রক্তের দাগ – ৭

ইরাবতীর সঙ্গে তাঁর আর সাক্ষাতের সুযোগ ঘটেনি। তবে সেই রাতে রানি ইরাবতীর বলা তীব্র অপমানজনক কথাগুলো কিছুতেই ভুলতে পারছেন না।

রানি ইরাবতী তাঁকে নির্বোধ বলেছেন। হকিন্সের কানে বার বার বাজে এই অপমান। এক এক সময় হকিন্সের মনে হয় তাঁর সম্পর্কে ইরাবতীর মূল্যায়ন কি সত্যি? হকিন্স সত্যিই কি আবেগতাড়িত হয়ে রোমাঞ্চের নেশায় নির্বোধের মতো রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন? বালক হারানোর সঙ্গে রাজবাড়ির সম্পর্ক রচনা নিতান্তই তাঁর কল্পনাপ্রবণ, যুক্তিহীন ভাবনার ফলশ্রুতি মাত্র? আবার যখন তাঁর চোখে ভেসে ওঠে নিখোঁজ সন্তানের হতভাগ্য পিতার কাতর আর্তি, তখন তিনি ভাবেন ঠিক কাজই করেছেন নিখোঁজ বালকের জন্য অনুসন্ধান চালিয়ে। তাঁর দুর্ভাগ্য যে তিনি এ কাজে ব্যর্থ হলেন।

এদিন সকালে ঘরের বাইরে আরামকেদারায় বসেছিলেন হকিন্স সাহেব। দূরে পাহাড়ের পাদদেশে রাজবাড়িটা। শীত যাই যাই করলেও পুরো যায়নি। তাই সূর্যোদয় হলেও পাহাড়ের চূড়া এখন কুয়াশাচ্ছন্ন। সকালবেলা হলেও আজকাল এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে থাকে হকিন্স সাহেবকে। রানির বলা কথাগুলো সবসময় পীড়া দেয় তাঁকে।

আকাশের বুকে উঠে যাওয়া পাহাড়শ্রেণীর দিকে তাকিয়ে হকিন্স সাহেব মনে মনে ভাবছিলেন, কোম্পানি তাঁকে যে কাজ দিয়েছেন তিনি কি সে কাজের যোগ্য? পলিটিকাল এজেন্টের অন্যতম প্রধান কাজ হল, যে রাজ্যে তাঁকে নিয়োগ করা হয়েছে তার শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা; যতক্ষণ না তারা কোম্পানির স্বার্থের পরিপন্থী কোনও কাজ করছেন। আর একাজেই ব্যর্থ হয়েছেন হকিন্স। রানির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে তাঁর। যতদিন যাচ্ছে, তাঁর আর থাকতে ইচ্ছা করছে না এ জায়গায়। সম্মান খুইয়ে, ব্যর্থতার গ্লানি নিয়ে কোনও সভ্য, মর্যাদাবান মানুষ কি কোথাও থাকতে পারেন।

হকিন্স সাহেব মনে মনে ভাবছিলেন, কোম্পানির ওপরওয়ালাদের কাছে তিনি অন্যত্র কোনও রাজ্যে বদলির আবেদন জানাবেন। আবেদন মঞ্জুর না হলে তিনি চাকরি থেকে ইস্তফা দেবেন। এমন সময় বাবু রামচন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন। সাহেব তাঁর দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, “কী দরকার?”

রামচন্দ্র বললেন, “আর চারদিন পর দেবী সরস্বতীর পুজো। যদি অনুমতি দাও তবে আমি এখানে সে পুজো করতে পারি?”

সাহেব জানতে চাইলেন, “তিনি আবার কোন দেবী? তিনিও কি দেবী দুর্গা বা কালীর মতো অস্ত্রধারী? তিনিও কি সংহারক?”

ব্রাহ্মণ হেসে বললেন, “দেবী সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তিনি কোনও অস্ত্র ধারণ করেন না। তাঁর এক হাতে থাকে বীণা নামের বাদ্যযন্ত্র আর অন্য হাতে থাকে পুস্তক। তিনি সঙ্গীত, নৃত্যকলার দেবীও বটে। যাঁরা বিদ্যাচর্চা করেন, সঙ্গীত, নৃত্য, শিল্পকলার চর্চা করেন, তাঁরা এই কোমল স্বভাবা, শ্বেতবসনা, শ্বেত হংসের পিঠে অথবা পদ্মের ওপর অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করেন।”

হকিন্স সাহেব শুনে বললেন, “তোমার যদি ইচ্ছা হয় করো। আমার কোনও আপত্তি নেই। গডেস সরস্বতীর পুজোর জন্য আমায় কোনও সাহায্য করতে হবে কি?”

