিতভাবে বলে উঠলেন, “না, ধর্মাচরণের নামে একজন বালককে হত্যা করা— নরবলি আমি কিছুতেই হতে দেব না।”

রানি বললেন, “কোথায় নরবলি। এ তো ছাগ বলি হচ্ছে।”

বেদিটার দিকে তাকিয়ে হকিন্স বলতে যাচ্ছিলেন, “ওই তো এই বালককে বলি দেওয়া হচ্ছে।” —কিন্তু একথা বলতে গিয়েও বলতে পারলেন না হকিন্স। বেদির দিকে তাকিয়ে দেখলেন, বালক নয়, একটা ছাগকে বলি দেবার জন্য তার গলা আটকানো হয়েছে খাঁজের ভিতর।

রানি ব্যঙ্গের ভঙ্গিতে হকিন্সের উদ্দেশে বললেন, “বুঝেছি। তুমি মনে হয় আমরা নরবলি দিই কিনা তা দেখার জন্য রাতের পর রাত কাটাচ্ছিলে? সে কথা ভাবতে ভাবতে তুমি ছাগের পরিবর্তে বালককে দেখেছ। একটা কথা তুমি সর্বদা মনে রাখবে সাহেব, ইরাবতীর বুদ্ধি তোমার চেয়ে বেশি। নইলে সে এ রাজ্যের অধীশ্বরী হতে পারত না।”

এ কথা বলার পর তিনি জল্লাদকে বলিদানের কাজ সম্পন্ন করার জন্য ইশারা করে আবার ঘরে প্রবেশ করলেন। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন হকিন্স। রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে প্রচণ্ড জোরে ঢাকের বাদ্যি ফের শুরু হল। জল্লাদ আঘাত হানল ছাগের কণ্ঠদেশে। ছাগের মাথাটা এসে ছিটকে পড়ল সাহেবের পায়ের কাছে।

সেদিকে তাকাতেই যেন সাহেবের হৃৎপিণ্ড আবার স্তব্ধ হবার জোগাড় হল। ছাগ মুগু কোথায়। তাঁর সামনে পড়ে আছে সদ্য কর্তিত এক বালকের মুণ্ড। তার চোখের তারা দুটো তখনও কাঁপছে। চারপাশে প্রচণ্ড শব্দে ঢাক বাজছে। সে শব্দ যেন ব্যঙ্গ করছে সাহেবকে। বলছে, “সাহেব, তুমি পারলে না বালককে বাঁচাতে। রানি ইরাবতীর বুদ্ধির কাছে তুমি হেরে গেছ।”

ঘুম ভেঙে গেল সাহেবের। তবে কি স্বপ্ন দেখছিলেন তিনি?

সদ্য দেখা স্বপ্নের রেশ কাটতে কয়েক মিনিট সময় লাগল। তারপর তিনি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন বিকাল হয়ে গেছে। কিছুটা তফাত দিয়ে একটা বিশাল শোভাযাত্রা চলেছে নানান বাদ্যযন্ত্রের শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে। বাবু রামচন্দ্র ও ভৃত্য খামরিও চেয়ে দেখছে সেই শোভাযাত্রা। রামচন্দ্র বললেন, “আজ দশমী। রাজপ্রাসাদ থেকে দেবী প্রতিমাকে বার করে আনা হয়েছে শোভাযাত্রা সহকারে মেটং নদীতে ভাসিয়ে দেবার জন্য। ওই যে, দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে।”

তিনি বললেন, “সাহেব, তুমি অনুমতি দিলে খামরি এই শোভাযাত্রায় যোগ দিতে চায়। স্থানীয় মানুষরা সবাই এদিন এই শোভাযাত্রায় যোগ দিয়ে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব পালন করে।”

খামরিকে শোভাযাত্রায় যোগ দেবার জন্য অনুমতি দিলেন সাহেব। সে চলে গেল শোভাযাত্রায় যোগ দিতে। সাহেব চেয়ে রইলেন সেদিকে। রামচন্দ্র বললেন, “ওই শোভাযাত্রাতে রানি ইরাবতীও আছেন।”

—“জানো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম।”

হকিন্স সংক্ষেপে বললেন। তারপর বললেন, “আজ ভোরে যখন আমরা রানি ইরাবতীর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তখন তাঁর ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠেছিল তা খেয়াল করেছ?”

বাবু বললেন,“হ্যাঁ, সে হাসি আমার কাছেও রহস্যময় বলে মনে হয়েছে। বিদ্রুপও যেন লুকিয়ে ছিল।”

হকিন্স বললেন, “আমারও ঠিক একই কথা মনে হয়েছে। রানির ফাঁকি যেন আমরা ধরার চেষ্টা করেও পারিনি।”

একটু থেমে বললেন, “আমরা নিশ্চিত নই যে রানির লোকেরাই অপহরণ করেছে ওই বালককে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ওই বালকের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে রাজপ্রাসাদ বা রানি ইরাবতীর কোনও একটা যোগসূত্র আছে। নইলে প্রতিবছর একজন করে বালক নিখোঁজ হলেও রানি ইরাবতী ব্যাপারটা নিয়ে তদন্ত করতে সচেষ্ট হচ্ছেন না কেন?”