বাবু রামচন্দ্র বললেন, “আপনার অনুমতি আর উপস্থিতি যথেষ্ট। সামনের জমিটায় শামিয়ানা টাঙিয়ে দিনের বেলা পুজোর ব্যবস্থা করা হবে। কুমোরদের গ্রাম থেকে প্রতিমা আমিই সংগ্রহ করে আনব। আমি ব্রাহ্মণ, পুজোর কাজটা আমিই করব। আর সন্ধ্যায় ওই শামিয়ানাতেই সঙ্গীতের একটা আসর বসবে, বাদ্যযন্ত্রও বাজানো হবে। আপনি তখন সেই আসরে উপস্থিত থাকবেন।”

ব্রাহ্মণ রামচন্দ্র বিদ্যাচর্চা করেন। কর্ম উপলক্ষে তিনি ইতিপূর্বে যেখানেই থেকেছেন সেখানেই সরস্বতী পুজোর আয়োজন করেছেন। তবে সন্ধ্যাকালীন সঙ্গীতের আসর বসানোর পরিকল্পনার পিছনে বাবু রামচন্দ্রর আসল উদ্দেশ্য হচ্ছে বিমর্ষ সাহেবের মন ভালো করা।

হকিন্স সাহেব বাবুর অন্য প্রস্তাবগুলোতেও সম্মতি দান করলেন।

রামচন্দ্র এরপর সাহেবকে আরও কিছু বলতে যাচ্ছিলেন। এই সময় একজন উন্মাদের মতো দেখতে লোক তাঁর চৌহদ্দির সামনে এসে দাঁড়াল। লোকটাকে দেখেই চিনতে পারলেন হকিন্স সাহেব – নিখোঁজ সেই বালকের বাবা। এতদিন পরে সে আবার এসেছে।

হকিন্স সাহেবের সামনে এসে দাঁড়াল লোকটা। চেহারা তার ভেঙে গেছে। চিরুনি না পড়ে মাথার চুলে জট বেঁধেছে, চোখের কোণে কালি, কণ্ঠার হাড় যেন বাইরে বেরিয়ে আসতে চলেছে, শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল, মলিন পোশাকে লোকটাকে ঠিক উন্মাদের মতোই লাগছে। হকিন্স সাহেব সোজা হয়ে বসলেন।

বিধ্বস্ত লোকটা সাহেবের দিকে তাকিয়ে বলল, “তিন মাস তো হয়ে গেল, ছেলেটা যে এখনও ঘরে ফিরল না সাহেব।”

হকিন্স একটু চুপ করে থেকে বললেন, “তোমার ছেলেকে খোঁজ করার জন্য আমি যথাসাধ্য করেছি। গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছি তোমার ছেলের খোঁজে। কিন্তু তার সন্ধান মেলেনি। আমি আর কী করব বলো?”

লোকটা বলল, “তবে কি ছেলেটা আর কোনও দিন ফিরে আসবে না সাহেব? আমার স্ত্রী খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছে। ছেলে না ফিরলে সে আর বাঁচবে না। তাই আমি শেষবারের মতো তোমার কাছে ছুটে এসেছি। রানি ইরাবতী আমার কোনও কথাই শুনলেন না, যদি কেউ কিছু করতে পারে তা তুমিই পারবে। একটা শেষ চেষ্টা করে দেখো না সাহেব। তোমরা তো রাজার জাত, লোকে বলে তোমরা সব পারো, শেষ একবার চেষ্টা করে দেখো না, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দিতে পারো কিনা?”—বলতে বলতে হাতজোড় করে হাঁটু মুড়ে বসে পড়ল লোকটা।

কী করে সাহেব এই সন্তানহারা পিতাকে বোঝাবেন তাঁর ক্ষমতা সীমাবদ্ধ। তিনি কোম্পানির একজন কর্মচারী ছাড়া আর কিছুই নন! তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন, এমনকী রানি ইরাবতীর বিরাগ ভাজন হয়েছেন সন্দেহের বশবর্তী হয়ে। লোকটাকে কী বলা যায়, কীভাবে শান্ত করা যায় তা বুঝতে না পেরে সাহেব অসহায়ভাবে তাকালেন বাবুর দিকে।

রামচন্দ্র সাহেবের অসহায়তা বুঝতে পেরে একটু ভেবে নিয়ে বললেন, “একটা শেষ চেষ্টা করা যেতে পারে। তা হল পুরস্কার ঘোষণা। ছেলেটার সম্পর্কে কেউ খোঁজ দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। এতে কোনও কাজ হলেও হতে পারে। ছেলেটার সম্পর্কে কারো কোনও খবর জানা থাকলে পুরস্কারের লোভে কথাটা সে জানিয়ে দিতে পারে।”

বাবু রামচন্দ্রর প্রস্তাব মনে ধরল সাহেবের। তিনি তো এ অঞ্চল ছেড়ে চলেই যাবেন, তার আগে শেষ একটা চেষ্টা করে যাবেন। কোম্পানির পলিটিকাল এজেন্ট হিসাবে সাহেব বেতন পান মাসে একশো টাকা। সাহেব বললেন, “ঠিক আছে। কেউ যদি ছেলেটার খোঁজ দিতে পারে তবে আমি তাকে একশো টাকা পুরস্কার দেব।”

হকিন্স সাহেব সেই পিতাকে বললেন, “শোনো তোমাকে আমি একটা টাকা দেব। তা দিয়ে ঢেঁড়া পেটাবার লোক জোগাড় করে এই পুরস্কারের খবরটা গ্রামে গ্রামে প্রচার করতে পারবে?”

লোকটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, “পারব, নিশ্চয়ই পারব সাহেব।”

বাবুর পরিকল্পনা ও সাহেবের নির্দেশ মতোই পরদিন থেকেই কাজ শুরু হয়ে গেল। ঢেঁড়া পিটিয়ে পুরস্কারের খবর গ্রামে গ্রামে জানান দেওয়া শুরু হল। সর্বকালেই টাকা বা পুরস্কারের লোভ বড় ব্যাপার হয়। তার ওপর টাকার পরিমাণটাও অনেক। একশো টাকায় কুড়িটা দুগ্ধবতী গাভী কেনা যায়৷ কাজেই এতদিন যারা অন্যের সন্তান হারিয়েছে বলে মাথা ঘামায়নি, তারাও এবার পুরস্কার প্রাপ্তির লোভে নড়েচড়ে বসল। যে যার নিজের মতন করে খোঁজখবর নেবার চেষ্টা করতে লাগল, কোনও গ্রামের কোনও বাড়িতে নতুন কোনও বালকের আগমন ঘটেছে কিনা৷ এমনকী বিভিন্ন গ্রামে বসবাসকারী রাজবাড়ির ভৃত্যশ্রেণীর মানুষরাও ছেলেটাকে খোঁজার ব্যাপারে আগ্রহী হয়ে উঠল। একশো টাকা পুরস্কার বলে কথা। অধিকাংশ মানুষই তো একশো টাকা এক সঙ্গে কোনও দিন চোখে দেখেনি। সাহেব প্রতীক্ষা করে রইলেন যদি কোনও সংবাদ পাওয়া যায় সেজন্য। আর তাঁর সঙ্গী ব্যস্ত হয়ে পড়লেন সরস্বতী পুজোর কাজে।

যেদিন ঢেঁড়া পিটিয়ে পুরস্কারের খবর জানানো শুরু হল, তার পরদিন মধ্য রাত। রানিমহলের আলোগুলো তখন নিভে গেছে। যে দাস-দাসীরা, রক্ষীরা রানির সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদের এরাতে অব্যাহতি দিয়েছেন রানি। তারা ঘুমিয়ে পড়েছে। তবে ইরাবতী ঘুমোননি। রানিমহলের এক নির্দিষ্ট কক্ষে একজনের প্রতীক্ষা করছিলেন। ইরাবতী থাকেন রাজবাড়ির একদম শেষপ্রান্তে।

নতুন রানিমহল, যেখানে বর্তমানে ইরাবতী বাস করেন, তার ঠিক পিছনেই রয়েছে পরিত্যক্ত পুরোনো রানিমহল। কেউ থাকে না সেখানে। ও জায়গা বর্তমানে বিড়ালদের বাসস্থান। তারপর রাজবাড়ির প্রাকার। তার পাশ থেকে উঠে গেছে পাহাড়শ্রেণী। কক্ষে বসে গবাক্ষ দিয়ে পুরোনো রানিমহলের দিকেই তাকিয়ে ছিলেন রানি। জ্যোৎস্নার আলো-আঁধারি খেলা করছে পুরোনো রানিমহলের মধ্যে। পুরোনো প্রাকারের কিছু অংশে সময়ের নিয়মে গহ্বর সৃষ্টি হয়েছে। সে পথ দিয়েই আগন্তুক রাজবাড়িতে প্রবেশ করবে।

এক সময় রানির প্রতীক্ষার অবসান হল। রানি দেখলেন, এক অবগুণ্ঠনধারী পুরোনো রানিমহলের দিক থেকে বাইরে বেরিয়ে এল। পুরোনো রানিমহল আর নতুন রানিমহলের মধ্যে একটা সংযোগকারী অলিন্দ আছে। সেই অলিন্দ দিয়ে এগিয়ে এসে রানির ঘরের দরজার সামনে দাঁড়াল লোকটা। রানি তার উদ্দেশে চাপা স্বরে বললেন, “ভিতরে আয়।”