রামচন্দ্র বললেন, “হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে।”

পাহাড়ের আড়ালে সূর্য চলতে শুরু করল। সে দৃশ্য উপভোগ করতে করতে সাহেব একসময় জানতে চাইলেন, “সামনে এমন কী পুজো আসছে, যে পুজোয় নরবলি বা বলি দেবার সম্ভাবনা থাকে?”

ব্রাহ্মণ জবাব দিলেন,“কালীপুজো। সত্যি কথা বলতে কী কালীপুজোতেই নরবলি দেওয়ার প্রথা চালু ছিল বা আছে। রাজা জমিদাররাও যেমন এ পুজোয় নরবলি দিত, তেমনই ডাকাতরা বা শ্মশানচারী সাধকরাও বলি দেয়। অমাবস্যার রাত্রিতে পুজো হয়। এক পক্ষ কাল বাদেই সে পুজো। রাজবাড়িতে সে পুজো হয়, আবার আশেপাশে বেশ কয়েকটা জায়গাতেও হয়।”

মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল সাহেবের মুখ। তিনি বললেন, “আচ্ছা এমন তো হতে পারে যে দেবী কালীকে উৎসর্গ করার জন্যই ওই বালককে অপহরণ করা হয়েছে। শুধু এখানে নয়, অন্য কোনও কালীপুজোয় বলি দেবার জন্যও ছেলেটাকে চুরি করা হতে পারে?”

বাবু জবাব দিলেন, “হ্যাঁ, তা হতে পারে।”

সাহেব বললেন, “তাহলে আশেপাশে যেসব জায়গায় দেবী কালীর পুজো হয় সেসব জায়গা সম্পর্কে আমাদের খোঁজখবর নিতে হবে। আর কালীপুজোর রাতে আমি রাজবাড়িতে পুজো দেখতে যাব। রানি অনুমতি না দিলেও যেভাবেই হোক আমি উপস্থিত হব। এর মধ্যে বাচ্চাটার খোঁজে আশেপাশের গ্রামগুলোতে যাব। কোনওভাবে যদি তার সন্ধান মিলে যায় তবে সব আশঙ্কা থেকে মুক্ত হতে পারব।”

সাহেব আর তাঁর সহায়কের মধ্যে যখন এ কথাবার্তা হচ্ছিল ঠিক তখনই নদীবক্ষে দেবীকে বিসর্জন দেবার উদ্যোগ চলছিল। বেশ জোরালো শব্দে ঢাক বাজছে, কোলাহলে কান পাতা দায়। কীভাবে দেবী মূর্তিকে জলে নামানো হচ্ছিল তা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছিল সাহেবের ভৃত্য খামরি। হঠাৎ একজন রাজকর্মচারী এসে তাকে বলল, তুমি কোম্পানির সাহেবের কাছে কাজ করো তো? মহারানি তোমাকে ডাকছেন।”

ইরাবতীর ডাক অগ্রাহ্য করার ক্ষমতা নেই খামরির। সাহেবের কাছে কাজ করলেও সে স্থানীয় মানুষ, রানির প্রজা। অন্যদের মতো সেও রানিকে দেবীজ্ঞানে ভক্তি শ্রদ্ধা করে। খামারি কর্মচারীটির সঙ্গে রানির সামনে গিয়ে হাজির হল। রানি তাঁর পালকিতেই বসেছিলেন। বেহারারা পালকিটাকে স্থাপন করেছে নদীর ঘাটে একটা বেদির ওপর। খামরি রানির সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণাম জানাল।

ইরাবতী তাকে প্রশ্ন করলেন,“রাত্রি জাগরণের পর তোর সাহেবের শরীর ভালো আছে তো?”

খামরি জবাব দিল, “হ্যাঁ।”

রানি এরপর বললেন, “কোম্পানির সাহেবের সঙ্গে এখানকার মানুষ দেখা করতে যায়? অভাব-অভিযোগ জানাতে যায়?”

খামরি সত্যি কথাই বলল, “এমনিতে কেউ সাহেবের সঙ্গে দেখা করতে আসে না। তবে কদিন আগে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে একদল লোক দেখা করতে এসেছিল।”

—“কেন?”

—“একটা বাচ্চা ছেলে নাকি সে গ্রাম থেকে হারিয়ে গেছে। সাহেবের কাছে ছেলেটাকে খুঁজে দেবার অনুরোধ জানাতে লোকগুলো এসেছিল। সাহেব বলেছেন তিনি চেষ্টা করবেন।”

কয়েক মুহূর্তের জন্য কী যেন ভাবলেন ইরাবতী। তারপর খামরির দিকে একটা স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিয়ে বললেন, “এবার তুই যা।”

দুর্গা প্রতিমার নিরঞ্জনের ঘাটে গরিব মানুষদের কিছু পারিতোষিক দেন রানি। খামরি নিজেও গরিব। সে ভাবল মোহরটা দেবার জন্যই রানি তাকে ডেকেছিলেন। স্বর্ণমুদ্রা কুড়িয়ে নিয়ে আগের স্থানে ফিরে গেল খামরি। কিছুক্ষণের মধ্যেই নদীবক্ষে বিলীন হয়ে গেলেন দেবী। সূর্যও ডুবে গেল।