লোকটা ভিতরে প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে প্রথমে রানিকে প্রণাম করল, তারপর মুখের কাপড় সরিয়ে ফেলল। লোকটা একজন মগ। হকিন্স সাহেব একবার তাদের গ্রামে গেছিলেন। সে গ্রামের মানুষদের সাহেবের শান্ত বলেই মনে হয়েছিল। তবে এ লোকটা অন্য জাতের, এর মনে আজও জেগে আছে পূর্বপুরুষদের অপরাধ প্রবণতা।

রানি ইরাবতী তাকে প্রশ্ন করলেন, “কী খবর বল।”

আগন্তুক বললে, “কোম্পানির সাহেব ছেলেটার জন্য একশো টাকা পুরস্কার ঘোষণা করেছে, শুনেছেন তো?”

রানি জবাব দিলেন,“হ্যাঁ, শুনেছি।”

মগ বলল, “ওই কারণেই সমস্যা দেখা দিয়েছে। টাকার লোভে সবাই ছেলেটাকে খুঁজতে শুরু করেছে। এমনকী আমার পাড়া-প্রতিবেশীরাও। তাই ছেলেটাকে যেখানে লুকিয়ে রেখেছি সেখানে রাখতে আর ভরসা পাচ্ছি না। ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।”

রানি বললেন, “মাঝে তো মাত্র দুটো দিন। এতগুলো মাস ওকে রাখলি আর দুটো দিন পারবি না? তারপরই ওকে এখানে নিয়ে আসবি।”

মগ বলল, “শুনছি, রাত পাহারার ব্যবস্থাও করতে চলেছে গ্রামের লোকেরা। যাতে ছেলেটা যদি কোথাও থাকে তবে তাকে যাতে অন্যত্র পাচার না করা যায় সেজন্য। যদি আমি ওই দিন ঠিকসময়ে ছেলেটাকে আপনার কাছে পৌঁছে দিতে না পারি? যদি ধরা পড়ে যাই, তখন?”

চিন্তার ভাঁজ পড়ল রানি ইরাবতীর কপালে। ছেলেটাকে নির্দিষ্ট সময়ে রাজবাড়িতে না আনতে পারলে সব কাজ পণ্ড হয়ে যাবে।

ইরাবতী বললেন, “যেখানে ওকে রেখেছিস, সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখা যায় না?”

মগ বলল, “না, সেটা সম্ভব নয়। সব গ্রামেই খোঁজ চলছে ছেলেটার।”

ইরাবতী দাঁতে দাঁত চেপে বললেন, “এবারের কাজটা ভালোয় ভালোয় মিটে যাক, তারপর আমি ওই সাহেবকে জৈন্তাপুর থেকে, নিজপাট থেকে তাড়িয়ে ছাড়ব।”

মগ বলল, “ক্ষমা করবেন রানিমা, সে তো পরের ব্যাপার। এখন আমি কী করি? ধরা পড়ে গেলে সর্বনাশ হবে।”

ছেলেটাকে কোথায় দু-দিনের জন্য লুকোনো যায় তা নিয়ে ভাবতে লাগলেন রানি ইরাবতী।

এক সময় মগ বলল, “আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রানিমা। ছেলেটাকে এনে পুরোনো রানিমহলের কোনও ঘরে আটকে রাখলে হয় না? ওকে লুকোবার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর নেই।”

“ঠিক বলেছিস।” রানি বললেন, “তবে তাই কর। ছেলেটাকে এখানে নিয়ে আয়।”

মগ বলল, “রাত শেষ হতে এখনও বাকি। আজ রাতেই আমি ছেলেটাকে এখানে দিয়ে যাচ্ছি।”

এই পরিকল্পনা মতো কাজ হল। লোকটা ফিরে গিয়ে শেষ রাতে ছেলেটাকে বস্তাবন্দি করে নিয়ে এল রাজবাড়িতে। পুরোনো রানিমহলের একটা ঘরে তাকে বস্তা থেকে বার করল। কিছু খাবার ও জল রাখল তার কাছে, যাতে দুটো দিন ছেলেটা সেসব খেয়ে জীবিত থাকে। বাইরে বেরিয়ে দরজায় খিল তুলে দেবার আগে সে ছেলেটাকে একটা ছুরি বার করে ভয় দেখিয়ে বলল, “বাইরেই আছি। তুই যদি কোনও শব্দ করিস, তবে গলা কেটে ফেলব।”